বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলে চীনা একটি মাদার ভেসেল থেকে স্পিডবোট নিয়ে সাগরে নামছিলেন ১২ চীনা নাবিক। তবে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে ওপর থেকে পড়ে উল্টে যায় স্পিডবোটটি। পরে ৯৯৯-এ কল পেয়ে ওই নাবিকদের উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলের নিকটে এ ঘটনা ঘটে। ‘৯৯৯’ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাটিয়ারী উপকূলের নিকটে থাকা এনডিই-১৪ নামে একটি লাইটার জাহাজের নাবিক আলী আজগর ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ মোবাইল ফোন করে জানান, চীনা পতাকাবাহী মাদার ভেসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল নামাচ্ছিলেন তারা। সে সময় মাদার ভেসেল থেকে ১২ চীনা নাবিক একটি স্পিডবোট নিয়ে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে ওপর থেকে সাগরে পড়ে উল্টে যায়। এর মধ্যে দুয়েকজন নাবিক বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকি সবাই উল্টানো বোটের ভেতর আটকে ছিলেন। আশপাশের কিছু বোট এগিয়ে এলেও উল্টানো স্পিডবোটের ভেতর থেকে নাবিকদের উদ্ধার করতে সক্ষম হননি। এ অবস্থায় দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯-এ কলা করা হয়।
‘৯৯৯’ কলটি পেয়ে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোন নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। সংবাদ পেয়ে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী নৌযানসহ ঘটনাস্থলে গিয়ে ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা শেষে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়।
দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে জরুরি ভিত্তিতে একটি ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠনের পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘পোশাক খাতে শিল্প কার্বন নিঃসরণ হ্রাস: কীভাবে একে এগিয়ে নিয়ে যাওয়া যায়?’ শীর্ষক সিপিডির সংলাপে এই সুপারিশ করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
তিনি বলেন, জ্বালানি সংকট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ধীরে ধীরে স্বাভাবিক প্রক্রিয়ায় সমাধানের দিকে এগোনোর মতো সময় হাতে নেই। দ্রুত সিদ্ধান্ত নিয়ে জ্বালানি খাতের সমস্যাগুলোর সমাধান করতে হবে।
রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘পোশাক খাতে শিল্প কার্বন নিঃসরণ হ্রাস: কীভাবে একে এগিয়ে নিয়ে যাওয়া যায়?’ শীর্ষক সিপিডির সংলাপে তিনি এসব কথা বলেন।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বর্তমানে দেশে ভয়াবহ জ্বালানি সংকট চলছে। প্রতিদিন শিল্প উৎপাদন, কৃষি উৎপাদন ও আবাসিক খাতে গ্যাসের সংকট দেখা দিচ্ছে। এর বড় কারণ দেশের অধিকাংশ জ্বালানি অবকাঠামো গ্যাসনির্ভর। এর পাশাপাশি ডিজেলের ওপরও ব্যাপক নির্ভরতা রয়েছে।
তিনি বলেন, স্বাধীনতার পর দেশে বিপুল পরিমাণ গ্যাস পাওয়া যাওয়ায় গ্যাসভিত্তিক জ্বালানি অবকাঠামো গড়ে ওঠে। আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে গ্যাস সরবরাহ করা হওয়ায় শিল্প-কারখানাগুলোও গ্যাসনির্ভর হয়ে পড়ে। পোশাক কারখানার বয়লার, সার উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের ব্যবহার বেড়েছে।
‘কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে গেছে। গ্যাসের মজুত শেষের দিকে। নতুন গ্যাস অনুসন্ধানের কাজও প্রত্যাশিত গতিতে শুরু হয়নি। ফলে সবাই বিকল্প হিসেবে দ্রুত এলএনজির দিকে যাচ্ছে। কিন্তু এলএনজি বড় কোনো দীর্ঘমেয়াদি সমাধান নয়, যোগ করেন তিনি।
তিনি বলেন, এখনই বিকল্প জ্বালানিনির্ভর শিল্প ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। বিদ্যুতের চাহিদার একটি অংশ নবায়নযোগ্য জ্বালানি দিয়ে পূরণ করা, গ্যাসচালিত বয়লারের বিকল্প খোঁজা এবং পরিবহনে ডিজেলের ব্যবহার কমিয়ে বৈদ্যুতিক যানবাহন (ইভি) বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
কৃষি খাতেও ডিজেলের পরিবর্তে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তিনি। বলেন, সোলারভিত্তিক সেচ ব্যবস্থায় যেতে হবে। এসব সমাধানের কথা বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছে এবং বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও শোনা যাচ্ছে।
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে সিপিডির এই গবেষণা পরিচালক বলেন, ‘এখন একদিকে ফায়ার ফাইটিংয়ের সময়। প্রতিদিন অপেক্ষা করার বা ধীরে ধীরে সমস্যাগুলো সমাধান হবে এমন পরিস্থিতি আর নেই।’
তিনি বলেন, সরকারের এখনই জ্বালানি খাতের জন্য একটি জরুরি রেসপন্স টিম গঠন করা দরকার। এই টিম জরুরি ভিত্তিতে সমস্যাগুলোর সমাধান বাস্তবায়নে কাজ করবে। স্বাভাবিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় টেন্ডারসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে অনেক সময় লাগে। তাই নিয়ম মেনে কীভাবে এসব প্রক্রিয়ার সময় কমিয়ে দ্রুত সিদ্ধান্ত ও বাস্তবায়ন করা যায়, সেটি নিশ্চিত করতে হবে।
পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর প্রসঙ্গে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বৈশ্বিক ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশের পোশাক কারখানাগুলোর কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি রয়েছে। এসব ব্র্যান্ডেরও কার্বন নিঃসরণ কমানোর নিজস্ব লক্ষ্য রয়েছে। একই সঙ্গে সরকারেরও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পোশাক খাত থেকেই শুরু করা গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের পোশাক খাত অতীতে বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং বর্তমান জ্বালানি সংকটের মধ্যেও নতুন সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার সক্ষমতা এই খাতের রয়েছে।
সংলাপে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ, বিজিএমইএর সহসভাপতি ব্যারিস্টার বিদ্যা অমৃত খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। রোববার রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষি সচিব এসব কথা জানান।
রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি।
সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমসহ রংপুর বিভাগের সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ।
মতবিনিময় সভায় কৃষি সচিব বলেন, দেশের কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সারের পর্যাপ্ত সরবরাহ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষক যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সার পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে।
তিনি বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার সারে ভর্তুকি প্রদানসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে যাচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং কৃষিকে আরও লাভজনক করার লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
কৃষি সচিব কৃষকদের সুষম সার ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় ও সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত সার ব্যবহারে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি মাটির গুণাগুণ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কৃষকদের সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সারের বাজারে অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে কৃষি সচিব বলেন, কোনো অসাধু সার ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুদ বা অতিরিক্ত দামে সার বিক্রির মাধ্যমে কৃষকদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের স্বার্থে সার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।
তিনি কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও যত্নশীল ও দায়িত্বশীল হয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। কৃষকদের সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় রংপুর অঞ্চলের সার সরবরাহ, মজুদ ও বিতরণ ব্যবস্থাপনা এবং কৃষকদের সারপ্রাপ্তির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে কৃষি সচিবকে অবহিত করেন।
পরে কৃষি সচিব রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের কৃষক অহিদুল ইসলাম কর্তৃক প্রতিষ্ঠিত কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট খামার পরিদর্শন করেন। এ সময় তিনি খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কৃষকের সঙ্গে কথা বলেন।
ফল আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে মার্জিন সংরক্ষণের শর্ত তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন এ ধরনের পণ্যে এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন সংরক্ষণ করতে হতো। রোববার বাংলাদেশ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিলাসী পণ্যের অন্তর্ভুক্ত হওয়ায় এতদিন ফল আমদানির জন্য এলসি খুলতে ১০০ শতাংশ মার্জিন সংরক্ষণ করতে হতো। তবে জনসাধারণ বিশেষ করে শিশু, রোগী, বৃদ্ধ ও গর্ভবতী মায়ের নিত্যদিনের খাদ্য তালিকায় ফল অপরিহার্য খাদ্য উপাদান। তাই জনস্বাস্থ্য ও পুষ্টি চাহিদা পূরণের বিষয়টি বিবেচনা করে ফল আমদানিতে শতভাগ মার্জিন সংরক্ষণের শর্ত প্রত্যাহার করা হয়েছে।
শতভাগ মার্জিনের পরিবর্তে ব্যাংকগুলো ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ হার নির্ধারণ করতে পারবে। খাত সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে বাজারে প্রতিযোগিতা বাড়বে। এতে পণ্যটির সরবরাহ বাড়লে কমবে দাম।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, এই প্রত্যর্পণের প্রক্রিয়াটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে সম্পন্ন হবে না। এটি পুরোপুরি আদালতের আইনি বিচারালয়ে নিষ্পত্তি হবে, যেখানে খতিয়ে দেখা হবে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য কি না।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘আদালতের আইনি প্রক্রিয়ায় যা খতিয়ে দেখা হবে তা হলো যেসব অপরাধের অভিযোগ আনা হয়েছে, সেগুলো ভারতের প্রচলিত আইনি কাঠামোতেও অপরাধ হিসেবে শ্রেণিবদ্ধ কি না।’
অপরদিকে আরেক কর্মকর্তা সূত্রে জানা গেছে, শেখ হাসিনা নিজেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন।
গত ৫ আগস্ট দিল্লিতে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেছিলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, তাই আমি ডিসেম্বরেই ফিরে যেতে চাই।’
শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘আমরা আমাদের নির্ধারিত ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে বিষয়টি পর্যালোচনা করছি। এ সংক্রান্ত নতুন কোনো তথ্য থাকলে পরবর্তীতে জানানো হবে।’
একই সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ আবেদনের সঙ্গে ২০১৩ সালের দ্বিপক্ষীয় চুক্তির শর্তানুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্র যুক্ত রয়েছে।
প্রতিবেদনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের বরাতে আরও উল্লেখ করা হয়, দিল্লিতে সুরক্ষিত স্থানে (সেফ হাউস) অবস্থান করে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। সরাসরি বৈঠকের পাশাপাশি তিনি নিজেকে ফিট রাখতে নিয়মিত টেবিল টেনিস খেলছেন।
তবে ভারতের আদালতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হলে তা আইনিভাবে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছেন আওয়ামী লীগের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন।
আওয়ামী লীগের প্রতিনিধিদের যুক্তি হতে পারে ওই রায়টি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে দেওয়া হয়েছিল, যখন ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
আইনি বাধ্যবাধকতার ক্ষেত্রে ২০১৩ সালের ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত বা অভিযুক্ত ব্যক্তিকে হস্তান্তরের বিধান রয়েছে।
যদিও চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ‘রাজনৈতিক প্রকৃতির’ অপরাধ হস্তান্তরের আওতামুক্ত, তবে হত্যা, নরহত্যা ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের মতো ১২টি গুরুতর অপরাধ এর ব্যতিক্রম। পুরো বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার, পাসপোর্ট ও ভিসা (সিপিভি) বিভাগ এবং আদালতের নিয়োজিত ম্যাজিস্ট্রেট তদন্ত করে দেখবেন।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বি এম আব্দুস সাত্তার বলেন, পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকার এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।
বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাজারে কিছু সমস্যা আছে, এটাও আমরা চেষ্টা করছি। আপনারা লক্ষ করছেন, কিছু জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রোডাকশন চেইন একটু ডিস্টার্ব (ক্ষতিগ্রস্ত) হয়েছে। এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
স্বাধীনতা পরে বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য এখন পর্যন্ত মোট আটবার পে স্কেল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে।
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৭ বছরে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সব হত্যার বিচার করা হবে। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। ১৭ বছরে বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যিনি ২০ বছর আগেই মারা গেছেন।
রোববার বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক দশতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘১/১১-এর সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, দেশ ছেড়ে গেলে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং রাজনীতি করতে হবে না। এমনকি তার দুই সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। অন্যদিকে আরেক নেত্রী দেশের কথা না ভেবে সুযোগ-সুবিধা নিয়ে বিদেশে চলে গেছেন।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসের মধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এসব কার্ডের আওতায় আনা হবে।’
মন্ত্রী বলেন, ‘তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর জন্য ঢাকায় ২৮টি গাড়ির পরিবর্তে ৪টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ফলে একদিকে যেমন যানজট কমেছে, অন্যদিকে কমেছে সরকারি ব্যয়। প্রধানমন্ত্রী হয়েও তিনি ১০০ টাকার বেশি মূল্যের খাবার গ্রহণ করেন না- এমন উদাহরণ দিয়ে তিনি সরকারের ব্যয় সংযম ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।’
তিনি বলেন, ‘গত ১৭ বছরে দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিগত সরকার ব্যর্থ হয়েছে। একসময় ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। সেই সংস্কৃতি দূর করে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’
মতবিনিময়কালে আইনজীবীদের বিভিন্ন সমস্যার কথা শুনে আইনমন্ত্রী বলেন, ‘জীবনানন্দ দাশের বরিশালে বেড়াতে এসে মনে হচ্ছে, কবি যেমন বলেছিলেন, মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে। তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, আইনজীবীদের ব্যথা আমি পেয়ে গেছি বরিশাল বারে এসে।’
ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘পুরো পৃথিবী যখন বিপর্যস্ত, তখন বিশ্বের সব দেশেই তেলের দাম বেড়েছে। আমরা চেষ্টা করেছি সবার শেষে তেলের দাম বাড়াতে।’
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে যারা গুপ্ত-সুপ্ত আছে, তারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিলেন। বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। আগামী পাঁচ বছরে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে।’
এর আগে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।
লিবিয়া থেকে সাগর পথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, খাবার ও পানির সংকটে তাদের চোখের সামনেই কয়েকজনের মৃত্যু হয়। মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা।
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে।
যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ঝড়ের কবলে পড়ে নৌকায় থাকা খাবার ও পানির মজুত সাগরে ভেসে যায়। এরপর খাবার ও পানি ছাড়াই নৌকাটি নিয়ে বিপজ্জনক যাত্রা অব্যাহত রাখেন অভিবাসনপ্রত্যাশীরা। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে নৌকাটি সাগরে ভাসতে থাকে।
এভাবে টানা নয় দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার পর বাতাসের স্রোতে নৌকাটি মিসরের মারসা মাতরুহ উপকূলের কাছে পৌঁছে যায়। পরে মিশরের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ১৮ জনকে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসাধীন সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পাথারিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুল করিম ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমরা ৪২ জন গ্রিসের উদ্দেশে রওয়ানা হয়েছিলাম। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর আমাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে আর সামনে এগোতে পারিনি। এ সময় আমাদের উদ্ধার করতে দালালের লোকজন কিংবা অন্য কোনো সংস্থা এগিয়ে আসেনি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমাদের কাছে খাবার বা পানি কিছুই ছিল না। খাবার ও পানির অভাবে চোখের সামনেই নয়জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মরদেহ সাগরে ফেলে দিতে হয়েছে। পরে আরও দুজন মারা যান। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকার কারণে আমাদের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।
তিনি বলেন, আমরা এখন মারসা মাতরুহ হাসপাতালে ভর্তি। এখানকার চিকিৎসকরা আমাদের চিকিৎসা দিচ্ছেন এবং ভালো খাবারেরও ব্যবস্থা করছেন। আমাদের বাঁচান। আমরা দেশে ফিরে যেতে চাই।
এ বিষয়ে মিসরে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শরিফ এবং স্থানীয় পুলিশ স্টেশনের বাদরান নামের এক কর্মকর্তার সঙ্গে দূতাবাসের নিয়মিত যোগাযোগ রয়েছে।
স্থানীয় পুলিশ দূতাবাসকে জানিয়েছে, তারা মোট ৩০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে ১৮ জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
দূতাবাস আরও জানায়, হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার অগ্রগতি এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। আহত বাংলাদেশি নাগরিকরা সুস্থ হয়ে উঠলে মিশরের সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আটক বাংলাদেশিদের ট্রাভেল পারমিটের মাধ্যমে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
দেশজুড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ৭০ জনে দাঁড়াল। অন্যদিকে গত একদিনে নতুন করে ৮০৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি (৪১৭ জন) ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৯৭ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৮২, বরিশাল বিভাগে ৮০, ময়মনসিংহ বিভাগে ৬৫, রাজশাহী বিভাগে ৫৫, রংপুর বিভাগে ৭ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৩৩ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৫ জন ছাড়াও বরিশাল বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ৮০টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২১।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮০৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, ৯৬৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৫০টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৯৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮৮০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
গণপূর্ত অধিদপ্তরের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে অভিনব এক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। লটারির মাধ্যমে অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবরণ অনুযায়ী, লটারির মাধ্যমে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (ই/এম) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই প্রক্রিয়ায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক প্রকৌশলীকে বদলি করা হয়েছে, যার সংখ্যা সহকারী প্রকৌশলী পর্যায়ে ১০০ এবং উপবিভাগীয় প্রকৌশলী পর্যায়ে ৭৯ জন। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন কার্যালয়ে আনুপাতিক হারে প্রকৌশলীদের পদায়ন করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে যে, কোনো প্রকার রাজনৈতিক বা ব্যক্তিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে পদায়ন নিশ্চিত করতেই এই লটারি পদ্ধতির প্রয়োগ করা হচ্ছে। লটারি কার্যক্রম চলাকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এর আগেও জুলাই ও আগস্ট মাসের শুরুর দিকে একইভাবে কয়েক দফায় সহস্রাধিক উপ-সহকারী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছিল।
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে দেশে যতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার প্রত্যেকটির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। বর্তমান সরকার দেশে প্রকৃত ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আজ রোববার বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক দশতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, গত ১৭ বছরে কেবল বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছে। এমনকি অনেক মামলায় মৃত ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। তিনি ১/১১-এর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়ার প্রস্তাব দিয়ে নানা সুযোগ-সুবিধার প্রলোভন এবং তাঁর সন্তানদের হত্যার হুমকি দেওয়া হলেও তিনি আপস করেননি। অন্যদিকে আরেকজন নেত্রী ব্যক্তিগত সুবিধা নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন।”
সরকারের বর্তমান কার্যক্রমের ওপর আলোকপাত করে মন্ত্রী জানান, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যেই জনগণের আস্থা অর্জনে সফল হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি নাগরিককে এই সেবার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মিতব্যয়িতা ও সাধারণ জীবনযাপনের উদাহরণ দিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ২৮টি গাড়ির পরিবর্তে এখন মাত্র ৪টি গাড়ি ব্যবহৃত হচ্ছে, যা একদিকে ব্যয় সংকোচন করছে এবং অন্যদিকে যানজট কমাতে সহায়ক হচ্ছে।”
বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে আসাদুজ্জামান বলেন, অতীতে ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার প্রক্রিয়া প্রভাবিত করার যে সংস্কৃতি ছিল, তা চিরতরে নির্মূল করা হবে। তিনি আইনজীবীদের সমস্যার কথা শুনে কবি জীবনানন্দ দাশের কবিতার চরণে তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়া বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম বাড়লেও বাংলাদেশ সরকার অত্যন্ত ধৈর্য ও কৌশলের সাথে সবচেয়ে দেরিতে দাম বাড়ানোর চেষ্টা করেছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারসহ স্থানীয় প্রশাসন ও আইনজীবী সমিতির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এই সময় নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে শীর্ষ পদের জন্য মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ক্ষমতাসীন দল বিএনপি একটি এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে দুটি আবেদন জমা দেওয়া হয়। অলি আহমদের মনোনয়নপত্রটি বৈধ হওয়ার পর দুপুর ১২টার দিকে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাখিলকৃত নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু করার কথা রয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, সকল প্রার্থীর নথিপত্র পরীক্ষা শেষে কমিশন আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের চূড়ান্ত নাম প্রকাশ করবে। এরপর কোনো প্রার্থী যদি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসতে চান, তবে আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে তাঁদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের পূর্বে একটি ইতিবাচক ও সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে নয়াদিল্লির প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ ব্রিফিংয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও জনকূটনীতি অনুবিভাগের মুখপাত্র একেএম শহীদুল করিম এই কূটনৈতিক অবস্থানের কথা পরিষ্কার করেন। তিনি জানান, বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি এই সফরের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের জানান যে, গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ফলে এই সফরের স্বাভাবিক প্রক্রিয়াটি কিছুটা বিঘ্নিত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের কঠোর ও স্বচ্ছ অবস্থান ভারতকে ইতোমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। শহীদুল করিম বলেন, “আমরা মনে করি যে এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।”
তিনি আরও যোগ করেন যে, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য অপরাধীদের দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করার অনুরোধ জানানো হয়েছে এবং ঢাকা এখন নয়াদিল্লির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। বিশেষ করে শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ কোনো ধরণের আপস করতে রাজি নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে সার্বভৌম সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদা রক্ষার স্বার্থে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে পলাতক আসামিদের ফেরত পাওয়া অপরিহার্য।