সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
২০ মাঘ ১৪৩২

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অভাবে পুঁজিবাজারে তারল্য সংকট: সালমান এফ রহমান

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
২২ মার্চ, ২০২৩ ১৭:০৭
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩ ১৬:৩৫

দেশের পুঁজিবাজারের চলমান তারল্য সংকটের মূল কারণ হিসেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ না থাকাকে দায়ী করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, ‘আমাদের ক্যাপিটাল মার্কেটের একটা অনেক গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল ডিফেক্ট (কাঠামোগত দুর্বলতা) রয়ে গেছে। আমরা অনেকেই অনেক কথা বলি, কিন্তু এসব দুর্বলতা সমাধানে যেসব কাজ করা দরকার আমরা তা করছি না।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২০২৩-২৪ প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘আমি অ্যানালাইসিস করে দেখেছি যে, পুঁজিবাজারে আমাদের দৈনিক লেনদেনের ৯০ থেকে ৯৫ শতাংশ হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। আর ৫ থেকে ১০ শতাংশ হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। আইসিবি টোটালি ইনঅ্যাকটিভ (নিষ্ক্রিয়), এছাড়া সিটি ব্যাংক ও অন্যান্য বিনিয়োগকারী ব্যাংক রয়েছে তারা দৈনিক লেনদেনের ৫ শতাংশ অংশগ্রহণ করছে। মূল সমস্যাটা এই জায়গাতেই।’

সালমান এফ রহমান বলেন, ‘অন্যান্য দেশের ফ্রন্টিয়ার মার্কেটে দৈনিক লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ থাকে ৯০ শতাংশ আর ক্ষুদ্র বিনিয়োগকারী থাকে ১০ শতাংশ।’

বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘আমি আজকেও এটা শুনেছি যে, কথার কথায় সবাই বলে ছোট বিনিয়োগকারীদের বাঁচাতে হবে। ছোট বিনিয়োগকারীকে রক্ষা করা তো সরকারের দায়িত্ব নয়। ক্ষুদ্র বিনিয়োগকারীদের এখানে বিনিয়োগ করাই উচিত নয়। তাদের উচিত প্রাতিষ্ঠানিক মাধ্যমে বিনিয়োগ করা। এখানে আমরা শুধু ব্রোকারকে ব্যবহার করি মধ্যস্থতাকারী হিসেবে, কিন্তু বিনিয়োগের সিদ্ধান্তগুলো একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আমি নিজে নিচ্ছি। আর যখনই আমার ভুলের কারণে আমি লস করি তখন দায়িত্বটা সরকারে হয়ে যায়...’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘এই স্ট্রাকচারাল ডিফেক্টটা যদি আমরা না ঠিক করতে পারি, তাহলে আমাদের পুঁজিবাজার বড় করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে।’

সালমান এফ রহমান বলেন, ‘মুদ্রাস্ফীতি বিশ্বব্যাপী সমস্যা। রিজার্ভের সমস্যা সমাধানে আমরা আমদানি কমাতে সক্ষম হয়েছি। আগামী জুনে রিজার্ভ নিয়ন্ত্রণে চলে যাবে। বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, আইএমএফ ঋণ দেবে না বলে বিভিন্ন আশংকা করেছিলেন অনেকে। কিন্তু আইএমএফ থেকে ঋণ পাওয়া গেছে। প্রথম দফায় ঋণ ছাড়ও হয়েছে। ব্যাংক সুদের হার সীমা তুলে দেয়া হচ্ছে। ম্যাক্রো ইকোনমিতে চ্যালেঞ্জ রয়েছে। তবে আমরা সঠিক পথেই আছি।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘পুঁজিবাজার চাঙ্গা করতে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দিতে হবে। সব পণ্যে প্রণোদনা দিতে হবে। আমরা অনেক দেশ, এমনকি উন্নত দেশের তুলনায় ভালো আছি। বেসরকারি খাতের সহযোগিতায় আমরা অনেক ভালো পজিশনে আছি। কৃষি, প্রবাসী আয় ও রপ্তানি খাতের কারণে আমাদের পজিশন ধরে দেখতে পেরেছি।’

অটোমেশনের গুরুত্ব তুলে ধরে সালমান এফ রহমান বলেন, ‘ট্যাক্স জিডিপি অনুপাত বিশ্বেই কম। ট্যাক্স নেট ও জিডিপি বাড়াতে হলে অটোমেশনের বিকল্প নেই। কাঠামোগত সমস্যা আছে, তা হচ্ছে পরোক্ষ করের নির্ভরশীলতা। এটা কমাতে হবে। প্রত্যক্ষ কর বাড়াতে হবে। বড় সমস্যা হচ্ছে আমাদের এখনো রাজস্ব আদায়ে কাস্টমসের নির্ভরতা বেশি। এটা কমাতে হবে। ভ্যাট আইন বাস্তবায়ন যদি ২০১৪ সালে করতে পারতাম তাহলে এই সেক্টর নিয়ে এত প্রশ্ন উঠতো না। কর আইন সহজ করতে হবে। কর নেট বৃদ্ধির কথা বলি, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা কর দিতে চায় না। এটাই বাস্তবতা। সবাই করের আওতায় না এলে কর নেট বৃদ্ধি কীভাবে হবে? ব্যবসায় লাভ করছে, কিন্তু কর দিতে সমস্যা কোথায়? সব জায়গায় কর অব্যাহতি দিলে কর কোথা থেকে আসবে?’

মেনমেইড ফাইবারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এখন হঠাৎ ঘুম থেকে উঠে মেনমেইড ফাইভার মেনমেইড ফাইভার শুরু করেছি। এতদিন আমরা কী করলাম? ইয়াংওয়ান ২০ বছর আগে এগুলো করেছে। বর্তমানে তারা বিলিয়ন ডলারের মেনমেইড করতেছে, তাদের কি ইনসেন্টিভ দেয়া হইছে? তাহলে আমরা কেন এতদিন বসে রইলাম।?’

ডিসিসিআই সভাপতি সামীর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।


রাজধানীতে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো’ শুরু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের হালকা প্রকৌশল শিল্পের আধুনিক প্রযুক্তি ও উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে সোমবার রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো’ শুরু হয়েছে। এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাণিজ্য মন্ত্রণালয় এবং ইসিফোরজের সহযোগিতায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (বিইআইওএ) দ্বিতীয়বারের মতো এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুর রহিম খান বলেন, “আমরা স্বাধীনতা পরবর্তীতে বিভিন্ন খাতের উন্নয়নের কথা বলতে বলতে এখন ক্লান্ত। স্বাধীনতার পর আমরা যে প্রত্যাশা নিয়ে এগিয়েছিলাম, সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারিনি। লাইট ইঞ্জিনিয়ারিং খাতে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা সেটিকে কাজে লাগাতে পারিনি। এলডিসির সুযোগকেও আমরা কাজে লাগাতে পারিনি। তবে, এলডিসি উত্তরণ হলেও এই খাতের অনেক সম্ভাবনা থাকবে, যেটিকে কাজে লাগাতে সঠিক পরিকল্পনা দরকার।” তিনি আরও উল্লেখ করেন যে, প্রায় ২০ কোটি মানুষের দেশীয় বাজারে এই খাতের প্রায় ১৮-১৯ বিলিয়ন ডলারের বিশাল চাহিদা রয়েছে, যা ইউরোপের অনেক দেশের চেয়ে বেশি। ফলে দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাকে লক্ষ্য রেখে সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি। তিনি বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বিশ্বব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং খাত দ্রুতই পরিবর্তন হয়ে যাচ্ছে। এজন্য আমাদের টেকনোলজিকে অধিক গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। গ্লোবাল মার্কেট যদি ১০ গতিতে এগিয়ে চলে, সেখানে আমরা ১ গতিতে এগোচ্ছি। আমাদের কাজের গতি বাড়াতে হবে। এখানে আমাদের অধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি উৎপাদকদেরও নিজস্ব উদ্যোগে এই খাতের অগ্রসরে গুরুত্ব বাড়াতে হবে।” বর্তমানে দেশে এই সেক্টরে ৮ বিলিয়ন ডলারের যে বাজার রয়েছে, বিনিয়োগের পরিবেশ উন্নয়নের মাধ্যমে তা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

উদ্বোধনী সভার সভাপতি ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান মো. আব্দুর রাজ্জাক জানান যে, লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি এবং এই এক্সপো উদ্যোক্তাদের জন্য নতুন প্রযুক্তি ও বাজার সংযোগের সুযোগ তৈরি করবে। এবারের মেলায় হালকা প্রকৌশল খাতের মোট ২৮টি শিল্পপ্রতিষ্ঠান তাদের উৎপাদিত বিভিন্ন যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও আধুনিক প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। তিন দিনব্যাপী এই আয়োজন প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং মেলার শেষ দুই দিনে দুটি পৃথক কারিগরি সেমিনার অনুষ্ঠিত হবে। আয়োজকেরা প্রত্যাশা করছেন যে, এই প্রদর্শনীর মাধ্যমে প্রযুক্তি স্থানান্তর ও সরাসরি বৈদেশিক বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে।


বিশ্ববাজারে নজিরবিহীন ধস: স্বর্ণ, তেল ও শেয়ারসূচকে বড় পতন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিশ্ব বাজারে সোমবার স্বর্ণ, তেলের দাম ও শেয়ারবাজারে বড় পতন ঘটেছে। সোমবার বিশ্ববাজারে স্বর্ণ, জ্বালানি তেল এবং শেয়ারবাজারে বড় ধরনের পতনে গত সপ্তাহ থেকে শুরু হওয়া অস্থিরতা আরও ঘনীভূত হয়েছে। গত সপ্তাহে রেকর্ড গড়া স্বর্ণ ও রুপার দামে গত শুক্রবার ধস শুরু হলে এক পর্যায়ে সোনার দাম ১২ শতাংশ এবং রুপার দাম ৩০ শতাংশের বেশি হ্রাস পায়। পতনের এই ধারা সোমবারও অব্যাহত ছিল এবং স্বর্ণের দাম এদিন ১০ শতাংশ পর্যন্ত কমে ৪ হাজার ৪০৩ ডলারের নিচে নেমে আসে এবং রুপার দাম সাময়িকভাবে প্রায় ১২ শতাংশ কমে ৭৫ ডলারে দাঁড়ায়। বাজার পরিস্থিতির এই দ্রুত পরিবর্তন সম্পর্কে পেপারস্টোনের মাইকেল ব্রাউন বলেছেন, “গত কয়েক সপ্তাহে বাজার খুব দ্রুত চাঙ্গা হয়েছিল। একইভাবে পতনও দ্রুত হয়েছে। ব্যবসায়ীরা এখন জানতে চাইছেন, এরপর কী হবে।”

এই নজিরবিহীন পতনের পেছনে ভূরাজনৈতিক অস্থিরতা ও প্রযুক্তি খাতের অতি-মূল্যায়নের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তের বড় ভূমিকা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আশা প্রকাশ করায় এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনের খবরে অপরিশোধিত তেলের প্রধান দুটি চুক্তির মূল্য এক পর্যায়ে পাঁচ শতাংশের বেশি কমেছে। পাশাপাশি ট্রাম্প মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রধান হিসেবে কেভিন ওয়ারশকে মনোনীত করার ঘোষণা দেওয়ায় ডলার শক্তি সঞ্চয় করছে যা তেলের দাম কমাতে ভূমিকা রেখেছে। মার্কিন বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি ইনভেসকোর ব্রায়ান লেভিট মনে করেন, “ওয়ারশ সুদের হার কমানোর পক্ষে। কারণ তাঁর দর্শন হলো উৎপাদনশীলতা বৃদ্ধি মুদ্রাস্ফীতি না বাড়িয়েই মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে।”

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিশাল বিনিয়োগের বিপরীতে মুনাফা আসার সময়কাল নিয়ে সংশয় তৈরি হওয়ায় শেয়ারবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে মাইক্রোসফট এআই অবকাঠামোতে ব্যয় বৃদ্ধির ঘোষণা দিলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে শেয়ার ছাড়ার হিড়িক দেখা দেয়। এর প্রভাবে সোমবার সিউল স্টক এক্সচেঞ্জ পাঁচ শতাংশের বেশি দর হারিয়েছে এবং চিপ উৎপাদনকারী এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ারের বড় ধরনের দরপতন ঘটেছে। এশীয় বাজারের পাশাপাশি লন্ডন, প্যারিস ও ফ্রাঙ্কফুর্টের মতো ইউরোপীয় শেয়ারবাজারগুলোতেও সোমবার বড় ধরনের ধস লক্ষ্য করা গেছে।


চলতি অর্থবছরের ৭ মাসে তৈরি পোশাক খাতে ২.৪৩ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাণিজ্য ডেস্ক

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৩ শতাংশ হ্রাস পেয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি থেকে মোট ২ হাজার ২৯৮ কোটি ২ লাখ ডলার আয় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৩৫৫ কোটি ২০ লাখ ডলার। এই খাতের নিটওয়্যার পণ্য থেকে প্রাপ্ত আয় ৩ দশমিক ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৮ কোটি ৯৯ লাখ ডলারে এবং ওভেন পোশাকের রপ্তানি আয় ১ দশমিক ৬০ শতাংশ কমে ১ হাজার ৬৯ কোটি ২ লাখ ডলারে নেমে এসেছে। শুধু বিদায়ী জানুয়ারি মাসেই তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৬১ কোটি ৪৭ লাখ ডলার, যা গত বছরের জানুয়ারির তুলনায় ১ দশমিক ৩৫ শতাংশ কম।

সামগ্রিক রপ্তানি পরিস্থিতির চিত্র বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের প্রথম সাত মাসে তৈরি পোশাক, ওষুধ ও চামড়াসহ মোট ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি করে বাংলাদেশ ২ হাজার ৮৪১ কোটি ৫ লাখ মার্কিন ডলার আয় করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ১ দশমিক ৯৩ শতাংশ কম। এই সময়ে তৈরি পোশাক ও কৃষি পণ্যের রপ্তানি কমলেও হোম টেক্সটাইল এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। হোম টেক্সটাইল খাতের আয় ৩ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৫০ কোটি ৯৯ লাখ ডলারে পৌঁছেছে এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ৫ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭০ কোটি ৭২ লাখ ডলারে। তবে আশঙ্কাজনকভাবে কৃষি পণ্য রপ্তানি থেকে প্রাপ্ত আয় ৯ দশমিক ৮৮ শতাংশ হ্রাস পেয়ে ৬০ কোটি ৭২ লাখ ডলারে নেমে এসেছে। সামগ্রিকভাবে গত জানুয়ারি মাসে পণ্য রপ্তানি থেকে ৪৪১ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার আয় হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় শূন্য দশমিক ৫০ শতাংশ কম।


রপ্তানি আয়ে মন্দা অব্যাহত, জানুয়ারিতেও নেতিবাচক প্রবৃদ্ধি

আপডেটেড ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৫৪
দৈনিক বাংলা ডেস্ক

২০২৬ সালের প্রথম মাস জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানি আয় সামান্য হ্রাস পেয়ে ৪ দশমিক ৪১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের ৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার আয়ের তুলনায় জানুয়ারিতে প্রবৃদ্ধি শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে।

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদন থেকে রপ্তানি খাতের এই নিম্নমুখী চিত্র ফুটে উঠেছে। তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়ে সামগ্রিক রপ্তানি আয় ১ দশমিক ৯৩ শতাংশ কমে ২৮ দশমিক ৪১২ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৮ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে চলতি অর্থবছরের ষষ্ঠ মাস ডিসেম্বরেও রপ্তানি আয় ১৪ দশমিক ২৫ শতাংশ কমেছিল। বিগত কয়েক মাস ধরেই দেশের রপ্তানি আয় ধারাবাহিকভাবে কমছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


পুঁজিবাজারে সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাণিজ্য ডেস্ক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এদিন ৫৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের এই ইতিবাচক ধারার পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও বেড়েছে; এদিন মোট ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়েছে, যা আগের দিনের তুলনায় ১২০ কোটি টাকা বেশি। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ২১৫টির দর বেড়েছে, ১০৭টির কমেছে এবং বাকি ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত ছিল। এছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৫৫ ও ২ হাজার ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

একই দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বাজার পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে ৯৮টির দাম বেড়েছে এবং ৬০টির দাম কমেছে, বাকি ২৫টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৮ কোটি ৭১ লাখ টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ২ কোটি টাকা বেশি। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার উভয় বাজারেই বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও শেয়ার কেনার প্রবণতা বাড়ায় সূচক ও লেনদেন—উভয় ক্ষেত্রেই উন্নতির ছাপ স্পষ্ট হয়েছে।


ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনরায় বৃদ্ধি

আপডেটেড ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:১০
নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ ফেব্রুয়ারি) এই মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে সংস্থাটি জানিয়েছে যে সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ মূল্য সমন্বয়ের বিষয়ে বলেন, “ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।” এর আগে জানুয়ারিতে এলপিজির দাম সর্বশেষ সমন্বয়ের সময় ৫৩ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছে। অটোগ্যাসের দাম এর আগে জানুয়ারিতে সর্বশেষ সমন্বয়ের সময় লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


প্রাইজবন্ডের ১২২তম ড্রয়ের ফলাফল প্রকাশ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২২তম ড্র রোববার ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ড্র-তে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর হিসেবে ০MDE১৭৭৭৭ ঘোষিত হয়েছে। এ ছাড়া তিন লাখ ২৫ হাজার টাকা মূল্যের দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৪৮০১৩৩ নম্বরটি।

একক সাধারণ পদ্ধতিতে পরিচালিত এই ড্র-তে তৃতীয় পুরস্কার হিসেবে এক লাখ টাকা করে বিজয়ী নম্বর দুটি হলো ০৭৬৬৩৩৮ ও ০৯৩৯৯৩০ এবং চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা করে জয়ী হয়েছে যথাক্রমে ০১০০০০১ ও ০৩৯৫৪০৮ নম্বর। এবারের ড্র-তে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৮৪টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। কক থেকে শুরু করে ঘচ পর্যন্ত প্রতিটি সিরিজের একই নম্বরে এই পুরস্কার প্রদানের মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়েছে।

পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে বিজয়ী ৪০টি নম্বর হলো-০০১৫৯৩৭, ০১৭৫৯৪৯, ০৩২৩৮১৪, ০৫৭৬২১৪, ০৮৩৯৬৯১, ০০২৩১৩৯, ০২১২০৩০, ০৩৭৩০৬৮, ০৫৯৭১০৯, ০৮৬৮০৭৮, ০০৪১৮৭০, ০২১২৯৫৫, ০৩৭৮৪৪৯, ০৬৭৮৬১৪, ০৮৯১৫৮০, ০০৭৪৬৮৭, ০২৬৮২৯৩, ০৩৯৮১৪০, ০৭০২২৪২, ০৯৩১১৪৪, ০০৯৯১৮৪, ০২৯২৬৪১, ০৪০১৭৬৫, ০৭০৩২৯৯, ০৯৩২৪৭২, ০১১১০৭০, ০২৯৯৪৮৪, ০৪০৬২৭৭, ০৭২০৩৮১, ০৯৫৫৮৬১, ০১৪৫২০৪, ০৩১২৩৭৬, ০৪৮৪৬৯৭, ০৭২১৩০৮, ০৯৯০১৫৫, ০১৬৫৩৯২, ০৩২৩৭৮২, ০৫৫৯২৮৫, ০৮১২৪৯০ এবং ০৯৯৫২৭৩।


ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক প্রস্তাব বাংলাদেশের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রপ্তানি বাজার সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরের আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সচিবালয়ে রোববার সাংবাদিকদের জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে দেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হওয়ায় এই চুক্তিটি সম্পন্ন হলে বাংলাদেশ সামগ্রিকভাবে লাভবান হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরে মোট ৪৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের বাজারেই প্রায় ২১ বিলিয়ন ডলারের পণ্য পাঠিয়েছে বাংলাদেশ।

বর্তমানে এভরিথিং বাট আর্মস সুবিধার আওতায় সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া গেলেও এলডিসি থেকে উত্তরণের তিন বছর পর অর্থাৎ ২০২৯ সালে এই সুবিধা শেষ হবে। পরবর্তীতে বাংলাদেশ জিএসপি প্লাস কাঠামোর যোগ্য হতে পারে বলে মনে করা হলেও সেখানে তৈরি পোশাক খাতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কেননা জিএসপি প্লাস নিয়ম অনুযায়ী কোনো দেশের একটি নির্দিষ্ট পণ্য ইউরোপের মোট আমদানির ৯ শতাংশ ছাড়ালে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকে না, যেখানে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মোট তৈরি পোশাক আমদানির প্রায় ১৬ দশমিক ৫ শতাংশই বাংলাদেশ থেকে যায়। এই সুবিধা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে গড়ে প্রায় ১২ শতাংশ শুল্ক আরোপের আশঙ্কা রয়েছে, যা প্রধান রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দিতে পারে। তবে ভারতের সঙ্গে ইইউর সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে উল্লেখ করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, “তৈরি পোশাক খাতে সক্ষমতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।”

বাণিজ্য সচিব আরও জানান, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার একাধিক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে। জাপানের সঙ্গে এ বিষয়ে আলোচনা ইতোমধ্যে শেষ হয়েছে এবং আগামী ৬ ফেব্রুয়ারি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা সম্পন্ন হয়েছে এবং চলতি বছরের মধ্যেই চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে। এদিকে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্সের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে এক বৈঠকে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছেন, “বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরও যেন বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক যাতে ইউরোপীয় বাজারে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে, সে জন্য এখনই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।” অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন যে, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে জাপানের বাজারে বাংলাদেশের সাত হাজারের বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে এবং সরকার ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সঙ্গেও একই ধরনের চুক্তি করতে চায়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ৯ ফেব্রুয়ারি

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক বিষয়ে পারস্পরিক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য সচিব জানান, আগামী ৯ ফেব্রুয়ারি চুক্তি সইয়ের সম্ভাব্য তারিখ পাওয়া গেছে। বর্তমানে পাল্টা শুল্কের হার ২০ শতাংশ থাকলেও তা কিছুটা কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

চুক্তি সইয়ের উদ্দেশ্যে আগামী ৫ ফেব্রুয়ারি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ঢাকা ছাড়বেন। তারা প্রথমে জাপান যাবেন এবং সেখানে চুক্তি সইয়ের পর যুক্তরাষ্ট্র সফরে যাবেন।


জানুয়ারিতে দেশে এলো ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

আপডেটেড ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অর্থনীতিতে সুবাতাস বইছে প্রবাসীদের পাঠানো আয়ের হাত ধরে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি মাসেও রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা গেছে। গত ডিসেম্বর মাসের ধারাবাহিকতায় জানুয়ারিতেও প্রবাসী বাংলাদেশিরা ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছে, যা জাতীয় অর্থনীতির স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করছে।

দেশের ব্যাংকিং ইতিহাসে এটি ছিল তৃতীয় কোনো মাস, যেখানে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল। এর আগে গত ডিসেম্বর মাসে ৩২২ কোটি ডলার এবং গত বছরের রমজান ও ঈদের মাস মার্চে এযাবৎকালের সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। শতাংশের হিসেবে গত বছরের জানুয়ারির তুলনায় এবারের প্রবৃদ্ধি অবিশ্বাস্য। ২০২৫ সালের জানুয়ারিতে প্রবাসীরা ২১৮ কোটি ডলার পাঠিয়েছিলেন, সেই তুলনায় এ বছর একই মাসে রেমিট্যান্স বেড়েছে ৪৫ শতাংশের বেশি।

চলতি অর্থবছরের প্রথম সাত মাসের সামগ্রিক চিত্রও অত্যন্ত আশাব্যঞ্জক। গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট ১ হাজার ৯৪৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই অংক ছিল ১ হাজার ৫৯৬ কোটি ডলার। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২১ দশমিক ৭৬ শতাংশ। বিগত রাজনৈতিক পরিবর্তনের পর থেকে রেমিট্যান্স প্রবাহে যে জোয়ার শুরু হয়েছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তা সমানতালে বজায় রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার বাজারকে সুসংহত করতে বড় ভূমিকা রাখছে।

অর্থনৈতিক বিশ্লেষক ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। সাধারণত রমজান ও ঈদুল ফিতরের আগে রেমিট্যান্সের হার বাড়ে, তবে এবার জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে আগেভাগেই এই গতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কঠোর তদারকির ফলে অর্থ পাচার এবং ঋণের নামে অর্থ আত্মসাৎ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। হুন্ডি বা অবৈধ চ্যানেলের পরিবর্তে বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের ক্রমবর্ধমান আগ্রহকেও এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

রেমিট্যান্সের এই বিশাল প্রবাহের সরাসরি ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। গত ২৯ জানুয়ারির তথ্য অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মানদণ্ড বা বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী যা বর্তমানে ২৮ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে রয়েছে। আমদানি ব্যয়ের ক্ষেত্রে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও রেমিট্যান্সের প্রাচুর্যের কারণে দেশে বর্তমানে ডলারের কোনো সংকট নেই। দীর্ঘদিন ধরে বাজারে ডলারের বিনিময় হার ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও পরোক্ষভাবে সহায়তা করছে। প্রবাসীদের এই অব্যাহত অবদানের ফলে দেশের সামষ্টিক অর্থনীতি এখন অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।


স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থিরতা: ১২ ঘণ্টাও টিকছে না নতুন দাম, ভরি ২ লাখ ৫৯ হাজার ছাড়াল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের শুরু থেকেই বাংলাদেশের স্বর্ণের বাজারে এক চরম অস্থিরতা ও অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের সাথে তাল মেলাতে গিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম এখন এতটাই অস্থিতিশীল যে, অনেক ক্ষেত্রে নির্ধারিত নতুন দাম ১২ ঘন্টাও স্থায়ী হচ্ছে না। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দিনের শুরুতে এক দাম নির্ধারণের পর সেই একই দিন রাতে পুনরায় দাম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। নজিরবিহীন এই অস্থিতিশীলতার সর্বশেষ বহিঃপ্রকাশ ঘটেছে গত রবিবার, যেখানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দফা দাম সমন্বয় করা হয়েছে।

রবিবার সকালে বাজুস প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ৪ হাজার ৮২ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। কিন্তু বিশ্ববাজারের দ্রুত পরিবর্তনের প্রেক্ষিতে সেই দিনই রাত সাড়ে ৯টার দিকে পুনরায় ভরি প্রতি ১ হাজার ৯২৫ টাকা কমানোর সিদ্ধান্ত জানানো হয়। ঘন ঘন এই পরিবর্তনের ফলে দেশের বাজারে এখন সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। আজ সোমবার পর্যন্ত বাজারে এই নতুন দর কার্যকর রয়েছে এবং এই দামেই অলঙ্কার কেনাবেচা চলছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের জন্য বিশেষ দ্রষ্টব্য হলো, এই নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যোগ করতে হবে। গহনার কারুকাজ ও নকশাভেদে মজুরির এই হার আরও বাড়তে পারে।

পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের এই অল্প সময়ের মধ্যেই দেশের বাজারে মোট ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালেও বাজার ছিল অত্যন্ত অস্থিতিশীল, যেখানে পুরো বছরে মোট ৯৩ বার দাম পরিবর্তন করা হয়েছিল। বাজুস দাবি করেছে যে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্য ওঠানামা এবং বিশ্ববাজারের পরিস্থিতির কারণেই তারা দ্রুত এই ধরণের সমন্বয় করতে বাধ্য হচ্ছেন। মূলত বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় দেশের বাজারেও এর সরাসরি প্রভাব পড়ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।


জানুয়ারিতেও রেমিট্যান্স প্রবাহে বড় ঊর্ধ্বগতি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসী আয়ের প্রবাহে বেশ বড় গতি লক্ষ্য করা গেছে। পুরো মাসে দেশে প্রায় ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে আসা তৃতীয় সর্বোচ্চ প্রবাস আয়। এই হিসাবে প্রতিদিন গড়ে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ১০ কোটি ২৩ লাখ ডলার। ১ ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশের রেমিট্যান্স পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মুখপাত্র বলেন, ‘জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।’ যদিও গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্সের অংক কিছুটা কম। গত ডিসেম্বরে দেশে এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাস আয়। উল্লেখ্য যে, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, তখন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

মুখপাত্র আরও জানান যে, জানুয়ারির শেষ তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২ কোটি ৯০ লাখ ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধির হার প্রায় ২১ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ সামগ্রিকভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য রেমিট্যান্সের এই শক্তিশালী অবস্থান ইতিবাচক বার্তা দিচ্ছে।


সপ্তাহের শুরুতে ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থান দেখা গেছে। রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬, ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির ১৯ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৯৪৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিনশেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬২৬ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৭৭৪ টাকায়। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯.০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৩.৩৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১০.৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৭.২৩ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ৮.৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৮টির দাম বেড়েছে, ১৬২টির কমেছে এবং ৬২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। লেনদেনের পরিমাণের দিক থেকে শীর্ষ তালিকায় ছিল ডমিনেজ স্টিল, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ফাইন ফুডস, তৌফিকা ফুড, সিটি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং ওয়ান ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডমিনেজ স্টিল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, আলহাজ টেক্সটাইল, সিএপিএমআই বিবি আইবিএল মিউচ্যুয়াল ফান্ড, এপেক্স স্পিনিং এবং স্যালভো কেমিক্যাল।

অন্যদিকে কিছু কোম্পানির শেয়ারের দামে আজ পতনও লক্ষ্য করা গেছে। দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো ঢাকা ডাইং, ফার কেমিক্যাল, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রিং শাইন, সার্প ইন্ডাস্ট্রিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল, বিবিএস কেবলস, সিঙ্গার বাংলাদেশ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। সব মিলিয়ে দিনের শুরুতে বাজারে যে ইতিবাচক প্রবণতা দেখা গিয়েছিল, তা লেনদেনের শেষ পর্যন্ত বজায় ছিল। বিনিয়োগকারীদের জন্য সপ্তাহের প্রথম দিনটি সূচকের এমন উন্নতি দিয়ে শেষ হওয়া একটি ভালো লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে।


এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে, তা সোমবার জানা যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। সোমবার দুপুর ৩টায় বেসরকারি এলপিজির নতুন এই দাম ঘোষণা করা হবে। মূলত আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এই জ্বালানির দাম সমন্বয় করা হয়।

সোমবার এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে। বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা সোমবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।” গত ৪ জানুয়ারি সবশেষ যখন দাম সমন্বয় করা হয়েছিল, তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়ানো হয়। বর্তমানে গ্রাহকেরা প্রতি ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৩০৬ টাকায় কিনছেন।

একই সময়ে অটোগ্যাসের দামও লিটারে প্রায় আড়াই টাকা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। নতুন ঘোষণা আসার পর বোঝা যাবে গ্রাহকদের জন্য কোনো স্বস্তির খবর আছে কি না। সাধারণত সৌদি আরামকোর দামের ওপর ভিত্তি করে এই মূল্য নির্ধারণ করা হয় বিধায় আন্তর্জাতিক বাজারের প্রভাব এখানে সরাসরি পড়ে। কাল বিকেলেই সব সংশয় দূর হবে এবং ফেব্রুয়ারির পুরো মাস এই নতুন দামই কার্যকর থাকবে।

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে, তা সোমবার জানা যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। সোমবার দুপুর ৩টায় বেসরকারি এলপিজির নতুন এই দাম ঘোষণা করা হবে। মূলত আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এই জ্বালানির দাম সমন্বয় করা হয়।

সোমবার এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে। বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা সোমবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।” গত ৪ জানুয়ারি সবশেষ যখন দাম সমন্বয় করা হয়েছিল, তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়ানো হয়। বর্তমানে গ্রাহকেরা প্রতি ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৩০৬ টাকায় কিনছেন।

একই সময়ে অটোগ্যাসের দামও লিটারে প্রায় আড়াই টাকা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। নতুন ঘোষণা আসার পর বোঝা যাবে গ্রাহকদের জন্য কোনো স্বস্তির খবর আছে কি না। সাধারণত সৌদি আরামকোর দামের ওপর ভিত্তি করে এই মূল্য নির্ধারণ করা হয় বিধায় আন্তর্জাতিক বাজারের প্রভাব এখানে সরাসরি পড়ে। কাল বিকেলেই সব সংশয় দূর হবে এবং ফেব্রুয়ারির পুরো মাস এই নতুন দামই কার্যকর থাকবে।


banner close