ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানিয়ে কানাডার হাউস অব কমন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট (এস-২১৪) পাস হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এ বিল পাস হয়।
কানাডাতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিল পাশের মাধ্যমে কানাডা এখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবে। এটা বাংলাদেশি-কানাডিয়ানদের জন্য এবং সারা বিশ্বের মাতৃভাষা প্রেমিকদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কো এবং পরবর্তীতে জাতিসংঘের স্বীকৃত আদায়ে মরহুম রফিকুল ইসলাম ও আব্দুস সালাম, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে দূতাবাস। বিল এস-২১৪ পাশের জন্য কানাডাতে প্রবাসী আমিনুল ইসলামের উদ্যোগেরও সম্মান জানানো হয়।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান বিলটি ওপর আলোচনা ও পাসের সময় কানাডিয়ান পার্লামেন্টে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য কেন হার্ডি, যিনি বিলটি উত্থাপন করেন, তিনি হাইকমিশনারের উপস্থিতির প্রশংসা করেন। বিলটির অন্য এক জন অগ্রগণ্য সমর্থক, সিনেটর মোবিনা এস জাফর বিলটি পাসের সময় হাইকমিশানের সঙ্গে হাউজে উপস্থিত ছিলেন।
বিলটি পাশের পর কানাডার সংসদ সদস্য, সিনেটর এবং জন অ্যালড্যাগ এমপি হাইকমিশনারকে অভিনন্দন জানান। বিলটি পাশের সময় বিরোধী দলীয় নেতাও সংসদে উপস্থিত ছিলেন।
বিলটি পাস হওয়া—ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের প্রতি কানাডার অঙ্গীকারের প্রমাণ। বিলটি স্মরণ করিয়ে দেয় যে ভাষা হলো মানুষের পরিচিতি ও সাংস্কৃতিক উত্তরাধিকারের অপরিহার্য উপাদান। ভাষার বৈচিত্র্যকে সম্মান করা, রক্ষা করা, প্রবর্ধন করা আমাদের সবার দায়িত্ব।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই ফিরতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। এক হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লালগালিচা সংবর্ধনা দিয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা কার্যকর করা হবে। বাংলাদেশের আইনকে সবাইকে শ্রদ্ধা করতে হবে। একইভাবে সব দেশের আইনকে সংশ্লিষ্ট দেশগুলোর শ্রদ্ধা করা উচিত।
ময়মনসিংহের সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে সবাইকে অন্তর্ভুক্ত করে একটি বৃহৎ সাংবাদিক পরিবার গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়নে তিন হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের কথা জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনাগত ধাপ অতিক্রম করতে হয়। ইতোমধ্যে পরিকল্পনা টিমের পর্যায়ে প্রাথমিক ধাপ অতিক্রম করা সম্ভব হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে।
সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের আর্থিক অসচ্ছলতা ও অসুস্থতাসহ বিভিন্ন সংকটে সহায়তা দেয়া হয়। এ খাতে অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন।
ঢাকা শহরের যানজট পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগে যেখানে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার ছিল, বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক লুৎফুল বারী হামিম, দৈনিক আজকের খবরের সম্পাদক মোশারফ হোসেন, মোহনা টেলিভিশনের হেড অব নিউজ রাশেদুল হক, সাংবাদিক বাদল সরকার, সৌরভ জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, সামছুর রহমান শামস ও দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব গোলাম কিবরিয়া।
খেজুর, কমলা ও আপেলের আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন রমজানে দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এনবিআর জানায়, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক বিদ্যমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে খেজুরে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমেছে। একইভাবে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের ফলে আপেল ও কমলায় মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। নতুন এই শুল্কহার অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে এনবিআর।
এনবিআরের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে তা সামান্য কমে ২ লাখ ৫৮ হাজার টন হয়। ২০২২-২৩ অর্থবছরে আমদানি উল্লেখযোগ্য হারে কমে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার টনে। ২০২৩-২৪ অর্থবছরে তা আরও কমে ১ লাখ ৭০ হাজার টন হয়। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি ছিল ১ লাখ ৬২ হাজার টন, যা এই সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি আবার কিছুটা বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়। অন্যদিকে গত ছয় অর্থবছরে কমলার আমদানি ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে তা কমে ২ লাখ ৯৫ হাজার টন হয়। ২০২২-২৩ অর্থবছরে আমদানি আরও কমে দাঁড়ায় ২ লাখ ২০ হাজার টনে এবং ২০২৩-২৪ অর্থবছরে নামে ১ লাখ ৭৩ হাজার টনে। এরপর ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৬৯ হাজার টন এবং সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা সর্বনিম্ন ১ লাখ ৫৪ হাজার টনে নেমে আসে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ নভেম্বর থেকে এ সংলাপ শুরু হবে। ২৯, ৩০ নভেম্বর এবং আগামী ১ ডিসেম্বর নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠক হবে।
ইসি সূত্র জানায়, ৩ দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৯টি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাই দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এর বাইরে ইসিতে নিবন্ধিত দলগুলোর মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে না। তবে একাদশ ও দ্বাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।
গত ১২ অক্টোবর নিজেদের বৈঠকে নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি ভোটের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল। এবারের ইউপি নির্বাচন হচ্ছে পাঁচ ধাপে। তফসিল ঘোষণা করা না হলেও পাঁচ ধাপের ভোটের তারিখ এবং কোন ধাপে কোন কোন ইউপির নির্বাচন হবে, সে তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে ইসি।
এবারের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। আগামী ২১ জানুয়ারি হবে প্রথম ধাপের ভোট। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।
তৈরি পোশাক খাতের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিক ও শ্রমিক দুই পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের জন্য মালিকপক্ষ ন্যূনতম ১৫ হাজার ৭০০ টাকা মজুরি প্রস্তাব করেছে। বিপরীতে শ্রমিকপক্ষ প্রস্তাব করেছে ২২ হাজার টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) আলোচনার ফাঁকে ব্রিফিংয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান। বৈঠকের বিরতিতে বিকাল সাড়ে ৪টায় আজাদ সুবহানী বলেন, নিম্নতম চতুর্থ গ্রেডে মালিক পক্ষের ১৫ হাজার টাকা প্রস্তাব ছিল। দ্বিতীয় প্রস্তাবে মালিক পক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৫০০ টাকা বলেছিল। সব শেষ প্রস্তাব এসেছে চতুর্থ গ্রেডে নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা।
এর আগে, গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। বর্তমানে পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ২টায় শুরু হওয়া মজুরি বোর্ডের ৪র্থ সভা বিকাল ৪টা পর্যন্ত চলে। সভায় মালিকপক্ষের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছাতে না পারায় বৈঠক অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।
সভা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, সভায় মালিকপক্ষ তাদের সংশোধিত প্রস্তাব জমা দিয়েছে। এ নিয়ে আলোচনা চলছে। তবে মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকপক্ষ গ্রহণ করেনি। ফলে দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে একটি সমন্বিত প্রস্তাব তৈরির বিষয়ে আলোচনা চলছে।
মালিকপক্ষের মজুরি প্রস্তাব: ধাপে ধাপে বেতন বাড়ানোর উদ্যোগমজুরি নির্ধারণ বৈঠকে মালিকপক্ষ বিভিন্ন ধাপে প্রস্তাব দিয়ে ২০২৩ সালের বিদ্যমান কাঠামোর তুলনায় মজুরি বাড়ানোর রূপরেখা তুলে ধরেছে।
মালিকপক্ষের প্রস্তাব
সভায় মালিকপক্ষের প্রথম প্রস্তাবে গ্রেড-১ এ ১৭ হাজার ৮৫০ টাকা, গ্রেড-২ এ ১৬ হাজার ৯৫০ টাকা, গ্রেড-৩ এ ১৬ হাজার ১১০ টাকা এবং গ্রেড-৪ এ ১৫ হাজার টাকা প্রস্তাব করা হয়। এতে পূর্বের গ্রেডের তুলনায় ২০২৩ সালের মজুরির চেয়ে ১ নম্বর গ্রেডে ২ হাজার ৮১৫ টাকা, ২ নম্বর গ্রেডে ২ হাজার ৬৭৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ২ হাজার ৫৬০ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ২ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পায়।
পরবর্তী ধাপে মালিকপক্ষের দ্বিতীয় প্রস্তাবে প্রথম প্রস্তাবের সঙ্গে ১ ও ২ নম্বর গ্রেডে ৩০০ টাকা করে এবং ৩ ও ৪ নম্বর গ্রেডে ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব রাখা হয়, এর ফলে গ্রেড অনুযায়ী প্রস্তাবিত অঙ্ক দাঁড়ায় ১৮ হাজার ১৫০ টাকা, ১৭ হাজার ২৫০ টাকা, ১৬ হাজার ৬৫০ টাকা এবং ১৫ হাজার ৫০০ টাকা।
এরপর তৃতীয় প্রস্তাবে দ্বিতীয় প্রস্তাবের তুলনায় ১ নম্বর গ্রেডে ৬৭৮ টাকা, ২ নম্বর গ্রেডে ৬৩৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ৩৪৬ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ২০০ টাকা বাড়িয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তাব তুলে ধরা হয়, যেখানে গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত প্রস্তাবিত পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ১৮ হাজার ৮২৮ টাকা, ১৭ হাজার ৮৮৭ টাকা, ১৬ হাজার ৯৯৬ টাকা এবং ১৫ হাজার ৭০০ টাকা।
শ্রমিকপক্ষের প্রস্তাব
সভায় মজুরি নির্ধারণ সংক্রান্ত আলোচনায় শ্রমিকপক্ষ শুরুতে উচ্চতর মজুরির দাবি জানালেও পরবর্তী ধাপগুলোতে প্রস্তাব সমন্বয় করে নতুন অঙ্ক তুলে ধরা হয়।
শ্রমিকপক্ষের প্রথম প্রস্তাবে গ্রেড-১ এ ৪৮ হাজার টাকা, গ্রেড-২ এ ৪৩ হাজার টাকা, গ্রেড-৩ এ ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ৩২ হাজার টাকা দাবি করা হয়। এ পর্যায়ে ২০২৩ সালের মজুরির চেয়ে ১ নম্বর গ্রেডে ৩২ হাজার ৯৬২ টাকা, ২ নম্বর গ্রেডে ২৮ হাজার ৭২৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ২৪ হাজার ৪৫০ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ১৯ হাজার ৫০০ টাকা বেশি প্রস্তাব করা হয়েছিল।
আলোচনার দ্বিতীয় ধাপে শ্রমিকপক্ষ ১, ২ ও ৩ নম্বর গ্রেড থেকে ৮ হাজার টাকা এবং ৪ নম্বর গ্রেড থেকে ৭ হাজার টাকা কমিয়ে নতুন প্রস্তাব দেয়। এতে দ্বিতীয় প্রস্তাবে গ্রেড-১ এ ৪০ হাজার টাকা, গ্রেড-২ এ ৩৫ হাজার টাকা, গ্রেড-৩ এ ৩০ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।
পরবর্তীতে তৃতীয় প্রস্তাবে শ্রমিকপক্ষ ১ ও ২ নম্বর গ্রেড থেকে ৫ হাজার টাকা এবং ৩ ও ৪ নম্বর গ্রেড থেকে ৩ হাজার টাকা কমিয়ে প্রস্তাব দেয়। এর ফলে সর্বশেষ প্রস্তাবে গ্রেড-১ এ ৩৫ হাজার টাকা, গ্রেড-২ এ ৩০ হাজার টাকা, গ্রেড-৩ এ ২৭ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ২২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রধানমন্ত্রী বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।
তিনি বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।
এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পানিসম্পদমন্ত্রী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকা-রিয়াদ রুটের নিয়মিত ফ্লাইট স্থগিত মেয়াদ আরো বাড়িয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর (বাংলাদেশ সময়) পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। জানা যায়, সম্প্রতি সৌদি আরবে বোমা হামলার কারণে ফ্লাইট স্থগিত মেয়াদ বাড়িয়েছে এয়ারলাইন্স। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবগামী অন্যান্য রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। এসব রুটের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। এ পরিস্থিতিতে রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা রেখেছে বিমান। আসন খালি থাকা সাপেক্ষে রিয়াদগামী যাত্রীরা বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াতের সুযোগ পাবেন।
ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
একসময় সরকারি চাহিদার প্রায় ৭০ শতাংশ কাগজ সরবরাহ করত রাষ্ট্রায়ত্ত একমাত্র কাগজকল ‘কর্ণফুলী পেপার মিলস লিমিটেড’। দেড় দশক আগেও ২০ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনকারী মিলের বর্তমান উৎপাদন নেমেছে মাত্র ৩ হাজার টনে। পুরোনো যন্ত্রপাতি, কারিগরি ত্রুটি, কাঁচামালের অভাব, গ্যাসের মূল্যবৃদ্ধি, দক্ষ জনবলের ঘাটতিসহ নানামুখী সংকটে ধুঁকতে ধুঁকতে মৃতপ্রায় কাগজকলটির উৎপাদন কমেছে প্রায় ৮৭ শতাংশ। অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া কারখানাটিতে এখন কেবল একটি মেশিন দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছে। এই অবস্থায় দেশের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।
কেপিএম এলাকায় একটি ইন্টিগ্রেটেড পাল্প অ্যান্ড পেপার মিলসহ আরও ৬টি কেমিক্যাল প্ল্যান্ট বসাতে চায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। ইতোমধ্যে পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে এর সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। নতুন প্রকল্পের আওতায় নিজস্ব পাল্প উৎপাদন, কাঁচামালের স্থানীয় উৎস তৈরি, কেমিক্যাল উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কারখানাটির পুরোনো সক্ষমতা ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা ব্যয়ের এই উদ্যোগ বাস্তবায়ন হলে বছরে ১ লাখ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্ভব হবে। এতে কাগজ শিল্পে কেপিএমের হারানো গৌরব ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন প্রকল্প প্রস্তাবটি ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। পরিকল্পনা কমিশন সেটি পরীক্ষা-নিরীক্ষার পর কেপিএম কর্তৃপক্ষকে জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারী খুঁজছে। বিনিয়োগ পাওয়া না গেলে সরকারি অর্থায়নে ক্রমান্বয়ে তা বাস্তবায়ন করা হবে। এ বছরের অক্টোবরে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা কেপিএম পরিদর্শন করে রুগ্ন রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো পুনরুজ্জীবনে বিদেশি বিনিয়োগ, বিএমআর, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থার সম্ভাবনার কথা জানান।
কেপিএম’র উৎপাদন বিভাগীয় প্রধান মো. মঈদুল ইসলামের স্বাক্ষরিত তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে ২৫ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে মিলটিতে কাগজ উৎপাদন হয়েছিল ২০ হাজার ১২৩ দশমিক ৪৪ টন। ২০১২-১৩ সালে ২২ হাজার টনের লক্ষ্যমাত্রায় উৎপাদন হয় ১৩ হাজার ৭৭৫ টন, ২০১৩-১৪ সালে ২২ হাজার টনের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৩ হাজার ৯৯ টন; ২০১৪-১৫ সালে ২০ হাজার টনের বিপরীতে ১২ হাজার ৬৭১ টন এবং ২০১৫-১৬ সালে ১৫ হাজারের বিপরীতে ১০ হাজার ৫৮১ টন কাগজ উৎপাদিত হয়। ২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা কমিয়ে ৮ হাজার টন করা হয়; উৎপাদন হয় ৬ হাজার টন। ২০১৭-১৮ সালে একই লক্ষ্যমাত্রায় উৎপাদন নেমে আসে ৩ হাজার টনে। ২০১৮-১৯ সালে ৫ হাজার টন, ২০১৯-২০ সালে ৬ হাজার টন এবং ২০২০-২১ সালে ৬ হাজার টন উৎপাদিত হয়।
২০২১-২২ সালে ৮ হাজার টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয় ২ হাজার টন, ২০২২-২৩ সালে ৩ হাজার টন লক্ষ্যমাত্রায় উৎপাদন দাঁড়ায় ১ হাজার ৫৪২ দশমিক ০২ টনে। ২০২৩-২৪ সালে আড়াই হাজার টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয় ২ হাজার ৫১০ দশমিক ৫২ টন। ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার টন।
অর্থাৎ ২০১১-১২ সালের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন কমেছে প্রায় ৮৭ শতাংশ। একই সময়ে উৎপাদন লক্ষ্যমাত্রা ২৫ হাজার থেকে নেমে এসেছে মাত্র আড়াই হাজার টনে। সংশ্লিষ্টরা বলছেন, দেড় দশক ধরে রাষ্ট্রায়ত্ত কারখানাটির ধারাবাহিকভাবে উৎপাদন কমেছে। কিন্তু সেই সময়ে ক্ষমতায় থাকা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশীয় প্রতিষ্ঠানটি ঘিরে কোনো আধুনিকায়ন পরিকল্পনা গ্রহণ করেনি।
বিসিআইসি জানায়, ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান শিল্প উন্নয়ন করপোরেশন ৫০১ একর জমিতে কেপিএম প্রতিষ্ঠা করে। এর মধ্যে ৬৮ একর কারখানা এবং ৪৩৩ একর আবাসিক এলাকা। বার্ষিক ৩০ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতা নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি একসময় দেশের সরকারি কাগজের চাহিদার প্রায় ৭০ শতাংশ সরবরাহ করত। তখন বাঁশ ও পাল্পউড থেকে নিজস্ব ব্যবস্থাপনায় মণ্ড তৈরি করে কাগজ উৎপাদন হতো। ক্রিমলেইড, রাইটিং, ব্রাউন, অফসেট, টাইপরাইটিং, অ্যাজুরলেইডসহ ৩৩ ধরনের কাগজ এবং ১০ ধরনের প্যাকেজিং পণ্য তৈরি করত মিলটি। বর্তমানে উৎপাদন সীমিত চার-পাঁচ ধরনের কাগজে।
কেপিএম সূত্র জানায়, গত আট বছর ধরে নিজস্ব পাল্প মিলটি বন্ধ হয়ে আছে। ফলে আমদানি করা পাল্প ও দেশীয় অকেজো কাগজ দিয়ে এখন উৎপাদন চালাতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়েছে। বর্তমানে প্রতি টন কাগজ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়, তবে প্রতি টনে ৩৫-৪০ হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে। এতে বছরে লোকসানের পরিমাণ প্রায় ২৮-৩০ কোটি টাকা। মিলটির অনুমোদিত জনবলের পরিমাণ ২ হাজার ৩৭৬ জন, এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮৮ জন। পাশাপাশি ঠিকাদারের মাধ্যমে কাজ করছেন ২৫০ জন অস্থায়ী শ্রমিক। কেপিএম’র কর্মকর্তারা বলছেন, উৎপাদন ব্যয়ের বড় অংশজুড়ে রয়েছে গ্যাসের মূল্য। সার কারখানাগুলো প্রতি ঘনফুট গ্যাস ১৬ টাকায় পেলেও কেপিএমকে দিতে হচ্ছে ৩০ থেকে সাড়ে ৩১ টাকা। দৈনিক ২৫-৩০ টন কাগজ উৎপাদনে প্রায় ১৩ লাখ টাকার গ্যাস প্রয়োজন হয়। সার কারখানার মতো কেপিএমও গ্যাস ভর্তুকি পেলে উৎপাদন ব্যয় অনেকাংশে কমানো সম্ভব।
তারা জানান, গ্যাসের দামের পাশাপাশি পানি সংকটও উৎপাদন কমার একটি কারণ। মিলের পানি সরবরাহব্যবস্থা নিয়ে অভ্যন্তরীণ নিরীক্ষায়ও সমস্যা উঠে এসেছে। কর্ণফুলী নদীতে ভাটার সময় পানির স্তর নেমে গেলে ওয়াসা পাম্প হাউস থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহে বিঘ্ন ঘটে। এ কারণে অনেক সময় উৎপাদন বন্ধ রাখতে হয়। এই অবস্থায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের একমাত্র কাগজকলটিকে ঘিরে নতুন ভাবনা শুরু হয়। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড পাল্প অ্যান্ড পেপার মিল, বনায়ন, পেপারভিত্তিক কেমিক্যাল প্ল্যান্ট, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট, বেসিক কেমিক্যাল এবং সিনথেটিক পলিয়েস্টার ফাইবার প্ল্যান্ট স্থাপন। এ ছাড়া কস্টিক সোডা, ক্লোরিন, হাইড্রোজেন পার-অক্সাইড, টাইটানিয়াম ডাই-অক্সাইডসহ বিভিন্ন রাসায়নিক উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।
এ প্রসঙ্গে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদ উল্লাহ বাসসকে বলেন, “নানামুখী সংকটের কারণে ধারাবাহিকভাবে মিলটির উৎপাদন কমেছে। তবে আশার কথা, সরকারের উদ্যোগের ফলে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের সাতটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব বিসিআইসির মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই-বাছাই করে ‘সবুজ পাতা’ভুক্ত হয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে বছরে ১ লাখ টন কাগজ উৎপাদন সম্ভব হবে।”
তিনি বলেন, ‘কর্ণফুলী পেপার মিল দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ। এটি পুরোদমে চালু হলে এলাকার আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এই মিলটি কেবলই একটি কারখানা নয়, এটি এ অঞ্চলের জনগোষ্ঠীর সামাজিক সম্প্রীতিরও অংশ।’
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠাকাল থেকেই এ অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়টি এই মিলের সঙ্গে জড়িত। কেপিএমকে টিকিয়ে রাখতে তাই নতুনভাবে চিন্তা করা দরকার।’
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। আগামীকাল ২৬ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদযাপিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
মন্ত্রী বলেন, ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, রেসিপি প্রতিযোগিতা, প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’
তিনি বলেন, ‘জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে ২৩টি পদক প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে। এই পদক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদান করবেন।’
মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ক্রমেই বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ, প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ, কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৬ শতাংশ এবং এ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা।’
মন্ত্রী আরও বলেন, ‘গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে এসব উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র্যবিমোচনেও প্রাণিসম্পদ খাত উল্লেখযোগ্য অবদান রাখছে। এসব অর্জন ও সম্ভাবনা প্রমাণ করে কৃষিভিত্তিক অর্থনীতিতে প্রাণিসম্পদ এখন দ্রুত বিকাশমান, সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ উপখাত।’
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফসল তোলার পর ক্ষতি কমাতে গুণমান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, হিমাগারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন যুক্ত করা গেলে কৃষকেরা উৎপাদিত পণ্যের বেশি অংশ বাজারজাত করতে পারবেন। এতে তাদের আয় বাড়ার সুযোগ তৈরি হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবিকায় কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি ফসল তোলার পর তা সংরক্ষণ করাও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। উচ্চ তাপমাত্রা, পর্যাপ্ত হিমাগারের অভাব ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে অনেক সময় কৃষিপণ্য বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়। রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত হিমাগারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বিবেচনায় নিয়ে হিমাগারটি তৈরি করা হয়েছে। এ প্রদর্শনীর অভিজ্ঞতা গ্রামীণ এলাকায় হিমাগার আরও নির্ভরযোগ্য করতে সৌরবিদ্যুৎ ও তাপ সঞ্চয় প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়, তা নির্ধারণে সহায়তা করবে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, সম্ভাব্যতা সমীক্ষা ও রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফল ও সবজি দ্রুত ঠাণ্ডা করা, হিমাগারে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পর্যবেক্ষণকে একটি ব্যবস্থায় যুক্ত করা যেতে পারে। এতে স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি জলবায়ু-সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। এতে আর্থিক সহায়তা দিয়েছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসংঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)।
রাজশাহীতে পরীক্ষামূলকভাবে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত হিমাগারের ভেতরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে নিম্ন তাপমাত্রায় সুপ্ত তাপ সঞ্চয়কারী উপাদান (এলএইচএম) ব্যবহার করা হয়েছে। প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয়েছে। মন্ত্রী প্রকল্পের সাথে সংযুক্ত ইউএনইপি, সিটিসিএন, কাইটেক, স্থানীয় অংশীদার, কৃষক ও বিশেষজ্ঞদের ধন্যবাদ জানান। দেশের আরও কৃষিপ্রধান এলাকায় এ প্রযুক্তি পৌঁছে দিতে দক্ষিণ কোরিয়া ও সিটিসিএনের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তিনি।
সমাপনী অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য রাখেন। এসময় মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় প্রকল্প অংশীদার, এনজিও এবং কৃষি ও পরিবহন খাতের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মৎস্য চাষে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ ও অ্যান্টিমাইক্রোবিয়ালের দায়িত্বশীল ব্যবহার নিয়ে মৎস্য অধিদপ্তরের (মৎস্য ভবন) সংশ্লিষ্টতায় সাম্প্রতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ মাছ উৎপাদন এবং জনস্বাস্থ্য সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। কর্মশালার মূল বিষয়বস্তু: দায়িত্বশীল ব্যবহার- মাছ চাষে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অন্যান্য ওষুধের সঠিক ও নির্ধারিত মাত্রায় ব্যবহার নিশ্চিত করা।
অপ্রয়োজনীয় প্রয়োগ পরিহার: রোগ প্রতিরোধ বা অন্য কোনো অজুহাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক ব্যবহার না করা। অগজের ঝুঁকি ও সচেতনতা: অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্ষতিকর প্রভাব সম্পর্কে চাষি ও সংশ্লিষ্টদের সচেতন করা, কারণ অনিয়ন্ত্রিত ব্যবহার মাছের স্বাস্থ্য, পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে।
নিরাপদ ও টেকসই চাষ:
মানসম্মত পোনা, সঠিক ঘনত্ব ও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ মাছ উৎপাদন বাড়ানো। কর্মশালায় মৎস্য চাষে অ্যান্টিমাইক্রোবিয়াল ও ওষুধের দায়িত্বশীল ব্যবহার, অপ্রয়োজনীয় ওষুধ প্রয়োগ পরিহার, রোগ নির্ণয়ের পর বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা এবং অগজের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, খায়রুল কবির খোকন, এমপি। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানীরা এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে; এর কোনো ব্যত্যয় ঘটবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিদেশে অবস্থানরত পলাতক আসামি ও উড়োজাহাজ পাঠানোর আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর, রিকশা পাঠানোর কোনো কথাই কারো সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, তার (শেখ হাসিনা) বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান। রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে থেকে কি বলছে, সেটা নিয়ে আলোচনা করা এবং এই যে আপনারা এই যে বিশাল টিম এসেছেন, আমাদের মিডিয়ার সময় নষ্ট। তিনি বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট, সরকারের সময় নষ্ট, আমাদের সব সময় নষ্ট হচ্ছে এ ব্যাপারে আলোচনা করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন একই উত্তর দেব। এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে দণ্ডপ্রাপ্ত তারা যদি আসে, তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাদেরকে জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।
আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার প্রসঙ্গ উল্লেখ করা হলে তিনি আরও বলেন, তারপরেও এই যে একটা পলিটিক্যাল স্টান্ট, পলিটিক্যাল স্টান্ট যে ১৬ ডিসেম্বর ১৭ ডিসেম্বর; ভাই আসুক না, তিনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না। এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে, উনি নেতাকর্মীদেরকে বিপদে ফেলে পালিয়ে গেছে। খামাখা এখন যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী আছে, নেতা আছে তাদেরকে বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে। সরকারের নীতিগত অবস্থানের কথা পুনরুল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের অবস্থান স্পষ্ট। উনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবে।
অপর এক প্রশ্নে শেখ হাসিনাকে গ্রেপ্তারের মতো সক্ষমতা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের রয়েছে কি না জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, উনি কোথায় আছে সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। ওনার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন। উনি পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় কি যাবেন না যাবেন ইটস ইমেটেরিয়াল। পাশাপাশি কূটনৈতিক তৎপরতা ও প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ আছে সেখানে হাদির হত্যাকারী এবং এই জুলাই-আগস্টে যারা এই বিভিন্ন খুন, গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, তাদের বিরুদ্ধে যেই সাজাপ্রাপ্ত যারা আসামিরা লুকিয়ে আছে বিভিন্ন দেশে ভারতসহ তাদের সবাইকে এই প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আনা হবে। সেই কূটনৈতিক প্রক্রিয়া চলমান আছে, সেটা চলছে, সেটা বারবার আমরা কিন্তু বলেছি।
এদিকে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ৭২-এর যে সংবিধান আছে, সেখানে এটা পরিষ্কারভাবে বলা আছে যে, কেউ যদি কনভিক্টেড হয়ে থাকে, বাংলাদেশ সরকার তাকে পাসপোর্ট, এনআইডি বা অন্য কিছু দেবে না। এটা তো সংবিধানে আছে। সুতরাং এটার ব্যত্যয় হবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
তিনি জানান, স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।
২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগেরও বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। আর সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। সূত্র: বাসস
প্রত্যর্পণ প্রক্রিয়া ব্যতীত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ ক্ষেত্রে সরকার কোনো ধরনের ছাড় দেবে না উল্লেখ করে মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান তুলে ধরেন। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাভাবিক ভ্রমণপ্রক্রিয়ায় তাঁর দেশে ফেরার বিষয়টি সরকারের বিবেচনায় নেই; বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। চুক্তির শর্তানুযায়ী, নির্দিষ্ট আইনি শর্ত পূরণ সাপেক্ষে এক দেশ অন্য দেশের কাছে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে হস্তান্তরের অনুরোধ জানাতে পারে; আর শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও এই চুক্তিই বাংলাদেশের অন্যতম প্রধান আইনি ভিত্তি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলে এবং গত ১৭ নভেম্বর এ মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের লক্ষ্যে ভারতের কাছে তাঁর প্রত্যর্পণের দাবি আরও জোরালো করেছে বাংলাদেশ এবং এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে।