রোববার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

রোগ-প্রতিরোধ ক্ষমতার আদ্যোপান্ত

রোগ প্রতিরোধে দরকার শাকসবজি ও ব্যায়ামের
আপডেটেড
২৬ অক্টোবর, ২০২২ ১৯:৩৪
প্রকাশিত
প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২২ ১৯:৩৩

ওষুধে নয়, রোগ সারে শরীরের ইমিউন সিস্টেম বা রোগ-প্রতিরোধ ক্ষমতায়। ওষুধ সেই সিস্টেমকে সক্রিয় করে তোলে। করোনার সময় এই ব্যাপারতীর সত্যতা আরেকবার প্রমাণিত হয়েছে। কিন্তু কীভাবে কাজ করে শরীরের এই ইমিউনিটি? রাজধানীর বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার মহুয়ার সঙ্গে কথা বলে প্রতিবেদনটি লিখেছেন মইনুল হক রোজ

ইমিউনিটি কী?
সাধারণ ভাষায় ইমিউনিটি বলতে বোঝায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বা ইমিউনিটি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শরীরে নানা ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটস ও অন্যান্য ইনফেকশনের সঙ্গে লড়াই করার জন্য ইমিউনিটির প্রয়োজন হয়। আর এই ইমিউনিটি বা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিন্তু গড়ে তুলতে হয় নিজেকেই। অনেকেই ভাবেন এই রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য অনেক দামি দামি খাবার বা ইমিউনিটি বুস্টার দরকার! এই ধারণা কিন্তু একেবারেই ভুল। এ প্রসঙ্গে শামসুন্নাহার মহুয়া বললেন, ‘আমরা প্রতিদিন যে নিয়মিত খাবার গ্রহণ করে থাকি, তার মধ্যেই ইমিউনিটি বা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠার সব উপাদানই বিদ্যমান থাকে। এর জন্য আলাদা কোনো সুপার ফুড দরকার নেই। যেমন ধরুন- ডিম। ডিমের মধ্যে ভিটামিন সি ছাড়া পানি, প্রোটিন, চর্বি, ভিটামিন এ, ই, বি৬, বি১২, ফলেট, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, খনিজ পদার্থ যেমন- জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সেলেনিয়ামসহ সব ভিটামিনই কমবেশি থাকে। এখন কথা হলো ডিম কিন্তু মোটামুটি সবারই সাধ্যের আওতায় থাকা একটি খাবার। কাজেই প্রতিদিন বা এক দিন পরপর খাদ্য তালিকায় ডিম থাকলে তা কিন্তু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে বেশ ভালোভাবেই। কাজেই বুঝতেই পারছেন দামি খাবার নয় বরং প্রতিদিনের খাবার তালিকায় থাকা সঠিক খাদ্যই ভূমিকা রাখতে পারে ইমিউনিটি বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে।’
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে পুষ্টিকর খাবারদাবার। যেমন:
• সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা বাড়ায় শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এ জন্য প্রতিদিন খেতে পারেন চিনাবাদাম, কাজুবাদামসহ বিভিন্ন রকমের বাদাম। এসবে যথেষ্ট পরিমাণ আয়রন, প্রোটিন ইত্যাদি থাকে, যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।
• মাছ-মাংস-ডিম, দুধ, দই, ছানা ইত্যাদি প্রাণিজ প্রোটিনের পাশাপাশি খাওয়া যেতে পারে ডাল, মটর, ছোলা, কাবলিচানা, সয়াবিনের মতো উদ্ভিজ্জ প্রোটিন।
• খাবারের তালিকায় নিয়মিত রাখতে পারেন কাঁচা হলুদ, মধু ও দুধ। ইমিউনিটি বাড়ানোর সঙ্গে অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে এগুলো।

• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘সি’র জুড়ি নেই। তাই আমলকী, লেবু, পেয়ারা, পেঁপে, কমলালেবু, মুসম্বি, লিচু, আনারস ইত্যাদি ফল নিয়মিত খান। এসব ফল সংক্রমণ ঠেকাতেও দারুণ কাজে দেয় অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে।
• আমরা প্রতিদিন রান্না করা খাবারে যে পেঁয়াজ, আদা, দারুচিনি, লং ইত্যাদি ব্যবহার করি। এগুলো থেকেও কিন্তু পাওয়া যায় অ্যান্টি-অক্সিডেন্ট।
• আমলকী, হরীতকী, পেঁপে, তরমুজ, বাঁধাকপি, টকজাতীয় লেবু, কমলালেবু, পেয়ারা ইত্যাদি। এগুলো কেমিক্যাল মেসেঞ্জার নাম্বার বৃদ্ধি করে। বিশেষ করে ইন্টারফেরন যা ইনফেকশনের প্রসেস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• ইদানীং অনেকেই নিয়মিতভাবে পান করে থাকেন গ্রিন টি। এই গ্রিন টিতেও কিন্তু রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। যা কিনা ইমিউন সিস্টেমকে শক্তিশালী হতে সাহায্য করে।
• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করা উচিত। বিভিন্ন ভাইরাস-ব্যাকটেরিয়া মূত্রের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়। ডিটক্স ওয়াটার পান করার মাধ্যমেও শরীরের বিভিন্ন বর্জ্য পদার্থ দূর করা যায়।
এ ছাড়া ভিটামিন ‘ডি’ যে ইমিউনিটি বা শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা হয়তো অনেকে জানেন না। যেকোনো রোগের সংক্রমণের হাত থেকে মানবদেহ রক্ষা করে এই ভিটামিন। শরীরে ভিটামিন ‘ডি’ কম থাকলে বিভিন্ন ক্রনিক রোগ যেমন টাইপ ১ ডায়াবেটিস, হার্ট, কিডনি, হাড়ের অসুখ, টাইপ ২ ডায়াবেটিস, বিভিন্ন নিউরো সমস্যা, আলঝেইমারস ইত্যাদি হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। আর এই ভিটামিন ‘ডি’র প্রাকৃতিক উৎস সূর্যের আলো। প্রতিদিন সম্ভব হলে ১৫-২০ মিনিট সূর্যের আলোয় থাকার চেষ্টা করুন বা দেহে রোদ লাগান। এর মাত্রা ঠিক আছে কি না তা পরীক্ষা করে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করুন।
ইমিউনিটিতে অ্যান্টি-অক্সিডেন্টের ভূমিকা কী?
উপরের আলোচনায় যে অ্যান্টি-অক্সিডেন্টের কথা বারবার উঠে আসছিল, এবার জানা যাক অ্যান্টি-অক্সিডেন্ট আসলে কী বা ইমিউনিটি বাড়াতে তার ভূমিকা কী। অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে। এগুলো ক্যান্সারের মতো কিছু প্রাণঘাতী রোগ প্রতিরোধে সহায়তা করে, কারণ তাদের ক্যান্সারবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। শাকসবজি এবং ফলের মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট প্রাকৃতিকভাবে পাওয়া যায়। সবচেয়ে সাধারণ অ্যান্টি- অক্সিডেন্ট হলো ভিটামিন সি, ভিটামিন ই, বিটা-ক্যারোটিন, ক্যারোটিনয়েড ,ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়ামের মতো খনিজ পদার্থ। এর মধ্যে ভিটামিন সি পেতে নিয়মিত খেতে পারেন ব্রকলি, তরমুজ, ফুলকপি, আঙুর, শালগম, সরিষা, বিট, পাতাকপি, লেবু, কমলা, জাম্বুরা, পেঁপে, স্ট্রবেরি, মিষ্টিআলু, টমেটো ইত্যাদি। ভিটামিন ই’র জন্য খাদ্য তালিকায় রাখুন সবুজ শাকসবজি, বাদাম, লালমরিচ, পুঁইশাক, সূর্যমুখীর বীজ, অ্যাভোকেডো, সামুদ্রিক মাছের তেল ইত্যাদি। এ ছাড়া হলুদ কমলা, সবুজ শাকসবজিসহ রঙিন ফলমূলে পাওয়া যায় বিটা ক্যারোটিন। যেমন: অ্যাসপারাগাস, বিট, ব্রকলি, গাজর, মরিচ আম, আঙুর, টমেটো, তরমুজ, মিষ্টি আলু, শালগম ইত্যাদি।
শুধু যে পুষ্টিকর খাবারদাবারেই বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি তা কিন্তু না। এর বাইরেও মেনে চলা উচিত আরো কিছু নিয়ম:
নিয়ম মেনে ঘুম
একজন সুস্থ মানুষের কমপক্ষে ছয় থেকে আট ঘণ্টা ঘুম জরুরি। যারা ছয় ঘণ্টার কম ঘুমান তাদের শরীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। রাতের ঘুম শরীরের অত্যাবশ্যকীয় ‘টি’ সেল বা কোষের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। যাদের ঘুম ভালো হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।
পরিহার করুন অলসতা
যারা কাজের চাইতে আরামেই থাকতে ভালোবাসেন বেশি তাদের জন্য দুঃসংবাদ হলো- এই অলসতা কমিয়ে দিতে পারে আপনার ইমিউনিটি বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। কাজেই অলসতা পরিহার করে কায়িক পরিশ্রমের দিকে মনোযোগী হয়ে উঠুন। কারণ একজন মানুষ যখন শারীরিক পরিশ্রম করে, তখন শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করে। তখন শরীরের কোষগুলোতে শক্তি উৎপাদন শুরু হয় এবং তা ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে ।
শরীরচর্চা বাড়ায় ইমিউনিটি
প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিটের ব্যায়াম ইমিউন সিস্টেম বৃদ্ধি হতে সাহায্য করে। তবে যাদের রোগ রয়েছে বা অসুস্থ, তারা অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ব্যায়াম করবেন।
দুশ্চিন্তা দূরে রাখুন
অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা শরীরের ইমিউনিটি কমায়। দুশ্চিন্তা বা স্ট্রেসের ফলে দেহ কর্টিসল হরমোন নিঃসরণ করে। দেহে এই হরমোনের মাত্রা বৃদ্ধি পেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই চেষ্টা করবেন দুশ্চিন্তা বা টেনশন পরিহার করে সব সময় হাসিখুশি থাকতে।
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
নিয়মিত ভাজাপোড়া, ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড, কার্বোহাইড্রেটেড ড্রিঙ্কস, অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া ইত্যাদি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিহার করতে হবে যদি বাড়াতে চান ইমিউনিটি। এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
ধূমপান-এলকোহলকে বলুন না
ধূমপান এবং যেকোনো ধরনের নেশাদ্রব্য থেকে দূরে থাকুন। আপনি যদি ধূমপায়ী হন, তবে যেকোনো রোগে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অধূমপায়ীদের থেকে অনেক বেশি।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। উচ্চ রক্তচাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে।
আমাদের শরীর যখন যেকোনো ধরনের রোগ-জীবাণু কিংবা ভাইরাস-ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তখন সেগুলো থেকে শরীরকে রক্ষা করে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি । সুতরাং, যার রোগ প্রতিরোধ ক্ষমতা যতটা ভালো, তার রোগ-বালাইয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি ততই কম। তাই আসুন নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য মেনে চলি সুষ্ঠু জীবনযাপন পদ্ধতি।


নির্বাচিত

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
আপডেটেড ২৬ আগস্ট, ২০২৬ ১৬:১১
নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজন মৃত্যুবরণ করেছেন এবং একই সময়ে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৯৮ জন। বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। তবে সংস্থাটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গত একদিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

বিগত ১৫ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৮৫১টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারানো শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৯৮ জনের শরীরে এর উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৯টি শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৫৪ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৬৫১ জন। এই দীর্ঘ সময়ে ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।


নির্বাচিত

আরও ১৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় এবং টিকাদান কার্যক্রমের আওতার বাইরে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দেশের যেসব সুনির্দিষ্ট এলাকায় (পকেট এরিয়া) শিশুরা টিকা থেকে বঞ্চিত হয়েছে, সেখানে বিশেষভাবে টিকাদান অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষে সরকারের মজুত থাকা ১৬ লাখ ডোজ হাম-রুবেলার টিকা ব্যবহার করা হবে। গত রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) এক উচ্চপর্যায়ের সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয় যে, বর্তমানে হামে আক্রান্ত রোগীদের প্রায় ৭৪ শতাংশেরই বয়স ৬ মাস থেকে ৫ বছর। মূলত এই বয়সসীমার শিশুদের মধ্যেই সংক্রমণের হার ও মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। স্বাস্থ্যসচিব আজ সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, মাঠ পর্যায়ে যে সকল ছোট ছোট এলাকায় শিশুরা টিকা পায়নি, তাঁদের সবাইকে খুঁজে বের করে এই ১৬ লাখ টিকা প্রদানের মাধ্যমে পূর্ণ সুরক্ষা দেওয়া হবে।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রায় ১ কোটি ৯৩ লাখের বেশি শিশুকে হামের প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, চলতি বছরের ১৭ আগস্ট পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ৯১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮১৫ জনের হামের উপসর্গ ছিল এবং ৯৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। নিহতদের অধিকাংশই ৫ বছরের কম বয়সী এবং তাঁরা কোনো ধরণের প্রতিষেধক টিকা গ্রহণ করেননি।

সংকট উত্তরণে সরকার শুধুমাত্র টিকাদানেই সীমাবদ্ধ থাকছে না; বরং চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ এবং হামের চিকিৎসা নির্দেশিকা বা গাইডলাইন ব্যাপকভাবে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে এবং ভবিষ্যতে টিকার সংকট এড়াতে প্রয়োজনীয় মজুত নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।


নির্বাচিত

ধূমপায়ীদের রক্তে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত, বাড়ছে হৃদরোগের অদৃশ্য ঝুঁকি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

পরিবেশগত দূষণ ও ধূমপানের প্রভাবে মানুষের রক্তপ্রবাহে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব বিপজ্জনক হারে বৃদ্ধি পেতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। গবেষকরা লক্ষ্য করেছেন যে, যারা নিয়মিত বায়ুদূষণ কিংবা ধূমপানের সংস্পর্শে থাকেন, তাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক কণা প্রবেশের হার অনেক বেশি। এছাড়া রক্তের এই প্লাস্টিক কণার উপস্থিতির সাথে হার্ট অ্যাটাকের একটি নিবিড় যোগসূত্র খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা।

অক্সফোর্ড একাডেমিক এর একটি প্রতিবেদন অনুসারে, ইতালির রোমে অবস্থিত সাপিয়েঞ্জা ইউনিভার্সিটির সান্ত'আন্দ্রেয়া হাসপাতালে এই গবেষণাটি পরিচালিত হয়। পাসকুয়ালে পাওলিসোর নেতৃত্বে একদল গবেষক হৃদ্‌যন্ত্রের রক্তনালি থেকে নমুনা সংগ্রহ করে দেখেছেন যে, হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের ৮৪ শতাংশের রক্তে এই প্লাস্টিক কণা বিদ্যমান। এর বিপরীতে যারা হার্ট অ্যাটাক ছাড়াই হৃদরোগে ভুগছিলেন, তাদের মধ্যে এই হার ছিল ৪০ শতাংশ এবং সুস্থ রক্তনালির অধিকারীদের মধ্যে মাত্র ৩২ শতাংশ।

যুক্তরাষ্ট্রের হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ড. ক্রেইগ বাসম্যান এই পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘হৃদ্‌রোগে আক্রান্ত রোগীদের রক্তে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।’ তাঁর মতে, গবেষণার এই ফলাফল মাইক্রোপ্লাস্টিক ও হৃদরোগের মধ্যে একটি সম্ভাব্য সম্পর্কের ইঙ্গিত প্রদান করে।

গবেষণার তথ্য অনুযায়ী, ধূমপায়ীদের রক্তে উচ্চ মাত্রায় মাইক্রোপ্লাস্টিক থাকার সম্ভাবনা অধূমপায়ীদের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। গবেষকরা ধারণা করছেন, বায়ুদূষণ ও ধূমপানের ফলে ফুসফুসের মাধ্যমে এসব ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা সরাসরি রক্তপ্রবাহে মিশে যাওয়ার সুযোগ পায়। যারা বায়ুদূষণ ও ধূমপান—উভয় ধরনের ঝুঁকির মধ্যে আছেন, তাদের প্রত্যেকের রক্তেই উচ্চ মাত্রার প্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, যারা এই কোনো ঝুঁকির মধ্যেই নেই, তাদের ক্ষেত্রে এই হার মাত্র ১২ দশমিক ৫ শতাংশ।

গবেষণার জ্যেষ্ঠ লেখক এমানুয়েলে বারবাতো এ বিষয়ে কিছুটা সতর্ক অবস্থান ব্যক্ত করে জানান যে, এই গবেষণা মাইক্রোপ্লাস্টিক সরাসরি হার্ট অ্যাটাক ঘটায় এমন কোনো চূড়ান্ত প্রমাণ দেয়নি, তবে পরিবেশগত দূষণ ও শারীরিক ঝুঁকির মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। গত ১৫ জুলাই ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত এই গবেষণাটি সীমিত সংখ্যক মানুষের ওপর চালানো হলেও এর ফলাফল আধুনিক জনস্বাস্থ্যে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।


নির্বাচিত

বিশ্বে প্রথম মডার্নার নতুন এমআরএনএ টিকার অনুমোদন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

করোনাভাইরাসের প্রতিষেধকের সফলতার পর এবার ইনফ্লুয়েঞ্জা বা সাধারণ সর্দিকাশি মোকাবিলায় এমআরএনএ প্রযুক্তির নতুন একটি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্নার তৈরি এই টিকাটির নাম রাখা হয়েছে ‘এমফ্লুসিভা’। মূলত প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই প্রতিষেধকটি উদ্ভাবন করা হয়েছে। মডার্নার এই টিকায় মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা প্রচলিত ফ্লু টিকার তুলনায় শরীরে অধিক মাত্রায় অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এবং ভাইরাসের বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধে বেশ কার্যকর।

প্রাথমিকভাবে ৫০ থেকে ৬৪ বছর বয়সীদের জন্য এই টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হলেও ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য অনুমোদনের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার মতো শ্বাসতন্ত্রের সংক্রমণগুলো মারাত্মক রূপ নিতে পারে, যা অনেক সময় প্রবীণদের জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। গবেষকদের মতে, এমফ্লুসিভা এই জীবনঝুঁকি কমিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে, প্রচলিত প্রতিষেধকের চেয়ে মডার্নার এই টিকাটি ইনফ্লুয়েঞ্জা দমনে অনেক বেশি শক্তিশালী।

উল্লেখ্য যে, কোভিড-১৯ টিকা তৈরির মাধ্যমে বিশ্বজুড়ে এমআরএনএ প্রযুক্তি ব্যাপক পরিচিতি লাভ করে। এই বিশেষ প্রযুক্তিতে শরীরের কোষকে নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। ভারতের দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এমস) এক গবেষণায় দেখা গেছে, পাঁচ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হন এবং তাদের মধ্যে মৃত্যুর ঝুঁকিও অনেক বেশি থাকে। এমন প্রেক্ষাপটে এমআরএনএ প্রযুক্তির এই ফ্লু টিকা কার্যকরভাবে প্রয়োগ করা গেলে প্রবীণদের ভাইরাসজনিত শ্বাসকষ্টের সমস্যা ও হাসপাতালে ভর্তির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।


নির্বাচিত

হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৭৫৮

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে আরও পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৫৯ জনকে সন্দেহভাজন রোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। তবে গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচ শিশুর কারও মৃত্যুই ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হয়নি বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৯৬ জনের মৃত্যু হামের কারণেই হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তসহ দেশে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জনে। এছাড়া সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৩২ হাজার ৯০৫-এ উপনীত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে নতুন করে ভর্তি হয়েছেন ১২৪ জন রোগী। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ১১ হাজার ৫ জন। বিভাগভিত্তিক সংক্রমণের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, বর্তমানে ঢাকা বিভাগেই এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি।

বিভাগভিত্তিক তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ৩৯৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৯৪ জন, সিলেটে ১১৯ জন এবং বরিশালে ১১৪ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। খুলনা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে এই সংখ্যা ছিল যথাক্রমে ৬০, ৩৭, ৩১ ও ১০ জন। স্বাস্থ্য কর্তৃপক্ষ সংক্রমণ প্রতিরোধে অভিভাবকদের সচেতন থাকার এবং সময়মতো বাচ্চাদের হামের টিকা প্রদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মূলত প্রান্তিক ও জনবহুল অঞ্চলগুলোতে এই রোগের দ্রুত বিস্তার ঠেকাতে বিশেষ নজরদারি প্রয়োজন হয়ে পড়েছে।


নির্বাচিত

পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সুষম খাদ্যের অভাব এবং জাঙ্ক ফুড গ্রহণের প্রবণতাকে দায়ী করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মন্তব্য করেছেন যে, অস্বাস্থ্যকর খাবারের কারণে দেশ আজ নানা রোগে জর্জরিত। শনিবার ঢাকার ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী পুষ্টিহীনতা, বাল্যবিবাহ এবং শিশুদের সঠিকভাবে বুকের দুধ না দেওয়ার ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তেলের সমুচা খাই। এগুলো খেতে খেতে আজকে আমাদের দেশটা রোগে ভরে গেছে।’

শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী জানান, মায়ের শাল দুধ শিশুদের জন্য উচ্চমাত্রার প্রোটিন ও রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান উৎস। বর্তমান সময়ে সিজারিয়ান অপারেশনের ক্রমবর্ধমান হার এবং আধুনিকতার দোহাই দিয়ে শিশুকে মায়ের থেকে দূরে রাখা বা সঠিক সময়ে বুকের দুধ না দেওয়ার প্রবণতাকে তিনি একটি বড় সংকট হিসেবে চিহ্নিত করেন। তিনি আরও বলেন, ‘আজ আর নেই কফি হাউসের সেই আড্ডাটা, ঠিক তেমনি আমাদের মাতৃ-শিশু সেবাও আজ নেই। আমরা মডার্ন হয়ে গেছি।’ এই তথাকথিত আধুনিকতার কারণেই ব্রেস্ট ক্যান্সার, থ্যালাসেমিয়া ও কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক রোগগুলো সমাজকে গ্রাস করছে বলে তিনি মনে করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান যে, প্রধানমন্ত্রী নিজেও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। তাই শুধুমাত্র রোগ হওয়ার পর চিকিৎসা নয়, বরং জনসচেতনতা বাড়িয়ে রোগ প্রতিরোধেই বেশি গুরুত্ব দিতে হবে। তিনি শুধুমাত্র দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছর প্রতিটি গ্রামে সচেতনতামূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে হলে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং প্রাকৃতিক উপায়ে শিশুদের বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করা অপরিহার্য বলে জানিয়েছেন তিনি।


নির্বাচিত

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে গত রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৮২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে হাম ও উপসর্গ দেখা গেছে ১ হাজার ১০৫ জনের মধ্যে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাম ও উপসর্গের রোগী ১ হাজার ১০৫ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৩০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮২৫ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৪৫ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ রোগী। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।


নির্বাচিত

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি রোগী ১০ হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এডিস মশাবাহিত এই রোগ নিয়ে ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ১০ হাজার ১২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৩৩ জনের মৃত্যু হল। যার মধ্যে জুলাই মাসেই ১৫ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪২ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৭৭ জন। ৩৫ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে আরো আরও ২১ জন ভর্তি হয়েছেন।

দেশের বিভাগগুলোর মধ্যে বরিশালে ১০ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় ৪০ জন ও ময়মনসিংহে ২১ জন হাসপাতালে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে ২৪১ জন হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১০ হাজার ১২ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।


নির্বাচিত

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৯

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

হাম ও হামের উপসর্গে দেশে আরও পাঁচ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল চার শিশুর। এছাড়া সারাদেশে আরও ৯৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৯০ শিশুর। হাম শনাক্ত হয়ে শিশুটি ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় দুই এবং সিলেট ও বরিশালে একটি করে শিশু মারা গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৬৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৪ শিশু। এ পর্যন্ত মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১১ হাজার ৪৮০ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০০ শিশুর। হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৮০ শিশু।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৬০৫ শিশু। আর হামে আক্রান্ত হয়ে ৮৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪৩ শিশু।


নির্বাচিত

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫০

ছবি: সংগৃহীত
আপডেটেড ১২ জুলাই, ২০২৬ ১৯:৪৬
দৈনিক বাংলা ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫ জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, খুলনা বিভাগে ৭০ জন, বরিশালে বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।

এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩২৩ জন। ৭ হাজার ৫৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭২৮ জন চিকিৎসাধীন আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।


নির্বাচিত

হাম ও উপসর্গে ১১৭ দিনে সারা দেশে ৭৫০ জন শিশুর প্রাণহানি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হাম ও এর উপসর্গজনিত প্রাদুর্ভাবে গত ১১৭ দিনে সারা দেশে মোট ৭৫০ জন শিশুর প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে শুক্রবার এই আশঙ্কাজনক তথ্য পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কারও মৃত্যু না হলেও ৩ জন মারা গেছে হামের উপসর্গে।

একই সময়ে নতুন করে ১২৮ জনের শরীরে রোগটি নিশ্চিতভাবে ধরা পড়েছে এবং হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৯০১ জনের। প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ বজায় রাখা হচ্ছে।


নির্বাচিত

হামে আরও ৩ শিশুর মৃত্যু প্রাণহানি বেড়ে ৭৪১

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৪১টি শিশু মারা গেছে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৬টি শিশু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৪৮টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৪১টি শিশু মারা গেছে।

বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫৯টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪৭। এই সময়ে ৮৯০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪০টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৯ হাজার ৭৩৪ রোগী, যাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।


নির্বাচিত

হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিলের নির্দেশ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ প্রসব নিশ্চিত করতে দেশের সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী ১১ জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে লেবার রুম স্থাপনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। নরমাল ডেলিভারি উৎসাহিত করতে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ের ক্লিনিকগুলোর জন্য এটি একটি চূড়ান্ত নির্দেশনা।

স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মিডওয়াইফারি কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্বাস্থ্য খাতে আসন্ন ১ লাখ নতুন জনবল নিয়োগের মধ্যে ৮০ হাজারই হবে নারী এবং তাঁদের অধিকাংশই হবেন মিডওয়াইফারি কর্মী। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে। আগামী সাত দিনের মধ্যে মশার লার্ভা ধ্বংস করার প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করা হবে।

ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও মোবাইল সেবার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ওষুধের সরবরাহ নিয়ে মন্ত্রী বলেন, "কিছুদিন স্যালাইনের ঘাটতি থাকলেও এখন পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।" চিকিৎসকদের প্রতি বিশেষ নির্দেশ দিয়ে তিনি বলেন, রোগীর জ্বর কমে গেলেও চিকিৎসকের চূড়ান্ত সন্তুষ্টি ছাড়া কাউকে ছাড়পত্র দেওয়া যাবে না। বিশেষ করে প্লাজমা লিকেজের মতো জটিলতা মোকাবিলায় নিবিড় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও দাবি করেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক ভালো এবং সরকার হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। স্বাস্থ্য খাতের মানোন্নয়নে সরকারের এই কঠোর পদক্ষেপগুলো সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিরাপদ মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য রক্ষায় বেসরকারি হাসপাতালগুলোকে দ্রুত এই সরকারি নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।


নির্বাচিত

banner close