বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

মো. মাজহারুল ইসলাম রানা। ফাইল ছবি
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ৬ জুলাই, ২০২৩ ২০:২২

রাজধানীর এলিফ্যান্ট রোডের মেডিকেল স্টাফ কোয়াটারের একটি রুম থেকে মো. মাজহারুল ইসলাম (রানা) (২৬) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় নিউমার্কেট থানা পুলিশ।

নিহত পুলিশ সদস্য মো. মাজহারুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দিগলদী গ্রামের শফিউল্লাহ ভৃইয়ার ছেলে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন। তার পুলিশ পরিচিতি নং ৯৭১৬১৮৩১৭৪।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে এলিফ্যান্ট রোডের ঢাকা মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার ৩ নম্বর ভবনের নিচতলার রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।

মাকসুদুর রহমান জানান, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশ সদস্য ওই স্টাফ কোয়ার্টারে সাবলেট হিসেবে থাকতেন। আজ ওই ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে কোয়ার্টার থেকে থানায় খবর দেয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে গত বুধবার যে কোনো সময় গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিষয়:

নির্বাচিত

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে মেঘনা আলমকে দুদকের তলব

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে বুধবার তাঁকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন ওই চিঠি ইস্যু করেন।

দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ওই অভিযোগ অনুসন্ধানের প্রয়োজনেই দুদকের তলবি চিঠিতে মেঘনা আলমকে আজ হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত মেঘনা আলম ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে আলোচনায় আসেন। পাশাপাশি তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে কাজ করছেন।

রাজনৈতিকভাবেও আলোচিত ছিলেন মেঘনা আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি তিনি।

বিষয়:

নির্বাচিত

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে সর্বমোট ৪৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত বাহিনীর মধ্যে ঢাকা অঞ্চলে রয়েছে ২০ প্লাটুন বিজিবি, যারা মিরপুর, হেমায়েতপুর, সাভার এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় দায়িত্ব পালন করছে। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি সদস্য অবস্থান করছে।

দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তাৎক্ষণিক তথ্য বিনিময় এবং প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিষয়:

নির্বাচিত

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রসঙ্গত, গত বছর এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। তবে এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের অর্থ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ প্রমুখ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে অবস্থিত সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর তা নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এখনো ঘটনাস্থলে না পৌঁছানোয় অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।


নির্বাচিত

প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৮ নভেম্বর, ২০২৬ ০০:৩৯
নিজস্ব প্রতিবেদক

মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আক্রমণের জন্য যারা আহ্বান জানিয়েছেন, তাদের প্রত্যেককে যাচাই-বাছাই করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেছেন, দুষ্কৃতিকারীরা যদি ভাবে তাদের ভিডিও রেকর্ড, ফুটেজ আমাদের কাছে নেই, তারা ভুল করবেন। যারা থানায় হামলা করেছে, গাড়ি জ্বালিয়েছে, নৈরাজ্য সৃষ্টি করেছে; আজ অথবা কাল প্রত্যেকটা দুষ্কৃতিকারীকে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকেন। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, সীমান্তের ওপাড় থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না।

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আওয়ামী চরিত্র। আওয়ামী চরিত্রের মধ্যে সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই, গণতন্ত্র নেই। তাদের চরিত্রে কেবল আছে স্বৈরাচার, ফ্যাসিবাদী আচরণ। এগুলো তারা করেই যাবে। এগুলো করে যাওয়ার মাধ্যমে তারা প্রমাণ করে যাচ্ছে, যাবে- এই বাংলাদেশের জন্য তারা অপাঙক্তেয়।

এ সময় যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলা চেষ্টার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার ওপরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসী হামলার চেষ্টা করছে। আমরা সংসদ থেকে এর গভীর নিন্দা জানাই। ওই দেশে যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দূতাবাস এবং সেই দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।


নির্বাচিত

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ঐতিহাসিক মাইলফলকে রূপপুর 

* রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু * দুই ইউনিট চালু হলে সরবরাহ সক্ষমতা হবে ২০৬০ মেগাওয়াট
রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিশেষ প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু হলো। তবে কেন্দ্রটি এখনই বাণিজ্যিকভাবে উৎপাদনে যাচ্ছে না। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই ঐতিহাসিক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্প থেকে পাঠানো এক তাৎক্ষণিক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় আট থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩ তম দেশ হলো বাংলাদেশ। যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে সরবরাহ শুরু হলে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্র সূত্র বলছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায়ের সূচনা হলো আজ। এখন নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুসরণ করে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

বিদ্যুৎ সরবরাহ শুরুর পর পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটরসহ বেশ কিছু যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে বিভিন্ন সময়ে প্রথম ইউনিটটি সাময়িকভাবে বন্ধ করা হবে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কমানো বা বাড়ানো হবে। তবে পুরো সময়জুড়েই গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সূত্র বলছে, পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সাময়িক বন্ধ রাখা এবং বিদ্যুৎ সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনার কোম্পানি পিজিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি নজরদারি করবে।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে প্রকল্পের মেয়াদ।

উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। তাই পরীক্ষা শেষে পাওয়া ফলাফলের প্রতিবেদনটি বায়েরার কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ। তাদের অনুমোদনের পর সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ চলবে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে। রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলছেন, শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে সরবরাহ শুরু হলে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠায় বাংলাদেশ।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। কমিশনের অধীন পরিচালনার কাজটি করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছিল রূপপুর প্রকল্পের মেয়াদ। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে প্রকল্পের মেয়াদ। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই। কিন্তু ডলারের দাম বাড়ায় ২৬ হাজার কোটি টাকা খরচ বেড়েছে প্রকল্পের। ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ হবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে।


নির্বাচিত

তিন বছরে আসছে বিআরটিসির ১,০০০ বৈদ্যুতিক বাস

* দক্ষ চালক তৈরিতে বিনামূল্যে প্রশিক্ষণ, সহায়তা দেবে বিশ্বব্যাংক-এডিবি * ঢাকায় ২০০ বাস চালুর পরিকল্পনা, ৮০০টি চলবে দেশের বিভিন্ন অঞ্চলে * জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যাত্রীসেবার মান উন্নত করার লক্ষ্য
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ও আধুনিক করতে আগামী তিন বছরে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকায় প্রাথমিকভাবে ২০০টি বাস চালুর পরিকল্পনা রয়েছে। বাকি ৮০০টি বাস দেশের বিভিন্ন অঞ্চলের রুটে পরিচালনা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যাত্রীসেবার মান উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গণপরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যে বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় প্রথম পর্যায়ে ৫০টি বৈদ্যুতিক বাস আনার কথা রয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে রাজধানীতে ২০০টি বাসের বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

নারীদের জন্য বিশেষ পিংক বাস: নতুন বৈদ্যুতিক বাসের বহরে নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিত বাসগুলোর মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের। এসব বাস শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৫০টি হবে লাল রঙের সাধারণ সার্ভিসের বাস, যেখানে নারী-পুরুষ উভয়েই চলাচল করতে পারবেন।

বাসগুলোর আকারেও থাকবে পার্থক্য। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসের দৈর্ঘ্য হবে ৯ মিটার এবং সাধারণ সার্ভিসের লাল বাসের দৈর্ঘ্য হবে ১২ মিটার। এসব বাস পরিচালনার জন্য ঢাকায় রক্ষণাবেক্ষণ ও কারিগরি সুবিধা নিশ্চিত করতে পর্যাপ্ত জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে। তবে বাসগুলোর আসনসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।

নারী চালক তৈরিতে বিনামূল্যে প্রশিক্ষণ: বৈদ্যুতিক পিংক বাস পরিচালনায় নারী চালক তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ জন্য হালকা যানবাহন চালানোর লাইসেন্সধারী নারীদের ভারী যানবাহন চালানোর উপযোগী করে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, এ প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের সম্পূর্ণ বিনামূল্যে এক থেকে চার মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে। এবার আরও উন্নত সেবা দিতে শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফাতিমা বেগমের ভাষ্য, পিংক বাস সার্ভিস চালুর পর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এটি মুনাফা অর্জনের উদ্দেশে পরিচালিত হচ্ছে না; বরং মহানগরীসহ সারাদেশে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। এখন রক্ষণশীল পরিবারের সদস্যরাও নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন। এতে দেশে ও বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

দক্ষ চালক তৈরিতে বিশ্বব্যাংক-এডিবির সহায়তা: সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ২০৩০ সালের মধ্যে তা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে তরুণদের দক্ষ চালক হিসেবে গড়ে তুলছে বিআরটিসি।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রোড সেফটি প্রকল্প এবং এডিবির অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় নতুন চালকদের বিনামূল্যে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুটি প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী এ প্রশিক্ষণ নিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

ফাতিমা বেগম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরি হলে তারা দেশে-বিদেশে সম্মানজনক বেতনে চাকরির সুযোগ পাবেন। বিভিন্ন জরিপে নারী চালকদের তুলনামূলক সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর বিষয়টি উঠে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রশিক্ষণ শেষে নিয়োগের সুযোগ: নারী চালকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিষয়ে বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান জানান, প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণদের প্রয়োজন অনুযায়ী দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করা হবে।

ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রেও প্রশিক্ষণপ্রাপ্ত এসব প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ থাকবে। তবে তাদের আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে হবে।

সব মিলিয়ে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা শুধু গণপরিবহনে নতুন প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে জ্বালানি সাশ্রয়, পরিবেশ সুরক্ষা, নারী যাত্রীদের নিরাপত্তা এবং দক্ষ চালক তৈরির কর্মসংস্থানমুখী পরিকল্পনা। বাস্তবায়ন হলে দেশের গণপরিবহন ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।


নির্বাচিত

ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: মন্ত্রী পার্থ

ছবি: সংসদে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্টের ফিরে আসার কোনো পরিস্থিতি তৈরি হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী লীগকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘর্ষ ও তৎপরতা মূলত রাজনৈতিক মনোযোগ আকর্ষণ এবং দলটির নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, গোপালগঞ্জে যেসব কর্মকাণ্ড চলছে, সেগুলো মূলত রাজনৈতিক মনোযোগ আকর্ষণের জন্য। ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে যে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছিল, সেখান থেকে মানুষের মনোযোগ সরাতে এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এসব করা হচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, দেশ পরিচালনার দিকে সবার মনোযোগ দেওয়া উচিত। যে ফ্যাসিস্টকে সরানো হয়েছে, তাদের ফিরে আসার কোনো পরিস্থিতি তৈরি হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে।

ভারতে অবস্থান করে একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তাঁর দাবি, তাদের উদ্দেশ্য রাজনৈতিক সম্প্রীতি ও দেশের গণতান্ত্রিক সংস্কৃতি নষ্ট করা।

পার্থ বলেন, তারা পছন্দ করছে না যে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে এবং বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় ও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছে।

বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের তুলনা করে তিনি বলেন, এখন সংবাদপত্র খুললে রাষ্ট্রীয় মদদে গুম-খুনের খবর দেখা যায় না। এস আলম, দরবেশ বা বেসিক ব্যাংকের আবদুল হাই বাচ্চুর মতো ব্যক্তিদের নিয়েও আগের মতো খবর দেখতে হয় না। এসব পরিবর্তন অনেকের ভালো লাগছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা কিংবা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।


নির্বাচিত

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চীফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যের পার্লামেন্টে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদে আইন প্রণয়নের বিভিন্ন ধাপ, বিভিন্ন ধরনের বিল, পাবলিক বিল কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আইন প্রণয়নের আগে ও পরে তা পর্যালোচনার গুরুত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

​এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলে ৮ জন সংসদ সদস্যসহ মোট ৯ জন সদস্য উপস্থিত ছিলেন। অন্যদিকে, যুক্তরাজ্যের পক্ষে হাউস অব কমন্সের প্যানেল অব চেয়ারসের সদস্য ভ্যালেরি ভাজ এমপি এবং হাউস অব লর্ডসের অবসর ও অংশগ্রহণবিষয়ক কমিটির চেয়ার ব্যারোনেস টেইলর অব বোল্টনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

​সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সংসদীয় কার্যক্রম ও আইন প্রণয়ন ব্যবস্থার পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হলো।


নির্বাচিত

আইজিপির সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি: আইজিপি মোঃ আলী হোসেন ফকির, বিপিএম ও কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের ইমিগ্রেশন পলিসি ব্যুরোর মহাপরিচালক পার্ক সাং উক।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির, বিপিএম―এর সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের ইমিগ্রেশন পলিসি ব্যুরোর মহাপরিচালক পার্ক সাং উক (Park Sang Wook)-এর নেতৃত্বে এক প্রতিনিধিদল মঙ্গলবার (১৭ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আইজিপি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ-কোরিয়া কূটনৈতিক সম্পর্কের পাঁচ দশকের অংশীদারিত্বের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি কোরিয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার সহায়তায় সিআইডির সাইবার ইনভেস্টিগেশন সেন্টার, "সেফার সাইবারস্পেস ফর ডিজিটাল বাংলাদেশ" প্রকল্প এবং চট্টগ্রামের দামপাড়ায় সম্প্রতি সাইবার পুলিশ সেন্টার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কোরিয়ার অবদান কৃতজ্ঞ চিত্তে উল্লেখ করেন।

বৈঠকে ইন্টারপোলের ওয়ান্টেড ও সন্ত্রাসঝুঁকিতে থাকা ব্যক্তিদের তথ্য বিনিময়, ভিসা জালিয়াতি, মানবপাচার, অভিবাসী চোরাচালান ও জাল নথিসহ অভিবাসনসংক্রান্ত অপরাধ দমনে সহযোগিতা সংক্রান্ত আলোচনা হয়। ভবিষ্যতে অভিবাসন-অপরাধে তথ্য বিনিময়, মানবপাচার রোধে যৌথ গোয়েন্দা সেল এবং প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা জোরদারে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

আইজিপি বাংলাদেশে বসবাসরত কোরিয়ান নাগরিক, তাঁদের বিনিয়োগ ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘবদ্ধ আন্তঃসীমান্ত অপরাধ, মানবপাচার ও সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য, ঢাকাস্থ কোরিয়া দূতাবাসের প্রতিনিধি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের

শেখ হাসিনা, জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদের বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ ছাড়াও শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করেছে দুদক। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসে।

এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।


নির্বাচিত

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন । মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) সকালে বুকে ব্যথা অনুভব করলে মন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয়েছে। অন্য ব্লকটিতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে চিকিৎসকেরা তার এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। পরে চিকিৎসক ডা. ফজলে রাব্বি সংবাদমাধ্যমকে জানান, এনজিওপ্লাস্টির পর মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।


নির্বাচিত

সাময়িক বরখাস্ত হলেন সেই এসপি জাহাঙ্গীর

ছবি: সাময়িক বরখাস্ত হওয়া এসপি মো. জাহাঙ্গীর আলম।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে।

তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী, ১৪ নভেম্বর থেকেই মো. জাহাঙ্গীর আলমকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


নির্বাচিত

banner close