দুই বছরের করোনা মহামারির ধাক্কা কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনীতির ওপরও বেশ চাপ সৃষ্টি করেছে। বেড়ে গেছে সব ধরনের পণ্যের দাম। মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসেই মূল্যস্ফীতির পারদ ৯ শতাংশের ওপরে উঠেছে। অর্থনীতির অন্য সূচকগুলোও নিম্নমুখী। সাত মাস পর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে গত সেপ্টেম্বরে।
এ পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনিশ্চয়তার কথা শুনিয়েছেন অর্থনীতির গবেষক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা পরিচালক মঞ্জুর হোসেন। তিনি বলেছেন, ‘আমরা তো একটি বৈশ্বিক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। বৈশ্বিক অনিশ্চয়তা আছে। অর্থনৈতিক-সামাজিক সবদিক থেকেই। বিশেষ করে করোনাভাইরাস-পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধটা আমার কাছে মনে হয় এখন বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর প্রভাব বাংলাদেশেও বেশ ভালোই পড়েছে। এ থেকে আমরা কমে মুক্ত হব- সেটাই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা।’
বৃহস্পতিবার দৈনিক বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই অনিশ্চয়তার কথা বলেছেন মঞ্জুর হোসেন। সাক্ষাৎকারটি নিয়েছেন দৈনিক বাংলার বিজনেস এডিটর আবদুর রহিম হারমাছি।
দুই বছরের বেশি সময়ের করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় কেমন চলছে বাংলাদেশের অর্থনীতি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় প্রতিদিনই আশঙ্কার কথা বলছেন, অনিশ্চয়তার কথা বলছেন। খরচ কমানোর আহ্বান জানিয়ে দেশবাসীকে সতর্ক করছেন। আপনার কাছে সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে?
আমরা তো একটি বৈশ্বিক অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। বৈশ্বিক অনিশ্চয়তা আছে। অর্থনৈতিক-সামাজিক সবদিক থেকেই। বিশেষ করে করোনাভাইরাস-পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ফ্যাক্টর। বিশ্বের অর্থনীতির জন্য। এখানে রাশিয়া একদিকে, যুক্তরাষ্ট্র-ইউরোপ একদিকে হয়ে এমন একটি পর্যায়ে যাচ্ছে, যার ফলে দিন দিন সমস্যাগুলো বাড়ছে; নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। তাতে সারা বিশ্ব এর দ্বারা এফেক্টেড হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এ থেকে আমরা ব্যতিক্রম নই। কারণ একটা হচ্ছে, যে জ্বালানি তেলের উৎসগুলো অনেকটাই সেই সব দেশের ওপর নির্ভর করছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়েছে। আবার কিছুটা কমছে, আবার বাড়ছে। তেলের একটি অনিশ্চয়তা আছে।
দ্বিতীয়ত আছে খাদ্যসংকটের একটি বিষয়। যেহেতু আমাদের অনেক কিছুই আমদানি করতে হয়। তৃতীয়ত হচ্ছে, আমাদের রপ্তানির বড় বাজার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। সেসব দেশে এখন মূল্যস্ফীতি অনেক বেড়েছে; অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে। তারা হয়তো এখন তাদের কস্ট অব লিভিং কমাতে চাইবে। সেই ক্ষেত্রে আমাদের রপ্তানি কমে যেতে পারে। বিশ্বের অন্য দেশগুলোর অবস্থা যা, আমাদের অবস্থাও তা। তবে আমরা যেহেতু একটি উন্নয়নশীল দেশ, সেহেতু অভিঘাতটা আমাদের ওপর অনেক বেশি হবে অন্যান্য দেশের চাইতে।
এটি হচ্ছে মূলত প্রথম কথা; আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরাও কিছুটা কৃচ্ছ্রসাধন করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। জ্বালানি তেলকে সাশ্রয় করতে গিয়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছি। দেশের অনেক ধরনের সমস্যা হচ্ছে। উৎপাদনব্যবস্থা অনেকটা কমে গেছে। মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার যে অবস্থায় আমরা এসছিলাম গত কয়েক বছরে। বিদ্যুতে নিরবচ্ছিন্ন ছিলাম, সেখানে ব্যাঘাত ঘটেছে। এগুলো সবই কিন্তু দেশের উৎপাদনব্যবস্থার ওপর একটি প্রভাব ফেলছে। তাতে দেশের অর্থনৈতিক অগ্রগতি বা প্রবৃদ্ধি সেটার ওপর আঘাত আসছে।
সরকার চলতি অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরেছে। সেটি কি আদৌ অর্জন করা সম্ভব হবে?
এক কথায় বলতে গেলে বলতে হয়, বর্তমান বিশ্ব পেক্ষাপটে এই লক্ষ্য আসলে অর্জন করা খুবই কঠিন। বিশ্বব্যাংক বলেন বা আইএমএফ বলেন, তারা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির যে প্রক্ষেপণ সেটা আগের থেকে কমিয়ে এনেছে। আমাদের ৭ শতাংশের বেশি হওয়ার কথা ছিল, এখন সবাই বলছে ৬ শতাংশ, এমনকি আরও কমও হতে পারে। এই সবকিছুর সঙ্গে যেটা সরকার জ্বালানি তেলের মূল্য অ্যাডজাস্ট করেছে। এ ছাড়া অন্য যেসব জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তার ফলে দেশের মূল্যস্ফীতি একটা খারাপ পর্যায়ে আছে। সেটা আগস্টে ৯ দশমিক ৫ শতাংশ ছিল, সেপ্টেম্বরে এটা ৯-এর ওপরে ৯ দশমিক ১ হয়েছে। কিন্তু যেটা আমরা অনেকবার বলেছি। আমাদের গবেষণায়ও দেখেছি যে, মূল্যস্ফীতি এটাকে বলি আমরা হেডলাইনি ইনফ্লেশন। এটা গড়, এটা সবার ওপর কিন্তু ইনফ্লেশনটা হয়। প্রত্যেক ক্যাটাগরির মানুষের ওপর ইনফ্লেশনের প্রভাব আলাদা। দরিদ্র শ্রেণির লোকদের ওপর মূল্যস্ফীতির প্রভাব কিন্তু অনেক বেশি। দরিদ্র মানুষ হয়তো ১২ শতাংশ ফিল করছে। আমি হয়তো ৯ শতাংশ করছি; আরেকজন হয়তো ৭ শতাংশ ফিল করছে। কারণ এটা কনজামশন বাস্কেটের ওপর নির্ভর করে আপনি কোন জিনিসগুলো খাচ্ছেন, সেই জিনিসগুলোর দাম কেমন বেড়েছে। সেই হিসাবে এক ধরনের আঘাত তো আছেই। দ্বিতীয় হচ্ছে যে করোনাভাইরাস-পরবর্তী যেই ধরনের রিকভারির কথা ছিল; যেভাবে ঘুরে দাঁড়ানোর কথা ছিল। বিশেষ করে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী কর্মসংস্থান হচ্ছে না।
অর্থনীতির ব্যবসা-বাণিজ্য যেগুলোর মধ্যে আমরা একটি সমস্যার সম্মুখীন হয়েছি। যেহেতু বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়েছে। সে ক্ষেত্রে আমদানি ব্যয় বেড়েছে; তা ব্যবসা-বাণিজ্যের ওপরেও প্রভাব পড়েছে। তৃতীয় আরেকটি জিনিস আমাদের সবকিছুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ডলারের মুদ্রা বিনিময় হার। ডলারের মুদ্রা বিনিময় হার একটি আশঙ্কাজনক পর্যায়ে চলে গেছে। এর ফলে মূল্যস্ফীতিতে একটি বড় প্রভাব পড়েছে। আমাদের আমদানি ব্যয় বেড়ে গেছে। ডলারের যে ব্যবস্থাপনা, সেখানে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে বলে দেখা যাচ্ছে। তারা আসলে সিদ্ধান্ত নিতে পারেছে না তারা কী করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদিও পুরোপুরি মার্কেটের ওপর ছেড়ে দেয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের হাতে। যেহেতু আমাদের একটি বড় অংশ ফাটকাবাজারিতে লিপ্ত হয়ে যাই; আমাদের প্রতিষ্ঠানের ম্যাকানিজমগুলো এতটা শক্তিশালী না। সেদিক থেকে পুরোপুরি যদি আমরা মার্কেটের ওপর ছেড়ে দিই ফল আরও খারাপ হবে। কিন্তু যেটা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিজেরা কোনো সিদ্ধান্ত না নিতে পেরে ব্যাংকগুলোর ওপর নির্ভর করছিল। সেটা আরও খারাপ হয়েছে। তারা তিনটি রেট প্রপোজ করেছে। একটি রেমিটারদের জন্য, একটি এক্সপোর্টারদের জন্য আর একটি ইম্পোর্টারদের জন্য। আরও একটি আছে সাধারণ মানুষের জন্য। এখন এ ধরনের মাল্টিপোল এক্সচেঞ্জ রেট পৃথিবীতে আর কোথাও নেই। এ ছাড়া ক্রাইসিস ম্যানেজমেন্টে এটা আসলে ভালো ভূমিকা রাখে না। একটি বিনিময় হারে অবশ্যই আসতে হবে। আর এই সিদ্ধান্তটি বাংলাদেশ ব্যাংককে খুব স্ট্রংলি নিতে হবে।
এটা খুব দুঃখজনক হলেও সতি যে, বাংলাদেশ ব্যাংকে অতীতেও দেখা গেছে। পলিসি রেটখ্যাত সুদের হার ব্যাংকাররা সাজেস্ট করছে। তারপর এক্সচেঞ্জ রেট কীভাবে হবে সেটাও ব্যাংকাররা সাজেস্ট করছে। তারা হচ্ছে এন্ড ইউজার, আর এই ইউজারের ওপর যদি আমি ছেড়ে দিই পলিসি মেকিং তার ফলাফল কখনো ভালো হয় না। আমি আশা করব যে, বাংলাদেশ ব্যাংক একটি সঠিক এবং শক্ত অবস্থান নেবে। যেটা সঠিক হওয়া দরকার, সেটাই নেয়া উচিত। এ ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে। কিন্তু আমাদের একটি ইউনিফাইড এক্সচেঞ্জ রেট লাগবে।
বাংলাদেশ ব্যাংক কি ডলারের বাজার নিয়ন্ত্রণে আনতে সঠিক কাজটি করছে না? কেন্দ্রীয় ব্যাংক কি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে?
আমি তো বললাম যে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতার অভাব আছে। আমরা অনেক আগে থেকেই বলেছি যে, মুদ্রা সংকট যখন তৈরি হলো, বাংলাদেশ ব্যাংক যেভাবে ব্যবস্থাপনা করে আসছে। বিশেষ করে ৪, ৫, ১০ বছর ধরে সেটা তো তারা মেইনটেইন করতে পারবে না। ক্রাইসিস না থাকলে এই ধরনের এক্সচেঞ্জ রেট ম্যানেজ করা যেতে পারে। এতদিন তো প্রায় ফিক্সড ছিল। আসলে এক্সচেঞ্জ রেট ম্যানেজ করার বিভিন্ন পদ্ধতি আছে। অর্থনৈতিক ভিত্তিগুলোর সঙ্গে সমন্বয় করে সময়ে সময়ে ছাড় দেয়া দরকার ছিল। সেটা না করার ফলে যখন ক্রাইসিস দেখা গেল, রিজার্ভকে ধরে রাখার কথা এল, তখন এক্সচেঞ্জ রেটকে এই লেভেলের ডেপ্রিসিয়েট না করে তাদের উপায় ছিল না। এখন করার পরও দেখা গেল মার্কেটে বাংলাদেশ ব্যাংক যা রেট বলছে, সেই রেট ফলো হচ্ছে না। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি যে কন্ট্রোল ব্যাংকগুলোর ওপরে সেটার দুর্বলতা দেখা গেল। অনেক ব্যাংক বাড়তি মুনাফা করেছে এই এক্সচেঞ্জ রেট দিয়ে। ইভেন মানি এক্সচেঞ্জগুলোর ওপর কোনো কন্ট্রোল আছে বলে আমার মনে হয় না।
এটি অনেক দিনের পুঞ্জীভূত একটি সমস্য। একটি সংকটের মুখে তাদের পক্ষে এটি ব্যবস্থাপনা খুব কঠিন হয়ে পড়েছে। তার ফলে প্রপার এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট করা, প্রপার মনিটরি পলিসি ফর্মুলেশনের জন্য যে সক্ষমতা দরকার সেটা নতুন করে তো আর এখন বিল্ডআপ করা যাবে না। এখন দরকার হচ্ছে তারা প্রয়োজনে যাদের কাছ থেকে সাজেশন নেয়া দরকার বা তাদের নিজেদের যে এক্সপার্টেজ আছে সেগুলো ডেভেলপ করে, আমি মনে করি সেন্ট্রাল ব্যাংকের নিজ যোগ্যতায় নিজে সিদ্ধান্ত নেয়া উচিত। এটি ব্যাংকারদের ওপর একদমই ছেড়ে দেয়া উচিত না। তাতে করে হিতে বিপরীত হবে আসলে। আমরা এই মুহূর্তে দেখছি, ব্যবসায়ীদের চাপে হোক, যেকোনো কারণেই হোক, সুদের হার আসলে যেভাবে ফিক্স করে রাখা হয়েছে, সেটা আসলে কোনোভাবেই ডিজায়ারেবল না। বর্তমানে দেশের মূল্যস্ফীতির অবস্থা খারাপ। দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এ ক্ষেত্রে আমার সুদের হারকে ফিক্সড করে বিনিয়োগকে সুবিধা দিয়ে কার লাভ হবে।
জনগণ যখন খারাপ অবস্থায় থাকে, মূল্যস্ফীতি যখন বেশি থাকে, তখন এমপ্লয়মেন্ট রেটও বাড়তে থাকে। এই বিষয়গুলো মাথায় রেখে আসলে সিদ্ধান্ত নেয়া উচিত। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ও ফিন্যান্স ডিভিশনের একটি ভূমিকা থাকা উচিত, এক্সপার্টদেরও ভূমিকা থাকা উচিত। এ ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে, আমাদের এক্সপার্টদের মধ্যে অপিনিয়নগুলো এত বিভেদমূলক এবং এতভাবে তারা দ্বিমত পোষণ করেন যে, তাদের মতামত নিয়েও যে সেন্ট্রাল ব্যাংক একটি নির্দিষ্ট পথে চলতে পারবে, সেটা নিয়েও সমস্য। তর পরও আমি মনে করি ডায়লগটা হওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের উচিত ডায়লগ করা, সেখান থেকে তারা যেটা ভালো মনে করে সেটা তারা নিতে পারে। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো অর্থনীতিবিদের কথার ওপর সিদ্ধান্ত নেয়ার তো কোনো দরকার নেই।
সরকার বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে আটকে রাখার লক্ষ্য ধরেছে। সেটা কি সম্ভব বলে আপনি মনে করেন?
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টারটা (জুলাই-সেপ্টেম্বর) গেল। এই কোয়ার্টার দেখে বলা খুব কঠিন যে, বাংলাদেশে এই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কী হবে। আমি মনে করি যে, বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির প্রক্ষেপণ আরও রিভিশন হবে। তারা ছয় মাস পর বলবে যে আরও কমে যাবে, নয় মাস পর বলতে পারে অন্য কথা। আমাদের এক কোয়ার্টার পার হয়েছে, সেটার ভিত্তিতে আমাদের বলা হয়েছে যে এই তিন মাসের মতো করে যদি আমরা চলতে পারি তাহলে বছর শেষে আমাদের প্রবৃদ্ধি হবে ৬ শতাংশের মতো। কিন্তু আমরা এই অবস্থায় চলতে পারব কি না, সেটা নির্ভর করছে অনেক কিছুর ওপর।
তবে আমি মনে করি, এই মুহূর্তে আমাদের জিডিপি প্রবৃদ্ধি কত হবে, সেটার দিকে বেশি মনোযোগ না দিয়ে মূল্যস্ফীতি কীভাবে আমরা সহনীয় রাখতে পারি, সেটা নিয়েই সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের বেশি কাজ করা উচিত। আমার মনে হয়, এটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা বাজারে গেলে দেখতে পাই যে, জিনিসপত্রের মূল্য কীভাবে আকাশচুম্বী ধারণ করছে, সেদিক থেকে সরকারের অনেকগুলো করণীয় আছে। একটি হচ্ছে, মূল্যস্ফীতি কমানো বা সহনীয় করার জন্য পলিসিগত কিছু দ্রুত করা দরকার। সেগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংক যেগুলো নিয়েছে সুদের হার বাড়ানো, ইম্পোর্ট কিছুটা কমানো, এর বাইরে ফিসক্যাল কিছু মেজার আছে। যেমন- জনগণকে সহায়তা দেয়া। বর্তমানে এক কোটি লোককে ১৫ টাকা দরে চাল দেয়া হচ্ছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানো। যেটাকে আমরা বলি ফিসক্যাল ট্রান্সফার; এ ছাড়া ওপেন মার্কেট সেলস আরও বেশি পরিমাণে বাড়াতে হবে। টিসিবির মাধ্যমে যেটা দেয়া হয়, সেটা যথেষ্ট না। সেটা যদি আরও বেশি আকারে বাড়ানো হয়, তাহলে সাধারণ জনগণ আরও বেশি আকারে মূল্যস্ফীতির আঘাতটিকে সয়ে যেতে পারবে।
দ্বিতীয় পন্থা হচ্ছে- যাদের ফিক্সড সেলারি, তাদের কাছ থেকে কিন্তু দাবি আসা শুরু হয়েছে যেন তাদের বেতনটা বাড়ানো হয় এবং সেটা হয়তো করতে হতে পারে সামনে। যাদের একটি স্থির আয় আছে বা নিম্ন আয় আছে, তাদের পক্ষে কিন্তু মূল্যস্ফীতিকে মোকাবিলা করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই কাজগুলো করতে গেলে সরকারের কিন্তু ব্যয় বেড়ে যাবে। ব্যয় যদি বাড়ানো হয়, সে ক্ষেত্রে জিডিপি গ্রোথ হয়তো আরেকটু কম হতে পারে। সেটাও মন্দ হয় না। যদি আমাদের ৫ দশমিক ৫ শতাংশও প্রবৃদ্ধি হয়, তাহলেও ভালো বলে আমি মনে করি। একদিকে মূল্যস্ফীতি কমানোর পলিসিগত পদক্ষেপগুলো যথাযথ হওয়া দরকার, অন্যদিকে মূল্যস্ফীতি যাতে সাধারণ জনগণকে বিপদে ফেলতে না পারে সরকারের দায়িত্ব সাধারণ জনগণকে সহায়তা দেয়া। সেটা পণ্য দিয়েও হতে পারে অথবা টাকা দিয়েও হতে পারে।
আরেকটি হচ্ছে যাদের সেলারি ফিক্সড তাদের সেলারি রিভাইস করতে হবে। সে ক্ষেত্রে সরকারের বাজেট বেড়ে যাবে। অন্যান্য খাতে ব্যয় কমাতে পারে। এটি একটি জটিল পরিস্থিতি, ম্যানেজ করার মতো, ব্যালান্স করার মতো ক্যাপাসিটি সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের কতটুকু আছে আমরা জানি না। এতদিন আমাদের ম্যাক্রো ইকোনমিকস স্টাবিলিটি খুব ভালো ছিল। ব্যবস্থাপনায় কোনো সমস্যা হয়নি। আগে এ রকম কোনো বৈশ্বিক সংকটের মোকাবিলা আমরা করিনি। এই ধরনের সংকট মোকাবিলার জন্য সব ধরনের ব্যালান্স করে আমরা এগোতে পারি কি না। সেটা এখন দেখার বিষয়।
নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আগের মতো যদি দেশে হরতাল-অবরোধের মতো সহিংস রাজনৈতিক পরিস্থিতি হয়, তাহলে এই সংকটের সময় অর্থনৈতিক পরিস্থিতি কেমন হবে বলে আপনি মনে করেন?
সেই আশঙ্কা আছে। তবে বৈশ্বিক সংকট মোকাবিলায় একটি রাজনৈতিক সমঝোতা দরকার। যাতে আমরা সবাই মিলে একভাবে সেটা মোকাবিলা করতে পারি। জনগণের যাতে ক্ষতি না হয়। জনগণের কল্যাণ যাতে ব্যাহত না হয়, সবার এ বিষয়ে একমত হওয়া উচিত। এমন কোনো রাজনৈতিক পদক্ষেপ এখন নেয়া ঠিক হবে না ‘মড়ার উপর খাঁড়ার ঘায়ের’ মতো অবস্থা হয়। সেদিক থেকে সরকার এবং বিরোধী দল যারা আছে আমাদের আশা থাকবে তারা কিছু জাতীয় ইস্যুতে একমত হয়ে এই সময়টা পার করবেন, যাতে সব ধরনের একটি স্থিতিশীলতা বজায় থাকে। কীভাবে এই সময়টা পার করা যায়, কারণ আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি। আবার যদি দেশীয় সংকট তৈরি হয়, সেটা আমাদের অর্থনীতির জন্য খুব ক্ষতিকর হবে।
ডলারসংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের আর কী করা উচিত বলে আপনি মনে করেন?
আমি মনে করি এই সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের উচিত দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, গবেষণা সংস্থাগুলোর মতামত নিয়ে সিদ্ধান্ত নেয়া। কিন্তু আলোচনার বিষয়টি পুরোপুরি অনুপস্থিত। আলোচনা করতে তো অসুবিধা নেই। সিদ্ধান্ত আপনারাই নেন। আপনি আলোচনার টেবিলে সবাইকে নিয়ে আসেন। তাদের সঙ্গে আলোচন করেন। কারণ সংকটকালীন সময়টা সাধারণ সময় থেকে আলাদা। সুতরাং সেই সময়টাকে ম্যানেজ করতে হলে দূরদর্শিতার সঙ্গে করতে হবে।
আমাদের দেশে রাশিয়ান সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের মতো গভর্নর হয়তো নেই। আমাদের দেশে আমেরিকার ফেডারেল রিজার্ভের মতো গভর্নরের মতো গভর্নর হয়তো নেই। আমাদের যে রিসোর্স আছেন। সেন্ট্রাল ব্যাংকে যদি না থাকে বাইরে যারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করতে পারেন। তাই বলে শুধু ব্যাংকারদের সঙ্গে আলোচনা করে নীতি সিদ্ধান্ত নেয়াটা যৌক্তিক না। পার্সোনালি যদি কারও সঙ্গে আলোচনা হয়ে থাকে সেটা যথেষ্ট নয়। মুক্ত আলোচনা হওয়া উচিত, আসলে দেশের অর্থনীতি কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে। যেখানে মতপার্থক্য থাকবে, সেখানে পর্যালোচনা করে কেন্দ্রীয় ব্যাংক একটি সিদ্ধান্ত নিতে পারে।
এটা হচ্ছে এক দিকের কথা। এর বাইরে আমরা যে সমস্যাগুলো দেখছি, আমাদের আমদানি বাড়ছে আবার কমছে- এগুলো নির্ভর করছে পশ্চিমা বিশ্বের অর্থনীতির ওপরে। আমরা একটিমাত্র পণ্য রপ্তানি করি, সেটাও পশ্চিমাদের সঙ্গে। পশ্চিমারা কিন্তু একটি যুদ্ধের মধ্যে আছে। সেটা হয়তো তারা সামাল দিতে পারবে। কিন্তু আমাদের অর্থনীতি ধসে যাবে যদি আমাদের রপ্তানি বন্ধ হয়ে যায়। আমরা মার্কেট ডাইভারসিফিকেশন করতে পারিনি, প্রডাক্ট ডাইভারসিফিকেশন করতে পারিনি।
সামনের দিনগুলো কেমন হবে বলে আপনি মনে করেন?
সামনের দিনগুলো কেমন হবে, সেটা অনেকটাই নির্ভর করছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ওপরে। যুদ্ধ যদি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যায়, তাহলে তো কথাই নেই। খুবই অবস্থা খারাপ। আর এটা বর্তমান অবস্থায় যদি লিংগার করতে থাকে এবং সামনে শীত আসছে সামনে ইউরোপকে যদি রাশিয়া গ্যাস তেল বন্ধ করে দেয়, সেখানে ইউরোপে একটি সংকট তৈরি হতে পারে। এই সংকটের চাপ কিন্তু আমাদের দিকে লাগবে। পোশাক রপ্তানির একটি বড় মার্কেট ইউরোপিয়ান ইউনিয়ন। ওপেক বলছে, তেলের দাম কমিয়ে দেবে। তেলেন দাম বৃদ্ধির একটি সম্ভাবনা আছে। সবকিছু মিলিয়ে আমি খুব একটি আশাবাদী হওয়ার মতো অবস্থা দেখছি না।
আপনার কাছে শেষ প্রশ্ন। এই যে আপনি অর্থনীতিতে চ্যালেঞ্জ, সংকট বা চাপের কথাগুলো বলছেন। এগুলো মোকাবিলা করতে এই মুহূর্তে আমাদের কী কী করা দরকার বলে আপনি মনে করেন?
আমাদের মূল্যস্ফীতি এখন ৯ শতাংশের ওপর। এ অবস্থায় বাজারে টাকার সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হবে। আর সে ক্ষেত্রে নয়-ছয় সুদের হার থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে। দুটিই বাড়াতে হবে। অর্থাৎ ব্যাংকঋণের সুদের হার যেটা এখন ৯ শতাংশ বেঁধে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক, সেটা ১২ শতাংশে নিয়ে যাওয়া যেতে পারে। আর আমানতের সুদের হার যেটা ৬ শতাংশ আছে, সেটা ৯ শতাংশে নিয়ে যাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে আমি সরাসরি বলতে চাই, নয়-ছয় সুদের হার থেকে বারো-নয় সুদের হার বেঁধে দিতে পারে বাংলাদেশ ব্যাংক। পরামর্শ বলেন আর দাবিই বলেন- এ বিষয়টি আমি কেন্দ্রীয় ব্যাংকের কাছে জোরালোভাবে উপস্থাপন করছি।
এখানে একটি বিষয় আলোচনায় আসতে পারে যে, নয়-ছয় সুদের হার তো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে করা হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, তখনকার পেক্ষাপট আর এখনকার পেক্ষাপট একেবারেই আলাদা। তখন দেশে মূল্যস্ফীতির হার ছিল ৬ শতাংশের নিচে। আর এখন ৯ শতাংশের ওপর।
এখন কেন্দ্রীয় ব্যাংককে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীকে আগে বলা হয়েছিল সুদের হার নয়-ছয় থাকলে ভালো হবে। প্রধানমন্ত্রী তখন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এখন যদি এটা বোঝানো যায় যে, এটা বাড়ালেও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে না বরং বড় অংশে দেশের জন্য ভালো হবে। তাহলে নিশ্চয় সেটা উনি সিদ্ধান্ত নিতে পারবেন। প্রধানমন্ত্রী তো এককভাবে সিদ্ধান্ত নেন না, ওনার বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান বা যারা পলিসি মেকার আছেন, তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তগুলো যাতে তথ্যনির্ভর হয়, তখন ওনাকে বোঝানো গেলে তাহলে ওনার পক্ষে হয়তো সিদ্ধান্ত ভালোভাবে দেয়া সম্ভব হবে। আমরা আশা করব, প্রধানমন্ত্রী হয়তো এ ধরনের একটি ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গাটা চিন্তা করবেন এবং অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত নেবেন।
এখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আরও একটি অনুরোধ করব। এই কঠিন সংকট মোকাবিলার জন্য তিনি একটি হাই প্রোফাইল কমিটি তৈরি করবেন দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে। এটা মন্ত্রিপর্যায়ে হতে পারে, সচিব পর্যায়ে হতে পারে। অর্থনীতিবিদরা সেখানে থাকতে পারেন, ব্যবসায়ীরা থাকতে পারেন। এটি হয়তো ভালো কাজ করতে পারে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে হতে পারে। সেটা যদি হয় আরও ভালো হবে। সেই কমিটির পরামর্শে সংকট মোকাবিলায় সিদ্ধান্তগুলো নেয়া হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রধানমন্ত্রী বসতে পারেন। কারণ তারা অতিরিক্ত বাড়াবাড়ি করে যদি দেশের অবস্থা খারাপ করে ফেলে তাহলে তো সমস্যা আরও বাড়বে। এই জায়গাগুলোতে তো কাজ আছেই। আমরা অর্থনীতিবিদরা তো শুধু বলতে পারি কী করতে হবে, দায়িত্বটা সরকারকেই নিতে হবে। সিদ্ধান্তটাও সরকারকেই নিতে হবে।
ব্যাংকিং সুবিধা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের দেশব্যাপী বিস্তার ঘটলেও দেশের একটি বিশাল জনগোষ্ঠী এখনো প্রাতিষ্ঠানিক আর্থিক কাঠামোর আওতার বাইরে অবস্থান করছে। প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৩৫ দশমিক ৫ শতাংশ অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে ৩৫ জনেরও বেশি নাগরিকের কোনো ধরনের আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানে প্রবেশাধিকার নেই। সেবা গ্রহণের ক্ষেত্রে নারী ও পুরুষের মাঝে ব্যাপক ব্যবধান বিরাজ করার পাশাপাশি ভৌগোলিক বিবেচনায় সবচেয়ে পিছিয়ে রয়েছে সিলেট বিভাগ। এছাড়া ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বিশাল অঙ্কের মূলধন ছাড় হলেও নারী উদ্যোক্তাদের প্রাপ্তি একেবারেই নগণ্য বলে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, দেশে ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের মাঝে সামগ্রিক আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫ শতাংশ। ব্যাংক, এমএফএস, ক্ষুদ্রঋণ, বিমা কিংবা পুঁজিবাজারের অন্তত একটি সংস্থায় নিজস্ব হিসাব থাকাকেই এ অন্তর্ভুক্তির মানদণ্ড হিসেবে ধরা হয়েছে।
আর্থিক সেবার অসম বণ্টন নিয়ে খাত-সংশ্লিষ্টরা বলছেন, 'দেশে শে আর্থিক অন্তর্ভুক্তির হার বাড়লেও এর সুফল এখনো সমানভাবে সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছায়নি। বিশেষ করে নারী, ক্ষুদ্র উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ব্যাংকঋণ এবং আনুষ্ঠানিক আর্থিক সেবা পাওয়ার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। শুধু ব্যাংক হিসাব খোলা কিংবা মোবাইল আর্থিক সেবার হিসাবের সংখ্যা বাড়ালেই প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে না। এসব হিসাবের মাধ্যমে নিয়মিত লেনদেন, সঞ্চয়, বিনিয়োগ ও ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।' প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুরুষদের মাঝে অন্তর্ভুক্তির হার ৬৯ দশমিক ৫ শতাংশ হলেও নারীদের ক্ষেত্রে তা ৬০ দশমিক ৯ শতাংশে সীমিত। বিভাগীয় পর্যায়ে রাজধানী ঢাকায় অন্তর্ভুক্তির হার সর্বোচ্চ ৬৭ দশমিক ৭ শতাংশ হলেও সিলেট বিভাগে তা নেমে এসেছে মাত্র ৫৪ দশমিক ৯ শতাংশে, যা জাতীয় গড় থেকে বেশ নিচে।
শিক্ষা ও বয়সের সঙ্গে আর্থিক সেবা ব্যবহারের সুস্পষ্ট যোগাযোগ প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে; প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষের অন্তর্ভুক্তির হার ৫৫ শতাংশ হলেও উচ্চশিক্ষিতদের বেলায় তা প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে। বয়সের ক্ষেত্রে ৩৫ থেকে ৪৪ বছর বয়সীরা এ সেবায় সবচেয়ে বেশি এগিয়ে। এদিকে ব্যাংকে নারীদের আমানত হিসাবের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে ৬ কোটি ৪১ লাখে দাঁড়ালেও ঋণ সুবিধার ক্ষেত্রে চরম অসমতা দৃশ্যমান। ব্যাংকগুলোর মোট ঋণগ্রহীতাদের মধ্যে নারীর হিস্যা মাত্র ১৮ দশমিক ৬ শতাংশ। তবে ব্যাংকে পিছিয়ে থাকলেও ক্ষুদ্রঋণ খাতে নারীদের একচ্ছত্র প্রভাব রয়েছে, যেখানে মোট ঋণগ্রহীতার ৯১ শতাংশই নারী।
মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে ধারাবাহিক সম্প্রসারণ ঘটে ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ মোট হিসাবের সংখ্যা ২৫ কোটি ২ লাখ ছাড়িয়েছে এবং বছরজুড়ে মোট লেনদেনের আর্থিক মূল্য প্রায় ২২ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখছে এজেন্ট ব্যাংকিং, যার ২০ হাজার ৫০০ আউটলেটের সাড়ে ৮৫ শতাংশই প্রত্যন্ত গ্রামাঞ্চলে পরিচালিত হচ্ছে। এছাড়া জাতীয় অর্থনীতিতে কর্মসংস্থান তৈরিকারী সিএমএসএমই খাতে প্রায় সাত লাখ কোটি টাকার ঋণ ছাড় হলেও নারী উদ্যোক্তাদের ঝুলিতে গেছে মাত্র ৫২ হাজার ৮৪০ কোটি টাকা, যা মোট তহবিলের মাত্র ৭ দশমিক ৫ শতাংশ। পুঁজিবাজার ও বিমা খাতে সাধারণ মানুষের সম্পৃক্ততা এখনো সীমিত এবং ডিজিটাল লেনদেনে সাধারণের অনীহা ও তথ্যের অভাব একটি বড় অন্তরায় হিসেবে দেখা দিয়েছে। জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের ৭৬ শতাংশ লক্ষ্য অর্জিত হলেও সেবাগ্রহীতাদের আস্থা ও আর্থিক সাক্ষরতার ঘাটতি দূর করা এখনও প্রধান চ্যালেঞ্জ।
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে মূল্যের ঊর্ধ্বগতি রুখতে আমদানি নীতিতে বিশেষ ছাড় প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা মোতাবেক, চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম তেলসহ ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর—এই ১১ ধরনের অপরিহার্য খাদ্যপণ্য সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে অর্থাৎ বাকিতে আমদানি করা যাবে। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত সব ডিলার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে স্পষ্ট করা হয়েছে যে, আমদানিকারকরা আন্তর্জাতিক বাণিজ্য পদ্ধতি অনুযায়ী সাপ্লায়ার্স ক্রেডিট কিংবা বায়ার্স ক্রেডিটের আওতায় পণ্যগুলো দেশে আনার সুযোগ পাবেন। এর ফলে বিদেশি বিক্রেতা প্রতিষ্ঠান সরাসরি নির্দিষ্ট মেয়াদের জন্য বাকিতে পণ্য সরবরাহ করতে পারবে, অথবা বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সহায়তায় পণ্যের মূল্য পরিশোধ করে পরবর্তীতে আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে দায় পরিশোধ করবেন। আমদানি সহজীকরণে নেওয়া এই বিশেষ সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বাণিজ্য সংশ্লিষ্টদের মতে, তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ অর্থ সংস্থানের বাধ্যবাধকতা শিথিল হওয়ায় আমদানিকারকদের আর্থিক চাপ অনেকটাই লাঘব হবে। ব্যবসায়ীরা নির্ধারিত মেয়াদের মধ্যে পণ্য দেশে এনে বাজারে বিক্রয় করার পর আমদানিমূল্য পরিশোধের সুযোগ পাওয়ায় বাজারে জোগান বৃদ্ধি পাবে এবং পণ্যমূল্য সহনশীল রাখতে তা কার্যকর ভূমিকা রাখবে। কেন্দ্রীয় ব্যাংক সকল অনুমোদিত ব্যাংককে তাদের আমদানিকারক গ্রাহকদের অবিলম্বে বিষয়টি অবহিত করার নির্দেশ প্রদান করেছে এবং আমদানি সংক্রান্ত অন্যান্য বিদ্যমান শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করেছে।
একসময় দেশের অর্থনীতির অন্যতম প্রধান রপ্তানি পণ্য পাটের সুদিন ফিরতে শুরু করেছে। বিশ্ববাজারে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক তন্তুর তৈরি পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ২৭৭ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ দশমিক ৩৭ মিলিয়ন ডলারে। অর্থাৎ, চার মাসে রপ্তানি আয় বেড়েছে ৬৯ মিলিয়ন ডলার বা ২৪ দশমিক ৮৮ শতাংশ।
পণ্যভিত্তিক হিসেবে কাঁচা পাট রপ্তানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। গত অর্থবছরের প্রথম চার মাসে কাঁচা পাট রপ্তানি থেকে আয় হয়েছিল ৩৩ দশমিক ২১ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৫৩ দশমিক ৯৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬২ দশমিক ৪২ শতাংশ।
পাট খাতের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশ আসছে পাট সুতা ও টুইন থেকে। গত অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এ পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ১৬৫ দশমিক ৭০ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ২১৬ দশমিক ৫৪ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ৩০ দশমিক ৬৮ শতাংশ। তবে চট ও থলে রপ্তানি আয় ৫৭ দশমিক ৭২ মিলিয়ন ডলার থেকে কমে ৫৩ দশমিক ৪৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, অন্যান্য পাটজাত পণ্যের রপ্তানি আয় ২০ দশমিক ৭৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২২ দশমিক ৪৬ মিলিয়ন ডলার হয়েছে।
বিশ্ববাজারে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ, প্যাকেজিং সামগ্রী, গৃহসজ্জার উপকরণ, কারিগরি বস্ত্র ও ফ্যাশন পণ্যের চাহিদা বাড়ছে। পাশাপাশি পাটকাঠি থেকে উৎপাদিত চারকোলসহ বহুমুখী পণ্যেরও আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা তৈরি হয়েছে। এসব পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারলে প্রচলিত পাটপণ্যের পাশাপাশি নতুন নতুন খাত থেকেও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।
এ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ২০২৬-২০৩১ মেয়াদি পাঁচ বছরব্যাপী ‘বাংলাদেশ পাট খাত উন্নয়ন কৌশল ও কর্মপরিকল্পনা’ গ্রহণের উদ্যোগ নিয়েছে। এর অন্যতম লক্ষ্য ২০৩১ সালের মধ্যে পাট ও পাটজাত পণ্যের বার্ষিক রপ্তানি আয় ১ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। এ জন্য কাঁচা পাটের বার্ষিক উৎপাদন ১ কোটি ১৫ লাখ বেল থেকে বাড়িয়ে ১ কোটি ২০ লাখ বেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পাটবীজের চাহিদার ৮৫ থেকে ৯০ শতাংশ দেশেই উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনায় পাটজাত পণ্যের বহুমুখীকরণ ও মূল্য সংযোজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে মোট পাটপণ্য রপ্তানির প্রায় ৪৫ শতাংশ মূল্য সংযোজিত পণ্য থেকে আসে। ২০৩১ সালের মধ্যে এ হার ৭০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে জিওটেক্সটাইল, পরিবেশবান্ধব প্যাকেজিং, হোম ফার্নিশিং, কারিগরি বস্ত্র ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্যের মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৪ হাজার ৭৫০ কোটি টাকা।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বলেন, তৈরি পোশাকশিল্পের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যসহ অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। সরকার বাংলাদেশকে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করতে চায়। এ লক্ষ্য অর্জনে সম্ভাবনাময় শিল্প খাতগুলোর সক্ষমতা বাড়ানো, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করীম মুন্না রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বলেন, পাট রপ্তানি, বিশেষ করে কাঁচা পাট রপ্তানি বৃদ্ধি এ খাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তবে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। পাটের বহুমুখী ব্যবহার ও উচ্চমূল্যের পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়ানো গেলে এ খাতের বার্ষিক রপ্তানি আয় ২ থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে গবেষণা ও পণ্য উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় নীতি সহায়তা নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারের একটি সুপরিকল্পিত কৌশলগত কর্মপরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে গবেষণা ও পণ্য উন্নয়নে একটি বিশেষায়িত সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা জরুরি। এ কেন্দ্র থেকে উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের নকশা, গুণগত মান ও উৎপাদনপ্রযুক্তি উন্নয়নে কারিগরি সহায়তা পাবেন। এতে নতুন পণ্য উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।
স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে অনন্য বিনিয়োগ সহায়ক সংস্থা হিসেবে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে ইনভেস্ট বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর বৈশ্বিক জোট ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজের (ওয়াইপা) আয়োজিত ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং এলডিসি ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি’ বিভাগে এ বিশেষ স্বীকৃতি লাভ করে সংস্থাটি। জেনেভায় চলমান ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। আন্তর্জাতিক স্বাধীন বিচারকমণ্ডলীর নিরপেক্ষ মূল্যায়নে স্বল্পোন্নত রাষ্ট্রসমূহের মধ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ সহজীকরণে গৃহীত নানামুখী রূপান্তরমূলক সংস্কার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের ৫৫ কোটি মার্কিন ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ার সুবাদেই সংস্থাটি এই বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। ২০৩০ সালের মধ্যে চালু হতে যাওয়া সম্পূর্ণ বিদ্যুৎচালিত এই অত্যাধুনিক টার্মিনাল কার্যকর হলে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা শতকরা প্রায় চুয়াল্লিশ ভাগ বৃদ্ধি পাবে। এই সম্মানজনক অর্জন প্রসঙ্গে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘এসব সংস্কারে সমর্থন দেওয়ার জন্য সরকারকে, সংস্কারগুলো বাস্তবায়নে সহযোগিতার জন্য আমাদের অংশীদারদের এবং বিনিয়োগকারীদের আরও ভালো ও দ্রুত সেবা দেওয়ার পরিবেশ গড়ে তুলতে অবদান রাখা ইনভেস্ট বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানাই। এই স্বীকৃতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার অর্জন।’
২০২৫ সালে দেশে কার্যকর বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দেশি-বিদেশি প্রায় দুই শতাধিক শিল্পোদ্যোক্তার সঙ্গে নিবিড় আলোচনার পর বেশ কিছু নীতিগত সংস্কার বাস্তবায়ন করা হয়। এর অংশ হিসেবে আংশিক রপ্তানিকারকদের বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ, বিদেশি বিশেষজ্ঞদের নিরাপত্তা ছাড়পত্র প্রদানের প্রক্রিয়াটি ডিজিটাল ব্যবস্থাপনায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্নকরণ এবং বিদেশি ঋণ গ্রহণ ও মূলধনি অর্থ প্রত্যাবাসন সহজ করা হয়। এছাড়া ইয়ংওয়ানসহ শীর্ষস্থানীয় বৃহৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত জটিলতা দূর করতে বিশেষ দূত বা ‘অ্যাম্বাসেডর কর্মসূচি’ পরিচালনার পাশাপাশি এফডিআই হিটম্যাপের সাহায্যে অগ্রাধিকারপ্রাপ্ত উনিশটি খাতকে সুনির্দিষ্ট করা হয়।
এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চ মাসে ১৮০ দিনের একটি বিশেষ বিনিয়োগ কর্মপরিকল্পনা প্রণয়ন করে সংস্থাটি, যার অগ্রগতি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। একই সময়ে বিভিন্ন সংস্থার কার্যক্রমকে একীভূত করে প্রাতিষ্ঠানিক পুনর্বিন্যাসের মাধ্যমে একক শক্তিশালী কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হয় ইনভেস্ট বাংলাদেশ, যার ফলে অর্থনৈতিক অঞ্চল ও পিপিপি প্রকল্পের মতো সামগ্রিক বিনিয়োগ ব্যবস্থাপনা এক ছাতার নিচে চলে আসে। এর সুপ্রভাবে ২০২৫ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রায় ৩৯ শতাংশ বৃদ্ধি পায়। বর্তমানে সংস্থাটি বিভিন্ন দেশ ও খাত থেকে প্রস্তাবিত প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগকে দৃশ্যমান উৎপাদনে রূপ দিতে নিবিড় তদারকি চালিয়ে যাচ্ছে, যা বাংলাদেশকে একটি কার্যকর আঞ্চলিক উৎপাদনকেন্দ্রে পরিণত করার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে।
চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসের টানা দরপতনের ধাক্কা সামলে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের পুঁজিবাজারে জোরালো উত্থান পরিলক্ষিত হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ সিকিউরিটিজের মূল্যবৃদ্ধির পাশাপাশি প্রধান মূল্যসূচকগুলোর বড় উল্লম্ফন ঘটেছে। একই সঙ্গে ঢাকার বাজারে বিগত ২৭ কার্যদিবস অর্থাৎ এক মাসের মধ্যে সর্বোচ্চ আর্থিক লেনদেনের রেকর্ড তৈরি হয়েছে।
এদিন সকালের দিকে লেনদেন শুরু হতেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বাড়তে শুরু করে, যার ফলে সূচকে স্পষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতা দৃশ্যমান হয়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রেতাদের জোরালো সক্রিয়তায় এই চাঙ্গাভাব বজায় ছিল এবং শেষভাগে এসে শেয়ার কেনার চাপ আরও বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে দরবৃদ্ধির তালিকা যেমন ব্যাপক বিস্তৃত হয়েছে, তেমনি বড় ধরনের সূচক বৃদ্ধির মধ্য দিয়েই ইতিবাচকভাবে দিনের লেনদেন সমাপ্ত হয়।
ডিএসইতে দিনশেষে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৪টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, দর হারিয়েছে ৬৮টি এবং ৫২টির দর অপরিবর্তিত ছিল। শ্রেণিভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, অন্তত ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেওয়া ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির দর বাড়ার বিপরীতে কমেছে মাত্র ২৯টির। এছাড়া মাঝারি মানের প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির দাম বাড়লেও কমেছে ৮টির। এমনকি বিনিয়োগকারীদের নিয়মিত মুনাফা দিতে ব্যর্থ ‘জেড’ শ্রেণিভুক্ত দুর্বল কোম্পানিগুলোর মধ্যেও ৬৫টির শেয়ারদর বেড়েছে এবং দরপতন হয়েছে ৩০টির। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতের সাতটি ফান্ডের দর বৃদ্ধির বিপরীতে নয়টির দরহ্রাস ঘটেছে। বেশিরভাগ কোম্পানির মূল্যবৃদ্ধির ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট লাফিয়ে ৫ হাজার ৪৩৬ পয়েন্টে উন্নীত হয়েছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৩ পয়েন্টে স্থিতি পেয়েছে।
সূচকের বড় উত্থানের সাথে তাল মিলিয়ে ডিএসইতে লেনদেনের গতিও বেড়েছে। বাজারটিতে দিনশেষে লেনদেন দাঁড়িয়েছে ৬৫৮ কোটি ৫০ লাখ টাকায়, যা আগের কার্যদিবসের চেয়ে ৩ কোটি ৮০ লাখ টাকা বেশি। এর মাধ্যমে গত ১ অক্টোবরের পর থেকে ঢাকার বাজারে এটিই সর্বোচ্চ লেনদেনের নজির হিসেবে দেখা গেল। এই লেনদেনে মুখ্য ভূমিকা পালন করে শাহজিবাজার পাওয়ার, যার একক শেয়ার হাতবদল হয়েছে ২৮ কোটি ৭০ লাখ টাকার। এছাড়া ইভিন্স টেক্সটাইলে ১৬ কোটি ৩৪ লাখ এবং শাহিনপুকুর সিরামিকে ১৩ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়। লেনদেনের শীর্ষ তালিকায় অন্যান্য সক্রিয় প্রতিষ্ঠানের মধ্যে ছিল এনভয় টেক্সটাইল, ডরিন পাওয়ার, কর্ণফুলি ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও বেক্সিমকো। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অংশ নেওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দর বাড়ার বিপরীতে ৪০টির দাম কমেছে। এর ফলে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়েছে এবং সেখানে মোট ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আগামী বছরের ১ জুলাই থেকে সকল প্রকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্কের অর্থ সরকারি এ-চালান পদ্ধতির মাধ্যমে পরিশোধ করা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। তবে সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের নতুন এই ডিজিটাল ব্যবস্থায় সহজে রূপান্তরের সুবিধার্থে আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত প্রচলিত সনাতনী রীতির পাশাপাশি এ-চালান ব্যবস্থার দ্বৈত সুবিধা কার্যকর থাকবে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক সম্প্রতি জারিকৃত এই বিশেষ প্রজ্ঞাপনের বিস্তারিত তুলে ধরা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯’-এর ১১এ ধারা এবং ‘দ্য স্ট্যাম্প ডিউটিজ অ্যাক্ট, ১৯৭৪’-এর ২(১) ধারার ক্ষমতাবলে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের অর্থ আদায়ে সার্বজনীন এ-চালান ব্যবস্থা চালুর এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উদ্দেশ্যে সেবাগ্রহীতাদের সরকারের নির্দিষ্ট এ-চালান ওয়েবসাইট www.achallan.gov.bd ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনানুযায়ী, এ-চালানে শুল্ক পরিশোধ করে যে কোনো নিবন্ধনযোগ্য দলিল তৈরির জন্য সাধারণ কাটিজ পেপার ব্যবহার করতে হবে। পরবর্তীতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনের আনুষ্ঠানিক পেশের সময় শুল্ক আদায়ের প্রমাণস্বরূপ এ-চালানের রসিদের মুদ্রিত অনুলিপি সংযুক্ত করতে হবে এবং দলিলের প্রথম পাতায় সেই চালান নম্বরটি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
একইভাবে বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্কের অর্থ এ-চালানের মাধ্যমে জমা দিয়ে তার মুদ্রিত রসিদ মূল পলিসির নথির সঙ্গে যুক্ত করার নিয়ম করা হয়েছে। বিমার ক্ষেত্রে এ-চালানের রসিদে সংশ্লিষ্ট পলিসির সুনির্দিষ্ট পরিচিতি নম্বর এবং বিমা দলিলের প্রথম পৃষ্ঠায় চালানের রেফারেন্স নম্বর লিখে রাখা আবশ্যক। অন্যদিকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে একযোগে একাধিক ব্যক্তি বা সংস্থার পক্ষে যৌথভাবে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এমন ক্ষেত্রে যাদের অনুকূলে অর্থ জমা হবে, তাদের প্রত্যেকের নাম এবং প্রযোজ্য ভিত্তিতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), জাতীয় পরিচয়পত্র নম্বর, ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) কিংবা হালনাগাদ ট্রেড লাইসেন্স নম্বর উল্লেখ করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড প্রত্যাশা করছে যে, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় এ-চালান পুরোদমে কার্যকর হলে কাগুজে স্ট্যাম্পের ছাপানো, সংরক্ষণ এবং সারা দেশে বণ্টনের দীর্ঘমেয়াদি সরকারি ব্যয়ভার বহুলাংশে কমে আসবে। এর পাশাপাশি স্থানীয় পর্যায়ে স্ট্যাম্প বিক্রি ও বিতরণের জন্য যে বিপুল পরিমাণ বিক্রয় কমিশন প্রদান করতে হতো, তা হ্রাস পেয়ে রাষ্ট্রীয় কোষাগারের বড় অঙ্কের অর্থের সাশ্রয় নিশ্চিত হবে।
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো ইউটিলিটি সংকটে যাতে নতুন কলকারখানার বাণিজ্যিক উৎপাদন বিলম্বিত না হয়, সেজন্য জমি হস্তান্তরের পূর্বেই সংশ্লিষ্ট পরিষেবাগুলোর বাস্তব চাহিদা যাচাই করার উদ্যোগ নিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। সম্ভাব্য শিল্প ইউনিটগুলোর নির্মাণকাজ চলাকালীন সময়ের মধ্যেই যেন যাবতীয় সেবামূলক অবকাঠামো পুরোপুরি প্রস্তুত রাখা যায়, সেই লক্ষ্য নিয়েই কাজ করছে সংস্থাটি। ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী গণমাধ্যমকে জানান, কারখানাগুলোর ভৌত অবকাঠামো প্রস্তুত হওয়ার সাথে সাথেই যেন তারা সব ধরনের সংযোগ সুবিধা পেতে পারে, তা নিশ্চিত করতেই জমি বরাদ্দ পাওয়া উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "যেসব বিনিয়োগকারীর কাছে আমরা জমি হস্তান্তর করছি, তাদের সবার কাছ থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানির চাহিদার প্রাক্কলন সংগ্রহ করছি।" তিনি আরও উল্লেখ করেন, কারখানা নির্মাণে যে স্বাভাবিক সময় লাগে, সেই সময়সীমাতেই প্রয়োজনীয় সংযোগ লাইনগুলো প্রস্তুত রাখা সম্ভব হলে নির্মাণকাজ শেষ হওয়ার পর আর পরিষেবা সংকটের অজুহাতে উৎপাদন পেছাবে না।
এই সমন্বিত পরিকল্পনার মধ্যেই সম্প্রতি অর্থনৈতিক অঞ্চলটিতে মোট ৩৯ দশমিক ৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচটি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানকে। এসব প্রকল্পে উদ্যোক্তারা প্রায় ১০ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার বিনিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন, যা সফলভাবে বাস্তবায়িত হলে অন্তত ৬ হাজার ৭১৪ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর অংশ হিসেবে গত ১৮ অক্টোবর অর্থনৈতিক অঞ্চলের নিজস্ব সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে র্যানকন লুব্রিক্যান্টস লিমিটেড, হামকো করপোরেশন লিমিটেড, অপটিমাপ্লাস্ট লিমিটেড, স্যাভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে জমি হস্তান্তরের প্রত্যয়নপত্র হস্তান্তর করা হয়।
বরাদ্দকৃত জমির মধ্যে স্যাভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ যৌথভাবে ২০ একর জমিতে প্রায় ৫ কোটি ২৮ লাখ ডলার পুঁজি বিনিয়োগ করবে। এছাড়া ৩ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ডলার বিনিয়োগের লক্ষ্যে হামকো করপোরেশনের অনুকূলে ১০ একর জমি দেওয়া হয়েছে। অন্যদিকে র্যানকন লুব্রিক্যান্টস সাড়ে ৬ একর জমিতে ১ কোটি ৯৫ লাখ ডলার এবং প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অপটিমাপ্লাস্ট ৩৯ লাখ ডলার বিনিয়োগের বিপরীতে তিন একর জমি পেয়েছে।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাম্প্রতিক হালনাগাদ তথ্যানুযায়ী, এ পর্যন্ত মোট ১৩৪টি শিল্প প্লট বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে ১৬টি কারখানা তাদের বাণিজ্যিক উৎপাদন পুরোদমে শুরু করেছে এবং আরও ১৫টি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণকাজ চলমান রয়েছে। বর্তমানে অর্থনৈতিক অঞ্চলটিতে প্রায় আট হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং সংলগ্ন বেপজা অর্থনৈতিক অঞ্চলের আট হাজার কর্মীসহ সমগ্র শিল্প করিডোরে মোট প্রায় ১৬ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। সর্বশেষ আর্থিক হিসাব অনুযায়ী, অঞ্চলটিতে দেশীয় বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৮১৫ কোটি টাকা এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) অর্জিত হয়েছে ১৪ কোটি ৭০ লাখ ডলার। সুবিশাল এই শিল্পপ্রকল্পটি গতিশীল রাখতে এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার একর জমি ভৌতভাবে উন্নয়ন করা হয়েছে।
চলতি বছরের মার্চের পর অক্টোবরে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে চীন। তবে গত বছরের একই মাসের তুলনায় দেশটির তেল আমদানি কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্নের মধ্যে মঙ্গলবার প্রকাশিত চীনের সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশটি অক্টোবরে ৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছে। দৈনিক হিসাবে এর পরিমাণ ৯৮ লাখ ৮০ হাজার ব্যারেল। চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দৈনিক আমদানি বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ।
অক্টোবরে পেট্রল, ডিজেল, উড়োজাহাজের জ্বালানি ও ফুয়েল অয়েলসহ বিভিন্ন পরিশোধিত তেলজাত পণ্যের রপ্তানি কমে ৫১ লাখ ৮০ হাজার টনে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল ৭১ লাখ ৬০ হাজার টন। তবে গত বছরের অক্টোবরের তুলনায় রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৬ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের পরিশোধিত তেলজাত পণ্যের মোট রপ্তানি হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কম। অন্যদিকে, অক্টোবরে এসব পণ্যের আমদানি বেড়ে ৩১ লাখ ৫০ হাজার টনে পৌঁছেছে। সেপ্টেম্বরে আমদানির পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার টন। তবে বছরের প্রথম ১০ মাসের হিসাবে পরিশোধিত তেলজাত পণ্যের আমদানি কমেছে। এ সময়ে চীন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার টন এসব পণ্য আমদানি করেছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩ কোটি ৪১ লাখ ৯০ হাজার টন।
এদিকে অক্টোবরে চীনের প্রাকৃতিক গ্যাস আমদানি গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এলএনজি ও পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস মিলিয়ে এ মাসে দেশটি ১ কোটি ১ লাখ ১০ হাজার টন গ্যাস আমদানি করেছে। তবে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে চীনের মোট প্রাকৃতিক গ্যাস আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কমেছে। এ সময়ে দেশটি আমদানি করেছে ৯ কোটি ৯২ লাখ ২০ হাজার মেট্রিক টন গ্যাস।
প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার।
বিশেষ করে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো বাজারে রপ্তানি প্রবৃদ্ধি দেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এর মধ্যে তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ হিসাব পাওয়া গেছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত ও নতুন বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে কাজ করছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এলডিসি থেকে উত্তরণের আগেই এ ধরনের সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশলকে কাজে লাগাচ্ছে।’
তিনি বলেন, নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।
ইপিবির তথ্য অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। এ হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।
তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার, যা নতুন বাজারগুলোতে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ। ফলে অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে তুরস্কের অংশীদারত্বও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের একই সময়ে এ বাজারে দেশটির অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।
অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। মোট অপ্রচলিত বাজারের রপ্তানিতে জাপানের অংশ ১৮ দশমিক ৪৪ শতাংশ।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে ভারতের বাজারে রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।
শীর্ষ পাঁচ বাজারের বাইরের দেশগুলোতেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এসব বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।
শুধু অক্টোবর মাসের হিসাবেও নতুন বাজারে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ মাসে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।
অক্টোবরে তুরস্কে রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দেশটিতে এ মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানিতে জাপানের পরই তুরস্কের অবস্থান। এ মাসে জাপানে রপ্তানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।
একই সময়ে অস্ট্রেলিয়ায় রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বাজারে রপ্তানি সম্প্রসারণ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জাপান ও তুরস্কের মতো বড় বাজারে রপ্তানি বাড়ার পাশাপাশি অন্যান্য বাজারেও প্রবৃদ্ধি অব্যাহত থাকলে প্রচলিত কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতেও বাজার বহুমুখীকরণ সহায়ক হবে। সূত্র: বাসস
টানা দুই মাসের সংকোচনমূলক পরিস্থিতি কাটিয়ে গত অক্টোবর মাসে দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে পুনরায় ইতিবাচক গতি সঞ্চারিত হয়েছে। মাসটিতে বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) পূর্ববর্তী মাসের তুলনায় ৩ দশমিক ২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫১ দশমিক ৮ পয়েন্টে পৌঁছেছে। অর্থনীতির প্রধান চারটি চালিকাশক্তি—কৃষি, শিল্প উৎপাদন, নির্মাণ এবং সেবা খাতে একযোগে প্রবৃদ্ধির লক্ষণ দেখা গেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে অক্টোবর মাসের এই পিএমআই সমীক্ষা প্রকাশ করেছে।
প্রতিবেদনে প্রাপ্ত তথ্যে দেখা যায়, অক্টোবরে কৃষি খাতের সম্প্রসারণ সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিল; এ খাতের সূচক ৬ পয়েন্ট লাফিয়ে ৬১ দশমিক ২-এ উন্নীত হয়ে টানা ১৪ মাস ধরে ইতিবাচক ধারা ধরে রেখেছে। নতুন ব্যবসার আগমন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এ খাতে গতি ফিরলেও কাঁচামাল ও উপকরণের চড়া মূল্যের চাপ অব্যাহত রয়েছে। এছাড়া সংকোচনের বৃত্ত ভেঙে উৎপাদন খাতের পিএমআই ৬ দশমিক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯-এ, যেখানে শিল্পে ব্যবহার্য উপকরণ আমদানি ও উৎপাদিত পণ্যের মজুতে অগ্রগতি হয়েছে। নির্মাণ খাতে সেপ্টেম্বর মাসের স্থবিরতা কাটিয়ে সূচক ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৫১ পয়েন্টে উন্নীত হয়েছে, যার ফলে স্থগিত থাকা কাজের গতি বাড়ার পাশাপাশি নতুন কর্মী নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে সেবা খাতের পিএমআইও ১ দশমিক ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫০ দশমিক ৩ পয়েন্টে পৌঁছানোর মাধ্যমে সামান্য সম্প্রসারণের ধারায় ফিরেছে, যদিও নতুন ক্রয়াদেশের প্রবাহ এখনো কিছুটা মন্থর রয়েছে। সামগ্রিকভাবে আগামী দিনগুলোতে ব্যবসা পরিচালনার পরিবেশ নিয়ে উদ্যোক্তাদের মাঝে আশাবাদ দেখা গেছে।
সূচকের এই ঊর্ধ্বগতি অর্থনীতিতে সীমিত পরিসরে হলেও অনুকূল পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম. মাশরুর রিয়াজ। তবে অর্থনীতির এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া এখনো যথেষ্ট ভঙ্গুর বলে তিনি মনে করেন। তিনি জানান, টানা দুই মাসের কঠিন পরিস্থিতির পর সূচকের এই উত্তরণে মূল ভূমিকা রেখেছে কৃষির দৃঢ় অবস্থান এবং রপ্তানি খাতের উন্নতি। তবে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন কাজের চাহিদা এবং স্বাভাবিক ব্যবসায়িক তৎপরতা এখনো কাক্সিক্ষত মাত্রায় পৌঁছায়নি; উপরন্তু উপকরণের উচ্চ ব্যয় উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। তাই এই সম্প্রসারণকে বাজারের সামগ্রিক চাহিদার শক্তিশালী পুনরুদ্ধার বলা যাবে না।
অর্থনীতির এই উত্তরণকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, শিল্পে চলতি মূলধনের টানাটানি নিরসন এবং ব্যবসার ক্রমবর্ধমান ব্যয়ভার নিয়ন্ত্রণ করার বিষয়ে গুরুত্বারোপ করেন ড. রিয়াজ। তিনি উল্লেখ করেন, ব্যবসায়ীদের ইতিবাচক প্রত্যাশাকে বাস্তবভিত্তিক বিনিয়োগ ও বর্ধিত উৎপাদনে রূপ দিতে ব্যবসা পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। যুক্তরাজ্য সরকারের পৃষ্ঠপোষকতা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের কারিগরি সহায়তায় নিয়মিত এই পিএমআই সূচকটি তৈরি করে আসছে এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ, যা দেশের অর্থনীতির ভবিষ্যৎ গতিপ্রকৃতি পরিমাপে একটি গুরুত্বপূর্ণ আগাম নির্দেশক হিসেবে কাজ করে।
কক্সবাজারের মহেশখালী ও মাতারবাড়ীকে কেন্দ্র করে দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক হাব বিনির্মাণে সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করেছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)। আগামী তিন দশকে এই অঞ্চলে দেশি-বিদেশি খাত থেকে প্রায় ৬০ থেকে ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আকর্ষণের রূপরেখা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে অন্তত ৫ বিলিয়ন ডলার আসবে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) হিসেবে। এই বিশাল উন্নয়ন রূপরেখা বাস্তবায়িত হলে প্রত্যক্ষভাবে দেড় লাখ এবং পরোক্ষভাবে আরও ২৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি জাতীয় অর্থনীতিতে এ অঞ্চলের অবদান দাঁড়াবে প্রায় ১৫০ বিলিয়ন ডলার, লজিস্টিকস ব্যয় কমবে ৪ বিলিয়ন ডলার এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে প্রায় ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব হবে।
সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মিডার পক্ষ থেকে এই দীর্ঘমেয়াদি প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। মিডার সদস্য ও অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির বিশদ সমীক্ষা ও গবেষণার আলোকেই এই সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, "তিন ধাপে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায় ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত, দ্বিতীয় পর্যায় ২০৩০ থেকে ২০৪০ সাল পর্যন্ত এবং শেষ বা তৃতীয় পর্যায় ২০৪০ থেকে ২০৫৬ সাল পর্যন্ত।"
মহাপরিকল্পনার রূপরেখা অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রথম ধাপে গভীর সমুদ্রবন্দর, সংযোগ সড়ক, তৃতীয় ও চতুর্থ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সৌরবিদ্যুৎ এবং ভাসমান ও স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের মতো মেগা অবকাঠামো গড়ে তোলা হবে। প্রথম ধাপে ২ বিলিয়ন ডলারের অনশোর এলএনজি টার্মিনাল এবং ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পুরোদমে চালুর লক্ষ্য রয়েছে। একই সাথে প্রায় দেড় বিলিয়ন ডলারের বিদেশি পুঁজিতে জাহাজ মেরামত ও আধুনিক ড্রাইডক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে ২০৩০ থেকে ২০৪৩ সাল পর্যন্ত গড়ে তোলা হবে আধুনিক টাউনশিপ, সড়ক, বাঁধ, গ্যাস ও পানি সরবরাহ নেটওয়ার্ক এবং মাল্টিমোডাল পরিবহন সুবিধা। এই পর্বেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে ১০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হবে বৃহৎ তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং ১৫০ মিলিয়ন ডলারে গড়ে উঠবে এলপিজি প্ল্যান্ট। আর সর্বশেষ ধাপে ২০৪৩ থেকে ২০৫৬ সালের মধ্যে পুরো অঞ্চলকে আন্তর্জাতিক মানের ভারী শিল্প উৎপাদন, বিশ্বমানের পর্যটন এবং বৈশ্বিক প্রদর্শনীর কেন্দ্রে রূপান্তর করা হবে।
জ্বালানি খাতই হবে এই অর্থনৈতিক অঞ্চলের মূল চালিকাশক্তি। ১ হাজার ২০০ একর জায়গায় প্রস্তাবিত তেল শোধনাগারে দৈনিক দেড় থেকে দুই লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা থাকবে, যা ২০৩১ থেকে ২০৩৬ সালের মধ্যে বাস্তবায়িত হলে জ্বালানি পণ্যের আমদানি নির্ভরতা বহুলাংশে কমিয়ে আনবে। এছাড়া অনশোর এলএনজি টার্মিনাল থেকে দৈনিক ১ হাজার এমএমসিএফডি এবং ভাসমান টার্মিনাল থেকে ৬০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি ইতোমধ্যে উৎপাদনে থাকা ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্রের সাথে আরও নতুন ইউনিট ও নবায়নযোগ্য জ্বালানি যুক্ত করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০৪০ সালে ৫ হাজার ৬৬০ মেগাওয়াট এবং ২০৫০ সালের মধ্যে ৬ হাজার ৬০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। অন্যদিকে এসপিএম চালু হলে সাগরে বড় জাহাজ থেকে তেল খালাসের সময় ৯ দিন থেকে ৩ দিনে নেমে আসবে, যা বার্ষিক প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় করবে।
আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, যেখানে ১৪ দশমিক ৫ মিটার গভীরতার ৮ হাজার টিইইউএস ধারণক্ষমতাসম্পন্ন বিশালাকার বাণিজ্যিক জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারবে। এই বন্দরকে জাতীয় মহাসড়কের সঙ্গে যুক্ত করতে গড়ে তোলা হচ্ছে ২৭ কিলোমিটার দীর্ঘ প্রবেশ সড়ক ও ১৪টি দৃষ্টিনন্দন সেতু। এছাড়া দ্রুত শিল্পায়নের উদ্দেশ্যে ১ হাজার ২৪০ একর জমিতে গড়ে ওঠা ঢলঘাটা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন ২০৩০ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে, যার প্রায় ৫৭০ একর জমি ইতোমধ্যে তিনটি শিল্পগ্রুপের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই সুবিশাল মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূমি বরাদ্দ ও দ্রুত হস্তান্তর, গ্যাস সঞ্চালন অবকাঠামো নির্মাণ এবং নিয়মিত বন্দর চ্যানেল ড্রেজিং নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
বিদেশে চিকিৎসাসেবার ব্যয় নির্বাহে বৈদেশিক মুদ্রা ছাড়ের সর্বোচ্চ সীমা বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুসারে, এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ব্যতিরেকেই অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একজন গ্রাহকের চিকিৎসার প্রয়োজনে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা তার সমমূল্যের বিদেশি মুদ্রা ছাড় করতে পারবে। পূর্বে এই ব্যয়সীমা সর্বোচ্চ ১৫ হাজার ডলারে নির্ধারিত ছিল। এর পাশাপাশি বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনার যাবতীয় খরচ প্রেরণের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমতির বাধ্যবাধকতা সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত সকল ব্যাংকে পাঠানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বিদেশে চিকিৎসার খরচ মেটানোর নিয়ম সহজ করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে স্কুল পর্যায়ের শিক্ষার খরচ পাঠানোর দীর্ঘদিনের জটিলতাও নিরসন করা হয়েছে। এখন থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা সমমানের শিক্ষার ব্যয় বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি পাঠাতে সক্ষম হবে, তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক পড়াশোনার কোনো সুযোগ রয়েছে কি না, ব্যাংকগুলোকে তা যাচাই করে নিশ্চিত হতে হবে।
নিয়ম শিথিলের এই সুবিধা পেশাগত ও বিভিন্ন কারিগরি সনদভিত্তিক কোর্সের পাশাপাশি দূরশিক্ষণ বা চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত স্বীকৃত শিক্ষা কার্যক্রমেও কার্যকর হবে। এ ধরনের নিয়মিত পাঠ্যক্রমের খরচাদি বিদেশে পাঠাতেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন পড়বে না, ব্যাংকগুলো নিজেরাই প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
অপরদিকে বিদেশভ্রমণ শেষে ফিরে আসা আবাসিক বাংলাদেশিদের ক্ষেত্রেও আর্থিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। ব্যক্তিগত সফর, চিকিৎসা কিংবা শিক্ষা সংক্রান্ত কাজে বিদেশ গিয়ে সঙ্গে করে ফেরত আনা অতিরিক্ত বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত ফরম এফএমজে (Form FMJ)-তে ঘোষণার মাধ্যমে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট বা আরএফসিডি হিসাবে সরাসরি জমা রাখার সুযোগ মিলবে। তবে এসব বিশেষ ক্ষেত্র ব্যতীত বৈদেশিক মুদ্রা লেনদেন আইনের অন্যান্য যাবতীয় প্রচলিত নিয়মাবলি ও শর্তাবলি পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ নভেম্বর) দেশের পুঁজিবাজারে অব্যাহত রয়েছে নিম্নমুখী ধারা। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ সিকিউরিটিজের দরপতনের কারণে প্রধান মূল্যসূচকগুলো হ্রাস পেয়েছে, তবে সূচক কমলেও আর্থিক লেনদেনের চিত্রে কিছুটা অগ্রগতি দেখা গেছে। একইভাবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দর হারানো প্রতিষ্ঠানের সংখ্যা বেশি থাকায় সূচকের অবনমন ঘটেছে এবং সেখানে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে। এর ফলে চলতি সপ্তাহের উভয় কার্যদিবসেই ধারাবাহিক দরপতনের মুখে পড়ল দেশের পুঁজিবাজার।
এদিন সকালের দিকে ডিএসইতে লেনদেনের সূচনায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধির কারণে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দৃশ্যমান হয়েছিল। প্রথম দুই ঘণ্টা সেই ইতিবাচক ধারা বজায় থাকলেও দুপুর বারোটার পর থেকে পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। বিমা খাতের প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ঢালাও বিক্রয়চাপ শুরু হলে তার নেতিবাচক ধাক্কা অন্যান্য খাতের ওপরও ছড়িয়ে পড়ে। ফলশ্রুতিতে লেনদেনের শেষভাগে দরপতনের পাল্লাই ভারী হয়ে ওঠে এবং পতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়।
ডিএসইতে দিনশেষে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৫টির দর বাড়লেও কমেছে ১৯২টির এবং ৫৬টির দর অপরিবর্তিত ছিল। এর মধ্যে বিক্রয়চাপে থাকা বিমা খাতের মাত্র ১৪টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, যার বিপরীতে দর হারিয়েছে ৪১টি কোম্পানি। শ্রেণিভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১০ শতাংশ বা তদূর্ধ্ব লভ্যাংশ দেওয়া মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর মধ্যে ৫৮টির দর বাড়লেও পতন ঘটেছে ১১২টির। মাঝারি মানের প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বৃদ্ধির বিপরীতে কমেছে ২৫টির দাম। লভ্যাংশ না দিয়ে ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিগুলোর ৪১টির দর বাড়লেও ৫৪টি দর হারিয়েছে। এছাড়া মিউচুয়াল ফান্ড খাতে পাঁচটি ফান্ডের দর বাড়লেও দরপতন হয়েছে উনিশটির। সার্বিক শেয়ারের মূল্যহ্রাসে প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯২ পয়েন্টে নেমেছে। বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট হারিয়ে ২ হাজার ৪৯ পয়েন্টে নেমে আসে এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪ পয়েন্টে। তবে সূচক কমলেও লেনদেনে গতি কিছুটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৫৪ কোটি ৭০ লাখ টাকায়, যা আগের কার্যদিবসের চেয়ে ৯৫ কোটি ৯০ লাখ টাকা বেশি।
ঢাকার বাজারে আর্থিক লেনদেনের শীর্ষে আধিপত্য বজায় রেখেছিল শাহজিবাজার পাওয়ার, যার প্রায় ২৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা ডরিন পাওয়ারে ১৯ কোটি ৫৩ লাখ এবং তৃতীয় অবস্থানে থাকা এনভয় টেক্সটাইলে ১৮ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। শীর্ষ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং, রানার অটোমোবাইল, শাহিনপুকুর সিরামিক, প্যারামাউন্ট টেক্সটাইল ও বারাকা পতেঙ্গা পাওয়ার। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮০টির দাম বাড়লেও কমেছে ৮৭টির। ফলে বাজারটির সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমেছে এবং মোট লেনদেন নেমে এসেছে ৯ কোটি ৪৫ লাখ টাকায়।