বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩

৬৫ প্রতিষ্ঠান পেল আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অতিথিরা। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
১ ডিসেম্বর, ২০২২ ২৩:৪০
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২২ ২৩:৩৯

দেশের ৬৫ প্রতিষ্ঠানকে বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড দিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর ২০২১ সালের গভর্ন্যান্স, ট্রান্সপারেন্সি ও পারফরম্যান্সের ভিত্তিতে ১৭ ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।

বৃহস্পতিবার রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় তিনি বলেন, 'বাণিজ্য সচিব একটা তথ্য দিয়েছিলেন যে গত মাসে আমরা (বাংলাদেশ) রেকর্ড ৫.০৯ বিলিয়ন ডলার রপ্তানি করেছি। এখানে এসে আমি বিএসইসি চেয়ারম্যানকে বলার পর তিনি আমাকে আরেকটা তথ্য জানালেন, তা হলো গত মাসে রেমিট্যান্স এসেছে রেকর্ড ২ বিলিয়ন ডলার।'

চারদিকে বলাবলি হচ্ছে আমাদের অর্থনীতির অবস্থা ভালো না। আমরা পিছিয়ে যাব। আজকে অনেকের কথা শুনেছেন৷ তাদের এগিয়ে যাওয়া ও স্বীকৃতির মাধ্যমে বোঝা যায়, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে যাব।'

যারা রাজনৈতিক কারণে বাংলাদেশের পিছিয়ে পড়ার কথা ছড়াচ্ছেন তারা জেগে থেকে ঘুমাচ্ছেন বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, 'আইসিএমএবি আজকে স্বীকৃতির মাধ্যমে শুধু পুরস্কারপ্রাপ্তদের সম্মানিত করেনি নিজেরাও বড় হয়েছে।'

তিনি বলেন, আমি শুনেছি আইসিএমবি অনেক পুরস্কার পেয়েছে ও পেতে যাচ্ছে। এ থেকে বোঝা যায় তারা নিজেদের শিক্ষার মান বাড়িয়েছে। এগিয়ে যাচ্ছে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন।

শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, 'ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ নতুন লেভেলে চলে গেছে। নভেম্বরে রেকর্ড ৫ বিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে। আরও বাড়বে, বাংলাদেশ আরও ভালো করবে। মাথাপিছু আয় তিন হাজারে চলে গেছে।'

আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদন খরচ কমানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সামনে কঠিন সময়, এসডিজি ও ভিশন ২০৪১ পূরণ করতে হলে কম্পিটিটিভ হতে হবে। আমাদের সাপ্লাই চেইনে সমস্যা আছে। এ সমস্যা দূর করা জরুরি। গ্যাস বিদ্যুতের স্মুথ সাপ্লাই ম্যানেজমেন্ট করতে হবে। এ জন্য সবকিছুর উৎপাদন খরচ কমিয়ে আনতে হবে। অর্থনীতির গতি ধরে রাখতে চাইলে সবগুলো আইটেমেই কোয়ালিটিসম্পন্ন হতে হবে। বিদেশে যেগুলো যায় সেগুলোর মান নিয়ে কাজ করতে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টে দরকার।'

তিনি বলেন, কস্ট ম্যানেজমেন্ট বিভিন্ন জায়গায় যুক্ত করছি। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ভালোভাবে নিয়মমাফিক কাজ করলে এসব প্রতিষ্ঠান আরও ভালো হবে। এসব হবে লাভজনক প্রতিষ্ঠান। তাই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও প্রতিযোগিতামূলক হতে হবে।'

আইসিএমএবির গুরুত্ব উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন,'পুঁজিবাজারের দুর্বল কোম্পানির বোর্ডে আইসিএমবিকে সংযুক্ত করছি, যাতে করে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি ভালো করতে পারে। এমনকি কিছু ভালো কোম্পানিতেও সংযুক্ত করছি যাতে তারা আরও ভালো মুনাফা করতে পারে। এতে সরকারের রাজস্ব বাড়বে।'

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, 'আইসিএমএবি যারা প্রফেশনাল তারা ব্যবসায়ীদের সহযোগিতা করতে পারে। এই পেশাটা বিভিন্ন রকমের অপচয় রোধে কাজ করে থাকে। এলডিসি উত্তরণ করতে যাচ্ছি আমরা। এ জন্য প্রধানমন্ত্রীর অবদান অসামান্য।'

তিনি বলেন, 'এলডিসি থেকে উত্তরণের পর অনেক সুবিধাই থাকবে না। আমরা জিএসপি প্লাস নিয়ে কাজ করছি। আমেরিকান মার্কেটেও কাজ করছি। আমরা বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে কাজ করছি। এজন্য এই পেশার দক্ষ জনবল আমাদের দরকার আছে। এলডিসি থেকে উত্তরণের পর আমরা ভালো করতে পারব। এ নিয়ে আমি ভীত না। যারা কস্ট অ্যাকাউন্টে কাজ করছেন তাদের সহযোগিতা আমাদের ব্যবসায়ীদের দরকার।'

আইসিএমএবির প্রেসিডেন্ট মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট আব্দুল আজিজ ও ভাইস প্রেসিডেন্ট মুনিরুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

এবার ১৬৫টি প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২৮টি মানদণ্ডের ভিত্তিতে ১৭ বিভাগে তিনটি করে (প্রথম পুরস্কার স্বর্ণ, দ্বিতীয় পুরস্কার রোপ্য ও তৃতীয় পুরস্কার ব্রোঞ্জ) মোট ৬৫ প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।

এ বছর জুরিবোর্ডের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সদস্য হিসেবে ছিলেন বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ।

আইসিএমএবি বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাণাধীন পেশাগত শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশার উন্নয়ন, নিয়ন্ত্রণ ও প্রসারের লক্ষ্যে দেশের সর্বোচ্চ ডিগ্রি প্রদান এবং এসব বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা।

১৭ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেল যারা

রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক

এই ক্যাটাগরিতে প্রথম পুরস্কার স্বর্ণ লাভ করেছে জনতা ব্যাংক লিমিটেড। দ্বিতীয় পুরস্কার ২য় রৌপ্য পেয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। আর তৃতীয় পুরস্কার উঠেছে (ব্রোঞ্জ) রূপালী ব্যাংক লিমিটেডের ঘরে।

প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক

প্রথম পুরস্কার পেয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। যৌথভাবে দ্বিতীয় হয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড। তৃতীয় পুরস্কার উঠেছে দুটি প্রতিষ্ঠানের ঘরে, তারা হলো- ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং সিটি ব্যাংক লিমিটেড।

প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন)

প্রথম পুরস্কার লাভ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। দ্বিতীয় হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড পেয়েছে প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। যৌথভাবে তৃতীয় হয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন পিএলসি এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স।

সাধারণ বীমা

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম পুরস্কার পেয়েছে। সাধারণ বীমা কর্পোরেশন দ্বিতীয় পুরস্কার পায়। নিটোল ইন্স্যুরেন্স কোং লিমিটেড এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে।

লাইফ ইন্স্যুরেন্স

এই ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করেছে সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দ্বিতীয় পুরস্কার পায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর যৌথভাবে তৃতীয় পুরস্কার লাভ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ।

ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং

এই ক্যাটাগরিতে শীর্ষ স্থানীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রথম পুরস্কার ঘরে তুলেছে। আরেক শীর্ষ স্থানীয় কোম্পানি রেনেটা লিমিটেড পেয়েছে দ্বিতীয় পুরস্কার। এ ছাড়া যৌথভাবে তৃতীয় হয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড ও এসিআই লিমিটেড।

সিমেন্ট ম্যানুফ্যাকচারিং

প্রথম পুরস্কার লাভ করেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি। দ্বিতীয় হয়েছে এম.আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। তৃতীয় পুরস্কার পেয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং

প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি প্রথম পুরস্কার লাভ করেছে। দ্বিতীয় পুরস্কার পেয়েছে স্কয়ার টেক্সটাইল লিমিটেড। এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড এবং মতিন স্পিনিং মিলস পিএলসি যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে।

এমএনসি ম্যানুফ্যাকচারিং

এই ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম পুরস্কার লাভ করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসি দ্বিতীয় ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তৃতীয় পুরস্কার পায়।

অন্যান্য ম্যানুফ্যাকচারিং

এই ক্যাটাগরিতে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড প্রথম, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড দ্বিতীয় এবং যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন

এই ক্যাটাগরিতে সামিট পাওয়ার লিমিটেড প্রথম পুরস্কার লাভ করেছে। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড। আর যৌথভাবে তৃতীয় পুরস্কার লাভ করেছে ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এবং বারাকা পাওয়ার লিমিটেড।

তেল, গ্যাস ও জ্বালানি

এই ক্যাটাগরিতে লিন্ডে বাংলাদেশ লিমিটেড প্রথম, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড দ্বিতীয় এবং এমজেএল বাংলাদেশ লিমিটেড তৃতীয় পুরস্কার লাভ করেছে।

এনজিও

এই ক্যাটাগরিতে প্রথম পুরস্কার লাভ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্র্যাক। দ্বিতীয় পুরস্কার পেয়েছে অ্যাকশন এইড-বাংলাদেশ। যৌথভাবে তৃতীয় পুরস্কার লাভ করে সাজিদা ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশ।

অ্যাগ্রো এবং ফুড প্রসেসিং

প্রথম পুরস্কার লাভ করে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পেয়েছে এগ্রিকালচারাল মার্কেটিং কোং লিমিটেড ও ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এপেক্স ফুডস লিমিটেড তৃতীয় পুরস্কার পায়।

ট্রেডিং ও অ্যাসেম্বলি

প্রথম পুরস্কারটি পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। রানার অটোমোবাইলস পিএলসি পেয়েছে দ্বিতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কারটি লাভ করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।

আইটি ও টেলিকমিউনিকেশন

এই ক্যাটাগরিতে সেরার মুকুট উঠেছে হয়েছে গ্রামীণফোন লিমিটেডের মাথায়। আর দ্বিতীয় সেরা হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। বিডিকম অনলাইন লিমিটেড পেয়েছে তৃতীয় পুরস্কার।


নির্বাচিত

‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রূপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রকল্পে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন ‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’। ২০ অক্টোবর শুরু হওয়া এ মেলা চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি চিফ বিজনেস অফিসার মো. সাদ্দাম হোসেন। এ আয়োজনের মাধ্যমে আগ্রহী ক্রেতারা রূপায়ণ লেক ক্যাসেলের প্রস্তুত ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং বিশেষ সুযোগ-সুবিধায় পছন্দের ফ্ল্যাট কেনার সুযোগ পাবেন।

উদ্বোধনী বক্তব্যে মো. সাদ্দাম হোসেন বলেন, “রূপায়ণ লেক ক্যাসেল বসুন্ধরা আবাসিক এলাকার একটি দৃষ্টিনন্দন ও আধুনিক কনডোমিনিয়াম প্রকল্প। আধুনিক জীবনযাপনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, নান্দনিক স্থাপত্য ও পরিকল্পিত আবাসনব্যবস্থার সমন্বয়ে প্রকল্পটি ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় আবাসন গন্তব্য।”

অনুষ্ঠানে উপস্থিত রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক বলেন, “রূপায়ণের এক্সক্লুসিভ প্রকল্পগুলোর মধ্যে রূপায়ণ লেক ক্যাসেল অন্যতম। এখানে বসবাসকারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে আধুনিক জীবনযাপনের বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করছেন। প্রকল্পটিতে সুইমিং পুল, জিমনেসিয়াম, শিশুদের খেলার জায়গা, সুপারশপ ও মেডিসিন কর্নারসহ বিভিন্ন সুবিধা রয়েছে।”

তিনি আগ্রহী ক্রেতাদের রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬ পরিদর্শন এবং এ আয়োজনের সুযোগ-সুবিধা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ওবায়দুল করিম মাসুম এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের নূর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

তিন দিনব্যাপী এ মেলায় আগ্রহী ক্রেতারা রূপায়ণ লেক ক্যাসেলের আবাসনসুবিধা সরেজমিনে দেখার পাশাপাশি প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও ফ্ল্যাট কেনার বিষয়ে বিস্তারিত জানার সুযোগ পাবেন।


নির্বাচিত

সোনালী ব্যাংক স্টাফ কলেজে সোলার সিস্টেম উদ্বোধন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ ব্যয় হ্রাস ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ kWp ক্ষমতার অনগ্রিড সোলার সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

ফিতা কেটে স্টাফ কলেজের ছাদে স্থাপিত সোলার সিস্টেমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। এর আগে স্টাফ কলেজের কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা।

স্টাফ কলেজের প্রিন্সিপাল মো. ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্টাফ কলেজের ফ্যাকাল্টি, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী, সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ঋণসেবায় যুক্ত হবেন ৫০ হাজার কৃষক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

ডিজিটাল লেনদেনের আওতা বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তির সুযোগ তৈরিতে যৌথভাবে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান আইএফপিআরআই। গেটস ফাউন্ডেশনের সহায়তায় দুই বছর মেয়াদি এ উদ্যোগের আওতায় ৫০ হাজার কৃষক ও ১ হাজার ৫০০ কৃষি উপকরণ বিক্রেতাকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘ফিনোভিশন’ (FINNOVISION) নামের ব্যাংকটির ইমপ্যাক্ট-ড্রিভেন এসএমই ইনোভেশন ল্যাবের আওতায় এ পাইলট উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত চলবে এটি। উদ্যোগের আওতায় কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের ডিজিটাল লেনদেনের ইতিহাস কাজে লাগিয়ে ঋণ পাওয়ার যোগ্যতা মূল্যায়ন করা হবে। এর ফলে এত দিন অনানুষ্ঠানিক উৎস থেকে ঋণ নেওয়া কৃষক ও ব্যবসায়ীদের প্রাতিষ্ঠানিক অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হবে।

এ অংশীদারত্বের আওতায় ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’, ‘সাফল্য’ ও ‘জীবিকা’ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট ও ঋণসেবা চালু করা হবে। অন্যদিকে, আইএফপিআরআই উদ্যোগটির কার্যকারিতা ও প্রভাব নিয়ে গবেষণা করবে। দৈবচয়নভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ডিজিটাল সেবা গ্রহণে সহায়ক বিষয়গুলো চিহ্নিত করা হবে। পাশাপাশি উদ্যোগটি কতটা কার্যকর এবং বৃহত্তর পরিসরেবাস্তবায়নযোগ্য কি না, তা যাচাই করা হবে। গবেষণার ফলাফল নীতিনির্ধারণ ও দেশব্যাপী উদ্যোগটি সম্প্রসারণের পরিকল্পনায় সহায়তা করবে।

এ অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেছেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং আইএফপিআরআইয়ের ডিরেক্টর জেনারেল জোহান সোয়িনেন। এ সময় ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল উপস্থিত ছিলেন।

আইএফপিআরআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র রিসার্চ ফেলো ড. কেট অ্যাম্বলার, বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মুগ্ধ মহজাব এবং রিসার্চ ফেলো ও প্রকল্পপ্রধান ড. মেহরাব বখতিয়ার।

সৈয়দ আব্দুল মোমেন বলেছেন, কৃষক ও ক্ষুদ্র কৃষিভিত্তিক ব্যবসা দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হলেও তাঁদের অনেকেই প্রাতিষ্ঠানিক অর্থায়ন পেতে বাধার মুখে পড়েন। দৈনন্দিন ডিজিটাল লেনদেনের তথ্য ব্যবহার করে তাঁদের আর্থিক কার্যক্রমের চিত্র পাওয়া এবং ঋণ পাওয়ার যোগ্যতা মূল্যায়ন সহজ করা সম্ভব। এ উদ্যোগ ডিজিটাল লেনদেন ও প্রাতিষ্ঠানিক অর্থায়নের মধ্যকার ব্যবধান কমাবে। পাশাপাশি কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের চলতি মূলধন ব্যবস্থাপনা, ব্যবসা শক্তিশালী করা এবং সম্প্রসারণে সহায়তা করবে।

গেটস ফাউন্ডেশনের কান্ট্রি প্রোগ্রাম অফিসার স্নিগ্ধা আলী বলেছেন, একটি শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানকে একসঙ্গে নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। কৃষকের দৈনন্দিন ডিজিটাল লেনদেন প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার পথ তৈরি করতে পারে। গবেষণার মাধ্যমে উদ্যোগটির কার্যকারিতা যাচাই করে দেশজুড়ে কৃষকদের কাছে এ সেবা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আইএফপিআরআইয়ের রিসার্চ ফেলো ও প্রকল্পপ্রধান ড. মেহরাব বখতিয়ার বলেছেন, বাংলাদেশের অনেক কৃষক এখনো প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়েছেন। ডিজিটাল আর্থিক সেবা কৃষকদের জীবনে কী ধরনের পরিবর্তন আনে এবং তাঁদের এ ব্যবস্থার আওতায় আনতে কী প্রয়োজন, তা গবেষণার মাধ্যমে নির্ধারণ করা হবে। এ গবেষণার ফলাফল সফল পরীক্ষামূলক উদ্যোগটিকে কৃষি অর্থায়নের জাতীয় মডেলে রূপ দিতে সহায়তা করবে।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সদর দপ্তর অবস্থিত আইএফপিআরআই খাদ্যনীতি বিষয়ে গবেষণাকারী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এটি আন্তর্জাতিক কৃষি গবেষণা অংশীদারত্ব সিজিআইএআরের (CGIAR) অংশ।


নির্বাচিত

ট্রাস্ট ব্যাংকের ‘উদ্যোক্তা উৎসব সিলেট’ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

উদ্যোক্তাদের অবদান স্বীকৃতি ও এমএসএমই গ্রাহকদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা উৎসব সিলেট ২০২৬’।

প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই ডিভিশন প্রধান সাদাত আহমেদ খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের পরিচালক নওশাদ মোস্তফা এবং এসএমইএসপিডি বিভাগের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব।

অনুষ্ঠানে করপোরেট গ্রাহকরা অংশ নেন। ব্যবসায়িক সাফল্য ও ব্যাংকের সঙ্গে সুসম্পর্কের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গ্রাহকদের সম্মাননা প্রদান করা হয়।


নির্বাচিত

মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপের চুক্তি সই

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

গ্রাহকদের চিকিৎসাসংক্রান্ত ভ্রমণ সুবিধা দিতে মিডল্যান্ড ব্যাংক এবং প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় ব্যাংকের কার্ডধারী, গ্রাহক ও কর্মীরা ভারত, থাইল্যান্ড ও চীনে বিশেষ চিকিৎসাসেবা পাবেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি মো. জাহিদ হোসেন এবং প্ল্যান মেডি ট্রিপের এমডি ফ্লোরা নাজনীন।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. আবেদ-উর-রহমান, মো. জুবায়েদ উর রহমান ও মো. রাশাদুল আনোয়ার এবং প্ল্যান মেডি ট্রিপের চেয়ারম্যান সৈকত ভদ্র, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাতিমা তুজ জোহরা ও এক্সিকিউটিভ মোছা. সাদিয়া খাতুন উপস্থিত ছিলেন।

বিষয়:

নির্বাচিত

বিজিএমইএর উদ্যাগে পোশাক খাতে ইএসজি ড্যাশবোর্ড চালু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

বিশ্ব চাহিদার সঙ্গে মিল রেখে তৈরি পোশাক খাতে পরিবেশগত নিরাপত্তা, সামাজিক দায়বদ্ধতা ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে উঠেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে রপ্তানি বাণিজ্যে টিকে থাকতে কারখানাগুলোকে তথ্যসমৃদ্ধ ও নির্ভরযোগ্য হতে হবে। এই বাস্তবতায় পোশাক খাতে ‘ইএসজি ড্যাশবোর্ড’ চালু করেছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।

গত সোমবার পোশাক খাতে পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) সম্পর্কিত প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পণ্যের গন্তব্য দেশের নীতিমালা মেনে পরিবেশবান্ধব কারখানা, নবায়নযোগ্য শক্তি ও কার্বন কমানোর ক্ষেত্রে পরিবেশগত মানদণ্ড, ন্যায়সঙ্গত মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা-সংক্রান্ত তথ্যউপাত্ত প্রাপ্তি, বিশ্লেষণ ও প্রবণতা বোঝার ড্যাশবোর্ড এটি।

রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ, ব্র্যাক ইউনিভার্সিটির বিআইজিডির রিসার্চ পরিচালক অধ্যাপক মুন্সি সোলায়মান ও ম্যাপড ইন বাংলাদেশের (এমইবি) টেকনিক্যাল লিড অধ্যাপক মতিন আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সরকারের দুর্বল নীতির কারণে বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিচ্ছে। আগামীতে দেশের রূপকল্প বাস্তবায়নে পোশাক শিল্পের গতিশীল নেতৃত্ব বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পরিবর্তিত বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে কারখানাগুলোকে তথ্যসমৃদ্ধ ও নির্ভরযোগ্য হতে হবে। ইতোমধ্যে ৩২৬টি প্রতিষ্ঠান যুক্ত হলেও শিগগিরই পোশাক খাতের যৌথ সুরক্ষায় এটি বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের জন্য বাধ্যতামূলক করা হবে।

বিজিএমইএ পরিচালক শেখ হোসেন মোহাম্মাদ মোস্তাফিজ বলেন, কমপ্লায়েন্সকে কেবল নিয়ম রক্ষার মধ্যে না রেখে ব্যবসায়িক সক্ষমতায় রূপান্তর করাই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য।

ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সরকারের সংস্কার এজেন্ডায় পূর্ণ সমর্থন ব্যক্ত করে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ বলেন, কেবল গতানুগতিক নিয়ম পালন নয়, টেকসই শিল্প পরিচালনাই দীর্ঘমেয়াদি সাফল্যের প্রধান শর্ত।

বিআইজিডির গবেষণা পরিচালক প্রফেসর মুন্সি সোলায়মান দেশের সব পোশাক কারখানাকে এই ব্যবস্থার আওতায় আনার আহ্বান জানান।

এ ছাড়া ম্যাপড ইন বাংলাদেশের কারিগরি প্রধান অধ্যাপক মতিন আব্দুল্লাহ প্ল্যাটফর্মটির কারিগরি দিকের ওপর আলোকপাত করেন। ডেনমার্ক দূতাবাসের আর্থিক সহায়তায় এবং বিআইজিডি ও এমআইবির কারিগরি যৌথতায় বিজিএমইএ এ সম্পর্কিত প্রকল্পটি বাস্তবায়ন করছে।


নির্বাচিত

এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক সাদিয়া নূর খান ও পিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন। এ ছাড়া ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহিদুল ইসলাম জাহিদ অনলাইনে যুক্ত ছিলেন।

প্রধান অতিথি ইসমাইল জবিউল্লাহ তাঁর বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ কর্তৃক পরিচালিত মাস্টার অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম আবার চালু করতে শিক্ষা মন্ত্রণালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানাবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মুসতবা ইশতিয়াক আহমদ, ইভেন্ট চেয়ার হোসাইন আব্দুর রহমান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন ও ইভেন্ট কো–চেয়ার মোহাম্মদ মোজাম্মেল হক। অভিষেক অনুষ্ঠান সঞ্চালনা করেন এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম এনায়েতুল করিম হেলাল।


নির্বাচিত

দুই অঞ্চলের শাখা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ সম্প্রতি বগুড়ার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে।

শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়।

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বক্তব্যে তিনি বলেছেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ তথা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

কনক্লেভে রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশ নেন।

বিষয়:

নির্বাচিত

রাঁধুনীর পৃষ্ঠপোষকতায় সিলেটে উদযাপিত হলো আন্তর্জাতিক শেফ দিবস

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

‘বিশ্বজুড়ে একদিন, আমাদের গর্বের দিন’ প্রতিপাদ্যে সিলেটে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শেফ দিবস ২০২৬। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, রান্নাবিষয়ক পরামর্শ ও কুইজ প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন সিলেট বিভাগের পাঁচ শতাধিক শেফ ও রন্ধনশিল্পী।

মঙ্গলবার সকালে নগরীর মির্জাজঙ্গল এলাকার একটি কনভেনশন সেন্টারে শেফস অ্যান্ড কুকস অব সিলেট ডিভিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে কনভেনশন সেন্টার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও কনভেনশন সেন্টারে এসে শেষ হয়। পরে শেফদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। এতে রান্নার বিভিন্ন কৌশল, খাবারের মান বজায় রাখা এবং রন্ধনশিল্পের উন্নয়নে নানা পরামর্শ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে রান্নায় ব্যবহৃত দেশের স্বনামধন্য ব্র্যান্ড রাঁধুনী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিভিন্ন পণ্য নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড গত ২৫ বছর ধরে গুণগত মান, আস্থা ও বিশ্বাসযোগ্যতা বজায় রেখে তাদের যাত্রা অব্যাহত রেখেছে। শেফদের সঙ্গে রাঁধুনী ব্র্যান্ডের দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও শেফরা রাঁধুনীর সঙ্গে আস্থা ও বিশ্বাসের এই সম্পর্ক বজায় রাখবেন বলে তারা প্রত্যাশা করেন।

এদিকে দেশের জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র শীর্ষ প্রতিযোগী অভিরূপ কুমার সিং বলেন, শেফদের প্রতিভা বিকাশ ও নিজেদের পরিচিতি তুলে ধরার জন্য ‘সেরা রাঁধুনী’ দেশের অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ রয়েছে। তিনি শেফদের ‘সেরা রাঁধুনী’তে অংশ নিয়ে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে পাঁচ শতাধিক শেফের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। পুরো অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল রাঁধুনী ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।


নির্বাচিত

আইটেল নিয়ে এলো প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল তাদের নতুন স্মার্টফোন A300+ বাংলাদেশের বাজারে এনেছে। আইটেল এই দামের ক্যাটাগরিতে প্রথম ডুয়াল-স্ক্রিন অভিজ্ঞতা নিয়ে এসেছে। ফোনটির পেছনে রয়েছে বিশেষ ডিসপ্লে, যা স্মার্টফোন ব্যবহারে যোগ করবে নতুন অভিজ্ঞতা। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি এতে রয়েছে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, আইপি৬৫ পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা, মিলিটারি-গ্রেড স্থায়িত্ব এবং আধুনিক সব স্মার্ট ফিচার। তরুণদের দৈনন্দিন প্রয়োজন ও পছন্দের কথা মাথায় রেখে সাশ্রয়ী দামে নতুন প্রযুক্তির অভিজ্ঞতা দিতে ফোনটি বাজারে এনেছে আইটেল।

আইটেল A300+ এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ফোনটির পেছনে থাকা ২.০১ ইঞ্চির ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, যা এআই ডুয়াল ভিশন ডিসপ্লে নামেও পরিচিত। এই ডিসপ্লের সাহায্যে মূল স্ক্রিন চালু না করেই বেশ কিছু প্রয়োজনীয় কাজ করা যাবে। পেছনের ক্যামেরা দিয়ে সেলফি তোলার সময় নিজের ছবি দেখে ফ্রেম ঠিক করা, মেসেজ ও নোটিফিকেশন দেখা এবং গান চালু বা পরিবর্তন করা যাবে সহজেই। শুধু তাই নয়, নিজের পছন্দের ঘড়ি, ছবি কিংবা বিভিন্ন ডিজাইন ব্যবহার করে পেছনের স্ক্রিনটি সাজিয়ে নেওয়ার সুযোগও রয়েছে। ফলে ফোনটি শুধু ব্যবহারের জন্যই নয়, তরুণদের ব্যক্তিগত স্টাইলের অংশ হিসেবেও নতুন অভিজ্ঞতা দেবে।

বিনোদনের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে ফোনটিতে রয়েছে ৩০০ শতাংশ আল্ট্রা ভলিউম স্পিকার। এর ফলে গান শোনা, সিনেমা দেখা কিংবা গেম খেলার সময় পাওয়া যাবে আরও জোরালো শব্দ। পাশাপাশি স্মার্ট নয়েজ কন্ট্রোল ৩.০ প্রযুক্তি ফোনে কথা বলার সময় আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমাতে সাহায্য করে। ফলে ব্যস্ত রাস্তা কিংবা কোলাহলপূর্ণ পরিবেশেও কথা শোনা যাবে আরও স্পষ্টভাবে।

চমৎকার ডিজাইন ও আধুনিক ফিচারের পাশাপাশি ফোনটির স্থায়িত্বের দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে আইটেল। এতে রয়েছে আইপি৬৫ পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং মিলিটারি-গ্রেড বিল্ড, যা প্রতিদিনের ব্যবহারে ফোনকে বাড়তি সুরক্ষা দেয়। ধুলাবালি, হঠাৎ পানির ছিটা কিংবা অসাবধানতাবশত হাত থেকে পড়ে যাওয়ার মতো পরিস্থিতিতে ফোনটির টেকসই গঠন ব্যবহারকারীদের আরও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দিতে সাহায্য করবে।

তরুণদের প্রয়োজন মাথায় রেখে ডিজাইন করা আইটেল A300+ আধুনিক প্রযুক্তি ও সহজ ব্যবহারযোগ্য ফিচারের মাধ্যমে সবার কাছে উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার আইটেলের প্রতিশ্রুতিকে তুলে ধরে। ইন্টারঅ্যাকটিভ ডুয়াল-স্ক্রিন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত সাউন্ড, টেকসই গঠন ও আল্ট্রালিংক প্রযুক্তির সমন্বয়ে সাশ্রয়ী দামের স্মার্টফোনেও নতুন ধরনের সুবিধা নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

বিষয়:

নির্বাচিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৫ম সভা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির ৫ম সভা গত ১৯ অক্টোবর ২০২৬, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজি শায়রুল হাসান এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য লে. কর্নেল (অবঃ) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি এবং কে. এম. জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সেবা, ব্যবসা, বিনিয়োগ ও আমানতসহ সার্বিক কার্যক্রমে গতিশীলতা বাড়াতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং বিভিন্ন প্রস্তাবনা পর্যালোচনাপূর্বক অনুমোদন করা হয়।

বিষয়:

নির্বাচিত

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

দেশের বাজারে গ্যালাক্সি এ০৮ এলটিই স্মার্টফোন এনেছে স্যামসাং বাংলাদেশ। মাঝারি দামের এই স্মার্টফোনে রয়েছে দ্রুতগতির পারফরম্যান্স, দীর্ঘমেয়াদী ব্যবহার উপযোগী ডিজাইন, স্মার্ট এআই সুবিধা এবং দৈনন্দিন কাজের উপযোগী বিভিন্ন ফিচার।

মিডিয়াটেক হেলিও জি৯৯ প্লাস প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম, ওয়ান ইউআই ৯ এবং দ্রুতগতির এলপিডিডিআর৫এক্স মেমোরির সমন্বয়ে তৈরি করা হয়েছে গ্যালাক্সি এ০৮ এলটিই। ব্যবহারকারীদের দৈনন্দিন অ্যাপ ব্যবহার, বিনোদন, যোগাযোগ, গেমিং ও একসঙ্গে একাধিক কাজ করার অভিজ্ঞতাকে আরও সহজ করবে এটি।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের (এমএএইচ) ব্যাটারি। এছাড়া রয়েছে আইপি৬৪ রেটিং, যা ডিভাইসটিকে ধুলাবালি ও পানি থেকে সুরক্ষিত রাখবে।

স্মার্টফোনটির সফটওয়্যার ও নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে স্যামসাং। গ্যালাক্সি এ০৮ এলটিইতে ছয়টি বড় অপারেটিং সিস্টেম আপডেট এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। পাশাপাশি, হার্ডওয়্যারভিত্তিক স্যামসাং নক্স ভল্ট নিরাপত্তাব্যবস্থা ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখবে।

আরও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধা। এর সার্কেল টু সার্চ ফিচারের সাহায্যে স্ক্রিনে থাকা যেকোনো বিষয় সম্পর্কে সরাসরি খোঁজ করা যাবে। এছাড়া, এআই ওভারভিউয়ের সাহায্যে যেকোনো প্রয়োজনীয় তথ্য সহজে ও দ্রুত জানা যাবে। কাজের সুবিধা বাড়াতে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে জেমিনি ও পারপ্লেক্সিটির মাল্টি-এজেন্ট সুবিধা।

ডার্ক ব্লু, সিলভার ও গ্রিন রঙে স্যামসাংয়ের অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে গ্যালাক্সি এ০৮ এলটিই।

বিষয়:

নির্বাচিত

সিএমএসএমই উদ্যোক্তাদের অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও রানার মোটরস

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কর্পোরেট ডেস্ক

দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য বাণিজ্যিক যানবাহন ক্রয়ে অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি ও রানার মোটরস পিএলসি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা চালু করা হবে, যা তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই অংশীদারত্বের আওতায় সিএমএসএমই গ্রাহকেরা রানার মোটরস পিএলসির বাণিজ্যিক যানবাহন কেনার জন্য আকর্ষণীয় সুদহারে খুব দ্রুত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা পাবেন। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো উদ্যোক্তাদের জন্য অর্থায়নপ্রাপ্তির প্রতিবন্ধকতা কমানো, যাতে তারা ব্যবসার পরিবহন ও সরবরাহ সক্ষমতা বাড়াতে, পরিচালন কার্যক্রম আরও দক্ষ করতে এবং ব্যবসার পরিধি সম্প্রসারণ করতে পারেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং রানার মোটরস পিএলসির প্রধান অর্থ কর্মকর্তা রাজেশ কুমার যাদব। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির চিফ বিজনেস অফিসার সাজিদ রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো. মহসিনুর রহমান এবং ইভিপি ও সিআরএম-এসএমই বিভাগের প্রধান নাইমুল হাসান খান। রানার মোটরস পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ফিরোজ কবির।

প্রাইম ব্যাংক ও রানার মোটরসের এই যৌথ উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী গ্রাহকবান্ধব অটো ফাইন্যান্সিং সেবা নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে। এ সহযোগিতা ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, উৎপাদনশীল সম্পদ অর্জনের সুযোগ বৃদ্ধি এবং দেশের সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


নির্বাচিত

banner close