রোববার, ২২ মার্চ ২০২৬
৮ চৈত্র ১৪৩২

বঙ্গবাজার জ্বলেপুড়ে ছারখার

ছবি: ওসমান গনি
আপডেটেড
৫ এপ্রিল, ২০২৩ ১৪:৩০
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৩ ০০:২৫
  • পুড়ে ছাই ৫ হাজারের বেশি দোকান
  • ক্ষতি ২ হাজার কোটি টাকা
  • ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিট কাজ করে
  • সাড়ে ছয় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে
  • ১২ ঘণ্টায়ও আগুন নেভেনি

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিট। রাজধানীর বঙ্গবাজারের বিপণিবিতানে আগুন লাগে। ঠিক দুই মিনিট পর সেখানে হাজির হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে সে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে ছয় ঘণ্টা সময় লাগে। এর মধ্যেই এই আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজারের আশপাশের ভবন ও বিপণিবিতানগুলোতে।

একে একে আগুনে পুড়ে বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট, আদর্শ মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স ও গুলিস্তান মার্কেট ভস্ম হয়ে যায়। পার্শ্ববর্তী বঙ্গ হোমিও মার্কেট ও বঙ্গ ইসলামিয়া মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসুস্থ হয়েছেন স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন বাহিনীর ২৪ জন সদস্য। তবে কীভাবে এ আগুন লাগল, তা এখনো পর্যন্ত অজানা।

দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও দিনভর ওই মার্কেটগুলোর বিভিন্ন স্থানের আগুন একেবারেই নেভেনি। থেমে থেমে জ্বলছিল আগুন, পুড়ছিল কাপড় ও দোকানের অবকাঠামো। রাত সোয়া ৮টায় এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত খোঁজ নিয়ে জানা যায়, তখনো ওই বিপণিবিতানের আগুন পুরোপুরি নেভেনি। তবে নতুন করে আর আগুন ছড়ায়নি।

দিনভর আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে। এ ছাড়া সেনাবাহিনীর ও বিমানবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দলও কাজ করে। আগুনের প্রকোপ ঠেকাতে একটি হেলিকপ্টারে করে পানিও ছিটানো হয়।

এদিকে ভয়াবহ এ আগুনের ঘটনায় বঙ্গবাজার ও আশপাশের বিপণিবিতানগুলোর প্রায় ৫ হাজার দোকান পুড়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, ঈদ সামনে রেখে তারা বড় বিনিয়োগ করেছিল। ঈদের আগে এমন বড় আগুনের ঘটনায় তাদের ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তারা ক্ষতিপূরণ হিসেবে সরকারের কাছে ৭০০ কোটি টাকা দাবি করেছেন।

এ ঘটনায় সকাল থেকেই বিপণিবিতানগুলোর মালিক ও দোকানিরা ঘটনাস্থলে এসে জড়ো হন। আগুনের ফাঁকে যতটা সম্ভব নিজেদের মালামাল সরিয়ে নেন। আর যারা সরাতে পারেননি, তারা কান্নায় ভেঙে পড়েন।

দিনভর এ ঘটনায় বঙ্গবাজার এলাকার আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। বঙ্গবাজার থেকে একদিকে শিক্ষা ভবন মোড়, আরেক দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পর্যন্ত সড়কে ব্যবসায়ীরা মালামাল সড়কে ও ফুটপাতে ছড়িয়ে রাখেন।

গুলিস্তান, বঙ্গবাজার, ফুলবাড়িয়া, নাজিরাবাজার, আনন্দবাজার সড়কেও যান চলাচল বন্ধ ছিল। বঙ্গবাজার থেকে ঢাকা হাইকোর্টমুখী সড়ক, বেগম সুফিয়া কামাল হল-সংলগ্ন সড়কে অনেক ব্যবসায়ী তাদের মালামাল এনে রেখেছেন। অনেককেই এ সময় কাঁদতে দেখা যায়। ব্যবসায়ীরা এসব মালামালের ওপরেই বসে আহাজারি করতে থাকেন।

ফুটপাতে রাখা কয়েকটি কাপড়ের বস্তার ওপর বসে ছিলেন ব্যবসায়ী আব্দুল লতিফ। বঙ্গবাজারে তার দোকান নম্বর ছিল ১৮৮৪। বসে কান্না করছিলেন তিনি। তিনি দৈনিক বাংলাকে বলেন, ‘সকাল ৭টায় আগুনের কথা জানতে পারি। আমার একটাই দোকান। কিছু মাল বের করতে পারছি। বাকিটা পারিনি। কপালে কী আছে জানি না।’

বাবুল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমার পাঁচটা দোকান ছিল, বঙ্গবাজারে সব শেষ। ইসলামিয়ায় ২টা ছিল, তাও নাই। পাশের ভবন থেকে গোডাউনের মাল সরাইতেছি।’

বঙ্গবাজারের পাশে অ্যানেক্স টাওয়ার মার্কেটটি সাততলার। এর একাধিক তালায় আগুন ছড়ায়। এর দক্ষিণ পাশে মহানগর শপিং কমপ্লেক্স। দোতলার এই মার্কেটটি কাঠের ও টিনের। সেটি আগুনে পুড়ে পুরো ভস্ম হয়ে যায়। এর পাশেই পুলিশ হেডকোয়ার্টার। বঙ্গবাজারের এ আগুন হেডকোয়ার্টারের ভেতরে থাকা একটি পাঁচতলা ভবনে দুপুর ১২টার দিকে ছড়িয়ে পড়ে। সেটি পরে নিয়ন্ত্রণে আনা হয়।

সতর্ক করা হয়েছিল

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বঙ্গবাজার মার্কেটে আগুনের ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ১৯৯৫ সালে দুবার আগুন লেগেছিল। বড় আগুনের ঘটনা ঘটেছিল সে বছরের নভেম্বর মাসে। সে সময় পুরো মার্কেটটি আগুনে ভস্মীভূত হয়। এই ঘটনার পর নতুন করে গড়ে তোলা হয় বাজারটি। কিন্তু সেই স্থাপনা ও নির্মাণশৈলীতে অগ্নিকাণ্ডের ঝুঁকি সামাল দেয়ার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হয়নি।

২০১৮ সালেও বঙ্গবাজার বিপণিবিতানে আরেকটি বড় আগুনের ঘটনা ঘটে। সেবার বঙ্গবাজার কমপ্লেক্সের (গুলিস্তান ইউনিট) কয়েকটি দোকান পুড়ে যায়। এরপর ২০১৯ সালে বঙ্গবাজার মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা এড়াতে এর আগে ব্যবসায়ীদের ১০ বার চিঠি দেয়া হয়েছিল। তবু ব্যবসায়ীরা এই ভবনটিতে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে গেছেন। গতকাল সাংবাদিকদের জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, ‘পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নোটিশ দেয়া হয়েছিল। গত ৪ বছরে ১০ বার নোটিশ দিলেও মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।’

আগুন আর নেভে না

সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস বলেছে, তাদের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

ব্যবসায়ীরা বলছেন, গুলিস্তানের বঙ্গবাজারের গোডাউন এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলছেন, বঙ্গবাজার মার্কেটটি কাঠ ও টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ মার্কেটের পণ্য কাপড় হওয়ায় দ্রুত এ আগুন ছড়ায় চারপাশে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, সকালে আগুনের পরপরই অনেক ব্যবসায়ী দোকানের মালামাল বের করে সামনের নিউ সেক্রেটারি সড়কে রাখেন। একদিকে আগুন, অন্যদিকে মালামাল বের করার কারণে সামনের রাস্তায় মালামাল স্তূপ করতে থাকেন ব্যবসায়ীরা।

আগুন শুরুর ঘণ্টাখানেক পর সকাল ৭টার দিকে বঙ্গবাজার মার্কেটের একাংশ ধসে সড়কের ওপর পড়ে। আর এভাবেই রাস্তায় থাকা কাপড়ের স্তূপের মাধ্যমে নিউ সেক্রেটারি রোডের অপর পাশে থাকা বঙ্গ ইসলামীয়া মার্কেট ও বঙ্গ হোমিও মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের এ তীব্রতা বাতাসের কারণে আরও বেড়েছে। বাতাসের কারণে কাজে বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের সদস্যদের। কেন্দ্রীয় কর্মচারী হাসপাতালের সামনে বিশ্রামের ফাঁকে ফায়ার সার্ভিসের কর্মী মো. ওসমান দৈনিক বাংলাকে বলেন, ‘বাতাসের কারণে সব মার্কেটে আগুন ছড়িয়েছে। আমাদের কাজ করতে বেগ পেতে হয়েছে। বাতাসে কুণ্ডলী পাকিয়ে আগুনের ব্যাপকতা বেড়েছে।’

ইসলামীয়া মার্কেটের নিচতলায় ১১৩ নম্বর দোকান ছিল রবিন হোসেন বিল্লুর। আগুনের খবরে সকালেই ছুটে আসেন তিনি। রবিন বলেন, ‘বঙ্গবাজার থেকে বের করা মালামাল রাস্তায় রাখছিলেন ব্যবসায়ীরা। এক ঘণ্টা আগুন জ্বলার পরে মার্কেট যখন ধসে পড়ে, ঠিক তখনই আগুন আরও বড় হয়ে যায়। মাত্র দুই মিনিটে আগুন লাগে।’

আগুন নেভাতে দেরির ৩ কারণ

পানির অভাব, বাতাস আর উৎসুক জনতা— এই তিন কারণে বঙ্গবাজারের আগুন নেভাতে দেরি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বাতাস বেশি থাকার কারণেও আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। কারণ একটা জায়গায় আগুন নেভালে বাতাসের কারণে তা অন্য জায়গায় ছড়িয়ে যাচ্ছিল। সে জন্য আমাদের সময় বেশি লেগেছে। পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে দেরি হয়েছে। এ ছাড়া উৎসুক জনতার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে।’

আগুন কীভাবে লাগল জানতে চাইলে মাঈন উদ্দিন বলেন, ‘বিষয়টি এখনই বলা সম্ভব নয়। এই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। প্রতিবেদন পাওয়ার পরে আগুন লাগার কারণ জানা যাবে। আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন আর ছড়াবে না, তবে নির্বাপণ করতে সময় লাগবে।’

মালামাল লুটের অভিযোগ

বঙ্গবাজারে আগুনের ঘটনাস্থল ও আশপাশের সড়ক থেকে দোকানের মালামাল চুরি যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আগুন থেকে বাঁচিয়ে দোকানের মালপত্র কেউ বাইরের ফুটপাতে ও সড়কে এনে রাখেন। পরে সেখান থেকে স্থানীয়রা অনেকেই তা লুট করছেন।

মহানগর শপিং কমপ্লেক্সে মায়ের দোয়া নামের কাপড়ের দোকানের ব্যবসায়ী সাইফুল ইসলাম। তিনি দৈনিক বাংলাকে বলেন, ‘আগুন লাগার পর আমি মালামালগুলো দোকান থেকে বস্তায় করে এনে রেখেছিলাম। সেখান থেকে কয়েকটি বস্তা কে বা কারা চুরি করে নিয়ে গেছে।’

সাইফুল ইসলাম বলেন, ‘ঈদকে সামনে রেখে প্রায় কোটি টাকার কাপড় দোকানে উঠানো হয়েছিল। আগুন লাগার পর সেগুলো দ্রুত সরিয়ে রাস্তায় নিয়ে আসি। তারপর সেখান থেকে কয়েকটি বস্তা চুরি হয়ে গেছে।’

৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুপুরে বঙ্গবাজার মার্কেটে ও আশপাশের এ আগুনের ঘটনাস্থলে আসেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। তারা বলছেন, এ ঘটনায় প্রায় ৫ হাজার দোকান পুড়েছে। আর ব্যবসায়ীদের ২ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বলেন, ‘যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করার মতো নয়। এখানে পাঁচ হাজারের বেশি দোকান ছিল। সব পুড়ে শেষ। কেউ কিছুই বের করতে পারেনি। আমাদের ব্যবসায়ীরা এখন কোথায় যাবে, কীভাবে ঈদ করবে।’ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৭০০ কোটি টাকা বরাদ্দ দেয়ার দাবি জানান তিনি।

তবে আগুন নেভানোতে ফায়ার সার্ভিসের প্রশংসা করে হেলাল উদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী করতে হবে। ভূমিকম্প থেকে মানুষ দৌড়ে বাঁচতে পারে কিন্তু আগুনের হাত থেকে বাঁচা সম্ভব নয়। আমাদের অনুরোধ ফায়ার ফাইটারদের আরও এগিয়ে নিতে হবে।’

এনেক্সকো মার্কেটের আগুন নেভেনি

ছয় ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পরে কিছুটা নিয়ন্ত্রণে আসে বঙ্গবাজার মার্কেটের আগুন। তবে বঙ্গবাজার মার্কেট-সংলগ্ন এনেক্সকো মার্কেটের আগুন রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত নেভেনি। এর আগে বিকেল ৪টার দিকে ওই ভবনের ছয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্বেচ্ছাসেবকদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে থেমে থেমে ওই ভবনের ছয় তলায় আগুন জ্বলছিল।

বকুল নামে এক ফায়ার সার্ভিসের সদস্য দৈনিক বাংলাকে বলেন, ‘বঙ্গবাজার থেকে এনেক্সকো মার্কেটে আগুন ছড়িয়েছে। বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এলেও এনেক্সকো মার্কেটের ছয় তলায় এখনো আগুন রয়েছে।’

এনেক্সকো মার্কেটের ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, ‘এনেক্সকো মার্কেটে পাঁচ-ছয় তলায় আমার তিনটি দোকান ছিল। অল্প কিছু মাল বের করতে পেরেছি। বাকি সব পুড়ে গেছে। ছয় তলায় এখনো আগুন জ্বলছে।’

ডিএসসিসির তদন্ত কমিটি

বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক দৈনিক বাংলাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে ২৪ জন এসেছেন। তাদের মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে। একজনকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা এবং পরবর্তী করণীয় সম্পর্কে জানিয়ে ছেড়ে দেয়া হয়েছে।


ঈদের ছুটিতে দেশজুড়ে সড়ক ও রেল দুর্ঘটনায় প্রাণ গেল ২৭ জনের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন ছুটির মধ্যে সারা দেশে সড়ক ও রেলপথে ভয়াবহ সব দুর্ঘটনায় অন্তত ২৭ জনের মর্মান্তিক প্রাণহানির খবর পাওয়া গেছে। রোববার (২২ মার্চ) ঈদের ছুটির এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে এসব দুর্ঘটনা ঘটে, যা উৎসবের আমেজকে বিষাদে রূপান্তর করেছে।

সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায়, যেখানে একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় একই পরিবারের মা ও দুই শিশুসহ ১২ জন প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ভোরে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি বাস রেললাইনে উঠে পড়লে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে এই হতাহতের ঘটনা ঘটে।

একই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের তীব্রতায় পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই প্রাণহানি ঘটে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঈদের ছুটিতে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে এবং নাটোর, নওগাঁ, কুষ্টিয়া ও বগুড়ায় পৃথক দুর্ঘটনায় আরও ৫ জন প্রাণ হারিয়েছেন।

সংশ্লিষ্টদের ধারণা, ঈদের এই সময়ে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো, চালকদের অসতর্কতা এবং রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য করার প্রবণতাই এসব দুর্ঘটনার মূল কারণ।

এই মর্মান্তিক ঘটনাগুলোতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তিনি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।


ঈদ ভ্রমণের চমকপ্রদ গন্তব্য হতে পারে সুন্দরবন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাগেরহাট প্রতিনিধি

আসন্ন ঈদকে সামনে রেখে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এখন পুরোপুরি প্রস্তুত পর্যটকদের বরণে। ঈদের দীর্ঘ ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করছেন বনবিভাগ।

পর্যটকদের জন্য সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, আন্দারমানিক, আলিবান্ধা, কটকা, কচিখালী ও আলোরকোলসহ জনপ্রিয় স্পটগুলোতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে বনরক্ষীদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শরণখোলা স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, “পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আমাদের টিম, র‍্যাব, কোস্টগার্ড সার্বক্ষণিক কাজ করছে।"

এদিকে নদীপথে যাতায়াতে লঞ্চ ও ট্রলারগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখা এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শরণখোলার ট্যুর অপারেটর মো. রাজ্জাক হাওলাদার বলেন, “ঈদকে ঘিরে বুকিং বাড়ছে। আমরা পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রস্তুত।"

স্থানীয় পর্যটকরাও সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

তবে বন বিভাগের পক্ষ থেকে পরিবেশ সুরক্ষায় নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। বনের ভেতরে উচ্চশব্দে মাইক বাজানো এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে—এমন কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

অপার প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের টানে এবারের ঈদেও সুন্দরবন হয়ে উঠতে পারে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণীয় গন্তব্য।


লন্ডন গেলেন ডা. জুবাইদা রহমান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২২ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, ডা. জুবাইদা রহমান সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

লন্ডন যাত্রার আগের দিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন ডা. জুবাইদা রহমান। ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রধানমন্ত্রী যখন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তখন সেখানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।

পারিবারিক কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রী, সন্তান এবং ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারসহ স্বজনদের নিয়ে শেরে বাংলা নগরে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এসব আনুষ্ঠানিকতা শেষ করেই ডা. জুবাইদা রহমান ব্যক্তিগত সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন।


কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ভয়াবহ ট্রেন ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ এবং এর আগে বগুড়ায় ঘটে যাওয়া দুর্ঘটনার প্রেক্ষাপটে তিনি এই শোক জানান। রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পবিত্র ঈদের এই আনন্দঘন সময়ে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং প্রতিটি জীবনের অকাল মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী এসব দুর্ঘটনার নেপথ্য কারণ দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন করতে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন খাতের দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। দুর্ঘটনার পর থেকেই তিনি মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন।

ইতোমধ্যেই কুমিল্লার দুর্ঘটনার কারণ উদঘাটনে রেলওয়ে কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্ব পালনে অবহেলার দায়ে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ দেশের অন্যান্য স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতিও প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।


রেল ক্রসিংগুলোতে আন্ডারপাস ও ওভারপাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

ঘটনাস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রোববার (২২ মার্চ) দুপুরে বিশ্বরোড এলাকায় গিয়ে তিনি দুর্ঘটনার কারণ ও ভবিষ্যৎ প্রতিরোধে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাদের দুটি সিদ্ধান্ত দিয়েছেন, এর একটি হচ্ছে যেখানে যেখানে রেলের লেভেল ক্রসিং রয়েছে সেখানে আন্ডারপাস ও ওভারপাস করা হবে। আরেকটি হচ্ছে অটোমেটিক সিস্টেম, মানে রেলে ক্রসিং এর কাছাকাছি রেল আসার সঙ্গে সঙ্গে অটোমেটিক সিস্টেমে গেট পড়ে যাবে, এসব ক্রসিং এ গার্ডও দায়িত্ব পালন করবে।”

এর আগে শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

দুর্ঘটনাস্থলে প্রতিমন্ত্রী বলেন, “রেল ক্রসিংয়ের দুজন গার্ড ও স্টেশন মাস্টারের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেলের পক্ষ থেকে একটি বিভাগীয় ও একটি জোনাল আওতায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সুতরাং এই ব্যাপারে কোনো রকম গাফিলতি সহ্য করা হবে না।”

নিহতদের সহায়তা প্রসঙ্গে তিনি জানান, “যারা নিহত হয়েছে ইতিমধ্যে প্রতিটি পরিবারকে কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে প্রতি জনের জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।”

আহতদের চিকিৎসা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রির সঙ্গে কথা বলেছি, যারা দ্রুত রাখতে হয়েছে তাদের মধ্যে যদি কাউকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানোর প্রয়োজন হয় আমরা সেই ব্যবস্থাও করব। এছাড়াও যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী খোঁজখবর রাখছেন।”

এদিকে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, “এই ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এই ঘটনায় আরো যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এই রেল ক্রসিং এলাকায় ওভারব্রিজ থাকার পরও কিন্তু বাসচালকরা ওভার দিয়ে না গিয়ে নিচের রেল ক্রসিং ব্যবহার করেছেন, এই বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে। হাইওয়ে সড়কগুলোতে এভাবে রেল ক্রসিং রাখা নিরাপদ নয়, স্থানীয় গাড়িগুলোর জন্য আমরা আন্ডারপাস ব্যবস্থা করব।”

তিনি আরও বলেন, “অধিকাংশ এলাকায় রেলের অনুমোদন ছাড়াই রেল ক্রসিং করা হয়েছে সেটার বিষয়েও আমরা পদক্ষেপ নেবো। যেগুলো হয়ে গেছে সেগুলোতে আমরা গেটম্যান নিয়োগ দেব।”

এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: নিহত ১২ জনের মধ্যে যশোরের পাঁচজন

আপডেটেড ২২ মার্চ, ২০২৬ ১৫:৫৭
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণে অরক্ষিত রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর সূত্রে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়।

নিহতদের মধ্যে পাঁচজন যশোর জেলার বাসিন্দা। তারা হলেন লাইজু আক্তার (২৬), তার দুই শিশু কন্যা খাদিজা (৬) ও মরিয়ম (৩), চৌগাছার সিরাজুল ইসলাম (৭০) এবং কোহিনূর বেগম (৫৫)। এছাড়া নোয়াখালীর সোনাইমুড়ির বাবুল চৌধুরী (৫৫) ও ফাজিলপুরের নজরুল ইসলাম রায়হান (৪৫) রয়েছেন নিহতদের তালিকায়।

অন্যদের মধ্যে রয়েছেন চাঁদপুরের তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদহের জুহাদ বিশ্বাস (২৪), মাগুরার ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার সোহেল রানা (২৫) এবং লক্ষ্মীপুরের শিশু সাঈদা (৯)।

শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন বাসযাত্রী নিহত হন এবং আরও ১০ থেকে ১৫ জন আহত হন। দুর্ঘটনার পর রোববার সকাল ৮টার দিকে আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নেওয়া হলে সকাল ১১টার পর রেল চলাচল স্বাভাবিক হয়। আটকে থাকা মহানগর প্রভাতি ও কর্ণফুলী ট্রেনও গন্তব্যে রওনা দেয়।

ঘটনার পর সকাল থেকে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ে। ঘটনাস্থলে দেখা যায়, রেলক্রসিংয়ের দুই পাশের প্রতিবন্ধক অক্ষত রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে আছে বাসের ভাঙা কাচ। রেললাইনের কিছু দূরে বাসের দুটি চাকা পড়ে থাকতে দেখা যায়। কাছেই রেলের কর্মীদের একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গেটম্যান পালিয়ে যান বলে জানা গেছে। এ ঘটনায় দুই গেটম্যান মেহেদি হাসান ও হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘রেলওয়ের পক্ষ থেকে বিভাগীয় ও জোনাল দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। যাদের অবহেলায় এ দুর্ঘটনা তাদের বিরুদ্ধে রিপোর্ট পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।’

তদন্তে আসা পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, ‘আহতদের বক্তব্য ও স্থানীয়ভাবে তদন্তে নিশ্চিত হওয়া গেছে ঘটনার সময় গেটম্যান গেট না ফেলায় বাস রাস্তা ফাঁকা পেয়ে রেল লাইনে উঠে যায়। এ সময় ট্রেনটি বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়।’

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, আহতদের মধ্যে ১৮ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, বর্তমানে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রেলগেটের দায়িত্বে থাকা সিগন্যালম্যানের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তারা আরও জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘বাস চালকের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার আগেই পুলিশ ও স্থানীয় লোকজন আরও কয়েকটি লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’


হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত রিমান্ড শেষে পশ্চিমবঙ্গের আদালতে

ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও আলমগীর হোসেনকে পুলিশ রিমান্ড শেষে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে। ১৪ দিনের জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাদের আদালতে হাজির করা হলে তারা হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন। এর আগে অভিযুক্তদের শারীরিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তারা সংবাদমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেননি।

তদন্ত সূত্রে জানা যায়, পটুয়াখালীর বাসিন্দা ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার ৩৪ বছর বয়সী আলমগীর হোসেন মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘ কয়েক মাস আত্মগোপনে ছিলেন। পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করার সময় গত ৭ মার্চ সীমান্ত লাগোয়া বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর নির্দিষ্ট ধারায় মামলা করে তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী সন্ত্রাসীরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই হামলায় গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


১৯৭১ হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রস্তাব

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর চালানো হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান এ প্রস্তাবটি উপস্থাপন করেন।

প্রস্তাবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগে জামায়াতে ইসলামীকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও রাখা হয়েছে।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ শুরু হওয়া অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের ইসলামপন্থী সহযোগীরা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এতে সব ধর্মের বাঙালিরা ক্ষতিগ্রস্ত হলেও বিশেষভাবে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে পরিকল্পিত নিধনযজ্ঞ পরিচালনা করা হয়।

প্রস্তাব উত্থাপনের সময় ল্যান্ডসম্যান বলেন, ‘পাকিস্তানি বাহিনীর ১৯৭১ সালের অভিযান জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যার মধ্যে পড়ে। এই স্বীকৃতি অনেক আগেই দেওয়া উচিত ছিল।’

এদিকে, গত ৯ ফেব্রুয়ারি ক্যাপিটল হিলে অনুষ্ঠিত এক শুনানিতে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি এবং ১৯৭১ সালের গণহত্যার বিষয়টি আলোচনায় উঠে আসে। ‘হিন্দু অ্যাকশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে ওই শুনানির আয়োজন করা হয়।

নিউইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলিপ নাথ জানান, ওই আলোচনার পরই প্রস্তাবটি আনা হয়েছে। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী আবার সক্রিয় হয়েছে।

শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের আস্কারায় জামায়াত আবারও মানবতাবিরোধী জঘন্য তৎপরতায় লিপ্ত হয়েছে। প্রস্তাবটি পাস হলে ১৯৭১ সালের অপরাধের দায়ে যুক্তরাষ্ট্র আবারও জামায়াতকে নিষিদ্ধ করতে পারে।’


টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীরের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সন্ধ্যার এই সৌজন্য আলাপের বিষয়টি আনিস আলমগীর নিজেই নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন ফোন পেয়ে বিস্ময় প্রকাশ করে এই সাংবাদিক গণমাধ্যমকে বলেন, 'সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি খুব সারপ্রাইজড। তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কারাগারে থাকার কথা শুনেছেন।' কথোপকথনের সময় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনিস আলমগীর আরও বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়েছি। তিনি আজকে ঈদের নামাজে যে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন।' তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি আরও উল্লেখ করেন যে, 'আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি, ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে তারেক রহমান অতীতে নেতিবাচক রাজনীতি নিয়ে মন্তব্য করেননি।'

প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের আগে আনিস আলমগীর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলেন। উল্লেখ্য যে, গত ১৪ ডিসেম্বর রাতে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলে আনিস আলমগীরকে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’-এর পক্ষ থেকে করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়েছিল এবং পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাতেও তাকে অভিযুক্ত করা হয়। দীর্ঘ কারাবাস ও আইনি লড়াইয়ের পর সব মামলায় জামিন পেয়ে গত ১৪ মার্চ তিনি মুক্তি লাভ করেন।


যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে যমুনায় প্রবেশ করেন তারেক রহমান। এরপর সকাল সোয়া ৯টা থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য প্রধান ফটক খুলে দেওয়া হয়।

এতে রাজনীতিবিদ, কূটনীতিক ও সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা ঘটে। এরমধ্যে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও অংশ নেন।

প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন। দেশের সরকার প্রধানকে কাছে পেয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকে। তার সঙ্গে সেলফি তোলেন। তবে আমন্ত্রিত হয়েও অতিরিক্ত ভিড়ে অনেকে ভেতরে প্রবেশ করতে পারেননি।

শুধু কার্ডধারীদেরই ভেতরে প্রবেশের সুযোগ দেন এসএসএফ সদস্যরা। পাঁচটি সিরিয়ালে লোকজনের উপস্থিতি প্রধান ফটকের সামনে থেকে সামনের সড়ক ছাড়িয়ে কাকরাইল ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত বিস্তৃত হয়।

প্রধানমন্ত্রী অনেকের কাছে গিয়ে খোঁজ-খবর নেন। এ সময় সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ বিএনপির সিনিয়র নেতারা। অতিথীদের জন্য ছিল বিশেষ আপ্যায়নের ব্যবস্থা।


ঈদুল ফিতরের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।

শনিবার (২১ মার্চ) তিনি মরহুম মা-বাবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন। এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এদিন সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজন ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং দীর্ঘ কয়েক বছর পর নিজ দেশের মাটিতে ঈদ উৎসব পালন করতে পারায় মহান আল্লাহর দরবারে গভীর শুকরিয়া প্রকাশ করেন।


কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, দেশের সাধারণ জনগণ ঠিক যে ধরনের বাংলাদেশ দেখতে চায়, বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষা পূরণেই কাজ করে যাবে।

পবিত্র এই ঈদের দিনে তিনি আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন যেন সবাই মিলে একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব হয়। দেশের উন্নয়ন ও সংস্কারের পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। এই বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্যবৃন্দ, মন্ত্রিসভার সদস্য এবং রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।


সংসদ ভবনে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাসস

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের টানেলে (দক্ষিণ প্লাজার নিচে) ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লী এ জামাতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের টানেলে এ বছর প্রথমবারের মত নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জামাতে অংশগ্রহণ করেন।

স্পীকারের নির্দেশনা মোতাবেক মুসল্লিদের সুবিধার্থে ও বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে টানেলের নীচে জামাতের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়। নামাজ শেষে মুসল্লিদের মাঝে খেজুর পরিবেশন করা হয়।

জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র ইমাম মুহাম্মদ ছাইফুল্লাহ।

ঈদের জামাত শেষে স্পিকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।


banner close