শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৃত্যশিল্পী ইভানের নারী পাচার মামলার প্রতিবেদন ১৯ জুন

আপডেটেড
৩১ মে, ২০২৩ ১৫:০৭
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ৩১ মে, ২০২৩ ১৩:৪০

মানব পাচার আইনের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পিছিয়েছে।

বুধবার মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৯ জুন প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. শাকিল আহাম্মদ নতুন এই দিন ঠিক করেন।

২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে ইভানকে গ্রেপ্তার করে সিআইডি। দুবাই পুলিশের দেয়া তথ্যে মানব পাচারকারী চক্রের সদস্য আজম খান ও তার চার সহযোগীকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যে ইভানকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ জুলাই চক্রের মূল হোতা আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানব পাচার আইনে লালবাগ থানায় মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি শাহ।

মামলার বিবরণে বলা হয়, এ চক্রটি মূলত দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ড্যান্স বারে চাকরি দেয়ার কথা বলে নারী পাচার করত। দুবাইয়ে আজম খানের নিজস্ব হোটেল ও ড্যান্স বার আছে। দেশে বিভিন্ন অনুষ্ঠানে যারা নাচ-গান করেন, তাদের বেশি আয়ের প্রলোভন দেখিয়ে পাচার করা হতো। সেখানে নিয়ে নৃত্যশিল্পীদের যৌনকর্মে বাধ্য করা হতো।

ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। বিভিন্ন অনুষ্ঠানের নাচে অংশ নিত তার দল। ২০১৭ সালে নির্মিত ‘ধ্যাততেরেকি’ চলচ্চিত্রে নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

বিষয়:

জুমার নামাজ: গুনাহ মাফ ও ইবাদতের গুরুত্ব

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ইসলামি শরিয়তে জুমার নামাজের বিশেষ মর্যাদা ও গুরুত্ব রয়েছে। মুসলমানদের সাপ্তাহিক এই পবিত্র ইবাদতের সঙ্গে অনেক ফজিলত ও নেক আমলের বিষয় জড়িত। হাদিস শরিফে জুমার নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হওয়ার সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে। সহিহ মুসলিম শরিফের একটি হাদিসে বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে এই বিষয়ে প্রিয়নবী (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ বাণী বর্ণিত হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি সুন্দর ও যত্নসহকারে অজু করে জুমার নামাজ আদায় করতে মসজিদে উপস্থিত হয় এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে নীরব থেকে খুতবা শোনে, তার গুনাহ মাফ করে দেওয়া হয়। এই জুমার দিন থেকে শুরু করে গত জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও তিন দিনের সগিরা বা ছোট গুনাহ আল্লাহ তায়ালা ক্ষমা করে দেন। তবে খুতবা চলাকালে কেউ যদি মাটি বা কাঁকর স্পর্শ করে কিংবা অন্য কোনো অনর্থক কাজে লিপ্ত হয়, তবে সে জুমার মূল সওয়াব নষ্ট করে ফেলে।

হাদিসের এই বাণী থেকে জুমার নামাজের অপরিসীম মর্যাদার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ইসলামি বিশেষজ্ঞদের মতে, যেকোনো ইবাদত ফলপ্রসূ হতে হলে বিশুদ্ধ নিয়ত ও নিষ্ঠা অপরিহার্য। যত্ন ও একাগ্রতার সঙ্গে নেক আমল করলে তা বান্দার সগিরা গুনাহগুলোকে মুছে দেয়। তবে এখানে স্মরণ রাখা প্রয়োজন যে, কবিরা বা বড় গুনাহগুলো কেবল নেক আমলের মাধ্যমে মাফ হয় না, এর জন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে তাওবা বা ক্ষমা প্রার্থনা করতে হয়।

জুমার নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো খুতবা। খুতবা সরাসরি নামাজের অংশ না হলেও এটি একটি স্বতন্ত্র ইবাদত এবং এটি মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব বা অত্যাবশ্যকীয়। খুতবা চলাকালে মুসল্লিদের সম্পূর্ণ নীরবতা পালন করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় অপ্রয়োজনে কথা বলা, কোনো কাজ করা এমনকি নফল নামাজ আদায় করাও ইসলামি বিধানে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সর্বোপরি, জুমার দিনের এই বিশেষ ফজিলত ও বরকত লাভের জন্য প্রত্যেক মুসল্লির উচিত পূর্ণ মনোযোগ ও সতর্কতার সঙ্গে মসজিদে অবস্থান করা। অজুর শুরু থেকে খুতবা শোনা এবং নামাজ আদায়—প্রতিটি ধাপে নিষ্ঠা ও একাগ্রতা বজায় রাখলে তা বান্দার আধ্যাত্মিক উন্নতি ও গুনাহ মাফের অন্যতম বড় মাধ্যম হয়ে ওঠে।


দেশের আট বিভাগেই ভারী বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাতের মধ্যেও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবারের (২১ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসেও প্রায় একই ধরনের পরিস্থিতির কথা বলা হয়েছে। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে এবং এদিনও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্র তুলে ধরে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে, যার পরিমাণ ছিল ১২৬ মিলিমিটার। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সার্বিক পরিস্থিতি ও ঘূর্ণিঝড়ের বিষয়ে অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে। শুক্রবার সকাল ৬টায় এটি সাধারণ ঘূর্ণিঝড় আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। পরবর্তীতে ঘূর্ণিঝড়টি শুক্রবার সকালের দিকেই ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে আঘাত হেনেছে।


রোহিঙ্গা শিবির পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

এ সময় রোহিঙ্গারা তাকে স্বাগত জানান।

সফরে রোহিঙ্গাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি কথা বলার কথা রয়েছে। এ সময় নিজেদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অধিকার এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন তারা।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করবেন খলিলুর রহমান। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমন এক সময়ে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়ার দায়ের করা এ মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়।

এমন প্রেক্ষাপটে রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা শিবির পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও জাতিসংঘ সংস্কার

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে অলাদা বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, জাতিসংঘের সংস্কার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকগুলো এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বিস্ফোরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে সরকার অভিযোগ করে আসছে। তবে পাঁচ দেশের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় এসব নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে প্রথমে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন। পরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকও তার সঙ্গে সাক্ষাৎ করেন।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠকটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানানো এবং জাতিসংঘের প্রস্তাবিত সংস্কার নিয়ে আলোচনা করাই ছিল তার সাক্ষাতের উদ্দেশ্য।

ত্রিবেদী জানান, এর আগে ফোনে পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। তবে সরাসরি সাক্ষাৎ করে জাতিসংঘের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ছিল তার। তিনি বলেন, জাতিসংঘের সংস্কার শুধু বাংলাদেশের বিষয় নয়, বরং এটি সব দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সম্পর্কিত।

ভারতের হাইকমিশনার আরও স্পষ্ট করেন, বৈঠকটি খলিলুর রহমানের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বের কারণে নয়, বরং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার ভূমিকার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হয়েছে। বহুপক্ষীয় কূটনীতিতে খলিলুর রহমানের অভিজ্ঞতা ও জ্ঞানের প্রশংসা করে তিনি বলেন, তার কাছ থেকে জাতিসংঘের কার্যক্রম ও সংস্কার সম্পর্কে জানার সুযোগটি ছিল শেখার অভিজ্ঞতা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বৈঠকের পর থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের কথা জানান। আগামী সপ্তাহের বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে উদযাপিত হবে উল্লেখ করে তিনি বলেন, এ উপলক্ষে বন্ধু ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন।

ক্রিস্টেনসেন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে দৃঢ় অংশীদারত্ব রয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করাও ছিল সাক্ষাতের অন্যতম উদ্দেশ্য। এই অংশীদারত্বের মাধ্যমে দুই দেশের সম্পর্ক প্রতিনিয়ত আরও জোরদার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে বাংলাদেশের জনগণকেও থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছা জানান তিনি।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা জানান। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকটও আলোচনায় এসেছে বলে তিনি উল্লেখ করেন।

তবে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পাঁচটি বৈঠকের সম্মিলিত আলোচ্যসূচি, আলোচনার ফলাফল কিংবা কোনো সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। সম্প্রতি তিনি দেশে ফেরেন। তার এই দ্বৈত দায়িত্বের প্রেক্ষাপটে এক দিনে পাঁচ দেশের গুরুত্বপূর্ণ কূটনীতিকের সঙ্গে পৃথক বৈঠক বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলোর কূটনৈতিক যোগাযোগের একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।


প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন আজ

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আজ ৬২ বছরে পদার্পণ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।

কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে। তাঁর পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন।

স্কুলে যাওয়ার বয়স হলে তাঁর বাবা-মা তাঁকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করান। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল।

তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন।

নিয়মিত শিক্ষাকার্যক্রমের পাশাপাশি তারেক রহমান সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কসসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজচিন্তাবিদের দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা গভীরভাবে অধ্যয়ন করেন।

এসব মহান চিন্তাবিদের দর্শন রাষ্ট্র, রাজনীতি ও গণতন্ত্রের প্রকৃত তাৎপর্য অনুধাবনে তাঁর জ্ঞান ও উপলব্ধিকে সমৃদ্ধ করে।

তিনি এমন এক উত্তাল রাজনৈতিক সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন, যখন তাঁর মা বেগম খালেদা জিয়া স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন।

স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাঁকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে।

১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। পিতার জন্মস্থান উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়।

১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পান।

দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তাঁর মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয় করেন।

পাঁচটি আসনেই বেগম খালেদা জিয়ার বিপুল বিজয় একজন দক্ষ ও সুপরিকল্পিত সংগঠক হিসেবে তারেক রহমানের যোগ্যতার প্রমাণ দেয় এবং ভবিষ্যতে দলের নেতৃত্বে তাঁর অবস্থান সুদৃঢ় হওয়ার পথ তৈরি করে।

পরবর্তী সময়ে তিনি এক-এগারোর সরকারের নির্মম নির্যাতনের শিকার হন। সেনাসমর্থিত অবৈধ এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে নিষ্ঠুর, বিদ্বেষমূলক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হয়।

তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। তবে এসব ঘটনা তাঁর মনোবল ভেঙে দিতে এবং রাজনীতি থেকে তাঁকে বিচ্যুত করতে পারেনি।

তিনি স্বপ্ন দেখেন, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার সব প্রতিবন্ধকতা চিরতরে দূর হবে।

দীর্ঘ প্রায় ১৬ বছর জনগণের ম্যান্ডেটবিহীন আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের শাসনামলে দেশ যখন চরম দুঃশাসন ও অরাজকতার মধ্যে নিমজ্জিত ছিল, তখন তারেক রহমান রাষ্ট্রের সামগ্রিক কাঠামোগত সংস্কারের ধারণা সামনে আনেন।

দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর মাতৃভূমিতে তাঁর প্রত্যাবর্তন ঘটে। জাতীয় নির্বাচনের দেড় মাস আগে তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন ছিল গৌরবময়। দীর্ঘদিন ধরে তাঁকে স্বাগত জানানোর অপেক্ষায় থাকা দেশবাসীর মধ্যে তা গভীর স্বস্তি ও আনন্দের সঞ্চার করে।

তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন।

নির্বাহী, বিচার বিভাগ ও আইনসভাসহ রাষ্ট্রের সব ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে তাঁর ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা দেশবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এর ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে।

১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর পরিবার একটি গৌরবোজ্জ্বল রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী। তাঁর বাবা ও মা উভয়েই জনগণের ম্যান্ডেট নিয়ে যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন।

মহৎ প্রত্যাশা ও আদর্শে সমৃদ্ধ তারেক রহমান এমন একটি ‘রেইনবো নেশন’ বা বহুত্ববাদী বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে প্রতিটি নাগরিক শান্তি, সম্প্রীতি, মর্যাদা ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবেন।

তারেক রহমানের সাধারণ জীবনযাপন তাঁর বিনয়, সরলতা ও জনসেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সীমিত গাড়িবহর ব্যবহার, অপ্রয়োজনীয় যান চলাচল নিয়ন্ত্রণ বা দীর্ঘ সময়ের জন্য সড়ক বন্ধ না করা এবং সরকারি ব্যয়ে মিতব্যয়িতা সাধনের মাধ্যমে তিনি দায়িত্বশীল নেতৃত্বের ইতিবাচক বার্তা দিচ্ছেন।

এ ধরনের চর্চা সরকার ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে এবং একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়িত্বশীল মনোভাবের পরিচয় দেয়।

গত নয় মাসে তারেক রহমানের সরকার বিভিন্ন খাতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এবং অগ্রগতি অর্জন করেছে।

ব্যাংকিং খাতে ঋণ আদায়ের প্রচেষ্টা জোরদার করা হয়েছে। এর ফলে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে।

পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময়ে নেওয়া বিপুল পরিমাণ ঋণের কারণে অতিরিক্ত পরিশোধের চাপ থাকা সত্ত্বেও সরকার পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রপ্তানি খাতে যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে টাকার মানও শক্তিশালী হয়েছে এবং গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।

সরকার নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা প্রদানের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। পাশাপাশি কৃষকদের কৃষি উপকরণ, ঋণ ও সরকারি সেবা প্রাপ্তি সহজ করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ এবং সংশ্লিষ্ট সুদ মওকুফ করা হয়েছে।

স্বাস্থ্য খাতে হেলথ কার্ড চালু এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষা খাতেও সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর মধ্যে রয়েছে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা, শিক্ষাক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্তি, শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ এবং ক্রীড়া ও উদ্ভাবন প্রতিযোগিতার আয়োজন।

এ ছাড়া এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে সরকার ২ হাজার কোটি টাকা ছাড় করেছে।

ধর্মীয় কল্যাণ খাতে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের সেবা ও কল্যাণমূলক সুবিধা বাড়াতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রেও বাংলাদেশ একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের নিরাপত্তা ব্যবস্থা, বরাদ্দ বৃদ্ধি ও অতিরিক্ত ছুটির ব্যবস্থার ফলে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ যথাক্রমে দুর্গাপূজা ও বুদ্ধপূর্ণিমার মতো প্রধান ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছেন।

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমানো, সরকারি যানবাহন কেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও বিদেশে প্রশিক্ষণ কর্মসূচি কমানো এবং আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রীর চলাচলের সময় সীমিত গাড়িবহর ব্যবহার এবং দীর্ঘ সময়ের জন্য সড়ক বন্ধ না রাখার সিদ্ধান্ত সরাসরি জিডিপি বৃদ্ধি বা মূল্যস্ফীতি হ্রাসে ভূমিকা না রাখলেও রাষ্ট্র ও নাগরিকের মধ্যে সম্পর্ক জোরদারে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিকে সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহিমূলক ব্যবস্থা আবারও গতিশীল হতে শুরু করেছে। সংসদে প্রশ্ন, পাল্টা প্রশ্ন, আলোচনা ও প্রাতিষ্ঠানিক নজরদারির বিষয়গুলো আরও দৃশ্যমান হয়ে উঠছে।

প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগ সংসদীয় ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক চর্চা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টারই ইঙ্গিত দেয়।

এসব অগ্রগতি রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োগ এবং সরকারি প্রশাসন পরিচালনায় সরকারের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

তারেক রহমান এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রত্যেক নাগরিক তাঁর অবিচ্ছেদ্য মৌলিক অধিকার ভোগ করতে পারবেন।

একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মানবজাতিকে রক্ষা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তিনি।

তাঁর স্বপ্নের মধ্যে আরও রয়েছে মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং বাংলাদেশকে বৈশ্বিক মূলধারায় প্রতিষ্ঠিত করা।

সামগ্রিকভাবে এসব উদ্যোগ ও প্রত্যাশার মধ্য দিয়ে দায়িত্বশীল নেতৃত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ, গণতান্ত্রিক জবাবদিহি এবং টেকসই জাতীয় উন্নয়নের প্রতি গুরুত্বারোপের প্রতিফলন ঘটেছে।


ডিএনসিসি―র উদ্যোগে সড়কে হতাহতদের স্মরণে বৈশ্বিক দিবস উদযাপন

ছবি: ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর উদ্যোগে সড়কে হতাহতদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের সেমিনার কক্ষে এক গোলটেবিল সভা অনুষ্ঠিত হয়েছে। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্রাটেজিস এর কারিগরি সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

বিআইজিআরএস এর ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএনসিসি’র ডিএনসিসি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এর সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ – গুলশান জোন) মো. জিয়াউর রহমান। দিবসের প্রতিপাদ্য তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্রাটেজিস এর কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন।

ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন যাবত ঢাকা শহরের অনেক ফুটপাথ দখল, বেদখল হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছিলো। পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় ডিএনসিসি ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা পথচারীদের জন্য নিরাপদ করার জন্য পদক্ষেপ নিয়েছে। কেউ যেনো অবৈধ উপায়ে ফুটপাথ দখল করে পথচারীদের ঝুঁকি সৃষ্টি করতে না পারে, সেজন্য এই উদ্যোগে আমরা সকল গণমাধ্যমসহ সকল নগরবাসীর সহযোগিতা চাই। এছাড়া, তিনি শিশু, নারী, প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য নিরাপদ সড়ক গড়ে তোলার কাজে সামর্থ অনুযায়ী ডিএনসিসি সক্রিয় রয়েছে বলে জানান।

ডিএনসিসি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম বলেন, ঢাকা উত্তরের ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড়সমূহ নিরাপদ করার পাশাপাশি জেব্রা ক্রসিং অঙ্কন, ট্রাফিক ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ডিএনসিসি কাজ করছে। সড়কে গতিসীমা মেনে গাড়ি চালানোর বিষয়কে উৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণার পদক্ষেপ নেয়া হচ্ছে।

বিআইজিআরএস এর ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মসূচি তুলে ধরেন। তিনি ট্রাফিক আইন মেনে চলা, শহরের ব্যস্ত সড়কে অতিরিক্ত গতি পরিহার, নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা ও প্রতিযোগিতা এড়িয়ে নিরাপদে গাড়ি চালানোর জন্য চালকদের অনুরোধ জানান। ডিটিসিএ’র সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান বলেন, মানুষের দুর্ভোগ কমাতে ঢাকায় পথচারীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ডিটিসিএ একটি নীতিমালার খসড়া প্রণয়ন করেছে। তিনি সড়ক নিরাপত্তায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে সক্রিয় করার প্রতি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক – গুলশান) মো. জিয়াউর রহমান বলেন, সড়ক নিরাপত্তায় ডিএমপি বেশকিছু পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল মনিটর করার জন্য এআই ক্যামেরা বসানো হচ্ছে। এলিভিটেড এক্সপ্রেসওয়ে ও ৩০০-ফিট সড়কে গতিসীমা লঙ্ঘণের দায়ে জরিমানা করায় গতিসীমা মেনে চলার প্রবণতা বেড়েছে।

ব্র্যাক এর রোড সেফটি প্রকল্প (জিআরএসপি) এর টিম লিডার খালিদ মাহমুদ বলেন, সড়কসমূহ নিরাপদ করতে সেফ সিস্টেম এপ্রোচকে বিশ্বব্যাপী গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকার এই এপ্রোচ গ্রহণ করার অঙ্গীকার করেছে। এজন্য দ্রুত একটি আইন প্রণয়ন করা প্রয়োজন। প্রবন্ধ উপস্থাপনে ভাইটাল স্ট্রাটেজিস এর কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন বলেন, সড়কে হতাহতদের বৈশ্বিক দিবসে সড়কে নিহতদের অনুপ্রেরণার স্মৃতি স্মরণ, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকা, সহানুভূতিশীল ও সচেতন সমাজ প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলার কথা বলা হয়েছে।

রোডক্র্যাশে নিহত সন্তানের পিতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৯ অক্টোবর ঢাকার বাড্ডায় সুবাস্তু টাওয়ারের কাছে সড়ক পার হতে গিয়ে ২টি দ্রুতগামী বাসের প্রতিযোগিতায় আমার মেয়ে বাস চাপায় প্রাণ হারিয়েছে। আমি চাই না এভাবে আর কোনো মায়ের কোল খালি হোক। এজন্য সড়কে কঠোরভাবে আইন প্রয়োগের আহ্বান জানান তিনি।

রোডক্র্যাশে ছোট ভাইকে হারানোর মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরে স্টেপস এর নির্বাহী পরিচালক চন্দন লাহিড়ী সড়ক নিরাপত্তায় প্রণীত খসড়া দ্রুত আইন আকারে পাশের জন্য সরকারের প্রতি আহবান জানান। রোড ক্র্যাশে মারাত্মক আহত বড় বোনের দুর্বিষহ জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন কেএনকেএস সংস্থার নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ। তিনি জানান, তার বোনকে একটি দ্রুতগতির মোটর সাইকেল ধাক্কা দেয়ার পরে তার জীবনের গতি স্থবির হয়ে পড়ে। তাই জীবনের গতি ঠিক রাখতে সড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরো আলোচনা করেন নিরাপদ সড়ক চাই—নিসচার মহাসচিব লিটন এরশাদ, রোড সেফটি ফাউন্ডেশনের নাসির উদ্দিন শেখ, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী শারমীন রহমান, সেন্টার ফর ইনজ্যুরি প্রিভেনশান রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর প্রোগ্রাম ম্যানেজার (সড়ক নিরাপত্তা) কাজী বোরহান উদ্দিন, সিয়াম সংস্থার নির্বাহী পরিচালক ও হাইকোর্টের আইনজীবী মাসুম বিল্লাহ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রকল্প পরিচালক মো. বজলুর রহমান, ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ—ডব্লিউবিবি ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আক্তার, মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থা (মানস) এর সিনিয়র প্রজেক্ট এন্ড কমিনউনিকেশন অফিসার মো. আবু রায়হান প্রমুখ।

সভায় আর্ক ফাউন্ডেশন, সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স (সিএলপিএ), প্রজ্ঞা, সেতু সংস্থা, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বিআইজিআরএস সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


যুক্তরাজ্য পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক এপপিজি-এর সঙ্গে চীফ হুইপের বৈঠক: সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

যুক্তরাজ্য পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক এপপিজি-এর সঙ্গে চীফ হুইপের বৈঠক। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (All-Party Parliamentary Group—APPG) প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) মতবিনিময় বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপনূরুল ইসলাম মনি, এমপি।

চীফ হুইপের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের হাউস অব কমন্সের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব (Prime Minister’s Questions—PMQs) প্রত্যক্ষ করেন। এর আগে হাউস অব কমন্সের সদস্য শ্যারন হজসন এমপির পরিচালনায় অনুষ্ঠিত একটি বিশেষ অধিবেশনে যুক্তরাজ্যের সংসদীয় কার্যপ্রণালি, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের কার্যক্রম এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে অবহিত হন।

পরবর্তীতে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক APPG-এর চেয়ার ও হাউস অব কমন্সের সদস্য আপসানা বেগম এমপির সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন চীফ হুইপ। সভায় যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নাজ শাহ, শকাত আদম, বেল রিবেইরো-অ্যাডি, আইয়ুব খান, লুইস অ্যাটকিনসন ও মার্গারেট মুলেন এবং লর্ড হোসেন ও ব্যারোনেস মানজিলা উদ্দিনসহ APPG-এর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় সম্পর্কের বিদ্যমান অবস্থান, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের সংসদের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সংসদীয় কার্যক্রমের উৎকর্ষ সাধন, সংসদীয় চর্চার অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে চীফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে APPG-এর চেয়ার আপসানা বেগম এমপির হাতে একটি বিশেষ স্মারক উপহার তুলে দেন।

চীফ হুইপের নেতৃত্বে এ বৈঠক বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের সংসদীয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩ জেলায় থাকা প্রয়োজন। সামাজিক উদ্যোগের মাধ্যমে এমন অনেক সমস্যার সমাধান সম্ভব, যা শুধু আইন করে সমাধান করা যায় না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংগঠনটির কর্মকাণ্ডের প্রশংসা করে তারেক রহমান বলেন, আমি মনে করি, আলোকিত লালমনিরহাটের মতো একটি সংগঠন বাংলাদেশের ৬৩ জেলায় প্রয়োজন। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সব সময় সব সমস্যার সমাধান আইন করে করা সম্ভব নয়। কিন্তু সমাজে এমন অনেক সমস্যা আছে, যেগুলোর সমাধানে সামাজিকভাবে একটি সংগঠনের মাধ্যমে চেষ্টা করলে সেটা করা সম্ভব।

বিগত সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে বাংলাদেশ একটি অস্বাভাবিক অবস্থার মধ্যে ছিল। সেখানে মানুষ ভয়ের মধ্যে বাস করত। মানুষের কোনো অধিকার ছিল না। শুধু ভয়ের পরিস্থিতিই নয়, সমাজের বিভিন্ন মানী-গুণী ও সম্মানিত মুরুব্বিদেরও বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে।

তিনি বলেন, আজ এ দেশের মানুষ একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন করেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আলোকিত লালমনিরহাটের মতো সংগঠন যদি বাংলাদেশের সব জায়গায় থাকে, তাহলে সমাজের হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধ আবার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, এখানে যারা সংগঠনটির সদস্য রয়েছেন, তাদের মধ্যে সব ধর্ম-বর্ণের মানুষই রয়েছেন। হয়তো বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকা মানুষও এখানে সদস্য রয়েছেন। সবাই যদি একসঙ্গে কাজ করেন, ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, অবশ্যই পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, মানুষের আয়-রোজগার ও ব্যবহার্য জিনিসপত্র বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, সবুজ মাঠ, বাজার-ঘাটসহ বিভিন্ন জায়গায় আবর্জনা জমছে। আবর্জনা একদিকে পরিবেশের জন্য ক্ষতিকর, অন্যদিকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চারদিকে যদি আবর্জনা থাকে, সেটি মানসিকভাবেও আমাদের অসুস্থ করে দেবে।

‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেহেতু বিভিন্ন সামাজিক কাজ করছেন, তাই পুরো জেলাকে আবর্জনামুক্ত করার উদ্যোগ নিন। একটি সুশৃঙ্খল ও পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে মানুষের পরিত্যাক্ত আবর্জনাগুলো একটি জায়গায় সংগ্রহ করুন। বাকি পুরো এলাকাকে পরিষ্কার রাখুন। এ উদ্যোগ নেওয়া হলে লালমনিরহাটকে দেশের পরিচ্ছন্নতম জেলাগুলোর একটি হিসেবে গড়ে তোলা সম্ভব।

বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যেভাবে মাদকাসক্ত মানুষকে কাউন্সেলিং করে মাদকের অভিশাপ থেকে বের করে আনার চেষ্টা করেছেন, যেভাবে পারিবারিক কোন্দল মিটিয়ে পরিবারগুলোকে মিলিয়ে দিয়েছেন, একইভাবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে কীভাবে আবর্জনা সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যায়।

তারেক রহমান বলেন, আপনারা যদি ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি মানুষকে বোঝাতে পারেন যে কেন গাছ প্রয়োজন, তাহলে গাছের সংখ্যা বৃদ্ধি পাবে।

পরিবারের প্রত্যেক সদস্যের জন্মদিনে একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, একটি পরিবারে চার-পাঁচজন সদস্য থাকলে প্রত্যেকেরই একটি জন্মদিন রয়েছে। আপনারা যদি তাদের বোঝাতে পারেন যে প্রত্যেকে প্রতিবছর নিজের জন্মদিনে একটি করে বৃক্ষরোপণ করবেন, তাহলে স্বাভাবিকভাবেই দেশে বা এই এলাকায় গাছের সংখ্যা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আজকে আমরা যদি একটি মূল্যবান গাছের চারা রোপণ করি, এই গাছটি বড় হয়ে একদিন আমাদের জন্য একটি মূল্যবান সম্পদে রূপান্তরিত হবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো শিশুর বয়স এক, দুই কিংবা তিন বছর হলে তার নামে ২০টি গাছ লাগানো যেতে পারে। ২০ বছর পর গাছগুলো বড় হলে প্রয়োজনে সেগুলো বিক্রি করে ওই শিশুর অর্থনৈতিক প্রয়োজন মেটানো সম্ভব হবে।

গাছের পরিবেশগত উপকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আপনার বাড়ির আশপাশে যত বেশি বড় বড় গাছ থাকবে, আপনার বাসাবাড়ি তত ঠান্ডা থাকবে। প্রকৃতির বাতাস উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, ঝড়-তুফান বা টর্নেডোর সময় বাড়ির আশপাশে বড় গাছ থাকলে সেগুলো আপনার ঘরবাড়ি রক্ষায়ও সহায়তা করতে পারে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের পাশাপাশি আল্লাহ বিভিন্ন পশুপাখি, জীবজন্তু ও পোকামাকড় সৃষ্টি করেছেন। প্রকৃতির প্রতিটি প্রাণীরই কোনো না কোনো ভূমিকা রয়েছে।

তারেক রহমান বলেন, যাদের বয়স ৩০ বছরের বেশি, তারা ৩০ বছর আগের কথা চিন্তা করে দেখুন। তখন গ্রামেগঞ্জে অনেক বেশি পাখি চোখে পড়ত। আজকে কি আগের মতো পাখি চোখে পড়ে? পড়ে না। কেন পড়ে না? আমরা গাছপালা কেটে ফেলেছি। পাখি দেখলে ধরে রান্না করে খাচ্ছি, কিংবা তাদের আঘাত করছি।

তিনি বলেন, আমরা ছোটবেলায় অনেক প্রজাপতি দেখতাম। কিন্তু এখন প্রজাপতি দেখা যায় কি না, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। গাছপালা, ফুল সব কেটে ফেলায় প্রজাপতি কমে যাচ্ছে।

পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানুষের অস্তিত্বের সম্পর্ক তুলে ধরে তারেক রহমান বলেন, পুরো পরিবেশটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিন্তু পরিবেশ যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে মানুষও আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, আসুন, আমরা আমাদের এলাকাটাকে সুন্দর করি, এলাকার পরিবেশটাকে রক্ষা করি। পরিবেশ রক্ষার মাধ্যমে আমরা মানুষকে রক্ষা করি। আসুন, আমাদের এলাকার সঙ্গে সঙ্গে দেশটাকেও রক্ষা করি, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। শুধু এলাকা নয়, শুধু দেশ নয়, আমরা আমাদের পৃথিবীকেও রক্ষা করি।

তারেক রহমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। কাজেই সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর অন্য সব সৃষ্টির প্রতি যত্ন নেওয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, উপ প্রেস সচিব সুজন মাহমুদসহ বিএনপির জেলার নেতা-কর্মীরা।


ডিএমপির অতিরিক্ত কমিশনারসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। বদলি-পদায়ন করা এসব কর্মকর্তাকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে এবং একই ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে পিটিসি, রংপুরে পদায়ন করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।

পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকার ডিআইজি করা হয়েছে।

সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার করা হয়েছে। টিডিএস, ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে পিটিসি, রংপুরের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত রয়েছেন।

এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার কবীর আহম্মেদকেও একই ইউনিটে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সিআইডি, ঢাকার বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি বা পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।


ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

লালমনিরহাট সদর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। ছবি: পিএমও
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে ও শক্তভাবে জবাব দিই। যাতে করে তারা আর ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের নারী-পুরুষ, শিশুসহ ছাত্র-ছাত্রী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই সন্ত্রাসী গ্রুপটি জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল।

তিনি বলেন, ১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনে ফিরে পেতে চায় না বাংলাদেশের মানুষ। যারা নিশিরাতে নির্বাচন করেছিল, আমি-ডামির নির্বাচন করেছিল, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

তারেক রহমান বলেন, ১৬ বছর ক্ষমতা দখল করে থেকেও কেন তারা তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন তারা এই এলাকায় গ্যাসলাইন আনেনি? কেন এই এলাকায় ইপিজেড স্থাপন করেনি? এই প্রশ্ন আমার ও আপনাদেরও। কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না। সেজন্যই আমরা দেখেছি, প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের টাকা বিদেশে পাচার করে তারা আরাম-আয়েশে জীবনযাপন করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে. সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার, গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকার তারা আবার কেড়ে নিতে চায়। তাদেরকে কি আবার গুম-খুন, ভোটের অধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার অনুমতি আপনারা দেবেন?

প্রধানমন্ত্রী বলেন, যদি তা না হয়, তাহলে আসুন, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সকল গণতন্ত্রপ্রিয় মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

তিনি বলেন, গত কয়েকদিন দেখেছেন, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুটতরাজ করেছে, মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে। পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুনের সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।

বাংলাদেশের মানুষ আর ভোট দখলের, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে। তারা ৬০ জন শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সকল রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।

প্রধানমন্ত্রী বলেন, লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও তারা একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে। আমরা চাই আমাদের দেশের শিল্প-কলকারখানাগুলো সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে। আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। সূত্র: বাসস


লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন। এ সময় স্থানীয় পর্যায়ে জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

পরে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন। সূত্র: বাসস


বরখাস্ত হলেন পুলিশের দুই কর্মকর্তা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশ বাহিনীর দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার এবং সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার। বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়, যা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত এবং এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে ও এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

অপরদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন এবং এর পূর্বে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং ওই মামলার ভিত্তিতে তাঁকেও সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন দেব্রত সরকারকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখা হবে এবং তিনিও বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

বিষয়:

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

তিন বছরের মধ্যে দেশের নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, বরং নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে; যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে। এ ছাড়া ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

নতুন নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধাকে কাজে লাগিয়ে সরকার বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় বলে উল্লেখ করেন তিনি।


banner close