জমি দখল ও কিশোর গ্যাং বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ রোববার নগরভবন প্রাঙ্গণে মিরনজিল্লা পরিচ্ছন্নতাকর্মী নিবাসের বাসা বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কঠোর হুঁশিয়ারি দেন।
মেয়র তাপস বলেন, ‘মিরনজিল্লায় যে কাঁচাবাজার রয়েছে, সেটি ২০১৬ সালে পুনর্নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। প্রায় আট বছর পর আমরা সেটি বাস্তবায়নে যাচ্ছি। এ প্রসঙ্গে আমি আপনাদের বলতে চাই, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোনো জমি কোনো ভূমিদস্যুর হাতে আমরা ছেড়ে দিতে পারি না।’
মিরনজিল্লায় কোনো মাদকচক্র, কিশোর গ্যাং ও অপরাধ চক্রের আখড়া হতে দেব না উল্লেখ করে তিনি বলেন, ‘সব জমি আমরা দখলমুক্ত করব এবং আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং ঢাকাবাসীর জন্য আমরা সেটা কাজে লাগাব; জনকল্যাণের কাজে লাগাব। ঢাকাবাসীর জীবনমান উন্নয়নে ও সুন্দর এবং বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।’
বিগত চার বছরে নিয়োগপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মীদের সবাই হরিজন ও তেলেগু সম্প্রদায়ের এবং আগামীতেও তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান মেয়র।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরিজন, তেলেগুসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে চাকরি নিশ্চিত করেছেন ও বাসা নিশ্চিত করেছেন। আজকে আমরা সেটাই বাস্তবায়ন করে চলেছি। বিগত ৪ বছরে দক্ষিণ সিটি করপোরেশনে এ পর্যন্ত ২৫০ জন নতুন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিয়েছি। এরা সবাই হরিজন ও তেলেগু সম্প্রদায়ের। এর বাইরে আমরা নিয়োগ দিইনি’- যোগ করে বললেন মেয়র তাপস।
তিনি আরও বলেন, ‘আগামীতে যে নিয়োগ দেওয়া হবে, সেখানেও হরিজন সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া বাসা বরাদ্দের ক্ষেত্রে স্ব-স্ব সম্প্রদায়কে আলাদা আলাদাভাবে বাসা বরাদ্দ দিচ্ছি, যাতে করে কোনো রকম সাংঘর্ষিক কোনো কিছু না হয় এবং শৃঙ্খলা থাকে। সুতরাং আমরা মানবতার জননী শেখ হাসিনার রূপকল্প পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে চলেছি।’
ডিএসসিসি মেয়র বলেন, ‘কোনো সম্প্রদায়ের অজুহাত দিয়ে আমাদের জমি বছরের পর বছর দখল করে সেখানে মাদকের আখড়া বানাবে, কিশোর গ্যাং বানাবে, অপরাধ চক্র সৃষ্টি করবে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তা বরদাশত করবে না। সুতরাং সব অবৈধ ভূমিদস্যদের উচ্ছেদ করে আমরা আমাদের সব সম্পদ-সম্পত্তি ঢাকাবাসীর কল্যাণে নিয়োজিত করব। আজকে যে ৬৬টি বাসা বরাদ্দ দেওয়া হচ্ছে, আপনারা এগুলো দেখভাল করবেন। এগুলো আপনাদের সম্পদ, সিটি করপোরেশনের সম্পদ।’
তিনি আরও বলেন, ‘আপনাদের জীবনযাপনে যেন অবৈধ কোনো চক্র কোনো ধরনের পাঁয়তারা সৃষ্টি করতে না পারে, সেদিকে আপনারা সচেতন থাকবেন। প্রয়োজনে আমাদের জানাবেন। আমরা সেসব কঠোরভাবে দমন করার ব্যবস্থা নেব ইনশাল্লাহ।’
ভোর থেকে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি ছিল অনেক বেশি। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে শুরু হয় বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি সকাল গড়িয়ে বিকেল পর্যন্ত চলে।
সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, পল্টন, গুলিস্তান, সেগুনবাগিচা ও মতিঝিল এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন সড়কে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়ে। বৃষ্টি থেকে রক্ষা পেতে অনেককে ছাতা ও রেইনকোট ব্যবহার করতে দেখা যায়। আবার অনেকে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের সামনে আশ্রয় নেন। গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে।
বৃষ্টির কারণে যানবাহন পেতে ভোগান্তিতে পড়েছেন অনেকে। কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় গন্তব্যে পৌঁছেছেন। আবার বৃষ্টিতে ভিজেই হেঁটে চলাচল করতে দেখা গেছে অনেককেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টির প্রবণতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।
টোল আদায় কম দেখিয়ে টাকা আত্মসাতের ঘটনা! রাজস্ব ফাঁকির এই অভিযোগ উঠেছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রকৃত যানবাহন সংখ্যা কমিয়ে দিয়ে টোল আদায়ের প্রাপ্তিগুলো নিজেদের পকেটে পুড়ে নিচ্ছে এই প্রতিষ্ঠান।
এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে অভিযোগ অস্বীকার করেছে প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান। সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায়ের স্বচ্ছতা নিশ্চিত করতে আলাদা পর্যবেক্ষণব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে নির্মিত প্রকল্পটির চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচল ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ পাবে সরকার। আর দৈনিক গাড়ি চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নামলে ভর্তুকি পাওয়ার কথা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের।
অভিযোগ উঠেছে, বর্তমানে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে অতিরিক্ত টোলের রাজস্ব দেওয়া হচ্ছে না। যদিও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হিসাবে দৈনিক গাড়ি চলাচল ৭০ থেকে ৭৫ হাজার। কিন্তু এসবি তদন্ত করে পায় যে প্রতিদিন গাড়ি চলাচল করে প্রায় এক লাখেরও বেশি। এসবি জানিয়েছে যানবাহনের সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু গাড়ির টোল ম্যানুয়ালি আদায় করা হচ্ছে।
এসব তথ্য কেন্দ্রীয় সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। ব্যস্ত সময়ে অনলাইন রসিদ ছাড়াই টোল আদায় এবং একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে ব্যবহারের অভিযোগও রয়েছে।
রাজধানীর মিরপুরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিভিন্ন দাবিতে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরের বিভিন্ন সড়কে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি সাজোয়া যান ও জলকামান মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় মিছিল করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে নামেননি পোশাকশ্রমিকেরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বিকেল পর্যন্ত প্রধান সড়কে শ্রমিকদের কোনো বিক্ষোভ করতে দেখা যায়নি।
দুপুরে সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও স্পেশাল রিজার্ভ ফোর্সের (এসআরএফ) সদস্য মোতায়েন রয়েছেন। সেখানে সাজোয়া যান ও জলকামানের একটি গাড়িও রাখা হয়েছে। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচেও সাজোয়া যানসহ পুলিশের অবস্থান দেখা যায়। মিরপুর-১২ নম্বর এলাকাতেও সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে, সকাল থেকে মিরপুর এলাকায় দুই দফায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। মিছিল থেকে তারা ‘শ্রমিক-জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’, ‘আপা আপা করিস না, তোদের আপা ফিরবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ ছাড়া মূল সড়কের ফুটপাতের ওপর টেবিল বসিয়ে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতেও দেখা গেছে। পল্লবী, মিরপুর-১ ও ১৪ নম্বর এলাকার বিভিন্ন পোশাক কারখানার সামনেও পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল।
সকালে বিভিন্ন গলিতে পোশাক শ্রমিকদের বিচ্ছিন্ন উপস্থিতি দেখা গেলেও মূল সড়কে আন্দোলনকারীদের কোনো জমায়েত দেখা যায়নি। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে শ্রমিকেরা সড়কে নামেননি বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বুধবার আন্দোলন ঘিরে মিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), ক্রাইম প্রিভেনশন উত্তর মো. মহিদুল ইসলাম।
গাজীপুরে আজ বৃহস্পতিবারও বিক্ষোভ করছেন শ্রমিকেরা; লাঠিসোঁটা হাতে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। বিক্ষোভ চলাকালে সালনা, মাস্টারবাড়ি ও শ্রীপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে পরিস্থিতি অনুকূলে রাখতে ওই অঞ্চলের কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও সাইনবোর্ড এলাকায় শ্রমিক আন্দোলন থাকলেও বৃহস্পতিবার ওই দিকের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর ও সদর উপজেলার কয়েকটি স্থানে আন্দোলনে নামেন শ্রমিকেরা। পরে মাস্টারবাড়ি এলাকায় পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়; এরপর শ্রমিকেরা শ্রীপুর ও সালনা এলাকায় অবস্থান নেওয়ায় ওই মহাসড়কে যান চলাচল বর্তমানে বন্ধ রয়েছে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অঞ্চলে কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে নামার চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বুঝিয়ে সরানোর চেষ্টা চালাচ্ছেন। আজও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি জানান, বন্ধ কারখানার সংখ্যা পরে জানানো হবে।
গভীর রাতের নীরবতা ভেঙে গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন কোট মার্কেটে আগুনের লেলিহান শিখা দেখা গেছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মার্কেটের এক প্রান্তে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। রাতের অন্ধকারে লালচে শিখা উঠতেই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় চারদিক ছেয়ে যায়।
মার্কেট তখন বন্ধ। ফলে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এখনো আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গুলিস্তান জিরো পয়েন্টের মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকায় মধ্যরাতে এ ধরনের অগ্নিকাণ্ড এলাকাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ আরম্ভ করেন এবং একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে মহানগরীর ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে; পাশাপাশি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরেই গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাকশ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন; এর অংশ হিসেবে মঙ্গলবারও কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা এবং শ্রীপুর উপজেলার কয়েকটি স্থানে একই দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ছয়দানা এলাকায় বিক্ষোভ শুরু করে শ্রমিকেরা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন, এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালালেও তাঁরা অবরোধ অব্যাহত রাখলে সকাল সোয়া ৯টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়; অবশ্য পরবর্তীতে শ্রমিকেরা পুনরায় হারিকেন এলাকায় অবস্থান নেন। অন্যদিকে, মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেছেন, তবে তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে জানিয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্র জানায়, এদিন সকাল ৭টা ৩০ মিনিটে এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে সাবেক এই সংসদ সদস্যকে আটক করে। সূত্রটি আরও জানায়, তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে; আটকের পর এসআরবি সদস্যরা তাঁকে উত্তরায় এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।
প্রসঙ্গত, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা দায়ের হয় এবং তখন থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরায় চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা; একই সময়ে নগরীর ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘটিত এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে রাস্তার পাশে পার্কিং করা অবস্থায় থাকা যাত্রীশূন্য মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন এবং এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ। এর কিছুক্ষণ পর রাত ৯টা ২০ মিনিটের দিকে মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান জানান, গুলশান থেকে মহাখালী অভিমুখে আসা বাসটির পেছন দিক থেকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়, তবে কেউ হতাহত হননি। এ সময় প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা; বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রী সেজে দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এরপর গতকাল রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজের আগে রাইদা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা, যার আগুন পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নেভান। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বাসটিতে যাত্রী থাকলেও সবাই নিরাপদে বের হতে পেরেছেন এবং কেউ হতাহত হননি।
বাসে অগ্নিসংযোগের পাশাপাশি গতকাল সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীসহ ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে; পাশাপাশি মোহাম্মদপুরের শিয়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এর মধ্যে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি একটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ ছাড়া রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়-সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এদিকে শ্যামলী থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা নিশ্চিত করে জানান, ককটেল বিস্ফোরণ ঘটানোর সঙ্গে সম্পৃক্ত থাকায় মোহাম্মদপুর থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে, যাঁদের মধ্যে একজন ছাত্রলীগ নেতাও রয়েছেন; তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
অন্যদিকে, গতকাল রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপারমার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। রাত ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, দুটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি।
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাজধানী ঢাকা, যেখানে বায়ুমান সূচকে ঢাকার স্কোর ২০৮। বাতাসের এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের (IQAir) লাইভ সূচকে এই তথ্য পাওয়া গেছে। সূচক অনুযায়ী, ২৮৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।
আইকিউএয়ারের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। তালিকার চতুর্থ অবস্থানে ১৮৩ স্কোর নিয়ে ভারতের রাজধানী দিল্লি এবং ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।
উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক সূচক প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুসারে, বায়ুমান সূচকে স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা সহনীয় বলে গণ্য করা হয়। পাশাপাশি ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনের এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে; তবে এরপরও কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ জন শ্রমিক কর্মরত রয়েছেন এবং তাঁরা পার্শ্ববর্তী জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানা থেকে বের করে নিয়ে আসেন। সূত্রমতে, এ সময় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠলে তাঁদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়।
ঘটনার বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানিয়েছেন, সকালে কাফরুলে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ অবস্থান করছে।
এদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এসব এলাকায় এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের সড়কে নামার কোনো খবর পাওয়া যায়নি।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, যার ফলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও পথচারীরা। সকাল ১০টা পর্যন্ত চান্দনা চৌরাস্তার মহাসড়কে অবরোধ অব্যাহত ছিল।
জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা এবং একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। প্রায় একই সময়ে চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে চলমান পরিস্থিতির মধ্যেই আজ সকালে নতুন করে পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে গতকাল সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন জানান, চান্দনা চৌরাস্তা ও পার্শ্ববর্তী কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন এবং তাঁদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বর্তমানে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হয়েছেন উল্লেখ করে তিনি জানান, সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।
মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার ঘটনায় এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে যান; তবে অনেক শ্রমিক বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
শ্রমিকদের এই অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অবস্থান করছেন।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, অবরোধকারী শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি তাঁরা যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
বর্জ্য থেকে ৪.২৫ মেগায়াট বিদ্যুৎ উৎপাদন হওয়া সম্ভব বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। ২০২৮ সালের মধ্যে এই উৎপাদন হবে বলে মন্তব্য করেন।
তিনি বলেন, দিনের পর দিন বর্জ্য জমিয়ে পাহাড় তৈরি না করে আমরা একে সম্পদে রূপান্তর করতে চাই। আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আশা করছি, আগামী ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে পারব। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেক্টরে নবনির্মিত একটি আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্ধারিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) ভেতরে বর্জ্য না ফেলে রাস্তার ওপর বা বাইরে রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসক জানান, ৩ হাজার ১৫০ বর্গফুট আয়তনের (১০০ ফুট দীর্ঘ) এই পরিবেশবান্ধব এই এসটিএস দ্রুতগতিতে নির্মাণ করা হয়েছে, যাতে পার্শ্ববর্তী দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের দুর্গন্ধ ও ভোগান্তি পোহাতে না হয়। ভ্যান সার্ভিস কর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা দিয়ে প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বাসাবাড়ি থেকে সংগৃহীত বর্জ্য কোনোভাবেই রাস্তার ওপর রাখা যাবে না; ভ্যানগাড়ি সরাসরি এসটিএসের ভেতরে প্রবেশ করিয়ে বর্জ্য ফেলতে হবে। এ ছাড়া দুর্গন্ধ ও জীবাণু রোধে প্রতিদিন এসটিএসের সামনে ও ভেতরে পানি দিয়ে ধোয়া এবং ব্লিচিং পাউডার ছিটানোর নির্দেশ দেন তিনি। এর কোনো ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।