কোভিড-১৯ ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বাইরের দেশগুলোতে মূল্যস্ফীতি বাড়ছে। বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়েছে। এ অবস্থায় আগামী অর্থবছরের বাজেটে মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। দৈনিক বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন প্রতিবেদক এ এস এম সাদ
গত কয়েক মাস ধরেই দেশের মূল্যস্ফীতি চড়া। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে কী ধরনের পদক্ষেপ নেয়া জরুরি বলে মনে করেন?
বাংলাদেশ আমদানিনির্ভর একটি দেশ। প্রয়োজনীয় নিত্যপণ্য বাইরে থেকে আমদানি করতে হয়। এসব পণ্যের দাম বাড়ছে। দুটি কারণে দাম বাড়তে পারে। প্রথমত, এসব পণ্যের সরবরাহ কম। যতটুকু প্রয়োজন, ততটুকু সরবরাহ হচ্ছে না। দ্বিতীয়ত, পর্যাপ্ত সরবরাহ থাকলে সঠিকভাবে মজুত করা হয়নি। কারসাজির মাধ্যমে ব্যবসায়ীরা সংকট তৈরি করছে। এ জন্য এসব নিত্যপণ্যের দাম বাড়ছে। অন্যদিকে বহির্বিশ্বের মতো বাংলাদেশেও নানা রকমের চ্যালেঞ্জ রয়েছে। কোভিড-১৯ ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পুরো বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বাইরের দেশগুলোতে মূল্যস্ফীতি বাড়ছে। বাংলাদেশেও মূল্যস্ফীতির প্রভাব পড়েছে। আয় না বাড়লেও ব্যয় বাড়ছে। এতে মানুষের জীবনমানের অবনতি হয়েছে। আইএমএফের শর্ত অনুযায়ী জ্বালানি থেকে ভর্তুকি উঠিয়ে দেবে সরকার। ফলে জ্বালানির দাম সামনে আরও বাড়বে। জ্বালানির দাম বাড়লে মধ্যবিত্তরা আরও চাপের মধ্যে পড়বে। কারণ সবকিছুর দাম বাড়তে থাকে। অন্যদিকে গত এক বছর ধরে টাকার মানের অবমূল্যায়ন হয়েছে। এতে আমদানির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। কারণ মূলধনি যন্ত্রপাতি আমদানি করতেই হবে। না হলে দেশের উৎপাদন ব্যাহত হবে। উৎপাদন বাড়ানোর জন্য বেসরকারি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। সমন্বিত পরিকল্পনা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
বিভিন্ন খাত থেকে ভর্তুকি উঠিয়ে দেয়া হবে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কী?
আইএমএফ যতই শর্ত দিক না কেন কৃষি খাত থেকে ভর্তুকি উঠানো যাবে না। কৃষি খাত থেকে ভর্তুকি উঠিয়ে দিলে বিপর্যয় নেমে আসবে। কারণ কৃষক তার ন্যায্যমূল্য পান না। তার মধ্যে আমদানি বাড়িয়ে দিতে হবে। এটি বাংলাদেশের অর্থনীতিকে আরও হুমকির মধ্যে ফেলবে। জ্বালানি খাত থেকে ধীরে ধীরে ভর্তুকি উঠিয়ে দেয়া যায়। বিভিন্ন খাতকে সরকার বিশেষ সুবিধা দেয়। এর মধ্যে রয়েছে গার্মেন্ট খাত। তাদের জন্য নানা ধরনের সুবিধা দেয়া হয়। রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে তাদের জন্য নানা রকমের সুযোগ দেয়া হয়েছে। তবে গার্মেন্ট খাতের ব্যবসায়ীদের এটাও বোঝা জরুরি, স্বয়ংসম্পূর্ণভাবে নিজেদের দাঁড়ানোর সময় হয়েছে। তাই সরকারকে এমন জায়গায় মনোযোগী হওয়া জরুরি- যেখানে সর্বসাধারণ উপকৃত হন। ফলে ভর্তুকি থাকবে। একেবারে যেন না উঠিয়ে দেয়া হয়। সরকার মাছের খামারি ও পোলট্রি খাতে ভ্যাট বসিয়েছে। এসব খাত থেকে ভ্যাট-ট্যাক্স উঠিয়ে দেয়া জরুরি। কারণ এসব খাতে উৎপাদনে যত কম খরচ হবে, তত কম দাম পাওয়া যাবে। বরং যেসব খাতে ট্যাক্স বাড়ানোর দরকার, সেসব খাতে ট্যাক্স বাড়িয়ে দেয়া উচিত। সেবা খাত মূল্যস্ফীতি কমাতে সাহায্য করে না। খাদ্যপণ্যের দাম কমলে মূল্যস্ফীতি কমবে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাত থেকে অপ্রয়োজনীয় ভ্যাট-ট্যাক্স উঠিয়ে দেয়া জরুরি বলে আমি মনে করি।
সমাজে বৈষম্য কমানোর জন্য বাজেট কী রকম হওয়া জরুরি?
দেশে জিডিপির অনুপাতে প্রত্যক্ষ কর আহরণের পরিমাণ অনেক কম। এটিই দেশে ক্রমবর্ধমান আয়বৈষম্যের অন্যতম বড় কারণ। তাই আয়বৈষম্য কমাতে ও কর–জিডিপির অনুপাত ি বাড়াতে হলে প্রত্যক্ষ কর বাড়াতে হবে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দেয়া কর অব্যাহতি সুবিধাও বাদ দেয়া যায় কি না, তা ভেবে দেখতে হবে। অনেকের আয় বছরে ১০ লাখ টাকা। আবার অনেকের ১০০ কোটি টাকা। কিন্তু দেখা যায় কম বেতন পাওয়া নাগরিকরা সঠিকভাবে কর প্রদান করছে। কিন্তু মাসে বিপুল পরিমাণ অর্থ আয় করার পরও অনেকে সঠিক নিয়মে কর প্রদান করছে না। ফলে সমাজে কর দেয়া না দেয়া নিয়ে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে। এ বৈষম্য দূর করা জরুরি। রাজস্ব আয় বাড়াতে হবে। কারণ এই আয়ের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় হয়। রাজস্ব আয় যত বেশি হবে, এসব খাত তত বেশি উন্নত হবে। সুফল ভোগ করবে দেশের গরিব ও সাধারণ জনগণ। এটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া একটি সফল বাজেট তৈরি করা সম্ভব নয়। স্বাস্থ্য খাতের কথা উঠলেই দেখা যায় সরকারি হাসপাতালে ১০০ টাকার মধ্যে ৭০ টাকা খরচ হয়। আর বেসরকারি হাসপাতালে আরও বেশি। বেসরকারি হাসপাতাল ছাড়া তো এখন কোনো চিকিৎসাই পাওয়া যায় না।
আর্থিক খাতে সবচেয়ে দুর্বল দিক কোনটি?
আর্থিক খাতে সবচেয়ে বড় দুর্বলতা ব্যাংক ব্যবস্থায়। এ খাতে কোনো ধরনের সুশাসন নেই। কারণ ব্যাংক থেকে অনেকে ঋণ নেয়। কিন্তু সেই ঋণের টাকা আর ফেরত দেয় না। সেসব টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। ফলে ব্যাংক খাতে এক ধরনের অরাজকতা তৈরি হয়েছে। প্রভাবশালীরা বিভিন্ন কায়দায় ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোরও দোষ রয়েছে। প্রথমে একটি ব্যাংকে একই পরিবার থেকে ২ জন পরিচালক থাকতে পারত। পরে চারজন করা হলো। আবার ৩ জনের নিয়ম করা হলো। এসব কিছু তো প্রভাবশালীদের প্রভাবেই হয়েছে। এটা কোনো নিয়ম হতে পারে না। আবার ব্যাংকে যাদের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর করা হয় তারা ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যানের বন্ধু। খেলাপি ঋণের বিষয়টি পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের দেখভাল করা উচিত। কারণ ব্যাংক এসব খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে না। আইনেও নানা ধরনের দুর্বলতা রয়েছে। একটি ব্যাংকে চেয়ারম্যান ও পরিচালক নানাভাবে প্রভাব বিস্তার করে। চেয়ারম্যান এমডিদের নানাভাবে খুশি করেন আবার এমডিরাও চেয়ারম্যানদের খুশি করেন। এ ছাড়া রাজনৈতিক প্রভাবও রয়েছে।
প্রতিবছর বাজেটের দুর্বল দিকগুলো সম্পর্কে আপনার বক্তব্য কী?
প্রতিবছরই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুরো বাস্তবায়ন হয় না। কারণ প্রতিবছর বড় বড় বাজেট ঘোষণা করলেও বাস্তবায়ন হয় না। বাজেট বাস্তবধর্মী হওয়া জরুরি। ছোট বাজেট ঘোষণা করলেও সেটি বাস্তবায়ন করা ভালো। প্রকল্পগুলোর গুণগতমান খুবই দুর্বল। ফলে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নির্বাচন, পর্যাপ্ত বরাদ্দ দেয়া, যথাসময়ে বাস্তবায়ন এবং গুণগতমান নিশ্চিত করা জরুরি। কিছু বরাদ্দ একেবারেই অপ্রয়োজনীয়। এরপরও রাজনৈতিক কারণে বরাদ্দ দেয়া হয়। এটি যৌক্তিক নয়। দুর্নীতিও বাজেট বাস্তবায়নে বড় বাধা। সরকারের অনেক কেনাকাটায় দুর্নীতি ও অপচয় হয়। এগুলো বাজেটের উল্লেখযোগ্য দুর্বল দিক। এডিপিতে রাস্তাঘাট উন্নয়নে অনেক বরাদ্দ দেয়া হয়। তবে সামগ্রিক দিক বিবেচনা করলে কোনো কাজই ঠিকমতো করা হয় না। ফলে সার্বিক দিক থেকে বিবেচনায় আনতে হবে কোন খাতে উন্নয়নের জন্য কত বরাদ্দ দেয়া জরুরি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থব্যবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। শ্রীলঙ্কার পর পাকিস্তানের অবস্থাও নাজুক। এই যুদ্ধ কবে থামবে কেউ বলতে পারছে না। কাঙ্ক্ষিত রপ্তানি প্রবৃদ্ধি হচ্ছে না। আমদানির চিত্রও প্রায় একই। বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ছে। কারণ বিনিয়োগের অনেকটাই আমদানিনির্ভর। মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। এগুলোর আমদানি কমে গেলে বুঝতে হবে বিনিয়োগ কমে গেছে।
বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে করণীয় কী?
যুদ্ধ পরিস্থিতির উন্নয়ন না হলে বিনিয়োগ বাড়বে না। যদিও যুদ্ধের আগে থেকেই বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি খারাপ ছিল। বিনিয়োগের পরিবেশটা আগে তৈরি করতে হবে। আস্থাহীনতা দূর করতে হবে। শুধু ট্রেড বাণিজ্য নয়, শিল্পায়নে নজর দিতে হবে। তাহলে বেসরকারি বিনিয়োগ কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে। বিনিয়োগ বাড়লে বাড়বে কর্মসংস্থান। দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি।
দেশে বেকারত্ব সমস্যা কীভাবে দেখছেন?
বেকারত্ব বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। তাই বাজেটে এ বিষয়ে দিকনির্দেশনা থাকা জরুরি। প্রতিবছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে অসংখ্য শিক্ষার্থী বের হচ্ছে। সে হিসাবে চাকরি তারা পাচ্ছেন না। সার্বিক দিক থেকে বিবেচনা করলে দেশে কর্মসংস্থান বাড়ছে না। প্রবৃদ্ধি অনেক কম। ফলে এসব বিষয় নিয়ে ভাবার সময় হয়েছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান দুই পুঁজিবাজারে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে সবকটি সূচকের বড় উত্থান ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দীর্ঘ দুই মাস পর লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ২৯৮ পয়েন্টে উন্নীত হয়েছে। এছাড়া শরিয়াহ সূচক এবং বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক যথাক্রমে ৩ ও ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ এবং ২ হাজার ৪ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকায় সূচকের এই ইতিবাচক ধারা বজায় ছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে এদিন ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা গত ১৭ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ লেনদেন। গত কার্যদিবসের তুলনায় এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে ১২৬ কোটি ৪৮ লাখ টাকা। সব মিলিয়ে ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, ১২১টির কমেছে এবং ৫৭টি কোম্পানির দাম অপরিবর্তিত ছিল। বিশেষ করে ভালো লভ্যাংশ প্রদানকারী ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপের ৪৭টি কোম্পানির দরও ইতিবাচক ছিল। লেনদেনের শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে সিটি ব্যাংক, ডমিনেজ স্টিল বিল্ডিং এবং সামিট অ্যালায়েন্স পোর্টের মতো প্রতিষ্ঠানগুলো।
এদিকে অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থান হলেও লেনদেনের গতি ছিল কিছুটা নিম্নমুখী। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই এদিন ৬০ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বৃদ্ধি পেলেও ৯১টির দর কমেছে এবং ২৯টির দাম অপরিবর্তিত ছিল। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ গত দিনের তুলনায় প্রায় অর্ধেক কমে ১৭ কোটি ৫২ লাখ টাকায় দাঁড়িয়েছে। সপ্তাহের শুরুর দিকে কিছুটা দরপতন থাকলেও তৃতীয় দিনের ধারাবাহিকতায় চতুর্থ দিনে বাজারের এই চাঙ্গাভাব বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে রাজস্ব ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিত করা, করের হার সমসাময়িক করা এবং ব্যবসাবান্ধব নীতিমালার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। রাজস্ব আদায়ের পরিধি বাড়ানো এবং আহরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার প্রবর্তনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট সংলাপে ডিসিসিআই-এর পক্ষ থেকে ৫৪টি সুপারিশ সম্বলিত প্রস্তাবনার সারসংক্ষেপ এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে উপস্থাপন করেন সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।
প্রস্তাবিত সুপারিশমালায় অ-তালিকাভুক্ত কোম্পানির বিদ্যমান করহার ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা, সাধারণ নাগরিকদের করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকায় উন্নীত করা এবং বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে অগ্রিম কর ৭.৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি কাস্টমস ও ভ্যাট রিফান্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সম্পূর্ণ অটোমেশন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। ডিসিসিআই-এর সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, করজাল সম্প্রসারণ ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে উদ্যোক্তাদের ব্যয় হ্রাস করা সম্ভব হলে সরকারের সামগ্রিক রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি জাতীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রতিফলন ঘটবে।
সংলাপে ড. পাটোয়ারী আরও বলেন, রাজস্ব ঘাটতি মোকাবিলায় বিভিন্ন সরকারি সংস্থার তথ্য বিনিময়ের জন্য সেন্ট্রাল এপিআই ইন্টিগ্রেশন চালু করা প্রয়োজন। এছাড়া কোম্পানির আমানতের ওপর উৎসে কর ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করা এবং নিট সম্পদের ওপর আরোপিত সারচার্জ ধাপে ধাপে বিলোপ করার প্রস্তাব দেন তিনি। তার মতে, ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভ্যাট রিফান্ডের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ভ্যাট সংগ্রহ ব্যবস্থা শক্তিশালী করা এখন সময়ের দাবি।
ব্যবসায়ীদের এসব প্রস্তাবনার প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আসন্ন বাজেটে শুল্ক হার কমানোর চেয়ে নন-ট্যারিফ বাধা দূর করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। এতে ব্যবসা পরিচালনার ব্যয় অনেকাংশে কমে আসবে এবং অর্থনীতির চাকায় নতুন গতি সঞ্চার হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, কর ফাঁকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এনবিআর কঠোর অবস্থানে থাকবে, তবে সৎ করদাতারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।
চেয়ারম্যান আরও উল্লেখ করেন যে, বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৮ লাখের কম হলেও অর্থনীতির বিশালত্ব বিবেচনায় এটি কোটির ঘরে থাকা উচিত ছিল। তিনি জানান, করপোরেট করহার ইতিমধ্যে কমিয়ে ২৭.৫ শতাংশে আনা হয়েছে এবং কার্যকর করহার যেন আর না বাড়ে সেদিকে লক্ষ্য রাখা হবে। এছাড়া আগামী অর্থবছর থেকে করপোরেট রিটার্ন দাখিল অনলাইনে বাধ্যতামূলক করা হবে এবং ভ্যাট ও কর রিফান্ড ব্যবস্থাও ডিজিটাল করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। উক্ত বৈঠকে ডিসিসিআই-এর শীর্ষ নেতৃবৃন্দ এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৫.১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫,১২৫.৯০ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ৩০.৪৬ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে ১৬ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫,০৩৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০,৩৬৬.২৪ মিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভে সামান্য বৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, মোট রিজার্ভ (গ্রস রিজার্ভ) থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয়, যা দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।
আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে রপ্তানির বিপরীতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫০ শতাংশ নির্ধারণ এবং এটিকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনার দাবি জানিয়েছেন গার্মেন্টস অ্যাকসেসরিজ প্রস্তুতকারকরা।
এ প্রস্তাবনা আগামী বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে জমা দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।
বর্তমানে রপ্তানির বিপরীতে ১ শতাংশ হারে উৎসে কর আদায় করা হচ্ছে, যা তুলনামূলক বেশি হওয়ায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের কার্যকরী মূলধন আটকে যাচ্ছে এবং উৎপাদন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এ হার কমানো হলে শিল্পখাত উৎসাহিত হবে এবং রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
এই প্রেক্ষাপটে, আগামী পাঁচ বছরের জন্য উৎসে কর ০.৫০ শতাংশ নির্ধারণ এবং তা সংশ্লিষ্ট অর্থবছরের চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করার প্রস্তাব দিয়েছেন তারা।
তাদের মতে, বর্তমানে চূড়ান্ত কর নির্ধারণের সময় উৎসে কাটা কর সমন্বয় করা হয়, ফলে এটিকে চূড়ান্ত কর হিসেবে নির্ধারণ করলে সরকারের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
বিজিএপিএমইএ জানায়, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন পণ্যে রপ্তানি প্রণোদনা ধীরে ধীরে কমছে এবং কিছু ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন করে তুলছে। এই পরিস্থিতিতে উৎসে কর কমানো হলে রপ্তানি খাত উৎসাহিত হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাবে।
তারা আরও উল্লেখ করেন, উচ্চ হারে উৎসে কর কাটার কারণে শিল্প প্রতিষ্ঠানের নগদ প্রবাহে চাপ সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে ব্যাংকিং খাতে তারল্য সংকট, ডলার সংকট এবং আর্থিক ব্যয়ের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।
প্রস্তাবে বলা হয়েছে, ব্যক্তিগত আয়করমুক্ত সীমা বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হলে কর প্রদানে আগ্রহ বাড়বে এবং রাজস্ব আহরণও বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে।
এছাড়া কোম্পানির সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ বা মুনাফার ওপর উৎসে কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংকে বিনিয়োগে আগ্রহী হয় এবং তারল্য সংকট মোকাবিলা সহজ হয়।
এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর “প্রচ্ছন্ন রপ্তানি” সংজ্ঞা সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছে। বর্তমানে সংজ্ঞায় তিনটি শর্ত থাকলেও আন্তর্জাতিক দরপত্র ছাড়া অন্য শর্তগুলোতে শুধু বৈদেশিক মুদ্রায় লেনদেন ও স্থানীয় ঋণপত্রের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তাদের প্রস্তাব অনুযায়ী, সংজ্ঞাটিকে আরও আধুনিক ও বাস্তবসম্মত করতে সব ধরনের এলসি, সেলস কনট্রাক্ট, পারচেজ অর্ডারসহ অন্যান্য বাণিজ্যিক দলিল অন্তর্ভুক্ত করা উচিত। পাশাপাশি রপ্তানি মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আরটিজিএস, এফডিডি, এফটিটি ইত্যাদি লেনদেন পদ্ধতিকেও অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন সম্পন্ন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা কিছুটা হ্রাস পেয়েছে। প্রধান বাজার ডিএসইর মূল সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ২৫৭ পয়েন্টে উন্নীত হয়েছে। এছাড়া শরিয়াহ সূচক ও ডিএসই-৩০ সূচক যথাক্রমে ২ ও ৪ পয়েন্ট বেড়ে ১০৬২ ও ১৯৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে এদিন মোট ৯২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়েছে, যা গত কর্মদিবসের তুলনায় ১০৫ কোটি টাকা বেশি। বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৫টির শেয়ার দর বেড়েছে এবং ১০৮টির দাম কমেছে, যেখানে ৬৬টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। লেনদেনের এই চাঙ্গাভাব বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি করেছে।
অন্যদিকে, চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৬ পয়েন্টে অবস্থান করছে। তবে এই বাজারে লেনদেনের অংক আগের দিনের তুলনায় প্রায় ১ কোটি টাকা কমে ৩৩ কোটি ২৯ লাখ টাকায় নেমে এসেছে। সিএসইতে হাতবদল হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দর বৃদ্ধি পেলেও ৭৭টির দাম কমেছে এবং ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের অবস্থাতেই স্থির রয়েছে।
ঢাকা ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্যিক সুসম্পর্ক ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে নয়টি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)। মঙ্গলবার আগারগাঁওয়ে অবস্থিত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) কার্যালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নিকট এই সুপারিশমালা তুলে ধরা হয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, বিসিসিসিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ জেড এম আজিজুর রহমান। তিনি দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প বিকাশের স্বার্থে নিরবচ্ছিন্ন জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জ্বালানি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনার সময় সংগঠনের সাধারণ সম্পাদক জামিলুর রহমান জানান যে, বর্তমানে শুধুমাত্র সরকারি পর্যায়ে এলএনজি আমদানির সুযোগ রয়েছে। তিনি দেশের জ্বালানি চাহিদা মেটাতে বেসরকারি খাতকেও এলএনজি আমদানির অনুমতি দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানান। জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান যে, জ্বালানি সমস্যা নিরসনে সরকার অত্যন্ত সক্রিয় এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিসহ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। এলএনজি আমদানির প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে সহায়ক হতে পারে।
সভায় চীনা উদ্যোক্তাদের পক্ষে ভাইস প্রেসিডেন্ট চাও চংচং দাপ্তরিক নথিপত্র যাচাইকরণের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং চেম্বারের অন্যান্য সদস্যরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকালে উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিনিয়োগকারীদের নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং প্রশাসনিক ও পরিচালনাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৯ দফা সুপারিশের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত বৈঠকে বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিসিসিসিআই-এর নির্বাহী পরিচালক আবু তাহেরসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
ভ্যাট রিটার্ন দাখিল পদ্ধতি ডিজিটাল করার সরকারি প্রচেষ্টা সত্ত্বেও মাঠপর্যায়ে ব্যবসায়ীরা নানাবিধ কারিগরি ও দাপ্তরিক জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। মঙ্গলবার বিকেলে এনবিআর কার্যালয়ে আয়োজিত প্রাক-বাজেট সংলাপে ব্যবসায়ীদের পক্ষ থেকে সরাসরি অভিযোগ উত্থাপনের পর সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান দায়িত্ব পালনে ত্রুটির কথা অকপটে স্বীকার করেছেন। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে, গ্রাহক সেবায় অবহেলা বা কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংলাপে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হারেস মোহাম্মদ অভিযোগ করেন যে, দীর্ঘকাল ধরে ম্যানুয়ালি রিটার্ন জমা দিলেও বর্তমানে তা গ্রহণ করা হচ্ছে না। অথচ দাপ্তরিকভাবে পুরোনো তথ্য অনলাইনে হালনাগাদ না থাকায় নতুন করে রিটার্ন দাখিল করা অসম্ভব হয়ে পড়েছে। তিনি মাঠপর্যায়ের সমস্যাটি তুলে ধরে বলেন, “প্র্যাকটিক্যালি অনেকদিন ধরে আমরা ম্যানুয়ালি রিটার্ন দিচ্ছি। এখন সেটি রিসিভ করছে না। কিন্তু অনলাইনে দিতে গেলে বলছে—আপনার ডেটা আপডেট নেই, আগে আপডেট করতে হবে। কিন্তু এই আপডেট কীভাবে করব, সেটাই আমরা বুঝতে পারছি না।” তিনি আরও যোগ করেন যে, তথ্য হালনাগাদ করতে গেলে বিভিন্ন পর্যায়ের যাচাই-বাছাইয়ের নামে অহেতুক সময়ক্ষেপণ করা হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান জবাবে বলেন যে, অনলাইন ব্যবস্থার লক্ষ্যই ছিল ব্যবসায়ীদের দাপ্তরিক কাজ দ্রুত, স্বচ্ছ ও সহজতর করা। তথ্য হালনাগাদ করার জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল এবং অনেকেই তা সম্পন্ন করেছেন। তবে ব্যবসায়ীরা যখন বিভিন্ন স্তরের আমলাতান্ত্রিক বাধার কথা উল্লেখ করেন, তখন চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন, “কোনো চেক নেই। যদি কোথাও পেন্ডিং থাকে, সেটির রিপোর্ট আমরা আজ সন্ধ্যায় নেব। কোথায় কতগুলো পেন্ডিং আছে তা যাচাই করে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে, যাতে দ্রুত সব অনুমোদন দেওয়া হয়। কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।” আলোচনার এক পর্যায়ে ম্যানুয়ালি নেওয়া তথ্য অনলাইনে সংরক্ষণে কর্তৃপক্ষের সীমাবদ্ধতা নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন, “একদম ঠিক বলেছেন। এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা সেখানে ব্যর্থ হয়েছি।”
আলোচনায় উঠে আসে যে, ভ্যাট কর্মকর্তাদের ঘন ঘন বদলির কারণেও ব্যবসায়ীরা স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না এবং একই সমস্যার জন্য বারবার বিভিন্ন দপ্তরে ধরণা দিতে হচ্ছে। এনবিআর প্রধান ব্যবসায়ীদের সব সমস্যা খোলাখুলি বলার আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের কোনো জটিলতা থাকার কথা নয়। আপনারা মন খুলে সমস্যার কথা বলুন, আমরা সমাধানের চেষ্টা করবো।” তবে আলোচনার শেষ পর্যায়ে মাঠপর্যায়ের রূঢ় বাস্তবতা তুলে ধরে ব্যবসায়ী নেতা হারেস মোহাম্মদ মন্তব্য করেন, “আমরা ম্যানুয়ালি রিটার্ন দিয়েছি, কিন্তু অনলাইনে দিতে গিয়ে সমস্যায় পড়ছি। আপনাদের কাছে অনেক সময় পৌঁছানোই যায় না—অফিসের ভেতরে নানা স্তরের বাধা থাকে। সমস্যাটা এখানেই। গত মাসেও আপডেট না হওয়ায় আমাকে ম্যানুয়ালি রিটার্ন জমা দিতে হয়েছে। এই মাসেও একই কারণে সেটাই করতে বাধ্য হয়েছি। এটিই বাস্তবতা।”
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে বৈঠক করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর শীর্ষ কর্মকর্তারা।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় দেশের পুঁজিবাজারের ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, ডিএসই’র ভূমিকা এবং সামগ্রিক কার্যক্রম নিয়ে বিস্তৃত পর্যালোচনা করা হয়। পাশাপাশি ডিএসই’র ভবিষ্যৎ পরিকল্পনা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয়ও উঠে আসে।
বৈঠকে টেকসই উন্নয়ন নিশ্চিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ আরও জোরদার করা এবং বাজারের গভীরতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে পৌনে দুই লাখ মেট্রিক টন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ডিজেল ও ২৫ হাজার মেট্রিক টন অকটেন সংগ্রহের প্রস্তাব অনুমোদন করা হয়। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই বিশাল পরিমাণ জ্বালানি তেল আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৬৯৮ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা।
বৈঠক পরবর্তী তথ্যানুযায়ী, "ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য" ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫০ হাজার টন ডিজেল ও ২৫ হাজার টন অকটেন কেনা হচ্ছে, যার আর্থিক মূল্য ১ হাজার ২৩ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা। এর পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অন্য একটি প্রস্তাবের ভিত্তিতে আর্চার এনার্জি এলএলসি থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে ব্যয় ধরা হয়েছে ৬৭৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় দেশের মজুত ব্যবস্থা সচল রাখতে নিয়মিতভাবেই এ ধরনের আমদানির প্রস্তাবগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
একই সভায় জ্বালানি খাতের পাশাপাশি অন্যান্য জনগুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ওয়াসার একটি পানি সরবরাহ প্রকল্পের জন্য ফিখ্টনার জিএমবিএইচ অ্যান্ড কো. কেজি (জিইআর) নামক বিদেশি সংস্থাকে পরবর্তী ২৪ মাসের জন্য পুনরায় পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিটি, যার জন্য সরকারের ব্যয় হবে প্রায় ৯৭ কোটি টাকা। এছাড়া খাদ্য অধিদপ্তরের মাধ্যমে অভ্যন্তরীণ বাজার থেকে উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে ২১৫ কোটি ৬৪ লাখ টাকার বিনিময়ে ৩ কোটি নতুন হেসিয়ান বস্তা ক্রয়ের একটি প্রস্তাবও বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। মোট ১৯টি দরদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে এই বস্তাগুলো সংগ্রহ করা হবে বলে জানা গেছে।
দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৬৯ হাজার টন ডিজেল ও অকটেন নিয়ে একযোগে পাঁচটি বিশাল জাহাজ পৌঁছেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিপুল পরিমাণ জ্বালানির মধ্যে ইতিমধ্যে দুটি জাহাজ থেকে তেল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায় যে, ‘এমটি ওকট্রি’ ও ‘এমটি কেপ বনি’ নামক দুটি জাহাজ ডলফিন জেটিতে নোঙর করে প্রায় ৬৮ হাজার টন ডিজেল খালাস করছে। এই সরবরাহ আসার ফলে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ, পরিবহন ও শিল্পখাতে জ্বালানি সংকট নিরসনে বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
বন্দরের বহির্নোঙরে বর্তমানে আরও তিনটি জ্বালানিবাহী ট্যাংকার খালাসের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘এমটি লিয়ান সং হু’ প্রায় ৪১ হাজার টন ও ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ভারত থেকে এসেছে এবং তাইওয়ান থেকে ‘এমটি নাভে সিয়েলো’ নিয়ে এসেছে প্রায় ২৭ হাজার টন অকটেন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী মহাব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা গণমাধ্যমকে বলেন, “জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় রয়েছে। সেগুলো ধীরে ধীরে জেটিতে ভিড়বে এবং শিগগিরই জ্বালানি খালাস করা হবে।” তিনি আরও প্রত্যাশা করেন যে, এই জাহাজগুলো থেকে তেল খালাস সম্পন্ন হলে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।
বিপিসির বাণিজ্যিক ও পরিচালনা বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন জানান, আমদানিকৃত এই জ্বালানি দ্রুততম সময়ে দেশের বিভিন্ন প্রান্তের ডিপোসমূহে সরবরাহ করার প্রস্তুতি চলছে। এছাড়া গত ১৯ দিনে বিপিসি দেশের অভ্যন্তরীণ তিনটি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও ১৫ হাজার ১৭০ টন অকটেন সংগ্রহ করেছে, যার মধ্যে সুপার পেট্রো পিএলসি একাই ১১ হাজার ৬১৫ টন সরবরাহ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ধারাবাহিকভাবে আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় নিকট ভবিষ্যতে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। এই বিশাল মজুত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রা অনুযায়ী কর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে রাজস্ব আহরণে প্রায় ৯৮ হাজার কোটি টাকার একটি বিশাল ব্যবধান তৈরি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এনবিআরের প্রকাশিত সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সংস্থাটি ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে, যার ফলে মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় সামগ্রিক রাজস্ব আদায়ে ১১.১৫ শতাংশ প্রবৃদ্ধি বজায় রয়েছে।
খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, শুল্ক, ভ্যাট এবং আয়কর—এই তিনটি প্রধান খাতের কোনোটিই কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁতে পারেনি। আয়কর খাতে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে এনবিআর, যেখানে ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ৯৮ হাজার ৫০১ কোটি টাকা, যা ৪০ হাজার ৬১৭ কোটি টাকার ঘাটতি নির্দেশ করে। মূল্য সংযোজন কর বা ভ্যাট খাতে ঘাটতির পরিমাণ ৩৪ হাজার ৪০০ কোটি টাকা এবং আমদানি শুল্ক খাতে লক্ষ্যমাত্রার চেয়ে ২২ হাজার ৯৭৩ কোটি টাকা কম রাজস্ব সংগৃহীত হয়েছে। কেবল মার্চ মাসের পরিসংখ্যানেও লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা লক্ষ্য করা গেছে, যেখানে ৬০ হাজার ৫০ কোটি টাকার লক্ষ্য থাকলেও সংগৃহীত হয়েছে ৩৩ হাজার ৫২২ কোটি টাকা। তবে বছরওয়ারি হিসাবে মার্চ মাসেও ২.৬৭ শতাংশের একটি ইতিবাচক প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
ভারতের বিধানসভা নির্বাচনকে ঘিরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা চার দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।
গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটিতে নির্ধারিত সময়জুড়ে পণ্য পরিবহন কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত থাকবে।
গত সোমবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ।
সংস্থাটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সোমবার পাঠানো ওই নির্দেশনায় উল্লেখ করা হয়, বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে হবে।
এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী শনিবার থেকে আবারও বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু হবে।
কুচবিহার জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সব দপ্তর ও ব্যবসায়ীদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
এএসএম নিয়াজ নাহিদ বলেন, ‘নির্বাচনকে ঘিরে মঙ্গলবার থেকে চার দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।’
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, এই সময় ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা এবং ভুটান ও নেপালগামী যাত্রীরা এই ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস।
তাদের জানানো অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
পরদিন শুক্রবার সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
এই সময়ের মধ্যে ভারতের নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জরুরি প্রয়োজন ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
জানা গেছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভুটান ও বাংলাদেশ সংলগ্ন জলপাইগুড়ি জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণে ঝুঁকি কমাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, "সরকারি ছুটি দিনসহ মোট চার দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আবারও তা স্বাভাবিক হবে।"
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, "আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সময়টাতেও স্বাভাবিকভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারত যেহেতু ভোট উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ থাকবে।"