বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড, আদালতে আইনজীবীকে মারধর

আমির হোসেন আমু। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৪ ১৮:৫৫

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে শুনানির একপর্যায়ে আমুর আইনজীবীকে মারধর করে আদালত থেকে বের করে দেন একদল আইনজীবী।

এরপর আদালত আমির হোসেন আমুর বক্তব্য জানতে চান। তখন আমু বলেন, আমি ঢাকা বারের সদস্য, হাইকোর্ট বারের সদস্য। এখানকার পরিবেশ দেখে দুঃখিত। এই পরিবেশে কিছু বলা উচিত না। মামলা চলবে, ভবিষ্যতে আমি আমার বক্তব্য উপস্থাপন করব। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনেক কথা বলেছেন। আমি একজন রাজনিতিবিদ। রাজনৈতিক বক্তব্য দিতে গেলে দুই ঘণ্টা লেগে যাবে।

তিনি আরও বলেন, আমরা একে অপরের ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত। আমরা একসাথে থাকব। কেন দ্বন্দ্বে জড়াব? আশা করছি, এ পরিবেশ থাকবে না।

তখন বিএনপির আইনজীবীরা চিৎকার শুরু করেন। তারা বলেন, তিনি ভয় দেখাচ্ছেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের শান্ত করেন।

পরে আমু বলেন, আমরা যার যার পক্ষ অবলম্বন করব। নিজেরা নিজেরা কেন দ্বন্দ্বে জড়াব।

আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী গণমাধ্যমকে জানান, শুনানিতে তিনি কথা বলতে শুরু করার একপর্যায়ে তাঁকে মারধর করে আদালত থেকে বের করে দেন একদল আইনজীবী।

এর আগে গতকাল বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলার সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।


নির্বাচিত

অপহরনের পর হত্যা, মরদেহ ফেলে রাখা হয় ট্রলি ব্যাগে

* আসামির যাবজ্জীবন কারাদন্ড
ছবি: সংগৃহীত
আপডেটেড ২৬ নভেম্বর, ২০২৬ ১৭:৪৫
নিজস্ব প্রতিবেদক

অপহরনের পর হত্যা, ঘটনার ছয় বছর পর আসামির যাবজ্জীবন কারাদন্ড দিলেন আদালত। রাজধানীর ডেমরায় এক মাইক্রোবাসচালককে অপহরণের পর হত্যা করে মরদেহ রাখা হয়েছিল ট্রলি ব্যাগে। সেই ঘটনার পর ছয় বছর কেটে যাওয়ার পর অবশেষে রায় হলো বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। আসামির যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬-এর বিচারক নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদার। রায় ঘোষণার সময় লিপি ও মাহবুব আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। রাজন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার শফি নেওয়াজ নাছির রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামিকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে। এছাড়া মামলার অন্য একটি ধারায় তাদের সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সব সাজা একসঙ্গে কার্যকর হবে। মামলার এজাহার অনুযায়ী, নিহত হারুনর রশিদ হাওলাদার পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্যামপুরের জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

২০২০ সালের ২৩ নভেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি হারুন। পরদিন দুপুরে নিজের মোবাইল ফোন থেকে স্ত্রীর বোনের স্বামী কলিম শিকদারকে ফোন করেন তিনি। জানান, বিপদে পড়েছেন। বিকাশে টাকা পাঠানোর অনুরোধ করেন। হারুনের কথামতো প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১৫ হাজার টাকা পাঠান কলিম। টাকা পাঠানোর পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর পরদিন ২৫ নভেম্বর রাতে ডেমরার বামৈল বাঁশেরপুল এলাকায় গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের পাশের ডিএনডি খাল থেকে হারুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একটি খয়েরি রঙের ট্রলি ব্যাগের ভেতরে ছিল মরদেহটি। এ ঘটনায় ২০২০ সালের ২৬ নভেম্বর ডেমরা থানায় হত্যা মামলা করেন হারুনের স্ত্রী লিলি বেগম।

মামলাটি তদন্ত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক ২০২২ সালের ৩১ মে লিপি আক্তার, মাহবুব খান ও রাজন হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২৩ সালের ২৭ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে মামলার ২৩ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।


নির্বাচিত

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধে স্থায়ী নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

* জুলাই যোদ্ধাদের আবেদনে দল ও অঙ্গসংগঠন বিলুপ্ত করে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির দাবি * অনলাইন কার্যক্রম বন্ধ ও অর্থায়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চাওয়া হয়েছে
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০

বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। জাতীয় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে এ নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে দলটির অনলাইন কার্যক্রম বন্ধ, হত্যাকাণ্ড অস্বীকারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং সশস্ত্র কর্মকাণ্ডে অর্থায়নকারীদের বিচারের আওতায় আনার আবেদনও করা হয়েছে।

কয়েকজন জুলাই যোদ্ধার পক্ষে অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির হাইকোর্টে এই রিট আবেদন দায়ের করেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং এখনো শরীরে গুলির ক্ষতচিহ্ন বহন করছেন—এমন আটজনসহ সংক্ষুব্ধ ব্যক্তি ও জনস্বার্থের প্রতিনিধিত্ব করে আবেদনটি করা হয়েছে।

রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন হেলথ কার্ডধারী জুলাই যোদ্ধা এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন। সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে দায়ের করা এই আবেদনে রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

নয় কর্মকর্তা বিবাদী: রিটে মোট নয়জনকে বিবাদী করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

আবেদনকারীদের দাবি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে জাতীয় সংসদে আইন প্রণয়ন অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুসারে অধ্যাদেশ জারির বিষয়টি বিবেচনায় নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির দাবি: রিটের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে টেলিভিশন টকশো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা সেগুলোকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা এবং জুলাই যোদ্ধাদের ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারকারী চ্যানেলগুলোর ভূমিকা তদন্তের দাবি তোলা হয়েছে।

এ ধরনের বক্তব্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির কয়েকটি ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসিকে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার আবেদন রয়েছে।

অনলাইন কার্যক্রম বন্ধ ও অর্থায়নকারীদের বিচারের দাবি: রিটে আওয়ামী লীগের নামে পরিচালিত সব ধরনের অনলাইন কার্যক্রম বন্ধের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে দলটির সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট এবং চ্যানেল অপসারণ কিংবা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

পাশাপাশি দলটির সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, সহযোগিতা কিংবা মদদ দেওয়ার অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনাও চেয়েছেন রিট আবেদনকারীরা।

সব মিলিয়ে, দলটির সাংগঠনিক অস্তিত্ব থেকে শুরু করে রাজনৈতিক বক্তব্য, অনলাইন উপস্থিতি এবং কথিত অর্থায়ন—বিভিন্ন বিষয়ে রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আইনি ও প্রশাসনিক ভূমিকা নির্ধারণের দাবি উঠে এসেছে এই রিটে। তবে রিটে উত্থাপিত অভিযোগ ও দাবিগুলো এখনো আবেদনকারীদের বক্তব্য; এগুলোর আইনগত গ্রহণযোগ্যতা এবং চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিবেচনার বিষয়।


নির্বাচিত

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী শাসনামলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে এবং সে উদ্দেশ্যে দেশের সব রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য জানান তিনি। এ সময় জুলাইয়ের সব আহত ও নিহতের পরিবার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সিদ্ধান্তে সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন।

পাশাপাশি চিফ প্রসিকিউটর বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে যারা ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় যাদের আশ্রয় প্রশ্রয়ে ছিলেন বা পালাতে সহযোগিতা করেছেন তাদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ আছে। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী এবং সুমনের গুমের তদন্ত দ্রুত সম্পন্ন হবে বলেও জানান মো. আমিনুল ইসলাম।

বিষয়:

নির্বাচিত

মামলা-মোকদ্দমায় স্বচ্ছতা নিশ্চিত করতে চায় সরকার

ফাইল ছবি
আপডেটেড ২২ নভেম্বর, ২০২৬ ১৯:৩৩
নিজস্ব প্রতিবেদক

ভূমি নিবন্ধনের ক্ষেত্রে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বহুদনি ধরে। দালালচক্রের দৌরাত্ম্য, প্রক্রিয়াগত জটিলতাসহ কাগজপত্র ঝামেলা তো আছেই। প্রতিটি নাগরিক ভূমি নিবন্ধন করতে গিয়ে নানান হয়রানির স্বীকার হতে হয়। দীর্ঘসূত্রতার এই হয়রানি বন্ধের সরকার দেশের অটোমেশন ল্যান্ড রেজিস্ট্রেশন বা স্বয়ংক্রিয় ভূমি নিবন্ধন ব্যবস্থার উদ্যোগ এক্ষেত্রে বড় পরিবর্তন আনবে বলে আশা করছেন সবাই। প্রচলিত কাগজনির্ভর পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে এ খাতে স্বচ্ছতা নিশ্চিত, সেবার গতি বৃদ্ধি এবং জনগণের হয়রানি কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের মাধ্যমে দেশব্যাপী দলিল নিবন্ধন সেবার আধুনিকায়নে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে, নাগরিকরা অনলাইনে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি নিবন্ধনের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা ও নিবন্ধন কার্যালয়ে বারবার যাতায়াতের প্রয়োজন কমবে। ডিজিটাল পদ্ধতিতে দলিল যাচাই এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ফলে সম্পত্তি হস্তান্তরে স্বচ্ছতা বাড়বে, অনিয়মের সুযোগ কমবে এবং নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় সময়ও সাশ্রয় হবে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর আগে জানিয়েছিলেন, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ বা ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে অনলাইন দলিল নিবন্ধন চালুর লক্ষ্যে সরকার আইসিটিভিত্তিক অটোমেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই উদ্যোগ দেশের বিচার ব্যবস্থার উপরও উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বিচার বিভাগের বিভিন্ন স্তরে বিচারাধীন মামলার একটি বড় অংশই ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে, যা আদালতের উপর বাড়তি চাপ সৃষ্টি করে বিচারপ্রার্থীদের আর্থিক ও মানসিক দুর্ভোগ বাড়াচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, স্বচ্ছ ও ডিজিটালভাবে যাচাইকৃত নিবন্ধন ব্যবস্থা চালু হলে মালিকানা সংক্রান্ত নথির নির্ভুলতা বাড়বে এবং জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের সুযোগ কমবে। ফলে ভূমি সংক্রান্ত বিরোধের সূত্রপাত অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে, যা আদালতে এ ধরনের মামলার চাপ কমাতে সহায়ক হবে। নিবন্ধন অধিদপ্তর জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখে। তারা বছরে প্রায় ২০,০০০ কোটি টাকা রাজস্ব আয় করে।

জনপ্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে এই অধিদপ্তর সম্পত্তির মালিকানা স্বত্ব সুরক্ষা, আইনগত নথি সংরক্ষণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং, ভূমি নিবন্ধন পরিষেবার আধুনিকীকরণ কেবল উন্নত জনসেবা প্রদানেই নয়, বরং প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নেও অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

তবে, এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সফল বাস্তবায়ন বেশ কিছু দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতা, বিশেষ করে মাঠ পর্যায়ের সীমাবদ্ধতাগুলো সমাধানের ওপর নির্ভর করবে। সম্প্রতি রাজধানীতে একটি কর্মসূচির ফাঁকে আলোচনায় নিবন্ধন মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে অনেক জনবল সংকট, দলিল ও নথি সংরক্ষণের অপর্যাপ্ত ব্যবস্থা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, অটোমেশন কার্যক্রম এগিয়ে চলার পাশাপাশি দেশব্যাপী অটোমেটেড চালান (এ-চালান) ব্যবস্থা চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। তবুও অনেক উপ-রেজিস্ট্রি অফিসে এখনও কম্পিউটার অপারেটর এবং নৈশপ্রহরীসহ সাধারণ নিরাপত্তা কর্মীদের জন্য অনুমোদিত পদের অভাব রয়েছে।

শামীমা আফরোজ বলেন, ‘নিবন্ধন অধিদপ্তর নাগরিকদের গুরুত্বপূর্ণ সম্পত্তির দলিল সংরক্ষণ করে। কিন্তু প্রয়োজনের তুলনায় জনবল না থাকায় এসব গুরুত্বপূর্ণ দলিল ঝুঁকির মধ্যে রয়েছে।’ এ অবস্থায় অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, অটোমেশন প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং নির্ভরযোগ্য সার্ভার অবকাঠামো নিশ্চিত করতে হবে। নতুন নিবন্ধন পদ্ধতি সম্পর্কে নাগরিকদের সচেতন করাও জরুরি উল্লেখ করে তিনি বলেন, নাগরিকরা যাতে নতুন নিবন্ধন পদ্ধতি বুঝতে পারেন এবং ব্যবস্থা ও বিদ্যমান নিবন্ধন বিধি সম্পর্কে জ্ঞানের অভাবে বিভ্রান্ত বা প্রতারিত না হন, তা নিশ্চিত করার জন্য জনসচেতনতাও অপরিহার্য।

প্রযুক্তিগত আধুনিকীকরণের পাশাপাশি অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়াতেও উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি নতুন সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থাপন করা হচ্ছে। মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকার মূলত তিনটি প্রতিশ্রুতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত : স্বচ্ছতা, দ্রুত পরিষেবা প্রদান এবং জনসাধারণের হয়রানি সম্পূর্ণ অবসান করা। নিবন্ধন সেবাকে আরও দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ব্যবস্থায় রূপান্তর করতে অধিদপ্তর প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।


নির্বাচিত

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে তিন শিক্ষার্থীর দুজন কারাগারে

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারাগারে যেতে হলো ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে। আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহিকে পৃথকভাবে আদালত তাদের বিরুদ্ধে আদেশ দেন। অন্য আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন শিশু আদালত-২ অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী মো. শিখন হোসেনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

আদালত থেকে জানা যায়, এদিন তিন শিক্ষার্থীকে আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী শিখন হোসেনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এসব আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের বিজয়-২৪ হল ও নর্থ হলের মধ্যবর্তী স্থানে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। শব্দ শোনে হলের শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে ঘটনাস্থলে জড়ো হন। পরে কলেজের কয়েকজন শিক্ষার্থী তিনজনকে আটক করে মারধর করেন। একপর্যায়ে তাদের প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে নিউমার্কেট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের হাত থেকে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়, অজ্ঞাতপরিচয়ে আরও তিন থেকে চারজনের সঙ্গে যোগসাজশে আটক ব্যক্তিরা কলেজ ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং তাদের জীবন ও হলের সম্পত্তির ক্ষতিসাধনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।


নির্বাচিত

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে অবিলম্বে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে এই কমিটি গঠন করতে হবে; যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন এবং আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন। আদেশের পাশাপাশি আদালত এ বিষয়ে একটি রুলও জারি করেছেন। রুলে ১৬ বছর কিংবা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই নীতিমালা তৈরি ও শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিরূপণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এ রুলের জবাব দিতে হবে।

এ প্রসঙ্গে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এতে নানাভাবে তারা প্রভাবিত হচ্ছে। অনেকের মধ্যে একাকিত্ব, হতাশা ইত্যাদি অনুষঙ্গ দেখা যাচ্ছে। এতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের বরাতে উল্লেখ করা হয়েছে, ঢাকার প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজনেরও বেশি বা ৮৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়, যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমা অতিক্রম করছে। ওই গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে দৈনিক গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে। গবেষকদের তথ্যমতে, এদের এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় আক্রান্ত এবং ৮০ শতাংশ শিশুরই প্রায়ই মাথাব্যথা হয়।

গবেষণায় আরও উঠে এসেছে, প্রতিদিন দুই ঘণ্টার অধিক সময় স্ক্রিন ব্যবহারকারী শিশুদের ঘুমের সময়ও উল্লেখযোগ্য হারে কম। তারা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়; অথচ এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। এ ছাড়া অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে, এবং দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি। এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে শিশুদের সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।


নির্বাচিত

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, পাশে থাকার আশ্বাস আইনমন্ত্রীর

ছবি: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক মর্যাদা দুর্নীতির বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী স্পষ্ট করেন, ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের চেয়ে তার কাছে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি বিচারকদের আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চা করার আহ্বান জানান।

বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, কোনো বিচারিক সিদ্ধান্তের কারণে বিচারকের কাজে বাধা সৃষ্টি করা কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালতের শৃঙ্খলা ও বিচারকদের পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।

আসাদুজ্জামান আরও বলেন, কেবল কাগজে-কলমে স্বাধীনতা নিশ্চিত করলেই হবে না; বিচার বিভাগের আসল শক্তি হলো বিচারকদের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ। যেকোনো চাপ, প্রভাব বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বিচারকদের নিজ বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বিচারিক চিন্তার পরিধি বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রচলিত আইন, নজির ও নীতিমালা অনুসরণের পাশাপাশি মামলার বাস্তবতা, সমাজের পরিবর্তিত পরিস্থিতি এবং ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে। বিচারিক আদালতের যুক্তি ও সিদ্ধান্তই অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ নির্দেশনার ভিত্তি তৈরি করে—তাই সিদ্ধান্ত গ্রহণে বিচারকদের দূরদর্শিতা ও সুবিবেচনার প্রয়োগ জরুরি।

আইনমন্ত্রী বলেন, বিচারকরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। তাই অন্য পেশার সুযোগ-সুবিধার সঙ্গে নিজেদের অবস্থানের তুলনা না করে নিজ পদের মর্যাদা উপলব্ধি করতে হবে। নতুন প্রজন্মের বিচারকদের হাত ধরেই আগামী দুই দশকে দেশের বিচার বিভাগ এগিয়ে যাবে এবং মানুষের আস্থা ও বিশ্বাস সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় বিচার বিভাগকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক এবং আইন মন্ত্রণালয় ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


নির্বাচিত

সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার মামলা নিষ্পত্তি

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সরকারি খরচে অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার ২৮৭ মামলা নিষ্পত্তি করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩৮৫টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৪২ হাজার ৭৭টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৮২৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল ও সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’), কারাবন্দিদের এই আইনিসেবা প্রদান করা হচ্ছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের অধীনে এই কার্যক্রম পরিচালিত হয়।


নির্বাচিত

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতি কারাগারে

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত একটি হত্যাচেষ্টা মামলায় উত্তরা থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলম জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও হতে পারে।

এর আগে মধ্যরাত ৩টার দিকে উত্তরা এলাকার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালালে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে তিনি দীর্ঘ সময় চিকিৎসা নেন।

এরপর ভুক্তভোগী নিজে বাদী হয়ে ২০২৫ সালের ৩ মে মামলাটি করেন। এ মামলায় জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়।


নির্বাচিত

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের বাসা থেকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে (৮১)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যদিও তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল।

আবেদনে উল্লেখ্য করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম নাহিদ ঘটনার বিষয়ে এবং পলাতক অপর আসামিদের বিষয়ে তথ্য প্রদান করেছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানার হাফেজ সাদিকুল ইসলাম হত্যা মামলা করা হয়েছে।

আটকের পর পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে আর্থিক সহায়তা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। আরো কিছু তদন্তের জন্য প্রয়োজনে পরবর্তীতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ভিকটিম হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম (২১) উত্তরা পশ্চিম থানাধীন জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগে পড়াশোনা করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালে উত্তরা পশ্চিম থানাধীন ০৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তায় সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের ছোড়া গুলিতে পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাদিকুল ইসলাম। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানায় মামলাটি এফআইআর হিসেবে গণ্য করা হয়।

পুলিশ জানায়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত দায়ের হওয়া আরও ১০টি মামলার তথ্য রয়েছে।


নির্বাচিত

৫ দিনের রিমান্ডে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

সাবেক খতিব রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড, ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সংঘর্ষের ঘটনায় করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান সাত কারণ দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের হাজত খানা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটে রিমান্ড শুনানির জন্য হ্যান্ডকাফ পড়িয়ে কড়া পুলিশি পাহারায় এজলাসে হাজির করা হয়। এরপর ৪টা ৫৪ মিনিটে বিচারক উঠলে শুনানি শুরু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন, মামলার এই আসামি অন্যান্য আসামিদের সাথে নিয়ে পবিত্র মসজিদে মারামারি করেন। এবং তিনি দায়িত্ব প্রাপ্ত ইমামকে টেনে নামান। এই মামলার অন্যান্য তথ্য উদঘাটন, কে বা কার হুকুমে এই ঘটনা ঘটালেন তার সব তথ্য বের করার জন্য তার ৫ দিনের রিমান্ড প্রার্থনা করছি। এর আগে বাদী মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান মামলাটি করেন।

রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, আমাদের ধর্মীয় সব বড় মসজিদ হলো বাইতুল মোকাররম। সেখানে একটা সংগঠন রয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন থেকে মুফতি আবু সালেহ সাহেবকে দায়িত্ব দেন এবং সেদিন দায়িত্ব পালনকালে। এই অভিযুক্ত ব্যক্তি উলামা লীগের আসামি তার দলবল নিয়ে মিনার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মাইক কেড়ে নেন। রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। দেশের জাতীয় মসজিদে ভাঙচুর ও ইসলাম প্রিয় মানুষের আবেগে আঘাত করা, সব বিষয় বের করার জন্য তার ৫ দিনের রিমান্ড চাচ্ছি।

আসামি পক্ষের আইনজীবী আদালতে বলেন, আমি রিমান্ড বাতিল পূর্বক জামিন চাচ্ছি, একই সাথে পিপির বক্তব্যের বিরোধীরা করছি। মসজিদে যে মারামারির ঘটনা ঘটেছে সেসময় রুহুল আমিন উপস্থিত ছিলেন না।

এর আগে, বুধবার সন্ধ্যার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে একটি গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তার বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডির রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় মুফতি রুহুল আমিন এজাহারনামীয় অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। তারা দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, মুফতি রুহুল আমিনের নির্দেশে মামলার দুই নম্বর আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তার চোখের নিচে গুরুতর জখম হয় এবং ডান চোখের দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিরা বাদীসহ উপস্থিত মুসল্লিদের মারধর করেন। এ ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। আসামিরা মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিসাধন করেন এবং বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

সিআইডির পক্ষ থেকে রিমান্ড আবেদনে সাতটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংঘর্ষে রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা দলীয় প্ররোচনা ছিল কি না তা অনুসন্ধান, আর্থিক লেনদেনের তথ্য উদ্ঘাটন, হামলায় জড়িত ও

নেতৃত্বদানকারীদের পরিচয় শনাক্ত এবং ঘটনার পরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ। পাশাপাশি আহত ব্যক্তিদের ওপর হামলা, মসজিদের সম্পত্তি ভাঙচুর এবং মামলার অন্য আসামিদের সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। পল্টন মডেল থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দায়ের করা মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন মুফতি রুহুল আমিন। তিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০ সেপ্টেম্বর মসজিদে সংঘর্ষের ঘটনার দুই দিন পর ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তিনি খতিবের পদ হারান।

২০১৮ সালের নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে কওমি আলেমদের এক সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন।


নির্বাচিত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা ঋণ নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এ মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ আরও ৯ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচজনকে পাঁচ বছর এবং দুজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সব মিলিয়ে মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনের সাজা হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—রুকমীলা জামান, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, মো. আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান ও উৎপল পাল।

এ ছাড়া আবদুল হামিদ চৌধুরী, মো. ইয়াছিনুর রহমান, মো. ইউছুফ চৌধুরী, মো. সাইফুল ইসলাম ও মো. শাহ আলমকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বজল আহমেদ বাবুল ও এম এ সবুরকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ভিশন ট্রেডিং নামের একটি শেল বা ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ইউসিবির ঋণনীতি লঙ্ঘন করে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে ভুয়া নথিপত্র ব্যবহার করে ঋণ গ্রহণ ও অর্থ পাচারের ঘটনা ঘটে বলে মামলার অভিযোগে বলা হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর দায়ের করা মামলায় গত ১১ মার্চ সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এরপর ২৬ অক্টোবরের মধ্যে ৫৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। বিপুল পরিমাণ আলামত পর্যালোচনা শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত।

বিষয়:

নির্বাচিত

অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

ইউসিবি ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত; একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অর্থ আত্মসাৎ ও পাচারে সহযোগিতার অপরাধে তাঁর স্ত্রীকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মামলাটিতে মোট ১৭ জনকে সাজা প্রদান করেছেন আদালত।

অন্যদিকে, ১৯ জন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আরামিট গ্রুপের এজিএম আবদুল আজিজ, উৎপল পাল, জাহাঙ্গীর ও সুজন আদালতে উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, মামলায় দুদকের পক্ষ থেকে ৫৬ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছিল এবং উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। পুরো রায় পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

বিষয়:

নির্বাচিত

banner close