যুক্তরাষ্ট্রে আর দুই সপ্তাহ পরই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে এসে দেখা যাচ্ছে, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরও এগিয়েছেন।
রয়টার্স ও ইপসোসের করা এক জরিপে এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। সর্বশেষ ওই জরিপে উঠে এসেছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা তিন পয়েন্টে এগিয়ে রয়েছেন।
গত সোমবার শেষ হওয়া রয়টার্স/ইপসোস জরিপ অনুযায়ী, জরিপে অংশগ্রহণকারী নিবন্ধিত ভোটারদের ৪৬ শতাংশ বলেছেন, তারা কমলা হ্যারিসকে ভোট দেবেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার কথা বলেছেন ৪৩ শতাংশ ভোটার। এর আগে গত সপ্তাহে করা রয়টার্স/ইপসোস জরিপে কমলা হ্যারিসকে ৪৫ শতাংশ ভোটার এবং ডোনাল্ড ট্রাম্পকে ৪২ শতাংশ ভোটার সমর্থন দিয়েছিলেন।
রয়টার্স ও ইপসোসের সর্বশেষ দুই জরিপেই দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির বর্তমান পরিস্থিতি ও অভিবাসন নিয়ে ভোটাররা অখুশি। এসব বিষয়ে ট্রাম্পের অবস্থানের পক্ষে ভোটাররা।
জরিপে দেখা গেছে, নিবন্ধিত ৭০ শতাংশ ভোটার জীবনযাপনের ব্যয় ভুল পথে যাচ্ছে বলে মনে করেন। অর্থনীতি ভুল পথে যাচ্ছে মনে করেন ৬০ শতাংশ ভোটার। অভিবাসন নীতি নিয়ে এই অবস্থান ৬৫ শতাংশের।
ভোটাররা বলেছেন, যুক্তরাষ্ট্রের এখন প্রধান তিনটি সমস্যা- অর্থনীতি, অভিবাসন ও গণতন্ত্রের জন্য হুমকি। এসব বিষয়ে কোন প্রার্থীর অবস্থান ভালো, এমন প্রশ্নে ট্রাম্পের পক্ষে সমর্থন বেশি পড়েছে। জরিপে উঠে এসেছে, অর্থনীতি নিয়ে ট্রাম্পের পক্ষে ৪৬ শতাংশ ও কমলার পক্ষে ৩৮ শতাংশের সমর্থন রয়েছে। এদিকে অভিবাসনের ক্ষেত্রে ট্রাম্প ও কমলার পক্ষে সমর্থনের এ হার ৪৮ ও ৩৫ শতাংশ।
তবে রাজনৈতিক চরমপন্থা ও গণতন্ত্রের জন্য হুমকি মোকাবিলার ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে হ্যারিসের ওপর ভরসা বেশি রাখছেন মার্কিন ভোটাররা। জরিপে দেখা গেছে, রাজনৈতিক চরমপন্থা ও গণতন্ত্রের জন্য হুমকি মোকাবিলায় কমলা হ্যারিসের প্রতি সমর্থন রয়েছে ৪২ শতাংশ ভোটারের। অন্যদিকে ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৩৫ শতাংশের। গর্ভপাত ও স্বাস্থ্যসেবা নীতিতে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা।
পরবর্তী প্রেসিডেন্টের মেয়াদের প্রথম ১০০ দিনে কোন বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, জরিপে অংশগ্রহণকারীদের এমন প্রশ্ন করে দেখা গেছে অভিবাসনের বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে। ভোটারদের ৩৫ শতাংশ মনে করেন, নতুন প্রেসিডেন্টকে সবার আগে অভিবাসনে নজর দেওয়া উচিত। আর ১১ শতাংশ ভোটার আয়বৈষম্য এবং ১০ শতাংশ স্বাস্থ্যসেবা ও করের কথা বলেন।
‘ট্রাম্প জিতলে রাশিয়ার কাছে ইউক্রেনের পতন বাধ্য’
প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প প্রচারে ব্যস্ত। এর মধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হয়েছে নতুন মামলা। কমলা হ্যারিস প্রচার করেছেন পেনসিলভানিয়া, উইসকন এবং মিশিগানে। তার সঙ্গে ছিলেন লিজ চেনি। লিজ হলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে। বাবা, মেয়ে দুজনেই রিপাবলিকান নেতা, কিন্তু তারা প্রকাশ্যে কমলা হ্যারিসকে সমর্থন করেছেন।
রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকা ভোট যাতে তার দিকে আসে, লিজকে নিয়ে সেই চেষ্টা করলেন হ্যারিস। ২০১৬ সালে তিনটি অঙ্গরাজ্যেই ট্রাম্প সেই সময়ের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের থেকে এগিয়ে ছিলেন। কিন্তু ২০২০ সালে বাইডেন এই তিনটি রাজ্যে জিতেছিলেন। সেজন্যই হ্যারিস এই তিন সুইং স্টেটকে খুবই গুরুত্ব দিচ্ছেন। এই তিন রাজ্যে এগিয়ে থাকতে পারলে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে এগিয়ে যাবেন হ্যারিস।
যুক্তরাষ্ট্রে কিছু অঙ্গরাজ্য আছে, যেখানে ডেমোক্র্যাটরা সাধারণত জেতে, কিছু রাজ্যে রিপাবলিকানরা। কিছু রাজ্য আছে, যা কখনও ডেমোক্র্যাট, কখনও রিপাবলিকান প্রার্থীরা জেতেন। সেগুলোকেই সুইং স্টেট বলা হয়। এই রাজ্যগুলোই ভোটের ফল নির্ধারণ করে। চেনির সঙ্গে তিনটি টাউন হল ইভেন্ট করেছেন হ্যারিস। পেনসিলভানিয়ায় রক্ষণশীল রেডিও হোস্ট ম্যালবার্ন মডারেটর ছিলেন। হ্যারিস সেখানে ট্রাম্পের মানসিক স্থিতি এবং প্রেসিডেন্টের পদে বসার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
হ্যারিস বলেন, অনেক ভাবেই ট্রাম্প সিরিয়াস মানুষ নন। কিন্তু তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তাহলে তা গুরুতর হতে বাধ্য। তিনি বলেছেন, ট্রাম্প যদি নভেম্বরের নির্বাচনে জেতেন, তাহলে রাশিয়ার কাছে ইউক্রেনের পতন হতে বাধ্য। পররাষ্ট্রনীতির প্রসঙ্গে চেনিও বহুবার ট্রাম্পের সমালোচনা করেছেন।
চেনি মিশিগানের ইভেন্টে বলেছেন, তিনি অনেক রিপাবলিকানের সঙ্গে কথা বলেছেন। তারাও ট্রাম্পকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি বলেছেন, কী কথা হয়েছে, তা তিনি প্রকাশ্যে জানাতে পারবেন না। তবে তারা যে ঠিক কাজটা করবেন, তা নিয়ে চেনির মনে কোনো সংশয় নেই।
ট্রাম্পের বিরুদ্ধে মামলা
ট্রাম্প গত মাসে বিতর্কের সময় সেন্ট্রাল পার্কে ১৯৮৯ সালের একটি হত্যা নিয়ে কিছু মন্তব্য করেন। এই অভিযুক্তদের বলা হয় সেন্ট্রাল পার্ক ফাইভ। প্রথমে তাদের পাঁচ থেকে ১৩ বছরের জেল হয়। তবে আরেকজনের সাক্ষ্য ও ডিএনএ তথ্যের ভিত্তিতে তারা ছাড়া পায়। ট্রাম্প প্রচারে বলেছিলেন, তারা একজনকে খুন করেছিল এবং দোষ স্বীকারও করেছিল। তদন্তের প্রথম দিকে পাঁচ কিশোর অপরাধ স্বীকার করে। তারপরই তারা জানায়, তারা চাপের মুখে এই কথা বলেছিল এবং বিচারের সময় তারা বলে, তারা নির্দোষ। এই বিষয়টি নিয়েই ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী সপ্তাহে ঢাকায় কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। দুই দেশের সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে তাঁকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।
তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনার মধ্যে বাণিজ্য, রেলওয়ে, পানিসম্পদসহ বিভিন্ন বিষয় রয়েছে।
বাংলাদেশ-ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপে ভিসাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে জানিয়ে জয়সওয়াল বলেন, দুই পক্ষের সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনার জন্য বিদ্যমান কাঠামো ও কারিগরি প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁকে নিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কে জয়সওয়ালকে প্রশ্ন করেন দুই সাংবাদিক। জবাবে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই এবং এ নিয়ে বলার মতো কিছু নেই।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে কনটেইনার ট্রাকের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
এদিকে এনডিটিভির এক খবরে বলা হয়েছে, মিনিবাসটি ‘অত্যন্ত বেশি গতিতে’ চলছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোলাঘাট জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা রয়টার্সকে বলেন, দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাজিরাঙা জাতীয় উদ্যান গোলাঘাট জেলার মধ্যে অবস্থিত। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই উদ্যান একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটে জাতীয় সড়ক-৭১৫-এর ওপর রঙাজান এলাকায়, হাতিখুলি চা-বাগানের কাছে। মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কনটেইনার ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
আসামের মন্ত্রী অতুল বরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, আহতদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এক কর্মকর্তার বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাসটি ‘অত্যন্ত বেশি গতিতে’ চলছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোলাঘাট জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, দুর্ঘটনার কারণ এবং যানবাহন দুটি কোনোটি ট্রাফিক আইন লঙ্ঘন করেছিল কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত করা হবে।
যাত্রী ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন কিংবা নির্ধারিত গতিসীমা অতিক্রম করা হয়েছিল কি না, তাও থাকবে তদন্তের আওতায়।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
ঐতিহ্যবাহী মিষ্টির আদলে তৈরি একটি দেশীয় বোমা মুখে বিস্ফোরিত হয়ে ভারতের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার পুলিশ এ তথ্য জানিয়েছে।
ভারতের কিছু গ্রামীণ এলাকায় বন্য শূকর মারতে স্থানীয়ভাবে তৈরি এ ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়।
ময়দা বা আটার খামিরের সঙ্গে বারুদ মিশিয়ে ছোট ছোট গোলাকার বস্তু তৈরি করা হয়। এসব বিস্ফোরকের বারুদ সাধারণত পটকা বা পাথর ভাঙার খনি থেকে সংগ্রহ করা হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তবে দেখতে এগুলো ভারতের জনপ্রিয় মিষ্টি ‘রসগোল্লা’র মতো। রসগোল্লা নরম ও গোলাকার একধরনের মিষ্টি, যা চিনির শিরায় ডুবিয়ে তৈরি করা হয় এবং সাধারণত আস্ত অবস্থায় মুখে দিয়ে খাওয়া হয়।
নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারৌতিয়া। তার বয়স ৩৫ বছর।
মঙ্গলবার ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় একটি আগুনের পাশে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে বসেছিলেন তিনি। এ সময় এক গ্রামবাসী ওই ‘মিষ্টি’ নিয়ে আসেন এবং আরেকজন সেটি রাজেন্দ্রকে দেন।
এএফপিকে পুলিশর নারী কর্মকর্তা রেখা সিং বলেন, ‘এলাকার কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ বন্য শূকর মারতে যে বোমা ব্যবহার করেন, সেটিই ওই ব্যক্তিকে খেতে দেওয়া হয়েছিল।’
পুলিশের এই নারী কর্মকর্তা আরও বলেন, বোমাটি তার মুখের ভেতরেই বিস্ফোরিত হয়।
গুরুতর আহত অবস্থায় রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্য ছাড়া প্রাণঘাতী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
রেখা বলেন, ‘তাকে হত্যার উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছিল, নাকি নিছক দুষ্টুমি বা কৌতুকের ছলে ঘটনাটি ঘটানো হয়েছে— তা এখনো নিশ্চিত নয়।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
ইসরাইলের ধারাবাহিক হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ধ্বংস হয়েছে শত শত পানির আধার, পাম্পিং স্টেশন, গভীর নলকূপ ও পানির পাইপলাইন। এতে বাস্তুচ্যুত মানুষের বাড়ি ফেরার পথ যেমন কঠিন হয়ে উঠেছে, তেমনি দীর্ঘমেয়াদে কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়েও দেখা দিয়েছে গভীর উদ্বেগ। কয়েক দশক ধরে চলা পানি নিয়ে সংঘাতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে।
গত ৯ জুন দক্ষিণ লেবাননের এবেল আল-সাকি এলাকায় একটি পানি পাম্পিং স্টেশনে হামলার শিকার হন বাহিজ আবদুল্লাহ নামের এক কর্মী। তিনি দক্ষিণ লেবানন পানি সরবরাহ প্রতিষ্ঠানের (এসএলডব্লিউই) বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মী। সেদিন বিকেল সাড়ে ৫টার দিকে স্টেশনের বাইরে একটি জলাধার পরিদর্শনের সময় আকাশ থেকে একটি বস্তু নিচে নেমে এসে স্থাপনায় আঘাত হানে।
আবদুল্লাহ জানান, প্রথমে বস্তুটিকে ড্রোন মনে করেছিলেন তিনি। কিন্তু সেটি কিছুক্ষণ আকাশে স্থির থাকার পর ঘুরে স্টেশনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় বিস্ফোরণ ও আগুন। বিস্ফোরণের ধাক্কায় তার হাত থেকে ফোন ছিটকে যায়। শরীরে ধাতব টুকরা বিদ্ধ হয় এবং মুখ, কাঁধ ও পায়ে আঘাত লাগে।
হাসপাতালে নেওয়ার পর তার পায়ের ছিঁড়ে যাওয়া টেন্ডন এবং বুক ও কাঁধে বিদ্ধ হওয়া স্প্লিন্টার অপসারণে অস্ত্রোপচার করতে হয়। দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পরও পুরোপুরি সুস্থ হননি তিনি। এখনো ধীরে হাঁটতে হয় এবং নিয়মিত ফিজিওথেরাপি নিতে হচ্ছে।
ঘটনাটি ঘটে ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে ওয়াশিংটনে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র পাঁচ দিন পর। আবদুল্লাহর দাবি, পানি সরবরাহের ওই স্থাপনাটি সরকারি প্রতিষ্ঠানের বলে স্পষ্টভাবে চিহ্নিত ছিল। কর্মীদের পোশাকেও প্রতিষ্ঠানের পরিচয় ছিল। তিনি বলেন, ‘আমি কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যেতে পারতাম। অথচ আমি কোনো অন্যায় করিনি। মানুষের পান করার জন্য শুধু পানি সরবরাহ করছিলাম।’
পানি সংকটে বাড়ি ফিরতে পারছেন না বাস্তুচ্যুতরা
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ লেবাননে ৮ লাখ ২৩ হাজারের বেশি মানুষ ফিরে গেছেন। তবে এখনো প্রায় ৩ লাখ ৩৪ হাজার মানুষ বাস্তুচ্যুত রয়েছেন।
ফিরে যাওয়া এলাকাগুলোতে সবচেয়ে বেশি অনুপস্থিত সেবার মধ্যে রয়েছে পানি ও বিদ্যুৎ। নিজেদের বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে কিংবা ছাদ মেরামত করে মানুষ বসবাসের ব্যবস্থা করতে পারলেও পাম্পিং স্টেশন পুনর্নির্মাণ, দীর্ঘ পাইপলাইন স্থাপন কিংবা ভূগর্ভস্থ পানির উৎস পরিষ্কার করা তাদের পক্ষে সম্ভব নয়।
দক্ষিণ লেবানন পানি সরবরাহ প্রতিষ্ঠানের জুলাই মাসে প্রকাশিত এক মূল্যায়নে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দুই দফা যুদ্ধের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭৫টি পানির আধার, ১৬টি প্রধান পাম্পিং স্টেশন, ১২৪টি কূপ ও গভীর নলকূপ, ৯টি ঝরনা, ১০৪টি পানি বিশুদ্ধকরণে ব্যবহৃত ক্লোরিনেশন ব্যবস্থা এবং ৮৫টি জেনারেটর। এ ছাড়া ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে আড়াই হাজার কিলোমিটারের বেশি পানির পাইপলাইন।
এসব অবকাঠামো পুনর্নির্মাণে ৫৫ কোটি ডলারের বেশি ব্যয় হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৭ লাখেরও বেশি। স্বাভাবিক পানি সরবরাহ ফিরিয়ে আনতে কয়েক বছর লেগে যেতে পারে।
অন্যদিকে, পানি সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটিও নিজেই জনবল ও অর্থসংকটে পড়েছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ওয়াসিম দাহের জানান, যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় তাদের ২৬ জন কর্মী নিহত হয়েছেন। গ্রাহকসংখ্যাও প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। এতে প্রতিষ্ঠানের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে।
দাহের বলেন, বিদ্যুতের অভাব তাদের কার্যক্রমের ৮০ শতাংশের বেশি সমস্যার কারণ। জেনারেটর দিয়ে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা পানি সরবরাহের ব্যবস্থা চালু রাখা সম্ভব হলেও পাম্পিং স্টেশনগুলো চালাতে প্রয়োজন ১২ ঘণ্টা বিদ্যুৎ। অনেক গ্রামেই জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগ নেই। তার ভাষায়, ‘আমরা যদি পানি সরবরাহ করতে না পারি, তাহলে মানুষ ফিরে আসবে না।’
পানি নিয়ে ইসরাইলের সঙ্গে শত বছরের বিরোধ
দক্ষিণ লেবাননের পানি সংকটকে শুধু সাম্প্রতিক যুদ্ধের ফল হিসেবে দেখলে এর দীর্ঘ ইতিহাস উপেক্ষিত থেকে যাবে। গত প্রায় এক শতাব্দী ধরে লেবাননের পানিসম্পদ নিয়ে ইসরায়েলের আগ্রহ ও বিরোধ চলে আসছে।
১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিস শান্তি সম্মেলনে জায়নবাদী আন্দোলনের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। এতে ফিলিস্তিনের সঙ্গে লেবাননের সীমান্ত উত্তর দিকে সিডন শহরের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত করার কথা বলা হয়। এর ফলে লিতানি নদীর অববাহিকাও প্রস্তাবিত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হতো।
লেবাননের পানি ও নদীসম্পদ নিয়ে দীর্ঘদিন কাজ করা প্রকৌশলী রিয়াদ আল-আসাদ বলেন, ইসরাইলের কাছে পানিসম্পদ নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়। তার মতে, লেবাননের মধ্য দিয়ে প্রবাহিত হাসবানি নদী ইসরাইলের পানি-সংক্রান্ত নীতির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।
১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এরিক জনস্টন জর্ডান নদীর অববাহিকার পানিসম্পদ সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়ার উদ্যোগ নেন। তার প্রস্তাবে বছরে লেবাননের জন্য ৩ কোটি ৫০ লাখ ঘনমিটার, ইসরাইলের জন্য ৪০ কোটি, জর্ডানের জন্য ৪৮ কোটি এবং সিরিয়ার জন্য ১৩ কোটি ২০ লাখ ঘনমিটার পানি বরাদ্দের কথা বলা হয়েছিল।
লেবানন এই বণ্টনকে অন্যায্য মনে করে প্রত্যাখ্যান করে। বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী, ওই প্রস্তাবে লেবাননের জন্য যতটুকু পানি বরাদ্দের কথা ছিল, দেশটি এখন পর্যন্ত তার এক-পঞ্চমাংশও ব্যবহার করতে পারেনি।
১৯৬৪ সালে আরব দেশগুলোর শীর্ষ সম্মেলনে জর্ডান নদীর উৎসমুখের পানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল ইসরাইলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমির দিকে পানি সরিয়ে নেওয়া ঠেকানো। এর জবাবে ইসরাইল লেবাননের ভেতরে হাসবানি-ওয়াজ্জানি পানি সরানোর স্থাপনা ধ্বংস করে। সিরিয়াতেও একই ধরনের হামলা চালানো হয়। ১৯৬৭ সালের যুদ্ধে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পানির উৎসগুলো দখল করে নেয় ইসরাইল।
২০০২ সালে লেবানন সীমান্তবর্তী গ্রামগুলোতে পানি সরবরাহের জন্য ওয়াজ্জানি এলাকায় একটি ছোট পাম্পিং স্টেশন পুনর্নির্মাণ করে। তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন এটিকে যুদ্ধের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। শেষ পর্যন্ত স্টেশনটি চালুর অনুমতি দেওয়া হলেও লেবাননের পানিসম্পদের ন্যায্য অধিকার নিয়ে বিরোধ থেকেই যায়।
পানি বিশেষজ্ঞ আহমদ এল-হাজ্জের হিসাবে, হাসবানি-ওয়াজ্জানি অববাহিকার প্রায় ১৫ কোটি ৫০ লাখ ঘনমিটার ভূপৃষ্ঠের পানির মধ্যে আগে লেবানন মাত্র ৪০ লাখ ঘনমিটার ব্যবহার করতে পারত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পরিমাণ কমে শূন্যে নেমে এসেছে। তার মানচিত্র অনুযায়ী, নদীটির পানি ব্যবস্থাপনার প্রায় ১২ কিলোমিটার এলাকা এখন ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে এবং ওয়াজ্জানির অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
পুনর্নির্মাণের পরও আবার হামলার শিকার পানি স্থাপনা
সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় পানি সরবরাহের অবকাঠামোতে হামলার একটি ধারাবাহিক চিত্র সামনে এসেছে। ২০২৪ সালের যুদ্ধের পর আন্তর্জাতিক সহায়তায় যেসব স্থাপনা পুনর্নির্মাণ করা হয়েছিল, সেগুলোর কয়েকটি আবারও ধ্বংস হয়েছে।
টাইর জেলার দেবাল গ্রামে প্রায় ৫ হাজার ৮০০ মানুষের পানির চাহিদা মেটাতে একটি কূপ ও সৌরবিদ্যুৎ ব্যবস্থা পুনর্নির্মাণ করেছিল নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল। গত বছরের শেষ দিকে প্রকল্পটির কাজ শেষ হয়। কিন্তু কয়েক মাসের মধ্যেই ইসরাইলি হামলায় সেটি আবার ধ্বংস হয়ে যায়।
গ্রামটির পৌর কাউন্সিলের উপপ্রধান হায়দার ফাওয়াজ বলেন, যুদ্ধের আগে গ্রামের পানির পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল। এখন একটি স্টেশনে বিদ্যুৎ নেই, অন্যটির মেরামত প্রয়োজন। ফলে যেসব পরিবার আগে কখনো কিনে পানি ব্যবহার করেনি, তারাও এখন ট্যাংকার থেকে পানি কিনতে বাধ্য হচ্ছে।
পার্শ্ববর্তী ফ্রুন গ্রামে গত মার্চে একটি জলাধার এবং কূপ পরিচালনার সৌরবিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়। প্রায় ৩ হাজার মানুষের পানির চাহিদা মেটাত ওই ব্যবস্থা। ২০২৫ সালে একটি সহায়তা সংস্থা ৭০ হাজার ডলারের প্রকল্পের আওতায় সেখানে ২৭০টির বেশি সৌর প্যানেল স্থাপন করেছিল। হামলায় সেই উদ্যোগও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
অক্সফাম ও অন্যান্য পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত কয়েকটি ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া পানির স্থাপনাগুলো বড় খোলা জায়গায় অবস্থিত ছিল, যেখানে স্পষ্ট কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না।
অক্সফামের তথ্য অনুযায়ী, সংস্থাটি ও তার অংশীদাররা দক্ষিণ লেবাননে ১৯টি পানির স্থাপনা পুনর্নির্মাণ করেছিল, যেগুলো থেকে সর্বোচ্চ ৬০ হাজার মানুষ সুবিধা পেতেন। এর মধ্যে ২০২৫ সালেই ছয়টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
এ ছাড়া অক্সফাম, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এবং ইনসিকিউরিটি ইনসাইটের গত বছরের এক প্রতিবেদনে দক্ষিণ লেবাননে অন্তত ২৬টি পাম্পিং স্টেশন এবং ২৮টি পাইপলাইন নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার তথ্য উঠে আসে।
ইনসিকিউরিটি ইনসাইটের পরিচালক ক্রিস্টিনা উইল জানান, পরপর একই ধরনের স্থাপনায় হামলার ঘটনা একটি ধারাবাহিক প্রবণতার ইঙ্গিত দেয়। তার মতে, এটি বিচ্ছিন্ন বা আকস্মিক ক্ষয়ক্ষতির চেয়ে পরিকল্পিত কৌশলের সম্ভাবনাই বেশি তুলে ধরে।
তবে লেবাননের জলভূতত্ত্ব গবেষক নাজি কেহদি বলেন, শুধু কোন ধরনের স্থাপনায় হামলা হয়েছে, তা দিয়ে উদ্দেশ্য নিশ্চিত করা যায় না। কিন্তু সৌর প্যানেল, পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা ও পাম্পের মতো পানি সরবরাহের জন্য অপরিহার্য ছোট ছোট অংশ বারবার ধ্বংস করা, সামরিক স্থাপনা থেকে দূরের অবকাঠামোতে হামলা এবং একই ধরনের স্থাপনায় নির্ভুলভাবে বারবার আঘাত হানার বিষয়গুলো উদ্বেগজনক।
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, পানীয় জলের স্থাপনা বেসামরিক অবকাঠামোর অন্তর্ভুক্ত এবং এগুলো বিশেষ সুরক্ষা পাওয়ার কথা।
খরা ও দূষণে বাড়ছে পানির সংকট
যুদ্ধের ধ্বংসযজ্ঞের সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ খরা। লিতানি নদী কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত ৬৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় খরার মুখে রয়েছে লেবানন। দেশটির প্রায় ৯০ শতাংশ প্রাকৃতিক ঝরনা শুকিয়ে গেছে। রেডক্রসের তথ্য অনুযায়ী, দেশটির অধিকাংশ পরিবার মাঝারি থেকে উচ্চমাত্রার পানির নিরাপত্তাহীনতায় রয়েছে। লাখ লাখ মানুষ তীব্র পানিসংকটে ভুগছে।
বিশেষজ্ঞদের মতে, খরা ও অবকাঠামো ধ্বংসের প্রভাব একে অপরকে আরও বাড়িয়ে তুলছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় মাটির নিচে পানি জমার পরিমাণ কমছে, নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর এবং দুর্বল হয়ে পড়ছে প্রাকৃতিক ঝরনাগুলো। অন্যদিকে, সরকারি পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষ ব্যক্তিগত কূপের ওপর নির্ভর করছে। এতে ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যাচ্ছে।
উপকূলীয় এলাকায় অতিরিক্ত পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তরে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়ার আশঙ্কাও রয়েছে। বৃষ্টি ফিরে এলেও কিংবা পাইপলাইন মেরামত হলেও এ ধরনের দূষণ কয়েক বছর স্থায়ী হতে পারে।
এদিকে লেবাননের ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চ দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকার ১৩৪টি মাটির নমুনা পরীক্ষা করে কয়েকটি এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি ফসফরাস পেয়েছে। সংস্থাটির মতে, এর সঙ্গে হোয়াইট ফসফরাস অস্ত্র ব্যবহারের সম্ভাব্য সম্পর্ক থাকতে পারে। প্রায় অর্ধেক নমুনায় কৃষিকাজের জন্য নিরাপদ মাত্রার চেয়ে বেশি ক্রোমিয়াম পাওয়া গেছে।
গবেষণায় দেখা গেছে, দূষণের ঝুঁকিতে থাকা এলাকাগুলোয় রয়েছে জলপাইবাগান, ফলের বাগান, তামাকখেত ও সেচনির্ভর কৃষিজমি। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮ হাজার ২০০-এর বেশি কৃষক। পাশাপাশি ২০০টিরও বেশি গ্রামের প্রায় ৬ লাখ ৫৪ হাজার মানুষ এসব এলাকার মধ্যে বসবাস করছেন।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এসব তথ্য দিয়ে ভূগর্ভস্থ পানি দূষিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা যায় না। এ জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকার পানির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা প্রয়োজন। এখন পর্যন্ত সে ধরনের পূর্ণাঙ্গ পরীক্ষা হয়নি।
দক্ষিণ লেবানন পানি সরবরাহ প্রতিষ্ঠানের মূল্যায়নে বলা হয়েছে, বিস্ফোরণের কারণে পাথরের স্তরে নতুন ফাটল তৈরি হতে পারে। এতে ভূগর্ভস্থ পানির প্রবাহ বদলে যাওয়ার পাশাপাশি ঝরনার স্বাভাবিক প্রবাহও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিস্ফোরকের অবশিষ্টাংশ, ভারী ধাতু, হাইড্রোকার্বন ও রকেটের জ্বালানি চুনাপাথরের ফাটলযুক্ত জলাধারে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞ নাজি কেহদির মতে, চুনাপাথরের ভূগর্ভস্থ পানির উৎস ভারী ধাতু দিয়ে দূষিত হলে তা পরিষ্কার করা প্রায় অসম্ভব। পানির পাইপলাইন অর্থ ও সময় ব্যয় করে মেরামত করা গেলেও ধ্বংস হয়ে যাওয়া ভূগর্ভস্থ পানির উৎস আগের অবস্থায় ফিরিয়ে আনা কঠিন।
পানি হারিয়ে হারিয়ে যাচ্ছে মানুষের স্মৃতিও
পানির সংকট শুধু মানুষের দৈনন্দিন জীবন ও কৃষিকে ক্ষতিগ্রস্ত করছে না, বদলে দিচ্ছে গ্রামগুলোর সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতাও। ফ্রুন গ্রামের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান মোহাম্মদ মাক্কি জানান, ২০২৪-২৫ মৌসুমে গ্রামটিতে সাধারণত ৩০ টন মধু উৎপাদিত হলেও এবার উৎপাদন কমে প্রায় তিন টনে নেমে এসেছে। যুদ্ধের কারণে মৌচাকে যেতে না পারায় অনেক মৌমাছি মারা গেছে বা অন্যত্র চলে গেছে। পানির অভাবে ছাগল পালন, তামাক চাষ ও জলপাই উৎপাদনও ব্যাহত হয়েছে। গ্রামের সাতটি কসাইখানাও বন্ধ হয়ে গেছে।
গ্রামের একটি পুরোনো পুকুর এখনো পানিতে ভরা। কিন্তু এর কারণ পর্যাপ্ত বৃষ্টিপাত নয়, বরং কৃষিকাজ বন্ধ হয়ে যাওয়ায় কেউ আর সেচের জন্য পানি তুলছেন না। অর্থাৎ গ্রামে মানুষের সংখ্যা ও কৃষিকাজ কমে যাওয়ায় পুকুরের পানি অব্যবহৃত থেকে যাচ্ছে।
টাইর জেলার দেবাল গ্রামের ৮০ বছর বয়সী বাসিন্দা ইনসাফ ফাওর বলেন, আগে গ্রামের প্রাকৃতিক পানির উৎসগুলো এতটাই সমৃদ্ধ ছিল যে অন্য গ্রামের মানুষকে পানি কিনতে হলেও তাদের কখনো সেই প্রয়োজন হতো না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে খরার কারণে পরিবারগুলোকে মৌসুমে দুই-তিনবার পানির ট্যাংকার কিনতে হয়েছে। এবার বাড়িঘর ধ্বংস হয়ে মানুষ কমে যাওয়ায় পানির চাহিদাও কমেছে। তার ভাষায়, ‘আমরা এবার পানি কিনিনি। কারণ পানি পাওয়া যাচ্ছে। বাড়িঘর ও মানুষ যে কমে গেছে।’
জুলাই মাসে আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বাড়ি ফিরে যাওয়া আর সেখানে স্বাভাবিক জীবনযাপন করতে পারা এক বিষয় নয়। দক্ষিণ লেবাননে ফিরে যাওয়া ৬৪ জন মানুষের ওপর আটটি দলীয় আলোচনার ভিত্তিতে গবেষণাটি করা হয়। এতে দেখা যায়, অনেক পরিবার বাড়িতে ফিরলেও নিরাপদ ও স্থায়ী জীবনযাপনের সুযোগ পাচ্ছে না।
গবেষণায় অংশ নেওয়া একজন বলেন, ‘আমরা ফিরে এসেছি, কিন্তু নিশ্চিন্ত হতে পারিনি।’ গবেষকদের মতে, শুধু কত পরিবার বাড়ি ফিরেছে কিংবা কতটি ঘর মেরামত হয়েছে, তা দিয়ে পুনর্বাসনের সাফল্য বিচার করা যায় না। মানুষের স্থায়ীভাবে বসবাস, কাজ, বিনিয়োগ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই প্রকৃত পুনর্বাসনের মাপকাঠি।
দক্ষিণ লেবাননের কফরসির গ্রামের বাসিন্দা আবির সাত মাস ধরে বৈরুতের একটি স্কুলে চার সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি হামলায় তাঁর বাড়ি ও স্বামীর গাড়ি ধ্বংস হয়েছে। গ্রামের অবশিষ্ট অংশেও বিদ্যুৎ ও পানি নেই।
তার সবচেয়ে বেশি কষ্ট নিজের বাড়ির সামনে থাকা ৩০ বছরের পুরোনো তুঁতগাছটির জন্য। তার মা গাছটি লাগিয়েছিলেন। গাছটির ছায়ায় বসে কফি খাওয়া, সকালের নাশতা করা এবং পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করার স্মৃতি এখনো তাঁকে তাড়িয়ে বেড়ায়। হামলায় বাড়ির পাশাপাশি গাছটিও ধ্বংস হয়েছে।
আবির বলেন, ‘বাড়ি হারালে মানুষের স্মৃতিও হারিয়ে যায়, হারিয়ে যায় জীবনের সুন্দর মুহূর্তগুলো।’ তার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া লিতানি নদীর সঙ্গেও জড়িয়ে রয়েছে অসংখ্য স্মৃতি। একসময় প্রতি রোববার পরিবারের সবাই মিলে নদীর পাড়ে যেতেন। সঙ্গে থাকত ফল, তরমুজ ও মাংস। নদীর পানিতে তরমুজ ঠান্ডা করে গাছের নিচে বসে সবাই মিলে খাবার খেতেন।
এখন সেই নদীতে যাওয়ার সুযোগও নেই তাদের। আবির বলেন, ‘আমাদের নদীর পাশে এমন সব গাছ আছে, যেগুলো কেউ লাগায়নি। নিজেরাই জন্মেছে। সেখানে বুনো আপেল পাওয়া যেত। এখন ইসরায়েল আমাদের সেই নদী থেকেও বঞ্চিত করেছে।’
চলমান যুদ্ধের কারণে দক্ষিণ লেবাননের পানি সরবরাহ ব্যবস্থা পুনর্গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়; এর সঙ্গে জড়িয়ে গেছে মানুষের ঘরে ফেরা, কৃষির ভবিষ্যৎ, পরিবেশের নিরাপত্তা এবং কয়েক প্রজন্মের স্মৃতি ও জীবনযাত্রা টিকিয়ে রাখার প্রশ্ন।
আয়ারল্যান্ডে প্রায় দুই শতাব্দীর পুরোনো একটি ঐতিহাসিক প্রাসাদ কিনেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। দেশটির ঐতিহাসিক ওয়াটারফোর্ড কাউন্টিতে অবস্থিত বিখ্যাত ‘স্ট্রানক্যালি ক্যাসল’ এখন তাঁদের ব্যক্তিগত সম্পত্তির তালিকায় যুক্ত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় ৪৪০ একর বিস্তৃত সুবিশাল জায়গার ওপর দাঁড়িয়ে থাকা তিনতলা এই প্রাসাদটি গথিক পুনর্জাগরণ স্থাপত্যশৈলীতে নির্মিত, যার কোল ঘেঁষে বয়ে গেছে ব্ল্যাকওয়াটার নদী। প্রাসাদটি রাজধানী ডাবলিনে অবস্থিত মেটার ইউরোপীয় প্রধান কার্যালয় থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।
আইরিশ টাইমসের তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট দেশটির সম্পত্তি নিবন্ধন দপ্তরে এই বিক্রির তথ্য আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়। মূল প্রাসাদ ভবন ও লাগোয়া এক একর জায়গার জন্য জাকারবার্গ দম্পতি ৫ কোটি ১১ লাখ ৭০ হাজার ইউরো পরিশোধ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার কোটি টাকার সমান। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মোট সম্পত্তির মূল্য আরও অনেক বেশি হতে পারে, কারণ নিবন্ধনে উল্লেখ করা অর্থের মধ্যে ৪৪০ একর সুবিশাল কৃষিজমি ও বনাঞ্চলের সার্বিক মূল্য পুরোপুরি অন্তর্ভুক্ত করা হয়নি।
সরকারি স্থাপত্যবিষয়ক নথি অনুযায়ী, ব্ল্যাকওয়াটার নদীর দিকে মুখ করে ১৮৩০ সালের দিকে আয়ারল্যান্ডের সাবেক সংসদ সদস্য জন কিলির জন্য এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। বিখ্যাত স্থপতি জেমস এবং জর্জ রিচার্ড পেইন দৃষ্টিনন্দন ও ঐতিহ্যবাহী নকশায় প্রায় ১৬ হাজার বর্গফুটের এই তিনতলা অট্টালিকাটির রূপরেখা তৈরি করেছিলেন। আইরিশ ফার্মার্স জার্নালের তথ্যে জানা গেছে, বনভূমি ও খোলা মাঠে ঘেরা এই বিশাল সম্পত্তিতে ব্যক্তিগতভাবে ব্যবহারের উপযোগী একটি নিজস্ব নৌকা ভেড়ানোর ঘাটও রয়েছে। পূর্ববর্তী মালিক মাইকেল ও জিয়ানকার্লা অ্যালেন-বাকলি ২০০৩ সালসহ বিগত দুই দশকে প্রাসাদটির ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ব্যাপক সংস্কারকাজ পরিচালনা করেন।
জাকারবার্গের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে এই ঐতিহ্যবাহী স্থাপনার মালিকানা পেয়ে জাকারবার্গ ও তাঁর পরিবার অত্যন্ত আনন্দিত এবং তাঁরা নিয়মিত আয়ারল্যান্ডে অবসর সময় কাটানোর পরিকল্পনা করছেন। উল্লেখ্য, তুলনামূলক সহজ ও সুবিধাজনক কর ব্যবস্থার কারণে গুগল, অ্যাপলসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ইউরোপীয় সদর দপ্তর আয়ারল্যান্ডে অবস্থিত। মেটার ইউরোপীয় কার্যালয়েও বর্তমানে প্রায় ১ হাজার ৫০০ কর্মী কর্মরত রয়েছেন।
জাতিসংঘের তহবিল সংকট এবং ইসরায়েলের সামরিক হামলার কারণে লেবাননে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের জীবনে এক চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর আন্তর্জাতিক তহবিল মারাত্মকভাবে সংকুচিত হওয়ায় শরণার্থী শিবিরগুলোতে থাকা স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও নিত্যপ্রয়োজনীয় মানবিক সহায়তা বন্ধ হওয়ার পাশাপাশি বেকারত্ব, মাদকের বিস্তার ও সামাজিক অপরাধের মতো নেতিবাচক প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে।
লেবাননের ১২টি জনাকীর্ণ শরণার্থী শিবিরে বর্তমানে প্রায় ২ লাখ ৩০ হাজার ফিলিস্তিনি শরণার্থী বাস করছেন। দীর্ঘদিন ধরে তাদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক অধিকারগুলো এককভাবে টিকিয়ে রেখেছে ইউএনআরডব্লিউএ। তবে সংস্থাটি জানিয়েছে, কেবল ২০২৬ সালের পরিচালনা ব্যয় নির্বাহ করতেই তাদের জরুরি ভিত্তিতে অতিরিক্ত ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলারের তহবিল প্রয়োজন। আর্থিক টানাপোড়েনের কারণে গত ফেব্রুয়ারি থেকেই বিভিন্ন সেবার কর্মঘণ্টা অন্তত ২০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।
তহবিলের অভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতের ওপর সবচেয়ে বড় আঘাত এসেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনেক শরণার্থী স্কুলে স্বাভাবিক ৫ দিনের ক্লাসের পরিবর্তে সপ্তাহে মাত্র ৪ দিন ক্লাস পরিচালনা করা হচ্ছে। প্রতি ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ৪০ ছাড়িয়ে যাওয়ায় শিশুদের পড়াশোনার মান ও পরিবেশ ভেঙে পড়েছে। এর চেয়েও বড় সংকট তৈরি হয়েছে চিকিৎসাসেবায়; শরণার্থীদের জন্য পরিচালিত ২৬টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে তহবিল সংকটে ১১টিই পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর বাকি মাত্র ১৫টি ক্লিনিক এখন কোনোমতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আইনি জটিলতার কারণে লেবাননের অধিকাংশ মূলধারার পেশায় ফিলিস্তিনিদের কাজের সুযোগ নেই, যা তাদের বেকারত্ব ও অর্থনৈতিক দুর্দশাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। এই চরম হতাশা থেকে শরণার্থী শিবিরে মাদকাসক্তি ও অপরাধ বাড়ছে। এর ওপর লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক ধারাবাহিক বিমান হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় শিবিরগুলোতে বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার গভীর আতঙ্ক সৃষ্টি হয়েছে। মৌলিক নাগরিক সেবা বন্ধ হওয়া এবং অর্থনৈতিক অনিশ্চয়তার প্রতিবাদে ক্ষুব্ধ শরণার্থীরা বিভিন্ন শিবিরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।
ইরানে আপাতত নতুন করে বড় ধরনের কোনো সামরিক হামলা না চালাতে সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় কয়েকটি মিত্র দেশ ওয়াশিংটনকে বিশেষভাবে অনুরোধ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন, এসব আঞ্চলিক মিত্রদের অনুরোধের কারণেই তিনি তেহরানে তাৎক্ষণিক কোনো বিধ্বংসী আক্রমণ পরিচালনা করছেন না। তবে যুক্তরাষ্ট্র চাইলে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার সামরিক সক্ষমতা রাখে বলেও তিনি দাবি করেন।
হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি চাইলে এখনই চলমান এই যুদ্ধের অবসান ঘটাতে পারতেন। তবে মধ্যপ্রাচ্যের মিত্রদের পরামর্শ ও কৌশলগত কারণে তেহরানকে সরাসরি সর্বাত্মক হামলার মুখে না ফেলে আপাতত সামরিক ও অর্থনৈতিক অবরোধের মাধ্যমে চাপে রাখা হয়েছে। ট্রাম্প জানান, সৌদি আরব তাঁর কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পরিস্থিতি যেন আপাতত বর্তমান অবস্থাতেই রাখা হয়। এছাড়া কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমানের এই সামরিক কৌশল বজায় রাখার পক্ষে মত দিয়েছে।
এসব দেশ অনুরোধ না জানালে ইরানে আবারও সর্বাত্মক হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় ‘হ্যাঁ’ সূচক সম্মতি দেন। তিনি উল্লেখ করেন, উপসাগরীয় নেতাদের সব যুক্তির সঙ্গে তিনি পুরোপুরি একমত না হলেও তাদের কূটনৈতিক অনুরোধকে বিবেচনায় নিয়েছেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে কোনো চূড়ান্ত আঘাত হানেনি। মার্কিন বাহিনী ব্যবস্থা নিলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা ধূলিসাৎ হয়ে যাবে; যার মধ্যে এক দিনেই শেষ হবে জ্বালানি খাত, এক দিনে সেতুগুলো ধ্বংস হবে এবং অপর এক দিনেই উৎপাদন সক্ষমতা অচল করে দেওয়া সম্ভব।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়েও খোলামেলা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্বীকার করেন যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে পেট্রলসহ সার্বিক জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই মাত্রাতিরিক্ত জ্বালানি মূল্যবৃদ্ধি সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির পরাজয়ের ক্ষেত্রে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে বলেও তিনি স্বীকারোক্তি দেন। তবে নির্বাচনী পরাজয় ও অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও তেহরানের বিরুদ্ধে কঠোর সামরিক অবস্থান গ্রহণের সিদ্ধান্তের পক্ষে এখনো অনড় রয়েছেন বলে জানান ট্রাম্প।
দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে শত্রুভাবাপন্ন বিমান হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা গেছে, বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের উপকূলীয় বন্দরনগরী সিরিকে শত্রুপক্ষ বিমান হামলা চালায়। এই আগ্রাসনের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বাহরাইনে মোতায়েন করা মার্কিন সামরিক রাডার লক্ষ্য করে পাল্টা আঘাত হানার আনুষ্ঠানিক দাবি করে আইআরজিসি।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক সামরিক বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করেছে, এই হামলা মূলত শত্রুপক্ষের জন্য একটি ‘গুরুতর সতর্কবার্তা’। বিবৃতিতে আকাশপথে ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা এবং কৌশলগত হরমুজ প্রণালিতে তেল চোরাচালানের মতো অনৈতিক কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। একই সঙ্গে তেহরান কড়া বার্তা দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের যেকোনো আগ্রাসী কর্মকাণ্ড পুনরাবৃত্তি হলে আইআরজিসির বাহিনী আরও কঠোর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।
আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট দেশটির আরেক বার্তা সংস্থা ফার্স দাবি করেছে, বিপ্লবী গার্ডের মহাকাশ বা অ্যারোস্পেস শাখা অত্যন্ত নিখুঁতভাবে এই সামরিক অভিযান পরিচালনা করে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ রাডার স্থাপনাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। তবে এই হামলার দাবি বা ক্ষতির পরিমাণের বিষয়ে ওয়াশিংটন কিংবা বাহরাইনের রাজধানী মানামা কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল হিসেবে পরিচিত বাহরাইন, যেখানে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী পঞ্চম নৌবহরের প্রধান সদর দপ্তর অবস্থিত। রাজধানী মানামার নেভাল সাপোর্ট অ্যাকটিভিটি ঘাঁটিকে কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক জাহাজ ও নৌবাহিনীর অভিযান পরিচালনা করা হয়ে থাকে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর প্রারম্ভেও এই সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছিল; আল-জাজিরার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে সে সময় ঘাঁটির বেশ কয়েকটি রাডার ও ভবনের মারাত্মক ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ্যে এসেছিল।
বিশ্বব্যাপী বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখোমুখি হয়েছে শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এর ফলে প্রতিষ্ঠানটির বহুল ব্যবহৃত ইমেইল, ক্লাউড স্টোরেজ ও যোগাযোগসহ গুরুত্বপূর্ণ একাধিক সেবায় বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বিশ্বজুড়ে ইন্টারনেট বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা মাইক্রোসফটের সেবা পেতে সমস্যার অভিযোগ জানিয়েছেন।
অনলাইন বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের পরিসংখ্যান অনুযায়ী, বিভ্রাট শুরু হওয়ার পর কেবল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলেই প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী তাদের জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম মাইক্রোসফট আউটলুকে প্রবেশ করতে না পারার অভিযোগ নথিভুক্ত করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মাইক্রোসফট জানিয়েছে, তারা সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালু করার মাধ্যমে দ্রুত সংযোগ ফিরিয়ে আনার কাজ করছে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিভ্রাটের কারণে তাদের গুরুত্বপূর্ণ সেবার একটি দীর্ঘ তালিকা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ইমেইল ও অফিসিয়াল যোগাযোগের প্রধান প্ল্যাটফর্ম আউটলুক, ভার্চ্যুয়াল মিটিং ও ক্লাসের মাধ্যম মাইক্রোসফট টিমস, ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম শেয়ারপয়েন্ট অনলাইন, এআই সুবিধা সম্বলিত মাইক্রোসফট কোপাইলট ৩৬৫, মাইক্রোসফট প্ল্যানার এবং প্রাতিষ্ঠানিক মেইল পরিচালনার মাধ্যম মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন। এমনকি প্রতিষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাউড-ভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা ‘মাইক্রোসফট ডিফেন্ডার’-এর কার্যক্রমেও এই বিভ্রাটের নেতিবাচক প্রভাব পড়েছে।
মাইক্রোসফটের মতো শীর্ষস্থানীয় প্ল্যাটফর্মে বিঘ্ন ঘটায় বৈশ্বিক প্রাত্যহিক জীবনে এবং দাপ্তরিক কার্যক্রমে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। গুরুত্বপূর্ণ অফিশিয়াল ইমেইল আদান-প্রদান থমকে যাওয়ার পাশাপাশি বিভিন্ন প্রাতিষ্ঠানিক ডেটাবেজে প্রবেশ, শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন ক্লাস, চিকিৎসাসেবার ক্ষেত্রে টেলিহেলথ এবং ই-কমার্সের পণ্যের অর্ডার সংক্রান্ত নানাবিধ ডিজিটাল সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সরকারি সেবা প্রতিষ্ঠান বাধ্য হয়ে সাময়িকভাবে তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। চলতি বছরের শুরুর দিকেও, বিশেষ করে গত জানুয়ারিতে মাইক্রোসফটের আউটলুক, টিমসসহ মাইক্রোসফট ৩৬৫-এর সেবায় কয়েক ঘণ্টার এমন বৈশ্বিক অচলাবস্থা তৈরি হয়েছিল।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী সপ্তাহে চীন সফর করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম চীন সফর। শুক্রবার টোকিও এ তথ্য জানিয়েছে।
চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে তিনি এ সফর করবেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত বছরের নভেম্বরে তাইওয়ানে কোনো হামলা হলে টোকিও তাতে সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে বলে মন্তব্য করেছিলেন তাকাইচি।
বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে।
জাপানের উপপ্রধান মন্ত্রিপরিষদ সচিব মাসানাও ওজাকি বলেন, ‘প্রধানমন্ত্রী তাকাইচি আগামী ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ফিলিপাইন ও চীন সফর করবেন। এ সময় তিনি আসিয়ান-সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলন এবং এপেক সম্মেলনে যোগ দেবেন।’
গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম চীন সফর।
ওজাকি জানান, এপেক সম্মেলনে তাকাইচি বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ, অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা ও ডিজিটাল অর্থনীতির মতো বিষয় নিয়ে আলোচনা করবেন।
এসব বিষয়ে জাপানের অবস্থানও তুলে ধরবেন তিনি।
তবে সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাকাইচির সম্ভাব্য সাক্ষাতের বিষয়টি সবার নজরে থাকবে। বিশ্লেষকদের মতে, দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা খুবই কম।
শেনজেন সফরের আগে তাকাইচি ১১ সদস্যের দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ম্যানিলা যাবেন।
ওজাকি জানান, আসিয়ান সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতাদের অংশগ্রহণে কোয়াড বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা চলছে।
তাইওয়ান নিয়ে তাকাইচির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল চীন। দেশটি তাদের নাগরিকদের জাপান ভ্রমণে সতর্কতা জারি করে এবং বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করে। এসব বিধিনিষেধের ফলে জাপানি প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা খনিজের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
গত মাসে এক নীতিনির্ধারণী ভাষণে তাকাইচি চীনকে ‘গুরুত্বপূর্ণ প্রতিবেশী’ হিসেবে উল্লেখ করেন এবং দেশটির সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেন।
তবে একই সঙ্গে তিনি বলেন, জাপান তার জাতীয় অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরবে ও চীনের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করবে।
তাকাইচির সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে বেইজিং।
তবে গত মাসে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যুতে তার পরিবারের প্রতি পাঠানো এক শোকবার্তায় সি চিনপিং ফুকুদাকে ‘চীনা জনগণের দীর্ঘদিনের বন্ধু’ হিসেবে অভিহিত করেন।
এর আগে, গত সেপ্টেম্বরে বেইজিংয়ে জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়ার নেতৃত্বাধীন একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেন, টোকিওর সঙ্গে সম্পর্ক আবার স্বাভাবিক করার অপেক্ষায় রয়েছে বেইজিং।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি ব্যস্ত আবাসিক এলাকায় এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। হামলার পর পুলিশের সঙ্গে কয়েক ঘণ্টা রক্তক্ষয়ী অচলাবস্থা চলার একপর্যায়ে অভিযুক্ত হামলাকারী নিজের গুলিতে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে পুলিশের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, হামলাকারীর নাম ম্যাট ল্যামবার্ট (৫৫)। তিনি প্রথমে তাঁর আবাসিক ভবনের ব্যায়ামাগারে (জিমনেশিয়াম) ঢুকে ভবনের ব্যবস্থাপক ৪৬ বছর বয়সী জেমস স্টুয়ার্টকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালান, এতে ঘটনাস্থলেই স্টুয়ার্টের মৃত্যু হয়। এরপর ল্যামবার্ট ভবনের সপ্তম তলায় নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যান এবং বারান্দা থেকে বাইরের পথচারী ও আশপাশের মানুষদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে আরও চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হন, যাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অ্যাপার্টমেন্টে দীর্ঘদিনের স্যাঁতসেঁতে পরিবেশ ও ছাঁচ পড়া (মোল্ড) সংক্রান্ত সংস্কার সমস্যা নিয়ে ভবন মালিক সমিতির সঙ্গে ল্যামবার্টের চরম বিরোধ চলছিল। সেই বিরোধ ও ক্ষোভের জের ধরেই এই বর্বরোচিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলার পর পুলিশ দ্রুত পুরো ভবনটি ঘিরে ফেলে এবং ল্যামবার্টকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে কয়েক ঘণ্টা ধরে আলোচনা চালানোর চেষ্টা করে। তবে আলোচনার একপর্যায়ে তাঁর বাসা থেকে গুলির শব্দ শোনা যায় এবং পরবর্তীতে পুলিশ ভেতরে ঢুকে ল্যামবার্টের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে।
অভিযুক্তের অ্যাপার্টমেন্ট থেকে তিনটি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ পেট্রল উদ্ধার করেছে পুলিশ। এই প্রাণঘাতী ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি সংযোগ সড়ক বন্ধ করে দিয়ে তদন্ত কার্যক্রম জোরদার করেছে ওয়াশিংটন ডিসি পুলিশ।
ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সংক্রান্ত নিরাপত্তা ব্রিফিং নিয়ে গাদি আইজেনকোটের সঙ্গে তার বিরোধ সামনে এসেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে কোনো ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ না নিতে বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন দেশটির নবনির্বাচিত নেতা গাদি আইজেনকোট। তার আশঙ্কা, ক্ষমতা হস্তান্তরের সংবেদনশীল সময়ে বড় ধরনের সামরিক সিদ্ধান্ত ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনগণের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার নেতানিয়াহুকে পাঠানো এক চিঠিতে সংযম প্রদর্শনের আহ্বান জানান আইজেনকোট। তিনি লেখেন, নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) আস্থাভাজন নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত এমন বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকা উচিত, যেগুলো কিছুদিন অপেক্ষা করতে পারে। আইজেনকোট আরও সতর্ক করেন, তাৎক্ষণিক ও প্রত্যক্ষ কোনো হুমকি না থাকলে জরুরি সামরিক পদক্ষেপ নেওয়ার পরিণতি ভয়াবহ হতে পারে।
ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের আপত্তি সত্ত্বেও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। চ্যানেল ১২ জানিয়েছে, জামির একটি অনির্দিষ্ট সামরিক অভিযানের বিরোধিতা করেছেন। এর আগে ২৭ অক্টোবরের নির্বাচনের আগেও একই ধরনের একটি প্রস্তাব ঠেকিয়েছিলেন তিনি। সামরিক নেতৃত্বের আশঙ্কা ছিল, উত্তেজনা বাড়লে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
আইজেনকোটের চিঠিতে সরাসরি ইরানের নাম উল্লেখ করা হয়নি। তবে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের বিষয়ে সামরিক নেতৃত্বের আপত্তির খবর প্রকাশের পর তার সতর্কবার্তা বিশেষ গুরুত্ব পেয়েছে। চিঠিতে নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে নিরাপত্তাবিষয়ক ব্রিফিং আয়োজন না করার অভিযোগও তুলেছেন আইজেনকোট। গোয়েন্দা মূল্যায়ন ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্যে নিয়মিত প্রবেশাধিকার নিশ্চিত করতে তিনি অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে, নেতানিয়াহুর রাজনৈতিক শিবির আইজেনকোটের সমালোচনা প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, তিনি জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক বিতর্কের মধ্যে টেনে আনছেন। নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে বিতর্কিত না করার পক্ষেও অবস্থান নিয়েছে নেতানিয়াহুর শিবির।
আইজেনকোট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টির নেতা। তিনি চার দশকেরও বেশি সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) দায়িত্ব পালন করেছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশটির ২১তম সেনাপ্রধান ছিলেন তিনি।
২০২২ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রথমে ন্যাশনাল ইউনিটি পার্টিতে যুক্ত হন আইজেনকোট। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর নেতানিয়াহুর জরুরি ঐক্য সরকারে যোগ দিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। তবে যুদ্ধ-পরবর্তী কৌশল ও সংঘাত পরিচালনা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধের জেরে ২০২৪ সালের জুনে পদত্যাগ করেন তিনি। পরে ২০২৫ সালে ইয়াশার পার্টি প্রতিষ্ঠা করেন।
গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। নির্বাচনে ৬৭ জন আইনপ্রণেতা নেতানিয়াহুকে সমর্থন করলেও ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।
সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সামরিক বাহিনীর ওপর তার কর্তৃত্ব বহাল থাকবে।
এ পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে মতবিরোধ ইসরায়েলের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে সামরিক সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার ও রাজনৈতিক জবাবদিহি নিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মধ্যে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে।
ইসরায়েলের কাছে ইরানের ক্ষতিপূরণ দাবি
এবারের জলবায়ু সম্মেলনেও আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের পরিবেশ নষ্টের অভিযোগ এনেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিপুল পরিমাণে দূষণকারী পদার্থ ও গ্রিনহাউস গ্যাস ছড়িয়েছে, যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হবে আক্রান্ত দেশগুলোর মানুষকে।
এ জন্য তাদের কাছে ক্ষতিপূরণও দাবি করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী পরিবেশ। যুদ্ধের সময় পরিবেশের ক্ষতির দায়ও নিশ্চিত করতে হবে। ইরান ও গাজায় হামলায় পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা নথিভুক্ত করে ক্ষতিপূরণের ব্যবস্থা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
যুদ্ধ-বিগ্রহ নিয়ে কথা বলেন অন্যান্য দেশের নেতারাও।এদিকে কপ-৩১ আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও প্রসার অব্যাহত রাখতে হবে। ভঙ্গুর সরবরাহব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে জ্বালানির সার্বভৌমত্ব, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা বাড়ানোর চেষ্টা বাড়াতে হবে। যেসব ক্ষেত্রকে সম্ভব, বিদ্যুতায়নের আওতায় আনতে হবে।
অন্যদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থার নির্বাহী সচিব সাইমন স্টেল বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতার রাজনৈতিক মূল্যও সরকারগুলোকে দিতে হচ্ছে। পরিচ্ছন্ন জ্বালানি মানেই জ্বালানির নিরাপত্তা এবং আরও টেকসই ও স্থিতিশীল অর্থনীতি। এতে জীবাশ্ম জ্বালানির বাজারের অস্থিরতা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।
আলোচনায় উঠে আসে জলবায়ু সংকট মোকাবিলায় অর্থায়নের ইস্যুটি। দায় কম এমন দেশগুলোর ওপর অর্থায়নের বোঝা চাপানোর বিরোধিতা করে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেন, জলবায়ু দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে গিয়ে কোনোভাবেই কম দায়ী দেশগুলোর ওপর অসহনীয় ঋণের বোঝা চাপানো যাবে না। উন্নত দেশগুলোর অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিতের দাবি তার।
ইতিহাসের গতিধারা থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ ‘পুনরেকত্রীকরণের’ আহ্বান জানিয়ে তিনি এ মন্তব্য করেন। তবে বক্তব্যে সামরিক শক্তি প্রয়োগের কোনো উল্লেখ করেননি তিনি। তা সত্ত্বেও সির বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়েছে তাইওয়ান সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। তবে বেইজিংয়ের এই দাবিকে বরাবরই প্রত্যাখ্যান করে আসছে তাইপে। তাইওয়ানের জন্য চীন বারবার ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মডেলের স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু তাইওয়ানের প্রধান রাজনৈতিক দলগুলোর কোনোটি এই মডেল সমর্থন করে না।
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেওয়া এক ভাষণে শি জিনপিং বলেন, তাইওয়ান প্রশ্নের সমাধান করা চীনের কমিউনিস্ট পার্টির ‘অটল ঐতিহাসিক দায়িত্ব’। তিনি বলেন, ইতিহাসের গতিধারা থামানো সম্ভব নয়। মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং তা নিশ্চিতভাবেই বাস্তবায়িত হবে।
শির বক্তব্য প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার। দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে, তাইওয়ান সরকার কিংবা জনগণ কেউই ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি মেনে নিতে পারে না। কারণ, শেষ পর্যন্ত এর অর্থ দাঁড়াবে চীনা কমিউনিস্ট পার্টির কর্তৃত্ববাদী শাসনের কাছে আত্মসমর্পণ করা।
কাউন্সিলের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়ে সাংবাদিকদের বলেন, ‘তাইওয়ানের পুনরেকত্রীকরণ নিয়ে বক্তব্যের ভাষায় নতুন কিছু নেই। আগের অবস্থানের সঙ্গে এর তেমন কোনো পার্থক্য নেই।’
বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে এসব কথা বলেন সি। ১৯১১ সালের সেই বিদ্রোহে নেতৃত্বদানকারীদের অন্যতম ছিলেন সান ইয়াত-সেন। ওই বিদ্রোহের মধ্য দিয়ে চীনে কয়েক শতাব্দীর সম্রাট ও সম্রাজ্ঞীদের শাসনের অবসান ঘটে এবং চীন প্রজাতন্ত্রের সূচনা হয়।
শি জিনপিং বলেন, চীন ‘শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ এবং এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে অবিচল রয়েছে। ‘এক চীন নীতি’ বজায় রেখে তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতেও বেইজিং প্রস্তুত। ‘এক চীন নীতি’ বলতে বেইজিংয়ের সেই অবস্থানকে বোঝায়, যেখানে বলা হয়, তাইওয়ান প্রণালীর দুই পাশই একই দেশের অংশ।
তিনি আরও বলেন, তাইওয়ানসহ সব চীনা নাগরিকের উচিত একযোগে তাইওয়ানের স্বাধীনতাকামী ‘বিচ্ছিন্নতাবাদী’ শক্তির বিরোধিতা করা এবং তাইওয়ান প্রণালীর দুই পাশের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে কাজ করা।
তবে শি জিনপিংয়ের বক্তব্যে সামরিক শক্তি প্রয়োগের প্রসঙ্গ না থাকলেও তাইওয়ান দখলে বলপ্রয়োগের সম্ভাবনা কখনোই নাকচ করেনি চীন। দ্বীপটির চারপাশে প্রতিদিনই সামরিক তৎপরতা চালাচ্ছে চীনা সামরিক বাহিনী। একই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি ও কার্যক্রমের পরিধিও বাড়াচ্ছে দেশটি।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দ্বীপটির চারপাশে চীনের ২৯টি সামরিক উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে জে-১৬ যুদ্ধবিমান ও ড্রোনও রয়েছে। চীনা যুদ্ধজাহাজের সঙ্গে সমন্বয় করে এসব উড়োজাহাজ তাইওয়ানের আশপাশে ‘যৌথ যুদ্ধপ্রস্তুতি টহল’ পরিচালনা করেছে।