শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

‘নির্বাচন এলেই অতিবাম- অতিডান সক্রিয় হয়ে ওঠে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আপডেটেড
২৩ জানুয়ারি, ২০২৩ ১৮:৪৮
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ২৩ জানুয়ারি, ২০২৩ ১৮:৪০

নির্বাচন এলেই বিএনপি-জামায়াত এবং ‘উচ্ছিষ্টভোগী অতিবাম-অতিডান’ ষড়যন্ত্র করার জন্য সক্রিয় হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, ‘এক শ্রেণির মানুষ সমাজে শান্তি বিনষ্ট করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জামায়াত-বিএনপি এবং তাদের সঙ্গে কিছু উচ্ছিষ্টভোগী অতি বাম, অতি ডান, যাদের কোনো জনসমর্থ নেই, নির্বাচন আসলেই ষড়যন্ত্র করার জন্য সক্রিয় হয়ে ওঠে। আওয়ামী লীগের অর্জন এরা চোখে দেখে না। জনগণ আওয়ামী লীগের সাথে আছে দেখেই এরা ষড়যন্ত্র করতে একাট্টা হয়।’

সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ যখন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে তখন এক শ্রেণির মানুষ সমাজে শান্তি বিনষ্ট করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গত প্রায় দেড় যুগ ধরে দেশে যে স্থিতিশীলতা তৈরি হয়েছে এবং দেশ যে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এটা অনেকের সহ্য হচ্ছে না।’

ক্ষমতায় থাকতে মাদক বিএনপির একটি অস্ত্র ছিল অভিযোগ করে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এদেশের কোমলমতি কিশোরদের ধ্বংস করতে এই বিএনপি এদেশে মাদক আমদানি করে। তারা চায় না এদেশে একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠুক। পাকিস্তান ভেঙে জাতির পিতা বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম দেশ গড়ে তোলেন বলেই তাদের (বিএনপি) এদেশের মানুষের ওপর রাগ আর ক্ষোভ। এ জাতিকে ধ্বংস করার জন্য জিয়াউর রহমান ক্ষমতায় এসেই কিছু ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেন। তাদের নিয়ে বিদেশ ভ্রমণ করে আন্তর্জাতিক সন্ত্রাসীদের সাথে পরিচয় করিয়ে দেয়। বিএনপি সব সময়ই চেয়েছে দেশটা ধ্বংস হয়ে যাক। আর আওয়ামী লীগ সবসময় চেয়েছে আমাদের দেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে যাক, এদেশের মানুষ আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে গড়ে উঠুক; বিশ্বের বুকে বাঙালির পরিচয় হোক উন্নত সমৃদ্ধ আত্মমর্যাদাশীল জাতি হিসেবে। আওয়ামী লীগের সরকার চেয়েছে জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে। তেমনি সমাজের বিভিন্ন সমস্যাও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মোকাবিল করতে চাই।’

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক সম্প্রীতি কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে আ ক ম মোজাম্মেল বলেন, বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য সামাজিক সম্প্রতি নষ্ট করতে বিএনপি-জামায়াতসহ দেশি-বিদেশি চক্র সক্রিয় হয়ে উঠেছে, তখন প্রধানমন্ত্রী সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এই কমিটি গঠনের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটি জারি করা হয়।

সামাজিক কমিটির মাধ্যমে বিভিন্ন সমস্যার মূলোৎপাটন করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কামিটির কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষের আশাতীত ও স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ লক্ষ্য করা গেছে। এর ফলে গত দুর্গাপূজা দেশব্যাপী শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। কোথাও বিচ্যুতি লক্ষ্য করা যায়নি।

আওয়ামী লীগের হাবিব হাসানের প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, ‘যেসব বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বৈদেশিক অনুদানে কার্যক্রম পরিচালনা করে তাদের এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধন নিতে হয়। এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিওর সংখ্যা দুই হাজার ৫৫৪টি। এর মধ্যে দেশীয় এনজিওর সংখ্যা দুই হাজার ২৮৯টি ও বিদেশি এনজিও ২৬৫টি। বিগত ৫ বছরে এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত হয়েছে ১৮২টি এনজিও। এর মধ্যে দেশি ১৬২টি ও বিদেশি ২০টি।

বিষয়:

দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান
আপডেটেড ১২ নভেম্বর, ২০২৬ ২০:১১
নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছেন।

ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।

আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উভয় দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়া, মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আইজিপি আন্তঃদেশীয় অপরাধ দমন ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতকরণে সংযুক্ত আরব আমিরাতের সাথে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতে দেব না: ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমরা নিরাপত্তার নামে বাকস্বাধীনতা কখনো দমন করব না, কিংবা কারো মর্যাদাহানির উদ্দেশ্যে বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতেও দেব না।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ (এফএসএসএস) কর্তৃক আয়োজিত ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, এক দশকেরও বেশি সময় ধরে পূর্ববর্তী সরকার আইসিটি আইন, ডিএসএ আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মতন কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। গুজব বন্ধ করার অজুহাতে সেই আইনগুলো ছাত্রদের কারারুদ্ধ করতে, সাংবাদিকদের মুখ বন্ধ করতে এবং ভিন্নমত দমন করতে প্রয়োগ করা হয়েছিল। তিনি বলেন, সেই অন্ধকার ইতিহাসের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে তার জন্য বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।

সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, তরুণদের কেবল ডিজিটাল কনটেন্টের ভোক্তা হয়ে থাকলে চলবে না; বরং দায়িত্বশীলতা ও বিচারবুদ্ধিসম্পন্ন চিন্তাশক্তির মাধ্যমে তাদের সত্যের দূত হয়ে উঠতে হবে এবং ডিজিটাল জনপ্রিয়তার চেয়ে মানবিক মর্যাদাকে অধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ডিজিটাল সাক্ষরতার এই অগ্রযাত্রায় তোমরা নেতৃত্ব দাও। কোনো চাঞ্চল্যকর পোস্ট শেয়ার করার আগে বা কোনো ক্ষোভ সৃষ্টিকারী ভিডিওতে প্রতিক্রিয়া জানানোর আগে থামো, উৎস যাচাই করো, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলো, যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের হাতিয়ার হতে নিজের আঙুলকে প্রত্যাখ্যান করো।

ডেপুটি স্পিকার বিইউপির সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দিকে তাকালে আমি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই দেখি না, বরং আমি দেখতে পাই ‘জুলাই বিপ্লব' এর অগ্রপথিকদের। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে তোমরাই পনেরো বছরের এক স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের মুখোমুখি দাঁড়িয়েছিলে। যখন ক্ষমতাচ্যুত সরকার তাদের নৃশংসতা আড়াল করতে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখন এই বাংলাদেশে তোমারাই সত্যকে বাঁচিয়ে রেখেছিলে। তোমরাই প্রমাণ করেছ যে, কোনো স্বৈরশাসকই একটি সচেতন ও নির্ভীক প্রজন্মকে চিরতরে স্তব্ধ করে রাখতে পারে না। তোমরাই সেই প্রজন্ম যারা আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছ এবং আমাদের গণতন্ত্র উপহার দিয়েছ।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর তাঁদের নিজ নিজ পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁরা প্রত্যেকেই জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে এই পদে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পদ ছাড়ার ‘অনুরোধ’ করার কারণেই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নিশ্চিত করে বলেন, তিনি মোট পাঁচজনের পদত্যাগপত্র হাতে পেয়েছেন, যাঁদের মধ্যে দুজন বুধবার এবং বাকি তিনজন বৃহস্পতিবার পদত্যাগ করেন।

পদত্যাগকারী এই পাঁচজন শিক্ষক হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট ২১ জন সহকারী প্রক্টর দায়িত্বরত আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পদত্যাগকারী এক শিক্ষক অভিযোগ করেছেন যে, তাঁকে ডেকে নিয়ে পদত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছিল এবং এতে প্রশাসনের সুবিধা হবে বলে উল্লেখ করা হলে তিনি সরে দাঁড়াতে সম্মত হন। তবে অপর এক শিক্ষক জানান, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এবং একাডেমিক কার্যক্রমে অধিক মনোযোগী হওয়ার লক্ষ্যে এই দায়িত্ব ছেড়েছেন।

সার্বিক এই পরিস্থিতির বিষয়ে প্রক্টর মো. ইসরাফিল রতন জানান, দেশের মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন হওয়ায় যেকোনো ঘটনাকেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। তবে ঠিক কী কারণে তাঁরা পদত্যাগ করেছেন তা কেবল সংশ্লিষ্ট শিক্ষকরাই ভালো বলতে পারবেন বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগের বিষয়টি তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন।


বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বৈঠকে তারেক রহমান ও অ্যান্থনি আলবানিজ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) এই সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর দেশে সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দেশটির সহযোগিতা কামনা করেন।

জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রী কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়নের বিষয়টি আলোচনায় আনেন।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান। এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।

এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।


এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।

আজ বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে।’

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।’

সরকার সবুজ শিল্পায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।’

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা সম্ভব হবে।’

বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যমান অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। এর পাশাপাশি ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।’

তিনি বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।’

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।’

তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি ঋণ ও ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত এবং সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করার আহ্বান জানান।

এ ছাড়া ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব করেন তিনি।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ আশা করে, এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য।’

বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি, বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’


সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চীফ হুইপ

#অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ও বিরোধী দলসহ সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দারিদ্র্য ও অর্থনৈতিক অসচ্ছলতা দূর না হলে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাসস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সম্ভব নয়। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর উদ্যোগে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দি আহমদ বীর বিক্রম।

চীফ হুইপ বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সর্বদলীয় সংসদীয় ককাস গঠন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে এই ককাস গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পিছিয়ে পড়া মানুষের অধিকার, সুযোগ ও জীবনমান উন্নয়নের বিষয়ে সম্মিলিতভাবে কাজ করা। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির প্রতিনিধিদেরও এ উদ্যোগে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যের বাস্তবতায় মানুষের কাছে পৃথিবীর সৌন্দর্যও অনেক সময় অর্থহীন হয়ে পড়ে। অর্থনৈতিকভাবে অসচ্ছল একজন মানুষের পক্ষে নিজের মৌলিক চাহিদা পূরণ করাই কঠিন। পরিবারের সন্তানদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানো, পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা কিংবা নিজের ও পরিবারের জন্য প্রয়োজনীয় পোশাক ও বাসস্থানের ব্যবস্থা করাও তার পক্ষে সম্ভব হয় না। অর্থনৈতিক সক্ষমতা মানুষের আত্মমর্যাদা ও সামাজিক অবস্থানের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। তাই মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই হতে হবে উন্নয়ন কার্যক্রমের অন্যতম প্রধান লক্ষ্য।

বাংলাদেশের জনসংখ্যা ও সীমিত ভূমিসম্পদের বাস্তবতা তুলে ধরে চীফ হুইপ বলেন, স্বাধীনতার পর দেশের জনসংখ্যা প্রায় সাড়ে সাত কোটি থেকে বেড়ে বর্তমানে প্রায় ১৮ কোটিতে পৌঁছেছে। অন্যদিকে জনসংখ্যার তুলনায় ভূমির পরিমাণ সীমিত। ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের চাহিদা পূরণ করা একটি বড় চ্যালেঞ্জ। এ বাস্তবতায় দেশের উন্নয়ন পরিকল্পনায় সকল মানুষের অংশগ্রহণ ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, প্রাকৃতিক সম্পদই একটি দেশের সমৃদ্ধির একমাত্র ভিত্তি নয়। সিঙ্গাপুরের মতো সীমিত প্রাকৃতিক সম্পদসম্পন্ন দেশও দক্ষ মানবসম্পদ, সুশাসন, পরিকল্পনা ও কার্যকর অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বে সমৃদ্ধির উদাহরণ সৃষ্টি করেছে। অন্যদিকে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও অনেক দেশ দারিদ্র্য ও অর্থনৈতিক সংকট থেকে বের হতে পারেনি। সুতরাং বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ, উৎপাদনমুখী অর্থনীতি, সঠিক পরিকল্পনা এবং দায়িত্বশীল নাগরিক সমাজ।

বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে চীফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। বিশেষ করে কৃষক, নিম্ন আয়ের পরিবার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব কর্মসূচির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে।

শিক্ষাব্যবস্থার সংস্কার ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা শুধু সনদ অর্জন না করে বাস্তব জীবনের উপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। একই সঙ্গে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং উৎপাদনশীল কাজের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। আমাদের ভোগের পাশাপাশি উৎপাদনেও সক্ষম হতে হবে।

তিনি আরও বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধানে সরকার কাজ করছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের সক্ষমতা বাড়াতে সময়োপযোগী পরিকল্পনা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এসব সমস্যার সমাধানে বাস্তবতা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আলোচনা ও সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

চীফ হুইপ বলেন, জাতীয় সংসদকে জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে গড়ে তুলতে মাননীয় স্পীকারের নেতৃত্বে সংসদীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সর্বদলীয় সংসদীয় ককাসের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন এবং সেগুলোর বাস্তবায়নে সংসদীয় উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।

তিনি অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের উদ্দেশে বলেন, আপনারা শুধু সমস্যার কথা তুলে ধরবেন না, পাশাপাশি বাস্তবায়নযোগ্য সুপারিশ ও প্রস্তাবও উপস্থাপন করবেন। জনগণের কল্যাণে কার্যকর ও বাস্তবসম্মত কোনো প্রস্তাব এলে সরকার ও জাতীয় সংসদের পক্ষ থেকে তা বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে।


সরকারি প্রণোদনা, কর ছাড় ও নীতিসহায়তায় বাড়ছে সৌরবিদ্যুতে আগ্রহ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাসস

সরকারি প্রণোদনা, সৌর সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক ছাড় এবং নীতিগত নানা উদ্যোগের ফলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করার পাশাপাশি জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগও রাখা হয়েছে।

এসব উদ্যোগের মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় কমানো এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এতে বাংলাদেশে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার দিন দিন বাড়ছে।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের প্রকৌশলী মো. আখতারুজ্জামান নিজের প্রতিষ্ঠান ‘সালেহা অয়েল মিল’-এর বিদ্যুৎ চাহিদা মেটাতে ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করেছেন।

২০২৩ সালের ডিসেম্বরে উৎপাদন শুরু করা তার সৌরবিদ্যুৎ ব্যবস্থায় রয়েছে ৯টি প্যানেল, যার মোট উৎপাদনক্ষমতা ৫.২৩ কিলোওয়াট। এটি স্থাপনে তার ব্যয় হয়েছে ১ লাখ ৮৪ হাজার টাকা। উৎপাদিত বিদ্যুতের একটি অংশ তিনি নিজ প্রতিষ্ঠানে ব্যবহার করেন। উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করেন।

আখতারুজ্জামান বলেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে তিনি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। নিজের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতি মাসে গড়ে ৫৫০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেন। এ থেকে মাসে ৬ থেকে ৭ হাজার টাকা আয় হয় বলে জানান তিনি।

তিনি বলেন, অর্থায়ন পেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়ন সুবিধা থাকলেও সাধারণ গ্রাহকদের সরাসরি ঋণ পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। ফলে আগ্রহ থাকলেও অনেকের পক্ষে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ করা কঠিন হয়ে পড়ে।

নিজ উদ্যোগে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে বিদ্যুৎ বিল কমিয়েছেন নওগাঁর নিয়ামতপুরের চকগোপাল গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন। তবে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করতে নেট মিটারিংয়ের অনুমতি না পাওয়ায় এ সুবিধা চালু করতে পারছেন না বলে জানান তিনি।

সাব্বির হোসেনের সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ৫৮৫ ওয়াট ক্ষমতার সাতটি প্যানেল রয়েছে। সব মিলিয়ে প্যানেলগুলোর স্থাপিত ক্ষমতা ৪ হাজার ৯৫ ওয়াট বা প্রায় ৪ দশমিক ১ কিলোওয়াট-পিক। পুরো ব্যবস্থাটি স্থাপন করতে তার প্রায় ১ লাখ ৭৩ হাজার টাকা ব্যয় হয়েছে।

তিনি জানান, বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি তিনি পানির উত্তোলনের মোটর চালাতেও সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। এ ব্যবস্থা চালুর পর তার বিদ্যুৎ বিল কমেছে। আগে সাধারণ সময়ে বাসাবাড়ির বিদ্যুৎ বিল প্রায় ১ হাজার ৫০০ টাকা আসত। বর্তমানে তা ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে থাকছে।

আখতারুজ্জামান ও সাব্বির হোসেনের মতো অনেকেরই নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানো, মাসিক বিদ্যুৎ বিল কমানো এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ সৌরবিদ্যুতের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষ করে বাসাবাড়ি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং কৃষিকাজে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

একইভাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদ ও অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের ওপর দিনের বেলার চাহিদার চাপ কমাতে এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন কমাতেও ভূমিকা রাখছে। ফলে ব্যক্তিগত সাশ্রয়ের পাশাপাশি দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির বৈচিত্র্য আনার ক্ষেত্রেও সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় গ্রিডে এর অবদানও বাড়ছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে জাতীয় গ্রিডে অন-গ্রিড সৌরবিদ্যুতের অবদান ছিল ১ হাজার ২০ মেগাওয়াট। নভেম্বরের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ মেগাওয়াটে।

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে অর্থায়ন সহজ করতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করবে সরকার। গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা করছে সরকার।

গ্রাহক নিজে সৌরবিদ্যুৎ ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে তা প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে ২০৩০ সাল পর্যন্ত কিনবে সরকার। এজন্য বিদ্যুৎ বিভাগ গত ১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুতের নেট মিটারিং সংযোগ পেলে এ সুবিধা পাওয়া যাবে।

নেট মিটারিং ব্যবস্থায় গ্রাহক সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ নিজে ব্যবহার করতে পারেন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ বিতরণব্যবস্থায় সরবরাহ করতে পারেন। এজন্য অনলাইনে নেট মিটারিং সংযোগের আবেদন করা যায়। এ ব্যবস্থায় গ্রাহকের সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ হিসাব করে বিদ্যুৎ বিল সমন্বয়ের সুযোগ রয়েছে।

সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় কমাতে যোগ্য সৌর সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানিতে কর ছাড়ের সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত সরঞ্জাম আমদানিতে মোট করের হার ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর আগে এসব সরঞ্জামে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ কর দিতে হতো।

কর ছাড়ের ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রাথমিক ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়েছে। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিনিয়োগ উৎসাহিত হতে পারে। তবে কোন কোন সরঞ্জাম এ সুবিধার আওতাভুক্ত, তা এনবিআরের সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত হবে।

সৌরবিদ্যুতের সম্প্রসারণে গত ১৯ অক্টোবর সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এতে ছাদ, আঙিনা, পরিত্যক্ত জমি, চা বাগান, জলাশয় ও কৃষি-সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় প্রকল্প স্থাপনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত শর্তে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যাবে।

অধ্যাদেশে ওপেক্স মডেলে অর্থায়ন, নেট মিটারিং, সার্ভিস প্রোভাইডার নির্বাচন এবং প্রকল্প তদারকির বিধান রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবস্থার চুরি, ভাঙচুর, অবৈধ সংযোগ ও কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্ভিস প্রোভাইডারদের জেলাভিত্তিক তালিকা সংরক্ষণ করবে। গ্রাহকেরা প্রতিযোগিতামূলক প্রক্রিয়া বা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন।

সৌরবিদ্যুতের সম্প্রসারণ ও নীতিগত সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধানও রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা কারিগরি ও সমন্বয় কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটি মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করবে।

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে মোট বিদ্যুতের ২০ শতাংশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ হাজার ৪৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনক্ষমতা যুক্ত করার পরিকল্পনার কথা খসড়ায় উল্লেখ রয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা যুক্ত করার লক্ষ্য রয়েছে।

সরকারি সব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত সেবা সহজ করতে বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর মাধ্যমে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে।

গত ৩ ও ৪ নভেম্বর বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) উদ্যোগে সোলার এক্সপোর আয়োজন করা হয়। এতে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে উন্নয়ন সহযোগীদের সহায়তা কামনা করেন। তিনি বলেন, শুধু বড় প্রকল্পে নয়, স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগেও অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ রয়েছে। সৌরবিদ্যুৎ খাতে প্রবাসী বাংলাদেশিদেরও বিনিয়োগের সহজ সুযোগ রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রণোদনা, করছাড়, নতুন নীতিগত উদ্যোগ ও সহজ অর্থায়ন কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়বে। এতে গ্রাহকদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের সুযোগ বাড়ার পাশাপাশি জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের সরবরাহও বাড়ানো সম্ভব হবে।

তারা বলেন, নেট মিটারিং সংযোগের আবেদন, অনুমোদন ও প্রয়োজনীয় শর্ত সম্পর্কে গ্রাহকদের স্পষ্ট নির্দেশনা দিতে হবে। একই সঙ্গে আবেদন প্রক্রিয়া সহজ করা এবং অনুমোদনের অগ্রগতি জানার সুযোগ নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিনেও নেট মিটারিং সংযোগ না পাওয়ায় অনেক গ্রাহক সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন। এ পরিস্থিতি দূর করতে দ্রুত নেট মিটারিং সংযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

জ্বালানি বিশেষজ্ঞ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর এনার্জি রিসার্চের (সিইআর) পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী সৌর সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানোসহ সরকারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এসব উদ্যোগ সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। তবে সাধারণ গ্রাহকদের বড় অংশ স্থানীয় বাজার থেকে সরঞ্জাম কেনেন। ফলে আমদানি শুল্ক কমানোর সুফল তাদের কাছে সরাসরি পৌঁছায় না।

তিনি বলেন, সৌরবিদ্যুতের প্রসারে স্থানীয় বাজারে কর ও ভ্যাট কমানো, দুই থেকে পাঁচ বছর মেয়াদি প্রণোদনা এবং সহজ শর্তে অর্থায়ন প্রয়োজন। পাশাপাশি নেট মিটারিংয়ের অনুমোদন প্রক্রিয়া সহজ করতে হবে। এছাড়া সৌরবিদ্যুৎ স্থাপনে প্রাথমিক বিনিয়োগের চাপ কমাতে দীর্ঘমেয়াদি ঋণ ও সহজ কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ নিশ্চিত করা জরুরি।

সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ ও স্থাপনে উৎসাহ দিতে শুল্কছাড় ও অন্যান্য সুবিধা দুই থেকে পাঁচ বছরের জন্য দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে পরামর্শ দেন তিনি।


রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার

ছবি: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সন্তানহারা মায়ের আহাজারি আর রাজপথে ঝরা রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যে বিচারের আগেই পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, প্রতিবেশী দেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চলছে। বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

কায়সার কামাল বলেন, ‘ফ্যাসিজম এখন ভারত থেকে উঁকি দিচ্ছে। রক্তের দাগ এখনো শুকায়নি, মায়ের আহাজারি এখনো থামেনি, বিচার এখনো সমাপ্ত হয়নি। অথচ ফ্যাসিস্টরা আবারও সিগন্যাল দিচ্ছে। আমাদের তো লজ্জা হওয়া উচিত। আজ কেন তরুণ প্রজন্ম এখনো ঘরে বসে আছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের কোনো উপাদান আবারও বাংলার মাটিতে ফিরে আসুক, তা দেশের মানুষ চায় না। ফ্যাসিবাদের কারণে দেশ পিছিয়ে পড়েছিল। ২০২৪ সালে তরুণ সমাজের নেতৃত্বেই দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে।’ দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল।


প্রায় সাড়ে ৬ হাজার মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

সংসদে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে এখন পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জন বীর মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি হয়।

মুক্তিযুদ্ধমন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে এ পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল করা হয়েছে।

নওগাঁ-৪ আসনের এমপি ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে।’

রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করার বিষয়ে কুড়িগ্রাম-২ আসনের এমপি আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে আহমেদ আযম খান জানান, এ জন্য সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ইতোমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরও বৈঠক ও সভার আয়োজন করে সেসব সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা প্রণয়নের কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে। এর মাধ্যমে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।

একই বিষয়ে এমপি মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নের কৌশল নির্ধারণে গোলটেবিল বৈঠক করা হয়েছে। আরও সভা করে সুপারিশের ভিত্তিতে তালিকা তৈরির কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে।’

সিরাজগঞ্জ-৪ আসনের এমপি মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে আরও ২৫ হাজার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য আবাসন বরাদ্দ দেওয়া সম্ভব হবে।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আগের পর্যায়ে জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসনসুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ ধরনের সমস্যা এড়াতে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে—এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এতে সঠিক জমিতে বাড়ি নির্মাণ ও প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা যাবে।’

নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীরা উপজেলা পর্যায়ের হাসপাতালে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ের হাসপাতালে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে ৩০ হাজার টাকা চিকিৎসাসহায়তা পাবেন। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় বছরে সর্বোচ্চ এক লাখ ও জটিল রোগের চিকিৎসায় পাঁচ লাখ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী বা স্বামীর চিকিৎসার ক্ষেত্রে উপজেলা পর্যায়ে বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা, জেলা পর্যায়ে ২০ হাজার ও বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও জটিল রোগের চিকিৎসায় দুই লাখ টাকা পর্যন্ত সুবিধা রয়েছে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসহায়তা ও সামাজিক নিরাপত্তাসুবিধা আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

এদিকে কিশোরগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হয়েছে। সেখানে গ্রন্থাগারের ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব জাদুঘর স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে।


রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে মিলবে ৯০ দিনের ঋণসুবিধা

গ্রাফিক্স ছবি। দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রমজানকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে ১১ ধরনের পণ্য বাকিতে আমদানির সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। তাতে বলা হয়েছে, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটি আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বিলম্বে অর্থ পরিশোধের সুবিধা পাবেন আমদানিকারকরা।

বাংলাদেশ ব্যাংক বলছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে উল্লিখিত ১১ ধরনের পণ্য আমদানিতে বিশেষ এই সুবিধা দেওয়া হয়েছে। এখন থেকে এসব পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি বা সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) আওতায় এ সুবিধা নিতে পারবেন আমদানিকারকরা।

এই সুবিধার আওতায় আমদানির ক্ষেত্রে পণ্য দেশে আসার পরপরই আমদানিকারককে পুরো আমদানিমূল্য পরিশোধ করতে হবে না। নির্ধারিত মেয়াদ শেষে বা বিলম্বে আমদানি মূল্য পরিশোধের সুযোগ পাবেন আমদানিকারকরা। তাতে পণ্য বিক্রি করে ব্যাংকের দায় পরিশোধের সুযোগ থাকবে। এতে আমদানিকারকদের মূলধনের চাপও কিছুটা কমতে পারে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংকসংশ্লিষ্টরা।

সাধারণত রমজান মাসে দেশে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুরের মতো পণ্যের চাহিদা বাড়ে। এ সময়ে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দামের ওপর চাপ কমানো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে আমদানিকারকরা এসব পণ্য আমদানিতে উৎসাহিত হবেন বলে মনে করছেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে গত ৮ নভেম্বর রমজান মাসকে সামনে রেখে এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলো ছিল চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। এলসি বা আমদানি ঋণপত্র খোলার সময় ব্যবসায়ী বা আমদানিকারককে ব্যাংককে যে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বা সিকিউরিটি জমা দিতে হয়, তাকেই এলসি মার্জিন বলা হয়। এটি সাধারণত মোট এলসি মূল্যের একটি নির্দিষ্ট শতকরা হার হয়ে থাকে। যেমন মার্জিন ১০০ শতাংশ হলে আমদানির সমপরিমাণ অর্থই নগদ জমা দিয়ে এলসি খুলতে হয়। মার্জিন ন্যূনতম বা শিথিল হলে খুব অল্প পুঁজি বা ব্যাংকের সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে কম নগদ জমার মাধ্যমেই এলসি খোলা সম্ভব হয়।


ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বাগত জানালেন বিরোধীদলীয় নেতা

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল, সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে সেই ঐক্যকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেয়ারও তাগিদ দিয়েছেন তিনি। বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। পরে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা জাতীয় ঐক্যের বিষয়টি সমর্থন করেন। বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে ধন্যবাদ জানান।

সংসদে দুই নেতার বক্তব্যে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তৈরি হওয়া ঐক্য ধরে রাখা এবং ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর বিষয়টি গুরুত্ব পায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ বিভিন্ন পক্ষ নিচ্ছে, তা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো ধর্ম, কখনো হরতাল, আবার কখনো অন্য নাম ব্যবহার করা হচ্ছে। এসব কর্মসূচির উদ্দেশ্য দেশে অস্থিরতা সৃষ্টি করা বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নয়, বরং ঐক্য ও সম্মিলিত অবস্থান প্রয়োজন বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ নিচ্ছে বিভিন্ন পক্ষ, সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো এটার নাম ধর্ম, কখনো হরতাল, কখনও ভিন্ন নাম দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, তারা যেন এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, বর্তমান পরিস্থিতিতেও সেই ঐক্য প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন এবং তাদের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে।’ দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে এ ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে যে সম্মিলিত অবস্থান তৈরি হয়েছিল, তা যেন সময়ের সঙ্গে দুর্বল হয়ে না পড়ে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।’ সরকার ও বিরোধী দলের পাশাপাশি সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমি আশা করব, আমরা সরকারি দল, বিরোধী দল, সব দল, সংসদের ভেতরে-বাইরে সবাই ঐক্যবদ্ধভাবে একটা বিষয়ে ঐক্যবদ্ধ থাকি, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অব্যাহত থাকুক এবং এ দেশে আর কোনো দিন যাতে ফ্যাসিবাদী শক্তি, কোনো পতিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে রকম কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনি মন্ত্রীর বক্তব্যের শেষাংশ থেকে কথা শুরু করতে চান।’ জাতীয় ঐক্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। উনার এই ফিলিংসের জন্য ধন্যবাদ।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে ঐক্য তৈরি হয়েছিল, সেটি দেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সেই ঐক্যের চেতনাকে ধরে রেখে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষকে আবার ফ্যাসিবাদীদের যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া উচিত হবে না। অতীতে যে পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে যেতে হয়েছে, তার পুনরাবৃত্তি ঠেকানো রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব।’

তিনি বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। যারা ফ্যাসিবাদী শক্তিকে আশকারা দিয়েছে বা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করছে, তাদের বিষয়ে জনগণই বিচার করবে। তবে শুধু রাজনৈতিক বক্তব্য বা সংসদীয় আলোচনা দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে আলোচনার পর কার্যকর উদ্যোগ নেয়া জরুরি।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীতে আমরা এখানে বসে যা বলব, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।’ বিরোধীদলীয় নেতা বলেন, ‘জাতীয় ঐক্যের আহ্বানকে বাস্তবে রূপ দিতে হবে। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, বিভিন্ন বিষয়ে বিতর্কও হবে। কিন্তু দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবেশ এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে দায়িত্বশীল অবস্থান থাকা প্রয়োজন।’ জনগণ যেন আর অতীতের মতো রাজনৈতিক নিপীড়ন ও দুঃসহ পরিস্থিতির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেতার বক্তব্যে কিছু অম্লমধুর কথা থাকলেও জাতীয় ঐক্যের বিষয়ে তিনি যে কথা বলেছেন, তা গুরুত্বপূর্ণ। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা-সমালোচনা থাকবে। গণতান্ত্রিক সংসদে মতপার্থক্য ও বিতর্ক স্বাভাবিক বিষয়। তবে এসব আলোচনা ও বিতর্ক সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে এবং সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই তা পরিচালিত হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে সংসদে জাতীয় ঐক্যের আহ্বানটি তুলে ধরেন।


দুই বছরেও অধরা লুটের ১,৩০৯ অস্ত্র

* অভিযানে বাধা অস্ত্রের হাতবদল ও অবস্থান শনাক্তের জটিলতা * গোয়েন্দা সমন্বয় ও পুরস্কারেও মিলছে না সব অস্ত্রের সন্ধান
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান, অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে নানা উদ্যোগ নেওয়া হলেও জননিরাপত্তার উদ্বেগ কাটছে না। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা থেকে লুট হওয়া ১ হাজার ৩০৯টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। নিখোঁজ রয়েছে ২ লাখ ৫৭ হাজার ১১৩ রাউন্ড গুলিও। এরই মধ্যে লুট হওয়া কিছু অস্ত্র হত্যাকাণ্ড, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহারের প্রমাণ মিলেছে। ফলে এসব অস্ত্র অপরাধী চক্রের হাতে থেকে যাওয়ার আশঙ্কা নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

অন্যদিকে অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং হাজার হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং সংঘবদ্ধ অপরাধের ঘটনায় মানুষের নিরাপত্তাহীনতা কাটেনি। কয়েকটি গুরুত্বপূর্ণ অপরাধের মামলাও বেড়েছে।

এখনো নিখোঁজ ১,৩০৯ আগ্নেয়াস্ত্র: পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, ২০২৬ সালের ২৬ আগস্ট পর্যন্ত লুট হওয়া ৪ হাজার ৪৫৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৮৯৫ রাউন্ড গোলাবারুদ। তবে এখনো নিখোঁজ রয়েছে ১ হাজার ৩০৯টি আগ্নেয়াস্ত্র ও ২ লাখ ৫৭ হাজার ১১৩ রাউন্ড গুলি।

নিখোঁজ অস্ত্রের মধ্যে রয়েছে ১০৯টি চায়না রাইফেল, ৩০টি চায়না এসএমজি, তিনটি এলএমজি, ২০৩টি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল, ৪৪২টি ৯ এমএম পিস্তল, ৩৮৪টি ১২ বোর শটগান, ১২৮টি গ্যাসগান, সাতটি কাঁদানে গ্যাস নিক্ষেপের লঞ্চার এবং দুটি সিগন্যাল পিস্তল।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হচ্ছে। এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তি ও অস্ত্রের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেক সময় লুট হওয়া অস্ত্র বিভিন্ন হাত ঘুরে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ায় সেগুলো উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’

বিশেষ ইউনিট গঠন, তথ্যদাতাদের পুরস্কার: লুট হওয়া অস্ত্র উদ্ধারে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কয়েকটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। দেশব্যাপী অস্ত্র উদ্ধারের অভিযানে এসআরবিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখা ও অ্যান্টি টেররিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য বিনিময়ের দায়িত্ব পালন করছে।

অস্ত্র উদ্ধারে জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করতে তথ্যদাতাদের জন্য আর্থিক পুরস্কারও ঘোষণা করেছে সরকার। ভারী অস্ত্রের সন্ধান দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা, পিস্তল, রিভলভার ও শটগানের তথ্য দিলে ৫০ হাজার টাকা এবং অন্যান্য লুট হওয়া আগ্নেয়াস্ত্র, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের তথ্য দিলে ১০ থেকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাসও দিয়েছে সরকার।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর পর্যন্ত লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। নির্ধারিত সময়ে অনেক অস্ত্র জমা না পড়ায় পরদিন ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম নয় দিনে ১৪৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনার পরও সব অস্ত্রের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। এর অন্যতম কারণ অস্ত্রের হাতবদল এবং এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া। কোন অস্ত্র কার কাছে রয়েছে, কোথায় রাখা হয়েছে কিংবা কোনো অস্ত্র সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে গেছে কি না, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ চলছে। অস্ত্র উদ্ধারে সংশ্লিষ্ট স্থাপনা ও ইউনিটভিত্তিক তথ্য সমন্বয় এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধী চক্রের বিরুদ্ধে চলতি বছরেও বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং অপরাধের উপকরণ উদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অপরাধের ধরন বিশ্লেষণ করে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধ সংঘটনের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কিংবা তারও কম সময়ে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা জানান। একই সঙ্গে জনসাধারণের প্রত্যাশা পূরণে আরও সময় লাগবে বলেও উল্লেখ করেন।

আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) ২০২৬ সালের আগস্টে প্রকাশিত জাতীয় জনমত জরিপে পুলিশের কার্যক্রম নিয়ে জনমতের একটি চিত্র উঠে এসেছে। জরিপে পুলিশের কার্যক্রমে ৪৫ শতাংশ উত্তরদাতা সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে অসন্তোষ জানিয়েছেন ৫২ শতাংশ। এ ফলাফল পুলিশের সেবার মান উন্নয়ন, জবাবদিহি নিশ্চিত এবং জনসম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

পুলিশের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করা এবং বাহিনীর দক্ষতা ও জবাবদিহি বাড়াতে সংস্কারের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে গঠিত পুলিশ সংস্কার কমিশন ২০২৫ সালের জানুয়ারিতে প্রতিবেদন জমা দেয়। এতে পুলিশের ওপর নজরদারির জন্য স্বাধীন কমিশন গঠন, সদস্যদের জবাবদিহি নিশ্চিত করা, বল প্রয়োগের ক্ষেত্রে কঠোর নীতিমালা, বডি ক্যামেরা ও জিপিএস ব্যবহার, দুর্নীতি প্রতিরোধ এবং প্রশিক্ষণ জোরদারের সুপারিশ করা হয়।

এসব সুপারিশের মাধ্যমে পুলিশকে আরও আধুনিক, পেশাদার ও জনবান্ধব বাহিনীতে রূপান্তরের একটি কাঠামো তুলে ধরা হয়েছে।

অভিযান নয়, স্থায়ী নিরাপত্তাই মূল লক্ষ্য: সব মিলিয়ে যৌথ অভিযান, অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে লুট হওয়া অস্ত্র উদ্ধারে গোয়েন্দা সমন্বয়, বিশেষ ইউনিট গঠন এবং তথ্যদাতাদের পুরস্কার ঘোষণার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অবশিষ্ট ১ হাজার ৩০৯টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধারে আরও কার্যকর সমন্বয় ও প্রযুক্তিনির্ভর নজরদারি প্রয়োজন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, ‘স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে শুধু অভিযান ও গ্রেপ্তার যথেষ্ট নয়। লুট হওয়া অস্ত্রের উৎস ও সরবরাহকারী শনাক্ত করা, অপরাধী চক্রের অর্থায়ন বন্ধ করা, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিচারের আওতায় আনা এবং পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা জরুরি।’

তার মতে, অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব, গোয়েন্দা সক্ষমতা, প্রযুক্তির ব্যবহার এবং জনগণের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে বাহিনীর দক্ষতা ও জনসেবার মান আরও উন্নত করা সম্ভব।


banner close