রোববার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মন্দের ভালো ঈদের সিনেমা

আপডেটেড
১৬ এপ্রিল, ২০২৪ ০০:১৬
জাহাঙ্গীর বিপ্লব
প্রকাশিত
জাহাঙ্গীর বিপ্লব
প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪ ০০:১৬

সমালোচনা, বাধা-বিপত্তি এমনকি চলচ্চিত্র বিশ্লেষকদের অনুরোধকে তোয়াক্কা না করে এবার ঈদে অনেকটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন সিনেমা ব্যবসায়ীরা। সৃষ্টি করেছেন নতুন রেকর্ড। লোকসানের ভয়-ডরকে উপেক্ষা করে ঈদুল ‍ফিতরে মুক্তি পেয়েছে ১১টি চলচ্চিত্র। এর মধ্যে কোনো কোনো সিনেমা মুক্তি পেয়েছে মাত্র ২টি প্রেক্ষাগৃহে। আবার ঈদের প্রথম তিন চার দিন যেতে না যেতেই এক হালি ছবি নামিয়েও দিয়েছেন হল মালিকরা।

এবার ঈদে রোমান্টিক, ফ্যামিলি ড্রামা, থ্রিলার, হরর থেকে শুরু করে তথাকথিত বাণিজ্যিক, কথিত বিকল্পধারা এমনকি অনুদানের সিনেমাও মুক্তি পেয়েছে। তবে প্রিয়তমার পর গত ঈদের মতো এবারও শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার ছবি একাই ১২৭টি সিনেমা দখল করে নিয়েছে। ব্যবসাও করছে বেশ ভালোই। এত ছবির ভিড়েও বলা চলে অনেকটা ফাঁকা মাঠেই গোল দিচ্ছেন শাকিব খান। কারণ তার জনপ্রিয়তার ধারে কাছেও নেই অন্য ছবিগুলোর নায়করা। ফলে, একচেটিয়া রাজত্ব করছে শাকিব খানের রাজ কুমার। যদিও রাজকুমারের গল্প ও গান নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে, তবে এসব সমালোচনাকে গায়ে না মেখে শাকিব ভক্তরা প্রেক্ষাগৃহে ছুটছেন প্রিয় নায়কের সিনেমা দেখতে। দর্শকের কথা চিন্তা করে ঈদের আগেই অগ্রিম টিকিট বিক্রিতে নতুন নতুন নজির স্থাপন করেন ছবিটির নির্মাতাপক্ষ। ঠিক তেমনি ঈদের দিন থেকেই রাজধানীসহ দেশের নানা প্রান্তের সিনেমা হলে ‘রাজকুমার’র দাপট লক্ষণীয়।

রাজকুমারের পরের অবস্থানে রয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমাটি। ২১টি হল পেয়েছে ছবিটি। জানা গেছে, প্রেক্ষাগৃহের মতো দর্শক সাড়ায়ও ‘রাজকুমার’র পরেই অবস্থান করছে এটি। বিশেষ করে ছবিটির গল্প দর্শক-সমালোচকদের মুগ্ধ করছে। নির্মাতা চয়নিকা চৌধুরী তো ‘ওমর’ দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি, হাউমাউ করে কেঁদেছেন নির্মাতাকে জড়িয়ে ধরে। মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ নিয়ে প্রত্যাশা ছিল অনেকের। স্টার সিনেপ্লেক্স ছবিটির জন্য সর্বোচ্চ শো বরাদ্দ দিয়েছিল; কিন্তু মুক্তির পর সেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমীকরণ মিলছে না সেভাবে। তাই ছবিটির শো কমানো হয়েছে বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ ছবিটি ঈদের প্রথম দিন থেকে এখন পর্যন্ত বেশ ভালোই ব্যবসা করছে; কিন্তু সিনেমা হল সংকটে পড়ে লোকসান গুনেতে হতে পারে প্রযোজককে। মাত্র ৭টি সিনেমা হল পেয়েছে লিপস্টিক। ছবিতে সাবলীল অভিনয়ের সুবাদে প্রশংসা কুড়াচ্ছেন আদর ও পূজা। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

ঈদের সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, এখনও তো ঈদের আমেজ আছে। মানুষ ছুটিতে, বেড়ানোর মধ্যে আছে। সেই হিসেবে ছবিগুলো ভালোই যাচ্ছে। স্পষ্ট করে বলতে গেলে ‘রাজকুমার’ ছবিটি বেশ ভালো চলছে। কারণ শাকিব খানের দর্শক-ভক্ত প্রচুর। এরপর ‘ওমর’ ছবিটি দারুণ যাচ্ছে। আমরা এই ঈদে মোট আটটি ছবি চালাচ্ছি। এর মধ্যে শরিফুল রাজ অভিনীত ‘ওমর’ থেকে অসাধারণ সাড়া পাচ্ছি। বাকিগুলো মন্দের ভালো চলছে বলা যায়। দেয়ালের দেশ, মায়া খুব একটা সাড়া ফেলতে পারছে না দর্শক মহলে। অন্যদিকে সোনার চর তো দুই সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তবে গিয়াস উদ্দিন সেলিমের কাজল রেখা ১০ প্রেক্ষাগৃহ নিয়ে ধীরগতিতে এগিয়ে যাচ্ছে। আবার প্রচারণার কারণে মাত্র ৬ সিনেমা হল নিয়েও ঢিমে তালে চলছি ‘মোনা: জিন-২’।

অন্যদিকে দর্শক টানতে পারছে না ‘মেঘনা কন্যা’, ‘গ্রিন কার্ড’ ও পরিচালিত ‘আহারে জীবন’ ছবিগুলো। কয়েকটি সিনেমা হল থেকে নামিয়েও দেওয়া হয়েছে এই সিনেমা হলগুলোকেS।


নির্বাচিত

ভৌতিক সিনেমায় কৃতি শ্যানন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউডের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মসের নতুন একটি পূর্ণাঙ্গ ভৌতিক সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কৃতি শ্যানন। সিনেমাটির নাম ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা। রোমান্টিক, কমেডি, সামাজিক ড্রামা এবং অতিপ্রাকৃতিক ঘরানার চলচ্চিত্রে অভিনয়ের পর এবারই প্রথম কৃতিকে সরাসরি একটি খাঁটি হরর সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে।

ম্যাডক ফিল্মসের সঙ্গে কৃতি শ্যাননের কাজের বোঝাপড়া ও অভিজ্ঞতা দীর্ঘদিনের। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটির মোট আটটি ভিন্ন সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘রাবতা’, ‘লুকা ছুপি’, ‘মিমি’ এবং অতিপ্রাকৃতিক কমেডি ধাঁচের সিনেমা ‘ভেড়িয়া’। প্রতিষ্ঠানটির সঙ্গে কৃতির এই ধারাবাহিক পার্টনারশিপ বক্স অফিসেও বেশ কিছু স্মরণীয় সাফল্য এনে দিয়েছে।

বিশেষ করে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মিমি’ সিনেমায় একজন সারোগেট মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য ভারতের মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি লাভ করেন কৃতি। এছাড়া ম্যাডক ফিল্মসের জনপ্রিয় হরর-কমেডি ইউনিভার্সের ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী’-এর একটি জনপ্রিয় আইটেম গানেও অংশ নিয়েছিলেন তিনি। ফলে প্রযোজনা সংস্থাটির হরর ঘরানার সঙ্গে তাঁর পূর্বপরিচয় থাকলেও এবারই প্রথম মূল কেন্দ্রীয় চরিত্র হয়ে ভয়ের আবহে হাজির হচ্ছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন এই অভিনেত্রী। চলতি বছর ‘তেরে ইশক মে’ এবং ‘ককটেল ২’ সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকমহলে বেশ প্রশংসিত হয়েছেন কৃতি। সেই রেশ কাটতে না কাটতেই তাঁর নতুন এই ভৌতিক প্রজেক্টে যুক্ত হওয়ার খবর ভক্তদের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে।


নির্বাচিত

পোল্যান্ড ও মিশরের উৎসবে ‘সাঁকোটা দুলছে’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’ (ইংরেজি নাম: দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট) আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। গত জুন মাসে চীনের মর্যাদাপূর্ণ সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কার অর্জনের পর এবার একই সঙ্গে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। চলচ্চিত্রটি ইউরোপের দেশ পোল্যান্ডের খ্যাতনামা চিত্রগ্রাহকদের উৎসব ‘এনার্গাক্যামেরিমেজ’ এবং মধ্যপ্রাচ্যের প্রাচীন আসর মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশের প্রতিনিধিত্ব করবে।

পোল্যান্ডের এনার্গাক্যামেরিমেজ উৎসবে সিনেমাটি সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক—এই দুটি গুরুত্বপূর্ণ বিভাগে আনুষ্ঠানিক মনোনয়ন লাভ করেছে। সেখানে সেরা পরিচালক বিভাগে লড়বেন নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ এবং সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনীত হয়েছেন সামিউল করিম সুপ্তক; উৎসবটি আগামী ৭ নভেম্বর শুরু হয়ে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। অন্যদিকে মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নিয়েছে ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক কম্পিটিশন’ বিভাগে। আগামী ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসবে ছবিটি ‘শাদি আব্দেল সালাম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম’ এবং ‘ফ্যাদি ফারাগ অ্যাওয়ার্ড-স্পেশাল জুরি প্রাইজ’-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। মর্যাদাপূর্ণ এই দুই উৎসবে নির্বাচিত হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা জানিয়েছেন, এর মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের স্থানীয় গল্প ও স্বতন্ত্র নির্মাণশৈলী তুলে ধরার সুযোগ তৈরি হলো।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক এবং তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘মনপাচিত্র’। সিনেমাটিতে তাঁদের সঙ্গে যৌথ প্রযোজক হিসেবে যুক্ত রয়েছে জার্মানির ‘মগাদোর ফিল্ম’। সম্পূর্ণ সাদাকালো ফ্রেমে নির্মিত ‘সাঁকোটা দুলছে’ সিনেমার দৃশ্য বিন্যাস, আলো-ছায়ার নিপুণ শৈলী, পরিমিত ও দীর্ঘ শটের ব্যবহার এবং গ্রামীণ জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করার দৃষ্টিভঙ্গি ছবিটিকে একটি স্বতন্ত্র দৃশ্যভাষা প্রদান করেছে বলে প্রশংসিত হচ্ছে।

চলচ্চিত্রটির মূল গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের গ্রামীণ জনপদে বসবাসকারী তিন নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। সামাজিক কুসংস্কার, ধর্মীয় রক্ষণশীলতা, পুরুষতান্ত্রিক পারিবারিক ও সমাজব্যবস্থার নানা বিধিনিষেধের বেড়াজালে বন্দি থেকেও নিজেদের মতো করে বেঁচে থাকার পথ এবং মুক্তির আকাঙ্ক্ষাই এতে সংবেদনশীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক প্রতিভাবান শিল্পী। এতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানিসহ আরও অনেকে। দেশীয় প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটি বৈশ্বিক পরিমণ্ডলে দেশের চলচ্চিত্রাঙ্গনের জন্য নতুন সুনাম বয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


নির্বাচিত

দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পেল চার সিনেমা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১৭ অক্টোবর, ২০২৬ ১৭:২৯
বিনোদন ডেস্ক

শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশকে কেন্দ্র করে শুক্রবার (১৬ অক্টোবর) দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে মুক্তি পেয়েছে নতুন চার সিনেমা। এ তালিকায় দেশের তিনটি চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক মুক্তির অংশ হিসেবে যুক্ত হয়েছে হলিউডের একটি আলোচিত সিনেমা। দেশের চলচ্চিত্র তিনটির বিশেষত্ব হলো—সব কটিই বাস্তব জীবনের সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমা তিনটি হলো ‘স্নেহের বন্ধন’, ‘চিরকুট’ ও ‘কাট-পিস’। অন্যদিকে বিশ্বব্যাপী মুক্তির অংশ হিসেবে একই দিন থেকে দেশের সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে মারপিটধর্মী হলিউড চলচ্চিত্র ‘স্ট্রিট ফাইটার’।

পারিবারিক আবেগ ও মূল্যবোধের গল্প নিয়ে পরিচালক কামরুজ্জামান নির্মাণ করেছেন ‘স্নেহের বন্ধন’। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি ঐতিহ্যবাহী যৌথ পরিবারকে ঘিরে, যেখানে সময়ের পরিবর্তনে ভাই-বোন ও মা-বাবার মধ্যকার সম্পর্কের মধ্যে অহংকার, দূরত্ব ও ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে জীবনের চরম সংকটকালে সেই মান-অভিমান ভেঙে রক্তের টান ও পারস্পরিক ভালোবাসাই পরিবারের শেষ আশ্রয় হয়ে দাঁড়ায়। মো. শাহ আলম প্রযোজিত এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান, শিবা শানু, কাজী হায়াৎ, সাবেরী আলম, নাদের চৌধুরী ও রিনা খানসহ অনেকে।

নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আরেক চলচ্চিত্র ‘চিরকুট’-এর পটভূমি গড়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেন্দ্র করে। ক্যাম্পাসজীবনের তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নষ্টালজিক প্রেম এবং জীবনের নানা টানাপোড়েনের গল্প সেলুলয়েডে তুলে ধরেছেন নির্মাতা মুনতাসির আকিব, যা তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র। গল্প ও চিত্রনাট্য রচনার পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজন।

দেশের তৈরি পোশাকশিল্পের বহুল আলোচিত ‘ঝুট ব্যবসা’কে কেন্দ্র করে তৈরি হয়েছে অপরাধ ও বাস্তবধর্মী সিনেমা ‘কাট-পিস’। ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা বিপুল অর্থবিত্ত, রাজনৈতিক ক্ষমতা, আধিপত্য বিস্তার ও সংঘাতের অন্ধকার জগতই সিনেমাটির মূল উপজীব্য। ইফফাত জাহান মমর পরিচালনা ও প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী রাফাহ নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মী। গত রোজার ঈদে মুক্তির কথা থাকলেও পিছিয়ে গিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

এছাড়া বিশ্বখ্যাত ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত হলিউডের অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা ‘স্ট্রিট ফাইটার’ দেশের দর্শকেরা উপভোগ করতে পারছেন। ১৯৯৩ সালের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, দুই প্রতিদ্বন্দ্বী যোদ্ধা রিউ এবং কেন মাস্টার্স একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধী চক্র ‘শ্যাডালু’ ও তাদের প্রধান এম বাইসনের বৈশ্বিক ষড়যন্ত্রের মুখোমুখি হয়। কিতাও সাকুরাই পরিচালিত এই মেগা প্রজেক্টে অভিনয় করেছেন অ্যান্ড্রু কোজি, নোয়া সেন্টিনিও, ক্যালিনা লিয়াং এবং ভারতীয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়াল।


নির্বাচিত

আরব্য রজনীর গল্প নিয়ে হলিউডে নতুন সিরিজ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মধ্যপ্রাচ্যের অমর লোকগাথা ‘আরব্য রজনী’ বা ‘ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস’ অবলম্বনে এবার বড় পরিসরে লাইভ-অ্যাকশন সিরিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে হলিউড। বিশ্বখ্যাত জনপ্রিয় ধারাবাহিক ‘স্পার্টাকাস’ ও ‘ভাইকিংস’-এর নির্মাতাদের যৌথ প্রয়াসে তৈরি হচ্ছে ১০ পর্বের নতুন ফ্যান্টাসি সিরিজ, যার নাম দেওয়া হয়েছে ‘অ্যারাবিয়ান নাইটস’। বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ভেরিটাস এন্টারটেইনমেন্ট মেগা বাজেটের এই প্রজেক্টটি বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে।

ঐতিহ্যবাহী একক কোনো গল্প অনুসরণের বদলে এই সিরিজে একটি বড় সিনেমাটিক ক্রসওভার বা মেলবন্ধন ঘটানো হচ্ছে। আরব্য রজনীর তিন কালজয়ী চরিত্র—দুঃসাহসী নাবিক সিনবাদ, জাদুর চেরাগের আলাদিন এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আলীবাবাকে প্রথমবারের মতো একই আখ্যানে নিয়ে আসছেন নির্মাতারা। কাহিনি অনুযায়ী, এক শক্তিশালী অশুভ জাদুকরের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে তাঁরা একত্রিত হন শাহেরজাদের সঙ্গে। সেই প্রতিকূল ও রোমাঞ্চকর অভিযানের মধ্য দিয়েই শাহেরজাদ রূপ নেন সর্বকালের অন্যতম সেরা গল্পকারে, যা পরবর্তীকালে অমর লোকসাহিত্যের জন্ম দেয়।

সিরিজটির চিত্রনাট্য যৌথভাবে রচনা করছেন ‘কিংস’ সিরিজখ্যাত লেখক কামরান পাশা এবং ‘স্পার্টাকাস’-এর চিত্রনাট্যকার স্টিভেন এস ডিনাইট। চিত্রনাট্যকার কামরান পাশা জানান, এর আগে হলিউডে আরব্য রজনীর মূল চরিত্রগুলোকে এভাবে এক ছাদের নিচে আনার উদ্যোগ কখনো নেওয়া হয়নি। আধুনিক অ্যাকশন ও রোমাঞ্চের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক সত্যতা বজায় রাখার বিষয়টি চিত্রনাট্যে প্রাধান্য দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে চিত্রনাট্যকার স্টিভেন আশা প্রকাশ করেছেন যে, বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে এই ধ্রুপদী গল্প সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা হিসেবে ধরা দেবে।

এই মেগা প্রজেক্টের নির্বাহী প্রযোজক হিসেবে হলিউডের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন ব্যক্তিত্ব যুক্ত রয়েছেন। এর আগে যাঁরা ‘ভাইকিংস’, ‘দ্য মর্নিং শো’, ‘দ্য সিজন’ এবং ‘দ্য মসকিউটো কোস্ট’-এর মতো তুমুল প্রশংসিত টিভি সিরিজগুলোর নির্মাণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ফলে নির্মাণশৈলী ও ভিজ্যুয়াল ইফেক্টসের দিক থেকেও এটি আন্তর্জাতিক মানে পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্মাতারা নিশ্চিত করেছেন, ‘অ্যারাবিয়ান নাইটস’ কেবল একটি সিজনেই সীমাবদ্ধ থাকবে না, বরং একাধিক সিজন ধরে গল্পটি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু পূর্বপরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৭ সালের সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে সিরিজটির আনুষ্ঠানিক চিত্রধারণ শুরু হবে। ঐতিহাসিক আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে এই শুটিং প্রক্রিয়ায় সব ধরনের নীতিগত ও কারিগরি সহায়তা প্রদান করবে বাহরাইন সরকার।


নির্বাচিত

ধারাবাহিক নাটকে ফিরলেন রিচি সোলায়মান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

টেলিভিশন নাটকের একসময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান দীর্ঘদিন পর নতুন একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে যুক্ত হয়েছেন। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে অভিনয়ে লম্বা বিরতি পড়লেও কয়েক বছর ধরে স্থায়ীভাবে দেশেই অবস্থান করছেন তিনি, যার ফলে ছোটপর্দায় তাঁর উপস্থিতি আবারও নিয়মিত হয়েছে। এবার গুণী নির্মাতা নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ‘এআই জুনিয়র’ শিরোনামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। চলতি বছরের শুরুর দিকে ‘অপূর্ণতা’ নামের সাত পর্বের একটি মিনি সিরিজে কাজ করলেও বহু বছর পর পূর্ণাঙ্গ কোনো দীর্ঘ ধারাবাহিকে এটিই তাঁর আনুষ্ঠানিক প্রত্যাবর্তন।

ইতোমধ্যেই নতুন এই ধারাবাহিক নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়ে গেছে। তবে সম্প্রচারকারী চ্যানেলের প্রচার নীতিমালার কড়াকড়ির কারণে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করতে নারাজ এই অভিনেত্রী। নতুন নাটকে ফেরা প্রসঙ্গে রিচি সোলায়মান জানান, ‘এআই জুনিয়র’ ধারাবাহিকে তিনি অভিনয় করছেন এবং শুটিংয়ে অংশ নিচ্ছেন; তবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে এর বেশি তথ্য উন্মোচন করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাটকের চরিত্র ও প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানান তিনি।

জানা গেছে, খুব শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। এর বিস্তারিত তথ্য জানাতে আগামী ২৫ অক্টোবর একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ খান হিরক। এতে রিচি সোলায়মানের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান, জিনাত শানু স্বাগতা, নরেশ ভূঁইয়া, সুজাত শিমুল এবং শিশুশিল্পী রাই রাজন্যসহ আরও অনেকে।

এদিকে ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিষেকের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘ তিন দশকের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘রবি ইন ঢাকা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সমকালীন সামাজিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন রাজীব সালেহীন এবং এতে রিচির সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সিনেমাটির শুটিং শেষ হওয়ার পর বর্তমানে এর পোস্ট প্রোডাকশনের কাজ দ্রুতগতিতে চলছে। আগামী নভেম্বরের দিকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে এবং এরপরই শুরু হবে জোরদার প্রচারণা।


নির্বাচিত

পাকিস্তানি সিরিজ নকলের অভিযোগ, বিতর্কে নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বাংলাদেশি ইউটিউব সিরিজ ‘প্রথম প্রেমের গল্প’ ঘিরে নকলের অভিযোগ উঠেছে। পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর গল্পের সঙ্গে সিরিজটির কাহিনি ও কয়েকটি দৃশ্যের মিল রয়েছে বলে দাবি করছেন দর্শকদের একাংশ। তানভীর তন্ময় পরিচালিত সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নতুন জুটির পর্দায় উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও গল্পের মৌলিকতা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

গত ১৩ অক্টোবর ইউটিউবে সিরিজটির প্রথম পর্ব প্রকাশিত হয়। পরদিন মুক্তি পায় দ্বিতীয় পর্ব। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রথম প্রেমের গল্প’-এর সঙ্গে পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’-এর তুলনা শুরু করেন দর্শকেরা। তাঁদের অভিযোগ, দুই কাজের মধ্যে শুধু কাহিনির নয়, কিছু দৃশ্য ও চরিত্রের উপস্থাপনাতেও মিল রয়েছে।

বিতর্ক আরও জোরালো হয়েছে সিরিজটির চিত্রনাট্য ও গল্পের লেখককে ঘিরে। দর্শকদের একাংশের দাবি, সিরিজটির পোস্টার এবং ইউটিউবে প্রকাশিত শিল্পী-কুশলীদের তালিকায় কোনো চিত্রনাট্যকার বা মূল গল্পের লেখকের নাম উল্লেখ নেই। এ কারণে ‘প্রথম প্রেমের গল্প’-এর কাহিনি কে লিখেছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সিরিজটির গল্পে উঠে এসেছে করপোরেট জগতের দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও অতীতের প্রতিশোধের ঘটনা। এতে শিল্পপতি ফাইয়াজ চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। অন্যদিকে মেহনাজ কবিরের ভূমিকায় রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এ ছাড়া সিরিজটিতে অভিনয় করেছেন ফারিন খান, আলীরাজ, সালমা বেগম সুজাতা, শতাব্দী ওয়াদুদ ও ফারজানা চুমকিসহ আরও অনেকে।

সিরিজটি মুক্তির আগে দুই অভিনয়শিল্পীকে ভিন্নভাবে পর্দায় উপস্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন পরিচালক তানভীর তন্ময়। বিশেষ করে নিলয় আলমগীরকে তাঁর পরিচিত হাস্যরসাত্মক চরিত্রের বাইরে নতুন এক রূপে তুলে ধরার কথা বলেছিলেন তিনি। তবে সিরিজটি প্রকাশের পর সেই উপস্থাপনার পাশাপাশি গল্পের মৌলিকতা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

বিদেশি নাটক বা সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে স্থানীয় প্রেক্ষাপটে নতুন গল্প নির্মাণ বিনোদনজগতে অস্বাভাবিক নয়। তবে কোনো কাজ থেকে অনুপ্রেরণা নেওয়া, স্বত্বাধিকারীর অনুমতি নিয়ে সেটির রূপান্তর করা এবং মূল গল্প বা দৃশ্য নকল করার অভিযোগ—বিষয়গুলো এক নয়। গল্প বা দৃশ্যের সাদৃশ্য থাকলেই চূড়ান্তভাবে নকলের সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এ ক্ষেত্রে দুই নির্মাণের বিস্তারিত তুলনা, স্বত্বাধিকারসংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট নির্মাতাদের বক্তব্য গুরুত্বপূর্ণ।

বর্তমানে ইউটিউব ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের সুবাদে বাংলাদেশের দর্শকেরা সহজেই ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাটক ও ধারাবাহিক দেখতে পারছেন। ফলে দেশীয় কোনো নির্মাণের সঙ্গে বিদেশি কাজের মিল থাকলে তা দর্শকদের নজরে আসার সম্ভাবনাও বাড়ছে।

‘প্রথম প্রেমের গল্প’ নিয়ে তৈরি হওয়া বিতর্ক সেই বাস্তবতাকেই সামনে এনেছে। তবে অভিযোগের বিষয়ে নির্মাতা বা সংশ্লিষ্ট প্রযোজনা পক্ষের বক্তব্য এবং দুই সিরিজের বিস্তারিত তুলনা ছাড়া নকলের অভিযোগের সত্যতা নিশ্চিত করা যাচ্ছে না।


নির্বাচিত

শাকিব খানের ‘সোলজার’ নিয়ে অনিশ্চয়তা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। গত বছরের অক্টোবরে শুটিং শুরু হওয়া ছবিটির কাজ এখনো শেষ হয়নি। ফলে চলতি বছরের ডিসেম্বরেও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্মাণ শুরুর পর থেকেই আলোচনায় থাকা সিনেমাটির ডাবিংয়ের বড় একটি অংশ ইতিমধ্যে শেষ করেছেন শাকিব খান। তবে এখনো বাকি রয়েছে ৯ দিনের শুটিং। এই অসমাপ্ত কাজ শেষ করতে না পারায় সিনেমাটির মুক্তির সময়সূচি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, কয়েক দফায় শুটিংয়ের সময় নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত ক্যামেরা চালু করতে পারেননি পরিচালক সাকিব ফাহাদ ও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। ঈদুল আজহায় শাকিব খানের ‘রকস্টার’ মুক্তির পর শুটিং শুরুর পরিকল্পনা করা হয়েছিল। পরে গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরও তাঁর শিডিউল অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শাকিব খানের ম্যানেজার মনির জামান জানিয়েছেন, বারবার শিডিউল নেওয়ার পরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, যে পরিমাণ সময় নেওয়া হয়েছিল, তাতে অনায়াসেই দুই থেকে তিনটি সিনেমার কাজ শেষ করা সম্ভব হতো। গত কয়েক বছরে শাকিব খানের কোনো সিনেমার ক্ষেত্রে এমন দীর্ঘসূত্রতা দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, সিনেমাটির শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া সম্মানি পরিশোধ না করার বিষয়টিও সামনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক টেকনিশিয়ানের দাবি, সিনেমার অধিকাংশ কলাকুশলীর পাওনা এখনো পরিশোধ করা হয়নি। বকেয়া অর্থ না পাওয়ায় নতুন করে শুটিংয়ের সময় দিতে রাজি হচ্ছেন না তাঁরা।

তবে বকেয়া সম্মানি নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। তাঁর বক্তব্য, শুটিং শেষ হওয়ার আগে পুরো সম্মানি পরিশোধ করার নিয়ম নেই। কাজ সম্পন্ন হলে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে এবং একই সঙ্গে প্রকাশ করা হবে টিজার।

এদিকে, বর্তমানে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। চলতি মাসের শেষ দিকে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমার কাজ শুরু করার কথা রয়েছে তাঁর। এরপর হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমার শুটিংয়েও ব্যস্ত হয়ে পড়বেন এই অভিনেতা।

এমন ব্যস্ত সূচির মধ্যে ‘সোলজার’-এর বাকি ৯ দিনের শুটিংয়ের জন্য শাকিব খান সময় বের করতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। শুটিং শেষ না হওয়া পর্যন্ত সিনেমাটির মুক্তির তারিখও চূড়ান্ত করা যাচ্ছে না। ফলে নির্মাণের শুরু থেকেই আলোচনায় থাকা ছবিটি কবে দর্শকের সামনে আসবে, তা এখনো স্পষ্ট নয়


নির্বাচিত

আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য গডফাদার’ তারকা আল পাচিনো

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

সিনেমার দুনিয়ায় যার সরব উপস্থিতি মানেই রূপালি পর্দায় অভিনয়ের এক অসাধারণ ও ব্যতিক্রমী অভিজ্ঞতা। কখনো অপরাধ জগতের উত্তরাধিকারী মাইকেল করলিওনে, আবার কখনো ক্ষুরধার ব্যক্তিত্বের টনি মন্টানা—নানামুখী চরিত্রে দুর্দান্ত অভিনয় করে বিশ্বজুড়ে কোটি দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন প্রখ্যাত অভিনেতা আল পাচিনো। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে বড় পর্দা, ছোট পর্দা ও মঞ্চে নিজের অসাধারণ অভিনয় প্রতিভার ছাপ রাখা এই বর্ষীয়ান তারকা এবার পেতে চলেছেন মর্যাদাপূর্ণ আজীবন সম্মাননা।

অভিনয়শিল্পীদের আন্তর্জাতিক সংগঠন 'সাগ আফট্রা'র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, ৮৬ বছর বয়সে সংগঠনের সর্বোচ্চ লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করতে যাচ্ছেন এই গুণী অভিনেতা। পেশাদার সংগঠনটির সুদীর্ঘ ইতিহাসে এই বিশেষ সম্মাননা প্রাপ্তদের তালিকায় ৬২তম ব্যক্তি হিসেবে যুক্ত হতে যাচ্ছেন তিনি।

আগামী বছরের শেষভাগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৩৩তম অ্যাক্টর অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সম্পন্ন হবে। নির্ধারিত সেই আসরেই কিংবদন্তি এই শিল্পীর হাতে তুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত সম্মাননা স্মারকটি। বর্ণাঢ্য এই পুরো অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তে সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

অভিনয় জীবনের স্বর্ণালী অধ্যায়ে অজস্র স্মরণীয় চরিত্রে রূপদান করেছেন এই তারকা। সত্তরের দশকে বিখ্যাত ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে মাইকেল করলিওনে চরিত্রে অবিস্মরণীয় অভিনয়ের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে তার অভাবনীয় সাফল্য শুরু হয়। পরবর্তীতে সত্তরের দশকের প্রথমার্ধে ‘সারপিকো’ চলচ্চিত্রে বাস্তব জীবনের সৎ পুলিশ কর্মকর্তা এবং আটের দশকের শুরুর দিকে ‘স্কারফেস’ চলচ্চিত্রে গ্যাংস্টার চরিত্রে নিপুণ অভিনয় করে অভিনয়জগতে নিজের এক স্বতন্ত্র ও অনন্য পরিচয় স্থাপন করেন তিনি। এমনকি বিগত বছরগুলোতেও খ্যাতিমান নির্মাতাদের নির্দেশনায় বিভিন্ন চলচ্চিত্রে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন এই অভিনেতা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জন্মগ্রহণকারী এই অভিনেতাকে ক্যারিয়ারের শুরুর দিকে কাজের সুযোগ পাওয়ার জন্য বেশ লম্বা সময় ধরে কঠিন সংগ্রামের পথ পাড়ি দিতে হয়েছিল। পরবর্তী সময়ে কালজয়ী সিনেমার অসামান্য সাফল্য তাকে হলিউডের শীর্ষ আসনে প্রতিষ্ঠিত করে। ছয় দশকেরও বেশি সময়ের সেই দীর্ঘ যাত্রায় নিজের অভিনয়শৈলী ও নান্দনিক কাজের মধ্য দিয়ে তিনি যে অনন্য উচ্চতা অর্জন করেছেন, এই নতুন সম্মাননা যেন তারই আরেকটি জাদুকরী স্বীকৃতি।


নির্বাচিত

সিনেমার পর এবার মঞ্চে টারান্টিনোর অভিষেক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো এবার মঞ্চনাটক নিয়ে হাজির হচ্ছেন। তার লেখা ও পরিচালনায় প্রথম নাটক ‘দ্য পপিনজে ক্যাভালিয়ার’ আগামী মার্চে লন্ডনের বিখ্যাত ওয়েস্ট এন্ডে মঞ্চস্থ হবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা সাশা ব্যারন কোহেন।

সম্প্রতি সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ও সোনিয়া ফ্রিডম্যান প্রোডাকশনস যৌথভাবে এ ঘোষণা দিয়েছে। ১৮৩০-এর দশকের ইউরোপকে কেন্দ্র করে নির্মিত নাটকটিতে থাকছে টারান্টিনোর নিজস্ব নির্মাণশৈলী ও তীক্ষ্ণ রসবোধের ছাপ।

লন্ডনের ফিনিক্স থিয়েটারে আগামী ২৩ ফেব্রুয়ারি নাটকটির প্রিভিউ প্রদর্শনী শুরু হবে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৮ মার্চ। ১৩ জুন পর্যন্ত নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

এই নাটকের মাধ্যমে ওয়েস্ট এন্ডের মঞ্চে অভিষেক হতে যাচ্ছে সাশা ব্যারন কোহেনের। টারান্টিনোর সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘কোয়েন্টিন যখন আমাকে ফোন করে, তখনই রাজি হয়ে যাই। আমি ভীষণ আনন্দিত যে ওয়েস্ট এন্ডের মঞ্চে আমাদের দুজনের একসঙ্গে অভিষেক হতে চলেছে।’ টারান্টিনো এক বিবৃতিতে বলেন, ‘ওয়েস্ট এন্ডের দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

নাটকটির প্রযোজক টম রথম্যান ও সোনিয়া ফ্রিডম্যান জানিয়েছেন, টারান্টিনোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাদের কাছে দারুণ। মহড়ার সময় অভিনেতাদের পাশাপাশি অসিযোদ্ধা, অ্যাক্রোব্যাট ও সংগীতশিল্পীদের নিয়ে তার কাজের উদ্যম তাদের মুগ্ধ করেছে। এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাকশন কোঅর্ডিনেটর, ফাইট ডিরেক্টর এবং খ্যাতনামা পোশাক পরিকল্পকেরাও।

‘রিজারভয়ার ডগস’, ‘পাল্প ফিকশন’, ‘কিল বিল’ ও ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা টারান্টিনো ২০১৯ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ পরিচালনার পর আর কোনো সিনেমা পরিচালনা করেননি। তবে ওই সিনেমার সিকুয়েল ‘দ্য ফারদার মিস-অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’-এর চিত্রনাট্য লিখেছেন তিনি। ডেভিড ফিঞ্চার পরিচালিত সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি নিজের লেখা সিনেমাগুলো উপন্যাসে রূপ দেওয়ার কাজও চালিয়ে যাচ্ছেন এই নির্মাতা।


নির্বাচিত

‘জেলার ২’-এর দুর্দান্ত শুরু, প্রথম দিনেই বিশ্বজুড়ে ১২৫ কোটি রুপি আয়

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে প্রথম দিনের আয়ে ভালো সূচনা করলেও রজনীকান্তের নিজের আগের সিনেমা ‘কুলি’র উদ্বোধনী দিনের রেকর্ড ভাঙতে পারেনি এই সিক্যুয়েল।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে মুক্তির প্রথম দিনে ১৬ হাজার ৫৯৯টি শো থেকে ‘জেলার ২’ নেট আয় করেছে ৫৯ দশমিক ৭০ কোটি রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৫ কোটি রুপি। অন্যদিকে, রজনীকান্তের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’ প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে নেট ৬৫ কোটি রুপি আয় করেছিল। এটিই এখন পর্যন্ত অভিনেতার ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী দিনের আয় হিসেবে রয়েছে। দেশীয় বাজারে ‘কুলি’র রেকর্ড ছাড়াতে না পারলেও বিশ্বব্যাপী আয়ের হিসাবে ভালো অবস্থানে রয়েছে ‘জেলার ২’। মুক্তির প্রথম দিনে আন্তর্জাতিক বাজারসহ সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১২৫ দশমিক ২৫ কোটি রুপি। এর মধ্যে বিদেশের বাজার থেকে এসেছে ৫৫ কোটি রুপি। ফলে প্রথম দিনের আয়ের হিসাবেই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

সিনেমাটির আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে। এই সংস্করণটি ৯ হাজার ৩২৬টি শো থেকে আয় করেছে ৪৩ দশমিক ৩৫ কোটি রুপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে তেলুগু সংস্করণ, যার ২ হাজার ৭৯২টি শো থেকে আয় হয়েছে ১২ দশমিক ৫০ কোটি রুপি। উত্তর ভারতের বাজারে হিন্দি সংস্করণের মুক্তি কিছুটা বাধার মুখে পড়ে। পিভিআর-আইনক্সের সঙ্গে ওটিটি উইন্ডো নিয়ে জটিলতার কারণে এ পরিস্থিতি তৈরি হলেও হিন্দি সংস্করণটি ৪ হাজার ৩৭১টি শো থেকে ৩ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে এসেছে শূন্য দশমিক ৩৫ কোটি রুপি। মুক্তির পর সিনেমাটি নিয়ে সমালোচক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। গ্যাংস্টার ড্রামা ঘরানার এ ছবিটি দর্শকদের বিনোদন দিতে সক্ষম হয়েছে বলে বিভিন্ন প্রতিক্রিয়ায় উঠে এসেছে। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি তারকাবহুল অভিনয়শিল্পী তালিকাও সিনেমাটিকে ঘিরে আগ্রহ বাড়িয়েছে।

সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারানের প্রযোজনায় নির্মিত ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন রামিয়া কৃষ্ণান, এস জে সুরিয়া, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু ও মিঠুন চক্রবর্তী। প্রথম দিনের আয়ের হিসাবে ছবিটি শক্তিশালী সূচনা করলেও রজনীকান্তের ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড ভাঙতে হলে আরও এগিয়ে যেতে হবে সিনেমাটিকে।


নির্বাচিত

সিনেপ্লেক্সে আসছে ভিডিও গেমনির্ভর সিনেমা ‘স্ট্রিট ফাইটার’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ভিডিও গেম অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের ক্রমবর্ধমান জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার বিশ্বজুড়ে বড় পর্দায় আসছে ক্যাপকমের জনপ্রিয় লড়াইয়ের গেম ‘স্ট্রিট ফাইটার’। ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘আ মাইনক্রাফট মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’-এর মতো সাম্প্রতিক সফল কাজের পর এই অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমাটি আগামী ১৬ অক্টোবর আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে। ১৯৯৪ সালে জ্যঁ-ক্লদ ভ্যান ড্যাম অভিনীত প্রথম চলচ্চিত্রের দীর্ঘ সময় পর সম্পূর্ণ নতুন আঙ্গিক ও আধুনিক প্রযুক্তি নিয়ে রূপালি পর্দায় ফিরছে এই ফ্র্যাঞ্চাইজি।

চলচ্চিত্রটির মূল কাহিনি শুরু হয় ১৯৯৩ সালের প্রেক্ষাপট দিয়ে। একসময়ের ঘনিষ্ঠ দুই মার্শাল আর্ট যোদ্ধা রিউ ও কেন মাস্টার্স পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার পর রহস্যময়ী চুন-লি তাঁদের আবারও লড়াইয়ের জগতে ফিরিয়ে আনে। বাধ্য হয়ে তাঁদের অংশ নিতে হয় ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্ট’ নামের একটি ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায়। তবে কেবল শক্তি প্রদর্শনের লড়াই নয়, এই টুর্নামেন্টের নেপথ্যে লুকিয়ে থাকে গভীর এক আন্তর্জাতিক ষড়যন্ত্র। প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি রিউ ও কেনকে নিজেদের অতীত, পুরোনো ব্যক্তিগত শত্রুতা এবং শেষ পর্যন্ত একে অপরের বিরুদ্ধে দাঁড়ানোর কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

সিনেমাটির অন্যতম মূল আকর্ষণ হলো বাস্তবধর্মী ও চমকপ্রদ মার্শাল আর্টের দৃশ্য। কারাতে, কুংফুর বিভিন্ন কৌশল, দ্রুতগতির লাথি-ঘুষির পাশাপাশি ভিডিও গেমের পরিচিত সিগনেচার আক্রমণগুলোকেও বড় পর্দায় যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। নির্মাতারা মূলত ১৯৯০-এর দশকের রঙিন আর্কেড গেমের পরিচিত নস্টালজিয়াকে আধুনিক চলচ্চিত্রের অ্যাকশন কোরিওগ্রাফির সঙ্গে সমন্বিত করেছেন। ‘ব্যাড ট্রিপ’ খ্যাত নির্মাতা কিতাও সাকুরাই প্রচলিত ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের কাঠামোর বাইরে গিয়ে নিজস্ব সৃষ্টিশীল স্বাধীনতা নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন।

আন্তর্জাতিক তারকাদের সমাবেশ চলচ্চিত্রটিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজি। জনপ্রিয় হলিউড তারকা জেসন মোমোয়াকে দেখা যাবে গেমের সবুজ চামড়ার অতিপ্রাকৃতিক চরিত্র ব্ল্যাঙ্কার ভূমিকায়। এছাড়া সিনেমায় রয়েছেন রেসলিং তারকা রোমান রেইন্স এবং ভারতীয় অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল, যিনি পর্দায় রূপ দিয়েছেন যোগীসুলভ ক্ষমতার অধিকারী ধালসিমের চরিত্রে। এর পাশাপাশি গাইল ও আকুমার মতো গেমের পরিচিত চরিত্রগুলোর নিজস্ব লড়াইয়ের ধরনও দর্শকদের জন্য বিশেষ মাত্রা যোগ করবে।

নব্বইয়ের দশকের আর্কেড নস্টালজিয়া, টানটান চিত্রনাট্য, মার্শাল আর্টের সংঘাত এবং বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতি—সব মিলিয়ে অ্যাকশনপ্রেমী ও গেমারদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর নতুন এই ‘স্ট্রিট ফাইটার’ দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।


নির্বাচিত

মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ‘দেশু ৭’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দেশু ৭’ শুক্রবার (১৬ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সিনেমাটির মুক্তির চূড়ান্ত বার্তা দিয়েছেন দেব ও শুভশ্রী দুজনেই। দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে ছবিটি প্রেক্ষাগৃহে আসায় সাধারণ দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে।

বড় পর্দায় দেব ও শুভশ্রীকে আবারও একসঙ্গে দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন তাঁদের ভক্ত-অনুরাগীরা। এই সিনেমার মাধ্যমে প্রায় এক দশক পর এই তারকা জুটির নতুন কোনো চলচ্চিত্র আলোর মুখ দেখছে। এর আগে তাঁদের সর্বশেষ একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ‘ধূমকেতু’ সিনেমায়। ফলে প্রায় দশ বছর পর তাঁদের এই রোমান্টিক ও পর্দার রসায়ন দেখার অপেক্ষা নিয়ে টলিপাড়ায় চলছে জোর আলোচনা।

অভিনয়ের পাশাপাশি এই চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ারের নতুন এক মাইলফলক স্পর্শ করছেন দেব। ‘দেশু ৭’ সিনেমাটির মাধ্যমেই প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। দীর্ঘদিনের অভিনয়জীবনের অভিজ্ঞতাকে এবার পরিচালকের দৃষ্টিভঙ্গিতে রূপালি পর্দায় তুলে ধরেছেন তিনি। তাই ক্যামেরার পেছনে তাঁর এই নতুন ভূমিকা নিয়ে দর্শকদের বাড়তি কৌতূহল রয়েছে।

তারকাবহুল এই সিনেমায় দেব ও শুভশ্রীর পাশাপাশি ওপার বাংলার একাধিক শীর্ষ অভিনয়শিল্পীকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য এবং কাঞ্চন মল্লিকসহ আরও অনেকে। শুক্রবার প্রেক্ষাগৃহে প্রদর্শনী শুরুর মধ্য দিয়ে এই সিনেমা ঘিরে দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে।


নির্বাচিত

দেড় যুগ পর ফিরছে ‘নার্নিয়া’, প্রকাশ পেল ট্রেলার

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

রূপকথার জাদুকরি জগৎ ‘নার্নিয়া’ প্রায় দেড় যুগ পর আবারও বড় পর্দায় ফিরছে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির নতুন সিনেমা ‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’-এর প্রথম আনুষ্ঠানিক ট্রেলার। ২০২৩ সালে ‘বার্বি’ বানিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলা খ্যাতিমান নির্মাতা গ্রেটা গারউইগের পরিচালনায় এক সম্পূর্ণ নতুন রূপ নিয়ে দর্শকের সামনে আসতে চলেছে কল্পকাহিনির এই জনপ্রিয় ইউনিভার্স।

ব্রিটিশ কথাসাহিত্যিক সি এস লুইসের বিখ্যাত সাত পর্বের উপন্যাস সিরিজ ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। এর আগে এই সিরিজ থেকে নির্মিত তিনটি সফল চলচ্চিত্র মুক্তি পেয়েছিল—‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ডরোব’ (২০০৫), ‘প্রিন্স ক্যাস্পিয়ান’ (২০০৮) এবং ‘দ্য ভয়েজ অব দ্য ডন ট্রেডার’ (২০১০)। বক্স অফিসে ওই তিন সিনেমা বিশ্বজুড়ে প্রায় দেড় বিলিয়ন ডলার আয় করেছিল। পরবর্তীতে এই সিরিজের স্বত্ব কিনে নিয়ে পুরো গল্পটিকে নতুন আঙ্গিকে বড় পর্দায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

‘দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’ মূলত নার্নিয়া সৃষ্টির পেছনের আদি রহস্য ও রূপরেখা নিয়ে আবর্তিত হয়েছে। যেখানে পৃথিবী থেকে সাধারণ মানবশিশুরা জাদুর মাধ্যমে এক পরাবাস্তব জগতে প্রবেশ করে শুভ ও অশুভ শক্তির মধ্যকার লড়াইয়ে জড়িয়ে পড়ে। সদ্য প্রকাশিত ট্রেলারে দেখা যায়, জাদুকর অ্যান্ড্রু কেটারলি ডিগরি ও পলি নামের দুই শিশুকে বিশেষ একটি জাদুর আংটি দেন, যা তাদের সরাসরি নার্নিয়ার অদ্ভুত জগতে নিয়ে যায়। সেখানে পশুরা মানুষের ভাষায় কথা বলে এবং রাজ্যজুড়ে ঘুরে বেড়ায় পৌরাণিক নানা চরিত্র।

নতুন এই সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে হলিউডের শীর্ষ তারকাদের যুক্ত করা হয়েছে। জাদুকর অ্যান্ড্রু কেটারলির ভূমিকায় রূপ দিয়েছেন ড্যানিয়েল ক্রেগ। হোয়াইট উইচ বা ডাইনি জেডিসের শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন এমা ম্যাকি। এছাড়া নার্নিয়ার পরম রক্ষক সিংহ ‘আসলান’-এর বহুল পরিচিত চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন অস্কারজয়ী প্রখ্যাত অভিনেত্রী মেরিল স্ট্রিপ।

এই চলচ্চিত্রের মাধ্যমে নতুন এক নজির স্থাপন করতে যাচ্ছে নেটফ্লিক্স। এটি হতে যাচ্ছে তাদের প্রথম সিনেমা, যা স্ট্রিমিংয়ের আগে সরাসরি প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি পাবে। পূর্বপরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১২ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে ‘নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’। প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর একই বছরের ২ এপ্রিল থেকে প্ল্যাটফর্মটিতে বিশ্বব্যাপী স্ট্রিমিং শুরু হবে।


নির্বাচিত

banner close