শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরণে হতাহতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফাইল ছবি
আপডেটেড
৮ মার্চ, ২০২৩ ০২:০৬
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ৭ মার্চ, ২০২৩ ২৩:৪১

রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার রাতে এক শোক বার্তায় রাষ্ট্রপতি এ র্দুঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।


এর আগে বিকেলের এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক লোককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়ার কাজ করছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য ও স্থানীয়রাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন।

রাতে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, বিস্ফোরণে ভবনের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভেতরে ঢোকা যাচ্ছে না। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটা কিছুটা স্ট্যাবল করে ভেতরে তল্লাশি চালানো হবে। ভবনের আন্ডারগ্রাউন্ড অন্যান্য ফ্লোরে কেউ আটকে আছে কি না, সেজন্য অনুসন্ধান চালানো হবে।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ভবনে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। ভবনের নিচে কোনো গ্যাসের লাইনও ছিল। পানির ট্যাংক ছিল। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।


নির্বাচিত

মসজিদ ছাড়াও কি জুমার নামাজ পড়া যায়?

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মুসলমানদের সাপ্তাহিক ইবাদতের বিশেষ দিন শুক্রবার। এদিন জোহরের নামাজের পরিবর্তে জামাতে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। সাধারণত জামে মসজিদে এ নামাজের আয়োজন করা হয়। তবে কোনো এলাকায় মসজিদ না থাকলে কিংবা বিশেষ পরিস্থিতিতে খোলা জায়গা, ভবনের ছাদ বা নির্দিষ্ট কোনো কক্ষে জুমার জামাতের আয়োজন করা হলে সেখানে নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ হওয়া শর্ত নয়। অর্থাৎ মসজিদের বাইরে উপযুক্ত কোনো খোলা জায়গা, মাঠ কিংবা কক্ষেও জুমার জামাত অনুষ্ঠিত হতে পারে। তাই কোনো স্থানে মসজিদ না থাকলেও সেখানে জুমার জামাত আয়োজন করা যাবে। তবে শর্ত হলো, জুমার নামাজ আদায়ের অন্যান্য বিধান ও শর্ত যথাযথভাবে পূরণ হতে হবে।

তবে উত্তম হলো জুমার নামাজ জামে মসজিদে আদায় করা। মসজিদে মুসল্লিরা একসঙ্গে সমবেত হয়ে খুতবা শোনার পাশাপাশি জামাতে নামাজ আদায়ের সুযোগ পান। এতে সামাজিক বন্ধন ও পারস্পরিক সম্প্রীতিও দৃঢ় হয়।

একইভাবে দুই ঈদের নামাজ আদায়ের জন্যও মসজিদ হওয়া শর্ত নয়। ঈদের নামাজ মসজিদের বাইরে খোলা জায়গা, মাঠ কিংবা উপযুক্ত কোনো কক্ষে আদায় করা যায়। তবে সুন্নাহ অনুযায়ী ঈদের নামাজ ঈদগাহ বা খোলা ময়দানে আদায় করা উত্তম।

সুতরাং কোনো অ্যাপার্টমেন্টের ছাদে, নিচতলায় কিংবা নির্দিষ্ট কোনো কক্ষে জুমার বা ঈদের জামাতের আয়োজন করা হলে সেখানে নামাজ আদায় করা যাবে। তবে সুযোগ ও উপযুক্ত পরিবেশ থাকলে জুমার নামাজ জামে মসজিদে এবং ঈদের নামাজ ঈদগাহ বা খোলা ময়দানে আদায় করাই উত্তম। এ বিষয়ে ফতোয়ার গ্রন্থ রদ্দুল মুহতার আলা আদ-দুররিল মুখতার (খণ্ড ২, পৃষ্ঠা ১৬৯) থেকে তথ্য নেওয়া হয়েছে।


নির্বাচিত

ঢাকার আবাসনের চাপ কমাতে সেকেন্ডারি সিটির পরিকল্পনা সরকারের

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাসস

রাজধানীতে জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রাজধানীর পাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলাই সেকেন্ডারি সিটির মূল লক্ষ্য। এর মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা রেখে নতুন আবাসিক এলাকা গড়ে উঠলে কেন্দ্রীয় এলাকার ওপর আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিতভাবে বসবাসের সুযোগ তৈরি হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই বলেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে।

তিনি বলেন, রাজধানীর সঙ্গে নতুন শহরের যোগাযোগ ব্যবস্থাকে পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিতভাবে গড়ে তোলার মাধ্যমে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতির উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

প্রকল্পটি এখন পরিকল্পনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে মনদীপ ঘরাই আরও জানান, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট আবাসনসংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, ‘রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে নেওয়া হচ্ছে পৃথক উদ্যোগ। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে। ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।’

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল আবাসন চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারের ফাইভ ইয়ার স্ট্রাটেজিক প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকার সন্নিকটে কেরানীগঞ্জ উপজেলায় একটি ‘ সেকেন্ডারি সিটি ’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত সম্ভাব্যতা সমীক্ষার সিদ্ধান্ত ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সম্ভাব্য সকল নাগরিক সুবিধাসহ সর্বস্তরের জনগণের জন্য নিরাপদ কমিউনিটি গড়ে তোলার প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।

জাতীয় গৃহায়ন কতৃপক্ষ (জাগৃক) থেকে পাওয়া নথি-পত্র অনুযায়ী জানা গেছে, বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনায় জাতীয় গৃহায়ন কতৃপক্ষের (জাগৃক) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সড়ক ও জনপথের প্রস্তাবিত ওয়েস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় সেকেন্ডারী সিটি নির্মাণ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটির সদস্যরা প্রস্তাবিত সাইট ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করে প্রতিবেদন প্রদানের জন্য পত্র জারি করে। প্রস্তাবিত স্থানটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘সাইট সিলেকশন কমিটি’ চলতি বছরের ১৬ এপ্রিল সরেজমিনে পরিদর্শন করে।

প্রস্তাবিত স্থানটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি, দক্ষিণ ও উত্তর বাহেরচরে অবস্থিত। ঢাকার বসিলা সেতু হতে প্রকল্প এলাকাটি প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক হতে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার হতে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

স্থানটির অল্প কিছু অংশে (প্রায় ৫ থেকে ৮ শতাংশ) বসতবাড়ি থাকলেও অন্যান্য অঞ্চল এক ফসলি জমি হিসেবে ব্যবহৃত হয়। এ সকল ফসলি মাঠে বিভিন্ন আবাসন কোম্পানির বিলবোর্ড পাওয়া গেছে।

প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে ডিটিসিএ’র আওতাধীন প্রস্তাবিত এলাকা ঢাকা ওয়েস্টার্ন বাইপাস সড়কে অবস্থিত। এর মাধ্যমে মূলত সাভারের আমিন বাজার হতে ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকা মোহাম্মদপুরের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে।

প্রকল্প স্থানের প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে প্রকল্পের দু’টি প্রধান এক্সেসরোড পরিকল্পনা করা সমীচীন হবে। সেকেন্ডারী সিটির সকল সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একরের প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।

রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ হ্রাসের জন্য মোহাম্মদপুরের পাশ্ববর্তী এ স্থানটি সেকেন্ডারী সিটি প্রকল্পের জন্য অত্যন্ত উপযোগি। এর মাধ্যমে এ অঞ্চলে শুরু হওয়া অপরিকল্পিত নগরায়নের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরিবর্তে সরকারি প্লট প্রকল্পে জনসাধারণের বিনিয়োগ নিশ্চিত হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আরও জানায়, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫ টি প্রকল্প চলমান রয়েছে।

এর আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। প্রকল্পগুলোর দু’টি সরকারি ও ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন ৯টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়াও দেশের ৮ বিভাগের ৩৮টি জেলা ও ৮টি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

দেশের জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।

জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্প সহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিকল্পিত আবাসনে খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হচ্ছে। লক্ষ্য হলো মানুষের সামর্থ্যরে মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলা।


নির্বাচিত

৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাসস

দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার।

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।

জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে সম্মানী কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী সম্মানী পাবেন।

নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা ও খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন।

একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আর্থিক সুবিধার মধ্যে তাদের দায়িত্ব পালন করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত ও অন্যান্য ধর্মীয় সেবাকর্মীর নির্দিষ্ট আয়ের সুযোগ সীমিত। তাদের নিয়মিত সম্মানী প্রদানের মাধ্যমে জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী প্রদানের কার্যক্রম প্রথমবারের মতো পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হয় চলতি বছরের ১৪ মার্চ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রাথমিক পর্যায়ে দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় সেবাকর্মীকে কর্মসূচির আওতায় আনা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন ও অবশিষ্টরা খাদেমসহ অন্যান্য ধর্মীয় সেবাকর্মী রয়েছেন ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরো জানিয়েছেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে কর্মসূচির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

জনপ্রশাসন উপদেষ্টা জানান, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সদরে মসজিদ, মন্দির ও গির্জার ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করবেন।

এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতৃবৃন্দের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্মানী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচিতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে।

সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অর্থ পাঠানো হবে।

এ প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, কোনো ইমাম, মুয়াজ্জিন কিংবা ধর্মীয় সেবাকর্মীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না। তাদের নিজস্ব ব্যাংক অথবা মোবাইল আর্থিক সেবার হিসাবে সম্মানীর অর্থ পৌঁছে দেওয়া হবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না এবং দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি কমবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানী সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সুবিধাভোগী নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আরও দুজন বিশিষ্ট ব্যক্তি তালিকা প্রণয়নের কাজে সহায়তা করছেন। প্রতিষ্ঠান নির্বাচন কিংবা তালিকা তৈরিতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি।

উপদেষ্টা জানান, বর্তমানে দেশে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার ও ১ হাজার ২০৪টি গির্জা রয়েছে। চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও বলেন, সরকার দায়িত্বে থাকা অবস্থায় প্রতিবছর ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সব ধর্মের ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য একটি ধারাবাহিক রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থা গড়ে উঠবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ কর্মসূচি শুধু ধর্মীয় ব্যক্তিত্বদের আর্থিক সহায়তাই নয়, বরং দেশের ধর্মীয় সম্প্রীতি, সামাজিক নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে, সামাজিক কর্মকাণ্ডে তাদের আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

তবে কর্মসূচির সফল বাস্তবায়নে প্রকৃত দায়িত্ব পালনকারীদের তালিকা প্রণয়ন, তথ্য যাচাই, নিয়মিত অর্থ বিতরণ ও অনিয়ম প্রতিরোধে কার্যকর নজরদারি জরুরি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যাতে প্রশাসনিক জটিলতার কারণে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ে তদারকি প্রয়োজন।

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এ সেলের অষ্টম সভা গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।


নির্বাচিত

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং জরুরি প্রয়োজনে আরও চার প্লাটুনকে প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ছয়টি জেলার বিভিন্ন স্থানে এসব প্লাটুন ভাগ করে মোতায়েন করা হয়েছে। ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন এবং গাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্যকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে মোতায়েনকৃত এই বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছেন। দেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ও নজরদারি ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধে তারা নিরলসভাবে কাজ করছেন।

মাঠপর্যায়ের এই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। টহলরত সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা, ড্রোন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও চিত্র সদর দপ্তর থেকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে তাদের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান, নির্বিঘ্ন চলাচল ও স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম অক্ষুণ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


নির্বাচিত

প্রাণিসম্পদকে রপ্তানির বড় শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

* প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধের আহ্বান  * ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল প্রাণিসম্পদ পদক
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ খাতের উৎপাদনশীলতা বাড়াতে উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, আধুনিক প্রযুক্তি এবং উন্নত খামার ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধ করে তাদের প্রতি সহমর্মী ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত এখন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টিনিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পুষ্টি ও অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান: প্রাণিসম্পদ খাতের বর্তমান অবদানের পরিসংখ্যান তুলে ধরে তারেক রহমান বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। বর্তমানে দেশে দুই লাখের বেশি বাণিজ্যিক ও প্রান্তিক পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। প্রাণিসম্পদ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ৬০ লাখ মানুষ। তাদের প্রায় ৪০ শতাংশ নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। পাশাপাশি প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত পণ্যকে শিল্পে রূপান্তর করা গেলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

রপ্তানিতে নতুন সম্ভাবনা: প্রাণিসম্পদ খাতের রপ্তানি সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ ও বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছে। উর্বর ডিম রপ্তানিও শুরু হয়েছে।

ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য খাদ্যনিরাপত্তা ও কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলতে কাজ করছে সরকার।

তিনি বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, গবেষণা, খামারিদের প্রশিক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ এ খাতে স্বনির্ভর হওয়ার পাশাপাশি উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

টিকা উৎপাদন ও খামার সম্প্রসারণে উদ্যোগ: প্রাণিসম্পদ খাতের অন্যতম বড় প্রতিবন্ধকতা রোগবালাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এই সক্ষমতা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।

উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি খামারিদের ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি এ খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবার অবদানের প্রশংসা করেন।

প্রাণীর প্রতি সহমর্মিতার আহ্বান: অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রাণিকল্যাণের বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক সময় মানুষ অকারণে পশুপাখির ওপর নির্যাতন করে এবং তাদের কষ্ট দেয়। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরিবার থেকেই শিশু-কিশোরদের প্রাণীর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রাণীদের ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, ব্যথা ও আঘাত থেকে সুরক্ষা দেওয়া এবং স্বাভাবিক আচরণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তাদের ভয় ও মানসিক যন্ত্রণা থেকেও মুক্ত রাখতে হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়িত্বশীলতা তৈরি করা গেলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে।

২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল প্রাণিসম্পদ পদক: অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়। স্বর্ণপদকপ্রাপ্তদের ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকপ্রাপ্তদের ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। আরও বক্তব্য দেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে বাণী পাঠ করা হয়। পরে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের আয়োজন করেছে। পুরোনো বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী এ মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হচ্ছে।


নির্বাচিত

গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ

ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিজয় উদযাপনে ডিসেম্বরজুড়ে কর্মসূচির কথা জানিয়েছে বিএনপি। ১৬ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালি করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা জানান।

সালাহউদ্দিন বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে চূড়ান্ত ধৈর্য ধারণ করতে হচ্ছে। আমরা কোনো রক্তপাত চাইনি, বরং সরকারি দল হিসেবে বিএনপি আচরণ, আত্মসংযমের কারণে দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে।’

‘আমরা গণতান্ত্রিক আচরণ করব বলেই অঙ্গীকারবদ্ধ হয়েছি। জুলাই জাতীয় সনদে আমরা সই করেছি যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, সব রাজনৈতিক চর্চা যেন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়। অতিরিক্ত বল প্রয়োগ করবে না আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু যদি প্রয়োজন হয় জনগণের জানমাল রক্ষার্থে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে আইনানুগভাবে—সেই ঘোষণা আমরা দিয়েছি,’ বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের আদালতে যাদের বিচার হচ্ছে, সে বিচার চলবে। এ দেশে যারা গণহত্যার জন্য দায়ী, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, সংবিধান অনুসারে এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুসারে সেই ব্যক্তি ও সংগঠনের বিচার করা হবে।’

তিনি আরও বলেন, ‘সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে মানবতাবিরোধী অপরাধের দায়ে। সে তদন্ত কার্যক্রম সমাপ্ত হলে যথাযথ প্রক্রিয়ায় চার্জ গঠন করা হবে, চার্জশিট দেওয়া হবে এবং আদালত তার কার্যক্রম আইন অনুযায়ী পরিচালনা করবে। তখন আদালতের নির্দেশনা অনুসারে, আইনের বিধান অনুসারে সেই পতিত শক্তির ভাগ্য নির্ধারিত হবে।’

‘পৃথিবীর ইতিহাসে স্বীকৃত—কোনো দেশে গণহত্যা চালিয়ে যারা রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করেছে, নিজ দেশের মানুষকে হত্যা করেছে, তারা আর কখনো দেশে রাজনীতি করতে পারেনি, ফিরতে পারেনি। প্রকৃত ফ্যাসিবাদী শক্তি—তারাও ফিরতে পারবে না এ দেশে, কোনোদিন রাজনীতি করতে পারবে না। অবশ্য তারা কখনো রাজনীতি করেনি, তাদের রক্তে কখনো গণতন্ত্র ছিল না। তাদের জন্ম থেকে স্বাধীনতার পর থেকে যে ইতিহাস, সেই ইতিহাসে কেবল একনায়কতান্ত্রিকতা ছিল, স্বৈরতান্ত্রিকতা ছিল। একদলীয় রাষ্ট্রব্যবস্থার চূড়ান্ত ঘটনা তারা কায়েম করেছিল, সাংবিধানিকভাবে তারা খুন করেছিল এবং তার মধ্য দিয়ে তারা নিজেরাই তাদের নিজেদের দলকে দাফন করেছিল, গণতন্ত্রকে দাফন করেছিল, যোগ করেন তিনি।

বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রচলিত হয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, তখন তারা (আওয়ামী লীগ) আবার রাজনীতি করার সুযোগ পায়। সেই সুযোগে তারা আবারও তাদের নিজের রাজনৈতিক চরিত্র উন্মোচিত করে যেটা তাদের বাকশালী চরিত্র। সর্বশেষ পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তারা বাংলাদেশে একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। সেটা এ দেশের জনগণ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ব্যাহত করে দিয়েছে, ভণ্ডুল করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যের মধ্য দিয়ে অজস্র রক্তপাতের মধ্য দিয়ে দেশের মানুষ পুনরায় গণতন্ত্রকে অবমুক্ত করেছে। বারবার যখন স্বৈরতন্ত্রের আগমন ঘটেছে, প্রত্যেকবারই বিএনপির নেতৃত্বে এ দেশে গণতন্ত্র অবমুক্ত হয়েছে, মুক্ত হয়েছে।’

‘আমরা সেই ধারাকে অব্যাহত রাখব বাংলাদেশের রাজনীতিতে। আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করব, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করব। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না, এই প্রতিজ্ঞা আমাদের এ দেশের জনগণের কাছে।' তিনি জানান, আগামী বিজয় মাসে ১ ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু হবে। ‘আমরা গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে শুরু করে ১৬ ডিসেম্বর পালন করব। ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে আমাদের আরও কর্মসূচি থাকবে,’ বলেন তিনি।

সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, পুরো ডিসেম্বর মাসের কর্মসূচি পরে জানিয়ে দেওয়া হবে।


নির্বাচিত

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

নারীর ক্ষমতায়ন ও নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব নেই। এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, নারী সাংবাদিকদের সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সরকার ইতিবাচক। উইমেন্স জার্নালিস্ট ফোরামের আর্থিক সহায়তা, নিজস্ব কার্যালয়, পত্রিকা ও ম্যাগাজিনের তালিকাভুক্তি এবং সাংবাদিকদের পেশাগত সংকট নিয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

উইমেন্স জার্নালিস্ট ফোরাম নিবন্ধন পাওয়ায় সংগঠনটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্যে প্রথমেই এর আর্থিক ভিত্তি শক্ত থাকা অত্যন্ত জরুরি। ফোরামের হাতে পর্যাপ্ত অর্থ না থাকলে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন হবে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি অর্থ দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিবিধান ও প্রক্রিয়া রয়েছে। বিষয়টি তিনি বুঝতে পেরেছেন। তবে ফোরামের পক্ষ থেকে যেভাবে আবেদন করা হয়েছে, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সংগঠনটির জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরবেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, নারী সাংবাদিকদের ক্ষমতায়ন সরকারের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এ ক্ষেত্রে সংগঠনটির কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য কী ধরনের সহযোগিতা করা যায়, তা নিয়ে সরকার কাজ করতে আগ্রহী।

তিনি আশা করেন, আলোচনার মাধ্যমে ফোরামের আর্থিক ভিত্তি গড়ে তোলার বিষয়ে ইতিবাচক সমাধান পাওয়া যাবে।

নারী সাংবাদিকদের পেশাগত সংকট প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকদের চাকরি ও বেতন নিয়ে নানা সমস্যা রয়েছে। অনেক গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ কর্মীদের নিয়মিত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এসব সমস্যার কথা সরকার জানতে পারছে এবং বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ঢাকার বাইরের সাংবাদিকদের পরিস্থিতিও উদ্বেগজনক। মফস্বলে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও আর্থিক সংকট নিয়ে নানা অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের সংগঠিত হওয়া এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের নিবন্ধন ও গণমাধ্যমের পরিচয় নির্ধারণ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে অনলাইন পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমের পরিচয় এবং নিবন্ধন নিয়ে অনেক ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে। কে প্রকৃত সাংবাদিক, কোন গণমাধ্যম নিবন্ধিত, এসব বিষয়ে সুনির্দিষ্ট ধারণা থাকা জরুরি। তবে সাংবাদিকদের নিবন্ধন বা গণমাধ্যমের কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে গেলে বাকস্বাধীনতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, একদিকে প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করতে হবে, অন্যদিকে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাও অক্ষুণ্ন রাখতে হবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না। বরং গণমাধ্যমকে সহযোগিতা করার চেষ্টা করছে। সাংবাদিকদের সমস্যা ও সংগঠনগুলোর প্রয়োজনীয়তা নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনটির কার্যক্রম, আর্থিক সংকট, নিজস্ব কার্যালয়ের প্রয়োজনীয়তা এবং নারী সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা তুলে ধরেন।

তথ্যমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।


নির্বাচিত

বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী

* প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান * সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ * পর্যায়ক্রমে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে যাত্রা শুরু হলো বাংলাদেশি কর্মীদের। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রথম দফায় ১১২ জন কর্মী এই ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। পর্যায়ক্রমে আরও ১০ হাজার কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে দেশটিতে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে কর্মীদের বিদায় জানানোর আগে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি কর্মীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মোবাইল ফোনে সেলফি তোলেন। মালয়েশিয়ায় অবস্থানকালে দেশটির আইনকানুন, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেন। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাতটায় ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যায়।

প্রধানমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ১১২ জন কর্মীকে সরকার বিনা খরচে মালয়েশিয়ায় পাঠাচ্ছে। পর্যায়ক্রমে ১০ হাজার মানুষকে একইভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। দক্ষ মানবসম্পদ তৈরি ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নির্বাচন: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়েছে। এ প্রক্রিয়ায় নির্বাচিত কর্মীদের বিদেশযাত্রার প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন আনুষঙ্গিক ব্যয় বহন করছে সরকার।

বোয়েসেলের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীদের পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমা ও অন্যান্য আনুষঙ্গিক খরচের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সরকার। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ ব্যয় বহন করছে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হচ্ছে না।

নতুন কর্মস্থলে এসব কর্মীর মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫২ হাজার টাকা। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধাও দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

সিন্ডিকেটের অভিযোগে বন্ধ হয়েছিল শ্রমবাজার: নিয়োগে অনিয়ম, রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায় ও কর্মী শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়। এর আগে ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ পেয়েছিলেন।

ওই সময়ে ১০১টি রিক্রুটিং এজেন্সির একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়, দুর্নীতি ও কর্মী শোষণের অভিযোগ ওঠে। এর ফলে হাজারো কর্মীর বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। দীর্ঘ বিরতির পর এবার সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ ও ব্যয়সাশ্রয়ী প্রক্রিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই উদ্যোগ সফল হলে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর পাশাপাশি সাধারণ কর্মীদের বিদেশযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

দ্বিপক্ষীয় উদ্যোগে খুলল নতুন সম্ভাবনা: মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি।

বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন। সেই আলোচনার ধারাবাহিকতায় নতুন করে কর্মী পাঠানোর পথ তৈরি হয়েছে।

প্রথম ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিদেশযাত্রার সুযোগ পেয়ে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে যাত্রা করা কর্মীরা এ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান।

দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে এই প্রত্যাবর্তন দেশের বৈদেশিক কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এই উদ্যোগের সাফল্য নির্ভর করবে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা, কর্মীদের অধিকার সুরক্ষা এবং প্রতিশ্রুত শূন্য অভিবাসন ব্যয় বাস্তবায়নের ওপর।


নির্বাচিত

মজুরি বাড়ল, তবু অস্থির পোশাক খাত

* বেতন ৩৬ থেকে ৪৩ শতাংশ বৃদ্ধি *  শ্রমিকদের একাংশের মধ্যে ক্ষোভ রয়ে গেছে * সংগঠনগুলোর মধ্যেও সিদ্ধান্ত নিয়ে মতভেদ * ট্রাম্পের শুল্কের চাপ—রপ্তানি বাজার ধরে রাখাই বড় চ্যালেঞ্জ
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প যেন একসঙ্গে দুই ফ্রন্টে লড়ছে। একদিকে মূল্যস্ফীতির চাপে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন, কারখানায় কর্মবিরতি ও উৎপাদন বন্ধ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের প্রস্তাব ঘিরে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা। এর মধ্যে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হলেও শিল্পাঞ্চলের অস্থিরতা পুরোপুরি কাটেনি। ফলে দেশের প্রধান রপ্তানি খাতটির সামনে এখন শ্রমিক অসন্তোষ সামাল দেওয়া, উৎপাদন সচল রাখা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার কঠিন পরীক্ষা।

নতুন মজুরি কাঠামোয় তৈরি পোশাকশ্রমিকদের বেতন গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা হচ্ছে। আর সর্বোচ্চ গ্রেডের মজুরি দাঁড়াচ্ছে ২১ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের কাঠামোর তুলনায় এই বৃদ্ধি ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করার কথা রয়েছে।

কিন্তু মজুরি বৃদ্ধির এই ঘোষণা শ্রমিকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি। ফলে এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনের পরও গাজীপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় অসন্তোষ, কর্মবিরতি এবং ছুটি ঘোষণার ঘটনা ঘটছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব বাংলাদেশের পোশাক রপ্তানির ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

চার গ্রেডে নতুন মজুরি:

নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চারটি গ্রেডে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রথম গ্রেডের সিনিয়র অপারেটরদের মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হচ্ছে। বৃদ্ধি ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ।

দ্বিতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হচ্ছে। বৃদ্ধি ৫ হাজার ৭২৭ টাকা বা ৪০ শতাংশ। তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ২০০ টাকা হচ্ছে। এই গ্রেডে বৃদ্ধি ৫ হাজার ৬৫০ টাকা বা ৪১ দশমিক ৭০ শতাংশ।

সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৭ হাজার টাকা হচ্ছে। অর্থাৎ বৃদ্ধি ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

মজুরি বোর্ডের সভায় প্রথম তিনটি গ্রেডের বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হলেও সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে সমঝোতা হয়নি। শ্রমিকপক্ষের দাবি ছিল ১৮ হাজার টাকা, আর মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৭ হাজার টাকা। শেষ পর্যন্ত ভোটাভুটিতে ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, বোর্ড গঠনের ২৫ দিনের মাথায় মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার অবশ্য জানিয়েছেন, ১৭ হাজার টাকায় তারা পুরোপুরি সন্তুষ্ট নন। তবে সব কারখানায় দ্রুত নতুন মজুরি কার্যকরের আহ্বান জানিয়েছেন তিনি।

বিজিএমইএর হিসাব অনুযায়ী, পোশাকশিল্পের ১৪ শতাংশ শ্রমিক চতুর্থ গ্রেডে, ২৬ শতাংশ তৃতীয় গ্রেডে, ৩২ শতাংশ দ্বিতীয় গ্রেডে এবং ২৮ শতাংশ প্রথম গ্রেডে কাজ করেন। অর্থাৎ সবচেয়ে বেশি শ্রমিক দ্বিতীয় গ্রেডে কর্মরত। নতুন কাঠামোয় তাদের মজুরি বাড়ছে ৫ হাজার ৭২৭ টাকা।

ঘোষণার পরও কেন অসন্তোষ:

মজুরি বোর্ডের সিদ্ধান্তের পরও শ্রমিকদের একাংশের মধ্যে ক্ষোভ রয়ে গেছে। বিশেষ করে মূল্যস্ফীতি, বাড়িভাড়া, খাদ্য ও যাতায়াত ব্যয়ের সঙ্গে নতুন মজুরির সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলছেন তারা। শ্রমিক সংগঠনগুলোর মধ্যেও সিদ্ধান্ত নিয়ে মতভেদ রয়েছে। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ নতুন মজুরিকে স্বাগত জানালেও ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) বলেছে, এই সিদ্ধান্ত শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন নয়।

সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার মনে করেন, শ্রমিকদের প্রত্যাশা ছিল সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা হবে। তবে আগের তুলনায় এবার মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের দর-কষাকষি ভালো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, শিল্পাঞ্চলে আন্দোলনের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। গাজীপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় কর্মবিরতি, সাধারণ ছুটি এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার ঘটনা ঘটেছে।

গাজীপুরে প্রায় ২ হাজার ৭০০ শিল্পকারখানা রয়েছে। গত কয়েক দিনে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও মৌচাক এলাকায় ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রতিদিন শ্রমিকদের উত্তেজনার কারণে গড়ে ৩০টি কারখানায় ছুটি দিতে হচ্ছে বলে জানা গেছে। তবে ২৬ নভেম্বর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কালিয়াকৈরে বন্ধ থাকা চারটি কারখানা আবার চালু হয়েছে।

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলেও অস্থিরতা অব্যাহত রয়েছে। সেখানে ৪৭০টি রপ্তানিমুখী কারখানার মধ্যে ২২টি শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ এবং ৬০টিতে সাধারণ ছুটি রয়েছে। সাতটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতির খবর পাওয়া গেছে।

হেমায়েতপুরে এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেডে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এতে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় ৯২ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করেছে কারখানা কর্তৃপক্ষ। গ্রেপ্তার চারজনই পোশাকশ্রমিক।

এদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

ট্রাম্পের শুল্কে বাড়ছে নতুন উদ্বেগ:

দেশের অভ্যন্তরীণ অস্থিরতার পাশাপাশি বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) বাংলাদেশসহ ১৬টি দেশের উৎপাদন খাত নিয়ে তদন্তের পর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। পণ্যভেদে বাংলাদেশের ওপর অতিরিক্ত শুল্ক সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাংলাদেশ উৎপাদন ও রপ্তানি বাড়াতে বিভিন্ন প্রণোদনা দিলেও শ্রমিকের অধিকার ও সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি আর্থিক খাতের নীতি এবং অতিরিক্ত উৎপাদনক্ষমতা নিয়েও আপত্তি তুলেছে দেশটি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর গত জুলাইয়ে আরোপ করা অতিরিক্ত ১০ শতাংশ শুল্কসহ মোট ২৫ দশমিক ৬২ শতাংশ শুল্ক রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে রপ্তানিকারকদের ব্যয় আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমেছে ৪ দশমিক ৫৭ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি কমেছে ৬ দশমিক ১৪ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম মনে করেন, ট্রাম্পের শুল্কনীতি বিশ্ববাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। এর সঙ্গে দেশের অভ্যন্তরীণ শ্রমিক অসন্তোষ যুক্ত হওয়ায় বাংলাদেশের পোশাকশিল্প আরও চাপে পড়ছে।

তার আশঙ্কা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ধারাবাহিক অস্থিরতা চলতে থাকলে আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প উৎপাদনকেন্দ্র খুঁজতে পারেন। অতীতে শ্রীলঙ্কায় ধারাবাহিক অসন্তোষের কারণে ক্রেতাদের একটি অংশ বাংলাদেশমুখী হয়েছিল। এখন বাংলাদেশেও একই পরিস্থিতি তৈরি হলে সেই সুযোগ প্রতিযোগী দেশগুলোর হাতে চলে যেতে পারে।

মজুরি বৃদ্ধি কি শিল্পের জন্য বোঝা?

শ্রমিকদের বেতন বাড়লে কারখানার উৎপাদন ব্যয় বাড়বে, এতে সন্দেহ নেই। তবে দীর্ঘ মেয়াদে দক্ষ শ্রমশক্তি, উৎপাদনশীলতা ও শিল্পের স্থিতিশীলতা বাড়াতে ন্যায্য মজুরি গুরুত্বপূর্ণ।

ধামরাইয়ের পরিবেশবান্ধব কিউট ড্রেস ইন্ডাস্ট্রিতে প্রায় ৬৫০ শ্রমিক কাজ করেন। বর্তমানে কারখানাটিতে মাসে প্রায় দেড় কোটি টাকা মজুরি দেওয়া হয়। নতুন কাঠামো কার্যকর হলে এই ব্যয় প্রায় ৪০ লাখ টাকা বাড়বে।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক শেখ এইচ এম মোস্তাফিজ জানান, মজুরি বৃদ্ধির ফলে মুনাফা কমে যেতে পারে, যদি ক্রেতারা পোশাকের দাম না বাড়ান। ইতোমধ্যে ক্রেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় অনেক ক্রেতাই দাম বাড়াতে আগ্রহী নন।

অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম অবশ্য মনে করেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবকে একই সমস্যার অংশ হিসেবে দেখা ঠিক নয়। সংশোধিত শ্রম আইন অনুযায়ী প্রতি তিন বছর পর পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের কথা। সর্বশেষ ২০২৩ সালে মজুরি বাড়ানো হয়েছিল। ফলে এবার মজুরি পুনর্নির্ধারণ ছিল আইনগত প্রক্রিয়ারই অংশ। তার মতে, পোশাকশিল্পের সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অদক্ষতা এবং ব্যবস্থাপনাগত সমস্যা। শুধু শ্রমিকের মজুরি কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। বরং দক্ষতা, প্রযুক্তি ও উৎপাদনশীলতা বাড়াতে হবে।

তিনি বাজার, পণ্য ও বিনিয়োগ—এই তিন ক্ষেত্রে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে চীনা পণ্য ইউরোপের বাজারে বেশি প্রবেশ করলে বাংলাদেশের জন্য সেখানে প্রতিযোগিতা আরও কঠিন হবে।

সংকটের মধ্যেও সম্ভাবনা:

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। প্রস্তাবের ওপর জনমত গ্রহণ ও শুনানির পর শুল্কহার নির্ধারণ করা হবে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রস্তাবের যেসব বিষয় অন্যায্য মনে হচ্ছে, সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সমঝোতার চেষ্টা করবে সরকার। এ ক্ষেত্রে ২৫ জানুয়ারির শুনানি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল মনে করেন, নতুন শুল্ক প্রস্তাবের মধ্যেও বাংলাদেশের জন্য সুযোগ রয়েছে। ইউএসটিআরের প্রস্তাবনায় যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধার বিষয়টি রয়েছে। এটি কার্যকর হলে বাংলাদেশের রপ্তানিকারকেরা প্রতিযোগিতামূলক সুবিধা পেতে পারেন।

তবে এ সুবিধার শর্ত ও প্রয়োগের বিষয়টি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে উচ্চমূল্যের পোশাক উৎপাদন বাড়ানো গেলে বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্যও বাড়তে পারে।

শ্রমিকদের কাজে ফেরাতে সরকার ও মালিকপক্ষের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী শনিবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।


নির্বাচিত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুরু

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সারা বাংলাদেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর খবর তুলে ধরা হলো;

পাবনা প্রতিনিধি জানান : পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন পশু উৎপাদনের পাশাপাশি দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে পাবনার সুনাম সারাদেশ ব্যাপী সেই সুনাম ধরে রাখতে হবে। মানসম্মত পশু ও খাদ্য সামগ্রী উৎপাদনে বদলে যাবে আমাদের অর্থনৈতিক গতিপথ।

সুতরাং সেদিকে লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। ইদানিং কিছু অসাধু খামারী ও ব্যবসায়ী ভেজাল পণ্য উৎপাদন করছে এতে করে কিন্তু আমরা স্বাস্থ্য ঝুকির পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি সেইসাথে ক্ষুণ্ন হচ্ছে আমাদের সুনাম। সুতরাং সবার সচেতনতা অবলম্বন করে কাজ করতে হবে।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান কে সামনে রেখে আলোচনা সভা, শোভাযাত্রা ও তিনদিন ব্যাপী প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, পাবনা এর যৌথ আয়োজনে তিনি আরো বলেন, পাবনা এমন একটি জেলা যেটা কৃষির জন্য উর্বর ভূমি। সেই উর্বরতা শক্তিকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক চাকা গতিশীল করতে হবে। সেক্ষেত্রে সরকার সকল ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

এর আগে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আব্দুল হামিদ সড়কে সাবেক বন্ধন কমিউনিটি সেন্টার মাঠ (মুক্তমঞ্চ সংলগ্ন) এর সামনে এসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদির, উপজেলা সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ বিভিন্ন খামারী ও নানা শ্রেণিপেশার মানুষ। তিন দিনব্যাপী প্রদর্শনীতে ২২টি স্টলে বিভিন্ন প্রকার পশু, ও উৎপাদিত খাদ্যদ্রব্য প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রদর্শন করা হবে।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা।

জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেনসহ অন্যান্যরা।

১৫ টি স্টলে দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন খামারিরা তাদের পশুপাখি প্রদর্শন করেন। এছাড়াও পশু পালনের বিভিন্ন উপকরণসহ আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে সপ্তাহ ব্যাপী প্রাণীসম্পদের সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন এলাকার খামারিরা উপস্থিত ছিলেন।

মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলা প্রাণিসম্পদ প্রাঙ্গনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাসের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের প্রতিনিধি, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন খামারি ও প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রদর্শনীতে মোট ২৫টি স্টল রয়েছে।

সারাদিনব্যাপী এ প্রদর্শনীতে জেলার বিভিন্ন খামারি এবং তাদের লালন-পালন করা গবাদিপশু যেমন গরু-ছাগল, কবুতর, হাঁস, বিড়াল ও খরগোশ সহ ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি রয়েছে প্রাণিসম্পদ প্রযুক্তি কর্নার ও বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসাসেবা ক্যাম্প।

এর আগে জেলা প্রাণিসম্পদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

মৌলভীবাজার প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ’ এই প্রতিপাদ্য এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, প্রাণিসম্পদ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এসব কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অতিথিরা ফিতা কেটে প্রাণিসম্পদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। এছাড়াও ফখরুল ইসলাম, আব্দুল মুকিতসহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলার সফল খামারিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে দুধ, মাংস ও ডিম উৎপাদন করে দেশের বিপুলসংখ্যক মানুষ আজ স্বাবলম্বী হচ্ছেন। এ খাতকে আধুনিক ও বাণিজ্যিকভাবে সম্প্রসারণের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও প্রাণিজাত পণ্য রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

বক্তারা আরও উল্লেখ করেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের জন্য খামারিদের নিয়মিত প্রশিক্ষণ, উন্নত জাতের পশু-পাখি পালন, সঠিক রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা, মানসম্মত গো-খাদ্য সরবরাহ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজন স্থানীয় খামারি ও নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের দুধ ও ডিম খায়ানো, প্রাণিসম্পদ প্রদর্শনীসহ নানা কর্মসূচির মধ্য জাতীয় পাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। শেষে টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিবৃন্দ। সেখানে প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নুর মোহাম্মদ মিন্টু, লামা (বান্দরবান): সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও শুরু হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। প্রাণীসম্পদ কর্মকর্তা শুভ কুমার রাজবংশী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন- নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। এতে পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহবায়ক নাজমুল হাসান নাজিম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সভায় দিবসের বিস্তারিত তুলে ধরেন উপ-সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও অনুভূতি প্রকাশ করে খামারিদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেদী হাসান। শেষে প্রাণীসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। বৃহস্পতিবার (২৬নভেম্বর) থেকে ২৮ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচী পালনের মাধ্যমে এই সপ্তাহ পালিত হবে।

আলোচনায় প্রধান অতিথি নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, প্রাণীসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপাখি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং উন্নত জাতের গবাদিপশু উৎপাদনে গুররুত্ব দিতে হবে।

সদরপুর ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উৎযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ঘটিকায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য — ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল্লাহিল গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা এবং চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ সফর আলী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফায়েত উল হাসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী সহ প্রাণী সম্পদ সংশ্লিষ্ট খামারিরা।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট খামারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি চাহিদা পূরণ এবং বেকারত্ব দূরীকরণে এ খাত ব্যাপক ভূমিকা রাখছে। বিশেষ করে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন অনেক মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের গবাদিপশু পালন এবং পশু-পাখির রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি সরকারি সেবা ও সহযোগিতা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে খামারি ও সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। এর ফলে চরভদ্রাসন উপজেলায় প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

কুলাউড়া প্রতিনিধি : দেশীয় প্রাণিসম্পদের জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। তিনি বলেছেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের এগিয়ে আসতে হবে। দেশীয় জাত সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে খামারিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল।

ভেটেরিনারি সার্জন ডা. মো. মহিউদ্দিন তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা এনজিও সমন্বয়কারী বদরুল হোসেন খান, খামারি রুমেল খান, মুহিতুর রহমান, সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ।

নকলা (শেরপুর) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নকলার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী।

এ সময় নকলা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাঠপর্যায়ের কৃষক ও খামারি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং কৃষক ও খামারিদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নকলা, শেরপুর।

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : শিশুদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা তুলে ধরতে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। ডিম প্রাণিজ আমিষের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের গুরুত্ব ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়। ডিম পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরে সিংড়া উপজেলায় 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬' এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তাশরিফুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার খামারি উপস্থিত ছিলেন।

বোদা (পঞ্চগড়) প্রকিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মানসম্মত প্রাণিজাত পণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য প্রাণিসম্পদ খাতের গুণগত মান নিশ্চিত করা জরুরি। নকল ও লাইসেন্সবিহীন পশুখাদ্য এবং ওষুধ বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা ও সতর্ক করা হবে। এরপরও অনিয়ম অব্যাহত থাকলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তরুণদের খামারমুখী হওয়ার প্রবণতাকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, চাকরির পেছনে না ছুটে অনেক তরুণ উদ্যোক্তা হিসেবে খামার গড়ে তুলছেন। এতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে। নতুন ও প্রান্তিক খামারিদের সমস্যা চিহ্নিত করে প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর তাদের পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেন বলেন, দুধ, ডিম ও মাংসের মতো প্রাণিজাত পণ্য বিদেশে রপ্তানির জন্য পশুকে রোগমুক্ত রাখা অপরিহার্য। এ লক্ষ্যে সরকার ছাগলের পিপিআর রোগ নির্মূল এবং গবাদিপশুর ক্ষুরারোগ নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সাভারে আন্তর্জাতিক মানের আইএসও সনদপ্রাপ্ত কোয়ালিটি কন্ট্রোল ল্যাব স্থাপন করা হয়েছে।

ডিম উৎপাদনের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, দেশে জনপ্রতি বছরে ১০৪টি ডিমের চাহিদার বিপরীতে বর্তমানে উৎপাদন প্রায় ১০০টি। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশ ডিম উৎপাদনে উদ্বৃত্ত অবস্থানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ইতোমধ্যে পঞ্চগড় জেলা থেকে দুই লাখ পিস ডিম রপ্তানি শুরু হয়েছে। পশুখাদ্যের ব্যয় কমাতে রাস্তার পাশের পতিত জমিতে উন্নত জাতের ঘাস চাষ এবং কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গবাদিপশুর উৎপাদনশীলতা বাড়ানোর জন্যও তিনি খামারিদের পরামর্শ দেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গবাদিপশুকে টিকা প্রদান ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হবে। শেষ দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দুধ ও ডিম বিতরণের মাধ্যমে স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও নবীন উদ্যোক্তারা।

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছিদ্দিক মিয়া ও সাধারণ সম্পাদক আঃ রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্টরা।

সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আটোয়ারী, (পঞ্চগড়) প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার। ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ফয়সাল, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, আইসিটি অফিসার আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার তৌকির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের আয়ব্যাক মো. পশিম উদ্দিন, এবং বিএনপির মহিলা নেত্রী মর্জিনা বেগম প্রমুখ।

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আতাউর রহমান।

সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আতাউর রহমান বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক পদ্ধতিতে পশুপালন, রোগ প্রতিরোধ এবং খামারিদের সচেতনতা বাড়ানো জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্ণব ভৌমিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহফুযুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মামুনুর রশিদ এবং রায়পুর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএম মনজুরুল হাসান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা ইকবাল কবির, কৌশিক মজুমদার, ভেটেরিনারি কম্পাউন্ডার মো. মোবারক হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ জসিম উদ্দিন, এলএসপি মাহবুব হোসেন, সাইফুল ইসলাম, জাকির হোসেন, এল এফ এ তরিকুল ইসলাম, মেডিসিন কোম্পানির প্রতিনিধি মোঃ সেলিম হোসেন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারিরা।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডুমুরিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহেল রানা, স্বাগতম বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডক্টর আশরাফুল কবির, অনুষ্ঠানে বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন, ডা. আবু সাঈদ সুমন, অতিরিক্ত কৃষি অফিসার, মো. শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, শেখ গাউস আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এস এম কামরুজ্জামান, ইন্সট্রাক্টর, ইউআরসি, মো. মোসলেম আলী, সাব ইন্সপেক্টর, দীপন কুমার ঘোষ, ডা. ইশমাম শাহারিয়ার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, চঞ্চল কুমার মন্ডল, ভিএফএ, মো. আমজাদ হোসেন সরদার এফএ(এআই), বৃন্দাবন কবিরাজ, কম্পাউন্ডার, মো. আশরাফুল আলম,অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ম্যাগী মল্লিক, ড্রেসার, আলামিন সরদার সিইএ, ফুয়াদ মল্লিক, মো. আবুল কালাম, অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই। ডুমুরিয়া উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনে অত্যন্ত সম্ভাবনাময় একটি অঞ্চল। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত উপায়ে খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে এখানকার উৎপাদিত দুধ, ডিম ও মাংস দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। সরকার খামারিদের পাশে রয়েছে এবং যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।’

এর আগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করা হয়।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

‘রপ্তানিমুখী প্রাণি সম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী ওই কর্মসূচি উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.কানিস ফারজানা,কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম,স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম আলমাস, সিনিয়র মৎস্যs কর্মকর্তা রতন চন্দ্র সাহাসহ খামারী, সংবাদকর্মী, সুধীজন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপসহকারী প্রণিসম্পদ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘প্রাণিসম্পদ গ্রামীণ জনগোষ্ঠিকে পরনির্ভরতা কমিয়ে সাবলম্বী হতে সহায়তা করে। এ খাত আর্থিক সমৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি চাহিদা পুরণে বিশেষ ভূমিকা পালন করে। তিনি খামারিদের স্বাস্থ্যসম্মত খামার গড়ে তোলার আহবান জানান। এর পাশাপাশি স্বল্প সুদে ব্যাংক ঋণসহ তাদের জীবন-মানউন্নয়ন ও পরামর্শে সার্বক্ষনিক সহযোগীতা দিতে প্রাণি সম্পদ দপ্তরকে নির্দেশনা দেন।’

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন এলাকা থেকে আসা প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানির উপযোগী পণ্যউৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ খাতের উন্নয়নে খামারিদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উদ্যোক্তাদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, হাকিমপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয় মিত্র চাকমা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুনতাসীর মামুন।সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, পশুর রোগ প্রতিরোধ এবং প্রাণিসম্পদভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন পদ্ধতিতে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রাণীর স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: ‘প্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, খোকসার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম এবং উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আফজাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. জাকির হোসেন। এছাড়াও খামারি জামিলুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আর নোমান এবং সাংবাদিক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খামারি ও উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও দিক-নির্দেশনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে:

* সরকারের পক্ষ থেকে খামারিদের জন্য সুদমুক্ত ঋণ প্রদান

* স্থানীয়ভাবে মাননিয়ন্ত্রিত ও নিরাপদ পশুখাদ্য উৎপাদন করে ন্যায্যমূল্যে খামারিদের কাছে বিক্রি নিশ্চিত করা

* বাজার সিন্ডিকেট ভেঙে খামারিদের ন্যায্য লভ্যাংশ প্রাপ্তি নিশ্চিত করা এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ

* ভোক্তাদের কাছে নিরাপদ প্রাণিজ খাদ্য পৌঁছে দিতে নির্ধারিত ও সুশৃঙ্খল বিপণন ব্যবস্থা গড়ে তোলা

* খামারি ও উদ্যোক্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট খাতের সব কার্যক্রমে নিয়মিত মনিটরিং ও সরকারি তদারকি জোরদার করা

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজলভ্য করতে এবং দেশের অর্থনীতিতে এর অবদান বাড়াতে সরকারের নজরদারি ও সহায়তা আরও বাড়াতে হবে।

এর আগে সকালে খোকসা উপজেলা চত্বর ও আশপাশ এলাকায় ব্যানার-ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভায় খোকসা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধশতাধিক খামারি এবং উদ্যোক্তা অংশগ্রহণ করেন।


নির্বাচিত

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপডেটেড ২৬ নভেম্বর, ২০২৬ ২০:৩৯
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজ ১১২ জন যাচ্ছেন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি। অনেক দিন ধরে এই কার্যক্রম বন্ধ ছিল। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশেরও লাভ হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কাজ করতে গেলে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। ভাষা জানা থাকলে কর্মীদের কাজ করতে অনেক সুবিধা হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সুস্থভাবে সেখানে পৌঁছে ভালোভাবে কাজ করবেন। সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। একজন কর্মীর কাজ ও আচরণ দেখে সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশকে মূল্যায়ন করবে। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে তাদের দেখে অন্য বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতেও বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে।

তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, ওই দেশের আইনকানুন ও ঐতিহ্য মেনে চলবেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।’

প্রধানমন্ত্রী কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। পরে রেমিটেন্ট যোদ্ধাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেওয়া হবে। কর্মীদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।


নির্বাচিত

২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম পেতে যাচ্ছেন সরকারি সম্মানী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

এই অর্থবছরে দেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের জন্য সুসংবাদ দিতে যাচ্ছে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।। ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের জন্য সরকারি সম্মানীর আওতায় আনা হবে বলে জানা যায়। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি সুবিধাভোগীদেরও এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে।

পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরে দেশের সব মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এ সুবিধার আওতায় আনা হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস আয়োজিত দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সরকারের ৩১ দফা প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘যে যে ধর্মেরই হোক না কেন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ বা উপাধ্যক্ষ তাদের সম্মানিত করলে জাতি সঠিক পথ পাবে। এই বিশ্বাস থেকেই সরকার কাজ করছে।’

তিনি জানান, যাদের তথ্য এখনো অন্তর্ভুক্ত হয়নি, তারাও জুলাই মাস থেকে বকেয়াসহ সম্মাননা পাবেন। ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের স্বাবলম্বী করা, কৃষক কার্ড, উন্নত স্বাস্থ্যনীতি, আনন্দমুখর শিক্ষাব্যবস্থা, ২৫ কোটি বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তবে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হলেই হবে না, মানুষকে হক ও বাতিলের পার্থক্যও বোঝাতে হবে। ধর্মীয় পথপ্রদর্শকেরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের সমন্বয় ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার জন্য ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর আদলে মাদ্রাসা শিক্ষাবোর্ডগুলোর সমন্বয় ও স্বীকৃতির বিষয়টি আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি মাদ্রাসাশিক্ষার্থীদের বিসিএসসহ সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে তা দেওয়া হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ ড. আওয়াদ বিন সাবতী আল-আনাযী, আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহহাব সাঈদানী এবং অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের আমির শাইখ আসগর আলী আলাফী মাদানীসহ অন্যরা।


নির্বাচিত

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার

* সব জেলার ১৮-৩৫ বছর বয়সিরা সুযোগ পাচ্ছে
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন। আগামী ১ ডিসেম্বর থেকে প্রশিক্ষণের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে তরুণদের এআই প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমান বিশ্বে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, সরকারি সেবা ও তথ্যপ্রযুক্তিসহ প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে।

তথ্য বিশ্লেষণ, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও সম্পাদনা, অনুবাদ, গবেষণা, সফটওয়্যার উন্নয়ন ও বিভিন্ন দাপ্তরিক কাজে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতেই সরকারের এ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। দেশের সকল জেলাকে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা থাকায় রাজধানী ও বড় শহরের বাইরে থাকা তরুণ-তরুণীরাও এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী তরুণ ও উদ্যোক্তা হতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এ উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। সরকারের এ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রশিক্ষণটি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা। ফলে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যারা বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ ব্যয় করে এআই প্রশিক্ষণ নিতে পারেন না, তারাও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’— শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এটি এই প্রকল্পের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ। এর আগে একই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন বাসসকে বলেন, ‘দেশের বিপুলসংখ্যক তরুণকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সি আগ্রহী তরুণ-তরুণীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এতে অংশ নিতে পারবেন। তিনি বলেন, দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, প্রশিক্ষণার্থীরা এআই প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের ১২ নভেম্বরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এ প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে মৌলিক জ্ঞান ও ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না। আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। সূচি অনুযায়ী, ২৮ নভেম্বর লিখিত ও ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা ৩০ নভেম্বর প্রকাশের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও ফলাফল সংশ্লিষ্ট প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে। প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে। শুধু প্রশিক্ষণ ফি মওকুফই নয়, অংশগ্রহণকারীদের জন্য যাতায়াত ভাতা ও খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।

প্রশিক্ষণটি আগামী পহেলা ডিসেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। মোট ৫০ দিনের এ কোর্সে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এটি স্বল্পমেয়াদি হলেও নির্দিষ্ট সময় ধরে নিয়মিত ক্লাস ও অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের এআই বিষয়ে মৌলিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করবে।

জানতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের এআই (অও) প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান বাসসকে বলেন, এই প্রশিক্ষণে শুধু তাত্ত্বিক জ্ঞানই দেওয়া হবে না, বরং এর পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, প্রশিক্ষণার্থীরা বিভিন্ন এআই টুলের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা পাবেন। মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে-কলমে দক্ষতা তৈরির পরিকল্পনা রয়েছে।

আতিকুর রহমান আরও বলেন, প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারেন, এমনভাবে পাঠ্যক্রম সাজানো হয়েছে। দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব পেয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। রাজশাহী ও রংপুর বিভাগে দায়িত্ব পালন করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগ। বরিশাল ও খুলনা বিভাগে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে সার্ভিস ইঞ্জিনস লিমিটেডের যৌথ উদ্যোগ প্রশিক্ষণ পরিচালনা করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এআই প্রযুক্তিতে প্রাথমিক দক্ষতা অর্জনের সুযোগ তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি নতুন ধরনের কর্মদক্ষতা গড়ে তুলতে সহায়তা করতে পারে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট তৈরি, গ্রাফিক ডিজাইন, তথ্য বিশ্লেষণ কিংবা প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হতে চান, তাদের জন্য এ প্রশিক্ষণ কার্যকর হতে পারে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুল ব্যবহার করে অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, ভাষান্তর, উপস্থাপনা প্রস্তুত, ছবি ও ভিডিও সম্পাদনা ও বিভিন্ন সৃজনশীল কাজ করা সম্ভব হচ্ছে। ফলে চাকরির বাজারেও এআই ব্যবহারের দক্ষতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শুধু তথ্যপ্রযুক্তি খাত নয়, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, গণমাধ্যম, বিপণন ও প্রশাসনিক কাজেও এ প্রযুক্তির ব্যবহার বাড়ছে।

এ পরিস্থিতিতে তরুণদের এআই সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি বাস্তব কাজের ক্ষেত্রে প্রযুক্তিটি কীভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়ে দক্ষ করে তোলা গুরুত্বপূর্ণ। তবে এআই টুল পরিচালনার দক্ষতার পাশাপাশি তথ্য যাচাই, বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, নৈতিকতা ও প্রযুক্তির সীমাবদ্ধতা সম্পর্কে সচেতনতাও প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বাসসকে বলেন, ‘বর্তমান সময়ে প্রায় সব পেশাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই তরুণদের এ প্রযুক্তিতে দক্ষ করে তোলার সরকারি উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা এআই টুলের ব্যবহারিক প্রয়োগ, সমস্যা সমাধান, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিনির্ভর কাজের বিষয়ে ধারণা পাবেন। পাশাপাশি প্রোগ্রামিংয়ের প্রাথমিক জ্ঞান, বিশ্লেষণী চিন্তা এবং এআই প্রযুক্তির নৈতিক ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

আব্দুর রাজ্জাক আরও বলেন, যথাযথ প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণেরা এ জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, জেলা পর্যায়ের তরুণদের জন্য প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের সুযোগ, উদ্যোক্তা উন্নয়ন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকলে এ উদ্যোগের সুফল আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে নারীদের অংশগ্রহণ বাড়ানো ও প্রত্যন্ত এলাকার আগ্রহী তরুণদের প্রশিক্ষণে যুক্ত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

যুব উন্নয়ন অধিদপ্তরের এ প্রকল্পের মূল লক্ষ্য তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ফলে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ রাজধানীকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়েও সম্প্রসারিত হচ্ছে।

আগ্রহী প্রার্থীরা প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানতে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট www.dzdaiproject.com/apply ভিজিট করতে পারবেন।

আবেদন করার শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নির্বাচিত

banner close