রোববার, ৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩

সুষ্ঠু পরিকল্পনাই স্বাস্থ্য খাতের চেহারা পাল্টাবে

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সুদীপ্ত সালাম
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৩ ১৬:২৭

বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী চলে গেলেন। তার প্রয়াণ শোকাভিভূত করেছে জাতিকে। ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে জন্ম নেয়া ডা. জাফরুল্লাহ মুক্তিযুদ্ধ ও জনস্বাস্থ্যখাতে অবদানের কারণে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন।

তিনি মুক্তিযুদ্ধে আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এবং ডা. এম এ মবিনের সঙ্গে মিলে সেখানে ৪৮০ শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’ প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। ১৯৮২ সালে প্রবর্তিত বাংলাদেশের ‘জাতীয় ওষুধ নীতি’ প্রণয়নের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

গত বছরের অক্টোবরে দৈনিক বাংলার সঙ্গে স্বাস্থ্য খাতের বিগত পঞ্চাশ বছরের অগ্রগতি, দুর্বলতা এবং সংকট উত্তরণের পথনির্দেশসহ এ খাতসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মুখোমুখি হয়েছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। দৈনিক বাংলার জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহবুবা জান্নাতের নেয়া সাক্ষাৎকারটি পুনরায় প্রকাশ করা হলো।

দৈনিক বাংলা: গত ৫০ বছরে দেশে স্বাস্থ্য খাতের পথচলাকে আপনি কীভাবে দেখছেন?

জাফরুল্লাহ চৌধুরী: সত্তরের দশক ছিল সারা বিশ্বে সমাজতন্ত্রের দশক। মুক্তিযুদ্ধের পর এ দেশেও সমাজতান্ত্রিক ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা কীভাবে সর্বোচ্চ নিশ্চিত করা যায়, তা নিয়ে ভাবা হচ্ছিল। সে সময় তিনজন ব্যক্তি স্বাস্থ্য আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছিলেন। তারা হলেন ড. তৈয়্যব আলী, ড. এস আই এম জি মান্নান এবং এম এন নন্দী। সে সময় যিনি দেশের স্বাস্থ্যসেবার ইতিবাচক অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, তার নাম এখন আর তেমনভাবে উচ্চারিত হয় না। তিনি হলেন অর্থনীতিবিদ এইচ এস শামসুল আলম। পুলিশের অতিরিক্ত আইজি ছিলেন তিনি। পরে পাকিস্তান পরিকল্পনা কমিশনে কাজের সুযোগ পেয়েছিলেন। তিনিই এ দেশের স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোটা গড়ে তোলেন। দেশের প্রতিটি থানায় একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স তৈরির বিষয়টি তিনি পরিকল্পনা কমিশনে অন্তর্ভুক্ত করলেন। সে সময় ৩০০টি থানা ছিল। এতে করে গ্রামে চিকিৎসক পাঠানোর একটা ব্যবস্থা তৈরি হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবও বিষয়টি মেনে নিলেন।

এ ছাড়া ইউনিয়ন সাব সেন্টার প্রতিষ্ঠার ধারণাটি ছিল তৎকালীন স্বাস্থ্য সচিব ড. টি হোসেইনের। প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এটি অন্তর্ভুক্ত করা হয়। এই হলো যুদ্ধোত্তর বাংলাদেশে স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের প্রারম্ভ। সে সময় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জোর দেয়া হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সুদীপ্ত সালাম

এ ছাড়া পাকিস্তান আমল থেকেই এ অঞ্চলে ৮টি মেডিকেল কলেজ চালু ছিল। বাংলাদেশের সাধারণ মানুষ সেগুলোর সুবিধা পাচ্ছিল। আর যুদ্ধকালে আগরতলায় চিকিৎসা শিবিরে আমরা যেভাবে স্বল্প সময়ে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে আপৎকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়েছি, সেই ধারণা থেকে যুদ্ধ-পরবর্তী সময়ে কিছু তরুণ জনগোষ্ঠীকে ৬ মাসের প্রশিক্ষণ দিয়ে ব্যাপক পরিসরে পরিবার পরিকল্পনা সেবা দেয়া শুরু হয়। যার ফলে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে খুব অল্প সময়ে বড় ধরনের সাফল্য এসেছিল।

এরপর আশির দশকের শুরুর দিকে তৈরি হলো ওষুধনীতি। এতে ওষুধশিল্পের ব্যাপক অগ্রগতি হলো। সাধারণ মানুষ স্বল্পমূল্যে প্রয়োজনীয় ওষুধ পেল। আশির দশকের শেষ দিকে আসে স্বাস্থ্যনীতি। তবে দেশের চিকিৎসকরা এটা পছন্দ করেননি। সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল এতে। এটা করা গেলে রোগীরা আজকে ভীষণভাবে উপকৃত হতো। সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো থেকে সর্বক্ষণিক সেবা পেত।

২০১১ সালে সারা দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দিতে শুরু করে সরকার। স্থানীয় জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত এ সেন্টারগুলো পরিচালিত হয় মূলত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দ্বারা। তারা কেবল প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। এগুলোও শুরুর দিকে গ্রামীণ স্বাস্থ্যসেবায় ব্যাপক সাড়া জাগিয়েছিল। কিন্তু পরবর্তীতে কর্মীদের রাজস্ব খাতে না আনাসহ তদারকির অভাবে সেগুলোও কাঙ্খিত সেবা দিতে পারছে না এখন আর।

বাংলাদেশের দুর্ভাগ্য যে, এত ভালো অবকাঠামোগত সুবিধা পেয়েও সঠিক পরিকল্পনা ও দূরদর্শিতার অভাবে স্বাস্থ্য খাতের সম্ভাবনাগুলোকে কাজে লাগানো হয়নি। প্রত্যন্ত অঞ্চলগুলোতে স্বাস্থ্যকর্মী নেই। প্রতি বছর দেশের মেডিকেল কলেজগুলো থেকে ১০ হাজার চিকিৎসক বের হয়। অথচ তারা গ্রামে যায় না, এটা দুর্ভাগ্যজনক।

দৈনিক বাংলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় দুর্বলতা কী?

জাফরুল্লাহ চৌধুরী: সবচেয়ে বড় দুর্বলতা হলো ব্যবস্থাপনার অভাব। আমরা বড় বড় হাসপাতাল তৈরি করেছি। কিন্তু সেখানে প্রয়োজনীয় জনবল দিতে পারিনি, প্রয়োজনীয় যন্ত্রপাতি দিতে পারিনি। প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতালে জনবল সংকট। এভাবে চলতে পারে না।

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সুদীপ্ত সালাম

তা ছাড়া মেডিকেল যন্ত্রপাতির ওপর ট্যাক্স বেশি ধার্য করে ভুল করা হয়েছে।

ওষুধের দাম বেশি। এখন ওষুধের দাম নিয়ন্ত্রণ করছে কোম্পানিগুলো। ফলে তারা কেবল মুনাফার দিকটা দেখছে। দরিদ্র মানুষের কথা ভাবলে সরকারকে ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে হবে। জনগণের আউট অব পকেট এক্সপেনডিচার (নিজ খরচে চিকিৎসা) কমাতে হবে। বর্তমানে চিকিৎসার ৭০ শতাংশ খরচ বহন করে রোগী নিজে। এ অবস্থায় চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে, এমন পরিবারের সংখ্যা নেহাত কম নয়। তাই সরকারকে স্বাস্থ্য খাতে ভর্তুকি বাড়াতে হবে। ফিরে আসতে হবে ১৯৮২ সালের ওষুধনীতিতে। কেননা, এ নীতিতে আমরা ওষুধ কোম্পানিগুলোকে লাভ করার সুযোগ দিয়েছিলাম, কিন্তু ঘুষ দেয়ার সুযোগ দিইনি।

এ ছাড়া বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সরকারের নিয়ন্ত্রণ নেই। ফলে এগুলো লোক ঠকানো প্রতিষ্ঠান হয়ে উঠছে। এসব প্রতিষ্ঠানেও অপারেশনের খরচ, পরীক্ষা-নিরীক্ষার খরচসহ সব কিছু নির্ধারণ করে দিতে হবে সরকারকে।

দৈনিক বাংলা: এ খাতের সবচেয়ে বড় শক্তির দিক কোনটি আপনার কাছে?

জাফরুল্লাহ চৌধুরী: সবচেয়ে বড় শক্তি হলো এ দেশের তরুণ জনগোষ্ঠী। তাদের সহজেই শেখানো সম্ভব। প্রতি বছর ২০ হাজার চিকিৎসক তৈরি করা সম্ভব। প্রয়োজন শুধু সুষ্ঠু পরিকল্পনার। সারা বিশ্বে এখন নার্সের চাহিদা অনেক। বিশেষত প্রবীণদের সেবার জন্য নার্স প্রয়োজন। এ অবস্থায় দীর্ঘমেয়াদি কোর্সের পরিবর্তে ৬ মাস বা এক বছরের কোর্স খোলা যেতে পারে। বয়োবৃদ্ধদের সেবা প্রদানের জন্য সংক্ষিপ্ত ও বাস্তবধর্মী কোর্স কারিকুলাম করতে হবে। যেখানে বিদেশি ভাষা ও কম্পিউটার প্রশিক্ষণ এবং অন্তর্ভুক্ত থাকবে। বাস্তবসম্মত প্রশিক্ষণ দিয়ে তাদের বিদেশে পাঠানো যেতে পারে। কিন্তু নার্সিং সেক্টরটি বরাবরই অবহেলিত রয়েছে এ দেশে।

বিদ্যমান অবকাঠামো ব্যবহার করেই আরও অনেক বেশি দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করা যায়। দুর্ভাগ্য হচ্ছে, তাদের সেভাবে তৈরি করা হচ্ছে না। আমাদের নার্সরা এখনো বিদেশে কাজের সুযোগ পাচ্ছে না।

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সুদীপ্ত সালাম

দৈনিক বাংলা: স্বাস্থ্য খাতে অগ্রাধিকার কী হওয়া উচিত?

জাফরুল্লাহ চৌধুরী: জনস্বাস্থ্যে স্যানিটেশন ব্যবস্থা জোরদার করা আর নিরাময়ের দিক থেকে ইউনিয়ন সাব সেন্টারগুলোকে কার্যকর করা। স্বাস্থ্যসেবার উন্নয়ন চাইলে সর্বপ্রথম এই ইউনিয়ন সাব সেন্টারগুলোকে কার্যকর করতে হবে। চিকিৎসকরা যেন সেখানে থাকেন তার ব্যবস্থা করতে হবে সরকারকে। দুই বছর গ্রামে কাজ না করলে পোস্ট গ্র্যাজুয়েট করতে পারবেন না চিকিৎসকরা, এমন আইন তৈরি হলে চিকিৎসকরা অবশ্যই গ্রামে যাবেন। চিকিৎসকের থাকার যথোপযুক্ত ব্যবস্থা থাকলে, প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলে তারা অবশ্যই গ্রামে কাজ করবেন।

দৈনিক বাংলা: আপনি স্বাস্থ্যমন্ত্রী হলে কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিতেন?

জাফরুল্লাহ চৌধুরী: আমি প্রথমে ওষুধের দাম কমিয়ে দিতাম। ১৯৮২ সালের ওষুধনীতির পূর্ণ প্রয়োগ করলে ওষুধের দাম অর্ধেক হয়ে যাবে। দ্বিতীয়ত, রোগীর সেবাপ্রাপ্তির প্রতিটি স্তরে মূল্য নির্ধারণ করে দিতাম, যাতে রোগী প্রতারণার শিকার না হয়। চিকিৎসকের ভিজিট থেকে শুরু করে প্যাথলজিক্যাল পরীক্ষা, অপারেশন- সব কিছুর মূল্য নির্ধারণ করে দিতাম। কোন প্রতিষ্ঠান নির্দিষ্ট সেবার জন্য সর্বোচ্চ কত টাকা আর সর্বনিম্ন কত টাকা নিতে পারবে তা নির্ধারণ করে দেয়া জরুরি। নতুবা স্বাস্থ্যসেবায় বৈষম্য বাড়তেই থাকবে। একই ইসিজি কোথাও ১০০ টাকা, কোথাও ৩০০০ টাকা– এটা চলতে পারে না। তৃতীয়ত, মেডিকেল কলেজগুলোতে ছাত্র ভর্তি বাড়াতাম। চতুর্থত, প্রতিটি মেডিকেল কলেজে বিদেশি ছাত্রদের জন্য আলাদা এক হাজার আসন রাখতাম। এতে করে দেশে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগও তৈরি হতো। পঞ্চমত, ফিজিওথেরাপি, মাইক্রোবায়োলজি, ডেন্টাল, নার্সিং-এর জন্য আলাদা কলেজ নয়। একই মেডিকেল কলেজ থেকে সবাই পাস করবে। এতে করে সীমিতসংখ্যক অবকাঠামোগত সুবিধার সর্বোচ্চ ব্যবহার হবে। কিছু নির্ধারিত বিষয়ে একই শিক্ষক কভার করতে পারবেন। যেমন: অ্যানাটমি বিষয়টি প্রত্যেক সেক্টরের শিক্ষার্থীদের জন্য একই। তাহলে কেন আলাদা প্রতিষ্ঠান করে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হবে? কেন আলাদা প্রিন্সিপাল, শিক্ষক, দারোয়ান, ক্লিনার লাগবে? ষষ্ঠত, যেহেতু মেডিকেল শিক্ষকের অভাব এখনো প্রকট, তাই যেসব শিক্ষক এখনো সুস্থ সবল আছেন, বিশেষ বিবেচনায় তাদের চাকরির বয়স ৭৫ বছর করতাম।

(ডা. জাফরুল্লাহ মঙ্গলবার রাত সোয়া ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। আগে থেকেই ভুগতে থাকা কিডনি জটিলতার পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় লাইফ সাপোর্টে ছিলেন ডা. জাফরুল্লাহ। তার মরদেহ এখন রাখা আছে বারডেম হাসপাতালের হিমঘরে।)


ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫০

ছবি: সংগৃহীত
আপডেটেড ১২ জুলাই, ২০২৬ ১৯:৪৬
দৈনিক বাংলা ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫ জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, খুলনা বিভাগে ৭০ জন, বরিশালে বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।

এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩২৩ জন। ৭ হাজার ৫৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭২৮ জন চিকিৎসাধীন আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।


হাম ও উপসর্গে ১১৭ দিনে সারা দেশে ৭৫০ জন শিশুর প্রাণহানি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হাম ও এর উপসর্গজনিত প্রাদুর্ভাবে গত ১১৭ দিনে সারা দেশে মোট ৭৫০ জন শিশুর প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে শুক্রবার এই আশঙ্কাজনক তথ্য পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কারও মৃত্যু না হলেও ৩ জন মারা গেছে হামের উপসর্গে।

একই সময়ে নতুন করে ১২৮ জনের শরীরে রোগটি নিশ্চিতভাবে ধরা পড়েছে এবং হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৯০১ জনের। প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ বজায় রাখা হচ্ছে।


হামে আরও ৩ শিশুর মৃত্যু প্রাণহানি বেড়ে ৭৪১

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৪১টি শিশু মারা গেছে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৬টি শিশু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৪৮টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৪১টি শিশু মারা গেছে।

বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫৯টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪৭। এই সময়ে ৮৯০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪০টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৯ হাজার ৭৩৪ রোগী, যাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।


হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিলের নির্দেশ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ প্রসব নিশ্চিত করতে দেশের সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী ১১ জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে লেবার রুম স্থাপনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। নরমাল ডেলিভারি উৎসাহিত করতে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ের ক্লিনিকগুলোর জন্য এটি একটি চূড়ান্ত নির্দেশনা।

স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মিডওয়াইফারি কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্বাস্থ্য খাতে আসন্ন ১ লাখ নতুন জনবল নিয়োগের মধ্যে ৮০ হাজারই হবে নারী এবং তাঁদের অধিকাংশই হবেন মিডওয়াইফারি কর্মী। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, গত দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে। আগামী সাত দিনের মধ্যে মশার লার্ভা ধ্বংস করার প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করা হবে।

ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও মোবাইল সেবার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ওষুধের সরবরাহ নিয়ে মন্ত্রী বলেন, "কিছুদিন স্যালাইনের ঘাটতি থাকলেও এখন পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।" চিকিৎসকদের প্রতি বিশেষ নির্দেশ দিয়ে তিনি বলেন, রোগীর জ্বর কমে গেলেও চিকিৎসকের চূড়ান্ত সন্তুষ্টি ছাড়া কাউকে ছাড়পত্র দেওয়া যাবে না। বিশেষ করে প্লাজমা লিকেজের মতো জটিলতা মোকাবিলায় নিবিড় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও দাবি করেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক ভালো এবং সরকার হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। স্বাস্থ্য খাতের মানোন্নয়নে সরকারের এই কঠোর পদক্ষেপগুলো সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিরাপদ মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য রক্ষায় বেসরকারি হাসপাতালগুলোকে দ্রুত এই সরকারি নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।


হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১১০৭

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

সারাদেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ১০৭ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৬৮ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত এই সম্ভাব্য রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় ১৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১২ হাজার ৪২৫ জনে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সময়কালে সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৫৪৩ জন।

মৃত্যুর হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৩৬টি শিশুর মৃত্যু হয়েছে। যদিও শেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৩ জন।


দেশে হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে গত সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্ণিত গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৮৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৭ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫ জন।

গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮০ হাজার ৯৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে দুজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সন্দেহজনক হামে ৬২৫ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।


রাজশাহী জেলায় এইডস শনাক্ত ১৩৯ জন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগে বাড়ছে এইডস (এইচআইভি) আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৬ বছরে বিভাগের আট জেলায় ৭৯৪ জনের এইচআইভি শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী জেলাতেই শনাক্ত হয়েছে ১৩৯ জন, যাদের বেশির ভাগের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিষয়টি নিয়ে তাদের কার্যক্রম চলছে।

২০১৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত রাজশাহী জেলায় এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৩৯ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, আক্রান্তদের মধ্যে ৯২ জন সমকামী, যা মোট আক্রান্তের প্রায় ৬৬ শতাংশ। একই সময়ে রাজশাহী বিভাগের আট জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৯৪। জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে সিরাজগঞ্জ, এরপরই রাজশাহীর অবস্থান। আর সবচেয়ে কম আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে।

রামেকে কর্মরত এইডস সংক্রমণ বিশেষজ্ঞ চিকিৎসক ইব্রাহিম মোহাম্মদ শারৎ বলেন, ‘প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। এখানে দুটি বিষয় কাজ করছে। একটা হলো, এরা আগে থেকেই পজিটিভ (আক্রান্ত) ছিল কিন্তু পরীক্ষা করতে আসত না। মনে করত, পরীক্ষা করার পর চিকিৎসা নেই। এর ফলে সংক্রমণটা বৃদ্ধি পেয়েছে।’

রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চিকিৎসক মো. হাবিবুর রহমান বলেন, ‘অবাধে মেলামেশা, অনিরাপদ রক্ত সঞ্চালন বা সিরিঞ্জের মাধ্যমে এবং মাদকসেবীদের মাধ্যমে রোগীর সংখ্যা বাড়তে পারে। রাজশাহী বিভাগেও সারা দেশের মতো আমাদের এইডস স্ক্রিনিং কার্যক্রম চালু আছে।’


হামের উপসর্গে  ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সারা দেশে হামের উপস্বর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে স্বস্তির বিষয় হলো, এই সময়ের মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামের কারণে কারো মৃত্যু হয়নি। শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দিনে সারা দেশে নতুন করে ৮৬৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১০৭ জনের শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে হামের সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত মোট ৮১ হাজার ২৮৩ জন মানুষ সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে যথাযথ চিকিৎসা শেষে ৭৭ হাজার ৬১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

তবে মৃত্যুর হার নীতিনির্ধারকদের ভাবিয়ে তুলছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামে মোট ৬০৯ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে অন্তত ৯৩ জনের মৃত্যুর কারণ হিসেবে সরাসরি হামকে দায়ী করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, হামের এই বিস্তার রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বাড়ানো অপরিহার্য।


জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ জুন। এবারের ক্যাম্পেইনে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চলবে। কোনো শিশু যদি ওইদিন বাদ পড়ে, পরদিনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ক্যাপসুল খাওয়ানো যাবে। এ ছাড়া ১২টি জেলার ৫৮টি দুর্গম উপজেলায় ক্যাম্পেইনের পরের চার দিন এই ক্যাপসুল বিতরণ করা হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাতকানা রোগসহ শিশু অন্ধত্বের বড় কারণ ভিটামিন ‘এ’-র অভাব। এই অভাব দূর করতে ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি করে উচ্চক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইনের প্রস্তুতি তুলে ধরে ড. মুহিত বলেন, ‘শিশুদের ক্যাপসুল খাওয়ানোর জন্য দেশজুড়ে ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ৫০০টি অস্থায়ী কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘রাতকানা রোগ থেকে শুরু করে শিশু অন্ধত্বের একটা প্রধান কারণ হচ্ছে ভিটামিন ‘এ’-র অভাব। বাংলাদেশে দুই দশক আগেও অপুষ্টিজনিত কারণে শিশুদের অন্ধ হয়ে যাওয়ার চিত্র দেখা যেত। তবে নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ চালু হওয়ার পর এই হার অত্যন্ত দ্রুত কমে এসেছে।’

তীব্র বা জটিল অসুস্থতা ছাড়া সব শিশুই এই ক্যাপসুল খেতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘খালি পেটে শিশুকে ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।


হামের উপসর্গে মৃত্যু আরও ৩, প্রাণহানি বেড়ে ৬৮৬

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে মঙ্গলবার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫টি শিশু। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৮৬টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১২৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১,০০৯ জন। এসময়ে ৯৭৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮৬টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে মঙ্গলবারপর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৬৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ২৯৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৮ হাজার ৭১৬ রোগী, যাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।


ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভা মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। টাস্কফোর্সটি মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি, প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে—

  • বিভিন্ন দপ্তর ও সংস্থার মাধ্যমে ব্যাপক হারে লিফলেট ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ,

  • স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক বিশেষ প্রচারণা কার্যক্রম পরিচালনা,

  • স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা,

  • ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান (কোয়ালিটি) নিয়মিত পরীক্ষা ও তদারকি করা,

  • এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা,

  • নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান, গ্যারেজ এবং জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন বৃদ্ধি,

  • গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার জোরদার করা,

  • ডেঙ্গুর লার্ভা শনাক্ত হওয়া স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ,

  • ডেঙ্গু প্রতিরোধবিষয়ক মনিটরিং ও তদারকি কার্যক্রম আরও শক্তিশালী করা,

  • ডেঙ্গু আক্রান্ত রোগীদের তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় এখন থেকেই সমন্বিত ও জোরালো প্রস্তুতি গ্রহণ জরুরি। জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি মাঠপর্যায়ে কার্যক্রমের গতি বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়াসা, এলজিইডি, ডিপিএইচই, রাজউক এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সরকারের কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে সম্প্রতি জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন এ কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় কমিটির প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি অর্জনের আশা প্রকাশ করা হয়েছে।


হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে গত শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৮০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার একজনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ৯২ হাজার ৭৯০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১১ হাজার ১১ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৬ হাজার ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭২ হাজার ৮৪৯ জন ছাড়পত্র পেয়েছেন।


ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার ডেঙ্গুতে একজনের মৃত্যুর হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী (৫৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে খুলনা বিভাগে ৫২ জন ছাড়াও ঢাকা বিভাগে ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে একজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৩ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


banner close