আগামী সপ্তাহে নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের সঙ্গে তিস্তার পানি বণ্টনের বিষয়টিও উত্থাপন করবে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কথা বলেন।
জাতিসংঘের পানি সম্মেলন উপলক্ষে এদিন আন্তমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে কি না, তা জানতে চাওয়া হয় মাসুদ বিন মোমেনের কাছে।
জবাবে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ‘দিল্লিতে তিস্তা ইস্যু নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী উত্থাপন করবেন। তবে অন্যান্য ইস্যুও আছে আমাদের। ৫৪টি অভিন্ন নদী ইস্যু আছে, গঙ্গা পানি চুক্তির মেয়াদও সামনে শেষ হবে। এসব বিষয় নিয়ে আমাদের যৌথ নদী কমিশনও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে রাজনৈতিক উচ্চপর্যায় থেকেও আমরা তিস্তার হিস্যা নিয়ে আলোচনা করে এসেছি বা আলোচনায় রেখেছি। এবারও আশা করছি প্রধানমন্ত্রী সেটা করবেন।’
দীর্ঘ আলোচনার পর ১৯৯৬ সালে বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বণ্টন চুক্তি সই হয়। ৩০ বছরের চুক্তির মেয়াদ ২০২৬ সালের মধ্যে শেষ হবে।
চলতি বছরের মার্চে তিস্তার পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গে নতুন করে দুটি খাল খননের বিষয়ে কূটনৈতিক পত্রের মাধ্যমে নয়াদিল্লির কাছে জানতে চেয়েছে ঢাকা। এরপর প্রায় পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেছে। এ বিষয়ে নয়াদিল্লির কোনো বার্তা পাওয়া গেছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এখনো পাইনি।
ভবিষ্যতে পানি সমস্যা সমাধানে আগাম সচেতনতার বার্তা দেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ‘আমাদের অনেক পানি আছে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আগামী ৫ বছর বা ১০ বছর পর হয়তো আমাদের পানি নিয়ে দুশ্চিন্তার কারণ আসতে পারে। সে জন্য বৈজ্ঞানিকভাবে আমাদের বিষয়টি নিয়ে কাজ করতে হবে। জনগণের মধ্যে সচেতনতা আরও বাড়াতে হবে। আমাদের যে পানি আছে, সেটিকে কীভাবে আরও ভালোভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের যে আন্তর্জাতিক কমিটমেন্ট এবং এনগেজমেন্ট আছে, সেটি নিয়ে কীভাবে একসঙ্গে কাজ করতে পারি। রিসোর্স মবিলাইজেশনের ব্যাপার আছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা-সম্পর্কিত তহবিল আছে, সেটিকে কীভাবে ভালোভাবে ব্যবহার করতে পারি... অনেক কাজ আছে সামনে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে উপস্থিত পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেন, ডেল্টা প্ল্যানের অধীনে ৫৭টি প্রকল্প নিয়ে কাজ করছি। ইতোমধ্যে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং আরও কিছু চলমান রয়েছে।
প্রসঙ্গত, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের আমন্ত্রণে ওই শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ সেপ্টেম্বর সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
সরকার গঠনের ছয় মাস পর বাড়ল মন্ত্রিসভার আকার । নতুন করে পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হলেন। আর একজন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শুক্রবার রাতেই মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়েছে।
এর মধ্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। আর বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন (আগে এই মন্ত্রণালয়েরই প্রতিমন্ত্রী ছিলেন)। আর এই মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মো. আব্দুল বারী।
শুক্রবার(২১ আগস্ট-২০২৬) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি পদে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম। শপথের পর রাতে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মঈন খান। নতুন মন্ত্রী সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। মন্ত্রিসভা গঠনের তিন মাসের মাথায় দীপেন দেওয়ান পদত্যাগ করায় এই মন্ত্রীর পদটি শূন্য হয়েছিল।
অন্যদিকে নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে শামীম কায়সার (লিংকন) পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব। আর হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে শামা ওবায়েদ ইসলামও বহাল আছেন। অর্থাৎ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী।
সরকারের নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন এবং ১ মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তরের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।
গেজেট অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন-
ড. আবদুল মঈন খান : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এম রশিদুজ্জামান মিল্লাত : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সাচিং প্রু জেরি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
আন্দালিব রহমান : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আফরোজা খানম : খাদ্য মন্ত্রণালয় (পূর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন)।
প্রতিমন্ত্রীরা হলেন-
হুমায়ুন কবির : পররাষ্ট্র মন্ত্রণালয়।
মোহাম্মদ শামীম কায়সার : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনসমূহের অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। ইতোমধ্যে ভারত, পাকিস্তান ও নেপালের রাষ্ট্রপতিসহ চীন, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য ও নাইজেরিয়ার পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
চীন
নির্বাচনের ফল ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ঢাকায় চীনা দূতাবাসের ফেসবুক পেজ থেকে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে দুই দেশের যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং।
ভারত
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার (২১ আগস্ট) এক চিঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তার দায়িত্ব পালনে সহায়ক হবে।
দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, আত্মত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ ও বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।
দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
পাকিস্তান
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানান। তার আশা, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
নেপাল
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলও শুক্রবার (২১ আগস্ট) অভিনন্দন বার্তায় মির্জা ফখরুলের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
তিনি নেপাল ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও যোগাযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
যুক্তরাজ্য
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে। শুক্রবারের এক বিবৃতিতে তারা জানায়, ঢাকা ও লন্ডনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী।
ফ্রান্স
ঢাকায় নিযুক্ত ফ্রান্স দূতাবাস বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে মির্জা ফখরুলকে অভিনন্দন জানায়। বার্তায় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তার দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করা হয়।
একই সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করতে ফ্রান্সের প্রতিশ্রুতির কথা জানানো হয়।
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের ঢাকাস্থ দূতাবাসও মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে। দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
জার্মানি
জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে।
দূতাবাস তার নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছে। পাশাপাশি জার্মানি ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা জানিয়েছে।
নাইজেরিয়া
নাইজেরিয়ার ফেডারেল সরকারও মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যাম্বাসেডর বিয়াঙ্কা ওদুমেগউ-ওজুকউ ফেডারেল সরকারের পক্ষ থেকে মির্জা ফখরুল, বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান।
নাইজেরিয়া মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে নতুন এই সংস্থা গঠিত হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা নির্বিঘ্ন ও নির্ভরযোগ্য পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সরকার ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এর মাধ্যমে বিলুপ্ত হলো বিডা, বেজা ও পিপিপিএর। সংস্থা তিনটির সমন্বয়ে গঠিত হলো ইনভেস্ট বাংলাদেশ।
রাষ্ট্রপতির আদশে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ধারা ১-এর উপধারা (২)-এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে এ আইন কার্যকর করল।
বিডা সূত্রে জানা গেছে, গেজেট কার্যকর হওয়ার মাধ্যমে এখন থেকে সব কার্যক্রম ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে পরিচালিত হবে। নতুন কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, বিভিন্ন উইং ও টিম গঠনের বাকি কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন হবে।
নতুন আইন অনুযায়ী, ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করবে। এর প্রধান কার্যালয় থাকবে ঢাকায়। তবে সরকারের অনুমোদন নিয়ে দেশের বিভিন্ন স্থানে শাখা কার্যালয় এবং বিদেশে লিয়াজোঁ কার্যালয় স্থাপন করা যাবে।
কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনার জন্য একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য নিয়ে বোর্ড গঠন করা হবে। চেয়ারম্যান হবেন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী।
নতুন কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব হবে বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রচার চালানো, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করা।
একীভূতকরণের ফলে বিডা, বেজা ও পিপিপিএর বিদ্যমান সম্পদ, নথি, চুক্তি, দায়-দেনা ও অন্যান্য বিষয় নতুন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হবে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও কাজ করবেন নতুন কর্তৃপক্ষের অধীনে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে তা দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুক্রবার (২১ আগস্ট) সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তবজীবন ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তাছাড়া, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য মানসম্মত ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই।
বর্তমানে দেশেরে শিক্ষাব্যবস্থা কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থা যে অবস্থানে পৌঁছেছে, সেখান থেকে আরও এগিয়ে যেতে হবে। বাস্তবজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে।
তিনি বলেন, পড়াশোনা শেষে একজন শিক্ষার্থী যেন দেশ-বিদেশে নিজের যোগ্যতা কাজে লাগাতে পারে, সেই সুযোগ তৈরি করা প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা, ক্রেডিট ট্রান্সফারের সুযোগ এবং দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থার দিকে এগোতে হবে।
ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্যসহ নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা অংশ নেন।
সংলাপে উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, প্রযুক্তিগত পরিবর্তন, শ্রমবাজারের চাহিদা, শিক্ষার গুণগত মান, জবাবদিহি ও বৈশ্বিক প্রতিযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী ও সুশাসিত প্রতিষ্ঠানে পরিণত করার ওপর জোর দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে শুরু হওয়া গুঞ্জনের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছে ঢাকা। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তারেক রহমানের দিল্লি সফর করতে পারেন–ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর শুক্রবার (২১ আগস্ট) তার প্রেস সচিব বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি বাংলাদেশ।
সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’ একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে ভারতের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
২০২৪ সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন চলছে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে প্রত্যাশা তৈরি হয়।
এর অংশ হিসেবে দিল্লিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দুই প্রতিবেশীর মধ্যে আলোচনা চলছে।
তবে সাম্প্রতিক দিনগুলোতে শেখ হাসিনার কর্মকাণ্ডকে কেন্দ্র করে কূটনৈতিক আমেজ কিছুটা ফিকে হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন নির্মমভাবে দমনের নির্দেশ দেওয়ার দায়ে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেন। বর্তমানে ভারতে নির্বাসনে থাকা সাবেক এই প্রধানমন্ত্রী সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দেন এবং আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রয়টার্সকে বলেন, ‘সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।’ একই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
এদিকে নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সফরটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জানান, এ বিষয়ে নতুন করে তথ্য দেওয়ার মতো কিছু তাদের কাছে নেই। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধের বিষয়ে ভারত জানায়, বিষয়টি তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
ক্ষমতায় আসার পর থেকেই তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছে। তবে গত সপ্তাহে ঢাকার পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে, প্রধানমন্ত্রীর সফরের জন্য আরো বেশি অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। মূলত শেখ হাসিনা দিল্লিতে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেয়ার পরই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ফের জটিল হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন সদ্য শপথ নেওয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ উপলক্ষে বঙ্গভবনে তার আনুষ্ঠানিক অভিষেকের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট)রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে।
সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে। আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে নিজ কার্যালয়ে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তিন বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল মিন্টু রোডের সরকারি বাসভবনে ফিরবেন। পরে তার গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর এক দিন আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল।
শপথগ্রহণের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন জানিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথগ্রহণ পর ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। বিবৃতিটি প্রকাশ করা হয় ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে।
বিবৃতিতে বাংলাদেশের রাষ্ট্রপতির উদ্দেশে ভারতের রাষ্ট্রপতি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি নিশ্চিত যে, আপনার দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল সময়ের সূচনা করবে।
বিবৃতিতে ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এক অনন্য সম্পর্ক বিদ্যমান, যার মূলে রয়েছে ত্যাগের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ সম্পর্ক। সম্প্রতি জ্বালানি, প্রযুক্তি, সংযোগ, যুব বিষয়ক, স্বাস্থ্য এবং শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। মহামান্য, আপনার অব্যাহত সুস্বাস্থ্য ও সুখ, আপনার দায়িত্বের সফল সম্পাদনা এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন।
এর আগে, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু এবং আন্দালিভ রহমান পার্থ। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সরকারের দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় ও দপ্তর বণ্টন করবেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকারের দায়িত্ব নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
এরপর বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে প্রবেশ করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় তাঁর আগমনকে কেন্দ্র করে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় নিচ্ছিন্দ্র নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সক্রিয় থেকে সড়কগুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন নিশ্চিত করছে।
শপথ অনুষ্ঠানকে ঘিরে দরবার হলে বিশাল সমাগমের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বঙ্গভবনে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বিচারক, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও আন্তর্জাতিক কূটনীতিকসহ প্রায় ১,২০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিদের সুবিধার্থে দরবার হলে আসন সংখ্যা বাড়িয়ে ৮০০-এর বেশি করা হয়েছে।
বঙ্গভবনের দরবার হলে নির্ধারিত সময়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কুরআন তিলাওয়াতের পর রাষ্ট্রপতির শপথ সম্পন্ন হবে। শপথগ্রহণ ও বইয়ে স্বাক্ষরের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতিসহ মন্ত্রিপরিষদ ও নির্বাচন কমিশনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই মন্ত্রিসভার নতুন চারজন সদস্যকে শপথ পাঠ করানোর পরিকল্পনা রয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভার পরিধি আরও বড় হচ্ছে। দলীয় ও জোটগত সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন আরও চারজন সংসদ সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এর মধ্যে তিনজনকে পূর্ণ মন্ত্রী এবং একজনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরপরই নতুন এই মন্ত্রীরা শপথ নেবেন। রাষ্ট্রপতি নিজেই তাঁদের শপথবাক্য পাঠ করাবেন। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরি। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।
ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সম্ভাব্য এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং নির্ধারিত সময়ে বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করার কয়েক ঘণ্টা আগে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে জিয়া উদ্যানে পৌঁছে তিনি উভয়ের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর সেখানে এক বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। নবনির্বাচিত রাষ্ট্রপতির এই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে এই শীর্ষ পদের লড়াই সম্পন্ন হয়েছে।
নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর বিপরীতে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাঠে ছিলেন কর্নেল (অব.) অলি আহমদ। নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেন, অন্যদিকে অলি আহমদ পান ৮৮টি ভোট।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জয়ী ঘোষণা করেন এবং গতকাল সন্ধ্যায় এ সংক্রান্ত আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হয়।