ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচক ও লেনদেন দুটোই কমেছে। মূলত দেশের প্রধান এ পুঁজিবাজারে এদিন শেষ ঘণ্টার বিক্রির চাপে সূচকে পতন হয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচক ও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগাকারীদের মধ্যে শেষ ঘণ্টায় মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা গেছে। ফলে এ সময়ে বিক্রির আদেশ বেশি হওয়ায় সূচক কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার লেনদেন শুরুর পর প্রথম তিন ঘণ্টা সূচক ঊর্ধ্বমুখী ছিল। পরে বিক্রির চাপ বাড়তে থাকলে সূচক নিম্নমুখী অবস্থানে বাঁক নেয়। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ৩০৭ পয়েন্টে। আগের কার্যদিবস শেষে যা ছিল ৬ হাজার ৩১৭ পয়েন্টে। প্রধান এ সূচকটির পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্প্যা, পূবালী ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির।
এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস সামান্য কমে দিন শেষে ২ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৯ পয়েন্টে অবস্থান করছে, আগের দিন সূচকটির অবস্থান ছিল ৩৭২ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৭ দশমিক ১০ পয়েন্ট কমে গতকাল ২ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ২ হাজার ১৪৪ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭০০ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকার সিকিউরিটিজ। এর আগের দিন এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত ছিল ১৬৭টি সিকিউরিটিজের বাজারদর।
দেশের আরেক পুঁজিবাজার সিএসইর সিএসসিএক্স সূচক গতকাল দিনের ব্যবধানে ৮ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১১ হাজার ১৫১ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ১৬০ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৫৯টির আর অপরিবর্তিত ছিল ৬৪টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৮ কোটি ৪৭ লাখ ১৮ হাজার টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ১৫ লাখ ৫ হাজার টাকা। যদিও এ বড় লেনদেনে এদিন সবচেয়ে বেশি অবদান রেখেছিল একটি মাত্র কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটির মোট ৫৩৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয় ওই দিন।
চীন ও ইউরোপের বাজারে তীব্র প্রতিযোগিতা, চীনা বৈদ্যুতিক গাড়ির দ্রুত বাজার দখল এবং বৈশ্বিক বিক্রিতে চাপের মুখে জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের গাড়ি নির্মাতারা আবারও যুক্তরাষ্ট্রের বাজারমুখী হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি দেশটিতে উৎপাদন বাড়ানোর এ প্রবণতাকে ত্বরান্বিত করলেও এর নেপথ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কারণ রয়েছে। এরই মধ্যে জাপানের হোন্ডা যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে কারখানা স্থাপনে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এবং জার্মান গাড়ি নির্মাতা অডি জর্জিয়ায় ৪০০ কোটি ডলারের একটি কারখানা গড়ার পরিকল্পনা প্রকাশ করেছে; যা ট্রাম্পের সঙ্গে এক নির্বাচনী সমাবেশে উপস্থিত হয়ে ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গেরনট ডলনার। শুধু হোন্ডা ও অডি নয়, বিগত এক বছরে হুন্দাই, টয়োটা এবং মার্সিডিজ-বেঞ্জও যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ির ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ফলে বিদেশি কোম্পানিগুলো বাড়তি শুল্ক ব্যয় এড়াতে দেশটির ভেতরেই কারখানা স্থাপনকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বেছে নিচ্ছে। বিষয়টি অডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানির জন্য প্রতিষ্ঠানটিকে প্রায় ১৪০ কোটি ডলার শুল্ক পরিশোধ করতে হয়েছিল। নতুন কারখানা নির্মাণের মাধ্যমে এই ব্যয় কমানোর পাশাপাশি মার্কিন সরকারের সঙ্গে আমদানি শুল্কে ছাড় নিয়ে আলোচনার পথও তৈরি করতে চায় কোম্পানিটি। অডির প্রধান নির্বাহী ডলনারের মতে, যুক্তরাষ্ট্রে উৎপাদন ব্যবস্থা গড়ে তুললে স্থানীয় ক্রেতাদের আরও কাছে পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে এবং বৈশ্বিক ব্যবসা আরও স্থিতিশীল হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যকার মুক্তবাণিজ্য চুক্তি ইউএসএমসিএ নিয়ে অনিশ্চয়তা থাকায় আগে কম খরচে মেক্সিকোর কারখানায় গাড়ি বানিয়ে যুক্তরাষ্ট্রে সরবরাহ করার যে ব্যবস্থা ছিল, ভবিষ্যতে শুল্কমুক্ত প্রবেশাধিকারের নিশ্চয়তা না থাকায় তার ওপর নির্ভরতা কমাতে চাইছে নির্মাতারা।
শুল্কনীতির বাইরেও বৈশ্বিক গাড়ির বাজারের পরিবর্তন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর অন্যতম কারণ। চীনে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর স্বল্পমূল্যের ও প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক গাড়ির দ্রুত উত্থানে বিদেশি কোম্পানিগুলো বাজার হারাচ্ছে এবং প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি ইউরোপের বাজারও তেমন সম্প্রসারিত না হওয়ায় সেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের বাড়তি ব্যয় কোম্পানিগুলোর মুনাফায় চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে বড় ও তুলনামূলক লাভজনক যুক্তরাষ্ট্রের বাজার বিদেশি নির্মাতাদের কাছে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ইউরোপে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা করা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্টেলান্টিস পাঁচ বছর মেয়াদি বিনিয়োগ পরিকল্পনায় নিজস্ব ব্র্যান্ডগুলোর জন্য বরাদ্দ ৩ হাজার ৬০০ কোটি ইউরোর ৬০ শতাংশই উত্তর আমেরিকায় ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় সেখানে বৈদ্যুতিক গাড়ির প্রসার ধীরগতির হওয়ার সম্ভাবনা। ট্রাম্প প্রশাসন বৈদ্যুতিক গাড়ির ভর্তুকি প্রত্যাহার এবং পরিবেশগত নির্গমন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করায় প্রচলিত জ্বালানিচালিত গাড়ি উৎপাদন ও বিক্রির সুযোগ দীর্ঘায়িত হচ্ছে। ব্লুমবার্গএনইএফও তাদের পূর্বাভাস সংশোধন করে জানিয়েছে, ২০৩০ সালে যুক্তরাষ্ট্রে মোট গাড়ি বিক্রির ৪৮ শতাংশ বৈদ্যুতিক গাড়ি হবে বলে আগে ধারণা করা হলেও এখন তা কমিয়ে ১৭ শতাংশে নামানো হয়েছে। এটি বিদেশি নির্মাতাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে, কারণ অন্য বাজারে বৈদ্যুতিক গাড়ির চাপ থাকলেও যুক্তরাষ্ট্রে তারা দীর্ঘ সময় লাভজনক জ্বালানিচালিত গাড়ি বিক্রি করতে পারবে। একই সঙ্গে জ্বালানির দাম বাড়ায় হাইব্রিড গাড়ির জনপ্রিয়তা বাড়ছে, যেখানে প্রচলিত পেট্রলচালিত গাড়ির চেয়ে বেশি মুনাফার সুযোগ রয়েছে; আর হাইব্রিড প্রযুক্তিতে শক্তিশালী অবস্থানের কারণে জাপানের টয়োটা ও দক্ষিণ কোরিয়ার হুন্দাই বাড়তি সুবিধা পাচ্ছে। বিনিয়োগ প্রতিষ্ঠান বার্নস্টেইনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে হাইব্রিড গাড়ির বিক্রি বছরে গড়ে ৬ শতাংশ হারে বাড়তে পারে, যা সামগ্রিক গাড়ি বাজারের প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে উচ্চমূল্যের বিলাসবহুল গাড়ির বিশাল ক্রেতাগোষ্ঠী থাকায় অডির মতো প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর জন্য স্থানীয় উৎপাদন বিশেষভাবে লাভজনক হতে পারে; তা ছাড়া জো বাইডেন প্রশাসনের সময় চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর আরোপিত ১০০ শতাংশ শুল্ক দেশটির বাজারে চীনা প্রতিযোগীদের প্রবেশ কঠিন করে রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদে বিদেশি কোম্পানিগুলোর জন্য ঝুঁকিও বয়ে আনতে পারে। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিজেদের আংশিকভাবে সরিয়ে নিলে প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎপাদনের মান উন্নয়নে আত্মতুষ্টি তৈরির আশঙ্কা থাকে; যেমনটি ১৯৮০-এর দশকে সুরক্ষাবাদী নীতির আড়ালে থেকে তুলনামূলক নিম্নমানের ও ব্যয়বহুল গাড়ি নির্মাণের ফলে যুক্তরাষ্ট্রের নিজস্ব গাড়ি কোম্পানিগুলোর ক্ষেত্রে ঘটেছিল এবং পরবর্তীতে আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়লে তাদের সেই দুর্বলতার মূল্য দিতে হয়েছিল। সার্বিকভাবে, ট্রাম্পের শুল্কনীতির পাশাপাশি চীনে বাজার হারানো, ইউরোপে প্রতিযোগিতার চাপ, যুক্তরাষ্ট্রের ক্রয়ক্ষমতাসম্পন্ন বড় বাজার এবং হাইব্রিড ও বিলাসবহুল গাড়িতে মুনাফার সম্ভাবনা—সব মিলিয়েই দেশটিকে নতুন বিনিয়োগের কেন্দ্রে পরিণত করছে।
দেশের বিদ্যমান কর কাঠামোয় বিত্তশালীদের তুলনায় নিম্নবিত্ত মানুষের ওপর পরোক্ষ কর বা ভ্যাটের চাপ সাত গুণ বেশি বলে এক গবেষণায় উঠে এসেছে। বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) পরিচালিত এ গবেষণার তথ্য অনুযায়ী, সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারকে তাদের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশই ভ্যাট বাবদ সরকারি কোষাগারে জোগান দিতে হয়। অথচ শীর্ষ ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে আয়ের বিপরীতে এ হার মাত্র ২ দশমিক ৮০ শতাংশ; ফলে আয়ের আনুপাতিক হারে দরিদ্র জনগোষ্ঠীকেই ভ্যাটের ভার বহন করতে হচ্ছে অনেক বেশি।
ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহযোগিতায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ : ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক এ গবেষণা কর্মটির নেতৃত্ব দেন র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণালব্ধ ফলাফল প্রকাশ উপলক্ষে শনিবার স্থানীয় একটি হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআরের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার উপস্থিত ছিলেন।
গবেষণায় দেখা গেছে, গ্রাম ও শহরভেদে ভ্যাটের এ চাপ আরও স্পষ্ট; গ্রামাঞ্চলের অতিদরিদ্র পরিবারগুলোকে আয়ের ২৩ শতাংশেরও বেশি এবং শহরের দরিদ্র পরিবারগুলোকে ১৬ দশমিক ৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হয়। অন্যদিকে, আয় করযোগ্য সীমার নিচে থাকায় সবচেয়ে গরিব ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তিগত আয়কর নেই। বিপরীতে, শীর্ষ ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের ১১ দশমিক ০৩ শতাংশ ব্যক্তি আয়কর হিসেবে দেয়। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবারের হাতে মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি পুঞ্জীভূত রয়েছে এবং প্রচলিত করহার অনুসারে সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি এই শ্রেণিরই পরিশোধ করার কথা।
তবে প্রত্যক্ষ কর আহরণের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। দেশের মোট শ্রমশক্তির কেবল ৩ দশমিক ৫৭ শতাংশ সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত রয়েছেন। এ ছাড়া টিআইএনধারীদের মধ্যে ব্যক্তি ও অন্যান্য পর্যায়ে রিটার্ন দাখিলের হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং কোম্পানি পর্যায়ে তা মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ। আয়ের পাশাপাশি দেশে সম্পদবৈষম্যের চিত্রও অত্যন্ত প্রকট। গবেষণার তথ্যানুযায়ী, সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের দখলে রয়েছে দেশের মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ এবং শীর্ষ ১০ শতাংশের নিয়ন্ত্রণে রয়েছে ৭৬ দশমিক ৪ শতাংশ সম্পদ। এর বিপরীতে, সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেক পরিবারের মালিকানায় রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ।
২০২১-২২ অর্থবছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে গবেষণায় দেখানো হয়েছে, ওই অর্থবছরে অনাদায়ি ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটের পরিমাণ ছিল জিডিপির ৫ দশমিক ৮৯ শতাংশ। এর মধ্যে সম্ভাব্য ব্যক্তিগত আয়কর জিডিপির ৪ দশমিক ৮৫ শতাংশ হওয়ার কথা থাকলেও আদায় হয়েছিল মাত্র ০ দশমিক ৯৮ শতাংশ। একইভাবে অভ্যন্তরীণ ভ্যাট আদায়ের সম্ভাবনা ৩ দশমিক ৮২ শতাংশ থাকলেও প্রকৃতপক্ষে আদায় হয় ১ দশমিক ৮০ শতাংশ। র্যাপিডের পর্যবেক্ষণ হলো, ব্যবসায়িক নিবন্ধনের ঘাটতি, বিক্রয়ের তথ্য গোপন রাখা এবং আদায়কৃত ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেওয়ার ফলেই বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
র্যাপিডের প্রাক্কলন বলছে, নতুন কোনো কর আরোপ কিংবা করহার বৃদ্ধি না করেও কেবল বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ, করের আওতা সম্প্রসারণ এবং কর ফাঁকি রোধের মাধ্যমে কর-জিডিপি অনুপাত ৭ দশমিক ৩ শতাংশ থেকে প্রায় ১৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করা সম্ভব। এ লক্ষ্য অর্জনে গবেষকরা উচ্চবিত্তদের ওপর গুরুত্বারোপ করে আয়করভিত্তি প্রসারিত করা, ভ্যাট সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন, করপোরেট কর ছাড় পর্যালোচনা এবং উত্তরাধিকার কর চালুর বিষয়টি বিবেচনার প্রস্তাব করেছেন। পাশাপাশি কর প্রশাসনের আধুনিকায়ন, হয়রানি ও দুর্নীতি নির্মূল এবং সরকারি ব্যয়ের গুণগত মান বৃদ্ধির ওপরও তাঁরা জোর দেন।
এ বিষয়ে র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হল সেটি দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং করের বিনিময়ে জনগণ কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেগুলোও সমান গুরুত্বপূর্ণ।
বৈশ্বিক জলবায়ু তহবিলে অনুদান হ্রাসের প্রবণতার মধ্যেই কপ-৩১ জলবায়ু সম্মেলন থেকে প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ। এর পাশাপাশি আরও ২০ মিলিয়ন ডলার প্রাপ্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
ব্রিফিংয়ে ড. সাইমুম পারভেজ উল্লেখ করেন, কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং ৪৮ ঘণ্টার নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলে বিশ্বমঞ্চে জলবায়ু-সংক্রান্ত বাংলাদেশের দাবিগুলো জোরালোভাবে উপস্থাপন করা গেছে। এরই ধারাবাহিকতায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড ও গ্লোবাল শিল্ডের পক্ষ থেকে প্রায় ৬০ মিলিয়ন ডলারের তহবিল নিশ্চিত হয়েছে এবং অতিরিক্ত আরও ২০ মিলিয়ন ডলার অর্থায়নের প্রক্রিয়া চলমান আছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করতে বাংলাদেশ ম্যানগ্রোভ অ্যালায়েন্সেও যোগ দিয়েছে বলে তিনি জানান। বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নে অনুদান কমে আসার এই সময়ে বাংলাদেশের জন্য এ অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে জলবায়ু প্রসঙ্গের বাইরে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দলটি এখন আর কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হওয়ার অবস্থানে নেই; বরং জনগণ থেকে বিচ্ছিন্ন একটি ‘কাল্টে’ রূপান্তরিত হয়েছে। তাঁর মতে, গণহত্যার মতো ঘটনার পরও দলটির ভেতরে কোনো অনুশোচনা নেই, ফলে এ পরিস্থিতিতে কোনো ধরনের সমঝোতার অবকাশ নেই।
তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতা ভাগাভাগি প্রশ্নে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত প্রত্যেক ব্যক্তিকেই বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ড. সাইমুম পারভেজ।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারের অতিমূল্যায়ন নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের জেরে ঝুঁকিপূর্ণ অন্যান্য সম্পদের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি বাজারেও বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বাজারমূল্যের দিক থেকে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দর গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বাজার তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১১টা ১৩ মিনিটে (শনিবার জিএমটি ভোর ৪টা ১৩ মিনিট) বিটকয়েনের দাম ৫ দশমিক ১০ শতাংশ কমে ৫৫ হাজার ৮৩০ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। এর আগে লেনদেনে মুদ্রাটির দর ৩ দশমিক ৫৭ শতাংশ হ্রাস পেয়ে ৫৬ হাজার ৮১৩ দশমিক ৬৮ ডলারে অবস্থান করছিল। এছাড়া শুক্রবার দিনের শুরুতেই গত জুলাইয়ের পর প্রথমবারের মতো ৬০ হাজার ডলারের নিচে নেমে আসে বিটকয়েন।
সাম্প্রতিক লেনদেন দিনগুলোতে একাধিক কারণে ক্রিপ্টোকারেন্সি বাজারে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে রয়েছে এআই অবকাঠামো খাতে বিপুল ব্যয়ের বিপরীতে মুনাফা অর্জন নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা সংশয়, ঋণের ক্রমবর্ধমান ব্যয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর তৈরি হওয়া নিয়ন্ত্রণমূলক ঝুঁকি এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিদায়।
এদিকে, ক্রিপ্টোবাজারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও দরপতনের ধারা দেখা গেছে। দেশটির প্রধান শেয়ার সূচকগুলো ২০২৫ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের মুখে রয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প "লিবারেশন ডে" শুল্ক ঘোষণা করেছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম পোশাকের বাজারে শীর্ষ রপ্তানিকারক হিসেবে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকলেও ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি ও বাজার অংশীদারিত্ব দুটিই কমেছে। বিপরীতে চীন, মিশর ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো রপ্তানি বাড়িয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।
ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববাজার থেকে ৩৪১ কোটি ৫৪ লাখ ২০ হাজার ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২৪ শতাংশ কম। একই সময়ে বাংলাদেশ থেকে ১০০ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে ইউরোপের দেশগুলো। আগের বছরের তুলনায় বাংলাদেশের রপ্তানি কমেছে ৫ দশমিক ৪৮ শতাংশ।
রপ্তানি কমার প্রভাব পড়েছে বাজার অংশীদারিত্বেও। গত বছরের প্রথম নয় মাসে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা ছিল ৩০ দশমিক ১৮ শতাংশ। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশে। উল্লেখ্য, ২০১৭ সালে প্রথমবারের মতো চীনকে পেছনে ফেলে ইউরোপের ডেনিম বাজারে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। ইউরোপের বাজারে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটির রপ্তানি ৬ দশমিক ৬৩ শতাংশ কমে ৬০ কোটি ৯৭ লাখ ইউরোতে দাঁড়িয়েছে। তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের রপ্তানি কমেছে ২০ দশমিক ২৭ শতাংশ, যার পরিমাণ ৪৯ কোটি ৮১ লাখ ইউরো। এ ছাড়া তিউনিসিয়া, কম্বোডিয়া ও মরক্কোর রপ্তানিও কমেছে।
অন্যদিকে চীন, মিশর, ভিয়েতনাম ও ভারত ইউরোপের বাজারে রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছে। ইউরোস্ট্যাটের তথ্যমতে, চলতি বছরের প্রথম নয় মাসে ভিয়েতনামের ডেনিম রপ্তানি ৩৮ দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে ৬ কোটি ১৫ লাখ ৭০ হাজার ইউরোতে পৌঁছেছে। মিশরের রপ্তানি ৩৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে হয়েছে ২২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ইউরো। চীনের রপ্তানি ২০ দশমিক ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৫ লাখ ৪০ হাজার ইউরোতে। ভারতের রপ্তানিও ২২ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, অগাস্টে ইউরোপে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩ কোটি ৪০ লাখ ৮০ হাজার ইউরোতে পৌঁছেছিল। তবে সেপ্টেম্বরে ১৪ কোটি ৩১ লাখ ২০ হাজার ইউরোর ডেনিম রপ্তানি হলেও প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ৭০ শতাংশ।
এদিকে ইউরোপের বাইরে বাংলাদেশের ডেনিম পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রেও শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে ৬১ কোটি ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মোট ডেনিম আমদানি বাজারের প্রায় ২৬ শতাংশ বাংলাদেশের দখলে। এ বাজারে ৫৫ কোটি ডলারের রপ্তানি নিয়ে দ্বিতীয় স্থানে মেক্সিকো, ৪৫ কোটি ডলার নিয়ে তৃতীয় স্থানে চীন এবং ৩৫ কোটি ডলার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনাম।
সব মিলিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ বাজারে বাংলাদেশের ডেনিম পোশাকের অবস্থান এখনো শক্তিশালী। তবে প্রতিযোগী দেশগুলোর দ্রুত প্রবৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্যের ঘাটতি এবং বাণিজ্য চুক্তির সুবিধায় পিছিয়ে থাকার কারণে ইউরোপের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব ধরে রাখা ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
ছয় বছর পর চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন মজুরিকাঠামো ঘোষণা করেছে সরকার। গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে; এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে এ খাতের শ্রমিক-কর্মচারীদের মজুরি নির্ধারণ করা হয়েছিল। নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৭ হাজার ১০০ টাকা থেকে ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা এবং কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার ৫২৫ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। পাশাপাশি শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং নতুন কাঠামোতে প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি পাবে।
নতুন মজুরিকাঠামোয় শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা; যার মধ্যে মূল মজুরি ৬ হাজার, বাড়িভাড়া ৩ হাজার, চিকিৎসা ভাতা ১ হাজার, যাতায়াত ভাতা ৬০০ এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা নির্ধারিত রয়েছে। সব গ্রেডের শ্রমিকই চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ সমান ২ হাজার ৯০০ টাকা পাবেন। এ ছাড়া পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক মজুরি হবে ২৩ হাজার ২৫৫ টাকা।
অন্যদিকে, কর্মচারীদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন চতুর্থ গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা; এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০, বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ ২ হাজার ৯০০ টাকা রয়েছে। তৃতীয় গ্রেডের কর্মচারীদের মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের মাসিক মজুরি হবে ১০ হাজার টাকা এবং তাঁদের শিক্ষানবিশকাল তিন মাস—তবে প্রয়োজনে মালিকপক্ষ এ সময় বাড়াতে পারবে।
জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে এ খাতের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয় এবং কয়েক দফা বৈঠকের পর গত আগস্টে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে বোর্ড। আলোচনায় শ্রমিকপক্ষ শুরুতে সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল, বিপরীতে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল ৮ হাজার টাকা। দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানায় দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন; নতুন কাঠামোয় তাঁদের আয় বাড়লেও বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক প্রতিনিধিরা।
মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন এবং অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরাও ভালো নেই; সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী বলেন, ‘শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি যায় না।’ শুরুতে তুলনামূলক কম মজুরির প্রস্তাব কেন দেওয়া হয়েছিল—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তখন দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে কম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছিল।
পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন মাইলফলক গড়েছে বাংলাদেশ; যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ লাভ করেছে দেশের তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী আরও ১২টি কারখানা। এর মধ্য দিয়ে দেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে ৩০২টিতে পৌঁছেছে এবং বিশ্বে সবুজ কারখানার সংখ্যার দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। নতুন স্বীকৃতি পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড ক্যাটাগরিতে সনদ পেয়েছে; যার মধ্যে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম স্বীকৃতি পেয়েছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। এ ছাড়া বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত; ফলে শুধু কারখানার সংখ্যার দিক থেকেই নয়, আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প স্থাপনেও বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি হয়েছে।
নতুন করে প্লাটিনাম সনদ অর্জনকারী অপর আটটি কারখানার মধ্যে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১ পয়েন্ট, একই জেলার প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮ পয়েন্ট, নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬ পয়েন্ট এবং গাজীপুরের এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ পয়েন্ট অর্জন করেছে। পাশাপাশি চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট এবং কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২ পয়েন্ট পেয়েছে; আর সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো অঞ্চলে অবস্থিত প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডও ৮২ পয়েন্ট করে পেয়েছে।
অন্যদিকে, নতুন করে গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট (৬৮ পয়েন্ট), চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড (৬৬ পয়েন্ট) এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ (৬৪ পয়েন্ট)।
উল্লেখ্য, পরিবেশবান্ধব ভবন ও শিল্পকারখানার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে লিড সনদ দেওয়া হয় জ্বালানি ও পানির সাশ্রয়, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের অভ্যন্তরীণ পরিবেশের গুণগত মানসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে। দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার ধারাবাহিক অগ্রগতির দৃষ্টান্ত হিসেবে নতুন ১২টি কারখানার এই অন্তর্ভুক্তি বাংলাদেশের অর্জনকে আরও সমৃদ্ধ করেছে।
২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লিঋণ নীতিমালায় পরিবর্তন এনে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ফসল উৎপাদনই নয়, কৃষিপণ্যের সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণন কার্যক্রমেও কৃষিঋণ পাওয়া যাবে; পাশাপাশি আধুনিক কৃষিযন্ত্র, নির্ভুল কৃষিপদ্ধতি, জলবায়ুসহিষ্ণু কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঋণ বিতরণে গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নীতিমালায় কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে শস্য ও ফসল, সেচ ও কৃষিযন্ত্র, মৎস্য এবং প্রাণিসম্পদ—এই চারটি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নির্দেশনা অনুসারে, ব্যাংকগুলোর মোট কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য ও ফসল খাতে, ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২ শতাংশ সেচ ও কৃষিযন্ত্র খাতে বিতরণ করতে হবে; অবশিষ্ট ১০ শতাংশ কৃষি উৎপাদন ও পল্লি অঞ্চলের উৎপাদনশীলতা এবং সেবা খাতে ব্যয় করা যাবে। নতুন এ নির্দেশনায় ঋণের আওতা আরও বাড়ানোয় উৎপাদনের পাশাপাশি সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত উদ্যোক্তা, পাইকারি ও খুচরা বিক্রেতারাও ঋণ সুবিধা পাবেন, যা উৎপাদন থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো অবধি পুরো সরবরাহব্যবস্থায় অর্থায়নের সুযোগ সৃষ্টি করবে।
এ ছাড়া প্রান্তিক, ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের সহজ পদ্ধতিতে একক বা দলগতভাবে কৃষিঋণ দেওয়ার নির্দেশনা থাকলেও ঋণখেলাপি কৃষক ও ঋণগ্রহীতারা নতুন করে কৃষি ও পল্লিঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকাশ্যে প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন ও বর্গাচাষিদের মধ্যে ঋণ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে স্থানীয় হাটের দিনে ব্যাংকের শাখা কর্মকর্তারা ক্যাম্প করে কৃষিঋণের তথ্য প্রচার ও ঋণ বিতরণ করতে পারবেন, যেখানে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের কর্মকর্তাদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে হবে; পাশাপাশি ঋণ বিতরণ ও আদায় নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে উৎসাহ দিতে নতুন ঋণনীতিমালা ও পরিশোধসূচি যুক্ত করা হয়েছে; এর আওতায় কম্বাইন হারভেস্টার, রিপার, রিপার বাইন্ডার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার, সিডার, বেড প্ল্যান্টার, ট্রাক্টর ও পাওয়ার টিলার কেনার জন্য ঋণ দেওয়া যাবে। কৃষিযন্ত্রের মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক এবং বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ কৃষক বা ক্রেতাকে নিজস্ব বিনিয়োগ হিসেবে জোগান দিতে হবে। নীতিমালার সংযুক্তিতে একটি কম্বাইন হারভেস্টারের আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা, ট্রাক্টরের মূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা, রাইস ট্রান্সপ্লান্টারের মূল্য ৭ থেকে ২০ লাখ টাকা, রিপার ও রিপার বাইন্ডারের দাম ২ থেকে সাড়ে ৭ লাখ টাকা এবং পাওয়ার টিলারের দাম ২ থেকে ৩ লাখ টাকা ধরা হলেও ঋণ দেওয়ার সময় যন্ত্রের প্রকৃত মূল্য নির্ধারণ করতে হবে।
ছোট কৃষিযন্ত্রের ক্ষেত্রে কেনা যন্ত্রটিকে প্রাথমিক জামানত হিসেবে বিবেচনা করতে পারবে ব্যাংক; আর বড় যন্ত্রের ক্ষেত্রে যন্ত্রের পাশাপাশি ব্যক্তিগত গ্যারান্টি অথবা জমি ও স্থাবর সম্পত্তি জামানত হিসেবে নেওয়া যাবে। সাধারণত একটি কৃষিযন্ত্রের আয়ুষ্কাল তিন থেকে পাঁচ বছর বিবেচনা করে এবং যন্ত্র থেকে মৌসুমভিত্তিক আয় হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংক ঋণ পরিশোধের সময়সূচি নির্ধারণ করবে; প্রয়োজনে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড় দেওয়া যাবে।
নতুন নীতিমালায় প্রিসিশন ফার্মিং বা নির্ভুল কৃষিপদ্ধতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে স্যাটেলাইট, ড্রোন, সেন্সর, জিআইএস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিগ ডেটা বিশ্লেষণের মতো প্রযুক্তি ব্যবহার করে জমির নির্দিষ্ট স্থানের প্রয়োজন অনুযায়ী তথ্যভিত্তিকভাবে বীজ, সার, পানি ও বালাইনাশক প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে জলবায়ুসহিষ্ণু স্মার্ট কৃষির আওতায় বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত, পানিসাশ্রয়ী সেচব্যবস্থা, ভাসমান কৃষি, বৃষ্টির পানি সংরক্ষণ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প ব্যবহারে অর্থায়ন করা হবে।
কৃষি খাতে জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বায়োগ্যাস উৎপাদন ও সৌর প্যানেল স্থাপনে দেওয়া ঋণ কৃষিঋণ হিসেবে গণ্য হবে এবং বিদ্যুৎ-সংযোগবিহীন এলাকায় সৌর প্যানেলের মাধ্যমে সোলার হোম সিস্টেম স্থাপনের ঋণও এর আওতায় আসবে। এ ছাড়া গোবর সার, কেঁচো কম্পোস্ট ও কো-কম্পোস্টসহ পরিবেশবান্ধব জৈব সার উৎপাদনেও ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে, যেখানে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পরামর্শ নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি ও পল্লিঋণ বিতরণের তথ্য মাসিক ভিত্তিতে নির্ভুলভাবে পাঠাতে হবে এবং এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের প্রমাণক পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। নতুন নীতিমালার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্যের মূল্য সংযোজন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষির পুরো সরবরাহব্যবস্থায় অর্থায়ন সম্প্রসারণ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় অক্টোবর মাসে বাণিজ্য ঘাটতিতে পড়েছে জাপান। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত মাসে জাপানের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৪৭৬ দশমিক ৫ বিলিয়ন ইয়েন, যা প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের সমান। তবে সেপ্টেম্বরে সংশোধিত ৫৫৬ দশমিক ৫ বিলিয়ন ইয়েনের ঘাটতির তুলনায় অক্টোবরের ঘাটতি কিছুটা কমেছে।
অক্টোবরে জাপানের আমদানি ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১২ দশমিক ২ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে। টানা নবম মাসের মতো দেশটির আমদানি ব্যয় বাড়লেও এই প্রবৃদ্ধি অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কম। বাজার বিশ্লেষকদের ধারণা ছিল, আমদানি বাড়তে পারে ২৫ দশমিক ৮ শতাংশ।
আমদানি ব্যয় বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি। ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অক্টোবর মাসে জাপানের অপরিশোধিত তেল আমদানির মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৬০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে এ সময়ে তেল আমদানির পরিমাণ ০ দশমিক ৭ শতাংশ কমেছে। অর্থাৎ আমদানির পরিমাণ সামান্য কমলেও উচ্চমূল্যের কারণে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এ ছাড়া সেমিকন্ডাক্টর ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ আমদানিও বেড়েছে। শিল্প উৎপাদন ও প্রযুক্তিপণ্য খাতের চাহিদা বৃদ্ধির প্রতিফলন হিসেবে এসব পণ্যের আমদানি ব্যয় বেড়েছে।
আমদানি ব্যয় বাড়লেও জাপানের রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। অক্টোবর মাসে দেশটির মোট রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১ দশমিক ৮ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে টানা ১৪ মাসের মতো রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে জাপান।
অক্টোবরে রপ্তানি প্রবৃদ্ধি বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা ছিল, এ সময়ে রপ্তানি ২০ শতাংশ বাড়তে পারে। সেপ্টেম্বরে সংশোধিত ১৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অক্টোবরে রপ্তানি বৃদ্ধির গতি আরও বেড়েছে। এর ফলে আগের দুই মাসের ধীরগতির অবসান হয়েছে।
রপ্তানি বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জাম। অক্টোবর মাসে এ ধরনের সরঞ্জাম রপ্তানির মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি মোটরযান রপ্তানিও ১৯ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাপানের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হিসেবে গাড়ি ও প্রযুক্তি সরঞ্জামের চাহিদা বাড়ায় সামগ্রিক রপ্তানি আয়েও ইতিবাচক প্রভাব পড়েছে।
বাজারভিত্তিক হিসাবে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে জাপানের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। একই সময়ে চীনে রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ। বিশ্বের দুই বড় অর্থনীতির বাজারে জাপানি পণ্যের চাহিদা বাড়ায় রপ্তানি প্রবৃদ্ধি জোরদার হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনে রপ্তানি বৃদ্ধি দেশটির সামগ্রিক বাণিজ্য পরিস্থিতিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
সামগ্রিকভাবে, অক্টোবর মাসে জাপানের রপ্তানি শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করলেও অপরিশোধিত তেলের উচ্চ আমদানি ব্যয় বাণিজ্য ঘাটতি বজায় রেখেছে। রপ্তানি আয় বাড়ার পরও আমদানি ব্যয়ের চাপ দেশটির বাণিজ্য ভারসাম্যে প্রভাব ফেলছে। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে জাপানের আমদানি ব্যয় ও বাণিজ্য পরিস্থিতির ওপর এর প্রভাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৫ কোটি (১৩ দশমিক ৭৫ বিলিয়ন) মার্কিন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ২৯৯ কোটি (১২ দশমিক ৯৯ বিলিয়ন) ডলার। অর্থাৎ চার মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ (৭৫৬ মিলিয়ন) ডলার।
রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে মৌলিক বা বেসিক পোশাক খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, মোট পোশাক রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশ এসেছে এ খাত থেকে। বেসিক পোশাক রপ্তানি আয় ৭ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮ কোটি (১০ দশমিক ৭৮ বিলিয়ন) ডলারে পৌঁছেছে। ফলে মোট পোশাক রপ্তানিতে এ খাতের অংশীদারত্ব গত বছরের ৭৭ দশমিক ৩৫ শতাংশ থেকে বেড়ে ৭৮ দশমিক ৪১ শতাংশ হয়েছে।
বটমওয়্যার, সোয়েটার ও টি-শার্টে প্রবৃদ্ধি
বেসিক পোশাক খাতের রপ্তানি আয় বাড়াতে প্রধান ভূমিকা রেখেছে বটমওয়্যার, সোয়েটার ও টি-শার্ট। আলোচ্য সময়ে বটমওয়্যার (ট্রাউজার ও প্যান্টজাতীয় পোশাক) রপ্তানি আয় বেড়েছে ২৮ কোটি ৭০ লাখ ডলার। সোয়েটার ও কার্ডিগানে বেড়েছে ১৯ কোটি ৫০ লাখ ডলার এবং টি-শার্ট ও ভেস্টে বেড়েছে ১৪ কোটি ১০ লাখ ডলার।
এই তিন পণ্য মিলেই মোট পোশাক রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৮২ শতাংশ অবদান রেখেছে। প্রধান পণ্যগুলোর মধ্যে সোয়েটার রপ্তানিতে প্রবৃদ্ধির হার সর্বোচ্চ ৮ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া ক্ষুদ্র অনুষঙ্গ খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ২৬ শতাংশ। তবে এ খাতের মোট রপ্তানি আয় ছিল তুলনামূলক কম, মাত্র ৪ কোটি ৬০ লাখ ডলার।
আধা-মৌলিক পোশাকে প্রবৃদ্ধি সামান্য
অন্যদিকে, আধা-মৌলিক বা সেমি-বেসিক পোশাক, বিশেষ করে শার্ট ও ব্লাউজ রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে তুলনামূলক ধীরগতিতে। এ খাতে রপ্তানি আয় বেড়েছে মাত্র ১ দশমিক ২৩ শতাংশ। চার মাসে আয় দাঁড়িয়েছে ১১১ কোটি (১ দশমিক ১১ বিলিয়ন) ডলারে।
তবে মোট পোশাক রপ্তানিতে সেমি-বেসিক পোশাকের অংশীদারত্ব কমেছে। গত অর্থবছরের একই সময়ে এ খাতের অংশ ছিল ৮ দশমিক ৪২ শতাংশ, যা চলতি অর্থবছরের প্রথম চার মাসে কমে ৮ দশমিক ০৫ শতাংশে দাঁড়িয়েছে।
উচ্চমূল্যের পোশাকে প্রবৃদ্ধি কম, কয়েকটি পণ্যে রপ্তানি হ্রাস
উচ্চমূল্যের বা অ্যাডভান্সড পোশাক পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধি সবচেয়ে কম দেখা গেছে। এ খাতে রপ্তানি আয় বেড়েছে মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ বা ১ কোটি ২০ লাখ ডলার। ফলে চার মাসে উচ্চমূল্যের পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৮৬ কোটি (১ দশমিক ৮৬ বিলিয়ন) ডলারে।
এ খাতের মধ্যে আউটারওয়্যার রপ্তানিতে ৩ কোটি ৮০ লাখ ডলার এবং টেকনিক্যাল ওয়্যারে ১ কোটি ৬০ লাখ ডলারের প্রবৃদ্ধি হয়েছে। তবে উচ্চমূল্যের পোশাকের তিনটি গুরুত্বপূর্ণ পণ্য ড্রেস, স্পোর্টসওয়্যার ও অ্যাক্টিভওয়্যার এবং স্যুট ও এনসেম্বল রপ্তানিতে উল্লেখযোগ্য পতন ঘটেছে।
ড্রেস রপ্তানি কমেছে ১২ দশমিক ৮৩ শতাংশ, স্পোর্টসওয়্যার ও অ্যাক্টিভওয়্যারে ৮ দশমিক ২৪ শতাংশ এবং স্যুট ও এনসেম্বলে ১৪ দশমিক ৯৭ শতাংশ। এই তিন পণ্য মিলিয়ে রপ্তানি আয় কমেছে প্রায় ৪ কোটি ১০ লাখ ডলার।
এর প্রভাব পড়েছে মোট পোশাক রপ্তানিতে উচ্চমূল্যের পণ্যের অংশীদারত্বেও। গত অর্থবছরের একই সময়ে এ অংশীদারত্ব ছিল ১৪ দশমিক ২৩ শতাংশ, যা চলতি অর্থবছরের প্রথম চার মাসে কমে ১৩ দশমিক ৫৪ শতাংশে দাঁড়িয়েছে।
সামগ্রিকভাবে, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও তা মূলত মৌলিক পোশাকনির্ভর। বেসিক পোশাকের রপ্তানি আয় ও বাজার অংশীদারত্ব বাড়লেও উচ্চমূল্যের পোশাক খাতে প্রবৃদ্ধি দুর্বল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যে রপ্তানি কমেছে। ফলে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি উচ্চমূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বাড়ানো এবং পণ্যের বৈচিত্র্যকরণে গুরুত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে।
চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে সিঙ্গাপুর-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে বুধবার প্রতিষ্ঠানটির সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
নতুন এই কারখানাটি গড়ে তোলা হবে চট্টগ্রাম ইপিজেডের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের জায়গায়, যা ২০২৪ সালের আগস্ট মাসে বন্ধ হয়ে গিয়েছিল। কারখানাটি বন্ধের পর বেপজা যাবতীয় নিয়মকানুন অনুসরণ করে এর যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড সেগুলো কিনে নেয়। তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে প্রয়োজনীয় সংস্কার কাজ সমাপ্তির পর উৎপাদন কার্যক্রম শুরু করতে নতুন করে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি বার্ষিক ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদন করবে; এর মধ্যে রয়েছে হান্টিং স্যুট, টেকনিক্যাল ও ওয়াটারপ্রুফ পারফরম্যান্স আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট এবং প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, কটন জ্যাকেটসহ বিভিন্ন ধরনের জ্যাকেট, পাফার পারকা ও ফার আউটওয়্যার। উৎপাদিত এসব পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রধান বাজারগুলোতে রফতানি করা হবে। কারখানাটির মাধ্যমে ২ হাজার ২৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মিজ. হ্যান জুনঝিয়াও সই করেন। বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোঃ মোহসীন হাসান, বিএসপি, পিএসসি, আর্টিলারি; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ ও বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার ওপর আস্থা রাখার জন্য তাদের ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। পাশাপাশি প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীদের সব ধরনের বৈধ সুযোগ-সুবিধা ও সহায়তা নিশ্চিত করা এবং সর্বোচ্চ মানের সেবা প্রদানে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ ছাড়া প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সহযোগী ও বন্ধুদের বেপজার অধীনস্থ অন্যান্য ইপিজেডে আরও বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে উৎসাহিত করার আহ্বান জানান নির্বাহী চেয়ারম্যান।
অন্যদিকে, চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ লাভ করায় কৃতজ্ঞতা প্রকাশ করে মিজ. হ্যান জুনঝিয়াও বলেন, যেহেতু বিদ্যমান একটি শিল্প অবকাঠামোতে তাঁরা কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছেন, তাই কিছু সংস্কার কাজের প্রয়োজন হবে। আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে উৎপাদন শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন প্রধান সূচক বৃদ্ধি পেলেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসই-৩০’ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়ালেও শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ০.৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে নেমে এসেছে।
এদিন ডিএসইতে সর্বমোট ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; যার মধ্যে ১৩৯টির দর বেড়েছে, ১৬৬টির কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারে মোট ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসের ৯৩৯ কোটি ৭ লাখ টাকার তুলনায় ১১৯ কোটি ১৭ লাখ টাকা কম।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করেছে মালেক স্পিনিং লিমিটেড, যাদের ৩৮ কোটি ১৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ২৪ কোটি ৬০ লাখ ৯১ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ২৩ কোটি ২৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, শাইনপুকুর সিরামিকস পিএলসি, সিটি ব্যাংক ও বারাকা পতেঙ্গা পাওয়ার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ‘সিএএসপিআই’ ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেনে অংশগ্রহণকারী ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দর বেড়েছে, ৫৯টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে; দিন শেষে বাজারটিতে মোট ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় ‘ডিটারমাইনিং দ্য মিনিমাম ওয়েজ ইন দ্য আরএমজি সেক্টর’ শীর্ষক এক গবেষণা উপস্থাপনায় সংস্থাটি এ হিসাব তুলে ধরে। এতে দর-কষাকষির পরিবর্তে তথ্য-উপাত্ত, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
সিপিডির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের পর থেকে শহরাঞ্চলে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, ২০২৩ সালের নভেম্বরে শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক ১১৮ দশমিক ৭৬ থাকলেও ২০২৬ সালের অক্টোবরে তা বেড়ে ১৫৫ দশমিক ৩৫-এ দাঁড়িয়েছে—অর্থাৎ এ সময়ে দাম বেড়েছে ৩০ দশমিক ৮ শতাংশ। এই মূল্যস্ফীতি সমন্বয় করলে ২০২৩ সালের ১২ হাজার ৫০০ টাকার সমান ক্রয়ক্ষমতা বজায় রাখতে বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকা প্রয়োজন হয়। তবে সিপিডির মতে, শুধু মূল্যস্ফীতি সমন্বয় করে মজুরি নির্ধারণ করলে শ্রমিকের প্রকৃত জীবনমানের উন্নতি হয় না; কারণ এতে আগের ক্রয়ক্ষমতা কেবল পুনরুদ্ধার হয়, বাড়তি কোনো সুবিধা যুক্ত হয় না।
গবেষণায় দ্বিতীয় হিসাবটি করা হয়েছে দারিদ্র্যসীমার ভিত্তিতে, যেখানে চার সদস্যের একটি পরিবার ও পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরা হয়েছে। বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপ-২০২২ অনুযায়ী, ঢাকা শহরে উচ্চ দারিদ্র্যসীমার নিচে একজন মানুষের মাসিক ব্যয় ছিল ৪ হাজার ৯২২ টাকা, যা মূল্যস্ফীতি সমন্বয় করে ২০২৬ সালের অক্টোবরে বেড়ে ৭ হাজার ৩৩৮ টাকায় দাঁড়িয়েছে। এ হিসাবে চার সদস্যের পরিবারের জন্য ২৯ হাজার ৩৫৩ টাকা প্রয়োজন এবং পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরে প্রত্যেকের মাসিক আয় হওয়া প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।
অন্যদিকে, মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় বিবেচনায় মাসিক ২৪ হাজার ২০৪ টাকা মজুরির হিসাব দিয়েছে সিপিডি; যেখানে চার সদস্যের একটি পরিবারের খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, ব্যক্তিগত পরিচর্যা, জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের ব্যয় হিসাব করা হয়েছে। সংস্থাটির হিসাবমতে, চার সদস্যের পরিবারের মাসিক খাদ্য ব্যয় ১৪ হাজার ১৫৪ টাকা, অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয় ১২ হাজার ২৬৭ টাকা এবং বাসাভাড়া ১০ হাজার টাকা—সব মিলিয়ে পরিবারের মাসিক ব্যয় ৩৬ হাজার ৪২১ টাকা। এর সঙ্গে জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের জন্য ৫ শতাংশ বা ১ হাজার ৮২১ টাকা যোগ করলে মোট ব্যয় দাঁড়ায় ৩৮ হাজার ২৪৩ টাকা; আর পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। অবশ্য সিপিডি জানিয়েছে, শ্রমিক পরিবারের প্রকৃত আকার ও উপার্জনক্ষম সদস্যের সংখ্যা নিয়ে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি থাকায় বিভিন্ন গবেষণায় পাওয়া পরিবারের সদস্যসংখ্যা ৩ দশমিক ৬ থেকে ৪ দশমিক ২ এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১ জনের মধ্যবর্তী মান ধরে এই হিসাব করা হয়েছে; ফলে প্রস্তাবিত মজুরিগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং আলোচনার জন্য নির্দেশক হিসাব।
গবেষণায় মজুরি বোর্ডের সাম্প্রতিক ঘটনাক্রম তুলে ধরে বলা হয়, গত অক্টোবরে শ্রমিকদের বিক্ষোভের পর ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে এবং ৪ নভেম্বর প্রথম বৈঠকে নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর ও ২০২৭ সালের জানুয়ারির বেতনের সঙ্গে পরিশোধের সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ প্রবেশ পর্যায়ের মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিলেও মালিকপক্ষ কোনো প্রস্তাব জমা দেয়নি; শ্রমিকদের ওই প্রস্তাবে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার, চতুর্থ বা প্রবেশ পর্যায়ে ৩২ হাজার এবং নতুন ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি চাওয়া হয়েছে। পরবর্তীতে ১৪ নভেম্বর অস্থিরতা চলতে থাকলে ‘কাজ নেই, বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের হুঁশিয়ারি দেয় মালিকপক্ষ এবং ১৬ নভেম্বরের তৃতীয় বৈঠক পিছিয়ে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সিপিডির গবেষণায় মালিক ও শ্রমিক—উভয় পক্ষের বক্তব্যও স্থান পেয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, শ্রমিকদের মজুরি বাড়ানো প্রয়োজন হলেও তা সহনীয় গতিতে করতে হবে; কারণ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং পোশাকের গড় রপ্তানিমূল্য কমে যাওয়ায় শিল্পের ওপর চাপ তৈরি হয়েছে—পাশাপাশি যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। অন্যদিকে, শ্রমিক প্রতিনিধিরা বলেছেন, মজুরি নির্ধারণে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ব্যয় বিবেচনা করতে হবে এবং মজুরির হিসাবের মধ্যে ওভারটাইম, উপস্থিতি বোনাস ও অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত করা যাবে না; পাশাপাশি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর মজুরি সমন্বয়ের দাবি জানিয়েছেন তাঁরা।
বর্তমান মজুরি নির্ধারণ পদ্ধতি সম্পর্কে সিপিডি উল্লেখ করেছে, বাংলাদেশে এ প্রক্রিয়া মূলত দর-কষাকষিনির্ভর—যেখানে শ্রমিকপক্ষ একটি দাবি উপস্থাপন করে, মালিকপক্ষ পাল্টা প্রস্তাব দেয় এবং মজুরি বোর্ড দুই পক্ষের দাবির মাঝামাঝি একটি সিদ্ধান্ত নেয়; ফলে প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতার নিরপেক্ষ মূল্যায়ন হয় না। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৪১ ধারায় জীবনযাত্রার ব্যয়, জীবনমান, উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা, পণ্যের দাম, মূল্যস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি, ব্যবসার সক্ষমতা এবং দেশের আর্থসামাজিক পরিস্থিতিসহ ১১টি বিষয় বিবেচনার কথা থাকলেও এসব পরিমাপের নির্দিষ্ট পদ্ধতি ও সূচক নেই। তাই শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের আর্থিক সক্ষমতা নিয়ে বড় পরিসরে জরিপ পরিচালনা, মজুরি নির্ধারণ প্রক্রিয়া অন্তত ছয় মাস আগে শুরু করা, প্রতিবছর মূল্যস্ফীতির ভিত্তিতে মজুরি পর্যালোচনা এবং স্থায়ী জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠনের সুপারিশ করেছে সংস্থাটি।
পাশাপাশি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদেরও মজুরি আলোচনায় সম্পৃক্ত করে ক্রেতাদের কাছ থেকে ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং শ্রম ব্যয়ের অংশ আলাদাভাবে বিবেচনার ব্যবস্থা করার কথা বলেছে সিপিডি। সংস্থাটির প্রধান সুপারিশ হলো, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনা করা এবং ধীরে ধীরে জীবনধারণের উপযোগী মজুরির দিকে অগ্রসর হওয়া; একই সঙ্গে নির্ধারিত মজুরি যথাযথভাবে পরিশোধ হচ্ছে কি না তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও নিরীক্ষার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।