দুটি বাদে অর্থনীতির প্রায় সব সূচক এখন নিম্নমুখী। উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে বজায় রয়েছে, এতে মানুষের ভোগান্তি বেড়েছে। শিল্প খাতের প্রবৃদ্ধি কমেছে। রাজস্ব আয়ে বড় ঘাটতি রয়েছে। দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা বিরাজ করছে। রপ্তানি আয়ে সামান্য প্রবৃদ্ধি হলেও, আমদানিতেও ভাটা চলছে। একমাত্র স্বস্তির সূচক প্রবাসী আয়। এ ছাড়া অর্থনীতির আর কোনো সূচকেই ভালো নেই দেশের অর্থনীতি।
বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে। ব্যাংক খাতের অবস্থা নাজুক। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে আছে। পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়টি বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ আছে।ব্যাংক ঋণের সুদের হার বেড়েই চলেছে। দেশে বিনিয়োগ বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি কমে এক অঙ্কের ঘরে (সিঙ্গেল ডিজিট) নেমে এসেছে। নতুন বিনিয়োগের অন্যতম প্রধান নির্দেশক মূলধনি যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানি কমিয়ে দিয়েছেন উদ্যোক্তারা। শিল্পের কাঁচামাল আমদানিও কমেছে। ফলে শিল্প স্থাপনের নতুন উদ্যোগ ও ব্যবসা সম্প্রসারণ স্থবির হয়ে আছে। টানা দরপতনে ডুবতে বসেছে শেয়ারবাজার।
উচ্চ মূল্যস্ফীতি
সাম্প্রতিক সময়ে অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক হচ্ছে মূল্যস্ফীতি। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি বা মাসভিত্তিক) দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে এক অঙ্কের ঘরে (সিঙ্গেল ডিজিট) ৯ দশমিক ৯২ শতাংশে নেমেছে। তবে খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে (ডাবল ডিজিট) ১০ দশমিক ৪০ শতাংশে অবস্থান করছে। আগের মাস আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি এক লাফে বেড়ে ১১ শতাংশ ছাড়িয়ে ১১ দশমিক ৬৬ শতাংশে উঠেছিল। ৯ দশমিক ৭৩ শতাংশ গড় মূল্যস্ফীতি নিয়ে শেষ হয়েছিল ২০২৩-২৪ অর্থবছর।
সেপ্টেম্বরে ৯ দশমিক ৯২ শতাংশ মূল্যস্ফীতির অর্থ হলো গত বছরের সেপ্টেম্বর মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, এই বছরের সেপ্টেম্বরে সেই পণ্য বা সেবা পেতে ১০৯ টাকা ৯২ পয়সা খরচ করতে হয়েছে।
শিল্প খাতে প্রবৃদ্ধি কমেছে
গত অর্থবছরের শেষ বা চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ দশমিক ৯৮ শতাংশ। অথচ তার আগের অর্থবছরের একই প্রান্তিকে এই খাতে প্রবৃদ্ধি হয়েছিল দুই অঙ্কের (ডাবল ডিজিট) ঘরে- ১০ দশমিক ১৬ শতাংশ। অর্থনীতির প্রধান চালিকাশক্তি শিল্প খাতের প্রবৃদ্ধি তলানিতে নেমে আসার কারণেই গত ২০২৩-২৪ অর্থবছরের শেষ প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৯১ শতাংশে নেমে এসেছে। ২০২২-২৩ অর্থবছরের একই প্রান্তিকে এর চেয়ে প্রায় দ্বিগুণ ৬ দশমিক ৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল দেশে।
জিডিপি প্রবৃদ্ধি
২০২৩-২৪ অর্থবছর শেষ হয়েছে চার মাস আগে ৩০ জুন। পরিসংখ্যান ব্যুরো গত সোমবার ওই অর্থবছরের চতুর্থ বা শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) জিডিপির তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, এপ্রিল-জুন সময়ে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। যা ২০২৩-২৪ অর্থবছরের চার প্রান্তিকের মধ্যে সবচেয়ে কম এবং আগের অর্থবছরের একই প্রান্তিকের চেয়ে প্রায় অর্ধেক।
২০২২-২৩ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশে ৬ দশমিক ৮৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। মূলত শিল্প খাতে প্রবৃদ্ধিতে ধসের কারণেই জিডিপি প্রবৃদ্ধি কমেছে। ২০২২-২৩ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) শিল্প খাতে ১০ দশমিক ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। গত অর্থবছরের একই প্রান্তিকে তা কমে ৩ দশমিক ৯৮ শতাংশে নেমে এসেছে।
বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। কয়েক দিন আগে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, বাংলাদেশে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশে নেমে আসবে। আইএমএফ বলেছে, ৪ দশমিক ৫ শতাংশ হবে। এডিবি বলেছে, ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হবে।
২০২৪-২৫ অর্থবছরে ৬ দশমিক ৭৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরেছিল বিদায়ী শেখ হাসিনা সরকার।
এফডিআই কমেছে ৮.৮ শতাংশ
আয় ফেরত আনার ভোগান্তি, অস্থিতিশীল বৈদেশিক মুদ্রা পরিস্থিতি এবং অন্যান্য অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ২০২৩-২৪ অর্থবছরে দেশের নেট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) বা বিদেশি সরাসরি বিনিয়োগ আগের বছরের তুলনায় ৮.৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের গত মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছরের ১.৬১ বিলিয়ন ডলার থেকে ২০২৩-২৪ অর্থবছরে নেট এফডিআই প্রবাহ ১.৪৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে এফডিআই প্রবাহ ১৪২ মিলিয়ন ডলার কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১৬১ কোটি (১.৬১ বিলিয়ন) নিট বিদেশি বিনিয়োগ এসেছে দেশে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৭ শতাংশ কম।
দেশে বিনিয়োগ বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি এক অঙ্কের ঘরে (সিঙ্গেল ডিজিট) ৯ দশমিক ৮৬ শতাংশে নেমে এসেছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এই প্রবৃদ্ধি ছিল দুই অঙ্কের ঘরে (ডাবল ডিজিট) ১০ দশমিক ১৩ শতাংশ।
রাজস্ব আদায়ে বড় ঘাটতি
২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে সরকারের রাজস্ব আদায়ে বড় ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাবে দেখা গেছে, এই তিন মাসে সার্বিকভাবে শুল্ক ও কর আদায়ে ঘাটতি হয়েছে ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর কোনো মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারেনি এনবিআর।
এনবিআরের হিসাব অনুসারে, অর্থবছরের প্রথম প্রান্তিকে এনবিআরের মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৯৬ হাজার ৫০০ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৭০ হাজার ৯০৩ কোটি টাকা। এ সময়ে ঘাটতি হয়েছে ২৫ হাজার ৫৯৭ কোটি টাকা।
গত ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে সব মিলিয়ে ৭৫ হাজার ৪৮৮ কোটি টাকার শুল্ক-কর আদায় হয়েছিল। এ হিসাবে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের চেয়ে ৪ হাজার ৫৮৫ কোটি টাকা কম আদায় হয়েছে। শতাংশ হিসাবে এই তিন মাসে রাজস্ব আদায় কমেছে ৬ দশমিক শূন্য সাত শতাংশ।
রেমিট্যান্সে উল্লম্ফন
দেশের অর্থনীতির প্রধান সূচকগুলোর মধ্যে এ মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থানে আছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। আগস্ট ও সেপ্টেম্বরের পর চলতি অক্টোবর মাসেও বেশি রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরের প্রথম ২৬ দিনেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রায় ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার দেশে পাঠিয়েছেন। অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৮ লাখ (২.৪০ বিলিয়ন) ডলার দেশে এসেছিল। দ্বিতীয় মাস আগস্টে এসেছিল ২২২ কোটি ৪১ লাখ (২.২২ বিলিয়ন) ডলার। প্রথম মাস জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ (১.৯১ বিলিয়ন)।
অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ৬৫৪ কোটি ২৭ লাখ (৬.৫৪ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ের চেয়ে ৩৩ দশমিক ৩৪ শতাংশ বেশি। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের তিন মাস ২৬ দিনে এসেছে ৮৪৪ কোটি ২০ লাখ (প্রায় সাড়ে ৮ বিলিয়ন) ডলার।
রপ্তানি আয়
রপ্তানি আয়ের হিসাবে বড় ধরনের গরমিল ধরা পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এর পর চার মাস কোনো রপ্তানির তথ্য প্রকাশ করেনি ব্যুরো। এর পর গত ৯ অক্টোবর সংবাদ সম্মেলন করে চার মাসের তথ্য একসঙ্গে প্রকাশ করেন ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন।
তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিভিন্ন পণ্য রপ্তানি করে ১ হাজার ১৩৭ কোটি (১১.৩৭ বিলিয়ন) ডলার আয় হয়েছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ বেশি।
২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এই আয়ের অঙ্ক ছিল ১ হাজার ৮২ কোটি (১০.৮২ বিলিয়ন) ডলার। তবে চলমান অস্থিরতার মধ্যে আগামী মাসগুলোতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ধরে রাখা যাবে কি না তা নিয়ে শঙ্কার মধ্যে আছেন রপ্তানিকারকরা।
রিজার্ভের পতন থামছে না
রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না। গত ২৪ অক্টোবর বাংলাদেশ ব্যাংক যে ‘উইকলি সিলেক্টেড ইকোনমিক ইন্ডিকেটরস’ প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে দেখা যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ (ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন) হিসাবে বাংলাদেশের রিজার্ভ ছিল ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার।
নভেম্বরের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মাসের বিল পরিশোধ করতে হবে; তখন রিজার্ভ আরও কমে আসবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
এক সপ্তাহ আগে ১৬ অক্টোবর বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। এ হিসাবে দেখা যাচ্ছে, সপ্তাহের ব্যবধানে বিপিএম-৬ হিসাবে রিজার্ভ কমেছে ১৩ কোটি ডলার।
গত ৯ সেপ্টেম্বর আকুর জুলাই-আগস্ট মাসের ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে নেমে আসে। আকুর দেনা শোধের আগে ৫ সেপ্টেম্বর বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ২০ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।
রেমিট্যান্স বাড়ায় এবং আমদানি ব্যয় কমায় গত দেড় মাসে রিজার্ভ ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে উঠেছিল। কিন্তু এই সপ্তাহে সেই রিজার্ভ কমে ফের নিম্মমুখী হয়েছে।
সবশেষ গত আগস্ট মাসের আমদানির তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাতে দেখা যায়, ওই মাসে পণ্য আমদানিতে বাংলাদেশের ৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার খরচ হয়েছে। সে হিসাবে ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার দিয়ে সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রা মজুত থাকতে হয়। সেই হিসাবে বাংলাদেশের রিজার্ভ এখন কাঁটায় কাঁটায় আছে।
আমদানি কমছেই
চলতি অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) পণ্য আমদানির এলসি (ঋণপত্র) খোলার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা যায়, এই তিন মাসে বিভিন্ন পণ্য আমদানির জন্য মোট ১ হাজার ৫৫৯ কোটি ১১ লাখ (১৫.৫৯ বিলিয়ন) ডলারের এলসি খুলেছেন ব্যবসায়ী-উদ্যোক্তারা। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৭৪ শতাংশ কম। নিস্পত্তি কমেছে ২ দশমিক ৪০ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের এই তিন মাসে ১৬ দশমিক ৭২ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছিল। গত অর্থবছরের পুরো সময়ে এলসি খোলার পরিমাণ কমেছিল ৮ দশমিক ২৯ শতাংশ।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে নতুন শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় ক্যাপিটাল মেশিনারি (মূলধনি যন্ত্রপাতি) আমদানির এলসি কমেছে ৪০ দশমিক ৯০ শতাংশ; নিস্পত্তি কমেছে ২৫ শতাংশ। শিল্পের মধ্যবর্তী পণ্য (ইন্টারমেডিয়েট গুডস) আমদানির এলসি কমেছে ৭ দশমিক ২২ শতাংশ; নিস্পত্তি কমেছে ১৩ দশমিক ৩৮ শতাংশ। জ্বালানি তেল আমদানির এলসি কমেছে ২৬ শতাংশ; নিষ্পত্তি কমেছে ৭ দশমিক ১৬ শতাংশ। এই তিন মাসে শিল্পের কাঁচামাল আমদানির এলসি কমেছে ৪ দশমিক ৬৬ শতাংশ।
বিদেশি ঋণের চেয়ে পরিশোধ বেশি
বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মোটা অঙ্কের ঋণ-সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। কিন্তু সেই ঋণের এক ডলারও এখনো দেশে আসেনি। এরই মধ্যে চলতি ২০২৪-২৫ অর্থবছরের তিন মাস (প্রথম প্রান্তিক, জুলাই-সেপ্টেম্বর) পার হয়ে গছে। এই তিন মাসে বিদেশি ঋণ প্রাপ্তির অবস্থা খুবই খারাপ; যে ঋণ পাওয়া গেছে, তার চেয়ে আগে নেওয়া ঋণের সুদ-আসল বাবদ অনেক বেশি পরিশোধ করতে হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সবশেষ তথ্যে দেখা যায়, এই তিন মাসে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে মাত্র ৮৪ কোটি ৬১ লাখ ডলারের ঋণ-সহায়তা পেয়েছে বাংলাদেশ। এর বিপরীতে আগে পাওয়া ঋণের সুদ-আসল বাবদ পরিশোধ করা হয়েছে ১১২ কোটি ৬৫ লাখ (১.১৩ বিলিয়ন) ডলার। এ হিসাবে দেখা যাচ্ছে, জুলাই-সেপ্টেম্বর সময়ে যতো ঋণ-সহায়তা পাওয়া গেছে তার চেয়ে ২৮ কোটি ডলারের বেশি পরিশোধ করা হয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার পর গত ১০ আগস্ট বলেছিলেন, ‘বিভিন্ন কারণে দেশের অর্থনীতি শ্লথ হয়ে পড়েছে। আমাদের লক্ষ্য হবে অর্থনীতিকে যত দ্রুত সম্ভব গতিশীল করা। কারণ, অর্থনীতি স্তব্ধ হয়ে গেলে সেটা চালু হওয়া বেশ কঠিন। আমরা অর্থনীতিকে স্তব্ধ হতে দিতে চাই না।’
তবে গত বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা দাবি করেছেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। তিনি বলেছেন, ‘দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এতে ব্যবসায়ীদের আস্থা বৃদ্ধি পাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে।’
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই কথা বলেছেন।
তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা অনিশ্চয়তার কথা শুনিয়েছেন। তারা বলেছেন, ভালো নেই দেশের অর্থনীতি; দিন যতো যাচ্ছে সংকট ততোই বাড়ছে। অনিশিচত গন্তব্যে দিকে যাচ্ছে অর্থনীতি।
পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি বাংলাদেশ চেম্বারের বর্তমান সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেছেন, বিনিয়োগ নেই; কর্মসংস্থান হচ্ছে না। সর্বত্র অনিশ্চয়তা-অস্থিরতা; কোথাও স্বস্তি নেই।। দিন যতো যাচ্ছে- পরিস্থিতি ততোই খারাপের দিকে যাচ্ছে।
অর্থনীতির গকেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে যে করেই হোক মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা। আর এ জন্য যা যা করা প্রয়োজন- সবই করতে হবে অন্তর্বর্তী সরকারকে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান দুই পুঁজিবাজারে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে সবকটি সূচকের বড় উত্থান ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দীর্ঘ দুই মাস পর লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ২৯৮ পয়েন্টে উন্নীত হয়েছে। এছাড়া শরিয়াহ সূচক এবং বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক যথাক্রমে ৩ ও ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ এবং ২ হাজার ৪ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকায় সূচকের এই ইতিবাচক ধারা বজায় ছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে এদিন ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা গত ১৭ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ লেনদেন। গত কার্যদিবসের তুলনায় এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে ১২৬ কোটি ৪৮ লাখ টাকা। সব মিলিয়ে ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, ১২১টির কমেছে এবং ৫৭টি কোম্পানির দাম অপরিবর্তিত ছিল। বিশেষ করে ভালো লভ্যাংশ প্রদানকারী ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপের ৪৭টি কোম্পানির দরও ইতিবাচক ছিল। লেনদেনের শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করেছে সিটি ব্যাংক, ডমিনেজ স্টিল বিল্ডিং এবং সামিট অ্যালায়েন্স পোর্টের মতো প্রতিষ্ঠানগুলো।
এদিকে অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থান হলেও লেনদেনের গতি ছিল কিছুটা নিম্নমুখী। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই এদিন ৬০ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বৃদ্ধি পেলেও ৯১টির দর কমেছে এবং ২৯টির দাম অপরিবর্তিত ছিল। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ গত দিনের তুলনায় প্রায় অর্ধেক কমে ১৭ কোটি ৫২ লাখ টাকায় দাঁড়িয়েছে। সপ্তাহের শুরুর দিকে কিছুটা দরপতন থাকলেও তৃতীয় দিনের ধারাবাহিকতায় চতুর্থ দিনে বাজারের এই চাঙ্গাভাব বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে রাজস্ব ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিত করা, করের হার সমসাময়িক করা এবং ব্যবসাবান্ধব নীতিমালার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। রাজস্ব আদায়ের পরিধি বাড়ানো এবং আহরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার প্রবর্তনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট সংলাপে ডিসিসিআই-এর পক্ষ থেকে ৫৪টি সুপারিশ সম্বলিত প্রস্তাবনার সারসংক্ষেপ এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে উপস্থাপন করেন সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।
প্রস্তাবিত সুপারিশমালায় অ-তালিকাভুক্ত কোম্পানির বিদ্যমান করহার ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা, সাধারণ নাগরিকদের করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকায় উন্নীত করা এবং বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে অগ্রিম কর ৭.৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি কাস্টমস ও ভ্যাট রিফান্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সম্পূর্ণ অটোমেশন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। ডিসিসিআই-এর সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, করজাল সম্প্রসারণ ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে উদ্যোক্তাদের ব্যয় হ্রাস করা সম্ভব হলে সরকারের সামগ্রিক রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি জাতীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রতিফলন ঘটবে।
সংলাপে ড. পাটোয়ারী আরও বলেন, রাজস্ব ঘাটতি মোকাবিলায় বিভিন্ন সরকারি সংস্থার তথ্য বিনিময়ের জন্য সেন্ট্রাল এপিআই ইন্টিগ্রেশন চালু করা প্রয়োজন। এছাড়া কোম্পানির আমানতের ওপর উৎসে কর ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করা এবং নিট সম্পদের ওপর আরোপিত সারচার্জ ধাপে ধাপে বিলোপ করার প্রস্তাব দেন তিনি। তার মতে, ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভ্যাট রিফান্ডের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ভ্যাট সংগ্রহ ব্যবস্থা শক্তিশালী করা এখন সময়ের দাবি।
ব্যবসায়ীদের এসব প্রস্তাবনার প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আসন্ন বাজেটে শুল্ক হার কমানোর চেয়ে নন-ট্যারিফ বাধা দূর করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। এতে ব্যবসা পরিচালনার ব্যয় অনেকাংশে কমে আসবে এবং অর্থনীতির চাকায় নতুন গতি সঞ্চার হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, কর ফাঁকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এনবিআর কঠোর অবস্থানে থাকবে, তবে সৎ করদাতারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।
চেয়ারম্যান আরও উল্লেখ করেন যে, বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৮ লাখের কম হলেও অর্থনীতির বিশালত্ব বিবেচনায় এটি কোটির ঘরে থাকা উচিত ছিল। তিনি জানান, করপোরেট করহার ইতিমধ্যে কমিয়ে ২৭.৫ শতাংশে আনা হয়েছে এবং কার্যকর করহার যেন আর না বাড়ে সেদিকে লক্ষ্য রাখা হবে। এছাড়া আগামী অর্থবছর থেকে করপোরেট রিটার্ন দাখিল অনলাইনে বাধ্যতামূলক করা হবে এবং ভ্যাট ও কর রিফান্ড ব্যবস্থাও ডিজিটাল করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। উক্ত বৈঠকে ডিসিসিআই-এর শীর্ষ নেতৃবৃন্দ এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৫.১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫,১২৫.৯০ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ৩০.৪৬ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে ১৬ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫,০৩৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০,৩৬৬.২৪ মিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভে সামান্য বৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, মোট রিজার্ভ (গ্রস রিজার্ভ) থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয়, যা দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।
আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে রপ্তানির বিপরীতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫০ শতাংশ নির্ধারণ এবং এটিকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনার দাবি জানিয়েছেন গার্মেন্টস অ্যাকসেসরিজ প্রস্তুতকারকরা।
এ প্রস্তাবনা আগামী বাজেটে অন্তর্ভুক্তির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে জমা দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।
বর্তমানে রপ্তানির বিপরীতে ১ শতাংশ হারে উৎসে কর আদায় করা হচ্ছে, যা তুলনামূলক বেশি হওয়ায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের কার্যকরী মূলধন আটকে যাচ্ছে এবং উৎপাদন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এ হার কমানো হলে শিল্পখাত উৎসাহিত হবে এবং রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
এই প্রেক্ষাপটে, আগামী পাঁচ বছরের জন্য উৎসে কর ০.৫০ শতাংশ নির্ধারণ এবং তা সংশ্লিষ্ট অর্থবছরের চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করার প্রস্তাব দিয়েছেন তারা।
তাদের মতে, বর্তমানে চূড়ান্ত কর নির্ধারণের সময় উৎসে কাটা কর সমন্বয় করা হয়, ফলে এটিকে চূড়ান্ত কর হিসেবে নির্ধারণ করলে সরকারের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
বিজিএপিএমইএ জানায়, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন পণ্যে রপ্তানি প্রণোদনা ধীরে ধীরে কমছে এবং কিছু ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন করে তুলছে। এই পরিস্থিতিতে উৎসে কর কমানো হলে রপ্তানি খাত উৎসাহিত হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাবে।
তারা আরও উল্লেখ করেন, উচ্চ হারে উৎসে কর কাটার কারণে শিল্প প্রতিষ্ঠানের নগদ প্রবাহে চাপ সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে ব্যাংকিং খাতে তারল্য সংকট, ডলার সংকট এবং আর্থিক ব্যয়ের ঊর্ধ্বগতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে।
প্রস্তাবে বলা হয়েছে, ব্যক্তিগত আয়করমুক্ত সীমা বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হলে কর প্রদানে আগ্রহ বাড়বে এবং রাজস্ব আহরণও বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে।
এছাড়া কোম্পানির সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ বা মুনাফার ওপর উৎসে কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংকে বিনিয়োগে আগ্রহী হয় এবং তারল্য সংকট মোকাবিলা সহজ হয়।
এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর “প্রচ্ছন্ন রপ্তানি” সংজ্ঞা সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছে। বর্তমানে সংজ্ঞায় তিনটি শর্ত থাকলেও আন্তর্জাতিক দরপত্র ছাড়া অন্য শর্তগুলোতে শুধু বৈদেশিক মুদ্রায় লেনদেন ও স্থানীয় ঋণপত্রের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তাদের প্রস্তাব অনুযায়ী, সংজ্ঞাটিকে আরও আধুনিক ও বাস্তবসম্মত করতে সব ধরনের এলসি, সেলস কনট্রাক্ট, পারচেজ অর্ডারসহ অন্যান্য বাণিজ্যিক দলিল অন্তর্ভুক্ত করা উচিত। পাশাপাশি রপ্তানি মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আরটিজিএস, এফডিডি, এফটিটি ইত্যাদি লেনদেন পদ্ধতিকেও অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন সম্পন্ন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা কিছুটা হ্রাস পেয়েছে। প্রধান বাজার ডিএসইর মূল সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ২৫৭ পয়েন্টে উন্নীত হয়েছে। এছাড়া শরিয়াহ সূচক ও ডিএসই-৩০ সূচক যথাক্রমে ২ ও ৪ পয়েন্ট বেড়ে ১০৬২ ও ১৯৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে এদিন মোট ৯২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়েছে, যা গত কর্মদিবসের তুলনায় ১০৫ কোটি টাকা বেশি। বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২১৫টির শেয়ার দর বেড়েছে এবং ১০৮টির দাম কমেছে, যেখানে ৬৬টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। লেনদেনের এই চাঙ্গাভাব বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি করেছে।
অন্যদিকে, চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৬ পয়েন্টে অবস্থান করছে। তবে এই বাজারে লেনদেনের অংক আগের দিনের তুলনায় প্রায় ১ কোটি টাকা কমে ৩৩ কোটি ২৯ লাখ টাকায় নেমে এসেছে। সিএসইতে হাতবদল হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দর বৃদ্ধি পেলেও ৭৭টির দাম কমেছে এবং ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের অবস্থাতেই স্থির রয়েছে।
ঢাকা ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্যিক সুসম্পর্ক ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে নয়টি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)। মঙ্গলবার আগারগাঁওয়ে অবস্থিত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) কার্যালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নিকট এই সুপারিশমালা তুলে ধরা হয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, বিসিসিসিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ জেড এম আজিজুর রহমান। তিনি দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প বিকাশের স্বার্থে নিরবচ্ছিন্ন জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জ্বালানি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনার সময় সংগঠনের সাধারণ সম্পাদক জামিলুর রহমান জানান যে, বর্তমানে শুধুমাত্র সরকারি পর্যায়ে এলএনজি আমদানির সুযোগ রয়েছে। তিনি দেশের জ্বালানি চাহিদা মেটাতে বেসরকারি খাতকেও এলএনজি আমদানির অনুমতি দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানান। জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান যে, জ্বালানি সমস্যা নিরসনে সরকার অত্যন্ত সক্রিয় এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিসহ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। এলএনজি আমদানির প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে সহায়ক হতে পারে।
সভায় চীনা উদ্যোক্তাদের পক্ষে ভাইস প্রেসিডেন্ট চাও চংচং দাপ্তরিক নথিপত্র যাচাইকরণের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং চেম্বারের অন্যান্য সদস্যরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকালে উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিনিয়োগকারীদের নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং প্রশাসনিক ও পরিচালনাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৯ দফা সুপারিশের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত বৈঠকে বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিসিসিসিআই-এর নির্বাহী পরিচালক আবু তাহেরসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
ভ্যাট রিটার্ন দাখিল পদ্ধতি ডিজিটাল করার সরকারি প্রচেষ্টা সত্ত্বেও মাঠপর্যায়ে ব্যবসায়ীরা নানাবিধ কারিগরি ও দাপ্তরিক জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। মঙ্গলবার বিকেলে এনবিআর কার্যালয়ে আয়োজিত প্রাক-বাজেট সংলাপে ব্যবসায়ীদের পক্ষ থেকে সরাসরি অভিযোগ উত্থাপনের পর সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান দায়িত্ব পালনে ত্রুটির কথা অকপটে স্বীকার করেছেন। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে, গ্রাহক সেবায় অবহেলা বা কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংলাপে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হারেস মোহাম্মদ অভিযোগ করেন যে, দীর্ঘকাল ধরে ম্যানুয়ালি রিটার্ন জমা দিলেও বর্তমানে তা গ্রহণ করা হচ্ছে না। অথচ দাপ্তরিকভাবে পুরোনো তথ্য অনলাইনে হালনাগাদ না থাকায় নতুন করে রিটার্ন দাখিল করা অসম্ভব হয়ে পড়েছে। তিনি মাঠপর্যায়ের সমস্যাটি তুলে ধরে বলেন, “প্র্যাকটিক্যালি অনেকদিন ধরে আমরা ম্যানুয়ালি রিটার্ন দিচ্ছি। এখন সেটি রিসিভ করছে না। কিন্তু অনলাইনে দিতে গেলে বলছে—আপনার ডেটা আপডেট নেই, আগে আপডেট করতে হবে। কিন্তু এই আপডেট কীভাবে করব, সেটাই আমরা বুঝতে পারছি না।” তিনি আরও যোগ করেন যে, তথ্য হালনাগাদ করতে গেলে বিভিন্ন পর্যায়ের যাচাই-বাছাইয়ের নামে অহেতুক সময়ক্ষেপণ করা হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান জবাবে বলেন যে, অনলাইন ব্যবস্থার লক্ষ্যই ছিল ব্যবসায়ীদের দাপ্তরিক কাজ দ্রুত, স্বচ্ছ ও সহজতর করা। তথ্য হালনাগাদ করার জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল এবং অনেকেই তা সম্পন্ন করেছেন। তবে ব্যবসায়ীরা যখন বিভিন্ন স্তরের আমলাতান্ত্রিক বাধার কথা উল্লেখ করেন, তখন চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন, “কোনো চেক নেই। যদি কোথাও পেন্ডিং থাকে, সেটির রিপোর্ট আমরা আজ সন্ধ্যায় নেব। কোথায় কতগুলো পেন্ডিং আছে তা যাচাই করে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে, যাতে দ্রুত সব অনুমোদন দেওয়া হয়। কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।” আলোচনার এক পর্যায়ে ম্যানুয়ালি নেওয়া তথ্য অনলাইনে সংরক্ষণে কর্তৃপক্ষের সীমাবদ্ধতা নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন, “একদম ঠিক বলেছেন। এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা সেখানে ব্যর্থ হয়েছি।”
আলোচনায় উঠে আসে যে, ভ্যাট কর্মকর্তাদের ঘন ঘন বদলির কারণেও ব্যবসায়ীরা স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না এবং একই সমস্যার জন্য বারবার বিভিন্ন দপ্তরে ধরণা দিতে হচ্ছে। এনবিআর প্রধান ব্যবসায়ীদের সব সমস্যা খোলাখুলি বলার আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের কোনো জটিলতা থাকার কথা নয়। আপনারা মন খুলে সমস্যার কথা বলুন, আমরা সমাধানের চেষ্টা করবো।” তবে আলোচনার শেষ পর্যায়ে মাঠপর্যায়ের রূঢ় বাস্তবতা তুলে ধরে ব্যবসায়ী নেতা হারেস মোহাম্মদ মন্তব্য করেন, “আমরা ম্যানুয়ালি রিটার্ন দিয়েছি, কিন্তু অনলাইনে দিতে গিয়ে সমস্যায় পড়ছি। আপনাদের কাছে অনেক সময় পৌঁছানোই যায় না—অফিসের ভেতরে নানা স্তরের বাধা থাকে। সমস্যাটা এখানেই। গত মাসেও আপডেট না হওয়ায় আমাকে ম্যানুয়ালি রিটার্ন জমা দিতে হয়েছে। এই মাসেও একই কারণে সেটাই করতে বাধ্য হয়েছি। এটিই বাস্তবতা।”
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে বৈঠক করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর শীর্ষ কর্মকর্তারা।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় দেশের পুঁজিবাজারের ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, ডিএসই’র ভূমিকা এবং সামগ্রিক কার্যক্রম নিয়ে বিস্তৃত পর্যালোচনা করা হয়। পাশাপাশি ডিএসই’র ভবিষ্যৎ পরিকল্পনা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয়ও উঠে আসে।
বৈঠকে টেকসই উন্নয়ন নিশ্চিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ আরও জোরদার করা এবং বাজারের গভীরতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে পৌনে দুই লাখ মেট্রিক টন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ডিজেল ও ২৫ হাজার মেট্রিক টন অকটেন সংগ্রহের প্রস্তাব অনুমোদন করা হয়। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই বিশাল পরিমাণ জ্বালানি তেল আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৬৯৮ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা।
বৈঠক পরবর্তী তথ্যানুযায়ী, "ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য" ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫০ হাজার টন ডিজেল ও ২৫ হাজার টন অকটেন কেনা হচ্ছে, যার আর্থিক মূল্য ১ হাজার ২৩ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা। এর পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অন্য একটি প্রস্তাবের ভিত্তিতে আর্চার এনার্জি এলএলসি থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে ব্যয় ধরা হয়েছে ৬৭৪ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় দেশের মজুত ব্যবস্থা সচল রাখতে নিয়মিতভাবেই এ ধরনের আমদানির প্রস্তাবগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
একই সভায় জ্বালানি খাতের পাশাপাশি অন্যান্য জনগুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ওয়াসার একটি পানি সরবরাহ প্রকল্পের জন্য ফিখ্টনার জিএমবিএইচ অ্যান্ড কো. কেজি (জিইআর) নামক বিদেশি সংস্থাকে পরবর্তী ২৪ মাসের জন্য পুনরায় পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিটি, যার জন্য সরকারের ব্যয় হবে প্রায় ৯৭ কোটি টাকা। এছাড়া খাদ্য অধিদপ্তরের মাধ্যমে অভ্যন্তরীণ বাজার থেকে উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে ২১৫ কোটি ৬৪ লাখ টাকার বিনিময়ে ৩ কোটি নতুন হেসিয়ান বস্তা ক্রয়ের একটি প্রস্তাবও বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। মোট ১৯টি দরদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে এই বস্তাগুলো সংগ্রহ করা হবে বলে জানা গেছে।
দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৬৯ হাজার টন ডিজেল ও অকটেন নিয়ে একযোগে পাঁচটি বিশাল জাহাজ পৌঁছেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিপুল পরিমাণ জ্বালানির মধ্যে ইতিমধ্যে দুটি জাহাজ থেকে তেল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায় যে, ‘এমটি ওকট্রি’ ও ‘এমটি কেপ বনি’ নামক দুটি জাহাজ ডলফিন জেটিতে নোঙর করে প্রায় ৬৮ হাজার টন ডিজেল খালাস করছে। এই সরবরাহ আসার ফলে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ, পরিবহন ও শিল্পখাতে জ্বালানি সংকট নিরসনে বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
বন্দরের বহির্নোঙরে বর্তমানে আরও তিনটি জ্বালানিবাহী ট্যাংকার খালাসের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘এমটি লিয়ান সং হু’ প্রায় ৪১ হাজার টন ও ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ভারত থেকে এসেছে এবং তাইওয়ান থেকে ‘এমটি নাভে সিয়েলো’ নিয়ে এসেছে প্রায় ২৭ হাজার টন অকটেন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী মহাব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা গণমাধ্যমকে বলেন, “জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় রয়েছে। সেগুলো ধীরে ধীরে জেটিতে ভিড়বে এবং শিগগিরই জ্বালানি খালাস করা হবে।” তিনি আরও প্রত্যাশা করেন যে, এই জাহাজগুলো থেকে তেল খালাস সম্পন্ন হলে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।
বিপিসির বাণিজ্যিক ও পরিচালনা বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন জানান, আমদানিকৃত এই জ্বালানি দ্রুততম সময়ে দেশের বিভিন্ন প্রান্তের ডিপোসমূহে সরবরাহ করার প্রস্তুতি চলছে। এছাড়া গত ১৯ দিনে বিপিসি দেশের অভ্যন্তরীণ তিনটি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও ১৫ হাজার ১৭০ টন অকটেন সংগ্রহ করেছে, যার মধ্যে সুপার পেট্রো পিএলসি একাই ১১ হাজার ৬১৫ টন সরবরাহ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ধারাবাহিকভাবে আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় নিকট ভবিষ্যতে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। এই বিশাল মজুত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রা অনুযায়ী কর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে রাজস্ব আহরণে প্রায় ৯৮ হাজার কোটি টাকার একটি বিশাল ব্যবধান তৈরি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এনবিআরের প্রকাশিত সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে সংস্থাটি ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে, যার ফলে মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় সামগ্রিক রাজস্ব আদায়ে ১১.১৫ শতাংশ প্রবৃদ্ধি বজায় রয়েছে।
খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, শুল্ক, ভ্যাট এবং আয়কর—এই তিনটি প্রধান খাতের কোনোটিই কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁতে পারেনি। আয়কর খাতে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে এনবিআর, যেখানে ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ৯৮ হাজার ৫০১ কোটি টাকা, যা ৪০ হাজার ৬১৭ কোটি টাকার ঘাটতি নির্দেশ করে। মূল্য সংযোজন কর বা ভ্যাট খাতে ঘাটতির পরিমাণ ৩৪ হাজার ৪০০ কোটি টাকা এবং আমদানি শুল্ক খাতে লক্ষ্যমাত্রার চেয়ে ২২ হাজার ৯৭৩ কোটি টাকা কম রাজস্ব সংগৃহীত হয়েছে। কেবল মার্চ মাসের পরিসংখ্যানেও লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা লক্ষ্য করা গেছে, যেখানে ৬০ হাজার ৫০ কোটি টাকার লক্ষ্য থাকলেও সংগৃহীত হয়েছে ৩৩ হাজার ৫২২ কোটি টাকা। তবে বছরওয়ারি হিসাবে মার্চ মাসেও ২.৬৭ শতাংশের একটি ইতিবাচক প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
ভারতের বিধানসভা নির্বাচনকে ঘিরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা চার দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।
গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটিতে নির্ধারিত সময়জুড়ে পণ্য পরিবহন কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত থাকবে।
গত সোমবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ।
সংস্থাটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সোমবার পাঠানো ওই নির্দেশনায় উল্লেখ করা হয়, বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে হবে।
এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী শনিবার থেকে আবারও বন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু হবে।
কুচবিহার জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সব দপ্তর ও ব্যবসায়ীদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
এএসএম নিয়াজ নাহিদ বলেন, ‘নির্বাচনকে ঘিরে মঙ্গলবার থেকে চার দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।’
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, এই সময় ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসা এবং ভুটান ও নেপালগামী যাত্রীরা এই ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস।
তাদের জানানো অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
পরদিন শুক্রবার সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
এই সময়ের মধ্যে ভারতের নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জরুরি প্রয়োজন ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
জানা গেছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভুটান ও বাংলাদেশ সংলগ্ন জলপাইগুড়ি জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণে ঝুঁকি কমাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, "সরকারি ছুটি দিনসহ মোট চার দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আবারও তা স্বাভাবিক হবে।"
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, "আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সময়টাতেও স্বাভাবিকভাবে ইমিগ্রেশন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারত যেহেতু ভোট উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ থাকবে।"