শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

সোনার স্মারক মুদ্রার দাম বাড়ল ১০ হাজার টাকা

আপডেটেড
৩০ আগস্ট, ২০২৪ ০০:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪ ০০:২৮

দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে সোনার দাম। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুনতে হচ্ছে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এমন পরিস্থিতিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ১০ হাজার টাকা করে বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল এক লাখ পাঁচ হাজার টাকা। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কার‌ণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ দাম আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য এক লাখ ১৫ হাজার হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে, ১৬ জুলাই বাংলা‌দেশ ব্যাংক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দেয়, যা ১৮ জুলাই থেকে কার্যকর হয়েছিল। এ ছাড়া বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপ্যমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ‘রজতজয়ন্তী-১৯৯৬’, ‘বাংলাদেশ ব্যাংক রজতজয়ন্তী-১৯৯৬’, ‘বঙ্গবন্ধু সেতু উদ্বোধন-১৯৯৮’, ‘বাংলাদেশের ৪০তম বিজয়বার্ষিকী’, ‘বিদ্রোহী কবিতার ৯০ বৎসর’, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১’, ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-বাংলাদেশ ২০১১’, ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ ১৯১৩-২০১৩’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ’, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ এবং ‘বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি’র মুদ্রা রয়েছে। এসব রূপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম ছয় হাজার টাকা।

এদিকে ২৫ আগস্ট সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা ২৬ আগস্ট থেকে কার্যকর হয়। ওই মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ২২ হাজার ১২২ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ চার হাজার ৬৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮৬ হাজার ৫৪৭ টাকায় বিক্রি হ‌চ্ছে।


নির্বাচিত

ডব্লিউজিসির বৈশ্বিক জরিপ: রিজার্ভে স্বর্ণের মজুদ বাড়াতে আগ্রহী ৮৯ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত
আপডেটেড ২৫ জুলাই, ২০২৬ ১১:৩৮
বানিজ্য ডেস্ক

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা সামাল দিতে এবং আন্তর্জাতিক সঞ্চয় বা রিজার্ভে বৈচিত্র্য আনতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুদ বাড়ানোর দিকে ব্যাপকভাবে ঝুঁকছে। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে উঠে এসেছে যে, অংশগ্রহণকারী প্রায় ৮৯ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপকই মনে করেন আগামী ১২ মাসে বিশ্বজুড়ে ব্যাংকগুলোতে স্বর্ণের মজুদ আরও বৃদ্ধি পাবে। ডব্লিউজিসি গত নয় বছর ধরে এ ধরনের বার্ষিক জরিপ পরিচালনা করে আসলেও, এবারই স্বর্ণ কেনার আগ্রহের হার ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ ব্যবস্থাপক জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে তারা নিজ নিজ ব্যাংকে স্বর্ণের মজুদ বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা করছেন; বিপরীতে মাত্র ১ শতাংশ ব্যাংক মজুদ কমানোর কথা ভাবছে এবং বাকিরা বর্তমান অবস্থাই অপরিবর্তিত রাখতে আগ্রহী।

স্বর্ণের প্রতি বৈশ্বিক ব্যাংকগুলোর এই আকর্ষণ কেবল স্বল্পমেয়াদি নয়, বরং দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকেও এটি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। জরিপে অংশগ্রহণকারী প্রায় ৮৩ শতাংশ কর্মকর্তা পূর্বাভাস দিয়েছেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে বৈশ্বিক মোট রিজার্ভে স্বর্ণের অনুপাত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা আগের বছরের জরিপে ছিল ৭৬ শতাংশ। বর্তমানে জরিপে অংশ নেওয়া ৯৩ শতাংশ ব্যাংক কর্মকর্তা তাদের প্রাতিষ্ঠানিক রিজার্ভে স্বর্ণ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন, গত বছর যার হার ছিল ৮১ শতাংশ। স্বর্ণের এই ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে ঐতিহ্যবাহী বিদেশী মুদ্রা, বিশেষ করে মার্কিন ডলারের ওপর ব্যাংকারদের আস্থা বেশ কিছুটা হ্রাস পেয়েছে; প্রায় ৭৪ শতাংশ কর্মকর্তা মনে করেন, আগামী পাঁচ বছরে বৈশ্বিক রিজার্ভে ডলারের আধিপত্য অনেকটাই কমে আসবে এবং ঝুঁকি কমাতে ব্যাংকগুলো রিজার্ভের সম্পদ বিভিন্ন নিরাপদ খাতে ছড়িয়ে দেওয়ার কৌশল অবলম্বন করবে।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিনির্ধারকদের কাছে কৌশলগত আপৎকালীন সম্পদ হিসেবে স্বর্ণকে প্রাধান্য দেওয়ার পেছনে বেশ কিছু যৌক্তিক ও বাস্তবমুখী কারণ রয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা অর্থনৈতিক বা আর্থিক সংকটকালে স্বর্ণের শক্তিশালী ও নির্ভরযোগ্য পারফরম্যান্সকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়া ৮৪ শতাংশ কর্মকর্তা দীর্ঘমেয়াদে সম্পদের মান ধরে রাখার উৎকৃষ্ট মাধ্যম এবং ৮২ শতাংশ কর্মকর্তা সার্বিক বিনিয়োগে ঝুঁকি কমানোর উপায় হিসেবে স্বর্ণের ভূমিকার কথা তুলে ধরেছেন, যা বিশেষ করে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মজুদ বাড়ানোর পাশাপাশি এটি সংরক্ষণের বিষয়েও ব্যাংকগুলো এখন বেশ সতর্ক; বিগত এক বছরে ৯ শতাংশ ব্যাংক নিজ দেশে সংরক্ষণ সক্ষমতা বাড়িয়েছে এবং ১০ শতাংশ ব্যাংক বিদেশে রাখা স্বর্ণের অবস্থান বৈচিত্র্যময় করেছে, তবে এত পরিবর্তনের পরও বিদেশে স্বর্ণ সংরক্ষণের ক্ষেত্রে ব্যাংক অব ইংল্যান্ড (৫৭ শতাংশ) প্রথম পছন্দে এবং নিজ দেশের অভ্যন্তরীণ ভল্ট (৪৯ শতাংশ) দ্বিতীয় স্থানে রয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের (চীন ব্যতীত) প্রধান এবং কেন্দ্রীয় ব্যাংকের বৈশ্বিক বিভাগের প্রধান শাওকাই ফ্যানের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনগুলোই মূলত সরকারের এই ধরনের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। তিনি জানান, নীতিনির্ধারকরা এখন সুদের হার, টানা মূল্যস্ফীতি এবং বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়গুলোকে বিশেষভাবে বিবেচনায় নিয়ে স্বর্ণকে ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলার একটি অত্যন্ত কার্যকর হাতিয়ার হিসেবে দেখছেন। তার দেওয়া তথ্যমতে, গত চার বছরে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো গড়ে প্রতি বছর এক হাজার টনেরও বেশি স্বর্ণ কিনেছে, যা গত এক দশকের গড় ক্রয়ের তুলনায় অনেক বেশি। বর্তমানের এই চরম অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিতে রিজার্ভের সুরক্ষায় কৌশলগত সম্পদ হিসেবে স্বর্ণের এই অপরিহার্যতা আগামী দিনগুলোতেও বাজারে এর ব্যাপক চাহিদা ধরে রাখবে বলে তিনি দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন।


নির্বাচিত

ইডিএফে নতুন নীতিমালা, রপ্তানি আয় না আনলে মিলবে না ঋণ সুবিধা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে বৈদেশিক মুদ্রার যোগান নিশ্চিত করতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) পরিচালনার ক্ষেত্রে নতুন ও সুশৃঙ্খল ‘অপারেশনাল গাইডলাইন’ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে প্রকাশিত মাস্টার সার্কুলারে জানানো হয়েছে যে, এখন থেকে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে আনতে ব্যর্থ হওয়া প্রতিষ্ঠান এবং ঋণ পরিশোধে অসমর্থ ব্যাংকগুলো ইডিএফ সুবিধা থেকে বঞ্চিত হবে। মূলত রপ্তানি ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এডি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৬ মাস মেয়াদি ঋণের ক্ষেত্রে SOFR + ০.৫০ শতাংশ সুদে ডলার তহবিল পাবে এবং রপ্তানিকারকদের কাছে এটি সর্বোচ্চ SOFR + ১.৫০ শতাংশ সুদে বিতরণ করতে পারবে। যদি কোনো ব্যাংক নিজস্ব উৎস থেকে আমদানি ব্যয় মেটানোর পর ইডিএফের পুনঃঅর্থায়ন পাওয়ার অপেক্ষায় থাকে, তবে সেই অন্তর্বর্তী সময়ের জন্য তারা অতিরিক্ত ১ শতাংশ সুদ আদায় করতে পারবে। তবে ঋণ পরিশোধে ব্যর্থ হলে বকেয়া অর্থের ওপর প্রচলিত সুদের সাথে আরও ৪ শতাংশ অতিরিক্ত ‘দণ্ডসুদ’ কার্যকর হবে। ইডিএফ ঋণের সাধারণ মেয়াদ হবে ১৮০ দিন, যা বিশেষ ক্ষেত্রে যৌক্তিক কারণ দর্শিয়ে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।

বিভিন্ন খাতের রপ্তানিকারকদের জন্য ঋণের সর্বোচ্চ সীমাও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিজিএমইএভুক্ত সদস্যরা সর্বোচ্চ ২ কোটি ডলার এবং বিকেএমইএ ও ফ্ল্যাক্সাভুক্ত সদস্যরা ১ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত ইডিএফ সুবিধা নিতে পারবেন। এছাড়া বিটিএমএ সদস্যরা বাল্ক আমদানির জন্য ২ কোটি ডলার এবং চামড়াজাত পণ্যসহ অন্যান্য খাতের রপ্তানিকারকদের জন্য ৫০ লাখ থেকে ১ কোটি ডলার পর্যন্ত ঋণের সীমা নির্ধারণ করা হয়েছে। ব্যাক-টু-ব্যাক এলসি ও ইনল্যান্ড ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে কাঁচামাল আমদানিতে এই সুবিধা পাওয়া যাবে।

ঋণের মেয়াদ বাড়ানোর জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার অন্তত ১০ দিন আগে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে এবং সেই আবেদনপত্রে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা তদুর্ধ্ব কর্মকর্তার স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, নতুন এই নীতিমালার ফলে ইডিএফ তহবিলের অপব্যবহার রোধ করা সম্ভব হবে এবং রপ্তানি আয় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও বেগবান হবে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।


নির্বাচিত

বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পোশাক শিল্পে নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের স্বচ্ছতা বৃদ্ধি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমকে আরও সুসংহত করতে কৌশলগত চুক্তিতে আবদ্ধ হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই)। এই দ্বিপক্ষীয় উদ্যোগের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সংক্রান্ত তথ্য প্রকাশে দেশীয় পোশাক কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা।

সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে ‘ইমপ্রুভিং ট্র্যান্সপারেন্সি ফর সাসটেইনেবল বিজনেস (আইটিএসবি)’ শীর্ষক একটি বিশেষ উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। ২০২৫ সাল থেকে শুরু হতে যাওয়া এই সহযোগিতার ধারাবাহিকতায় বিজিএমইএ কৌশলগত অংশীদার হিসেবে দেশের পোশাক খাতে দায়িত্বশীল ও স্বচ্ছ ব্যবসা পরিচালনায় নেতৃত্ব দেবে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ক্রেতা, বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে সাসটেইনেবিলিটি রিপোর্টিং বা টেকসই ব্যবসায়িক প্রতিবেদনের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। জিআরআই স্ট্যান্ডার্ডস অনুসরণ করে নির্ভরযোগ্য তথ্য প্রকাশের মাধ্যমে দেশের কারখানাগুলো বৈশ্বিক বাজারে আস্থা অর্জনের পাশাপাশি নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারবে।

আইটিএসবি উদ্যোগের আওতায় ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ সব ধরনের শিল্পপ্রতিষ্ঠানকে নিয়ে প্রশিক্ষণ, ওয়েবিনার ও বিশেষ কর্মশালার আয়োজন করা হবে। এর ফলে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো জিআরআইয়ের বৈশ্বিক মানদণ্ড নির্ধারণী প্রক্রিয়ায় নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরার সুযোগ পাবে। বাংলাদেশে এই উদ্যোগের ট্রেনিং অ্যান্ড আউটরিচ পার্টনার হিসেবে কাজ করছে দ্য সাসটেইনেবিলিটি নেক্সাস (সাসনেক্স)। চলতি বছরের মে ও জুলাই মাসে আয়োজিত বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচিতে ইতোমধ্যে প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করেছেন, যেখানে পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়নের ব্যবহারিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জিআরআইয়ের চিফ অব স্ট্যান্ডার্ডস বাস্তিয়ান বাক এ প্রসঙ্গে বলেন, ‘বিজিএমইএর সঙ্গে এই অংশীদারত্ব বাংলাদেশের পোশাক খাতে স্বচ্ছতা ও প্রভাবভিত্তিক রিপোর্টিং জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইটিএসবি উদ্যোগের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করে জিআরআই স্ট্যান্ডার্ডসের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা হবে। এর ফলে বাংলাদেশের অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিফলিত হবে এবং খাতটির জবাবদিহি ও প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে।’

বিজিএমইএর রেসপন্সিবল বিজনেস হাব ও সাসটেইনেবিলিটি রিপোর্টিং সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ওয়াসিম জাকারিয়া এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্প এরই মধ্যে পরিবেশগত স্থায়িত্ব, নিরাপত্তা ও দায়িত্বশীল উৎপাদনে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। এখন সেই অর্জনকে আন্তর্জাতিক মানদণ্ডে সঠিকভাবে পরিমাপ ও উপস্থাপন করাই প্রধান লক্ষ্য। জিআরআইয়ের সঙ্গে এই যৌথ উদ্যোগ কারখানাগুলোকে আধুনিক সাসটেইনেবিলিটি রিপোর্টিংয়ে দক্ষ করে তুলবে, যা ক্রেতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা চিহ্নিত করতেও সহায়তা করবে।’


নির্বাচিত

৪০০ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ বাস্তবায়নের পথে

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া বিভিন্ন সুপরিকল্পিত পদক্ষেপের ফলে দেশে বিদেশি বিনিয়োগ আসার প্রবাহ বাড়তে শুরু করেছে। ২০২৫ সালের জন্য নির্ধারিত প্রায় দেড় বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ইতোমধ্যে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়নের স্তরে পৌঁছেছে। ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীর সমন্বয়ে এই পাইপলাইনটি গঠিত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের এই বিনিয়োগ রূপান্তরের হার প্রায় ১৫ শতাংশের বেশি, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় যথেষ্ট সন্তোষজনক। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক কনসেপ্ট নোটের মাধ্যমে বিডা এই সাফল্যের কথা তুলে ধরে।

বিডার তথ্য বিশ্লেষণ অনুযায়ী, বিনিয়োগের প্রধান উৎস হিসেবে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো সবচেয়ে বেশি আগ্রহী। বিশেষ করে হংকংভিত্তিক হ্যান্ডা ইন্ডাস্ট্রিজের ৩০০ মিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল। শুরুতে এই বিনিয়োগের পরিমাণ ১৫০ মিলিয়ন ডলার প্রস্তাব করা হলেও বিডা, বেজা ও বেপজার সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত তা দ্বিগুণ হয়েছে। এই প্রকল্পের আওতায় মিরসরাইয়ে একটি পোশাক কারখানা এবং কেরানীগঞ্জে একটি সমন্বিত টেক্সটাইল ও অ্যাপারেল কমপ্লেক্স নির্মিত হবে, যা প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

টেক্সটাইল খাতে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে নারায়ণগঞ্জে প্রায় ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনের শানডং হেনগলি টেক্সটাইলের সহযোগী প্রতিষ্ঠান লিড বাংলাদেশ টেক্সটাইল টেকনোলজি। এছাড়া আবাসন ও নির্মাণ খাতের উন্নয়নে চট্টগ্রামে ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগে কারখানা স্থাপন করছে চায়না লেসো গ্রুপ। এই বিনিয়োগের মাধ্যমে পিভিসি পাইপ, সোলার প্যানেল ও স্যানিটারি সামগ্রীসহ বিভিন্ন নির্মাণসামগ্রী স্থানীয়ভাবে উৎপাদিত হবে। একই সঙ্গে দেশের রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে মেগারিচ নামক প্রতিষ্ঠান ১৫ মিলিয়ন ডলার বিনিয়োগে এয়ারলাইন অ্যামেনিটি কিট তৈরির সিদ্ধান্ত নিয়েছে, যা বৈশ্বিক এয়ারলাইন্সগুলোর জন্য লাইফস্টাইল পণ্য সরবরাহ করবে।

বিমার মতো সেবা খাতেও বিদেশি বিনিয়োগের উল্লেখযোগ্য খবর রয়েছে। শ্রীলঙ্কার সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স প্রায় ২ মিলিয়ন ডলার ব্যয়ে একটি স্থানীয় বিমা কোম্পানির ৬০ শতাংশ মালিকানা গ্রহণ করতে যাচ্ছে। এর ফলে ডিজিটাল বিমা সেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কার্যক্রম দেশে আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মালয়েশীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এমআর ডিআইওয়াই বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১৭টির বেশি মেগাস্টোর পরিচালনা করছে। বিডা জানিয়েছে, গত এক বছরে দেড় বিলিয়ন ডলারের পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ বাস্তবায়নের স্তরে নেওয়া একটি ইতিবাচক অগ্রগতি। আগামী এক বছরে আরও দেড় বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ পাইপলাইনে যুক্ত করার লক্ষ্যে সংস্থাটি এখন দেশ ও খাতভিত্তিক বিশেষ দল গঠন করে কাজ চালিয়ে যাচ্ছে।


নির্বাচিত

সূচকের বড় অবনমনে শেষ হলো সপ্তাহের লেনদেন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে সূচকের বড় ধরণের দরপতনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের লেনদেন। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর একদিনে সূচকের এমন বড় অবনমন এর আগে দেখা যায়নি। সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সংশ্লিষ্টরা একে বাজারের একটি নিয়মিত চিত্র হিসেবেই দেখছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। মোট ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম হ্রাস পেয়েছে, যার বিপরীতে মাত্র ৫৯টির দর বেড়েছে এবং ২০টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল। শেয়ারের ব্যাপক দরপতনের প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮০৪ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি শরিয়াহ সূচক ডিএসইএস ১৬ পয়েন্ট এবং শক্তিশালী মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট হ্রাস পেয়েছে। এদিন লেনদেনের গতিও কিছুটা মন্থর ছিল; মোট ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কম।

দেশের অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৮ পয়েন্ট কমেছে। সেখানে ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও ৫৪টির দাম বেড়েছে এবং ২২টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। তবে ডিএসইর বিপরীতে সিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়ে ২০ কোটি ১৩ লাখ টাকায় পৌঁছেছে, যা আগের কার্যদিবসে ছিল ১৬ কোটি ৮৬ লাখ টাকা।


নির্বাচিত

নির্মাণ ব্যয়ের চাপে আবাসন শিল্প, কমছে ফ্ল্যাট বিক্রি ও নতুন বিনিয়োগ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের গৃহায়ন ও অবকাঠামো নির্মাণ শিল্পে দীর্ঘমেয়াদী স্থবিরতা বিরাজ করছে। ফ্ল্যাট বিক্রিতে বড় ধসের পাশাপাশি নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক ব্যয়বৃদ্ধি এই সংকটকে আরও ঘনীভূত করেছে। সামগ্রিক অর্থনৈতিক অস্থিতিশীলতা, শুল্ক-করের বোঝা এবং উচ্চ সুদের হারের কারণে এই খাতের উদ্যোক্তাদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পের ধীরগতি ও বেসরকারি বিনিয়োগে স্থবিরতার কারণে নতুন প্রকল্প গ্রহণের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

নির্মাণ সামগ্রীর চাহিদা কমে যাওয়ার প্রভাবে ইস্পাত, সিমেন্ট, সিরামিক, পরিবহন ও বৈদ্যুতিক সরঞ্জামসহ সংশ্লিষ্ট ২৬৯টি লিংকেজ শিল্পে মন্দার ছায়া পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমান অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হার বিগত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এই পরিস্থিতির প্রতিফলন দেখা গেছে পরিসংখ্যান ব্যুরোর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইনডেক্সেও, যেখানে প্রবৃদ্ধির হার গত বছরের তুলনায় অর্ধেকের নিচে নেমেছে।

বাজারে সামগ্রিক চাহিদা কম থাকলেও উপকরণের মূল্য হ্রাসের কোনো লক্ষণ নেই। পরিবহন খরচ ও শ্রমিক মজুরি বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক নির্মাণ ব্যয় বেড়েই চলেছে। যদিও রডের দাম কিছুটা কমেছে, কিন্তু চাহিদার অভাবে এর বিক্রি প্রায় ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে থাই গ্লাসসহ কিছু উপকরণের দাম আগের চেয়ে অনেকটা বেড়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে এক ব্যবসায়ী বলেন, ‘সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্মাণকাজের মৌসুম হওয়ায় তখন চাহিদা বাড়ে। বর্ষাকালে কাজ কমে যাওয়ায় বিক্রিও কমে যায়। ফলে কিছু পণ্যের দাম কমলেও অনেক পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে।’

উচ্চ সুদের হারের কারণে ক্রেতারা আবাসন ঋণের কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছেন। ১৪ থেকে ১৫ শতাংশ সুদে গৃহঋণ নিয়ে ফ্ল্যাট কেনা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে রাজধানীর আবাসন বাজারে অ্যাপার্টমেন্ট বিক্রি প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ কমেছে, যার ফলে ক্ষুদ্র ও মাঝারি ডেভেলপার প্রতিষ্ঠানগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। সিমেন্ট ও রড উৎপাদনকারী কারখানাগুলোও তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে পারছে না। আবাসন খাতের সংকট নিয়ে সংশ্লিষ্ট সংগঠনের এক নেতা বলেন, ‘আবাসনখাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৬৯টি শিল্প জড়িত। ফলে এ খাতে মন্দা দেখা দিলে শুধু ডেভেলপার নয়, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, পরিবহন খাত ও লাখো শ্রমিকের জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়।’

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, গত পাঁচ বছরে আবাসন খাতে নির্মাণের ব্যয় প্রায় ৪২ থেকে ৪৩ শতাংশ বেড়েছে। কাঁচামালের দাম ও কর বৃদ্ধির ফলে সাধারণ মানুষের পক্ষে ফ্ল্যাট কেনা কঠিন হয়ে পড়ছে। এমনকি জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচও অনেক বেড়েছে। সংকট উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দিয়ে সংশ্লিষ্টরা বলেন, ‘নিবন্ধন ব্যয় কমানো, গৃহায়নবান্ধব করনীতি প্রণয়ন, স্বল্পসুদে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ তৈরি ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা না গেলে এ খাত দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে না।’ সরকারি উন্নয়ন প্রকল্পে গতি সঞ্চার ও বেসরকারি বিনিয়োগে আস্থা ফেরানো না গেলে এই মন্দা দেশের সামগ্রিক শিল্প উৎপাদন ও কর্মসংস্থানে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


নির্বাচিত

বৃষ্টিতে নষ্ট হচ্ছে শতকোটি টাকার আমদানিকৃত পণ্য

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

নয় মাস আগে সংঘটিত অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে উঠতে না পারায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এখনো স্থায়ী আমদানি শেড চালু করা সম্ভব হয়নি। এর ওপর সাম্প্রতিক টানা বর্ষণে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা শত শত টন আমদানিকৃত পণ্য ভিজে নষ্ট হচ্ছে। আধুনিক ওয়্যারহাউজ ম্যানেজমেন্ট, বারকোড বা আরএফআইডি ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা না থাকায় পণ্য শনাক্তকরণ ও সরবরাহে চরম ধীরগতি দেখা দিয়েছে। গুদাম সংকট ও অব্যবস্থাপনার কারণে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি শিল্পকারখানার কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ায় জাতীয় বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

পরিসংখ্যান অনুযায়ী, শাহজালাল বিমানবন্দরে প্রতিদিন গড়ে ৫০টির মতো ফ্লাইটে বিপুল পরিমাণ কার্গো আসে। নিয়মিত ফ্লাইটের পণ্য যাচাই করতে সময় কম লাগলেও বিশেষ চার্টার ফ্লাইটের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় কয়েক দিন সময় লেগে যাচ্ছে। প্রতিদিন প্রায় ৪০০ টন পণ্য আসায় দ্রুতই বিপুল পরিমাণ কার্গো খালাসের অপেক্ষায় জমে থাকে। পরবর্তীতে বিমান কর্তৃপক্ষের কাছ থেকে মালামাল বুঝে নেওয়ার পর সেগুলো সর্টিং ও চূড়ান্ত ডেলিভারিতে আরও কয়েক দিন বাড়তি সময়ের প্রয়োজন হয়। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য আসায় কার্গো ভিলেজে জায়গার তীব্র সংকট তৈরি হয়েছে। নির্দিষ্ট চালান খুঁজে পেতে দীর্ঘ সময় লাগায় একদিকে পণ্য ছাড়ে বিলম্ব হচ্ছে, অন্যদিকে খোলা জায়গায় পড়ে থাকা মালামাল প্রতিকূল আবহাওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত বছরের অক্টোবর মাসে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে বিমানবন্দরের কার্গো ওয়্যারহাউজটি ভস্মীভূত হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শেডটি সংস্কারের কাজ অত্যন্ত ধীরগতিতে চলায় আমদানিকৃত পণ্যের ধারণক্ষমতা অনেক কমে গেছে। রাখার জায়গা না থাকায় প্রতিদিন আসা বিপুল পরিমাণ নতুন চালান খোলা জায়গায় ফেলে রাখতে হচ্ছে। আন্তর্জাতিকমানের একটি বিমানবন্দরে কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য এভাবে খোলা আকাশের নিচে অরক্ষিত অবস্থায় পড়ে থাকার ঘটনা বাণিজ্যের জন্য হুমকিস্বরূপ। মূলত সংস্কার কাজে ব্যর্থতা এবং বিকল্প সংরক্ষণের সঠিক ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

কার্গো ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। বর্তমান পরিস্থিতিতে সংস্কারকৃত অংশে সামান্য পরিমাণ পণ্য রাখা সম্ভব হলেও প্রতিদিনের চাহিদার তুলনায় তা অত্যন্ত নগণ্য। বিমানবন্দরে সাধারণত জরুরি শিল্প কাঁচামাল, ইলেকট্রনিক পণ্য, জীবনরক্ষাকারী ওষুধ ও সংবেদনশীল সরঞ্জাম আমদানি করা হয়, যা নিরাপদ সংরক্ষণের অভাবে গুণগত মান হারাচ্ছে। অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং উন্নত প্রযুক্তির অভাব পুরো সরবরাহ ব্যবস্থাকে ভঙ্গুর করে তুলেছে। সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল কার্গো ট্র্যাকিং ও আধুনিক ওয়্যারহাউজ ম্যানেজমেন্ট চালু করা না গেলে এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। বর্তমানে বিদ্যমান এই অচলাবস্থা নিরসনে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালুর অপেক্ষায় থাকতে হচ্ছে।


নির্বাচিত

এআই ও ক্লাউড সেবায় নকিয়ার মুনাফায় ১৮ শতাংশ প্রবৃদ্ধি

ছবি: রয়টার্স
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাণিজ্য ডেস্ক

ফিনল্যান্ডের টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা অর্জন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড খাতের গ্রাহকদের চাহিদা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির ব্যবসায় বড় ধরনের প্রবৃদ্ধি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে নকিয়ার তুলনামূলক পরিচালন মুনাফা ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৩৪ মিলিয়ন ইউরোতে (প্রায় ৪৯৬.১১ মিলিয়ন ডলার) দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান এলএসইজি-র পূর্বাভাস অনুযায়ী এই মুনাফা ৩৮২ মিলিয়ন ইউরো হওয়ার কথা ছিল।

রয়টার্সের তথ্যমতে, নকিয়া বর্তমানে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআই ডাটা সেন্টার তৈরির জন্য প্রয়োজনীয় ফাইবার-অপটিক সরঞ্জাম বিক্রিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। যদিও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান চাহিদার কারণে মেমোরি চিপের বাজারে সরবরাহ ঘাটতি ও দাম বৃদ্ধির চ্যালেঞ্জ রয়েছে, তবুও প্রতিষ্ঠানটি তাদের প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে। নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাস্টিন হোটার্ড এক বিবৃতিতে বলেন, ‘চাহিদা এখনো বেশ শক্তিশালী, তবে সরবরাহের সংকটই বর্তমানে শিল্পের প্রধান সীমাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে, যা আমাদের গ্রাহকদের দীর্ঘমেয়াদি ক্রয়াদেশ দিতে উৎসাহিত করছে।’

গত বছর ইনটেলের ডাটা সেন্টার ও এআই গ্রুপ থেকে নকিয়ায় যোগ দেওয়ার পর হোটার্ড ডাটা সেন্টার ব্যবসার প্রসারে বিশেষ ভূমিকা রাখছেন। এরই অংশ হিসেবে তিনি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সঙ্গে বিশাল অংকের চুক্তিও সম্পন্ন করেছেন। চলতি প্রান্তিকে নকিয়ার মোট বিক্রয় ৪.৮২ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা বাজার প্রাক্কলনের চেয়েও বেশি। এর মধ্যে এআই ও ক্লাউড গ্রাহকদের কাছ থেকে আসা আয়ের পরিমাণ দ্বিগুণ হয়ে ৪৪৬ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে এবং প্রতিষ্ঠানটি নতুন করে ২.৮ বিলিয়ন ইউরোর ক্রয়াদেশ পেয়েছে।

প্রতিদ্বন্দ্বী সুইডিশ প্রতিষ্ঠান এরিকসন গত সপ্তাহে সতর্ক করেছিল যে, এআই চাহিদার কারণে মেমোরি চিপের ক্রমবর্ধমান ব্যয় তাদের ব্যবসায়িক মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলছে। তবে নকিয়া এর বিপরীতে পুরো বছরের সম্ভাব্য পরিচালন মুনাফার লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটির আগের পূর্বাভাস ২ বিলিয়ন থেকে ২.৫ বিলিয়ন ইউরো থাকলেও এখন তা সংশোধন করে ২.১ বিলিয়ন থেকে ২.৬ বিলিয়ন ইউরো নির্ধারণ করা হয়েছে। তারা আশা করছে, ব্যবসার এই ইতিবাচক ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।


নির্বাচিত

আমদানিকৃত জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাণিজ্য ডেস্ক

আন্তর্জাতিক সংঘাতের পাশাপাশি এবার বাণিজ্যিক শুল্ক ব্যবস্থার দিকে কঠোর নজর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক ধার্যের পর এবার তিনি ওষুধের বাজারকে লক্ষ্যবস্তু করেছেন। তবে ওষুধের ক্ষেত্রে এই বর্ধিত শুল্ক এখনই কার্যকর হচ্ছে না।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে আগামী ১ আগস্ট থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সকল জেনেরিক ওষুধ শুল্কমুক্ত সুবিধা পাবে। তবে এই সময়সীমা পার হওয়ার পর ২০২৮ সাল থেকে এক বছরের জন্য শুল্কের হার ১০০ শতাংশে উন্নীত করা হবে এবং পরবর্তী সময়ে তা আরও বাড়িয়ে ২০০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।

গত ২১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে জেনেরিক ওষুধের উৎপাদন প্রক্রিয়া পুনরায় ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে নিজস্ব কারখানা ও উৎপাদন কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হবে, তাদের জন্য এটি এক ধরনের শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সময় ধরে তাঁর ‘মোস্ট-ফেভারড-নেশন’ বা সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশভিত্তিক নীতিমালার মাধ্যমে ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর ওপর চাপ বজায় রেখেছেন। তাঁর মূল উদ্দেশ্য হলো, বিশ্বের অন্যান্য উচ্চ আয়ের রাষ্ট্রে যে মূল্যে ওষুধ বিক্রি করা হয়, মার্কিন নাগরিকরাও যেন সেই একই বা তার চেয়ে কম মূল্যে ওষুধ কিনতে পারেন।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) দেওয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ওষুধের ৯০ শতাংশের বেশি জেনেরিক ক্যাটাগরির। তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, পেটেন্টভুক্ত ব্র্যান্ডেড ও উদ্ভাবনী ওষুধের ক্ষেত্রে বর্তমান নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। উল্লেখ্য যে, গত বছর বড় কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্কিন সরকারের সঙ্গে বিশেষ চুক্তিতে আবদ্ধ হওয়ায় কয়েক বিলিয়ন ডলার মূল্যের ওষুধ শুল্কমুক্ত সুবিধা লাভ করেছিল।

এর আগে গত এপ্রিলে এক নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প জানিয়েছিলেন, আমদানিকৃত ব্র্যান্ডেড ওষুধ কোম্পানিগুলো যদি সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে রাজি না হয় কিংবা যুক্তরাষ্ট্রে উৎপাদনের নিশ্চয়তা না দেয়, তবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ওয়াশিংটন পোস্টের এক সম্পাদকীয়তে এই আশঙ্কার কথা জানানো হয়েছে যে, এর ফলে মার্কিন বাজারে কম দামের জেনেরিক ওষুধের মূল্য বৃদ্ধি পেতে পারে। কারণ যুক্তরাষ্ট্রে ব্যবহৃত প্রেসক্রাইবড ওষুধের প্রায় ৯০ শতাংশই জেনেরিক এবং এর প্রায় ৭০ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়ে থাকে।

বর্তমান প্রেক্ষাপটে কোম্পানিগুলোর পক্ষে দ্রুত উৎপাদন ব্যবস্থা যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া কিংবা অতিরিক্ত শুল্কের ব্যয় বহন করা বেশ কঠিন হবে। ব্র্যান্ডেড ওষুধের তুলনায় জেনেরিক ওষুধে মুনাফার হার কম হওয়ায় শেষ পর্যন্ত এই বাড়তি খরচের বোঝা সাধারণ ভোক্তাদের ওপরই পড়বে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন পোস্ট।


নির্বাচিত

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে আবারও উৎপাদন শুরু করছে স্যামসাং

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৮ মাসের স্থবিরতা কাটিয়ে বাংলাদেশে আবারও মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন কার্যক্রম শুরু করেছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। আগামী বছরের জানুয়ারি নাগাদ স্থানীয়ভাবে উৎপাদিত স্যামসাং স্মার্টফোন দেশের বাজারে পুনরায় সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে। এই কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের ইলেকট্রনিক্স শিল্পে নতুন করে প্রাণের সঞ্চার ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফেয়ার ইলেকট্রনিকসের হাত ধরে বাংলাদেশে প্রথম কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন সংযোজন শুরু করেছিল স্যামসাং।

নরসিংদীর শিবপুরে অবস্থিত কারখানায় ইতোমধ্যে স্যামসাং ব্র্যান্ডের রেফ্রিজারেটর তৈরির কাজ শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে ওয়াশিং মেশিন উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২০২৭ সালের শুরুর দিকে এয়ার কন্ডিশনার, টেলিভিশন ও স্মার্টফোন তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। বুধবার কারখানাটি পরিদর্শনে গিয়ে এসব তথ্য প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জিজুন কিম। ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাংমিন জাং এবং ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।

ফেয়ার গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশে স্যামসাংয়ের আনুষ্ঠানিক পরিবেশক হিসেবে তারা যাত্রা শুরু করে। ২০১৭ সালে স্থানীয়ভাবে উৎপাদন কারখানা স্থাপন করার পর ২০১৮ সালে দেশে তৈরি প্রথম স্যামসাং স্মার্টফোন বাজারে আনে প্রতিষ্ঠানটি। দেশের ইলেকট্রনিক্স শিল্পে ফেয়ার গ্রুপের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা, যার মধ্যে কেবল স্মার্টফোন খাতের জন্য বরাদ্দ ছিল প্রায় ৩০০ কোটি টাকা। এই কারখানায় বছরে প্রায় ২৫ লাখ ইউনিট মোবাইল ফোন তৈরির সক্ষমতা রয়েছে।

স্যামসাংয়ের পাশাপাশি ফেয়ার গ্রুপ বর্তমানে চীনের হাইসেন্স ব্র্যান্ডের পণ্যও উৎপাদন করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে ২০২৭ সাল নাগাদ দুই ব্র্যান্ড মিলিয়ে বছরে প্রায় ১ লাখ ৫০ হাজার রেফ্রিজারেটর উৎপাদন করা। বর্তমানে তারা বছরে প্রায় ৪০ থেকে ৫০ হাজার হাইসেন্স রেফ্রিজারেটর তৈরি করছে। কারখানা পরিদর্শনে স্বয়ংক্রিয় উৎপাদন লাইনে ধাতব কাঠামো নির্মাণ থেকে শুরু করে যন্ত্রাংশ সংযোজন ও গুণগত মান যাচাইয়ের পুরো প্রক্রিয়াটি প্রত্যক্ষ করা যায়।

ফেয়ার গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন বিরতি প্রসঙ্গে জানান, ২০২৩ সালে টাকার বড় ধরনের অবমূল্যায়নের ফলে ব্যবসায়িক পরিবেশ প্রতিকূল হয়ে পড়ায় ২০২৪ সালের মাঝামাঝি থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত স্যামসাং স্মার্টফোন উৎপাদন স্থগিত রাখা হয়েছিল। সে সময়কার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘সে সময় কার্যক্রম চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল।’ তিনি আরও জানান, বাজার ৪জি থেকে ৫জি ডিভাইসে রূপান্তরিত হওয়ায় প্রযুক্তিগত উন্নয়ন ও নতুন যন্ত্রপাতি সংযোজনের প্রয়োজনীয়তাও এই বিলম্বের অন্যতম কারণ। কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ২৫ লাখ হ্যান্ডসেট হলেও উৎপাদন পুনরায় শুরুর প্রথম বছরেই পুরো সক্ষমতা ব্যবহারের লক্ষ্য এখনই নেওয়া হচ্ছে না।

কারখানা পরিদর্শন শেষে রাষ্ট্রদূত জিজুন কিম ফেয়ার ইলেকট্রনিকসকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার শিল্প সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের বিশাল কর্মীবাহিনী ও কোরিয়ার উন্নত প্রযুক্তির সমন্বয় দেশটিকে একটি আঞ্চলিক উৎপাদন কেন্দ্রে পরিণত করার সম্ভাবনা তৈরি করেছে। অন্যদিকে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব অবৈধ পথে মোবাইল ফোন আমদানির বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তিনি বলেন, সহায়ক নীতিগত পরিবেশ পাওয়া গেলে স্থানীয় উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব ও নতুন কর্মসংস্থান তৈরি হবে। স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাংমিন জাং জানান, স্যামসাং বৈশ্বিক মান বজায় রেখে ফেয়ার ইলেকট্রনিকসের সঙ্গে যৌথভাবে এ দেশে তাদের উৎপাদন কার্যক্রম আরও সম্প্রসারণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


নির্বাচিত

বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উচ্চতায়

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাণিজ্য ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও ভূ-রাজনৈতিক অস্থিরতা তীব্র হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে রয়েছে। সবশেষ লেনদেনের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৯৬ ডলার ছাড়িয়েছে এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ৮৮ ডলারের ঘর অতিক্রম করেছে। রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, একদিনের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯৩ ডলার বা ২ দশমিক ০৫ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৪১ ডলার বা ১ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

লোহিত সাগরে তেলবাহী বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র টানা ১২তম রাতে ইরানে সামরিক অভিযান চালানোর পর এই উত্তেজনা ভিন্ন মাত্রা পেয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চরম হুঁশিয়ারিতে বলেছিলেন, “হরমুজ প্রণালিতে ইরান যখনই কোনো জাহাজে হামলা করবে, তখনই যুক্তরাষ্ট্র ইরানের কোনো সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করবে।” তাঁর এমন মন্তব্যের পর যুদ্ধের পরিধি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস (আইআরজিসি) দাবি করেছে যে, মাইন পাতা পথ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের পর আরও দুটি জাহাজ যাত্রাপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বর্তমান সামরিক পরিস্থিতিতে হরমুজ প্রণালি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি এখন কার্যত বন্ধ। তারা কঠোর বার্তা দিয়ে বলেছে, ইরানের সাথে সমন্বয় ও পূর্বানুমতি ব্যতীত কোনো ট্যাংকার এই প্রণালিতে প্রবেশ করতে বা বের হতে পারবে না। এছাড়া আইআরজিসির পক্ষ থেকে শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে জানানো হয়েছে যে, প্রণালির দক্ষিণাঞ্চলে মাইন স্থাপন করা আছে।

সংঘাতের আরেকটি ফ্রন্টে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে তাদের সামরিক তৎপরতা জোরদার করেছে। হুতিদের দাবি, তারা লোহিত সাগরে বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী সৌদি তেলের ট্যাংকারে আক্রমণ চালিয়েছে এবং সৌদি আরবের দুটি জাহাজ তাদের হামলার শিকার হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রতিবেদনে সৌদি পতাকাবাহী ‘এনসেলিয়া’ নামক একটি ট্যাংকার হামলার শিকার হওয়ার খবর পাওয়া গেছে। হুতিদের পক্ষ থেকে সৌদি বন্দরের অভিমুখে যাত্রা করতে নিষেধ করার পর প্রায় ১০টি জাহাজ মাঝপথ থেকে ফিরে গেছে বলে জানা গেলেও রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দুই নৌপথ—হরমুজ ও বাব আল-মানদেব প্রণালি—দিয়ে তেল পরিবহন নিয়ে নতুন করে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক দুই দেশের যুদ্ধবিরতি অকার্যকর ঘোষণার পর প্রায় দুই সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলেও তেলের দাম এখনো আগের সর্বোচ্চ রেকর্ড ১২৬ ডলারের চেয়ে প্রায় ৩০ ডলার নিচে অবস্থান করছে। বর্তমানের এই দর বৃদ্ধি মূলত বৈশ্বিক সরবরাহ সংকটের আশঙ্কারই প্রতিফলন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।


নির্বাচিত

স্বাস্থ্য ও নির্মাণ খাতে এআই গবেষণায় যুক্তরাষ্ট্রের ৫ বিলিয়ন ডলারের বিশাল প্রকল্প

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাণিজ্য ডেস্ক

বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘকাল ধরে বিদ্যমান জটিল সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের জন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে যে, এই বিশাল অংকের তহবিল ব্যবহার করে দীর্ঘস্থায়ী রোগের মূল কারণ শনাক্তকরণ, নতুন ওষুধের উদ্ভাবন ত্বরান্বিত করা এবং আরও দীর্ঘস্থায়ী নির্মাণ সামগ্রী তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে। রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রযুক্তি উপদেষ্টা মাইকেল ক্রাতসিওস জানিয়েছেন, বিজ্ঞানীরা এই প্রকল্পের আওতায় জ্বালানি বিভাগের সুপার কম্পিউটার, এআই প্রযুক্তি এবং বিশেষায়িত ডেটাসেট ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া অ্যালগরিদম ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য প্রয়োজনীয় সকল উপাদান তাদের জন্য উন্মুক্ত থাকবে।

এই বৃহত্ প্রকল্পে স্বাস্থ্য ও মানবসেবা, জ্বালানি, পরিবহন, প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ মোট ১৫টি ফেডারেল সংস্থা সরাসরি যুক্ত থাকবে। ক্রাতসিওস বলেন, "বিভিন্ন ডোমেনে কাজ করা সমস্ত ভিন্ন সংস্থাগুলোকে বিজ্ঞানের জন্য এআই-এর এই বৃহত্তর প্রচেষ্টায় অংশীদার করতে হোয়াইট হাউস সহায়তা করছে।" দ্য ডেইলি ডকেট-এর মতো নিউজলেটারগুলো আইনি খবরের পাশাপাশি এই খাতের পরিবর্তনের ওপর নজর রাখছে। মঙ্গলবার রাতে প্রকাশিত হোয়াইট হাউসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সরকারি গবেষণা তহবিলের ধরনে আমূল পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবর্তে ব্যক্তিগত পর্যায়ের বিজ্ঞানী এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বেশি সমর্থন দেওয়া হবে। এর মাধ্যমে গবেষণার অর্থ ব্যয়ের ওপর সরকারের নিয়ন্ত্রণ আরও সুসংহত হবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, "বিজ্ঞানের জন্য ফেডারেল সমর্থন রাজনৈতিকভাবে দায়বদ্ধ হওয়া আবশ্যক।" উল্লেখ্য যে, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ফেডারেল গবেষণা তহবিলের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে বারবার চেষ্টা করেছেন, যদিও অনেক ক্ষেত্রে আদালত থেকে বাধা এসেছে। গত জানুয়ারিতে একটি আপিল প্যানেল জানিয়েছিল যে, বৈজ্ঞানিক ও চিকিৎসা গবেষণায় নিয়োজিত বিশ্ববিদ্যালয়গুলোকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যে গ্রান্ট প্রদান করে, ট্রাম্প প্রশাসন তা কাটছাঁট করতে পারবে না। তবে মার্কিন সরকারের কাছে রাসায়নিক, খনিজ এবং জনস্বাস্থ্য সংক্রান্ত বিশ্বের অন্যতম বৃহৎ ডেটাসেট রয়েছে যা এআই মডেল প্রশিক্ষণে অত্যন্ত কার্যকর। ক্রাতসিওস জানান, এই ৫ বিলিয়ন ডলারের উদ্যোগটি সেই তথ্যের ভিত্তিতে এআই মডেলগুলোকে দক্ষ করে তুলবে এবং বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সহায়ক হবে। এছাড়া এই মহতী প্রচেষ্টায় সহায়তার অংশ হিসেবে মাইক্রোসফট আগামী তিন বছরে ৪০ মিলিয়ন ডলার মূল্যের এআই কম্পিউটিং ক্রেডিট দান করার প্রতিশ্রুতি দিয়েছে।


নির্বাচিত

মিউচুয়াল ফান্ডের উত্থান সত্ত্বেও পুঁজিবাজারে সূচকের পতন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন পরিলক্ষিত হয়েছে। তবে দরপতনের এই বাজারেও মিউচুয়াল ফান্ড খাতটি দাম বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ দাপট দেখিয়েছে। যদিও এই খাতের ইতিবাচক প্রভাব সূচকের চূড়ান্ত পতন ঠেকাতে যথেষ্ট ছিল না, তবে বাজারকে আরও বড় ধসের হাত থেকে রক্ষা করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দিনশেষে ডিএসইর সকল প্রধান মূল্যসূচক নিম্নমুখী অবস্থান বজায় রেখেছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও সেখানে মূল্যসূচকের পতন রোধ করা সম্ভব হয়নি। বাজারটিতে লেনদেনের গতিও ছিল মন্থর। তবে এর বিপরীতে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে লেনদেনের শুরু থেকেই মিউচুয়াল ফান্ড খাতটি দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করে। লেনদেন শুরুর স্বল্প সময়ের মধ্যেই বেশ কয়েকটি ফান্ডের মূল্য বৃদ্ধির সর্বোচ্চ সীমানায় পৌঁছে যায় এবং দিনের শেষ পর্যন্ত এই ধারাই অব্যাহত থাকে। তবে অন্যান্য খাতের অধিকাংশ কোম্পানির দরপতন ঘটায় দিনশেষে সূচক নিম্নমুখী হয়েই লেনদেন শেষ হয়।

সূচকের অবনমন ঘটলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়ে ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা আগের দিনের চেয়ে ৮১ কোটি ৭৪ লাখ টাকা বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দাম বেড়েছে, বিপরীতে ১০৮টির দাম কমেছে এবং ২৬টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে দিনশেষে ১৬ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।


নির্বাচিত

banner close