সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিককে ব্ল্যাকমেইল করে ৫ মিলিয়ন ডলার নেওয়ার উদ্দেশ্য ছিল মেঘনার

ছবি: সংগৃহীত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫ ১৮:৩৩

আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার একমাত্র সম্পর্ক, আর কারও সঙ্গে না। সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়। গতকাল বৃহস্পতিবার আদালতকে এসব কথা বলেন গ্রেপ্তার মডেল মেঘনা আলম।

এর আগে বিদেশি কূটনীতিককে ব্ল্যাকমেইল করে পাঁচ মিলিয়ন ডলার অর্থ দাবি করেছেন বলে মডেল মেঘনা আলমের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি মডেল থানায় প্রতারণার এ মামলায় অভিযোগে করা হয়েছে। তবে মামলার এজাহারে ওই কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি।

গত ১৫ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম বাদী হয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মেঘনা আলম ও তার পরিচিত সমিরসহ অজ্ঞাতনামা দুই-তিনজনের বিরুদ্ধে এ মামলাটি করেন। এই মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলায় মেঘনার সহযোগী সানজানা ইন্টারন্যাশনাল নামে একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক মো. দেওয়ান সমিরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

গতকাল সকালে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানিতে বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূতসহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন। সবশেষ সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ফাঁসানোর চেষ্টা করেন। এবং তার কাছ থেকে ৫ মিলিয়ন ডলার দাবি করেন বলে অভিযোগ রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ২৯ মার্চ ধানমন্ডির একটি রেস্তোরাঁয় একটি গোপন বৈঠক হয়। বৈঠকে মেঘনা, সমিরসহ কয়েক ব্যক্তি অংশ নেন। বৈঠকে কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি ও আদায়ের সিদ্ধান্ত হয়। এই গোপন বৈঠকের উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা। আসামিদের এই কার্যক্রমের কারণে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা পেনাল কোডের ৪২০, ৩৮৫ ও ১০৯ ধারার অপরাধ।

আদালতে শুনানির সময় মেঘনা আলমকে মেঘলা আলম নামে সম্বোধন করার এক পর্যায়ে আসামি তার নাম ঠিকভাবে উচ্চারণ করার জন্য বলেন, আমার নাম মেঘনা আলম, মেঘলা নয়।

এ সময় বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা জানতে চান। মেঘনা আলম আদালতকে বলেন, আমাদের কোনো আইনজীবী নেই। এরপর তিনি কথা বলতে অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, আমার নাম মেঘনা, মেঘলা নয়। সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন যে কেউ চাইলে কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? আপনারা কি তার কাছে যেতে পারবেন?

এ পর্যায়ে বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলা সম্পর্কে কিছু বলার আছে কিনা জানতে চান। তখন মেঘনা বলেন, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। বিষয়টি হলো সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার একমাত্র সম্পর্ক, আর কারও সঙ্গে না। সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়। ঈসা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য না। এ বিষয়ে আমি ঈসার সঙ্গে কথা বলি। তাকে এসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলি। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলি। এরপরেই পুলিশ আমাকে গ্রেপ্তার করে।

এদিকে মেঘনার সহযোগী দেওয়ান সমির আদালতকে বলেন, আমাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হচ্ছে। এটা ভুল তথ্য, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সাধারণ একজন মানুষ। দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমি একজন রেমিট্যান্স যোদ্ধা। আমি মামলার এসব ঘটনার কিছুই জানি না।

এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের দুজনকে গ্রেপ্তার দেখান। একই সঙ্গে দেওয়ান সমিরের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া গত ১১ এপ্রিল ভাটারা থানায় করা আরেকটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হন মেঘনার পরিচিত এই ব্যবসায়ী সমির। এই মামলায় ১২ এপ্রিল পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

এদিকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে মেঘনা আলম বলেন, ‘একমাত্র ঈসার সঙ্গে আমার সম্পর্ক, আর কারও সঙ্গে সম্পর্ক নেই। আমি ন্যায়বিচার পাচ্ছি না।’ এ সময় পুলিশ সদস্যরা তাকে ঘিরে ধরেন।

এর আগে, গত ৯ এপ্রিল রাতে মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন বৃহস্পতিবার রাতে আদালত মেঘনাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার (ডিটেনশন) আদেশ দেন।

অপরাধে জড়িত থাকলে মামলা দিয়ে গ্রেপ্তার না করে ও সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনার আটকের ঘটনায় শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

এমন প্রেক্ষাপটে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়।


নির্বাচিত

‘মবল্যান্ড’ তৃতীয় সিজনের শুটিং শুরু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

প্যারামাউন্ট এর ক্রাইম ড্রামা সিরিজ ‘মবল্যান্ড’-এর তৃতীয় সিজনের শুটিং এ সপ্তাহে শুরু হয়েছে। সিরিজে ফিক্সার হ্যারি ডা সুজার চরিত্রে অভিনয় করা টম হার্ডি আনুষ্ঠানিকভাবে আবারও সেটে ফিরেছেন। হ্যারিগান ক্রাইম পরিবারের প্রধান ম্যাভ ও কনরাডের চরিত্রে হার্ডির সহ-অভিনেতা হেলেন মিরেন ও পিয়ার্স ব্রসনানও তৃতীয় সিজনে থাকছেন।

এ বছরের শুরুর দিকে গুঞ্জন ছড়িয়েছিল, প্রযোজক ডেভিড গ্লাসার ও লেখক জেজ বাটারওয়ার্থের সঙ্গে ‘সৃজনশীল মতভেদের’ কারণে হার্ডিকে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগ ছিল, তিনি শুটিংয়ে দেরি করে আসছেন এবং চিত্রনাট্যে পরিবর্তনের দাবি জানিয়েছেন। তবে ভ্যারাইটির তখনকার প্রতিবেদন অনুযায়ী, হার্ডিকে বাদ দেওয়ার খবর ছিল অকালপক্ক। গাই রিচি ও প্যারামাউন্ট+ ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ খ্যাত এই অভিনেতাকে ধরে রাখতে আগ্রহী ছিল। পরবর্তী সময়ে তিন পক্ষ মতভেদ মিটিয়ে নেয় এবং চলতি বছরের শেষে তৃতীয় সিজনের শুটিং শুরুর পরিকল্পনা ছিল, যা এখন বাস্তবে রূপ নিয়েছে।

সিরিজের অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন প্যাডি কনসিডাইন, জোয়ান্না ফ্রগ্যাট, লারা পালভার, অ্যানসন বুন, মানদীপ ধিলন, জেসমিন জবসন, টেডি অ্যালেন, এমেট জে স্ক্যানলান, জনি ফ্লিন, ওফেলিয়া লাভিবন্ড, জ্যানেট ম্যাকটির ও টবি জোন্স। নির্বাহী প্রযোজকদের মধ্যে আছেন গ্লাসার, গাই রিচি, জেজ বাটারওয়ার্থ, টম হার্ডি, ইভান অ্যাটকিনসন, ডিন বেকার, রন বার্কল, ডেভিড হাটকিন, বব ইয়ারি ও কিথ কক্স।

সেপ্টেম্বরে শুরু হওয়া দ্বিতীয় সিজনের দশম ও শেষ পর্ব আজ প্রকাশিত হয়েছে। হেলেন মিরেন এই সিজনকে আগের চেয়ে ‘আরও পাগলাটে ও আরও খারাপ’ বলে বর্ণনা করেছিলেন। লন্ডনে দ্বিতীয় সিজনের প্রিমিয়ারে হার্ডি, গ্লাসার, রিচি, মিরেন ও ব্রসনান একসঙ্গে উপস্থিত ছিলেন এবং ক্যামেরার সামনে সবাই সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন।

মঞ্চে অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় গ্লাসার হার্ডিকে ‘আমাদের জাহাজের ক্যাপ্টেন’ বলে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, হার্ডি একেবারে শেষ পর্যন্ত সিরিজের সঙ্গে ছিলেন।


নির্বাচিত

মনস্টার থ্রিলার ‘কালিয়া’ নিয়ে আসছেন কার্তিক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

জন্মদিনে ভক্তদের নতুন সিনেমার খবর দিয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। রবিবার (২২ নভেম্বর) তাঁর জন্মদিন উপলক্ষে পরবর্তী ছবি ‘কালিয়া’র ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনস। এটি একটি মনস্টার থ্রিলার, যেখানে কার্তিককে দেখা যাবে ভিন্নধর্মী চরিত্রে। ছবিটি ২০২৮ সালের ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জন্মদিন উপলক্ষে ছবিটির প্রথম ঝলকও প্রকাশ করেছেন নির্মাতারা। প্রকাশিত ভিডিওতে এক মাকে তাঁর ছেলেকে কালিয়া নামের এক রাক্ষসের গল্প বলতে দেখা যায়। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় নির্মাতারা লিখেছেন, শ্রীকৃষ্ণ একে দূর করে দিয়েছিলেন, কিন্তু মানুষেরাই একে ফিরিয়ে এনেছে।

ধর্মা প্রোডাকশনস ও ডোপামিন স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। প্রযোজকদের মধ্যে রয়েছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, সোমেন মিশ্র, মারিজকে ডি’সুজা ও কার্তিক আরিয়ান। ছবিটি পরিচালনা করছেন সন্দীপ মোদী।

হিন্দি সিনেমায় মনস্টার থ্রিলার ঘরানার কাজ তুলনামূলকভাবে কম। ‘কালিয়া’র মাধ্যমে সেই ঘরানায় নতুন কিছু তুলে ধরতে চায় নির্মাতা প্রতিষ্ঠান। সন্দীপ মোদী এর আগে ‘দ্য নাইট ম্যানেজার’ ও ‘আরিয়া’র মতো প্রশংসিত সিরিজ পরিচালনা করেছেন। ‘কালিয়া’ তাঁর পরিচালনায় প্রথম হিন্দি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সিনেমা।

এদিকে কার্তিকের হাতে রয়েছে ধর্মা প্রোডাকশনসের আরেকটি ছবি ‘নাগজিলা’। ফ্যান্টাসি ঘরানার এ ছবিতে ভারতীয় লোককথার সঙ্গে আধুনিক গল্পের মিশ্রণ থাকছে। এতে রূপ পরিবর্তনকারী এক নাগের চরিত্রে দেখা যাবে কার্তিককে।


নির্বাচিত

লস অ্যাঞ্জেলেসে সেরা অভিনেত্রী নাজিফা তুষি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

‘রইদ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ডে এই স্বীকৃতি অর্জনের খবর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন। পুরস্কার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ছবিটির পুরো দলের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।

পোস্টে তুষি লিখেছেন, ২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসরে ‘রইদ’-এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে স্নো লেপার্ড অ্যাওয়ার্ড পেয়ে তিনি ভীষণ সম্মানিত ও আনন্দিত। তাঁর ভাষ্য অনুযায়ী, এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই পুরো দল উচ্ছ্বসিত ছিল। এশিয়ার সেরা ও সবচেয়ে অকৃত্রিম গল্পগুলোকে হলিউডে এবং বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার মঞ্চের অংশ হতে পেরে তাঁদের মনে হয়েছে, তাঁরা শুধু উপস্থিত ছিলেন না, বাংলাদেশের সেরা কাজটিই তুলে ধরেছেন।

কৃতজ্ঞতা জানাতে গিয়ে তুষি সবার আগে মহান আল্লাহর প্রতি ধন্যবাদ জানান। এরপর সব সময় সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থাকার জন্য পরিবারের প্রতি এবং পথচলায় ভালোবাসা, দোয়া ও সমর্থন দেওয়ার জন্য সব ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টের শেষে তিনি বলেন, এই জয় ‘রইদ’-এর পুরো দলেরও। ছবিটি নির্মাণ ও বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত কলাকুশলীসহ সবার অবদান রয়েছে এতে।

এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিয়েছিল ‘রইদ’। অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একসঙ্গে তিনটি পুরস্কার জিতেছিল সিনেমাটি। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মিউজিকের জন্য পুরস্কৃত হয়েছিল ‘রইদ’।

‘রইদ’-এ অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে সিনেমাটি ভালো ব্যবসাও করেছে।


নির্বাচিত

'হোম অ্যালোন' সিকুয়েলে ফিরছেন কালকিন

ছবি: সংগৃহীত
আপডেটেড ২২ নভেম্বর, ২০২৬ ১৮:১৫
বিনোদন ডেস্ক

নব্বইয়ের দশকের কালজয়ী কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’-এর নতুন সিকুয়েল নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে ডিজনি। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ ও ১৯৯২ সালের মূল দুই সিনেমার কেভিন চরিত্রে আবারও দেখা যাবে ম্যাকলে কালকিনকে। সিকুয়েলের গল্পটিও তাঁর নিজের।

কালকিনের প্রস্তাবিত গল্পে বড় হয়ে কেভিনের জীবন কোন পথে গড়িয়েছে, সেটিই উঠে আসবে। বাস্তবজীবনে নিজে বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে তিনি গল্পটি সাজিয়েছেন একজন বাবার দৃষ্টিকোণ থেকে। এতে কেভিন একজন বিপত্নীক বা বিবাহবিচ্ছিন্ন বাবা, যিনি একাই সন্তানকে বড় করছেন। একপর্যায়ে কেভিন নিজের বাড়ির বাইরে আটকে পড়বেন, আর তাঁকে ঢুকতে না দিতে ভেতর থেকে একের পর এক ফাঁদ পাতবে তাঁর ছেলে। অর্থাৎ মূল সিনেমার গল্প এবার পুরোপুরি উল্টে যাবে।

মূল সিনেমায় বড়দিনের ছুটিতে পরিবারের সবাই প্যারিসে যাওয়ার সময় ভুলে ছোট্ট কেভিনকে বাড়িতে ফেলে যায়। ফাঁকা বাড়িতে ঢুকে পড়া দুই চোরকে সে বুদ্ধিদীপ্ত ও মজার সব ফাঁদে ফেলে নাস্তানাবুদ করে। জন হিউজের চিত্রনাট্য ও ক্রিস কলম্বাসের পরিচালনায় ১৯৯০ সালে মুক্তি পায় প্রথম ‘হোম অ্যালোন’। মাত্র ৯ বছর বয়সে কেভিন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তারকাখ্যাতি পান কালকিন। ১৯৯২ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’। প্রথম দুটি সিনেমা বিশ্বজুড়ে ৮৩ কোটি ডলারের বেশি আয় করেছিল।

এরপর কালকিনকে ছাড়াই ফ্র্যাঞ্চাইজিটির আরও কয়েকটি কিস্তি নির্মিত হয়। এর মধ্যে রয়েছে ১৯৯৭ সালের ‘হোম অ্যালোন ৩’, ২০০২ সালের ‘হোম অ্যালোন ৪’, ২০১২ সালের ‘হোম অ্যালোন: দ্য হলিডে হেইস্ট’ এবং ২০২১ সালের ‘হোম সুইট হোম অ্যালোন’। তবে প্রথম দুই সিনেমার মতো জনপ্রিয়তা আর কোনোটিই পায়নি। দীর্ঘ বিরতির পর কালকিনের প্রত্যাবর্তন ঘিরে ‘হোম অ্যালোন’-এর ভক্তদের মধ্যে আবারও উচ্ছ্বাস দেখা যাচ্ছে।


নির্বাচিত

জিটিএ ৬-এ বাজছে ৪৪ বছর আগের বাংলা গান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাকে জায়গা করে নিয়েছে ৪৪ বছর আগের একটি বাংলা গান। ১৯৮২ সালে প্রকাশিত কলকাতার গায়িকা রূপা বিশ্বাসের ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামের ‘আজ শনিবার’ গানটি গেমের কাল্পনিক শহর লিওনিডার রাস্তায় গাড়ি চালানোর সময় ইন-গেম রেডিও স্টেশনে শোনা যাচ্ছে। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর ১৯ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গেমটি। মুক্তির প্রথম দিনেই প্রি-অর্ডারসহ ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েছে এটি।

বাংলা ও হিন্দি কথার মিশেলে তৈরি এই গানে ডিস্কো, ফাঙ্ক ও ভারতীয় ধ্রুপদি সুরের মেলবন্ধন ঘটিয়েছিলেন সরোদবাদক ওস্তাদ আশীষ খান। অ্যালবামটির জন্ম ১৯৮১ সালে কানাডায়। কলকাতার রবীন্দ্রভারতী থেকে সংগীতে স্নাতকোত্তর শেষ করে পরিবারের সঙ্গে কানাডাপ্রবাসী বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রূপা। সেখানে ঘরোয়া আসরে তাঁর গান শুনে মুগ্ধ হন বড় ভাইয়ের বন্ধুরা। আকাশবাণীর শিল্পী হিসেবে ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে তাঁর একক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর দুই নাতি আশীষ খান ও প্রণেশ খান। তাঁরা রূপার সঙ্গে মিলে ডিস্কো, জ্যাজ ও ভারতীয় ধ্রুপদি সংগীতের মিশেলে একটি নিরীক্ষাধর্মী অ্যালবাম তৈরির প্রস্তাব দেন, যার ফলে ১৯৮২ সালে মুক্তি পায় ‘ডিস্কো জ্যাজ’।

তবে ভারতে মুক্তির সময় অ্যালবামটি তেমন সাড়া ফেলতে পারেনি। তখন নাজিয়া হাসানের ‘ডিস্কো দিওয়ানে’ ও বলিউডের ডিস্কো গানের জয়জয়কার ছিল। হাতে গোনা কয়েকটি কপি বিক্রি হওয়ায় হতাশ হয়ে সংগীতজগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন রূপা। ১৯৮৪ সালে বিয়ের পর তিনি ইন্দোনেশিয়ায় চলে যান এবং ২০১০ সালে স্বামীর মৃত্যুর পর গান গাওয়া পুরোপুরি ছেড়ে দেন।

গানটির নতুন যাত্রা শুরু ২০১২ সালে, যখন কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘মিস লাভলি’ সিনেমায় এটি ব্যবহৃত হয়। একই বছর কলকাতা থেকে অ্যালবামটি সংগ্রহ করে জার্মানির হামবুর্গের এক বিক্রেতা অনলাইনে বিক্রির জন্য তোলেন। সেখান থেকে গানটি নিয়ে সুইডিশ ডিজে অ্যালবিয়ন ভেনাবলস নিজের কনসার্টে বাজাতে শুরু করেন। পরের বছর জার্মান মিউজিক লেবেল অভুলা গানটির একটি বুটলেগ সংস্করণ প্রকাশ করে। ২০১৯ সালে শিকাগোর আর্কাইভাল লেবেল নুমেরো গ্রুপ অ্যালবামটি নতুন করে প্রকাশ করলে তরুণ প্রজন্মের কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে। ২০২০ সালে ফ্যাশন ব্র্যান্ড লোয়েভের বিজ্ঞাপনে এবং ২০২১ সালে নেটফ্লিক্সের ‘কাউবয় বিবপ’ সিরিজেও গানটি ব্যবহৃত হয়।

নিজের গানের এই আন্তর্জাতিক জনপ্রিয়তার খবর রূপা বিশ্বাস দীর্ঘদিন জানতেন না। ২০১৯ সালে পুরোনো রেকর্ডটি খুঁজে পেয়ে তাঁর ছেলে দেবায়ন অনলাইনে ঘেঁটে মায়ের এই জনপ্রিয়তা আবিষ্কার করেন। তিনি দেখেন, আন্তর্জাতিক সংগীত সমালোচকেরা রূপাকে ‘লুকানো রত্ন’ ও ‘ভারতীয় ডিস্কোর অমূল্য সম্পদ’ হিসেবে প্রশংসা করছেন। জিটিএ ৬-এ গানটি বাজার বিষয়ে ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করে রূপা লিখেছেন, এটি তাঁর জন্য অত্যন্ত সৌভাগ্যের।


নির্বাচিত

নতুন পরিচয়ে আত্মপ্রকাশ বুবলীর

শবনম বুবলী
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

প্রযোজক হিসেবে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রথম কাজ ‘ঠিকানা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জায়গা করে নিয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিগ প্রোডাকশন নামে প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়ে তিনি জানিয়েছিলেন, এ প্রতিষ্ঠান থেকে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য ও মিউজিক ভিডিও নির্মিত হবে। দেড় বছরের বেশি সময় ধরে কার্যক্রম ঘোষণাতেই আটকে থাকার পর অবশেষে গতকাল নিজের জন্মদিনে প্রতিষ্ঠানটির প্রথম কাজের খবর প্রকাশ করলেন বুবলী। বিশেষ এ দিনে সবাইকে বিগ প্রোডাকশনের পাশে থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ পরিচালনা করেছেন মুরসালিন সরকার এবং এর চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে প্যানোরামা ট্যালেন্ট বিভাগে স্থান করে নিয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

এদিকে অনেক দিন ধরেই অভিনয়ে দেখা মিলছে না শবনম বুবলীর। গত ১১ মে কন্যাসন্তানের মা হওয়ার পর বর্তমানে তিনি মাতৃত্বকালীন বিরতিতে রয়েছেন; তবে এই বিরতি কাটিয়ে শিগগির কাজে ফেরার কথা রয়েছে তাঁর।

বিষয়:

নির্বাচিত

জয়পুরহাটের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আসছে এবারের  ‘ইত্যাদি’

ছবি: সংগৃহীত
আপডেটেড ২১ নভেম্বর, ২০২৬ ১৬:৪৮
বিনোদন ডেস্ক

জয়পুরহাটের কালাই উপজেলার ৩০০ বছরের বেশি পুরোনো ঐতিহ্যবাহী নান্দাইল দিঘির পাড়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি ধারণ করা হয়। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবং ফাগুন অডিও ভিশনের নির্মাণে পর্বটি আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।

এবারের আয়োজনে থাকছে তিনটি বিশেষ গান। এর মধ্যে জয়পুরহাটের সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের জনপ্রিয় তিনটি গানের সংকলন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি। এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে থাকছে বিশেষ নৃত্যগীত।

অনুষ্ঠানে জয়পুরহাটের ঐতিহ্যবাহী লতিরাজ কচু ও সোনালি মুরগি নিয়ে নাট্যাংশের পাশাপাশি জেলার কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন থাকছে। আরও তুলে ধরা হবে বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম এবং ছাই দিয়ে প্রতিকৃতি আঁকা স্থানীয় শিল্পী প্রসেনজিৎ বর্মনের কাজ। এ ছাড়া যশোরের এক ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ীর মানবিক কর্মকাণ্ড নিয়েও থাকছে বিশেষ প্রতিবেদন।

নিয়মিত আয়োজনের পাশাপাশি এবারের পর্বে সামাজিক অসংগতি, অনলাইন প্রতারণা, সেলফি সংস্কৃতি, কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল ট্রল ও সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক নাট্যাংশ। এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন পর্যায়ের পরিচিত অভিনয়শিল্পীরা।

বিষয়:

নির্বাচিত

নতুন রূপে পর্দায় ফিরছে ষাটের দশকের সিরিজ ‘দ্য প্রিজনার’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ষাটের দশকের সাড়াজাগানো ব্রিটিশ টিভি সিরিজ ‘দ্য প্রিজনার’ এবার আধুনিক রূপে পর্দায় ফিরতে যাচ্ছে। জনপ্রিয় এ সিরিজটির স্বত্ব কিনে নিয়েছে আমাজন স্টুডিওস; দীর্ঘদিন ধরে হলিউডে এটি নিয়ে সিনেমা নির্মাণের চেষ্টা চললেও শেষ পর্যন্ত সিরিজ হিসেবেই ফিরছে গল্পটি। আমাজনের অগ্রাধিকার তালিকায় থাকা নতুন এই সংস্করণের নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন অ্যাংরি ফিল্মসের সুজান মন্টফোর্ড ও ডন মারফি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন গল্প সাজানোর লক্ষ্যে ইতিমধ্যে সিরিজটির জন্য শোরানার খোঁজা শুরু হয়েছে।

১৯৬৭-৬৮ সালে প্রচারিত ১৭ পর্বের ও মাত্র এক সিজনের মূল দ্য প্রিজনার ছিল স্নায়ুযুদ্ধের অস্থিরতা ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের পটভূমিতে নির্মিত সায়েন্স ফিকশন, স্পাই-থ্রিলার এবং সাইকোলজিক্যাল ড্রামার এক অনন্য মিশ্রণ; এর নির্মাতা ও মূল অভিনেতা ছিলেন প্যাট্রিক ম্যাকগুহান। গল্পের শুরুতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে হঠাৎ পদত্যাগ করেন এবং এরপর তাঁকে অপহরণ করে পাহাড় ও সমুদ্রে ঘেরা দ্য ভিলেজ নামের এক রহস্যময় এলাকায় আটকে রাখা হয়। সেখানে তাঁর আসল নাম কেড়ে নিয়ে নতুন পরিচিতি দেওয়া হয় নাম্বার সিক্স হিসেবে; কারণ ওই জায়গার সব বাসিন্দাকে নামের পরিবর্তে সংখ্যা দিয়ে চেনা হতো এবং তাঁদের মধ্যে কারা বন্দী আর কারা প্রহরী, তা বোঝার কোনো উপায় ছিল না।

এলাকাটির ভেতরে বাসিন্দারা অবাধে চলাফেরা করতে পারলেও সর্বক্ষণ উচ্চ প্রযুক্তির নজরদারির আওতায় থাকতেন; কেউ পালানোর চেষ্টা করলে একটি স্বয়ংক্রিয় যন্ত্র তাঁকে ধরে আনত কিংবা হত্যা করত। নাম্বার সিক্স সেখানকার নিয়মের কাছে নতি স্বীকার না করে বারবার পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলেও সিরিজের শেষ দিকে তাঁর কর্মকাণ্ডে ভীত হয়ে প্রশাসন এমন চরম পদক্ষেপ নেয়, যাতে পুরো এলাকার অস্তিত্বই হুমকির মুখে পড়ে। মূলত ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ও সমষ্টিবাদের মধ্যকার দ্বন্দ্ব এবং এর ভারসাম্য তুলে ধরাই ছিল সিরিজটির মূল উপজীব্য।

অভিনব নির্মাণশৈলী ও রহস্যময় সমাপ্তির কারণে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করা এই সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে নির্মিত হয়েছে ‘টুইন পিকস’, ‘এক্স-ফাইলস’ ও ‘লস্ট’-এর মতো সিরিজ। ক্রিস্টোফার নোলান, রিডলি স্কট ও সাইমন ওয়েস্টের মতো খ্যাতিমান নির্মাতারাও বিভিন্ন সময়ে এটি অবলম্বনে সিনেমা বানানোর উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। এর আগে ২০০৯ সালে জিম ক্যাভিজেল ও ইয়ান ম্যাককেলেনকে নিয়ে এএমসি চ্যানেল দ্য প্রিজনার অবলম্বনে ছয় পর্বের একটি মিনি সিরিজ নির্মাণ করেছিল, তবে সেটি দর্শক মহলে তেমন সাড়া ফেলতে পারেনি। এখন আমাজনের এই আধুনিক রূপান্তর ষাটের দশকের সেই আবেদন ফিরিয়ে আনতে পারে কি না, সেটিই দেখার বিষয়।

বিষয়:

নির্বাচিত

শাহরুখ খানের সঙ্গে বক্স অফিসে সংঘাতে যেতে চান না সালমান খান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তির তারিখ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলিউড অভিনেতা সালমান খান জানিয়েছেন, বক্স অফিসে শাহরুখ খানের সঙ্গে কোনোভাবেই সংঘাতে যেতে চান না তিনি। অ্যাভেঞ্জার্স কিংবা ডিউনের মতো বড় সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় আপত্তি না থাকলেও শাহরুখের সিনেমার সঙ্গে মুক্তির লড়াইয়ে নামতে নারাজ তিনি। এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান জানান, শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এর সঙ্গে সংঘাত এড়াতেই আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে ‘মাতৃভূমি’ মুক্তির তারিখ ঠিক করা হয়েছে; ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।

সাক্ষাৎকারে সালমান বলেন, ‘অ্যাভেঞ্জার্স কিংবা ডিউনের সঙ্গে যেকোনো সময় লড়তে রাজি আছি। কিন্তু শাহরুখ ও তাঁর মেয়ে সুহানার সঙ্গে কোনোভাবেই সংঘাতে যেতে চাই না।’ উল্লেখ্য, শাহরুখ খানের ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি ২৬ জানুয়ারিও ‘মাতৃভূমি’ মুক্তির পরিকল্পনা করেছিলেন সালমান; তবে ওই সময়ে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির কথা থাকায় সেই পরিকল্পনা থেকেও সরে আসেন তিনি, যে ছবিটিতে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল।

অন্যদিকে, শ্রদ্ধা কাপুরের ‘ইথা’র সঙ্গে একই দিনে ‘মাতৃভূমি’ মুক্তি পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সালমান। তিনি জানান, মুক্তির তারিখ ঘোষণার সময় শ্রদ্ধার সিনেমাটির কথা তাঁর জানা ছিল না; পরে শ্রদ্ধাকে ফোন করে দুঃখ প্রকাশও করেন তিনি, যার জবাবে শ্রদ্ধা জানান যে ভালো দুটি সিনেমার জন্য দর্শকের জায়গা রয়েছে। প্রসঙ্গত, অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ ২০২০ সালে ভারত ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত; এতে সালমান ও চিত্রাঙ্গদা সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অনুপ বিক্রম শাহি ও প্রশান্ত তামাং।

বিষয়:

নির্বাচিত

কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

‘রাজনৈতিক পরিস্থিতি’র কারণ দেখিয়ে পরপর দুই বছর বাংলাদেশের চলচ্চিত্র এবং উৎসবের বিভিন্ন সেশন ও কর্মশালায় বাংলাদেশের অতিথিদের বাদ দেওয়ার পর এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে দেখা যাবে বাংলাদেশের সিনেমা। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, যা এই বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা ভাষার চলচ্চিত্র।

তবে এবারের আসরে বাংলাদেশের সিনেমা নির্বাচিত হলেও তালিকা থেকে এড়িয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের নাম; দ্য ডিফিকাল্ট ব্রাইডকে তালিকাভুক্ত করা হয়েছে ফ্রান্সের সিনেমা হিসেবে। রুবাইয়াত হোসেনের সঙ্গে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের কয়েকজন প্রযোজক যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন এবং সেই সূত্র ধরেই এটিকে ফ্রান্সের চলচ্চিত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দ্য ডিফিকাল্ট ব্রাইডসহ ভারত, জর্জিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের ১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে।

এর আগে বেশ কয়েক বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিয়েছিল বাংলাদেশ; ২০২১ সালে এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার জিতেছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’, ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ২০২৩ সালেও বাংলাদেশের তিনটি সিনেমা সেখানে প্রদর্শিত হয়েছিল। তবে ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই উৎসবের তালিকায় বাংলাদেশের কোনো সিনেমা রাখা হয়নি; সে সময় উৎসবের তৎকালীন চেয়ারম্যান গৌতম ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রাজনৈতিক পরিস্থিতি ও ভিসা জটিলতার কারণে বাংলাদেশকে উপেক্ষা করা হয়েছে।

কলকাতা উৎসবে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা রুবাইয়াত হোসেন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘কলকাতা আমার হৃদয়ের খুব কাছের। ১৯৪৭ সালের দেশভাগে সেখানে আমরা দাদার বাড়ি হারিয়েছি। এ ছাড়া আমাদের সুফি তরিকার সাধকেরাও এই শহরের। তাই ছোটবেলা থেকে শহরটি আমার কাছে পবিত্র। আমার চলচ্চিত্রের গুরু সত্যজিৎ রায়ের শহরে সিনেমাটির ভারতীয় প্রিমিয়ার হওয়ায় আমি অত্যন্ত সম্মানিত। বাংলাভাষী দর্শকেরা এটি দেখবেন ভেবে ভালো লাগছে।’ এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার হওয়া দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমায় অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

বিষয়:

নির্বাচিত

ক্ষমতার রাজনীতি ও ভয়াবহ লড়াইয়ের গল্প নিয়ে মুক্তি পাচ্ছে নতুন ‘হাঙ্গার গেমস’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির গল্পে আবারও ফিরে আসছে প্যানেমের সেই নিষ্ঠুর দুনিয়া। তবে এবার গল্পের কেন্দ্রে ক্যাটনিস এভারডিন নয়, বরং দর্শক দেখতে পাবেন তরুণ হেমিচ অ্যাবারনেথির জীবন বাঁচানোর এক রুদ্ধশ্বাস লড়াই। ৫০তম হাঙ্গার গেমসের ভয়াবহ অভিজ্ঞতা, ক্ষমতার নিষ্ঠুর রাজনীতি এবং এক তরুণের টিকে থাকার সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে ফ্র্যাঞ্চাইজির নতুন প্রিকুয়েল ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। ফ্রান্সিস লরেন্সের পরিচালনায় ডিস্টোপিয়ান জগতের টানটান উত্তেজনায় ঘেরা এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সুজান কলিন্সের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন বিলি রে ও মাইকেল লেসলি। সিনেমার কাহিনির পটভূমিতে রয়েছে ৫০তম হাঙ্গার গেমস, যা প্যানেমের ইতিহাসে ‘সেকেন্ড কোয়ার্টার কোয়েল’ নামে পরিচিত। নিয়ম অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় প্রতিটি জেলা থেকে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণসংখ্যক প্রতিযোগীকে লড়াইয়ে নামতে হয়। ফলে ১২টি জেলা থেকে মোট ৪৮ জন তরুণ-তরুণীকে এই মরণমঞ্চে পাঠানো হয়, যেখান থেকে কেবল একজনই বিজয়ী হয়ে ফিরতে পারবেন। এই ভয়ংকর গেমসে ডিস্ট্রিক্ট ১২-এর ১৬ বছর বয়সী তরুণ হেমিচের সঙ্গে পরিচয় হয় মেসিলি ডোনারের এবং তাদের মধ্যে গড়ে ওঠে এক অপ্রত্যাশিত বন্ধুত্ব ও জোট।

প্রতিযোগিতার পাশাপাশি এই সিনেমায় ক্যাপিটলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা এবং প্রেসিডেন্ট স্নোর কঠোর শাসন ও নজরদারির নির্মম চিত্রও ফুটে উঠবে। হেমিচ শুধু বেঁচে থাকার জন্যই লড়ে না, বরং গেমসের নিয়ন্ত্রণ ভাঙার অসীম ঝুঁকিও নেয়। এবারের সিনেমায় তরুণ হেমিচের চরিত্রে অভিনয় করেছেন জোসেফ জাডা এবং মেসিলি ডোনার চরিত্রে দেখা যাবে ম্যাকেনা গ্রেসকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জেসি প্লিমন্স (প্লুটার্ক হেভেনসবি), রালফ ফাইনেস (প্রেসিডেন্ট স্নো), এলি ফ্যানিং (এফি ট্রিনকেট), কিয়েরান কালকিন (সিজার ফ্লিকারম্যান) ও গ্লেন ক্লোজ (ড্রুসিলা সিসল)। পাশাপাশি মায়া হক, হুইটনি পিক ও কেলভিন হ্যারিসন জুনিয়রের মতো অভিনয়শিল্পীরাও এতে যুক্ত হয়েছেন।

নতুন চরিত্রের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির পুরোনো দর্শকদের জন্য এই সিনেমায় থাকছে বিশেষ চমক। নতুন ও পুরোনো গল্পের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে ক্যাটনিস এভারডিন ও পিটা মেলার্কের চরিত্রে আবারও পর্দায় হাজির হবেন জেনিফার লরেন্স ও জশ হাচারসন। সেই সঙ্গে বয়স্ক হেমিচের পরিচিত রূপে ফিরবেন অভিনেতা উডি হ্যারেলসনও। মূলত গল্পের শেষাংশের সময়ের সংযোগ ঘটাতেই তাদের এই উপস্থিতি রাখা হয়েছে, যা দর্শকদের জন্য একটি নস্টালজিক অভিজ্ঞতা তৈরি করবে।

‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের আগের সিনেমাগুলোতে হেমিচ অ্যাবারনেথিকে একজন অভিজ্ঞ, তিক্ত, মদ্যপ ও হতাশাগ্রস্ত মানুষ হিসেবেই দেখে এসেছেন দর্শকরা। ক্যাটনিস ও পিটারকে গেমসের কৌশল শেখানোর সময় তার আচরণে জীবনের প্রতি এক ধরনের অনীহা প্রকাশ পেয়েছিল। নতুন এই প্রিকুয়েলের মাধ্যমে দর্শকরা জানতে পারবেন তার এমন হয়ে ওঠার নেপথ্যের বেদনাদায়ক কাহিনি। কৈশোরের ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং বেঁচে থাকার অমানবিক লড়াই কীভাবে তাকে পরিবর্তন করেছিল, তা ঘিরেই উন্মোচিত হবে চেনা চরিত্র হেমিচের অজানা অতীত।


নির্বাচিত

ছদ্মবেশীর অসম লড়াই নিয়ে বড় পর্দায় আসছে ‘ওম চ্যাপ্টার ১’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

তিরুপতি ও তিরুবন্নামালাইয়ের মধ্যবর্তী গভীর অরণ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা লাল চন্দন কাঠের এক বিশাল আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ওম চ্যাপ্টার ১: উধিরাম- দ্য ব্লাড উড’। কাহিনিতে দেখা যাবে, এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করে সিন্ডিকেটটি ভেতর থেকে ধ্বংস করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বিশেষ গোপন অভিযান শুরু করে, যার সাংকেতিক নাম দেওয়া হয় ‘অপারেশন মোল’ বা ‘ওম’। এর অংশ হিসেবে তিরুবন্নামালাইয়ের বনে পুলিশ ২০ জন তামিল কাঠুরেকে গ্রেপ্তার করলে স্থানীয়দের মধ্যে চরম অস্থিরতা তৈরি হয়। এরপর ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে আসা চরিত্রগুলো একে অপরের মুখোমুখি হতে থাকে এবং কাহিনিতে বারবার বাঁক বদল ঘটে। মূলত এক ছদ্মবেশীর অসম লড়াইয়ের এই শ্বাসরুদ্ধকর সিনেমাটি আজ (২০ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

সিনেমাটি ঘিরে নির্মাণের শুরু থেকেই দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল ছিল। এর প্রধান কারণ হলো ধানুশ, মামুটি, সাই পল্লবী, নাসিরুদ্দিন শাহ ও শ্রীলীলার মতো শক্তিমান তারকাদের একই গল্পে ভিন্নরূপে দেখতে পাওয়ার সুযোগ। কেন্দ্রীয় চরিত্রে থাকা ধানুশ এখানে ‘পাজহানিভেল এজেন্ট-ডি’ নামক চরিত্রে অভিনয় করেছেন। নিজের চরিত্র ও গল্প নিয়ে তিনি জানিয়েছেন, এই সিনেমায় অপরাধ জগতের গহিনের বিষয়গুলো তুলে আনার পাশাপাশি একটি অপরাধমুক্ত দেশ গড়তে কিছু মানুষের সততা ও নিরন্তর লড়াইয়ের চিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অতীতের কোনো চরিত্রের সঙ্গে দর্শকরা এই চরিত্রের মিল খুঁজে পাবেন না। পাশাপাশি কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও মামুটির উপস্থিতি সিনেমাটির ওজন আরও বাড়িয়ে দিয়েছে।

সিনেমায় আইপিএস অফিসার নিত্যা রেড্ডীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। কাজের বিষয়ে কোনো ধরনের আপস না করার জন্য সুপরিচিত এই অভিনেত্রী এবার নিজের চরিত্রের জন্য বড়সড় একটি ত্যাগ স্বীকার করেছেন। পরিচালক রাজকুমার পেরিয়াসামি চরিত্রটির জন্য বাস্তবের এক পুলিশ অফিসার মেরিন জোসেফের ছবি দেখিয়ে পল্লবীকে সেভাবেই পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন। চরিত্রটিকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করতে এবং নির্মাতার ইচ্ছাপূরণে নিজের দীঘল কালো চুল বিসর্জন দিয়ে ছোট চুলে পর্দায় হাজির হয়েছেন তিনি। তাঁর এই লুকে পরিবারের সদস্যরা কিছুটা নাখোশ হলেও দর্শকরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। পাশাপাশি শ্রীলীলাও এই সিনেমায় নিজেকে নতুন চ্যালেঞ্জে তুলে ধরেছেন।

লাল চন্দনের চোরাচালান নিয়ে গল্প হওয়ায় অনেকেই সিনেমাটিকে ‘পুষ্পা’র পুরোনো কাহিনির নতুন রূপ বলে সমালোচনা করেছিলেন। তবে পরিচালক রাজকুমার পেরিয়াসামি এই ধারণাকে সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কাহিনির একটি অংশ শুনে পুরো গল্পের গভীরতা বা ধরন অনুমান করা সম্ভব নয়। নির্মাতার গল্প উপস্থাপনের এই ভিন্নধর্মী ভাবনার কারণেই সিনেমাটিকে শুরু থেকে দুই কিস্তিতে (চ্যাপ্টার) তুলে ধরার বিশাল পরিকল্পনা করা হয়েছিল। একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট সবাই সাহসিকতার সঙ্গে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, যার প্রথম কিস্তি দর্শকদের সামনে উন্মোচিত হতে যাচ্ছে।


নির্বাচিত

নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘টানেল মেন’-এ যুক্ত হলেন টাবু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

২০২৩ সালে ভারতের উত্তরাখণ্ডে ঘটে যাওয়া আলোচিত সুড়ঙ্গ ধসের ঘটনার অনুপ্রেরণায় নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছে নেটফ্লিক্স। বাস্তব ঘটনার ছায়ায় নির্মিত কাল্পনিক এই সিরিজের নাম দেওয়া হয়েছে ‘টানেল মেন’। এই সিরিজের মাধ্যমেই প্রথমবারের মতো নেটফ্লিক্সের কোনো হিন্দি অরিজিনাল সিরিজে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় ও শক্তিমান অভিনেত্রী টাবু।

‘টানেল মেন’ সিরিজের গল্প মূলত আবর্তিত হয়েছে একটি সুড়ঙ্গ ধসে পড়া এবং এর ভেতরে আটকে পড়া একদল শ্রমিকের বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করে। বাইরে থেকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য যে প্রাণপণ চেষ্টা চালানো হয়, তা-ই নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তোলা হবে। এটি কোনো প্রামাণ্যচিত্র না হলেও বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই সিরিজে বিপদের মুখে মানুষের অসীম সাহস, একতা ও বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ের বিষয়টি গভীরভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘ তিন দশকের বর্ণাঢ্য অভিনয়জীবনে টাবু নিজেকে নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে মেলে ধরেছেন। মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সমানতালে কাজ করেছেন স্বাধীন ঘরানার চলচ্চিত্রেও। অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মাচিস’ ও ‘চাঁদনি বার’ সিনেমার জন্য তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া ‘মকবুল’, ‘হায়দার’ ও ‘আন্ধাধুন’-এর মতো চলচ্চিত্রেও তাঁর ভিন্ন মাত্রার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও টাবুর ব্যাপক সুপরিচিতি রয়েছে। ‘দ্য নেমসেক’ থেকে শুরু করে ‘লাইফ অব পাই’ এবং হলিউডের আলোচিত প্রজেক্ট ‘ডিউন: প্রফেসি’—সবখানেই তিনি নিজের প্রতিভার শক্ত স্বাক্ষর রেখেছেন। দেশি-বিদেশি নানা প্রজেক্টে সফলতার পর এবার নেটফ্লিক্সের এই থ্রিলারধর্মী সিরিজে তাঁর অন্তর্ভুক্তি দর্শকদের প্রত্যাশাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

নতুন এই সিরিজটির শোরানার হিসেবে দায়িত্ব পালন করবেন নির্মাতা শিব রাওয়াইল। এর আগে তাঁর পরিচালিত ‘দ্য রেলওয়ে মেন’ সিরিজটি দর্শকদের দারুণ প্রশংসা কুড়িয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় আসন্ন এই সিরিজের মাধ্যমে তিনি আবারও বাস্তব ঘটনার মানবিক দিকগুলো পর্দায় সাবলীলভাবে তুলে ধরতে চান। এই প্রজেক্টে তাঁর কাজের সঙ্গী হচ্ছেন ওয়াইআরএফ এন্টারটেইনমেন্টের কনটেন্ট প্রধান সৌগত মুখার্জি। কনটেন্ট প্রধান হিসেবে এটিই তাঁর প্রথম প্রকল্প, যা মূলত নেটফ্লিক্স ও ওয়াইআরএফ এন্টারটেইনমেন্টের সফল সহযোগিতার ভিত্তিতে নির্মিত হচ্ছে।


নির্বাচিত

banner close