মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র সব সময় ইসরায়েলের পাশে থাকবে। একই সঙ্গে তিনি সাধারণ নিরীহ মানুষের জীবন রক্ষা করা জরুরি বলে মন্তব্য করেছেন। এ জন্য তিনি গাজায় অভিযান চালানোর ব্যাপারে ইসরায়েলকে সংযতভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আল-জাজিরা জানায়, বৃহস্পতিবার তেলআবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি বাহিনী-হামাসের তীব্র সংঘাতের মধ্যেই তেলআবিবে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। মূলত ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করতেই তিনি এ সফর করছেন। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনী ছয় দিন ধরে বিমান হামলা চালাচ্ছে। এতে শিশুসহ বহু ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসরায়েল কীভাবে নিজেকে রক্ষা করে সেটি একটি ‘বিষয়’ হলেও সাধারণ মানুষদের ক্ষয়ক্ষতি এড়াতে সম্ভাব্য সব ধরনের পূর্ব সতর্কতা নেয়া খুবই গুরুত্বপূর্ণ।”
বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামাসের হাতে জিম্মিদের ছাড়িয়ে নিতে চেষ্টা চালাবেন ব্লিঙ্কেন। হামাসের হাতে জিম্মিদের মধ্যে কয়েকজন মার্কিন নাগরিকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া গাজায় সম্ভাব্য স্থল হামলায় সেখানে বসবাসরত আমেরিকান-ফিলিস্তিনিদের মিসরে চলে যাওয়ার সুযোগ দিতে তিনি মিসর ও ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
তেলআবিবে সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে আশ্বস্ত করে ব্লিঙ্কেন বলেন, ‘আমরা এখানে আছি। আমরা কোথাও যাচ্ছি না।’ তিনি জানান, ইসরায়েলকে অন্তহীন সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতে শুরু থেকেই তেলআবিবকে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হামাসের সঙ্গে লড়াইয়ে সহায়তা করতে গত বুধবার ইসরায়েলে গোলাবারুদবোঝাই বিমান পাঠিয়েছে ওয়াশিংটন।
এদিকে ইসরায়েল সফর শেষে ব্লিঙ্কেন জর্ডানের পথে যাত্রা করবেন। সেখানে তিনি বাদশা আবদুল্লাহ এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এই সফরে ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে সফরে যেতে পারেন।
২৫ মার্কিন নাগরিক নিহত: তেলআবিবে সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন নিশ্চিত করেছেন যে, গত শনিবার থেকে ইসরায়েলে হামাসের হামলায় অন্তত ২৫ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
ইরান যুদ্ধে যেসব দেশকে যুক্তরাষ্ট্র রক্ষা করেছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে ওয়াশিংটন, জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রচারিত সিবিএস নিউজের সাক্ষাৎকারে উপস্থাপক রস ডাউথাটকে তিনি বলেন, ‘ওই দেশগুলো যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাবতীয় খরচ মিটিয়ে দেবে।’
ট্রাম্প বলেন, ‘আমরা এইসব টাকা ফেরত পাব। তারা তা দেবে, শতভাগ। কারণ আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।’ প্রথমবারের মতো স্পষ্টভাবে ইসরায়েলের কাছ থেকেও ক্ষতিপূরণের কথা বলেছেন তিনি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না।
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির ভরাডুবির পর এই দাবি এলো। ফলে এর পেছনে ইরান যুদ্ধ নিয়ে জনঅসন্তোষ আংশিক ভূমিকা রেখেছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট। এরপর তিনি যুদ্ধকে সামরিকভাবে কার্যত শেষ ঘোষণা করেছেন এবং যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে খুব ভালো সিদ্ধান্ত বলেছেন।
ট্রাম্প বলেন, ‘আমরা তাদের (ইরানের) পারমাণবিক ভাণ্ডারের মাথা কেটে দিয়েছি। আমি তা না করলে এখন ইসরায়েল বলে কিছু থাকত না।’ এর আগে হরমুজ প্রণালীর আশপাশে মার্কিন সামরিক উপস্থিতি থেকে উপকৃত উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে খরচ ফেরত চেয়েছিলেন তিনি। জুলাইয়ের ব্রিফিংয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নাম নিয়েছিলেন।
তবে উপসাগরীয় দেশগুলো বলছে, যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে তাদের জানানোই হয়নি। ইরানের পাল্টা হামলার ধাক্কাও তারাই সামলেছে। জিসিসি সদস্য হিসেবে তারা কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।
ঐক্যবদ্ধ সরকারের দাবি নেতানিয়াহুর, ‘বর্ণবাদী’ ও ‘বিদ্বেষপূর্ণ’ বলে কটাক্ষ বিরোধীদের ঐক্যবদ্ধ সরকারের দাবি নেতানিয়াহুর, ‘বর্ণবাদী’ ও ‘বিদ্বেষপূর্ণ’ বলে কটাক্ষ বিরোধীদের কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী অধ্যাপক ও চ্যাথাম হাউসের সহযোগী ফেলো বদর আল-সাইফ বলেন, ‘ট্রাম্প বিদ্যমান বাণিজ্য চুক্তি বা উপসাগরীয় বিনিয়োগকে ক্ষতিপূরণ হিসেবে দেখাতে পারেন।’ আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ফরিদ বুসাইদের ভাষ্য, এটি সম্ভবত পরোক্ষ হবে এবং যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক বিনিয়োগ ও অতিরিক্ত মার্কিন অস্ত্র কেনার রূপ নেবে।
অতীতেও বিদেশি বিনিয়োগকে উপহার হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প। ২০২৫ সালের জুলাইয়ে ইইউর সঙ্গে চুক্তির পর তিনি ৬০ হাজার কোটি ডলারকে উপহার বলেন। অথচ চুক্তিতে শুধু ইউরোপীয় কোম্পানিগুলোর বিনিয়োগের প্রত্যাশা ছিল। প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্ত প্রাচীরের খরচ দেবে বলেও দাবি করেছিলেন, যা হয়নি।
বিশ্লেষকদের মতে, যে যুদ্ধ উপসাগরীয় মিত্ররা শুরু করেনি, তার জন্য আরও অর্থ দিতে বলায় তারা বিরূপ হবে। কুইলিয়ামের মতে, তারা নীরব প্রতিরোধ করবে, কারণ তারা ইতোমধ্যে নিরাপত্তা ব্যয়ে অবদান রাখছে।
ইসরায়েল সম্পর্কে ডারহাম বিশ্ববিদ্যালয়ের মারজিয়া কুহি ইসফাহানি বলেন, ‘আর্থিক বোঝা বহন করতে বলা প্রতিষ্ঠিত রীতি এবং ইসরায়েলের বর্তমান সম্পদ-সীমাবদ্ধতার বিরুদ্ধে যাবে।’
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। সেখানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলো উৎক্ষেপণের যন্ত্রও প্রদর্শন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার আবহে নিজেদের এই সামরিক সক্ষমতা প্রদর্শন করল ইরান।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন এই সামরিক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়। কয়েক সপ্তাহ যাবৎ ইরানের নেতারা ইঙ্গিত দিয়ে আসছিলেন যে, আগামীতে বিশ্বকে চমকে দেওয়ার মতো অস্ত্র উন্মোচন করবে তেহরান। নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন সেই বার্তারই অংশ হিসেবে মনে করা হচ্ছে।
ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি ভূগর্ভস্থ স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় ক্ষেপণাস্ত্র ইউনিট ও লঞ্চারগুলোর প্রস্তুতি এবং অভিযান পরিচালনার সক্ষমতা পর্যালোচনা করেন তারা।
ইরানের সশস্ত্র বাহিনীপ্রধান জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মাটির গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব উন্নত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চমকে দেবে এবং নিজেদের সক্ষমতার প্রমাণ দেবে।’
এর আগে গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ঘোষণা দিয়েছিলেন, অ্যারোস্পেস ফোর্স সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ বেশ কিছু সামরিক সক্ষমতা উন্মোচন করবে। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
মোহেব্বি বলেন, ‘আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন ব্যবস্থা ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য নয়, মাটির অনেক গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে।
ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিশাল ভূখণ্ড এবং উৎপাদন অবকাঠামোর কারণে তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের মুখাপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি তাদের অর্জিত ১০টি প্রধান সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন।
নিজস্ব বৈজ্ঞানিক উদ্ভাবনকে কাজে লাগিয়ে মহাকাশ প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা অর্জন করেছে ইরান। ফলে ইরান এখন অস্ত্র আমদানিকারক দেশ থেকে উন্নত সামরিক সরঞ্জামের স্বাবলম্বী উৎপাদক ও রপ্তানিকারক দেশে উন্নীত হয়েছে।
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘শহীদ-১৩৬’ ড্রোন শিল্প পর্যায়ে বিপুল পরিমাণে উৎপাদন করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ অনুকরণ করতে বাধ্য হয়েছে। এর পাশাপাশি ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘তৃতীয় খোরদাদ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে বিদেশে রপ্তানি করা হচ্ছে।
বিদেশি কোনো সরঞ্জাম, আমদানিকৃত যন্ত্রাংশ কিংবা শত্রুর জব্দ করা অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’-এর ওপর নির্ভর না করেই নিজস্ব ঘরানার বিশ্বমানের প্রযুক্তিকাঠামো দাঁড় করানো হয়েছে। শত্রুপক্ষের তীব্র থেকে তীব্রতর গোলাবর্ষণ বা বোমাবর্ষণের মুখেও স্বল্প ও দূরপাল্লার হালকা এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অবিচল গতিতে অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে।
মোহেব্বির দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক উত্তেজনার সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স একাই অন্তত ২৬০টি শত্রু আকাশযান ধ্বংস ও প্রতিহত করেছে।
এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫, এফ-১৮ যুদ্ধবিমান এবং এমকিউ-১, আরকিউ-৪, অরবিটার ও লুকাসের মতো অত্যাধুনিক ড্রোন রয়েছে। প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও যাতে অস্ত্র উৎপাদন ব্যাহত না হয়, সে জন্য এমন একটি উন্নত উৎপাদন কাঠামো তৈরি করা হয়েছে যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব।
রাডার ক্রস-সেকশন (আরসিএস) নাটকীয়ভাবে হ্রাস করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে রাডারে অদৃশ্য রাখার বা স্টিলেথ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ফলে এসব অস্ত্র আমেরিকার ‘থাড’ কিংবা ‘প্যাট্রিয়ট’ -এর মতো শক্তিশালী বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে পুরোপুরি অকার্যকর করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।
ইসরাইলের নতুন পার্লামেন্টের উদ্বোধনী দিনেই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামলে পাস হওয়া একাধিক বিতর্কিত আইন ও সিদ্ধান্ত বাতিলের আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে তার নেতৃত্বাধীন জোট।
বিদেশি গণমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বিরোধী নেতা আইজেনকোটের জোটভুক্ত দলগুলো এ উদ্দেশ্যে বেশ কিছু বিল জমা দিয়েছে। এসব প্রস্তাবনার মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নির্দিষ্ট করা এবং বিচার বিভাগীয় সংস্কারের নামে পাস হওয়া আইনগুলো বাতিলের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার ২৬তম নেসেটের বা ইসরাইলি পার্লামেন্টের প্রথম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এসব বিল উত্থাপন করা হয়।
আইজেনকোটের রাজনৈতিক দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টির পক্ষ থেকে নেতানিয়াহু সরকারের বেশ কিছু সমালোচিত আইন বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাঝে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা সীমিতকরণ, বিচারক নিয়োগ কমিটির কাঠামো রদবদল এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির বিতর্কিত গণমাধ্যম সংস্কার আইন অন্যতম। পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত আইনে পূর্ববর্তী সরকারের আনা সংশোধনীগুলোও বাতিলের আহ্বান জানিয়েছে ইয়াশার। অন্যদিকে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকা কোনো ব্যক্তির সরকারি পদে দায়িত্ব পালনের ওপর আইনি নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ডেমোক্র্যাটস পার্টি।
এছাড়াও পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণভার আইনমন্ত্রীর হাতে ন্যস্ত করার একটি প্রস্তাব জমা দিয়েছে ইয়াশার। ডেমোক্র্যাটস পার্টির অন্যান্য উল্লেখযোগ্য প্রস্তাবনার মধ্যে রয়েছে শনিবার ইহুদিদের সাপ্তাহিক ছুটির দিন শাবাতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখা, বেসামরিক বিয়ের আইনি বৈধতা, কট্টরপন্থি হারেদি সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নির্দিষ্টকরণ, মৌলিক আইনে সমতার অধিকার নিশ্চিত করা এবং এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার বৃদ্ধি করা।
২০২৩ সালের ৭ অক্টোবরের প্রাণঘাতী হামলার বিষয়ে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের ঘোর বিরোধিতা করে আসছেন বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি হলো, সুপ্রিম কোর্ট কর্তৃক গঠিত কোনো স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি বৈরী বা পক্ষপাতদুষ্ট আচরণ করতে পারে। তবে বিরোধীদের অভিযোগ, নজিরবিহীন ওই হামলার পেছনে থাকা বিশাল নিরাপত্তা ব্যর্থতার দায়ভার এড়াতেই তিনি এমন কমিশন গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। ক্ষমতা গ্রহণ করলে অবিলম্বে এই কমিশন গঠন করা হবে বলে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিল বিরোধী জোট।
বিরোধী জোটের উত্থাপন করা এসব বিলের সিংহভাগই বিগত সরকারের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কুক্ষিগত করার উদ্দেশ্যে প্রণীত আইনগুলো বাতিলের লক্ষ্যে তৈরি করা হয়েছে। এসব পদক্ষেপের বিরুদ্ধে সেসময় ইসরাইলজুড়ে তীব্র গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সমালোচকদের মতে, ওইসব পরিবর্তনের মাধ্যমে মূলত দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা ও ক্ষমতার ভারসাম্য নষ্ট করা হচ্ছিল। যদিও সমর্থকদের দাবি ছিল, বিচার বিভাগের একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার রোধ করতেই ওই সংস্কার অপরিহার্য ছিল।
অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার বিতর্কিত আইনটি ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আইনটি বাস্তবায়িত হলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত সহজেই এড়িয়ে যেতে পারবেন এবং এই পদে নিয়োগ বা অপসারণের ক্ষেত্রে সরকারের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এছাড়া বিচারক নিয়োগ কমিটির কাঠামো পাল্টে আইনজীবী সমিতির দুজন প্রতিনিধির বদলে সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবীদের রাখার নিয়ম করা হয়েছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো প্রয়োগের ক্ষমতা যুক্ত করা হয়েছে।
এর আগে ২০২৪ সালে দেশটির সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনটির কার্যকারিতা পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত স্থগিত করে দেয়। সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট পর্যবেক্ষণ ছিল যে, প্রণীত আইনটি মূলত নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে আইনি সুরক্ষা ও সুবিধা দেওয়ার হীন উদ্দেশ্যেই পাস করা হয়েছিল।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া এবং আইন অনুসরণ করেই এটি যথাযথভাবে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এবিষয়ে সাংবাদিকের একগুচ্ছ প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের এই আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, আমরা আগেও বলেছি যে (শেখ হাসিনার প্রত্যর্পণ) একটি আইনি বিষয়। আইন অনুযায়ী, বিষয়টি সামনে এগোবে এবং সেভাবেই এর নিষ্পত্তি করা হবে।
এসময় এক সাংবাদিক প্রশ্ন তোলেন—পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, অথবা প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক কি না। জবাবে ভারতের পররাষ্ট্র মুখপাত্র বলেন, আপনি একটি টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করছেন। যেমনটি বলেছি, এটি একটি সম্পূর্ণ আইনি বিষয় এবং আইন মেনেই এর সুরাহা করা হবে।
জয়সওয়াল বলেন, এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের জন্য পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয়—এটাই আমার সাধারণ অনুধাবন। তবে এটি একটি টেকনিক্যাল প্রশ্ন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার আইনজীবীরা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন জানিয়ে, বাংলাদেশের হাই কমিশনে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মুখপাত্র স্পষ্ট করেই বলেন, এটি মূলত এমন একটি প্রশ্ন যা আপনার বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞাসা করা উচিত। তারা এ বিষয়ে তাদের অবস্থান বা তথ্য আপনাকে জানাতে পারবে।
ব্রিফিংয়ে ভারতের একাধিক সাংবাদিক বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের কূটনৈতিক আবেদনের বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন তোলেন। প্রতিবারই একই মন্তব্য পুনর্ব্যক্ত করে জয়সওয়াল বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া এবং আইন অনুযায়ী তা মোকাবিলা করা হবে।
ব্রিফিংয়ের শেষভাগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী নভেম্বর বা ডিসেম্বরে সম্ভাব্য ভারত সফরের কোনো চূড়ান্ত সূচি নির্ধারণ হয়েছে কি না—এমন এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়েও আমার কাছে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই।
করোনাভাইরাসের নতুন একটি ধরন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। প্রায় সাত বছর আগে ভাইরাসটির আবির্ভাবের পরও যে এর সংক্রমণ ও বিবর্তনের ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি, নতুন এই ধরন আবারও তা সামনে নিয়ে এসেছে। চিকিৎসকেরা বলছেন, পিজে.২. ১ (PJ.2. 1) নামের নতুন ধরনটি সাম্প্রতিক অন্য ধরনগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি প্রাণঘাতী বলে এখনো প্রমাণ পাওয়া যায়নি। তবে করোনার মোট সংক্রমণের মধ্যে এটির উপস্থিতি ক্রমেই বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, মহামারির শুরুর দিকের মতো করোনায় এখন আর ব্যাপক হারে গুরুতর অসুস্থতা বা মৃত্যুর ঘটনা ঘটছে না। তবে বয়স্ক ও রোগ প্রতিরোধক্ষমতা কম—এমন ব্যক্তি এবং শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য ভাইরাসটি এখনো বিপজ্জনক।
মঙ্গলবার (১০ নভেম্বর) দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় প্রায় ৭৮ কোটি সংক্রমণ ও ৭০ লাখ মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নতুন সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ১৮ অক্টোবর শেষ হওয়া সর্বশেষ ২৮ দিনের হিসাবে বিশ্বে ৫৬ হাজার ৪৭১ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে, যা আগের মাসের তুলনায় ৩৫ হাজারের বেশি কম।
চলতি বছরের মে মাসে উত্তর আমেরিকায় প্রথম শনাক্ত হওয়ার পর পিজে.২. ১ দ্রুত বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে। সেপ্টেম্বরে প্রকাশিত চীনা বিজ্ঞানীদের এক গবেষণায় ভাইরাসটির এই বিস্তারকে ‘দ্রুত আন্তমহাদেশীয় সংক্রমণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় এটি মানবদেহের এসিই ২ (ACE2) রিসেপ্টরের সঙ্গে বেশি কার্যকরভাবে যুক্ত হতে পারে। এই রিসেপ্টরের মাধ্যমেই ভাইরাস মানবকোষে প্রবেশ করে। বিজ্ঞানীদের ধারণা, নতুন ধরনটির দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে এই বৈশিষ্ট্যের ভূমিকা রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগের ধরনগুলোর মতো পিজে.২. ১-এর উপসর্গও সাধারণ সর্দি-জ্বর বা ইনফ্লুয়েঞ্জার মতো। তবে রাশিয়ান মেডিকেল একাডেমি অব কন্টিনিউয়িং প্রফেশনাল এডুকেশনের অধ্যাপক এলেনা মালিনিকোভা বলেছেন, অন্য ধরনগুলোর তুলনায় এতে গলার সংক্রমণ বেশি তীব্র হতে পারে এবং দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দিতে পারে।
আতঙ্ক নয়, সতর্ক থাকার পরামর্শ: সংযুক্ত আরব আমিরাতের চিকিৎসক আশের জামাল বলেন, নতুন ধরনের বিস্তার নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তার মতে, নতুন ধরন আসতেই থাকবে। তবে সাম্প্রতিক ধরনগুলো বেশি গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তির হার কিংবা মৃত্যুহার বাড়াচ্ছে—এমন বিশ্বাসযোগ্য প্রমাণ এখনো নেই। পরিস্থিতির ওপর নজর রাখা জরুরি, কিন্তু অপ্রয়োজনীয় আতঙ্কের কারণ নেই।
আশের জামাল আরও বলেন, করোনা এখনো রয়েছে, তবে মহামারির সময়ের মতো হাসপাতালগুলোতে রোগীর চাপ বা গুরুতর অসুস্থতার পরিস্থিতি দেখা যাচ্ছে না। অধিকাংশ রোগীর উপসর্গ তুলনামূলক মৃদু। তবে বয়স্ক ও রোগ প্রতিরোধক্ষমতা কম—এমন ব্যক্তিরা গুরুতর জটিলতার ঝুঁকিতে রয়েছেন।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক পল হান্টারও বলেছেন, মোট সংক্রমণের মধ্যে পিজে.২. ১-এর অনুপাত বাড়ছে। তবে অন্য ধরনগুলোর তুলনায় এতে গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার বেশি—এমন প্রমাণ নেই। অবশ্য নতুন ধরনের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিশ্চিতভাবে অনুমান করা সম্ভব নয়। সংক্রমণ কমলেও করোনা এখনো মানুষকে হাসপাতালে যেতে বাধ্য করছে।
নতুন ধরনটি কানাডার অন্টারিওতে মে মাসের শুরুতে শনাক্ত হয়। জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম এর উপস্থিতি পাওয়া যায়। এরপর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও স্পেনেও শনাক্ত হয়েছে এটি।
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসকিল্ড পিটারসেন বলেন, টিকা নেওয়ার ফলে অধিকাংশ মানুষ করোনার বিরুদ্ধে ভালো সুরক্ষা পেয়েছেন। নতুন ধরনটির দ্রুত পরীক্ষার কিটেও শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে, করোনাভাইরাসের বিভিন্ন ধরনের মধ্যে পারস্পরিক রোগ প্রতিরোধক্ষমতা কাজ করে। ফলে একটি ধরনে আক্রান্ত হওয়ার পর অন্য ধরনটির বিরুদ্ধে শরীরের প্রতিরোধক্ষমতাও কিছুটা বাড়তে পারে।
দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিও গুরুত্বপূর্ণ: বিশেষজ্ঞরা বলছেন, করোনা থেকে সুস্থ হওয়ার পরও অনেকের মধ্যে দীর্ঘদিন স্বাস্থ্যগত সমস্যা থেকে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বাস্থ্য খাতের পরামর্শক আলি আলেসান্দ্রো আয়াচ বলেন, টিকা নেওয়ার পরও কিছু রোগীর মধ্যে দীর্ঘমেয়াদি উপসর্গ দেখা যাচ্ছে। এতে স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এবং স্বাভাবিক জীবনে ফেরাও কঠিন হচ্ছে।
আয়াচের মতে, ভবিষ্যতের মহামারি মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থাকে এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে সংক্রামক রোগের চাপ সামলানোর পাশাপাশি ডায়াবেটিস, হৃদ্রোগ ও ক্যান্সারের মতো অন্যান্য রোগের চিকিৎসাও ব্যাহত না হয়।
শিগগিরই ইউক্রেন যুদ্ধের অবসান চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে তৎপর তার প্রশাসন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি সত্যিই যুদ্ধ বন্ধ করতে চান? এ প্রশ্ন এখন নতুন করে সামনে এসেছে। রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।
২০২৬ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম তিন দেশের প্রতিনিধিরা একসঙ্গে আলোচনায় বসছেন। দুই দিন ধরে চলার কথা এই আলোচনা। তবে আলোচনার আগেই ইউক্রেন ও ইউরোপের বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, ট্রাম্প দ্রুত যুদ্ধ বন্ধে আগ্রহী হলেও পুতিনের অবস্থানে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট প্রমাণ নেই।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় রাশিয়া কিছু বিষয়ে নমনীয়তার ইঙ্গিত দিলেও এর পেছনে নতুন কৌশল থাকতে পারে। বিশেষ করে ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনার প্রস্তাবকে কাজে লাগিয়ে মস্কো নতুন দাবি তুলতে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার কথা। এতে ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বাড়তে পারে। এই পরিস্থিতি ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগে নতুন গতি এনেছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ট্রাম্পের প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ওপরও রাজনৈতিক চাপ বাড়তে পারে। তাদের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ নিয়ে তদন্তের আশঙ্কা রয়েছে। এ কারণে জানুয়ারির আগেই একটি সমঝোতায় পৌঁছাতে চান ট্রাম্পের আলোচকরা। অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় বড় কোনো অগ্রগতির বিষয়ে সন্দিহান। তবে ট্রাম্পকে অসন্তুষ্ট না করতে তারা আলোচনায় ইতিবাচক মনোভাব দেখানোর নির্দেশ পেয়েছেন।
আলোচনার আগে রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছে। এমনকি বর্তমান যুদ্ধক্ষেত্রের অবস্থান অনুযায়ী যুদ্ধবিরতির বিষয়টিও বিবেচনায় নেওয়ার আভাস পাওয়া গেছে। তবে এই নমনীয়তা এসেছে একটি শর্তের পর। যুক্তরাষ্ট্রের আলোচকরা ইউরোপের বৃহত্তর নিরাপত্তাব্যবস্থা নিয়েও আলোচনার প্রস্তাব দিয়েছেন। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপের নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে আসছে।
ইউক্রেন ও ইউরোপের সমালোচকদের আশঙ্কা, এই প্রস্তাব রাশিয়াকে নতুন দাবি তোলার সুযোগ করে দেবে। ফলে যুদ্ধবিরতির বদলে আলোচনা দীর্ঘায়িত হতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য বলছেন, ইউরোপীয় অংশীদার ও ন্যাটোর সমর্থন নিয়েই এসব প্রস্তাব সামনে আনা হয়েছে।
ইউক্রেনের ধারণা, রাশিয়ার শীতকালীন সামরিক অভিযান শেষ হওয়ার আগে পুতিন কোনো পূর্ণাঙ্গ শান্তিচুক্তিতে সই করতে চাইবেন না। ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, রাশিয়া হয়তো একটি বিকল্প পরিকল্পনা সামনে রেখেছে। আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি তারা নিজেদের মূল সামরিক পরিকল্পনাও বাস্তবায়ন করছে।
তবে আলোচনায় কিছু সীমিত অগ্রগতির সম্ভাবনা রয়েছে। যেমন ধাপে ধাপে যুদ্ধবন্দি বিনিময় এবং সম্মুখসারির তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় যুদ্ধবিরতি। খেরসন ও সুমি অঞ্চলের কিছু এলাকায় এমন সমঝোতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ক্ষেত্রে ইউক্রেনের খেরসন অঞ্চলের ওলেশকি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘটনায় হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতির উদাহরণ সামনে আসছে। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সহায়তায় ওই সমঝোতা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শান্তি আলোচনায় রাশিয়াকে রাজি করাতে যুক্তরাষ্ট্র কয়েকটি বিতর্কিত প্রস্তাবও দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো রাশিয়াকে আবার ইউরোপের জ্বালানি বাজারে যুক্ত করা। কিন্তু এ প্রস্তাবে আপত্তি রয়েছে ইউক্রেন ও ইউরোপের কয়েকটি দেশের। ইউরোপীয় ইউনিয়নের নতুন আইনের সঙ্গে এ ধরনের উদ্যোগ সাংঘর্ষিক হতে পারে।
ইউক্রেনের এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধ চলার সময় রাশিয়াকে ইউরোপের জ্বালানি বাজারে ফেরানোর প্রশ্নই ওঠে না। আরেকটি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে ইউক্রেনের প্রশাসনিক সীমানা পুনর্নির্ধারণ। এর মাধ্যমে রাশিয়া লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ দাবি করতে পারবে। তবে ইউক্রেনকে তার নিয়ন্ত্রণে থাকা শহরগুলো ছেড়ে দিতে হবে না।
এ ধরনের সমঝোতা বাস্তবে কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শান্তি আলোচনার সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি হলো ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা। ইউক্রেনের বক্তব্য, নিরাপত্তার কার্যকর নিশ্চয়তা ছাড়া যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। কারণ, যুদ্ধবিরতির পর রাশিয়া আবার হামলা চালাবে না, এমন নিশ্চয়তা তারা চায়।
যুক্তরাষ্ট্রের আলোচকরা মনে করছেন, ইউক্রেনকে ন্যাটোর চুক্তির ৪ বা ৫ নম্বর অনুচ্ছেদের আদলে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া যেতে পারে।
ন্যাটোর ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্য দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে সদস্যরা পরামর্শ করতে পারে। আর ৫ নম্বর অনুচ্ছেদে কোনো সদস্যের ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। তবে ট্রাম্প ভবিষ্যতে এই নিশ্চয়তা বাস্তবায়ন করবেন কি না, তা নিয়ে ইউক্রেনের সংশয় রয়েছে।
অন্যদিকে ইউক্রেনের ভেতরে বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তাবেও রাশিয়ার সম্মতির ইঙ্গিত নেই। মস্কো এখনো ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান ঘোষণা এবং দেশটির সেনাবাহিনীর আকার কমানোর দাবি জানিয়ে আসছে।
শান্তিচুক্তি হলেও ইউক্রেনের সামনে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকবে। দেশটির দাবি, যুদ্ধের পর অন্তত ১০ বছর ব্যাপক নিরাপত্তা ও আর্থিক সহায়তা প্রয়োজন হবে। যুদ্ধের ক্ষয়ক্ষতি পুনর্গঠন, সেনাদের পুনর্বাসন এবং তাদের পরিবারের সহায়তায় বিপুল অর্থ লাগবে। একই সঙ্গে অন্তত আট লাখ সেনার একটি শক্তিশালী বাহিনী ধরে রাখতে চায় কিয়েভ।
ইরানে সামরিক অভিযান পরিচালনা, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানো এবং মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকান দলের আইনপ্রণেতা থমাস ম্যাসি। এ লক্ষ্যে গত সোমবার মার্কিন প্রতিনিধি পরিষদে তার বিরুদ্ধে আটটি অভিশংসন ধারা উত্থাপন করেছেন কেনটাকির এই বিদায়ী কংগ্রেস সদস্য।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হেগসেথের বিরুদ্ধে অবৈধ সামরিক নির্দেশ বাস্তবায়ন, সংবিধান লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন ম্যাসি। এর আগে সেপ্টেম্বরেও তিনি একই ধরনের অভিশংসন প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রতিনিধি পরিষদের অধিবেশন আগেভাগে শেষ হয়ে যাওয়ায় সে উদ্যোগে ভোটাভুটি হয়নি। নতুন করে প্রস্তাব উত্থাপনের ফলে আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়েছে।
ম্যাসি বলেন, ‘প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার আগেই হেগসেথের পদত্যাগ করা উচিত। তার অভিশংসন প্রস্তাবের পক্ষে অন্য দলের আইনপ্রণেতারাও ভোট দিলে তিনি স্বাগত জানাবেন।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাসি বলেন, ‘হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে চান এমন যেকোনো আইনপ্রণেতার সমর্থন তিনি গ্রহণ করবেন।’
আটটি অভিযোগে অভিশংসনের উদ্যোগ
ম্যাসির উত্থাপিত আটটি অভিযোগের মধ্যে তিনটি সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সঙ্গে সম্পর্কিত। তার অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ পরিচালনা করে হেগসেথ ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশন লঙ্ঘন করেছেন।
এ ছাড়া যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষায় বিদ্যমান আইন উপেক্ষা করার অভিযোগও আনা হয়েছে। এ প্রসঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলার কথা উল্লেখ করেন ম্যাসি। ওই হামলায় ১২০ শিশুসহ ১৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন বলে তার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিশংসন প্রস্তাবের অন্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানে প্রাণঘাতী হামলা, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক, পেন্টাগনে সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত করা এবং ইয়েমেনে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযান পরিচালনা।
অভিযোগ প্রত্যাখ্যান হেগসেথের
নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সাংবাদিকদের তিনি বলেন, ‘সামরিক অভিযান নিয়ে যাদের নীতিগত আপত্তি রয়েছে, তাদের সঙ্গে তার মতপার্থক্য থাকতে পারে।’ তবে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরতে তিনি প্রস্তুত।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হেগসেথের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, ‘তিনি ভালো কাজ করছেন।’ যুদ্ধটি অজনপ্রিয় হলেও প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেন তিনি।
অভিশংসন প্রস্তাবের ভবিষ্যৎ কী?
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাস করতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সমর্থন প্রয়োজন। এরপর বিষয়টি সিনেটে গেলে দোষী সাব্যস্ত করে পদ থেকে অপসারণের জন্য দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে।
ম্যাসির প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসও হেগসেথের অভিশংসনের পক্ষে অবস্থান জানিয়েছেন।
আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা গ্রহণ করলে হেগসেথের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। তবে অভিশংসন প্রস্তাব উত্থাপন মানেই তার পদচ্যুতি নয়। প্রস্তাবটি পাস হওয়া এবং সিনেটে দোষী সাব্যস্ত হওয়ার মধ্য দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে হবে।
বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিপণ্য, নানা ক্ষেত্রে বাড়ছে বিরল খনিজের ব্যবহার। আর এই খনিজের বাজারে চীনের একচ্ছত্র আধিপত্য। সেই আধিপত্য কমাতে বিকল্প উৎসের সন্ধানে মিয়ানমারের দিকে নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের খনিজ খাতে মার্কিন বিনিয়োগ টানতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাচ্ছে মিয়ানমারের সামরিক সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মিয়ানমারের ওপর প্রভাব বাড়ানো এবং দেশটির বিরল খনিজের মজুত ব্যবহারের সুযোগ তৈরির একটি কৌশলগত পরিকল্পনা প্রকাশ করে।
এর আগে কয়েক মাস ধরে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে গোপনে আলোচনা চালিয়েছে ওয়াশিংটন।
এদিকে, ওয়াশিংটনের লবিং প্রতিষ্ঠান ডিসিআই গ্রুপ গত সোমবার মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের পক্ষে প্রকাশিত এক নিউজলেটারে যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।
প্রতিষ্ঠানটি বলেছে, মিয়ানমারের খনিজ সম্পদ দেশটির অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও সরবরাহব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য মিয়ানমারের ব্যবসায়িক পরিবেশ উন্নত করা এবং দেশটিতে প্রকৃত শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি দেখতে চায় ওয়াশিংটন।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার বিশ্বের ভারী বিরল খনিজের অন্যতম প্রধান উৎস। দেশটি থেকে এসব খনিজের বেশির ভাগই চীনে পাঠানো হয়। সেখানে সেগুলো প্রক্রিয়াজাত করে বৈদ্যুতিক গাড়ি, বায়ুবিদ্যুৎ টারবাইনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তিপণ্যে ব্যবহারের জন্য চুম্বক তৈরি করা হয়।
বিশ্বের বিরল খনিজ দিয়ে তৈরি চুম্বকের প্রায় ৯০ শতাংশই উৎপাদন করে চীন। এসব চুম্বক তৈরির কাঁচামালের একটি অংশ আসে মিয়ানমার থেকে। তবে, সম্প্রতি বিরল খনিজের এই খাতের ওপর নিজেদের সরকারি নিয়ন্ত্রণ আরও বাড়িয়েছে বেইজিং।
অন্যদিকে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের প্রধান বিরল খনিজ উত্তোলনকেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)। গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। তাদের প্রতি বেইজিংয়ের সমর্থন রয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনায় মিয়ানমারে মার্কিন কোম্পানিগুলোর জন্য পাঁচ মিলিয়ন ডলারের বেশি মূল্যের অন্তত তিনটি বড় বাণিজ্যিক বা বিনিয়োগ চুক্তি করার কথা বলা হয়েছে।
তবে, মিয়ানমার সরকার আরও বড় অঙ্কের বিনিয়োগ প্রত্যাশা করছে। ডিসিআই গ্রুপের মতে, মিয়ানমারের বিপুল খনিজ সম্পদ এবং বিরল খনিজের বাজারে চীনের সঙ্গে পাল্লা দেওয়ার যুক্তরাষ্ট্রের পরিকল্পনার তুলনায় এই বিনিয়োগের লক্ষ্য অনেক কম।
শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুনের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ওয়াশিংটনে ভারতের দূতাবাসে কূটনৈতিক চ্যানেলে এ সমন পাঠানো হয়েছে।
২৮ অক্টোবর নিউইয়র্কের একটি আদালতে জমা দেওয়া নথিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর সমন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ৯ অক্টোবর ভারতীয় দূতাবাসে এ বিষয়ে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়।
পন্নুন নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) আইনি পরামর্শক। তার অভিযোগ, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর মাধ্যমে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে তিনি যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়ানি মামলা করেছেন। মামলায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ভারতীয় দূতাবাসে কূটনৈতিক নোট পাঠানো আদালতের নির্দেশনা অনুযায়ী একটি নিয়মিত প্রক্রিয়া। এর অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্র মামলার অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিয়েছে।
ভারত সরকার পন্নুনের অভিযোগকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটি বরাবরই এ ঘটনায় ভারতীয় কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।
পন্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ
পন্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তের পর এ মামলা করা হয়। এ ঘটনায় ভারতের নাগরিক নিখিল গুপ্তকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৩ সালের জুনে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে গ্রেপ্তারের পর গুপ্তকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। মার্কিন বিচার বিভাগের অভিযোগ, পন্নুনকে হত্যার জন্য একজন ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনা করেছিলেন তিনি। এ কাজে তৎকালীন ‘র’-এর সঙ্গে যুক্ত বলে পরিচয় দেওয়া বিকাশ যাদবসহ অন্যরা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে গুপ্ত তিনটি অভিযোগে দোষ স্বীকার করেন। এর মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে হত্যার জন্য লোক নিয়োগের ষড়যন্ত্র, হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্র। চলতি মাসের শেষ দিকে তার সাজা ঘোষণার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর দাবি, পন্নুনকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে বিকাশ যাদব সরাসরি নিখিল গুপ্তের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
যাদব ‘র’-এর সাবেক জুনিয়র কর্মকর্তা। ২০০৮ সালে তিনি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীতে (সিআরপিএফ) যোগ দেন। পরে মন্ত্রিপরিষদ সচিবালয়ের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তার বিরুদ্ধে অভিযোগ আনে। বর্তমানে ভারতে তার বিরুদ্ধে একটি মামলা চলছে।
মার্কিন তদন্তের পর এ ঘটনায় উত্থাপিত অভিযোগ ও প্রমাণ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে ভারত সরকার।
পন্নুনকে সন্ত্রাসী ঘোষণা করেছে ভারত
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৯ সালে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) আওতায় পন্নুনকে সন্ত্রাসী ঘোষণা করে। একই আইনে শিখস ফর জাস্টিসকেও নিষিদ্ধ করা হয়।
এসএফজে খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম রয়েছে। ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান এবং ভারতে হামলার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে সংগঠনটির বিরুদ্ধে।
পন্নুনকে হত্যার কথিত ষড়যন্ত্র এবং ২০২৩ সালে কানাডায় হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনা ভারতকে কূটনৈতিক চাপে ফেলেছে।
নিজ্জর হত্যায় ভারতীয় কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ তুলেছিল কানাডা। তবে ভারত এ অভিযোগ অস্বীকার করে বলেছে, কানাডা এ বিষয়ে কোনো প্রমাণ দেয়নি। এ ঘটনার পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। পরে উভয় দেশই একে অপরের কূটনৈতিক মিশন থেকে কর্মকর্তাদের বহিষ্কার করে এবং কয়েকজন কূটনীতিককে প্রত্যাহার করে নেয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং এবং ভারতের নরেন্দ্র মোদিসহ প্রভাবশালী বিশ্বনেতাদের অনুপস্থিতির মাঝেই সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)।
ফ্রান্স, জার্মানি ও কানাডার মতো দেশের শীর্ষ প্রতিনিধিদের অনুপস্থিতি জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক রাজনৈতিক সদিচ্ছা ও প্যারিস চুক্তির প্রয়োগযোগ্যতা নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
আয়োজক দেশ তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুমের সভাপতিত্বে এবং অস্ট্রেলিয়া ও জাতিসংঘের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বনেতাদের সীমিত উপস্থিতি সত্ত্বেও কার্বন নিঃসরণ কমানো ও ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিতের জন্য আলোচনা চলছে।
বিশেষ করে ২০২৬ সালের জানুয়ারিতে প্যারিস চুক্তি ও পরবর্তীতে ইউএনএফসিসিসি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রভাব এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি সম্মেলনে বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।
বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নে ঋণনির্ভরতার বদলে অনুদান নিশ্চিত করা এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তার দাবি এই সম্মেলনের প্রধান এজেন্ডা।
২০ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলন কেবল কাগজে-কলমে নতুন প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি অর্থায়ন ও মাঠপর্যায়ের কার্যকর পদক্ষেপে রূপ নেবে—তার ওপরই নির্ভর করছে কপ-৩১-এর চূড়ান্ত সফলতা।
সৌদি আরবের রাজধানী রিয়াদে দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ অনুভূত হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে মাঝপথেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১০ নভেম্বর) রিয়াদে অবস্থানরত আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা এসব তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পান। ওই সময় সম্ভাব্য আকাশ হামলার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মুঠোফোনে জরুরি বার্তা পাঠিয়ে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট জানায়, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে। পরবর্তী সময়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বার্তায় জানায়, পরিস্থিতির দ্রুত অবসান ঘটেছে এবং সাধারণ নাগরিকেরা বিপদমুক্ত রয়েছেন। এর আগে সোমবার রাতেও দেশটির দক্ষিণ সীমান্ত লক্ষ্য করে ছোড়া পৃথক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একইভাবে ধ্বংস করার কথা জানিয়েছিল সামরিক জোটটি।
গত জুলাই মাসে দীর্ঘদিনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে সৌদি ভূখণ্ডে প্রায় প্রতিদিনই হুতিদের পক্ষ থেকে হামলার ঘটনা ঘটছে। এর আগে গত রোববার রিয়াদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় আঘাত হানার দাবি করে হুতি বিদ্রোহীরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই ঘটনায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌদি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে হামলাটি নস্যাৎ করা হয়েছিল এবং গোলার ধ্বংসাবশেষ ভবনের ওপর পড়ায় অবকাঠামোটির কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়। দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত ছবিতে রিয়াদ অঞ্চলের উপগভর্নরসহ দায়িত্বশীল কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত ভবনটির বিভিন্ন তলা সরেজমিনে পরিদর্শন করতে দেখা গেছে।
সমুদ্রপথে বিশ্ব বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাবিকেরা। প্রতিনিয়ত প্রতিকূলতা মোকাবিলা করে সমুদ্রে জাহাজ পরিচালনা করেন তারা। তাদের এই ঝুঁকিপূর্ণ যাত্রাকে এখন প্রাণঘাতী করে তুলেছে যুদ্ধ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নয় মাস আগে ইরানের ওপর যুদ্ধ শুরু করে। এরপর থেকে (যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে) হরমুজ প্রণালী ও এর আশেপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলো বারবার হামলার শিকার হচ্ছে। এই সংঘাত বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথকে তেল, গ্যাস এবং অন্যান্য পণ্য পরিবহনকারী নাবিকদের জন্য একটি বিপজ্জনক স্থানে পরিণত করেছে।
রোববার ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) জানায়, প্রণালীতে অননুমোদিত রুটে চলাচলকারী তিনটি বিদ্রোহী তেলের ট্যাংকার বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ২৫ জন নাবিকের মৃত্যু হয়েছে। নিহতদের অনেকেই ভারতের নাগরিক, যা বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্যিক নাবিক সরবরাহকারী দেশ। ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং বা আইসিএস আল জাজিরাকে জানায়, এই পুরো সংঘাতজুড়ে নাবিকদের বিপদে ফেলার বিষয়টি অগ্রহণযোগ্য। আইসিএসের একজন মুখপাত্র জানান, যে নাবিকরা কেবল তাদের কাজ করছেন এবং নিজেদের কোনো দোষ ছাড়াই অত্যন্ত অস্থিতিশীল পরিস্থিতিতে পড়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া সব পক্ষের দায়িত্ব।
আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ পথ। যুদ্ধের আগে বিশ্বব্যাপী ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো, যা উপসাগরকে আরব সাগরের সাথে যুক্ত করেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরুর পর ইরান মূলত প্রণালীটি বন্ধ করে দেয় এবং সতর্ক করে যে, অনুমোদন ছাড়া এই নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করা জাহাজগুলোতে হামলা হতে পারে। অন্যদিকে ওয়াশিংটন ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। জাহাজগুলোতে হামলায় ক্ষেপণাস্ত্র, প্রজেক্টাইল এবং নৌ মাইন ব্যবহার করা হয়েছে, যা জাহাজগুলোর ক্ষতি করেছে, সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে বা ডুবিয়ে দিয়েছে। আইএমওর মতে, অন্তত ১২৯টি ঘটনার কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ইরানি বাহিনী জানায়, প্রণালিতে পৃথক ঘটনায় পাঁচটি তেলের ট্যাংকার এবং একটি টাগবোটে আগুন ধরে যায়। এছাড়া কাতারের উত্তরে ভেলোস স্যাফায়ার নামের একটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাংকারে বিস্ফোরণে এক নাবিক নিহত হন। অক্টোবর মাসটি বাণিজ্যিক জাহাজের জন্য বিশেষভাবে বিপজ্জনক ছিল, যখন অন্তত ৩১টি জাহাজে হামলা হয়।
হতাহতদের বেশিরভাগই বেসামরিক বাণিজ্যিক নাবিক, যারা তেলের ট্যাংকার, কার্গো জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজে কাজ করেন। অনেকেই সংঘাত থেকে অনেক দূরের দেশগুলোর নাগরিক। এর মধ্যে ভারতের নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গত জুনে ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন, যার পর নয়াদিল্লি একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিককে তলব করে। মঙ্গলবার ওমানের উপকূলে এমএসভি আল ইউসুফি নামের কার্গো জাহাজে হামলায় গুজরাটের গান্ধার নাহিম আজিজ নিহত হন এবং অন্য ১৩ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়।
অক্টোবরে ওমানের কাছে পানামার পতাকাবাহী ট্যাংকার অন পিস-এ হামলায় ১২ জন নাবিক আহত হন, যাদের ১১ জনই ভারতীয় নাগরিক ছিলেন। অন্যান্য দেশের নাগরিকরাও নিহতদের মধ্যে রয়েছেন। সেপ্টেম্বরে হরমুজ প্রণালীর কাছে সৌদি ট্যাংকার সিদরে হামলায় দুই ফিলিপিনো নাবিক নিহত হন। ইরানি বেসামরিক সামুদ্রিক কর্মীরাও হতাহত হয়েছেন। মে মাসে ইরানের মার্চেন্ট মেরিন ইউনিয়নের প্রধান জানান, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৪৪ জন ইরানি নাবিক নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।
মৃত্যু বা আঘাতের হুমকির বাইরেও এই যুদ্ধ নাবিকদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে বলে আইসিএস মুখপাত্র জানান। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত নাবিকরা যেন মানসিক স্বাস্থ্য সহায়তা পান এবং তাদের পরিবার ও বন্ধুদের সাথে বেশি যোগাযোগ করতে পারেন, সেজন্য জাহাজ মালিকরা কাজ করছেন। আইএমও আগস্টের শেষে জানায়, অক্টোবরে হরমুজ প্রণালীর কাছে প্রায় ৬ হাজার নাবিক আটকে ছিলেন। মার্চ মাসে সামুদ্রিক ইউনিয়ন এবং শিপিং কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল বারগেইনিং ফোরামের অধীনে একটি চুক্তি হয়।
এর অধীনে নাবিকরা নির্ধারিত বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করতে অস্বীকৃতি জানাতে পারবেন এবং কোম্পানি দ্বারা অর্থায়িত প্রত্যাবাসন ও দুই মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ পাবেন। একই সাথে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন জানায়, এই চুক্তিতে নাবিকদের বেতন বৃদ্ধি এবং নিহত বা বিকলাঙ্গ হওয়া নাবিকদের জন্য মানদণ্ডের দ্বিগুণ ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। তবে এই সুরক্ষাগুলো সব নাবিককে কভার করে না। উপসাগরীয় অঞ্চলে নাবিকরা তীব্র মানসিক যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন বলে মে মাসে সামুদ্রিক দাতব্য সংস্থাগুলো সতর্ক করে জানায় যে অনেকেই একাকীত্ব, উদ্বেগ এবং মানসিক কষ্টে ভুগছেন।
আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘের কনভেনশনের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী, জাহাজ এবং বিমান ট্রানজিট প্যাসেজ বা যাতায়াতের অধিকার ভোগ করে, যা কোনো দেশ স্থগিত করতে পারে না। ১৭ অনুচ্ছেদ অন্য দেশের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে বিদেশি জাহাজগুলোকে ইনোসেন্ট প্যাসেজ বা নির্দোষ যাতায়াতের অধিকারের নিশ্চয়তা দেয়। ১৯ অনুচ্ছেদ অনুযায়ী, এমন যাতায়াতকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হয়, যদি তা উপকূলীয় রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা বা নিরাপত্তার জন্য ক্ষতিকর না হয়। আইএমও জুনে আটকে পড়া নাবিকদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করার চেষ্টা করলেও, হরমুজ প্রণালী ও এর আশেপাশে অব্যাহত হামলার কারণে নিরাপদ যাতায়াতের পথ প্রতিষ্ঠার প্রচেষ্টা বারবার বাধার মুখে পড়েছে। লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম সেন্টারের প্রধান শিক্ষাবিদ আবদুল খালিক আল জাজিরাকে জানান, আন্তর্জাতিক আইন অবশ্যই প্রযোজ্য, তবে এর প্রয়োগ হলো দুর্বল দিক। আইন তার বাধ্যবাধকতার বিষয়ে স্পষ্ট, তবে রাজনৈতিক সদিচ্ছা এবং ব্যবহারিক প্রয়োগের ঘাটতি রয়েছে। তিনি আরও জানান, নাবিকদের জন্য আইনি সুরক্ষা তখনই সবচেয়ে বেশি কাজে আসে, যখন এর সাথে ব্যবহারিক প্রয়োগের সুযোগ থাকে।
আবারও নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৈধ কাগজপত্রবিহীন অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পৌঁছানোর অত্যন্ত বিপজ্জনক একটি উপায় হলো নৌকায় চেপে গ্রিসে পৌঁছানো।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানোর চেষ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, একটি নৌযানে ৮ জন এবং অন্যটিতে ১২ জনের মরদেহ পাওয়া গেছে। নৌযান দুটি থেকে প্রায় ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড জানায়, শনিবার গভীর রাতে একটি নৌযান থেকে বিপৎসংকেত পাওয়ার পর জরুরি উদ্ধার অভিযান শুরু করে নৌপুলিশ। এ সময় প্রবল বাতাসের কারণে সাগর উত্তাল ছিল।
এর আগে রোববার তারা জানায়, একটি নৌযান থেকে ২৮ জীবিত ব্যক্তি ও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা সবাই সুদানের নাগরিক। পরে তাদের পুলিশের নৌযানে স্থানান্তর করে ক্রিটে নেওয়া হয়।
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী সন্দেহে সুদানের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড কর্তৃপক্ষ। তাদের একজনের বয়স ১৬ বছর। কোস্টগার্ড জানায়, রোববার রাত থেকে সোমবারের মধ্যে তাদের নৌযানটি খুঁজে পাওয়া যায়। সেটিতে আরও সাতজনের মরদেহ ছিল।
এ ছাড়া সোমবার দ্বীপটির দক্ষিণে আরেকটি নৌযানে ১২ জনের মরদেহ পাওয়া যায়। সেখান থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড। অভিবাসনপ্রত্যাশীরা মূলত লিবিয়া থেকে যাত্রা শুরু করেন। সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পৌঁছানোই তাদের লক্ষ্য।
তবে প্রায়ই এ ধরনের যাত্রায় দুর্ঘটনার মুখে পড়ে নৌযানগুলো। নিয়মিত নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর খবর আসে সংবাদমাধ্যমে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী গ্রিসে পৌঁছেছেন। তাদের মধ্যে ২২ হাজারের বেশি মানুষ ক্রিট দ্বীপে পৌঁছেছেন।
অভিবাসনপ্রত্যাশীদের ঢেউ মোকাবিলায় ক্রিট দ্বীপের সবচেয়ে বড় শহর হেরাক্লিয়নের কাছে অস্থায়ী আবাসনকেন্দ্র খোলার পরিকল্পনা ঘোষণা করেছে গ্রিস সরকার।