মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

অংশীদারত্বের রাজনীতিই গণতন্ত্রের চাবিকাঠি

আলী রীয়াজ।
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২ অক্টোবর, ২০২২ ১০:৩৭

আলী রীয়াজ

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজের জন্ম ৩ এপ্রিল ১৯৫৮ সাল, ঢাকায়। তিনি ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পড়াশোনা শেষ করেন। দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং রাজনৈতিক ইসলাম বিষয়ের বিশেষজ্ঞ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার স্বীকৃতির প্রতি সম্মান জানিয়ে ইলিনয় স্টেট ইউনিভার্সিটি ২০১২ সালে ডক্টর রীয়াজকে ‘ইউনিভার্সিটি প্রফেসর’ পদে ভূষিত করে। বাংলাদেশের ৫০ বছরে গণতান্ত্রিক ব্যবস্থার অর্জন, জনগণের আকাঙ্ক্ষা, বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতিতে বাংলাদেশ গণতন্ত্রের অগ্রসরতা এবং সীমাবদ্ধতাসহ আগামীতে এখানকার গণতান্ত্রিক ব্যবস্থার সম্ভাবনা নিয়ে দৈনিক বাংলার মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন অনিন্দ্য আরিফ

দৈনিক বাংলা: মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হওয়ার নেপথ্যের অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। যে পরিপ্রেক্ষিতেই আমাদের স্বাধীন দেশের সংবিধানে গণতন্ত্রের জন্য একটি বড় জায়গা দেয়া হয়েছিল। স্বাধীনতার পঞ্চাশ বছরে এসে একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক অর্জনগুলোকে কীভাবে মূল্যায়ন করছেন?

আলী রীয়াজ: প্রথমেই আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের দিকেই নজর দিতে পারি। এই ঘোষণাপত্রের আইনি এবং নৈতিক ভিত্তি হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচন, জনগণের ম্যান্ডেট এবং জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি। এগুলো হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। এর সঙ্গে আছে জবাবদিহিতার ব্যবস্থা, আইনের শাসন এবং নাগরিকের মৌলিক অধিকারের সুরক্ষা। বাংলাদেশের গত ৫০ বছরের ইতিহাসে এই বিষয়গুলো বারবার উপেক্ষিত হয়ে আসছে। সেই বিবেচনায় বাংলাদেশের অর্জন সীমিত, বারবার এর সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রাষ্ট্র ১৯৯০-এর পরে এই পথে যতটা অগ্রসর হয়েছিল দুর্ভাগ্য হচ্ছে, গত দেড় দশকে তা থেকে কেবল সরে এসেছে তা নয়, পেছনের দিকে যাত্রা করেছে।

দৈনিক বাংলা: ১৯৭৫-এর শোকাবহ পটপরিবর্তনের পর থেকে দীর্ঘদিনের সামরিক শাসনের অবসান ঘটিয়ে ১৯৯০-এর পর নির্বাচনী গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন?

আলী রীয়াজ: বাংলাদেশের সূচনালগ্নে গণতন্ত্রের প্রতিশ্রুতি ছিল, চর্চাও শুরু হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা তার অবসান ঘটাল। সেই অধ্যায়ের অবসান হলো অত্যন্ত মর্মান্তিকভাবে। শোকাবহ বললে ১৯৭৫ সালের ঘটনা প্রবাহের তাৎপর্য এবং প্রভাব পুরোটা বোঝা যায় না। এতে করে সেনাশাসনের সূচনাই হলো তা নয়, বাংলাদেশে গণতন্ত্রের গতিপথও বদলে গেল। ১৯৯০ সালে গণতন্ত্রায়নের পথে যাত্রার সূচনায় নির্বাচনী গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, এটা ইতিবাচক অগ্রগতি। কিন্তু গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার উদ্যোগ থাকল না। উপরন্তু সংবিধানের দ্বাদশ সংশোধনী সাংবিধানিকভাবেই প্রধানমন্ত্রীর শাসনের, এক ব্যক্তির শাসনের পথ উন্মুক্ত করল। সাংবিধানিক এই ব্যবস্থার পাশাপাশি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চার বদলে অসহিষ্ণুতা বাড়ল, প্রতিষ্ঠানকে দলের স্বার্থে ব্যবহার করার ধারা শক্তিশালী করা হলো। এ সময় কর্তৃত্ববাদী প্রবণতার বিরুদ্ধে একটা রক্ষাকবচ ছিল- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন। এই ব্যবস্থার অবসান গণতন্ত্রের শেষ রক্ষাকবচটিকেই অপসারণ করেছে।

দৈনিক বাংলা: স্বাধীনতার পর গণতন্ত্রের জন্য সংগ্রামে দীপালি-কাঞ্চন-জয়নাল, রাইফুন বসুনিয়া, নূর হোসেন, ডা. মিলনের মতো অসংখ্য মানুষের সাহসী বলিদান কি এখানকার মানুষের গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে না?

আলী রীয়াজ: তাদের আত্মদানের গুরুত্ব অপরিসীম। এরা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। কিন্তু গত ৫০ বছরে গণতন্ত্রের জন্য আরও অনেক আত্মদান আমরা প্রত্যক্ষ করেছি। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা কেবল আন্দোলনের মধ্যেই প্রকাশিত তা কিন্তু নয়, যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে মানুষ তাতে ব্যাপকভাবে অংশ নিয়েছে। নাগরিকদের যে রাজনীতি নিয়ে আলোচনা করার একটা প্রবণতা ছিল সেটাও কিন্তু এই আকাঙ্ক্ষার প্রতিফলন। নাগরিকরা যেকোনোভাবেই হোক রাজনীতিতে, শাসনব্যবস্থায় অংশ নিতে চান, ক্ষমতাসীনদের প্রশ্ন করতে চান- এটাই তো গণতন্ত্রের মূলকথা।

দৈনিক বাংলা: সাম্প্রতিক সময়ে বৈশ্বিক প্রেক্ষাপটে সমাজবাদী গণতন্ত্র এবং উদারনৈতিক গণতন্ত্র দুর্বল হয়ে জনতুষ্টিমূলক কর্তৃত্ববাদের ঢেউ উঠছে। সেখানে আমাদের এখানকার গণতন্ত্রকে কীভাবে সবল রেখে চালিয়ে নেয়া যায়?

আলী রীয়াজ: জনতুষ্টিবাদী কর্তৃত্ববাদের ঢেউ থেকে দক্ষিণ এশিয়া মুক্ত নয়, বাংলাদেশও নয়। আপনি বলছেন ‘গণতন্ত্রকে সবল রেখে চালিয়ে নেয়ার’ কথা। এখন যে শাসন দেখছি তাকে সবল করা বা এগিয়ে নেয়ার কারণ দেখি না। দুটো নির্বাচন হয়েছে ভোটারদের প্রায় অংশগ্রহণ ছাড়া, এমন সব আইন চালু করা হয়েছে, যা মানুষের বাকস্বাধীনতা প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছে, সমাবেশের অধিকার কেবল সরকারের ইচ্ছার ওপরে নির্ভরশীল, আইনের শাসন প্রশ্নবিদ্ধ। ফলে জনগণের অধিকার এবং গণতন্ত্রের পথে পুনর্যাত্রার জন্য এখন দরকার অংশগ্রহণমূলক রাজনীতি ও অবাধ নির্বাচনের বিষয়ে জোর দেয়া। এর আর কোনো বিকল্প নেই।

দৈনিক বাংলা: গণতন্ত্র এবং উন্নয়ন কি একই পথরেখা দিয়ে অগ্রসর হতে পারে?

আলী রীয়াজ: অবশ্যই চলতে পারে। শুধু পারে তা নয়, সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত। উন্নয়ন মানে হচ্ছে মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, কল্যাণ নিশ্চিত করা। প্রত্যেককে তার ভাগ্য নির্ধারণের পথ উন্মুক্ত করে দেয়া, তার সম্ভাবনার বাস্তবায়নের পথে বাধাগুলো সরিয়ে দেয়া। আর তা করতে হবে নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে। সেটাই তো গণতন্ত্র। ফলে গণতন্ত্র বাদ দিয়ে যা তা উন্নয়ন নয়, প্রবৃদ্ধি হতে পারে বড় জোর, তার সুবিধা পাবে সীমিত সংখ্যক মানুষ। এই দুটোকে পরস্পরের মুখোমুখি করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত। উদ্দেশ্য হচ্ছে একটা অগণতান্ত্রিক ব্যবস্থার যৌক্তিকতা তৈরি করা। ফলে যারা আকারে-ইঙ্গিতে বা সরাসরি বলেন গণতন্ত্র এবং উন্নয়ন একরেখায় চলে না তারা আসলে গণতন্ত্র চান না।

দৈনিক বাংলা: দেশে গণতন্ত্র নিশ্চিত করে রাজনৈতিক দল এবং নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর কেমন ভূমিকা থাকা প্রয়োজন?

আলী রীয়াজ: যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থায়ই দলের ভূমিকা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দল বাদ দিয়ে তো গণতন্ত্র হয় না। সেই ভূমিকা পালন করতে দলকে কেবল ব্যক্তির অনুসারী হলে হবে না, তাকে হয়ে উঠতে হবে আদর্শের প্রতিনিধি এবং গণতন্ত্রের প্রতি নিবেদিত। দলকেও গণতন্ত্র চর্চা করতে হয়। ক্ষমতায় যাওয়া দলের লক্ষ্য। কিন্তু তাকে বিবেচনা করতে হবে সে বিরোধী দল হলে ক্ষমতাসীন দলের কাছ থেকে কী আচরণ আশা করত; ক্ষমতাসীন দল হিসেবে তাকে সেই আচরণ করতে হবে। মনে রাখা দরকার, গণতন্ত্র মানে সংখ্যাগুরুর নিপীড়ন নয়, সংখ্যালঘুর নিরাপত্তার রক্ষাকবচ। দল কেবল সীমিত সময়ের জন্য দায়িত্ব পালনের ম্যান্ডেট পেতে পারে। নির্বাচনী প্রতিষ্ঠান হচ্ছে একটি শাসনব্যবস্থায় জবাবদিহিমূলক শাসনের প্রথম ধাপ। জবাবদিহিতা কেবল নির্বাচনের মধ্যেই সীমিত নয়, কিন্তু নির্বাচনী প্রতিষ্ঠানগুলো যদি দায়িত্ব পালন না করে তবে একটি জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে উঠতে পারে না। এটাও মনে রাখা দরকার যে, নির্বাচনী প্রতিষ্ঠাগুলো জনগণের কাছে দায়বদ্ধ, তাদের কাছে জবাবদিহি করতে বাধ্য।

দৈনিক বাংলা: গণমাধ্যমের ভূমিকা কেমন থাকতে পারে?

আলী রীয়াজ: গণমাধ্যম হচ্ছে সিভিল সোসাইটির অংশ। গণতান্ত্রিক রাষ্ট্র ও শাসনব্যবস্থার একটি প্রয়োজনীয় উপাদান হচ্ছে সিভিল সোসাইটি। যারা নাগরিকদের স্বার্থ এবং ইচ্ছাকে প্রতিনিধিত্ব করে, রাষ্ট্র এবং রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রভাবের বাইরে থাকে সেই সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত রূপই হলো সিভিল সোসাইটি। সিভিল সোসাইটির কাজ হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা- রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল এবং অন্যান্য ক্ষমতাশালীদের। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের কাজ হচ্ছে আনুভূমিক বা হরাইজেন্টাল জবাবদিহিতার কাজ করা। যেখানে গণতন্ত্র দুর্বল বা অনুপস্থিত সেখানে গণমাধ্যমের এই ভূমিকা আরও বেশি করে পালন করার দরকার হয়ে পড়ে।

দৈনিক বাংলা: আপনি তো দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর গণতন্ত্র নিয়ে কাজ করছেন। সেখান থেকে এই অঞ্চল এবং আমাদের দেশের গণতন্ত্র নিয়ে আপনার পর্যবেক্ষণ কী বলছে?

আলী রীয়াজ: আমি আগেই যেটা বলেছি তা হলো, দক্ষিণ এশিয়ায় আমরা গণতন্ত্রের আশানুরূপ বিকাশ দেখতে পাচ্ছি না। এই অঞ্চলে ভারতকে একটা শক্তিশালী গণতন্ত্র বলে বিবেচনা করা হতো। কিন্তু গত কয়েক বছরে তার ব্যাপক ক্ষয় দৃশ্যমান হয়েছে, নরেন্দ্র মোদি এবং বিজেপি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করছেন। শ্রীলঙ্কায় কার্যত একটি পরিবারের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, একটা বড় ধরনের আন্দোলনের মধ্য দিয়ে রাজাপক্ষের পরিবার আপাতত ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু গণতন্ত্রের পথযাত্রা মসৃণ হয়েছে এমন বলার সময় আসেনি। পাকিস্তানে গণতন্ত্রের যাত্রা দীর্ঘদিন ধরেই বারবার হোঁচট খাচ্ছে, একভাবে তাতে অগ্রগতিও হচ্ছে। বাংলাদেশে গণতন্ত্রের পশ্চাৎযাত্রা সহজেই দৃশ্যমান। কিন্তু তা সত্ত্বেও যেটা আশার বিষয় সেটা হচ্ছে- পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কা সব জায়গায়ই জনগণের মধ্যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা আছে, একই ধরনের আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের মধ্যেও আছে। এসব দেশে অনেক রাজনৈতিক দল সেই আকাঙ্ক্ষার পক্ষে লড়ছেন, সিভিল সোসাইটির প্রতিরোধ আছে। ফলে আমি এখনও আশা করি বৈশ্বিকভাবে এবং এ অঞ্চলে এই অবস্থার অবসান হবে।

দৈনিক বাংলা: বাংলাদেশের জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ কেমন হারে বৃদ্ধি পেয়েছে? সেখান থেকে আমাদের আশাবাদের কেমন জায়গা রয়েছে?

আলী রীয়াজ: গণতান্ত্রিক মূল্যবোধ বলতে যদি আপনি পরমতসহিষ্ণুতা, সকলের সমতার প্রতি অঙ্গীকার বোঝেন তবে বলতে হবে সেটা খুব বেশি বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু সমাজে এই ধারণাগুলো বিকশিত হয় প্রাতিষ্ঠানিক গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে, রাষ্ট্রের আচরণের মধ্য দিয়ে। সেখানে যেহেতু ব্যত্যয় ঘটছে, যেহেতু ক্ষমতাসীনরাই এক ধরনের বিভাজনকে উস্কে দিচ্ছেন, আইনের সমান প্রয়োগ করছেন না, সেহেতু এই মূল্যবোধ বিকাশের জায়গাটা সীমিত হয়ে যাচ্ছে। আবার একই ধরনের মনোভাব যারা ক্ষমতার বাইরে আছেন তাদের ভেতরেও দেখতে পাই। তাদের মতকে চূড়ান্ত বলে বিবেচনা করা এটাও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য ইতিবাচক নয়। আশার জায়গা হচ্ছে, এগুলো অপরিবর্তনীয় নয়। রাজনীতি এবং শাসনব্যবস্থায় অংশগ্রহণমূলক ব্যবস্থা তৈরি করা গেলে এই ধারাটা বদলানো সম্ভব। কেননা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও আগ্রহ হচ্ছে অংশীদারত্বের।

দৈনিক বাংলা: আমাদের জনসংখ্যার বড় জায়গায় তরুণরা রয়েছে। এই তারুণ্যের গণতন্ত্রের প্রতি আস্থা কতটুকু? তাদের জন্য গণতন্ত্র কি সমৃদ্ধ আশাবাদের জায়গা তৈরি করতে পারে?

আলী রীয়াজ: সর্বশেষ জনশুমারির তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যার ২৭ দশমিক ৮২ শতাংশই তরুণ। সংখ্যায় সাড়ে চার কোটির বেশি। এই যে তরুণ নাগরিক গোষ্ঠী তাদের মধ্যে গণতন্ত্রের প্রতি আস্থার কোনো সংকট নেই। এখন পর্যন্ত আমি এমন কোনো জরিপ দেখিনি যেখানে সংখ্যাগরিষ্ঠ তরুণ বলছেন যে, তারা গণতন্ত্রের কোনো বিকল্পকে গ্রহণযোগ্য মনে করেন। ২০১১ সালে ব্র্যাকের করা একটি জরিপ, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষে থেকে করা ইয়ুথ পারসেপশন সার্ভে, ২০১৫ সালে ব্রিটিশ কাউন্সিলের করা জরিপ, ২০১৮ সালের ব্র্যাকের করা জরিপের কোথাও কিন্তু আমি দেখছি না যে, তারা গণতন্ত্রের বিকল্প চান। যা দেখা যাচ্ছে তারা প্রচলিত রাজনীতির ব্যাপারে আস্থাশীল নন, কিন্তু তারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। দেশের নীতিনির্ধারক এবং রাজনীতিবিদদের কাজ হচ্ছে এই আশাবাদকে কাজে লাগানোর পথ বের করা- তাদের রাজনীতিবিমুখ না করে রাজনীতিতে তাদের যুক্ত করা। সেটার জন্য দরকার সুস্থ গণতন্ত্র, দরকার অংশগ্রহণমূলক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা।

দৈনিক বাংলা: আগামীতে এই তরুণদের সামনে যে বাংলাদেশ হাজির হবে, সে সময়ে তাদের কাছে গণতন্ত্রের কী কী সম্ভাবনা হাজির করা যেতে পারে? আমাদের অর্থনীতি এখন যে জায়গায় পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে, সেই সম্ভাব্য উন্নত সময়ে কোনো পর্যায়ের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়া যেতে পারে?

আলী রীয়াজ: আগামীতে যে বাংলাদেশ তৈরি হবে সেটা তো তরুণরাই তৈরি করবেন। সেই বাংলাদেশ তো একটি দলের, একটি গোষ্ঠীর, একটি আদর্শের অনুসারীদের বাংলাদেশ হতে পারে না। কাউকে বাদ দিয়ে তো আগামীর বাংলাদেশ নয়। অর্থনীতির যে সম্ভাবনার কথা আপনি ইঙ্গিত করছেন সেখানে তরুণদের জন্য কী ধরনের সম্ভাবনা তৈরি করা হচ্ছে সেটা ভাবা দরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ২০১৬ সালের শ্রমশক্তি জরিপের তথ্য বলছে, দেশে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি। বিআইডিএসের দেয়া তথ্য অনুযায়ী, দেশে শিক্ষিত মানুষের মধ্যেই বেকারের হার বেশি। ৪৭ শতাংশ শিক্ষিতই বেকার। এরাই তরুণ সমাজ। দেশে প্রতি বছর যে ২০ লাখ মানুষ শ্রমশক্তিতে যোগ দেন তারাই তরুণ। তাদের বড় অংশের জন্য কাজের ব্যবস্থা হচ্ছে না। বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনাকে অর্জন করতে হলে, তরুণদের অংশগ্রহণের জায়গাটি নিশ্চিত করতে হলে গণতন্ত্র দরকার, অংশগ্রহণমূলক অর্থনৈতিক ব্যবস্থা দরকার।

অর্থনীতির যে সম্ভাবনার কথা আপনি ইঙ্গিত করছেন সেখানে তরুণদের জন্য কী ধরনের সম্ভাবনা তৈরি করা হচ্ছে সেটা ভাবা দরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ২০১৬ সালের শ্রমশক্তি জরিপের তথ্য বলছে, দেশে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি। বিআইডিএসের দেয়া তথ্য অনুযায়ী, দেশে শিক্ষিত মানুষের মধ্যেই বেকারের হার বেশি। ৪৭ শতাংশ শিক্ষিতই বেকার। এরাই তরুণসমাজ। দেশে প্রতিবছর যে ২০ লাখ মানুষ শ্রমশক্তিতে যোগ দেন তারাই তরুণ। তাদের বড় অংশের জন্য কাজের ব্যবস্থা হচ্ছে না। বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনাকে অর্জন করতে হলে, তরুণদের অংশগ্রহণের জায়গাটি নিশ্চিত করতে হলে গণতন্ত্র দরকার, অংশগ্রহণমূলক অর্থনৈতিক ব্যবস্থা দরকার


নির্বাচিত

আজ অপ্রয়োজনীয় বন্ধু ছাঁটাইয়ের দিন

আজ ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’
ছবি: এআই নির্মিত
আপডেটেড ১৭ নভেম্বর, ২০২৬ ১৩:১৯
অনলাইন ডেস্ক

আজ ১৭ নভেম্বর ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’। সামাজিক যোগাযোগমাধ্যমের দীর্ঘ বন্ধু তালিকায় থাকা স্কুলজীবনের পুরোনো সহপাঠী, সাবেক সহকর্মী, দূরসম্পর্কের আত্মীয় কিংবা বছরের পর বছর যোগাযোগহীন অসংখ্য মানুষের ভিড় থেকে অপ্রয়োজনীয় ভার্চুয়াল সংযোগগুলো ঝালাই করার কথাই স্মরণ করিয়ে দেয় দিনটি। কারও পোস্ট বিরক্তির কারণ হলে, যোগাযোগ না থাকলে কিংবা সম্পর্ক রাখার প্রয়োজন ফুরিয়ে গেলে কেবল বন্ধু তালিকার আকার বড় না করে স্বস্তিদায়ক ও অর্থবহ সংযোগ বজায় রাখাই এর মূল বার্তা। প্রতি বছর ১৭ নভেম্বর দিনটি পালিত হলেও এটি জাতিসংঘ কিংবা কোনো সরকারি সংস্থার স্বীকৃত দিবস নয়; মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক একটি মজার উদ্যোগ হিসেবেই এর যাত্রা শুরু।

দিবসটির সূচনা হয় ২০১০ সালে, যখন মার্কিন টেলিভিশন উপস্থাপক ও কৌতুকশিল্পী জিমি কিমেল তাঁর জনপ্রিয় অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’-এ দিনটির ঘোষণা দেন। সে সময় তিনি অভিমত দেন যে, ফেসবুকে হাজার হাজার মানুষকে বন্ধু হিসেবে যুক্ত রাখলেও বাস্তবে এত মানুষের সঙ্গে গভীর বন্ধুত্ব বজায় রাখা সম্ভব নয়; তাই যাঁদের সঙ্গে প্রকৃত কোনো সম্পর্ক নেই, তাঁদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান তিনি। কিমেলের যুক্তি ছিল, বন্ধুত্ব একটি বিশেষ সম্পর্ক এবং কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকলেই কাউকে প্রকৃত বন্ধু বলা যায় না। তাঁর এই মজার আহ্বান দ্রুতই ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এরপর থেকেই প্রতি বছর ১৭ নভেম্বর ন্যাশনাল আনফ্রেন্ড ডে হিসেবে পরিচিতি লাভ করে।

তবে এ দিনের মূল উদ্দেশ্য কাউকে অপমান করা বা ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করা নয়, বরং নিজের অনলাইন পরিসরকে পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক রাখা। দীর্ঘদিন যাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই, যাঁকে বাস্তবে চেনা জানা নেই কিংবা যাঁর পোস্ট নিয়মিত বিরক্তির উদ্রেক করে, তাঁকে বন্ধু তালিকায় রাখা প্রয়োজন কি না তা ভেবে দেখা যেতে পারে। অবশ্য কাউকে আনফ্রেন্ড করার আগে সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরের বাস্তব সম্পর্কের কথাও মনে রাখা জরুরি। কোনো ভুল বোঝাবুঝি বা সাময়িক বিরক্তির কারণে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়; বিশেষ করে আত্মীয়, সহকর্মী কিংবা পরিচিত কারও ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের আগে সার্বিক পরিস্থিতি বিবেচনা করাই শ্রেয়।

সব ক্ষেত্রেই কাউকে আনফ্রেন্ড করা একমাত্র সমাধান নয়। ফেসবুকে কাউকে আনফ্রেন্ড করলে তিনি বন্ধু তালিকা থেকে বাদ পড়েন; তবে তাঁর সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে শুধু পোস্ট দেখতে না চাইলে আনফলো করার সুযোগ রয়েছে, আর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে চাইলে ব্লক করার বিকল্পও খোলা আছে। ন্যাশনাল আনফ্রেন্ড ডে মনে করিয়ে দেয়, অনলাইনে পরিচিত মানুষের সংখ্যা বেশি হলেই সম্পর্কের গভীরতা বাড়ে না। তাই আজ নিজের বন্ধু তালিকাটি একবার দেখে নিয়ে অপ্রয়োজনীয় সংযোগ বাদ দেওয়ার পাশাপাশি যাঁরা সত্যিই গুরুত্বপূর্ণ, তাঁদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও ভাবা যেতে পারে।

বিষয়:

নির্বাচিত

আজ বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে 'সিঙ্গেলস ডে'

সিঙ্গেলদের 'বিশেষ দিন' আজ
ছবি: সংগৃহীত
আপডেটেড ১১ নভেম্বর, ২০২৬ ১১:৩৩
দৈনিক বাংলা ডেস্ক

প্রতি বছর এগারোই নভেম্বর বিশ্বজুড়ে বিশেষ আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। মূলত অবিবাহিত কিংবা একাকী থাকা ব্যক্তিদের নিজস্ব জীবনধারা উদযাপন এবং আত্মপ্রেম বা নিজের প্রতি ভালোবাসা প্রকাশের দিন হিসেবে এটির পরিচিতি গড়ে উঠলেও সময়ের পরিক্রমায় এটি এখন বিশ্বের অন্যতম প্রধান ভার্চুয়াল বাণিজ্য ও কেনাকাটার মহোৎসবে পরিণত হয়েছে।

দিবসটির গোড়াপত্তন হয়েছিল গত শতাব্দীর নব্বইয়ের দশকে চীনের ঐতিহ্যবাহী নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে। একা থাকা তরুণ-তরুণীরা নিজেদের নিঃসঙ্গতাকে ইতিবাচক ভাবনায় রূপ দিয়ে নিজেদের পছন্দের উপহার কিনে দিনটি স্মরণীয় করে রাখার প্রচলন শুরু করেছিলেন। তারিখের দিক থেকেও দিনটির এক বিশেষ রূপক তাৎপর্য রয়েছে; সংখ্যায় প্রকাশ করলে ১১ নভেম্বরের রূপ দাঁড়ায় ১১/১১, যেখানে উপস্থিত রয়েছে চারটি ‘১’। এই প্রতিটি একক সংখ্যা অবিবাহিত বা একা মানুষের প্রতীক হিসেবে গণ্য হওয়ায় দিনটি বৈশ্বিক পরিসরে দ্রুত জনপ্রিয়তা লাভ করে।

পরবর্তীকালে ব্যক্তিগত এই উদযাপন এক বিশাল বাণিজ্যিক রূপ ধারণ করে। বিশেষ করে ২০০৯ সালে চীনের খ্যাতনামা প্রযুক্তি ও বিপণন প্রতিষ্ঠান আলিবাবা দিনটিকে ঘিরে ব্যাপক পরিসরে অনলাইন শপিং উৎসবের সূচনা করলে চিত্র পুরোপুরি বদলে যায়। এরপর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে এই দিনকে কেন্দ্র করে বিপুল মূল্যছাড় ও অফারের পসরা বসে, যার বাণিজ্যিক লেনদেনের আকার পশ্চিমা বিশ্বের বহুল আলোচিত ব্ল্যাক ফ্রাইডে কিংবা সাইবার মানডের মতো আয়োজনগুলোকেও বহুলাংশে ছাড়িয়ে যায়।

বর্তমানে এই দিনটি উদযাপনে বহু মানুষ নিজের জন্য উপহারসামগ্রী কেনেন, বন্ধুদের সাথে আনন্দময় সময় অতিবাহিত করেন এবং অনেকে একাকী জীবনের স্বাধীনতা, আত্মবিশ্বাস ও স্বকীয়তাকে গভীরভাবে উপলব্ধি করেন।


নির্বাচিত

আজ ঝামেলার শেষ নেই দিবস

ব্যস্ততার মাঝেও আনন্দ খুঁজে নেওয়ার বার্তা ‘ঝামেলার শেষ নেই দিবসের’
ছবি: এআই নির্মিত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

সকালের অ্যালার্ম থেকে রাতের ঘুম পর্যন্ত প্রতিদিনের জীবন নানা কাজ ও দায়িত্বে ব্যস্ত। যানজট, কর্মক্ষেত্রের চাপ কিংবা পারিবারিক হিসাব-নিকাশ সামলাতে গিয়ে নিজের জন্য সময় বের করাই কঠিন হয়ে পড়ে। সব সমস্যা মিটিয়ে স্বস্তিতে থাকার অপেক্ষাও যেন শেষ হয় না। জীবনের এই বাস্তবতার মধ্যেই ব্যস্ততা ও ঝামেলাকে মেনে নিয়ে আনন্দ খুঁজে নেওয়ার বার্তা নিয়ে আজ ৯ নভেম্বর পালিত হচ্ছে ‘ঝামেলার শেষ নেই দিবস’।

দিবসটির তাৎপর্য

দিবসটির প্রবর্তক বা নির্দিষ্ট কোনো ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায় না। তবে আধুনিক জীবনের ব্যস্ততা, দায়িত্ব ও প্রতিদিনের নানা সমস্যার সঙ্গে দিবসটির ভাবনা বেশ সামঞ্জস্যপূর্ণ।

এর মূল বার্তা হলো, জীবনের সব সমস্যা ও ঝামেলা কখনো পুরোপুরি শেষ হয় না। সব কাজ শেষ করে কিংবা প্রতিটি জটিলতার সমাধান করে আনন্দে সময় কাটানোর অপেক্ষায় থাকলে সেই সময় হয়তো কখনোই আসবে না। তাই জীবনের সীমাবদ্ধতা ও অনিশ্চয়তাকে মেনে নিয়ে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়াই গুরুত্বপূর্ণ।

বিশৃঙ্খলার মধ্যেও ভালো থাকার উপায়

‘ঝামেলার শেষ নেই দিবস’ দায়িত্ব এড়িয়ে যাওয়ার কথা বলে না। বরং প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজের মানসিক স্বস্তি ও ভালো থাকার জন্য সময় রাখার কথা মনে করিয়ে দেয়। সবকিছু নিখুঁতভাবে সামলানোর চাপ না নিয়ে কিছু বিষয় স্বাভাবিকভাবে গ্রহণ করা প্রয়োজন। ঘরের অগোছালো অবস্থা কিংবা জমে থাকা ইমেইল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে জরুরি কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

একটানা কাজের পরিবর্তে মাঝেমধ্যে বিরতি নেওয়াও জরুরি। কয়েক মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়া কিংবা কাজ থেকে সাময়িক বিরতি মনকে কিছুটা স্বস্তি দিতে পারে। একইভাবে পছন্দের পানীয় পান, প্রিয় গান শোনা অথবা কাছের মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বলার মতো ছোট উদ্যোগও ব্যস্ত দিনের আনন্দ বাড়াতে পারে।

কোনো কাজ আটকে গেলে কিংবা যানজটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে অযথা বিরক্ত না হয়ে পরিস্থিতি সহজভাবে নেওয়ার চেষ্টা করা যেতে পারে। সব পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। তাই যা পরিবর্তন করা সম্ভব নয়, তা নিয়ে অতিরিক্ত উদ্বেগ না করাই ভালো।

ঝামেলার মধ্যেই আনন্দের খোঁজ

জীবন সব সময় পরিকল্পনা অনুযায়ী চলে না। প্রতিদিনের দায়িত্ব, ব্যস্ততা, সমস্যা ও অপূর্ণতা জীবনের স্বাভাবিক অংশ। তাই সব ঝামেলা শেষ হওয়ার অপেক্ষায় না থেকে প্রতিকূলতার মধ্যেও ভালো থাকার চেষ্টা করা প্রয়োজন।

প্রতিদিনের কাজের চাপে নিজের পছন্দ, স্বস্তি ও আনন্দকে উপেক্ষা করা উচিত নয়। ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় রাখা, পছন্দের কাজ করা এবং কাছের মানুষের সঙ্গে সময় কাটানো জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ধরে রাখতে সাহায্য করে।

‘ঝামেলার শেষ নেই দিবস’ সেই কথাই মনে করিয়ে দেয়, জীবনের সব সমস্যা হয়তো কখনো শেষ হবে না, তবে প্রতিদিনের ছোট ছোট আনন্দ উপভোগের সুযোগ হাতছাড়া করা উচিত নয়।


নির্বাচিত

আজ চকলেট দিবস

প্রতিবছর ২৮ অক্টোবর পালন করা হয় চকলেট দিবস
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

বয়সের সীমানা পেরিয়ে শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষের কাছেই চকলেটের আবেদন চিরন্তন। মন খারাপের মুহূর্তকে নিমেষেই দূর করতে, প্রিয়জনের মুখে হাসি ফোটাতে কিংবা যেকোনো উৎসবের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে চকলেটের জুড়ি নেই। বৈশ্বিক পরিমণ্ডলে দারুণ জনপ্রিয় এই মিষ্টান্নটির প্রতি ভালোবাসা প্রকাশের অংশ হিসেবে প্রতিবছর ২৮ অক্টোবর পালন করা হয় চকলেট দিবস। মূলত যুক্তরাষ্ট্রের মিষ্টান্ন প্রস্তুতকারকদের সংগঠনের হাত ধরে বিশেষ এই দিনটি আনুষ্ঠানিক পরিচিতি লাভ করে, যা সব ধরনের চকলেটের ঐতিহ্য ও বৈচিত্র্যকে উৎসর্গ করে উদযাপিত হয়।

ক্যাকাওয়ের ইতিহাস ও চকলেট প্রস্তুতপ্রণালি
চকলেটের মূল উপাদান সংগৃহীত হয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ক্যাকাও গাছের বীজ থেকে। মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে এই ফলটির প্রথম চাষাবাদ ও বিস্তারের প্রমাণ পাওয়া যায়। ঐতিহাসিক নথিপত্র অনুসারে, প্রায় খ্রিষ্টপূর্ব ১১০০ অব্দ থেকেই মানুষ ক্যাকাও বীজের ব্যবহার শুরু করেছিল।

চকলেট তৈরির প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ও সুশৃঙ্খল। প্রথমে ক্যাকাও ফল থেকে বীজ আলাদা করে গাঁজন (ফার্মেন্টেশন) করা হয়, যার মাধ্যমে এতে কাঙ্ক্ষিত স্বাদ ও সৌরভের সৃষ্টি হয়। এরপর বীজগুলো রোদে শুকিয়ে, ময়লা পরিষ্কার করে নির্দিষ্ট তাপমাত্রায় ভাজা হয়। ভাজার পর খোসা ছাড়িয়ে পাওয়া যায় ভেতরের ‘ক্যাকাও নিবস’। এই নিবস পিষে তরল মণ্ড বা চকলেটের মূল উপাদান তৈরি করা হয়। পরবর্তীতে এই উপাদানের সঙ্গে বিভিন্ন অনুপাতে চিনি, দুধ ও অন্যান্য উপকরণ মিশিয়ে বিভিন্ন প্রকার চকলেট রূপ দেওয়া হয়।

চকলেটের জনপ্রিয় পাঁচ ধরন

  • রান্নার চকলেট (চিনিহীন চকলেট): এই চকলেটে শুধু ক্যাকাওয়ের কঠিন অংশ ও ক্যাকাও মাখন থাকে। কোনো ধরনের চিনি যুক্ত না থাকায় এর স্বাদ বেশ তীব্র ও তিক্ত হয়। সাধারণত কেক, বিস্কুট, পেস্ট্রি কিংবা বিভিন্ন মিষ্টান্ন তৈরির উপাদান হিসেবে এটি রান্নায় ব্যবহার করা হয়।

  • মিষ্টি চকলেট: ক্যাকাওয়ের কঠিন অংশ, ক্যাকাও মাখনের সঙ্গে পরিমাণমতো চিনি মিশিয়ে এই চকলেট তৈরি করা হয়। উপাদানের তারতম্যের ওপর ভিত্তি করে এর মিষ্টতা ও স্বাদের তীব্রতায় ভিন্নতা দেখা যায়।

  • দুধের চকলেট (মিল্ক চকলেট): চকলেটের মৌলিক উপাদানের সঙ্গে গুঁড়ো দুধ বা তরল ঘন দুধের সমন্বয়ে এটি তৈরি হয়। এর গঠন বেশ মোলায়েম ও স্বাদ অত্যন্ত মিষ্টি হওয়ায় চকলেটপ্রেমীদের কাছে এটি অন্যতম জনপ্রিয় পছন্দ।

  • সাদা চকলেট (হোয়াইট চকলেট): এই চকলেটে ক্যাকাওয়ের কোনো কঠিন অংশ (কোকোয়া সলিড) ব্যবহার করা হয় না। কেবল ক্যাকাও মাখন, দুধ ও চিনির সংমিশ্রণে এটি প্রস্তুত হওয়ায় এর রঙ ধবধবে সাদা এবং স্বাদও সাধারণ চকলেটের তুলনায় একদম ভিন্ন।

  • গোলাপি চকলেট (রুবি চকলেট): বিশেষ এক প্রজাতির ক্যাকাও বীজ থেকে প্রাকৃতিকভাবে এই গোলাপি চকলেট তৈরি করা হয়। এতে কোনো কৃত্রিম রঙ মেশানো হয় না। মিষ্টি স্বাদের পাশাপাশি হালকা ফলমূলের সুবাস ও মৃদু টক স্বাদের উপস্থিতির কারণে এটি বেশ আকর্ষণীয়।

চকলেট কেবলই একটি মিষ্টি খাদ্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক হাজার বছরের প্রাচীন ইতিহাস ও জটিল প্রস্তুতপদ্ধতি। চকলেট দিবস মূলত প্রিয় এই খাবারের বৈচিত্র্যময় স্বাদ, ধরন ও ইতিহাসকে নতুন করে জানার ও উদযাপনের দিন।

বিষয়:

নির্বাচিত

শাশুড়ির প্রশংসা করার দিন আজ

শাশুড়ির অবদানকে শ্রদ্ধা ও স্বীকৃতির সাথে স্মরণ করতে প্রতি বছর অক্টোবর মাসের চতুর্থ রোববার আন্তর্জাতিকভাবে শাশুড়ি দিবস পালিত হয়
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

পারিবারিক কাঠামোয় সন্তানের জীবনসঙ্গীর মা তথা শাশুড়ির অবদানকে শ্রদ্ধা ও স্বীকৃতির সাথে স্মরণ করতে প্রতি বছর অক্টোবর মাসের চতুর্থ রোববার আন্তর্জাতিকভাবে শাশুড়ি দিবস পালিত হয়। মে মাসে উদযাপিত মা দিবসের সমান্তরালে জীবনের এই বিশেষ অভিভাবকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই দিবসটি পালন করা হয়ে থাকে।

দিবসটির ঐতিহাসিক পটভূমি বিশ্লেষণে জানা যায়, গত শতকের ত্রিশের দশকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আমেরিলো শহরের একটি পত্রিকার সম্পাদক জিন হাও শাশুড়িদের অবদানের প্রতি সম্মান জানাতে ১৯৩৪ সালের ৫ মার্চ প্রথম এই উদ্যোগ গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন দিনে উদযাপিত হওয়ার পর ১৯৭০-এর দশকে ‘আমেরিকান সোসাইটি অব ফ্লোরিস্টস’ অক্টোবর মাসের চতুর্থ রোববারকে চূড়ান্তভাবে এই দিবসের জন্য নির্ধারণ করে। আন্তর্জাতিক তথ্যসংস্থা ন্যাশনাল ডে ক্যালেন্ডার সূত্রে এ ঐতিহাসিক তথ্য পাওয়া যায়।

একটি পরিবারে শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্কের সমীকরণ অত্যন্ত সংবেদনশীল। সন্তানের বিয়ের পর পরিবারে নতুন সদস্যের আগমনে একদিকে যেমন আনন্দের সঞ্চার হয়, অন্যদিকে অনেক সময় জ্যেষ্ঠ এই নারীর মনে নিজের অধিকার ও গুরুত্ব ক্ষুণ্ন হওয়ার অবচেতন শঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি রীতিনীতি ও মানসিকতার অমিল থেকে তৈরি হয় মতপার্থক্য। আমাদের সমাজে অতীতে নিজের ওপর হওয়া মানসিক নিপীড়নের প্রতিশোধ হিসেবে ছেলের বউয়ের ওপর অন্যায্য আচরণ করার নজির যেমন রয়েছে, তেমনই বহু ইতিবাচক নারী রয়েছেন যারা অতীতের তিক্ততা ভুলে পুত্রবধূকে নিজের গর্ভজাত কন্যার মতো স্নেহে আপন করে নেন।

সমাজবিজ্ঞানী কীরা অ্যালেনডর্ফের এক গবেষণায় দেখা গেছে, যৌথ ও একক পরিবারে শাশুড়ি ও পুত্রবধূর বন্ধন সবসময় সংঘাতমূলক থাকে না; বরং পারস্পরিক প্রত্যাশা ও দায়িত্বের টানাপোড়েন সঠিকভাবে পরিচালিত না হলেই সম্পর্কের জটিলতা বাড়ে। অন্যদিকে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক সোশ্যাল ওয়ার্ক রিসার্চ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করা হয়, সংসারে নিজেকে অবহেলিত মনে করলে মায়েরা পুত্রবধূর প্রতি এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব বজায় রাখেন। ফলে নতুন দম্পতিকে নিজেদের মতো চলার সুযোগ দেওয়ার পাশাপাশি বয়োজ্যেষ্ঠ মায়ের অনুভূতিকে সমান গুরুত্ব প্রদানই পারিবারিক সম্প্রীতি রক্ষার প্রধান মাধ্যম।

বিশেষ এই দিনে পারস্পরিক মনোমালিন্য ভুলে শাশুড়ির প্রতি সম্মান প্রদর্শন ও তাঁর অবদানের প্রশংসা করার মধ্য দিয়ে সম্পর্কের বরফ গলানো সম্ভব। তাঁর অভিজ্ঞতার মূল্যায়ন করা, পছন্দের খাবার তৈরি কিংবা সাধারণ পারিবারিক আড্ডায় আন্তরিক অংশগ্রহণই এই সম্পর্কের গভীরতা বৃদ্ধি করতে পারে। পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে #MotherInLawDay বার্তাটি ছড়িয়ে দিচ্ছেন।


নির্বাচিত

গরুর ভুঁড়ি খাওয়ার দিন আজ

খাদ্যসংস্কৃতিতে ভিন্ন স্বাদের গুরুত্ব তুলে ধরতে আজ বিশ্ব ট্রাইপ দিবস
ছবি: সংগৃহীত
আপডেটেড ২৪ অক্টোবর, ২০২৬ ১৭:১৪
দৈনিক বাংলা ডেস্ক

গবাদিপশুর পাকস্থলীর ভক্ষণযোগ্য অংশ, যা বাংলাদেশে সাধারণ মানুষের কাছে ‘ভুঁড়ি’ হিসেবে পরিচিত, আন্তর্জাতিক পরিমণ্ডলে তা ‘ট্রাইপ’ নামে খ্যাত। খাদ্যসংস্কৃতিতে তুলনামূলকভাবে অবহেলিত এই খাদ্য উপাদানটির গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বাড়াতে প্রতি বছর ২৪ অক্টোবর আন্তর্জাতিকভাবে পালিত হয় বিশ্ব ট্রাইপ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী রন্ধনশিল্পে এই বিশেষ খাবারের স্বতন্ত্র একটি অবস্থান রয়েছে।

খ্যাতনামা মার্কিন শেফ, লেখক ও উপস্থাপক অ্যান্থনি বোর্ডেইনের মতে, চড়া মূল্যের অভিজাত মাংস দিয়ে রান্না করার চেয়ে অবহেলিত অংশ, যেমন ভুঁড়ি কিংবা পশুর ঘাড়ের অংশ দিয়ে মুখরোচক পদ তৈরি করতে পারাই একজন রন্ধনশিল্পীর প্রকৃত দক্ষতার মাপকাঠি।

অনেকের কাছে প্রাথমিক দৃষ্টিতে এটি খাওয়ার বিষয়ে অনীহা বা অস্বস্তি থাকতে পারে, তবে সঠিক প্রক্রিয়াজাতকরণ ও উপযুক্ত রন্ধনশৈলীর মাধ্যমে এটি দিয়ে অত্যন্ত সুস্বাদু খাদ্য প্রস্তুত সম্ভব। সাধারণ মাংসের পাশাপাশি এই উপাদানের পুষ্টি ও স্বাদ সম্পর্কে সচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে ট্রাইপের জনপ্রিয়তায় তারতম্য রয়েছে। ইংরেজিভাষী পশ্চিমা দেশগুলোর সুপারশপ ও রেস্তোরাঁয় এটি সচরাচর দেখা না গেলেও বিশ্বের বহু ভূখণ্ডে এটি অত্যন্ত জনপ্রিয় খাবার। যেমন ইতালির খাদ্যসংস্কৃতিতে ট্রাইপ ব্যাপকভাবে প্রচলিত। দেশটির স্ট্রিট ফুডের দোকানেও এটি নিয়মিত বিক্রি হয়, যা কখনো ছোট কাঁটাচামচ দিয়ে আবার কখনো পাউরুটির ভেতর পুর হিসেবে দিয়ে পরিবেশন করা হয়ে থাকে।

জৈবিক গঠন অনুযায়ী গরুর পাকস্থলী চারটি ভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত এবং প্রতিটি প্রকোষ্ঠ থেকে আলাদা বৈশিষ্ট্যের ট্রাইপ মেলে। এর মধ্যে প্রথম প্রকোষ্ঠ থেকে পাওয়া অংশটি রন্ধনজগতে ‘ব্ল্যাঙ্কেট ট্রাইপ’ নামে পরিচিত। সমতল ও মসৃণ হওয়ার কারণে এটিকে সাধারণ ট্রাইপও বলা হয়, তবে ভোজনরসিকদের কাছে এই ধরনটির জনপ্রিয়তা তুলনামূলক কিছুটা কম।

বিষয়:

নির্বাচিত

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’

নিজের স্ত্রীর প্রশংসা করুন
ওয়াইফ অ্যাপপ্রিসিয়েশন ডে।
আপডেটেড ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৩
দৈনিক বাংলা ডেস্ক

সংসার মানেই শুধু একই ছাদের নিচে বসবাস নয়, বরং প্রতিদিনের ছোট-বড় মুহূর্তে একে অন্যের হাত ধরে এগিয়ে চলা। কখনো সুখের দিনে হাসির সঙ্গী হয়ে, কখনো কঠিন সময়ে নীরব আশ্রয় হয়ে একজন স্ত্রী হয়ে ওঠেন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বছরের পর বছর পেরিয়ে গেলেও সেই মানুষটির প্রতি কৃতজ্ঞতা কিংবা ভালোবাসা প্রকাশের আবেদন ফুরায় না। বরং ব্যস্ত জীবনে জমে থাকা না-বলা কথাগুলো কখনো কখনো নতুন করে বলারও প্রয়োজন হয়। সেই সুযোগ করে দিতেই আজ পালিত হচ্ছে ‘স্ত্রীর প্রশংসা দিবস’।

প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে পালিত হয় ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’। ২০০৬ সাল থেকে দেশটিতে দিবসটি উদযাপন করা হচ্ছে। সময়ের সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও পরিচিতি পেয়েছে। ‘ডেজ অব দ্য ইয়ার’-এর তথ্য অনুযায়ী, দিবসটির মূল উদ্দেশ্য হলো স্ত্রীদের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা এবং পরিবার ও দাম্পত্য জীবনে তাঁদের অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া।

সংসার সামলানো থেকে শুরু করে কঠিন সময়ে সঙ্গীর পাশে দাঁড়ানো, পরিবারের নানা দায়িত্ব ভাগ করে নেওয়া কিংবা প্রতিদিনের ছোট ছোট যত্নের মাধ্যমে একজন স্ত্রী দাম্পত্য জীবনকে অনেকটাই সহজ করে তোলেন। ব্যস্ত জীবনে এসব অবদান অনেক সময় চোখে পড়ে না, কিংবা কৃতজ্ঞতার কথাটুকুও বলা হয়ে ওঠে না। তাই এই দিনটি হতে পারে সেই না-বলা কথাগুলো প্রকাশ করার একটি সুন্দর উপলক্ষ।

দিনটিকে বিশেষ করে তুলতে আয়োজনও হতে পারে একেবারে নিজের মতো করে। প্রিয় ফুলের তোড়া, পছন্দের কোনো উপহার কিংবা ছোট্ট একটি গয়না দিয়ে চমকে দেওয়া যেতে পারে স্ত্রীকে। চাইলে দু’জন মিলে প্রিয় কোনো রেস্তোরাঁয় খেতে যাওয়া, একসঙ্গে সিনেমা দেখা কিংবা শহরের ব্যস্ততা থেকে দূরে কোথাও ঘুরে আসার পরিকল্পনাও করা যায়। তবে ভালোবাসা প্রকাশের জন্য সবসময় দামি উপহারের প্রয়োজন হয় না।

অনেক সময় একটি ছোট্ট চিঠি কিংবা কয়েকটি আন্তরিক কথাই হয়ে উঠতে পারে সবচেয়ে মূল্যবান উপহার। সেখানে বলা যেতে পারে, কেন তিনি জীবনে এতটা গুরুত্বপূর্ণ, তাঁর কোন অভ্যাসগুলো ভালো লাগে কিংবা দীর্ঘ পথচলায় তাঁর পাশে থাকার জন্য কতটা কৃতজ্ঞতা রয়েছে। কারণ সংসারের ব্যস্ততায় অনেক অনুভূতিই হয়তো মনের মধ্যে থেকে যায়, মুখে বলা হয় না।

আজ তাই হতে পারে সেই না-বলা কথাগুলো বলার দিন। একটি ‘ধন্যবাদ’, একটি ‘ভালোবাসি’ কিংবা ‘তুমি পাশে আছ বলেই জীবনটা সুন্দর’—এমন ছোট্ট একটি বাক্যও প্রিয় মানুষটির মুখে এনে দিতে পারে বড় এক হাসি। শেষ পর্যন্ত ভালোবাসার মূল্য কোনো উপহারের দামে নয়, বরং আন্তরিকতা ও যত্নে। আর সেই যত্নের কথাই আজ একটু আলাদা করে মনে করিয়ে দেয় ‘স্ত্রীর প্রশংসা দিবস’।


নির্বাচিত

পরীক্ষার ‘ফেল’ যখন সাফল্যের সিঁড়ি, বিশ্ব বদলে দেওয়া ৯ ‘ফেল্টুস’ মানুষের গল্প

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০

আমাদের সমাজে পরীক্ষার খাতায় গৎবাঁধা প্রশ্নের উত্তর দিতে না পারাকে অনেক সময় ব্যর্থতার সমার্থক মনে করা হয়। জিপিএ-৫ বা ভালো ফলের চাপে পিষ্ট হয়ে অনেক শিক্ষার্থীই মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ভিন্ন চিত্র। প্রাতিষ্ঠানিক শিক্ষায় ‘ফেল’ মারা কিংবা ঝরে পড়া অনেক মানুষই পরবর্তী জীবনে বদলে দিয়েছেন মানবসভ্যতা। সনদ নয়, বরং দৃষ্টিভঙ্গি আর অদম্য জেদই যে সাফল্যের মূল চাবিকাঠি—তা প্রমাণ করেছেন এই আলোকিত মানুষগুলো।

১. রিচার্ড ব্র্যানসন: স্কুল পালানো সেই ধনকুবের
মাত্র ১৬ বছর বয়সেই স্কুলের পাঠ চুকিয়ে দেন বিশ্বখ্যাত উদ্যোক্তা ও ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন। শিক্ষাজীবনে শিক্ষকরা তার ওপর এতটাই ত্যক্ত-বিরক্ত ছিলেন যে, তার হেডমাস্টার রবার্ট ড্রেসন বলেছিলেন— “ব্র্যানসন হয় একদিন জেলে যাবে, না হয় কোটিপতি হবে।” শিক্ষকদের সেই ধারণা ভুল হয়নি। মাত্র ১৬ বছরেই ‘স্টুডেন্ট’ ম্যাগাজিন দিয়ে যাত্রা শুরু করে আজ তিনি ৪০০টি কোম্পানির নিয়ন্ত্রক এবং ৫.১ বিলিয়ন ডলারের মালিক।

২. জ্যাক মা: ব্যর্থতার পাহাড় ডিঙানো কিংবদন্তি
চীনের শীর্ষ ধনী জ্যাক মা’র জীবন যেন ব্যর্থতার এক মহাকাব্য। প্রাথমিক পরীক্ষায় দু’বার এবং মাধ্যমিকে তিনবার ফেল করেছিলেন তিনি। এমনকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ১০ বার আবেদন করে প্রতিবারই প্রত্যাখ্যাত হন। চাকরির ক্ষেত্রেও পরিস্থিতি ছিল ভয়াবহ; কেএফসিতে ২৪ জন আবেদনকারীর মধ্যে ২৩ জনের চাকরি হলেও বাদ পড়েছিলেন একমাত্র তিনি। কিন্তু দমে যাননি। আজ তার গড়া ‘আলিবাবা’ বিশ্বের অন্যতম শক্তিশালী ই-কমার্স প্রতিষ্ঠান।

৩. জেকে রাউলিং: অক্সফোর্ড যাকে ফিরিয়ে দিয়েছিল
হ্যারি পটার সিরিজের স্রষ্টা জেকে রাউলিং আজ বিশ্বের সবচেয়ে দামী লেখকদের একজন। অথচ তার শিক্ষাজীবন ছিল বাধাগ্রস্ত। এ-লেভেলে বাজে ফলের কারণে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগই পাননি। পরে ইউনিভার্সিটি অফ এক্সটার থেকে শিক্ষা শেষ করে লেখালেখিতে মন দেন। আজ তার বই পড়েনি এমন তরুণ খুঁজে পাওয়া কঠিন।

৪. স্টিভ জবস: কলেজ ড্রপআউট থেকে প্রযুক্তির জাদুকর
অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস কলেজের গণ্ডি পার করতে পারেননি। পড়াশোনায় আগ্রহ কম থাকলেও তার ছিল উদ্ভাবনী চিন্তা। মাত্র ২০ বছর বয়সে গ্যারেজে বসে অ্যাপল শুরু করেন। মাঝপথে নিজের প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হয়েও ফিরে আসেন বীরদর্পে। আইফোন বা ম্যাকবুকের মতো বৈপ্লবিক প্রযুক্তি আজ তারই দূরদর্শী চিন্তার ফসল।

৫. বিল গেটস: মাইক্রোসফটের নেপথ্যে হার্ভার্ডের সেই ছাত্র
বিশ্বের দীর্ঘ সময়ের শীর্ষ ধনী বিল গেটস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন। তার লক্ষ্য ছিল প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করা। ডিগ্রি না থাকলেও তার তৈরি ‘মাইক্রোসফট’ আজ পৃথিবীর প্রতিটি কম্পিউটারের অপরিহার্য অংশ। তিনি প্রমাণ করেছেন, উদ্ভাবনী শক্তির কাছে কাগজের সনদ নগণ্য।

৬. সায়মন কোয়েল: সংগীত দুনিয়ার দাপুটে বিচারক
সংগীতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’ বা ‘এক্স ফ্যাক্টর’-এর জনপ্রিয় বিচারক সায়মন কোয়েল ও-লেভেল পরীক্ষায় কোনোমতে পাস করে পড়াশোনা ছেড়ে দেন। কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই তিনি আজ মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তার প্রতিষ্ঠান বিএমজে রেকর্ডস থেকে বিক্রি হয়েছে ১৫০ কোটিরও বেশি রেকর্ড।

৭. বেনেডিক্ট কাম্বারব্যাচ: বখে যাওয়া ছাত্র থেকে অস্কার মনোনয়ন
শার্লক হোমস খ্যাত অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ ছাত্রজীবনের এক পর্যায়ে ড্রাগ এবং খারাপ সঙ্গের পাল্লায় পড়ে ও-লেভেলে খুব খারাপ রেজাল্ট করেন। পরে তিনি উপলব্ধি করেন এবং ঘুরে দাঁড়ান। আজ তিনি গোল্ডেন গ্লোব ও অস্কার মনোনীত বিশ্বখ্যাত অভিনেতা।

৮. ধীরুভাই আম্বানি: গড়পড়তা ছাত্র থেকে শিল্পপতি
ভারতের রিলায়েন্স সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি স্কুলজীবনে ছিলেন একেবারেই সাধারণ মানের ছাত্র। বেশি দূর পড়াশোনা করতে পারেননি। কিন্তু তার ব্যবসায়িক বুদ্ধি এবং ঝুঁকি নেওয়ার সাহস তাকে এশিয়ার অন্যতম সেরা ধনীতে পরিণত করেছে।

৯. উইনস্টন চার্চিল: ফেল করা ছাত্র যখন যুদ্ধজয়ী বীর
ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল স্কুলে বার বার ফেল করতেন। শিক্ষকরা ভেবেছিলেন তিনি জীবনে কিছুই করতে পারবেন না। কিন্তু সেই ‘ফেল্টুস’ ছাত্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনকে নেতৃত্ব দিয়ে রক্ষা করেছিলেন এবং পরবর্তীতে সাহিত্যে নোবেল পুরস্কারও অর্জন করেন।


ব্যর্থতা মানেই জীবনের শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর সুযোগ। ওপরের এই সফল মানুষগুলো আমাদের শিখিয়ে গেছেন— পরীক্ষায় প্রাপ্ত নম্বর নয়, বরং আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং সঠিক দৃষ্টিভঙ্গিই একজন মানুষকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। তাই পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং সাফল্যের বীজ বপন করার এটিই শ্রেষ্ঠ সময়।


নির্বাচিত

পবিত্র আশুরা আজ

ছবি: সংগৃহীত
আপডেটেড ২৬ জুন, ২০২৬ ১১:৪৩
অনলাইন ডেস্ক

আজ ১০ মহররম। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত।

মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।

শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযরত ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়।

শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য।

ইসলামের ইতিহাসে এ দিনের গুরুত্ব অনেক। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘(রমজানে পর) শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মহররম বলে থাক।’ (সুনানে কুবরা, নাসায়ি, হাদিস: ৪২১৬)

আশুরার ঐতিহাসিক পটভূমি: আশুরার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে মানবজাতির ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়—একটি মুক্তি ও বিজয়ের, অন্যটি ত্যাগ ও শাহাদাতের।

ইসলামী বর্ণনা অনুযায়ী, এই দিনে মহান আল্লাহ তাআলা হযরত মুসা (আ.) ও তার অনুসারীদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দেন। ফেরাউনের সৈন্যবাহিনী যখন তাদের ধাওয়া করছিল, তখন আল্লাহর নির্দেশে সাগরের বুকে পথ সৃষ্টি হয়। মুসা (আ.) ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে যান, আর ফেরাউন ও তার বাহিনী সাগরে নিমজ্জিত হয়। এই মহান নেয়ামতের শুকরিয়া আদায় হিসেবে হযরত মুসা (আ.) আশুরার দিনে রোজা রাখতেন।

অন্যদিকে, ইসলামের ইতিহাসে আশুরার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে কারবালার হৃদয়বিদারক ঘটনা। হিজরি ৬১ সালের ১০ মহররম ইরাকের কারবালা প্রান্তরে রাসূলুল্লাহ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) অন্যায় ও জুলুমের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন। তার পরিবারের সদস্য ও সঙ্গীদের আত্মত্যাগ ইতিহাসে সত্য, ন্যায় ও আদর্শের জন্য সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

আশুরার রোজার গুরুত্ব: রাসুলুল্লাহ (সা.) মদিনায় হিজরত করার পর দেখেন, ইহুদিরা হযরত মুসা (আ.)-এর মুক্তির স্মরণে এই দিনে রোজা রাখে। তখন তিনি বলেন, ‘মুসা (আ.)-এর ব্যাপারে আমাদের অধিকার তোমাদের চেয়ে বেশি।’ এরপর তিনি নিজে আশুরার রোজা পালন করেন এবং সাহাবিদেরও রোজা রাখার উৎসাহ দেন।

হাদিসে বর্ণিত হয়েছে, আশুরার রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বিগত এক বছরের ছোট গুনাহ ক্ষমা করে দেন (সহিহ মুসলিম)।

রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা বিশেষ গুরুত্ব বহন করত। বর্তমানে এটি অত্যন্ত ফজিলতপূর্ণ সুন্নাহ আমল হিসেবে পালিত হয়।

রোজা রাখার সুন্নাহ পদ্ধতি: রাসুলুল্লাহ (সা.) আশুরার রোজাকে অন্য ধর্মাবলম্বীদের রীতি থেকে পৃথক রাখার জন্য ১০ মহররমের সঙ্গে আরও একটি দিন যুক্ত করে রোজা রাখার নির্দেশনা দিয়েছেন।

সুন্নাহ অনুযায়ী ৯ ও ১০ মহররম রোজা রাখা উত্তম। অথবা ১০ ও ১১ মহররম রোজা রাখা যায়। এবার ১০ মহররম শুক্রবার হওয়ায় যারা ৯ মহররম (বৃহস্পতিবার) ও ১০ মহররম (শুক্রবার) রোজা রাখছেন, তারা সুন্নাহর উত্তম পদ্ধতি অনুসরণ করছেন।

যারা গতকাল বৃহস্পতিবার রোজা রাখতে পারেননি, তারা আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (১০ ও ১১ মহররম) রোজা রাখতে পারেন। এতে সুন্নাহ পূর্ণভাবে আদায় হবে।

ছুটির দিনে ইবাদতের সুবর্ণ সুযোগ: এবার আশুরার দিনটি শুক্রবার ও সরকারি ছুটির দিনে পড়েছে। ফলে কর্মব্যস্ততার বাইরে থেকে অধিক সময় ইবাদত-বন্দেগিতে ব্যয় করার সুযোগ সৃষ্টি হয়েছে।

দিনটিকে অর্থবহ করে তুলতে যে আমলগুলো করা যেতে পারে-

জুমার প্রস্তুতি ও ইবাদত: শুক্রবার নিজেই মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন। তাই গোসল, পরিচ্ছন্নতা, সুগন্ধি ব্যবহার এবং সময়মতো মসজিদে গিয়ে জুমার খুতবা মনোযোগসহকারে শোনা গুরুত্বপূর্ণ আমল।

কোরআন তিলাওয়াত ও নফল ইবাদত: দিনের একটি উল্লেখযোগ্য অংশ কোরআন তিলাওয়াত, তওবা-ইস্তিগফার, জিকির-আজকার ও নফল নামাজের মাধ্যমে অতিবাহিত করা যেতে পারে।

দোয়া ও মোনাজাত: রোজাদারের দোয়া বিশেষভাবে কবুল হয়। তাই ইফতারের পূর্ব মুহূর্তগুলোতে নিজের, পরিবারের, দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা যেতে পারে।

কারবালার শিক্ষা ও আশুরার প্রকৃত বার্তা: আমাদের দেশে আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন দেখা যায়। বিশেষ করে কারবালার শোক স্মরণে তাজিয়া মিছিলের আয়োজন দীর্ঘদিনের একটি ঐতিহ্য।

তবে ইসলামের মূল শিক্ষা হলো ধৈর্য, সংযম এবং আল্লাহর প্রতি আনুগত্য। তাই শোক প্রকাশের নামে বাড়াবাড়ি, আত্মনিগ্রহ বা শরীরের ক্ষতি করার মতো কোনো কাজ ইসলামের মূল শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

হযরত ইমাম হুসাইন (রা.)-এর আত্মত্যাগের প্রকৃত শিক্ষা হলো সত্যের পক্ষে অবিচল থাকা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ন্যায়বিচারের জন্য প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা।

পবিত্র আশুরা কেবল একটি ঐতিহাসিক দিন নয়; এটি আত্মশুদ্ধি, কৃতজ্ঞতা, তওবা এবং নৈতিকতার শিক্ষা গ্রহণের এক অনন্য সুযোগ। এই দিনের রোজা, ইবাদত ও আত্মসমালোচনার মাধ্যমে একজন মুসলমান তার জীবনকে আরও আলোকিত করতে পারে।


নির্বাচিত

ঈর্ষার ভয়ঙ্কর ক্ষতি ও হতাশার জীবনকে শান্তিপূর্ণ করার ইসলামিক নির্দেশনা

আপডেটেড ৩ মে, ২০২৬ ১৬:৪৯
কামরুজ্জামান

আমরা এমন এক সময়ে বাস করছি যখন মানুষ নিজেদেরকে নিখুঁত দেখানোর প্রচেষ্টার প্রতিযোগিতায় লিপ্ত। উজ্জ্বল রঙিন স্ক্রিনে আমাদের সামনে এসে হাজির হয় অন্যদের জীবনের সেরা মুহূর্তগুলো। কে বিদেশে ছুটি কাটাচ্ছে, কার বাড়ি কত পরিপাটি, কে ক্যারিয়ারে কত সফল সবই দেখা যাচ্ছে এমনভাবে যেন সবার এক ত্রুটিহীন জীবন। এই অতি-সংযুক্ত ডিজিটাল দুনিয়ায় একটি নীরব ঘাতক ব্যাধি প্রায়ই আমাদের অন্তরে বিনা দাওয়াতে প্রবেশ করে: আর তা হলো ঈর্ষা বা পরশ্রীকাতরতা। ইসলামিক ধর্মতত্ত্বে, এই ধ্বংসাত্মক আবেগকে বলা হয় ‘হাসাদ’। এটি এমন এক নীরব বিষাক্ত ব্যাধি যা কেবল পরিবার বা সমাজকেই টুকরো টুকরো করে না, বরং ব্যক্তির মানসিক ও শারীরিক সুস্থতাকেও মারাত্মকভাবে ধ্বংস করে। কারণ, হাসাদ বা ঈর্ষা ব্যক্তির মানসিক চাপ বৃদ্ধি করে। চিকিৎসা বিজ্ঞান অনুসারে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ মানব শরীরকে কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনে ক্রমাগত প্লাবিত করে রাখে, যা সময়ের সাথে সাথে রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে, রক্তচাপ বাড়ায়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মারাত্মকভাবে দুর্বল করে দেয় এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। তাই আজ আমরা এক বিরাট নতুন সমস্যার সম্মুখীন। কিন্তু এর সুন্দর ও সেরা সমাধান রয়েছে আমাদের পবিত্র ইসলাম ধর্মে।

ঈর্ষা কী? অন্যের সাফল্যে অনুভূতি প্রকাশের দুটি উপায়
ইসলামের দৃষ্টিকোণ থেকে ঈর্ষাকে বুঝতে হলে, প্রথমেই আমাদের অন্তরের দুটি ভিন্ন অবস্থার মধ্যে পার্থক্য করতে হবে। সত্যি বলতে, মানুষের স্বাভাবিক প্রবৃত্তিই হলো অন্যের কাছে কী আছে তা লক্ষ্য করা। কোনো বন্ধু বা প্রতিবেশীর সাফল্যে মনে কিছুটা আকাঙ্ক্ষা অনুভব করাটা পুরোপুরি মানবিক। ইসলাম এই বাস্তবতাকে স্বীকার করে এবং ক্ষতিকর ঈর্ষা (হাসাদ) ও বৈধ প্রশংসার (গিবতাহ) মধ্যে পার্থক্য তুলে ধরে। হাসাদ তখন হয়, যখন অন্য কারো ওপর বর্ষিত কোনো নিয়ামত দেখে মনে মনে সেই নিয়ামতটি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার এক অন্ধকার ও তিক্ত আকাঙ্ক্ষা পোষণ করা হয়। এর মূলে রয়েছে ক্ষোভ। যখন কেউ শুধু নিজের জয়ই চায় না বরং চায় অন্যজন যেন হেরে যায়।

অন্যদিকে, ‘গিবতাহ’ হলো একটি সুস্থ অনুপ্রেরণা। এটি হলো অন্য কারো সাফল্য, সম্পদ বা ধর্মানুরাগ দেখে নিজের জন্যও একই নিয়ামত কামনা করা, তবে অন্যজনকে তা থেকে বঞ্চিত করার ইচ্ছা ছাড়াই। গিবতাহ আমাদের আত্ম-উন্নয়ন এবং কঠোর পরিশ্রমের দিকে অনুপ্রেরণার সাথে ধাবিত করে, অন্যদিকে হাসাদ আমাদের তিক্ততা ও পরশ্রীকাতরতার অন্ধকারময় অনুভূতির অতল গহ্বরে টেনে নামায়।

ঈর্ষা বা অন্তরের আগুন কীভাবে দৈনন্দিন জীবনকে ক্ষতিগ্রস্ত করে
যখন আমাদের মধ্যে হাসাদ শিকড় গাড়ে, তখন এটি আমাদের দৃষ্টিভঙ্গিকে আমূল পরিবর্তন করে ফেলে। এটি আমাদের অতি-সমালোচক এবং সন্দেহপ্রবণ করে তোলে, যার ফলে আমরা চারপাশের মানুষের আনন্দে শরিক হতে পারি না। এর ক্ষতিকর প্রভাব এত ভয়ঙ্কর যে, এটি ভাইবোনের সম্পর্ক ভেঙে দেয়, আজীবনের বন্ধুত্ব নষ্ট করে এবং কর্মক্ষেত্রকে বিষাক্ত রণক্ষেত্রে পরিণত করে। আরও দুর্ভাগ্যজনক বিষয় হলো, ঈর্ষা ধীরে ধীরে মানুষের আধ্যাত্মিক সুস্থতাকে ধ্বংস করে দেয়। এটি আমাদের নিজেদের জীবনের বিপুল নিয়ামতগুলো থেকে আমাদের অন্ধ করে রাখে এবং চিরস্থায়ী অতৃপ্তির এক চক্রে আটকে ফেলে।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এই আবেগের ধ্বংসাত্মক প্রকৃতিকে এক গভীর ও সতর্কতামূলক উপমার মাধ্যমে তুলে ধরেছেন। তিনি সতর্ক করেছেন, "তোমরা ঈর্ষা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, ঈর্ষাও তেমনি মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়" (সুনান আবু দাউদ)।

ঠিক যেমন একটি স্ফুলিঙ্গ নীরবে একটি পুরো বন পুড়িয়ে দিতে পারে, তেমনি অবদমিত ঈর্ষা কেবল নিয়ত ও অন্তরের পবিত্রতাকে কলুষিত করার মাধ্যমে সারাজীবনের দানশীলতা, দয়া ও ইবাদতকে ভস্মীভূত করে দিতে পারে।

ঈর্ষা যেভাবে মানুষকে অসুস্থ করে দেয়
আধুনিক বিজ্ঞান ক্রমশ এমন কিছু বিষয় প্রমাণ করছে যা ইসলামিক পণ্ডিতরা বহু শতাব্দী ধরে শিখিয়ে আসছেন: মন, শরীর এবং আত্মা নিবিড়ভাবে একে অপরের সাথে সংযুক্ত। একটি অসুস্থ আধ্যাত্মিক অন্তর অনিবার্যভাবেই একটি রোগাক্রান্ত শারীরিক দেহের দিকে পরিচালিত করে। যখন আমরা ঈর্ষা পোষণ করি, তখন আমরা আমাদের শরীরকে দীর্ঘমেয়াদী মানসিক চাপের মধ্যে ফেলে দিই। ক্রমাগত তুলনার তিক্ততা মস্তিষ্কের ফাইট অর ফ্লাইট (লড়ো অথবা পালাও) প্রতিক্রিয়াকে উদ্দীপ্ত করে, যা আমাদের স্নায়ুতন্ত্রকে কর্টিসল এবং অ্যাড্রেনালিনে ভরিয়ে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে এই হরমোনের ঝড় আমাদের শারীরিক স্বাস্থ্যের ওপর ধ্বংসযজ্ঞ চালায়।

মনোবিজ্ঞানী ও চিকিৎসকেরা বলেন যে, ক্রমাগত ঈর্ষা গুরুতর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেমন, তীব্র উদ্বেগ বা টেনশন, ক্লিনিক্যাল ডিপ্রেশন এবং ঘুমের অভাব, যেগুলো দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে। যখন কেউ অন্যের সাফল্য নিয়ে যন্ত্রণায় থাকে তখন তার শরীর বিশ্রাম নিতে পারে না। ফলশ্রুতিতে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ মানব দেহে উচ্চ রক্তচাপ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মাইগ্রেন ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার মতো জটিল রোগ-ব্যাধি তৈরি করে। আধুনিক মনোবিজ্ঞানের আবির্ভাবের অনেক আগেই ইসলাম মন ও শরীরের এই সংযোগকে স্বীকৃতি দিয়েছিল। ঈমানদারদের তাদের অন্তরকে বিদ্বেষ থেকে রক্ষা করার নির্দেশ দেওয়ার মাধ্যমে, ইসলাম গভীর এক প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার রূপরেখা প্রদান করে।

যেভাবে অন্তরকে ঈর্ষার কলুষতা থেকে শুদ্ধ রাখা যায়
হাসাদ যদি রোগ হয়, তবে আমরা কীভাবে এর নিরাময় করব? ঈর্ষার কবল থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলাম অত্যন্ত ব্যবহারিক এবং আধ্যাত্মিক ভিত্তিসম্পন্ন একটি ব্যবস্থার নির্দেশনা প্রদান করে।

১. কৃতজ্ঞতা (শুকর) আদায় করা: ঈর্ষা অভাববোধের মানসিকতায় বেড়ে ওঠে; আর কৃতজ্ঞতা প্রাচুর্যের মানসিকতায় বিকশিত হয়। আমরা যখন সচেতনভাবে আমাদের প্রাপ্ত নিয়ামতগুলোর দিকে মনোযোগ দিই, তখন আমরা ঈর্ষাকে তার শ্বাসপ্রশ্বাস থেকে বঞ্চিত করি। আমাদের জীবন বিধান পবিত্র কোরআনে মহান আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে, “যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব” (কোরআন ১৪:৭)। হাসাদ থেকে মুক্ত থাকার জন্য আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিদিনের অলৌকিক ঘটনা যেগুলো আল্লাহর দেয়া নেয়ামত যেমন-আমাদের স্বাস্থ্য, নিরাপত্তা, প্রিয়জন—প্রতিদিন এগুলো মনে মনে অথবা লিখিত আকারে হিসাব রাখা শুরু করা। এই প্র্যাকটিস আমাদের কৃতজ্ঞতাবোধকে অনেক বৃদ্ধি করতে সহায়তা করবে।

২. যার প্রতি ঈর্ষা হয় তার জন্য দোয়া করা: ইসলামি আদর্শের হয়তো সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল এটি। যখন কারো প্রতি ঈর্ষা অনুভব হয়, তখন সঙ্গে সঙ্গে তার কল্যাণের জন্য দোয়া শুরু করা। প্রার্থনা করা যেন আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করেন, তার পরিবারকে রক্ষা করেন এবং তার সাফল্যে বরকত দেন। এটি শুনতে বিপরীতমুখী মনে হতে পারে, কিন্তু যাকে ঈর্ষা হয় তার জন্য নিজের মুখে কল্যাণ কামনা করাটা নিজের অহংকারকে ভেঙে দেয়। এটি মস্তিষ্কে তথা চিন্তা-ভাবনাকে নতুন করে সাজায় এবং শত্রুতাকে মমতায় রূপান্তরিত করে।

৩. রিজিকের বণ্টনকারীকে চেনা: ইসলামি ধর্মতত্ত্বে ‘রিজিক’ বলতে সৃষ্টিকর্তার পক্ষ থেকে একজন মানুষের জন্য নির্ধারিত মোট প্রাপ্তিকে বোঝায়—যেমন সম্পদ, স্বাস্থ্য, বুদ্ধিমত্তা এবং সুযোগ-সুবিধা। যখন আমরা গভীরভাবে উপলব্ধি করি যে আল্লাহ পরম ন্যায়বিচারক এবং চূড়ান্ত রিজিকদাতা, তখন আমরা বুঝতে পারি যে অন্য কারো সাফল্য আমাদের প্রাপ্তিকে কমিয়ে দেয় না। কাউকে ঈর্ষা করা মানে হলো, সূক্ষ্ম আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে থেকে, ঐশী প্রজ্ঞাকে প্রশ্নবিদ্ধ করা। যখন আমরা বিশ্বাস করি যে আমার জীবনের একটি বিশেষ উদ্দেশ্য আছে এবং আল্লাহ তা শুধু আমার জন্যই পরিকল্পনা করেছেন, তখন আমরা গভীর প্রশান্তি অনুভব করি। দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর হতে শুরু করে।

নিজস্ব প্রাপ্তিতে শান্তি খুঁজে নেওয়ার উপায়
মূলত, ঈর্ষার বিরুদ্ধে লড়াই হলো আমি যেমন, ঠিক তেমন হিসেবে নিজেকে গভীরভাবে মেনে নেওয়ার দিকে একটি যাত্রা। এটি হলো অন্যের সাথে নিজেকে তুলনা করার ক্লান্তিকর ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসা এবং অন্যের জীবনের সেরা মুহূর্তগুলোর সঙ্গে নিজের জীবনে থাকা সংগ্রামের ও কষ্টের তুলনা করা বন্ধ করার এক সুমহান অনুশীলন। এই তুলনা বন্ধ করতে শেখাই হাসাদের বিরুদ্ধে সাফল্য ও শান্তির পথ।

হাসাদ-এর স্ফুলিঙ্গগুলোকে চিহ্নিত করে কৃতজ্ঞতা, প্রার্থনা এবং মহান প্রভুর ওপর ভরসা রেখে সেগুলোকে নিভিয়ে ফেলার মাধ্যমে, আমরা কেবল আমাদের নেক আমলগুলোকেই রক্ষা করি না; বরং, আমরা আমাদের মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত করি, শারীরিক প্রাণশক্তি বজায় রাখি এবং নিজেদের জীবনের প্রকৃত আনন্দকে পুনরায় ফিরে পাই। আসুন, আমরা আমাদের অন্তরকে পবিত্র করার চেষ্টা করি, চারপাশের মানুষের সাফল্য উদযাপন করি এবং আমাদের যে সুন্দর অংশটুকু আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে তার মধ্যেই এক গভীর ও অটল শান্তি খুঁজে নিই।

সহকারী অধ্যাপক (ইসলামিক স্টাডিজ), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।


নির্বাচিত

ভোরে কিচিরমিচির, সন্ধ্যায় ডানার নাচন তিরাইল এখন পাখিদের স্থায়ী আবাস

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বড়াইগ্রাম প্রতিনিধি

প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রাম। শুধু শীত মৌসুমেই নয়, এখন বছরের প্রায় পুরো সময়জুড়েই হাজার হাজার শামুকখোলসহ নানা প্রজাতির পাখি এখানে স্থায়ীভাবে বসবাস করছে। ভোরের আলো ফুটতেই কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে গ্রাম, আর সন্ধ্যা নামলেই আকাশজুড়ে ডানার নাচন তিরাইল তখন হয়ে ওঠে এক জীবন্ত পাখির রাজ্য।

গ্রামের কড়ই, শিমুল ও বাঁশবাগানজুড়ে গড়ে উঠেছে শামুকখোল পাখির বিশাল কলোনি। কোথাও মা পাখি ছানাদের মুখে তুলে দিচ্ছে খাবার, কোথাও দল বেঁধে নীড়ে ফিরছে, আবার কেউ খাবারের সন্ধানে উড়ে যাচ্ছে বিস্তীর্ণ আকাশে। বিশেষ করে সূর্যাস্তের সময় একসঙ্গে হাজারো পাখির নীড়ে ফেরার দৃশ্য এলাকাবাসীর কাছে প্রতিদিনের এক অনন্য প্রাকৃতিক নিদর্শনে পরিণত হয়েছে।

স্থানীয়দের কাছে ‘শামুকখোল’ নামে পরিচিত এই সারসজাতীয় পাখি মূলত খাল-বিলের শামুক, মাছ ও পোকামাকড় খেয়ে জীবনধারণ করে। ধূসর-সাদা দেহ, কালো প্রান্তযুক্ত ডানা ও বাঁকা ঠোঁটের জন্য সহজেই চোখে পড়ে এ পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়দের দাবি, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে পাখিগুলো তিরাইল গ্রামে নিয়মিত প্রজনন করছে এবং এখন এটি তাদের স্থায়ী আবাসস্থলে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম (৬২) বলেন, আগে শীত এলেই পাখি আসত, এখন আর যায় না। সারা বছরই থেকে যায়। তিরাইল এখন ওদের স্থায়ী ঘর হয়ে গেছে। কৃষক রহিম সরদার (৪৫) বলেন, ভোরে পাখির ডাকেই আমাদের ঘুম ভাঙে, সন্ধ্যায় ডানার শব্দে মন শান্ত হয়। এটা শুধু সৌন্দর্য না— আমাদের জীবনের অংশ হয়ে গেছে। গৃহবধূ রাবেয়া খাতুন (৩৮) বলেন, “পাখির বাচ্চা ফোটে, বড় হয়, উড়তে শেখে— সবকিছু এখানেই হয়। এটা প্রমাণ করে ওরা এখন এখানেই স্থায়ী।

তবে এই সৌন্দর্যের আড়ালে রয়েছে শঙ্কার বার্তা। স্থানীয়দের অভিযোগ, কিছু অসচেতন মানুষের শিকার ও নিধনের কারণে পাখির সংখ্যা আগের তুলনায় কমছে। বিশেষ করে রাতে ফাঁদ পাতা ও গুলতি ব্যবহার করে পাখি শিকারের ঘটনাও মাঝে মাঝে ঘটছে বলে অভিযোগ উঠেছে। নিয়মিত নজরদারি না থাকলে একদিন এই পাখির রাজ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, তিরাইল গ্রামে পাখির স্থায়ী আবাস গড়ে ওঠা আমাদের জন্য গর্বের বিষয়। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, একটি পরিবেশগত সম্পদও। আমরা পাখি নিধন বন্ধে সচেতনতা কার্যক্রম জোরদার করছি এবং যেকোনো ধরনের শিকার বা ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাখি ও প্রকৃতি রক্ষায় এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছর শীত মৌসুমে নাটোরে বিপুল সংখ্যক অতিথি পাখির আগমন ঘটে। পাখির নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পাশাপাশি বন বিভাগের তৎপরতা বাড়ানো হয়েছে। অতিথি পাখি হত্যা ও নিধন আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে জানানো হয়েছে, এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অতিথি পাখি শুধু নয়, এখন স্থায়ী বসবাসকারী এই পাখিরাই তিরাইলের প্রকৃত পরিচয় হয়ে উঠেছে। তারা শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, বরং পরিবেশের সুষম ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই পাখির গ্রামকে রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সচেতনতা, সামাজিক প্রতিরোধ ও কার্যকর প্রশাসনিক উদ্যোগই পারে তিরাইলকে দেশের অন্যতম পাখির গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে।


নির্বাচিত

৫০০ বছরের গৌরবময় সাক্ষী ঐতিহাসিক সোনামসজিদ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

পাঁচশ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ। মধ্যযুগীয় সুলতানি স্থাপত্যশৈলীর এই নিদর্শনটি শুধু ইতিহাসপ্রেমী নয়, প্রকৃতি ও সংস্কৃতির প্রতি আগ্রহী দেশি-বিদেশি পর্যটকদের কাছেও এক অনন্য আকর্ষণ।
সোনামসজিদটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে অবস্থিত। রাজশাহী শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার এবং চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় থেকে ৩৫ কিলোমিটার দূরে। যাতায়াতের জন্য বাস, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা সহজলভ্য।
মসজিদটি নির্মিত হয় বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের (১৪৯৩-১৫১৯ খ্রি.) শাসনামলে। প্রধান প্রবেশপথের শিলালিপি অনুযায়ী, জনৈক মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহাম্মদ বিন আলী এটি নির্মাণ করেন।
১৮৯৭ সালের ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলেও ১৯০০ সালে ব্রিটিশ সরকার এটি পুনঃনির্মাণ করে। ইটের তৈরি এই মসজিদের ওপর পাথরের স্তর বসানো হয়েছে।
বাইরের পরিমাপ ৮২ ফুট দ্ধ ৫২.৫ ফুট, ভেতরের পরিমাপ ৭০ ফুট ৪ ইঞ্চি দ্ধ ৪০ ফুট ৯ ইঞ্চি এবং উচ্চতা প্রায় ২০ ফুট। এতে রয়েছে তিনটি মাঝারি গম্বুজ, ছয়টি করে পাশের গোলাকার গম্বুজ এবং তিনটি চৌচালা গম্বুজ—যা স্থাপত্যশৈলীতে অনন্য।
চারদিকে চারটি অষ্টকোণাকৃতির বুরুজ, প্রবেশপথে তোরণ, দেয়ালে খোদাইকৃত পাথরের কারুকার্য ও ইটের সজ্জা ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে। মসজিদের দক্ষিণ-পূর্ব কোণে রয়েছে মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ও শহীদ মেজর নাজমুল হক টুলুর কবর, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ।
পর্যটকরা এখানে এসে নামাজ আদায়সহ আশপাশের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখেন। বগুড়ার কায়েস আলী বলেন, ‘ছোটবেলা থেকেই সোনামসজিদের গল্প শুনেছি, আজ নিজ চোখে দেখে খুব ভালো লাগলো।’
রাজশাহীর মাইনুল ইসলাম দিপু বলেন, ‘ছোটবেলা থেকেই এখানে আসার ইচ্ছে ছিল। সবকিছু দেখে আনন্দিত হলাম।’
সোনামসজিদের আশপাশে রয়েছে দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা, খঞ্জন দিঘির মসজিদ, তহখানা কমপ্লেক্স, তিন গম্বুজ মসজিদ, শাহ নিয়ামতউল্লাহর মাজার ও ধনিয়াচক মসজিদ—যা ভ্রমণপিপাসুদের জন্য বাড়তি আকর্ষণ।
স্থানীয়রা জানান, মহাসড়কে ভারী যানবাহনের গতিবেগের কারণে মসজিদে কম্পন অনুভূত হয়, যা স্থাপনাটিকে ঝুঁকিতে ফেলছে।
স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, ‘পুরাতন মসজিদ কোনো ক্ষতি না হয়, সেই আশঙ্কা থাকেই।’
শাহবাজপুর ইউনিয়নের কবির আলী জানান, পর্যটকরা সড়ক, টয়লেট ও বিশ্রামাগারের অভাবে সমস্যায় পড়েন।
চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আসিফ বলেন, ‘সড়ক প্রশস্তকরণের জন্য ৪৮১ কোটি টাকার প্রকল্প চলমান। মসজিদের সামনে ঢালাই ও উন্নত প্রযুক্তির কাঁচের দেওয়াল নির্মাণ করা হবে, যাতে কম্পনের কারণে কোনো ক্ষতি না হয়।’
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ‘সোনামসজিদসহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
৫০০ বছরের গৌরবময় ইতিহাসের ধারক এই সোনামসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের এক উজ্জ্বল প্রতীক। দেশি-বিদেশি পর্যটকদের কাছে এটি চিরকালই এক অপূর্ব দর্শনীয় স্থান হিসেবে সমাদৃত থাকবে।
সূত্র: বাসস


নির্বাচিত

মরুর বুকে ফুলের বাগান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

লাতিন আমেরিকার দেশ চিলির আতাকামা মরুভূমিতে এক বিরল দৃশ্য দেখা দিয়েছে। বছরের বেশির ভাগ সময় যেখানে ধুলা উড়তে থাকে, সেই নির্জন মরুপ্রান্তরে এখন ছড়িয়ে আছে রঙিন ফুলের গালিচা। এ যেন মরুর বুকে ক্ষণিকের এক রূপকথা।
চিলির লানোস দে চায়ে জাতীয় উদ্যান এলাকায় এ বছর অস্বাভাবিক বৃষ্টিপাতের পর বুনো ফুল গাছে ভরে গেছে আতাকামা মরুভূমি। বিশ্বের সবচেয়ে শুষ্ক এই মরুভূমিতে বছরে গড়ে মাত্র দুই মিলিমিটার বৃষ্টি হয়। তবে এ বছরের শীতে পাহাড়ি অঞ্চল এবং পাদদেশে নজিরবিহীনভাবে ব্যাপক বৃষ্টি হয়েছে।
সেই বৃষ্টির পানিতেই মাটির নিচে ঘুমিয়ে থাকা দুই শতাধিক প্রজাতির বীজ জেগে ওঠে ফুলে ফুলে ভরে গেছে। গোলাপি, বেগুনি, হলুদ আর নীল—নানা রঙের এই উৎসবে মরুভূমি যেন নতুন প্রাণ পেয়েছে।
চিলির জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের উদ্ভিদবিদ ভিক্টর আরদিলেস বলেন, ‘বছরের পর বছর এই বীজগুলো মাটির নিচে ঘুমিয়ে থাকে। যথেষ্ট আর্দ্রতা পেলে তারা জেগে ওঠে, অঙ্কুরিত হয়, আর ফুটে ওঠে ফুল।’
তবে সব বীজ যে জেগে ওঠে, তা নয়। পর্যাপ্ত পানি, তাপমাত্রা, আলো আর আর্দ্রতা—এই চারটি উপাদান একসঙ্গে না মিললে ফুল ফোটে না। এই সৌন্দর্যের আয়ুও খুব বেশি নয়। নভেম্বর নাগাদ বেশির ভাগ ফুল ঝরে যাবে। কেবল শক্ত প্রাণের কিছু বুনো ফুল জানুয়ারি পর্যন্ত টিকে থাকবে।
এই ক্ষণস্থায়ী ফুলেল মরু দেখার জন্য ছুটে আসছেন হাজারো মানুষ। রাজধানী সান্তিয়াগো থেকে ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনেকেই আসছেন এই রঙিন গালিচা দেখতে। পর্যটক মারিৎসা বারেরা বললেন, ‘ভাবনার চেয়েও বেশি মোহময় এই দৃশ্য।’
এই বিরল প্রকৃতি রক্ষায় চিলি সরকার ২০২৩ সালে ৫৭০ বর্গকিলোমিটার এলাকাকে জাতীয় উদ্যান ঘোষণা করে। নাম দেওয়া হয়েছে ডেজার্ট ব্লুম ন্যাশনাল পার্ক। গবেষকেরা বলছেন, পৃথিবীর আর কোথাও মরুভূমি এভাবে ফুলে ফুলে ভরে ওঠে না। তাই আতাকামার এই ক্ষণিকের রূপ, যত দিন আছে, উপভোগ করা ছাড়া কোনো বিকল্প নেই।


নির্বাচিত

banner close