অভিবাসন খাতে অবদান রাখায় ও মূল্যবোধ চর্চায় ‘স্যার ফজলে হাসান আবেদ মূল্যবোধ পুরস্কার’ অর্জন করেছেন আল-আমিন নয়ন, যিনি বিদেশ ফেরত ও প্রবাসীদের কল্যাণে এবং বিপদে-আপদে আস্থার নাম হয়ে উঠেছেন।
মঙ্গলবার রংপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নয়নের হাতে এই পুরস্কার তুলে দেন ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ড. জিল্লুর রহমান ও নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচিতে কর্মরত আল-আমিন নয়ন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালন করেন। অসহায়, ক্ষতিগ্রস্ত ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা প্রবাসীদের পাশে দাঁড়ান তিনি। এক যুগেরও বেশি সময় ধরে দেশে ফেরা প্রবাসীদের সাহায্যে ক্লান্তিহীনভাবে কাজ করছেন এক সময়ের এই রেমিট্যান্সযোদ্ধা।
রাজশাহীর বাসিন্দা নয়ন নিজে মালয়েশিয়ায় গিয়ে চরম নির্যাতনের শিকার হয়েছিলেন। ২০০৭ সালে প্রতিবেশী একজন মালয়েশিয়াতে চাকরির কথা বললে জমি বিক্রি করে মালয়েশিয়া যাওয়ার খরচ জোগাড় করেন তিনি। পাসপোর্ট ও সরকারি ছাড়পত্র নিয়ে সব নিয়ম মেনে তিনি মালয়েশিয়ায় যান। কিন্তু যাওয়ার পরেই বুঝতে পারেন, তিনিসহ অন্যদের আসলে বিক্রি করে দেয়া হয়েছে।
তামিল এক মালিকের অধীনে নয়নদের পাহাড়ের জঙ্গল পরিষ্কার করতে হতো। এ সময় কেউ ক্লান্ত হয়ে পড়লে লাঠি দিয়ে পিটুনি ছাড়াও নানা কায়দায় তাদের নির্যাতন করা হতো। ঠিকমতো খাবার দেয়া হতো না। এসব সহ্য করতে না পেরে ছয়জন আত্মহত্যা করার হুমকি দেন। তারপর তাদের ফেরত দেয়া হয় আগের এজেন্টের কাছে। সেখানে তাদের আরও তিন থেকে চার শ জনের সঙ্গে একটি গোডাউনে রাখা হয়। সেখানে কয়েকজন আত্মহত্যা করেন। জীবন বাঁচাতে জানালা ভেঙে নয়নসহ ১১০ জন পলিয়ে আশ্রয় নেন বাংলাদেশ দূতাবাসে। কোনো উপায়ন্তর না পেয়ে জীবন বাঁচানোর তাগিদে দূতাবাসের সামনে অনশন শুরু করেন। এ সময় আন্তর্জাতিক গণমাধ্যমে এই আন্দোলনের খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। অবশেষে সেখানে মালয়েশিয়ার এক মানবাধিকার সংস্থা নয়নদের সঙ্গে দেখা করে। পরে নয়নদের বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হলে ৮০ জন খালি হাতে, শুধু প্রাণ নিয়ে বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হন।
দেশে এসে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে লিখিত অভিযোগ করলে তদন্ত শেষে রিক্রুটিং এজেন্সি মেসার্স গোল্ডেন এ্যারো লি. মালয়েশিয়া যাওয়া বাবদ ২ লাখ ৪০ হাজার টাকা ফেরত দেন নয়নসহ ৮০ কর্মীকে। তবে নিজে ক্ষতিপূরণ পেয়েই থেমে যাননি নয়ন। বরং শুরু হয় তার নতুন পথচলা। নয়ন সিদ্ধান্ত নেন তার মতো পরিস্থিতির শিকার মানুষের পাশে দাঁড়ানোর।
২০১৭ সালে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে ম্যানেজার পদে কাজ শুরু করেন। এরপর থেকে অসহায় বিদেশ ফেরত ও প্রবাসীদের জন্য নিরন্তরভাবে কাজ করে চলছেন। তার প্রাথমিক দায়িত্ব ছিল বিদেশ থেকে আসা লোকজনকে তথ্য দিয়ে সচেতনতা তৈরির। কিন্তু নয়ন নিজ উদ্যোগে ও ব্যক্তিগত সহায়তায় ২০১৮ সাথে প্রথম ঢাকা আর্ন্তজাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত নির্যাতিত ও ক্ষতিগ্রস্থ নারী কর্মীদের পাশে দাঁড়ানো শুরু করেন।
এ বিষয়ে নয়ন বলেন, ‘বিদেশে কাজে গিয়ে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরত আসার যে কষ্ট, তা আমার চেয়ে আর কে ভালো বুঝবে। নিজে ভিকটিম তো, তাই অন্যদের কষ্টটা বুঝতে পারি।’
নয়ন ব্র্যাকের হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ পর্যন্ত ২০ হাজার ৮১৮ জন বিদেশফেরত অভিবাসী কর্মীকে দিয়েছেন জরুরি সহায়তা। প্রতারণার শিকার শতাধিক মানুষ কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। মানসিক অসুস্থ হয়ে দেশে ফেরা ঠিকানাহীন ১০০ নারীকে নিরাপদে ফিরিয়ে দিয়েছেন পরিবারে। প্রবাসে মৃত ৪১ কর্মীর মরদেহ দেশে আনতে সাহায্য করছেন।
পুরস্কার পেয়ে নয়ন বলেন, ‘সত্যি এটা আনন্দের। এভাবেই অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যেতে চাই।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরও দেশে শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি কমেনি বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সরকার বিদ্যুৎ উৎপাদনের পর ব্যাক্তি মালিকানাধীন শিল্পকারখানাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তবে এই জ্বালানি সংকটেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি। রপ্তানি কিছুটা কমলেও তার কারন জ্বালানি সংকট নয়, বিশ্বজুড়ে রপ্তানির মৃদুভাব।
তিনি বলেন, শিল্প খাত এগিয়ে নিতে স্বল্প জ্বালানি ব্যবহারকারী শিল্পে বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা পূরণ এবং সক্ষমতা বাড়াতে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি সরকার তেল ও গ্যাস ভবিষ্যৎ সংকটের জন্যে মজুতের পরিকল্পনা করছে।
পাট খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে ‘ক্রাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন করা হচ্ছে। এটি সফল হলে বিদেশ থেকে পাট বীজ আমদানির প্রয়োজন কমবে।
পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।
দেশে গত ২৪ ঘণ্টায় (গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৫৮ জন রোগী হামের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ২২৯ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।
চলতি বছরে বাংলাদেশে এ পর্যন্ত কমপক্ষে ৪২ শিশুর মৃত্যু হয়েছে হামের কারণে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ২০৯ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১০ দিনে (১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল) দেশে মোট ৪ হাজার ৪৬০ শিশুর দেহে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত দেশব্যাপী ৩০ হাজার ৬০৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন।
চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, ৮৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে আজ আরও পাঁচটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ফ্লাইটে ১৪,০৬৯ জন; সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩১টি ফ্লাইটে ১২,১১৪ জন এবং সৌদি আরবভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭,১৩৫ জন হজযাত্রী ভ্রমণ করেছেন।
তিনি আরও জানান, বাকি ৪৪,৯৭৮ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।
লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সৌদি দূতাবাস থেকে মোট ৭৮,২৯৬ জন হজযাত্রী হজের ভিসা পেয়েছেন। তাদের মধ্যে ৪,৪১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৮৭৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন।
এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১:৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এবছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৪,৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩,৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।
হজ কার্যক্রম ব্যবস্থাপনায় ৩০টি প্রধান সংস্থা এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থাসহ প্রায় ৬৬০টি সংস্থা জড়িত রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেলচালিত পরিবহনের ভাড়া ইতোমধ্যে সমন্বয় করা হলেও গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে আগের ভাড়াই বহাল থাকবে। গ্যাসচালিত যানবাহনে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএর এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন সড়ক পরিবহন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, সম্প্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। কী কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে তা স্পষ্ট করেছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তার মতে, ভর্তুকি বাড়ায় এবং পাচারের ঝুঁকি বিবেচনায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, দীর্ঘদিন আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে জ্বালানি সরবরাহ করায় ভর্তুকির চাপ বেড়েছিল। পাশাপাশি পাচারের ঝুঁকিও বিবেচনায় এনে সীমিত পরিসরে দাম সমন্বয় করা হয়েছে। তবে এ সিদ্ধান্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো চাপ ছিল না।
ভাড়া নির্ধারণে একটি নিয়মিত ও স্বচ্ছ প্রক্রিয়া চালুর কথাও তুলে ধরেন মন্ত্রী শেখ রবিউল আলম। তার মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া-কমার সঙ্গে মিল রেখে দেশে ভাড়াও স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে, যা বাস্তবায়নে আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে না—বিআরটিএ প্রজ্ঞাপন জারি করলেই তা কার্যকর হবে।
একই সঙ্গে রাজধানীর যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, ধাপে ধাপে প্রধান সড়কে এসব যান চলাচল সীমিত করার প্রস্তুতি চলছে এবং এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
প্রায় ১৫ ঘণ্টা উৎপাদনে থাকার পর আবার বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বয়লারের টিউব ফেটে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
এর আগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। এতে সেদিন এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রায় ৪৮ ঘণ্টা পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে ইউনিটটি আবার উৎপাদনে ফেরে। তবে অল্প সময়ের মধ্যেই আবার যান্ত্রিক ত্রুটিতে সেটি বন্ধ হয়ে গেল।
বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ করতে হয়েছে। বয়লারের বাষ্প ঠাণ্ডা হতে সময় লাগবে। সব মিলিয়ে মেরামতে পাঁচ থেকে ছয় দিন সময় লাগতে পারে।
রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ জানিয়েছে, সম্ভাব্য নাশকতার বিষয়ে পুলিশ সদর দফতর থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম ইতোমধ্যে বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে কাজ শুরু করেছে।
পুলিশ সদর দফতরের ওই সতর্কবার্তায় বলা হয়েছে, একটি নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে। সম্প্রতি ওই সংগঠনের সক্রিয় সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু মোহাম্মদকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। গোয়েন্দা তথ্যানুযায়ী, গ্রেফতারকৃত ইসতিয়াকের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার ও কঠোর নজরদারি বৃদ্ধির বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সিটিটিসির পাশাপাশি ডিএমপির বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদ জানিয়েছেন, তারাও পুলিশ সদর দফতরের সতর্কতামূলক চিঠি পেয়েছেন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ডিএমপির প্রটেকশন বিভাগের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা প্রদান করছেন। সিটিটিসি প্রধান জানান, স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে সুনির্দিষ্ট অভিযান বা নিরাপত্তা পরিকল্পনার সব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
সংবাদ সম্মেলনে দেশে উগ্রবাদের অস্তিত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সিটিটিসি প্রধান। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের তৎকালীন উর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে 'দেশে জঙ্গি নেই' বলে যে মন্তব্য করা হয়েছিল, বর্তমান সতর্কবার্তার প্রেক্ষিতে তা নতুন আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে মুনশী শাহাবুদ্দীন বলেন, তারা প্রতিটি প্রাপ্ত তথ্য অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই করছেন এবং কোনো ধরনের উগ্রবাদী তৎপরতা শনাক্ত হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি মোকাবিলা করার মতো সক্ষমতা ও প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
সামগ্রিকভাবে, সম্ভাব্য হুমকি মোকাবিলায় রাজধানীর জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রযুক্তিনির্ভর নজরদারির পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন করা হয়েছে। সিটিটিসি প্রধান মুনশী শাহাবুদ্দীন জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, উগ্রবাদীদের যেকোনো পরিকল্পনা নস্যাৎ করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সজাগ রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে সিটিটিসির বিশেষ টিমগুলো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কিনা—সেই চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবে আমাদের কাজ করতে হবে।’
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত আমীরের এই বক্তব্যকে বিভেদ ও ধুম্রজাল তৈরির প্রচেষ্টা বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমত প্রতিফলিত হয়েছে। জনগণ ও বিশ্ববাসীর কাছে এই নির্বাচন স্বীকৃত। দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক মহলে এই নির্বাচন প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এমন স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে জামাত আমিরের বিতর্কিত মন্তব্য শুধু অনভিপ্রেত নয় বরং এটি সুস্থ চিন্তার পরিপন্থী।’
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্য বিএনপি কেবল প্রত্যাখ্যানই করছে না বরং এর তীব্র নিন্দা জানাচ্ছে। ৫ আগস্টের পর আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ পেয়েছি, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে সেই সুযোগ নষ্ট করতে চাইছে। তারা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কি না, তা দেশবাসীকে ভেবে দেখতে হবে।’
নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের এই নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।
এ ছাড়া তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের এই নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।
এ ছাড়া তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে তিনি এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায়।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় ছিল। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের স্বেচ্ছাচারিতায় দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে ৫৮ জেলায় ছড়িয়ে পড়েছে। প্রায় ৯১ শতাংশ জেলা এখন হামের ঝুঁকির আওতায় রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা না দেওয়ায় পরিস্থিতিকে উচ্চঝুঁকির দিকে নিয়ে গেছে। দিন দিন মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। প্রতিদিনই শিশুরা মারা যাচ্ছে, নতুন করে আক্রান্ত হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন।
এ অবস্থায় বাংলাদেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে মূল্যায়ন করেছে সংস্থাটি।
দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় সংক্রমণ ছড়ানো, বিশালসংখ্যক শিশুর আক্রান্ত হওয়া, টিকাদানের অভাবে এ রোগ প্রতিরোধ সক্ষমতায় ঘাটতি এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাবলির আলোকে সংস্থাটির গত বৃহস্পতিবার এ মূল্যায়ন করে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচওর প্রতিবেদনে দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে সংক্রমণ ছড়িয়ে পড়া, টিকার ঘাটতি এবং মৃত্যুর ক্রমবর্ধমান হার তুলে ধরা হয়। বর্তমান সংক্রমণ পরিস্থিতি দেশের আগের অর্জনকে বড় ধরনের ধাক্কা দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয় ২০২৪-২৫ সালে (অন্তর্বর্তী সরকারের সময়ে) দেশে এমআর টিকার জাতীয় পর্যায়ের ঘাটতির কারণে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ বা এমআর১ ও এমআর২ কভারেজ কমে যায়। এ কারণে সংক্রমণের ঝুঁকিতে থাকা শিশুর সংখ্যা বেড়েছে এবং বর্তমান প্রাদুর্ভাব তৈরি হয়েছে।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। গত ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১৯ হাজার ১৬১ সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষাগারে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৯৭৩ জনের। এ সময় হামের উপসর্গ নিয়ে ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১২ হাজার ৩১৮ জন চিকিৎসাধীন।
প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রায় ৯১ শতাংশ জেলা এখন হামের কবলে। দেশের আট বিভাগে সংক্রমণ শনাক্ত হলেও ঢাকা বিভাগ সবচেয়ে বেশি বিপর্যস্ত। ১৫ মার্চ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে ৮ হাজার ২৬৩ জন সন্দেহভাজন রোগী।
সবচেয়ে বেশি ঝুঁকি দেখা গেছে ডেমরা, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, কড়াইল, মিরপুর এবং তেজগাঁও শিল্পাঞ্চল ও বস্তি এলাকায়। অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহী (৩,৭৪৭ জন), চট্টগ্রাম (২,৫১৪ জন) এবং খুলনা বিভাগে (১,৫৬৮ জন) সংক্রমণ তীব্র হচ্ছে।
হামের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পাঁচ বছরের কম বয়সি শিশুরা। আক্রান্ত শিশুদের ৭৯ শতাংশের বয়স ৫ বছরের নিচে। এর মধ্যে ৬৬ শতাংশের বয়স ২ বছরের কম এবং ৩৩ শতাংশের বয়স ৯ মাসের নিচে।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, মৃত শিশুদের প্রায় সবাই টিকা না পাওয়া অথবা আংশিক টিকা পাওয়া (এক ডোজ)। ৯১ শতাংশ রোগী ১ থেকে ১৪ বছর বয়সি, যা এই বয়সি শিশুদের মধ্যে বড় ধরনের রোগ প্রতিরোধ ঘাটতির প্রমাণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০২৪-২৫ সালে দেশে এমআর (হাম-রুবেলা) টিকার জাতীয় পর্যায়ের ঘাটতি এ পরিস্থিতির প্রধান কারণ। ২০০০ সালে যেখানে টিকার কভারেজ ছিল ৮৯ শতাংশ, সেখানে ২০২৪-২৫ সালে তা আশঙ্কাজনকভাবে কমেছে। ২০২০ সালের পর থেকে দেশব্যাপী কোনো নিয়মিত সম্পূরক হাম-রুবেলা টিকাদান কর্মসূচি (এসআইএ) পালিত না হওয়া এ ঝুঁকির পথ তৈরি করেছে।
এ ছাড়া অপুষ্টিতে ভোগা এবং ভিটামিন এ-এর ঘাটতি থাকা শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্ব ও মস্তিষ্কে প্রদাহের (এনসেফালাইটিস) মতো জটিলতা মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন মূল্যায়নের পর সংস্থাটির সাবেক পরামর্শক ও জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, সংক্রমণ পরিস্থিতি বাড়তে থাকায় আমরা বলেছিলাম, হামকে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করা হোক। এখন সরকারের উচিত জরুরি পরিস্থিতি ঘোষণা করা এবং টিকাদান এগিয়ে নিয়ে যাওয়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, হাম একটি অত্যন্ত সংক্রামক তীব্র ভাইরাসজনিত রোগ। এটি সব বয়সী মানুষকে আক্রান্ত করতে পারে। বিশ্বজুড়ে অল্প বয়সি শিশুদের মৃত্যুর অন্যতম বড় কারণ হিসেবে হাম এখনো বিবেচিত হয়। এই রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির নাক, মুখ বা গলা থেকে বের হওয়া ড্রপলেটের মাধ্যমেও সংক্রমণ হতে পারে।
সংক্রমণের পর সাধারণত ১০ থেকে ১৪ দিনের মধ্যে প্রাথমিক উপসর্গ দেখা যায়। তবে এই সময়সীমা ৭ থেকে ২৩ দিন পর্যন্ত হতে পারে। উপসর্গের মধ্যে থাকে উচ্চ জ্বর, সর্দি, চোখ লাল হয়ে যাওয়া, কাশি এবং মুখের ভেতরে ছোট সাদা দাগ।
সাধারণত সংক্রমণের ১০ থেকে ১৪ দিন পর শরীরে ফুসকুড়ি দেখা দেয়। ফুসকুড়ি প্রথমে মাথায় শুরু হয়, এরপর ধীরে ধীরে শরীরের মাঝের অংশ এবং পরে নিচের অংশে ছড়িয়ে পড়ে।
ফুসকুড়ি ওঠার চার দিন আগে থেকে ফুসকুড়ি ওঠার চার দিন পর পর্যন্ত একজন রোগী অন্যদের মধ্যে রোগ ছড়াতে পারে। হামের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। বেশির ভাগ মানুষ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠে। তবে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে হাম গুরুতর অসুস্থতা তৈরি করতে পারে। এর মধ্যে আছে পাঁচ বছরের কম বয়সি শিশু, অপুষ্টিতে ভোগা শিশু, বিশেষ করে যাদের ভিটামিন এ ঘাটতি আছে এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রাদুর্ভাবের আগে বাংলাদেশ হাম নির্মূলের পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল। হামপ্রতিরোধী টিকার প্রথম ডোজের কভারেজ ২০০০ সালে ছিল ৮৯ শতাংশ। ২০১৬ সালে তা বেড়ে হয় ১১৮ শতাংশ। দ্বিতীয় ডোজ দেশব্যাপী চালুর পর ২০১২ সালে কভারেজ ছিল ২২ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে হয় ১২১ শতাংশ। একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগীর হার দ্রুত কমে এসেছিল।
জাতীয় পর্যায়ে ঝুঁকি ‘উচ্চ’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। কারণ, একাধিক বিভাগে সংক্রমণ চলমান, বিপুলসংখ্যক শিশু সংক্রমণের ঝুঁকিতে, রোগ প্রতিরোধের ঘাটতি নথিভুক্ত এবং হাম-সম্পর্কিত সন্দেহভাজন মৃত্যু ঘটেছে।
টিকা না পাওয়া ও আংশিক টিকা পাওয়া শিশুদের মধ্যে রোগীর সংখ্যা বেশি। এর মধ্যে এমন শিশুরাও আছে, যাদের বয়স টিকা পাওয়ার জন্য এখনো যথেষ্ট হয়নি। এটি অব্যাহত সংক্রমণ এবং গুরুতর অসুস্থতার ঝুঁকি বাড়াচ্ছে।
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের উৎপাদনে ফিরল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া এক নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট সম্পন্ন ইউনিটি। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে চালু হয়েছে ইউনিটটি।
এর আগে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটের দিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
এদিন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেছিলেন, কয়লার সঙ্গে পাথর আসায় ১ নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায় এবং উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে এর মেরামত কাজ চলছে। এটি মেরামত করে আবার উৎপাদন শুরু করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।
প্রসঙ্গত, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে মোট তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কর্তৃপক্ষ।
তবে সচল থাকা এই দুটি ইউনিটও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বন্ধ হয়েছে। এর আগে গত বছর (২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে) বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার মতো ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের পুরানো এই কেন্দ্রটিতে বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা নশ্চিত করতে ২৫ কোটি (২৫০ মিলিয়ন) মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার (২৪ এপ্রিল) এ ঋণ অনুমোদন করা হয়।
‘সেকেন্ড স্ট্রেংদ্যানিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর আওতায় ‘সাব-প্রোগ্রাম ২’-এর লক্ষ্য হলো ঝুঁকি, বর্জন এবং দারিদ্র্যের ঝুঁকি কমাতে সুরক্ষামূলক এবং প্রতিরোধমূলক সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করা। এই কর্মসূচি সামাজিক সুরক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনা উন্নয়ন, এর আওতা ও পরিধি সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সুরক্ষামূলক ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই কর্মসূচিটি আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক সামাজিক সুরক্ষা ব্যবস্থার দিকে বাংলাদেশের উত্তরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর জন্য—বিশেষ করে নারীদের—আওতা সম্প্রসারণ এবং অংশীদারিত্বমূলক (কন্ট্রিবিউটরি) সুরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে এই কর্মসূচির সংস্কারগুলো দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি দারিদ্র্যের ঝুঁকি কমাতে সহায়ক হবে।
তিনি বলেন, একটি অধিকতর দক্ষ, অভিযোজনযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও অংশীদারিত্বমূলক সমৃদ্ধি অর্জনে আরও সুসজ্জিত ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে এডিবি গর্বিত।
এই কর্মসূচির অধীনস্থ সংস্কারগুলোর মধ্যে রয়েছে কন্ট্রিবিউটরি সামাজিক সুরক্ষা স্কিম বা অংশীদারিত্বমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, যা দীর্ঘমেয়াদে সরকারের আর্থিক চাপ কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি বিধবা ভাতা কর্মসূচির আওতায় আরও কমপক্ষে অতিরিক্ত ২ লাখ ৫০ হাজার সুবিধাবঞ্চিত নারীকে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া একটি প্রধান কর্মসংস্থান কর্মসূচির (কোর ওয়ার্কফেয়ার প্রোগ্রাম) অধীনে জলবায়ু অভিযোজনমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অভিযোজনমূলক সামাজিক সুরক্ষাকে আরও শক্তিশালী করা হবে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যভিত্তিক পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক সেবার সুযোগ কমপক্ষে ১৫ শতাংশ বৃদ্ধি পাবে।
এই কর্মসূচির আওতাধীন পদক্ষেপগুলো ক্ষুদ্র পর্যায়ে (মাইক্রো-লেভেল) গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে রয়েছে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং আরও বেশি মাত্রায় দারিদ্র্য হ্রাস—যা ইতিবাচক সামষ্টিক অর্থনৈতিক (ম্যাক্রো-ইকোনমিক) প্রভাব ফেলবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।
এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করা একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক। এর সদস্য ও অংশীদারদের সঙ্গে জটিল চ্যালেঞ্জগুলো একসাথে সমাধান করতে এডিবি কাজ করে। মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন, মানসম্মত অবকাঠামো নির্মাণ এবং আমাদের এই পৃথিবী সুরক্ষায় উদ্ভাবনী আর্থিক সরঞ্জাম ও কৌশলগত অংশীদারিত্বকে কাজে লাগায় এডিবি। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি-র মালিকানায় রয়েছে ৬৯টি সদস্য দেশ, যার মধ্যে ৫০টি এ অঞ্চলের।
রাজধানীর বনশ্রী এলাকার বাসিন্দা জিয়া রহমান একটি বায়িং হাউজে কাজ করেন। তার মাসিক বেতন ৮৫ হাজার টাকা। এর মধ্যে বাড়ভাড়া, দুই সন্তানের লেখাপড়া, ওষুধ ও যাতায়াতের জন্য খরচ হয় ৫৮ থেকে ৬৫ হাজার টাকা। তার সঙ্গ থাকেন বৃদ্ধ মা। স্ত্রীও কয়েকদিন কয়েক মাস ধরে অসুস্থ। বৃদ্ধ মা এবং অসুস্থ স্ত্রীর চিকিৎসা ব্যয়, সব মিলিয়ে তার খরচ হয়ে যায় ৭৫ হাজার টাকার মতো। বাকি টাকা দিয়ে মাসের বজার দূরে থাক, ১৫দিন চলাই দায়। সংসার চালাত হচ্ছে ধার-দেনা করে।
এদিকে, কয়েক মাস ধরে বেতন নিয়েও চলছে ঝামেলা। তারওপর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এ অবস্থায় খরচ সামলাতে গরুর মাংস ও ফল খাওয়া কমিয়েছে তার পরিবার। আগে ছুটির দিনে স্ত্রী-সন্তান নিয়ে মাঝেমধ্যে ঘুরতে বের হতেন জিয়া। এখন সেটাও বন্ধ।
জিয়া বলেন, ‘সবজি থেকে শুরু করে পোশাক, ওষুধ—সবকিছুর দাম বেড়েছে। আগে ১৬-২০ হাজার টাকায় মাসের বাজার হয়ে যেত। এখন লাগছে ৩০ হাজার টাকার মতো। গত এক সপ্তাহে ফার্মের মুরগির ডিম, চিনি, বেগুন, পটোলের দাম বেড়েছে। সোনালি মুরগির কেজিও ৩৫০ টাকার ওপরে। বাড়তি এই খরচ আমার জন্য অসহনীয় হয়ে দাঁড়িয়েছে।’
বিক্রেতারা জানান, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বাজারে একসঙ্গে অনেক পণ্যের দাম বেড়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। সম্প্রতি ইরান যুদ্ধের কারণে দেশে জ্বালানিসংকট হওয়ায় বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছে। এতে নতুন করে খরচের চাপে পড়েছেন সাধারণ মানুষ।
গতকাল শুক্রবার রাজধানীর রামপুরা, মালিবাগ, ঠাটারি বাজার, মহাখালী, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহে প্রায় সব ধরনের পণ্যের পাশাপাশি মোটা ও মাঝারি চাল, খোলা আটা, ময়দা ও সয়াবিন তেলের দামও বেড়েছে।
বাজার ঘুরে দেখা যায়, গত এক-দুই মাসে খুচরা পর্যায়ে আরও কিছু পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে রয়েছে সুগন্ধি চাল, ডিটারজেন্ট ও সাবানের মতো পণ্য। তেলাপিয়া, রুই, পাঙাশ, গরুর মাংসের দামও আগের তুলনায় বাড়তি।
বিক্রেতারা জানান, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বাজারে একসঙ্গে অনেক পণ্যের দাম বেড়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। সম্প্রতি ইরান যুদ্ধের কারণে দেশে জ্বালানিসংকট হওয়ায় বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছে। এতে নতুন করে খরচের চাপে পড়েছেন সাধারণ মানুষ।
ভোগাচ্ছে জ্বালানির দাম: দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যে গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বিএনপি সরকার। এর মধ্যে চলতি মাসে দুই দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজির) দাম কেজিতে প্রায় ৫০ টাকা বেড়েছে। এতে বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে ৬০০ টাকা দাম বেড়েছে। তবে বাজারে এর চেয়ে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার কিনতে হয়।
দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দামও বাড়িয়েছে সরকার। তাতে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, অকটেনে ২০ টাকা ও পেট্রোলে ১৯ টাকা দাম বেড়েছে। এসব জ্বালানির দাম বাড়ায় কৃষি উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে পণ্যের দামে।
রাজধানীর মিরপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন আয়েশা বেগম। বলেন, আমি ভাড়া বাসায় থাকি। সেখানে লাইনের গ্যাস নাই। সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। গত কয়েক দিনে সিলিন্ডারের দাম ৬০০ টাকা বাড়ছে। অন্য জিনিসপত্রের দামও বাড়ছে। এত খরচ সামলাব কেমনে।
সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের এই সময়ের তুলনায় বাজারে সোনালি মুরগির দাম ৪৫ শতাংশ ও ব্রয়লার মুরগির দাম ৭ শতাংশ বেড়েছে।
ডিম-মুরগির দাম বেড়েছে: সাধারণ মানুষের জন্য পুষ্টির বড় উৎস ফার্মের মুরগি ও ডিম। গত দুই সপ্তাহে বাজারে ডিমের দাম ডজনে প্রায় ২০ টাকা বেড়েছে। এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। খুচরা বিক্রেতারা জানান, গাড়িভাড়া বাড়ায় পাইকারি বিক্রেতারা ডিমের দাম বাড়িয়েছেন।
এদিকে বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে সোনালি মুরগি। প্রতি কেজি হাইব্রিড সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩২০-৩৩০ টাকায় আর সোনালি ৩৫০-৩৬০ টাকায়। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রতি কেজি সোনালি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হয়েছিল। ঈদের পর সোনালি মুরগির দাম বেড়ে ৪২০ টাকায় উঠেছিল। পরে দাম কিছুটা কমেছে। অন্যদিকে বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়।
সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের এই সময়ের তুলনায় বাজারে সোনালি মুরগির দাম ৪৫ শতাংশ ও ব্রয়লার মুরগির দাম ৭ শতাংশ বেড়েছে।
ঢাকার বিভিন্ন বাজারে ছোট আকারের রুই মাছ ২৮০-৩৫০ টাকা এবং তেলাপিয়া ও পাঙাশ মাছ ২০০-২২০ টাকা কেজি বিক্রি হয়েছে।
সবজির দাম চড়া: বাজারে বর্তমানে আলু ছাড়া ৫০ টাকা কেজির নিচে তেমন কোনো সবজি কেনা যায় না। বেশির ভাগ সবজির দাম ৬০ থেকে ১০০ টাকার মধ্যে। আর বেগুন, কাঁকরোলের মতো দু’তিনটি সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে।
কৃষি বিপণন অধিদপ্তর দৈনিক ১৫টি সবজির খুচরা দামের তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, গত বছরের এই সময়ের তুলনায় বর্তমানে নয়টি সবজির দাম বেশি; আর দাম কম রয়েছে চারটি সবজির। দাম বেশি বেড়েছে দেশি টমেটো, মিষ্টিকুমড়া ও করলার। গতকাল বাজারে প্রতি কেজি টমেটো ৫০-৬০ টাকা, মিষ্টিকুমড়া ৪০-৫০ টাকা ও করলা ৮০-১০০ টাকায় বিক্রি হয়েছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের সবজি বিক্রেতা আব্বাস আকন্দ জানান, এখন বাজারে গ্রীষ্ম মৌসুমের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে গ্রীষ্মের সবজির দাম কিছুটা কমার কথা। কিন্তু গাড়িভাড়া বাড়ার কারণে সবজির দাম কমছে না।
খুচরা দোকানে এখন প্রতি কেজি খোলা চিনির দাম ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে ৫ টাকা কম ছিল। গত এক সপ্তাহে বাজারে মাঝারি চালের (বিআর-২৮ ও পাইজাম) দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। এসব চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আর মোটা চাল (স্বর্ণা ও চায়না ইরি) বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৩ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, এক মাসের ব্যবধানে মোটা ও মাঝারি চালের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
মূল্যবৃদ্ধির কারণ: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পেছনে তিনটি প্রধান কারণ দেখিয়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। তারা জানান, গত কয়েক মাসে বিশ্ববাজারে বেশ কিছু পণ্য ও কাঁচামালের দাম বেড়েছে। এতে উৎপাদন খরচ বাড়ায় দেশে কিছু পণ্যের দাম বেড়েছে। সরবরাহ–সংকট থেকেও কিছু পণ্যের দাম বেড়েছে। আর সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবও বাজারে পড়তে শুরু করেছে।
প্রায় দুই মাস ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ–সংকট চলছে। অনেক সময় ক্রেতারা কয়েক দোকান ঘুরেও সয়াবিন তেল কিনতে পারছেন না। ভোজ্যতেল উৎপাদনকারী কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম বাড়াতে চায়। কিন্তু সরকার এখনো অনুমতি দেয়নি। তবে কোম্পানিগুলো ডিলার বা সরবরাহকারী পর্যায়ে বোতলজাত তেলের দাম বাড়িয়েছে। এ কারণে ভোক্তাদেরও আগের চেয়ে বেশি দামে তেল কিনতে হচ্ছে।
রাজধানীর মাদারটেক বাজারের মুদি বিক্রেতা মিজানুর রহমান বলেন, বাজারে বোতলের সয়াবিন তেল নেই বললেই চলে। কোম্পানিগুলো আমাদের কাছে গায়ের রেটে (এমআরপি) তেল বিক্রি করে। তাহলে গ্রাহকদের কাছে আমরা বেচব কত টাকায়।
বাজারে একসঙ্গে অনেকগুলো পণ্যের দাম বাড়ায় ভোক্তারা, বিশেষ করে সীমিত আয়ের মানুষ খরচের চাপে পড়েছেন। পরিবহন খরচসহ সামগ্রিকভাবে পণ্যের দামে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগকে পুঁজি করে পণ্যের দাম বাড়িয়েছেন। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মূল্যস্ফীতির চাপে মানুষ: বাজারে পণ্যের দাম বাড়লে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। কারণ, মূল্যস্ফীতির তুলনায় আয় না বাড়লে ব্যয় সামলাতে হিমশিম খায় মানুষ। সরকারি হিসাবে দেখা গেছে, টানা তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে আছে দেশ। সাধারণত সাড়ে ৮ থেকে ৯ শতাংশের মধ্যে মূল্যস্ফীতি থাকছে।
মূল্যস্ফীতি নিয়ে বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা যায়, প্রায় তিন বছর ধরে খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ‘লাল’ শ্রেণিতে রয়েছে। এর মানে হলো, বাংলাদেশের খাদ্যনিরাপত্তার ঝুঁকি কমছে না; বরং মধ্যপ্রাচ্য সংকটে তা আরও বাড়তে পারে।
ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাজারে একসঙ্গে অনেকগুলো পণ্যের দাম বাড়ায় ভোক্তারা, বিশেষ করে সীমিত আয়ের মানুষেরা খরচের চাপে পড়েছেন। পরিবহন খরচসহ সামগ্রিকভাবে পণ্যের দামে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগকে পুঁজি করে পণ্যের দাম বাড়িয়েছেন। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।