ইসরায়েলের কারাগারে বন্দি থাকা আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ৮ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।
কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির মধ্যে এটি সপ্তম ধাপে বন্দি ও জিম্মি বিনিময়। এদিকে যুদ্ধবিরতির পরই ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলার পাল্টা জবাব দেয়া শুরু করেছে ফিলিস্তিনিরা।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের মধ্যে দুজন শিশু ও বাকি ছয়জন নারী। তাদের মধ্যে আবার কয়েকজন বিভিন্ন দেশের দ্বৈত নাগরিক।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, এই আটজনকে আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ইসরায়েলি কারা বিভাগ জানিয়েছে, তারা আরও ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকালে ঘটা সেই হামলায় তিন ইসরায়েলি নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় গতকাল সকাল পৌনে ৮টায় জেরুজালেমের এক জনাকীর্ণ বাস স্টপেজে দুই অস্ত্রধারী এই হামলা চালায়। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
‘ফিলিস্তিনি সন্ত্রাসীরা’ এই হামলা চালিয়েছে উল্লেখ করে এক বিজ্ঞপ্তিতে ইসরায়েলি পুলিশ বলেছে, সকালের কর্মব্যস্ত সময়ে দুই ফিলিস্তিনি অস্ত্রধারী একটি গাড়িতে চেপে জেরুজালেমের একটি বাসস্টপে আসে এবং অপেক্ষমাণ যাত্রীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন এবং আহত হন আরও আটজন। হতাহতরা সবাই ইসরায়েলের নাগরিক। এরপর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনে। এর মধ্যে ২৪ বছর বয়সী এক নারী এবং সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ রয়েছেন। পুলিশ আরও জানায়, এম-১৬ রাইফেল ও হ্যান্ডগানবহনকারী দুই অস্ত্রধারীকে সেখানেই হত্যা করা হয়েছে। তাদের গাড়ির ভেতর আরও গোলাবারুদ পাওয়া গেছে।
ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনিরা
ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেয়া শুরু করেছে ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা নতুন করে যে আগ্রাসন শুরু করেছে তার বিরুদ্ধে শক্ত জবাব দিচ্ছে হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন। ফিলিস্তিনের গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজার কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। গাজা উপত্যকার কাছের কয়েকটি ইহুদি বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েল দাবি করেছে, তারা গাজা থেকে ছোড়া একটি রকেট ভূপাতিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে ইসরায়েলের সেদরত শহরে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে সেখানে আগুনের কুণ্ডলী উঠতে দেখা যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ছোড়া রকেটে ইসরায়েলি সম্পদের ক্ষতি হয়েছে।
জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড বলেছে, তারা মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইসরায়েলের শহরগুলোতে রকেট হামলা চালিয়েছে। হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল-রিশক বলেছেন, গত ৫০ দিনে ইসরায়েল যা অর্জন করতে পারেনি, নতুন করে আগ্রাসন শুরু করেও তা অর্জন করতে পারবে না।
এ সময় ইজ্জাত আল-রিশক ফিলিস্তিনি জনগণের দৃঢ় সংকল্প এবং প্রতিরোধ যোদ্ধাদের বীরত্বের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার বিরোধিতা করি। আমরা তাদের অপরাধ, নাৎসি আগ্রাসনের নিন্দা করছি। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি হামলার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে।’
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নজিরবিহীন সামরিক অভিযান চালায়। ওই অভিযানে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে নিয়ে গাজা উপত্যকায় ফিরে যায়। সেদিন থেকেই ইসরায়েলের সেনাবাহিনী গাজায় ভয়াবহ অভিযান শুরু করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় গাজায় ছয় হাজার শিশুসহ ১৪ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
ইসরায়েলে সামরিক অভিযানের বিষয়ে আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র খালেদ কাদোমি বলেন, ‘দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো নৃশংসতার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ওপর এবং আমাদের পবিত্র স্থাপনা আল-আকসায় ইসরায়েলি নৃশংসতা বন্ধে উদ্যোগ নেবে। এগুলোই হামাসের এই অভিযানের কারণ।’
ভারতের উত্তরাখণ্ডে একটি নির্মাণাধীন সুড়ঙ্গে ভয়াবহ ভূমিধস ও পানি প্রবেশের ঘটনায় অন্তত সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, এই দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে হিমালয় সংলগ্ন এই রাজ্যে একটি সরকারি পানিবিদ্যুৎ প্রকল্পের কাজ চলার সময় এই আকস্মিক বিপর্যয় ঘটে। বার্তা সংস্থা এএফপি’র জানায়, রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘অন্তত তিন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।’ টেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশনের আওতাধীন এই প্রকল্প এলাকা থেকে ইতোমধ্যে ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মাথায় টর্চ জ্বেলে উদ্ধারকর্মীরা প্রতিকূল পরিস্থিতিতে অস্থায়ী ভেলার সাহায্যে টানেলের ভেতরে পানিতে প্লাবিত অংশে পৌঁছানোর চেষ্টা করছেন।
গত কয়েক দিন ধরে উত্তরাখণ্ডজুড়ে চলা প্রবল মৌসুমি বৃষ্টিপাতকে এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ভারতে বড় ধরনের নির্মাণ প্রকল্পগুলোতে এ ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হলেও পরিবেশবিদরা মনে করছেন, ভঙ্গুর হিমালয় অঞ্চলে অতিরিক্ত উন্নয়ন প্রকল্পের কারণেই দুর্যোগের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। এর আগে গত মাসে উত্তর-পূর্ব ভারতের সিকিম রাজ্যে একটি সরকারি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে কাজ করার সময় ২০ জন নিহত হন। এছাড়া ২০২৩ সালে উত্তরাখণ্ডে অন্য একটি টানেল ধসে পড়ার পর ৪১ জন শ্রমিককে ১৭ দিন আটকে থাকার পর উদ্ধার করা হয়েছিল।
চলতি বছরের জুন মাসে মৌসুমি বৃষ্টির মৌসুম শুরু হওয়ার পর থেকে ভারতজুড়ে বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যে, জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত উন্নয়ন একসঙ্গে দুর্যোগের ঘটনা আরও ঘন ঘন ঘটাচ্ছে এবং সেগুলোর তীব্রতা ও ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে হিমালয় অঞ্চলের এই ভঙ্গুর ভৌগোলিক পরিবেশে নির্মাণকাজের নিরাপত্তা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার বিষয়টি পুনরায় বড় প্রশ্নের মুখে পড়েছে।
দক্ষিণ কোরিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে চলা রেকর্ড ভাঙা দাবদাহে দেশটির কৃষি ও জনজীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। তীব্র তাপে ফসল মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে এবং উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা গ্যাংওন প্রদেশের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। সেখানকার কৃষকরা জানিয়েছেন, এক সপ্তাহ আগেও যেসব জমি সুস্থ ও স্বাভাবিক ছিল, এখন সেখানে ফসল তোলার মতো কোনো অবস্থা নেই। অনেক এলাকায় আলু মাটির নিচে থাকা অবস্থাতেই পচে নরম হয়ে গেছে, যা দেখে মনে হচ্ছে সেগুলো মাঠেই সেদ্ধ হয়ে গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম এসবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াংগু কাউন্টির আলু চাষি লি সাং-হিয়ক নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, 'এটা শুধু একটি-দুটি জমির ঘটনা নয়। বিষয়টি কীভাবে ভাষায় প্রকাশ করব, সেটাই বুঝতে পারছি না। আমি ভীষণ কষ্ট পেয়েছি।' প্রায় ৪০ বছর ধরে কৃষিকাজে যুক্ত এই চাষি জানান, দীর্ঘ ক্যারিয়ারে তিনি এমন ভয়াবহ পরিস্থিতি কখনো প্রত্যক্ষ করেননি। একই এলাকায় কয়েক হাজার পিয়ং (কোরীয় জমির একক) জমিতে চাষ করা বাঁধাকপিও তীব্র রোদে পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে। বাজারে ভালো দামের আশায় কৃষকরা ফসল তুলতে দেরি করেছিলেন, কিন্তু আবহাওয়া তাদের সেই আশা ধূলিসাৎ করে দিয়েছে। এই ক্ষতির পরিমাণ কয়েক কোটি কোরীয় ওন বা কয়েক হাজার পাউন্ডের সমপরিমাণ।
শুধু শাকসবজিই নয়, তীব্র দাবদাহের প্রভাব পড়েছে ফলের বাগানগুলোতেও। অতিরিক্ত রোদের কারণে আপেলের খোসা পুড়ে গিয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে, আর পিচফলগুলো ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। আপেল চাষি চন জং-থে এসবিএসকে জানান, সেপ্টেম্বর মাসের চুসক উৎসবের সময় ফল সংগ্রহের কথা থাকলেও বর্তমানে গাছের বৃদ্ধি থেমে গেছে। সূর্যের প্রখর তাপে ফলের একাংশ লাল হলেও অন্য অংশ সাদা হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ফসল বাঁচাতে কৃষকদের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করতে হচ্ছে। পিচচাষি পার্ক ওয়ান-সন আক্ষেপ করে বলেন, 'তারা আমাদের দিনের বেলা বাইরে গিয়ে কাজ না করতে বলছে। কিন্তু এই পিচগুলো তো পচে যাচ্ছে।'
কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের তীব্র গরমে দেশজুড়ে এ পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। কৃষিখাতের পাশাপাশি প্রাণিসম্পদেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে; মারা গেছে ৯ লাখেরও বেশি গবাদিপশু এবং খামারের প্রায় ১৪ লাখ মাছ। গত ২ আগস্ট দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়াংসান শহরের তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ১৯০৪ সালে আধুনিক পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সর্বোচ্চ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এই পরিস্থিতিকে নজিরবিহীন উল্লেখ করে মন্ত্রিসভাকে জাতীয় সংকট মোকাবিলা ব্যবস্থার আমূল সংস্কারের নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, এ ধরনের চরম আবহাওয়া ক্রমেই একটি স্বাভাবিক নিয়মে পরিণত হতে যাচ্ছে।
কৃষকদের আশঙ্কা, আসন্ন শরৎকালীন ফসল উৎসব 'চুসক'-এর আগে খাদ্যপণ্যের দাম আরও বৃদ্ধি পাবে। গবেষকরা আগে থেকেই আলুকে তীব্র গরমের জন্য ঝুঁকিপূর্ণ ফসল হিসেবে চিহ্নিত করেছিলেন। ‘পটেটো রিসার্চ’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ায় এখন তাপসহনশীল জাতের আলু চাষের প্রয়োজন হয়ে পড়েছে। কেবল দক্ষিণ কোরিয়াই নয়, এশিয়ার অন্যান্য অঞ্চলেও আবহাওয়া চরম রূপ নিয়েছে। জাপানে প্রথমবারের মতো ‘অত্যন্ত ভয়াবহ গরমের দিন’ রেকর্ড করা হয়েছে, হংকংয়ে তাপমাত্রা ১৮৮৪ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং চীনের শিনচিয়াং অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত ৩৫ বছরে এশিয়ায় তাপমাত্রা বৃদ্ধির হার আগের তিন দশকের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে
গত ১৫ বছরেরও বেশি সময়ের রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে একই দিনে তিন দণ্ডিত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওকলাহোমা, টেনেসি এবং আলাবামা অঙ্গরাজ্যে বিষাক্ত ইনজেকশন প্রয়োগের মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয়। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, ২০১০ সালের পর এই প্রথম দেশটিতে এক দিনে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হলো।
টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশনসের (কারা কর্তৃপক্ষ) তথ্য অনুযায়ী, গতকাল অ্যান্থনি হাইন্স (৬৬) নামের এক দণ্ডিত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ন্যাশভিলের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত একটি কারাগারে তার এ দণ্ড কার্যকর করা হয়। ১৯৮৫ সালের মার্চ মাসে মোটেলের পরিচ্ছন্নতাকর্মী ও চার সন্তানের জননী ক্যাথরিন জেনকিন্সকে (৫৪) হত্যার দায়ে হাইন্স দোষী সাব্যস্ত হয়েছিলেন। উল্লেখ্য যে, এই অঙ্গরাজ্যে এর আগে গত মে মাসে এক আসামির দণ্ড কার্যকরের চেষ্টা করা হলেও চিকিৎসাকর্মীরা তার শরীরের রক্তনালি বা রগ খুঁজে পেতে ব্যর্থ হলে প্রক্রিয়াটি বাতিল করা হয়েছিল। এরপর অঙ্গরাজ্যটিতে এটিই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা।
অন্যদিকে, মধ্য-পশ্চিমের অঙ্গরাজ্য ওকলাহোমার ম্যাকালেস্টার কারাগারে কার্লোস কুয়েস্তা-রদ্রিগেজ (৭০) নামের আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ওকলাহোমার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় নিশ্চিত করেছে। ২০০৩ সালে নিজের ‘লিভ-ইন’ সঙ্গী ওলিম্পিয়া ফিশারকে হত্যার দায়ে বিষাক্ত ইনজেকশন দিয়ে তার এ দণ্ড কার্যকর করা হয়। সর্বশেষ দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায় ৪২ বছর বয়সী জেরেমি উইলিয়ামসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২১ সালে কামারি হোল্যান্ড নামের পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে তার এ শাস্তি হয়েছে।
মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ‘ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টার’ (ডিপিআইসি)-এর হিসাব অনুযায়ী, ২০১০ সালের পর যুক্তরাষ্ট্রে এটিই এক দিনে সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। সাম্প্রতিকতম এই তিনজনের মৃত্যুর পর চলতি বছর যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা দাঁড়িয়েছে ২২–এ। এর মধ্যে ফ্লোরিডায় ১২ জন, টেক্সাসে ৪ জন, ওকলাহোমায় ৩ জন এবং অ্যারিজোনা, টেনেসি ও আলাবামায় একজন করে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২৩টিতে ইতিমধ্যে মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্ত করা হয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়া, ওরেগন ও পেনসিলভানিয়া—এই তিনটি অঙ্গরাজ্যে দণ্ড কার্যকর করার ওপর সাময়িক স্থগিতাদেশ জারি রয়েছে। গত বছর দেশটিতে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা ২০০৯ সালের পর সর্বোচ্চ। ২০০৯ সালে ৫২ জন কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর হয়। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ডের সাজা আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর কার্যকর হওয়া মৃত্যুদণ্ডগুলোর মধ্যে ৩৯টি ক্ষেত্রে বিষাক্ত ইনজেকশন ব্যবহার করা হয়েছিল। অন্যদের মধ্যে ৩ জনকে ফায়ারিং স্কোয়াডে ও ৫ জনকে নাইট্রোজেন হাইপোক্সিয়া পদ্ধতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নাইট্রোজেন হাইপোক্সিয়া পদ্ধতিতে মুখের মাস্কে নাইট্রোজেন গ্যাস পাম্প করা হয়, যার ফলে কয়েদি দমবন্ধ হয়ে মারা যান। তবে জাতিসংঘ মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাসের এ ব্যবহারকে একটি নিষ্ঠুর এবং অমানবিক পদ্ধতি হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
ইতালির রাজধানী রোমের অদূরে কোলেফেরো শহরের একটি গোলাবারুদ তৈরির কারখানায় এক বিধ্বংসী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংঘটিত এই বিস্ফোরণের বিকট শব্দ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত অনুভূত হয়। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, কারখানাটিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই এই শক্তিশালী বিস্ফোরণটি ঘটে, যার ফলে পুরো শিল্পাঞ্চল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘কেএনডিএস অ্যামো ইতালি’ জানিয়েছে যে, বিস্ফোরণের সময় কারখানাটি গ্রীষ্মকালীন ছুটির কারণে বন্ধ ছিল। ফলে সেখানে কোনো শ্রমিক বা কর্মচারী উপস্থিত না থাকায় বড় ধরণের প্রাণহানি বা হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কোলেফেরোর মেয়র জিউলিও কালামিতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, কারখানায় কোনো কর্মী না থাকাটি ছিল একটি বড় স্বস্তির বিষয়। বর্তমানে অগ্নিনির্বাপক কর্মীরা আগুনের অবশিষ্টাংশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
কেএনডিএস গ্রুপের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এই কারখানায় মূলত নৌ ও স্থলবাহিনীর জন্য মাঝারি ও বড় ক্যালিবারের গোলাবারুদ এবং মহাকাশযানের উৎক্ষেপণ যানের বিশেষ জ্বালানি উৎপাদন করা হয়। উল্লেখ্য যে, এই প্রতিষ্ঠানটি ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থার ১৫৫ মিলিমিটার গোলাবারুদ সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তির সাথেও যুক্ত। বড় ধরণের জানমালের ক্ষতি না হলেও এই বিস্ফোরণটি স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।
ইরানকে বিশ্ব থেকে সম্পূর্ণ অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখে ফেলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানিয়েছেন, ইরানের ওপর এমন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করা হবে যা বিশ্ব ইতিবাচকভাবে আগে কখনো দেখেনি। গত বৃহস্পতিবার রক্ষণশীল টেলিভিশন নেটওয়ার্ক ‘নিউজম্যাক্স’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন এবং পরবর্তী সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত নতুন ও বড় ধরনের পদক্ষেপ ঘোষণার ইঙ্গিত দেন। বার্তা সংস্থা এএফপি-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, ‘হরমুজ প্রণালীতে অব্যাহত অবরোধের কারণে ইরানের বন্দরগুলো দিয়ে কোনো কিছু প্রবেশ বা বের হতে দেওয়া হবে না।’ তিনি আরও স্পষ্ট করেন যে, যুক্তরাষ্ট্রের কৌশল হবে দ্বিমুখী— একদিকে ইরানের ওপর প্রচণ্ড আর্থিক চাপ সৃষ্টি করা হবে, অন্যদিকে দেশটির সকল সমুদ্র বন্দরে কার্যত পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করা হবে। তাঁর এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধান লক্ষ্য হলো নিজ দেশের নাগরিকদের জন্য জ্বালানি তেল ও গ্যাসের দাম কমিয়ে আনা। তিনি উল্লেখ করেন যে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই বিষয়টি বর্তমানে তাঁদের দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। এটি থেকে প্রতীয়মান হয় যে মার্কিন প্রশাসন অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বর্তমানে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
উল্লেখ্য যে, অর্থমন্ত্রী বেসেন্টের এই কঠোর অবস্থান তাঁর পূর্ববর্তী বক্তব্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। গত ৪ আগস্ট সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন যে, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে তেহরানের সাথে খুব শীঘ্রই একটি সমঝোতা হতে পারে। তাঁর সেই ইতিবাচক বার্তার ফলে ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারে চাঙ্গা ভাব দেখা দিয়েছিল এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গিয়েছিল। তবে সর্বশেষ এই নতুন হুমকি আন্তর্জাতিক বিনিয়োগকারী ও জ্বালানি বাজারে আবারও অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার অনুসারী গোষ্ঠী ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস) বাংলাদেশে নতুন করে জঙ্গি আস্তানা বা ‘সেল’ গঠনের জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশকে লক্ষ্যবস্তু বানিয়ে এই আঞ্চলিক নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য জটিল ঝুঁকি তৈরি করেছে। গত সোমবার (১০ আগস্ট) প্রকাশিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৩৮তম এই নজরদারি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একিউআইএস বড় কোনো ইউনিটের পরিবর্তে ছোট ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিকেন্দ্রীভূত ‘সেল’ বা শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে তারা লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলছে।
২০২৫ সালের নভেম্বরে দিল্লির লাল কেল্লার কাছে হামলার জন্য একিউআইএস-কে দায়ী করেছে জাতিসংঘ। মেট্রো স্টেশনের কাছের ট্র্যাফিক সিগন্যালের ওই হামলা ১৫ জন নিহত হয়েছিলেন।
আল-কায়েদা ও আইএসআইএল (দায়েশ) বিগত বহু বছর ধরে মারাত্মক রাসায়নিক ও জৈবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে আসছে বলে জাতিসংঘের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে। যদিও প্রযুক্তিগত জটিলতার কারণে তারা এখন পর্যন্ত বড় ধরনের সাফল্য পায়নি। তবে অনলাইনে এসব মারণাস্ত্র ও বিষাক্ত উপাদান তৈরির নির্দেশাবলি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, আইএসআইএল বা দায়েশ চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের ইংরেজি ভাষার ম্যাগাজিন ‘ইনভেড’-এ বোটুলিনাম টক্সিন ও সায়ানাইড তৈরির বিস্তারিত পদ্ধতি প্রকাশ করেছে। এ ছাড়া গোষ্ঠীটি মারাত্মক ‘রিসিন’ নামক বিষ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রচারণা চালিয়েছে। ২০২৫ সালের শেষের দিকে ভারতে একজন চিকিৎসকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিদেশে অবস্থানরত একটি আইএসআইএল সেল তাদের বাংলাদেশে ও ভারতে প্রয়োগের উদ্দেশে রিসিন তৈরির দায়িত্ব দিয়েছিল।
অন্যদিকে, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে টানা সংঘর্ষ ও আন্তঃসীমান্ত হামলার কারণে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সামরিক উত্তেজনা বর্তমানে চরম উচ্চতায় রয়েছে। আফগান তালেবান তাদের ভূখণ্ডে কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করলেও, সংস্থাগুলো বলছে, আফগানিস্তানকে কেন্দ্র করে সীমান্ত অঞ্চলে সন্ত্রাসবাদের হুমকি অপরিবর্তিত রয়েছে। কার্যত তালেবান কর্তৃপক্ষ চেষ্টা করা সত্ত্বেও এলাকাটি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হওয়ায় নিরাপত্তা সংকট আরও ঘনীভূত হচ্ছে।
প্রতিবেদনে আরও তুলে ধরা হয় যে, গত বছরের ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক ‘রাহবারি শুরা’ (নেতৃত্ব পরিষদ) বৈঠকের পর নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠন করেছে। নতুন এই বিন্যাসে তারা ‘বেলুচিস্তান ও মধ্যাঞ্চল’ এবং ‘কাশ্মীর ও গিলগিট’ নামে দুটি নতুন প্রশাসনিক বিভাগ যুক্ত করার পাশাপাশি ‘টিটিপি বিমান বাহিনী’ নামে একটি বিতর্কিত সামরিক ইউনিট চালুর ঘোষণা দিয়েছে, যা পুরো অঞ্চলে নতুন করে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
জাতিসংঘের পর্যবেক্ষক দল জানিয়েছে, একিউআইএস বর্তমানে পাকিস্তানে সক্রিয় ‘ইত্তিহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ (টিএমপি)-এর প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। আফগানিস্তানের কাবুলে অবস্থানরত সংগঠনটির শীর্ষ নেতারা শাসকগোষ্ঠী আফগান তালেবানের সঙ্গে সরাসরি নিবিড় যোগাযোগ রাখছেন। সম্প্রতি আল-কায়েদার প্রচার মাধ্যম ‘আস-সাহাব মিডিয়া ফাউন্ডেশন’ তালেবান ও টিটিপির প্রতি তাদের প্রকাশ্য সমর্থনও ব্যক্ত করেছে।
২০২৬ সালের ৯ জুন পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত জাতিসংঘের এই প্রতিবেদন অনুযায়ী, আল-কায়েদার কেন্দ্রীয় নেতৃত্ব আন্তর্জাতিক চাপে কিছুটা কোণঠাসা হলেও দক্ষিণ এশিয়া ও সাহেল অঞ্চলে তাদের আঞ্চলিক শাখাগুলো ক্রমান্বয়ে নিজস্ব প্রভাব ও নাশকতামূলক সক্ষমতা বাড়িয়ে চলেছে।
ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান এবং প্রতিকূল পরিবেশের জেরে চরম মানসিক চাপে ভুগছেন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিক ও মেরিন সদস্যরা। চলমান মোতায়েনের সময় জাহাজটিতে একাধিক আত্মহত্যার চেষ্টা ও এ ধরনের ঘটনার আশঙ্কার তথ্য উঠে এসেছে।
মার্কিন সামরিকবিষয়ক সংবাদমাধ্যম নেভি টাইমস এবং স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, লিঙ্কনের প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্য ইরান যুদ্ধের কারণে দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করছেন। তাদের মোতায়েন ইতোমধ্যে নবম মাসে পড়েছে।
এর মধ্যে টানা ২৫০ দিন কোনো স্থলভাগে না নেমে সমুদ্রে থাকার ঘটনাটি যেকোনো বিমানবাহী রণতরীর জন্য আধুনিক যুগের রেকর্ড বলে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ এই মোতায়েন নিয়ে নৌসেনাদের পরিবারের মধ্যেও উদ্বেগ বাড়ছে। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক টাউন হল বৈঠকে প্রায় ২০০ সেনা পরিবারের সদস্যরা অংশ নেন। সেখানে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা স্বজনদের মানসিক ও শারীরিক অবস্থার বিষয়ে একাধিক পরিবার তাদের উদ্বেগের কথা জানান। এক নৌসেনার স্ত্রী জানান, তার স্বামী সম্প্রতি তাকে একটি বার্তা পাঠিয়ে নিজের চরম মানসিক বিপর্যয়ের কথা জানিয়েছিলেন।
বৈঠকে পরিবারগুলোর অভিযোগ ও উদ্বেগ সরাসরি নৌবাহিনীর নেতৃত্বের কাছে তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত নৌবাহিনীবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী হাং কাওসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নেভি টাইমসের প্রতিবেদনে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাম্প্রতিক কয়েকটি আত্মহত্যার চেষ্টার ঘটনা উঠে এসেছে। এক নৌসেনার স্ত্রী নেভি টাইমসকে জানিয়েছেন, তার স্বামী সাগরে ঝাঁপ দিতে গিয়েছিলেন। সে সময় সৌভাগ্যবশত এক সহকর্মী তা দেখে ফেলেন এবং তাকে ঝাঁপ দেওয়া থেকে বিরত রেখে নিরাপদে ডেকে ফিরিয়ে আনেন।
এদিকে জাহাজটির জীবনযাপন ও কাজের পরিবেশ নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য মাইক লেভিন নৌসেনাদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগগুলো তুলে ধরে বলেন, ‘জাহাজে ছত্রাকযুক্ত গোসলখানা, নষ্ট টয়লেট, দীর্ঘ সময় কাপড় ধোয়ার ব্যবস্থা বন্ধ থাকা এবং গরম পানির সংকট রয়েছে।’
খাবারের মান ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী নিয়েও অভিযোগ রয়েছে। লেভিনের ভাষ্য অনুযায়ী, কোনো কোনো সময় নাবিকদের খাবার হিসেবে অল্প পরিমাণ ভাত ও টরটিলা (এক প্রকার রুটি) দেওয়া হচ্ছে। এমনকি সাবান, ডিওডোরেন্ট ও টুথপেস্টের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথাও উঠে এসেছে।
আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালন করা সাবেক আর্মি রেঞ্জার এবং কলোরাডোর ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জেসন ক্রোও লিঙ্কনের নাবিক ও তাদের পরিবারের ওপর ক্রমবর্ধমান চাপ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তার মতে, দীর্ঘ মোতায়েনের কারণে দিন দিন পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।
ইরান যুদ্ধের কারণে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দীর্ঘ সময়ের এই মোতায়েন নিয়ে নৌবাহিনীর ওপর এখন সেনাদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং জীবনযাত্রার পরিবেশ উন্নত করার চাপ বাড়ছে। দীর্ঘ সমুদ্রযাত্রা ও যুদ্ধকালীন দায়িত্বের পাশাপাশি সেনাদের মানসিক সুস্থতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। বিদেশে চিকিৎসা শেষে প্রায় ছয় মাস পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশে ফিরেছেন নেপালের সাবেক এই প্রধানমন্ত্রী।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরমুখী সড়কে শত শত সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী দেউবাকে স্বাগত জানিয়েছেন। ওই সময় বিরোধী দল নেপালি কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা হাত নেড়ে হাসিমুখে কর্মীদের সাড়া দেন।
অর্থ পাচারের অভিযোগে গত এপ্রিলে দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নেপালের পুলিশ। জেন-জি আন্দোলনে ক্ষমতাসীন সরকারের পতন এবং নির্বাচনের মাধ্যমে দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষমতায় আসার পর নেপালের অন্যতম বর্ষীয়ান ও হেভিওয়েট রাজনীতিক হিসেবে আইনি পদক্ষেপের মুখোমুখি করা হয় দেউবাকে।
গত ফেব্রুয়ারিতে নেপাল ত্যাগ করা ৮০ বছর বয়সী দেউবা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। পাঁচবারের সাবেক এই প্রধানমন্ত্রীর আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া তার দলের তিন দিনব্যাপী সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
গীতা চৌধুরী নামে দেউবার এক সমর্থক এএফপিকে বলেন, সাবেক এই প্রধানমন্ত্রী ‘‘আমাদের অভিভাবক এবং এই জাতির অভিভাবক।’’বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে অপেক্ষায় থাকাকালীন গীতা বলেন, ‘‘তিনি আমাদের যে স্বাধীনতা ও অধিকার দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।’’
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেছেন, দেউবার মামলা এবং তাকে গ্রেপ্তারের বিষয়ে যেকোনও ধরনের সিদ্ধান্ত অর্থপাচার তদন্ত বিভাগের আওতায় রয়েছে। কাফলে বলেন, সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় আমরা তাকে বিমানবন্দরে এবং তার শোভাযাত্রায় নিরাপত্তা দিচ্ছি।
দেশটির কর্তৃপক্ষ দেউবার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে। গত বছরের সেপ্টেম্বরের প্রাণঘাতী বিক্ষোভের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে তরুণদের কেন্দ্র করে রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বালেন্দ্র শাহ বিপুল জয় পাওয়ার এক মাস পর ওই পরোয়ানা জারি করা হয়।
ক্ষমতায় আসার পর থেকে শাহর প্রশাসন হেভিওয়েট রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে। ২০২৫ সালে তরুণদের বিক্ষোভ দমনে সহিংস উপায় অবলম্বরের দায়ে গত মার্চে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে অল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল।
তরুণদের নেতৃত্বাধীন ওই আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের জেরে শুরু হলেও শেষ পর্যন্ত তা হিমালয় কন্যা খ্যাত নেপালের দুর্নীতি এবং অর্থনৈতিক দুর্দশা নিয়ে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল।
আন্দোলনকারীরা সংসদ ভবন ও বিভিন্ন কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। যার ফলে শেষ পর্যন্ত সরকারের পতন ঘটে। যেসব ভবনে আগুন দেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে দেউবার বাড়িও ছিল। আর এই দম্পতির ওপর বিক্ষোভকারীদের হামলার ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
সাবেক এই প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেশ কিছু টাকার বান্ডিলও উদ্ধার করা হয়েছিল। বিক্ষোভ তদন্তকারী কমিশনের কাছে দেওয়া জবানবন্দিতে দেউবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোকে ভুয়া বলে দাবি করেছেন।
তিনি বলেন, এটি একটি ষড়যন্ত্র। যদিও এর পেছনে কে আছে তা আমি জানি না। কমিশন দেউবার বাড়ি ও অন্যান্য সম্পত্তি থেকে কথিত অর্থ উদ্ধারের বিষয়টি নিয়ে আরও তদন্তের সুপারিশ করেছে।
৩০ বছরের মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপে সবচেয়ে নাটকীয় সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে লাখো মানুষ। প্রজন্মে একবার দেখা যায় এমন এই মহাজাগতিক ঘটনায় কোথাও আংশিক, আবার কোথাও পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে।
যুক্তরাজ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু পর সূর্যগ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। দেশটির বেশির ভাগ এলাকায় চাঁদ সূর্যের ৯০ শতাংশের বেশি ঢেকে দেয়। তবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের কিছু এলাকায় দেখা গেছে পূর্ণ সূর্যগ্রহণ। সেখানে কিছু সময়ের জন্য পুরো আকাশ অন্ধকার হয়ে যায়।
যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দর্শনীয় স্থানে এ দৃশ্য দেখতে বড় ভিড় জমে। সূর্যগ্রহণের মুহূর্তে অনেককে বিস্ময়ে চিৎকার ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানপ্রেমীরা বলেন, এমন ঘটনা মহাবিশ্বের বিস্ময়কর সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয়।
পূর্ণ সূর্যগ্রহণের পথ শুরু হয় রাশিয়ার উত্তরাঞ্চলের সাইবেরিয়া থেকে। এরপর এটি আর্কটিক মহাসাগরের ওপর দিয়ে বাঁক নিয়ে সন্ধ্যার দিকে আইসল্যান্ডে পৌঁছায়। সেখান থেকে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে যুক্তরাজ্যের ওপর দিয়ে যায় আংশিক সূর্যগ্রহণের রেখা।
স্কটল্যান্ডের উত্তরাঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আংশিক সূর্যগ্রহণ শুরু হয়। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে শুরু হয় ৬টা ২০ মিনিটের কিছু আগে।
শুরুতে পরিবর্তনটি খুব একটা বোঝা না গেলেও মেঘমুক্ত আকাশে থাকা মানুষজন ধীরে ধীরে চাঁদকে সূর্যের ওপর এগিয়ে যেতে দেখেন। মধ্য ও দক্ষিণ ইংল্যান্ড এবং ওয়েলসের অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকায় সূর্যের ওপর দিয়ে চাঁদের ধীরে ধীরে অতিক্রম করার দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়।
উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে আকাশ তুলনামূলক মেঘাচ্ছন্ন ছিল। তারপরও দেশের বিভিন্ন বিখ্যাত স্থানে সূর্যগ্রহণ দেখতে মানুষের ঢল নামে।
সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ চশমার চাহিদাও বেড়ে যায়। প্রয়োজনীয় সুরক্ষা চশমা বিভিন্ন দোকানে শেষ হয়ে গেলেও অনেকে নিরাপদে গ্রহণ দেখার জন্য চালুনি, সিরিয়ালের বাক্স ও কাগজের তৈরি পদ্ধতি ব্যবহার করেন।
কীভাবে হয় সূর্যগ্রহণ?
চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে এবং সূর্যের কিছু বা পুরো আলো আটকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। এর ফলে পৃথিবীর ওপর চাঁদের ছায়া পড়ে।
যুক্তরাজ্য থেকে দেখা গ্রহণটি ছিল আংশিক। দেশটির বেশির ভাগ এলাকায় চাঁদ সূর্যের প্রায় ৯০ শতাংশ ঢেকে দেয়। কর্নওয়ালে এই হার ছিল সর্বোচ্চ প্রায় ৯৫ শতাংশ। ১৯৯৯ সালের পর এটিই যুক্তরাজ্যে দেখা সবচেয়ে নাটকীয় সূর্যগ্রহণ।
তবে স্পেনের কিছু এলাকায় পরিস্থিতি ছিল আরও বিস্ময়কর। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় নিখুঁতভাবে একই সরলরেখায় চলে আসে। ফলে সেখানে দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ।
স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লা কোরুনিয়ায় এই দৃশ্য দেখতে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে যান চিলির বিজ্ঞানী ইয়াসমিন ক্যাট্রিচেও। পূর্ণগ্রহণের মুহূর্তের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সবাই উচ্ছ্বাস প্রকাশ করছিল এবং নিজেদের দেখা দৃশ্যের আনন্দ ভাগ করে নিচ্ছিল। তাঁর ভাষায়, ‘এই অনুভূতি বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। মহাবিশ্ব অসাধারণ।’
পৃথিবীর কোথাও না কোথাও প্রায় ১৮ মাস পরপর পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। কিন্তু নির্দিষ্ট কোনো স্থান থেকে এমন ঘটনা দেখা অত্যন্ত বিরল—গড়ে প্রায় ৪০০ বছরে একবার।
পূর্ণগ্রহণের সময় চাঁদের আড়াল থেকে সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা করোনা দেখা যায়। অতি উত্তপ্ত গ্যাসের এই প্রবাহ হাজার হাজার কিলোমিটার মহাশূন্যে ছড়িয়ে পড়ে। সূর্যের পৃষ্ঠ থেকে গোলাপি রঙের ছোট ছোট গ্যাসের লুপও দেখা যেতে পারে, যেগুলো সূর্যের শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কারোলিন লেভিট। গত মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, পরিবার ও সন্তানদের আরও বেশি সময় দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার পদত্যাগের সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
লেভিট হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি। দ্বিতীয় সন্তানের জন্মের মাত্র দুই মাস পর তিনি আবারও হোয়াইট হাউসে কাজে ফিরেছিলেন। ডেইলি মেইলের প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীনই পদ ছাড়ার বিষয়টি বিবেচনা করছিলেন লেভিট।
প্রতিবেদন অনুযায়ী, ছুটিতে থাকা অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত তাকে ফোন করে কবে কাজে ফিরবেন জানতে চাইতেন। তবে সবদিক বিবেচনা করেই শেষ পর্যন্ত পদ ছাড়ার সিদ্ধান্ত নেন লেভিট।
জুলাইয়ে কাজে ফেরার পর তিনি চরম মানসিক চাপ ও বার্নআউটে ভুগছিলেন বলেও জানান তার ঘনিষ্ঠরা। একজন সূত্র ডেইলি মেইলকে বলেন, সন্তানদের সামলে এই কাজ করা অত্যন্ত চাপের ছিল। ঘুমেরও ঘাটতি হচ্ছিল। একই সঙ্গে নিজের কর্মদক্ষতায় যেন কোনো প্রভাব না পড়ে, সেটিও নিশ্চিত করতে চাইছিলেন লেভিট। তাই যতদিন সম্ভব দায়িত্ব ভালোভাবে পালন করে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। তবে লেভিটকে ধরে রাখতে ট্রাম্প সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলেও দাবি করেছেন সূত্রগুলো।
একজন ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, ট্রাম্প লেভিটকে হারাতে চাননি। কারণ তিনি তার ওপর আস্থা রাখেন এবং কাজের গুরুত্বপূর্ণ সময়ে নতুন কাউকে নিজের ঘনিষ্ঠ বৃত্তে আনতে চান না। লেভিট পদ ছাড়ার জন্য প্রস্তুত থাকলেও ট্রাম্পের সম্মতি নিয়েই সিদ্ধান্তটি ঘোষণা করতে চেয়েছিলেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।
ট্রাম্পের সহযোগী স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার বলেন, সন্তান জন্মের পর মানুষের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার বদলে যেতে পারে। ছোট সন্তানদের বেড়ে ওঠার সময়টি জীবনে একবারই আসে বলেও মন্তব্য করেন তিনি।
লেভিটের পদত্যাগের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ট্রাম্প। পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, লেভিট হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে কাজ চালিয়ে যাবেন।
এ ছাড়া নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির জন্যও লেভিট গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী কণ্ঠ হয়ে থাকবেন বলে জানান ট্রাম্প।
তিনি লেভিটকে হোয়াইট হাউসে একজন ‘প্রকৃত নেতা’ হিসেবে উল্লেখ করে তার কাজের প্রশংসা করেন। ২০১৮ সাল থেকে ন্যায়বিচার, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এবং ২০২৪ সালের নির্বাচনী প্রচারে তার ভূমিকারও প্রশংসা করেন ট্রাম্প।
বিষয়: সময়ের আলো যুক্তরাষ্ট্র
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে ‘ভুল হিসাব’ করে আসছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ক্ষেত্রেও একই ধরনের ভুল করেছে ওয়াশিংটন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ আরও বড় ধরনের ভুল হিসাবের উদাহরণ। তিনি বলেন, ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য।
এদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি জানিয়েছেন, দেশটি শিগগিরই ব্রিকস জোটের প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যোগ দিতে যাচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হেম্মাতির এ বক্তব্য প্রকাশিত হয়। ভারতে ব্রিকসের অর্থমন্ত্রীদের বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এনডিবির করপোরেট কমিউনিকেশন বিভাগ ইরানের যোগদানের তথ্যটি নিশ্চিত করেনি।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে ২০১৫ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অবকাঠামো উন্নয়ন ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্য নিয়ে গঠিত এই ব্যাংকে পরে সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ আরও কয়েকটি উদীয়মান অর্থনীতি যোগ দেয়।
পশ্চিমা দেশগুলোর ভণ্ডামি নিয়ে আরাগচির ক্ষোভ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল বৃহস্পতিবার মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর অবস্থানের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, মানবাধিকার নিয়ে এসব দেশের অবস্থান “স্পষ্ট ও লজ্জাজনক ভণ্ডামি”।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে সমর্থন এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কারণে নৈতিক অবস্থান নিয়ে কথা বলার সুযোগ তারা হারিয়েছে।
এদিকে, উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, জুনে হওয়া একটি অন্তর্বর্তী চুক্তি আবার কার্যকর করা এবং এর শর্তগুলো বাস্তবায়নের সময়সীমা ঠিক করার বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। তবে এ বিষয়ে একেবারেই কোনো অগ্রগতি হয়নি।
জুনের ওই চুক্তিতে সব পক্ষের সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের কথা বলা হয়েছিল। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই চুক্তিটি কার্যত ভেঙে পড়ে। ৭ জুলাই ট্রাম্প চুক্তিটিকে শেষ বলে ঘোষণা করেন। এর এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায়, চুক্তিটি স্থগিত করা হয়েছে।
ইরানের এক ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে জানিয়েছেন, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তি পুনর্বহাল ও এটি বাস্তবায়ন করার বিষয়ে সময়সীমা নির্ধারণ নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। পারস্য উপসাগরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে প্রচেষ্টা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র তীব্র মতবিরোধে লিপ্ত হয়ে আছে বলে জানান তিনি।
পশ্চিম এশিয়া অঞ্চলের নৌপথে নতুন করে জাহাজে হামলা এবং বুধবার ইরানের নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পর এই সংকট সমাধানের আশা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
পুরো সংঘাতজুড়ে ট্রাম্প একদিকে সংঘাত বাড়াবার হুমকি দিচ্ছেন, আবার পরক্ষণেই চুক্তি সন্নিকটে বলে দাবি করছেন। জুন মাসে দুই পক্ষ ‘সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের’ ঘোষণা দিয়ে অন্তর্বর্তী চুক্তি করেছিল। তবে দ্রুতই তা ভেস্তে যায়। ট্রাম্প ৭ জুলাই চুক্তিটি ‘বাতিল’ বলে ঘোষণা দেন এবং এর এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিটি ‘স্থগিত’করার ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, চুক্তি অনুযায়ী কৌশলগত জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার অঙ্গীকার রক্ষা করেনি ইরান। অন্যদিকে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে; যার মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়া এবং বাজেয়াপ্ত ইরানি সম্পদ মুক্ত করা।
ইরানের সূত্রটি রয়টার্সকে বলেন, “মধ্যস্থতাকারীদের মাধ্যমে হওয়া আলোচনার অন্যতম বিষয় ছিল যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী চুক্তিতে ফিরে আসা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা। কিন্তু এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।”
বুধবার ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’রয়েছে। তিনি ইরানকে উদ্দেশ্য করে লেখেন, “ইরান কেবল মুখেই বড় কথা বলে, বাস্তবে কিছু করে না। পশ্চিম এশিয়ায় প্রভাবশালী অবস্থানে তারা আর নেই।”
তবে জলপথটি ব্যবস্থাপনার জন্য ইরানের গঠন করা ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ জানিয়েছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং ইরানের দেওয়া শর্ত না মানা পর্যন্ত এটি খোলা হবে না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ও লেবাননে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইরানও ওমান, জর্ডান, কুয়েত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে থাকা মার্কিন লক্ষ্যস্থল ও অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়েছে।
জুনের অন্তর্বর্তী চুক্তিতে সিদ্ধান্ত হয়েছিল, দুই পক্ষের সম্মতিতে মেয়াদ বাড়িয়ে ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা তোলার একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো হবে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে পাকিস্তানি সরকারি সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল, দুই পক্ষ ওই ৬০ দিনের মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। তবে ইরানি সূত্রটি রয়টার্সের কাছে সে দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, “মেয়াদ বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। কারণ ইরানের দিক থেকে কোনো নির্দিষ্ট মেয়াদকাল আদৌ শুরুই হয়নি, তাই তা বাড়ানোর কিছু নেই। চুক্তি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করে এবং তার কয়েক দিন পর বের হয়ে যায়।”
ইরান ও ওমানের মধ্যবর্তী সংকীর্ণ জলপথ এবং পারস্য উপসাগরের প্রবেশমুখ হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ হতো। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যকরভাবে এই প্রণালি বন্ধ করে রেখেছে। এতে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে, যা একপর্যায়ে সর্বোচ্চ ১২৬ ডলারে পৌঁছেছিল, যা যুদ্ধপূর্ব সময়ের চেয়ে প্রায় ৭৫ শতাংশ বেশি।
উপসাগরে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। সর্বশেষ মঙ্গলবার লোহিত সাগরে সন্দেহভাজন হুতি হামলা এবং ওমান সাগরে মার্কিন হামলার পৃথক দুটি ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ওমান সাগরে মার্কিন নৌ-অবরোধ অমান্য করায় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে তাদের এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে নৌযানটির স্টিয়ারিং ব্যবস্থা বিকল করে দেওয়া হয়েছে।
বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ৮৮ ডলার এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৮৩ ডলারে ওঠানামা করছে।
তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ৭৫ শতাংশের বেশি এখনও অক্ষত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ৭৫ শতাংশের বেশি অক্ষত এবং এখনও ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
ইরানের সেনাবাহিনীর নির্বাহী উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ এ তথ্য জানান। তার এই বক্তব্য ইরানের সামরিক সক্ষমতার ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ বলেন, ওয়াশিংটন যেমন দাবি করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ততটা সফল হয়নি। শেখ বলেন, 'ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ৭৫ শতাংশের বেশি অক্ষত এবং ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।'
শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়া এখন এক মৃত্যুপুরী। কমপক্ষে ২৫৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের ভিতর আটকরা পড়ে আছেন কয়েক হাজার মানুষ। তাদের নিখোঁজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা কোথায় গিয়ে শেষ হয় তা অনুমান করা যাচ্ছে না। সোমবার (১০ আগস্ট) ভোরে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে কলম্বিয়ায়। তারপর থেকে চারদিকে আতঙ্ক। জারি করা হয়েছে জরুরি অবস্থা।
আতঙ্কিত মানুষ ধ্বংসস্তূপের ভিতর নিজের স্বজনদের খুঁজছেন। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, দেশটির পশ্চিমাঞ্চলজুড়ে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। দেশটির কফি উৎপাদনকারী কেন্দ্রস্থল দিয়ে ভূমিকম্পটি বয়ে যাওয়ার সময় অ্যাপার্টমেন্ট ভবন, বাড়িঘর, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রের অনেকগুলোতে ফাটল ধরে, কিছু ভবন হেলে পড়ে এবং কিছু পুরোপুরি ধসে যায়। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শহর থেকে পাওয়া পৃথক প্রতিবেদনে মৃতের সংখ্যা ২৫৪ জন বলে জানানো হয়।
এর মধ্যে কফি উৎপাদন এলাকার গভীরে অবস্থিত পেরেইরায় ১০১ জন এবং দেশের তৃতীয় বৃহত্তম শহর কালীতে ৯৫ জন নিহত হয়েছেন। ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি প্রশান্ত মহাসাগরমুখী বনাঞ্চলীয় চোকো অঞ্চলের বহু আদিবাসী সম্প্রদায় এখনো বিদ্যুৎ ও মৌলিক সেবা থেকে বিচ্ছিন্ন। এতে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে।
দেশটির নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলার শপথ গ্রহণের মাত্র কয়েক দিন পরই ভূমিকম্পটি আঘাত হানে। প্রেসিডেন্ট ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সফর করে যেসব মানুষ বাড়িঘর হারিয়েছেন, তাদের অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। ন্যাশনাল কফি ফেডারেশন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মাঠপর্যায়ে কাজ করছে। কৃষিখামার ও গ্রামীণ অবকাঠামোর ক্ষতিও তারা মূল্যায়ন করছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন সংস্থাটির প্রধান জার্মান বাহামন।
এদিকে সোমবার (১০ আগস্ট) রাত থেকে মঙ্গলবার (১১ আগস্ট) পর্যন্ত উদ্ধারকারীরা ক্রেন, খননযন্ত্র এবং নিজেদের হাত ব্যবহার করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপ সরাতে তারা মানবশৃঙ্খল তৈরি করে একে অন্যের হাতে বালতি তুলে দিচ্ছেন এবং আটকে পড়া মানুষদের খুঁজছেন।
পেরেইরায় স্বামী ও ১০ মাসের শিশুকে নিয়ে পরিচালিত অতিথিশালা থেকে কীভাবে পালিয়ে বেঁচেছেন, তার বর্ণনা দিয়েছেন রোসা গনজালেজ। তিনি রয়টার্সকে বলেন, ভবনটি কাঁপতে ও কড়কড় শব্দ করতে শুরু করে। আমরা বাইরে দৌড়ে বের হওয়ার পরই ভবনটি ধসে পড়ে। রোসা জানান, অতিথিশালার ভেতরে থাকা প্রায় ২০ জনের মধ্যে মাত্র আটজন জীবিত বের হতে পেরেছেন। একজন বয়স্ক ব্যক্তি একটি টেরেসে আটকা পড়েছিলেন। তিনি আশঙ্কা করছেন, ওই ব্যক্তি নিহতদের মধ্যে থাকতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার হোসে গায়েগো ভূমিকম্পের সময় পেরেইরা বিমানবন্দরে মাত্র পৌঁছেছিলেন। তিনি তখন লাইভ ভিডিও করছিলেন। ভিডিওতে ভূমিকম্পের তীব্র কম্পনের দৃশ্য ধারণ করা হয়। ছাদের কিছু অংশ ভেঙে পড়ার সময় তিনি একটি টেবিলের নিচে আশ্রয় নেন। গায়েগো বলেন, মানুষ আহত, রক্তাক্ত ও চিৎকার করছিল। তারা পরিবারের সদস্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। তিনি সারা রাত ঘুমাতে পারেননি এবং পরাঘাতের আশঙ্কায় খোলা জায়গায় অবস্থান করছিলেন। মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় ১০০টি পরাঘাত রেকর্ড করা হয়েছে।
কালী শহরে বাসিন্দারা রাস্তায় রান্না করেছেন এবং ধ্বংসস্তূপ থেকে সম্ভবপর জিনিসপত্র উদ্ধার করেছেন। ধ্বংস হয়ে যাওয়া টোরেস দেল লিমোনার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে উদ্ধারকর্মী, সাধারণ স্বেচ্ছাসেবক ও স্থানীয় কর্মকর্তারা জড়ো হন। গাছপালায় ঘেরা অভিজাত আবাসিক এলাকায় একসময় বহুতল দুটি ভবন নিয়ে দাঁড়িয়েছিল এই কমপ্লেক্সটি।
উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একজন নারীকে জীবিত অবস্থায় বের করে আনলে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে। পরে তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। তবে সবার ভাগ্য এতটা ভালো ছিল না। কালী শহরের জনস্বাস্থ্যবিষয়ক সচিব জার্মান এসকোবার জানান, শহরের মর্গ ইতোমধ্যে মৃতদেহে পূর্ণ হয়ে গেছে। কর্তৃপক্ষ রাস্তায় পড়ে থাকা আরও মরদেহ মর্গে নিয়ে যাচ্ছে।