মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

ফেরারি আরাভকে ফেরাতে ইন্টারপোলে চিঠি দেবে পুলিশ

রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান।
আপডেটেড
১৬ মার্চ, ২০২৩ ০০:০০
নুরুজ্জামান লাবু
প্রকাশিত
নুরুজ্জামান লাবু
প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৩ ০০:০০

একটি-দুটি নয়, ১২টি মামলার ফেরারি আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান। সবগুলো মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রথমে ভারতে, তারপর দুবাই গিয়ে রীতিমতো জুয়েলারি ব্যবসায়ী বনে গিয়েছেন তিনি। তার অবস্থানের কোনো তথ্যই ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

দুবাইয়ে জাঁকজমক আয়োজনে নিজের নামে জুয়েলারি প্রতিষ্ঠান উদ্বোধনের ঘোষণা দেয়ার পর তার আসল পরিচয় জানতে পারেন সবাই। এমন একজন ফেরারি আসামির আমন্ত্রণে দেশের একাধিক শোবিজ তারকাসহ বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান যোগ দেয়ার ঘোষণায় রীতিমতো নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ কর্মকর্তারা বলছেন, আরাভকে ফেরাতে ইন্টারপোলে চিঠি দেয়ার প্রক্রিয়া শুরু করেছেন তারা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (মতিঝিল) রাজীব আল মাসুদ জানান, তারা বিভিন্ন সময়ে রবিউল ওরফে আপনের অবস্থান শনাক্ত করার চেষ্টা করেছেন। সম্প্রতি তিনি নতুন নাম নিয়ে দুবাইয়ে অবস্থানের বিষয়টি প্রকাশ হওয়ায় ইন্টারপোলের মাধ্যমে তাকে ফেরানোর চেষ্টা চলছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান রিপন বলেন, ‘আমরা তার বিরুদ্ধে মোট ১২টি গ্রেপ্তারি পরোয়ানা পেয়েছি। এসব বিষয় উল্লেখ করে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখার মাধ্যমে ইন্টারপোলের কাছে চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে।’

পুলিশ সূত্র বলেছে, ২০১৮ সালের ৮ জুলাই রাতে নিখোঁজ হন এসবির পরিদর্শক মামুন ইমরান খান। পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে পরদিন সবুজবাগ থানায় জিডি করেন। সেই জিডির তদন্ত করতে গিয়ে গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিম জানতে পারে, রহমত নামে এক বন্ধুর সঙ্গে তিনি বনানীর একটি বাসায় গিয়েছিলেন। সেখানে আফরিন নামের এক কথিত মডেলের জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সেই জন্মদিনের পার্টিতে আফরিনের সহযোগীরা মামুনকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা করে। একপর্যায়ে তাকে পিটিয়ে হত্যার পর লাশ নিয়ে গাজীপুরে একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। পুলিশ কর্মকর্তা মামুনের পরিচয় যাতে শনাক্ত করতে না পারে সে জন্য লাশটি পোড়ানোও হয়েছিল। রোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দা পুলিশ ২০১৯ সালের ৩১ মার্চ আদালতে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। সেই অভিযোগপত্রের ছয় নম্বর আসামি ছিলেন রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদি শেখ।

পুলিশ বলেছে, ঘটনার পর থেকেই রবিউল ইসলাম ওরফে আপন পলাতক। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ২০২০ সালের ২০ অক্টোবর রবিউল অন্য এক ব্যক্তিকে নিজের নাম দিয়ে আদালতে আত্মসমর্পণ করায়। ৫ লাখ টাকা ও বিকেএসপিতে ভর্তি করিয়ে দেয়ার প্রলোভনে পড়ে আপনের পরিবর্তে চাঁদপুরের কচুয়ার বাসিন্দা আবু ইউসুফ নামে এক তরুণ আদালতে আত্মসমপর্ণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়ার পর কিছুদিন যেতে না যেতেই ইউসুফ নিজের ভুল বুঝতে পেরে বিষয়টি জেল কর্তৃপক্ষকে জানান। জেল কর্তৃপক্ষ সেটি মহানগর দায়রা জজ আদালতকে জানালে বিষয়টি তদন্তের জন্য ডিবিকে নির্দেশ দেন আদালত।

ডিবির কর্মকর্তারা জানান, ডিবির তদন্তে রবিউল ওরফে আপনের জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়। কিন্তু এর আগেই তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। ২০২০ সালের ২৮ জুলাই তিনি পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর উদয় সংঘ ক্লাব এলাকার বাসিন্দা হিসেবে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। জালিয়াতি করে বানানো ওই পাসপোর্টে তার বাবার নাম হিসেবে ব্যবহার করা হয় জাকির খান, মায়ের নাম দিয়েছেন রেহানা বিবি খান ও স্ত্রীর নাম সাজিমা নাসরিন। তার ভারতীয় পাসপোর্ট নম্বর ইউ ৪৯৮৫৩৮৯।

সূত্র বলেছে, ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে রবিউল ইসলাম ওরফে আপন আরাভ নাম নিয়ে দুবাই যাতায়াত শুরু করেন। একই সঙ্গে তার পাসপোর্টে শেনজেন ভিসাও রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানান, রবিউল ওরফে আরাভ ব্যবসায়ী হিসেবে দুবাইয়ের রেসিডেন্সি পাসপোর্টও নিয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

গোয়েন্দা সূত্র বলেছে, তারা জানতে পেরেছেন অন্য কোনো একটি দেশের পাসপোর্ট ব্যবহার করে কয়েক দিন আগে বাংলাদেশেও এসেছিলেন রবিউল। গত রোববার ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি দুবাই চলে যান। নতুন জুয়েলারি শপের উদ্বোধনের জন্য তিনি বাংলাদেশ থেকে মোট ২৪ জন শোবিজ ও অন্যান্য ক্ষেত্রে তারকা ব্যক্তিদের দুবাইয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। সাকিব আল হাসান ছাড়াও হিরো আলম, দেবাশীষ বিশ্বাস, প্রার্থনা দিঘী, স্মৃতিসহ অনেকরই যোগ দেয়ার কথা রয়েছে সেই অনুষ্ঠানে।

পুলিশের একজন কর্মকর্তা জানান, রবিউল ইসলাম ওরফে আপনের বাংলাদেশি একটি পাসপোর্টও তারা পেয়েছিলেন। হৃদি শেখ নামে ওই পাসপোর্টের (নং এনও ০৩৮৫১৮৮) সূত্র ধরে পুলিশের বিশেষ শাখায় চিঠি দিয়ে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। কিন্তু তিনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগ করেননি। সম্প্রতি তার নাম-পরিচয় বদলে জুয়েলারি ব্যবসায়ী হওয়ার বিষয়টি প্রচারিত হলে তার বিরুদ্ধে মোট ১২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পায় পুলিশ।


শনিবারও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাসজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকার ফলে শিক্ষার্থীদের পড়ালেখার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় চালু রাখার বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পরিপত্রে জারি করা নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, রমজানের দীর্ঘ ছুটির পর যখন পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে, তখন থেকে পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান প্রক্রিয়া অব্যাহত থাকবে। মূলত শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করতেই এই বিশেষ পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়।

এই সিদ্ধান্তটি যথাযথভাবে কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। এর ফলে ছুটির পরবর্তী সময়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও খুদে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগের ফলে রমজানের দীর্ঘ ছুটির কারণে পড়ালেখার যে সাময়িক বিরতি তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।


জুলাই দায়মুক্তির অধ্যাদেশের বিষয়ে সবাই একমত: সালাহউদ্দিন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে জুলাই দায়মুক্তি অধ্যাদেশের বিষয়ে সবাই একমত প্রকাশ করেছে। প্রথম দিনে অন্তত ৪০টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাই জনআকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে সংবিধান পরিপন্থী কোনো অধ্যাদেশ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ. এম. মাহবুব উদ্দিন খোকন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান ও জি এম নজরুল ইসলাম।

কমিটি সূত্র জানায়, বৈঠকের শুরুতে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা ও মোনাজাত করা হয়। এরপর অন্তর্বর্তী সরকারের জারিকৃত অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা শুরু হয়।

এরমধ্যে সর্বাধিক গুরুত্ব ছিল ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ-২০২৬’। এই অধ্যাদেশের বিষয়ে বৈঠকে উপস্থিত সবাই একমত প্রকাশ করেন। এরপর দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশসহ অন্তত ৪০টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। অধ্যাদেশগুলোর প্রয়োজনীয়তা ও যথার্থতা পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট আকারে তা জাতীয় সংসদের অধিবেশনে পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে এক মিটিংয়ে ফয়সালা করা সম্ভব না। তাই আরো কয়েক দফা বৈঠকে বসতে হবে। তবে অনেক বিষয়ে একমত হওয়া গেছে। জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশের বিষয়ে সবাই একমত প্রকাশ করেছেন। আগামীতে কোন অধ্যাদেশ গ্রহণ করা যায়, কোনটা সংশোধন করে নেওয়া যায়, আর কোনটার ক্ষেত্রে আরো পরিবর্তন লাগবে, সেগুলো নিয়েই আলোচনা হবে।

অধ্যাদেশগুলোর মধ্যে কিছু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। আবার কিছু অধ্যাদেশে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী জনআকাঙ্ক্ষার প্রতিফলন। যাচাই-বাছাইয়ে জনআকাঙ্ক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।

বৈঠক শেষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার কাজ শুরু হয়েছে। আমরা ২ এপ্রিলের মধ্যে রিপোর্ট তৈরি করব। সংবিধান এবং জনআকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে।

তিনি বলেন, সব সিদ্ধান্ত এখনই জানানো যাবে না। রিপোর্ট যখন প্রকাশ হবে তখন বলা যাবে। আমরা মধ্যপথে আছি, এগোচ্ছি।

বিশেষ কমিটির সুপারিশের সঙ্গে সঙ্গে অধ্যাদেশ সরাসরি আইনে পরিণত হয় না, উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, কমিটি তাদের মতামত ও সুপারিশ সংসদে পেশ করবে, পরে সংসদই চূড়ান্তভাবে ঠিক করবে কোন অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে।

সংসদ সচিবালয়ের তথ্যমতে, ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। পরে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিনের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়। ১৫ মার্চ সংসদ অধিবেশনে সংসদে উত্থাপিত অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠিয়ে ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করলে এরপর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে ওই অধ্যাদেশ তুলতে হয়। সংসদ গ্রহণ না করলে অধ্যাদেশ কার্যকারিতা হারায়।


জ্বালানি তেল আমদানিতে গ্রিন সিগন্যাল দিয়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির প্রস্তাবে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ—এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একইসঙ্গে ভারতে পলাতক আসামি ও রাজনৈতিক ব্যক্তিদের ফেরত আনার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবেলায় বাংলাদেশ ভারত থেকে জ্বালানি আমদানির আগ্রহ জানায়। এ বিষয়ে ইতোমধ্যে ভারতের পক্ষ থেকে ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ভারতে গ্রেফতার হওয়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনস্যুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। তবে দ্রুতই এ অ্যাক্সেস পাওয়া যাবে বলে আশা করছে সরকার। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা সরকারের অগ্রাধিকার বলেও জানান প্রতিমন্ত্রী।

অন্য এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফেরানোর বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও কাজ করছে সরকার। তিনি জানান, ইরানে অবস্থানরত দুই হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন। তবে কেউ দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ সময় ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।

গতকাল (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

আইএসপিআর জানায়, এই অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশের জন্য নির্ধারিত গেট হলো ২, ৩, ৪, ১০ ও ১১।


ঢাকার যানজট কমাতে উদ্যোগ, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট কমাতে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।

এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।


তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে: জ্বালানিমন্ত্রী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় মূলত সংকট দেখা দিয়েছে। তবে পর্যাপ্ত মজুদ রয়েছে, তাই জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে। ডিমান্ড বেড়ে গেছে। আমরা একইভাবে সাপ্লাই করতাম সে সাপ্লাই চলছে। ডিমান্ড বেড়ে গেল তো সেখানে তো একটু ক্রাইসিস হবে। ক্রাইসিস হচ্ছে, এটা তো সাধারণ জ্ঞান।

তিনি আরো বলেন, সবাই প্রয়োজনমতো তেল পাবেন এবং শঙ্কার কোনো কারণ নেই। প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে। তেলের দাম বাড়ানো নিয়ে কাজ করে এনার্জি রেগুলেটরি কমিশন, তবে সরকার এখনো তেলের দাম বাড়ায়নি।


অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি মোশন (প্রস্তাব) উত্থাপন করা হয়েছে। মোশনটি উত্থাপন করেছেন সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড। সোমবার (২৩ মার্চ) দেশটির সংসদে মোশন উত্থাপন করা হয় বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন অ্যাবিগেইল বয়েড।

অস্ট্রেলিয়ার এমপি অ্যাবিগেইল বয়েড তার প্রস্তাবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে গত কয়েক দশকের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন।

প্রস্তাবে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন। এ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে।

অ্যাবিগেইল বয়েড তার প্রস্তাবে নির্বাচন কমিশনের তথ্য তুলে ধরে জানান, এবারের নির্বাচনে রেকর্ড ৫৯ শতাংশ ভোটার উপস্থিতি ছিল।

নির্বাচনের পাশাপাশি ‘জুলাই ন্যাশনাল চার্টার’ বা জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত সাংবিধানিক গণভোটের সাফল্যের কথা উল্লেখ করে বলা হয়, ৬০ শতাংশ ভোটার এ সনদের পক্ষে রায় দিয়েছেন। এ সনদে বাংলাদেশের শাসনব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারে ৮০টিরও বেশি প্রস্তাবনা রয়েছে, যা নতুন সরকার বাস্তবায়ন করবে।

প্রস্তাবটির শেষে নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়।


জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

‘জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বিশেষ করে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের যে ‘ইনডেমনিটি’ (দায়মুক্তি) দেওয়া হয়েছে, তা সরকার গ্রহণ করবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

সালাহ উদ্দিন আহমদ বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আজকের বৈঠকে এসব অধ্যাদেশ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। সংসদীয় নিয়ম অনুযায়ী, ৩০ কর্মদিবসের মধ্যে এই বিষয়গুলোর চূড়ান্ত সুরাহা করতে হবে। আমরা প্রতিটি ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেবো।”

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়টি আজকের আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা। জনগণের দাবির মুখে বিতর্কিত সব নামকরণ পরিবর্তনের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।

এরই মধ্যে সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি দল ও বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।


প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন: ভূমিমন্ত্রী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত একটি দেশ, একটি জাতিকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সততার সাথে। নিষ্ঠার সাথে। সহজ-সরল পথে।সকলের সাথে বন্ধুত্ব রেখে।

সোমবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিনু।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার আমলে দেশ শিক্ষায় ব্যাপক উন্নতি করে। অনেক এগিয়ে যায়।’

দেশের মানুষ কোনোরকম উগ্রবাদকে সমর্থণ করেনা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ‘একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন সে দেশের মানুষ শিক্ষা সংস্কৃতিতে ভাল করে। সুশিক্ষিত হয়। আর দেশের নারীরা যখন শিক্ষায় অগ্রসর হয় তখন সে দেশ সব ক্ষেত্রেই এগিয়ে যায়।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশীদ ও সাবেক এমপি আমিনুল ইসলাম।

আলোচনা সভার পূর্বে দু’দিনব্যাপী বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উৎসবের শেষ দিনে বর্ণাঢ্য শোভযাত্রায় অংশ নেন প্রধান অতিথি সহ অনান্য অতিথিবৃন্দ। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্ত‌রে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হ‌য়।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানায়, আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।

এ সময় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপ‌স্থিত ছি‌লেন।


২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। খবর বাসস।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মার্চ (বুধবার) রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাক-আউট পালন করা হবে। ১৯৭১ সালের সেই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

তবে নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), হাসপাতাল, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎসহ সকল জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এই প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচির আওতার বাইরে থাকবে।


ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান। আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে অফিস-আদালতের কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

এদিকে ঈদকে কেন্দ্র করে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও সোমবার শেষ হয়েছে।


সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক বসবে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বৈঠকে সভাপতিত্ব করবেন।

গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটি সংসদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বিষয়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব পেয়েছে বিশেষ কমিটি। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


banner close