জিপের ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী নিহন হয়েছেন। রাজধানী বিমানবন্দর এলাকায় এ ঘটনাব ঘটে। জানা গেছে মোটরসাইলে দুই আরোহী নির্মান শ্রমিক ছিলেন। তারা হলেন মোবারক হোসেন রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থিত স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ভুক্তভোগী দুই ব্যক্তি। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কলাস্টিকা স্কুলের সামনে তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পাজেরো জিপ। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ব্যক্তিদের স্বজনদের বরাত দিয়ে এসআই মো. শফিকুল ইসলাম আরও জানান, নিহত দুজনই নির্মাণশ্রমিক। তাদের মধ্যে মোবারক গাজীপুর সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। ফরিদুল গাইবান্ধা সদরের মো. শহিদুল ইসলাম সরদারের ছেলে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক জিপটি শনাক্তের চেষ্টা চলছে।
যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার পর সেই স্বপ্ন খণ্ডবিখণ্ড হয়ে যায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন এ কথা। জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিপ্লবের মধ্য দিয়ে আবারও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার সুযোগ তৈরি হয়। বাংলাদেশের ইতিহাসে এ দিনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার হয়েছিল বলে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করেছিল। বাংলাদেশের মানুষ এখনো শহীদ জিয়াউর রহমানকে ভুলে যায়নি। দেশে যখনই সংকট এসেছে, তখনই মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়া হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতাকে সুরক্ষিত করেছিলেন। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিএনপি প্রতিষ্ঠা করেন, বলেন ডিএসসিসি প্রশাসক।
৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হয়নি উল্লেখ করে আবদুস সালাম বলেন, ষড়যন্ত্রকারীরা মনে করেছিল, শহীদ জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি ধ্বংস হয়ে যাবে। খালেদা জিয়াকে সরিয়ে দিলেও দলটি শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। বিএনপি এখনো টিকে আছে। আমাদের নেতা তারেক রহমানকে এ দেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠিয়েছে। কারণ, মানুষ মনে করে, তারেক রহমান বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি জানান, মানুষ এখন শান্তিতে ও সুখে থাকতে চায়। তারা মানবিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। ১৭-১৯ বছর পর মানুষ আবার গণতন্ত্রের মুখ দেখছে। বিএনপিকে জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। আওয়ামী লীগের সমালোচনা করে আবদুস সালাম বলেন, যারা অতীতে পরাজিত হয়েছিল, তারাই এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা করে দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পথ তৈরি করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ ১৯৭১, ১৯৭২ ও ১৯৭৫ সালের ইতিহাস ভুলে যায়নি। গত ১৭ বছরের গুম, খুন ও সন্ত্রাসের ঘটনাও তারা ভুলে যায়নি। তিনি আরো বলেন, ১৭ বছর ভুল পথে থাকার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে। এখনো তারা একই ভুল পথে হাঁটছে। অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, ককটেল বিস্ফোরণ কিংবা গাড়ি পোড়ানোর মাধ্যমে জনগণের মন জয় করা সম্ভব নয়। এসব পথ পরিহার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ১৯৯৬ সালেও ক্ষমা চেয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে ক্ষমতায় এসে আবার সব ভুলে গিয়েছিল।
মানুষকে আর কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে বিএনপি কিংবা তারেক রহমানের অগ্রযাত্রা ঠেকানো যাবে না। বিএনপির ওপর অতীতে নির্যাতন-নিপীড়নের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে। তারপরও বিএনপি কখনো জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে যায়নি কিংবা গণতান্ত্রিক রাজনীতি ছেড়ে আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে জড়ায়নি। যারা এখন ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে, তাদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত। এতে নিজেদের পাশাপাশি দেশেরও ক্ষতি হচ্ছে। জনগণ এসব কর্মকাণ্ড মেনে নেবে না, বরং প্রতিহত করবে। শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, সত্যিই যদি দেশে ফিরতে চান, তাহলে সীমান্তে চলে আসুন। বাংলাদেশের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে নিয়ে এসে কারাগারে পাঠাবে। ককটেল বিস্ফোরণ কিংবা গাড়ি পোড়ানোর মাধ্যমে কোনো লাভ হবে না। বাংলাদেশের রাজনীতিতে যারা অস্ত্রের রাজনীতি করেছে, জনগণ তাদের গ্রহণ করেনি।
বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে এবং নির্বাচনের মাধ্যমেই আরেকটি সরকার বিদায় নেবে। এটাই গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ। জামায়াতসহ বিরোধী অবস্থানে থাকা দলগুলোকে ধৈর্য ধরতে হবে এবং আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারেক রহমান দেশকে পরিবর্তন করতে পারেন কি না, তা দেখার আহ্বান জানান তিনি। তারেক রহমানকে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুই-এক মাস কিংবা ছয় মাসেই অধৈর্য হয়ে পড়লে চলবে না। তারেক রহমান কীভাবে কাজ করছেন, তা দেখতে হবে। দুই, তিন কিংবা চার বছর পর মানুষ আরও পরিবর্তন দেখতে পাবে। মানুষ গ্যাস ও বিদ্যুৎ পাবে, অর্থনীতিতেও পরিবর্তন আসবে। কিন্তু তারেক রহমানকে সময় দিতে চাওয়া হচ্ছে না। অথচ দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানের পক্ষে রয়েছে।
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।
তিনি বলেছেন, ‘সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য।’
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’বিষয়ক সেমিনার ও কর্মশালায় তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিল কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারে মুখ্য আলোচক ছিলেন বিচারপতি একেএম আব্দুল হাকিম। আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ, সদস্য মো. শহিদুল ইসলাম, সচিব মো. আব্দুস সবুর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।
সেমিনারে অন্য বক্তারা বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মূল ভিত্তি হলো সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। যাচাই না করে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। হলুদ সাংবাদিকতা শুধু একজন সাংবাদিকের ভাবমূর্তিই নষ্ট করে না, পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট করে।’
স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ ও মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক এবং শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
উচ্ছ্বেদের মাত্র এক সপ্তাহের মাথায় গুলিস্তানের চিত্র পাল্টে গেছে। ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কদিন পরপর উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের পর হকাররা ব্যস্ত সড়ক ছেড়ে চলে গেলেও আবারও তারা ফুটপাত দখল করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাতজুরে বসছে ভ্রাম্যমাণ দোকান, সড়ক দখল করে দেদারসে বিক্রি করছে বিভিন্ন জিনিসপত্র। মনে হচ্ছে তাদের আটকানোর কেউই নেই। প্রশ্ন উঠেছে তাহলে কদিন বাদে বাদে ডিএসসিসির এই অভিযানের মানে কী। গুলিস্তানের জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বায়তুল মোকাররম মসজিদ, স্টেডিয়ামসংলগ্ন এলাকাসহ প্রায় সবখানের চিত্র দেখা গেছে একই রকম। এমনকি সচিবালয়ের গেটের সামনেই হকারদের ভ্রাম্যমাণ দোকান। আর গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে গোলাপ শাহ মাজার পর্যন্ত রাস্তার প্রায় পুরোটাই হকারদের দখলে।
গত মাসের শেষের দিকে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের নেতৃত্বে ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চালানো হয়। বারবার অভিযানের পরও হকাররা কীভাবে ফিরে আসে– সে সময় সাংবাদিকদের এমন প্রশ্নে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনিব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।’
ডিএসসিসির এমন হুঁশিয়ারির পরও চিত্র পাল্টায়নি। দেখা গেছে সকালে অভিযান করলে বিকালে আবারও দোকান সাজিয়ে বসে গেছে। একাধিক পথচারীর সাথে কথা বলে জানা গেছে, রাস্তা-ফুটপাত দখল করে ব্যবসা থামবে না। তাদের কারণে ঝামেলায় পড়ি আমরা। গাড়ি ঠিকমতো যাতায়াত করতে পারে না, জ্যাম লেগেই থাকে। তাদের পুরোপুরি সরিয়ে দেওয়া উচিত, যাতে আর ফিরে আসতে না পারে। পথচারীদের অভিযোগ গুলিস্তান এত ব্যস্ত এলাকা, এখানের রাস্তা থাকা উচিত স্মুথ। যাতে যানজট না লাগে। অথচ এখানের রাস্তার অবস্থা ভয়াবহ। ফুটপাত দিয়ে হাঁটা যায় না, রাস্তা দিয়ে গাড়ি চলাচলেও ঝামেলা। এই সমস্যা তৈরি করে ফুটপাত আর রাস্তার পাশে থাকা দোকানগুলো। তারা রাস্তার প্রায় অর্ধেক আর ফুটপাতের পুরাটাই দখল করে রেখেছে।
এদিকে ফুটপাত দখলকারীদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও কেউই বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, ‘আমাদের উঠিয়ে দেয় আমরা আবার বসি; কারণ আমাদের কিছু করার নাই। এখানে ব্যবসা করেই আমাদের পেট চলে। পরিবার চলে, সন্তানদের লেখাপড়া চলে। ব্যবসা করতে না দিলে আমরা কীভাবে চলব? আমাদের তো কোনো নির্দিষ্ট জায়গা নেই, যেখানে আমরা বসে ব্যবসা করব। তাহলে আমরা যাব কই, আর করবই বা কী?’
এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, ‘ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা ডিএসসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটি। সে কারণেই আমরা; কিন্তু প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। প্রশাসক নিজেই অনেক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। তবু কিছু কিছু জায়গায় এখনো ঘাটতি আছে। এ জন্য পুরোপুরিভাবে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। সিটি করপোরেশন এখন কিন্তু এই বিষয়ে কঠোর অবস্থানে আছে। হকারদের জন্য সিটি করপোরেশনের নির্দিষ্ট করে দেওয়া জায়গা বা সীমানার বাইরে বসলেই মালামাল জব্দ করে জরিমানা করা হচ্ছে। যেসব জায়গা এখনো অবৈধভাবে হকাররা দখল করে আছে, আমরা আবারও উচ্ছেদ অভিযান চালাব।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভাবমূর্তি ও স্বচ্ছতা রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে আইন মেনে চলার কঠোর নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
অনুষ্ঠানে নগরবাসীর সেবা নিশ্চিত করা এবং সিটি করপোরেশনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন, আইন ও বিধিমালার পরিপন্থী কোনো কাজ কোনোভাবেই সহ্য করা হবে না।
নগরবাসীকে উন্নত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে নগরবাসীর সেবা প্রদানই আমাদের প্রধান কাজ। দীর্ঘদিন ধরে মানুষ বিভিন্ন সেবা নিতে এসে যে অনীহা বা অস্বস্তির মুখোমুখি হতো, তা দূর করে আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছি।"
অফিসের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে প্রশাসক বলেন, "অফিসের গোপনীয় তথ্য ও আদেশ বাইরে পাঠাবার মতো অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত চলছে এবং সত্যতা নিশ্চিত হলে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ঠিকাদারদের কাজের মান ও সরকারি বিধি অনুসরণের বিষয়ে তিনি বলেন, "যাদের ক্ষেত্রে যৌক্তিক এবং বিধিসম্মত বিষয় থাকবে, তাদের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অসৎ ও মানহীন ঠিকাদারদের জন্য করপোরেশনের দরজা বন্ধ থাকবে। বেআইনি কোনো দাবির সুযোগ নেই।"
জাতীয় প্রেক্ষাপট ও রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করে তিনি বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রেখে দেশে সুস্থ ও ইতিবাচক রাজনীতির চর্চা হওয়া প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করে প্রশাসক আরও বলেন, "আমরা যা বলব, তা বাস্তবে রূপায়ণ করাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। মুখে নীতি কথা বলে কাজে ভিন্নতা রাখলে আদর্শ বাস্তবায়ন হয় না।"
শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে তিনি জানান, তাদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তবে সকলকে নিজ নিজ নিয়ম ও সীমার মধ্যে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
আলোচনা সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের প্রতিনিধি এবং জাতীয়তাবাদী শ্রমিক দল ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটিয়ে বিপুলসংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, কিছুদিন আগে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচক্ষণতার সঙ্গে তা মোকাবিলা করেছে বলে আমরা মনে করি।
তিনি বলেন, আজ তথাকথিত হরতাল চলছে। এ হরতালের কোনো মূল্য নেই। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা একটি নিষিদ্ধ দল।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে তারা যে গণহত্যা চালিয়েছে, তার বিচার হবে। আদালত থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, তারা রাজনীতি করতে পারবে কি না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রসঙ্গে ইশরাক বলেন, কিছুদিন ধরে তারা যা করছে, তার কোনো রাজনৈতিক ভিত্তি নেই। আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। এসব করে কোনো লাভ হবে না।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইশরাক বলেন, বন্দিবিনিময়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কার্যক্রম শুরু হয়েছে। গণহত্যার আসামি হিসেবে তাকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে।
দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে নগরবাসীর সুরক্ষায় ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিতভাবে দায়িত্ব ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আজ সোমবার বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, “দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় শুধু কাগজ-কলমে দায়িত্ব বণ্টন করলেই হবে না। প্রতিটি সংস্থার উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে হবে।”
ঢাকা দক্ষিণের অধিকাংশ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ভবন ধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জাম বিস্ফোরণ এবং ভূমিকম্পের মতো বড় দুর্যোগের ঝুঁকি কমাতে সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে। নিয়মিত মহড়া, জনসচেতনতামূলক সেমিনার এবং ফায়ার সার্ভিসের সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফায়ার সেফটি বিষয়ে তরুণদের সচেতন করার ওপরও তিনি গুরুত্ব দেন।
সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজারের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে প্রশাসক জানান, সেখানে সরু রাস্তা, পানির অভাব এবং দোকানপাট ও হকারদের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়। তিনি স্পষ্ট জানান, বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার হাইড্রেন্ট থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে শহরের ঝুলে থাকা ক্যাবল ও বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়া এবং অগ্নিনির্বাপণে পর্যাপ্ত পানির সংস্থান নিশ্চিত করতে ধোলাইখালসহ শহরের পুকুর-জলাধারগুলো সংরক্ষণের তাগিদ দেন তিনি।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় দুর্যোগের পূর্বে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সার্বিক কার্যক্রম পরিচালনায় সংস্থাগুলোর অর্পিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ভালো ফল অর্জন করায় ঢাকার ৩০ জন শিক্ষার্থীকে বিশেষ অভিনন্দন ও অনুপ্রেরণামূলক চিঠি পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। সোমবার (৯ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পাঠানো চিঠিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি উচ্চশিক্ষা অর্জন, মানবিক মূল্যবোধ লালন এবং দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার জন্য দিকনির্দেশনা ও উৎসাহ দেওয়া হয়েছে।
চিঠিতে জেলা প্রশাসন ও নিজের পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক উল্লেখ করেন, এই সাফল্য শুধু শিক্ষার্থীদের মেধা ও নির্ঘুম রাতের অক্লান্ত পরিশ্রমেরই ফল নয়; এটি তাঁদের বাবা-মা ও শিক্ষকদের আত্মত্যাগ এবং গভীর আস্থারও প্রতিফলন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লেখেন, এই চিঠিটি যখন পৌঁছাবে তখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে জেলা প্রশাসক কেন আলাদা করে চিঠি লিখলেন। এর কারণ হিসেবে তিনি জানান, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মাঝে তিনি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকেই দেখছেন না, বরং আগামী দিনের একজন আলোকিত মানুষকে প্রত্যক্ষ করছেন। উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সম্ভাবনাময় দিগন্তে প্রবেশকে কোনো গন্তব্য নয়, বরং এক মহাযাত্রার সূচনা হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নতুন অধ্যায়ে নিজেকে আরও বেশি কৌতূহলী, সাহসী ও জ্ঞানপিপাসু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বর্তমান যুগের বাস্তবতা তুলে ধরে চিঠিতে শিক্ষার্থীদের কেবল জিপিএ-৫ পাওয়ার বৃত্তে নিজেদের সীমাবদ্ধ না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক উল্লেখ করেন, আধুনিক সময়ে পাঠ্যপুস্তকের ফলাফলের পাশাপাশি তথ্যপ্রযুক্তি জ্ঞান, মানবিক মূল্যবোধ ও গভীর দেশপ্রেমে নিজেদের বলীয়ান করতে হবে। নিজের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে এমন এক আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, যারা কেবল ব্যক্তিগত ক্যারিয়ারই গড়বে না, বরং নিজেদের জ্ঞান ও মেধা দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
ভবিষ্যতের স্মৃতিচারণার কথা স্মরণ করিয়ে দিয়ে ফরিদা খানম লেখেন, বহু বছর পর জীবনের সাফল্যের শিখরে পৌঁছে যখন এই চিঠি আবার পড়া হবে, তখন যেন শিক্ষার্থীরা আত্মতৃপ্তি নিয়ে বলতে পারেন যে তাঁরা নিজেদের স্বপ্নকে সম্মান করেছেন, মেধার যথাযথ মর্যাদা রেখেছেন এবং সর্বোপরি একজন ভালো মানুষ হওয়ার আন্তরিক চেষ্টা করেছেন। চিঠির শেষাংশে শিক্ষার্থীদের এই অদম্য অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে তাদের সাফল্যের প্রতিটি ধাপে বিজয় ও মঙ্গল কামনা করেছে ঢাকা জেলা প্রশাসন।
ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজির সুরক্ষা নিশ্চিত করাসহ বারো দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরিবহন শ্রমিকেরা। সোমবার বেলা এগারোটা থেকে শুরু হওয়া এই সড়ক অবরোধ ও সমাবেশের ফলে সংলগ্ন এলাকাগুলোতে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এর জেরে সংশ্লিষ্ট সড়কগুলোতে তীব্র যানজট ছড়িয়ে পড়ে এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়।
আন্দোলনকারী শ্রমিকদের দাবির মধ্যে অন্যতম হলো ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন করে একটি পূর্ণাঙ্গ শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন করা, সব যানবাহনের প্রাতিষ্ঠানিক নিবন্ধন ও বৈধ অনুমোদন দেওয়া এবং চালকদের ন্যূনতম বয়স আঠারো বছর নির্ধারণ করা। সমাবেশ থেকে বক্তারা বিআরটিএর মাধ্যমে সকল ব্যাটারিচালিত বাহনের উপযুক্ত লাইসেন্স ও বৈধ কাগজপত্র প্রদানের দাবি জানান। একই সঙ্গে নিবন্ধন ও নবায়নের সরকারি ফি কমিয়ে সর্বোচ্চ এক হাজার টাকায় সীমিত রাখা এবং মাঠপর্যায়ের প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স প্রাপ্তি নির্বিঘ্ন করতে কমপক্ষে দুই বছরের সময়সীমা বরাদ্দের জোর দাবি তুলে ধরেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার রাতে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
আটকরা হলেন— নাটোরের রেজাউল করিম (৪২), রাজশাহীর সোহেল রানা (৩৩) ও গোপালগঞ্জের নাজমুল সাদ (৩৩)।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে উদ্ধার আলামত দেখে মনে হচ্ছে সেগুলো ‘চকলেট বোমা’র মতো কিছু একটা।
ঢাবি প্রক্টর ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছয় থেকে সাতটি স্থানে আট থেকে নয়টি বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তিনি বলেন, ‘কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা আমরা জানি না। ঘটনাস্থলে কিছু খোসা পাওয়া গেছে, যা খুব একটা বিপজ্জনক হওয়ার মতো উপাদানে তৈরি নয়। সম্ভবত আতঙ্ক সৃষ্টির জন্য এটি করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি।’
প্রত্যক্ষদর্শী শাহরিয়ার মোস্তাক দিদার জানান, শিক্ষার্থীরা টিএসসি এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে আটক করেন।
তিনি আরও বলেন, আটকের পর ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদের মারধর করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন Improvement of Urban Public Health Preventive Services Project (IUPHPSP)।
এ কর্মসূচির আওতায় প্রকল্পের কর্মকর্তারা এবং প্রকল্পের বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন (BCC) বিশেষজ্ঞ জনাব মোঃ এনামুল হক গ্রাম পুলিশ ও সাধারণ জনগণের মাঝে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত গ্রাম পুলিশ ও সাধারণ জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের কারণ, সংক্রমণের মাধ্যম, লক্ষণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে অবহিত করা হয়। বিশেষ করে বাড়িঘর, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও জমে থাকা পানি অপসারণ করা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জনসাধারণকে মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা পালন এবং ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয়।
কর্মসূচিতে গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
IUPHPSP-এর এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো নগরবাসীর মধ্যে স্বাস্থ্যসম্মত আচরণ গড়ে তোলা, মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ জোরদার কর। কম'সূচী পরবর্তী দিক নিরদেশনামূলক বক্তব্য প্রদান করেন জনাব ড। মোঃ বিল্লাল হোসেন, এনভায়রনমেন্ট স্পেশালিষ্ট এবং জনাব মেঃ এনামুল হক, বিহেভিয়ার চেনজ কমিউনিকেশন স্পেশালিষ্ট, IUPHPSP।
রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বায়ুদূষণ নিয়ন্ত্রণ, যানবাহনের ধোঁয়া কমানো, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল পুনরুদ্ধার, বৃক্ষরোপণ ও নগর সৌন্দর্যবর্ধনকে সামনে রেখে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে যুক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে এসব কর্মসূচি। সরকারের লক্ষ্য, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে এনে রাজধানীকে বসবাসের উপযোগী করা।
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকায় ১২ দফা পরিকল্পনা; গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের ১২ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানো। মেট্রোরেল লাইনের মিরপুর-১২ থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত এবং উড়ালসড়কের আবদুল্লাহপুর থেকে ফার্মগেট পর্যন্ত ফাঁকা জায়গায় বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় মিয়াওয়াকি পদ্ধতিতে নগর বন গড়ে তোলা হচ্ছে। সড়কের উন্মুক্ত মিডিয়ানগুলোকে মাটিমুক্ত সবুজায়নের আওতায় আনা এবং রাস্তার পাশে গাছ লাগানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
বর্জ্য থেকে বিদ্যুৎ, আধুনিক হচ্ছে ব্যবস্থাপনা: ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে মাতুয়াইল ল্যান্ডফিলকে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। কোরীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য বর্জ্যকে সম্পদে পরিণত করা এবং পরিবেশের ওপর চাপ কমানো। একই সঙ্গে নগরীর বর্জ্য স্থানান্তর কেন্দ্রগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সড়কের মিডিয়ান, ট্রাফিক আইল্যান্ড ও উন্মুক্ত জায়গায় বৃক্ষরোপণ করছে। দুই সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিয়ন্ত্রণ ও নাগরিক সচেতনতা কর্মসূচিও চলছে।
২৫০ বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ: রাজধানীর বায়ুদূষণ কমাতে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ যৌথভাবে আধুনিক বাসসেবা চালুর উদ্যোগ নিয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে ২৫০টি বৈদ্যুতিক বাস পরিচালনার কথা জানানো হয়েছে। বৈদ্যুতিক বাস চালু হলে জ্বালানিচালিত যানবাহনের ওপর নির্ভরতা কমানো এবং পরিবহন খাতের দূষণ নিয়ন্ত্রণে সহায়তা পাওয়ার আশা করছে সরকার।
এদিকে বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলো শনাক্ত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, নির্মাণকাজ ও নির্মাণসামগ্রী থেকে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা বন্ধেও অভিযান চলছে। দূষণ নিয়ন্ত্রণে সাভার উপজেলাকে অবক্ষয়িত বায়ুমান এলাকার ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে ইটভাটা পরিচালনা ও খোলা জায়গায় বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে তৎপরতা: রাজধানীর পরিবেশ উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার, সীমানা নির্ধারণ, খনন ও বর্জ্য অপসারণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২৯টি খালের সীমানা নির্ধারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দক্ষিণ সিটির খালগুলোর সীমানা নির্ধারণের কাজও চলছে।
নদী ও শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে নজরদারি: রাজধানীর আশপাশের নদী ও জলাশয় রক্ষায় শিল্পকারখানার বর্জ্য নিয়ন্ত্রণেও উদ্যোগ নেওয়া হয়েছে। তরল বর্জ্য নির্গমনকারী শিল্পপ্রতিষ্ঠানের জন্য বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ২৪৮টি প্রতিষ্ঠান ইটিপি স্থাপন করেছে। এসব ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণে ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদী এবং ঢাকার ১৯টি গুরুত্বপূর্ণ খালের দূষণের উৎস ও ধরনও শনাক্ত করা হয়েছে। এর মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রমকে আরও পরিকল্পিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাস্তবায়ন ও তদারকিতে গুরুত্ব: সরকারের পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা পরিকল্পনার পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে আদালতের নির্দেশও নতুন করে আলোচনায় এসেছে। গত ২ নভেম্বর হাইকোর্ট ২০২০ সালের নয় দফা নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
সড়কে পানি ছিটানো, নির্মাণস্থল ঘিরে রাখা, বালুবাহী ট্রাক ঢেকে পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধের মতো বিষয়গুলো নির্দেশনায় রয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ
২. আজিমপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অধ্যক্ষের পদত্যাগ দাবি
৩. অধ্যক্ষের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধে শিক্ষার্থীরা
৪. আজিমপুরে কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে সড়ক অবরোধ
প্রতিবেদন:
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়কের উভয় পাশ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে সড়কের গুরুত্বপূর্ণ এই অংশে যান চলাচল বন্ধ করে দিয়ে তাঁরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেন। এর ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।
আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং আবাসিক হলের আসন বাতিলের হুমকির অভিযোগ রয়েছে। এ ছাড়া অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। মূলত এসব প্রশাসনিক অবিচার ও হুমকির প্রতিবাদেই এক দফা দাবিতে অধ্যক্ষের পদত্যাগ চেয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
এর আগে বিভিন্ন দাবির মুখে বৃহস্পতিবার সকাল থেকেই অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছাকে তাঁর নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন কলেজের শিক্ষার্থীরা। সারাদিন অবরুদ্ধ থাকার পর গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, গভীর রাতে অবরুদ্ধ অধ্যক্ষকে ছাড়িয়ে নেওয়ার সময় পুলিশ নিরস্ত্র ছাত্রীদের ওপর লাঠিচার্জ ও হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। রাতের ওই ঘটনার প্রতিবাদে এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সকাল থেকে পুনরায় সংগঠিত হয়ে আজিমপুরের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
রাজধানীর মিরপুর এলাকায় সড়কের পাশ থেকে ২০টি ককটেল, ৪১টি মাশাল লাঠি ও জ্বালানি কোরোসিন তেল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামাল সড়কের পাশে কাগজের ব্যাগে মোড়ানে অবস্থায় পড়ে ছিল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে এসব ককটেল-মাশাল লাঠি ও জ্বালানি কোরোসিন উদ্ধার করে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মিরপুর মডেল থানার নেতৃত্বে এবং এসআরইউ ইউনিটের সহায়তায় পাইকপাড়া আনছার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তানিম ভবনের সামনে রাস্তার ওপর ককটেল সদৃশ বস্তু ও মশাল লাঠি পরে থাকতে দেখে পুলিশ সদস্যরা। পরে সড়কের ওপর পড়ে থাকা তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং রাস্তায় পরে থাকা অবস্থায় ৫টিসহ মোট ২০টি ককটেল, বাজারের ব্যাগে দুইটি বোতলে অনুমানিক দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি, জড়ো করা নরম ককশিট উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ওসি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিতের জন্য মিরপুর মডেল থানাধীন কল্যাণপুরের হাক্কানী গলিসংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্মানাধীন ভবন কম্পাউন্ডে খোলা জায়গায় ২০টি ককটেল গর্ত খুঁড়ে দুই দফায় বিষ্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।