বিদেশিদের কাছে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার রাজধানীর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে স্বাধীনতার ৫২তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মোমেন বলেন, ‘সাম্প্রতিককালে কিছু নালিশ পার্টি আমাদের বিরুদ্ধে বিভিন্নরকম প্রচারণা চালাচ্ছে। তারা বলে বেড়ায় আওয়ামী লীগ নাকি গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বলে যে, শেখ হাসিনার সরকার নাকি গণতন্ত্র ধ্বংস করেছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা নালিশ পার্টি তাদের সময়ে এক কোটি ভুয়া ভোটার হয়েছিল। শেখ হাসিনার সরকার ভুয়া ভোটার হওয়ার সব পথ বন্ধ করে বায়োমেট্রিক ফটো আইডি করে দিয়েছেন, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করেছেন, আর স্বাধীন নির্বাচন কমিশন করে দিয়েছেন। গত ১৪ বছরে দেশে শত শত নির্বাচন হয়েছে, এই তথ্যগুলো পৃথিবীকে জানানো দরকার। আর শেখ হাসিনার সরকারের স্থিতিশীলতার কারণে গত ১৪ বছরে আমাদের যে অভাবনীয় সাফল্য সেটাও জানানো দরকার।’
নালিশ পার্টি মিথ্যা প্রচারণা করে অনেক জায়গায় পার পেয়ে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এসব অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের রক্তে গণতন্ত্র, আমাদের রক্তে ন্যায়বিচার, আমাদের রক্তে মানবাধিকার। তাই যারা নালিশ পার্টি, তারা যেন অপপ্রচার করে পার না পায় সেজন্য আপনারা সোচ্চার থাকবেন।’
১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি আমাদের বন্ধুরাষ্ট্র আমেরিকা ঘোষণা দিয়েছে যে, মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে। আমেরিকা আমাদের বন্ধু দেশ। আমি আশা করব, আমেরিকা একাত্তর সালে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেটাও স্বীকার করবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ড. মশিউর মালেকসহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, এ উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক উপস্থিত ছিলেন।
সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বব্যাপী এফ আর খান নামে পরিচিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত উইলিস টাওয়ারের পাশেই এখন শোভা পাচ্ছে বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে এ নামকরণের কার্যক্রম পরিচালিত হয়।
সড়কটির নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর জনপ্রিয়তা বিশেষভাবে বিবেচনা করা হয়।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবে তুলে ধরা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’। সূত্র: বাসস
আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁর এই সফরকে সামনে রেখে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ গেজেটের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার।
প্রকাশিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দা’তো সেরি আনোয়ার ইব্রাহিম-কে আগামী ৭-৮ ডিসেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পাশাপাশি মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকেও ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুনে নিজের প্রথম বিদেশ সফরে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীলতার কারণে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে উৎপাদন ব্যাহত হয়েছে ৩১৭টি পোশাক কারখানায়। এতে উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বাংলাদেশের কারখানাগুলোর জন্য নিশ্চিত করা ২৫৪ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন ক্রেতারা।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য কারখানাগুলোর ওপর পরিচালিত জরুরি জরিপে উঠে এসেছে এ তথ্য। অস্থিতিশীল পরিস্থিতিতে পোশাক কারখানাগুলোর ক্ষয়ক্ষতির চিত্র জানতে গত চার দিন ধরে জরিপ চালায় সংগঠনটি।
বিজিএমইএর জরিপ অনুযায়ী, এখন পর্যন্ত ৩১৭টি কারখানা জানিয়েছে তাদের উৎপাদন কার্যক্রম একদিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন ডলার, যা হিসাব করা হয়েছে রপ্তানি পণ্যের এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য অনুযায়ী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ গড় বিনিময় হার (১২৪ টাকা ৭৩ পয়সা) অনুযায়ী যা প্রায় ৫ হাজার ৩৩৮ কোটি ৪৪ লাখ টাকা।
অন্যদিকে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ঝুঁকির মুখে পড়েছে রপ্তানি আদেশও। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় বাড়তি খরচে বিমানে পণ্য পাঠাতে হচ্ছে কারখানাগুলোকে। ক্রেতাদের দিতে হচ্ছে মূল্যছাড়। কিছুক্ষেত্রে রপ্তানি আদেশ বাতিলের পরিস্থিতিও তৈরি হয়েছে।
জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, বাংলাদেশের পোশাক খাতের প্রতি ক্রেতাদের আস্থা কমছে। পড়ছে নেতিবাচক প্রভাব। ক্রেতারা এরই মধ্যে ৫৯ মিলিয়ন পিস পোশাকের রপ্তানি আদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব আদেশের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি ১৪ লাখ টাকা।
বিজিএমইএর ভাষ্য, জরিপে উঠে আসা ক্ষতির পরিসংখ্যান প্রকৃত পরিস্থিতির খণ্ডচিত্র মাত্র। তাদের হিসাবে ক্ষতিগ্রস্ত কারখানা সংখ্যা ৬০০-এর বেশি। তবে স্বল্প সময়ের জরিপে তথ্য দিতে পেরেছে মাত্র ৩১৭টি কারখানা। এ ছাড়া জরিপের হিসাব ১৮ নভেম্বর পর্যন্ত করা হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, এই সংকটের ক্ষতি তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্ববাজারে দেশের পোশাকশিল্পের ওপর দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা, ভাবমূর্তি ও ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিপুল পরিমাণ রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তরের বড় ইঙ্গিত।
দেশের অর্থনীতি এবং লাখো শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এ সংকট থেকে উত্তরণ জরুরি বলে মনে করে বিজিএমইএ। শিল্পের উৎপাদন ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এদিকে, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শিল্পাঞ্চলগুলোয় শ্রমিক আন্দোলন চলছে। এরই পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা হয়। পরবর্তী সময়ে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার টাকা করার লিখিত প্রস্তাব জমা দেয়।
১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভায় মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল মালিকপক্ষের। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়। আজ সোমবার পরবর্তী সভা হওয়ার কথা রয়েছে। এতে মালিকপক্ষ প্রস্তাব জমা দেবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
অবশ্য তৃতীয় সভা স্থগিত হওয়ার পর দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছিল তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটি বলেছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। তাই দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধে প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাবেন কারখানা মালিকরা।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা, যা ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে কার্যকর হয়েছিল। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠিত হলেও বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা কমিয়ে তিন বছর করেছে।
মজুরি বোর্ড অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে পোশাকশ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করছে।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এসব কথা বলেন।
গার্মেন্টস সেক্টরের চলমান পরিস্থিতি তুলে ধরে মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর সরকার একটি ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো ও অর্থনীতিকে মেরামতের কাজ শুরু করেছে। কিন্তু একই সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং বাংলাদেশসহ প্রায় সব দেশেই জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়। এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে।
মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে দেশে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে অর্থাৎ প্রতি পাঁচ বছর পরপর গার্মেন্টস খাতে মজুরি বৃদ্ধি করা হতো। কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ের মধ্যে, মাত্র তিন বছরের মাথায় নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করেছে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা রেখে উপদেষ্টা বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন এবং এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
তৈরি পোশাক খাতকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করে মাহদী আমিন বলেন, শ্রমিকদের ত্যাগ, ঘাম ও শ্রমের ফসল ‘মেড ইন বাংলাদেশ’ আজ সারাবিশ্বে দেশের প্রতিনিধিত্ব করছে। সরকার চায় দেশে আরও বেশি কলকারখানা গড়ে উঠুক এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হোক।
শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন একটি স্বনির্ভর ও অগ্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের কাছে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষা একটি ন্যায্য, সমতাভিত্তিক এবং সমৃদ্ধ সমাজ গঠনের রূপকল্প কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানান উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ প্রত্যেক শ্রমিকের মৌলিক চাহিদা ও অধিকার। এই অধিকার সুরক্ষিত করা সরকার, মালিকপক্ষ এবং বৃহত্তর সমাজের একটি সম্মিলিত দায়িত্ব। সরকারের দায়িত্ব কেবল অধিক কর্মসংস্থান সৃষ্টি করা নয়, বরং শ্রমিকরা যেন একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত পরিবেশে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।
সরকার, মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা ও গঠনমূলক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ বাংলাদেশের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সহায়ক হবে। কেবল আইন ও নীতিমালা প্রণয়ন নয়, বরং মাঠপর্যায়ে সেগুলোর বাস্তবসম্মত ও টেকসই প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
একই সাথে জনসংখ্যার প্রায় অর্ধেক অংশ নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সরকারের কর্মপরিকল্পনার অন্যতম প্রধান অগ্রাধিকারমূলক ক্ষেত্র বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমান সরকারের শ্রমবান্ধব অঙ্গীকারের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মাহদী আমিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের গুরুত্ব অনুধাবন করে আজকের তৈরি পোশাক শিল্পের মূল ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শ্রম আইন ও শ্রমিকদের কল্যাণকে এগিয়ে নেন।
২০০৬ সালে বিএনপি সরকারের আমলেই শ্রম আইন প্রণয়ন এবং ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়েছিল বলে তিনি স্মরণ করেন।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই গৌরবোজ্জ্বল উত্তরাধিকারকে সামনে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে উপদেষ্টা বলেন, শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা, মর্যাদা ও অর্থনৈতিক সুরক্ষার ওপর সরকারের নতুন করে গুরুত্বারোপের প্রতিফলন ঘটেছে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ। এটি পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার মানোন্নয়নের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ।
নীতিমালা বাস্তবায়নের কর্মপদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, কেবল বৃহৎ প্রতিষ্ঠানই নয়, বরং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ও পরিচালন সক্ষমতা বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ে কাজ করতে হবে।
এ ক্ষেত্রে প্রতিরোধ, সচেতনতা, প্রশিক্ষণ এবং নিরবচ্ছিন্ন উন্নয়নের ওপর জোর দিতে হবে। কর্মপরিবেশের নিরাপত্তাকে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে আরও বাস্তবায়নযোগ্য, সাশ্রয়ী এবং প্রকৃত অর্থে টেকসই করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিল্পের প্রবৃদ্ধি, ব্যবসার স্থায়িত্ব এবং শ্রমিকের কল্যাণকে হাতে হাত রেখে এগিয়ে নিতে হবে।
বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন শ্রম নীতিমালায় আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে সহায়তার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক অংশীদার এবং বন্ধুপ্রতিম দেশগুলোর নিরবচ্ছিন্ন সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
তিনি বলেন, দেশের নিজস্ব স্থানীয়, শিল্প ও অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়কে স্বাগত জানিয়ে আমরা এই মানকে আরও উন্নত করতে চাই।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রহিম খান প্রমুখ।
ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রোববার (২২ নভেম্বর) ঢাকায় নিয়মিত এ সভা করে দুই দেশ।
ত্রিশ বছর ধরে চলমান চুক্তির বাস্তবায়ন নিয়ে এটি শেষ সভা হওয়ার কথা বলেছেন যৌথ নদী কমিশনের কর্মকর্তারা।
কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর সই হওয়া চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের লক্ষ্যে দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যের নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠিত হয়।
‘এ বছর যৌথ কমিটির প্রথম (৮৯তম) বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় (৯০তম) বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়।’
এরই ধারাবাহিকতায় ঢাকায় তৃতীয় বৈঠক হওয়ার তথ্য তুলে ধরে চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা বলেছে যৌথ নদী কমিশন।
যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। আর ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
যৌথ নদী কমিশন বলেছে, উক্ত যৌথ কমিটি ১৯৯৭ সাল থেকে গঙ্গা পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন, উক্ত দলসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রণয়নের কাজ করে আসছে।
এসব কাজ সম্পাদনের ক্ষেত্রে প্রতিবছর যৌথ কমিটির তিনটি বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বৈঠক ফারাক্কায় সাইট পরিদর্শন শেষে কলকাতায় অনুষ্ঠিত হয়। একই উদ্দেশ্যে আরেকটি বৈঠক হার্ডিঞ্জ সেতু এলাকায় গঙ্গা বা পদ্মা নদীতে সাইট পরিদর্শন শেষে ঢাকায় অনুষ্ঠিত হয়।
গঙ্গার পানি বণ্টনে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছরের চুক্তি করে। সমঝোতা অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়ে থাকে।
৪০ বছরের গড় মাত্রা অনুযায়ী ভারত পানির ভাগ পায়। যে কোনো সংকটের সময় বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি সরবরাহের নিশ্চয়তাও দেওয়া হয়। চলতি বছরের ডিসেম্বরের একই তারিখে এই চুক্তির মেয়াদ শেষ হবে।
ঢাকার তরফে তাগাদা দেওয়া হলেও নতুন চুক্তি করার আলোচনা শুরুর বিষয়ে ভারতের সাড়া মেলেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত সপ্তাহে বলেছেন, আলোচনার প্রস্তুতি নিতে গত এপ্রিলে অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমীরের নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে বাংলাদেশ।
‘এরপর গত জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে আলোচনার প্রস্তাব দেয়। অগাস্টে এ বিষয়ে একটি তাগিদপত্রও পাঠানো হয়। কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।’
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে সবাইকে ভুয়া সংবাদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ ধরনের কোনো ঘটনার সঙ্গে বাস্তবতার মিল নেই বলে জানানো হয়েছে এক সতর্কবার্তায়। এতে বলা হয়, ফজলুর রহমানের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
সতর্কবার্তায় আরও বলা হয়, যাচাই না করে কেউ যেন কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার না করেন। বিভ্রান্তি এড়াতে ফজলুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এএমআই টিভির পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এতে সবাইকে সত্য তথ্য প্রচার এবং মিথ্যা তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান বলেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন।
দুদকের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার (২২ নভেম্বর) দুদকের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। যার মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন পাচার হয়েছে ইনভয়েস, ওভার ভয়েসের মাধ্যমে।
তিনি বলেন, বড় বড় দুর্নীতিগুলো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যারা বড় বড় দুর্নীতি করেছে তাদের সংখ্যা বেশি নয়। বর্তমান কমিশন এসকল বড় বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা এবং তদন্তের বিষয়ে কমিশন বেশি গুরুত্ব দিয়েছে। তিনি দুদককে আশা জাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে দুর্বল করে দিয়েছে। এদেশের প্রায় ৯৫ প্রায় শতাংশ মানিলন্ডারিং হয় ক্লিয়ারিং হাউজের মাধ্যমে। আর এটি হয়ে থাকে কর্পোরেট হাউজ এবং ব্যাংকের মাধ্যমে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবেন। আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।
কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় কমিশনের সকল মহাপরিচালক, সকল পরিচালক এবং উপপরিচালকগণ অংশগ্রহন করেন।
সভাপতির বক্তৃতায় দুদক সচিব বলেন, বর্তমান কমিশন মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে, এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি করেছে এবং নতুন গ্রেডেশন তালিকা তৈরি করেছে। কর্মকর্তাদের জন্য দেশে বিদেশে কোয়ালিটি সম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এতে করে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত এবং দুর্নীতি প্রতিরোধের কাজের মান বাড়বে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থপনা ইউনিট এর পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ এর মো. আতিকুল আলম বক্তৃতা করেন। এর আগে কমিশনের চেয়ারম্যান কমিশনারদ্বয় এবং সচিবকে নিয়ে দুদকের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে করে চলতি বছর এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়ালো ৫১৮ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে রংপুর বিভাগেও একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী (৭৫৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৬১ জন মারা গেছেন। সব মিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৬১ জন মারা গেছেন। এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই প্রধান পরিচয় হবে বলে মন্তব্য করেছেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাঃ জুবাইদা রহমান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ—এই চেতনাই প্রধান হবে। আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’
রোববার (২২ নভেম্বর) রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়াদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান সাতটি ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সি শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। ডা. জুবাইদা রহমান বলেন, ‘শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তাকে হারাতে হয়েছে।’ তিনি শাহরিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের নাম উল্লেখ করে তাদের প্রতি সমবেদনা জানান তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।
গত ১৫ নভেম্বর ভোরে কড়াইলে লাগা আগুনে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। এ সময় আগুনে অন্তত সাত-আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপরই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে গৃহহীন বাসিন্দাদের পুনরায় তাদের ঘরে ওঠার জন্য চাবি হস্তান্তর করেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।
মৎস্যসম্পদ কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানো এবং রপ্তানি বৃদ্ধিতে গুরুত্ব দিতে বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।’ রোববার (২২ নভেম্বর) মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। এক সময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য।
এ খাতের সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’ মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ করতে হবে। নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ার কারণে মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।’ শিল্পকারখানার বর্জ্য পরিশোধন নিশ্চিত করা এবং নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পানিপ্রবাহ ও জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। নদী ও খালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা গেলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে।’
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে।’ মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে মৎস্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে।’
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী প্রতিনিধি, কোস্ট গার্ড প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে দেশের ইতিহাসে আরও একটি সরকারি মেডিকেল কলেজের নাম যুক্ত হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যে এটির আত্মপ্রকাশ হবে। এ বছর থেকেই শিক্ষার্থী ভর্তির চিন্তা রয়েছে। তবে কলেজের কার্যক্রম কোথায় চলবে, তা এখনো ঠিক হয়নি। হাসপাতাল ভবনের দুটি তলায় শুরু হতে পারে কার্যক্রম। সারাদেশে সরকারি মেডিকেল কলেজ ৩৬টি। দীর্ঘদিন ধরেই এসব কলেজে শিক্ষকসংকট চলছে। শিক্ষকের মোট পদের প্রায় ৪৫ শতাংশই শূন্য। অর্থাৎ অনুমোদিত শিক্ষক পদের অর্ধেকের কিছু বেশি পূরণ হয়েছে। নিজস্ব হাসপাতাল নেই ১২টি মেডিকেল কলেজের।
এই অবস্থায় রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে মেডিকেল কলেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০০ শয্যার এই হাসপাতালে চিকিৎসার সুযোগ পান সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রমের জন্য হাসপাতাল ভবনের দুটি তলা খালি করা হতে পারে। পাশের কোনো ভবন ভাড়া নেওয়ার কথাও ভাবা হচ্ছে। প্রথম বছর ৫০টি আসন নিয়ে যাত্রা শুরু হতে পারে। শিগগিরই কলেজের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কমিটি।
সরকারি কর্মচারী হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক রুহুল আমিন বলেন, ‘দেশে ১৫ লাখ সরকারি কর্মচারী আছেন। তাদের স্বাস্থ্যসেবা আরও ভালোভাবে পরিচালনার জন্য এই উদ্যোগ নিয়েছি। ঝিলমিল প্রকল্পে আমরা জমি কিনছি। সেখানে স্থায়ী ক্যাম্পাস তৈরির জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আপাতত দুই-তিন বছর এখানেই ক্লাস চলবে। বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নীতিমালা থাকলেও সরকারি মেডিকেল কলেজের জন্য এমন নীতিমালা নেই। ফলে কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই বেশ কয়েকটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। নানা সংকট নিয়ে চলছে সেগুলো। একই প্রক্রিয়ায় চালু হতে যাচ্ছে আরও একটি মেডিকেল কলেজ।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, ‘সেখানে তো কালকেই মেডিকেল কলেজ চালু হয়ে যাচ্ছে না। প্রস্তুতি নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে আমাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলছে। ঢাকায় একটি ভালো হাসপাতাল আছে। সেখানে মেডিকেল কলেজ হলে সুবিধা হতে পারে, এমনটা অনেকেই ভেবেছেন। আমরা হয়তো সেই প্রক্রিয়ার মধ্যেই আছি। ধাপে ধাপে কাজ হবে। এ নিয়ে চিন্তার কিছু নেই। সরকারি কর্মচারী হাসপাতালে প্রতিদিন ৩ হাজারের বেশি রোগী আসেন। পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এখানে একটি মেডিকেল কলেজ চালু করা যেতে পারে। তবে প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠায় উদ্যোগটি সমালোচনার মুখে পড়েছে।’
যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের গত ২০ নভেম্বর (শুক্রবার) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএ-এর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ, সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ জোরদারের বিষয়ে আলোচনা হয়।
চীফ হুইপ বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ণ রেখে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ জাতীয় সংসদ।
বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখা এবং সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
টানা দরপতনের ধারায় এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি আরও ৬ হাজার ১৮২ টাকা হ্রাস পেয়েছে। এর ফলে এক বছর পর প্রথমবারের মতো সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এল। শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে নতুন এই দরের ঘোষণা দেওয়া হয়, যা রোববার থেকে কার্যকরের কথা জানানো হয়েছে। সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।
নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম বিক্রি হবে ১৬ হাজার ৭১৫ টাকায়; সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরির দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দরও কমানো হয়েছে, যার মধ্যে ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের বাজারে এই দরপতনের কারণ সম্পর্কে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক বাজারে দর কমার কারণে দেশের বাজারে সমন্বয় করা হচ্ছে। তিনি বলেন, “বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজার নিম্মমুখী। মাঝে-মধ্যে ঊর্ধ্বমুখী হলেও বেশিরভাগ সময়ই কমেছে। আমরা হিসাব করে দেখেছি, গত এক বছরে বিশ্ববাজারে প্রতি আউন্স গোল্ডের দাম ২ হাজার ডলারের বেশি কমেছে। সেই ধারাবাহিকতায় দেশের বাজারেও কমেছে।”
বাজুসের পরিসংখ্যানে দেখা যায়, এর আগে চার দিনে তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বৃদ্ধির পর গত ৫ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় পৌঁছেছিল। তবে ঠিক পরদিনই ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয় এবং এরপর থেকে টানা সাত দফায় দাম নামতে থাকে। এর মধ্যে শনিবার রাতের ঘোষণার আগের দিন শুক্রবার একবারেই ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছিল, যাতে ভরি নেমে আসে ২ লাখ ১ হাজার ১৬৬ টাকায়।
সংগঠনটির তথ্য পর্যালোচনায় আরও জানা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর প্রথমবারের মতো দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ টাকার মাইলফলক অতিক্রম করে। ওই মাসের ২৯ তারিখে একবার তা ২ লাখ টাকার নিচে নামলেও পরবর্তী সময়ে ওই সীমার বেশি দরেই লেনদেন হচ্ছিল। এ ছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দর। এরপর থেকে বাড়া-কমার মধ্য দিয়ে চলতে থাকা দেশের স্বর্ণের বাজার চলতি নভেম্বর থেকে ধারাবাহিকভাবে কমে দুই লাখ টাকার নিচে নেমে এসেছে।
অন্যদিকে, বিশ্ববাজারেও মূল্যবান এই ধাতুর দরপতন অব্যাহত রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের সবশেষ প্রতিবেদনে জানানো হয়েছে। রয়টার্সের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে। সুদের হার নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের ইঙ্গিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারের দরপতনের প্রভাবেই স্বর্ণের বাজারে এ নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৩টা ২৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ কমে ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে নেমে আসে; যদিও দিনের আগের লেনদেনে তা ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে দাঁড়িয়েছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। চলতি সপ্তাহে এ পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম ৯ দশমিক ৪ শতাংশ কমেছে, যা গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর সর্বাধিক সাপ্তাহিক দরপতন।