বলিউডের আলোচিত অভিনেত্রী আলিয়া ভাট। ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’, ‘আরআরআর’ এবং ‘গলি বয়’-এর মতো হিট ছবি দিয়েছেন। পাশাপাশি তার দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারও জিতেছেন। পুরোমাত্রার বাণিজ্যিক ছবিতে তাকে যেমন দেখা যায়, তেমনি করেছেন ভিন্ন ধারার ছবিও। ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’ যেমন করেছেন, তেমনি আলিয়াকে পাওয়া গেছে ‘হাইওয়ে’ বা ‘রাজি’র মতো সিনেমায়। এ ছাড়া চরিত্রাভিনেত্রী হিসেবে বলিউডে তৈরি করেছেন বেশ শক্ত জায়গা। এরই মধ্যে দাম্পত্য জীবনের তিন বছর কেটে গেছে। কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। সবমিলিয়ে দারুণ ফুরফুরে মেজাজে রয়েছেন মহেশ ভাটকন্যা।
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী মাত্র ১৯ বছর বয়সে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক করে জানান দেন এসেছেন লম্বা সময়ের জন্য। সে দিনের আলিয়া এবার সুখবর দিলেন। জানালেন নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের কাজের সুযোগ করে দিতে চান তিনি। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে কাজ করতে চলেছে আলিয়ার প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশন। যদিও এই প্রথমবার নয়, এর আগেও অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে কাজ করেছিল আলিয়ার সংস্থা। এর আগে বন্যপ্রাণের চোরাশিকার নিয়ে তৈরি একটি সিরিজ এসেছিল অ্যামাজন প্রাইম ভিডিওতে, যার নাম ছিল ‘পোচার’। সিরিজটি প্রযোজনা করেছিল আলিয়ার প্রযোজনা সংস্থা। এবার নবাগতদের নিয়ে নতুন প্ল্যান নিয়ে আসতে চলেছেন আলিয়া।
জানা গেছে, চারজন তরুণ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তৈরি হবে নতুন একটি সিরিজ। যার গল্প তৈরি হবে কলেজ ক্যাম্পাসকে ঘিরে। ইতোমধ্যেই প্রাক প্রযোজনা পর্বের কাজ শুরু হয়ে গেছে। এই বছরের শেষের দিকে শুরু হবে শুটিং। হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে শুধু এই সিরিজ নয়, মা সোনি রাজদান এবং বোন শাহিন ভাটের দুটি সিরিজ প্রযোজনা করতে যাচ্ছেন কাপুর বাড়ির বৌ। সেখানেও সুযোগ দেওয়া হবে তরুণদের।
আলিয়া বর্তমানে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। পর্দার এই তারকা জুটি ব্যস্তবে এপ্রিলের ১৪ তারিখ বিয়ের তিন বছর পার করেছেন।
প্রেম, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ মুক্তির তিন দিনের মধ্যেই ডিজনি প্লাসের ইতিহাসে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা স্থানীয় অরিজিনাল সিরিজের প্রিমিয়ার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ৫০টির বেশি দেশে কোরীয় সিরিজের প্রিমিয়ার তালিকায় শীর্ষস্থান দখল করেছে এটি।
কোরীয় লেখক আলফাটার্টের ওয়েব উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটির গল্পে স্বামীর বিচ্ছেদের প্রস্তাবের পর নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত নেন সম্রাজ্ঞী নাভিয়ে। মূল ওয়েবটুনটি এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি বার দেখা হয়েছে বলে জানিয়েছে ডিজনি। সিরিজে নাভিয়ে চরিত্রে অভিনয় করেছেন শিন মিন-আ, সম্রাট সোভিয়েশুর ভূমিকায় জু জি-হুন এবং রাজপুত্র হেইনরি চরিত্রে লি জং-সুক। পরিচালনা করেছেন চো সু-ওন। ইউরোপীয় রাজপ্রাসাদের আবহ ফুটিয়ে তুলতে জার্মানি ও চেক প্রজাতন্ত্রের বিভিন্ন ঐতিহাসিক স্থানে দৃশ্য ধারণ করা হয়েছে।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর সিরিজটি আন্তর্জাতিক সমালোচকদের কাছ থেকেও সাড়া পেয়েছে। অভিনয় ও দৃশ্যসজ্জার প্রশংসার পাশাপাশি গল্পের গতি ও ভিএফএক্স নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। যুক্তরাষ্ট্রে ডিজনি প্লাস ও হুলুতে এবং আন্তর্জাতিক বাজারে ডিজনি প্লাসে দেখা যাচ্ছে সিরিজটি।
একসময় কান্ট্রি সংগীতের জনপ্রিয় তারকা ছিলেন মিস্টি জোন্স। আলো ঝলমলে মঞ্চ ও খ্যাতির মোহ ত্যাগ করে দীর্ঘ ২০ বছর লোকচক্ষুর আড়ালে একান্তে জীবন কাটাচ্ছিলেন তিনি। তবে উদীয়মান কান্ট্রি সংগীতশিল্পী ও তাঁর নিজের ভাতিজি চার্লি হার্ট হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে পড়লে দীর্ঘ দুই দশক পর বাধ্য হয়ে তাঁকে আবারও ফিরে আসতে হয় চেনা শহর ন্যাশভিলে। ভাতিজিকে খুঁজতে এসে মিস্টি জড়িয়ে পড়েন এক রোমহর্ষক হত্যাকাণ্ডের তদন্তে, যার সূত্র ধরে একে একে উন্মোচিত হতে থাকে শহরের অপরাধজগতের গোপন নানা সমীকরণ। এই রহস্য, পারিবারিক টানাপোড়েন ও অপরাধের জটিল গল্প নিয়ে নির্মিত হয়েছে হলিউডের থ্রিলার সিনেমা ‘হার্টল্যান্ড’।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র মিস্টি জোন্সের ভূমিকায় অভিনয় করেছেন একাডেমি পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। গল্পে ভাতিজির অন্তর্ধান নিয়ে প্রথমে নিজস্ব উদ্যোগে খোঁজ শুরু করলেও মিস্টি দ্রুতই বুঝতে পারেন এটি কেবল কোনো সাধারণ নিখোঁজের ঘটনা নয়। বরং এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে একটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং ন্যাশভিলের অন্ধকার জগতের অনেকের স্বার্থ। পুলিশের ওপর পুরোপুরি ভরসা না করে তিনি নিজেই অন্ধকার জগতের গভীরে প্রবেশ করেন, যেখানে প্রতিটি নতুন তথ্য তাঁর নিজের লুকিয়ে রাখা অতীতের নানা গোপন অধ্যায়কেও বর্তমানের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। নিজের এই চরিত্রটিকে অত্যন্ত আবেগপ্রবণ, দ্বন্দ্বমুখর ও চ্যালেঞ্জিং বলে অভিহিত করেছেন জেসিকা।
সিনেমায় নিখোঁজ হওয়া চার্লি হার্ট চরিত্রে অভিনয় করেছেন উদীয়মান বাস্তব কান্ট্রি সংগীতশিল্পী কার্টার ফেইথ, যাঁর অন্তর্ধানই ছবির মূল রহস্যের কেন্দ্রবিন্দু। এছাড়া রয় কম্বস চরিত্রে গ্যারেট হেডলান্ড, ক্লার্ক চরিত্রে জন হকস, জেস চরিত্রে রস লিঞ্চ এবং উইনি জো লিন চরিত্রে দেখা যাবে জেনিফার নেটলসকে। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন পল স্পার্কস, উইন এভারেট, ডেভিড রাইসডাল, নরবার্ট লিও বাটজ, হিল হার্পার ও বেন ডিকির মতো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা। ন্যাশভিলের ঐতিহ্যবাহী সংগীতের আবহ ও মঞ্চের আড়ালের মানসিক বাস্তবতাই এই সিনেমার চরিত্রগুলোকে ভিন্ন মাত্রা দিয়েছে।
১ ঘণ্টা ৫২ মিনিট ব্যাপ্তির ‘হার্টল্যান্ড’ সিনেমাটি প্রযোজনা করেছেন পিটার চেরনিন, জেনো টপিং, র্যান্ডাল পোস্টার ও জেসন ওয়েন। এটি নির্মিত হয়েছে খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান চেরনিন এন্টারটেইনমেন্ট ও স্যান্ডবক্স স্টুডিওর যৌথ ব্যানারে। একজন অবসরপ্রাপ্ত সংগীত তারকার ব্যক্তিগত লড়াই কীভাবে শহরের কুখ্যাত অপরাধ তদন্তের সঙ্গে মিলেমিশে যায়, সেই রোমাঞ্চ নিয়েই আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।
দীর্ঘদিনের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারান। গত ১১ নভেম্বর ইউরোপের দেশ গ্রিসের একটি মনোরম পরিবেশে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বিশিষ্ট তারকা অতিথিদের উপস্থিতিতে তাঁদের এই রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বয়ং অনিরুদ্ধ রবিচন্দর। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মাই ওয়ান্স ইন আ লাইফটাইম, ফর আ লাইফটাইম ১১.১১’। ছবিতে নবদম্পতিকে দেখা গেছে প্যাস্টেল রঙের অভিজাত পোশাকে। অনিরুদ্ধ পরেছিলেন আইভরি রঙের কুর্তা, ঐতিহ্যবাহী ভেশতি ও সূক্ষ্ম কারুকাজ করা লম্বা জ্যাকেট; অন্যদিকে কাব্য সেজেছিলেন ব্লাশ-পিঙ্ক লেহেঙ্গা, জমকালো ব্লাউজ এবং কুন্দনের ঐতিহ্যবাহী অলংকারে।
গ্রিসে গত ১০ ও ১১ নভেম্বর দুই দিনব্যাপী বিয়ের নানা আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এই তারকা যুগলের বিয়েতে অংশ নিতে তামিল মেগাস্টার রজনীকান্ত এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিন সপরিবারে আগেভাগেই গ্রিসে পৌঁছান, যা নিয়ে বিমানবন্দর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। গ্রিসে ব্যক্তিগত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে দেশে ফেরার পর আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে নবদম্পতির এক জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানা গেছে।
ব্যবসায়ী পরিবারের সন্তান কাব্য মারান হলেন সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও কাবেরী মারানের কন্যা। তিনি বর্তমানে সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অত্যন্ত পরিচিত এক মুখ। উল্লেখ্য, ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে তাঁদের প্রেমের গুঞ্জন প্রকাশ্যে এলেও শুরুতে তা অস্বীকার করেছিলেন অনিরুদ্ধ। পরবর্তীতে ২০২৬ সালের জুনে অনিরুদ্ধর কাকা এবং প্রবীণ অভিনেতা ওয়াই জি মহেন্দ্র তাঁদের পরিণয়ের ইঙ্গিত দেওয়ার পর অবশেষে আনুষ্ঠানিক রূপ নিল তাঁদের এই সম্পর্ক।
দীর্ঘ তিন বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘কিং’। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ সিনেমাগুলোর ব্যাপক সাফল্যের পর বাংলাদেশেও নতুন এই সিনেমাটি মুক্তি দেওয়ার জোর তৎপরতা শুরু হয়েছে। দেশের প্রেক্ষাগৃহে ছবিটি নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন নির্মাতা ও প্রযোজক অনন্য মামুন এবং তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’।
অনন্য মামুন জানিয়েছেন, সিনেমাটি বাংলাদেশে আমদানির জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বলিউড প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমতির জন্য বৃহস্পতিবার সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়া হয়েছে। আইনি কাঠামোর মধ্যে কোনো বাধা না থাকায় সরকারের চূড়ান্ত অনুমোদনের পরই সিনেমাটির মুক্তির দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় সিনেমাটি বাংলাদেশে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চুক্তির বিধান অনুযায়ী, বিদেশি কোনো সিনেমা আমদানি করতে হলে বাংলাদেশ থেকেও সমানভাবে একটি দেশীয় চলচ্চিত্র রপ্তানি করতে হয়। সেই নিয়ম মেনে ২০২৫ সালে দেশের প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা সফল এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদের সিনেমা ‘জংলি’কে ভারতে রপ্তানি করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন আমদানিকারক পক্ষ।
সিনেমা সংশ্লিষ্টদের মতে, ঈদ মৌসুম ছাড়া বছরের বাকি সময়ে ভালো কনটেন্টের অভাবে দেশের প্রেক্ষাগৃহগুলো মারাত্মক আর্থিক সংকটে থাকে। এমন পরিস্থিতিতে শাহরুখ খানের মতো তারকার আলোচিত বড় বাজেটের সিনেমা দেশের হলগুলোতে দর্শক টানতে ও লোকসান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে প্রথমবার বড় পর্দায় হাজির হচ্ছেন তাঁর কন্যা সুহানা খান। এছাড়া তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও জ্যাকি শ্রফসহ একঝাঁক তারকা।
জনপ্রিয় ‘রোকজানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই প্রবীণ শিল্পীর বয়স হয়েছিল ৬৩ বছর। তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ভ্রাতুষ্পুত্র সাকির হাসান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সাহেদ আলী। স্ট্রোক, হেপাটাইটিস সি, যকৃতের জটিলতা ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ অক্টোবর তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে গত বুধবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
নব্বইয়ের দশক থেকে দেশের সংগীতাঙ্গনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন শেখ সাহেদ আলী। তিনি জনপ্রিয় ব্যান্ডদল ‘গাছ’-এর প্রতিষ্ঠাতা ছিলেন। ‘রোকজানা’ গানটির বিপুল জনপ্রিয়তার পর শ্রোতামহলে তিনি ‘রোকজানা সাহেদ’ নামেই সমধিক পরিচিত হয়ে ওঠেন। ১৯৯১ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয়, পরবর্তীতে তাঁর আরও পাঁচটি অ্যালবাম বাজারে আসে। তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।
সংগীতের প্রতি আজীবন নিবেদিতপ্রাণ এই শিল্পী বিগত ১১ বছর ধরে নিরলসভাবে কাজ করে নতুন ২৪টি গান তৈরি করেছিলেন। গানগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশের চূড়ান্ত প্রস্তুতিও চলছিল। কথা ছিল গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ডের মাধ্যমে গানগুলো প্রকাশ করার। তবে আকস্মিক অসুস্থতার কারণে তাঁর সেই দীর্ঘদিনের স্বপ্ন আর পূরণ হতে পারেনি। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে এই শিল্পীকে সমাহিত করা হবে।
তুর্কি ড্রামা সিরিজের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির চলচ্চিত্রের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক নির্মাণশৈলী এবং টানটান গল্প বলার কৌশলের কারণে বাংলাদেশেও তুর্কি কনটেন্ট দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় আন্তর্জাতিকভাবে বিপুল সাড়া জাগানো তুর্কি ভৌতিক সিনেমা ‘সয়’ এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে দেশের শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স চেইন ‘স্টার সিনেপ্লেক্স’-এর বিভিন্ন শাখায় সিনেমাটি নিয়মিত প্রদর্শিত হচ্ছে।
অতিপ্রাকৃত হরর ঘরানার ‘সয়’ সিনেমাটি পরিচালনা করেছেন খ্যাতনামা নির্মাতা ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক ভয়ংকর এক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং ইস্তাম্বুলের একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে ছবিটির মূল গল্প আবর্তিত হয়েছে। কাহিনির শুরু হয় প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনার মধ্য দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি প্রাচীন একটি চিত্রকর্ম খুঁজে পাওয়ার পর অজান্তেই নিজের ওপর এক অভিশাপ ডেকে আনে, যার ফলে পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে বাধ্য হয় সে।
ঘটনার বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা অবস্থায় মুরাত তাঁর নাতি ক্যানকে সেই পুরোনো প্রাসাদে ডেকে পাঠায়। সিনেমার মূল চরিত্র ক্যান তার প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে পরিবারের সেই প্রাচীন প্রাসাদে উপস্থিত হয়। কিন্তু প্রাসাদে পা রাখার পরপরই পরিবেশ চরম প্রতিকূল রূপ নেয় এবং ঘন কুয়াশায় পুরো প্রাসাদটি বাইরের পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর অবরুদ্ধ সেই প্রাসাদে তাদের চোখের সামনে উন্মোচিত হতে থাকে পরিবারের অতীতের অন্ধকার ও রোমহর্ষক সত্য।
প্রাচীন মিসরীয় অভিশাপ, রহস্যময় এক প্রাসাদ, পরিবারের গোপন ইতিহাস এবং মনস্তাত্ত্বিক ভয়ের গভীর উপস্থাপন সিনেমাটির মূল আকর্ষণ হিসেবে নজর কেড়েছে। ভৌতিক ও রোমাঞ্চে ভরপুর এই সিনেমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুরস্কের জনপ্রিয় অভিনয়শিল্পী বরিস আর্ডুক, তুবা বুয়ুকুস্তুন ও ফারাহ জেনেপ আব্দুল্লাহসহ আরও অনেকে।
জনপ্রিয় রাজনৈতিক ড্রামা সিরিজ ‘মহারানি’র পঞ্চম মৌসুমে সম্পূর্ণ অপ্রত্যাশিত এক রূপে হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। আলোচিত এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘রানি ভারতী’র ভূমিকায় এবার তাঁকে দেখা যাবে সম্পূর্ণ ন্যাড়া মাথায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন মৌসুমের প্রথম দর্শনের (ফার্স্ট লুক) পোস্টারে তাঁর এই রূপ প্রকাশ্যে এসেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে (Sony LIV) সিরিজটির নতুন মৌসুম আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।
রানি ভারতী চরিত্রে হুমা কুরেশির এই অভাবনীয় শারীরিক রূপান্তর ইতিমধ্যে দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। বিগত চার মৌসুমজুড়ে রানি ভারতীর রাজনৈতিক উত্থান, নানা প্রতিকূলতা মোকাবিলা এবং প্রচলিত সমাজব্যবস্থার বাধা ভেঙে এগিয়ে যাওয়ার গল্প দেখেছেন দর্শকেরা। তবে নতুন পোস্টারে অভিনেত্রীর ন্যাড়া মাথার দৃশ্যটি চরিত্রটির জীবনে কোনো বড় বিপর্যয় বা গভীর মনস্তাত্ত্বিক মোড়ের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে চিত্রনাট্যে ঠিক কী কারণে রানি ভারতীকে এমন অবতারে দেখা যাবে, সে বিষয়ে নির্মাতারা এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।
ভারতীয় রাজ্য বিহারের জটিল ও সংঘাতময় রাজনৈতিক পটভূমিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মহারানি’ সিরিজের মূল গল্প। এতে একজন সাধারণ ও নিরীহ গ্রামীণ গৃহবধূ থেকে রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে রানি ভারতীর ক্ষমতার শীর্ষ নেতৃত্বে উঠে আসার দীর্ঘ পরিক্রমা ফুটিয়ে তোলা হয়েছে। ক্ষমতার লড়াই, সামাজিক সংস্কার এবং রাজনৈতিক কূটকৌশলের মাঝে হুমার শক্তিশালী ও সাবলীল অভিনয়ই বরাবর এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রধান আকর্ষণ হয়ে থেকেছে।
চতুর্থ মৌসুমের সাফল্যের পর পঞ্চম মৌসুমে রানি ভারতীর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কেমন হবে, তা দেখার জন্য দর্শকেরা মুখিয়ে আছেন। প্রচলিত ভাবমূর্তি ভেঙে সম্পূর্ণ ন্যাড়া মাথায় হাজির হওয়ার এই রহস্য উন্মোচন করতে এবং বিহারের মসনদের নতুন রাজনৈতিক যুদ্ধ প্রত্যক্ষ করতে এখন আগামী ফেব্রুয়ারিতে সনি লিভে সিরিজটি মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শক মহল।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ছোট পর্দায় ফিরতে যাচ্ছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গিকে অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ। নতুন মৌসুমের জন্য প্রতিযোগী বাছাইয়ের অংশ হিসেবে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অডিশনের আহ্বান জানানো হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠানটির নতুন মৌসুম টেলিভিশনের পর্দায় দেখা যেতে পারে।
উপস্থাপক মীরের সাবলীল সঞ্চালনায় একসময় দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল ‘মিরাক্কেল’। টেলিভিশন রেটিং পয়েন্টেও (টিআরপি) নিয়মিত শীর্ষস্থান ধরে রেখেছিল এই কমেডি শো। শুধু বিনোদনই নয়, এই মঞ্চ থেকে উঠে এসে দুই বাংলার অনেক প্রতিযোগী পরবর্তীতে বিনোদন অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তবে ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিগত পাঁচ বছর ধরে অনুষ্ঠানটির প্রচার বন্ধ ছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির একটি প্রচারঝলক প্রকাশ করে সব বয়সী কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই সম্প্রচারে ফিরবে ‘মিরাক্কেল’। তবে আসন্ন মৌসুমে বিচারকের আসনে কারা থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দর্শকদের পক্ষ থেকে প্রবীণ অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়কে আবারও বিচারক হিসেবে দেখার প্রবল আগ্রহ রয়েছে; পাশাপাশি আগের মৌসুমের কয়েকজন অভিজ্ঞ সদস্য ও মেন্টরদেরও নতুন আসরে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।
বর্তমান ডিজিটাল যুগে কমেডি অনুষ্ঠান নির্মাণের চ্যালেঞ্জ তুলে ধরে পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানান, টেলিভিশনে প্রচারিত দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে কনটেন্ট ও সংলাপে অনেক বেশি সতর্ক থাকতে হয়। এতে চিত্রনাট্য ও নির্মাণ দলের ওপর বাড়তি সতর্কতা ও কাজের চাপ থাকলেও নতুন সিজন নিয়ে তিনি বেশ আশাবাদী। দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে ফিরে ‘মিরাক্কেল’ আবারও দর্শকদের ভরপুর ভালোবাসা পাবে বলে প্রত্যাশা প্রকাশ করেন তিনি।
নাট্যচর্চার চার দশক পূর্তি উপলক্ষে নাট্যদল বাংলাদেশ থিয়েটার দেশজুড়ে ৪০ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্যোগ নিয়েছে। এই আয়োজনের অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। ৯ দিনব্যাপী এই নাট্যোৎসবে ১২টি নাট্যদলের ১২টি নাটক প্রদর্শিত হবে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় একযোগে এসব নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আয়োজক দল বাংলাদেশ থিয়েটার ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে থিয়েটার, দেশ নাটক, বহুবচন, নাট্যতীর্থ, নান্দনিক নাট্য সম্প্রদায়, স্বপ্নদল, নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, মহাকাল নাট্য সম্প্রদায়, দৃষ্টিপাত নাট্য সংসদ এবং নাট্যম রেপার্টরি।
উৎসবের উদ্বোধনী দিন ১৩ নভেম্বর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে বাংলাদেশ থিয়েটারের নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’, যার নবনাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আবদুল আজিজ। পরদিন ১৪ নভেম্বর জাতীয় নাট্যশালায় পান্থ শাহরিয়ারের রচনা ও ত্রপা মজুমদারের নির্দেশনায় প্রদর্শিত হবে থিয়েটারের নাটক ‘বারামখানা’ এবং একই দিন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আনন জামানের রচনা ও ইউসুফ হাসান অর্কের নির্দেশনায় থাকবে মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নীলাখ্যান’। ১৫ নভেম্বর জাতীয় নাট্যশালায় মাসুম রেজার নাট্যরূপ ও নির্দেশনায় দেখা যাবে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ এবং এক্সপেরিমেন্টাল হলে ম আ সালামের রচনা ও নির্দেশনায় থাকবে দৃষ্টিপাত নাট্য সংসদের ‘কয়লা রঙের চাঁদর’। এরপর ১৬ নভেম্বর জাতীয় নাট্যশালায় চন্দন সেনের রচনা ও আরহাম আলোর নির্দেশনায় বহুবচন পরিবেশন করবে ‘অনিকেত সন্ধ্যা’ এবং এক্সপেরিমেন্টাল হলে সাধনা আহমেদের রচনা ও আইরিন পারভীন লোপার নির্দেশনায় প্রদর্শিত হবে নাট্যম রেপার্টরির ‘দমের মাদার’।
উৎসবের পরবর্তী পর্ব অর্থাৎ ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সবগুলো নাটক কেবল জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনেই প্রদর্শিত হবে। এর মধ্যে ১৭ নভেম্বর রয়েছে নাট্যতীর্থের ‘দ্বীপ’, ১৮ নভেম্বর নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘নৃপতি’, ১৯ নভেম্বর স্বপ্নদলের ‘হরগজ’ এবং ২০ নভেম্বর নাগরিক নাট্যাঙ্গনের নাটক ‘দুই পাখি ও নন্দিনী’। উৎসবের সমাপনী দিন ২১ নভেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের বহুল প্রশংসিত নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’।
মঞ্চনাটকের নিয়মিত প্রদর্শনীর পাশাপাশি উৎসব প্রাঙ্গণকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিদিন উন্মুক্ত সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রাখা হয়েছে। উৎসব চলাকালীন প্রতিদিন বিকেল ৪টা থেকে শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে নৃত্য, সংগীত ও আবৃত্তিসহ নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে পারবেন নাটক দেখতে আসা দর্শক ও সংস্কৃতিপ্রেমীরা।
মঞ্চ ও রূপালি পর্দার পাশাপাশি ছোট পর্দায় প্রশংসিত অভিনেত্রী সানজিদা প্রীতি দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে আবারও নতুন একটি ধারাবাহিক নাটকে যুক্ত হয়েছেন। নির্মাতা তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ নামের একটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। মঞ্চে নিয়মিত অভিনয় করলেও সাম্প্রতিক সময়ে ক্যামেরার সামনে খুব একটা দেখা যাচ্ছিল না এই অভিনেত্রীকে। এর আগে সর্বশেষ প্রায় দুই বছর পূর্বে দীপ্ত টিভিতে প্রচারিত ‘ফুলবাহার’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, ধারাবাহিকটির অষ্টম পর্ব থেকে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রে পর্দায় হাজির হবেন সানজিদা প্রীতি। এতে তিনি অভিনয় করেছেন ‘জেরিন খান’ নামের এক প্রবাসী নারীর চরিত্রে, যিনি ছোট বোন ফারিন খানের মৃত্যুর খবর পেয়ে বিদেশ থেকে দেশে ফিরে আসেন। পরবর্তীতে বোনের রহস্যজনক মৃত্যুরহস্য উন্মোচন এবং প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়ে তাঁর চরিত্রটি এগিয়ে যায়। নাটকে অভিনেতা নিলয় আলমগীরের চরিত্রের বিরুদ্ধে তাঁর এই লড়াই গড়ে উঠেছে এবং এতে তাঁর সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ। নির্মাতা তানভীর তন্ময় জানান, চরিত্রটির গুরুত্ব বিবেচনা করে এবং শতাব্দী ওয়াদুদের সঙ্গে আলোচনা করেই প্রীতিকে এই চরিত্রে চূড়ান্ত করা হয়; যা তিনি অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন।
দীর্ঘদিন পর ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে সানজিদা প্রীতি জানান, প্রায় দুই বছর পর তিনি কোনো ধারাবাহিক নাটকের কাজ শুরু করলেন। বর্তমান পরিচালক ও পুরো নির্মাণ টিমের সঙ্গেই এটি তাঁর প্রথম কাজ উল্লেখ করে তিনি বলেন, চরিত্রটি তাঁর আগের করা কাজগুলোর চেয়ে বেশ আলাদা হওয়ায় কাজটি তিনি ভীষণ উপভোগ করছেন। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, সুজাতা, আলী রাজ, শতাব্দী ওয়াদুদ এবং ফারিন খানসহ অনেকে।
করপোরেট দুনিয়ার অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের উপাদান নিয়ে নির্মিত ‘প্রথম প্রেমের গল্প’ নাটকটি গত অক্টোবর মাস থেকে ‘এনএএফ’ নামের একটি ইউটিউব চ্যানেলে সপ্তাহে দুটি করে পর্ব আকারে প্রচারিত হচ্ছে। তবে প্রচারের পর থেকেই নাটকটির মূল ভাবনার বিরুদ্ধে পাকিস্তানি জনপ্রিয় সিরিয়াল ‘শাইদাই’-এর গল্প হুবহু নকলের অভিযোগ ওঠে। নির্মাতা তানভীর তন্ময় সেই অভিযোগের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, প্রাথমিকভাবে একটি বিদেশি সিরিয়ালের অনুপ্রেরণায় কাজটি শুরু করা হলেও নাটকটির সামনের পর্বগুলোতে দর্শকেরা সম্পূর্ণ মৌলিক গল্পের বিস্তার দেখতে পাবেন।
পারিবারিক ও মানবিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে ‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘বিবি পায়রা’ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ‘ডিপ ফ্রিজ’-এর মতো প্রশংসিত সিনেমা বানানোর পর এবার রহস্যঘেরা থ্রিলার গল্প নিয়ে আসছেন টালিউড নির্মাতা অর্জুন দত্ত। ‘আরএসভিপি মার্ডার’ নামের এই নতুন চলচ্চিত্রে অর্জুনের নির্দেশনায় প্রথমবারের মতো অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমাটিতে জয়ার সঙ্গে বড় পর্দায় আরও একটি বড় চমক থাকছে; এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান ও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
একটি পাহাড়ি অঞ্চলের রহস্যময় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘আরএসভিপি মার্ডার’-এর মূল পটভূমি। গল্পের সূত্রপাত ঘটে একটি আনন্দঘন অনুষ্ঠান থেকে, যেখানে উৎসবমুখর পরিবেশের মাঝে হঠাৎ আসা একটি অপ্রত্যাশিত বার্তা মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে দেয়। এরপর শুরু হয় অপরাধীর খোঁজে জটিল তদন্ত। সেই তদন্তের ধাপে ধাপে প্রকাশ্যে আসতে থাকে বন্ধুত্বের আড়ালের স্বার্থপরতা, দাম্পত্য জীবনের জটিল টানাপোড়েন এবং পারিবারিক সম্পর্কের গভীর ক্ষোভ। এই চলচ্চিত্রে আরও একঝাঁক অভিনয়শিল্পী রয়েছেন; যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, অভীক্ষা চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য এবং মনোজ ওঝা।
সম্পর্কভিত্তিক ঘরানা থেকে বেরিয়ে থ্রিলার নির্মাণ প্রসঙ্গে পরিচালক অর্জুন দত্ত জানান, তাঁর প্রতিটি সিনেমায় সম্পর্কের নানা সূক্ষ্ম দিক উঠে এলেও নির্মাতা হিসেবে সব ধরনের ঘরানায় কাজ করার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। সেই তাগিদ থেকেই তিনি এই মার্ডার মিস্ট্রি গল্পটি বেছে নিয়েছেন। অন্যদিকে অভিনেত্রী জয়া আহসান নিজের চরিত্রটিকে বেশ আকর্ষণীয় উল্লেখ করে জানান, একঝাঁক গুণী শিল্পীর সম্মিলনে তৈরি এই চলচ্চিত্রে দর্শক তাঁকে সম্পূর্ণ নতুন এক রূপে আবিষ্কার করতে পারবেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অর্জুন দত্তের পূর্ববর্তী কাজের প্রশংসা করে এই যৌথ উদ্যোগটি দারুণ এক অভিজ্ঞতা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিতব্য এই সিনেমাটি প্রযোজনা করছেন অভিজিৎ চট্টোপাধ্যায়। চলচ্চিত্রের চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন আশীর্বাদ মৈত্র ও পরিচালক অর্জুন দত্ত নিজে। এ ছাড়া সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৈনাক মজুমদার ও অভিজিৎ চট্টোপাধ্যায়। সবকিছু পূর্বপরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের শেষ দিকেই পাহাড়ি লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ পুরোদমে শুরু হবে।
ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওসের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ফ্রোজেন’-এর কাল্পনিক বরফরাজ্য এবার বাস্তব রূপ নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছে। ন্যাশনাল জিওগ্রাফিক এবং ডিজনি যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে প্রাকৃতিক ইতিহাসভিত্তিক নতুন প্রামাণ্য সিরিজ ‘দ্য রিয়েল ফ্রোজেন’। এই বিশেষ সিরিজে অ্যানিমেশন সিনেমার বিভিন্ন প্রাণী এবং বাস্তবের চরম প্রতিকূল পরিবেশে বসবাসকারী অন্যান্য প্রাণীদের টিকে থাকার বাস্তব লড়াই তুলে ধরা হবে। পুরো সিরিজটির ধারাভাষ্যকার হিসেবে যুক্ত থাকছেন মূল ‘ফ্রোজেন’ চলচ্চিত্রের তারকা অভিনয়শিল্পী ক্রিস্টেন বেল, ইডিনা মেনজেল, জশ গ্যাড ও জোনাথন গ্রফ।
সিরিজটির দৃশ্যধারণের জন্য ইউরোপের চরম শীতল ও চোখধাঁধানো অঞ্চলগুলোকে বেছে নিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। জানা গেছে, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনের বিস্তৃত বরফাচ্ছাদিত ভূখণ্ডে এর দৃশ্য ধারণ করা হবে। হিমাঙ্কের নিচের তীব্র শীত ও রুক্ষ প্রকৃতির মাঝে বন্যপ্রাণীদের সাহসিকতা, পারস্পরিক আনুগত্য, প্রতিকূলতায় টিকে থাকার অনন্য কৌশল এবং প্রকৃতির জাদুকরি রূপই এতে প্রাধান্য পাবে।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, টেলিভিশন চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফিকে প্রচারের পাশাপাশি বৈশ্বিক ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলুতে একযোগে মুক্তি পাবে ‘দ্য রিয়েল ফ্রোজেন’। এটি ন্যাশনাল জিওগ্রাফিকের দর্শকপ্রিয় ‘দ্য রিয়েল’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ সংযোজন। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির অধীনে নির্মিত এমিজয়ী তথ্যচিত্র ‘আ রিয়েল বাগস লাইফ’ প্রশংসিত হয়েছিল এবং অদূর ভবিষ্যতে ‘দ্য রিয়েল ফাইন্ডিং নিমো’ নামের আরেকটি সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে মুক্তির পর বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল দুই রাজকন্যা এলসা ও আনার ভালোবাসা এবং আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত ডিজনির ‘ফ্রোজেন’। প্রথম পর্বটি বক্স অফিস থেকে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। এরপর ২০১৯ সালে মুক্তি পাওয়া এর সিক্যুয়েল ‘ফ্রোজেন ২’ বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন ডলার আয় করে অনন্য রেকর্ড গড়ে। সেই সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে ডিজনি অ্যানিমেশন স্টুডিওস ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব ‘ফ্রোজেন ৩’ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে, যা ২০২৭ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বড় কাস্টিং ও মহাকাব্যিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে নির্মিত পরিচালক নীতেশ তিওয়ারির চলচ্চিত্র ‘রামায়ণ’ বক্স অফিসে অভাবনীয় ব্যবসায়িক রেকর্ড সৃষ্টি করেছে। মুক্তির পঞ্চম দিনে এসে সিনেমাটি ভারতের বাজারে এক দিনে টিকিট বিক্রি ও আয়ের নতুন নজির স্থাপন করেছে। সোমবার (৯ নভেম্বর) কেবল ভারতেই চলচ্চিত্রটি সংগ্রহ করেছে ১২৬ কোটি রুপি, যা উৎসবের পরবর্তী সময়ে হিন্দি সিনেমার ক্ষেত্রে এক দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড। এই আয়ের ওপর ভর করে মাত্র পাঁচ দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় পৌঁছে গেছে ৬৬০ কোটি রুপিতে।
টিকিট বিক্রির ক্ষেত্রেও ভারতে ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে ছবিটি। মুক্তির পঞ্চম দিনে দেশটিতে সিনেমাটির ১৬ লাখ ৬০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। এর মাধ্যমে সিনেমাটি পূর্বে ‘ধুরন্ধর ২’ চলচ্চিত্রের করা এক দিনে সর্বোচ্চ ১৬ লাখ ৪০ হাজার টিকিট বিক্রির রেকর্ড ভেঙে দেয়। একই সঙ্গে অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘বুক মাই শো’-তে এক ঘণ্টায় সর্বোচ্চ টিকিট বিক্রির নতুন রেকর্ডও এখন ‘রামায়ণ’-এর দখলে; প্ল্যাটফর্মটিতে এক ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টিকিট বিক্রির ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক অঙ্গনেও অনন্য ইতিহাস তৈরি করেছে এই সিনেমা। প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র হিসেবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বক্স অফিস তালিকার শীর্ষস্থান দখল করেছে ‘রামায়ণ’। হলিউডের ‘গডজিলা মাইনাস জিরো’ সিনেমাটিকে পেছনে ফেলে মুক্তির প্রথম সপ্তাহান্তে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বাজার থেকে সিনেমাটি সংগ্রহ করেছে প্রায় ২৮ লাখ মার্কিন ডলার। এর আগে এস এস রাজামৌলির ‘আরআরআর’, শাহরুখ খানের ‘জওয়ান’ এবং রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ সিনেমাগুলো যুক্তরাজ্যের বক্স অফিসে দারুণ ব্যবসা করলেও সর্বোচ্চ দ্বিতীয় স্থান পর্যন্ত পৌঁছাতে পেরেছিল।
নমিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত এই মেগা প্রজেক্টে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, রাবণের ভূমিকায় কন্নড় মেগাস্টার যশ এবং সীতার চরিত্রে রূপদান করেছেন অভিনেত্রী সাই পল্লবী। চলচ্চিত্রটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সানি দেওল, রবি দুবে, কাজল আগারওয়াল, বিবেক ওবেরয়, রাকুল প্রীত সিং ও লারা দত্তসহ একঝাঁক শীর্ষ তারকাকে। নিয়মিত গতিতে আয় বৃদ্ধি পাওয়ার কারণে দীর্ঘমেয়াদে সিনেমাটি বৈশ্বিক বক্স অফিসে আরও বড় বাণিজ্যিক মাইলফলক স্পর্শ করবে বলে আশা করছেন বিশ্লেষকেরা।