ভোটের দিন নির্বাচনী কাজে সাংবাদিকদের সীমিত পর্যায়ে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। নানা আলোচনা-সমালোচনার পর আগের নীতিমালা সংশোধন এনে মঙ্গলবার এমন নির্দেশনা জারি করেছে সাংবিধানিক এ সংস্থাটি।
নীতিমালার ৬ নম্বর নির্দেশনায় সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক। ওই নির্দেশনায় আগে বলা হয়েছিল, সাংবাদিকরা ভোটের কাজে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না। তবে সংশোধনের পর এখন বলা হয়েছে, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার দেয়া হবে।
সংশোধিত নীতিমালায় আরও বলা হয়েছে, প্রয়োজনীয়তা ও বাস্তবতার আলোকে স্থানীয় প্রশাসন (রিটার্নিং অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসার সমন্বিতভাবে) প্রকৃত সাংবাদিকদের ভোটকেন্দ্রে গিয়ে সংবাদ সংগ্রহের লক্ষ্যে সীমিত পর্যায়ে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে পারবেন।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিককে স্ব স্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র প্রেস আইডির কপি, এনআইডির কপি এবং যে মোটরসাইকেল ব্যবহার করা হবে সেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট জমা দিতে হবে।
রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা যাচাই বাছাই শেষে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেবেন। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার দেয়া হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্টারে লিখে রাখতে হবে। এ ছাড়া নীতিমালার অন্যান্য বিষয় আগের মতোই আছে।
শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদের বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ ছাড়াও শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের করেছে দুদক। এর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসে।
এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন । মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) সকালে বুকে ব্যথা অনুভব করলে মন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয়েছে। অন্য ব্লকটিতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে চিকিৎসকেরা তার এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন। পরে চিকিৎসক ডা. ফজলে রাব্বি সংবাদমাধ্যমকে জানান, এনজিওপ্লাস্টির পর মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে।
তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সরকারি চাকরি আইন অনুযায়ী, ১৪ নভেম্বর থেকেই মো. জাহাঙ্গীর আলমকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।’ তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে তাদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক।
এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ছিলেন। শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় নিয়ে তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে জয়ী হয়ে তিনি করিমগঞ্জ ও তাড়াইল এলাকার প্রতিনিধিত্ব করার দায়িত্ব পান। তবে শারীরিক অসুস্থতার কারণে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ওসমান ফারুক বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। সে সময় সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে রাজনীতিতে যুক্ত হয়ে বিএনপির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন এই রাজনীতিক।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে নজরদারি চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে সরকারি নানা স্তরের বহু কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিংবা তাঁদের রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল, যা সমস্যা নয়; তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সময় কেউ যদি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত থাকেন, সেটি উদ্বেগজনক। এ বিষয়ে সরকারের নিজস্ব নজরদারি ব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে বলে জানান তিনি।
আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি প্রসঙ্গে জানতে চাওয়া হলে জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত থাকায় কীভাবে এই নজরদারি পরিচালনা করা হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে জড়িত আছেন, ছিলেন। সেটা সমস্যা না। তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী, কাজও করছেন। কিন্তু (কর্মচারী) থাকাকালে তারা যদি জড়িত থাকেন, এটা তো আসলে খুবই ভয়ংকর কথা।’ সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা উল্লেখ করেন, সরকারের নিজস্ব ব্যবস্থা, বিভিন্ন উপায় ও সক্ষমতা রয়েছে এবং সরকার চাইলে এ সংক্রান্ত প্রকৃত তথ্য সংগ্রহ করতে পারে।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি বলেন, ছবি ও ভিডিও ফুটেজে যাঁদের অস্ত্র হাতে দেখা গেছে, তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হবে। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে এবং তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও কথা বলেছেন উল্লেখ করে জাহেদ উর রহমান জানান, সরকার দেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। বর্তমানে আওয়ামী লীগের নামে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ থাকায় মিছিল, সমাবেশ বা সভা আয়োজন বেআইনি; আর সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা সরকার কোনোভাবেই মেনে নেবে না। উপদেষ্টা বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেপ্তার হবেন এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।’
এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যাঁরা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তাঁরা নিজেদের বিপদ ডেকে আনছেন; কারণ এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার ওপর জোর দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, পুলিশের বলপ্রয়োগের অধিকার থাকলেও তা যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটিই গুরুত্বপূর্ণ। অতীতে অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হওয়ায় সরকার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না; বরং যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি বলপ্রয়োগ না করে পুলিশ যেন প্রয়োজন অনুযায়ী আনুপাতিকভাবে বলপ্রয়োগের মাধ্যমে দায়িত্ব পালন করে, সরকার সেটিই প্রত্যাশা করে।
আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না এবং সারা দেশেও বড় কোনো সমস্যা তৈরি হবে বলে সরকার মনে করছে না। এর আগের কর্মসূচির বিষয়েও আগের ব্রিফিংয়ে সরকারের অবস্থান জানানো হয়েছিল এবং এসব কর্মসূচি নিয়ে সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখছে না বলে উল্লেখ করেন তিনি।
গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রত্যাহার করার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন; বরং কোনো না কোনো ধরনের ব্যর্থতা থাকলে তা স্বীকার করে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।
গোপালগঞ্জে সহিংসতা চলাকালে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগের বিষয়ে তিনি বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক দেশে পুলিশ একটি অপরিহার্য প্রতিষ্ঠান এবং আধুনিক রাষ্ট্রে পুলিশ থাকতেই হবে; তবে পুলিশ যেন ন্যূনতম বলপ্রয়োগ ও সর্বনিম্ন হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে পারে, সেভাবেই কাজ করতে হবে। গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত মন্তব্য করে তিনি বলেন, পরবর্তী সময়ে যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে তা সরকারের কৌশলের অংশ ছিল এবং পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে—এমনকি সরকারের সমালোচকেরাও গোপালগঞ্জের পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে জানান তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ নানা খাতে মার্কিন বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য তুলে ধরেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (ডিএফসি)-এর অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে এটিকে অবহিত করা হয়েছে।' এর ফলে সম্ভাব্য সুফলের কথা উল্লেখ করে মুখপাত্র আরও বলেন, 'যার মাধ্যমে সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলো, যেমন ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, টেকনোলজি, ডিজিটাল ট্রান্সফরমেশনসহ বহুমুখী খাতে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি অনেক সহজতর হবে।'
পূর্ববর্তী সময়ে এই অর্থায়ন না আসার প্রেক্ষাপট ব্যাখ্যা করে মাহদী আমিন বলেন, 'আপনারা নিশ্চয়ই জানেন যে, ফ্যাসিবাদী দীর্ঘ সময়ে যখন বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন এর আগে বাংলাদেশে আসেনি বা এর আগে দীর্ঘদিন ধরে সেটা বন্ধ ছিল।'
বর্তমান সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের আস্থার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, 'আজকে যে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের উপর আমরা দেখেছি বৈশ্বিক যে আস্থা এবং বিশ্বাস রয়েছে, সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ এবং আজকের এই ডিএফসির অর্থায়নের যোগ্যতা বাংলাদেশ লাভ করেছে।' পাশাপাশি তিনি যোগ করেন, 'এর মাধ্যমে একদিকে বাংলাদেশের ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি হবে শুধু তাই না, এর পাশাপাশি আমাদের গত নয় মাসের সরকারের যে পলিসি কন্টিনিউটি বা নীতিমালার ধারাবাহিকতা রয়েছে এবং গণতান্ত্রিক সরকারের উপরে যে সর্বাঙ্গীন আস্থা রয়েছে, সেটির আমরা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।'
অর্থনৈতিক অগ্রগতির আশা প্রকাশ করে মাহদী আমিন বলেন, 'আমরা বিশ্বাস করি ডিএফসির মাধ্যমে বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে বৃহৎ প্রকল্পগুলো রয়েছে, সামনের দিনগুলোতে সেখানে মার্কিন বিনিয়োগ আসবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও সামনের দিকে এগিয়ে যাবে।' বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 'ইতিমধ্যে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশের যারা ইনভেস্টর রয়েছেন, যারা বিজনেসম্যান রয়েছেন, উনারা বাংলাদেশের উপর আস্থা রাখছেন এবং বাংলাদেশের যে ইনভেস্টিং ক্লাইমেট আমরা সকল মন্ত্রণালয় মিলে সমন্বিতভাবে তৈরি করছি, তার আলোকে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে আরও সমৃদ্ধ এবং স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।'
ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, 'মূলত এই ফান্ডটা পাওয়ার মূল উদ্দেশ্য আপনারা দেখেছেন যে, আমাদের নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার অত্যন্ত শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ করেছে, আমাদের শ্রম আইন পাস করা হয়েছে, যার মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে।' তিনি আরও বলেন, 'এবং আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যারা রয়েছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা রয়েছে, স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্র সেটা অনুপ্রাণিত হয়েই আমাদেরকে এই যে অর্থায়ন সেখানে যোগ্যতার সুযোগ তৈরি করে দিয়েছে।' একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ধরন প্রসঙ্গে মাহদী আমিন জানান, 'কেইস টু কেইস বেসিসে প্রত্যেকটা প্রজেক্ট আসবে এবং এখানে অবধারিত সুযোগ রয়েছে আমাদের বিনিয়োগ বা বিদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনার ক্ষেত্রে।'
গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে আগামী সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে অনিবার্য কারণ দেখিয়ে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত এই বোর্ডের তৃতীয় সভাটি স্থগিত করা হয়েছিল। মূলত পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতেই এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করেছিলেন, মালিকপক্ষ তার অর্ধেক কিংবা তার চেয়েও কম মজুরি প্রস্তাব করেছিল; প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকদের প্রস্তাব ছিল অনেক কম। তাদের এ ধরনের প্রস্তাব বড় ধরনের আন্দোলন উসকে দেয় এবং শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয় মালিকপক্ষ।
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মোট ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বাহিনীটির সদস্যরা।
মোতায়েনকৃত সদস্যদের মধ্যে ঢাকায় ২০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায়। গাজীপুরে মোতায়েন হওয়া ১৫ প্লাটুন বিজিবি অবস্থান নিয়েছে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায়। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
মাঠপর্যায়ের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইস থেকে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। শিল্পাঞ্চলগুলোর সার্বিক পরিস্থিতির ওপর বিজিবির সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন এবং পরবর্তীতে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করলেও মওলানা ভাসানী তাঁর জীবনের সিংহভাগ সময়ই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে; আর সেখানকার মাটিতেই তিনি সমাহিত রয়েছেন।
১৯১১ সালে মওলানা মোহাম্মদ আলীর সান্নিধ্য লাভের মধ্য দিয়ে রাজনীতিতে পদার্পণ করেন মওলানা ভাসানী। পরবর্তী সময়ে ১৯১৭-১৮ সালে প্রবাসী সরকারের নেতৃত্বে তুরস্কের সহায়তায় ভারতবর্ষ স্বাধীন করার পরিকল্পনাসংবলিত রেশমী রুমাল আন্দোলনে অংশ নেন এবং ১৯১৯ সালে কারাবরণ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাহচর্য লাভ করে তিনি তাঁর স্বরাজ আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি খিলাফত ও অসহযোগ আন্দোলনেও যোগ দেন। এরপর ১৯২৫ থেকে ১৯২৭ সাল পর্যন্ত আসাম ও পূর্ব বাংলায় কৃষক-মজুরদের স্বার্থে সংগঠন গড়ে তুলে জমিদার ও সুদখোর মহাজনদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় ১৯২৮ সালে কলকাতায় খিলাফত সম্মেলনে এবং ১৯২৯ সালে আসামের ভাসান চরে দ্বিতীয়বারের কৃষক-প্রজা সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ভাসানী ১৯৩৬ সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগ দেন এবং আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতির দায়িত্ব লাভ করেন। ১৯৩৭ সালে তিনি আসামে কুখ্যাত লাইন প্রথাবিরোধী আন্দোলন করেন এবং আসাম প্রাদেশিক পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৪৭ সালের ৫ মার্চ আসামে আন্দোলনের ডাক দিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন। ১৯৪৮ সালের ১৭ মার্চ পূর্ব বাংলার ব্যবস্থাপক সভায় বাংলা ভাষার পক্ষ সমর্থনে পাকিস্তানে একটি সাপ্তাহিক গণমাধ্যম প্রকাশ করেন তিনি।
১৯৪৯ সালের ২৩ জুন মওলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করে সভাপতি হন এবং ১৯৫৫ সালের ১৫ জুন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে ঐতিহাসিক পল্টন ময়দানে জনসভা করেন। ১৯৫৭ সালের ৬ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে তিনি বিখ্যাত ‘আসসালামু আলাইকুম’ ঘোষণা দেন। ওই বছরেরই মার্চ মাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন এবং ২৬ জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠা করেন।
রাজধানীর গুলশানের বারিধারা এলাকা থেকে গ্রেপ্তারের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) তাঁকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাবেক এই মেয়রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
রাজধানীর গুলশানের বারিধারা এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে এক অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে এসআরবি সূত্র নিশ্চিত করেছে।
সূত্রটির তথ্যানুযায়ী, এসআরবি-১-এর একটি দল বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাঁকে গুলশান থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে কী অভিযোগে সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরুর গুরুত্বপূর্ণ দিনে সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। এর মধ্যে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে উত্তেজনার ঘটনায় সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৬২টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি, দ্রুত মজুরি বৃদ্ধি ও কার্যকর সিদ্ধান্ত। অন্যদিকে, মালিকপক্ষও দ্রুত আলোচনার মাধ্যমে প্রক্রিয়া শেষ করার পক্ষে অবস্থান নিয়েছে।
৬২ কারখানায় উৎপাদন বন্ধ: শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সাভার-আশুলিয়ায় ৪০টি এবং গাজীপুরে ২২টি কারখানা বন্ধ রয়েছে। সাভার-আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৯টি এবং সাধারণ ছুটিতে রয়েছে চারটি কারখানা।
শিল্প পুলিশের দাবি, সোমবার (১৬ নভেম্বর) সাভার-আশুলিয়ায় নতুন করে কোনো শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির ঘটনা ঘটেনি। শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। আগের দিনের তুলনায় পরিস্থিতিরও উন্নতি হয়েছে। তবে গাজীপুরে পরিস্থিতি তুলনামূলক উত্তপ্ত। কোনাবাড়ী এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা সোমবার (১৬ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। সকাল ৯টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।
শিল্প পুলিশের হিসাবে গাজীপুরে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং দুটি কারখানা সোমবারের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে অন্য একটি শিল্প পুলিশের হিসাবে জেলায় মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার তথ্য পাওয়া গেছে।
হঠাৎ স্থগিত মজুরি বোর্ডের সভা: সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মাত্র কয়েক ঘণ্টা আগে সভা স্থগিত করা হয়।
মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে অনিবার্য কারণে সভা স্থগিতের কথা জানানো হয়। তবে স্থগিতের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন জানান, তারা সভায় অংশ নেওয়া ও প্রস্তাব জমা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। বোর্ডের সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল সোয়া ৯টার দিকে স্থগিতের খবর পান তিনি।
তার ভাষ্য অনুযায়ী, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত হয়েছে বলে তিনি শুনেছেন।
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাকে ফোনে সভা স্থগিতের কথা জানান। আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষকেও কারণ হিসেবে উল্লেখ করা হয়।
৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের: শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন।
অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব নিয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর মধ্যে আলোচনা হয়েছে। বিজিএমইএর একাধিক নেতার বরাত দিয়ে জানা গেছে, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার টাকার আশপাশে রাখার পরিকল্পনা ছিল। দর-কষাকষির জন্য বিকল্প প্রস্তাবও তৈরি করা হয়েছিল। তবে কয়েকজন শিল্পমালিকের আশঙ্কা ছিল, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করা হলে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রস্তাব জমা দেওয়ার পক্ষে মত দেন তারা।
সভা স্থগিত নিয়ে প্রশ্ন: মজুরি বোর্ডের সভা স্থগিতের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রম আইন অনুযায়ী, বোর্ডের চেয়ারম্যান, মালিকপক্ষের একজন প্রতিনিধি ও শ্রমিকপক্ষের একজন প্রতিনিধি উপস্থিত থাকলে সভার কোরাম পূর্ণ হওয়ার কথা। ফলে একজন স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতি সভা স্থগিতের বাধ্যতামূলক কারণ নয় বলে মনে করছেন শ্রম বিশেষজ্ঞরা।
সাবেক শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, মালিকপক্ষের প্রস্তাব জমা পড়লে মজুরি নিয়ে আলোচনা শুরু হতো এবং শ্রমিকদের মধ্যে ইতিবাচক বার্তা যেত। আলোচনায় বিলম্ব হলে শ্রমিকদের অনিশ্চয়তা ও অসন্তোষ আরও বাড়তে পারে।
দ্রুত নতুন বৈঠকের দাবি মালিকদের: মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানায়, মালিকপক্ষ সভায় অংশ নেওয়া এবং মজুরি প্রস্তাব জমা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল।
বিবৃতিতে বলা হয়, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। মালিকপক্ষ আশা করছে, দ্রুত নতুন তারিখ নির্ধারণ করে মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের নির্ধারিত সময়সীমার কথা উল্লেখ করে সংগঠন দুটি জানায়, দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি প্রদানের জন্য কারখানাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।
সব মিলিয়ে, পোশাকশিল্পে উৎপাদন স্বাভাবিক রাখা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং মালিকপক্ষের সক্ষমতার মধ্যে সমন্বয় করাই এখন বড় চ্যালেঞ্জ। দ্রুত মজুরি বোর্ডের বৈঠক আয়োজন ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো না গেলে শিল্পাঞ্চলের অস্থিরতা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।