দেশের ১৩টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি ব্যয়ে লাগাম টানতে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। ব্যয় সংকোচনের নীতি অনুসরণের অংশ হিসেবে নতুন সব ধরনের গাড়ি কেনা, সরকারি অর্থে বিদেশে প্রশিক্ষণ বা সেমিনারে অংশ নেওয়া এবং নতুন ভবন নির্মাণ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের সংখ্যা কাটছাঁট করে কেবল অগ্রাধিকারপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে অর্থায়ন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সোমবার (৯ নভেম্বর) একটি পরিপত্র জারির মাধ্যমে সংশোধিত বাজেট প্রণয়নের এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে মূল বাজেটের ব্যয়ের সীমা ছাড়িয়ে অতিরিক্ত প্রস্তাব না দেওয়ার আদেশ এবং আগামী ২৬ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় পুনর্বিন্যাসসহ সংশোধিত প্রস্তাব জমা দিতে সব মন্ত্রণালয়কে বলা হয়েছে।
পরিপত্র অনুযায়ী চলতি অর্থবছরে বরাদ্দ করা অর্থ ব্যবহার করে সব ধরনের যানবাহন কেনা বন্ধ থাকবে। তবে ১০ বছরের পুরোনো সরকারি তালিকাভুক্ত গাড়ি প্রতিস্থাপন এবং নতুন সৃষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাজের স্বার্থে বাহন ক্রয়ের ক্ষেত্রে অর্থ বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে বৈদ্যুতিক গাড়ি কেনা যাবে। এই বাধ্যবাধকতা কেবল অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত গাড়ির জন্য শিথিল করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গাড়ি কেনার সুদমুক্ত ঋণ বরাদ্দ এবং পরিচালন বাজেটের অধীনে ভূমি অধিগ্রহণের বরাদ্দ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক স্থাপনা ব্যতিরেকে সব ধরনের নতুন আবাসিক কিংবা অনাবাসিক ভবন নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে যেসব ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে ৭০ শতাংশ বা তার বেশি শেষ হয়েছে, অর্থ বিভাগের অনুমোদন নিয়ে সেগুলোর কাজ সম্পন্ন করা যাবে। বিদেশে প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলনে সরকারি খরচে অংশ নেওয়ার বরাদ্দ স্থগিত থাকলেও জরুরি ক্ষেত্রে সীমিত পরিসরে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে। তবে সরকারি অনুষ্ঠানের আড়ম্বর কমিয়ে আনাসহ আপ্যায়ন ও সেমিনারে কৃচ্ছ্রসাধনের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কৌশলগত লক্ষ্য ও নির্বাচনী ইশতেহারের ওপর ভিত্তি করে অগ্রাধিকার নির্ধারণের তাগিদ দেওয়া হয়েছে। বৈশ্বিক ঋণনির্ভর প্রকল্প, মানবসম্পদ, কৃষি, বিদ্যুৎ, জলবায়ু মোকাবিলা এবং চলতি অর্থবছরে সমাপ্তির তালিকায় থাকা প্রকল্পগুলোকে প্রাধান্য দিয়ে ধীরগতির প্রকল্পগুলোর বরাদ্দ ছেঁটে ফেলা হবে। বেতন-ভাতা নির্ধারণের ক্ষেত্রে ২০২৬ সালের নতুন জাতীয় বেতনকাঠামো এবং শেষ কয়েক মাসের প্রকৃত ব্যয়ের প্রবণতাকে বিবেচ্য ধরা হয়েছে, যাতে সরকারি সম্পদের অপচয় রোধ করে অগ্রাধিকারযুক্ত খাতে টাকার সংস্থান নিশ্চিত করা সম্ভব হয়।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই আগুন সন্ত্রাস, গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ বারবার তাদের রাজনৈতিক চরিত্রের পরিচয় দিচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, যারা আজ অগ্নিসংযোগ করছে, এটা নতুন কিছু নয়। তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে। তারা গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শুধু দলটির রাজনৈতিক কার্যক্রম নয়, এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।
২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, গেজেট অনুযায়ী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম বা অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি। সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, রাতের অন্ধকারে দুই-চারজন এসে কোথাও স্লোগান দিয়ে চলে যেতে পারে, কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে এসব ঘটনার মধ্য দিয়ে বারবার প্রমাণিত হচ্ছে, আগুন সন্ত্রাস তারাই করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ বিভিন্ন বাহিনী সন্ত্রাসী সংগঠন ও এর সদস্যদের গ্রেপ্তারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এই আগুন সন্ত্রাসের মূল হোতা, যিনি পলাতক, তাকে বাংলাদেশে এনে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এই বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।’
গণমাধ্যম নিয়ন্ত্রণ প্রসংগে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সংগঠনটির পক্ষ থেকে বেশ কিছু দাবি ও নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো কীভাবে টিকিয়ে রাখা যায় এবং সেগুলোকে আরও আধুনিক করা যায়, সে বিষয়েও বিভিন্ন ধারণা তুলে ধরেছেন তারা। ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিজেসি লিখিতভাবে তাদের দাবিদাওয়া সরকারের কাছে জমা দেবে। সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই।
দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঠেকাতে সারাদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ জন্য টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে আইজিপি পেশাদারত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দেন। তবে অভিযানের নামে কোনোভাবেই যেন নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।
এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সারাদেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।
সৌদি আরবে ইয়েমেনের একাধিক বোমা হামলার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশটির বিমানবন্দর। প্রতিদিন হাজারো ফ্লাইট উঠানামা করলেও ইয়েমেনের ক্ষেপনাস্ত্র ছোঁড়ার কারণে দেশটির বিমানবন্দর বন্ধ ঘোষণা করে। শুধু তাই নয়, সৌদি আকাশও ব্যবহার করতে দিচ্ছে না ইয়েমেন। এমন অবস্থায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সেখানে চাকরি করা বাংলাদেশিরা।
চাকরি বাঁচাতে কেউ খুঁজছেন বিকল্প রুট, কেউ বাধ্য হচ্ছেন বাড়তি খরচের বোঝা নিতে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়া এবং কর্মস্থলে ফিরতে দেরি হওয়ায় চাকরি হারানোর শঙ্কা। তবে পরিস্থিতির শিকার হয়ে দেশে আটকে পড়া প্রবাসীকর্মীর সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিংবা জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রার কাছে। ফলে কতজন কর্মী এই সংকটে পড়েছেন, তাদের আর্থিক ক্ষতির পরিমাণ কত এবং কবে নাগাদ তাঁরা কর্মস্থলে ফিরতে পারবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত ১০ অক্টোবর সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পর ১১ অক্টোবর থেকে বাংলাদেশ-সৌদি সরাসরি ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১০৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত যাত্রীদের ৬০ থেকে ৭০ শতাংশই প্রবাসীকর্মী। সেই হিসাবে প্রায় ১০ হাজার কর্মী ভোগান্তিতে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা মো. মাসুম বিল্লাহ গত ২ সেপ্টেম্বর ছুটিতে দেশে এসেছিলেন। আগামী ১ নভেম্বর তাঁর ভিসার মেয়াদ শেষ হবে। ১৬ অক্টোবর রিয়াদ যাওয়ার টিকিট কাটলেও পরে সেটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত তাকে জেদ্দাগামী ফ্লাইটের টিকিট নিতে হয়েছে। সেখান থেকে রিয়াদ যেতে অতিরিক্ত তিন থেকে চার হাজার টাকা খরচ হবে বলে জানান তিনি। আরেক ভুক্তভোগি টাঙ্গাইলের মো. আলমগীরের রিয়াদগামী ফ্লাইট বাতিল হওয়ায় তাকে মদিনার টিকিট দেওয়া হয়েছে। সেখান থেকে সড়কপথে দাম্মামে কর্মস্থলে যেতে হবে তাকে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার মো. আলামিন বাড়তি খরচের আশঙ্কায় আপাতত সৌদি আরবে ফেরার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।
বায়রার সাবেক যুগ্ম মহাসচিব টিপু সুলতানের মতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় দুই হাজার কর্মী যাতায়াত করেন। কয়েক দিন ধরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় আটকে পড়া কর্মীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
বায়রার সদস্য শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহে মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। ছুটিতে দেশে আসা কর্মীদের নিবন্ধন ও কেন্দ্রীয় তথ্যভান্ডার থাকলে এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের হিসাব পাওয়া সহজ হতো।
তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আটকে পড়া কর্মীদের তালিকা তৈরিতে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে কোনো চিঠি দেওয়া হয়নি। অন্যদিকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনির্দিষ্ট তথ্য না থাকায় মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, নিরাপত্তার উদ্বেগে সৌদি আরবে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া চুয়াডাঙ্গার রুবেল রানা টিকিটের প্রায় ৭৭ হাজার ৯৯৫ টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। সব মিলিয়ে ফ্লাইট সংকটে প্রবাসীকর্মীদের কর্মস্থলে ফেরা, অতিরিক্ত ব্যয় এবং টিকিটের অর্থ ফেরত পাওয়া নিয়ে বাড়ছে ভোগান্তি।
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আগে কিশোর গ্যাং বলতে কিছু ছিল না। কিন্তু বিগত ১৭ বছরে কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই অপরাধপ্রবণতা রোধ করতে হবে, যাতে তা আর বাড়তে না পারে।
শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করতে হবে। শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করলে এবং প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা শিক্ষার্থীদের কার্যক্রম মনিটরিং করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এ বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
কৃষি কর্মকর্তা-সহ সকল সরকারি কর্মকর্তাকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং নৈতিক দায়িত্ব পালন করতে হবে। পরবর্তী সভায় প্রত্যেক সেক্টরের কাজের অগ্রগতি ও জবাবদিহি করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মানসিকতার পরিচয় দিচ্ছেন। উদারতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার দিক থেকে আমাদের কোনো কমতি নেই। বিগত সরকার সব ক্ষেত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেখান থেকে রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, সবাই নিয়মের মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করুক। সবাই সহযোগিতা করলে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হবে।
ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, শাম্মী আক্তার ও সানজিদা ইসলাম তুলি, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
দেশের অবিরত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি 'বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড' (বাপেক্স)-কে আরও শক্তিশালী ও সক্ষম করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
পুনর্গঠিত পর্ষদে অন্যান্য সদস্য হিসেবে যুক্ত রয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) ড. মোঃ আকনুর রহমান, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব এস এম মাহবুব আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী, পেট্রোবাংলার প্রাক্তন পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) মোঃ কামরুজ্জামান এবং বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হক।
নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর চেয়ারম্যানের গতিশীল নেতৃত্বে এ পর্যন্ত ৫টি সফল বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগস্ট, ২০২৬ থেকে ২৬ অক্টোবর, ২০২৬-এর মধ্যে অনুষ্ঠিত এসব সভায় প্রতিষ্ঠানটির উন্নয়ন ও কার্যক্ষমতা বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে:
প্রকল্প অনুমোদন: ১টি প্রকল্পের সংশোধিত ডিপিপি (DPP) এবং ১টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
সাইসমিক সার্ভে: ভূগর্ভস্থ জ্বালানি অনুসন্ধানের পরিধি প্রসারে ৪১০ লাইন কিলোমিটার ২ডি (2D) এবং ২১১০ বর্গ কিলোমিটার ৩ডি (3D) সাইসমিক সার্ভে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
কূপ খনন ও ওয়ার্কওভার: দেশে তেল-গ্যাস উৎপাদন ত্বরান্বিত করতে দ্রুততম সময়ের মধ্যে ১৪টি কূপ খনন ও ওয়ার্কওভার (Workover) কার্যক্রম পরিচালনায় কর্মপরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ২৫ নভেম্বর, ২০২৬ তারিখে বাপেক্সের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত পর্ষদের এসব দূরদর্শী ও কার্যকর পদক্ষেপের ফলে দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে বাপেক্স আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।
কেনাকাটায় দুর্নীতি ও নিম্নমানের মালামাল ক্রয় এবং বাড়তি বিল দেখিয়ে বাংলাদেশ রেলওয়ের লোকোশেডে প্রতি বছর ৪ থেকে ৫ কোটি টাকা আত্মসাৎ হয়। গোপন সূত্রে খবর পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কমলাপুর রেলওয়ের লোকোশেডে অভিযান চালায়। একই অভিযান চালায় পঞ্চগড় পৌরসভা, বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস ও নাটোরের লালপুরেও।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি দল কমলাপুর লোকোশেডে অভিযান পরিচালনা করেন। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলীর (লোকো) দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। স্থানীয় ঠিকাদারদের মাধ্যমে প্রতি বছর প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার মালামাল কেনার বরাদ্দের বিপরীতে নিম্নমানের ও প্রয়োজনের তুলনায় কম মালামাল কিনে অতিরিক্ত বিল-ভাউচার তৈরি করা হয়। একই সঙ্গে স্টোরে সংরক্ষিত মালামাল ও যন্ত্রাংশ আত্মসাৎ, রেলওয়ের লোহা, তামা, লুব্রিকেন্টসহ অন্যান্য মালামাল চুরি করে স্থানীয় বাজারে বিক্রি এবং ভুয়া হিসাব দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
এ ছাড়া শ্রমিকদের টিফিন বিল ও অন্যান্য ভাতা প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত নাম অন্তর্ভুক্ত করে বিল উত্তোলন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সেই অর্থ ভাগাভাগি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্টোরের মালামাল ক্রয়, সংরক্ষণ ও বিতরণসংক্রান্ত রেজিস্টার এবং ভাউচারে কারসাজির মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি দুর্নীতির সিন্ডিকেট পরিচালিত হওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে অভিযান শেষ করেছে দুদকের দল। সংগৃহীত তথ্য-উপাত্ত ও পর্যবেক্ষণ প্রতিবেদন আকারে কমিশনে জমা দেবেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
এ ছাড়া পঞ্চগড় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজ এবং সরকারি অর্থ অপচয়ের অভিযোগে অভিযান চালানো হচ্ছে। জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি কালভার্ট পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ইট বিছানো হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র তিন মাসের মাথায় সেগুলো তুলে ফেলা হয়। প্রকল্প গ্রহণে অদূরদর্শিতা, নিম্নমানের কাজ এবং সরকারি অর্থ অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছেন দুদকের কর্মকর্তারা।
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের সঙ্গে যোগসাজশে পাসপোর্টসেবা দিতে হয়রানি, সরকারি ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সেখানে অভিযান পরিচালনা করেছে দুদক। এ ছাড়া নাটোরের লালপুর উপজেলায় লালপুর-ভায়া বিলমাড়িয়া-দুড়দুড়িয়া গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণকাজে অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের প্রাক্কলন ও নির্ধারিত শিডিউল অনুসরণ না করা এবং যোগসাজশে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে।
এসব অভিযানের বিষয়ে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত ও পর্যবেক্ষণ উল্লেখ করে কমিশনে প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।’
বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবিউরি গ্রুপ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো বিমান ক্রয়, অর্থায়ন ও লিজিং খাতে বিশ্বব্যাপী বিনিয়োগ এবং সম্পদ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করছে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটিকে আরও শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে ইতোমধ্যে উড়োজাহাজের বহর (ফ্লিট) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন উড়োজাহাজ সরবরাহের সময়সীমা বিবেচনায় নিয়ে মধ্যবর্তী সময়ের চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। এ ক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কারিগরি ও পরিচালনাগত সূচক যথাযথভাবে মূল্যায়ন করা হবে।’ দেশের ক্রমবর্ধমান এয়ার কার্গো চাহিদার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান বহরের দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটার বা সম্পূর্ণ কার্গো পরিবহনের উপযোগী উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিপুল কার্গো চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্গো পরিবহন সক্ষমতা বাড়বে। একই সঙ্গে এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাইবিউরি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দেন তিনি। সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ, উড়োজাহাজ লিজিং, অর্থায়ন এবং কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। এ ধরনের সহযোগিতা দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বেলা ১২ টা ৪০ মিনিটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।
সম্মেলনে তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২ টা ৪০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছায়। ইস্তাম্বুলে যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় বিকেল আন্তালিয়ার উদ্দেশ্য রওনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে আজ সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
আগামী ১১ ও ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন। এতে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গত সোমবার ঢাকায় সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।
তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। এসব আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
তাই জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ তার ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে সচেতনতা সৃষ্টি এবং সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে। এ ধরনের ক্ষয়ক্ষতির হিসাব বিভিন্ন রকম হলেও আন্তর্জাতিক পরিসরে তা তুলে ধরা বাংলাদেশের স্বার্থ এগিয়ে নিতে সহায়ক।
বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের সাফল্যও সম্মেলনে তুলে ধরবে। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় করবে।
সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এতে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে। এর একটি হবে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি নিয়ে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তঃমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম পরিচালনা করেছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এ সম্মেলনে অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।
কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ হচ্ছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিয়ে বিভিন্ন দেশ আলোচনা করে। এ বছর তুরস্ক সম্মেলনের সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে।
প্রধানমন্ত্রীর আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে। সূত্র: বাসস
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক তৎপরতার পাশাপাশি যেকোনো প্ল্যাটফর্মে তাদের কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্পষ্টভাবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এই বিধিনিষেধের বিষয়টি দায়িত্বশীল গণমাধ্যমের সার্বক্ষণিকভাবে বিবেচনায় রাখা উচিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে আগুন সন্ত্রাস, এটা নতুন কিছু নয়। জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে। তাদের জন্মলগ্ন থেকেই তারা গুম-খুনের সঙ্গে জড়িত এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় গিয়ে তারা এসব করবে, সেটাই স্বাভাবিক। এটা তাদের পক্ষেই সম্ভব।’ তিনি উল্লেখ করেন, দলটির রাজনীতির ভিত্তিই দাঁড়িয়ে রয়েছে ধ্বংসযজ্ঞের ওপর। এ সময় ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি গেজেটের সুস্পষ্ট নির্দেশনা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী জানান, ওই আদেশে বাংলাদেশ আওয়ামী লীগসহ তাদের সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় সভা, সমাবেশ, মিছিলের পাশাপাশি প্রকাশনা, প্রচলিত গণমাধ্যম কিংবা ডিজিটাল সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো প্রকার প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, জননিরাপত্তা বজায় রাখতে পুলিশসহ নিরাপত্তা বাহিনী এবং সাধারণ জনগণ সর্বোচ্চ সজাগ রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। রাতের আঁধারে অতর্কিত উপস্থিত হয়ে স্লোগান দেওয়া কিংবা নির্জন স্থানে দাঁড়িয়ে থাকা যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনাকে তাদের স্বভাবসুলভ চোরাগোপ্তা হামলা হিসেবে আখ্যায়িত করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, এসব তৎপরতার পেছনে যে মূল হোতা বিদেশে আত্মগোপনে রয়েছেন, তাকে দেশে ফিরিয়ে এনে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে, যার অপেক্ষায় রয়েছে দেশের আপামর জনতা। একই সাথে তিনি নিশ্চিত করেন যে, বর্তমান প্রশাসন গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করছে না এবং আগামীতেও গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো অভিপ্রায় সরকারের নেই।
বিগত সতেরো বছরে কোনো প্রকার গুণগত যাচাই-বাছাই ব্যতিরেকে অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেন, মানহীন এসব প্রতিষ্ঠান কেবল কাগজের সনদ বিতরণ করে দেশের অমিত সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে গভীর হতাশার দিকে ঠেলে দিয়েছে এবং বহু শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিমুনাফাকেন্দ্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে। মঙ্গলবার ঢাকার পূর্বাচলে আয়োজিত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কঠোর বাস্তবতা তুলে ধরেন।
রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেন যে, উচ্চশিক্ষার প্রকৃত বিস্তার নিছক বিদ্যাপীঠের সংখ্যা দিয়ে মূল্যায়ন করা যায় না; বরং শিক্ষার অভ্যন্তরীণ গুণগত মান, সমসাময়িক পাঠ্যক্রম, দক্ষ শিক্ষকমণ্ডলী, বাস্তবভিত্তিক জ্ঞানার্জন এবং শোভন কর্মসংস্থানের পরিবেশই প্রাতিষ্ঠানিক সাফল্যের আসল মাপকাঠি। দীর্ঘকাল ধরে দেশের শিক্ষাব্যবস্থায় বিরাজমান বহুমুখী ধারা, বৈষম্য এবং সুযোগের ব্যবধান দূর করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাকাঠামো বিনির্মাণকে সময়ের অপরিহার্য দাবি হিসেবে উল্লেখ করেন তিনি। একই সাথে বিশ্বমানের আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছানোর পাশাপাশি নিজস্ব ইতিহাস, ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের শিকড়কে সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আধুনিক কর্মবাজারের বাস্তব চাহিদার সঙ্গে উচ্চশিক্ষার সরাসরি সংযোগ স্থাপনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে এমন কর্মমুখী ও প্রযুক্তিগত পাঠ্যসূচি অনুসরণ করতে হবে যা তরুণদের শুধুমাত্র চাকরিপ্রার্থী না বানিয়ে উদ্ভাবনী উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে প্রচলিত কর্মক্ষেত্রের রূপান্তর ঘটছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের পরিবর্তিত বিশ্বে টিকে থাকতে সনদের চেয়েও সমস্যা সমাধানের নিজস্ব দক্ষতা, স্বাধীন চিন্তাভাবনা এবং নিরন্তর নতুন কিছু শেখার মানসিকতা বেশি প্রয়োজন। তবে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারে মানুষের নিজস্ব মননশীলতা, বিবেক ও মানবিক নৈতিকতা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
স্নাতকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন নিছক আনুষ্ঠানিক সনদ প্রাপ্তির দিন নয়, বরং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অর্জিত জ্ঞানকে উৎসর্গ করার একটি পবিত্র অঙ্গীকার। প্রাতিষ্ঠানিক অধ্যয়ন শেষ হলেও প্রকৃত মানবিক গুণাবলি অর্জনের শিক্ষা আজীবন চলমান থাকে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সর্বদা সত্য, ন্যায় ও সততার আদর্শে অবিচল থাকার দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত এ সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।
ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো প্রকার আইনি প্রতিবন্ধকতা রয়েছে বলে মনে করে না বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি ও বিধিবদ্ধ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে সুস্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই দৃঢ় বার্তা তুলে ধরেন।
শেখ হাসিনার বিচারিক অবস্থান তুলে ধরে উপদেষ্টা জানান, তিনি নিছক কোনো সাধারণ অপরাধী নন, বরং মানবতাবিরোধী অপরাধের মতো চরম দণ্ডনীয় অপরাধে আদালতের রায়ে দণ্ডিত আসামি। সাধারণ শত শত খুনের চেয়ে মানবতাবিরোধী অপরাধের মাত্রা ও আইনি রূপরেখা সম্পূর্ণ আলাদা। তিনি স্মরণ করিয়ে দেন, দেশের সংবিধানেও সুস্পষ্ট উল্লেখ রয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের বেলায় সাধারণ মৌলিক মানবাধিকার কার্যকর বা প্রযোজ্য থাকে না।
প্রত্যর্পণ প্রক্রিয়ায় ভারতের সম্ভাব্য আইনি বাধা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, অতীতে ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন জটিলতার কথা বলা হলেও বাস্তবতা হলো শেখ হাসিনা নিজে যেখানে বারবার দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, সেখানে আইনি জটিলতা বা আদালতের দীর্ঘসূত্রতার কোনো সুযোগ নেই। ভারত সরকারের সঙ্গে কার্যকর প্রত্যর্পণ চুক্তি বলবৎ রয়েছে এবং সেই চুক্তির আনুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করেই তাকে বাংলাদেশের কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের আবেদন করা হয়েছে।
পাসপোর্ট প্রাপ্তির গুঞ্জন ও ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রসঙ্গে উপদেষ্টা স্পষ্ট করেন যে, একটি আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে ব্যক্তিগতভাবে নতুন পাসপোর্টের জন্য আনুষ্ঠানিক কোনো আবেদন জমা দেননি। ফলে এ বিষয়ে অযথা বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে এবং পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রস্তুতকরণ একটি স্বাভাবিক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে যথাসময়ে সম্পন্ন হবে। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, কোনো অস্পষ্টতা বা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে নয়, বরং যথাযথ রাষ্ট্রীয় ও আইনি কার্যপ্রণালী কঠোরভাবে অনুসরণ করেই এই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে দেশে এনে বিচারের আওতায় সোপর্দ করাই সরকারের চূড়ান্ত লক্ষ্য।