শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩

শুরুতেই চমক দেখাচ্ছে অক্ষয়ের ‘কেশরী-২’

কেশরী-২ ছবির দৃশ্যে অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশিত
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫ ২১:১৮

বলিউডে দেশাত্মবোধক ছবি মানেই প্রথম তালিকায় থাকেন অক্ষয় কুমার। ‘মিশন মঙ্গল’, ‘কেশরী’,‘এয়ারলিফ্ট’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে শুরু করে এহেন একের পর এক ছবিকে দেশপ্রেম উসকে দিয়েছেন ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমার। এবার সেই তালিকাতেই সংযোজন ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’। যেখানে সি শংকরণ নায়ারের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। ব্রিটিশরাজ জেনারেল ডায়ারের বিরুদ্ধে গর্জে ওঠা থেকে শুরু করে আদালতে দাঁড়িয়ে সমস্ত ব্রিটিশ কর্মীদের সামনেই ইংরেজ সরকারকে তুলোধনা, পর্দায় দাপটে সঙ্গে তা ফুটিয়ে তুলেছেন অক্ষয় কুমার। চলতি সপ্তাহে (গত শুক্রবার) মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনী ‘কেশরী চ্যাপ্টার ২’ সিনেমাটি। ভারতীয় বক্স অফিসে মোটের ওপর ঢিমে তালে সফর শুরু করলেও বিশ্বজুড়ে আয়ের নিরিখে কেশরী চ্যাপ্টার ২ কিন্তু টক্কর দিয়ে দিয়েছে এই সময়ের বহুল ব্যবসাসফল ‘জাট’ ছবিটির সঙ্গে।

ভারতীয় বক্স অফিসের প্রতিবেদন অনুযায়ী কেশরী চ্যাপ্টার ২ ছবিটি শুক্রবার ভারতীয় বক্স অফিসে ৭ কোটি ৭৫ লাখ টাকা নেট এবং ৯ কোটি ২৫ লাখ টাকা গ্রস আয় করেছে মুক্তি পেতেই প্রথম দিনে। একই সঙ্গে এই ছবিটি ভারতের বাইরে বিশ্বজুড়ে প্রথম দিন বক্স অফিসে ৫ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে সবটা মিলিয়ে প্রথম দিনের ব্যবসায় ১৫ কোটি লক্ষ্মীলাভ হয়েছে এই ছবির। যার দরুণ স্পষ্ট হলো যতই অক্ষয়ের আগের ছবি স্কাই ফোর্সের তুলনায় কেশরী চ্যাপ্টার ২ পিছিয়ে থাকুক না কেন. আয়ের নিরিখে ‘জাট’কে কিন্তু টক্কর দিয়ে দিল এই ছবি। স্কাই ফোর্স ছবিটি প্রথম দিন বিশ্বজুড়ে ২০ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে সানি দেওল অভিনীত জাট ছবিটি মুক্তির দিন বক্স অফিসে ১৪ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছিল।

কেশরী চ্যাপ্টার ২ ছবিটিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন তরুণ অভিনেত্রী অনন্যা এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। কেশরী ২ ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। এই ছবিটির পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিটির প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।


নির্বাচিত

‘গোপাল ভাঁড়’ বন্ধ হওয়ার গুঞ্জনের অবসান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাওয়ার এক মাস ধরে চলা গুঞ্জনের অবশেষে অবসান ঘটেছে। দর্শকদের সমস্ত জল্পনা-কল্পনা দূর করে সনি ৮ চ্যানেল কর্তৃপক্ষ সিরিজটির নতুন পর্ব প্রচারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। চ্যানেলটির দেওয়া তথ্য অনুযায়ী, আজ শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় এই জনপ্রিয় সিরিজের নতুন পর্বটি সম্প্রচার করা হবে। এর মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার পর আবারও সপরিবারে পর্দায় ফিরতে যাচ্ছে সবার প্রিয় গোপাল ভাঁড়।

২০১৫ সাল থেকে সনি ৮-এ সম্প্রচারিত হওয়া এই অ্যানিমেশন সিরিজটি শুধু হাসির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বুদ্ধিমত্তা, ন্যায়বোধ ও সামাজিক বিভিন্ন বার্তাও দিয়ে থাকে। সিরিজের প্রতিটি পর্বে দেখা যায়, গোপাল তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রাজ্যের নানা জটিল সমস্যার সমাধান করেন। কখনো তিনি ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করেন, আবার কখনো রাজা কৃষ্ণচন্দ্রকে নানা বিপদে বুদ্ধির জোরে সঠিক পথ দেখান। মূলত এসব শিক্ষণীয় ও মজাদার কাহিনির কারণেই ভারতের পাশাপাশি বাংলাদেশেও দীর্ঘদিন ধরে সিরিজটি সমানভাবে জনপ্রিয়।

টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও ‘গোপাল ভাঁড়’-এর বিশাল দর্শকসংখ্যা রয়েছে। তবে গত জুলাই মাসে সিরিজটির ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর হঠাৎ করেই নতুন পর্ব আসা বন্ধ হয়ে যায়, যা দর্শকদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দৃশ্য ভাইরাল হয়, যেখানে মৃত্যুশয্যায় শুয়ে থাকা গোপালের পাশে তার স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যদের কাঁদতে দেখা যায়। এই দৃশ্যটি ঘিরেই মূলত সিরিজটির স্থায়ী সমাপ্তির গুঞ্জন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

হঠাৎ সম্প্রচার বন্ধ থাকা এবং চ্যানেল কর্তৃপক্ষের নীরবতা এই জল্পনাকে আরও উসকে দিলেও শেষ পর্যন্ত সনি ৮ একটি নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে সব বিভ্রান্তি দূর করেছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ভাইরাল হওয়া দৃশ্যটি সম্পূর্ণ পুরোনো এবং সিরিজটি মোটেও শেষ হয়ে যায়নি। বরং নতুন সব গল্প ও বুদ্ধিবৃত্তিক কাহিনি নিয়ে ‘গোপাল ভাঁড়’ আবারও দর্শকদের বিনোদন দিতে পর্দায় ফিরে আসছে।


নির্বাচিত

ওটিটি প্ল্যাটফর্মে নতুন সিনেমা ও সিরিজের চমক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বিনোদনপ্রেমীদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। দর্শক চাহিদার কথা মাথায় রেখে প্রতি সপ্তাহের মতো এবারও ওটিটির পর্দায় হাজির হচ্ছে একগুচ্ছ নতুন সিনেমা, ক্রাইম থ্রিলার ও রাজনৈতিক ড্রামা। রোমাঞ্চ, অ্যাকশন, থ্রিলার থেকে শুরু করে হাসির সব কনটেন্ট নিয়ে সাজানো হয়েছে এবারের ওটিটি রিলিজের তালিকা। নেটফ্লিক্স থেকে শুরু করে অ্যামাজন প্রাইম ভিডিও ও লায়ন্সগেট প্লেতে এই সপ্তাহে এমন কিছু নজরকাড়া কনটেন্ট মুক্তি পেয়েছে, যা দর্শকদের ছুটির অলস সময়কে বেশ উপভোগ্য করে তুলবে।

নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এবারের অন্যতম বড় চমক হলো বলিউড তারকা শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন অভিনীত ‘ককটেল টু’। ২০১২ সালের সাড়া জাগানো সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে এটি মুক্তি পেলেও আগের গল্পের সঙ্গে এর কোনো সরাসরি সংযোগ রাখা হয়নি; বরং এতে নতুন প্রজন্মের দৃষ্টিকোণ থেকে আধুনিক সম্পর্কের নানা জটিলতা ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি হালকা মেজাজের কমেডি পছন্দ করা দর্শকদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে জার্মান সিনেমা ‘মাই বেস্ট ফ্রেন্ড, হিজ গার্লফ্রেন্ড অ্যান্ড মি’। অলি নামের এক তরুণের তার ঘনিষ্ঠ বন্ধুর প্রেমিকা রেবেকাকে সহ্য করতে না পারা এবং তাদের বিশ্বভ্রমণ ভেস্তে দেওয়ার নানা হাস্যকর ফন্দি নিয়ে এই সিনেমার মজাদার গল্প এগিয়েছে।

রাজনৈতিক প্রোপাগান্ডা ও আদর্শিক লড়াইয়ের গল্প নিয়ে লায়ন্সগেট প্লেতে মুক্তি পেয়েছে হাই-ভোল্টেজ ড্রামা ‘আখরি সওয়াল’। এই সিনেমায় একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও তার গবেষণা সহযোগীর মধ্যকার আদর্শগত দ্বন্দ্বের বিষয়টিকে নিপুণভাবে তুলে ধরা হয়েছে। তাদের এই ব্যক্তিগত ও আদর্শিক লড়াই কীভাবে একটি লাইভ টেলিভিশন টকশোতে চরম মোড় নেয় এবং পেছনের অজানা সব সত্য জনসমক্ষে নিয়ে আসে, মূলত তা ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমার কাহিনি। টানটান উত্তেজনার এই রাজনৈতিক ড্রামায় গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত ও নামাশি চক্রবর্তী।

থ্রিলার ও রহস্যপ্রেমীদের জন্যও এই সপ্তাহে ওটিটিতে দারুণ সব কনটেন্ট রয়েছে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া দক্ষিণ আফ্রিকার নতুন ক্রাইম-থ্রিলার সিরিজ ‘উমথেথো’-তে এমবালি নামের এক তরুণী দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা তার ভাইকে ভয়ংকর এক জেল-গ্যাংয়ের প্রধান হিসেবে খুঁজে পায় এবং তাকে অপরাধজগৎ থেকে ফেরাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক বিপজ্জনক মিশনে নামে। অন্যদিকে, রহস্য ও ভৌতিক আবহের গল্প নিয়ে অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে সিনেমা ‘কদমবরি’। প্রাচীন আরিয়ানাত্তু রাজবাড়ির একটি পুতুলের ভেতর বন্দি প্রেতাত্মা দুই চোরের মাধ্যমে অসাবধানতাবশত মুক্ত হওয়ার পর রাজবাড়িতে যে অনাকাঙ্ক্ষিত বিভীষিকা শুরু হয় এবং শেষ উত্তরাধিকারী নিরঞ্জনের জীবনে যে ভয়াবহ প্রভাব পড়ে, তা ঘিরেই এই ভৌতিক থ্রিলারটি নির্মিত হয়েছে।


নির্বাচিত

বক্স অফিসে সানি-ইমরান লড়াই: প্রথম দিনে আয়ে এগিয়ে ‘আওয়ারাপান টু’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত শুক্রবার (১৪ আগস্ট) একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান টু’ এবং সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’। বলিউডের জনপ্রিয় এই দুই তারকার বক্স অফিস লড়াই নিয়ে আগে থেকেই দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা ছিল। তবে মুক্তির প্রথম দিনের আয়ের পরিসংখ্যান বলছে, সানি দেওলকে বেশ বড় ব্যবধানে পেছনে ফেলে বক্স অফিসে বাজিমাত করেছে ইমরান হাশমির সিনেমাটি।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপান টু’ মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে ২১ কোটি রুপি নিট এবং ২৫ কোটি ২০ লাখ রুপি গ্রস আয় করেছে। এর সঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে সংগৃহীত ২ কোটি রুপি যোগ হয়ে বিশ্বব্যাপী সিনেমাটির প্রথম দিনের মোট গ্রস আয় দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপিতে। ভারতজুড়ে মোট ৯ হাজার ৩৩টি শোতে সিনেমাটির সার্বিক আসন দখলের হার ছিল প্রায় ৪৫ শতাংশ, যা বেশ ইতিবাচক।

অন্যদিকে, রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটোয়ারা ১৯৪৭’ প্রথম দিনে বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। ভারতের বাজারে সিনেমাটির প্রথম দিনের নিট আয় ৫ কোটি ৭৫ লাখ রুপি এবং গ্রস আয় ৬ কোটি ৮৪ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে আয় করা ১ কোটি ৫০ লাখ রুপি মিলিয়ে সিনেমাটির প্রথম দিনের বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৩৪ লাখ রুপি। মোট ৮ হাজার ৭২১টি শোতে সিনেমাটির আসন দখলের হার ছিল মাত্র ১৫ শতাংশের কাছাকাছি।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত দর্শকপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত ‘আওয়ারাপান টু’-তে জনপ্রিয় ‘শিভম পণ্ডিত’ চরিত্রে পুনরায় পর্দায় ফিরেছেন ইমরান হাশমি, যার সঙ্গে প্রধান চরিত্রে আরও আছেন দিশা পাটানি ও শাবানা আজমি। অন্যদিকে, দেশভাগের পটভূমিতে নির্মিত ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমায় সানি দেওল একজন মুসলিম ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন, যিনি চরম বিশৃঙ্খলার মাঝে এক হিন্দু নারীকে রক্ষার দায়িত্ব নেন। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন অভিনেত্রী প্রীতি জিনতা এবং প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন বাস্তব জীবনের বাবা-ছেলে সানি দেওল ও করণ দেওল।


নির্বাচিত

ঢাকার বাইরে প্রথমবার স্পর্ধার নাটক ‘তবুও জেগে উঠি’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

২০২৪ সালে প্রথমবার মঞ্চে আসা স্পর্ধা: ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ নাট্যদলের আলোচিত নাটক ‘তবুও জেগে উঠি’ এবার ঢাকার বাইরে প্রদর্শিত হতে যাচ্ছে। নির্দেশক মোহসিনা আক্তারের নির্দেশনায় নির্মিত এই প্রশংসিত নাট্য প্রযোজনাটি রাজধানী ঢাকার গণ্ডি পেরিয়ে এবার চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর দর্শকদের সামনে মঞ্চস্থ হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৯ আগস্ট চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে ‘তবুও জেগে উঠি’ নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরপর ২৮ আগস্ট সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং আগামী ৪ সেপ্টেম্বর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চস্থ হবে। ঢাকার বাইরের এই প্রতিটি প্রদর্শনীই সন্ধ্যা ৭টায় শুরু হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকার বাইরে যাত্রা শুরু করার আগে রাজধানীর দর্শকদের জন্যও নাটকটি উপভোগ করার সুযোগ থাকছে। ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে ‘তবুও জেগে উঠি’ নাটকের মোট তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর মধ্যে আজ ১৫ আগস্ট বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দুটি এবং আগামীকাল ১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় আরও একটি প্রদর্শনী হবে।

এই নাট্য প্রযোজনাটি মূলত লিঙ্গ, পরিচয়, ক্ষমতা ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার ভেতরে নারীর প্রতিদিনের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। নির্দেশক মোহসিনা আক্তার জানান, চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে সমতার যে স্বপ্ন মানুষ দেখেছিল, সেখানে নারী ও প্রান্তিক লিঙ্গ পরিচয়ের মানুষের অবস্থান নিয়ে তৈরি হওয়া হতাশা থেকেই এই নাটকের জন্ম। সমাজকাঠামোর নিয়ন্ত্রণকে প্রশ্নবিদ্ধ করা এই নাটক শুধু হতাশার গল্প নয়, বরং এটি নীরবতা ভেঙে বারবার প্রতিকূলতার মুখেও জেগে ওঠার এক অনুপ্রেরণাদায়ী গল্প।


নির্বাচিত

স্টার সিনেপ্লেক্সে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’, ১০ হলে ‘ভালোবাসি হয়নি বলা’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১৫ আগস্ট, ২০২৬ ২০:২৮
বিনোদন ডেস্ক

দেশের প্রেক্ষাগৃহে এখনো হলিউডের ‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার উন্মাদনা চলছে। বক্স অফিসে এই দাপটের মাঝেই দেশের সিনেমা হলগুলোতে নতুন আরও দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি হলো হলিউডের সায়েন্স ফিকশন নির্ভর সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ এবং অন্যটি হলো দেশীয় রোমান্টিক ঘরানার সিনেমা ‘ভালোবাসি হয়নি বলা’।

দেশীয় সিনেমা ‘ভালোবাসি হয়নি বলা’ পরিচালনা করেছেন কাশেম মণ্ডল। পরিচালনার পাশাপাশি এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপও তিনি নিজেই রচনা করেছেন। মধুমিতা চলচ্চিত্রের প্রযোজনায় নির্মিত এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো অভিষেক হয়েছে শেখ রিফাত ও নুসরাত জাহান তানিশার। তাদের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদিয়া আক্তার, রেবেকা রউফ, রেশমা আহমেদ এবং হারুন রশীদ বান্টি। প্রচার-প্রচারণায় কিছুটা পিছিয়ে থাকলেও দেশের মোট ১০টি সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

অন্যদিকে হলিউডের সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’-এর গল্প আবর্তিত হয়েছে ১৯৮০-এর দশকের শুরুর দিকের একটি রোমাঞ্চকর ঘটনাকে কেন্দ্র করে। ওক স্ট্রিট এলাকার প্ল্যাট পরিবারের মা, বাবা ও দুই সন্তানকে নিয়ে এই সিনেমার কাহিনি এগিয়েছে। তাদের জীবনের নানা সংকট ও দূরত্বের মাঝে হঠাৎ এক রাতে এক রহস্যময় মহাজাগতিক ঘটনা ঘটে। পরদিন সকালে ঘুম থেকে উঠে পরিবারটি দেখতে পায়, তাদের পরিচিত শহরতলির বদলে পুরো এলাকাটি প্রাগৈতিহাসিক যুগে রূপান্তর হয়ে গেছে এবং বাইরে ঘুরে বেড়াচ্ছে বিশালাকার ডাইনোসর।

ডাইনোসরদের এই ভয়াবহ আক্রমণের মুখে নিজেদের বাঁচাতে গিয়ে একটি পরিবার কীভাবে পারস্পরিক ভুল-বোঝাবুঝি ভুলে পুনরায় একসূত্রে আবদ্ধ হয়, মূলত সেটাই এই সিনেমার মূল উপজীব্য বিষয়। ডেভিড রবার্ট মিশেল পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা এবং ক্রিশ্চিয়ান কনভেরির মতো জনপ্রিয় তারকারা। ১৪ আগস্ট আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি দর্শকদের জন্য মুক্তি দেওয়া হয়েছে।


নির্বাচিত

গাজা সংকট নিয়ে নির্মিত তথ্যচিত্র অস্কারে পাঠাচ্ছে সুইজারল্যান্ড

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

আগামী ২০২৭ সালের ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ‘সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য সুইজারল্যান্ড ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ থেকে বেঁচে ফেরা মানুষদের অভিজ্ঞতানির্ভর একটি তথ্যচিত্র নির্বাচন করেছে। জেনেভাভিত্তিক প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নিকোলা ওয়াদিমফের পরিচালনায় নির্মিত এই তথ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘হু ইজ স্টিল অ্যালাইভ’। সুইজারল্যান্ডের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে অস্কারে পাঠানোর এই তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।

এই তথ্যচিত্রটিতে মূলত গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুতি, স্বজন হারানোর বেদনা এবং অস্তিত্ব রক্ষার তীব্র আকুতি তুলে ধরা হয়েছে। ‘হু ইজ স্টিল অ্যালাইভ’ তথ্যচিত্রটিতে প্রথাগত কোনো ধারাবর্ণনার বদলে গাজার সারভাইভার বা বেঁচে ফেরা মানুষদের এক বিমূর্ত প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে তারা নিজেদের কণ্ঠেই গাজার ভয়াবহ পরিস্থিতি ও তাদের টিকে থাকার জীবনসংগ্রামের করুণ কাহিনি দর্শকদের সামনে তুলে ধরেছেন।

সুইজারল্যান্ডের ‘ফেডারেল অফিস অব কালচার’-এর মনোনয়ন কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, চলচ্চিত্রটি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে প্রিয়জন হারানোর যন্ত্রণা, নিজ বাসভূমি থেকে উচ্ছেদ হওয়া এবং শেকড় ও পরিচয়ের খোঁজের মতো গভীর মানবিক বিষয়গুলোকে উন্মোচিত করেছে। মুক্তির পর থেকেই চলচ্চিত্রটি দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এমনকি চলতি বছরের শুরুর দিকে সুইজারল্যান্ডের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘সোলোথার্ন ফিল্ম ফেস্টিভ্যাল’-এ এটি সর্বোচ্চ সম্মাননা ‘প্রিক্স দ্য সোলৌর’ অর্জন করতে সক্ষম হয়েছে।

অস্কারের আয়োজক সংস্থা ‘একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ আসন্ন এই আয়োজনের একটি সম্ভাব্য সময়সূচিও জানিয়েছে। তাদের ঘোষণা অনুযায়ী, আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক বিভাগের প্রাথমিক মনোনীত ছবিগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে সেই তালিকা থেকে বাছাই করে চূড়ান্ত পাঁচটি মনোনীত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। এরপর চূড়ান্ত পর্ব হিসেবে ১৪ মার্চ একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৯৯তম অস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


নির্বাচিত

‘আন্ধার’-এ সিয়ামের রহস্যময় গোয়েন্দা চরিত্র, প্রকাশ্যে নতুন লুক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে যে জুটির যাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ আট বছর পর সেই রায়হান রাফী ও সিয়াম আহমেদ আবারও বড় পর্দায় ফিরছেন এক নতুন ধামাকা নিয়ে। মুক্তির অপেক্ষায় থাকা ভৌতিক ও অতিপ্রাকৃত গল্পের সিনেমা ‘আন্ধার’-এ সিয়াম আহমেদকে দেখা যাবে এক দুর্ধর্ষ ও ক্লাসিক হিরোয়িক চরিত্রে, যার নাম ‘ডিটেকটিভ দেলোয়ার’। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্মাতা রাফী আনুষ্ঠানিকভাবে এই চরিত্রের লুক প্রকাশ করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।

নির্মাতা রায়হান রাফী তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন যে, তিনি সবসময় তাঁর সিনেমার নায়কদের আলাদা ও স্বতন্ত্র বৈশিষ্ট্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। ‘সুড়ঙ্গ’ বা ‘তুফান’-এর মতো সিনেমার নায়কদের চেয়ে দেলোয়ার চরিত্রটি হবে সম্পূর্ণ আলাদা। রাফীর ভাষায়, বাংলাদেশের চলচ্চিত্রে এমন একজন নায়কের প্রয়োজন ছিল যে শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো কোনো ব্যক্তিগত লাভ ছাড়াই মানুষের বিপদে পাশে দাঁড়াবে। আর এই চ্যালেঞ্জিং চরিত্রের জন্য সিয়াম আহমেদকেই সবচেয়ে যোগ্য মনে করেছেন তিনি। শুটিং শেষে রাফীর মন্তব্য, “দেলোয়ার মানেই সিয়াম। এখন এই চরিত্রে অন্য কাউকে কল্পনাই করতে পারি না।”

অভিনেতা সিয়াম আহমেদও এই নতুন চরিত্রটি নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি জানান, ডিটেকটিভ দেলোয়ার চরিত্রটি একই সাথে ‘ডিমান্ডিং’ এবং ‘ডেলিশিয়াস’, যেখানে নিজেকে বহুরূপী হিসেবে তুলে ধরার সুযোগ ছিল। সিয়ামের মতে, এই চরিত্রের পেশা গোয়েন্দাগিরি হলেও তার নিজস্ব একটি রহস্যময় ‘আন্ধার’ জগত রয়েছে। তিনি তাঁর সর্বস্ব দিয়ে চরিত্রটিকে জীবন্ত করার চেষ্টা করেছেন বলে গণমাধ্যমকে জানান।

ব্যান্ড তারকা বেজবাবা সুমন ও শাকিব চৌধুরীর গল্পে নির্মিত এই সিনেমায় সিয়াম ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, আফসানা মিমি এবং গাজী রাকায়েতের মতো তুখোড় সব অভিনয়শিল্পী। ভৌতিক থ্রিলার ঘরানার এই মেগা প্রজেক্টটি চলতি বছরের শেষ নাগাদ বড় পর্দায় মুক্তি পেতে পারে বলে জানা গেছে। সিয়াম ও রাফী জুটির এই নতুন রসায়ন আবারও দর্শক মহলে সাড়া ফেলবে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।


নির্বাচিত

বিখ্যাত রিয়ালিটি শো তারকা টাইলার ডাকওয়ার্থের রহস্যজনক মৃত্যু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়ালিটি শো ‘দ্য চ্যালেঞ্জ’ এর সুপরিচিত তারকা টাইলার ডাকওয়ার্থের মরদেহ তাঁর নিজ বাসভবনের বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার টাইলারের মা জনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ৪৪ বছর বয়সী ছেলের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তাঁর এই প্রয়াণে হলিউডের শোবিজ অঙ্গন এবং ভক্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

গ্র্যান্ড ফর্কস পুলিশ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকালে টাইলারের বাসার নিচতলার প্রতিবেশীরা লক্ষ্য করেন যে তাঁদের সিলিং দিয়ে পানি পড়ছে। কোনো উত্তর না পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে কর্মকর্তারা টাইলারের বাসায় প্রবেশ করেন এবং বাথরুম থেকে তাঁর নিস্প্রাণ দেহ উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে পুলিশ কোনো ধরনের রহস্যজনক বা নাশকতামূলক আলামত খুঁজে পায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত ও টক্সিকোলজি রিপোর্টের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

টাইলার ডাকওয়ার্থ তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৬ সালে এমটিভির ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড: কি ওয়েস্ট’ শোয়ের মাধ্যমে। পরবর্তীতে তিনি ‘দ্য চ্যালেঞ্জ’ এর বেশ কয়েকটি আসরে অংশগ্রহণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একজন দক্ষ সাঁতারু হিসেবে পরিচিত টাইলার শোবিজ জগতের বাইরে শিক্ষকতা পেশার সাথেও সম্পৃক্ত ছিলেন। উল্লেখ্য যে, মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগেই তিনি মিনিয়াপলিসে একটি প্রকাশ্য ইভেন্টে অংশ নিয়েছিলেন এবং সহকর্মীদের সাথে হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেছিলেন।


নির্বাচিত

রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন জিৎ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

আলোচিত নির্মাতা রায়হান রাফীর প্রতীক্ষিত সিনেমা ‘লায়ন’ নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন টালিউড সুপারস্টার জিৎ। দীর্ঘ দুই বছর আগে ঘটা করে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও অভিনেতা এখন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি এই প্রজেক্টে আর অভিনয় করছেন না। বর্তমানে নিজের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রচারণায় ব্যস্ত জিতের এই মন্তব্যে হতাশ হয়েছেন দুই বাংলার ভক্তরা।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জিৎ ‘লায়ন’ নিয়ে তাঁর অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, সিনেমাটি না হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। তাঁর মতে, যে প্রযোজকের মাধ্যমে এই পরিকল্পনার শুরু হয়েছিল, তিনি বর্তমানে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ ও ভারতের বর্তমান কূটনৈতিক সম্পর্ক এবং মাঝখানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রজেক্টটি থমকে যায়। জিৎ বলেন, “যখন একটি বিষয় থেমে যায়, তখন সেটি আবার শুরু করতে অনেক সময় লেগে যায়।” নির্মাতা রায়হান রাফী পুনরায় কাজ শুরুর আগ্রহ দেখালেও জিৎ ব্যক্তিগতভাবে আর এই প্রজেক্টে যুক্ত হতে রাজি হননি।

২০২৪ সালে জিতের জন্মদিনে বড় বাজেট ও যৌথ প্রযোজনার এই সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল, যেখানে বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের অভিনয়ের কথা ছিল। যদিও জিৎ সিনেমাটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, তবে নির্মাতা রায়হান রাফীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। জিতের এই সরে দাঁড়ানোর খবরটি বিনোদন প্রেমীদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।

তবে ‘লায়ন’ না হলেও রায়হান রাফী তাঁর অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাঁর পরিচালিত তারকাবহুল সিনেমা ‘আন্ধার’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি আগামী অক্টোবর মাস থেকেই আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, যা চলতি বছরের ডিসেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে।


নির্বাচিত

বাংলাদেশে মুক্তি পেল ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

হলিউডের সাড়াজাগানো নতুন সায়েন্স ফিকশন ও সারভাইভাল থ্রিলার সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ বিশ্বজুড়ে মুক্তির সাথে একই দিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে। আজ শুক্রবার থেকে রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় সিনেমাটির নিয়মিত প্রদর্শনী শুরু হয়েছে। প্রখ্যাত নির্মাতা ডেভিড রবার্ট মিশেলের পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর এবং মেইসি স্টেলার মতো তুখোড় তারকারা।

সিনেমাটির কাহিনী আবর্তিত হয়েছে আশির দশকের একটি শান্ত শহরতলীতে বসবাসকারী একটি পরিবারকে ঘিরে। হঠাৎ এক মহাজাগতিক দুর্ঘটনায় ওক স্ট্রিটের সেই এলাকাটি পরিচিত জগত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এক বিশাল খাদের ওপাড়ে প্রাগৈতিহাসিক ভয়ংকর ডাইনোসরের জগতে আটকা পড়ে। বিপদসংকুল সেই অজানা পরিবেশে পরিবারের সদস্যদের বেঁচে থাকার লড়াই এবং নিজেদের পৃথিবীতে ফেরার আকুতি নিয়েই সিনেমার শ্বাসরুদ্ধকর কাহিনী এগিয়েছে।

পরিচালক ডেভিড রবার্ট মিশেল জানান, মিশিগানে তাঁর শৈশব কাটানোর সময় নিজের আশপাশের গলিগুলো নিয়ে তাঁর যে রোমাঞ্চকর ভাবনা কাজ করত, মূলত সেখান থেকেই এই সিনেমার ধারণাটি এসেছে। তিনি পরিচিত ও নিরাপদ পারিবারিক আবহে হঠাৎ ঢুকে পড়া অস্বাভাবিক আতঙ্ক ও মানুষের টিকে থাকার সংগ্রামকে পর্দায় জীবন্ত করার চেষ্টা করেছেন। বিশেষ করে অ্যান হ্যাথাওয়ের আবেগময় ও শক্তিশালী অভিনয়ের প্রশংসা করেছেন পরিচালক।


নির্বাচিত

কলকাতার ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের তিন চলচ্চিত্র

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

কলকাতায় অনুষ্ঠিতব্য ৫ম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের দুটি আলোচিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’ এবং ‘মানুষের বাগান’ নির্বাচিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি শ্রেষ্ঠ চলচ্চিত্রের সাথে এই ছবি দুটি সেরা ফিচার ফিল্মের মর্যাদাপূর্ণ ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ এবং ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’-এর জন্য লড়াই করবে। এছাড়া প্রামাণ্যচিত্র বিভাগে বাংলাদেশ-যুক্তরাজ্যের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মামুন-ইন প্রেইজ অব শ্যাডোজ’ নির্বাচিত হয়েছে, যা ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন ও সিলভার অ্যাওয়ার্ড’ পাওয়ার দৌড়ে শামিল হবে।

পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ চলচ্চিত্রটি কোভিড-১৯ লকডাউনের প্রেক্ষাপটে ভিন্ন আর্থসামাজিক অবস্থানের দুই নারীর মানবিক ও মানসিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং মহসিনা আক্তার। ছবিটির অন্যতম প্রযোজক আবু শাহেদ ইমন এই নির্বাচনকে নতুন দর্শকদের কাছে পৌঁছানোর একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। উল্লেখ্য, এই সিনেমাটি ইতোমধ্যে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হয়েছে এবং পরিচালক পিপলু আর খান এর জন্য সমালোচক বিভাগে সেরা পরিচালকের পুরস্কার লাভ করেছেন।

অন্যদিকে, নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ সিনেমাটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি স্বতন্ত্র গল্পের সমন্বয়ে নির্মিত। ২০১৮ সালে কাজ শুরু হওয়া এই ছবিটি দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির আলো দেখেছে এবং সম্প্রতি ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া এবং জ্যোতিকা জ্যোতির মতো দক্ষ অভিনয়শিল্পীরা।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়ন আয়োজিত এই উৎসবটি আগামী ৮ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতার ঐতিহাসিক নন্দন চত্বরে অনুষ্ঠিত হবে। উৎসবের অংশ হিসেবে আরও থাকছে প্রখ্যাত জার্মান নির্মাতা আলেকজান্ডার ক্লুগের চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী।


নির্বাচিত

দুই যুগ পর ভারতের প্রেক্ষাগৃহে সালমান-সঞ্জয় জুটির প্রত্যাবর্তন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

বলিউডের দুই আইকনিক তারকা সালমান খান ও সঞ্জয় দত্ত দীর্ঘ দুই যুগ পর আবারও বড় পর্দায় এক সাথে ধরা দিচ্ছেন। তবে এবার কোনো ভারতীয় প্রজেক্টে নয়, বরং একটি আন্তর্জাতিক মানের অ্যাকশন চলচ্চিত্রে তাঁদের দেখা যাবে। ‘সেভেন ডগস’ নামের এই সিনেমাটির ট্রেলার গত বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। ছবিটির মাধ্যমে ১৯৯১ সালের ‘সাজন’ খ্যাত এই জনপ্রিয় জুটির অনবদ্য রসায়ন আবারও দেখার সুযোগ পাবেন দর্শকরা।

মধ্যপ্রাচ্যভিত্তিক এই বিশ্বমানের অ্যাকশন ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ‘ব্যাড বয়েজ’ ফ্র্যাঞ্চাইজি খ্যাত প্রখ্যাত পরিচালক আদিল এল আরবি এবং বিলাল ফাল্লাহ। হলিউড স্টাইলে নির্মিত এই সিনেমায় ভারত, মিশর, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের একঝাঁক প্রতিভাবান অভিনয়শিল্পীকে একসাথে দেখা যাবে। সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে ‘সেভেন ডগস’ নামক একটি আন্তর্জাতিক অপরাধচক্র এবং তাদের উদ্ভাবিত ‘পিংক লেডি’ নামক এক ভয়ংকর মাদককে কেন্দ্র করে।

সিনেমাটি মূলত আরবি ও ইংরেজি ভাষায় চিত্রায়িত হলেও পরবর্তীতে বিভিন্ন বৈশ্বিক ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) ও ‘রিয়াদ সিজন’-এর বিশেষ সহযোগিতায় এটি প্রযোজনা করেছে সেলা স্টুডিওস। ইতোমধ্যে গত ২২ মে মিশরের কায়রোতে সিনেমাটির জমকালো বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে এবং এর কিছুদিন পরেই মধ্যপ্রাচ্যজুড়ে তা মুক্তি পেয়েছে। তবে ভারতীয় দর্শকদের জন্য বিশেষ খবর হলো, আগামী ২১ আগস্ট সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৯১ সালে ‘সাজন’ সিনেমার মাধ্যমে সালমান-সঞ্জয় জুটি ইতিহাস সৃষ্টি করেছিল। পরবর্তীতে ‘চল মেরে ভাই’ (২০০০) এবং ‘ইয়ে হ্যায় জালওয়া’ (২০০২) সিনেমাতেও তাঁদের একসাথে দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর মাঝখানে একটি মিউজিক ভিডিওতে একসাথে কাজ করলেও বড় পর্দায় তাঁদের এই প্রত্যাবর্তনকে ভক্তরা বিশেষ গুরুত্বের সাথে দেখছেন। ট্রেলারে তাঁদের উপস্থিতিতে দুর্ধর্ষ অ্যাকশন ও রহস্যের ইঙ্গিত পাওয়া গেছে, যা দর্শকদের বাড়তি উন্মাদনা জোগাচ্ছে।


নির্বাচিত

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে অ্যান হ্যাথাওয়ের নতুন সিনেমা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

অস্কার, বাফটা ও গোল্ডেন গ্লোবজয়ী নন্দিত হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে অভিনীত নতুন সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমা দিয়ে বাজিমাত করার পর এবার ডেভিড রবার্ট মিশেল নির্মিত এই সারভাইভাল মিস্ট্রি সিনেমা নিয়ে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী। আগামী শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমাটি নিয়মিত প্রদর্শিত হবে বলে বুধবার রাতে হল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অ্যান হ্যাথাওয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা এবং ক্রিশ্চিয়ান কনভেরির মতো জনপ্রিয় তারকারা। প্রথিতযশা এই অভিনয়শিল্পীদের একসঙ্গে পর্দায় টিকে থাকার লড়াই করতে দেখার সুযোগ পাবেন দেশের সিনেমাপ্রেমীরা।

সিনেমাটির মূল গল্প আবর্তিত হয়েছে ১৯৮০-এর দশকের একটি সাধারণ শহরতলীতে বসবাসরত প্ল্যাট পরিবারকে ঘিরে। তাদের স্বাভাবিক জীবনে হঠাৎ একদিন এক রহস্যময় মহাজাগতিক ঘটনা ঘটে, যার প্রভাবে পুরো ওক স্ট্রিট যেন পৃথিবীর চেনা জায়গা থেকে উপড়ে অন্য কোনো এক অজানা জগতে চলে যায়। এই অদ্ভুত ঘটনার পর তাদের বাড়ি, রাস্তা এবং আশপাশের পুরো পরিবেশ সম্পূর্ণভাবে বদলে যায়, যা পরিবারটিকে চরম বিভ্রান্তি ও আতঙ্কের মুখে ফেলে দেয়।

বাড়ি থেকে বাইরে বের হওয়ার পর পরিবারটি আবিষ্কার করে যে তাদের পরিচিত শহরতলীর বদলে ওক স্ট্রিটের সামনে এখন বিশাল এক অচেনা জঙ্গল এবং রাস্তার শেষ অংশ একটি বিশাল খাদের কাছে গিয়ে থেমে গেছে। চারপাশের প্রাগৈতিহাসিক পরিবেশের পাশাপাশি সেখানে ডাইনোসর ঘুরে বেড়াতে দেখা যায়। এরপরই সিনেমাটি খাবার, নিরাপত্তা ও নিজেদের সন্তানদের রক্ষা করে একটি পরিবারের টিকে থাকার ভয়ংকর সংগ্রামের গল্প হয়ে ওঠে। প্ল্যাট পরিবার কি সেই অদ্ভুত রহস্যময় পরিবেশ থেকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে, সেই রোমাঞ্চকর প্রশ্নের উত্তর মিলবে প্রেক্ষাগৃহে।


নির্বাচিত

banner close