সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন।
বাসে বাংলাদেশি যাত্রী ছিলেন ৩৫ জন। এদের মধ্যে ১৭ জন মারাত্মক বা আংশিক আহতাবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তবে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১৩ জন নিহত ছাড়াও নিখোঁজ রয়েছেন আরও পাঁচ বাংলাদেশি। ধারণা করা হচ্ছে, তারা সবাই মৃত, কিন্তু তাদের মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। অন্য দেশের ১২ জন যাত্রীদের মধ্যে পাঁচজনকে মৃত এবং সাতজনকে আহতাবস্থায় বিভিন্ন হাসপাতালে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
গত সোমবার জেদ্দা থেকে ৬০০ কিলোমিটার দূরে ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের আরোহীরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন। বাসের ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায় বলে মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ ও আরব নিউজের খবরে বলা হয়।
শুরুতে দুর্ঘটনায় আটজন প্রবাসী বাংলাদেশির নিহতের খবর পাওয়া গিয়েছিল। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) কাজী এমদাদ দৈনিক বাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশির মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
এর আগে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বাংলাদেশে সময় রাত ১০টা পর্যন্ত ৩৫ জন আহত যাত্রীর মধ্যে ১৮ জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে আছেন। বাকি ১৭ জনের মধ্যে নিহত আটজনের পরিচয় জানা গেছে। নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই নিহত বলে ধারণা করছে জেদ্দার বাংলাদেশ মিশন।
মিশনের এক কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের মরদেহ পুড়ে গেছে। তাদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করতে হবে।’
নিহত ১৩ জন হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার মো. শরিয়ত উল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আবুল আউয়ালের ছেলে মামুন মিয়া, একই উপজেলার রাসেল মোল্লা, নোয়াখালী জেলার মো. হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. আসিদ, গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন, চাঁদপুরের কালু মিয়ার ছেলে রুকু মিয়া, কক্সবাজারের মহেশখালী উপজেলার সিফাত উল্লাহ, কুমিল্লার দেবিদ্বারের গিয়াস হামিদ, যশোরের কাওসার মিয়ার ছেলে মোহাম্মদ নাজমুল, একই জেলার ইস্কান্দারের ছেলে রনি ও কক্সবাজারের মোহাম্মদ হোসেন।
সৌদিতে পঞ্চম রমজানে এ দুর্ঘটনার কারণ হিসেবে রাষ্ট্র নিয়ন্ত্রিত আল এখবারিয়া চ্যানেলের খবরে বলা হয়েছে, বাসটির সামনে অন্য কোনো গাড়ি চলে এসেছিল। অন্যদিকে বেসরকারি সংবাদমাধ্যম ওকাজ বলছে, নিয়ন্ত্রণ হারিয়ে (ব্রেক ফেল) বাসটি ব্রিজে ধাক্কা খেয়ে উল্টে যায়, এরপর গাড়িটিতে আগুন ধরে যায়।
দেশজুড়ে চলছে অবৈধ জ্বালানি তেল মজুত ও চুরির মহোৎসব। মধ্যপ্রাচ্য যুধের কারণে সরকার তেল ব্যবহারে ভোক্তাদের সাশ্রয়ী হতে আহ্বান জানানোর পর থেকেই গত এক মাসে বিভিন্ন স্থানে ভয়াবহ আকারে বেড়েছে জ্বালানি তেলের অবৈধ মজুত। খোদ রাজধানীর থেকে শুরু করে বিভিন্ন জেলা-উপজেলায় পেট্রোল পাম্পের জ্বালানি কিনে চড়া দামে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। কেউ কেউ বেশি মূল্য পাওয়ার আশায় অবৈধভাবে বাসাবাড়ি, গ্যারেজ এবং গুদামে তেল সংরক্ষণ করছেন। এই অবৈধ মজুতের বিরুদ্ধে সারা দেশে অভিযান চালাচ্ছে সরকার। ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ৬৪ জেলায় মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে এ পর্যন্ত ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (যুগ্মসচিব) মনির হোসেন চৌধুরী।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত বুধবার ৩৮১টি অভিযান চালানো হয়। মামলা হয় ১৬৯টি। মোট ৮ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৫ হাজার ১৩২ লিটার ডিজেল, ১০ লিটার অকটেন ও ৩৯৫ লিটার পেট্রল জব্দ করা হয়েছে এসব অভিযানে।
জ্বালানি বিভাগ বলছে, এখন পর্যন্ত মোট ২ হাজার ৯টি মামলা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা। কারাদণ্ড পেয়েছেন ২৪ জন। এ পর্যন্ত মোট ডিজেল উদ্ধার হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার। পেট্রল ৭০ হাজার ৫৪ লিটার।
জ্বালানি তেলের বর্তমান মজুতের হিসাব দিয়েছে জ্বালানি বিভাগ। এতে বলা হয়, দেশে বর্তমানে ডিজেলের মজুত আছে ১ লাখ ২২ হাজার ৬৬০ টন। অকটেন রয়েছে ৯ হাজার ২১ টন। পেট্রোল ১২ হাজার ১৯৪ টন। জেট ফুয়েল ৪১ হাজার ৮৭৬ টন।
আগারগাঁওয়ে ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ: রাজধানীর আগারগাঁও এলাকায় তেল বিক্রির দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ১৫৮ লিটার অকটেন ও ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানদুটিতে এসব জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠান দুটির মালিক তেল মজুত রাখার কথা স্বীকার করেন। তাদের দোষী সাব্যস্ত করে প্রতিষ্ঠান দুই হাজার টাকা জরিমানা করেন। তাদের মৌখিকভাবে সতর্ক করেন।
তেলের অবৈধ মজুতদারি রোধে গত ৩০ মার্চ দেশের ৬৪টি জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ৩৯১টি অভিযান পরিচালিত হয়। এ ব্যাপারে ১৯১টি মামলা করা হয়। তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৮৭ হাজার ৭০০ লিটার তেল জব্দ করা হয়।
এছাড়া গত ৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিচালিত হয় ৩ হাজার ৫৫৯টি অভিযান। এতে ১ হাজার ২৪৪টি মামলা করা হয়। ৮৪ লাখ ৫১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়। ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ করা হয়।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী জানান, উল্লিখিত পরিসংখ্যানে দেশের বিভিন্ন স্থানে অবৈধ জ্বালানি মজুতের ব্যাপকতা স্পষ্ট হয়ে উঠছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, যারা অবৈধ মজুতদারির তথ্য দিচ্ছে, তাদের ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, সরকার যদি পাম্পগুলোতে যথাযথভাবে তেল সরবরাহ করেই থাকে তাহলে তো কোনোরকম তেল সংকট হওয়ার কথা না। তাহলে পাম্পগুলোতে তেল নিয়ে কোনো কারসাজি হচ্ছে কি না এবং তেলের সরবরাহরে মধ্যে কোনো সমস্যা আছে কি না তা খতিয়ে দেখতে হবে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এমন চিঠি আদালত অবমাননাকর। এ রকম চিঠি দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই, এটা ভিত্তিহীন। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন চিফ প্রসিকিউটর।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের কাছে এ রকম কোনো চিঠি আসেনি। গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, এ রকম একটা চিঠি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে যখন অনেক শক্তিশালী মানুষের বিচার চলছে, তখন এ রকম কিংসলে ফিংসলে নাম দিয়ে আমাদের সংবাদমাধ্যমকে বিভ্রান্ত করার চেষ্টা, আমার মনে হয় এটা ভিত্তিহীন বিষয়।’
চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব করা হচ্ছে। আমরা এগুলো আমলে নিচ্ছি না। আমরা এসব নিয়ে উদ্বিগ্ন নই। ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলবে। আমরা যারা প্রসিকিউশনে কাজ করছি, এগুলো নিয়ে কথা বলা বা চিন্তা করার সময় নেই।’ তবে ওই ল ফার্মের কোনো অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া গেলে, কোনো ব্যক্তি বা সংস্থার অস্তিত্ব পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জানা যায়, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে গত ৩০ মার্চ ই-মেইলে ট্রাইব্যুনালে চিঠি পাঠায় লন্ডনের কিংসলে ন্যাপলি এলএলপি নামের একটি প্রতিষ্ঠান।
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। প্রতিবেদনে গণভোটসহ ১১টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছেন বিশেষ কমিটির সরকার পক্ষের সংসদ সদস্যরা। তবে এই কমিটির বিরোধী দলীয় তিনজন সদস্য এসব অধ্যাদেশের ক্ষেত্রে তাদের নোট অব ডিসেন্ট দিয়ে অধ্যাদেশ বহাল রাখার প্রস্তাব করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বিশেষ কমিটির প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে।
এছাড়া, ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই-বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে এবং ৪টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই সংসদে বিল আনার সুপারিশ করা হয়েছে।
২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসব অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত জাতীয় সংসদ এসব অধ্যাদেশ যাচাই-বাছাই করে রিপোর্ট পেশ করার জন্য বরিশাল -৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে, যেখানে বিরোধী দলের ৩ জন সংসদ সদস্য ছিলেন।
এই কমিটি তিনটি বৈঠক করে যাচাই-বাছাই করেছে। এক্ষেত্রে অধ্যাদেশগুলো কী প্রয়োজনে প্রণয়ন ও জারি করা হয়েছে তা জানার জন্য কমিটি অধ্যাদেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের মতামত নিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
তবে কমিটির সরকার দলের সদস্য ও বিরোধী দলের সদস্যরা ১৩টি অধ্যাদেশের বিষয়ে একমত হতে পারেননি। ফলে বিরোধী দলের সদস্য অধ্যাপক মজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান এবং গাজী নজরুল ইসলাম এই ১৩ টি অধ্যাদেশে তাদের নোট অব ডিসেন্ট দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ সরকার পক্ষ বাতিল করার প্রস্তাব করেছে।
এসব অধ্যাদেশে বিরোধী দলের সদস্যরা নোট অব ডিসেন্ট দিয়ে অধ্যাদেশ বহাল রাখার কথা বলেছেন।
অন্যদিকে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫ পাশের বিষয়ে সরকার পক্ষ ভিন্ন নীতি অনুসরণ করতে চাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
বিরোধীদলীয় তিনজন সংসদ সদস্য এই নীতি অপরিবর্তিত অবস্থায় পাশের পক্ষে অবস্থান নিয়েছেন। সরকার পক্ষ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ পাশ করার প্রস্তাব করেছে।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) র্যালি, সেমিনার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ‘অটিজম ও মানবতা-প্রতিটি জীবনেরই মূল্য আছে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ইপনা (IPNA) ও শিশু নিউরোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক, মনোবিজ্ঞানী এবং অটিজম স্কুলের শিক্ষকরা কর্মসূচিতে অংশ নেন।
সেমিনারে বক্তারা জানান, বিশ্বে অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। আগে যেখানে শতকরা ১.৭ জন শিশু আক্রান্ত ছিল, বর্তমানে তা তিনজনে উন্নীত হয়েছে। বাংলাদেশে ২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী প্রতি ১০ হাজারে ১৭ জন শিশু অটিজমে আক্রান্ত। এই পরিস্থিতি মোকাবিলায় গর্ভবতী মায়ের যত্ন ও শিশুর মানসিক বিকাশে সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং এটি একটি ভিন্ন সক্ষমতা। সঠিক রোগ নির্ণয়, উন্নত ব্যবস্থাপনা এবং সামাজিক ও শিক্ষাগত পুনর্বাসনের মাধ্যমে অটিজমে আক্রান্ত শিশুদের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব। তাদের একাকিত্ব দূর করতে অভিভাবকদের সচেতনতা এবং গণমাধ্যমের জোরালো প্রচারণার তাগিদ দেন বিশেষজ্ঞরা।
এবারের দিবসের মূল বার্তা হলো অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সম্মান, অধিকার এবং সমান সুযোগ নিশ্চিত করা। ২০২৬ সালের এই প্রতিপাদ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মক্ষেত্রে সবার জন্য গ্রহণযোগ্য (নিউরো-ইনক্লুসিভ) পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সঠিক ভালোবাসা ও সহায়তা পেলে অটিজম আক্রান্তরা সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে পারে বলে অনুষ্ঠানে জানানো হয়।
দেশের বিদ্যুৎ খাতে সক্ষমতার নতুন মাইলফলক স্পর্শ করেছে সরকার। বর্তমানে সারাদেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৩৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল রয়েছে। এসব কেন্দ্রের সম্মিলিত উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯১৯ মেগাওয়াটে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।
তিনি জানান, দেশের বিদ্যুৎ উৎপাদনে সরকারি ও বেসরকারি উভয় খাতেরই শক্তিশালী অংশগ্রহণ রয়েছে। বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র রয়েছে ৬৪টি। এসব কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ১২ হাজার ৩০২ মেগাওয়াট। সেই সঙ্গে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে ৬৯টি বিদ্যুৎ কেন্দ্র। এগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১০ হাজার ৮৫৩ মেগাওয়াট। এছাড়া সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় রয়েছে ৩টি বিশাল বিদ্যুৎ কেন্দ্র, যেগুলোর উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৬৮ মেগাওয়াট। সব মিলিয়ে দেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট।
মন্ত্রী জানান, সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট হলেও বিদ্যুৎ উৎপাদন মূলত নির্ভর করে প্রতিদিনের চাহিদার ওপর। বর্তমানে দেশের বিদ্যুতের চাহিদার ওপর ভিত্তি করে এই কেন্দ্রগুলো থেকে প্রতিদিন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সাইয়েদ বিন আব্দুল্লাহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই আদেশে উল্লেখ রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যাপক অভিযান পরিচালনা করেছে। গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সারাদেশে অভিযান চালিয়ে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, অভিযান চলাকালে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করা হয়। এর মধ্যে ডিজেল উদ্ধার হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার, অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রোল ৭ হাজার ৫৪ লিটার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার্বিক জ্বালানির পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২ হাজার ৯টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া শুধু গতকাল (১ এপ্রিল) পরিচালিত ৩৮১টি অভিযানে ১৬৯টি মামলা করা হয় এবং ৮ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিন একজনকে কারাদণ্ডও দেওয়া হয়েছে। একই দিনে উদ্ধার করা হয়েছে ২৪ হাজার ৪৮২ লিটার ডিজেল, ১০ লিটার অকটেন এবং ৩৯৫ লিটার পেট্রোল—মোট ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি।
দেশে জ্বালানির কোনো সংকট নেই জানিয়ে এই কর্মকর্তা বলেন, ডিজেলের বার্ষিক চাহিদা প্রায় ৩ লাখ ৫০ হাজার টন এবং পেট্রোল-অকটেন মিলিয়ে দৈনিক চাহিদা প্রায় ১,২০০ টন। আমরা আসলে মান্থলি প্ল্যান বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম। তো এখনো আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নেই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালেও মিটিং করেছি। মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুত এবং আমাদের যেসব শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম। ফলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু সরবরাহ চুক্তিতে জটিলতা তৈরি হলেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির ব্যবস্থা করা হয়েছে। আগত জাহাজগুলো সময়মতো পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
পাম্পগুলো কেন তেল পাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পাম্পগুলোতে গত বছর যা সরবরাহ করছি এ বছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে এটা আমিও দেখছি। কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বায়িংটা এখনো বন্ধ হয়নি। যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতেই ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে।
ছয়টি জ্বালানি তেলবাহী জাহাজের কি অবস্থা, এর পাশাপাশি ছয় থেকে সাত দিনের একটা মজুত আছে এই অবস্থায় এলে কীভাবে মোকাবিলা করবেন, আর তিন নাম্বার হচ্ছে বিএসসির একটা জাহাজ আছে বাংলার জয়যাত্রা সেটা আসলে কি অবস্থায় আছে? এমন প্রশ্নের জবাবে যুগ্মসচিব বলেন, প্রথম কথা হচ্ছে যে ছয়টা জাহাজের কথা আপনি বলছেন, এটা সম্ভবত ইরানের রাষ্ট্রদূতের রেফারেন্স দিয়ে বলছেন আপনি। আমরা অফিসিয়াল চিঠি এখনো পাইনি। অফিসিয়াল চিঠি পেলে এ বিষয়ে আমি কথা বলতে পারব। তবে আমিও জেনেছি আপনার মতো। এর মধ্যে পাঁচটা হচ্ছে এলএনজি আর একটা হচ্ছে ক্রুড যেটা আপনি নর্ডিক বললেন। তো দুটোর ব্যাপারে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। আপনারা জানেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য থেকে অনেকগুলো আমাদের যে জি টু জি চুক্তি ছিল সেগুলো ফোর্স মেজর হয়েছিল আগে কিন্তু যেগুলো আমরা চেষ্টা করছি যে সেই ইরানের যেহেতু একটা সবুজ সংকেত আছে, এটা যদি আমরা অফিসিয়ালি পেয়ে যাই তাহলে আমরা সেই উৎস থেকে আনতে সমর্থ হবো।
ভোক্তাপর্যায়ে নির্ধারণ করা হয়েছে এলপি গ্যাসের দাম। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া অটোগ্যাসের দাম ৬১.৮৩ টাকা বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এর আগে মার্চ মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়। পাশাপাশি ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।
সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীরসঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
তিনি বলেন, একটি ভালো খবর আপনাদের আমরা দিতে চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি দাবি উত্থাপন করেছিলাম, জাতীয় জীবনের সব ক্ষেত্রে আমাদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে। আজকেই উনি আমাদের একটি ভালো খবর দিয়েছেন; সেটি হচ্ছে আমাদের সম্প্রদায়ের একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন। তিনি বিজন কান্তি সরকার, এখানে আমাদের সঙ্গেই আছেন। ওনাকে আজকেই উনি (প্রধানমন্ত্রী) অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, একটু পরেই আপনারা এই সুখবরটি জানতে পারবেন।
বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত দশ থেকে এগারো দিনের জন্য রয়েছে। তবে জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মাসে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে দেশে আসছে সাড়ে তিন লাখ মেট্রিক টন তেল। পাশাপাশি বিকল্প উৎস থেকে আরও কিছু চালান আনার বিষয়েও আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে সরকার এপ্রিলে কোনো জ্বালানি সংকটের আশঙ্কা দেখছে না এবং আশা করা হচ্ছে, মাসের চাহিদা মেটানোর পর তেল কিছুটা উদ্বৃত্তও থাকবে।
তবে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পাম্পে-পাম্পে লম্বা সারি, গাড়ির চাকা থমকে আছে। এতে অনেকের দৈনন্দিন জীবিকাতেও প্রভাব পড়ছে। এটি এখন রাজধানীর নিত্যদিনের বাস্তবতা হিসেবে দেখা যাচ্ছে।
রাইডশেয়ার চালকরা জানিয়েছেন, পাঁচ-ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার পরও কোনো লাভ হচ্ছে না। কারণ অল্প পরিমাণ তেল নেওয়ার পর গাড়ি ঠিকমতো চালানো সম্ভব নয়। ফলে ২০০ থেকে ৫০০ টাকা খরচ করেও সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। একইভাবে চাকরিজীবী মোটরসাইকেল চালকরা বলছেন, তেলের সংকটের কারণে তাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এতে অফিসের কাজ সময়মতো করা এবং ক্লায়েন্টের কাজ সম্পন্ন করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। সাধারণ মোটরসাইকেল চালকরাও জানিয়েছেন, পাঁচ লিটার তেলের জন্য সারাদিন পাম্পে ঘুরতে হচ্ছে, যার ফলে তেল অপচয় হচ্ছে এবং মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এর ফলে শুধু গ্রাহকই নয়, সরকারেরও ক্ষতি হচ্ছে।
ফিলিং স্টেশনের এই করুণ চিত্র জ্বালানি তেলের মজুত প্রসঙ্গ সামনে এনেছে। মার্চের শেষে তেলের মজুত পর্যালোচনায় দেখা গেছে, ডিজেল আছে ১০-১১ দিন চলার মতো, অকটেন ৬-৭ দিন, আর পেট্রোল মজুত রয়েছে ৮-৯ দিনের চাহিদা মেটানোর জন্য।
তবে এর মানে এই নয় যে, ১০ দিনের মধ্যেই দেশ তেলশূন্য হয়ে যাবে। জ্বালানি বিভাগের তথ্যমতে, সরবরাহ পাইপলাইনে এখনও বেশ কিছু চালান রয়েছে। এর মধ্যে কাজাখস্তান থেকে ১ লাখ টন ডিজেল আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া চলতি মাসে ইন্দোনেশিয়া থেকে ৬০ হাজার টন এবং ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসবে।
এর পাশাপাশি, মধ্য এপ্রিলে ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আসার কথা রয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিকল্প উৎস থেকেও আমদানির বিষয় নিয়ে আলোচনা চলছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, “ক্রুড অয়েলের তিনটি জাহাজ মধ্যপ্রাচ্যে লোডেড অবস্থায় আছে। হরমুজ প্রণালির ‘গ্রিন সিগন্যাল’ পেলে সেগুলো দেশে আনা সম্ভব হবে। এজন্য সব বিকল্প পথ উন্মুক্ত রাখা হয়েছে। এপ্রিল মাসে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।”
তিনি আরও বলেন, “দেশীয় উৎস থেকে ৩০০ টন অকটেন সরবরাহ করা হবে এবং আমদানির মাধ্যমে আরও ৫০০ মেট্রিক টন যোগ হবে। এই মোট ৮০০ টন অকটেন দিয়ে দুই মাসের চাহিদা পূরণ করা সম্ভব। মনির হোসেন চৌধুরী যোগ করেন, “পর্যাপ্ত কাঁচামাল ফ্র্যাকশন প্লান্টে রয়েছে, যা আগামী দুই মাসের সরবরাহ নিশ্চিত করবে।”
তবে বাস্তব পরিস্থিতি এদের দাবির সঙ্গে পুরোপুরি মিলছে না। মাঠের চিত্র দেখাচ্ছে, পাম্পে সমস্যা, লম্বা সারি ও অস্থিরতা বিরাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং তেলের সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করা এখন প্রধান চ্যালেঞ্জ।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন মন্তব্য করেছেন, জনগণ প্যানিক বাইং করছে, কিন্তু সরকার কেন তাদের আশ্বস্ত করতে পারছে না, সেটাই প্রশ্ন। সরকারের উচিত এমপিদের এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে জনগণকে বোঝানো যে পেট্রোল ও অকটেন সরবরাহে কোনো সমস্যা নেই। এছাড়া, সংকটকে সামাল দিতে বিশেষজ্ঞরা জ্বালানি ব্যবহার ও চাহিদা কমানোর আগাম সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন।
দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়াকে বজ্রপাতের সঙ্গে তুলনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন যে, এই পরিস্থিতির জন্য তাদের পূর্ব কোনো প্রস্তুতি ছিল না।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী এই অনাকাঙ্ক্ষিত সংকটের কথা স্বীকার করেন। এর আগে বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশব্যাপী জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। মূলত ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই বিশেষ টিকাদান কার্যক্রমের আওতায় আনা হচ্ছে যাতে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ের মধ্যে এই ‘ন্যাশনাল ইমারজেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন’ বা জাতীয় জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হতে যাচ্ছে। আগামী রোববার থেকে মাঠপর্যায়ে সরাসরি টিকা দেওয়ার কাজ শুরু হবে।
ইতিহাসে এর আগে এত অল্প সময়ের প্রস্তুতিতে এমন বড় কোনো টিকাদান অভিযান পরিচালিত হয়নি বলে তিনি দাবি করেন। কর্মসূচির সফল বাস্তবায়নে আগামী শুক্র ও শনিবারের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় টিকা ও আনুষঙ্গিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
টিকা সংগ্রহ ও সরবরাহের বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ থেকে টিকা ক্রয়ের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে এবং বর্তমানে টিকার যে ঘাটতি রয়েছে তা দ্রুত পূরণ করা হচ্ছে। জরুরি এই পরিস্থিতিতে সরকারি সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের দ্রুত নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই আকস্মিক জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সরকারের এই তড়িৎ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে মন্ত্রী সমসাময়িক বিভিন্ন স্বাস্থ্য ইস্যু নিয়েও আলোচনা করেন। তিনি স্পষ্ট করেন যে, যদিও এই মহামারিটি হঠাৎ করে এসেছে, তবুও সরকার তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
আগামী রোববারের মধ্যে ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ বা টিকা প্রদান কার্যক্রম পুরোদমে শুরু করার মাধ্যমে এই ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব হবে বলে স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করছে। বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা চলমান থাকায় দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতা বহির্ভূত থাকবে বলেও জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বুধবার (১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর কাছে পাঠানো প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একটি ব্যক্তিগত পত্র হস্তান্তর করেন।
পত্রে প্রধানমন্ত্রী চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি ব্যক্ত করেন।
তিনি সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক হামলা, প্রাণহানি, আহতের ঘটনা এবং সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
একইসঙ্গে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীকে নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাত সরকারের গৃহীত পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ ছাড়া, প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
বৈঠককালে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এই যুদ্ধে তাদের দেশে ইরানের আক্রমনে দুইজন বাংলাদেশি নিহত হওয়ায় তার সরকারের গভীর সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, তাদের সরকার সেদেশে অবস্থিত সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। তিনি এই যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের প্রশংসা করেন এবং সংলাপ ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পায় এবং উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বর্তমানে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সফর করছেন, যার লক্ষ্য সংশ্লিষ্ট দেশের নেতৃত্বের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়া এবং এ অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও সুদৃঢ় করা।