করোনার কারণে গত দুই বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সশরীরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানাতে পারেননি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার সংক্রমণ কমায় এবার শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সোমবার সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ বছর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। শহীদ মিনারে তাদের আগমন, অবস্থান ও প্রত্যাগমনের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
সবশেষ ২০২০ সালের একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত দুই বছর তাদের পক্ষে কর্মকর্তারা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হবে। সংশ্লিষ্ট এলাকা ভিডিও সার্ভিলেন্সের আওতায় আনা হবে। প্রবেশ, বহির্গমন পয়েন্টসহ প্রয়োজনীয় এলাকায় সিসিটিভি, নাইট ভিশন ক্যামেরা ও আর্চওয়ে থাকবে।’
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এবং আজিমপুর কবরস্থান এলাকায় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অপ্রতিকর অবস্থা রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপি ব্যবস্থা নেবে। ঢাকা মহানগরের বাইরের অন্যান্য মেট্রোপলিটন শহর, বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ের কর্মসূচিতেও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি দূতাবাসের প্রতিনিধিরা যাতে শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেজন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা যেন নির্বিঘ্নে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন সেজন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রস্থানের পর ৩০ মিনিট বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে।
অগ্নিকাণ্ড প্রতিরোধে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদস্যরা অগ্নিনির্বাপন গাড়ি, যন্ত্রপাতি ও লাইটিং ইউনিট নিয়ে মোতায়েন থাকবে। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স, এম্বুলেন্স ও ওষুধসহ দুইটি চিকিৎসা ক্যাম্প থাকবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।
দেশের ডিজিটাল আর্থিক লেনদেনে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) এবং অন্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের এ ব্যবস্থা চালু হলে এক প্রতিষ্ঠানের হিসাব থেকে অন্য প্রতিষ্ঠানের হিসাব বা মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক অর্থ পাঠানো সম্ভব হবে। আগামী বছরের জুলাইয়ে এটি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাস্তবায়ন হলে দেশের বিচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট অবকাঠামো একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আসবে, সহজ হবে ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের লেনদেন।
বর্তমানে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও অন্যান্য পেমেন্ট সেবাদাতার নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। ফলে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ও প্রক্রিয়াগত জটিলতা দেখা যায়। নতুন ব্যবস্থায় এসব বাধা দূর করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই আইআইপিএসের মূল লক্ষ্য। এতে গ্রাহকদের নিজ নিজ প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না। যেকোনো অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করা যাবে। পর্যায়ক্রমে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজনও কমে আসবে।
প্রযুক্তিগত সহায়তায় গেটস ফাউন্ডেশন: আইআইপিএস বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে গেটস ফাউন্ডেশন। এ জন্য ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় যুক্ত করার উপযোগী করেই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে।
নতুন প্ল্যাটফর্মে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাবে। প্রয়োজনীয় পরিচালনাগত কাঠামো, অর্থ নিষ্পত্তি প্রক্রিয়া ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি করা হবে। এতে গ্রাহকদের একাধিক আর্থিক সেবার জন্য আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে ব্যাংক হিসাবের পাশাপাশি মোবাইল ওয়ালেট ব্যবহার করেও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করা সহজ হবে।
বিদ্যমান ব্যবস্থার সীমাবদ্ধতা কাটানোর উদ্যোগ: বাংলাদেশে আন্তঃব্যাংক ডিজিটাল লেনদেনের অবকাঠামো হিসেবে ২০১২ সাল থেকে কাজ করছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)। এ ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন সম্পন্ন হচ্ছে। তবে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করার সক্ষমতা বিদ্যমান ব্যবস্থায় নেই। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পূর্ণাঙ্গ আন্তঃসংযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
এর আগে ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই ব্যবস্থায় ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতার জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়। অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল না নেওয়ার নির্দেশনাও ছিল। কিন্তু কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এতে যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জানান, আগের ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী কার্যকর না হওয়ায় এবার আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আর্থিক খাতের সব ধরনের প্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করা হচ্ছে।
রেমিট্যান্স বিতরণেও বাড়বে গতি: আইআইপিএসের সম্ভাবনা শুধু দেশের অভ্যন্তরীণ লেনদেনেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুমোদিত আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব কিংবা মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এ লক্ষ্যে গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক একটি গবেষণা উদ্যোগ শুরু করে। এতে নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকেরা অংশ নেন। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো এবং আনুষ্ঠানিক আর্থিক চ্যানেলে অর্থের প্রবাহ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।
পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তবে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, অর্থ নিষ্পত্তির প্রক্রিয়া, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং অনুমোদিত বিদেশি নেটওয়ার্কের সঙ্গে প্রযুক্তিগত সংযোগ নিশ্চিত করতে হবে।
নগদ অর্থের নির্ভরতা কমবে, বাড়বে স্বচ্ছতা: আইআইপিএস চালু হলে ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও এর প্রভাব পড়বে। নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেন বাড়লে কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমতে পারে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানোর পাশাপাশি দ্রুত লেনদেন ও হিসাব সংরক্ষণে স্বচ্ছতার সুবিধা পাবে। অন্যদিকে সরকার বেতন-ভাতা, ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পাঠানোর সুযোগ পাবে। এতে অর্থ বিতরণে সময় ও মধ্যবর্তী প্রক্রিয়া কমানো সম্ভব হবে।
সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল আর্থিক সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর এবং কিউআর কোডভিত্তিক লেনদেনের বিস্তারে দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বেড়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পূর্ণাঙ্গ সমন্বয় না থাকায় গ্রাহকদের এখনো নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। আইআইপিএস এ ব্যবধান কমিয়ে ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজলভ্য করতে পারে। তবে নতুন ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করবে দেশের বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ, প্রযুক্তিগত সক্ষমতা, নিরবচ্ছিন্ন সেবা, তথ্য ও লেনদেনের নিরাপত্তা এবং সাশ্রয়ী মাশুল নিশ্চিত করার ওপর। গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্যও এ সেবা সহজলভ্য করতে হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের যথাযথ শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান। প্রয়োজনীয় সুযোগ ও সহায়তা পেলে প্রত্যেক শিশুর সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব।
সোমবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রয়াস প্রাঙ্গণে পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা। এ সময় শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলি।
পরিদর্শনের শুরুতে ডা. জুবাইদা রহমানকে দেশব্যাপী প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের শিক্ষা, সৃজনশীলতা ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়াসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জনকে দেশের জন্য গৌরবের বলে উল্লেখ করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, কোনো শিশু যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
তিনি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। পাশাপাশি প্রয়াসের পৃষ্ঠপোষকবৃন্দ, পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে ডা. জুবাইদা রহমান প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিদেশে চিকিৎসা খরচের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে চিকিৎসাবাবদ সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে, যা আগে ছিল ১৫ হাজার ডলার।
একইসঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার জন্যও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অর্থ পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ না থাকলে সেটি যাচাই সাপেক্ষে ব্যাংকগুলো এই অর্থ ছাড় করতে পারবে। সোমবার বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়মকানুন সহজ করতে এবং চলতি হিসাবে বৈধ লেনদেন সুবিধাজনক করার লক্ষ্যে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংশোধিত নির্দেশনা অনুযায়ী, বিদেশে চিকিৎসার খরচের জন্য এডি ব্যাংকগুলো এখন থেকে বাংলাদেশ ব্যাংকের কোনো পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। পূর্বে এই সীমা ছিল ১৫ হাজার ডলার।
শিক্ষাসংক্রান্ত কাজে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রেও নীতিমালায় শিথিলতা আনা হয়েছে। আগের নিয়মে বিদেশে স্কুল পর্যায়ের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা ছিল। নতুন নির্দেশনায় সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুবিধা না থাকলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সমমানের পড়াশোনার খরচও ব্যাংকগুলো সরাসরি পাঠাতে পারবে।
অন্য এক নির্দেশনায় করেসপনডেন্স কোর্সের মাধ্যমে নিয়মিত প্রাতিষ্ঠানিক পড়াশোনার বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের শর্ত তুলে নেওয়া হয়েছে। আগে কেবল সনদ ও পেশাগত কোর্সের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য ছিল।
এদিকে সাধারণ নিয়মে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও দেশে অবস্থানরত বাংলাদেশিদের বিদেশ থেকে নিয়ে আসা বৈদেশিক মুদ্রা ব্যাংক হিসাবে জমা রাখার ক্ষেত্রে শর্ত কিছুটা কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশিদের সঙ্গে করে নিয়ে আসা বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা করতে হলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে
‘এফএমজে’ ফরমে যথাযথ ঘোষণা থাকতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত উদ্দেশে ব্যক্তিপর্যায়ে বিদেশে অর্থ পাঠানোর সুবিধা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে এসব পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন-সংক্রান্ত বিদ্যমান অন্য সব বিধিবিধান ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
কৃষকের জমি থেকে রাজধানীর বাজার—সবজির দীর্ঘ যাত্রায় প্রতিটি হাতবদলেই বাড়ছে দাম। উৎপাদনস্থলে যে আলু কেজিপ্রতি ছয় টাকায় বিক্রি হচ্ছে, ঢাকায় পৌঁছে তার দাম দাঁড়াচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, কোথাও আরও বেশি। ফড়িয়া, ব্যাপারী, আড়তদার, পাইকার ও খুচরা বিক্রেতার হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছাতে যুক্ত হচ্ছে পরিবহন ব্যয়, কমিশন ও মুনাফা। অথচ এতগুলো ধাপ পেরিয়েও ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষক। ফলে একদিকে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা, অন্যদিকে বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাকে।
পাইকারি ও খুচরা দামে বড় ব্যবধান: নভেম্বর-ডিসেম্বরে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় সাধারণত দাম কমে। এবারও রাজধানীর বিভিন্ন বাজারে কিছু সবজির দাম কমেছে। তবে কারওয়ান বাজার, শ্যামবাজার, গাবতলী, নিউমার্কেট ও মোহাম্মদপুরের বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা দামের ব্যবধান এখনো উল্লেখযোগ্য।
কারওয়ান বাজারে আলু কেজিপ্রতি ১৮-২০ টাকায় বিক্রি হলেও পাড়া-মহল্লার দোকানে তা ৩০-৫০ টাকা পর্যন্ত উঠছে। সোমবার কারওয়ান বাজারে ক্রেতা মহিউদ্দিন জানান, তার বাসা বসিলায়। সেখানে আলু ৪০ টাকা কেজি হলেও কর্মস্থল কারওয়ান বাজারে কম দামে পাওয়া যায়। তাই নিয়মিত এখান থেকেই বাজার করেন তিনি।
পরিবহন ও পচনশীল পণ্যের খরচ: কারওয়ান বাজারের পাইকারি আড়ত বরিশাল বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন, বিভিন্ন জেলা থেকে সবজি ঢাকায় আনতে কেজিপ্রতি গড়ে পাঁচ টাকা পরিবহন ব্যয় হয়। এর সঙ্গে পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও রয়েছে। একটি ট্রাকে চার-পাঁচ হাজার পিস সবজি আনা হলে অন্তত ৫০০ পিস নষ্ট হতে পারে। সেই ক্ষতি ভালো পণ্যের বিক্রয়মূল্যের সঙ্গে সমন্বয় করতে হয়।
তবে তার মতে, এসব খরচের হিসাব বিবেচনায় নিলেও কোনো কোনো এলাকায় আলু ৪০-৫০ বা ৬০ টাকা কেজি বিক্রি হওয়া যৌক্তিক নয়।
কারওয়ান বাজারের আড়তদার কুসুম মিয়া জানান, রাত ১২টার পর থেকে ভোরের মধ্যেই অধিকাংশ সবজি পাইকারি পর্যায়ে বিক্রি হয়ে যায়। পচনশীল হওয়ায় সময়মতো বিক্রি করতে না পারলে লোকসান গুনতে হয়। একবার ৩১০ বস্তা আলু নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো ফেলে দিতে হয়েছিল।
ব্যবসায়ী জহিরের মতে, গুলশান, বনানী ও ধানমন্ডির মতো এলাকায় বাজার ও দোকানের সংখ্যা তুলনামূলক কম থাকায় বিক্রেতারা বেশি মুনাফার সুযোগ পান। বিপরীতে প্রতিযোগিতাপূর্ণ এলাকায় দাম তুলনামূলক কম থাকে।
হাতবদলে বাড়ে দাম, বঞ্চিত হন কৃষক: রাজশাহীর গোদাগাড়ীর কৃষক মনিরুজ্জামান মনির বলেন, উৎপাদনস্থল থেকে ভোক্তার কাছে পৌঁছাতে পণ্যকে ফড়িয়া, আড়তদার, পাইকার ও খুচরা বিক্রেতার একাধিক ধাপ অতিক্রম করতে হয়। প্রতিটি পর্যায়ে কমিশন ও মুনাফা যুক্ত হয়। কেউ কেজিতে ১০ টাকা, কেউ ২০ টাকা লাভ রাখতে চান। ফলে উৎপাদনস্থলের দামের সঙ্গে খুচরা দামের বড় ব্যবধান তৈরি হয়। তবে ভোক্তার স্বস্তি নিশ্চিত করতে গিয়ে কৃষকের স্বার্থ উপেক্ষা করা যাবে না বলে মনে করেন তিনি। উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেলে কৃষি উৎপাদনই ক্ষতিগ্রস্ত হবে।
চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির কৃষক আব্দুল হালিমের মতে, সংরক্ষণব্যবস্থার অভাব কৃষকের দর-কষাকষির ক্ষমতা কমিয়ে দিয়েছে। সবজি সংগ্রহের পর এক-দুই দিনের মধ্যেই নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই বাজারদর কম হলেও কৃষক দ্রুত বিক্রি করতে বাধ্য হন। কৃষক পর্যায়ে সংরক্ষণব্যবস্থা গড়ে উঠলে সুবিধাজনক সময়ে পণ্য বিক্রির সুযোগ তৈরি হবে।
সরাসরি বাজারজাতকরণে কমতে পারে ব্যবধান : কৃষক মো. আনিস মিয়া পাবনা ও ঢাকার কেরানীগঞ্জে সবজি উৎপাদন করেন। কেরানীগঞ্জে প্রায় ৩০ বিঘা জমিতে তার খামার রয়েছে। তার মতে, কৃষক সরাসরি ঢাকার আড়ত বা ব্যবসায়ীদের কাছে পণ্য সরবরাহ করতে পারলে মধ্যবর্তী ব্যবসায়ীর সংখ্যা কমবে। এতে কৃষক ভালো দাম পাবেন, পাশাপাশি ভোক্তারও কম দামে পণ্য কেনার সুযোগ তৈরি হবে।
আবহাওয়াও প্রভাব ফেলে দামে; বগুড়ার শিবগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান জানান, কয়েক দিনের বৃষ্টিতে ফুলকপি দ্রুত পরিপক্ব হওয়ায় নির্ধারিত সময়ের আগেই বিপুল পরিমাণ পণ্য বাজারে আসে। এতে সরবরাহ বেড়ে দাম কমে যায়। তার মতে, বাজারজাতকরণের বিভিন্ন পর্যায়ে মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে অনেক সময় কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না।
সবজির বাজারে স্থিতিশীলতা আনতে তাই শুধু পরিবহন ব্যয় কমানো নয়, সংরক্ষণ সুবিধা বাড়ানো, সরাসরি বাজারজাতকরণ এবং বিপণনের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এতে কৃষকের ন্যায্য আয় ও ভোক্তার সাশ্রয়ী দামের মধ্যে ভারসাম্য তৈরির সুযোগ রয়েছে।
মাদকের অবৈধ বাণিজ্যের আর্থিক নেটওয়ার্ক ভেঙে দিতে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদক সংশ্লিষ্ট অপরাধের অর্থ কোথায় যাচ্ছে, কারা এর সুবিধাভোগী এবং কীভাবে অবৈধ সম্পদ গড়ে উঠছে, তা শনাক্ত করতে সংস্থাটির চলমান কার্যক্রমে উঠে এসেছে বিপুল অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য। ইতোমধ্যে চারটি মামলার অভিযোগপত্রে প্রায় ১০০ কোটি ৩৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন ও সম্পদের হিসাব নথিভুক্ত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএনসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চারটি মামলার অভিযোগপত্রে মোট ১০০ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৪০০ টাকার সন্দেহজনক আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে দায়ের করা এসব মামলা ইতোমধ্যে তদন্তপর্ব পেরিয়ে বিচারিক পর্যায়ে পৌঁছেছে।
তদন্তের আওতায় ৩৬টি মামলা ও অনুসন্ধান: ডিএনসির অর্থপাচারবিরোধী কার্যক্রমের পরিধি কেবল চারটি মামলায় সীমাবদ্ধ নয়। সরকারি নথি অনুযায়ী, সংস্থাটির চলমান কার্যক্রমে মোট ৩৬টি মামলা ও প্রাথমিক অনুসন্ধান রয়েছে। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়ের করা নয়টি মামলার চারটির অভিযোগপত্র জমা হয়েছে। বাকি পাঁচটি মামলা তদন্তাধীন। পাশাপাশি সন্দেহজনক অর্থপাচার ও অবৈধ সম্পদের তথ্য শনাক্ত করতে চলছে ২৭টি প্রাথমিক অনুসন্ধান।
চারটি মামলার মধ্যে রয়েছে ২০১৮ সালের ১১ জুন দায়ের করা হালিশহর থানার মামলা নম্বর ১২, ২০১৯ সালের ১ মে দায়ের করা পাহাড়তলী থানার মামলা নম্বর ০৩, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি দায়ের করা ওয়ারী থানার মামলা নম্বর ০৭ এবং ২০২৩ সালের ১ মার্চ দায়ের করা তাজহাট থানার মামলা নম্বর ০৪।
অন্যদিকে তদন্তাধীন পাঁচটি মামলার মধ্যে ২০২৫ সালের ১ মার্চ দায়ের করা গুলশান থানার মামলা নম্বর ১৪ রয়েছে। বাকি চারটি মামলা ২০২৬ সালে দায়ের করা হয়েছে। এগুলো হলো ২৬ জানুয়ারি গোদাগাড়ী থানার মামলা নম্বর ২৫, ৮ ফেব্রুয়ারি একই থানার মামলা নম্বর ০৬, ১৫ মার্চ ধামইরহাট থানার মামলা নম্বর ২৪ এবং ১৬ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নম্বর ৩৯।
২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইনটি ২০১৫ সালে সংশোধন করা হয়।
আর্থিক অপরাধ অনুসন্ধানে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: মাদক ব্যবসার ধরন ও অর্থ লেনদেনের পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহার বাড়ায় আর্থিক অপরাধের তদন্তও ক্রমেই জটিল হয়ে উঠছে। এ পরিস্থিতিতে তদন্তের আধুনিক পদ্ধতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিচারিক কার্যক্রমের সমন্বয় বাড়াতে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিকল্পনা করছে ডিএনসি।
প্রস্তাবিত আধুনিকায়ন পরিকল্পনায় রয়েছে বিশেষায়িত সাইবার নিরাপত্তা ও অর্থপাচার ইউনিট প্রতিষ্ঠা, ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে পৃথক প্রসিকিউশন কার্যালয় গড়ে তোলা।
ডিএনসির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম বাসসকে বলেন, প্রযুক্তির সহায়তায় সংঘটিত মাদক পাচার, অবৈধ আর্থিক নেটওয়ার্ক এবং মাদকদ্রব্য-সংশ্লিষ্ট অন্যান্য অপরাধের তদন্ত জোরদার করতেই এসব উদ্যোগের প্রস্তাব করা হয়েছে।
পরিকল্পনায় বিশেষায়িত পাবলিক প্রসিকিউটর নিয়োগের বিষয়টিও রয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক অনুমোদন পাওয়া গেলে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারার অধীনে অধিদপ্তরের প্রসিকিউটরদের পাবলিক প্রসিকিউটরের পূর্ণ ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ধরনের কার্যালয় প্রতিষ্ঠিত হলে তদন্তকারী কর্মকর্তা ও প্রসিকিউটরদের মধ্যে সমন্বয় বাড়বে। একই সঙ্গে আর্থিক ও ডিজিটাল প্রমাণ আদালতে উপস্থাপন, মামলার প্রস্তুতি এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় গতি আসবে বলে আশা করছে সংস্থাটি।
বিচারিক সাফল্যই হবে বড় পরীক্ষা: জনবল ও প্রয়োজনীয় লজিস্টিকসের সীমাবদ্ধতার মধ্যেই অর্থপাচারবিরোধী কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ডিএনসি। তবে শুধু সন্দেহজনক লেনদেন শনাক্ত করাই নয়, এসব লেনদেনের উৎস, গতিপথ এবং প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করাও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।
মাদক ব্যবসার অর্থনৈতিক ভিত্তি দুর্বল করতে অবৈধ আয় ও সম্পদের উৎস শনাক্ত, আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ এবং আদালতে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন জরুরি। এর মাধ্যমে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ সম্পদ আইনানুযায়ী বাজেয়াপ্ত করার সুযোগ তৈরি হতে পারে।
ডিএনসির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চলমান অনুসন্ধান ও তদন্তকে কার্যকর বিচারিক ফলাফলে রূপ দেওয়া। চারটি মামলার বিচারিক কার্যক্রম, পাঁচটি মামলার তদন্ত এবং ২৭টি প্রাথমিক অনুসন্ধানের অগ্রগতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
চারটি মামলার অভিযোগপত্রে প্রায় ১০০ কোটি ৩৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন ও সম্পদের তথ্য উঠে আসা ডিএনসির অর্থপাচারবিরোধী কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি। তবে এই উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে অভিযোগগুলো আদালতে কতটা প্রমাণিত হয় এবং অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট অবৈধ সম্পদ আইনগত প্রক্রিয়ায় উদ্ধার বা বাজেয়াপ্ত করা সম্ভব হয় তার ওপর।
অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং প্রবিধান লঙ্ঘনের মতো বিভিন্ন গুরুতর অভিযোগে গত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিওবিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে এসব সংস্থার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানান। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদে লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এনজিওগুলোর নিবন্ধন বাতিলের সুনির্দিষ্ট কিছু কারণ তুলে ধরেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ করা, নিবন্ধনের সময় গৃহীত শর্তাবলী ও পরে ব্যুরো থেকে জারি করা আইনানুগ নির্দেশ অমান্য করা এবং ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিল করার মতো অপরাধ প্রমাণিত হওয়ায় এসব সংস্থাকে কালো তালিকাভুক্ত ও কার্যক্রম বন্ধ করা হয়েছে।
এনজিওবিষয়ক ব্যুরো নিজস্ব নীতিমালা এবং সরকারি বিধিবিধানের সুনির্দিষ্ট কাঠামোর আওতায় নতুন এনজিওর নিবন্ধন দেওয়া, মেয়াদোত্তীর্ণ নিবন্ধনের নবায়ন, বৈদেশিক অনুদানের প্রকল্প অনুমোদন, অর্থ ছাড়করণ এবং সার্বিক প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করে আসছে।
বাংলাদেশের সর্বাঙ্গীন আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওগুলোর ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ১৯৯০ সালে এনজিওবিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে দেশে বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবী কার্যক্রমের সমন্বয় সাধন করে আসছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো উল্লেখযোগ্য অবদান রাখছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, নারী-পুরুষের সমতা আনয়ন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ টেকসই রাষ্ট্র গঠনে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে যেসব সংস্থা বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে স্পষ্ট করা হয়।
তিন বছর আগে যে বেতনে একটি পোশাকশ্রমিকের পরিবার সংসারের প্রয়োজনীয় পণ্য ও সেবা কিনতে পারত, এখন একই পরিমাণ পণ্য কিনতে ব্যয় হচ্ছে প্রায় ২৯ শতাংশ বেশি। অথচ এই সময়ে বাড়েনি শ্রমিকদের ন্যূনতম মজুরি। মূল্যস্ফীতি, বাড়িভাড়া, চিকিৎসা ও সন্তানের শিক্ষার ব্যয় বৃদ্ধিতে কমেছে তাদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা। এমন পরিস্থিতিতে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। গ্রেডভেদে ৩০ হাজার থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত মজুরি নির্ধারণের দাবিও জানানো হয়েছে।
দীর্ঘদিনের মজুরি আন্দোলন ও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যে সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব জমা দেন। মালিকপক্ষ নিজেদের প্রস্তাব দিতে চার কার্যদিবস সময় পেয়েছে। অন্যদিকে, মিরপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুরে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক হলেও আশুলিয়ার কিছু কারখানায় অস্থিরতা অব্যাহত রয়েছে।
তিন বছরে কমেছে ক্রয়ক্ষমতা: ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু পরবর্তী সময়ে নিত্যপণ্যের দাম, বাড়িভাড়া, পরিবহন ও চিকিৎসা ব্যয় বাড়তে থাকায় সেই মজুরির প্রকৃত মূল্য কমে যায়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মূল্যসূচক বেড়েছে ২৮ দশমিক ৭ শতাংশ। ফলে ২০২৩ সালের নভেম্বরে ১২ হাজার ৫০০ টাকা দিয়ে যে পরিমাণ পণ্য ও সেবা কেনা যেত, এখন তা কিনতে প্রয়োজন প্রায় ১৬ হাজার ৮৭ টাকা।
ডলারের বিপরীতেও কমেছে শ্রমিকদের মজুরির মূল্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে প্রতি ডলারের বিপরীতে টাকার মূল্যমান ছিল ১১০ দশমিক ৫ টাকা। তখন ১২ হাজার ৫০০ টাকা ছিল প্রায় ১১৩ ডলার। গত অক্টোবরে ডলারের মূল্য ১২৩ দশমিক ০৩ টাকা হওয়ায় একই মজুরির ডলারমূল্য কমে দাঁড়িয়েছে প্রায় ১০১ দশমিক ৬ ডলারে।
অন্যদিকে, টাকার অবমূল্যায়নের কারণে রপ্তানিকারকেরা একই ডলারের বিপরীতে বেশি টাকা পাচ্ছেন। ২০২৩ সালের নভেম্বরে ১০০ ডলারের রপ্তানি আয় থেকে পাওয়া যেত ১১ হাজার ৫০ টাকা। গত অক্টোবরে তা বেড়ে হয়েছে ১২ হাজার ৩০৩ টাকা।
পরিবারের ব্যয় মেটাতে হিমশিম: শ্রমিকদের দাবি, বর্তমান মজুরিতে খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। চার সদস্যের একটি পরিবারের মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন বলে জানিয়েছেন শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
গত মাসে প্রকাশিত বিবিএসের জরিপ অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় একটি পরিবারের গড় মাসিক ব্যয় ৪৬ হাজার ৭৭৮ টাকা। শহরাঞ্চলে তা ৩৭ হাজার ৩৪৪ টাকা এবং গ্রামাঞ্চলে ৩২ হাজার ৫৩২ টাকা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, তিন বছর আগে নির্ধারিত পোশাকশ্রমিকদের মজুরি গ্রহণযোগ্য ছিল না। এবার সেই মজুরিকে ভিত্তি ধরে নতুন কাঠামো নির্ধারণ করা উচিত হবে না।
তিনি বলেন, শ্রমিকেরা বর্তমান মজুরিতে বাসাভাড়া দিয়ে সংসার চালাতে পারছেন না। অনেক পরিবারের সন্তানদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে। একটি পরিবার যেন স্বচ্ছন্দে চলতে পারে, সেই বিবেচনায় মজুরি নির্ধারণ করতে হবে।
গ্রেডভেদে ৩০ থেকে ৪৮ হাজার টাকা: শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা। এবার মজুরি বোর্ডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক মজুরি ৪৮ হাজার, গ্রেড-২-এর ৪৩ হাজার, গ্রেড-৩-এর ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। শিক্ষানবিস ও নতুন নিয়োগ পাওয়া শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।
বাবুল আখতার বলেন, বাজারদর, মূল্যস্ফীতি, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় বিবেচনায় নিয়েই এ প্রস্তাব দেওয়া হয়েছে। শিল্পের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
মালিকপক্ষকে চার কার্যদিবস সময়: মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চাইলেও আলোচনার ভিত্তিতে তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন বলেন, ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় প্রস্তাব প্রস্তুত করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রস্তাব জমা দেবেন।
চেয়ারম্যান সতর্ক করেন, মালিকপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব না দিলে তাদের ছাড়াই বোর্ড মজুরি নির্ধারণের কাজ এগিয়ে নেবে।
মজুরি নির্ধারণের আগে বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানা পরিদর্শনের সিদ্ধান্তও নিয়েছে বোর্ড। এ খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাদের জীবনযাত্রা ও কর্মপরিবেশ বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করা হবে।
চার শিল্পাঞ্চলে ভিন্ন পরিস্থিতি: মজুরি আন্দোলনের প্রভাব চার শিল্পাঞ্চলে ভিন্নভাবে দেখা যাচ্ছে। মিরপুরে শ্রমিকদের কাজে ফেরার ফলে অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক হয়েছে। তবে সোমবার মিরপুর ১০ গোলচত্বরে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের খবর পাওয়া গেছে।
আশুলিয়ায় পরিস্থিতি তুলনামূলক অস্থির। সোমবার দুপুরের পর শ্রমিকদের অনুপস্থিতির কারণে অন্তত ৩৪টি কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়েছে বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। তবে অধিকাংশ শ্রমিক কাজে ফিরলেও কিছু কারখানায় অসন্তোষ রয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা, চাষাঢ়া ও আশপাশের শিল্পাঞ্চলে পরিস্থিতি শান্ত হওয়ার দিকে। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চালু হয়েছে।
গাজীপুরেও শ্রমিকদের উপস্থিতি বাড়ায় উৎপাদন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। কয়েক দিনের বিক্ষোভ, সড়ক অবরোধ ও কারখানা বন্ধের পর শ্রমিকদের কাজে ফেরার প্রবণতা দেখা যাচ্ছে।
সস্তা শ্রমের ধারণা থেকে বেরিয়ে আসার তাগিদ: শ্রমবিশেষজ্ঞদের মতে, মজুরি নির্ধারণে শুধু মূল্যস্ফীতি নয়, শ্রমিক পরিবারের জীবনযাত্রার মান, শিক্ষা, চিকিৎসা ও আবাসনের প্রয়োজনও বিবেচনায় নিতে হবে।
নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মূল্যস্ফীতির পাশাপাশি আরও বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে নির্মোহভাবে মজুরি নির্ধারণ করা প্রয়োজন।
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ মনে করেন, সস্তা মজুরি তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতার শক্তি—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি শিল্পের সক্ষমতাও বিবেচনায় রাখা জরুরি।
নব্বইয়ের দশকের শুরুতে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা বেড়ে হয় ৯৩০ টাকা। এরপর প্রায় তিন দশকে মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ। তবে মজুরি বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বাড়ায় শ্রমিকদের প্রত্যাশিত স্বস্তি আসেনি।
মজুরি বোর্ডের পরবর্তী সভা আগামী ১৬ নভেম্বর হওয়ার কথা রয়েছে। সেখানে মালিকপক্ষের প্রস্তাব, শ্রমিকদের দাবি এবং কারখানা পরিদর্শনের পর্যবেক্ষণ বিবেচনায় নেওয়া হবে।
দীর্ঘদিনের আন্দোলনের পর শ্রমিকদের নতুন দাবি এখন আনুষ্ঠানিক আলোচনায় এসেছে। শ্রমিকদের ন্যায্য আয় নিশ্চিত করা, পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন এবং রপ্তানিমুখী শিল্পের উৎপাদন সক্ষমতা বজায় রাখা—এই তিন বিষয়ের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠাই এখন মজুরি বোর্ডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে এক সদস্যের (এমপি) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। এর আগে পয়েন্ট অব অর্ডারে বিএনপির এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের নিম্ন আয়ের উৎপাদনশীল নাগরিক, বিশেষ করে, শ্রমজীবী জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও আগ্রহের কথা আমরা শ্রমমন্ত্রীর বরাতে শুনেছি। দেশের বিভিন্ন শ্রমঘন শিল্প এলাকায় শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল প্রতিষ্ঠার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের আছে কি না, সে ব্যাপারে প্রধানমন্ত্রী দয়া করে যদি কিছু আমাদের বলেন।’
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সদস্য উকিল মানুষ, ভালো স্মার্টনেস দেখালেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে, উনি তো থাকছেন না। যে কারণে প্রশ্নটা করে ফেলতে চাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, ইফ ইউ আর রেডি, প্লিজ উনার কোশ্চেনের উত্তরটা যদি... ধন্যবাদ।’
পরে প্রধানমন্ত্রী বলেন, এক যুগের বেশি সময় স্বৈরাচারের দুঃসহ শাসনামলে বাংলাদেশের জ্বালানিব্যবস্থাকে বিদেশনির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজসম্পদ দেশের মানুষের কাজে ব্যবহার না করে সবকিছু আমদানিনির্ভর করা হয়েছিল।
তারেক রহমান বলেন, বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে দেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। এমন সব ইচ্ছাকৃত নীতি নেওয়া হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের স্বাভাবিক বিকাশ ঘটতে পারেনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, একইভাবে স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে, গ্রামীণ মানুষের চিকিৎসাব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, সেটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন, কিছুদিন আগেই জাতীয় সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে তার উদ্বেগ তুলে ধরেছিলেন। সবকিছু বিবেচনায় নিয়ে দেখা গেছে, স্বৈরাচারের সময়ে পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। ফলে, বাংলাদেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত। দেশের প্রতি শ্রেণিপেশার মানুষের জন্য সরকার কাজ করছে। একইভাবে শ্রমিকদের চিকিৎসার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার এরই মধ্যে ১০০ বেডের করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
তারেক রহমান জানান, দেশের শিল্পাঞ্চল হিসেবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলো শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেবে।
ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করতে আল্লাহর কাছে তওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
একইসঙ্গে রাষ্ট্রের মানুষ সংসদের দিকে যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা দানের জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে প্রয়াত সাবেক সদস্যদের জন্য দোয়া করা হয়।
মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তওফিক দিয়েছো। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’
ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত। প্রায় ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকের নোটিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তীতে দায় পরিশোধের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল গত ১৮ অক্টোবর ব্যাংক বরাবর ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক প্রদান করেন; তবে গত ২ নভেম্বর ব্যাংক হিসাবে পর্যাপ্ত স্থিতি না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। আগামী ৩০ দিনের মধ্যে সমুদয় অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার আওতায় আইনি ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ব্যাংকঋণের অতিরিক্ত দেনার কারণে অনন্ত জলিলের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। ব্যবসায়ী সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো সচল রাখতে দেশি-বিদেশি কৌশলগত বিনিয়োগকারী ও অংশীদার খোঁজার চেষ্টা করেছিলেন তিনি; এমনকি এ বিষয়ে একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। সংকট কাটাতে পরবর্তীতে কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা সফলতার মুখ দেখেনি।
উৎপাদন বন্ধ থাকার পাশাপাশি পরিষেবা জটিলতায় প্রতিষ্ঠানটির সংকট আরও তীব্র হয়েছে। সম্প্রতি বকেয়া গ্যাস বিল এবং পাইপলাইনে অবৈধ গ্যাস চুরির অভিযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। উল্লেখ্য, এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন অনন্ত। পরবর্তীতে ২০১০ সালে নিজের প্রযোজিত ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখার পর তিনি অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করে এবি অ্যাপারেলস লিমিটেড গড়ে তোলেন।
ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল জানিয়েছেন, করোনার সময়ে কাজ বন্ধ থাকলেও কারখানা চালু রাখতে এবং শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করতে তিনি প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন; পরবর্তীতে সেই ঋণের পুঞ্জীভূত সুদসহ দেনা বেড়ে এই বিপুল আকার ধারণ করেছে। চলচ্চিত্রে অতিরিক্ত সময় দেওয়ার কারণে ব্যবসায়িক ধস নেমেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক ও দেশীয় প্রতিকূল পরিস্থিতির প্রভাবেই তাঁর ব্যবসা এই জটিলতার মধ্যে পড়েছে। বর্তমান অচলাবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন এই ব্যবসায়ী।
পুরান ঢাকা কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো স্থানান্তরের জন্য সঠিক পদক্ষেপ নেবে সরকার। সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো ধরনের জটিলতা পুনরাবৃত্তি চান না শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’ সোমবার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো মুন্সিগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানান্তরের বিষয়ে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার স্থানান্তর কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো জটিলতা তৈরি না হয়। এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রকল্পটির প্রতি অংশীজনদের মালিকানা বোধ তৈরি করাই এর উদ্দেশ্য।’ মুন্সিগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, ‘ইটিপিসংক্রান্ত সমস্যার সমাধান না করে প্রকল্পের কার্যক্রম শুরু করা যাবে না। কারখানা চালুর প্রথম দিন থেকেই বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’ শিল্পমন্ত্রী আরও বলেন, ‘পুরান ঢাকা থেকে শিল্পকারখানা স্থানান্তরের ক্ষেত্রে সাভারের চামড়া শিল্পনগরীর আগের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়।’ সবার সহযোগিতায় এবারের স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন, ধারাবাহিক ও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নতুন স্থানে কেমিক্যাল গোডাউন স্থানান্তরিত হলে এ শিল্পের অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলেও মনে করেন তিনি।
শিল্প মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালখালী, চিত্রকোট ও কামারকান্দা মৌজায় ইছামতী নদীর তীরে ৩০৮ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পে ১ হাজার ৫৩১টি শিল্প প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৮৩ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম এর সঙ্গে বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফিলিপ অং ০৯ নভেম্বর, ২০২৬, সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন এবং ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, বৈঠকে আধুনিক ইন্টেলিজেন্স-লেড অপারেশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপরাধ রুখতে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ ব্যক্ত করেন।
এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মাসিক মজুরি বত্রিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে মজুরি বোর্ডের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছেন শ্রমিক প্রতিনিধিরা। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা চলাকালে শ্রমিক পক্ষের তরফ থেকে লিখিতভাবে এ দাবি উপস্থাপন করা হয় বলে বৈঠক শেষে বোর্ডের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করে প্রস্তাব জমা দেওয়া হলেও কারখানা মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করেননি বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি জানান, নিজেদের প্রস্তাবনা লিখিতভাবে জমা দেওয়ার জন্য মালিকপক্ষের প্রতিনিধিদের আগামী চার কর্মদিবস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করে তা আগামী ডিসেম্বর মাস থেকেই আনুষ্ঠানিকভাবে কার্যকর করার বিষয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরাই নীতিগতভাবে একমত পোষণ করেন।