বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী রেখা। বয়সের হিসাবে তিনি প্রায় ৭০ ছুঁইছুঁই। তবে আবেদনের নিরিখে এখনো ‘চিরসবুজ’ অভিনেত্রী। তার ভক্তের তালিকায় আছেন গোটা দেশের দর্শক। সাম্প্রতিক সময়ে তাকে সিনেমার পর্দায় তেমনভাবে দেখা যায়নি বটে, তবে এই বয়সেও তার রূপে মুগ্ধ অনুরাগীরা। এখনো এক ঝলক দেখতে পেলে তাকে ঘিরে ধরেন তারা। যেকোনো অনুষ্ঠানে তার ছবি তুলতে মুখিয়ে থাকেন চিত্রগ্রাহকরা। সম্প্রতি এক অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি। চিত্রগ্রাহকদের ছবি তোলার পরে তার সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন এক অনুরাগী। ভক্তের বায়না শুনে সেখানেই তাকে চড় কশালেন রেখা!
সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেকি সাজে হাজির হয়েছিলেন রেখা। সঙ্গে তার চেনা রূপটান। ঠোঁটে লাল লিপস্টিক, সিঁথিভরা সিঁদুর। রেখাকে দেখেই তার ছবি তোলার জন্য ঘিরে ধরেছিলেন চিত্রগ্রাহকরা। তাদের মধ্যে ছিলেন এক অনুরাগীও। রেখার সঙ্গে একটি সেলফি তুলবেন, এই আর্জি ছিল তার। অভিনেত্রীর কাছাকাছি আসতেই মিলল সপাটে চড়! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। যদিও রাগের বশে অনুরাগীকে চড় কশাননি রেখা। ভিডিও থেকে স্পষ্ট, মজার ছলেই ওই কাজ করেছিলেন ‘সিলসিলা’ খ্যাত অভিনেত্রী। কমেন্ট বক্সে অনেকেই মন্তব্য করছেন, ‘গালে রেখার হাত পড়েছে, উনি সাত দিন আর স্নানই করবেন না!’
কয়েক মাস আগে নিজের ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রেখা। কানাঘুষা শোনা যায়, সহকারীর সঙ্গেই নাকি দীর্ঘদিন ধরে ‘সম্পর্কে’ রয়েছেন অভিনেত্রী। তার সঙ্গেই নাকি একত্রে বনবাসও করেন! কর্মজীবনের শিখরে থাকাকালীন অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। তবে সেই সব জল্পনায় জল ঢেলে ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। যদিও সেই বিয়ে টেকেনি। মাত্র সাত মাসের মাথায় আত্মহত্যা করেন মুকেশ। তারপর থেকে একাই আছেন রেখা। সঙ্গী বলতে তার সহকারী। তবে কী সত্যিই তার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে রেখার? তা নিয়ে শুরু হয় জল্পনা। যদিও এখন পর্যন্ত এ নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি অভিনেত্রী।
দুঃসাহসিক ও রোমাঞ্চকর সব অভিযানের গল্প নিয়ে রাজধানীতে আবারও ফিরছে ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে। সারা বিশ্বের পর্বতারোহণ ও দুঃসাহসিক অভিযানের লোমহর্ষক সব বাস্তব কাহিনি বড় পর্দায় উপভোগ করার দারুণ এক সুযোগ পাবেন দেশের রোমাঞ্চপ্রেমী দর্শকেরা।
এবারের উৎসবে মূলত পর্বতারোহণ, ট্রেইল-রানিং, সাইক্লিং এবং স্কিইংয়ের ওপর ভিত্তি করে নির্মিত বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শিতব্য চলচ্চিত্রের এই রোমাঞ্চকর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের ‘দ্য ফিনিশার: জেসমিন প্যারিস অ্যান্ড দ্য বার্কলে ম্যারাথন্স’, ফ্রান্সের ‘ম্যান্ডালা’ এবং কানাডার নির্মিত চলচ্চিত্র ‘কোল্ড কলস’। পৃথিবীর নানা প্রান্তের দুর্গম প্রকৃতি ও মানুষের অদম্য সাহসের চিত্র চমৎকারভাবে ফুটে উঠবে এসব চলচ্চিত্রে।
আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের উৎসবে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি আরও কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোমাঞ্চকর কাজের স্বীকৃতিস্বরূপ এই আয়োজনে প্রথমবারের মতো প্রদান করা হবে ‘রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’। একই সঙ্গে উৎসব প্রাঙ্গণে বাংলাদেশের পরিচিত এন্ডুরেন্স অ্যাথলেট মোহাম্মদ শামসুজ্জামান আরাফাতের আলোকচিত্রনির্ভর বই ‘এনডিউর—চেজিং দ্য ইমপসিবল’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
২০১০ সাল থেকে দেশে নিয়মিত এই আন্তর্জাতিক উৎসবের আয়োজন করে আসছে ‘কেওক্রাডং বাংলাদেশ’। এবারের উৎসবটিও সব শ্রেণি-পেশার মানুষের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। তবে ভেন্যুতে আসনসংখ্যা সীমিত থাকায় অংশগ্রহণ করতে ইচ্ছুক দর্শকদের আগে থেকে অনলাইনে নিবন্ধন করতে হবে। আগ্রহীরা আয়োজকদের নির্ধারিত ওয়েবসাইট (https://kewkradong.com/banff-fest-dhaka-2026/) ঠিকানায় গিয়ে নিবন্ধন সম্পন্ন করে এই উৎসবে যোগ দিতে পারবেন।
বহুল প্রতীক্ষিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজনের ট্রেলার অবশেষে প্রকাশ্যে এসেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে আড়াই মিনিটের এই ট্রেলারটি উন্মুক্ত করেন নির্মাতারা। ট্রেলারের এই ছোট্ট ঝলক থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, আগের সিজনগুলোর মতো এবারও হাসির ফোয়ারা ও নতুন সব চমক নিয়ে হাজির হতে যাচ্ছে ফুলেরা গ্রামের বাসিন্দারা। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে।
ট্রেলারের শুরুতেই দেখা যায়, পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ার পর চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছেন সাবেক প্রধানজি এবং তাঁর সঙ্গীরা। অন্যদিকে, নির্বাচনে জয়লাভের পর পঞ্চায়েতের নতুন ‘প্রধানপতি’ হিসেবে রীতিমতো এলাহি কাণ্ড বাঁধিয়ে বসেছে ভূষণ শর্মা ওরফে বনরাকস। ক্ষমতার দম্ভে সে পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠীকে দিয়ে অফিসের ঝাড়ু দেওয়া ও মোছার মতো কাজও করাচ্ছে। নতুন প্রধানপতির এমন অদ্ভুত ও বিরক্তিকর আচরণে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে ফুলেরা গ্রাম চিরতরে ছেড়ে চলে যাওয়ার কথা বলে বসেন সচিব।
তবে এমন ঘোলাটে ও দ্বন্দ্বমুখর পরিস্থিতির মধ্যেই সামনে আসে সচিব অভিষেক ও রিঙ্কির প্রেমের বিষয়টি। তাদের দুজনের মধ্যকার এই গভীর সম্পর্কের কথা একসময় টের পেয়ে যায় বনরাকস ও তার স্ত্রী ক্রান্তি দেবী। ফলে গল্পের মোড় সম্পূর্ণ নতুন দিকে বাঁক নেয় এবং পরিস্থিতি আরও জমজমাট হয়ে ওঠে। হাসি, আনন্দ, গ্রামীণ রাজনীতি ও প্রেমের এমন চমৎকার মিশেল যে এবারের সিজনেও দর্শকদের দারুণভাবে বিনোদিত করবে, ট্রেলারে তারই সুস্পষ্ট আভাস দেওয়া হয়েছে।
বরাবরের মতো এবারের সিজনেও সিরিজটির বিভিন্ন জনপ্রিয় ও প্রধান চরিত্রে অভিনয় করছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক ও চন্দন রায়। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে দুর্গেশ কুমার, সানভিকা, অশোক পাঠক প্রমুখের অভিনয় দর্শকদের বাড়তি আনন্দ দেবে। দ্য ভাইরাল ফিভারের (টিভিএফ) প্রযোজনায় এবং দীপক কুমার মিশ্রের পরিচালনায় নির্মিত এই কমেডি ওয়েব সিরিজটি আগামী ৩ ডিসেম্বর থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সূত্র জানিয়েছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে তিনি বগুড়ায় ছিলেন। আগামীকাল তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল।
ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সে সময় তিনি তাঁকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং কোনো সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে অন্য সদস্যরাও ছুটে আসেন। এরপর দ্রুত সোহেল খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র চূড়ান্ত ট্রেলার প্রকাশ পেয়েছে। নতুন এই ট্রেলারে পুরোনো এক্স-মেন তারকাদের ফিরে আসার পাশাপাশি রবার্ট ডাউনি জুনিয়রকে প্রধান খলনায়ক ভিক্টর ভন ডুমের ভূমিকায় দেখা গেছে। ট্রেলারের ফুটেজ থেকে সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে।
ট্রেলারে দেখা যায়, ‘আর্থ-২৮২’ মহাবিশ্বে স্টিভ রজার্স ও পেগি কার্টারের একটি পুত্রসন্তান রয়েছে। এই চরিত্রে অভিনয় করছেন ওয়েসলি হলোওয়ে। সিনেমাটির সবচেয়ে বড় চমক হিসেবে মুখোশধারী খলনায়ক ডুমের ভূমিকায় দেখা যাবে ডাউনি জুনিয়রকে।
এবারের অ্যাভেঞ্জার্স সিনেমায় পুরোনো এক্স-মেন সিরিজের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী ফিরছেন। তাঁদের মধ্যে সাইক্লপস চরিত্রে জেমস মার্সডেন এবং প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে প্যাট্রিক স্টুয়ার্টকে দেখা যাবে। এ ছাড়া ইয়ান ম্যাককেলান, রেবেকা রোমিন ও অ্যালান কামিংও এক্স-মেন দলের সদস্য হিসেবে ফিরছেন।
পাশাপাশি সিনেমাটিতে যুক্ত হচ্ছেন ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর অভিনয়শিল্পীরাও। এর মধ্যে রিড রিচার্ডস চরিত্রে পেদ্রো পাস্কাল এবং স্যু স্টর্ম চরিত্রে ভ্যানেসা কার্বিকে দেখা যাবে।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ পরিচালনা করছেন অ্যান্থনি ও জো রুসো। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্টিফেন ম্যাকফিলি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে হাজির হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতি। ২৩ নভেম্বর নিউইয়র্ক হিলটনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নজর কেড়েছে। সেদিন তিনি পরেছিলেন কালো প্যান্ট, কালো শার্ট ও কালো ব্লেজার। ব্লেজারের ওপরের সূচিকর্মের নকশা সাধারণ পোশাকটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। অনেক তারকা ঝলমলে ও ব্যতিক্রমী পোশাকে এলেও বিজয় বেছে নিয়েছিলেন সাদামাটা সাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘শ্রিংকিং’ তারকা মাইকেল ইউরি। এবারের আসরে ২২টি দেশের মোট ৬৪ জন মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
এবারের আসরে ভারত থেকে দুটি মনোনয়ন ছিল। কমেডি বিভাগে তৃতীয়বারের মতো মনোনয়ন পান কৌতুকশিল্পী ও অভিনেতা বীর দাস, তাঁর বিশেষ অনুষ্ঠান ‘বীর দাস: ফুল ভলিউম’-এর জন্য। সেরা ড্রামা সিরিজ বিভাগে মনোনীত হয় সনি লিভের ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’, যা প্রতিকূল পরিস্থিতির মধ্যে একটি ফুটবল ক্লাব গড়ে ওঠার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। তবে শেষ পর্যন্ত এ দুটির কোনোটিই পুরস্কার জিততে পারেনি। কমেডি বিভাগে পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার ‘ডিভিশন পালারমো’, আর সেরা ড্রামা সিরিজ হয়েছে অ্যাপল টিভির ফরাসি সিরিজ ‘কারেম’।
পুরস্কারের রাতে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে যুক্তরাজ্যের প্রযোজনাগুলো। মোট ১৬টি বিভাগের মধ্যে ৯টিতেই পুরস্কার জিতেছে দেশটি। বিবিসির নাটক ‘আনফরগিভেবল’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন ববি স্কোফিল্ড। ‘দ্য সেটলার্স’ প্রামাণ্যচিত্রের জন্য পুরস্কার পেয়েছেন লুই থেরু। সংবাদ বিভাগে পুরস্কার জিতেছে স্কাই নিউজের ‘দ্য ওয়ার্ল্ড: ২৪ আওয়ার্স ইন দ্য কিল জোন’, আর চলতি ঘটনা বিভাগে আইটিভির ‘এক্সপোজার’। শিশুদের তিনটি বিভাগের পুরস্কারও গেছে যুক্তরাজ্যের ঝুলিতে। অন্যদিকে ফ্লেমিশ ড্রামেডি ‘হোলি শিট’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের মোনা মিনা লিওন।
এবারের আসরে সর্বোচ্চ নয়টি মনোনয়ন পেয়েছিল নেটফ্লিক্স, তবে তাদের ঝুলিতে গেছে মাত্র একটি পুরস্কার। কমেডি বিভাগে ‘ডিভিশন পালারমো’ সেই পুরস্কার জেতে। অনুষ্ঠানে নেটফ্লিক্সের সাবেক প্রধান কনটেন্ট কর্মকর্তা বেলা বাজরিয়াকে দেওয়া হয় ফাউন্ডার্স অ্যাওয়ার্ড। ডিরেক্টরেট অ্যাওয়ার্ড পেয়েছেন ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সাবেক আন্তর্জাতিক প্রেসিডেন্ট গেরহার্ড জেইলার।
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে অবস্থান করছিলেন সোহেল খান; সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সিএমএইচে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে শুটিং ইউনিটের সূত্রে জানা যায়, সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি এবং আগামীকাল তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল। ইউনিটের সদস্যরা জানিয়েছেন, সকালে শুটিংয়ের উদ্দেশ্যে মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেল কক্ষে তাঁকে ডাকতে গিয়ে ইউনিটের এক সদস্য তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন এবং কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে অন্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির নতুন প্রিক্যুয়েল ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ গত ১২ বছরের মধ্যে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় অভিষেক ঘটিয়েছে। বক্স অফিস মোজোর স্টুডিও হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে ছবিটি আনুমানিক ১২০ মিলিয়ন ডলার আয় করেছে। বিশ্বব্যাপী এর উদ্বোধনী আয় দাঁড়িয়েছে ২২৫ মিলিয়ন ডলারে।
তরুণ হেইমিচ অ্যাবারনাথিকে নিয়ে নির্মিত লায়ন্সগেটের এই সিনেমা ৪ হাজার ১৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। প্রতিটি প্রেক্ষাগৃহ থেকে গড়ে আয় হয়েছে ২৯ হাজার ৮৬৫ ডলার। ‘দ্য নাম্বারস’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) ছবিটি আয় করে ৫৬ মিলিয়ন ডলার, যার মধ্যে প্রিভিউ স্ক্রিনিং থেকেই এসেছে ২১ মিলিয়ন ডলার। শনিবার (২১ নভেম্বর) আয় হয় ৩৬.৩ মিলিয়ন ডলার এবং রবিবার (২২ নভেম্বর) আনুমানিক ২৭.৭ মিলিয়ন ডলার।
বিদেশের বাজার থেকে সিনেমাটি আনুমানিক ১০৫ মিলিয়ন ডলার আয় করেছে। ১৫০ মিলিয়ন ডলার নির্মাণ ব্যয়ের ছবিটি মুক্তির প্রথম সপ্তাহান্তের শেষেই বাজেট ছাড়িয়ে গেছে বলে বক্স অফিস বিশ্লেষণে উঠে এসেছে।
ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে অবস্থান নিয়ে বক্স অফিস মোজো জানিয়েছে, এ পর্যন্ত মুক্তি পাওয়া ছয়টি ‘হাঙ্গার গেমস’ সিনেমার মধ্যে ‘সানরাইজ অন দ্য রিপিং’-এর উত্তর আমেরিকার উদ্বোধনী আয় চতুর্থ বৃহত্তম। আগের প্রিক্যুয়েল ‘দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এর তুলনায় এটি প্রায় ২.৭ গুণ বেশি আয় দিয়ে যাত্রা শুরু করেছে।
সপ্তাহান্তে বক্স অফিসে অন্য কোনো সিনেমা এই ছবির ধারেকাছেও আসতে পারেনি। ‘দ্য নাম্বারস’-এর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহগুলোতে মোট টিকিট বিক্রির প্রায় ৭২ শতাংশই ছিল এই ছবির দখলে।
দুই মাসের জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের জাদুশিল্পী আলীরাজ। সফরে ওসাকা, কোবে, আওয়াজি, ফুকুচিয়ামা, নাগোয়া, টোকিও ও কিয়োটোসহ জাপানের বিভিন্ন শহরে মোট ৪৯টি প্রদর্শনী করেছেন তিনি। প্রতিটি আয়োজনে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। প্রতিদিন গড়ে দুটি করে শো করেছেন তিনি, সঙ্গে ছিলেন একজন জাপানি সহকারী।
জাপানের বিভিন্ন প্রেক্ষাগৃহ, হোটেল, ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, নৌবিহার ও সার্কাস দলের উদ্যোগে এসব প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রদর্শনীতেই শতভাগ দর্শক ছিলেন বিদেশি। টিকিটের ব্যাপক চাহিদা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি আয়োজন হাউসফুল হয়। আয়োজনের পেছনে ছিল জাপানের প্রতিষ্ঠান প্যাসোনা কোম্পানি ও আর্ট সার্কাস গ্রুপ। জাদুর পাশাপাশি অপেরা, সংগীত, অ্যাক্রোবেটিকস ও ব্যালে নৃত্যের সমন্বয়ে আয়োজনটি আরও বর্ণিল হয়ে ওঠে। এতে অংশ নেন রাশিয়া, ইউক্রেন ও জাপানের শিল্পীরা। পুরো আয়োজনের কোরিওগ্রাফিতে ছিলেন এলিনা, লিয়ানা ও মোরিগুচি।
আলীরাজ দীর্ঘদিন ধরে জাদুশিল্পের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি তুলে ধরছেন এবং এ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কারও পেয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, বিশ্বের নানা দেশে টেলিভিশন অনুষ্ঠান ও আন্তর্জাতিক মঞ্চে তিনি জাদু প্রদর্শন করেছেন। ফ্রান্স, স্পেন, গ্রিস, ইতালি, তুরস্ক, রাশিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, দুবাই, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীনসহ বিভিন্ন দেশে তাঁর পরিবেশনা প্রশংসিত হয়েছে।
জাদুশিল্পের গুরুত্ব নিয়ে আলীরাজ বলেন, এটি এমন একটি শিল্পমাধ্যম, যা সব বয়সী মানুষকে আকৃষ্ট করতে পারে। দেশের প্রচলিত জাদুশিল্প সম্পর্কে মানুষের ধারণা বদলাতে চান তিনি। তাঁর মতে, বাংলাদেশে জাদুশিল্পের প্রসারে গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও সাংস্কৃতিক সংগঠনের আগ্রহের ঘাটতি রয়েছে। বিশ্বের নানা দেশে এ শিল্পের ব্যাপক চাহিদা থাকলেও দেশে এটি যথাযথ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা পাচ্ছে না বলে মনে করেন তিনি।
বিদেশে কাজের অভিজ্ঞতা তুলে ধরে আলীরাজ বলেন, বাংলাদেশের অনেক শিল্পী বিদেশে ছোট পরিসরের অনুষ্ঠানে মূলত প্রবাসী বাঙালি দর্শকদের সামনে পরিবেশনা করেন এবং নামমাত্র পারিশ্রমিক পান। তবে তিনি আন্তর্জাতিক মঞ্চে বিদেশি দর্শকদের সামনে জাদু প্রদর্শনের সুযোগ তৈরি করেছেন। বৈধ উপায়ে উপার্জিত অর্থ দেশে এনে জাদুশিল্পের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও অবদান রাখছেন বলে মনে করেন তিনি।
এক বছরেরও বেশি সময় পর অভিনয়ে ফিরছেন এ প্রজন্মের অভিনেত্রী সারিকা সাবাহ। আগামী ডিসেম্বরে তাঁকে দেখা যাবে নতুন সিনেমা ‘সেলফি’তে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন খায়রুল বাসার। ছবিটি নির্মাণ করেছেন মুশফিকা মাসুদ। রবিবার (২২ নভেম্বর) প্রথম পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির খবর জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‘সেলফি’ মূলত একটি ওয়েব ফিল্ম, যা ১০ ডিসেম্বর হইচইতে মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। পোস্টারটি সারিকা নিজেও শেয়ার করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, একটা সেলফি আর তারপর থেকেই শুরু এক অদ্ভুত গল্পের, কিন্তু এই গল্পের শেষটা কি শুধুই ভালোবাসার, নাকি অপেক্ষা করছে অন্য কিছু।
পোস্টারে দেখা যায়, খায়রুল বাসার গিটার বাজিয়ে গান গাইছেন, আর তাঁর পাশে বসে মুগ্ধ নয়নে হাসিমুখে তাকিয়ে আছেন সারিকা। দেখতে রোমান্টিক মনে হলেও গল্পে ভিন্ন মোড় থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
নাটকে অল্প সময়েই দারুণ পরিচিতি পেয়েছিলেন সারিকা। তবে পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। এখন আর সেভাবে তাঁকে পর্দায় দেখা যায় না। সর্বশেষ গত বছর একটি ওয়েব সিরিজ ও একটি নাটকে তাঁকে দেখা গিয়েছিল।
মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’, যার বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’। উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগে এই স্বীকৃতি পেয়েছে ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত ছবিটি। বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক অভিনেতা মনোজ প্রামাণিক।
গত ১১ থেকে ২০ নভেম্বর মিশরের কায়রোয় অনুষ্ঠিত হয় এবারের উৎসব। ২০ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে এই উৎসবের মধ্য দিয়েই প্রথমবার প্রদর্শিত হয়েছে ছবিটি। ১৬ নভেম্বর কায়রো অপেরা হাউসের স্মল থিয়েটার এবং ১৭ নভেম্বর তাহরির সিনেমায় এর দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
গ্রামীণ বাংলাদেশের তিন তরুণীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। ছবিটিতে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের বাস্তবতা উঠে এসেছে। অন্ধ এক কিশোরীর স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং একটি হাতির সঙ্গে তার সাক্ষাতের মধ্য দিয়ে মানুষের স্বাধীনতা, সামাজিক বন্দিত্ব ও মুক্তির প্রশ্ন অনুসন্ধান করেছেন নির্মাতা।
এর আগে ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হয়। সাংহাই উৎসবে শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য গোল্ডেন গোবলেট পুরস্কারসহ আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে তিনটি পুরস্কার পেয়েছে এটি। এ ছাড়া রাশিয়ার আমুর অটাম ও সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত হয়েছে চলচ্চিত্রটি।
৮০ মিনিট দৈর্ঘ্যের বাংলা ভাষার এই ছবিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘মাইসা’র মুক্তি স্থগিত করেছেন নির্মাতারা। আগামী ২৭ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মুক্তির মাত্র পাঁচ দিন আগে হঠাৎ তা স্থগিত করা হয়। নতুন মুক্তির তারিখ এখনো জানানো হয়নি।
ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আনফর্মুলা ফিল্মস ও পরিচালক রবীন্দ্র। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে তেলেগু সিনেমা নির্মাণের মান ও প্রযুক্তিগত দিক থেকে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে, যার প্রমাণ চলতি সপ্তাহে মুক্তি পাওয়া সিনেমাগুলোতেও দেখা গেছে। সেই ধারাবাহিকতায় ‘মাইসা’কে প্রযুক্তিগতভাবে উন্নত ও ব্যতিক্রমী অ্যাকশন সিনেমা হিসেবে পর্দায় তুলে ধরতে চান তাঁরা। দর্শকদের বড় পর্দায় ছবিটির পূর্ণাঙ্গ অভিজ্ঞতা দিতেই মুক্তির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ছবিটির প্রযুক্তিগত মান ও বড় পর্দার অভিজ্ঞতায় তারা কোনো ছাড় দিতে চায় না। এ কারণেই মুক্তি পেছানো হয়েছে।
মুক্তি পেছানোর খবর রাশমিকা নিজেও আগে থেকে জানতেন না। ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন, তিনি শুনেছেন মুক্তি পিছিয়ে যাচ্ছে, কবে মুক্তি পাবে তা তিনি জানেন না। নিশ্চিতভাবে জানার পর তিনি ভক্তদেরও জানাবেন।
রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। তাঁকে একেবারেই ভিন্ন ও সাহসী লুকে গোন্ড নামের এক আদিবাসী নারী যোদ্ধার চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যে তাঁর এই লুক দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
প্যারামাউন্ট এর ক্রাইম ড্রামা সিরিজ ‘মবল্যান্ড’-এর তৃতীয় সিজনের শুটিং এ সপ্তাহে শুরু হয়েছে। সিরিজে ফিক্সার হ্যারি ডা সুজার চরিত্রে অভিনয় করা টম হার্ডি আনুষ্ঠানিকভাবে আবারও সেটে ফিরেছেন। হ্যারিগান ক্রাইম পরিবারের প্রধান ম্যাভ ও কনরাডের চরিত্রে হার্ডির সহ-অভিনেতা হেলেন মিরেন ও পিয়ার্স ব্রসনানও তৃতীয় সিজনে থাকছেন।
এ বছরের শুরুর দিকে গুঞ্জন ছড়িয়েছিল, প্রযোজক ডেভিড গ্লাসার ও লেখক জেজ বাটারওয়ার্থের সঙ্গে ‘সৃজনশীল মতভেদের’ কারণে হার্ডিকে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগ ছিল, তিনি শুটিংয়ে দেরি করে আসছেন এবং চিত্রনাট্যে পরিবর্তনের দাবি জানিয়েছেন। তবে ভ্যারাইটির তখনকার প্রতিবেদন অনুযায়ী, হার্ডিকে বাদ দেওয়ার খবর ছিল অকালপক্ক। গাই রিচি ও প্যারামাউন্ট+ ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ খ্যাত এই অভিনেতাকে ধরে রাখতে আগ্রহী ছিল। পরবর্তী সময়ে তিন পক্ষ মতভেদ মিটিয়ে নেয় এবং চলতি বছরের শেষে তৃতীয় সিজনের শুটিং শুরুর পরিকল্পনা ছিল, যা এখন বাস্তবে রূপ নিয়েছে।
সিরিজের অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন প্যাডি কনসিডাইন, জোয়ান্না ফ্রগ্যাট, লারা পালভার, অ্যানসন বুন, মানদীপ ধিলন, জেসমিন জবসন, টেডি অ্যালেন, এমেট জে স্ক্যানলান, জনি ফ্লিন, ওফেলিয়া লাভিবন্ড, জ্যানেট ম্যাকটির ও টবি জোন্স। নির্বাহী প্রযোজকদের মধ্যে আছেন গ্লাসার, গাই রিচি, জেজ বাটারওয়ার্থ, টম হার্ডি, ইভান অ্যাটকিনসন, ডিন বেকার, রন বার্কল, ডেভিড হাটকিন, বব ইয়ারি ও কিথ কক্স।
সেপ্টেম্বরে শুরু হওয়া দ্বিতীয় সিজনের দশম ও শেষ পর্ব আজ প্রকাশিত হয়েছে। হেলেন মিরেন এই সিজনকে আগের চেয়ে ‘আরও পাগলাটে ও আরও খারাপ’ বলে বর্ণনা করেছিলেন। লন্ডনে দ্বিতীয় সিজনের প্রিমিয়ারে হার্ডি, গ্লাসার, রিচি, মিরেন ও ব্রসনান একসঙ্গে উপস্থিত ছিলেন এবং ক্যামেরার সামনে সবাই সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন।
মঞ্চে অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় গ্লাসার হার্ডিকে ‘আমাদের জাহাজের ক্যাপ্টেন’ বলে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, হার্ডি একেবারে শেষ পর্যন্ত সিরিজের সঙ্গে ছিলেন।
জন্মদিনে ভক্তদের নতুন সিনেমার খবর দিয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। রবিবার (২২ নভেম্বর) তাঁর জন্মদিন উপলক্ষে পরবর্তী ছবি ‘কালিয়া’র ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনস। এটি একটি মনস্টার থ্রিলার, যেখানে কার্তিককে দেখা যাবে ভিন্নধর্মী চরিত্রে। ছবিটি ২০২৮ সালের ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জন্মদিন উপলক্ষে ছবিটির প্রথম ঝলকও প্রকাশ করেছেন নির্মাতারা। প্রকাশিত ভিডিওতে এক মাকে তাঁর ছেলেকে কালিয়া নামের এক রাক্ষসের গল্প বলতে দেখা যায়। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় নির্মাতারা লিখেছেন, শ্রীকৃষ্ণ একে দূর করে দিয়েছিলেন, কিন্তু মানুষেরাই একে ফিরিয়ে এনেছে।
ধর্মা প্রোডাকশনস ও ডোপামিন স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। প্রযোজকদের মধ্যে রয়েছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, সোমেন মিশ্র, মারিজকে ডি’সুজা ও কার্তিক আরিয়ান। ছবিটি পরিচালনা করছেন সন্দীপ মোদী।
হিন্দি সিনেমায় মনস্টার থ্রিলার ঘরানার কাজ তুলনামূলকভাবে কম। ‘কালিয়া’র মাধ্যমে সেই ঘরানায় নতুন কিছু তুলে ধরতে চায় নির্মাতা প্রতিষ্ঠান। সন্দীপ মোদী এর আগে ‘দ্য নাইট ম্যানেজার’ ও ‘আরিয়া’র মতো প্রশংসিত সিরিজ পরিচালনা করেছেন। ‘কালিয়া’ তাঁর পরিচালনায় প্রথম হিন্দি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সিনেমা।
এদিকে কার্তিকের হাতে রয়েছে ধর্মা প্রোডাকশনসের আরেকটি ছবি ‘নাগজিলা’। ফ্যান্টাসি ঘরানার এ ছবিতে ভারতীয় লোককথার সঙ্গে আধুনিক গল্পের মিশ্রণ থাকছে। এতে রূপ পরিবর্তনকারী এক নাগের চরিত্রে দেখা যাবে কার্তিককে।