বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস-ইসরায়েল সংকট: তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা

সংগৃহীত ছবি
আপডেটেড
১২ অক্টোবর, ২০২৩ ০০:০০
বাণিজ্য ডেস্ক
প্রকাশিত
বাণিজ্য ডেস্ক
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৩ ২৩:৫৯

বিশ্ববাজারে বুধবার সামান্য বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই দাম বাড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ২৬ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৯১ ডলারে উঠেছে। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১৭ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৪ ডলারে ওঠে।

গত শনিবার ইসরায়েলে হামাসের হামলার পর গত সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবস থেকেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫০ ডলার বাড়ে, যদিও গত মঙ্গলবার তেলের দাম কিছুটা কমে যায়।

তেলের বাজারে ইসরায়েলের ভূমিকা বড় কিছু নয়, কিন্তু বাজারের উদ্বেগের জায়গা হলো, হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই আরও তীব্র হলে বাজারে তেলের সরবরাহ কমবে। বছরের বাকি সময় বাজারে ঘাটতি থাকার আশঙ্কাও রয়েছে।

আইএনজি ব্যাংকের বিশ্লেষক ওয়ারেন প্যাটারসন ও ইওয়া ম্যানথি বলেছেন, এই উত্তেজনা আরও বৃদ্ধির ঝুঁকি আছে, বিশেষ করে যদি সেখানে ইরানের সম্পৃক্ততা থাকে। সেই পরিস্থিতিতে ইরানের তেলে যুক্তরাষ্ট্র আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে ২০২৪ সালে তেল সরবরাহে আবারও ঘাটতি তৈরি হবে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হামাসের এই হামলায় ইরানের সম্পৃক্ততার দিকে আঙুল তুলেছে, যদিও এ বিষয়ে এখনো যুক্তিগ্রাহ্য সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। এদিকে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় বড় ধরনের হামলা চালিয়েছে।

আরও কিছু কারণে বাজার সতর্ক। সেটা হলো ইসরায়েলের সহায়তায় যুক্তরাষ্ট্র হাত বাড়িয়ে দিলে ইরাক ও ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর হুমকি দিয়েছে।

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব বুধবার জানিয়েছে, গাজা ও পার্শ্ববর্তী এলাকায় এই সংঘাতের মাত্রা যেন বৃদ্ধি না পায়, সে লক্ষ্যে তারা সহযোগীদের নিয়ে কাজ করছে। এ ছাড়া তেলের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে তারা নিজেদের সহযোগিতা অব্যাহত রাখার কথা আবারও বলেছে।

এদিকে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কমিটির বৈঠকের কার্যবিবরণীর জন্য আর্থিক বাজার অপেক্ষা করছে, আজ যা প্রকাশিত হওয়ার কথা। এই পরিস্থিতিতে ডলারের বিনিময়মূল্য কিছুটা কম রয়েছে। ডলারের বিনিময় হার কমলে অন্যান্য দেশের জন্য সুবিধা। এতে তাদের পক্ষে তুলনামূলকভাবে সস্তায় তেল কেনা সম্ভব হয়, তেলের চাহিদাও সে কারণে বেড়ে যায়।

সম্প্রতি ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা বলেছেন, ফেডের আর নীতি সুদহার বৃদ্ধির প্রয়োজন নেই।

তবে ইতিবাচক বিষয় হলো, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের আলোচনায় অগ্রগতি হচ্ছে। এর মধ্য দিয়ে একটি বিদেশি কোম্পানি শর্ত সাপেক্ষে ভেনেজুয়েলার অন্তত আরও একটি তেলের খনির নিয়ন্ত্রণ হাতে নিতে পারে। এতে বাজারে তেলের সরবরাহ বাড়বে।

বিষয়:

নির্বাচিত

তেলের উচ্চমূল্যে জাপানে ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাণিজ্য ডেস্ক

জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় অক্টোবর মাসে বাণিজ্য ঘাটতিতে পড়েছে জাপান। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, গত মাসে জাপানের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৪৭৬ দশমিক ৫ বিলিয়ন ইয়েন, যা প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের সমান। তবে সেপ্টেম্বরে সংশোধিত ৫৫৬ দশমিক ৫ বিলিয়ন ইয়েনের ঘাটতির তুলনায় অক্টোবরের ঘাটতি কিছুটা কমেছে।

অক্টোবরে জাপানের আমদানি ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১২ দশমিক ২ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে। টানা নবম মাসের মতো দেশটির আমদানি ব্যয় বাড়লেও এই প্রবৃদ্ধি অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে কম। বাজার বিশ্লেষকদের ধারণা ছিল, আমদানি বাড়তে পারে ২৫ দশমিক ৮ শতাংশ।

আমদানি ব্যয় বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি। ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অক্টোবর মাসে জাপানের অপরিশোধিত তেল আমদানির মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৬০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে এ সময়ে তেল আমদানির পরিমাণ ০ দশমিক ৭ শতাংশ কমেছে। অর্থাৎ আমদানির পরিমাণ সামান্য কমলেও উচ্চমূল্যের কারণে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এ ছাড়া সেমিকন্ডাক্টর ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ আমদানিও বেড়েছে। শিল্প উৎপাদন ও প্রযুক্তিপণ্য খাতের চাহিদা বৃদ্ধির প্রতিফলন হিসেবে এসব পণ্যের আমদানি ব্যয় বেড়েছে।

আমদানি ব্যয় বাড়লেও জাপানের রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। অক্টোবর মাসে দেশটির মোট রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১ দশমিক ৮ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে টানা ১৪ মাসের মতো রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে জাপান।

অক্টোবরে রপ্তানি প্রবৃদ্ধি বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা ছিল, এ সময়ে রপ্তানি ২০ শতাংশ বাড়তে পারে। সেপ্টেম্বরে সংশোধিত ১৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অক্টোবরে রপ্তানি বৃদ্ধির গতি আরও বেড়েছে। এর ফলে আগের দুই মাসের ধীরগতির অবসান হয়েছে।

রপ্তানি বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জাম। অক্টোবর মাসে এ ধরনের সরঞ্জাম রপ্তানির মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি মোটরযান রপ্তানিও ১৯ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাপানের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হিসেবে গাড়ি ও প্রযুক্তি সরঞ্জামের চাহিদা বাড়ায় সামগ্রিক রপ্তানি আয়েও ইতিবাচক প্রভাব পড়েছে।

বাজারভিত্তিক হিসাবে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে জাপানের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। একই সময়ে চীনে রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ। বিশ্বের দুই বড় অর্থনীতির বাজারে জাপানি পণ্যের চাহিদা বাড়ায় রপ্তানি প্রবৃদ্ধি জোরদার হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনে রপ্তানি বৃদ্ধি দেশটির সামগ্রিক বাণিজ্য পরিস্থিতিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

সামগ্রিকভাবে, অক্টোবর মাসে জাপানের রপ্তানি শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করলেও অপরিশোধিত তেলের উচ্চ আমদানি ব্যয় বাণিজ্য ঘাটতি বজায় রেখেছে। রপ্তানি আয় বাড়ার পরও আমদানি ব্যয়ের চাপ দেশটির বাণিজ্য ভারসাম্যে প্রভাব ফেলছে। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে জাপানের আমদানি ব্যয় ও বাণিজ্য পরিস্থিতির ওপর এর প্রভাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিষয়:

নির্বাচিত

পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই বেসিক পণ্যে 

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৫ কোটি (১৩ দশমিক ৭৫ বিলিয়ন) মার্কিন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ২৯৯ কোটি (১২ দশমিক ৯৯ বিলিয়ন) ডলার। অর্থাৎ চার মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ (৭৫৬ মিলিয়ন) ডলার।

রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে মৌলিক বা বেসিক পোশাক খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, মোট পোশাক রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশ এসেছে এ খাত থেকে। বেসিক পোশাক রপ্তানি আয় ৭ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮ কোটি (১০ দশমিক ৭৮ বিলিয়ন) ডলারে পৌঁছেছে। ফলে মোট পোশাক রপ্তানিতে এ খাতের অংশীদারত্ব গত বছরের ৭৭ দশমিক ৩৫ শতাংশ থেকে বেড়ে ৭৮ দশমিক ৪১ শতাংশ হয়েছে।

বটমওয়্যার, সোয়েটার ও টি-শার্টে প্রবৃদ্ধি

বেসিক পোশাক খাতের রপ্তানি আয় বাড়াতে প্রধান ভূমিকা রেখেছে বটমওয়্যার, সোয়েটার ও টি-শার্ট। আলোচ্য সময়ে বটমওয়্যার (ট্রাউজার ও প্যান্টজাতীয় পোশাক) রপ্তানি আয় বেড়েছে ২৮ কোটি ৭০ লাখ ডলার। সোয়েটার ও কার্ডিগানে বেড়েছে ১৯ কোটি ৫০ লাখ ডলার এবং টি-শার্ট ও ভেস্টে বেড়েছে ১৪ কোটি ১০ লাখ ডলার।

এই তিন পণ্য মিলেই মোট পোশাক রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৮২ শতাংশ অবদান রেখেছে। প্রধান পণ্যগুলোর মধ্যে সোয়েটার রপ্তানিতে প্রবৃদ্ধির হার সর্বোচ্চ ৮ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া ক্ষুদ্র অনুষঙ্গ খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ২৬ শতাংশ। তবে এ খাতের মোট রপ্তানি আয় ছিল তুলনামূলক কম, মাত্র ৪ কোটি ৬০ লাখ ডলার।

আধা-মৌলিক পোশাকে প্রবৃদ্ধি সামান্য

অন্যদিকে, আধা-মৌলিক বা সেমি-বেসিক পোশাক, বিশেষ করে শার্ট ও ব্লাউজ রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে তুলনামূলক ধীরগতিতে। এ খাতে রপ্তানি আয় বেড়েছে মাত্র ১ দশমিক ২৩ শতাংশ। চার মাসে আয় দাঁড়িয়েছে ১১১ কোটি (১ দশমিক ১১ বিলিয়ন) ডলারে।

তবে মোট পোশাক রপ্তানিতে সেমি-বেসিক পোশাকের অংশীদারত্ব কমেছে। গত অর্থবছরের একই সময়ে এ খাতের অংশ ছিল ৮ দশমিক ৪২ শতাংশ, যা চলতি অর্থবছরের প্রথম চার মাসে কমে ৮ দশমিক ০৫ শতাংশে দাঁড়িয়েছে।

উচ্চমূল্যের পোশাকে প্রবৃদ্ধি কম, কয়েকটি পণ্যে রপ্তানি হ্রাস

উচ্চমূল্যের বা অ্যাডভান্সড পোশাক পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধি সবচেয়ে কম দেখা গেছে। এ খাতে রপ্তানি আয় বেড়েছে মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ বা ১ কোটি ২০ লাখ ডলার। ফলে চার মাসে উচ্চমূল্যের পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৮৬ কোটি (১ দশমিক ৮৬ বিলিয়ন) ডলারে।

এ খাতের মধ্যে আউটারওয়্যার রপ্তানিতে ৩ কোটি ৮০ লাখ ডলার এবং টেকনিক্যাল ওয়্যারে ১ কোটি ৬০ লাখ ডলারের প্রবৃদ্ধি হয়েছে। তবে উচ্চমূল্যের পোশাকের তিনটি গুরুত্বপূর্ণ পণ্য ড্রেস, স্পোর্টসওয়্যার ও অ্যাক্টিভওয়্যার এবং স্যুট ও এনসেম্বল রপ্তানিতে উল্লেখযোগ্য পতন ঘটেছে।

ড্রেস রপ্তানি কমেছে ১২ দশমিক ৮৩ শতাংশ, স্পোর্টসওয়্যার ও অ্যাক্টিভওয়্যারে ৮ দশমিক ২৪ শতাংশ এবং স্যুট ও এনসেম্বলে ১৪ দশমিক ৯৭ শতাংশ। এই তিন পণ্য মিলিয়ে রপ্তানি আয় কমেছে প্রায় ৪ কোটি ১০ লাখ ডলার।

এর প্রভাব পড়েছে মোট পোশাক রপ্তানিতে উচ্চমূল্যের পণ্যের অংশীদারত্বেও। গত অর্থবছরের একই সময়ে এ অংশীদারত্ব ছিল ১৪ দশমিক ২৩ শতাংশ, যা চলতি অর্থবছরের প্রথম চার মাসে কমে ১৩ দশমিক ৫৪ শতাংশে দাঁড়িয়েছে।

সামগ্রিকভাবে, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও তা মূলত মৌলিক পোশাকনির্ভর। বেসিক পোশাকের রপ্তানি আয় ও বাজার অংশীদারত্ব বাড়লেও উচ্চমূল্যের পোশাক খাতে প্রবৃদ্ধি দুর্বল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যে রপ্তানি কমেছে। ফলে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি উচ্চমূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বাড়ানো এবং পণ্যের বৈচিত্র্যকরণে গুরুত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে।


নির্বাচিত

চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে কারখানা করবে সিঙ্গাপুর-চীনা প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১৮ নভেম্বর, ২০২৬ ১৮:৫৩
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে সিঙ্গাপুর-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে বুধবার প্রতিষ্ঠানটির সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

নতুন এই কারখানাটি গড়ে তোলা হবে চট্টগ্রাম ইপিজেডের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের জায়গায়, যা ২০২৪ সালের আগস্ট মাসে বন্ধ হয়ে গিয়েছিল। কারখানাটি বন্ধের পর বেপজা যাবতীয় নিয়মকানুন অনুসরণ করে এর যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড সেগুলো কিনে নেয়। তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে প্রয়োজনীয় সংস্কার কাজ সমাপ্তির পর উৎপাদন কার্যক্রম শুরু করতে নতুন করে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি বার্ষিক ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদন করবে; এর মধ্যে রয়েছে হান্টিং স্যুট, টেকনিক্যাল ও ওয়াটারপ্রুফ পারফরম্যান্স আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট এবং প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, কটন জ্যাকেটসহ বিভিন্ন ধরনের জ্যাকেট, পাফার পারকা ও ফার আউটওয়্যার। উৎপাদিত এসব পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রধান বাজারগুলোতে রফতানি করা হবে। কারখানাটির মাধ্যমে ২ হাজার ২৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মিজ. হ্যান জুনঝিয়াও সই করেন। বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোঃ মোহসীন হাসান, বিএসপি, পিএসসি, আর্টিলারি; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ ও বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার ওপর আস্থা রাখার জন্য তাদের ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। পাশাপাশি প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীদের সব ধরনের বৈধ সুযোগ-সুবিধা ও সহায়তা নিশ্চিত করা এবং সর্বোচ্চ মানের সেবা প্রদানে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ ছাড়া প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সহযোগী ও বন্ধুদের বেপজার অধীনস্থ অন্যান্য ইপিজেডে আরও বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে উৎসাহিত করার আহ্বান জানান নির্বাহী চেয়ারম্যান।

অন্যদিকে, চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ লাভ করায় কৃতজ্ঞতা প্রকাশ করে মিজ. হ্যান জুনঝিয়াও বলেন, যেহেতু বিদ্যমান একটি শিল্প অবকাঠামোতে তাঁরা কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছেন, তাই কিছু সংস্কার কাজের প্রয়োজন হবে। আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে উৎপাদন শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।


নির্বাচিত

সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন প্রধান সূচক বৃদ্ধি পেলেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসই-৩০’ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়ালেও শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ০.৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে নেমে এসেছে।

এদিন ডিএসইতে সর্বমোট ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; যার মধ্যে ১৩৯টির দর বেড়েছে, ১৬৬টির কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারে মোট ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কার্যদিবসের ৯৩৯ কোটি ৭ লাখ টাকার তুলনায় ১১৯ কোটি ১৭ লাখ টাকা কম।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করেছে মালেক স্পিনিং লিমিটেড, যাদের ৩৮ কোটি ১৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ২৪ কোটি ৬০ লাখ ৯১ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ২৩ কোটি ২৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, শাইনপুকুর সিরামিকস পিএলসি, সিটি ব্যাংক ও বারাকা পতেঙ্গা পাওয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ‘সিএএসপিআই’ ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেনে অংশগ্রহণকারী ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দর বেড়েছে, ৫৯টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে; দিন শেষে বাজারটিতে মোট ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিষয়:

নির্বাচিত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় ‘ডিটারমাইনিং দ্য মিনিমাম ওয়েজ ইন দ্য আরএমজি সেক্টর’ শীর্ষক এক গবেষণা উপস্থাপনায় সংস্থাটি এ হিসাব তুলে ধরে। এতে দর-কষাকষির পরিবর্তে তথ্য-উপাত্ত, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

সিপিডির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের পর থেকে শহরাঞ্চলে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, ২০২৩ সালের নভেম্বরে শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক ১১৮ দশমিক ৭৬ থাকলেও ২০২৬ সালের অক্টোবরে তা বেড়ে ১৫৫ দশমিক ৩৫-এ দাঁড়িয়েছে—অর্থাৎ এ সময়ে দাম বেড়েছে ৩০ দশমিক ৮ শতাংশ। এই মূল্যস্ফীতি সমন্বয় করলে ২০২৩ সালের ১২ হাজার ৫০০ টাকার সমান ক্রয়ক্ষমতা বজায় রাখতে বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকা প্রয়োজন হয়। তবে সিপিডির মতে, শুধু মূল্যস্ফীতি সমন্বয় করে মজুরি নির্ধারণ করলে শ্রমিকের প্রকৃত জীবনমানের উন্নতি হয় না; কারণ এতে আগের ক্রয়ক্ষমতা কেবল পুনরুদ্ধার হয়, বাড়তি কোনো সুবিধা যুক্ত হয় না।

গবেষণায় দ্বিতীয় হিসাবটি করা হয়েছে দারিদ্র্যসীমার ভিত্তিতে, যেখানে চার সদস্যের একটি পরিবার ও পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরা হয়েছে। বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপ-২০২২ অনুযায়ী, ঢাকা শহরে উচ্চ দারিদ্র্যসীমার নিচে একজন মানুষের মাসিক ব্যয় ছিল ৪ হাজার ৯২২ টাকা, যা মূল্যস্ফীতি সমন্বয় করে ২০২৬ সালের অক্টোবরে বেড়ে ৭ হাজার ৩৩৮ টাকায় দাঁড়িয়েছে। এ হিসাবে চার সদস্যের পরিবারের জন্য ২৯ হাজার ৩৫৩ টাকা প্রয়োজন এবং পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরে প্রত্যেকের মাসিক আয় হওয়া প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।

অন্যদিকে, মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় বিবেচনায় মাসিক ২৪ হাজার ২০৪ টাকা মজুরির হিসাব দিয়েছে সিপিডি; যেখানে চার সদস্যের একটি পরিবারের খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, ব্যক্তিগত পরিচর্যা, জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের ব্যয় হিসাব করা হয়েছে। সংস্থাটির হিসাবমতে, চার সদস্যের পরিবারের মাসিক খাদ্য ব্যয় ১৪ হাজার ১৫৪ টাকা, অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয় ১২ হাজার ২৬৭ টাকা এবং বাসাভাড়া ১০ হাজার টাকা—সব মিলিয়ে পরিবারের মাসিক ব্যয় ৩৬ হাজার ৪২১ টাকা। এর সঙ্গে জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের জন্য ৫ শতাংশ বা ১ হাজার ৮২১ টাকা যোগ করলে মোট ব্যয় দাঁড়ায় ৩৮ হাজার ২৪৩ টাকা; আর পরিবারের ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম সদস্য ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। অবশ্য সিপিডি জানিয়েছে, শ্রমিক পরিবারের প্রকৃত আকার ও উপার্জনক্ষম সদস্যের সংখ্যা নিয়ে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি থাকায় বিভিন্ন গবেষণায় পাওয়া পরিবারের সদস্যসংখ্যা ৩ দশমিক ৬ থেকে ৪ দশমিক ২ এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১ জনের মধ্যবর্তী মান ধরে এই হিসাব করা হয়েছে; ফলে প্রস্তাবিত মজুরিগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং আলোচনার জন্য নির্দেশক হিসাব।

গবেষণায় মজুরি বোর্ডের সাম্প্রতিক ঘটনাক্রম তুলে ধরে বলা হয়, গত অক্টোবরে শ্রমিকদের বিক্ষোভের পর ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে এবং ৪ নভেম্বর প্রথম বৈঠকে নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর ও ২০২৭ সালের জানুয়ারির বেতনের সঙ্গে পরিশোধের সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ প্রবেশ পর্যায়ের মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিলেও মালিকপক্ষ কোনো প্রস্তাব জমা দেয়নি; শ্রমিকদের ওই প্রস্তাবে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার, চতুর্থ বা প্রবেশ পর্যায়ে ৩২ হাজার এবং নতুন ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি চাওয়া হয়েছে। পরবর্তীতে ১৪ নভেম্বর অস্থিরতা চলতে থাকলে ‘কাজ নেই, বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের হুঁশিয়ারি দেয় মালিকপক্ষ এবং ১৬ নভেম্বরের তৃতীয় বৈঠক পিছিয়ে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সিপিডির গবেষণায় মালিক ও শ্রমিক—উভয় পক্ষের বক্তব্যও স্থান পেয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, শ্রমিকদের মজুরি বাড়ানো প্রয়োজন হলেও তা সহনীয় গতিতে করতে হবে; কারণ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং পোশাকের গড় রপ্তানিমূল্য কমে যাওয়ায় শিল্পের ওপর চাপ তৈরি হয়েছে—পাশাপাশি যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। অন্যদিকে, শ্রমিক প্রতিনিধিরা বলেছেন, মজুরি নির্ধারণে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ব্যয় বিবেচনা করতে হবে এবং মজুরির হিসাবের মধ্যে ওভারটাইম, উপস্থিতি বোনাস ও অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত করা যাবে না; পাশাপাশি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর মজুরি সমন্বয়ের দাবি জানিয়েছেন তাঁরা।

বর্তমান মজুরি নির্ধারণ পদ্ধতি সম্পর্কে সিপিডি উল্লেখ করেছে, বাংলাদেশে এ প্রক্রিয়া মূলত দর-কষাকষিনির্ভর—যেখানে শ্রমিকপক্ষ একটি দাবি উপস্থাপন করে, মালিকপক্ষ পাল্টা প্রস্তাব দেয় এবং মজুরি বোর্ড দুই পক্ষের দাবির মাঝামাঝি একটি সিদ্ধান্ত নেয়; ফলে প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতার নিরপেক্ষ মূল্যায়ন হয় না। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৪১ ধারায় জীবনযাত্রার ব্যয়, জীবনমান, উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা, পণ্যের দাম, মূল্যস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি, ব্যবসার সক্ষমতা এবং দেশের আর্থসামাজিক পরিস্থিতিসহ ১১টি বিষয় বিবেচনার কথা থাকলেও এসব পরিমাপের নির্দিষ্ট পদ্ধতি ও সূচক নেই। তাই শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের আর্থিক সক্ষমতা নিয়ে বড় পরিসরে জরিপ পরিচালনা, মজুরি নির্ধারণ প্রক্রিয়া অন্তত ছয় মাস আগে শুরু করা, প্রতিবছর মূল্যস্ফীতির ভিত্তিতে মজুরি পর্যালোচনা এবং স্থায়ী জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠনের সুপারিশ করেছে সংস্থাটি।

পাশাপাশি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদেরও মজুরি আলোচনায় সম্পৃক্ত করে ক্রেতাদের কাছ থেকে ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং শ্রম ব্যয়ের অংশ আলাদাভাবে বিবেচনার ব্যবস্থা করার কথা বলেছে সিপিডি। সংস্থাটির প্রধান সুপারিশ হলো, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনা করা এবং ধীরে ধীরে জীবনধারণের উপযোগী মজুরির দিকে অগ্রসর হওয়া; একই সঙ্গে নির্ধারিত মজুরি যথাযথভাবে পরিশোধ হচ্ছে কি না তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও নিরীক্ষার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।


নির্বাচিত

হুয়াংকে ফেরাবে না এনভিডিয়ার, তৃতীয় প্রান্তিক আয়ে নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাণিজ্য ডেস্ক

সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা নেই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার; তাঁর পদত্যাগের পর নেতৃত্বে রদবদল এলেও কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে রেকর্ড পরিমাণ আয় ও মুনাফার তথ্য প্রকাশ করেছে এনভিডিয়া; এই প্রথম কোনো এক প্রান্তিকে তাদের আয় ১১৫ বিলিয়ন বা ১১ হাজার ৫০০ কোটি ডলারের সীমা ছাড়িয়ে গেছে। গত ২৫ অক্টোবর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ১১৫ দশমিক ৮ বিলিয়ন বা ১১ হাজার ৫৮০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ; পাশাপাশি মুনাফাও দ্বিগুণ বেড়ে ৬৫ বিলিয়ন বা ৬ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। মঙ্গলবার আর্থিক প্রতিবেদন প্রকাশের পর লেনদেন-পরবর্তী সময়ে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে—যদিও গত প্রান্তিকের ওই সময়টায় হুয়াং কোম্পানিতেই ছিলেন।

জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এটিই এনভিডিয়ার প্রথম আর্থিক প্রতিবেদন। তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর তিনি সরে দাঁড়ান, যে অভিযোগের মধ্যে চীনের এক সন্দেহভাজন গুপ্তচরের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টিও রয়েছে। এরই মধ্যে গতকাল মঙ্গলবার হুয়াং নিজেই এনভিডিয়ার নেতৃত্বে ফিরে আসার আগ্রহ প্রকাশ করে বলেন, ফিরিয়ে নেওয়া হলে তিনি সম্মানিত বোধ করবেন; তাঁর প্রতি সমর্থন জানান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে বিশ্লেষকদের সঙ্গে এক বৈঠকে সেই সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোনস জানান, হুয়াংকে পুনর্বহালের কোনো পরিকল্পনা পরিচালনা পর্ষদের নেই।

এদিকে নেতৃত্বের পরিবর্তন নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখছেন না এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা কোলেট ক্রেস। অংশীদার, সরবরাহকারী ও কর্মী—সবাই প্রতিষ্ঠানের পাশে থাকায় কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি সামলে নিতে পারব।’ গত এক সপ্তাহে এনভিডিয়ার ব্যবস্থাপনা শক্ত হাতে সব সামলে নিয়েছে এবং বিভিন্ন বিভাগ ও প্রকল্পের কাজেও কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানান ক্রেস।

এনভিডিয়ার মোট আয়ের সিংহভাগই এসেছে ডেটা সেন্টারের চিপ বিক্রি থেকে; গত প্রান্তিকে এ খাতের আয় দ্বিগুণ হয়ে ১০৭ বিলিয়ন বা ১০ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়িয়েছে এবং প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থেকে আগামী প্রান্তিকে আয় ১৩ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার এই প্রতিবেদন এআই অবকাঠামো খাতে চাহিদা কমে যাওয়ার আশঙ্কা অনেকটাই দূর করেছে। বিনিয়োগ ও লেনদেনবিষয়ক প্ল্যাটফর্ম ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক ড্যানিয়েলা হ্যাথর্ন বলেন, প্রতিবেদনটি স্পষ্ট করে যে হুয়াংয়ের অনুপস্থিতিতে ব্যবসায়িক কার্যক্রমে ভাটা পড়েনি, বরং তা আরও শক্তিশালী হয়েছে। তবে দীর্ঘ মেয়াদে প্রতিষ্ঠানের কৌশলগত অবস্থানে তাঁর বিদায়ের প্রভাব কতটা পড়বে সেটাই বড় প্রশ্ন বলে মনে করেন তিনি; হ্যাথর্নের মতে, হুয়াংয়ের বিদায়ের আগেই আসা ক্রয়াদেশগুলোতে প্রভাব পড়ার আশঙ্কা কম হলেও নতুন পণ্য, অংশীদারত্ব ও বিনিয়োগের বিষয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে তাঁর অনুপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অপরদিকে, চীনের একটি ডেটা সেন্টারে চিপ সরবরাহ বন্ধ করেছে এনভিডিয়া; অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস জানিয়েছেন, তাঁরা এখন আর চীনে এসব চিপ পাঠাচ্ছেন না। এই প্রযুক্তি এনভিডিয়ার উন্নত এইচ২০০ প্রসেসরের অংশ, যা চীনের কাছে বিক্রির অনুমোদন পাওয়ার জন্য হুয়াং দীর্ঘদিন মার্কিন প্রশাসনের সঙ্গে তদবির করে আসছিলেন; তবে সরবরাহ বন্ধের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি ক্রেস।

বর্তমানে এনভিডিয়ায় স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান চেয়ারম্যান হার্ভি জোনস। এ লক্ষ্যে নিয়োগকারী প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে—দুই জায়গা থেকেই সম্ভাব্য প্রার্থী বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাড়াহুড়া করে কাউকে নিয়োগ দিতে চায় না পরিচালনা পর্ষদ। নতুন প্রধান নির্বাহীর উন্নত প্রযুক্তি ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট নানা চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা থাকতে হবে বলেই উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পেতে সময় নেওয়া হবে বলে জানান জোনস।

অন্যদিকে, এনভিডিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফাউন্ডার ইটিএফসের মাইকেল মোনাগান মনে করেন, সংবাদমাধ্যমে প্রকাশিত অভিযোগের ওপর নির্ভর না করে হুয়াংয়ের কর্মকাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করা প্রয়োজন এবং তাঁকে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা উচিত। মোনাগানের ভাষ্যমতে, এনভিডিয়ার সাফল্য মূলত হুয়াংয়ের হাত ধরে আসা এবং তাঁর গড়ে তোলা ব্যবসায়িক কাঠামোরই ফল; কোনো প্রতিষ্ঠানের আইকনিক প্রতিষ্ঠাতা বিদায় নিলে সেই প্রতিষ্ঠানের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ও সম্ভাবনা অনেক সময় ম্লান হয়ে যায়।


নির্বাচিত

ভারতে নবায়নযোগ্য জ্বালানিতে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাণিজ্য ডেস্ক

ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ২০৩০ সালের মধ্যে অতিরিক্ত ৭০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। নিজস্ব কার্যক্রমে বিদ্যুৎ ব্যবহারের ফলে সৃষ্ট কার্বন নিঃসরণ কমানো এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার রাতে এ ঘোষণা দেওয়া হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিনিয়োগের মাধ্যমে ভারতের বিভিন্ন অঞ্চলে বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অ্যামাজনের ডেটা সেন্টার, লজিস্টিকস ও অন্যান্য কার্যক্রমে ব্যবহৃত বিদ্যুতের পরিবেশগত প্রভাব কমানোর উদ্যোগ নেওয়া হবে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যও রয়েছে প্রতিষ্ঠানটির।

ভারত চলতি দশকের শেষ নাগাদ ৫০০ গিগাওয়াট পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, এ লক্ষ্য বাস্তবায়নে প্রায় ২২০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। সৌর, বায়ু ও অন্যান্য জীবাশ্ম জ্বালানিবহির্ভূত বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগ বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের উৎস বৈচিত্র্যময় করার পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে কাজ করছে দেশটি। এ প্রেক্ষাপটে অ্যামাজনের নতুন বিনিয়োগ ভারতের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে বেসরকারি খাতের বড় অংশগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অ্যামাজন জানিয়েছে, নতুন ৭০০ কোটি ডলারের বিনিয়োগ ভারতে আগে ঘোষিত ৪০০ কোটি ডলারের নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচির অতিরিক্ত। এ অর্থের মাধ্যমে দেশটিতে আরও বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প গড়ে তোলা হবে। ফলে কার্বনমুক্ত বিদ্যুতের অন্যতম বড় করপোরেট ক্রেতা হিসেবে ভারতের বাজারে অ্যামাজনের অবস্থান আরও জোরদার হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে বিদ্যুতের চাহিদা পূরণে পরিচ্ছন্ন জ্বালানির সরবরাহ বাড়বে।

আগের বিনিয়োগ কর্মসূচির অংশ হিসেবে নতুন করে চারটি বায়ু ও সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা দিয়েছে অ্যামাজন। এসব প্রকল্পের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ৯৩৪ মেগাওয়াট। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ভারতে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়বে এবং অ্যামাজনের বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে সম্পর্কিত কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য পূরণে সহায়তা করবে।

অ্যামাজনের প্রধান টেকসই উন্নয়ন কর্মকর্তা কারা হার্স্ট বলেন, ‘ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে আমাদের বিনিয়োগের পেছনে রয়েছে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা, পরিকল্পনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা।’

তিনি আরও বলেন, ‘অতিরিক্ত ৭০০ কোটি ডলারের এ বিনিয়োগ ভারতে দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এর মাধ্যমে নতুন বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে অ্যামাজন।’

গত এক দশকে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটিতে স্থাপিত মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৫৪ শতাংশের বেশি এখন জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎস থেকে আসে। সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও জলবিদ্যুৎ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদ্যুৎ উৎপাদনে এসব উৎসের অংশীদারত্ব বাড়ায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হচ্ছে।

অ্যামাজনের নতুন বিনিয়োগ এ বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের ব্যবসায়িক কার্যক্রমে বিদ্যুতের ব্যবহারজনিত কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। ভারতের বাজারে অতিরিক্ত ৭০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা সেই উদ্যোগকে আরও বিস্তৃত করবে। পাশাপাশি দেশটির পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলা এবং করপোরেট পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা বৃদ্ধিতেও এ বিনিয়োগ ভূমিকা রাখতে পারে।

বিষয়:

নির্বাচিত

৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ২৮ শতাংশ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কমেছে সঞ্চয়ের সক্ষমতা। জাতীয় ও দেশজ সঞ্চয়ের হারও ধারাবাহিকভাবে নিম্নমুখী। এমন পরিস্থিতিতেও সঞ্চয়পত্রের নিট বিক্রি বাড়ছে, যার মাধ্যমে সরকারও অর্থায়নের সুযোগ পাচ্ছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছে ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৯৪৫ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসাবে নিট বিক্রি বেড়েছে প্রায় ২৮ শতাংশ। নিট বিক্রি বলতে সঞ্চয়পত্র বিক্রির অর্থ থেকে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের মূল টাকা ও সুদ পরিশোধের পর সরকারের কোষাগারে অবশিষ্ট অর্থকে বোঝায়।

গত ৩০ সেপ্টেম্বর সঞ্চয়পত্রের বিপরীতে সরকারের ঋণস্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৪৯১ কোটি ৭৯ লাখ টাকা। তিন মাস আগে জুন শেষে এ পরিমাণ ছিল ৩ লাখ ৩৪ হাজার ২ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ তিন মাসে সরকারের ঋণস্থিতি বেড়েছে ২ হাজার ৪৮৯ কোটি ৪৪ লাখ টাকা। এর আগে টানা তিন অর্থবছর সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক ছিল। ২০২৪-২৫ অর্থবছরে নিট বিক্রি কমে ৬ হাজার ৬৩ কোটি টাকা ঋণাত্মক হয়। এর আগের দুই অর্থবছর ২০২৩-২৪ ও ২০২২-২৩ সালে এ পরিমাণ ছিল যথাক্রমে ঋণাত্মক ২১ হাজার ১২৪ কোটি ও ৩ হাজার ২৯৬ কোটি টাকা।

ব্যাংকের আমানতের তুলনায় বেশি মুনাফা এবং বিনিয়োগের নিরাপত্তার কারণে সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেনের মতে, ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা ও পুঁজিবাজারের মন্দার কারণে বিনিয়োগকারীদের আস্থা কমেছে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও যাদের খরচ মেটানোর পর কিছু অর্থ সঞ্চয় থাকে, তারা নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে সঞ্চয়পত্র বেছে নিচ্ছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, জিডিপির অনুপাতে জাতীয় সঞ্চয়ের হার ২০২২-২৩ অর্থবছরে ২৯ দশমিক ৯৫ শতাংশ থাকলেও ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাবে তা কমে ২৬ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে দেশজ সঞ্চয়ের হার ২৫ দশমিক ৭৬ শতাংশ থেকে নেমে ২১ দশমিক ৩৮ শতাংশ হয়েছে। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাকের মতে, দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি থাকায় জাতীয় সঞ্চয়ের হার কমছে। আয়ের বড় অংশ দৈনন্দিন ভোগে ব্যয় হওয়ায় মানুষের সঞ্চয় করার সামর্থ্য কমে গেছে। বিবিএসের হিসাব অনুযায়ী, গত তিন অর্থবছরে জিডিপিতে মোট ভোগ ব্যয়ের অংশ ৭৪ দশমিক ২৪ শতাংশ থেকে বেড়ে ৭৮ দশমিক ৬২ শতাংশ হয়েছে। গত অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ, আগের মাস সেপ্টেম্বরে যা ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সঞ্চয়পত্রের মোট বিক্রি হয়েছে ২৮ হাজার ৮৮৪ কোটি ৬৯ লাখ টাকা। একই সময়ে মূল টাকা ফেরত দেওয়া হয়েছে ২৬ হাজার ৩৯৫ কোটি ২৫ লাখ টাকা এবং সুদ পরিশোধ করা হয়েছে ১১ হাজার ৫৮২ কোটি ১৫ লাখ টাকা। জুলাই মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৮ হাজার ৮২২ কোটি ৯৪ লাখ টাকা। এর বিপরীতে মূল টাকা ফেরত দেওয়া হয় ৬ হাজার ৭৬৩ কোটি ৪৭ লাখ টাকা। ফলে মাসটিতে নিট বিক্রি দাঁড়ায় ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকা। এ সময়ে সুদ পরিশোধ করা হয় ৩ হাজার ৬০৬ কোটি ৮৬ লাখ টাকা। আগস্টে বিক্রি হয় ৯ হাজার ৭৫৩ কোটি ৬২ লাখ টাকা, আর মূল টাকা ফেরত দেওয়া হয় ৯ হাজার ৩৪৯ কোটি ৯৭ লাখ টাকা। ফলে নিট বিক্রি দাঁড়ায় ৪০৩ কোটি ৬৫ লাখ টাকা। মাসটিতে সুদ বাবদ পরিশোধ করা হয় ৩ হাজার ৮৩০ কোটি ৪৩ লাখ টাকা। সেপ্টেম্বরে বিক্রি হয় ১০ হাজার ৩০৮ কোটি ১৩ লাখ টাকা এবং মূল টাকা ফেরত দেওয়া হয় ১০ হাজার ২৮১ কোটি ৮১ লাখ টাকা। এতে নিট বিক্রি দাঁড়ায় ২৬ কোটি ৩২ লাখ টাকা।

আগের অর্থবছরের একই সময়েও সঞ্চয়পত্র বিক্রি বাড়লেও নিট বিক্রির পরিমাণ তুলনামূলক কম ছিল। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে সঞ্চয়পত্র বিক্রি হয় ৭ হাজার ৯০১ কোটি ৮ লাখ টাকা। ওই মাসে মূল টাকা ফেরত দেওয়া হয়েছিল ৬ হাজার ৬২২ কোটি ২ লাখ টাকা, ফলে নিট বিক্রি দাঁড়ায় ১ হাজার ২৭৯ কোটি ৬ লাখ টাকা। সুদ পরিশোধ করা হয় ৩ হাজার ৭৩১ কোটি ২৬ লাখ টাকা। আগস্টে বিক্রি হয় ৭ হাজার ৮৯১ কোটি ৭ লাখ টাকা এবং মূল টাকা ফেরত দেওয়া হয় ৭ হাজার ৫৭৯ কোটি ৭৭ লাখ টাকা। নিট বিক্রি দাঁড়ায় ৩১১ কোটি ৩০ লাখ টাকা। এ মাসে সুদ পরিশোধ করা হয় ৪ হাজার ৩৯৮ কোটি ৯৮ লাখ টাকা। সেপ্টেম্বরে সঞ্চয়পত্র বিক্রি হয় ৮ হাজার ৬৪০ কোটি ৫০ লাখ টাকা এবং নিট বিক্রি দাঁড়ায় ৪০৯ কোটি ৮২ লাখ টাকা। তিন মাসে মোট বিক্রি ছিল ২৪ হাজার ৪৩২ কোটি ৬৫ লাখ টাকা। মূল টাকা ফেরত দেওয়া হয় ২২ হাজার ৪৩২ কোটি ৪৭ লাখ টাকা এবং সুদ বাবদ পরিশোধ করা হয় ১১ হাজার ৯২৬ কোটি ৫০ লাখ টাকা।

বিষয়:

নির্বাচিত

সূচকের উত্থানে ডিএসইর লেনদেন ছাড়াল  ৯০০ কোটি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রায় তিন মাসের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ৯০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) লেনদেন বৃদ্ধির পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় বাজারটিতে মূল্যসূচকও বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পাওয়ায় মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল, যদিও সেখানে লেনদেনের পরিমাণ কমেছে; এর মধ্য দিয়ে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই মূল্যসূচক বৃদ্ধি পেল।

এদিন ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির মাধ্যমে লেনদেন শুরু হওয়ায় সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। দিনের শেষ পর্যন্ত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার ধারা অব্যাহত থাকে এবং শেষ দিকে দাম বাড়ার প্রবণতা আরও বাড়ে; ফলে সবকয়টি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৪৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে এবং বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৩ পয়েন্টে উঠে এসেছে।

সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়ে ৯৩৯ কোটি ৭ লাখ টাকায় পৌঁছেছে, যা আগের কার্যদিবসের ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার তুলনায় ১৪০ কোটি ৩৪ লাখ টাকা বেশি। এর মাধ্যমে গত ১৮ আগস্টের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো; ওই দিন বাজারটিতে ৯৯৮ কোটি ১০ লাখ টাকার লেনদেন হয়েছিল।

আজকের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে ৭৫টির দর কমেছে এবং ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ প্রদানকারী ভালো কোম্পানিগুলোর ১৩১টির শেয়ারের দাম বেড়েছে, ৩৭টির কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত ছিল। মাঝারি মানের অর্থাৎ ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর ৪৭টির দরবৃদ্ধির বিপরীতে ১১টির কমেছে এবং ২টির দাম অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান পাওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৮টির দাম বেড়েছে, ২৭টির কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত ছিল। এ ছাড়া ৬টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ১৪টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।

দিনের লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, যাদের ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার এবং ২৫ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থান দখল করেছে রানার অটোমোবাইল। এ ছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, এনভয় টেক্সটাইল, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং বেক্সিমকো।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ৬১টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তবে বাজারটিতে লেনদেন কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৮১ লাখ টাকায়, আগের কার্যদিবসে যা ছিল ১৩ কোটি ৮ লাখ টাকা।


নির্বাচিত

এক দশকে কৃষিঋণ বেড়েছে দ্বিগুণ, খেলাপি বেড়েছে সাড়ে তিন গুণের বেশি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গত এক দশকে দেশে কৃষি খাতে ঋণ বিতরণ দ্বিগুণের বেশি বৃদ্ধি পেলেও এর চেয়েও দ্রুতগতিতে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। গত রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যেখানে এক দশকের পরিসংখ্যানের পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) চিত্রও তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে দেশে কৃষিঋণ বিতরণের পরিমাণ ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা, যা সর্বশেষ গত অর্থবছরে প্রায় ৪৩ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে খেলাপি ঋণ ৫ হাজার ২৪০ কোটি টাকা থেকে বেড়ে গত অর্থবছর শেষে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। সেই হিসাবে এক দশকের ব্যবধানে কৃষিঋণ দ্বিগুণ বাড়লেও খেলাপি ঋণ বেড়েছে সাড়ে তিন গুণেরও বেশি।

প্রতিবেদনের তথ্যানুসারে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কৃষি খাতে ঋণ বিতরণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। প্রথম প্রান্তিকে বিভিন্ন ব্যাংক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সম্মিলিতভাবে ১১ হাজার ১৩১ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে, যা গত বছরের একই সময়ের ৮ হাজার ৭৯০ কোটি টাকার চেয়ে ২ হাজার ৩৪১ কোটি টাকা বা প্রায় ২৭ শতাংশ বেশি। এর মধ্যে ৫৮টি ব্যাংক একত্রে বিতরণ করেছে ১০ হাজার ৮৩৬ কোটি টাকা এবং বিআরডিবির মাধ্যমে গেছে ২৯৪ কোটি টাকা। তবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৫৮টি ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা থাকলেও বিতরণ হয়েছে ১১ হাজার ১৩১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১৮ শতাংশ। অন্যদিকে, ব্যাংকের বাইরে বিআরডিবির মাধ্যমে বিতরণ করা ২৯৪ কোটি টাকা গত অর্থবছরের একই সময়ের ৩০১ কোটি টাকার তুলনায় ২ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি কৃষিঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যারা প্রায় ২ হাজার ৪৪৮ কোটি টাকা ঋণ দিয়েছে। প্রায় ৮৮৮ কোটি টাকা বিতরণ করে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক এবং ৭৬৮ কোটি টাকা বিতরণ করে তৃতীয় স্থানে ছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। কৃষিঋণ বিতরণে শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় এরপর যথাক্রমে অবস্থান করছে সিটি ব্যাংক (৫৩৩ কোটি টাকা), পূবালী ব্যাংক (৪৮২ কোটি টাকা), সোনালী ব্যাংক (৪৫৭ কোটি টাকা), ব্র্যাক ব্যাংক (৪২৬ কোটি টাকা), ইউসিবি (৪১৪ কোটি টাকা), বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (৩৯৮ কোটি টাকা) এবং প্রাইম ব্যাংক (৩১৫ কোটি টাকা)।

প্রথম প্রান্তিকে ব্যাংকগুলোর বিতরণ করা কৃষিঋণের বড় অংশই গেছে ফসল উৎপাদন খাতে; তিন মাসে এ খাতে প্রায় ৫ হাজার ৭০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ৪৭ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ২৫৩ কোটি টাকা বা মোট ঋণের ৩০ শতাংশ পেয়েছে প্রাণিসম্পদ ও পোলট্রি খাত এবং মৎস্য খাতে ঋণ বিতরণ করা হয়েছে ১ হাজার ৩৮৮ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ১৩ শতাংশ।

এ ছাড়া অকৃষি পল্লি খাতে ব্যাংকগুলো ১ হাজার ৩ কোটি টাকা ঋণ দিয়েছে, যার মধ্যে দারিদ্র্য বিমোচন কার্যক্রমে ৪১৯ কোটি টাকা এবং অন্যান্য গ্রামীণ আয়বর্ধক কর্মকাণ্ডে ৫৮৪ কোটি টাকা বিতরণ করা হয়। তুলনামূলকভাবে কম ঋণ গেছে সেচ ও কৃষি সরঞ্জাম খাতে; এই দুই খাত মিলিয়ে বিতরণ হয়েছে ৯১ কোটি টাকা, যার মধ্যে সেচ সরঞ্জামে ৪৬ কোটি ও কৃষি সরঞ্জামে ৪৫ কোটি টাকা। পাশাপাশি শস্য সংরক্ষণ ও বিপণন খাতে ৩১ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

বিষয়:

নির্বাচিত

ধনী দেশগুলোর ঋণের চাপে সংকটে দরিদ্র ও উন্নয়নশীল বিশ্ব

উন্নয়নশীল দেশগুলোর ঋণ বেড়ে ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাণিজ্য ডেস্ক

বিশ্বের ধনী ও প্রভাবশালী দেশগুলোর সরকারি ঋণ ক্রমাগত বাড়তে থাকায় তার প্রভাব এখন আর তাদের নিজস্ব অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, চীন ও জাপানের মতো বড় অর্থনীতির ঋণসংকট আন্তর্জাতিক ঋণবাজারে সুদের হার বাড়িয়ে দিচ্ছে। এর সরাসরি চাপ পড়ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ওপর। এসব দেশকে নতুন ঋণ নিতে আগের চেয়ে বেশি সুদ গুনতে হচ্ছে। পাশাপাশি পুরোনো ঋণের কিস্তি ও সুদ পরিশোধেও বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর উন্নয়নশীল দেশগুলোর মোট ঋণের পরিমাণ বেড়ে ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। সবচেয়ে দরিদ্র দেশগুলোকে ঋণ নিতে ১৯৮০-এর দশকের শেষভাগের পর সর্বোচ্চ সুদ দিতে হচ্ছে। ফলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ খাতে সরকারি ব্যয়ের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। ঋণখেলাপি এড়াতে অনেক দেশ উন্নয়ন ব্যয়ের পরিবর্তে ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

কোভিড-১৯ মহামারির পর থেকে একের পর এক বৈশ্বিক সংকট বিভিন্ন দেশের সরকারি অর্থব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহব্যবস্থায় বিঘ্ন এবং ইউক্রেন ও ইরানকে ঘিরে যুদ্ধের কারণে বিশ্ববাজারে পণ্যের দাম বেড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক ঋণবাজারেও। বিশ্বের সবচেয়ে বড় সরকারি বন্ডবাজার যুক্তরাষ্ট্রে সরকারি ঋণের পরিমাণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় ১২০ শতাংশ। বাজেট ঘাটতি ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার ৫ শতাংশ ছাড়িয়েছে, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। একই ধরনের চাপ দেখা যাচ্ছে অন্যান্য বড় অর্থনীতিতেও। ফ্রান্সে সরকারি বন্ডের সুদহার ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাপানেও তা তিন দশকের মধ্যে সর্বোচ্চ। বড় অর্থনীতিগুলোর ঋণ ও সুদহারের এই পরিস্থিতি বৈশ্বিক ঋণবাজারে অর্থ সংগ্রহের ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে তাদের বেশি সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিতে হচ্ছে। আফ্রিকার আইভরি কোস্ট, কেনিয়া ও নাইজেরিয়াকে ঋণ পেতে বছরে সাড়ে ৭ শতাংশ থেকে ১০ শতাংশেরও বেশি সুদ দিতে হচ্ছে। উচ্চ সুদে ঋণ নিয়ে সাময়িকভাবে বাজেটের প্রয়োজন মেটানো সম্ভব হলেও দীর্ঘ মেয়াদে তা ঋণের বোঝা আরও বাড়িয়ে দেয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে পাওয়া আয় দিয়ে ঋণের কিস্তি ও সুদ পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণও অনেক দেশের জন্য ব্যয়বহুল হয়ে উঠছে। সংস্থাটির ঋণের সুদহার প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সম্পর্কিত। ফলে ইউক্রেন বা ইরানের যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও ইকুয়েডরের মতো দেশকে বেশি সুদ গুনতে হচ্ছে।

ঋণের কিস্তি ও সুদ পরিশোধের চাপ বাড়ায় উন্নয়নশীল দেশগুলোর সরকারি ব্যয়ের অগ্রাধিকারেও পরিবর্তন আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পেনশন, অবকাঠামো নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বরাদ্দ করা অর্থের বড় অংশ চলে যাচ্ছে ঋণ পরিশোধে। মিসর, পাকিস্তান ও তিউনিসিয়ার মতো দেশে নতুন ঋণ হিসেবে যত অর্থ আসছে, তার চেয়ে বেশি অর্থ ব্যয় হচ্ছে পুরোনো ঋণ ও সুদ পরিশোধে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, ৫১টি দেশে প্রায় ৩৭০ কোটি মানুষ বসবাস করে। এসব দেশের সরকার স্বাস্থ্য ও শিক্ষার তুলনায় ঋণের সুদ পরিশোধে বেশি অর্থ ব্যয় করছে। একই সময়ে উন্নত দেশগুলোর বৈদেশিক সহায়তা ও স্বল্প সুদে ঋণ দেওয়ার প্রবণতাও কমেছে। ২০১০-এর দশকে উন্নয়নশীল দেশগুলোকে ব্যাপক ঋণ দেওয়া চীনও এখন নতুন ঋণ দেওয়ার চেয়ে পুরোনো অর্থ ফেরত পাওয়ার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

ঋণ পরিশোধের চাপ সামাল দিতে গিয়ে অনেক দেশ এখনো খেলাপি না হলেও তাদের অর্থনৈতিক উন্নয়ন কার্যত বাধাগ্রস্ত হচ্ছে। উন্নয়ন প্রকল্প ও নতুন বিনিয়োগের জন্য বরাদ্দ করা অর্থ সরিয়ে ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও আঞ্চলিক উন্নয়ন ব্যাংক থেকে তুলনামূলক কম সুদে পাওয়া ঋণের একটি অংশও অনেক ক্ষেত্রে বেসরকারি ঋণদাতাদের পাওনা পরিশোধে ব্যয় হচ্ছে। ফলে নতুন ব্যবসা, কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ গতি হারাচ্ছে। অর্থনীতিবিদদের ভাষায়, অনেক দেশ ঋণখেলাপি হওয়া এড়াতে গিয়ে উন্নয়নকেই বিসর্জন দিচ্ছে। ঋণ পরিশোধের সক্ষমতা ধরে রাখতে গিয়ে তারা ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি দুর্বল করে ফেলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ঋণদাতাদের সঙ্গে সমন্বিত উদ্যোগ এবং কার্যকর ঋণ পুনর্গঠন জরুরি। যেসব দেশের ঋণের বোঝা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, তাদের সাময়িকভাবে কিস্তি পরিশোধ স্থগিত বা নতুন করে নির্ধারণের সুযোগ দেওয়া হলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় অর্থ ব্যয়ের সুযোগ তৈরি হতে পারে।

ঋণ পুনর্গঠনের ক্ষেত্রে চীনের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল বিশ্বের অন্যতম বড় ঋণদাতা হওয়ায় আন্তর্জাতিক উদ্যোগে দেশটির সহযোগিতা প্রয়োজন। সমন্বিত উদ্যোগ না থাকলে প্রতিটি দেশের ঋণ পুনর্গঠন আলোচনা আলাদা ও দীর্ঘসূত্রতাপূর্ণ হয়ে উঠতে পারে। একই সঙ্গে আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিদ্যমান সম্পদ আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বল্প ব্যয়ে আন্তর্জাতিক ঋণসক্ষমতা বাড়ানোর উদাহরণ হিসেবে ২০২৪ সালে আইএমএফের দারিদ্র্য হ্রাস ও প্রবৃদ্ধি তহবিলে যুক্তরাষ্ট্রের ২ কোটি ১০ লাখ ডলারের ঋণের কথা উল্লেখ করা হয়েছে। ওই অর্থ কাজে লাগিয়ে তহবিলটি উন্নয়নশীল দেশগুলোর জন্য ২ হাজার ১০০ কোটি ডলারের ঋণসুবিধা তৈরি করতে পেরেছিল। সামগ্রিকভাবে ধনী দেশগুলোর ঋণসংকটের আর্থিক চাপ সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর মানুষকে। ঋণ পরিশোধের বোঝা কমানো এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতের ব্যয় সুরক্ষিত রাখা সম্ভব না হলে এসব দেশে উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক বৈষম্য আরও বাড়তে পারে।


নির্বাচিত

সরবরাহ কমার আশঙ্কায় এশিয়ার বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাণিজ্য ডেস্ক

এশিয়ার প্রধান চাল রফতানিকারক দেশগুলোতে পণ্যটির রফতানি মূল্য বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে চালের রফতানি দর ঊর্ধ্বমুখী ছিল। আফ্রিকার দেশগুলোর বাড়তি চাহিদা, ভারতীয় রুপির শক্তিশালী বিনিময় হার এবং সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা এই দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। তবে থাইল্যান্ডের বাজারে চাহিদা এখনো দুর্বল রয়েছে; অন্যদিকে ফিলিপাইন নতুন করে চাল কেনা শুরু করায় ভিয়েতনামের বাজারে কিছুটা গতি ফিরেছে।

ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চাল প্রতি টন ৩৮৫-৩৯০ ডলারে রফতানি হয়েছে, যা তার আগের সপ্তাহে ছিল ৩৮২-৩৮৬ ডলার। পাশাপাশি ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের দর ছিল প্রতি টন ৩৯০-৩৯৫ ডলার। কলকাতার একজন রফতানিকারক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় মুদ্রা রুপির বিনিময় হার প্রায় সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় মুনাফা ধরে রাখতে চালের দাম বাড়িয়েছেন রফতানিকারকেরা।

থাইল্যান্ডের বাজারেও ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম বেড়ে প্রতি টন ৪৯৫-৫০০ ডলারে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪৯০-৪৯৫ ডলার। ব্যবসায়ীদের ধারণা, সরবরাহ হ্রাসের আশঙ্কা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ঘিরে উদ্বেগের কারণে দাম আরও কিছুটা বাড়তে পারে। তবে থাইল্যান্ডের চালের সামগ্রিক চাহিদা এখনো কম থাকায় মূলত নিয়মিত ক্রেতা ও ফিলিপাইনই বর্তমানে চাল কিনছে; এদিকে ভারতীয় চালের দাম আরও বাড়তে পারে এমন প্রত্যাশায় ইন্দোনেশিয়ার ক্রেতাদের মধ্যেও আগ্রহ দেখা গেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ফসল ওঠার পর দেশটির নতুন মৌসুমের চাল সরবরাহ পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চালের দামও সামান্য বেড়ে প্রতি টন ৪৯০-৪৯৫ ডলারে বেচাকেনা হয়েছে। হো চি মিন সিটির একজন চাল ব্যবসায়ী জানান, ফিলিপাইন পুনরায় চাল কেনা শুরু করায় যেমন দাম বাড়ছে, তেমনি দেশটির বাজারে সরবরাহও কমে আসছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সর্বশেষ প্রতিবেদনের বরাত দিয়ে ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২৬ ও ২০২৭ সালেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল রফতানিকারক দেশের অবস্থান ধরে রাখবে ভিয়েতনাম।

এদিকে চলতি মৌসুমে দেশের কৃষক ও চালকল মালিকদের কাছ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার টন ধান ও চাল সংগ্রহের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। তবে উৎপাদন খরচ বাড়লেও সরকার সেদ্ধ ও আতপ চালের সংগ্রহ মূল্য কেজিতে ১ টাকা কমিয়েছে; নতুন দর অনুযায়ী, সেদ্ধ চালের দাম কেজিপ্রতি ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, ধানের সংগ্রহ মূল্য সামান্য বাড়িয়ে কেজিপ্রতি ৩৫ টাকা করা হয়েছে।

বিষয়:

নির্বাচিত

বিনিয়োগ বাড়াতে জাহাজ শিল্পে চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাণিজ্য ডেস্ক

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা সহজতর করতে এবং অনুমোদনের দীর্ঘসূত্রতা দূর করতে শিগগিরই ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) চালু করতে যাচ্ছে সরকার। একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ শিল্পের প্রয়োজনীয় অনুমোদন ও সেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে; যা চালু হলে বর্তমানে বিভিন্ন দপ্তর ও সংস্থা থেকে আলাদাভাবে অনুমোদন ও ছাড়পত্র নিতে যে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে, তা কমে ৫ থেকে ১০ দিনে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে উদ্যোক্তাদের একাধিক দপ্তরে ঘুরতে হবে না, ব্যবসার সময় ও ব্যয় কমবে এবং সেবা প্রদানে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবিত এই ওয়ান-স্টপ সার্ভিসের নকশা প্রণয়নের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের গঠিত একটি কার্যকরী দল প্ল্যাটফর্মটির কাঠামো ও কার্যপদ্ধতি নির্ধারণ করেছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এর বাস্তবায়ন পদ্ধতিও পর্যালোচনা করা হয়েছে। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের সক্ষমতা উন্নয়ন প্রকল্প ও টিএসডিএফ উন্নয়ন প্রকল্পের আওতায় এই সেবা চালুর কার্যক্রম নির্ধারিত রয়েছে।

এ প্রসঙ্গে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে জানান, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প দেশের একটি সম্ভাবনাময় খাত এবং সরকার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব ও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিচ্ছে। অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা সম্পন্ন হওয়ায় তাঁদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড (বিএসআরবি) প্রয়োজনীয় নীতিমালা বা গাইডলাইন তৈরি করছে বলে উল্লেখ করেন তিনি। সচিব জানান, গাইডলাইন চূড়ান্ত হলেই এর আলোকে কার্যক্রম শুরু হবে এবং চলতি নভেম্বর মাসের মধ্যে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে উদ্যোগটি পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা করা হচ্ছে।

বিএসআরবি সূত্র জানায়, সেবাটি চালুর বিষয়ে গত ১৩ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অংশীজনদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের নকশা, কার্যক্রম ও বাস্তবায়ন নিয়ে মতামত নেওয়া হয়। এ ছাড়া সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে খাতটির বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা এবং সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশমন্ত্রী জানান, বিভিন্ন দপ্তর ও সংস্থার পরিদর্শন ও ছাড়পত্র পেতে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে; হংকং কনভেনশন অনুসরণের পরও ১০০ থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ করে এত দিন অপেক্ষা করা মোটেই যুক্তিসংগত নয়। কারণ জাহাজ আমদানির ঋণপত্র (এলসি) খোলার পর থেকেই প্রতিদিন ব্যাংক সুদ পরিশোধ করতে হয়, ফলে অনুমোদনের বিলম্বে ব্যবসায়ীদের খরচ বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে। জাহাজ পরীক্ষার প্রয়োজন হলে সংশ্লিষ্টদের এ প্রক্রিয়ার সময় কমিয়ে আনার নির্দেশনাও দেন তিনি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ শিল্পে অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করা গেলে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি বিদ্যমান উদ্যোক্তাদের পরিচালন ব্যয় কমবে; বিশেষ করে জাহাজ আমদানির পর অনুমোদনের অপেক্ষায় থাকলে যে অতিরিক্ত সুদ ও অন্যান্য ব্যয় বহন করতে হয়, তা কমানো সম্ভব হবে। এতে শিল্পটির প্রতিযোগিতা সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের ইস্পাত ও পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল সরবরাহ ব্যবস্থাও উপকৃত হবে। উল্লেখ্য, হংকং কনভেনশনে শ্রমিকের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও আন্তর্জাতিক মান অনুসরণের বিভিন্ন নির্দেশনা রয়েছে; বাংলাদেশ ২০২৩ সালে কনভেনশনটি অনুসমর্থন করায় আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বিএসআরবি জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ড স্থাপন ও পরিচালনার অনুমোদন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের অনুমতি, আমদানি করা জাহাজ পরিদর্শন, জাহাজ সৈকতে ভেড়ানো ও কাটার অনুমতি এবং ডিএএসআর ও কন্ডিশনাল ডিএএসআর-সংক্রান্ত সেবা দিয়ে থাকে। এসব সেবা পেতে বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ নৌবাহিনী, নৌবাণিজ্য দপ্তর (এমএমও), পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনুমোদনের প্রয়োজন হয়।


নির্বাচিত

banner close