প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন। তাও আবার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়ে বলে কথা! সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই শেষ। মিলেছে সার্টিফিকেশন বোর্ডের অনুমোদনও। ফলে আয়োজনে আর কোনো বাধা রইল না। আর দীঘির এ বিয়ে হবে বড় র্পদায়, অর্থাৎ সিনেমায়। যার শিরোনাম ‘৩৬-২৪-৩৬’। বুধবার বিকেলে কোনো দৃশ্য কাটা ছাড়াই সেন্সর সার্টিফিকিশেন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে এটি। অর্থাৎ সিনেমাটি সব বয়সি দর্শকরা দেখতে পাবেন। তবে সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে- তা এখনই বলতে নারাজ এর প্রযোজক ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি জানান, শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
পরিচালক রেজাউর রহমানের পরিচালনায় ‘৩৬-২৪-৩৬’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার প্রমুখ। নির্মাতার সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন কারিনা কায়সার ও মোনতাসির মান্নান। সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ইউ গ্রেডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত এর শিল্পী-কলাকুশলীরা। পর্দায় প্রিয়ন্তী চরিত্রের অভিনয় করেছেন দীঘি। অধিকাংশ সময়ই তাকে বিয়ের সাজ ও আমেজে দেখা যাবে।
দীঘি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি, এমন ঘরানার কাজও আগে করিনি। যে আয়োজনে কাজটি করেছি, তাতে সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। তাই ভালোলাগার পাশাপাশি একটু ভয়ও লাগছে।’ এর মধ্যদিয়ে বড়র্পদায় অভিষিক্ত হচ্ছেন সামাজিক মাধ্যমের পরিচিত মুখ কারিনা কায়সার। ‘৩৬-২৪-৩৬’ সেন্সর পাওয়ার পর তিনি বলেন, ‘আমি যতটা খুশি তার চেয়ে বেশি নার্ভাস। ফারুকী ভাই (মোস্তফা সরয়ার ফারুকী) ও তিশা আপুর (নুসরাত ইমরোজ তিশা) কাছে কৃতজ্ঞ যে, তারা আমার মধ্যে শ্রেয়াকে খুঁজে পেয়েছেন। কখনো ভাবিনি যে, আমাকে বড় র্পদায় দেখা যাবে। এখন সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমিও অপক্ষো করছি স্বপ্ন পূরণ দেখার জন্য।’
‘৩৬-২৪-৩৬’ সিনেমাটি ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের পঞ্চম সিনেমা। এতে আরও অভিনয় করছেনে গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।
জয়পুরহাটের কালাই উপজেলার ৩০০ বছরের বেশি পুরোনো ঐতিহ্যবাহী নান্দাইল দিঘির পাড়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি ধারণ করা হয়। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবং ফাগুন অডিও ভিশনের নির্মাণে পর্বটি আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।
এবারের আয়োজনে থাকছে তিনটি বিশেষ গান। এর মধ্যে জয়পুরহাটের সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের জনপ্রিয় তিনটি গানের সংকলন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি। এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে থাকছে বিশেষ নৃত্যগীত।
অনুষ্ঠানে জয়পুরহাটের ঐতিহ্যবাহী লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে নাট্যাংশের পাশাপাশি জেলার কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন থাকছে। আরও তুলে ধরা হবে বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম এবং ছাই দিয়ে প্রতিকৃতি আঁকা স্থানীয় শিল্পী প্রসেনজিৎ বর্মনের কাজ। এ ছাড়া যশোরের এক ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ীর মানবিক কর্মকাণ্ড নিয়েও থাকছে বিশেষ প্রতিবেদন।
নিয়মিত আয়োজনের পাশাপাশি এবারের পর্বে সামাজিক অসংগতি, অনলাইন প্রতারণা, সেলফি সংস্কৃতি, কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল ট্রল ও সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক নাট্যাংশ। এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন পর্যায়ের পরিচিত অভিনয়শিল্পীরা।
ষাটের দশকের সাড়াজাগানো ব্রিটিশ টিভি সিরিজ ‘দ্য প্রিজনার’ এবার আধুনিক রূপে পর্দায় ফিরতে যাচ্ছে। জনপ্রিয় এ সিরিজটির স্বত্ব কিনে নিয়েছে আমাজন স্টুডিওস; দীর্ঘদিন ধরে হলিউডে এটি নিয়ে সিনেমা নির্মাণের চেষ্টা চললেও শেষ পর্যন্ত সিরিজ হিসেবেই ফিরছে গল্পটি। আমাজনের অগ্রাধিকার তালিকায় থাকা নতুন এই সংস্করণের নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন অ্যাংরি ফিল্মসের সুজান মন্টফোর্ড ও ডন মারফি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন গল্প সাজানোর লক্ষ্যে ইতিমধ্যে সিরিজটির জন্য শোরানার খোঁজা শুরু হয়েছে।
১৯৬৭-৬৮ সালে প্রচারিত ১৭ পর্বের ও মাত্র এক সিজনের মূল দ্য প্রিজনার ছিল স্নায়ুযুদ্ধের অস্থিরতা ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের পটভূমিতে নির্মিত সায়েন্স ফিকশন, স্পাই-থ্রিলার এবং সাইকোলজিক্যাল ড্রামার এক অনন্য মিশ্রণ; এর নির্মাতা ও মূল অভিনেতা ছিলেন প্যাট্রিক ম্যাকগুহান। গল্পের শুরুতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে হঠাৎ পদত্যাগ করেন এবং এরপর তাঁকে অপহরণ করে পাহাড় ও সমুদ্রে ঘেরা দ্য ভিলেজ নামের এক রহস্যময় এলাকায় আটকে রাখা হয়। সেখানে তাঁর আসল নাম কেড়ে নিয়ে নতুন পরিচিতি দেওয়া হয় নাম্বার সিক্স হিসেবে; কারণ ওই জায়গার সব বাসিন্দাকে নামের পরিবর্তে সংখ্যা দিয়ে চেনা হতো এবং তাঁদের মধ্যে কারা বন্দী আর কারা প্রহরী, তা বোঝার কোনো উপায় ছিল না।
এলাকাটির ভেতরে বাসিন্দারা অবাধে চলাফেরা করতে পারলেও সর্বক্ষণ উচ্চ প্রযুক্তির নজরদারির আওতায় থাকতেন; কেউ পালানোর চেষ্টা করলে একটি স্বয়ংক্রিয় যন্ত্র তাঁকে ধরে আনত কিংবা হত্যা করত। নাম্বার সিক্স সেখানকার নিয়মের কাছে নতি স্বীকার না করে বারবার পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলেও সিরিজের শেষ দিকে তাঁর কর্মকাণ্ডে ভীত হয়ে প্রশাসন এমন চরম পদক্ষেপ নেয়, যাতে পুরো এলাকার অস্তিত্বই হুমকির মুখে পড়ে। মূলত ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও সমষ্টিবাদের মধ্যকার দ্বন্দ্ব এবং এর ভারসাম্য তুলে ধরাই ছিল সিরিজটির মূল উপজীব্য।
অভিনব নির্মাণশৈলী ও রহস্যময় সমাপ্তির কারণে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করা এই সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে নির্মিত হয়েছে ‘টুইন পিকস’, ‘এক্স-ফাইলস’ ও ‘লস্ট’-এর মতো সিরিজ। ক্রিস্টোফার নোলান, রিডলি স্কট ও সাইমন ওয়েস্টের মতো খ্যাতিমান নির্মাতারাও বিভিন্ন সময়ে এটি অবলম্বনে সিনেমা বানানোর উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। এর আগে ২০০৯ সালে জিম ক্যাভিজেল ও ইয়ান ম্যাককেলেনকে নিয়ে এএমসি চ্যানেল দ্য প্রিজনার অবলম্বনে ছয় পর্বের একটি মিনি সিরিজ নির্মাণ করেছিল, তবে সেটি দর্শক মহলে তেমন সাড়া ফেলতে পারেনি। এখন আমাজনের এই আধুনিক রূপান্তর ষাটের দশকের সেই আবেদন ফিরিয়ে আনতে পারে কি না, সেটিই দেখার বিষয়।
নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তির তারিখ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলিউড অভিনেতা সালমান খান জানিয়েছেন, বক্স অফিসে শাহরুখ খানের সঙ্গে কোনোভাবেই সংঘাতে যেতে চান না তিনি। অ্যাভেঞ্জার্স কিংবা ডিউনের মতো বড় সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় আপত্তি না থাকলেও শাহরুখের সিনেমার সঙ্গে মুক্তির লড়াইয়ে নামতে নারাজ তিনি। এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান জানান, শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এর সঙ্গে সংঘাত এড়াতেই আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে ‘মাতৃভূমি’ মুক্তির তারিখ ঠিক করা হয়েছে; ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।
সাক্ষাৎকারে সালমান বলেন, ‘অ্যাভেঞ্জার্স কিংবা ডিউনের সঙ্গে যেকোনো সময় লড়তে রাজি আছি। কিন্তু শাহরুখ ও তাঁর মেয়ে সুহানার সঙ্গে কোনোভাবেই সংঘাতে যেতে চাই না।’ উল্লেখ্য, শাহরুখ খানের ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি ২৬ জানুয়ারিও ‘মাতৃভূমি’ মুক্তির পরিকল্পনা করেছিলেন সালমান; তবে ওই সময়ে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির কথা থাকায় সেই পরিকল্পনা থেকেও সরে আসেন তিনি, যে ছবিটিতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল।
অন্যদিকে, শ্রদ্ধা কাপুরের ‘ইথা’র সঙ্গে একই দিনে ‘মাতৃভূমি’ মুক্তি পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সালমান। তিনি জানান, মুক্তির তারিখ ঘোষণার সময় শ্রদ্ধার সিনেমাটির কথা তাঁর জানা ছিল না; পরে শ্রদ্ধাকে ফোন করে দুঃখ প্রকাশও করেন তিনি, যার জবাবে শ্রদ্ধা জানান যে ভালো দুটি সিনেমার জন্য দর্শকের জায়গা রয়েছে। প্রসঙ্গত, অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ ২০২০ সালে ভারত ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত; এতে সালমান ও চিত্রাঙ্গদা সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অনুপ বিক্রম শাহি ও প্রশান্ত তামাং।
‘রাজনৈতিক পরিস্থিতি’র কারণ দেখিয়ে পরপর দুই বছর বাংলাদেশের চলচ্চিত্র এবং উৎসবের বিভিন্ন সেশন ও কর্মশালায় বাংলাদেশের অতিথিদের বাদ দেওয়ার পর এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে দেখা যাবে বাংলাদেশের সিনেমা। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, যা এই বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা ভাষার চলচ্চিত্র।
তবে এবারের আসরে বাংলাদেশের সিনেমা নির্বাচিত হলেও তালিকা থেকে এড়িয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের নাম; দ্য ডিফিকাল্ট ব্রাইডকে তালিকাভুক্ত করা হয়েছে ফ্রান্সের সিনেমা হিসেবে। রুবাইয়াত হোসেনের সঙ্গে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের কয়েকজন প্রযোজক যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন এবং সেই সূত্র ধরেই এটিকে ফ্রান্সের চলচ্চিত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দ্য ডিফিকাল্ট ব্রাইডসহ ভারত, জর্জিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের ১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে।
এর আগে বেশ কয়েক বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিয়েছিল বাংলাদেশ; ২০২১ সালে এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার জিতেছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’, ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ২০২৩ সালেও বাংলাদেশের তিনটি সিনেমা সেখানে প্রদর্শিত হয়েছিল। তবে ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই উৎসবের তালিকায় বাংলাদেশের কোনো সিনেমা রাখা হয়নি; সে সময় উৎসবের তৎকালীন চেয়ারম্যান গৌতম ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রাজনৈতিক পরিস্থিতি ও ভিসা জটিলতার কারণে বাংলাদেশকে উপেক্ষা করা হয়েছে।
কলকাতা উৎসবে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা রুবাইয়াত হোসেন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘কলকাতা আমার হৃদয়ের খুব কাছের। ১৯৪৭ সালের দেশভাগে সেখানে আমরা দাদার বাড়ি হারিয়েছি। এ ছাড়া আমাদের সুফি তরিকার সাধকেরাও এই শহরের। তাই ছোটবেলা থেকে শহরটি আমার কাছে পবিত্র। আমার চলচ্চিত্রের গুরু সত্যজিৎ রায়ের শহরে সিনেমাটির ভারতীয় প্রিমিয়ার হওয়ায় আমি অত্যন্ত সম্মানিত। বাংলাভাষী দর্শকেরা এটি দেখবেন ভেবে ভালো লাগছে।’ এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার হওয়া দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমায় অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির গল্পে আবারও ফিরে আসছে প্যানেমের সেই নিষ্ঠুর দুনিয়া। তবে এবার গল্পের কেন্দ্রে ক্যাটনিস এভারডিন নয়, বরং দর্শক দেখতে পাবেন তরুণ হেমিচ অ্যাবারনেথির জীবন বাঁচানোর এক রুদ্ধশ্বাস লড়াই। ৫০তম হাঙ্গার গেমসের ভয়াবহ অভিজ্ঞতা, ক্ষমতার নিষ্ঠুর রাজনীতি এবং এক তরুণের টিকে থাকার সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে ফ্র্যাঞ্চাইজির নতুন প্রিকুয়েল ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। ফ্রান্সিস লরেন্সের পরিচালনায় ডিস্টোপিয়ান জগতের টানটান উত্তেজনায় ঘেরা এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
সুজান কলিন্সের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন বিলি রে ও মাইকেল লেসলি। সিনেমার কাহিনির পটভূমিতে রয়েছে ৫০তম হাঙ্গার গেমস, যা প্যানেমের ইতিহাসে ‘সেকেন্ড কোয়ার্টার কোয়েল’ নামে পরিচিত। নিয়ম অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় প্রতিটি জেলা থেকে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণসংখ্যক প্রতিযোগীকে লড়াইয়ে নামতে হয়। ফলে ১২টি জেলা থেকে মোট ৪৮ জন তরুণ-তরুণীকে এই মরণমঞ্চে পাঠানো হয়, যেখান থেকে কেবল একজনই বিজয়ী হয়ে ফিরতে পারবেন। এই ভয়ংকর গেমসে ডিস্ট্রিক্ট ১২-এর ১৬ বছর বয়সী তরুণ হেমিচের সঙ্গে পরিচয় হয় মেসিলি ডোনারের এবং তাদের মধ্যে গড়ে ওঠে এক অপ্রত্যাশিত বন্ধুত্ব ও জোট।
প্রতিযোগিতার পাশাপাশি এই সিনেমায় ক্যাপিটলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা এবং প্রেসিডেন্ট স্নোর কঠোর শাসন ও নজরদারির নির্মম চিত্রও ফুটে উঠবে। হেমিচ শুধু বেঁচে থাকার জন্যই লড়ে না, বরং গেমসের নিয়ন্ত্রণ ভাঙার অসীম ঝুঁকিও নেয়। এবারের সিনেমায় তরুণ হেমিচের চরিত্রে অভিনয় করেছেন জোসেফ জাডা এবং মেসিলি ডোনার চরিত্রে দেখা যাবে ম্যাকেনা গ্রেসকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জেসি প্লিমন্স (প্লুটার্ক হেভেনসবি), রালফ ফাইনেস (প্রেসিডেন্ট স্নো), এলি ফ্যানিং (এফি ট্রিনকেট), কিয়েরান কালকিন (সিজার ফ্লিকারম্যান) ও গ্লেন ক্লোজ (ড্রুসিলা সিসল)। পাশাপাশি মায়া হক, হুইটনি পিক ও কেলভিন হ্যারিসন জুনিয়রের মতো অভিনয়শিল্পীরাও এতে যুক্ত হয়েছেন।
নতুন চরিত্রের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির পুরোনো দর্শকদের জন্য এই সিনেমায় থাকছে বিশেষ চমক। নতুন ও পুরোনো গল্পের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে ক্যাটনিস এভারডিন ও পিটা মেলার্কের চরিত্রে আবারও পর্দায় হাজির হবেন জেনিফার লরেন্স ও জশ হাচারসন। সেই সঙ্গে বয়স্ক হেমিচের পরিচিত রূপে ফিরবেন অভিনেতা উডি হ্যারেলসনও। মূলত গল্পের শেষাংশের সময়ের সংযোগ ঘটাতেই তাদের এই উপস্থিতি রাখা হয়েছে, যা দর্শকদের জন্য একটি নস্টালজিক অভিজ্ঞতা তৈরি করবে।
‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের আগের সিনেমাগুলোতে হেমিচ অ্যাবারনেথিকে একজন অভিজ্ঞ, তিক্ত, মদ্যপ ও হতাশাগ্রস্ত মানুষ হিসেবেই দেখে এসেছেন দর্শকরা। ক্যাটনিস ও পিটারকে গেমসের কৌশল শেখানোর সময় তার আচরণে জীবনের প্রতি এক ধরনের অনীহা প্রকাশ পেয়েছিল। নতুন এই প্রিকুয়েলের মাধ্যমে দর্শকরা জানতে পারবেন তার এমন হয়ে ওঠার নেপথ্যের বেদনাদায়ক কাহিনি। কৈশোরের ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং বেঁচে থাকার অমানবিক লড়াই কীভাবে তাকে পরিবর্তন করেছিল, তা ঘিরেই উন্মোচিত হবে চেনা চরিত্র হেমিচের অজানা অতীত।
তিরুপতি ও তিরুবন্নামালাইয়ের মধ্যবর্তী গভীর অরণ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা লাল চন্দন কাঠের এক বিশাল আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম- দ্য ব্লাড উড’। কাহিনিতে দেখা যাবে, এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করে সিন্ডিকেটটি ভেতর থেকে ধ্বংস করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বিশেষ গোপন অভিযান শুরু করে, যার সাংকেতিক নাম দেওয়া হয় ‘অপারেশন মোল’ বা ‘ওম’। এর অংশ হিসেবে তিরুবন্নামালাইয়ের বনে পুলিশ ২০ জন তামিল কাঠুরেকে গ্রেপ্তার করলে স্থানীয়দের মধ্যে চরম অস্থিরতা তৈরি হয়। এরপর ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে আসা চরিত্রগুলো একে অপরের মুখোমুখি হতে থাকে এবং কাহিনিতে বারবার বাঁক বদল ঘটে। মূলত এক ছদ্মবেশীর অসম লড়াইয়ের এই শ্বাসরুদ্ধকর সিনেমাটি আজ (২০ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
সিনেমাটি ঘিরে নির্মাণের শুরু থেকেই দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল ছিল। এর প্রধান কারণ হলো ধানুশ, মামুটি, সাই পল্লবী, নাসিরুদ্দিন শাহ ও শ্রীলীলার মতো শক্তিমান তারকাদের একই গল্পে ভিন্নরূপে দেখতে পাওয়ার সুযোগ। কেন্দ্রীয় চরিত্রে থাকা ধানুশ এখানে ‘পাজহানিভেল এজেন্ট-ডি’ নামক চরিত্রে অভিনয় করেছেন। নিজের চরিত্র ও গল্প নিয়ে তিনি জানিয়েছেন, এই সিনেমায় অপরাধ জগতের গহিনের বিষয়গুলো তুলে আনার পাশাপাশি একটি অপরাধমুক্ত দেশ গড়তে কিছু মানুষের সততা ও নিরন্তর লড়াইয়ের চিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অতীতের কোনো চরিত্রের সঙ্গে দর্শকরা এই চরিত্রের মিল খুঁজে পাবেন না। পাশাপাশি কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও মামুটির উপস্থিতি সিনেমাটির ওজন আরও বাড়িয়ে দিয়েছে।
সিনেমায় আইপিএস অফিসার নিত্যা রেড্ডীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। কাজের বিষয়ে কোনো ধরনের আপস না করার জন্য সুপরিচিত এই অভিনেত্রী এবার নিজের চরিত্রের জন্য বড়সড় একটি ত্যাগ স্বীকার করেছেন। পরিচালক রাজকুমার পেরিয়াসামি চরিত্রটির জন্য বাস্তবের এক পুলিশ অফিসার মেরিন জোসেফের ছবি দেখিয়ে পল্লবীকে সেভাবেই পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন। চরিত্রটিকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করতে এবং নির্মাতার ইচ্ছাপূরণে নিজের দীঘল কালো চুল বিসর্জন দিয়ে ছোট চুলে পর্দায় হাজির হয়েছেন তিনি। তাঁর এই লুকে পরিবারের সদস্যরা কিছুটা নাখোশ হলেও দর্শকরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। পাশাপাশি শ্রীলীলাও এই সিনেমায় নিজেকে নতুন চ্যালেঞ্জে তুলে ধরেছেন।
লাল চন্দনের চোরাচালান নিয়ে গল্প হওয়ায় অনেকেই সিনেমাটিকে ‘পুষ্পা’র পুরোনো কাহিনির নতুন রূপ বলে সমালোচনা করেছিলেন। তবে পরিচালক রাজকুমার পেরিয়াসামি এই ধারণাকে সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কাহিনির একটি অংশ শুনে পুরো গল্পের গভীরতা বা ধরন অনুমান করা সম্ভব নয়। নির্মাতার গল্প উপস্থাপনের এই ভিন্নধর্মী ভাবনার কারণেই সিনেমাটিকে শুরু থেকে দুই কিস্তিতে (চ্যাপ্টার) তুলে ধরার বিশাল পরিকল্পনা করা হয়েছিল। একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট সবাই সাহসিকতার সঙ্গে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, যার প্রথম কিস্তি দর্শকদের সামনে উন্মোচিত হতে যাচ্ছে।
২০২৩ সালে ভারতের উত্তরাখণ্ডে ঘটে যাওয়া আলোচিত সুড়ঙ্গ ধসের ঘটনার অনুপ্রেরণায় নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছে নেটফ্লিক্স। বাস্তব ঘটনার ছায়ায় নির্মিত কাল্পনিক এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘টানেল মেন’। এই সিরিজের মাধ্যমেই প্রথমবারের মতো নেটফ্লিক্সের কোনো হিন্দি অরিজিনাল সিরিজে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় ও শক্তিমান অভিনেত্রী টাবু।
‘টানেল মেন’ সিরিজের গল্প মূলত আবর্তিত হয়েছে একটি সুড়ঙ্গ ধসে পড়া এবং এর ভেতরে আটকে পড়া একদল শ্রমিকের বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করে। বাইরে থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য যে প্রাণপণ চেষ্টা চালানো হয়, তা-ই নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তোলা হবে। এটি কোনো প্রামাণ্যচিত্র না হলেও বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিরিজে বিপদের মুখে মানুষের অসীম সাহস, একতা ও বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ের বিষয়টি গভীরভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘ তিন দশকের বর্ণাঢ্য অভিনয়জীবনে টাবু নিজেকে নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে মেলে ধরেছেন। মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সমানতালে কাজ করেছেন স্বাধীন ঘরানার চলচ্চিত্রেও। অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মাচিস’ ও ‘চাঁদনি বার’ সিনেমার জন্য তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া ‘মকবুল’, ‘হায়দার’ ও ‘আন্ধাধুন’-এর মতো চলচ্চিত্রেও তাঁর ভিন্ন মাত্রার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও টাবুর ব্যাপক সুপরিচিতি রয়েছে। ‘দ্য নেমসেক’ থেকে শুরু করে ‘লাইফ অব পাই’ এবং হলিউডের আলোচিত প্রজেক্ট ‘ডিউন: প্রফেসি’—সবখানেই তিনি নিজের প্রতিভার শক্ত স্বাক্ষর রেখেছেন। দেশি-বিদেশি নানা প্রজেক্টে সফলতার পর এবার নেটফ্লিক্সের এই থ্রিলারধর্মী সিরিজে তাঁর অন্তর্ভুক্তি দর্শকদের প্রত্যাশাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
নতুন এই সিরিজটির শোরানার হিসেবে দায়িত্ব পালন করবেন নির্মাতা শিব রাওয়াইল। এর আগে তাঁর পরিচালিত ‘দ্য রেলওয়ে মেন’ সিরিজটি দর্শকদের দারুণ প্রশংসা কুড়িয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় আসন্ন এই সিরিজের মাধ্যমে তিনি আবারও বাস্তব ঘটনার মানবিক দিকগুলো পর্দায় সাবলীলভাবে তুলে ধরতে চান। এই প্রজেক্টে তাঁর কাজের সঙ্গী হচ্ছেন ওয়াইআরএফ এন্টারটেইনমেন্টের কনটেন্ট প্রধান সৌগত মুখার্জি। কনটেন্ট প্রধান হিসেবে এটিই তাঁর প্রথম প্রকল্প, যা মূলত নেটফ্লিক্স ও ওয়াইআরএফ এন্টারটেইনমেন্টের সফল সহযোগিতার ভিত্তিতে নির্মিত হচ্ছে।
প্রভাবশালী মার্কিন সাময়িকী ভ্যারাইটির করা বিশ্ব চলচ্চিত্রের সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যেকোনো ভাষা বা প্রজন্মের ভারতীয় অভিনয়শিল্পীদের মধ্যে শুধু তিনিই এই বিরল সম্মান অর্জন করেছেন। ভ্যারাইটির প্রকাশিত এই সম্মানজনক ও ঐতিহাসিক তালিকায় বলিউড বাদশার অবস্থান ৯২তম স্থানে রয়েছে।
ভ্যারাইটি ম্যাগাজিন শাহরুখ খানের অসামান্য অভিনয়জীবনের প্রশংসা করে জানিয়েছে, ষাটোর্ধ্ব এই তারকা দীর্ঘ চার দশক ধরে নব্বইটিরও বেশি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন। ১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ সিনেমায় খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম বড় ধরনের আলোচনায় আসেন। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং ‘দেবদাস’-এর মতো সিনেমার মাধ্যমে রোমান্টিক নায়ক হিসেবে তিনি অভাবনীয় জনপ্রিয়তা অর্জন করেন। এর মধ্যে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ সিনেমাটিকে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি কমেডি, চরিত্রাভিনয় এবং সাম্প্রতিক সময়ে অ্যাকশন হিরো হিসেবে তাঁর বহুমুখী প্রতিভারও ভূয়সী প্রশংসা করেছে ভ্যারাইটি।
ভ্যারাইটির এই সর্বকালের সেরা ১০০ তারকার তালিকার শীর্ষস্থানটি দখল করেছেন হলিউড কিংবদন্তি মেরিলিন মনরো। শীর্ষ দশের বাকি নয়জন তারকার মধ্যে ক্রমানুসারে রয়েছেন হামফ্রি বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকোলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পয়টিয়ার, মার্লোন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি কিংবদন্তি তোশিরো মিফুনে এবং বারব্রা স্ট্রাইস্যান্ড। উল্লেখ্য, এই তালিকায় চতুর্থ স্থানে থাকা জ্যাক নিকোলসন স্থান পাওয়া জীবিত তারকাদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন।
সমসাময়িক বিশ্বখ্যাত অনেক তারকাকেই এই তালিকায় পেছনে ফেলেছেন শাহরুখ খান। তাঁর পেছনে থাকা আন্তর্জাতিক তারকাদের মধ্যে রয়েছেন হোয়াকিন ফিনিক্স (৯৩), এমা স্টোন (৯৪) ও জেন্ডায়া (৯৮)। এ ছাড়া হলিউডের অন্যান্য আইকনিক তারকাদের মধ্যে জুলিয়া রবার্টস ১৩তম, টম হ্যাঙ্কস ১৭তম, ডেনজেল ওয়াশিংটন ২০তম, হ্যারিসন ফোর্ড ২৫তম, অড্রে হেপবার্ন ২৬তম, মেরিল স্ট্রিপ ২৭তম, ব্র্যাড পিট ২৯তম, আল পাচিনো ৩২তম, লিওনার্দো ডিক্যাপ্রিও ৩৮তম, ব্রুস লি ৫৩তম, আর্নল্ড শোয়ার্জেনেগার ৫৯তম, এলভিস প্রিসলি ৬১তম, রবার্ট ডাউনি জুনিয়র ৭৪তম, রায়ান গসলিং ৭৭তম, রবার্ট প্যাটিনসন ৮৩তম, কেট উইন্সলেট ৮৪তম, টিমোথি শ্যালামে ৮৬তম এবং নিকোলাস কেজ ৮৯তম স্থানে রয়েছেন।
শাহরুখ খানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০০৮ সালে নিউজউইক সাময়িকীর করা বিশ্বের ৫০ ক্ষমতাধর ব্যক্তির তালিকায় তিনি জায়গা করে নিয়েছিলেন। ২০২২ সালে এম্পায়ার ম্যাগাজিনের পাঠকদের ভোটে সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকাতেও একমাত্র ভারতীয় হিসেবে তাঁর নাম ছিল। এরপর সবশেষ ২০২৩ সালে টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল, যা বিশ্বজুড়ে তাঁর ধারাবাহিক ও অটুট জনপ্রিয়তারই প্রমাণ বহন করে।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বিজ্ঞাপন নির্মাণে যুক্ত আছেন কিসলু গোলাম হায়দার। এর পাশাপাশি নাটক ও টেলিফিল্ম নির্মাণেও নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি। এবার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এই নির্মাতা। তাঁর পরিচালিত প্রথম এই সিনেমার নাম রাখা হয়েছে ‘মস্তান’। সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও তমা মির্জার মতো দেশের জনপ্রিয় তারকারা।
নির্মাতা কিসলু গোলাম হায়দার নিজেই সিনেমাটির কাস্টিংয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে মুক্তির আগে সিনেমার গল্প নিয়ে এখনই বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চাননি তিনি। শুধু জানিয়েছেন, আন্ডারওয়ার্ল্ড এবং গ্যাংস্টারদের অন্ধকার জগতের কাহিনি নিয়ে এই সিনেমার গল্প এগিয়ে যাবে। আগামী ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৭ সালে ‘মস্তান’ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন নির্মাতা।
সিনেমার অন্যতম প্রধান অভিনেতা আরিফিন শুভকে সর্বশেষ দেখা গিয়েছিল গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমায়। অন্যদিকে এই সিনেমার অভিনেত্রী তমা মির্জাকে সর্বশেষ ‘মন যে বোঝে না’ সিনেমায় শুভর বিপরীতেই দেখা গেছে। গত ২০২৫ সালের নভেম্বরে ওই সিনেমাটি মুক্তি পেলেও এর শুটিং হয়েছিল প্রায় দেড় দশক আগে। তমা সম্প্রতি ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমার শুটিং শেষ করেছেন। আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধা তমাকে এর আগে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমাতেও দেখা গেছে।
‘মস্তান’ সিনেমার আরেক দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরীও সম্প্রতি তমার সঙ্গে ‘খলনায়ক’ সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তিনি শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘আবার দেখা হলে’ সিনেমার দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং এর মাঝেই নতুন এই প্রজেক্টে যুক্ত হয়েছেন। শুভ, চঞ্চল ও তমার মতো তারকাদের পাশাপাশি এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহির। তবে মাহি বর্তমানে পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন, যেখানে তিনি সম্মানজনক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে অনুষ্ঠিত ৬০তম সিএমএ (কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন) অ্যাওয়ার্ডসে এক রাতে রেকর্ড ছয়টি পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন মার্কিন সংগীতশিল্পী এলা ল্যাংলি। গত ১৮ নভেম্বর ব্রিজস্টোন অ্যারেনায় অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে তিনি বছরের সেরা এন্টারটেইনার, সেরা নারী কণ্ঠশিল্পী, সেরা অ্যালবাম (ড্যান্ডেলিয়ন), সেরা সিঙ্গেল, সেরা গান এবং সেরা মিউজিক ভিডিও (চুজিন’ টেক্সাস)-এর পুরস্কার নিজের ঝুলিতে পোরেন। সিএমএ অ্যাওয়ার্ডসের ইতিহাসে এর আগে কোনো শিল্পী একক বছরে এতগুলো পুরস্কার জিততে পারেননি। মোট নয়টি মনোনয়নের মধ্যে কেবল ‘মিউজিক্যাল ইভেন্ট অব দ্য ইয়ার’ বাদে সম্ভাব্য সব কটি পুরস্কারই তিনি জয় করে নিয়েছেন।
মঞ্চে পুরস্কার গ্রহণের সময় এলার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাঁর এই একচেটিয়া বিজয়ের পর অনুষ্ঠানের সঞ্চালক লেইনি উইলসন মজা করে মঞ্চে একটি ঝাড়ু নিয়ে এসে সবকিছু পরিষ্কার করার ভঙ্গি করেন। পুরস্কার পেয়ে আবেগাপ্লুত এলা জানান, ছোটবেলা থেকে তিনি এই দিনটির স্বপ্ন দেখেছেন এবং সেরা এন্টারটেইনার ও সেরা গানের পুরস্কার দুটি তাঁর কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ছিল। এই সাফল্যের পেছনে কান্ট্রি সুপারস্টার মিরান্ডা ল্যামবার্টের বড় ভূমিকা রয়েছে, যিনি এলার অ্যালবামের নির্বাহী প্রযোজক এবং জয়ী গানটির সহ-লেখক ও সহ-প্রযোজক ছিলেন। অনুষ্ঠানে তাঁরা দুজনে মিলে ‘স্নেকস্কিন বুটস’ নামের একটি গানে আকর্ষণীয় দ্বৈত পরিবেশনাও উপহার দেন।
এলার রেকর্ডের রাতে সেরা নতুন শিল্পীর পুরস্কার জিতে সবাইকে চমকে দিয়েছেন স্টিফেন উইলসন জুনিয়র। ১২ বছর আগে একজন বিজ্ঞানীর পেশা ছেড়ে সংগীতে আসা এই শিল্পী তাঁর এই অভাবনীয় অর্জনের জন্য স্ত্রী লেই ন্যাশকে ধন্যবাদ জানান। অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে বছরের সেরা পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার জিতেছেন ক্রিস স্ট্যাপলটন। এ ছাড়া টানা দ্বিতীয়বারের মতো সেরা ভোকাল গ্রুপ হিসেবে ‘রেড ক্লে স্ট্রেস’ এবং সেরা ভোকাল ডুও হিসেবে ‘ব্রুকস অ্যান্ড ডান’ পুরস্কৃত হয়েছে।
অনুষ্ঠানে কোনো পুরস্কার না পেলেও নিজের উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে সবার নজর কেড়েছেন পপ তারকা টেইলর সুইফট। ‘টয় স্টোরি ৫’ সিনেমার ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ গানের জন্য মনোনয়ন পেলেও তিনি এলার কাছে হেরে যান। তবে গায়ক কিথ আরবানের সঙ্গে মিলে নিজের পুরোনো হিট গান ‘আওয়ার সং’-এর একটি চমৎকার ম্যাশআপ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। পাশাপাশি প্রবীণ সংগীত জুটি ‘ব্রুকস অ্যান্ড ডান’-এর হাতে আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেওয়ার দায়িত্বও পালন করেন সুইফট।
এবারের আসরে টানা তৃতীয়বারের মতো সঞ্চালকের দায়িত্বে ছিলেন লেইনি উইলসন। অনুষ্ঠানের শুরুতে তিনি সাবেক সঞ্চালক ব্র্যাড পেইসলিকে সঙ্গে নিয়ে সংগীতের প্যারোডি দিয়ে দর্শকদের বিনোদন দেন। এ ছাড়া অনুষ্ঠানে কিংবদন্তি ডলি পার্টনকে সম্মান জানিয়ে ভিন্স গিল ও লেইনি উইলসন ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গানটি পরিবেশন করেন। লুক ব্রায়ান, মেগান মরনি, লুক কম্বস ও ব্রাদার্স অসবর্নসহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর পারফরম্যান্স পুরো আয়োজনটিকে স্মরণীয় করে রাখে।
মহাকাশকে ঘিরে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার সিনেমা নির্মিত হতে যাচ্ছে। ‘লিম্বো’ নামের এই ব্যতিক্রমী সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। পরিচালক তানিম রহমান অংশু গতকাল রাজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার ও টিজার প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দেন। পোস্টার শেয়ার করে অংশু লিখেছেন, মহাকাশের পথে এটি এক অনিঃশেষ যাত্রা, যা দর্শক ও তার নিজের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে। একই পোস্ট শেয়ার করে শরিফুল রাজও সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
শরিফুল রাজকে প্রধান চরিত্রে নির্বাচনের কারণ হিসেবে তানিম রহমান অংশু বলেন, ‘ন ডরাই’ সিনেমা থেকেই রাজ একজন অত্যন্ত সাবলীল ও ভালো অভিনেতা। গত পাঁচ-ছয় বছরে তার অভিনয়ে যেমন উন্নতি হয়েছে, তেমনি মানুষ হিসেবেও সে অনেক পরিণত হয়েছে। এই দক্ষতা ও পরিপক্বতার কারণেই ‘লিম্বো’র চরিত্রের জন্য রাজকে সবচেয়ে যোগ্য মনে করেছেন তিনি। অন্যদিকে, দীর্ঘ চার-পাঁচ বছর পর অংশুর পরিচালনায় কাজের সুযোগ পেয়ে রাজ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি নির্মাতাকে একজন সৃজনশীল ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার নতুন এই ভাবনার অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেন।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভারতের সাড়া জাগানো চলচ্চিত্র ‘লাপাতা লেডিস’ খ্যাত গল্পকার ও চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। এমন একজন গুণী মানুষের চিত্রনাট্যে কাজ করতে পারার বিষয়টিকে অত্যন্ত আনন্দের বলে মনে করছেন রাজ। প্রকাশিত টিজারে দেখা গেছে, এক রহস্যময় নারীর লাল আঁচল উড়ছে এবং তার পেছন থেকে একটি মহাকাশযান পৃথিবী ছেড়ে মহাকাশের দিকে পাড়ি জমাচ্ছে। টিজারের ক্যাপশনে নির্মাতা প্রেম ও বিচ্ছেদের আভাস দিয়ে প্রশ্ন রেখেছেন— এই সীমাহীন যাত্রায় কে তার ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাচ্ছে। মূলত প্রেম, বিচ্ছেদ ও মহাকাশযাত্রার এক রহস্যময় আখ্যান ফুটে উঠবে এই সিনেমায়।
আন্তর্জাতিক মান বজায় রেখে সিনেমাটি নির্মাণের লক্ষ্যে বিশ্বের তিনটি ভিন্ন দেশে এর শুটিং করার পরিকল্পনা হাতে নিয়েছে প্রযোজনা দল। আগামী ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে নির্মাতার। উল্লেখ্য, ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করে প্রশংসা কুড়িয়েছিলেন তানিম রহমান অংশু। দীর্ঘ বিরতির পর ‘লিম্বো’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ফিরে তিনি বাংলাদেশের দর্শকদের সম্পূর্ণ ভিন্নধর্মী একটি জনরার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রত্যাশা করছেন।
বিশ্বসাহিত্যের অন্যতম আলোচিত উপন্যাসের চরিত্র হয়ে এবার আন্তর্জাতিক পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেতা আলি ফজল। ই এম ফস্টারের বিখ্যাত ও কালজয়ী উপন্যাস ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’ অবলম্বনে নির্মিতব্য একটি নতুন সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) যৌথ প্রযোজনায় নির্মিত পাঁচ পর্বের এই সিরিজ আলি ফজলের আন্তর্জাতিক অভিনয় ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।
এই আন্তর্জাতিক সিরিজটির চিত্রনাট্য রচনা এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন এমি পুরস্কারজয়ী প্রখ্যাত নির্মাতা রিচি মেহতা। জানা গেছে, সিরিজটির সম্পূর্ণ শুটিং ভারতে অনুষ্ঠিত হবে। এতে দেশীয় ও আন্তর্জাতিক অভিনয়শিল্পীদের সমন্বয়ে একটি শক্তিশালী কলাকুশলী দল সাজানো হচ্ছে। ১৯২০-এর দশকের ঔপনিবেশিক ভারতের পটভূমিতে নির্মিত এই গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন ভারতীয় চিকিৎসকের ভূমিকায় অর্থাৎ ‘ডক্টর আজিজ’-এর চরিত্রে অভিনয় করবেন আলি ফজল।
সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ডক্টর আজিজকে কেন্দ্র করে, যিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে সাংস্কৃতিক ব্যবধান পেরিয়েও মানুষের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব ও আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা সম্ভব। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত ঘটনা হঠাৎ করেই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় এক দীর্ঘ আইনি লড়াই। এই লড়াইয়ের মধ্য দিয়ে ঔপনিবেশিক সমাজের জাতিগত বিদ্বেষ, ক্ষমতার অপব্যবহার এবং বৈষম্যের নানা অন্ধকার দিক ফুটে উঠতে থাকে, যার সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে পড়ে একাধিক মানুষের জীবন।
আলি ফজলের ক্যারিয়ারে আন্তর্জাতিক প্রযোজনায় কাজ করার অভিজ্ঞতা এটিই প্রথম নয়। এর আগে তিনি ব্রিটিশ চলচ্চিত্র ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া ‘মির্জাপুর’ সিরিজের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের দর্শকদের কাছে তিনি ইতোমধ্যে ব্যাপক পরিচিত ও জনপ্রিয়। এবার ই এম ফস্টারের কালজয়ী উপন্যাসের এই বিশেষ রূপান্তরে প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে নিজের অবস্থানকে আরও সুসংহত করার সুযোগ পাচ্ছেন এই অভিনেতা।
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও বর্তমান সময়ের পরিচিত মুখ সাদিয়া আয়মানকে নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। বেকারত্ব, পারিবারিক ভয় ও হঠাৎ বিয়ের গল্প নিয়ে সাজানো হয়েছে এই নাটকের পটভূমি। নাটকটিতে রাহুলের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং তার প্রেমিকা নিতুর চরিত্রে দেখা যাবে সাদিয়াকে। পারিবারিক টানাপোড়েন ও প্রেমের এক ভিন্নধর্মী গল্প নিয়ে আগামী শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে নাটকটি প্রচারিত হবে।
নাটকের গল্পে দেখা যায়, বেকার ও অকর্মা হওয়ার কারণে রাহুল তার বাবা সালাম সাহেবকে খুব ভয় পায় এবং প্রায়ই তার কাছে বকা খায়। এর মধ্যেই একদিন প্রেমিকা নিতুকে হঠাৎ বিয়ে করে নিয়ে আসে সে। নিতুর জীবনের গল্পটাও বেশ কষ্টের। এক মর্মান্তিক দুর্ঘটনায় নিতুর বাবা-মা মারা যাওয়ার পর সে তার মামার কাছে বড় হয়। মামাতো বোনকে প্রাইভেট পড়াতে গিয়েই রাহুলের সঙ্গে নিতুর পরিচয় ও প্রেম হয়। মামা জোর করে তার এক বন্ধুর ছেলের সঙ্গে নিতুর বিয়ে দিতে চাইলে সে বাসা থেকে পালিয়ে রাহুলের কাছে আসে এবং কাজী অফিসে গিয়ে তারা বিয়ে সম্পন্ন করে।
বিয়ের পর বাবার ভয়ে রাহুল এক অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসে। বাসায় না ঢুকে নতুন বউ নিতুকে দরজার বাইরে রেখে পালিয়ে যায় সে। এদিকে রাত গড়িয়ে বৃষ্টি শুরু হয়। সালাম সাহেব হঠাৎ দেখতে পান, বাসার সামনে বধূর সাজে একটি মেয়ে বৃষ্টিতে ভিজছে। পরিচয় জানতে চাইলে মেয়েটি নিজেকে রাহুলের বউ হিসেবে পরিচয় দেয়। এমন কথা শুনে সালাম সাহেব রেগে গিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দেন।
বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে একপর্যায়ে নিতু অসুস্থ হয়ে পড়ে। তার এই অসহায় অবস্থা দেখে সালাম সাহেব আর চুপ থাকতে পারেন না। তিনি উপায় না দেখে নিতুকে বাসায় নিয়ে যান এবং পরম মমতায় তার সেবা-যত্ন করেন। শেষ পর্যন্ত নিতুকে নিজের ছেলের বউ হিসেবে মেনেও নেন তিনি। তবে বেকার ছেলে রাহুলের জন্য তিনি একটি কঠোর শর্ত জুড়ে দেন। জানিয়ে দেন, যতদিন রাহুল কোনো চাকরি না পাবে, ততদিন তার জন্য এই বাড়ির দরজা বন্ধ থাকবে।
চমৎকার এই গল্পটি লিখেছেন ও পরিচালনা করেছেন নির্মাতা মাসরিকুল আলম। অপূর্ব ও সাদিয়া আয়মান ছাড়াও নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সাবেরী আলম প্রমুখ। আবেগ, সংসার ও বেকার যুবকদের বাস্তব জীবনের এক চিত্র নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন শিল্পীরা, যা দর্শকদের দারুণভাবে বিনোদিত করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।