বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
জমজমাট পশুর হাট

চাহিদার শীর্ষে ছোট গরু, দামে নাখোশ সবাই

মাগুরা সদরের রামনগর হাটে জেলার বিভিন্ন স্থান থেকে আসা কুরবানির পশু। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
২৮ জুন, ২০২৩ ০৯:১০
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২৮ জুন, ২০২৩ ০৮:০৩

ঈদুল আজহা সমাগত। অন্যান্য বছর এই ঈদের সপ্তাহখানেক আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে জমে ওঠে কোরবানির পশুর হাট। তবে এ বছরের চিত্র একটু ভিন্ন। ঈদের এক সপ্তাহ আগে হাটগুলোতে গরুর সরবরাহ থাকলেও ক্রেতাদের উপস্থিতি ছিল না, ছিল না বেচাকেনা। শেষ মুহূর্তে এসে অবশ্য জমজমাট চিত্র হাটের।

বরাবরের মতোই এবারও হাটে চাহিদার শীর্ষে ছোট থেকে মাঝারি আকারের গরু। তুলনামূলকভাবে বড় আকারের গরুর ক্রেতা নেই বললেই চলে। আর সারা দেশেই গরুর ক্রেতা-বিক্রেতা সবার বক্তব্য এক- এ বছর গরুর দাম বেশি। গরুর এই চড়া দামে হাসি নেই কারও মুখেই। সে কারণে শেষের দিকে এসেও বিক্রির পরিমাণে বিক্রেতারা খুশি হতে পারছেন না।

দৈনিক বাংলার নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, জেলায় স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের সংখ্যা ৭১টি। ক্রেতারা বলছেন, ছোট গরুর দাম গত বছরের তুলনায় বেশি চাওয়া হচ্ছে ২০ থেকে ৩০ হাজার টাকা, বড় গরুতে তা ৫০ হাজার থেকে লাখ টাকা। বাড়তি দামের কারণে বেচাকেনায় সন্তুষ্ট নন বিক্রেতারা।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য বলছে, ঈদ সামনে রেখে জেলায় চাহিদার তুলনায় ১৩ হাজার বেশি পশু প্রস্তুত করেছেন খামারি ও কৃষকরা। তারপরও হাটে গিয়ে গরু মিলছে না কম দামে।

খামারি ও গরু ব্যবসায়ীরা বাড়তি দামের জন্য কারণ দেখাচ্ছেন গো-খাদ্যের দামকে। ক্রেতা না পাওয়ায় সামান্য লাভে, এমনকি লোকসানেও গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি তাদের।

শিবপুর পুটিয়া বাজারের ইজারাদার মারুফ ইব্রাহিম জানালেন, দুই লাখ টাকা বা তার বেশি দামের পশু বিক্রি হলে হাসিলে ২০ শতাংশ ছাড় দিচ্ছেন। আজ বুধবার এই হাটের শেষ দিন।

নওগাঁ প্রতিনিধি মো. সবুজ হোসেন জানিয়েছেন, ২৭টি স্থায়ী ও ৯টি অস্থায়ী হাটে চলছে কোরবানির পশু বেচাকেনা। জেলার চাহিদার তুলনায় দ্বিগুণ পশু প্রস্তুত হয়েছে কোরবানির জন্য, যেগুলো অন্য জেলায় চলে যাবে।

মহাদেবপুর উপজেলার চকগৌরি ও রানীনগর উপজেলার ত্রিমোহনীসহ কয়েকটি কোরবানির পশুর হাট ঘুরে দেখা গেছে, ৭০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দামের গরুর চাহিদা এবং বেচাকেনা বেশি। এই জেলায়ও ক্রেতারা জানিয়েছেন, ছোট ও মাঝারি গরুগুলো আগের বছরের চেয়ে ১৫ থেকে ২০ হাজার টাকা বেশিতে কিনতে হচ্ছে।

চকগৌরি হাট থেকে এক লাখ ৪০ হাজার টাকায় গরু কিনে ফিরছিলেন একরামুল হক। তিনি বলেন, গত ঈদে এই গরু এক লাখ ২০ হাজার টাকার বেশি হতো না।

ক্রেতাদের অভিযোগ প্রসঙ্গে গরু ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, গত বছরের দামের সঙ্গে এবারের দাম মেলালে হবে না। এক বছরের ব্যবধানে গরুর সব ধরনের খাবারের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু গরুর দাম ততটা বাড়েনি। নয়তো এক লাখ টাকার গরুর দাম দুই লাখ হতো।

কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু জানাচ্ছেন, এই জেলায়ও কোরবানির জন্য পশু প্রস্তুত চাহিদার চেয়ে আট হাজার বেশি। তারপরও মধ্যবিত্তরা পশুর হাটগুলোতে গিয়ে হিমশিম খাচ্ছেন। কারণ তাদের চাহিদা ছোট ও মাঝারি আকারের গরুগুলোর দাম বাজেটে মিলছে না।

আদর্শ সদর উপজেলার নেউরা বাজারে গিয়ে দীর্ঘ দুই ঘণ্টা ঘুরেও বাজেটের মধ্যে গরু কিনতে না পারার কথা জানালেন দুই শিক্ষক আবদুল হক ও ওবায়দুল হক। ঢাকায় বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত ফেরদৌস আহমেদ আবার বাজারের পরিস্থিতি দেখে অল্প টাকায় গরু কেনার আশা ছেড়ে দিয়ে ভালো একটি খাসি কেনার সিদ্ধান্ত নিয়েছেন।

মাগুরা প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন, জেলায় কোরবানির জন্য চাহিদার তুলনায় পশু প্রস্তুত হয়েছে আড়াই গুণেরও বেশি। তবে বেচাকেনা ও দামে সন্তুষ্ট না হওয়ায় অনেক খামারিই পশু খামারে ফেরত নিয়ে যাচ্ছেন।

সদরের বারাশিয়া গ্রামের খামারি শফিকুল বলেন, ‘মাঝারি দুটি গরু বিক্রি করেছি বাড়ি থেকে। বড় একটি গরু নিয়ে বিপদে পড়েছি। দুই লাখ ২০ হাজার টাকা বিক্রির আশা ছিল, এক লাখ ৭০ হাজার টাকার বেশি দামই উঠছে না। হাটে হাটে ঘুরছি। হাটে গরু নিলে খাজনা দিতে হয়, পরিবহন খরচ আছে। বিক্রি করতে না পারলে এত খরচ উঠানো সম্ভব না। তাই চেষ্টা করে যাচ্ছি।’

বাগেরহাটের মোংলা প্রতিনিধি আবু হোসাইন সুমন জানিয়েছেন, গরুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতা কারও মুখেই হাসি নেই। জেলার খামারিরা বিত্তবানদের জন্য শাহীওয়াল, ফ্রিজিয়ানসহ দেশীয় জাতের গরু দেশীয় খাবারের মাধ্যমে মোটাতাজা করেছেন। আর মধ্যবিত্তদের জন্য প্রস্তুত করেছেন দেশি জাতের মাঝারি ও ছোট গরু। লবণাক্ত এ এলাকায় ঘাস ও খড় না থাকায় বিকল্প খাবার কিনে খাওয়াতে গিয়ে তাদের গরু লালন-পালনে খরচ অনেক বেড়েছে।

গরু খামারি মো. মাসুদ, বায়জিদ ও কামারুজ্জামান জসিম জানালেন, এ বছর হাটে বাইরের গরু না আসায় পাল্লা দিয়ে বেড়েছে দেশীয় গরুর দাম। মাংস প্রতি মণ ৩১ থেকে ৩২ হাজার টাকা দর হিসেবে বিক্রি হচ্ছে একেকটি গরু, যা গত বছরের চেয়ে মণে ছয় থেকে সাত হাজার টাকা বেশি।

গতকাল চটেরহাট ঘুরে দেখা যায়, পশু সরবরাহ পর্যাপ্ত হলেও চড়া দামের কারণে বেচাকেনা কম। ক্রেতাদের অনেকেই দীর্ঘ সময় হাট ঘুরে গরু কিনতে না পেরে ফিরে যাচ্ছেন। ভালো দাম না পাওয়ায় বিক্রেতারাও পশু ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।

চটেরহাট বাজারের ইজারাদার মোস্তফা বলেন, ‘হাটে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত, জাল টাকা শনাক্ত, প্রাণিসম্পদ কর্মকর্তাদের তদারকির পাশাপাশি অন্যান্য হাটের তুলনায় খাজনাও কম নেয়া হচ্ছে। তবে বেচাকেনা কম, দাম বেশি।’

যশোরের বেনাপোল প্রতিনিধি রাশেদুর রহমান রাশু জানিয়েছেন, শার্শার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতীয় গরু প্রবেশে কড়াকড়ির কারণে সীমান্তের পশু খাটালগুলো খাঁ খাঁ করছে। তবে ভারতীয় গরু না এলেও দেশীয় পশুতে জমজমাট হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় যশোরের শার্শার বাগ আঁচড়া সাতমাইল পশুহাট। খামারিরা বলছেন, ভারতীয় গরু না আসায় এ বছর তারা ভালো দাম পাবেন। দাম কিছুটা বেশি হলেও দেশি গরু কিনতে পেরে খুশি ক্রেতারাও।

সাতমাইল গরুর হাটের খামারিরা বললেন, ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা থাকলেও বড় গরুর দাম উঠছে না একেবারেই। তাতে খামারিদের অনেককেই গরু বিক্রি করে লোকসান দিতে হবে।

বেনাপোল বন্দর থানার বড় আঁচড়া গ্রামের খামারি আবু তাহের ভারত বলেন, ‘গো খাদ্যের দাম অনেক বেশি। কিন্তু ক্রেতারা যে দাম বলছেন, তাতে প্রতি গরুতে ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা লোকসান হবে।’

পশু বিক্রি না হওয়ায় হতাশা জানিয়ে আরেক খামারি বলেন, হাটে হাজার হাজার কোরবানির পশু রয়েছে। হাজার হাজার ক্রেতাও রয়েছে। কিন্তু তারপরও পশু বিক্রি হচ্ছে না।

সাতমাইল ও নাভারণ পশুহাটে কোরবানির পশু বেচাকেনার সময়ে মেডিকেল টিম কাজ করতে দেখা গেল। হাটে ছিল ক্যাশলেস ব্যবস্থা তথা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের সুবিধা।

বিষয়:

নির্বাচিত

প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৮ নভেম্বর, ২০২৬ ০০:৩৯
নিজস্ব প্রতিবেদক

মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আক্রমণের জন্য যারা আহ্বান জানিয়েছেন, তাদের প্রত্যেককে যাচাই-বাছাই করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেছেন, দুষ্কৃতিকারীরা যদি ভাবে তাদের ভিডিও রেকর্ড, ফুটেজ আমাদের কাছে নেই, তারা ভুল করবেন। যারা থানায় হামলা করেছে, গাড়ি জ্বালিয়েছে, নৈরাজ্য সৃষ্টি করেছে; আজ অথবা কাল প্রত্যেকটা দুষ্কৃতিকারীকে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকেন। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, সীমান্তের ওপাড় থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না।

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আওয়ামী চরিত্র। আওয়ামী চরিত্রের মধ্যে সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই, গণতন্ত্র নেই। তাদের চরিত্রে কেবল আছে স্বৈরাচার, ফ্যাসিবাদী আচরণ। এগুলো তারা করেই যাবে। এগুলো করে যাওয়ার মাধ্যমে তারা প্রমাণ করে যাচ্ছে, যাবে- এই বাংলাদেশের জন্য তারা অপাঙক্তেয়।

এ সময় যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলা চেষ্টার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার ওপরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসী হামলার চেষ্টা করছে। আমরা সংসদ থেকে এর গভীর নিন্দা জানাই। ওই দেশে যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দূতাবাস এবং সেই দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।


নির্বাচিত

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ঐতিহাসিক মাইলফলকে রূপপুর 

* রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু * দুই ইউনিট চালু হলে সরবরাহ সক্ষমতা হবে ২০৬০ মেগাওয়াট
রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিশেষ প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু হলো। তবে কেন্দ্রটি এখনই বাণিজ্যিকভাবে উৎপাদনে যাচ্ছে না। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই ঐতিহাসিক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প থেকে পাঠানো এক তাৎক্ষণিক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় আট থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩ তম দেশ হলো বাংলাদেশ। যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে সরবরাহ শুরু হলে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায়ের সূচনা হলো আজ। এখন নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুসরণ করে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

বিদ্যুৎ সরবরাহ শুরুর পর পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটরসহ বেশ কিছু যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে বিভিন্ন সময়ে প্রথম ইউনিটটি সাময়িকভাবে বন্ধ করা হবে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কমানো বা বাড়ানো হবে। তবে পুরো সময়জুড়েই গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সূত্র বলছে, পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সাময়িক বন্ধ রাখা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনার কোম্পানি পিজিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি নজরদারি করবে।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে প্রকল্পের মেয়াদ।

উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। তাই পরীক্ষা শেষে পাওয়া ফলাফলের প্রতিবেদনটি বায়েরার কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ। তাদের অনুমোদনের পর সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ চলবে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে। রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে সরবরাহ শুরু হলে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠায় বাংলাদেশ।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। কমিশনের অধীন পরিচালনার কাজটি করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে প্রকল্পের মেয়াদ। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই। কিন্তু ডলারের দাম বাড়ায় ২৬ হাজার কোটি টাকা খরচ বেড়েছে প্রকল্পের। ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ হবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে।


নির্বাচিত

তিন বছরে আসছে বিআরটিসির ১,০০০ বৈদ্যুতিক বাস

* দক্ষ চালক তৈরিতে বিনামূল্যে প্রশিক্ষণ, সহায়তা দেবে বিশ্বব্যাংক-এডিবি * ঢাকায় ২০০ বাস চালুর পরিকল্পনা, ৮০০টি চলবে দেশের বিভিন্ন অঞ্চলে * জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যাত্রীসেবার মান উন্নত করার লক্ষ্য
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ও আধুনিক করতে আগামী তিন বছরে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকায় প্রাথমিকভাবে ২০০টি বাস চালুর পরিকল্পনা রয়েছে। বাকি ৮০০টি বাস দেশের বিভিন্ন অঞ্চলের রুটে পরিচালনা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যাত্রীসেবার মান উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গণপরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যে বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় প্রথম পর্যায়ে ৫০টি বৈদ্যুতিক বাস আনার কথা রয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে রাজধানীতে ২০০টি বাসের বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

নারীদের জন্য বিশেষ পিংক বাস: নতুন বৈদ্যুতিক বাসের বহরে নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিত বাসগুলোর মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের। এসব বাস শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৫০টি হবে লাল রঙের সাধারণ সার্ভিসের বাস, যেখানে নারী-পুরুষ উভয়েই চলাচল করতে পারবেন।

বাসগুলোর আকারেও থাকবে পার্থক্য। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসের দৈর্ঘ্য হবে ৯ মিটার এবং সাধারণ সার্ভিসের লাল বাসের দৈর্ঘ্য হবে ১২ মিটার। এসব বাস পরিচালনার জন্য ঢাকায় রক্ষণাবেক্ষণ ও কারিগরি সুবিধা নিশ্চিত করতে পর্যাপ্ত জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে। তবে বাসগুলোর আসনসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।

নারী চালক তৈরিতে বিনামূল্যে প্রশিক্ষণ: বৈদ্যুতিক পিংক বাস পরিচালনায় নারী চালক তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ জন্য হালকা যানবাহন চালানোর লাইসেন্সধারী নারীদের ভারী যানবাহন চালানোর উপযোগী করে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, এ প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের সম্পূর্ণ বিনামূল্যে এক থেকে চার মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে। এবার আরও উন্নত সেবা দিতে শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফাতিমা বেগমের ভাষ্য, পিংক বাস সার্ভিস চালুর পর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এটি মুনাফা অর্জনের উদ্দেশে পরিচালিত হচ্ছে না; বরং মহানগরীসহ সারাদেশে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। এখন রক্ষণশীল পরিবারের সদস্যরাও নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন। এতে দেশে ও বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

দক্ষ চালক তৈরিতে বিশ্বব্যাংক-এডিবির সহায়তা: সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ২০৩০ সালের মধ্যে তা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে তরুণদের দক্ষ চালক হিসেবে গড়ে তুলছে বিআরটিসি।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রোড সেফটি প্রকল্প এবং এডিবির অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় নতুন চালকদের বিনামূল্যে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুটি প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী এ প্রশিক্ষণ নিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

ফাতিমা বেগম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরি হলে তারা দেশে-বিদেশে সম্মানজনক বেতনে চাকরির সুযোগ পাবেন। বিভিন্ন জরিপে নারী চালকদের তুলনামূলক সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর বিষয়টি উঠে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণ শেষে নিয়োগের সুযোগ: নারী চালকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিষয়ে বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান জানান, প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণদের প্রয়োজন অনুযায়ী দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করা হবে।

ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রেও প্রশিক্ষণপ্রাপ্ত এসব প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ থাকবে। তবে তাদের আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে হবে।

সব মিলিয়ে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা শুধু গণপরিবহনে নতুন প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে জ্বালানি সাশ্রয়, পরিবেশ সুরক্ষা, নারী যাত্রীদের নিরাপত্তা এবং দক্ষ চালক তৈরির কর্মসংস্থানমুখী পরিকল্পনা। বাস্তবায়ন হলে দেশের গণপরিবহন ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।


নির্বাচিত

ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: মন্ত্রী পার্থ

ছবি: সংসদে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্টের ফিরে আসার কোনো পরিস্থিতি তৈরি হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষ ও তৎপরতা মূলত রাজনৈতিক মনোযোগ আকর্ষণ এবং দলটির নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, গোপালগঞ্জে যেসব কর্মকাণ্ড চলছে, সেগুলো মূলত রাজনৈতিক মনোযোগ আকর্ষণের জন্য। ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে যে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছিল, সেখান থেকে মানুষের মনোযোগ সরাতে এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এসব করা হচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, দেশ পরিচালনার দিকে সবার মনোযোগ দেওয়া উচিত। যে ফ্যাসিস্টকে সরানো হয়েছে, তাদের ফিরে আসার কোনো পরিস্থিতি তৈরি হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে।

ভারতে অবস্থান করে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তাঁর দাবি, তাদের উদ্দেশ্য রাজনৈতিক সম্প্রীতি ও দেশের গণতান্ত্রিক সংস্কৃতি নষ্ট করা।

পার্থ বলেন, তারা পছন্দ করছে না যে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে এবং বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় ও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছে।

বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের তুলনা করে তিনি বলেন, এখন সংবাদপত্র খুললে রাষ্ট্রীয় মদদে গুম-খুনের খবর দেখা যায় না। এস আলম, দরবেশ বা বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুর মতো ব্যক্তিদের নিয়েও আগের মতো খবর দেখতে হয় না। এসব পরিবর্তন অনেকের ভালো লাগছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা কিংবা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।


নির্বাচিত

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যের পার্লামেন্টে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদে আইন প্রণয়নের বিভিন্ন ধাপ, বিভিন্ন ধরনের বিল, পাবলিক বিল কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আইন প্রণয়নের আগে ও পরে তা পর্যালোচনার গুরুত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

​এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলে ৮ জন সংসদ সদস্যসহ মোট ৯ জন সদস্য উপস্থিত ছিলেন। অন্যদিকে, যুক্তরাজ্যের পক্ষে হাউস অব কমন্সের প্যানেল অব চেয়ারসের সদস্য ভ্যালেরি ভাজ এমপি এবং হাউস অব লর্ডসের অবসর ও অংশগ্রহণবিষয়ক কমিটির চেয়ার ব্যারোনেস টেইলর অব বোল্টনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

​সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সংসদীয় কার্যক্রম ও আইন প্রণয়ন ব্যবস্থার পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হলো।


নির্বাচিত

আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি: আইজিপি মোঃ আলী হোসেন ফকির, বিপিএম ও কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের ইমিগ্রেশন পলিসি ব্যুরোর মহাপরিচালক পার্ক সাং উক।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির, বিপিএম―এর সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের ইমিগ্রেশন পলিসি ব্যুরোর মহাপরিচালক পার্ক সাং উক (Park Sang Wook)-এর নেতৃত্বে এক প্রতিনিধিদল মঙ্গলবার (১৭ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আইজিপি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ-কোরিয়া কূটনৈতিক সম্পর্কের পাঁচ দশকের অংশীদারিত্বের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি কোরিয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার সহায়তায় সিআইডির সাইবার ইনভেস্টিগেশন সেন্টার, "সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ" প্রকল্প এবং চট্টগ্রামের দামপাড়ায় সম্প্রতি সাইবার পুলিশ সেন্টার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কোরিয়ার অবদান কৃতজ্ঞ চিত্তে উল্লেখ করেন।

বৈঠকে ইন্টারপোলের ওয়ান্টেড ও সন্ত্রাসঝুঁকিতে থাকা ব্যক্তিদের তথ্য বিনিময়, ভিসা জালিয়াতি, মানবপাচার, অভিবাসী চোরাচালান ও জাল নথিসহ অভিবাসনসংক্রান্ত অপরাধ দমনে সহযোগিতা সংক্রান্ত আলোচনা হয়। ভবিষ্যতে অভিবাসন-অপরাধে তথ্য বিনিময়, মানবপাচার রোধে যৌথ গোয়েন্দা সেল এবং প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা জোরদারে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

আইজিপি বাংলাদেশে বসবাসরত কোরিয়ান নাগরিক, তাঁদের বিনিয়োগ ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘবদ্ধ আন্তঃসীমান্ত অপরাধ, মানবপাচার ও সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য, ঢাকাস্থ কোরিয়া দূতাবাসের প্রতিনিধি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের

শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদের বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ ছাড়াও শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করেছে দুদক। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসে।

এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।


নির্বাচিত

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন । মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) সকালে বুকে ব্যথা অনুভব করলে মন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয়েছে। অন্য ব্লকটিতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে চিকিৎসকেরা তার এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। পরে চিকিৎসক ডা. ফজলে রাব্বি সংবাদমাধ্যমকে জানান, এনজিওপ্লাস্টির পর মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।


নির্বাচিত

সাময়িক বরখাস্ত হলেন সেই এসপি জাহাঙ্গীর

ছবি: সাময়িক বরখাস্ত হওয়া এসপি মো. জাহাঙ্গীর আলম।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে।

তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী, ১৪ নভেম্বর থেকেই মো. জাহাঙ্গীর আলমকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


নির্বাচিত

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষ হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।’ তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে তাদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক।

এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।


নির্বাচিত

সংসদ সদস্য পদ থেকে ড. ওসমান ফারুকের পদত্যাগ

ড. মুহাম্মদ ওসমান ফারুক। ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন। শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে জয়ী হয়ে তিনি করিমগঞ্জ ও তাড়াইল এলাকার প্রতিনিধিত্ব করার দায়িত্ব পান। তবে শারীরিক অসুস্থতার কারণে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ওসমান ফারুক বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। সে সময় সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন এই রাজনীতিক।


নির্বাচিত

সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি রয়েছে: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে নজরদারি চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে সরকারি নানা স্তরের বহু কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিংবা তাঁদের রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল, যা সমস্যা নয়; তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সময় কেউ যদি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত থাকেন, সেটি উদ্বেগজনক। এ বিষয়ে সরকারের নিজস্ব নজরদারি ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি প্রসঙ্গে জানতে চাওয়া হলে জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত থাকায় কীভাবে এই নজরদারি পরিচালনা করা হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে জড়িত আছেন, ছিলেন। সেটা সমস্যা না। তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী, কাজও করছেন। কিন্তু (কর্মচারী) থাকাকালে তারা যদি জড়িত থাকেন, এটা তো আসলে খুবই ভয়ংকর কথা।’ সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা উল্লেখ করেন, সরকারের নিজস্ব ব্যবস্থা, বিভিন্ন উপায় ও সক্ষমতা রয়েছে এবং সরকার চাইলে এ সংক্রান্ত প্রকৃত তথ্য সংগ্রহ করতে পারে।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি বলেন, ছবি ও ভিডিও ফুটেজে যাঁদের অস্ত্র হাতে দেখা গেছে, তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হবে। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে এবং তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও কথা বলেছেন উল্লেখ করে জাহেদ উর রহমান জানান, সরকার দেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। বর্তমানে আওয়ামী লীগের নামে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ থাকায় মিছিল, সমাবেশ বা সভা আয়োজন বেআইনি; আর সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা সরকার কোনোভাবেই মেনে নেবে না। উপদেষ্টা বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেপ্তার হবেন এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।’

এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যাঁরা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাঁরা নিজেদের বিপদ ডেকে আনছেন; কারণ এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার ওপর জোর দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, পুলিশের বলপ্রয়োগের অধিকার থাকলেও তা যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটিই গুরুত্বপূর্ণ। অতীতে অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হওয়ায় সরকার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না; বরং যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি বলপ্রয়োগ না করে পুলিশ যেন প্রয়োজন অনুযায়ী আনুপাতিকভাবে বলপ্রয়োগের মাধ্যমে দায়িত্ব পালন করে, সরকার সেটিই প্রত্যাশা করে।

আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না এবং সারা দেশেও বড় কোনো সমস্যা তৈরি হবে বলে সরকার মনে করছে না। এর আগের কর্মসূচির বিষয়েও আগের ব্রিফিংয়ে সরকারের অবস্থান জানানো হয়েছিল এবং এসব কর্মসূচি নিয়ে সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখছে না বলে উল্লেখ করেন তিনি।

গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রত্যাহার করার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন; বরং কোনো না কোনো ধরনের ব্যর্থতা থাকলে তা স্বীকার করে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।

গোপালগঞ্জে সহিংসতা চলাকালে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগের বিষয়ে তিনি বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক দেশে পুলিশ একটি অপরিহার্য প্রতিষ্ঠান এবং আধুনিক রাষ্ট্রে পুলিশ থাকতেই হবে; তবে পুলিশ যেন ন্যূনতম বলপ্রয়োগ ও সর্বনিম্ন হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে পারে, সেভাবেই কাজ করতে হবে। গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত মন্তব্য করে তিনি বলেন, পরবর্তী সময়ে যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে তা সরকারের কৌশলের অংশ ছিল এবং পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে—এমনকি সরকারের সমালোচকেরাও গোপালগঞ্জের পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে জানান তিনি।


নির্বাচিত

ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের, বাড়বে মার্কিন বিনিয়োগ: মাহদী আমিন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ নানা খাতে মার্কিন বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য তুলে ধরেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (ডিএফসি)-এর অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে এটিকে অবহিত করা হয়েছে।' এর ফলে সম্ভাব্য সুফলের কথা উল্লেখ করে মুখপাত্র আরও বলেন, 'যার মাধ্যমে সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলো, যেমন ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, টেকনোলজি, ডিজিটাল ট্রান্সফরমেশনসহ বহুমুখী খাতে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি অনেক সহজতর হবে।'

পূর্ববর্তী সময়ে এই অর্থায়ন না আসার প্রেক্ষাপট ব্যাখ্যা করে মাহদী আমিন বলেন, 'আপনারা নিশ্চয়ই জানেন যে, ফ্যাসিবাদী দীর্ঘ সময়ে যখন বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন এর আগে বাংলাদেশে আসেনি বা এর আগে দীর্ঘদিন ধরে সেটা বন্ধ ছিল।'

বর্তমান সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের আস্থার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, 'আজকে যে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের উপর আমরা দেখেছি বৈশ্বিক যে আস্থা এবং বিশ্বাস রয়েছে, সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ এবং আজকের এই ডিএফসির অর্থায়নের যোগ্যতা বাংলাদেশ লাভ করেছে।' পাশাপাশি তিনি যোগ করেন, 'এর মাধ্যমে একদিকে বাংলাদেশের ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি হবে শুধু তাই না, এর পাশাপাশি আমাদের গত নয় মাসের সরকারের যে পলিসি কন্টিনিউটি বা নীতিমালার ধারাবাহিকতা রয়েছে এবং গণতান্ত্রিক সরকারের উপরে যে সর্বাঙ্গীন আস্থা রয়েছে, সেটির আমরা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।'

অর্থনৈতিক অগ্রগতির আশা প্রকাশ করে মাহদী আমিন বলেন, 'আমরা বিশ্বাস করি ডিএফসির মাধ্যমে বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে বৃহৎ প্রকল্পগুলো রয়েছে, সামনের দিনগুলোতে সেখানে মার্কিন বিনিয়োগ আসবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও সামনের দিকে এগিয়ে যাবে।' বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 'ইতিমধ্যে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশের যারা ইনভেস্টর রয়েছেন, যারা বিজনেসম্যান রয়েছেন, উনারা বাংলাদেশের উপর আস্থা রাখছেন এবং বাংলাদেশের যে ইনভেস্টিং ক্লাইমেট আমরা সকল মন্ত্রণালয় মিলে সমন্বিতভাবে তৈরি করছি, তার আলোকে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে আরও সমৃদ্ধ এবং স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।'

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, 'মূলত এই ফান্ডটা পাওয়ার মূল উদ্দেশ্য আপনারা দেখেছেন যে, আমাদের নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার অত্যন্ত শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ করেছে, আমাদের শ্রম আইন পাস করা হয়েছে, যার মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে।' তিনি আরও বলেন, 'এবং আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যারা রয়েছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা রয়েছে, স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্র সেটা অনুপ্রাণিত হয়েই আমাদেরকে এই যে অর্থায়ন সেখানে যোগ্যতার সুযোগ তৈরি করে দিয়েছে।' একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ধরন প্রসঙ্গে মাহদী আমিন জানান, 'কেইস টু কেইস বেসিসে প্রত্যেকটা প্রজেক্ট আসবে এবং এখানে অবধারিত সুযোগ রয়েছে আমাদের বিনিয়োগ বা বিদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনার ক্ষেত্রে।'


নির্বাচিত

banner close