বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ত্রিপুরার এক হাসপাতালের

ছবি: সংগৃহীত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৪ ২০:৫৩

কলকাতার পর এবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি হাসপাতাল। গতকাল শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতালটি একটি মাল্টি-সুপার স্পেশালিটি হাসপাতাল। বাংলাদেশিদের চিকিৎসাসেবা না দেওয়ার দাবিতে স্থানীয়রা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। পরে আইএলএস হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেয়। এরই মধ্যে হাসপাতালটিতে বাংলাদেশিদের জন্য হেল্প ডেস্ক বন্ধ করে দেওয়া হয়েছে।

আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে আমরা একমত। আখাউড়া চেকপোস্টে ও আইএলএস হাসপাতালে তাদের জন্য যে হেল্প ডেস্ক ছিল সেটিও এবার বন্ধ করা হলো। এদিকে বাংলাদেশের রোগীদের চিকিৎসা না করার বিষয়ে হাসপাতালগুলোর সিদ্ধান্তের প্রতি একমত জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলাদেশিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে না বলে হাসপাতালগুলো যে বার্তা দিয়েছে তাতে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। তার দাবি, গোটা ভারতের উচিত বাংলাদেশকে সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত করে দেওয়া। প্রসঙ্গত, সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসাসেবা না দেয়ার ঘোষণা দিয়েছিল পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল। এবার একই পথে হাঁটলো ত্রিপুরার এই হাসপাতাল।


নির্বাচিত

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

* অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্ত শেষ * পণ্যের ধরনভেদে ১৫–২৫ শতাংশ শুল্কের প্রস্তাব আসতে পারে
ফাইল ছবি
আপডেটেড ২৬ নভেম্বর, ২০২৬ ০০:৫৭
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে পরিচালিত বিশেষ তদন্ত শেষে দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্ত শেষ করেছে ট্রাম্প প্রশাসন। এসব দেশের উৎপাদন সক্ষমতা অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাহিদার তুলনায় বেশি বলে মনে করছে ওয়াশিংটন। এরই পরিপ্রেক্ষিতে দেশগুলো থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। তালিকায় রয়েছে বাংলাদেশও।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকে কার্যকর থাকা শুল্কের সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুল্কের হার নিয়ে অনিশ্চয়তা: নতুন শুল্কের হার কত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কের হার নির্ধারণ করা হতে পারে। মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা তুলনামূলক কম।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার আওতায় যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের বেশির ভাগের বিরুদ্ধে এই তদন্ত পরিচালনা করছে ইউএসটিআর। বিভিন্ন দেশের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তদন্ত শুরু করেছিল সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে শুল্কের যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে, নতুন শুল্ক আরোপের ক্ষেত্রে তা অনুসরণ করতে পারে হোয়াইট হাউস। এসব চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপের সীমা রয়েছে।

চীনের ক্ষেত্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতার মেয়াদ বাড়ানো হলেই এই সীমা কার্যকর থাকবে। সমঝোতা নবায়ন না হলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে শুল্ক আরও বাড়তে পারে।

১৫ থেকে ২৫ শতাংশ শুল্কের আশঙ্কা: যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও হোয়াইট হাউস রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস মনে করেন, তদন্তের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। এতে ১৬টি বাণিজ্যিক অংশীদারের জন্য পৃথক শুল্ক আরোপের সুপারিশ থাকতে পারে।

আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার মাজেরাসের ধারণা, যেসব দেশের বিভিন্ন শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে আগে থেকে আরোপিত ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে ট্রাম্প প্রশাসন চাইলে প্রাথমিকভাবে কম হারে শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে কার্যকর পদক্ষেপ না নিলে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্ত থাকতে পারে বলে মনে করেন মাজেরাস।

তদন্তের আওতায় বাংলাদেশসহ যেসব দেশ: অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের আওতায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এর বাইরে ইউরোপীয় ইউনিয়নও রয়েছে তালিকায়।

গত মার্চে এই তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু করে সংস্থাটি। দুটি তদন্তের লক্ষ্য ট্রাম্পের ‘লিবারেশন ডে’ উপলক্ষে বিশ্বজুড়ে আরোপ করা শুল্ক পুনর্বহালের পথ তৈরি করা। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক বাতিল করে দেন। নতুন তদন্তের ভিত্তিতে সেগুলোর বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে প্রশাসন।

চীনের উৎপাদন সক্ষমতা নিয়ে বেশি উদ্বেগ: অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার জন্য চীনকে সবচেয়ে বেশি দায়ী করছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, চীন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ও সৌরবিদ্যুৎ পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে সরবরাহ করছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ব্যাহত হচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বেইজিংয়ের বক্তব্য, তাদের রপ্তানি সক্ষমতার পেছনে রয়েছে প্রতিযোগিতামূলক সুবিধা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনা বিনিয়োগও তদন্তের অন্যতম লক্ষ্য। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় কারখানা স্থাপন করে চীনা প্রতিষ্ঠানগুলো মার্কিন বাজারের জন্য পণ্য তৈরি করছে। এর মাধ্যমে আগের শুল্ক এড়িয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির চেষ্টা চলছে বলে মনে করে ওয়াশিংটন।

এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির প্রভাবে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।

চীনের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা অনুযায়ী, দেশটির পণ্যে দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্কের সর্বোচ্চ হার ২০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও বহাল রয়েছে। চীনের সব আমদানি পণ্যে জোরপূর্বক শ্রমবিরোধী শুল্ক হিসেবে ইতোমধ্যে ১২ দশমিক ৫ শতাংশ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ২০ শতাংশের নির্ধারিত সীমায় পৌঁছাতে নতুন করে শুল্ক বাড়ানোর সুযোগ রয়েছে মাত্র ৭ দশমিক ৫ শতাংশ।

নতুন তদন্তের সুপারিশ বাস্তবায়িত হলে বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতার চাপ আরও বাড়তে পারে। বিশেষ করে বিদ্যমান শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হলে পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্যের মূল্য প্রতিযোগিতায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


নির্বাচিত

গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরায়েল: অ্যামনেস্টি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

গাজায় ফিলিস্তিনিদের সন্তান ধারণ ও জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করতে ইসরায়েল বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধের কারণে গাজার নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, প্রজননক্ষমতা এবং মাতৃত্বের ওপর ভয়াবহ প্রভাব পড়েছে। একই সঙ্গে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য ‘গণহত্যার অপরাধ’ সংঘটনের বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে অ্যামনেস্টি। সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসা গ্রহণের সুযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে গর্ভাবস্থায় নানা জটিলতা বেড়েছে। এর মধ্যে গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনাও রয়েছে। এসব পরিস্থিতির পেছনে ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত তথ্য তাদের হাতে নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চিকিৎসাসেবা নিতে গিয়ে কিংবা হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে অবস্থানকালে ইসরায়েলি হামলায় বহু নারী ও কিশোরী নিহত ও আহত হয়েছেন। অব্যাহত বোমাবর্ষণের মধ্যে অনেক নারী আহত অবস্থায় গর্ভাবস্থা পার করেছেন এবং কেউ কেউ যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নবজাতকের যত্ন নিতে বাধ্য হয়েছেন। চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর চিকিৎসা এবং গর্ভকালীন জটিলতা শনাক্ত করার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে প্রয়োজনীয় অবেদনকারী ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর অভাব অনেক ক্ষেত্রে প্রাণহানির ঝুঁকি বাড়িয়েছে। মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধকে এসব সংকটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে অ্যামনেস্টি। সংস্থাটির আশঙ্কা, এর ফলে মা ও নবজাতকের মৃত্যুহার বাড়ছে।

প্রতিবেদন তৈরির জন্য নেওয়া ২২৮টি সাক্ষাৎকারের মধ্যে দুজন প্যারামেডিক ২০২৬ সালের শুরুর দিকে ঘটে যাওয়া দুটি ঘটনার বর্ণনা দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, গাজার ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিতকারী তথাকথিত ‘ইয়েলো লাইন’ থেকে কয়েকশ মিটার দূরে সন্তান জন্মদানের অপেক্ষায় থাকা এক নারী এবং তাকে হাসপাতালে নেওয়ার জন্য পাঠানো অ্যাম্বুলেন্স গুলির মুখে পড়ে। এ ছাড়া ২০২৫ সালে মারা যাওয়া ২০ দিন বয়সি এক শিশুর ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। অসুস্থ আরেক শিশুর সঙ্গে একই ইনকিউবেটরে থাকার পর সংক্রমণে শিশুটির মৃত্যু হয়।

গাজায় যুদ্ধ শুরুর আগে অন্তত নয়টি ক্লিনিকে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) বা কৃত্রিম উপায়ে সন্তান ধারণের চিকিৎসা দেওয়া হতো। কিন্তু বর্তমানে এসব ক্লিনিকের কোনোটিতেই এ চিকিৎসা চালু রাখা সম্ভব হচ্ছে না। অ্যামনেস্টি জানিয়েছে, চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সংরক্ষণ করে রাখা হাজার হাজার ভ্রূণ, শুক্রাণু ও ডিম্বাণুও ধ্বংস হয়ে গেছে। ফলে সন্তান ধারণের চিকিৎসা নেওয়া অনেক দম্পতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এসব পর্যবেক্ষণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি কর্মকর্তাদের দ্বারা গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাগনেস ক্যালামার্ড। একই সঙ্গে আইসিসির তদন্তে লিঙ্গভিত্তিক অপরাধ এবং প্রজননস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের মধ্যে সন্তান জন্মদান বন্ধ বা বাধাগ্রস্ত করার পদক্ষেপ গণহত্যার অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

তবে অ্যামনেস্টির অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা কো-অর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট)। এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে সংস্থাটি অ্যামনেস্টির বিরুদ্ধে ‘হামাসের মিথ্যা বয়ানকে সমর্থন করার’ অভিযোগ তোলে। কোগাটের দাবি, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ২৭ হাজার টনের বেশি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রবেশ করেছে। বর্তমানে সেখানে ৩৫টি হাসপাতাল চালু রয়েছে, যেগুলোতে নারীদের স্বাস্থ্যসেবা ও বন্ধ্যাত্বের চিকিৎসার সুবিধাও রয়েছে।

অ্যামনেস্টি আরও জানিয়েছে, গাজার হাসপাতালগুলো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করেছে, এমন কিছু তথ্য তারা পেয়েছে। বিশেষ করে জিম্মিদের আটকে রাখা কিংবা ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের ক্ষেত্রে হাসপাতাল ব্যবহারের তথ্য রয়েছে। তবে হাসপাতালগুলো হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো বলে ইসরায়েল যে অভিযোগ করেছে, তার পক্ষে কোনো প্রমাণ পায়নি সংস্থাটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকাটিতে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয়টি হামাসের অধীনে পরিচালিত হলেও তাদের প্রকাশিত হতাহতের পরিসংখ্যানকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে গাজায় জীবিত শিশুর জন্মের সংখ্যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় ৪১ শতাংশ কমেছে। জাতিসংঘের তথ্যেও দেখা গেছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সন্তান প্রসবের সংখ্যা কমেছে।

সূত্র: এএফপি


নির্বাচিত

সৌদির সব বন্দরে হামলার হুমকি হুতিদের

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়েছে, সৌদি আরব যদি ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালায়, তাহলে দেশটির জেদ্দাসহ লোহিত সাগর উপকূলের সব বন্দরে হামলা চালানো হবে। বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি এ হুমকি দেয়। এতে সৌদি আরব ও হুতিদের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে হুতিদের একটি ড্রোন আঘাত হানে। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১১ জন আহত হন। হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোট কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেয়।

হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারির বিবৃতিতে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে ওই বন্দরগুলো থেকে নিজেদের জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

হুতিদের হুমকির পর বুধবার (২৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হোদেইদা বন্দরের কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি দেশটির সাদা ও আমরান প্রদেশে কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করার কথা জানিয়েছে জোটটি।

লোহিত সাগরের তীরে অবস্থিত হোদেইদা বন্দর ইয়েমেনের হুতিনিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশের প্রধান পথ। দেশটির লাখো মানুষের খাদ্য ও মানবিক সহায়তার জন্য বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়েমেন আমদানিনির্ভর হওয়ায় এই বন্দরের কার্যক্রম ব্যাহত হলে দেশটিতে মানবিক সংকট আরও তীব্র হতে পারে।

গত সেপ্টেম্বর থেকে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত নতুন করে জোরালো হয়েছে। ওই সময় হুতিরা লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথে গুরুত্বপূর্ণ নৌ চলাচলপথ বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হয়। এরপর সৌদি আরবের বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনায় হামলা বাড়ায় হুতিরা। পাল্টা জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।


নির্বাচিত

বিশ্বের ৫ লাখ কর্মী নেবে ইতালি থাকবে বাংলাদেশি শ্রমিকদের নামও

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্য ছাড়িয়ে এবার ইউরোপে কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশি শ্রমিকরা। সবার আগে লোক নেবে ইতালি সরকার। ইউরোপের এই দেশটিতে আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিভিন্ন খাতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোক নিলেও নাম রয়েছে বাংলাদেশেরও।

ইতালির সরকারের ঘোষিত ‘দেক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় এই নিয়োগ দেওয়া হবে। দেশটির শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলা এবং বৈধ পথে বিদেশি শ্রমিক আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। অর্থাৎ তিন বছরে মোট কর্মী নিয়োগের সংখ্যা দাঁড়াবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০।

নিয়োগের ক্ষেত্রে কৃষি ও পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব খাতে মৌসুমি কর্মীর পাশাপাশি নির্মাণ, উৎপাদন, পরিবহন, সেবা ও অন্যান্য খাতেও বিদেশিদের কাজের সুযোগ থাকবে। তিন বছরের জন্য নির্ধারিত কোটার মধ্যে ২ লাখ ৬৭ হাজার কর্মী নেওয়া হবে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি

ইতালিতে বাংলাদেশিরা কি সুযোগ পেতে পারেন

ইতালির এই কর্মী নিয়োগ কর্মসূচিতে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। দেশটির সরকারের নির্ধারিত তালিকায় বাংলাদেশি নাগরিকেরা অমৌসুমি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে বাংলাদেশিদের জন্য আলাদা করে পাঁচ লাখ বা নির্দিষ্ট কোনো বড় সংখ্যার কোটা বরাদ্দ করা হয়নি। বরং বিভিন্ন দেশের জন্য নির্ধারিত সংরক্ষিত কোটার মধ্যে বাংলাদেশও রয়েছে।

এদিকে গত ৩ নভেম্বর ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত এক সেমিনারে বৈধ অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সেখানে জানানো হয়, ইতালিতে বর্তমানে প্রায় ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় ৮০ হাজারের কাজের অনুমতি রয়েছে।

কীভাবে আবেদন করতে হবে

ইতালির ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে প্রথমে দেশটির কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে। এরপর নিয়োগকর্তা ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মীর জন্য ‘নুল্লা ওস্তা’ বা কাজের অনুমতির আবেদন করবেন। অনুমোদন পাওয়ার পর কর্মীকে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাসের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন করতে হবে। তবে নুল্লা ওস্তা পেলেই ভিসা নিশ্চিত হয় না। ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দূতাবাস। ২০২৭ সালের জন্য আবেদনপ্রক্রিয়ায়ও নির্দিষ্ট সময়সূচি রয়েছে।

ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনের তথ্য আগাম পূরণ করতে পারবেন। এরপর খাতভেদে ২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন শুরু হবে।

ইতালিতে কাজের সুযোগ পেতে শুধু চাকরির প্রস্তাব থাকলেই হবে না; সংশ্লিষ্ট কাজের দক্ষতা এবং দেশটির ভাষা সম্পর্কে ধারণাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষি, নির্মাণ, পর্যটন, উৎপাদন ও সেবামূলক কাজে অভিজ্ঞতা থাকলে কর্মীদের জন্য সুযোগ তৈরি হতে পারে।

এ ছাড়া ইতালির নতুন একটি ব্যবস্থার আওতায় দেশটির শ্রম মন্ত্রণালয় অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করা দক্ষ কর্মীরা নির্দিষ্ট শর্তে বার্ষিক কোটার বাইরেও কাজের জন্য যাওয়ার সুযোগ পেতে পারেন। এ প্রশিক্ষণে ইতালীয় ভাষা, দেশটির নাগরিক জীবন সম্পর্কে ধারণা এবং পেশাগত দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে।


নির্বাচিত

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী, ইতিহাস গড়ল পাকিস্তান

চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলী স্টেশনটিতে পৌঁছান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

চীনের মহাকাশ স্টেশন তিয়াংগংয়ে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী অবস্থান করছেন। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলী স্টেশনটিতে পৌঁছান। এর মধ্য দিয়ে চীনের মহাকাশ অভিযানে প্রথমবারের মতো বিদেশি নভোচারীর অংশগ্রহণের ঘটনা ঘটল।

চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) জানায়, বুধবার (২৫ নভেম্বর) সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে করে শেনঝৌ-২৪ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশ করে। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে সফলভাবে তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হয়। সংস্থাটি অভিযানকে সম্পূর্ণ সফল বলে জানিয়েছে।

পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলীর সঙ্গে এই অভিযানে রয়েছেন চীনের মহাকাশযানের পাইলট তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। তিন নভোচারী সফলভাবে মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন বলে সিএমএসএর বিবৃতিতে জানানো হয়। এর মাধ্যমে চীনা ও বিদেশি নভোচারীদের মধ্যে প্রথম সরাসরি মহাকাশ সংযোগ সম্পন্ন হলো।

পাকিস্তান বিমানবাহিনীর পাইলট ও পেলোড বিশেষজ্ঞ আলী চীনের কোনো মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী। কক্ষপথে অবস্থানকালে তিনি কয়েকটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এর মধ্যে ভবিষ্যৎ মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে মাইক্রোঅ্যালগি বা অণুশৈবাল উৎপাদনের পরীক্ষা রয়েছে। পাশাপাশি মহাকাশের পরিবেশ কুইনোয়া বীজের ওপর কী প্রভাব ফেলে, তা-ও পর্যবেক্ষণ করবেন তিনি।

প্রায় পাঁচ দিনের এই অভিযান শেষে আলী শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন। গত মে মাসে মহাকাশ স্টেশনে যুক্ত হওয়া ওই যানটিতে বর্তমানে চীনের নভোচারী ঝু ইয়াংঝু, লাই কাইয়িং ও ঝাং ঝিয়ুয়ান রয়েছেন। তাদের মধ্যে লাই হংকংয়ের প্রথম নভোচারী এবং বর্তমানে স্টেশনে অবস্থানরত একমাত্র নারী।

চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের অংশ হিসেবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানি নভোচারীদের প্রশিক্ষণ দিতে একটি কর্মসূচি চালুর চুক্তি হয়। এই অভিযানের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে অভিনন্দন বিনিময় করেন। তিনি মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার এবং বৈশ্বিক মহাকাশ ব্যবস্থাপনার উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ অভিযানকে দেশের জন্য ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই সাফল্য তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করবে এবং চীনের সঙ্গে পাকিস্তানের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এর আগে অভিযানটিকে দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতিফলন বলে মন্তব্য করেন।

এদিকে, চীন ২০৩০ সালের আগেই চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নিয়ে মহাকাশ কর্মসূচিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। একই লক্ষ্যে যুক্তরাষ্ট্রও আর্টেমিস কর্মসূচির মাধ্যমে প্রতিযোগিতায় রয়েছে। তিয়াংগং মহাকাশ স্টেশনে চীনের নভোচারী ঝু ইয়াংঝু আরও দীর্ঘ সময় অবস্থান করবেন। এর মাধ্যমে মহাকাশে টানা এক বছর অবস্থানের চীনের প্রথম পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে চাঁদ ও আরও দূরবর্তী মহাকাশ অভিযানের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নির্বাচিত

জানুয়ারির শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর তহবিল রয়েছে: ট্রাম্প

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

জানুয়ারির শেষ নাগাদ ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত তহবিল ওয়াশিংটনের হাতে রয়েছে এবং চাইলে যেকোনো সময় এই যুদ্ধের সমাপ্তি টানতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে মঙ্গলবার প্রকাশিত নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকারের বরাতে এ খবর জানানো হয়েছে। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ গ্রহণ করলে তাঁর সামরিক বিকল্পগুলো আরও সীমিত হয়ে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত রাখার মতো আর্থিক প্রস্তুতি তাঁর প্রশাসনের রয়েছে। সংবাদপত্রটিকে তিনি বলেন, ‘আসলে জানুয়ারির শেষ পর্যন্ত, মোটামুটিভাবে, আপনারা জানেন, আমাদের কাছে তহবিল রয়েছে।’ পাশাপাশি ওয়াশিংটন যেকোনো সময় এই সংঘাতের ইতি টানতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যখনই চাই তখনই এই যুদ্ধের ইতি টানতে পারি।’

সাক্ষাৎকারে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেন, যুদ্ধ সীমিত করার সম্ভাব্য কোনো প্রচেষ্টা তাঁর ভাষায় যুক্তরাষ্ট্রের বিজয়কে পরাজয়ে পরিণত করতে পারে। ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা হয়েছে এবং দেশটির নেতৃত্বকে নির্মূল করা হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, ‘তারা একটি পূর্ণাঙ্গ জয়কে পরাজয়ে পরিণত করবে।’

এ ছাড়া ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনার বিষয়েও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এটি ‘সম্ভবত করা সম্ভব’ হলেও তা তাঁর প্রধান লক্ষ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কেবল চাই না তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আমি কখনোই সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলাম না, এটি আমার কাছে কখনোই কোনো মানদণ্ড ছিল না।’


নির্বাচিত

নয়াদিল্লিতে সহকর্মীদের হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী , গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রীতবিহার এলাকায় নিজ সহকর্মীদের হাতে ২২ বছর বয়সী এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল সোমবারের এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত আরও তিনজন পলাতক রয়েছেন।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, দুটি ভিন্ন ক্যাফেতে কাজ করা ওই তরুণী ও তাঁর আরও ছয় সহকর্মী শুরুতে একটি ক্যাফেতে একসঙ্গে সময় কাটান এবং সেখানে মদ্যপান করেন। গতকাল দিবাগত রাত ২টার দিকে তাঁরা ওই ক্যাফে থেকে বের হয়ে আসেন। এরপর তরুণীটি তাঁর মাকে ফোন করে জানান যে তিনি মান্দাওয়ালিতে এক বন্ধুর বাসায় যাচ্ছেন। পরবর্তীতে এক পুরুষ বন্ধু ভুক্তভোগীসহ তিন নারীকে মান্দাওয়ালিতে নামিয়ে দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিজেদের বাসায় ফেরার বদলে ওই দলের সবাই মিলে প্রীতবিহার থানার আওতাধীন কাছাকাছি আরেকটি ক্যাফেতে যান। কর্মকর্তারা জানান, ওই তরুণী জানতেন যে রাতের জন্য বন্ধ হয়ে যাওয়া ক্যাফেটির চাবি একটি ফুলের টবের নিচে লুকানো থাকে। তিনিই সহকর্মীদের সবাইকে সেখানে নিয়ে যান। পরে ফুলের টবের নিচ থেকে চাবি বের করে তাঁরা ক্যাফেটি খোলেন এবং ভেতরে ঢুকে পার্টি করেন।

পুলিশ বলছে, ভুক্তভোগী তরুণীসহ সাতজনের সবাই সেই ক্যাফেতে উপস্থিত ছিলেন এবং সেখানে তাঁরা পুনরায় মদ্যপান করেন। এরপর ভোররাত সাড়ে ৩টার দিকে দলের সবাই ক্যাফে থেকে বেরিয়ে যান। পরে গতকাল ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে ওই তরুণী তাঁর অপর এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে (পিসিআর) ফোন করেন।

খবর পাওয়ার পর ভুক্তভোগীকে থানায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। পুলিশ কর্মকর্তারা জানান, তদন্ত চলাকালে ওই তরুণী অভিযোগ করেন, দুই পুরুষ সহকর্মী তাঁকে যৌন নির্যাতন করেছেন। সে সময় বাকি চারজন ঘটনাটি প্রত্যক্ষ করলেও তাঁদের কেউই কোনো বাধা দেননি।

কর্মকর্তারা আরও জানান, এ ঘটনায় দলবদ্ধ ধর্ষণের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্তদের মধ্য থেকে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক থাকা বাকি তিনজনের সন্ধান চালাচ্ছে পুলিশ।

বিষয়:

নির্বাচিত

ইসরায়েলে সরকার গঠনের চেষ্টায় প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় অবশেষে প্রথমবারের মতো জোটসঙ্গী পেলেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। তার নেতৃত্বাধীন ইয়াশার পার্টি এবং আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোম জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুই নেতার বৈঠকের পর এই সমঝোতা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য এখনো আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন আইজেনকোটের।

গত ২৭ অক্টোবরের জাতীয় নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে এটিই প্রথম জোটসংক্রান্ত কোনো চুক্তি। ওই নির্বাচনে ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন জিততে পারেনি। ফলে গত ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই পার্লামেন্ট শপথ নেয় এবং সংখ্যাগরিষ্ঠতা হারান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী দলগুলোও সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সব পক্ষের সঙ্গে আলোচনার পর আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।

দেশটির প্রচলিত আইন অনুযায়ী, সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে ২৮ দিন সময় পেয়েছেন আইজেনকোট; যা আগামী ৬ ডিসেম্বর শেষ হবে। তবে প্রয়োজনে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে তিনি ব্যর্থ হলে সরকার গঠনের পরবর্তী সুযোগ পাবেন নেতানিয়াহু। আর তিনিও যদি ব্যর্থ হন, তবে কোনো পক্ষই সরকার গঠন করতে না পারায় আগামী বছর দেশটিতে ফের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোট করে প্রত্যাশার চেয়ে ভালো ফল করলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। বর্তমানে এই জোটের আসনসংখ্যা ৫৩টি। অন্যদিকে নির্বাচনে আইজেনকোটের মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন এবং লিবারম্যানের দলের আসনসংখ্যা সাতটি। লিবারম্যানের সম্ভাব্য জোটসঙ্গীসহ আইজেনকোটের জোটের সম্মিলিত আসন দাঁড়িয়েছে ৪৮টিতে। এ অবস্থায় ১৯টি আসনের অধিকারী আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে আইজেনকোটের। কারণ, নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে ওই দলগুলোর সঙ্গে তার অবস্থানের মিল রয়েছে।

তবে আইজেনকোট ও লিবারম্যানের এই জোট গঠনের সিদ্ধান্তকে কিছুটা বিস্ময়কর হিসেবে দেখা হচ্ছে। এর আগে লিবারম্যান জানিয়েছিলেন, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই তার প্রধান লক্ষ্য। কিন্তু তিনি যেমন আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছিলেন, তেমনি নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও বিপক্ষে ছিলেন।

এদিকে আইজেনকোট, তার ‘পরিবর্তনপন্থি জোটের’ কয়েকজন শরিক এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির মধ্যেও জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। এই বহুমুখী তৎপরতা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে। তবে আইজেনকোটের নেতৃত্বে সম্ভাব্য সরকার গঠন আদৌ কতটা বাস্তবসম্মত হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

অন্যদিকে লিকুদ পার্টির সঙ্গে আইজেনকোটের আলোচনার ফলে বিরোধী শিবিরেই মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। লিকুদের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে আলোচনা এগিয়ে যাওয়ায় এবং ‘পরিবর্তনপন্থি সরকার’ গঠনের উদ্যোগে অচলাবস্থা দেখা দেওয়ায় আইজেনকোটের সঙ্গে আপাতত আলোচনা স্থগিত করেছে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি। নির্বাচনে আটটি আসন পাওয়া এই দলের প্রধান ইয়ার গোলান জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোকে সঙ্গে নিয়েই সরকার গঠনের পক্ষে।

বিষয়:

নির্বাচিত

মিয়ানমারের শীর্ষ সামরিক নেতাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) রায় দেওয়ার পর দেশটির পাঁচ শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

আইসিজে- এর রায়ের মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনও দেশ গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয় এবং ৭ লাখের বেশি রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

ওই ঘটনার পর রোহিঙ্গদের ওপর মিয়ানমারের গণহত্যা চালানোর আইসিজে-এর রায়কে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ একমত হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, ‘গণহত্যার মতো চরম নৃশংস অপরাধের জবাবে আমাদের প্রতিক্রিয়ায় নিজস্ব মূল্যবোধের প্রতিফলন ঘটানো জরুরি এবং তা হতে হবে সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমে।’

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতাধীন মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক নেতা হলেন—মায়ো হটুট হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সো এবং কিয়াও সোয়ার উ।

মিলিব্যান্ড বলেন, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কবলে পড়া মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং অসংখ্য নৃশংস ঘটনার জন্য সরাসরি দায়ী। কারণ, ২০১৭ সালে গণহত্যা চলার সময় তিনিই দেশটির সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, ‘মিয়ানমারকে অবশ্যই চলমান নিপীড়ন বন্ধ করতে হবে; অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধ করতে হবে।’

‘মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের পথে সংলাপ শুরু করা জরুরি’, বলেন তিনি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এও নিশ্চিত করে বলেছেন যে, মিয়ানমারের বিমানের জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন প্রণয়ন করা হবে।

এর আগে গত সপ্তাহে ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আইসিজে রায় দেওয়ার পরপরই তিনি যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেন।

সোমবার তিনি ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের জানান, চলতি সপ্তাহেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলবে যুক্তরাজ্য এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে একটি বিশেষ বৈঠকও হবে।

এর আগে বৃহস্পতিবার আদালত তার পর্যবেক্ষণে জানায়, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে এটিই স্পষ্ট যে, সেখানে (মিয়ানমার) ‘গণহত্যার উদ্দেশ্যই ছিল একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত’।

বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত প্যানেলের ৯-৬ সংখ্যাগরিষ্ঠ ভোটে আইসিজে ওই রায় দেয়। পাশাপাশি আদালত সংখ্যাগরিষ্ঠের রায়ে আরও জানায়, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও বেশ কয়েকটি শর্ত লঙ্ঘন করেছে।


নির্বাচিত

৬ হাজারের বেশি রোহিঙ্গাকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মালয়েশিয়া থেকে ৬ হাজার ৫০০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ডিসেম্বর মাসে নৌযান ও বিমানে করে কয়েক দফায় তাদের ফেরত পাঠানো হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে দেয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দিয়েছেন। এর মাত্র পাঁচ দিন আগে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। আনোয়ার জানান, আগামী ৬ ও ৭ ডিসেম্বর মালয়েশিয়ার নৌবাহিনীর তিনটি জাহাজে করে মিয়ানমারের ১ হাজার ৫০০ নাগরিককে ফেরত পাঠানো হবে। এ ছাড়া ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে বিমানে করে মিয়ানমারে পাঠানো হবে। এর ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।

ঐতিহাসিকভাবে মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষের জন্য আশ্রয়স্থল হিসেবে পরিচিত মালয়েশিয়া। তবে সাম্প্রতিক সময়ে বিপুলসংখ্যক শরণার্থীর উপস্থিতি নিয়ে দেশটির সরকারের মধ্যে অসন্তোষ বেড়েছে। মালয়েশিয়ার দাবি, শরণার্থীদের আশ্রয় দেয়া দেশটির জন্য আর্থিক বোঝা ও নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।

গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০।

সংস্থাটির তথ্য অনুযায়ী, তাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমার থেকে আসা। গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল। তবে কী প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে, তা স্পষ্ট ছিল না। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল মানবাধিকার সংগঠনগুলো। ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে গত সপ্তাহে দেয়া রায়ে মিয়ানমার কর্তৃপক্ষকে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়ার নির্দেশ দেন। মিয়ানমারের ভেতরে কিংবা দেশের বাইরে আশ্রয় নেয়া মানুষের ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য।

গত মাসে মিয়ানমারের সাবেক সামরিক জান্তাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথ্য দিয়েছিল মালয়েশিয়া। মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে সমালোচনা করে বলেছিল, এমন পদক্ষেপ মিয়ানমার সরকারকে বৈধতা দেয়ার ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে যাদের ফেরত পাঠানো হচ্ছে, তাদের নিরাপত্তাও বিপন্ন হতে পারে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে মালয়েশিয়ার যোগাযোগ ছিল দেশের স্বার্থ সুরক্ষার প্রচেষ্টার অংশ। পাশাপাশি এটি আইসিজের রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার ভাষায়, ওই রায়ের লক্ষ্য হলো নিপীড়নের শিকার হয়ে পালিয়ে যাওয়া মানুষের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বীকার করেন, দেশটিতে আশ্রয় নেয়া অনেক মানুষই মিয়ানমার সরকারের চালানো নৃশংসতার শিকার। তবে তার বক্তব্য, শরণার্থীদের আশ্রয় দেয়ার আর্থিক সক্ষমতা মালয়েশিয়ার নেই। তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের আশায় অপেক্ষা করেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি।

গত মাসের শেষ দিকে মালয়েশিয়া জানায়, সম্প্রতি ফেরত পাঠানো কয়েকশ অভিবাসীকে মিয়ানমারে সামরিক হেফাজতে আটকে রাখার খবরের বিষয়ে দেশটির সরকারের কাছে ব্যাখ্যা চাইবে তারা। মঙ্গলবারের বক্তব্যে আনোয়ার এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে রোহিঙ্গাসহ মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে মালয়েশিয়ার উদ্বেগের কথা আবারও তুলে ধরেন। আইসিজের রায়েও এসব উদ্বেগের প্রতিফলন রয়েছে বলে জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা। প্রধানত মুসলিম এই জনগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়।

তবে আইসিজের রায়ে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের যে শর্তের কথা বলা হয়েছে, তা বাস্তবে কীভাবে নিশ্চিত করা হবে—মালয়েশিয়ার এই নতুন প্রত্যাবাসন উদ্যোগের পর সেই প্রশ্নই সামনে এসেছে।


নির্বাচিত

প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুনের শিকার ৫ নারী ও মেয়েশিশু: জাতিসংঘ

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রায় ৪৭ হাজার নারী ও মেয়েশিশু খুন হয়েছে। এই হিসাব অনুযায়ী, বিশ্বে গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন নারী ও মেয়েশিশু আপনজনের হাতে খুন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’-এর আলাদা এক প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বজুড়ে প্রতি তিন নারীর মধ্যে প্রায় একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। তবে ভুক্তভোগীদের মধ্যে মাত্র ৭ শতাংশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। জাতিসংঘ বলেছে, দুটি প্রতিবেদনের তথ্য এক করা হলে সহিংসতার এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে—যা সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এসব ঘটনা বেশির ভাগ সময়ই লোকচক্ষুর আড়ালে থেকে যায় এবং অপরাধীদের শাস্তিও হয় কদাচিৎ। ফলে নারীরা তাদের সুরক্ষার জন্য গড়ে ওঠা বিচার ও আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর থেকে ক্রমেই আস্থা হারিয়ে ফেলছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসকে সামনে রেখে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ‘ইউএন উইমেন’ যৌথভাবে ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত বছর বিশ্বজুড়ে ইচ্ছাকৃতভাবে হত্যা করা ৭৮ হাজার নারী ও মেয়েশিশুর মধ্যে ৬০ শতাংশই নিজ সঙ্গী বা আত্মীয়স্বজনের হাতে প্রাণ হারিয়েছে। সহিংসতা থেকে বেঁচে ফেরা অনেক নারীর জন্যই নিপীড়নের বিরুদ্ধে মুখ খোলার মানে হল—নিজের আশ্রয়, সন্তান, আর্থিক নিরাপত্তা এমনকি জীবনকেও চরম ঝুঁকির মুখে ফেলা।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইউএন উইমেন- এর উপনির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুম্বনজভান্ডা বলেন, বিদ্যমান বিচার ব্যবস্থায় নীরব থাকাটাই সবচেয়ে নিরাপদ হওয়ায় সহিংসতার শিকার নারীদের সহায়তা চাওয়ার প্রবণতা কমে যাচ্ছে। তিনি বলেন, “আমরা দীর্ঘ সময় ধরে যেসব দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তার বেশির ভাগ ক্ষেত্রেই এই নীরবতা আরও গভীর হচ্ছে। আগের তুলনায় বর্তমানে সহায়তা চাওয়া নারীর সংখ্যা কমে গেছে। আমরা আসলে পেছনের দিকে হাঁটছি।’

ভুক্তভোগীরা কোনও শারীরিক প্রমাণ দেখাতে না পারলেও কিংবা নির্যাতনের প্রতিটি খুঁটিনাটি বিবরণ মনে করতে না পারলেও তাদের কথা বিশ্বাস করার জন্য তিনি সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘কাউকে বিশ্বাস করতে কোনও অর্থ ব্যয় হয় না। অথচ নির্যাতনের শিকার একজন মানুষকে বিশ্বাস করা প্রতিবারই পরিস্থিতি বদলে দিতে পারে।’ ৫৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে ইউএন উইমেন ‘অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন সারভাইভরস অব ভায়োলেন্স’ শীর্ষক প্রতিবেদন তৈরি করেছে। এতে বিশ্বজুড়ে ৮৪ কোটি নারী ও মেয়েশিশুর তাদের জীবদ্দশায় কোনও না কোনও সময় শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হওয়ার তথ্য বেরিয়ে এসেছে।

নির্যাতনের শিকার নারীদের মাত্র ২৩ শতাংশ আইনি বা প্রাতিষ্ঠানিক সহায়তা নেন। আরও উদ্বেগজনক বিষয় হল, পুলিশের কাছে নথিভুক্ত হওয়া মামলাগুলোর ৬৩ থেকে ৯৭ শতাংশ ক্ষেত্রেই শেষ পর্যন্ত অপরাধীদের কোনও সাজা হয় না। ‘ইউএন উইমেন’-এর নারী নির্যাতন প্রতিরোধ বিভাগের প্রধান ক্যালিওপি মিংগিরউ বলেন, ‘নির্যাতনের শিকার নারীদের বারবার নানা জেরা ও ভয়ভীতির মুখে পড়তে হয়। অন্যদিকে, ক্ষমতাশালী অপরাধীদের বেশির ভাগ সময়ই কোনও শাস্তি হয় না। এশিয়ায় নির্যাতনের শিকার নারীদের মাত্র ১৬ শতাংশ সহায়তা চান। এর বিপরীতে আফ্রিকায় এই হার ৩১ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৪০ শতাংশ। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে মাত্র ১৪ শতাংশ ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করেন। অনলাইনে হয়রানির চিত্রও সমান উদ্বেগজনক। ইউএন উইমেন-এর এক জরিপে অংশ নেওয়া জনজীবনে সক্রিয় বা বিভিন্ন পেশায় জড়িত ৭০ শতাংশ নারী অনলাইনে নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন।

এ প্রসঙ্গে ইউএন উইমেন- এর উপনির্বাহী পরিচালক গুম্বনজভান্ডা সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ‘ডিপফেক’ ছবি নারীদের নিরাপত্তার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ঘনিষ্ঠ সঙ্গী ও স্বজনদের হাতে নারী হত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায়। সেখানে প্রতি এক লাখ নারীর মধ্যে ২ দশমিক ৯ জন এভাবে প্রাণ হারায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকা অঞ্চল (১ দশমিক ৪), ওশেনিয়ায় ১ দশমিক ১, এশিয়ায় ০ দশমিক ৬ এবং ইউরোপে এই হার ০ দশমিক ৫। বিশ্বজুড়ে সার্বিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীহত্যার হার কমেছে অনেক ধীরগতিতে। পরিসংখ্যান বলছে, ২০১০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকা অঞ্চলে নারীহত্যার চেয়ে সাধারণ হত্যাকাণ্ডের হার প্রায় দ্বিগুণহারে কমেছে। আর ইউরোপে এই হার কমেছে দেড় গুণ দ্রুতগতিতে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার (ইউএনওডিসি) নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, “ভীতিকর মনোভাব, প্রচলিত সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা সমাজে এমন এক পরিবেশ তৈরি করছে, যেখানে স্ত্রী, মেয়ে, মা কিংবা বোনকে হত্যা করার মতো অপরাধও ‘সহনীয়’ হয়ে উঠছে।’


নির্বাচিত

ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে স্বাগত জানালেও তা যথেষ্ট নয় উল্লেখ করে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। মঙ্গলবার (২৪ নভেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস ফিলিস্তিনিদের ওপর হামলা ও সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে একটি বিল উত্থাপনের পরিকল্পনা করেছেন। মামদানি এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি ডেমোক্র্যাটদের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে মামদানি বলেন, বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ একটি ইতিবাচক পদক্ষেপ। কারণ, এসব বসতি স্থাপনকারীর কর্মকাণ্ডে বহু ফিলিস্তিনির জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে তিনি আরও বলেন, কয়েকটি মার্কিন প্রশাসনের আমলেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলারের অর্থায়ন করেছে বলে তিনি মনে করেন। এখন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের সময় এসেছে।

এদিকে জেফরিস জানিয়েছেন, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর পর প্রথম ১০০ দিনের মধ্যে বিলটি উত্থাপনের পরিকল্পনা রয়েছে তাঁর; উল্লেখ্য, জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর। সার্বিকভাবে ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ভেতরে ওয়াশিংটনের নীতি পুনর্বিবেচনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে, যেখানে বিশেষ করে ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনার দাবি উঠছে।

বিষয়:

নির্বাচিত

সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ওয়াশিংটনের সঙ্গে সংলাপের প্রশ্নে নিজেদের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পদক্ষেপ বা আলোচনা হবে না বলে স্পষ্ট করেছেন তিনি; একই সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন গালিবাফ। ইরানের এই সাতটি শর্তের মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল, বিদেশে জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত, সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্যের জবাবে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি ও অপমানজনক বক্তব্য তাদের হতাশারই বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করতে প্রস্তুত রয়েছে ইরান।

এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের পদক্ষেপ অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় সোমবার ইরানের আন্তর্জাতিক ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যে দেশটির দুই ডজনের বেশি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, ছদ্মবেশী কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। এদিকে তেহরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনার সম্ভাবনা ইরান নাকচ করে দেওয়ায় দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে।


নির্বাচিত

banner close