সোমবার, ৪ মে ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩
ফের করোনা আতঙ্ক নিয়ে নতুন বছর

নির্দেশনা থাকলেও পর্যাপ্ত স্ক্রিনিং নেই স্থলবন্দরগুলোয়

ইমিগ্রেশনের সময় কেবল যাত্রীদের করোনার টিকা গ্রহণের সনদ দেখা হয়। সম্প্রতি যশোরের বেনাপোল স্থলবন্দরে। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
১ জানুয়ারি, ২০২৩ ০০:১১
জাকিয়া আহমেদ
প্রকাশিত
জাকিয়া আহমেদ
প্রকাশিত : ১ জানুয়ারি, ২০২৩ ০০:০২

স্বস্তি ছিল। যার কারণে মানুষ করোনার ভয়ংকর দিন পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরেছিল। তবে স্বাভাবিক জীবনের সেই ছন্দে আবার চোখ রাঙাচ্ছে নতুন করে সংক্রমণ ছড়ানোর শঙ্কা। করোনার অতিসংক্রমণশীল ধরন অমিক্রনের উপধরন বিএফ.৭ এই উদ্বেগের কারণ। পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশের বিমানবন্দর ও স্থলবন্দরগুলোয় স্ক্রিনিং বাড়ানোর নির্দেশনা দিয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, স্থলবন্দরগুলোয় পর্যাপ্ত স্ক্রিনিং হচ্ছে না। এই অবস্থায় দেশে অমিক্রনের উপধরনটির সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চীন ও ভারতে অমিক্রনের এই উপধরন ছড়িয়েছে। বিশেষ করে চীনে ব্যাপকভাবে ছড়িয়েছে। বাংলাদেশ ভারতের প্রতিবেশী এবং চীনের সঙ্গে যোগাযোগ বেশি। কাজেই এই উপধরন বাংলাদেশে যেকোনো সময় ছড়িয়ে পড়তে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর দৈনিক বাংলাকে বলেন, ‘এটা দেশে ঢুকে পড়লে জিরো থেকে হিরো হয়ে যেতে পারে এবং তাতে খুব বেশি সময় নেবে না। সুতরাং সব ধরনের তৎপরতা নেয়া হচ্ছে। সব প্রবেশপথে সতর্কতা জারি করা, মাস্ক পরা, টিকা নেয়ার মতো…। কিন্তু আলটিমেটলি যত কিছুই করা হোক না কেন, একে ঠেকানো খুব কঠিন। এর সবচেয়ে বড় ভয়ংকর দিক হচ্ছে, এই উপধরনে সংক্রমিত হওয়ার পর রোগী লক্ষণ-উপসর্গহীন থাকে। যার কারণে শনাক্ত হওয়ার আগেই ছড়িয়ে যাচ্ছে। চেষ্টা করলেই যে একে আটকে রাখা যাবে, তাও নয়।’

চিকিৎসকরা বলছেন, বিএফ.৭ নামের নতুন উপধরনটি করোনাভাইরাসের এ-যাবৎকালের সবচেয়ে অতিসংক্রমণশীল উপধরন। অমিক্রনের মূল ধরনের চেয়েও চার গুণ বেশি সংক্রমক এটি। একজন রোগী একই সময় ১৮ জনকে সংক্রমিত করতে পারে। বিএফ.৭ শরীরের রোগ প্রতিরোধক্ষমতা এবং আরটি-পিসিআর পরীক্ষাকেও ফাঁকি দিতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এরই মধ্যে জানিয়েছেন, চীনে ছড়ানো অমিক্রনের নতুন ধরনটি বাংলাদেশে পাওয়া গেছে। তবে এর বিস্তারিত কিছু জানাননি তিনি।

কয়েক দিন আগে চীন থেকে আসা দেশটির চার নাগরিকের করোনা শনাক্ত হয়। তারা ভাইরাসটির কোন ধরনে আক্রান্ত, তা পরীক্ষা করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এই পরীক্ষার ফলাফল আগামী রোববার পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।

এই অবস্থায় দেশের বন্দরগুলোয় কড়া পর্যবেক্ষণ শুরু করেছে সরকার। গত ২৭ ডিসেম্বর বিমানবন্দরগুলোয় করোনা পরীক্ষার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সব বন্দরে স্ক্রিনিং বাড়ানোর নির্দেশ দেয়া হলেও আদতে তার বাস্তবায়ন দেখা যায়নি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর আগে যতবার করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তার সবই দেশে ঢুকেছে সীমান্তবর্তী এলাকা দিয়ে। আগে থেকে যথাযথ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বরাবরই স্বাস্থ্য বিভাগ ব্যর্থ হয়েছে। তাই এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা কেবল কাগজে-কলমে না রেখে নির্দেশনার বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।

তবে দৈনিক বাংলার সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা সরেজমিন ঘুরে জানিয়েছেন, যশোরের বেনাপোল, সিলেটের তামাবিল ও লালমনিরহাটের বুড়িমারী বন্দর দিয়ে প্রতিদিনই পণ্যবাহী যানসহ সাধারণ মানুষ ভারতে যাতায়াত করছেন। গত সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাতায়াত ছিল অন্য সময়ের চেয়ে বেশি।

বেনাপোল বন্দরে চেকপোস্ট ইমিগ্রেশনে ডিজিটাল থার্মাল স্ক্যানার ও ইনফ্রারেড হ্যান্ডহেল্ড থার্মোমিটার চালু থাকলেও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেই। পণ্যবাহী ট্রাকে জীবাণুনাশক স্প্রে কার্যক্রমও বন্ধ রয়েছে। বেনাপোল ও তামাবিল বন্দরে দিয়ে ভারত ও বাংলাদেশে অবাধে যাতায়াত করছেন পরিবহন শ্রমিকরা। কেবল বুড়িমারী বন্দর দিয়ে চলাচলকারী সবাইকে স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

তামাবিল স্থলবন্দরের পরিচালক মাহফুজুর রহমান বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। তারা মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলছেন। তবে যাত্রী ও পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. ইকবাল আর্সলান দৈনিক বাংলাকে বলেন, ‘মহামারিকালে অনেক পরিকল্পনাহীন, সমন্বয়হীনতা আমরা দেখেছি। জাতীয় কমিটির পরামর্শ আমলে নেয়া হয়নি অনেকবার। তার খেসারত আমাদের দিতে হয়েছে। কিন্তু এবার যেন সে রকম কিছু না হয় সেই অনুরোধ থাকবে।’ তিনি বলেন, ‘আমি আসলেও বুঝতে পারছি না, রাজনৈতিক সমাবেশ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান কী ব্যবস্থা নেয়া যাবে। এখানে ব্যক্তিগত সচেতনতা এবং সতর্কতা মেনে চলতে হবে। মাস্ক পরা, দূরত্ব মেনে চলাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

২৪ ঘণ্টায় শনাক্ত ২৩, মৃত্যু ১

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩ জনের। এই সময়ে করোনা সংক্রমিত একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষার ১ দশমিক ২৭ শতাংশ।


সব টিকার পর্যাপ্ত মজুত আছে, চলবে ৬ মাস: স্বাস্থ্যমন্ত্রী

আপডেটেড ২২ এপ্রিল, ২০২৬ ২৩:৩৬
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে সব টিকার পর্যাপ্ত মজুত আছে। যক্ষ্মা, বিসিজিসহ নয়টি টিকার সবগুলো আমাদের হাতে আছে। আগামী ৬ মাস টিকা দিয়ে যেতে পারব। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে হাসপাতালের লেকচার হলে স্বাস্থ্যমন্ত্রী চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘চায়না বাংলাদেশ জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক’ চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকারগুলো ২০২০ সালের পর থেকে ভ্যাকসিন দেয় নাই, যে কারণে হাম পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘(হাম প্রতিরোধক) ভ্যাকসিনের স্টক ছিল না। আমরা খুব তড়িৎ গতিতে—ওই সপ্তাহে আমরা শুরু করতে পারি নাই; কিন্তু পরের সপ্তাহ থেকে আমরা ‘গ্যাভি’ (বিশ্বের সবচেয়ে দরিদ্র শিশুদের জন্য টিকা কিনতে সহায়তা প্রদানকারী সংস্থা) সাহায্যে, ইউনিসেফের সাহায্যে ভ্যাকসিন সংগ্রহ করে ইতোমধ্যে আমরা সারাদেশে টিকাদান শুরু করেছি। জলাতঙ্কের টিকার একটি সংকট হয়েছিল। স্থানীয়ভাবে সংগ্রহ করে আমরা সমাধান করেছি। একটা ক্লজ ছিল, বাইরে থেকে এই ভ্যাকসিনটা পরীক্ষা করিয়ে আনতে হতো। যে কারণে সরবরাহ নিতে অনেক দেরি হয়েছিল। আমরা ওই ক্লজটা প্রত্যাহার করেছি। অ্যান্টির‌্যাবিস ভ্যাকসিনের সবচেয়ে বড় উৎপাদক ইনসেপ্টা এবং পপুলার থেকে আমরা স্থানীয়ভাবে (টিকা) সংগ্রহ শুরু করেছি।’

আগামী দেড় মাসের ভেতরে আমাদের (অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিনের) বাফার স্টক আসছে, যোগ করেন তিনি।

গ্রাম এলাকায় টিকার সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এমএসআর এবং এডিবি ফান্ড থেকে টিকা কেনা হচ্ছে।’ সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে ‘ছয় ট্রাক চিকিৎসা সরঞ্জাম লুটের ঘটনা’ প্রসঙ্গে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘চিকিৎসা সরঞ্জাম না... এখনো সমস্ত মালগুলো চেক করা যায়নি, তবে আপনাদের নিশ্চয়তার সঙ্গে বলতে পারি এগুলো লোহা জাতীয় জিনিস। কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের পার্ট—আমরা ভিডিওতে যা দেখেছি।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে একটা জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে। পুলিশ তদন্ত করবে। সে যেই হোক না কেন, যারাই এর সঙ্গে জড়িত, যত বড় অফিসারই হোক, আমরা প্রত্যেককে গ্রেপ্তার করব। যদি চাকরিজীবী হয়ে থাকে, চাকরি থেকে বরখাস্ত করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’


হামে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৫৮ শিশু। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশে মোট ১২৮ শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। এ ছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৩৪ জন এবং ২৭ হাজার ১৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।


শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা জোরদারে বিএমইউতে সেমিনার অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং সুরক্ষা জোরদারে ‘চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (সিএএমএইচ) সার্ভিস অ্যাকশন প্ল্যান ডিসেমিনেশন ওয়ার্কশপ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশ-বিদেশের চিকিৎসক, গবেষক এবং সংশি¬ষ্ট বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথের সহযোগিতায় এবং ইউনিসেফের সহায়তায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এম এ সালাহউদ্দিন কাউসার বিপ্লব।

কর্মশালায় শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সেবার মানোন্নয়ন এবং জাতীয় পর্যায়ে কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য আর অবহেলার সুযোগ নেই। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সক্ষম হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যখাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি।

কর্মশালায় অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদসহ বিশেষজ্ঞরা সিএএমএইচএসএএন’র আওতায় প্রণীত অ্যাকশন প্ল্যানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও বৃস্তিত পরিসরে পরিচালিত হলে শিশু ও কিশোরদের মানসিক সুস্থতা নিশ্চিত করা সহজ হবে।


আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সারা দেশে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।

গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) একযোগে এই কার্যক্রম শুরু করে সরকার।

সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।


হাম ও উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে একজনের এবং হাম সন্দেহে আরো তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৯৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৬০৬ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা তিন হাজার ৪৪৩ জন।

১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ৩২৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১২ হাজার ৩৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরো একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৮১ জনের।


দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ শিশু হামের উপসর্গ নিয়ে ও দুই শিশুর হামে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ এপ্রিল সকাল আটটা থেকে ১৬ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়কালে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। আর নতুন করে হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর।


রামেকে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫ জন রোগী। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৬১৩ জন রোগী রামেকে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫১ জন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় হামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় আরও ১১ শিশু ভর্তি হয়েছে।


একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১ মাসে সারাদেশে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩২ ও হাম সন্দেহে ১৬৬ শিশুর। একই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জনের।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ জনের। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৭৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩০ জন। এর পরই আছে রাজশাহী বিভাগে। এখানে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৫৬ জন ও মৃত্যু হয়েছে ৬৭ জন। সবচেয়ে কম আক্রান্ত হয়েছে রংপুর বিভাগে। এ বিভাগে ৬৪৪ জন শিশু হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে এবং এখানে গত এক মাসে কোন মৃত্যুর ঘটনা।


২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১১০৫ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ১৭৬ জনের।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে আজ ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১টি শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৪ জনের।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আসা ১৮ হাজার ২৩১ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে ২ হাজার ৮৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৯ হাজার ৩০৪ জন। গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের।


হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে। এর সঙ্গে বাড়ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এ রোগের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে। ২৪ ঘণ্টায় বিভাগটিতে মারা গেছে চারজন।

সোমবার (১৩ এপ্রিল) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৭১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৬১৫ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৮৬ জন, যা গতকাল ছিল ১২৩ জনে।

এদিকে, এ সময় হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ৭২৯ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭১৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ১৮৬ জন মারা গেছেন।


হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজনের মৃত্যু হামেই হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর ছয়জনের মৃত্যু হয়েছে হাম সন্দেহে।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৫১ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে (সন্দেহজনক)।

এছাড়া নতুন আক্রান্ত ১৪২৮ জনের মধ্যে ১৫০ জন নিশ্চিতভাবে এবং ১২৬৮ জন সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র এই বিভাগেই ৭০৩ জন শিশু আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিতভাবে হামে ২৮ জনের মৃত্যু হয়েছে। তবে হামের লক্ষণ নিয়ে বা সন্দেহজনক হিসেবে মৃত্যু হয়েছে আরও ১৫১ জন শিশুর। অর্থাৎ, গত এক মাসে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৭৯ জন শিশুর মৃত্যু হলো।

একই সময়ে সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩৯ জন। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৫ জনে।


যথাযোগ্য মর্যাদায় বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বি ব্লক থেকে একটি জনসচেতনামূলক র‌্যালি বের হয়। এটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, পারকিনসন্স দিবস আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে। এই রোগের বিষয়ে জনসচেতনা বৃদ্ধি আবশ্যক। আক্রান্ত রোগীদের সচেতন করতে পারলে এবং তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে রোগীদের জীবনযাত্রার মান উন্নত হবে। তবে পারকিনসন্স রোগের বিষয়ে প্রিভিলেন্স, এই রোগে স্বাস্থ্যখাতে কী ধরণের প্রভাব পড়ছে এবং এই বিষয়ে এপিডেমিওলজিক্যাল সার্ভে করা প্রয়োজন। যাতে জনগোষ্ঠীর মধ্যে কোনো রোগ বা বৈশিষ্টে আক্রান্ত মানুষের অনুপাত জানা যায় এবং তাদের রোগ, স্বাস্থ্যগত অবস্থা ও ঝুঁকির কারণগুলো খুঁজে বের করা যায়, যা রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্যের ঝুঁকি হ্রাসে বিশেষ ভূমিকা রাখবে।

র‌্যালিতে বিএমইউর নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. কনোজ কুমার বর্মন, অধ্যাপক ডা. শেখ মাহাবুব আলম, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ডা. আনিছ আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. কাজী জান্নাত আরা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাচার্যের একান্ত সচিব লুৎফর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বয়স বাড়লে অনেকেরই হাঁটাচলার গতি কমে যায় এবং হাঁটতে গেলে ভারসাম্য রক্ষা করতে কষ্ট হয়। কিন্তু এর সঙ্গে যদি হাত-পা কাঁপা ও মাংসপেশী শক্ত হয়ে যাওয়ার সমস্যা থাকে, তা হলে তা পারকিনসন্স রোগের লক্ষণ। পারকিনসন্‌ সাধারণত বৃদ্ধ বয়সের রোগ; তবে কিছু ক্ষেত্রে অল্প বয়সেও পারকিনসন্স দেখা দিতে পারে।


হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের হাম পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি জানিয়েছেন, গত ৪ বছর টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়ায় বর্তমানে হামের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে হামের টিকা কার্যক্রম শুরু হবে। এ সময় দেশে টিকার কোনো ঘাটতি নেই বলেও নিশ্চিত করেন সচিব।

গবেষক এবং পরামর্শক টিমের পরামর্শ অনুযায়ী, ছয় মাস থেকে ৫৯ মাস বছর বয়সি বাচ্চাদের সবাইকে হামের টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

দেশজুড়ে হঠাৎ বেড়ে গেছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত ৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টা) হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৭ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৬৮ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৩ শিশু। হামে আক্রান্ত শিশুর সংখ্যা ২ হাজার ৪০৯। আর সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮ হাজার ৯১০। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৬ হাজার ৬০৯ শিশু।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। ১২ এপ্রিল ঢাকার দুই সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এবং ২০ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেওয়া থাকলেও ৬ মাস থেকে ৫৯ মাসের সব শিশুদের হামের টিকা দিতে পারবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না।


banner close