শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে সহিংসতা ও নাশকতা চালিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করেছে।
এ ছাড়া রাজধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তার হয়েছে ৭১ জন। আজ শনিবার ডিএমপি ও র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, নাশকতা-সহিংসতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত সহিংসতার অভিযোগে মামলা হয়েছে ২০৭টি এবং এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৫৩৬ জনকে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আজ র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এক খুদে বার্তায় (এসএমএস) জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় সারা দেশে সাঁড়াশি অভিযান চলছে। এসব অভিযানে ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ৭১ জন ও সারা দেশে ২১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) রামপুরা ভবনে ব্যাপক হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ জুলাই বিটিভির রামপুরা অফিসে হামলা করা হয়। এ ঘটনায় পরের দিন বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। এ ঘটনায় গত ২৫ জুলাই সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় যারা সহিংসতা করেছে তারা যেন ঢাকা শহর না ছাড়তে পারে সেই লক্ষ্যে ডিএমপি পরিকল্পনা করছে।
বিপ্লব কুমার সরকার বলেন, এখন পর্যন্ত ২০০টি মামলায় ২ হাজার ১০০ জনের বেশি সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কিছু মামলা দায়ের হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। যারা প্রকৃতপক্ষে বিটিভি ভবনে হামলায় জড়িত ছিল, যারা প্রকৃতপক্ষে সেতু ভবনে হামলার সঙ্গে জড়িত ছিল, যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল ধ্বংস করার কাজে নিয়োজিত ছিল, গ্রেপ্তার ২ হাজার ১০০ জনের মধ্যে প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল।
তিনি বলেন, ‘আমরা অত্যন্ত ক্ষোভ ও দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দেশে উন্নয়নের যে জোয়ার প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন, এই সন্ত্রাসীচক্র কিন্তু বেছে বেছে সেগুলোতে হামলা করেছে। প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছেন দেশে, সেই উন্নয়নের যাত্রাকে ব্যাহত করার জন্য, যেখানে থেকে উন্নয়নের কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে, সেগুলোকে বেছে বেছে সন্ত্রাসীরা হামলা করেছে। সব নথিপত্র তারা পুড়িয়ে দিয়েছে। এসব জামায়াত ও বিএনপি চক্রকে ধরার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, ডিএমপি তাই করবে। সন্ত্রাসীদের প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য ডিএমপি কাজ করছে। এ কাজ আরও বেগবান করা হবে। আমরা আরও পরিকল্পনা করছি যেন এ ধরনের সন্ত্রাসীরা ঢাকা না ছাড়তে পারে। ঢাকার ভেতরে যারাই থাকুক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।’
ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, গত দুই-তিন দিন ধরে সন্ত্রাসীরা গা ঢাকা দিয়ে আছে। আমাদের কিন্তু ব্লকড রেইড চলমান রয়েছে। ব্লকড রেইড ছাড়াও ঢাকায় দিন-রাতে পুলিশের অপারেশন চলমান রয়েছে। সন্ত্রাসীরা যেখানেই থাকুক, পুলিশ সদস্যকে হত্যা করে কক্সবাজার কিংবা পঞ্চগড়ে পালিয়ে যাক, বাংলাদেশের যেকোনো প্রান্তে পালিয়ে যাক না কেন, আমরা তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। যারা পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে, তাদের এই কালো হাত আইনগতভাবে ভেঙে দেওয়া হবে।’
ঢাকার বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে
রোববার(১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।
এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবরও পাওয়া যায়নি।
আদি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রাকে উপজীব্য করে নির্মিত নাটক নিয়ে আয়োজিত ঢাকা নাট্যোৎসবের আজ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত "হৃদয়ে ঢাকা ৪১৬" উৎসবের অংশ হিসেবে আজ ১৬ আগস্ট রাজধানীর সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘ঢাকা নাট্যোৎসব’-এর উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উৎসবে অংশগ্রহণকারী নাটকগুলোর মধ্যে রয়েছে মতিউর রহমান রানা নির্দেশিত, গ্রন্থিক নাট্যদল পরিবেশিত নাটক ‘গিরগিটি’; হামিদুর রহমান পাপ্পু নির্দেশিত, শৌখিন নাট্যদল পরিবেশিত নাটক ‘অন্তরালে আয়না’; সূচনা তিসা নির্দেশিত, মৈত্রী থিয়েটার পরিবেশিত নাটক ‘রঙিলা ফানুস’; এস. কে. রতন নির্দেশিত, নবনাট পরিবেশিত নাটক ‘ভেলকি’; খোরশেদুল আলম নির্দেশিত, শব্দ নাট্যচর্চা কেন্দ্র পরিবেশিত নাটক ‘চম্পাবতী’; গোলাম সারোয়ার নির্দেশিত, ঢাকা থিয়েটার মঞ্চ পরিবেশিত নাটক ‘ঘরজামাই’; শওকত হাসান নির্দেশিত, স্বরবিথী থিয়েটার পরিবেশিত নাটক ‘শাস্তি’; শুভাশীষ দত্ত তন্ময় নির্দেশিত, মেঘদূত নাট্য সম্প্রদায় পরিবেশিত নাটক ‘শায়েস্তা খাঁর পরী’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, সমাজের অবক্ষয় রোধ ও তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। নাটক, গান, সাহিত্যচর্চা ও খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলা সম্ভব।
উদাহরণ হিসেবে তিনি বলেন মুক্তিযুদ্ধকালে ‘একটি ফুলকে বাঁচাবো, যুদ্ধ করি’ গান দিয়ে যেমন পরিবেশকে উজ্জীবিত করা হয়েছিল, তেমনি একটি ভালো গান ও ভালো সংস্কৃতির মাধ্যমে পুরো দেশের সমাজকে পরিবর্তন করা সম্ভব।
ডিএসসিসি প্রশাসক বলেন, ছোটবেলায় এলাকায় এলাকায় নাটক হতো, লাইব্রেরি ছিল। ছেলে-মেয়েরা লাইব্রেরির সদস্য হয়ে বই নিয়ে যেত। উপন্যাস, নাটক, গল্প ও কবিতার বই পড়ত। সাহিত্যচর্চার মধ্য দিয়ে তরুণদের মধ্যে নেতৃত্বের গুণ তৈরি হতো।
তিনি বলেন, ‘এই ঢাকা আমার’—এই অনুভূতি যদি মন থেকে আসে, তাহলে ঢাকাটাকে আমি সুন্দর ও পরিষ্কার রাখতে পারব। আমার ড্রয়িংরুম সুন্দর রাখব, পড়ার ঘর সুন্দর রাখব, কিন্তু পাশের রাস্তাকে আবর্জনায় ভরে রাখব—এটা হতে পারে না। নিজের ঘরের মতো রাস্তাকেও ভালোবাসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আনুমানিক ভোর ৬টার দিকে তাকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, পুলিশের প্রাথমিক ধারণা ঘটনাটি আত্মহত্যা হতে পারে।
এ প্রসঙ্গে ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পায়। বর্তমানে রিধিকার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। আর আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন।’
পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনি ব্যবস্থা ও মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। রিধির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ওই ব্যক্তির সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক এবং মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তাদের মধ্যে কী ঘটেছিল, তা তদন্তের আওতায় আনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন রিধিকা। নিয়মিত কাজের নানা আপডেট ও ছবি প্রকাশ করলেও গত ৩০ জুলাইয়ের পর তাকে আর ফেসবুকে কোনো পোস্ট করতে দেখা যায়নি।
প্রসঙ্গত, প্রথমে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরবর্তী সময়ে নাটকে অভিনয়ে তিনি নিয়মিত হন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।
রাজধানী ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে শনিবার (১৫ আগস্ট) সকালে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার ৪১৬ বছরপূর্তি এবং ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ডিএসসিসির উদ্যোগে ১ আগস্ট হতে শুরু হওয়া এ আয়োজন ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে চলবে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল হতে শুরু হওয়া এই র্যালি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
১ হাজারের অধিক নাগরিক এই হেরিটেজ রানে অংশগ্রহণ করেন। র্যালিটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর হতে কাকরাইল মোড় হয়ে → রমনা → শাহবাগ মোড় → কাটাবন মোড় → ঢাকা বিশ্ববিদ্যালয় → পলাশি মোড় → লালবাগ কেল্লা → শহিদনগর মোড় → সোয়ারিঘাট (লঞ্চঘাট) এসে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যক রানারকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের নতুন এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে যেভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, একইভাবে আমাদের ঐতিহ্যগুলোকে ধরে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, সেই ঐতিহ্যকে ধারণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক অত্যন্ত যথাযথ একটি উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি, এই আয়োজনের মাধ্যমে আমাদের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও পরিচিত হয়ে উঠবে।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আমার মূল উদ্দেশ্য ছিল—আমার শহর ঢাকা, যাকে নিয়ে আমার গর্ব করা উচিত। আজকের হেরিটেজ রানে অংশ নিয়ে আপনারা ঢাকার বিভিন্ন এলাকার বাস্তব চিত্র দেখেছেন। কোথাও ভালো রাস্তা, কোথাও ভাঙাচোরা, কোথাও বৃষ্টিতে কর্দমাক্ত—এটাই ঢাকার বাস্তবতা। এই বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনযাত্রা আরও সুন্দর করতে হবে।’
তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নগরবাসী যত্রতত্র ময়লা না ফেললে এবং ব্যবসায়ী ও বাসিন্দারা সহযোগিতা করলে ঢাকাকে আরও সুন্দর রাখা সম্ভব। সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদেরও নিজেদের দায়িত্ব অনুযায়ী সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।’
প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভুলত্রুটি থাকতেই পারে। পরবর্তী সময়ে তা সংশোধন করে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হবে। পুরান ঢাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাইকেল চালানোর জন্য আলাদা লেন এবং হাঁটা ও দৌড়ের উপযোগী পথ তৈরির পরিকল্পনাও রয়েছে।
আব্দুস সালাম বলেন, ‘আমার দায়িত্ব আমি পালন করব, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে এই ঢাকা শহর আরও সুন্দর হয়ে উঠবে। আসুন, দেখি—এটাই আমার ঢাকা শহর। এই শহরেই আমাকে থাকতে হবে, তাই শহরটাকে আরও সুন্দর করতে হবে।’
আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এড়াতে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিতে রাজধানীজুড়ে বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া মহানগরের সকল প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে প্রস্তুত ও সুইপিং কার্যক্রমে নিয়োজিত রাখা হয়েছে।
ডিএমপি জানায়, নগরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির আওতায় থাকবে। পাশাপাশি ডিবি, সিটিটিসি, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন। সার্বিক নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি অতিরিক্ত র্যাব ও সিআইডি টিম মাঠে মোতায়েন থাকবে।
ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, সাধারণ মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাসটার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিংমলসহ সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করবেন। ডিএমপির সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তাব্যবস্থা তদারকি করবেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৪৮টি মামলা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর পুলিশের রমনা বিভাগ ৩৯, লালবাগ বিভাগ ৪০, ওয়ারী বিভাগ ৭০, মতিঝিল বিভাগ ৭১, তেজগাঁও বিভাগ ৪৭, মিরপুর বিভাগ ১১৬, গুলশান বিভাগ ৫৬, উত্তরা বিভাগ ৫৬ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৭ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে এক কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ, চার গ্রাম হেরোইন, পাঁচটি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
এর আগে, গত বুধবার (১২ আগস্ট) ডিএমপির অভিযানে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়। ওইসব ঘটনায় ৫৮টি মামলা করা হয়।
রাজধানীর বাড্ডার আফতাবনগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গোলাগুলিতে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের ‘এম’ ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউসিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ পাভেলকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার জানান, ইস্ট অ্যান্ড হাউসিং এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
তিনি বলেন, ‘ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্য পাভেল পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে ডিবি সদস্যরা পাল্টা গুলি চালালে পাভেল গুলিবিদ্ধ হন। পরে তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’
ডিবির এ কর্মকর্তা আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় পাভেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
আহত পাভেল ময়মনসিংহের গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকার বাসিন্দা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা।
রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরতামুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাহিনীটির দাবি, ধারাবাহিক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গডফাদারদেরও গ্রেপ্তার করা হচ্ছে। ফলে বর্তমানে মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই।
শুক্রবার (১৪ আগস্ট) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নেয়ামুল হাসান।
তিনি জানান, মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘অভিযানে মূলত গডফাদারদের লক্ষ্য করা হচ্ছে। নিচের সারির সদস্য বা ছোটখাটো গ্রুপের পরিবর্তে অপরাধের নেপথ্যে থাকা ব্যক্তিদের গ্রেপ্তারকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’
তার দাবি, গডফাদারদের গ্রেপ্তারের পর মোহাম্মদপুরের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল হয়েছে। আগামী দিনে এ এলাকা আরও নিরাপদ ও বসবাসের উপযোগী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নেয়ামুল হাসান বলেন, ‘মোহাম্মদপুরকে ‘সিটি অব গডস’ হিসেবে যে ধারণা তৈরি হয়েছে, তা থেকে এলাকাটিকে বের করে আনার চেষ্টা চলছে। ইতোমধ্যে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’
তিনি বলেন, ‘নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর থেকে গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে বলে তারা আশাবাদী। একইভাবে পুরো রাজধানীকেই বখাটে ও সন্ত্রাসমুক্ত করতে অভিযান চালানো হচ্ছে।’
এলেক্স ইমন হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র্যাব-২ এর অধিনায়ক জানান, হত্যার নেপথ্যের বিস্তারিত তথ্য তদন্তকারী কর্মকর্তাই জানাতে পারবেন। র্যাব মূলত তদন্তে সহায়তার অংশ হিসেবে আসামিদের গ্রেপ্তারকে গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির পর হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসতে পারে। যেহেতু র্যাব সরাসরি মামলাটির তদন্ত করছে না, তাই এ বিষয়ে বিস্তারিত তথ্য থানা পুলিশই জানাতে পারবে।’
রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবন ও শ্যামলীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মগবাজারের ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অগ্নিকাণ্ডে নিয়ন্ত্রণে কাজ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের ডম ইনো প্রপার্টিজ লিমিটেডের একটি ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, ‘রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার সংবাদ পেয়েছি আমরা। ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।’
এদিকে শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও সামনে আসেনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে শ্যামলীর ৩ নম্বর রোডের কয়েকটি টিনশেড বসতঘরে আগুনের খবর পাওয়া যায়। এর ১৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫৮টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৪৯ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৮৫ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে ১০১ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১৭ জন এবং সিটিটিসি ৭ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানায়, অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম ও তিন পুরিয়া হেরোইন, পাঁচ কেজি ওজনের পিতলের জালি, ছয়টি মোবাইল ফোন, তিনটি চাপাতি, একটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত, অস্ত্র, মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে এসব যানবাহনের লাইসেন্সিং ও নিবন্ধনের জন্য একটি সমন্বিত কর্তৃপক্ষ নির্ধারণ এবং বিদ্যমান বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ উদ্যোগের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় নগর ব্যবস্থাপনা, যান চলাচলে শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা এবং বিদ্যমান বাস্তবতার আলোকে ব্যাটারিচালিত ই-রিকশা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট অংশীজনরা এ বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা গেলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রম চালু করা হলে একদিকে ই-রিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে, অন্যদিকে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এ লক্ষ্যে বিদ্যমান বিধিমালা সময়োপযোগী করে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য একটি সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রচলিত বিধিমালা সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকের লাইসেন্স প্রদানের সুযোগ সৃষ্টি করতে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এ সংশ্লিষ্ট কয়েকটি ধারা ও তফসিল এরই মধ্যে সংশোধন করা হয়েছে।
এর আগে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ জারি করে। পরে ১৭ ডিসেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান ই-রিকশা ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞ মতামত দেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ‘ঢাকা দিবস’ উপলক্ষে নাগরিকদের মধ্যে ঢাকার ইতিহাস-ঐতিহ্যের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ তৈরিতে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগর ভবনের অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
প্রশাসক বলেন, ‘ঢাকায় কেউ জন্মসূত্রে, কেউ জীবিকার প্রয়োজনে আবার কেউ শিক্ষার জন্য বসবাস করেন। কেউ স্থায়ী, কেউ অস্থায়ী। কিন্তু এই শহর সবাইকে আশ্রয় দিয়েছে। সে হিসেবে সবাই এই শহরের নাগরিক। তবে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে দৃঢ়বন্ধন না থাকায় অনেকেই শহরটিকে আপন করে নিতে পারেননি। ফলে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।’
তিনি বলেন, ‘নাগরিকদের কাছে রাজধানী ঢাকার ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে তাদের হৃদয়ে ঢাকার প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধ তৈরি করতেই এ আয়োজন।’
ডিএসসিসি সূত্রে জানা গেছে, উৎসবের অংশ হিসেবে ইতোমধ্যে ১ থেকে ৭ আগস্ট শিশু একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ২ থেকে ৬ আগস্ট চ্যানেল আইয়ের ব্যবস্থাপনায় ঢাকার চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ আগস্ট ভোরে ঢাকা গেট থেকে নগর ভবন পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’। ১৫ আগস্ট মতিঝিলের শাপলা চত্বর থেকে সোয়ারীঘাটের বুড়িগঙ্গা মঞ্চ পর্যন্ত হবে ‘ঢাকা হেরিটেজ রান’।
১৬ থেকে ২২ আগস্ট সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক নিয়ে নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। ২১ আগস্ট খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। একই দিন সদরঘাট থেকে শত বছরের পুরোনো বিশেষ হেরিটেজ ক্রুজে পর্যটকদের ভ্রমণের আয়োজন থাকবে।
২২ আগস্ট মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ২১ থেকে ৩০ আগস্ট ঢাকার বিপণিবিতানগুলোতে অনুষ্ঠিত হবে ‘দ্য গ্রেট ঢাকা সেল’। একই সময়ে ২১ থেকে ৩০ আগস্ট নাগরিকদের কাছ থেকে ঢাকাকে নিয়ে আবেগ ও ভালোবাসার চিঠি আহ্বান করা হবে ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে।
২১ থেকে ২৮ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক প্রদর্শিত হবে। ২৩ থেকে ২৯ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
২৪ আগস্ট উত্তর ধানমন্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের হেলিপ্যাডে হেলিকপ্টারের মাধ্যমে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ উৎসব প্রদর্শনের আয়োজন রয়েছে।
২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ বর্ণাঢ্য ঢাকা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
২৯ আগস্ট বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। একই অনুষ্ঠানে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশকনিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।
৩০ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। একই সঙ্গে দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর আলমগঞ্জ জেটিতে হবে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডা।
সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু হয়। আর ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক নগর প্রশাসনের পথচলা শুরু হয়, যা পরবর্তী সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রূপ নেয়। এ কারণেই ১ আগস্টকে ‘ঢাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান; বাংলাদেশের প্রতিটি গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রাজধানী গড়ে তোলাই ডিএসসিসির লক্ষ্য।’
একটি পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে দেশের সর্বস্তরের নাগরিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যটকদের এ আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।
রাজধানীর ভাটারার শাহজাদপুরে নির্মীয়মান ভবনের পুরাতন বাউন্ডারি দেওয়াল ভেঙে পড়ে মাহিদ নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে সেখানে কয়েকজন শিশু খেলাধুলা করার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় শিশু মাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মাহিদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়।
বর্তমানে শাহজাদপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবা হাবিব পেশায় প্রাইভেটকারচালক। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।
হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী জানিয়েছেন, সেখানে একটি বাড়ির পাইলিং শেষে ফাউন্ডেশনের কাজ চলছিল। ওই বাড়ির বাউন্ডারি ছিল পুরাতন, দেওয়াল ছিল ফাটা। হঠাৎ দেওয়ালটি ধসে পড়ে। এর পাশে শিশুরা খেলাধুলা করছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক বলেন, ‘শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’