প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা, ২০২৪ মতপ্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সাইবার নিরাপত্তায় তৈরি খসড়া বিধিমালায় অনেক অসংগতি রয়েছে। আইনে ফাঁক থাকলে বিধিমালা ভালো হতে পারে না। আইনটি মত প্রকাশের স্বাধীনতার অন্তরায় বলেও মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা-২০২৪ পর্যালোচনা ও সুপারিশ প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও আর্টিকেল নাইনটিনের আঞ্চলিক পরিচালক (বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া) শেখ মনজুর-ই-আলমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক কাজী মাফুজুল।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা মনে করি সাইবার নিরাপত্তা আইন-২০২৩ নিবর্তনমূলক, অনেকাংশে অগণতান্ত্রিক এবং মত প্রকাশের স্বাধীনতার অন্তরায়। মূল আইনে এ ধরনের অসংগতি রেখে অধস্তন আইন প্রণয়নের উদ্দেশ্য অনেকটাই নিষ্ফল হয়ে যাবে। তাই সাইবার নিরাপত্তা বিধিমালা-২০২৪ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সব অংশীজনের উদ্বেগ, মতামত ও পরামর্শ বিবেচনায় নিয়ে এবং অর্থপূর্ণ ও কার্যকর অংশগ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ সংশোধন করতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করে কাজী মাফুজুল বলেন, সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এবং প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা-২০২৪ আমাদের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির কাঠামো সম্পর্কে যে ধারণা দিচ্ছে, তা অস্পষ্ট। প্রস্তাবিত জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, এর পরিচালক, জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমের দায়িত্ব ও কার্যাবলি সম্পর্কে বিক্ষিপ্তভাবে ধারণা দিলেও বৃহত্তর পরিসরে সাইবার নিরাপত্তা এজেন্সির সাংগঠনিক কাঠামো কী হবে সে বিষয়ে স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ।
এ বিষয়ে টিআইবির প্রস্তাবের মধ্যে রয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির একটি কার্যকর ও অর্থপূর্ণ সাংগঠনিক কাঠামো করা, নতুন ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠা না করে বর্তমান ফরেনসিক ল্যাবটিকে আধুনিক যন্ত্রপাতি, সফটওয়্যার এবং লোকবল দিয়ে সমৃদ্ধ করা, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রমে যাতে নাগরিকদের মানবাধিকার ক্ষুণ্ণ না হয় সে সংক্রান্ত মানবাধিকার সুরক্ষা বিধান প্রস্তাবিত বিধিমালায় অন্তর্ভুক্ত করা।
পরামর্শে আরও বলা হয়, সাইবার নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের ন্যূনতম ব্যক্তিগত, শিক্ষাগত এবং প্রযুক্তি যোগ্যতা বিধিমালা দিয়ে নির্দিষ্ট করে দেওয়া এবং দেশের ভেতর ও বাইরে থেকে ডিজিটাল সাক্ষ্য সংগ্রহের জন্য বিধিমালায় আইনি কার্যবিধি অন্তর্ভুক্ত করা।
ভূমি নিবন্ধনের ক্ষেত্রে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বহুদনি ধরে। দালালচক্রের দৌরাত্ম্য, প্রক্রিয়াগত জটিলতাসহ কাগজপত্র ঝামেলা তো আছেই। প্রতিটি নাগরিক ভূমি নিবন্ধন করতে গিয়ে নানান হয়রানির স্বীকার হতে হয়। দীর্ঘসূত্রতার এই হয়রানি বন্ধের সরকার দেশের অটোমেশন ল্যান্ড রেজিস্ট্রেশন বা স্বয়ংক্রিয় ভূমি নিবন্ধন ব্যবস্থার উদ্যোগ এক্ষেত্রে বড় পরিবর্তন আনবে বলে আশা করছেন সবাই। প্রচলিত কাগজনির্ভর পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে এ খাতে স্বচ্ছতা নিশ্চিত, সেবার গতি বৃদ্ধি এবং জনগণের হয়রানি কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের মাধ্যমে দেশব্যাপী দলিল নিবন্ধন সেবার আধুনিকায়নে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে, নাগরিকরা অনলাইনে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি নিবন্ধনের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা ও নিবন্ধন কার্যালয়ে বারবার যাতায়াতের প্রয়োজন কমবে। ডিজিটাল পদ্ধতিতে দলিল যাচাই এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ফলে সম্পত্তি হস্তান্তরে স্বচ্ছতা বাড়বে, অনিয়মের সুযোগ কমবে এবং নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় সময়ও সাশ্রয় হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর আগে জানিয়েছিলেন, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ বা ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে অনলাইন দলিল নিবন্ধন চালুর লক্ষ্যে সরকার আইসিটিভিত্তিক অটোমেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই উদ্যোগ দেশের বিচার ব্যবস্থার উপরও উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বিচার বিভাগের বিভিন্ন স্তরে বিচারাধীন মামলার একটি বড় অংশই ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে, যা আদালতের উপর বাড়তি চাপ সৃষ্টি করে বিচারপ্রার্থীদের আর্থিক ও মানসিক দুর্ভোগ বাড়াচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, স্বচ্ছ ও ডিজিটালভাবে যাচাইকৃত নিবন্ধন ব্যবস্থা চালু হলে মালিকানা সংক্রান্ত নথির নির্ভুলতা বাড়বে এবং জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের সুযোগ কমবে। ফলে ভূমি সংক্রান্ত বিরোধের সূত্রপাত অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে, যা আদালতে এ ধরনের মামলার চাপ কমাতে সহায়ক হবে। নিবন্ধন অধিদপ্তর জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখে। তারা বছরে প্রায় ২০,০০০ কোটি টাকা রাজস্ব আয় করে।
জনপ্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে এই অধিদপ্তর সম্পত্তির মালিকানা স্বত্ব সুরক্ষা, আইনগত নথি সংরক্ষণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং, ভূমি নিবন্ধন পরিষেবার আধুনিকীকরণ কেবল উন্নত জনসেবা প্রদানেই নয়, বরং প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নেও অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
তবে, এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সফল বাস্তবায়ন বেশ কিছু দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতা, বিশেষ করে মাঠ পর্যায়ের সীমাবদ্ধতাগুলো সমাধানের ওপর নির্ভর করবে। সম্প্রতি রাজধানীতে একটি কর্মসূচির ফাঁকে আলোচনায় নিবন্ধন মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে অনেক জনবল সংকট, দলিল ও নথি সংরক্ষণের অপর্যাপ্ত ব্যবস্থা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, অটোমেশন কার্যক্রম এগিয়ে চলার পাশাপাশি দেশব্যাপী অটোমেটেড চালান (এ-চালান) ব্যবস্থা চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। তবুও অনেক উপ-রেজিস্ট্রি অফিসে এখনও কম্পিউটার অপারেটর এবং নৈশপ্রহরীসহ সাধারণ নিরাপত্তা কর্মীদের জন্য অনুমোদিত পদের অভাব রয়েছে।
শামীমা আফরোজ বলেন, ‘নিবন্ধন অধিদপ্তর নাগরিকদের গুরুত্বপূর্ণ সম্পত্তির দলিল সংরক্ষণ করে। কিন্তু প্রয়োজনের তুলনায় জনবল না থাকায় এসব গুরুত্বপূর্ণ দলিল ঝুঁকির মধ্যে রয়েছে।’ এ অবস্থায় অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, অটোমেশন প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং নির্ভরযোগ্য সার্ভার অবকাঠামো নিশ্চিত করতে হবে। নতুন নিবন্ধন পদ্ধতি সম্পর্কে নাগরিকদের সচেতন করাও জরুরি উল্লেখ করে তিনি বলেন, নাগরিকরা যাতে নতুন নিবন্ধন পদ্ধতি বুঝতে পারেন এবং ব্যবস্থা ও বিদ্যমান নিবন্ধন বিধি সম্পর্কে জ্ঞানের অভাবে বিভ্রান্ত বা প্রতারিত না হন, তা নিশ্চিত করার জন্য জনসচেতনতাও অপরিহার্য।
প্রযুক্তিগত আধুনিকীকরণের পাশাপাশি অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়াতেও উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি নতুন সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থাপন করা হচ্ছে। মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকার মূলত তিনটি প্রতিশ্রুতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত : স্বচ্ছতা, দ্রুত পরিষেবা প্রদান এবং জনসাধারণের হয়রানি সম্পূর্ণ অবসান করা। নিবন্ধন সেবাকে আরও দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ব্যবস্থায় রূপান্তর করতে অধিদপ্তর প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারাগারে যেতে হলো ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে। আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহিকে পৃথকভাবে আদালত তাদের বিরুদ্ধে আদেশ দেন। অন্য আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন শিশু আদালত-২ অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী মো. শিখন হোসেনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
আদালত থেকে জানা যায়, এদিন তিন শিক্ষার্থীকে আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী শিখন হোসেনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এসব আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের বিজয়-২৪ হল ও নর্থ হলের মধ্যবর্তী স্থানে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। শব্দ শোনে হলের শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে ঘটনাস্থলে জড়ো হন। পরে কলেজের কয়েকজন শিক্ষার্থী তিনজনকে আটক করে মারধর করেন। একপর্যায়ে তাদের প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে নিউমার্কেট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের হাত থেকে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, অজ্ঞাতপরিচয়ে আরও তিন থেকে চারজনের সঙ্গে যোগসাজশে আটক ব্যক্তিরা কলেজ ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং তাদের জীবন ও হলের সম্পত্তির ক্ষতিসাধনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে অবিলম্বে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে এই কমিটি গঠন করতে হবে; যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন এবং আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন। আদেশের পাশাপাশি আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন। রুলে ১৬ বছর কিংবা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই নীতিমালা তৈরি ও শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিরূপণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এ রুলের জবাব দিতে হবে।
এ প্রসঙ্গে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এতে নানাভাবে তারা প্রভাবিত হচ্ছে। অনেকের মধ্যে একাকিত্ব, হতাশা ইত্যাদি অনুষঙ্গ দেখা যাচ্ছে। এতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের বরাতে উল্লেখ করা হয়েছে, ঢাকার প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজনেরও বেশি বা ৮৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়, যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমা অতিক্রম করছে। ওই গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে দৈনিক গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে। গবেষকদের তথ্যমতে, এদের এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় আক্রান্ত এবং ৮০ শতাংশ শিশুরই প্রায়ই মাথাব্যথা হয়।
গবেষণায় আরও উঠে এসেছে, প্রতিদিন দুই ঘণ্টার অধিক সময় স্ক্রিন ব্যবহারকারী শিশুদের ঘুমের সময়ও উল্লেখযোগ্য হারে কম। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়; অথচ এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। এ ছাড়া অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে, এবং দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি। এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শিশুদের সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিচার বিভাগে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক মর্যাদা দুর্নীতির বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী স্পষ্ট করেন, ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের চেয়ে তার কাছে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি বিচারকদের আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চা করার আহ্বান জানান।
বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, কোনো বিচারিক সিদ্ধান্তের কারণে বিচারকের কাজে বাধা সৃষ্টি করা কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালতের শৃঙ্খলা ও বিচারকদের পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।
আসাদুজ্জামান আরও বলেন, কেবল কাগজে-কলমে স্বাধীনতা নিশ্চিত করলেই হবে না; বিচার বিভাগের আসল শক্তি হলো বিচারকদের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ। যেকোনো চাপ, প্রভাব বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বিচারকদের নিজ বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
বিচারিক চিন্তার পরিধি বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রচলিত আইন, নজির ও নীতিমালা অনুসরণের পাশাপাশি মামলার বাস্তবতা, সমাজের পরিবর্তিত পরিস্থিতি এবং ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে। বিচারিক আদালতের যুক্তি ও সিদ্ধান্তই অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ নির্দেশনার ভিত্তি তৈরি করে—তাই সিদ্ধান্ত গ্রহণে বিচারকদের দূরদর্শিতা ও সুবিবেচনার প্রয়োগ জরুরি।
আইনমন্ত্রী বলেন, বিচারকরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। তাই অন্য পেশার সুযোগ-সুবিধার সঙ্গে নিজেদের অবস্থানের তুলনা না করে নিজ পদের মর্যাদা উপলব্ধি করতে হবে। নতুন প্রজন্মের বিচারকদের হাত ধরেই আগামী দুই দশকে দেশের বিচার বিভাগ এগিয়ে যাবে এবং মানুষের আস্থা ও বিশ্বাস সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় বিচার বিভাগকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক এবং আইন মন্ত্রণালয় ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার ২৮৭ মামলা নিষ্পত্তি করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩৮৫টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৪২ হাজার ৭৭টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৮২৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ও সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’), কারাবন্দিদের এই আইনিসেবা প্রদান করা হচ্ছে।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে এই কার্যক্রম পরিচালিত হয়।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত একটি হত্যাচেষ্টা মামলায় উত্তরা থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলম জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও হতে পারে।
এর আগে মধ্যরাত ৩টার দিকে উত্তরা এলাকার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালালে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে তিনি দীর্ঘ সময় চিকিৎসা নেন।
এরপর ভুক্তভোগী নিজে বাদী হয়ে ২০২৫ সালের ৩ মে মামলাটি করেন। এ মামলায় জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়।
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের বাসা থেকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে (৮১)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যদিও তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল।
আবেদনে উল্লেখ্য করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম নাহিদ ঘটনার বিষয়ে এবং পলাতক অপর আসামিদের বিষয়ে তথ্য প্রদান করেছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানার হাফেজ সাদিকুল ইসলাম হত্যা মামলা করা হয়েছে।
আটকের পর পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে আর্থিক সহায়তা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। আরো কিছু তদন্তের জন্য প্রয়োজনে পরবর্তীতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ভিকটিম হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম (২১) উত্তরা পশ্চিম থানাধীন জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগে পড়াশোনা করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে উত্তরা পশ্চিম থানাধীন ০৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তায় সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের ছোড়া গুলিতে পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাদিকুল ইসলাম। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানায় মামলাটি এফআইআর হিসেবে গণ্য করা হয়।
পুলিশ জানায়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত দায়ের হওয়া আরও ১০টি মামলার তথ্য রয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সংঘর্ষের ঘটনায় করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান সাত কারণ দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের হাজত খানা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটে রিমান্ড শুনানির জন্য হ্যান্ডকাফ পড়িয়ে কড়া পুলিশি পাহারায় এজলাসে হাজির করা হয়। এরপর ৪টা ৫৪ মিনিটে বিচারক উঠলে শুনানি শুরু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন, মামলার এই আসামি অন্যান্য আসামিদের সাথে নিয়ে পবিত্র মসজিদে মারামারি করেন। এবং তিনি দায়িত্ব প্রাপ্ত ইমামকে টেনে নামান। এই মামলার অন্যান্য তথ্য উদঘাটন, কে বা কার হুকুমে এই ঘটনা ঘটালেন তার সব তথ্য বের করার জন্য তার ৫ দিনের রিমান্ড প্রার্থনা করছি। এর আগে বাদী মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান মামলাটি করেন।
রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, আমাদের ধর্মীয় সব বড় মসজিদ হলো বাইতুল মোকাররম। সেখানে একটা সংগঠন রয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন থেকে মুফতি আবু সালেহ সাহেবকে দায়িত্ব দেন এবং সেদিন দায়িত্ব পালনকালে। এই অভিযুক্ত ব্যক্তি উলামা লীগের আসামি তার দলবল নিয়ে মিনার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মাইক কেড়ে নেন। রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। দেশের জাতীয় মসজিদে ভাঙচুর ও ইসলাম প্রিয় মানুষের আবেগে আঘাত করা, সব বিষয় বের করার জন্য তার ৫ দিনের রিমান্ড চাচ্ছি।
আসামি পক্ষের আইনজীবী আদালতে বলেন, আমি রিমান্ড বাতিল পূর্বক জামিন চাচ্ছি, একই সাথে পিপির বক্তব্যের বিরোধীরা করছি। মসজিদে যে মারামারির ঘটনা ঘটেছে সেসময় রুহুল আমিন উপস্থিত ছিলেন না।
এর আগে, বুধবার সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একটি গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডির রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় মুফতি রুহুল আমিন এজাহারনামীয় অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। তারা দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, মুফতি রুহুল আমিনের নির্দেশে মামলার দুই নম্বর আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তার চোখের নিচে গুরুতর জখম হয় এবং ডান চোখের দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিরা বাদীসহ উপস্থিত মুসল্লিদের মারধর করেন। এ ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। আসামিরা মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিসাধন করেন এবং বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
সিআইডির পক্ষ থেকে রিমান্ড আবেদনে সাতটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংঘর্ষে রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলীয় প্ররোচনা ছিল কি না তা অনুসন্ধান, আর্থিক লেনদেনের তথ্য উদ্ঘাটন, হামলায় জড়িত ও
নেতৃত্বদানকারীদের পরিচয় শনাক্ত এবং ঘটনার পরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ। পাশাপাশি আহত ব্যক্তিদের ওপর হামলা, মসজিদের সম্পত্তি ভাঙচুর এবং মামলার অন্য আসামিদের সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। পল্টন মডেল থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দায়ের করা মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন মুফতি রুহুল আমিন। তিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০ সেপ্টেম্বর মসজিদে সংঘর্ষের ঘটনার দুই দিন পর ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তিনি খতিবের পদ হারান।
২০১৮ সালের নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে কওমি আলেমদের এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা ঋণ নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এ মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ আরও ৯ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচজনকে পাঁচ বছর এবং দুজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সব মিলিয়ে মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনের সাজা হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—রুকমীলা জামান, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, মো. আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান ও উৎপল পাল।
এ ছাড়া আবদুল হামিদ চৌধুরী, মো. ইয়াছিনুর রহমান, মো. ইউছুফ চৌধুরী, মো. সাইফুল ইসলাম ও মো. শাহ আলমকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বজল আহমেদ বাবুল ও এম এ সবুরকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ভিশন ট্রেডিং নামের একটি শেল বা ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ইউসিবির ঋণনীতি লঙ্ঘন করে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে ভুয়া নথিপত্র ব্যবহার করে ঋণ গ্রহণ ও অর্থ পাচারের ঘটনা ঘটে বলে মামলার অভিযোগে বলা হয়।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর দায়ের করা মামলায় গত ১১ মার্চ সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর ২৬ অক্টোবরের মধ্যে ৫৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। বিপুল পরিমাণ আলামত পর্যালোচনা শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত।
ইউসিবি ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত; একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অর্থ আত্মসাৎ ও পাচারে সহযোগিতার অপরাধে তাঁর স্ত্রীকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মামলাটিতে মোট ১৭ জনকে সাজা প্রদান করেছেন আদালত।
অন্যদিকে, ১৯ জন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আরামিট গ্রুপের এজিএম আবদুল আজিজ, উৎপল পাল, জাহাঙ্গীর ও সুজন আদালতে উপস্থিত ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, মামলায় দুদকের পক্ষ থেকে ৫৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছিল এবং উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। পুরো রায় পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।
সিলেট-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত ৫টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তার নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় ৩টি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, গত ৫ আগস্ট সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে একটি এবং অপর নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন বাদী হয়ে পৃথক হত্যা মামলা দায়ের করেন। দুটি মামলাই রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
এ ছাড়া গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে প্রধান আসামি করেন সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদকে। আসামি করা হয় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাত ১০০ থেকে ১১০ জনকে।
গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং একই থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম আরেকটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে প্রধান আসামি নুরুল ইসলাম নাহিদ।
চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এই নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পেয়েছেন; কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁকে ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা, দেশে ফেরার পর কারা হেফাজতে রাখা এবং আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য সাত দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে এতে।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করে রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে নোটিশটি পাঠানো হয়েছে। এতে আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে নোটিশদাতাকে লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে; নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে রাষ্ট্রীয় গোপনীয়তা, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সংবিধান প্রদত্ত অধিকার সমুন্নত রাখার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে স্পষ্ট করেছেন, কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়ে তিনি এ উদ্যোগ গ্রহণ করেননি; বরং সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষায় একজন সচেতন নাগরিক হিসেবে নির্দলীয় ও নিরপেক্ষ অবস্থান থেকে এই নোটিশ দিয়েছেন। দীর্ঘদিন ধরে শেখ হাসিনার ভারতে অবস্থানের কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরে নোটিশে বলা হয়েছে, দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সম্পর্কে তাঁর জানাশোনা রয়েছে; তাই প্রতিবেশী রাষ্ট্রে তাঁর দীর্ঘ অবস্থান এসব তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে। পাশাপাশি ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের দৃষ্টান্ত উল্লেখ করে নোটিশদাতা মত দিয়েছেন, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানের প্রতিবেশী বা অন্য কোনো রাষ্ট্রে দীর্ঘ অবস্থান কখনো কখনো আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়াতে ভূমিকা রাখতে পারে; ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকি এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
নোটিশে উত্থাপিত সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা চাওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন উল্লেখ করে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক সুরক্ষার আলোকে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। হাইকমিশন প্রাঙ্গণে আত্মসমর্পণের পর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাঁকে আইনানুগভাবে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করে পুলিশের নিরাপত্তায় বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।
দেশে ফেরার পর জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে কারা আইন ও জেল কোড অনুযায়ী সরকারি প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ বা উপকারাগার ঘোষণা করার এবং ঢাকায় অবতরণের পর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাঁকে ওই স্থানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিলের অধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনার প্রস্তাব করে আইনজীবী মত দিয়েছেন যে, ওই ধারায় আপিল দায়েরের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত থাকলেও উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার মাধ্যমে আপিল শুনানির সুযোগ রয়েছে কি না, তা আদালতের বিবেচনার বিষয় হতে পারে। এর পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম নিরাপত্তার কারণে প্রয়োজনে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা করার এবং সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের চূড়ান্ত রায় ও আদেশ কার্যকর করার দাবিও জানানো হয়েছে নোটিশে।
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মেজর সিনহা হত্যা, বিশ্বজিত হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুনানি শুরু হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত মে মাসে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা গোটা জাতিকে নাড়া দিয়েছিল। গত ১৯ মে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। ২০ মে মামলা দায়েরের পর মাত্র চার দিনের মধ্যে ২৪ মে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ১৭ জুন আদালত সোহেল রানা ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।
তিনি বলেন, বাংলাদেশের বিচারিক ইতিহাসে এত স্বল্প সময়ে মৃত্যুদণ্ডের মামলার আপিল নিষ্পত্তির ঘটনা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও ভূমিকার কারণে এ বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে।
আইনমন্ত্রী বলেন, ঘটনা ঘটার পরপরই, এমনকি মামলা দায়েরের আগেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি রামিসার বাসায় গিয়ে তার বাবা-মাকে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। বিগত দেড় দশকে বিচারহীনতার সংস্কৃতির কারণে বিচার না পাওয়ার আশঙ্কায় রামিসার বাবা মামলা করতে অনীহা প্রকাশ করেছিলেন। সরকার তাদের ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। যত বাধা ও প্রতিকূলতাই আসুক, সরকার ন্যায়বিচারের পথ থেকে সরে আসবে না। বিগত ১৬-১৭ বছরে যারা হত্যাকাণ্ড, গুম, রাজনৈতিক নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাদের সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের প্রতি সরকারের দায়বদ্ধতা।
আইনমন্ত্রী আরও বলেন, জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় টিম পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার এ উদ্যোগে বিরোধী দলের সংসদ সদস্যদের সহযোগিতা প্রয়োজন। বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, সম্প্রতি যে বিষয়টি সংসদে উত্থাপন করেছেন, সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।