শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন গুতেরেস

বাসস
প্রকাশিত
বাসস
প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৪ ১৬:৫৫

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

গতকাল সোমবার মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় শান্তি ফিরিয়ে আনা এবং বাংলাদেশে সংসদ নির্বাচনের আয়োজনের প্রচেষ্টাকে মহাসচিব স্বাগত জানিয়েছেন।’

গুতেরেস আগামী সপ্তাহগুলোতে দেশটি এগিয়ে যাওয়ার সাথে সাথে নারী, যুবক এবং সারাদেশের জনগণের পাশাপাশি সংখ্যালঘুদের কথাবিবেচনা করে অন্তর্ভূক্তিমূলক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিব বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের পূর্ণ সম্মানের আহ্বান জানিয়েছেন।

গুতেরেস সহিংসতার সমস্ত কর্মকান্ডের পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।


পাকিস্তানের বিমান হামলা: আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা নিহত

আপডেটেড ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৩৭
দৈনিক বাংলা ডেস্ক

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা পাকিস্তানের এক বিমান হামলায় নিহত হয়েছেন বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ইউরোপভিত্তিক একটি গোয়েন্দা সংস্থার বরাতে এই খবরটি সামনে এসেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক তথ্যে জানা যায়, কাবুলে পরিচালিত পাকিস্তানের বিশেষ সামরিক অভিযানে আখুন্দজাদাসহ আরও বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন।

২০২১ সালে তালেবানের পুনরায় ক্ষমতা দখলের পর থেকে আখুন্দজাদা দল ও প্রশাসনের প্রধান নীতি-নির্ধারক হিসেবে পুরো শাসনব্যবস্থার দিকনির্দেশনা দিয়ে আসছিলেন। পাকিস্তানের বিমান বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন গজব-লিল হক’ চলাকালীন এই ঘটনাটি ঘটে। সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২১ ফেব্রুয়ারি, যখন পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় টিটিপি দমনের লক্ষ্যে আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায়।

ওই অভিযানে আশি জনেরও বেশি মানুষের মৃত্যুর জেরে তালেবান প্রশাসন ক্ষুব্ধ হয়। এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতে আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিৎরাতের নির্দেশে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সেনাচৌকি লক্ষ্য করে আক্রমণ চালায় আফগান বাহিনী। এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাকিস্তান সেনাবাহিনী তাদের পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে।

যুদ্ধ পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক কঠোর বার্তায় হুঁশিয়ারি দিয়ে জানান, "পাকিস্তানের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে এবং এখন থেকে কেবল যুদ্ধের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।" তালেবান প্রধানের মৃত্যুর এই সংবাদ আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এর ফলে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় চরম অনিশ্চয়তা ও উত্তেজনা দেখা দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।


রিয়াদের উদ্যোগে পাক-আফগান উত্তেজনা কমাতে ফোনালাপ

ফয়সাল বিন ফারহান আল সৌদ ও ইসহাক দার (ফাইল ছবি)
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

আজ শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে ‘আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন’ এবং ‘উত্তেজনা কমানোর উপায়’ নিয়ে আলোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রণালয়ের সরকারি অ্যাকাউন্ট থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়। ইসহাক দার বর্তমানে সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত আফগান তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস এবং ৯টি দখল করা হয়েছে। তার ভাষ্য, অভিযানে তালেবানের ৮০টির বেশি ট্যাংক, কামান ও অস্ত্রবাহী সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, গত বুধবার ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

সূত্রঃ বিবিসি।


পাক-আফগান সংঘাতে উদ্বেগ, শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে বাড়তে থাকা সংঘর্ষ ও সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার এক বিবৃতিতে তিনি দুই দেশকে উত্তেজনা প্রশমিত করে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আন্তোনিও গুতেরেস সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে অনুসরণের তাগিদ দিয়েছেন।

গুতেরেসের মতে, চলমান সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার। কয়েক দিন ধরে চলা রক্তক্ষয়ী পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

এর আগে পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে সেনা হত্যা ও কয়েকজনকে অপহরণের ঘটনার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করে। অভিযানের অংশ হিসেবে পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপোসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।


সংলাপের মাধ্যমে পাক-আফগান উত্তেজনার সমাধানের আহ্বান তেহরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আফগানিস্তান ও পাকিস্তানকে পারস্পরিক বিরোধ সংলাপ ও সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে মেটানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন বলে জানিয়েছে আল জাজিরা।

রমজান মাসের সংযম ও ইসলামের ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি দুই দেশকে উত্তেজনা না বাড়ানোর পরামর্শ দেন। একই পোস্টে তিনি জানান, এই প্রক্রিয়ায় ইরান পূর্ণ সমর্থন দেবে।

আরাগচি বলেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ এগিয়ে নিতে, পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে এবং সহযোগিতা বাড়াতে তেহরান প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

এদিকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সীমান্তবর্তী সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান। আফগান কর্মকর্তাদের দাবি, এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এর জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করে পাকিস্তান। অভিযানের অংশ হিসেবে পাকিস্তান বিমান বাহিনীর হামলায় অন্তত ১৩৩ আফগান সেনা নিহত এবং প্রায় দুই শতাধিক আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এ ছাড়া আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংসের কথাও বলা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।

তিনি লেখেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছেন পিএএফ। অভিযানের আওতায় রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।


আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা

প্রতীকী ছবি।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ডুরান্ড লাইনে পাকিস্তানের একটি সেনাচৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান। সেই ঘোষণার অংশ হিসেবেই শুরু হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘোষণা দেন। তিনি লেখেন, “আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে...পাকিস্তানের সেনাবাহিনী সাগর থেকে ভেসে আসেনি। আমরা আপনাদের প্রতিবেশী: আপনাদের মতিগতি আমরা খুব ভালোভাবে জানি।”

এই বার্তা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা শুরু করে। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন গজব-লিল হক’।

আজ শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে এক্সে দেওয়া আরেক বার্তায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকে পিএএফ ও স্থলবাহিনী আফগানিস্তানে অভিযান চালাচ্ছে। তিনি বলেন, রাজধানী কাবুলসহ পাকতিয়া ও কান্দাহারের একাধিক সামরিক স্থাপনায় হামলা হয়েছে।

তার দাবি, কাবুল, পাকতিয়া ও কান্দাহারে ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী।

মোশাররফ জাইদি আরও জানান, পিএএফের বোমাবর্ষণে আফগান বাহিনীর দু’টি সেনা হেডকোয়ার্টার, তিনটি ব্রিজ হেডকোয়ার্টার, দু’টি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, দু’টি সেক্টর হেডকোয়ার্টার, ৮০টির বেশি ট্যাংক এবং বিপুলসংখ্যক আর্টিলারি ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি শনিবার আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশের কয়েকটি এলাকায় পাকিস্তান বিমান বাহিনী ব্যাপক বোমাবর্ষণ চালায়। ওই হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হন। সংক্ষিপ্ত সেই অভিযানের পর পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপির ঘাঁটিকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে এবং নিহতরা সবাই টিটিপি সদস্য।

তবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার দাবি করে, জঙ্গি ঘাঁটি নয়, বেসামরিক এলাকায় আঘাত হানা হয়েছে। তারা সতর্কবার্তায় বলে, “এর বদলা আমরা নেবো।”

গত বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়ার আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনাচৌকিগুলোতে আকস্মিক হামলা চালানো হয়। এতে কয়েকজন সেনা নিহত এবং কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে জানা যায়। তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ এক্সে লেখেন, “আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজ়ার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এ বার ওদের (পাকিস্তানি সেনাবাহিনী) আমরা নরকে পাঠাব।”

সীমান্তে ওই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে পাকিস্তান, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব-লিল হক’।

সূত্র : ডন, এনডিটিভি


তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানে হামলা করা হবে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই জেনেভায় তৃতীয় দফার পরোক্ষ আলোচনায় বসছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। এই আলোচনাকে সংঘাতরোধের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তবে চুক্তির সম্ভাবনা এখনো অস্পষ্ট।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সব থেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

ট্রাম্প যদিও বলেছেন যে তিনি কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে পছন্দ করেন। তবে ইরানের নেতাদের চুক্তি মেনে নিতে চাপ দেওয়ার জন্য দেশটির ওপর সীমিত পরিসরে হামলার কথা বিবেচনা করছেন তিনি।

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রাম্প আসন্ন দিনগুলোতে ইরানের রেভোলিউশনারি গার্ড (আইআরজিসি) বা পারমাণবিক স্থাপনার ওপর প্রাথমিক হামলার কথা বিবেচনা করছিলেন, যাতে দেশটির নেতাদের ওপর চাপ বাড়ানো যায়।

প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, আলোচনা ব্যর্থ হলে, ইরানের প্রেসিডেন্ট, এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে একটি অভিযান শুরুর নির্দেশও দিতে পারেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও সতর্ক করেছেন যে ইরানের ওপর হামলা ঝুঁকিপূর্ণ হতে পারে ও এতে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। যদিও ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে জেনারেল ড্যান কেইন বিশ্বাস করেন, ইরানের বিরুদ্ধে সহজেই জেতা সম্ভব।

এদিকে, ইরান হুমকি দিয়েছে যে যেকোনো হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানবে।

ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো আশঙ্কা করছে, ইরানের ওপর হামলা হলে তা আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে এবং তারা সতর্ক করেছে যে কেবলমাত্র বিমানশক্তি দিয়ে দেশটির নেতৃত্ব পরিবর্তন করা সম্ভব হবে না।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কোনো চুক্তির বিরুদ্ধে সতর্ক করেছেন, যাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তার সমর্থপুষ্টদের বিষয়টি অন্তর্ভুক্ত না থাকে।

নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানকে ইসরায়েলের জন্য বড় হুমকি এবং ওই অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান উৎস হিসেবে বর্ণনা করে আসছেন। বিশ্লেষকদের ধারণা, চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউস সফর করা নেতানিয়াহু ইরান সরকারকে পতনের লক্ষ্যে একটি অভিযানের পক্ষে চাপ বাড়াতে পারেন।

যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারের মালিক। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে বলেও ধারণা করা হয়, যদিও তারা এ বিষয়ে স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না।

এদিকে, আলোচনায় তিনি কী দাবি করছেন ও ইসরায়েল-ইরান যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র বোমা হামলা চালানোর আট মাস পর এখন ফের কেন সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হচ্ছে, সেটি ব্যাখ্যা করেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

ইরান তার ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে। তবে তারা যে নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কিছু ছাড় দিতে প্রস্তুত এমন ইঙ্গিতও পাওয়া গেছে।

এই মাসের শুরুতে ওমানের মধ্যস্থতায় হওয়া আগের দুই দফা আলোচনার মতো, ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীসহ হাজারও সেনা মোতায়েন করেছে। ট্রাম্প যাকে ‘আর্মাডা’ হিসেবে বর্ণনা করেছেন। এই বহরে দুটি বিমানবাহী রণতরী, অন্যান্য যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও জ্বালানি বহনকারী বিমান রয়েছে।

গত মাসে ট্রাম্প প্রথমবারের মতো ইরানে বোমা হামলার হুমকি দিয়েছিলেন। ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির সরকারবিরোধী বিক্ষোভ নির্মমভাবে দমন করার সময় হাজার হাজার মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ওই হুমকি দেন তিনি।

কিন্তু তারপর থেকে, ট্রাম্পের মনোযোগ ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে চলে যায়, যা পশ্চিমাদের সাথে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের কেন্দ্রে রয়েছে। কয়েক দশক ধরে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে।

অন্যদিকে, ইরান জোর দিয়ে বলেছে যে তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যদিও দেশটি একমাত্র অ-পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র যারা পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব এমন স্তরের কাছাকাছি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে।

তবে ট্রাম্প কোন শর্তগুলো গ্রহণযোগ্য মনে করতে পারেন, তা এখনো স্পষ্ট নয়। ইরানে এরইমধ্যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা ও এই অঞ্চলে যারা তাদের সমর্থনপুষ্ট, তাদেরকে সমর্থন বন্ধ করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

এই জোটকে তেহরান ‘প্রতিরোধ অক্ষ’ বলে উল্লেখ করে, যার মধ্যে রয়েছে গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া গোষ্ঠী ও ইয়েমেনের হুতিরা।


প্রথম বিশ্বনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ক্লাবে মোদি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইনস্টাগ্রামে ১০ কোটি বা ১০০ মিলিয়ন অনুসারীর মাইলফলক ছুঁয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের সরকারি কর্মকর্তারা জানান, ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন অনুসারি অর্জন করা বিশ্বের প্রথম রাজনীতিক ও প্রথম বিশ্বনেতা হলেন মোদি।

২০১৪ সালে ইনস্টাগ্রামে যোগ দেন নরেন্দ্র মোদি। গত এক দশকে তার অ্যাকাউন্টটি বিশ্বনেতাদের মধ্যে অন্যতম আকর্ষণীয় ও আলোচিত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বলে কর্মকর্তারা জানান।

বিশ্বের প্রধান নেতাদের মধ্যে এখন ইনস্টাগ্রামে সর্বোচ্চ অনুসারী মোদির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যার চেয়েও মোদির অনুসারীর সংখ্যা দ্বিগুণের বেশি।

কর্মকর্তাদের ভাষ্য, বিশ্বের পরবর্তী পাঁচজন বড় নেতার মোট অনুসারী যোগ করলেও তা নরেন্দ্র মোদির ব্যক্তিগত অনুসারীর সংখ্যাকে ছুঁতে পারবে না।

ইনস্টাগ্রামে বিশ্বনেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অনুসারী ৪৩ দশমিক ২ মিলিয়ন বা ৪ কোটি ৩২ লাখ।

১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ অনুসারী নিয়ে তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এরপর চতুর্থ স্থানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, তার অনুসারীর সংখ্যা ১৪ দশমিক ৪ মিলিয়ন বা ১ কোটি ৪৪ লাখ। ১১ দশমিক ৬ মিলিয়ন আ ১ কোটি ১৬ লাখ অনুসারী নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আর আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ৬ দশমিক ৪ মিলিয়ন বা ৬০ লাখ ৪০ হাজার অনুসারী নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন।

ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যার দিকে থেকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকদের চেয়েও অনেক এগিয়ে আছেন মোদী। ১৬ দশমিক ১ মিলিয়ন বা ১ কোটি ৬১ লাখ অনুসারী নিয়ে দ্বিতীয় স্থানে আছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর তৃতীয় স্থানে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যার অনুসারীর সংখ্যা প্রায় ১২.৬ মিলিয়ন বা ১ কোটি ২৬ লাখ।


ক্ষমা চাইলেন বিল গেটস

বিল গেটস
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আধুনিক যুগের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে ক্ষমা চেয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এমন বিষয়ে বিল গেটসের নাম আশায় দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন। দুই রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথাও স্বীকার করেছেন বিল গেটস। তবে তিনি জোর দিয়ে বলেন, ওই নারীরা এপস্টেইনের মাধ্যমে কিংবা তার অপহরণের শিকার ছিলেন না।

এক মুখপাত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এবং রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গেটস ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে এক টাউন হল বৈঠকে নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার করেছেন বিল গেটস।

মার্কিন বিচার বিভাগ সম্প্রতি যেসব নথি প্রকাশ করেছে, তাতে দেখা যায়-যৌন অপরাধে কারাদণ্ড পাওয়ার পরও এপস্টেইনের সঙ্গে গেটসের একাধিক বৈঠক হয়েছিল। এসব বৈঠক মূলত গেটসের দাতব্য কার্যক্রমকে ঘিরেই অনুষ্ঠিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন মতে, টাউন হল বৈঠকে গেটস স্বীকার করেছেন যে এপস্টেইনের সঙ্গে সময় কাটানো ছিল তার বড় ভুল। এমনকি এপস্টেইনের সঙ্গে কিছু বৈঠকে ফাউন্ডেশনের কর্মকর্তাদের যুক্ত করাও ভুল ছিল বলে তিনি জানান।

পত্রিকাটি একটি অডিও রেকর্ডিংয়ের বরাতে গেটসের বক্তব্য উদ্ধৃত করে জানায়, তিনি বলেছেন, ‘আমি যে ভুল করেছি তার কারণে অন্য যেসব মানুষ এতে জড়িয়ে পড়েছেন তাদের কাছে আমি ক্ষমা চাই।’

ফাউন্ডেশনের কর্মীদের উদ্দেশে গেটস বলেন, ‘আমি কোনো অবৈধ কাজ করিনি। আমি কোনো অবৈধ কিছু দেখিনি।’

তিনি আরও যোগ করেন, স্পষ্ট করে বলছি, ‘আমি কখনোই ভুক্তভোগীদের সঙ্গে সময় কাটাইনি এমনকি এপস্টেইনের আশপাশে থাকা নারীদের সঙ্গেও নয়।’

প্রকাশিত নথির মধ্যে এমন কিছু ছবিও রয়েছে যেখানে গেটসকে কয়েকজন নারীর সঙ্গে দেখা যায় যদিও ছবিগুলোতে মেয়েদের মুখ আড়াল করা ছিল। বিল গেটস তার কর্মীদের জানান, ছবিগুলোতে থাকা নারীরা এপস্টেইনের সহকারী ছিলেন এবং বৈঠকের পর এপস্টেইনের অনুরোধে তিনি সেসব ছবির জন্য পোজ দিয়েছিলেন।


এপস্টেইন কেলেঙ্কারি: তদন্তের মুখে ক্লিনটন দম্পতি

বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন এবং জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক থাকায় বহু প্রভাবশালী রাজনীতিক ও ধনকুবেরের মুখোশ উন্মোচন হয়েছে। সম্প্রতি প্রয়াত এই পাচারকারীর মামলার ৩০ লক্ষাধিক নথি দেশটির আদালত প্রকাশ করায় প্রশ্নের মুখে পড়েছেন একের পর ক্ষমতাধর ব্যক্তি। এরই ধারাবাহিকতায় তদন্তের মুখে পড়েছেন মার্কিন রাজনীতির অন্যতম প্রভাবশালী দম্পতি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

এপস্টেইন পরিচালিত প্রভাববলয় ও অপরাধের নেটওয়ার্কের বিষয়ে তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির হতে চলেছেন ক্লিনটন দম্পতি। সেখানে তাদের জবানবন্দি নেওয়া হবে। সাবেক এই প্রভাবশালী দুই নেতার সাক্ষ্যগ্রহণ নিউ ইয়র্কের চ্যাপাকুয়ায় অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে, যেখানে ক্লিনটন দম্পতি বসবাস করেন।

মার্কিন কংগ্রেসনাল তদন্তের অংশ হিসেবে আদালতের বাইরে শপথপূর্বক দেওয়া সাক্ষ্যগ্রহণই কংগ্রেসনাল ডিপজিশন। সাক্ষীরা—এক্ষেত্রে ক্লিনটন দম্পতি—শপথ নিয়ে রুদ্ধদ্বার কক্ষে কমিটির আইনজীবী এবং তদন্তকারীদের প্রশ্নের উত্তর দেবেন। এই সেশনটি রেকর্ড এবং প্রতিলিপি করা হবে। জেনে বুঝে মিথ্যা বিবৃতি দিলে আইনি পরিণতির সম্ভাবনাও আছে।

ক্লিনটন দম্পতি শুরুতে সাক্ষ্য দিতে আপত্তি জানিয়েছিলেন এবং যুক্তি দিয়েছিলেন যে এই তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে হাউস যখন তাদের বিরুদ্ধে 'কন্টেম্পট' বা অবমাননার জন্য দ্বিপাক্ষিক ভোটের প্রস্তুতি নেওয়ার সংকেত দেয় (যা ফৌজদারি অভিযোগের দিকে নিয়ে যেতে পারত), তখন তারা শেষ পর্যন্ত হাজির হতে রাজি হন।

হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেন, কেউ ক্লিনটন দম্পতির কোনো অন্যায়ের জন্য অভিযুক্ত করছে না। আমাদের কাছে শুধু অনেকগুলো প্রশ্ন আছে। সেগুলোর উত্তর দরকার।

সাক্ষ্যগ্রহণ কখন অনুষ্ঠিত হচ্ছে

সাক্ষ্যগ্রহণ ক্যাপিটল হিলের পরিবর্তে চ্যাপাকুয়ায় ক্লিনটন দম্পতির বাড়ির কাছে অনুষ্ঠিত হবে। হিলারি ক্লিনটন স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দেবেন এবং এর পর শুক্রবার বিল ক্লিনটন সাক্ষ্য দেবেন। উভয় অধিবেশনই রুদ্ধদ্বার হবে, তবে সেগুলো চিত্রায়িত এবং প্রতিলিপি করা হবে।

সাধারণত এ ধরনের সাক্ষ্যগ্রহণ স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে শুরু হয়, তবে কমিটি নির্দিষ্ট সময় জনসমক্ষে নিশ্চিত করেনি। এর আগে তাদের সকাল ১০টায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

সাক্ষ্য দেওয়ার এই সমঝোতা ক্লিনটন দম্পতি এবং হাউস ওভারসাইট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমারের মধ্যে দীর্ঘ কয়েকমাসের উত্তপ্ত বাক্যবিনিময়ের পর এসেছে।

বিল ক্লিনটনের সাক্ষ্য প্রথমে ২০২৫ সালের অক্টোবরে চাওয়া হয়েছিল এবং পরে ডিসেম্বরে পুনঃনির্ধারিত হয়েছিল। তিনি একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অজুহাতে হাজির হতে অস্বীকার করেন। পরে গত ১৩ জানুয়ারি একটি নতুন সমন জারি করা হলেও তিনি উপস্থিত হননি।

হিলারি ক্লিনটনের সাক্ষ্য প্রথমে গত ৯ অক্টোবর নির্ধারিত ছিল এবং পরে ১৮ ডিসেম্বরে পিছিয়ে নেওয়া হয়। পরবর্তী সমনে গত ১৪ জানুয়ারি নির্ধারণ করা হলেও তিনিও উপস্থিত হননি।

ক্লিনটন দম্পতি যুক্তি দিয়েছিলেন যে সমনগুলো আইনিভাবে অকার্যকর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে তাদের লক্ষ্যবস্তু করা করা হয়েছে।

তবে চলতি মাসের শুরুতে ক্লিনটন দম্পতি কেবল সাক্ষ্য দিতে রাজিই হননি, বরং দাবি করেছেন যে এটি জনসমক্ষে হওয়া উচিত। তাদের যুক্তি ছিল, এতে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ বুঝতে পারবে যে তাদের লুকানোর কিছু নেই এবং রিপাবলিকানদের দ্বারা তাদের সাক্ষ্যের রাজনৈতিক অপব্যবহার কমানো সম্ভব হবে।

অতীতের প্রেক্ষাপট

ঘটনাটি প্রায় তিন দশক আগের স্মৃতি ফিরিয়ে আনছে যখন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন পউলা জোনসের যৌন হয়রানির মামলায় ছয় ঘণ্টার ভিডিও সাক্ষ্য দিয়েছিলেন। ১৯৯৮ সালের সেই শপথ নেওয়া সাক্ষ্যে ক্লিনটনকে মনিকা লিউইনস্কির সঙ্গে তার সম্পর্কের বিষয়েও প্রশ্ন করা হয়েছিল। তিনি লিউইনস্কির সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন, যা পরে মিথ্যা সাক্ষ্য বা ‘পারজুরি’র অভিযোগে তাকে অভিশংসিত করার দিকে নেওয়া হয়।

হাউস ওভারসাইট কমিটি কী তদন্ত করছে

বর্তমানে কমিটি প্রয়াত দণ্ডিত যৌন অপরাধী এপস্টেইন এবং তার সহযোগীদের নেটওয়ার্ক সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখছে। এপস্টেইন ছিলেন একজন মার্কিন অর্থদাতা যিনি তার বিশাল সম্পদ এবং উচ্চপদস্থ সামাজিক যোগাযোগ ব্যবহার করে কয়েক ডজন অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে জড়িত একটি দীর্ঘমেয়াদি সেক্স ট্রাফিকিং রিং পরিচালনা করেছিলেন।


চীন থেকে জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

চীন থেকে জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র ক্রয়সংক্রান্ত একটি চুক্তির খুব কাছাকাছি ইরান। এমন একসময়ে এই চুক্তির খবর এলো, যখন ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে দেশটির উপকূলের কাছে বড় আকারে নৌবাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

সূত্রগুলো বলছে, চীনের তৈরি ‘সিএম-৩০২’ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র হস্তান্তরের তারিখ এখনো ঠিক হয়নি। সুপারসনিক গতির এসব ক্ষেপণাস্ত্র প্রায় ২৯০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে যায়। ফলে তা জাহাজে থাকা প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

দুজন অস্ত্রবিশেষজ্ঞের মতে, এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইরানের হামলা করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি তা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

অন্তত দুই বছর আগে চীন থেকে এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা কেনার আলোচনা শুরু হয়েছিল। তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ছয়জন ব্যক্তি জানিয়েছেন, গতবছরের জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর এই প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। এই ছয় ব্যক্তির মধ্যে তিনজন ইরান সরকারের কাছ থেকে ব্রিফিং পেয়েছেন। বাকি তিনজন নিরাপত্তা কর্মকর্তা।

নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে দুজন জানান, গত গ্রীষ্মে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে ইরানের সামরিক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা চীন সফর করেন। তাদের মধ্যে ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী মাসুদ ওরায়েইও ছিলেন। তার এই সফরের খবর এর আগে আর কোথাও প্রকাশিত হয়নি।

চিন্তন প্রতিষ্ঠান ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের জ্যেষ্ঠ ইরান গবেষক এবং সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিত্রিনোভিচ বলেন, ‘ইরান এ অঞ্চলে জাহাজে আক্রমণ করার জন্য সুপারসনিক সক্ষমতা অর্জন করলে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে। এসব ক্ষেপণাস্ত্র মাঝপথে আটকে দেওয়া অত্যন্ত কঠিন।’

কতটি ক্ষেপণাস্ত্রের জন্য সম্ভাব্য এই চুক্তিটি হতে যাচ্ছে বা ইরান কত অর্থ দিতে রাজি হয়েছে, তা জানা যায়নি। এ ছাড়া বর্তমান এ অঞ্চলে উত্তেজনার মধ্যে চীন শেষ পর্যন্ত এই চুক্তির বিষয়ে সামনে অগ্রসর হবে কি না, তা স্পষ্ট নয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘মিত্রদেশগুলোর সঙ্গে ইরানের সামরিক ও নিরাপত্তা চুক্তি রয়েছে। এসব চুক্তি কাজে লাগানোর জন্য এখন উপর্যুক্ত সময়।’

প্রতিবেদনটি প্রকাশের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা এই সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়ে তারা কিছু জানে না। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

সম্ভাব্য এই চুক্তির বিষয়ে জানতে এক আন্তর্জাতিক গণমাধ্যমের পক্ষ থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সরাসরি কোনো কিছু বলেনি। তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ইরানের সঙ্গে চলমান অচলাবস্থা প্রসঙ্গে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ‘হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাব, নয়তো গতবারের মতো আমাদের কঠোর কিছু করতে হবে।’

হস্তান্তর করা হলে এসব ক্ষেপণাস্ত্র হবে চীন থেকে ইরানে আসা সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জামগুলোর অন্যতম। এই হস্তান্তর ২০০৬ সালে প্রথম আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার সরাসরি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে পরমাণু চুক্তির পর এই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছিল, যা গত সেপ্টেম্বরে আবার কার্যকর করা হয়েছে।

সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বিক্রি থেকে চীন ও ইরানের মধ্যকার গভীর সামরিক সম্পর্কের গুরুত্ব বোঝা যায়, যখন ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এর ফলে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ এবং পরমাণু কার্যক্রম সীমিত করার মার্কিন প্রচেষ্টা জটিল হচ্ছে। এ ছাড়া দীর্ঘকাল ধরে মার্কিন সামরিক আধিপত্য থাকা এ অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

চীন, ইরান ও রাশিয়া প্রতিবছর যৌথ নৌ মহড়ার আয়োজন করে। গত বছর মার্কিন অর্থ মন্ত্রণালয় বেশ কিছু চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অভিযোগ ছিল, তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান সরবরাহ করেছে। চীন সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, নিষেধাজ্ঞায় উল্লিখিত ঘটনাগুলোর বিষয়ে তারা অবগত নয় এবং বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহার (ডুয়েল-ইউজ) করা যায়, এমন পণ্যের ক্ষেত্রে তারা কঠোর রপ্তানি বিধিনিষেধ বজায় রেখেছে।


দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিলেন কিম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি দাবি করেছেন, তার বাহিনী দক্ষিণ প্রতিবেশীকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করতে সক্ষম। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের প্রতি তাদের ‘শত্রুতাপূর্ণ’ নীতি পরিহার করার ওপর।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কিম বলেন, ‘যদি ওয়াশিংটন ‘সংবিধানে বর্ণিত আমাদের দেশের বর্তমান মর্যাদাকে সম্মান করে এবং তাদের শত্রুতাপূর্ণ নীতি প্রত্যাহার করে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক না থাকার কোনো কারণ নেই’।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনে গতকাল বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, কিম তার পারমাণবিক শক্তিচালিত সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে নতুন অস্ত্র ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন।

কেসিএনএ জানায়, কিম এমন আন্তঃমহাদেশীয় (আইসিবিএম) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর জোর দিয়েছেন, যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম এমন কৌশলগত পারমাণবিক অস্ত্র যেমন—আর্টিলারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত উন্নয়ন দেশটিকে একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ‘স্থায়ীভাবে প্রতিষ্ঠিত’ করেছে।’

কিম বলেন, ‘পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে আমাদের অবস্থান শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ তিনি দেশটির পারমাণবিক অস্ত্রকে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার ‘নিশ্চয়তা এবং রক্ষাকবচ’ হিসেবে অভিহিত করেন।

দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ জানায়, প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির এই কংগ্রেস গতকাল বুধবার রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তায় সামরিক কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়। সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশ নিয়েছিলেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের কুচকাওয়াজের ছবিতে দেখা গেছে, উজ্জ্বল আলোকসজ্জিত কিম ইল সুং স্কয়ারে একদল সৈন্য মার্চ করে এগিয়ে যাচ্ছিলেন। কিম এবং তার মেয়ে অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পোডিয়ামে দাঁড়িয়ে তা দেখছিলেন।

কুচকাওয়াজে কিছু সৈন্য ছদ্মবেশী পোশাক এবং বিশেষ যুদ্ধের সরঞ্জাম পরে অংশ নিয়েছিলেন এবং একঝাঁক যুদ্ধবিমান আকাশসীমা প্রদক্ষিণ করে। তবে কোনো সামরিক হার্ডওয়্যার বা ভারী অস্ত্র প্রদর্শন করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

কুচকাওয়াজে কিমের মেয়ে কিম জু আয়ের উপস্থিতি আবার এই জল্পনাকে উসকে দিয়েছে যে, তাকে কিমের উত্তরসূরি হিসেবে তৈরি করা হচ্ছে কিনা।

তবে কিমের হুমকির জবাবে দক্ষিণ কোরিয়া কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


বিশ্বজুড়ে ১২৯ সাংবাদিক নিহত, হত্যার শীর্ষে ইসরাইল: সিপিজে

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে বিশ্বজুড়ে ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। ১৯৯২ সালের পর এটিই সর্বোচ্চ সংখ্যা।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ৮৪ জন ইসরাইলি অভিযানে প্রাণ হারিয়েছেন। সিপিজে বলেছে, এই মৃত্যুর দুই-তৃতীয়াংশের বেশি ঘটেছে ইসরাইলের অভিযানে এবং দেশটি সংবাদমাধ্যমের ওপর হামলায় দায়মুক্তির এক স্থায়ী সংস্কৃতি বজায় রেখেছে।

২০২৫ সালে বিশ্বব্যাপী নথিভুক্ত ৪৭টি ‘টার্গেটেড কিলিং’-এর মধ্যে ৩৮টির জন্য ইসরাইলকে দায়ী করেছে সংস্থাটি। এসব ঘটনাকে তারা সরাসরি হত্যা হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

গাজায় চলমান যুদ্ধ, সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং মানবিক সংকটের কারণে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে সিপিজে। অনেক প্রমাণ ধ্বংস হয়ে যাওয়ায় ইচ্ছাকৃতভাবে কতজন ফিলিস্তিনি সাংবাদিককে লক্ষ্য করে হত্যা করা হয়েছে, তা পুরোপুরি জানা নাও যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এর অন্তত পাঁচজন সাংবাদিক ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন আনাস আল শরিফ ও হোসেন শাহাদাত। গাজা সিটিতে সাংবাদিকদের একটি তাঁবুতে হামলায় একসঙ্গে চারজন নিহত হওয়ার ঘটনাও তুলে ধরা হয়েছে।

এছাড়া ২০২২ সালে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত আল জাজিরার প্রবীণ সাংবাদিক শিরিন আবু আকলেহ নামে নামকরণ করা একটি পর্যবেক্ষণ সাইটের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৩০০ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

ইসরাইল কয়েকজন সাংবাদিক নিহত হওয়ার কথা স্বীকার করলেও দাবি করেছে, তাদের মধ্যে কেউ কেউ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তবে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সিপিজে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এগুলোকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

গাজা ও ইয়েমেনের বাইরে ২০২৫ সালে সাংবাদিক হত্যার ঘটনায় সুদান ও মেক্সিকো শীর্ষে রয়েছে। গৃহযুদ্ধপীড়িত সুদানে ৯ জন এবং সংগঠিত অপরাধ সহিংসতায় জর্জরিত মেক্সিকোতে ৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। পাশাপাশি রাশিয়ার সামরিক হামলায় চারজন ইউক্রেনীয় সাংবাদিক নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।


পাকিস্তানে সশস্ত্র হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন নিহত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের অশান্ত প্রদেশ বেলুচিস্তানে এক ভয়াবহ সশস্ত্র হামলায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। বুধবার (বা সাম্প্রতিক সময়ে) কেচ জেলার বুলেদা তেহসিলের মিনাজ এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশি তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একদল অজ্ঞাত পরিচয় সশস্ত্র দুর্বৃত্ত মিনাজ এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কেবল নির্বিচারে গুলিই চালায়নি, বরং বাড়িটি লক্ষ্য করে ভয়াবহ মর্টার শেল নিক্ষেপ করে। হামলার তীব্রতায় বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ঘটনাস্থলেই পরিবারের ছয়জন প্রাণ হারান। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এই পৈশাচিক হামলায় প্রাণ হারিয়েছেন মুসলিম, মোল্লা ইউসুফ, ফাজিলা, গুল নাজ, চাঙ্গেইজ ও জাহরা। এছাড়া হামলায় গুরুতর আহত হয়েছেন আব্দুল গফ্ফার এবং তাঁর দুই মেয়ে সারা ও আয়েশা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এই বর্বরোচিত হামলার বিচার দাবি করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এরই মধ্যে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ তদন্ত শুরু হয়েছে। বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


banner close