বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহম্মেদ (১৬) নামে এক কিশোর হত্যার অভিযোগের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. সাদেক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এই রিমান্ডের আদেশ দেন।
এদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বাড্ডা থানার সহকারী জিআরও এস এম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
কারাগারে আটক রাখার আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, আসামিকে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামির কাছে থেকে হত্যা মামলার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। এই তথ্যসহ আসামির নাম-ঠিকানা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে যাচাই-বাছাই প্রক্রিয়াধীন। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক ও মামলার তদন্তে বিঘ্ন ঘটানোর সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত, তাকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন।
গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন আসামি দিলীপ কুমার আগরওয়ালাকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন হৃদয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা করেন শাহাদাত হোসেন খান নামে এক ব্যক্তি।
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। তবে রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা শুরু করেন। রায়ে আদালত বলেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে এবং এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
সকালে রায় শুনতে হাইকোর্টে আসেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা; এ সময় তিনি আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন। এর আগে সোমবার (১৬ নভেম্বর) সকালেই একই হাইকোর্ট বেঞ্চে সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি হয় এবং শুনানি শেষে আজ মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। মামলাটিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী; আর আসামিপক্ষে শুনানি পরিচালনা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
মামলার বিবরণ থেকে জানা যায়, বনানীর একটি বেসরকারি অফিসে কর্মরত রামিসার বাবা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন। একই বাসার অপর একটি ফ্ল্যাটে থাকতেন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার। পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল রামিসা।
গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং হত্যাকাণ্ডের পর কক্ষের জানালার গ্রিল কেটে ১ নম্বর আসামি সোহেল রানা পালিয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ আসামি স্বপ্নাকে হেফাজতে নেয় এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করলে গত ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
তদন্ত শেষে গত ২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করলে ওই দিনই মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার আরম্ভ হয় এবং পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে একদিনেই সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলাটির রায় ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ঘোষিত ওই রায়ে ট্রাইব্যুনাল ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখার এবং ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারকে দেওয়ার আদেশ দেওয়া হয়; জরিমানা অনাদায়ে কালেক্টরেট অফিসকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে রামিসার আইনগত উত্তরাধিকারদের দেওয়ার নির্দেশনা ছিল রায়ে। পরবর্তীকালে আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে পৌঁছায় এবং দুই আসামি হাইকোর্টে জেল আপিল করেন।
রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আদালতে পৌঁছান। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে আজ মামলাটির অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমনির পক্ষে অংশ নেবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত; এ মামলা থেকে পরীমনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এর পূর্বে গত ২৯ সেপ্টেম্বর এই মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ নির্ধারিত ছিল। তবে সেদিন পায়ে ব্যথার কারণে পরীমনি আদালতে হাজির হতে না পারায় তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করেন আদালত।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনিসহ তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের কোনো বৈধ কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লিখিতভাবে সিআইডিকে জানায় যে ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল, যার মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। অভিযোগপত্রে আরও বলা হয়, তিনি মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রাখতেন এবং মাদক বহনের কাজে নিজের গাড়িটি ব্যবহার করতেন; পাশাপাশি এসব মাদক রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পরবর্তীতে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে সেই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। ওই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে উচ্চ আদালত মামলাটিতে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন।
বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে কার মানবতাবিরোধী অপরাধের মামলায় ভার্চ্যুয়ালি (অনলাইনে) যুক্ত রেখে বিচারিক কার্যক্রম পরিচালনার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। একই সঙ্গে অন্য কোনো আসামি অসংযত আচরণ, অসহযোগিতা কিংবা বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করলে তার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা যাবে।
এদিকে, সোমবার (১৬ নভেম্বর) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, সকালে জিয়াউল আহসান অসুস্থতার কথা বলে কারাগার থেকে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান। পরে নানা অজুহাতে পুলিশের সঙ্গে অসহযোগিতা করেন। তার এসব আচরণের কারণে ট্রাইব্যুনালের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়।
চিফ প্রসিকিউটর জানান, কোনো আসামি অসুস্থতা, নিরাপত্তা ঝুঁকি কিংবা অসহযোগিতার কারণে আদালতে সশরীরে হাজির হতে না পারলে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব আইনেও অডিও-ভিডিও বা ভার্চ্যুয়াল পদ্ধতিতে কার্যক্রম পরিচালনার বিধান আছে।
এর আগে, গত ১২ নভেম্বরও শাপলা চত্বর গণহত্যা মামলায় জিয়াউল আহসানের আচরণে বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির অভিযোগ তুলেছিলেন চিফ প্রসিকিউটর। সেদিনও তিনি আদালতে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার পরিচালনার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এই অভিযোগে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ডিএমপির সাবেক উপকমিশনার বিপ্লব কুমার সরকার, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, কমিটির সদস্য অধ্যাপক মুনতাসীর মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার, একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু, সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, এবিনিউজ২৪ ডটকমের সম্পাদক সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও এনএসআইয়ের মো. মনজুর আহমেদ। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই পৃথক মামলায় ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে তাঁকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি এর আগেই সমাপ্ত হয়েছে এবং আজ আসামিপক্ষের শুনানি চলছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্যানেলের অপর দুই সদস্য হিসেবে রয়েছেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে গত ১২ নভেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রাষ্ট্রপক্ষে শুনানি সমাপ্ত করে ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছিলেন। আজ আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরোধিতা করে তাঁদের বক্তব্য উপস্থাপন করবেন।
মামলাটিতে শেখ হাসিনাসহ সর্বমোট ৪১ জনকে আসামি করা হয়েছে; যাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং অবশিষ্ট ৩০ জন পলাতক আছেন। কারাবন্দি আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আবদুর রাজ্জাক, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
উল্লেখ্য, এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতে হাজির করার সময় জিয়াউল আহসানকে হাতকড়া না পরানোর ঘটনায় রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর। জিয়াউল আহসানকে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে কি না, সে সময় এমন প্রশ্নও তুলেছিলেন তিনি। তাঁর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দাঁড়িয়ে বলেছিলেন, এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এর আগে গত ১ নভেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেপ্তার ১১ জন আসামির মধ্যে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। ফলে ওই দিনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর পুনঃনির্ধারণ করেন আদালত। শহীদুল হক ছাড়াও এই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকা আসামিরা হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
এদিকে শেখ হাসিনাসহ এ মামলার বাকি ৩০ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র্যাব ডিজি মো. মোখলেছুর রহমান, তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক লে. জেনারেল মো. মজিবুর রহমান এবং সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ ও বিপ্লব কুমার সরকারসহ পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা। এর আগে গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল ৪১ আসামির বিরুদ্ধেই অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারি করেছিলেন। পরবর্তীতে পুলিশের দেওয়া নন-এক্সিকিউশন রিপোর্টের (এনইআর) ভিত্তিতে ৩ সেপ্টেম্বর পত্রিকায় আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং হাজির না হওয়ায় ১৬ সেপ্টেম্বর ৩০ আসামিকে পলাতক ঘোষণা করে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মূলত দুটি সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাতে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে অভিযান চলাকালে ৩২ জনকে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় অভিযোগে পরদিন অর্থাৎ ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জন নিহতের ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও দমনপীড়নের তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।
নেত্রকোনার মদন উপজেলায় এগারো বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে একটি মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে দণ্ডিত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুকন্যার লালন-পালন, শিক্ষা ও চিকিৎসাসহ সার্বিক ভরণপোষণের সম্পূর্ণ দায়ভার রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুছ সালাম স্পেশাল কেস নম্বর ৫৪৩/২০২৬-এর রায়ে এ দণ্ডাদেশ দেন। অন্যদিকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার অপর আসামি ও দণ্ডিত ব্যক্তির বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালতের নথি ও এজাহারের বিবরণ অনুযায়ী, পারিবারিক বিচ্ছেদের পর শিশুটির মা কর্মসংস্থানের উদ্দেশ্যে সিলেটে থাকায় শিশুটি মদনের পাথার বড়বাড়ি এলাকায় অবস্থিত হজরত ফাতেমাতুজ্জহরা (রা.) মহিলা কওমি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে অধ্যয়ন করত। শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতার পাশাপাশি স্থানীয় জামে মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন। ২০২৫ সালের ২ অক্টোবর পাঠদান শেষে মসজিদের বারান্দা পরিষ্কারের কথা বলে শিশুটিকে একটি কক্ষে নিয়ে মুখ চেপে ধরে প্রথমবার ধর্ষণ করা হয় এবং বিষয়টি প্রকাশ না করতে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে শিশুটির ওপর আরও কয়েক দফায় নির্যাতন চালানো হলে একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে চিকিৎসকের কাছে নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর শিশুটির মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ভিকটিমকে পরবর্তীতে সিলেট সরকারি নিরাপদ হেফাজত কেন্দ্রে (সেফ হোম) স্থানান্তর করা হলে সেখানে সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরিচালিত ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের জৈবিক পিতা হিসেবে দণ্ডিত শিক্ষকের অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণিত হয়।
রায়ের পর্যবেক্ষণে আদালত গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, ধর্মীয় দায়িত্ব ও শিক্ষাদানের সামাজিক অবস্থানকে অপব্যবহার করে এক অসহায় শিশুর ওপর এমন অপরাধ ক্ষমার অযোগ্য। সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে শিক্ষক কর্তৃক শিশুদের যৌন নিপীড়নের ঘটনা সমাজকে শঙ্কিত করছে উল্লেখ করে আদালত ২০০৯ সালে হাইকোর্ট বিভাগ কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে প্রদত্ত দিকনির্দেশনাসমূহ অবিলম্বে বাস্তবায়নের তাগিদ দেন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করতে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরাসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক পরিকাঠামো গড়ে তোলা জরুরি বলে অভিমত ব্যক্ত করেন বিচারক।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আদালত আদেশ দিয়েছেন যে, নবজাতক শিশুটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে বেড়ে উঠবে এবং সকল প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পিতামাতার পরিচয়ে পরিচিত হওয়ার অধিকার রাখবে। প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে না হওয়া পর্যন্ত তার সার্বিক ভরণপোষণ, চিকিৎসা ও পড়াশোনার যাবতীয় খরচ রাষ্ট্র সরাসরি বহন করবে এবং পরবর্তীতে সরকার প্রচলিত ভূমি রাজস্ব আদায়ের বিধিমালার আলোকে দণ্ডিত আসামির নিজস্ব সম্পত্তি ক্রোক বা নিলামের মাধ্যমে সেই ব্যয়িত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেবে।
কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৯ নভেম্বর) রাত দেড়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই ইমনকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। প্রথমে তার পূর্ব মজমপুর এলাকার বাসায় খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাটিকাবাড়িতে তার নানার বাড়িতে অবস্থানের তথ্য পায় পুলিশ।
ওসি জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে প্রথম দফায় অভিযান চালালেও তাকে পায়নি। পরে পুলিশের দল ফিরে এলে ইমন আবার নানার বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত দেড়টার দিকে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ঘটনার পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যান বলে জানিয়েছিলেন স্থানীয়রা। গত সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সরেজমিনে ওই ভবনে গিয়ে বাসাটি জনশূন্য দেখা যায়।
স্থানীয়দের তথ্যানুযায়ী, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। বড় ভাই আকাশ থাকেন নেদারল্যান্ডসে। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।
প্রতিবেশীরা জানান, ইমন বেসরকারি একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বারবার ফেল করার কারণে এর আগে একাধিকবার স্কুল পরিবর্তন করেছে বলে জানা গেছে। তাকে এলাকায় খুব একটা দেখা যেত না। স্থানীয়দের সঙ্গেও তার তেমন মেলামেশা ছিল না। স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় তার নাম প্রকাশ করেন প্রতিবেশীরা।
গত সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে শহরের থানা পাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। এ সময় কালো শার্ট পরা ইমন এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শোনে স্থানীয়রা এগিয়ে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন।
অভিযোগ রয়েছে, একটি কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই ইমন বিভিন্নভাবে জাকিয়াকে উত্ত্যক্ত করত। দীর্ঘদিনের এ হয়রানির প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সে জাকিয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জাকিয়ার বাবা জাকারিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। মামলার নম্বর ১৭/৪৩৯, তারিখ ৯ নভেম্বর ২০২৬।
ওসি জাকির হোসেন বলেন, ‘স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় আসামি ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সম্পদের তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শিকদার মাহমুদ রাজি ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৯ নভেম্বর) শুনানি শেষে এই আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করে এমপি হান্নান মাসউদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, আদালত রিট আবেদনটি ‘নট প্রেসড অ্যাজ বিইং রিজেক্টেড’ হিসেবে খারিজ করেছেন। শুনানিতে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে, নির্বাচনী হলফনামায় সম্পদের বিবরণীতে তথ্যের গরমিল থাকা সংক্রান্ত অভিযোগগুলো মূলত ‘কোয়েশ্চন অব ফ্যাক্ট’ বা তথ্যগত বিষয়। ফলে সংবিধানের আওতায় হাইকোর্টে রিট আবেদনের মাধ্যমে এ ধরনের বিষয়ের সরাসরি নিষ্পত্তি সম্ভব নয়।
আইনজীবী আরও উল্লেখ করেন, হলফনামার তথ্য সংক্রান্ত অভিযোগ যাচাই ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনসহ নির্দিষ্ট আইনি ও যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু রিট আবেদনকারী সেই নির্ধারিত কর্তৃপক্ষের কাছে না গিয়ে সরাসরি উচ্চ আদালতে এসেছেন। সার্বিক আইনি দিক ও প্রক্রিয়াগত বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত আবেদনটি সরাসরি খারিজের সিদ্ধান্ত দেন।
এর আগে হাতিয়া উপজেলার বাসিন্দা ও ওই আসনের ভোটার নাজমুল হোসেন গত ১৯ আগস্ট হাইকোর্টে এই রিট আবেদন দায়ের করেছিলেন। আবেদনে নোয়াখালী-৬ আসনটি শূন্য ঘোষণা এবং আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনার পাশাপাশি নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ে ইতিপূর্বে জমা দেওয়া আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছিল।
রাজধানীর গত কয়েকদিনে বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। বিশেষ করে রাত থেকে শুরু হওয়া এই অভিযান চলে ভোর রাত পর্যন্ত। এরই ধারাবাহিকতায় পুলিশ বিভিন্ন স্থান থেকে ১২ জন গ্রেপ্তার করেছে। বিশেষ করে ক্যান্টমেন্ট এলাকার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বিভিন্ন জায়গা থেকে যাদের গ্রেফতার করেছে তাদেরকে পুলিশ ছাড়াও আইনশৃংখলাবাহিনীর অন্যান্য বাহিনীও গ্রেফতার করেছে। তাদের মধ্যে থানা পুলিশের হাতে চারজন, গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) হাতে তিনজন গ্রেপ্তার হয়েছেন। সোমবার ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে ৫ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হন।
দুদকের (দুর্নীতি দমন কমিশন) মামলায় নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে মোট ৫ কোটি ৭০ লাখ ৬ হাজার ৭০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সোমবার দুদক এই দুটি মামলা করে। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে কমিশনের সহকারী পরিচালক মো. রাসেল রনি বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। বিষয়টি জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান। দুদকের এজাহার সূত্রে জানা গেছে, অসীম কুমার উকিলের বিরুদ্ধে ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার ৩২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্পদ বিবরণীতে ৫৬ লাখ ১৯ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, অসীম কুমার উকিলের মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার ৭৯০ টাকা। এর বিপরীতে তার বৈধ আয়ের পরিমাণ ৫ কোটি ৪ লাখ ৭ হাজার ৪৬৭ টাকা। অন্যদিকে অপু উকিলের বিরুদ্ধে ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৩৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করেছে দুদক। তার দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৮৯৬ টাকার সম্পদ দেখানো হলেও যাচাইয়ে ৩ কোটি ৮ লাখ ৫৭ হাজার ৮৯৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। বৈধ আয় ও পারিবারিক ব্যয় হিসাব করে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের এজাহারে আরও বলা হয়েছে, ২০১৬-১৭ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত বিভিন্ন সময়ে অপু উকিল তার স্বামী অসীম কুমার উকিলের কাছে ১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করেন। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন বা ছদ্মাবৃত করার উদ্দেশ্যে এসব লেনদেন করা হয়েছে বলে অভিযোগ করেছে দুদক।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অসীম কুমার উকিল তার আয়কর নথিতে স্ত্রীর কাছ থেকে ওই অর্থ পাওয়ার তথ্য উল্লেখ করেননি বলে দাবি করেছে দুদক।
চট্টগ্রামে ২৭৬ কোটি ৭৫ লাখ টাকার ঋণখেলাপী মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রীসহ ছয় জনকে পাঁচ মাস করে সাজা দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন। দন্ডিত অন্য বিবাদীরা হলেন- জাবেদের স্ত্রী রুকমিনা জামান, এস এম আলমগীর চৌধুরী, খোরশেদুল আলম, হাবিব উল্লাহ ও সাফিকুল ইসলাম। অথঋণ আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দীন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করায় অর্থঋণ জারি মামলায় ব্যাংকের আইনজীবী আজ রোববার ঋণখেলাপীদের সাজা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয় জনকে পাঁচ মাস করে সাজা দেন। তারা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
আদালত সূত্র জানায়, সাবেক মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের নামে আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০২৫ সালে আদালতে অর্থ মামলা করে ব্যাংক। সেই মামলায় চলতি বছরের ১ ডিসেম্বর ২৫৮ কোটি ২১ লাখ টাকার ডিগ্রী জারি করে আদালত। ৬০ দিনের মধ্যে ডিক্রীর টাকা পরিশোধ না করায় পাওনা টাকা আদায়ে গত জুলাই মাসে অর্থঋণ জারি মামলা দায়ের করে ব্যাংক। ঋণের বিপরীতে বন্ধকী সম্পদ না থাকায় নিলামে বিক্রি করে টাকা আদায় করা সম্ভব হয়নি। ছয় ঋণখেলাপী টাকা পরিশোধে আগ্রহ নেই দাবি করে তাদের সাজা দিতে আদালতে আবেদন করে ব্যাংক। তার উপর রোববার শুনানি শেষে আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪ ধারায় তাদের প্রত্যেককে পাঁচ মাস করে সাজার আদেশ দেন।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় করা হত্যা মামলায় ব্যবসায়িক অংশীদার ও বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে নৌপুলিশ বলছে, আসামি দ্বীপ মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। দ্বীপ অত্যন্ত চতুরতার সঙ্গে একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান এবং চুপ ছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, তিন দফায় ১০ দিনের রিমান্ডে আসামি দ্বীপকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওইদিনের ঘটনার বিষয়ে দ্বীপ বলেছেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান তিনি। তারা একই সঙ্গে মোটরসাইকেল গ্যারেজে যান এবং মোটরসাইকেলের কাজ করান। আরেক আসামি জেরিকা তাসনিম দিশাকে নিয়ে তারা একাধিকবার সিপি ফাইভ স্টারে স্ন্যাকস খান। রাতের বেলা নেস্ট বার অ্যান্ড রেস্টেুরেন্টে গিয়ে তিনজন বিয়ার ও ধূমপান করেন। একপর্যায়ে আসামি দিশা বাসায় চলে যায়। পরবর্তী সময়ে তাহসিফ ও দ্বীপ রাত ১২টা ৪০ মিনিটের দিকে টঙ্গী মাজার বস্তিতে পৌঁছান। তারা বস্তির ভেতর দিয়ে তুরাগ নদের তীরবর্তী একটি মাঠে যান। সেখানকার কয়েকজনকে দেখে তারা পরস্পর আলাদা হয়ে যান।
এদিন তিন দফায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারগারে আটক রাখার আবেদন করেন। পরে আসামিপক্ষে আইনজীবী মুতাসিম বিল্লাহ প্রথমবারের মতো জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার নিহতের বাবা এ কে এম এনায়েতুল করিম বাদী হয়ে মামলা করেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে সন্দেহভাজন হিসেবে দ্বীপকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ৩১ অক্টোবর প্রথম দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে গত ৩ ও ৫ নভেম্বর দুই দফায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ ছাড়া গত ১ নভেম্বর এই মামলায় আরেক আসামি জেরিকা তাসনিম দিশার চার দিন ও গত ৪ নভেম্বর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে গত শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী জেরিকা তাসনিম দিশা নতুন তথ্য দিয়েছেন। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে দিশা গুরুত্বপূর্ণ তথ্য দেন বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। পরে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে তাকে। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন দু’দফা রিমান্ড শেষে শুক্রবার (৬ নভেম্বর) দিশাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামির পক্ষে জামিন আবেদন ছিল না।’ কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, মামলার ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য দিশাকে ব্যাপকভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে দিশা জানান, তাহসিফ সাউরির সঙ্গে ঘটনার আগে ২৭ অক্টোবর রাতের বেলা উত্তরা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যান। এর আগে সন্ধ্যায় একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ খায়। মোটরসাইকেল গ্যারেজে তাহসিফ সাউরি ও দিশা একসঙ্গে যায়। দিশা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ একসঙ্গে ছিলেন এবং বিভিন্ন জায়গায় তাহসিফের সঙ্গে বাইকে ঘোরাঘুরি করেছেন বলে জানান।
এ ছাড়াও তদন্তে সন্দিগ্ধ আসামি দিশা মামলার ঘটনা সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে জানিয়ে তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, ‘আসামি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান এবং নীরবতা পালন করেন।’
তদন্তে সন্দিগ্ধ আরেকজন আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছেন। দিশা ও দীপের বক্তব্য ক্রস চেক করা হয়। এ ছাড়াও তাহসিফের মোবাইল কললিস্ট পর্যালোচনায় দিশার সঙ্গে একাধিকবার কথা বলার তথ্যপ্রমাণ পাওয়া যায়।
প্রাথমিকভাবে তদন্তে দিশা মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িত আসামিকে পুনরায় পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারেও বলে জানান তদন্ত কর্মকর্তা।
গত শনিবার কাফরুল এলাকা থেকে গ্রেপ্তারের পর রোববার দিশাকে প্রথম দফায় চার দিন এবং দ্বিতীয় দফায় গত বুধবার আরও তিন দিনের রিমান্ড দেন আদালত। আর দীপকে গত শনিবার প্রথম দফায় চার দিন, এরপর গত মঙ্গলবার তিন দিন এবং গত বৃহস্পতিবার আরও তিন দিনের রিমান্ড দেন আদালত।
তাহসিফ সাউরির ভাসমান লাশ গত ২৮ অক্টোবর বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ-পুলিশ। তিনি গত ২৭ অক্টোবর সন্ধ্যায় ‘দীপের ডাকে’ বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।