সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

গণপিটুনির ভয়ে ৯৯৯ এ ‘চোরের’ কল 

ছবি: দৈনিক বাংলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:৪৮

‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’

মঙ্গলবার ভোর সোয়া ৪টায় রাজধানীর কদমতলীর খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে হৃদয় নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এমন তথ্য জানান। পরে জাতীয় জরুরি সেবা থেকে তাৎক্ষণিক কদম তলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়।

জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, সংবাদ পেয়ে কদমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ততক্ষণে জনগণ হৃদয়কে ধরে পিটুনি দেয়া শুরু করেছিল। পুলিশ দল সেই অবস্থা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। প‌রে গ্রেপ্তার করে থানায় নি‌য়ে আসে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হৃদয় (২৫) কদমতলী থানার মেরাজনগরের বি ব্লকে বসবাস করে বলে জানিয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। আসা‌মি‌কে আদালতে সোপর্দ করা হয়েছে।


নির্বাচিত

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক
    সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম এর সঙ্গে বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফিলিপ অং ০৯ নভেম্বর, ২০২৬, সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন এবং ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, বৈঠকে আধুনিক ইন্টেলিজেন্স-লেড অপারেশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপরাধ রুখতে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ ব্যক্ত করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

পোশাক খাতের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকদের

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মাসিক মজুরি বত্রিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে মজুরি বোর্ডের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছেন শ্রমিক প্রতিনিধিরা। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা চলাকালে শ্রমিক পক্ষের তরফ থেকে লিখিতভাবে এ দাবি উপস্থাপন করা হয় বলে বৈঠক শেষে বোর্ডের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করে প্রস্তাব জমা দেওয়া হলেও কারখানা মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করেননি বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি জানান, নিজেদের প্রস্তাবনা লিখিতভাবে জমা দেওয়ার জন্য মালিকপক্ষের প্রতিনিধিদের আগামী চার কর্মদিবস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করে তা আগামী ডিসেম্বর মাস থেকেই আনুষ্ঠানিকভাবে কার্যকর করার বিষয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরাই নীতিগতভাবে একমত পোষণ করেন।


নির্বাচিত

পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে না; ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনা হবে
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তাকে কোনোভাবেই নতুন পাসপোর্ট প্রদান করা হবে না বলে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি দৃঢ়তার সাথে জানান, তাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে না; ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনা হবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেন, শেখ হাসিনার পক্ষ থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার বিষয়টি অত্যন্ত হাস্যকর। আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সাজাপ্রাপ্ত আসামি এবং চব্বিশের হত্যাযজ্ঞের মূল অভিযুক্ত কোনোভাবেই এ ধরনের নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন না। তিনি যদি বাংলাদেশে ফিরে আসতেই চান, তবে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির বাধ্যবাধকতা মেনেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এ সময় শুধুমাত্র আর্থিক প্রাপ্তির স্বার্থে বিদেশের মাটিতে তার পক্ষে লবিস্ট বা আইনি প্রতিষ্ঠানগুলো দায়িত্ব নিলে তাদের পেশাগত ও নৈতিক সততা কোথায় গিয়ে দাঁড়ায়, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

তিনি আরও নিশ্চিত করেন যে, স্বাক্ষরিত বন্দিবিনিময় চুক্তির কাঠামোর আওতায় অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার বিষয়ে নয়াদিল্লিকে অত্যন্ত পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ পায় যে, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতে অবস্থানকালে দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য সোমবার দিল্লি মিশনে আইনজীবীর মাধ্যমে আনুষ্ঠানিক আবেদন পাঠিয়েছেন।

বিষয়:

নির্বাচিত

গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে।

তিনি বলেন, ‘গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। সরকার তা নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে।’

আজ সোমবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস


নির্বাচিত

হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক 'স্ট্যান্টবাজি': চিফ প্রসিকিউটর

ভারতের নয়াদিল্লিতে বসে দেশে প্রত্যাবর্তনের এই ধরনের বার্তা প্রচার আসলে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক চমক
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির আবেদনকে নিছক রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। একই সাথে তিনি জানান, শেখ হাসিনার সার্বিক বিষয়ে যাবতীয় তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতে মঙ্গলবার প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, ভারতের নয়াদিল্লিতে বসে দেশে প্রত্যাবর্তনের এই ধরনের বার্তা প্রচার আসলে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক চমক ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, তার যদি প্রকৃত সাহস থাকত, তবে পালিয়ে না থেকে দেশে ফিরে চব্বিশের জুলাই অভ্যুত্থানে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের আইনি বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়া প্রয়োজন ছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর হালনাগাদ অগ্রগতি সম্পর্কে মো. আমিনুল ইসলাম জানান, ২০২৪ সালের জুলাই ও আগস্টের গণহত্যা সংশ্লিষ্ট দশটি মামলার তদন্তের সারসংক্ষেপ প্রসিকিউশন টিমের হাতে এসে পৌঁছেছে। বর্তমানে প্রাপ্ত এসব নথিপত্র ও প্রমাণাদি বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এই পর্যালোচনা পর্ব সমাপ্ত হওয়ামাত্রই সংশ্লিষ্ট মামলাগুলোর আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালের বিচারিক এজলাসে দাখিল করা হবে।

বিষয়:

নির্বাচিত

ইউনিয়ন পর্যায়ে সব প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ নামকরণের নির্দেশ সরকারের

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তায় দায়িত্ব পালনকারী কর্মীদের অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সড়কগুলোর পাশে কমপক্ষে এক হাজারটি বৃক্ষ রোপণ করে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। গত ৮ নভেম্বর প্রেরিত এক সরকারি চিঠিতে দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এই বিশেষ নির্দেশনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।

পরিপত্রে জানানো হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’-এ গ্রামীণ জনপদে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ সদস্যদের সম্মানিত করতে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নির্দেশনা মোতাবেক, দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন একটি প্রধান যোগাযোগ পথকে ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে। একই সাথে সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সম্পৃক্ত করে ওই রাস্তার উভয় পাশে ন্যূনতম এক হাজার চারাগাছ রোপণের মাধ্যমে সামাজিক বনায়নের আওতায় নিয়ে আসার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এই সামাজিক বনায়ন প্রকল্প থেকে ভবিষ্যতে প্রাপ্ত আয়ের ৪০ শতাংশ অর্থ সরাসরি ওই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বণ্টন করা হবে এবং অবশিষ্ট ৬০ শতাংশ অর্থ ইউনিয়ন পর্যায়ের পরিবেশ ও প্রতিবেশের টেকসই উন্নয়ন তহবিলে বরাদ্দ রাখা হবে। মাঠপর্যায়ের প্রতিটি ইউনিয়নে দ্রুততম সময়ে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের পর স্থানীয় সরকার বিভাগকে অগ্রগতির তথ্য অবগত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তদারকির সুবিধার্থে পরিপত্রের অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং স্থানীয় সরকারের উপপরিচালকদের নিকটও প্রেরণ করা হয়েছে।


নির্বাচিত

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

দশ থেকে বারো নভেম্বর পর্যন্ত তুরস্কে সরকারি সফরে থাকবেন সরকারপ্রধান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আপডেটেড ৯ নভেম্বর, ২০২৬ ১৮:১১
নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এই সফরের বিষয়ে নিশ্চিত করেন। পররাষ্ট্র সচিব জানান, জলবায়ু সম্মেলনের গুরুত্বপূর্ণ পর্বে অংশ নিতে দশ থেকে বারো নভেম্বর পর্যন্ত তুরস্কে সরকারি সফরে থাকবেন সরকারপ্রধান।

তুরস্কের উপকূলীয় শহর আনতালিয়ার এক্সপো সেন্টারে সোমবার থেকে জাতিসংঘের এই বৃহৎ বিশ্ব জলবায়ু সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আয়োজনের উচ্চপর্যায়ের অধিবেশনে আগামী এগারো ও বারো নভেম্বর অংশ নিয়ে পৃথক দুটি পর্বে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক পার্শ্ববৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।

জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে এবারের সম্মেলনে পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়নের জোরালো দাবি জানাবে বাংলাদেশ। পরিবেশের বিপর্যয় মোকাবিলায় উন্নত বিশ্ব থেকে কার্যকর ও সহজপ্রাপ্য আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির হস্তান্তরের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পরিবেশবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের মারাত্মক প্রভাব থেকে বিশ্বকে রক্ষা করা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে শীর্ষ নেতাদের এই মহামিলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে বাংলাদেশের উপস্থিতি আন্তর্জাতিক মহলে বিশেষ দৃষ্টি কাড়বে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের অধীনে আয়োজিত কপ সম্মেলন বৈশ্বিক পরিবেশ কূটনীতির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যা আনতালিয়ায় আগামী বিশ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের সম্মেলনে প্যারিস চুক্তির ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাস নির্গমন রোধ এবং ভবন নির্মাণ শিল্পে জ্বালানির ব্যবহার পঁচিশ শতাংশ কমিয়ে আনার মতো কৌশলগত বিষয়গুলো বিশেষ প্রাধান্য পাবে।


নির্বাচিত

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক
    দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির আদেশ মাথায় নিয়ে দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই তার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগের ঘটনা।

রয়টার্স জানিয়েছে, সোমবার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই আবেদন দাখিল করেন শেখ হাসিনা। সংশ্লিষ্ট চিঠিটি বার্তা সংস্থাটি প্রত্যক্ষ করেছে। আওয়ামী লীগ নেতাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় সব আইনি ও প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা নিষ্পত্তির পরই তার দেশে ফেরার নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন কঠোর হস্তে দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়ার দায়ে গঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তবে ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রী বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

প্রতিবেদন অনুসারে, ভারতের রাজধানীতে অবস্থিত বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের বরাবরে লন্ডনের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা ওই আবেদনপত্রটি প্রেরণ করেন। চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’ এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে প্রীতি রহমান এবং ঢাকায় সরকারের শীর্ষ মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।

ক্ষমতাচ্যুতির পূর্বে দীর্ঘ সময় দেশ শাসন করা আওয়ামী লীগের কার্যক্রম রাজনৈতিক পটপরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষণা করা হয়। দলটির শীর্ষ পর্যায়ের বহু নেতা বর্তমানে কারাবন্দি রয়েছেন এবং অনেকেই ভারতে বা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতা সামাল দিয়ে বর্তমান প্রশাসন যখন দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের এই কূটনৈতিক তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও তীব্র মেরুকরণের জন্ম দিতে পারে।

বিষয়:

নির্বাচিত

কনটেইনারে মিলল ৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে আনা কনটেইনারে মিলেছে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। এতে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা নস্যাৎ হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এনবিআর জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার যৌথ অভিযানে চালানটি শনাক্ত করা হয়। ঢাকার যমুনা ফিউচার পার্কের লেভেল-৩, ব্লক-এ, শপ নম্বর ৩ঈ০০৪অ ঠিকানায় অবস্থিত চায়না মার্ট নামের প্রতিষ্ঠানটি চালানটি আমদানি করে। গত ৯ আগস্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছানো চালানটিতে পণ্য হিসেবে ‘প্রিন্টিং মেশিন’ ঘোষণা দেওয়া হয়েছিল।

গত ৫ নভেম্বর সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা চালানটি বিস্তারিত পরীক্ষা করেন। এ সময় ঘোষিত প্রিন্টিং মেশিনের পরিবর্তে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া যায়। তবে কনটেইনারে কোনো প্রিন্টিং মেশিন পাওয়া যায়নি। পরীক্ষায় ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প উদ্ধার করা হয়। এসব স্ট্যাম্প নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। দেশে এ ধরনের এক প্যাকেট সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা। এর বিপরীতে সরকার রাজস্ব পায় ১০৬ টাকা ৬০ পয়সা। এনবিআরের হিসাবে, উদ্ধার করা জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকারের প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতো। এ ছাড়া কনটেইনারে পাওয়া প্রসাধনী সামগ্রী আমদানির বিপরীতে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে। সব মিলিয়ে সম্ভাব্য রাজস্ব ক্ষতি ও ফাঁকির পরিমাণ প্রায় ৪৬ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাল সিগারেটের স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে বৈধ তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর। পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্যে পণ্যের ভুল ঘোষণা, শুল্ক-কর ফাঁকি ও অবৈধ পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার কথাও জানিয়েছে সংস্থাটি।


নির্বাচিত

বিগত সরকারের আমলে জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পর্যালোচনা করে বেশ কিছু গরমিল পাওয়া গেছে। ফরেনসিক অডিটের মাধ্যমে এসব অসংগতি চিহ্নিত করেছে এ সংক্রান্ত কমিটি। প্রতিবেদনটি বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে শিগগিরই প্রকাশ করা হবে। জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে এ কথা উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক। এ ছাড়া আলোচনা করেন বিবিএসের পরিচালক কবির উদ্দিন আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ শাহাদৎ হোসেন ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা যায় না। এটি নিজের সঙ্গে প্রতারণা করার মতো। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য। তাই বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। জনবলের ঘাটতির বিষয়টিও সরকার বিবেচনা করছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ফরেনসিক অডিট করা হয়েছে অতীতের অনিয়মের গভীরে যাওয়ার জন্য, কাউকে লক্ষ্যবস্তু করার জন্য নয়। তথ্য যত বেশি উন্মুক্ত করা হবে, তত বেশি ভুল ও অসংগতি সামনে আসবে। এ থেকে সংশোধনের সুযোগ তৈরি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্য ও ডিজিটাল অবকাঠামোর গুরুত্ব আরও বাড়ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি তথ্য অনেক শক্তিশালী। সঠিক পরিসংখ্যান দেশের উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিগত সরকারের সময়ে পরিসংখ্যান ব্যবহার করে এক ধরনের বয়ান তৈরির চেষ্টা হয়েছে। অতীতের তথ্য পর্যালোচনা করতে গিয়ে জিডিপির হিসাবসহ বিভিন্ন ক্ষেত্রে অসংগতি পাওয়া গেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্যেও ব্যাপক গরমিল ছিল। যাদের সহায়তা পাওয়ার কথা, তাদের অনেকে তা পাননি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, নৌযানের সংখ্যা আগে ১৩ হাজার দেখানো হয়েছিল। কিন্তু পর্যালোচনায় দেখা গেছে, প্রকৃত সংখ্যা ২ লাখ ৬৭ হাজার। এ ধরনের অসংগতি দূর করতে ডিজিটাল রেজিস্টার বিনিময়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে মিথ্যা তথ্যের একধরনের হাইব্রিড যুদ্ধ চলছে।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, তথ্য ছাড়া দেশ কোথায় আছে, কোথায় যেতে চায় কিংবা কোথায় ভুল হচ্ছে, তা বোঝা সম্ভব নয়। তাই পরিসংখ্যানের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত সরকারের সময়ের পরিসংখ্যান নিয়ে ফরেনসিক অডিট করা হয়েছে। জিডিপির হিসাব নিয়ে যে প্রশ্ন উঠেছিল, পর্যালোচনায় তাতে যথেষ্ট গরমিল পাওয়া গেছে। এসব অসংগতির প্রমাণও মিলেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভোক্তা মূল্যসূচকসহ (সিপিআই) বিভিন্ন তথ্য এখন বিবিএস নিজেই প্রকাশ করছে, মন্ত্রীর স্বাক্ষরের প্রয়োজন পড়ছে না।


নির্বাচিত

কর্মসংস্থান বাড়াতে সংস্কার ও বিনিয়োগে জোর বিশ্বব্যাংকের

# নতুন অংশীদারত্ব কাঠামো তৈরির কাজ শুরু # ২০২৭-৩৩ মেয়াদে নতুন সহযোগিতা কৌশল প্রণয়ন # সম্ভাবনার কেন্দ্রে তরুণ-নারীরা
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিশেষ প্রতিবেদক

বাংলাদেশে আগামী পাঁচ থেকে সাত বছরের উন্নয়ন সহযোগিতায় কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য আরও বেশি এবং মানসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরি, বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে প্রয়োজনীয় সংস্কার ও অর্থায়নে গুরুত্ব দেবে সংস্থাটি।

২০২৭ থেকে ২০৩৩ অর্থবছর পর্যন্ত সম্ভাব্য মেয়াদে বিশ্বব্যাংক গ্রুপের নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) প্রণয়নের কাজ চলছে। এ কৌশলগত কাঠামোর আওতায় বাংলাদেশে বিশ্বব্যাংকের তিনটি প্রতিষ্ঠান—ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এবং মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (এমআইজিএ)—তাদের কার্যক্রম পরিচালনা করবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে সম্প্রতি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের জন্য নতুন অংশীদারত্ব কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। আগামী পাঁচ থেকে সাত বছরে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগিতার ক্ষেত্র ও অগ্রাধিকার নির্ধারণ করবে এই কৌশল। বাংলাদেশের নিজস্ব উন্নয়ন লক্ষ্য এবং সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা বিবেচনায় নিয়ে এটি প্রণয়ন করা হবে।

কর্মসংস্থানে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিকে সবচেয়ে জরুরি উন্নয়ন অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে জ্যঁ পেসমে বলেন, এ বিষয়ে ব্যাপক ঐকমত্য রয়েছে।

তিনি জানান, গত এক দশকে প্রায় ১ কোটি ৪০ লাখ তরুণ বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করেছেন। বিপরীতে এ সময়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় ৮৭ লাখ। নারীদের শ্রমবাজারে অংশগ্রহণেও প্রতিবন্ধকতা রয়েছে। ২০২২ সালে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ, যা ২০২৪ সালে কমে ৩৮ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।

এসব বাস্তবতা বিবেচনায় নতুন সিপিএফের মূল লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি। বেসরকারি খাতের প্রবৃদ্ধি বাড়াতে প্রয়োজনীয় সংস্কার, বিনিয়োগ এবং কর্মসংস্থানের মৌলিক প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হবে।

বেসরকারি খাত ও বিনিয়োগে গুরুত্ব

জ্যঁ পেসমে বলেন, যেসব ক্ষেত্রে বিশ্বব্যাংক গ্রুপের সহায়তা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেসব ক্ষেত্রে অর্থায়ন ও কারিগরি সহযোগিতা কেন্দ্রীভূত করা হবে। পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা, নাগরিক সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে নতুন কাঠামোর অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে।

বিশেষ করে তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থান বাড়াতে কী ধরনের সংস্কার প্রয়োজন, সে বিষয়ে বিভিন্ন পক্ষের মতামত প্রত্যাশা করছে বিশ্বব্যাংক।

পরামর্শ ও জরিপ কার্যক্রম

নতুন সিপিএফ প্রণয়নের অংশ হিসেবে বিশ্বব্যাংক গ্রুপ ইতোমধ্যে পরামর্শ কার্যক্রম শুরু করেছে। সরকারি সংস্থা, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, গবেষক ও স্থানীয় জনগোষ্ঠীর মতামত নেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় অনলাইন জরিপের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ রয়েছে।

জরিপে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, বিশ্বব্যাংকের অর্থায়ন ও কারিগরি সহায়তার ক্ষেত্র এবং মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজনীয় সংস্কার সম্পর্কে মতামত চাওয়া হয়েছে।

সরকারের অগ্রাধিকার প্রতিফলনের প্রত্যাশা

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা বাসসকে বলেন, নতুন সিপিএফে বর্তমান সরকারের অগ্রাধিকার ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে চাইবে বাংলাদেশ। বিশ্বব্যাংক চূড়ান্ত খসড়া দিলে তা পর্যালোচনা করে সরকারের অবস্থান ও মতামত তুলে ধরবে ইআরডি।

বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ৩৭টি প্রকল্পে ১ হাজার ১২০ কোটি ডলারের সহায়তা চলমান রয়েছে। সংস্থাটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো এবং জ্বালানি খাতে অর্থায়ন করছে।

এদিকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মৌলিক নীতিগত বিষয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে বড় ধরনের মতপার্থক্য নেই। যৌথ কর্মপরিকল্পনার আওতায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত বিষয়গুলো নিষ্পত্তি করা হবে। গত মাসে ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


নির্বাচিত

দেশের ২৯তম পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অন্যদিকে, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। রোববার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নেন। এদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বলে জানা গেছে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। ওই দায়িত্ব পাওয়ার আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক এর আগে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।


নির্বাচিত

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আগামী ১৮ নভেম্বর শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন বসবে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে চতুর্থ অধিবেশনের কার্যক্রম পরিচালনার সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্ব নিয়ে আলোচনা হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, এ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। এ ছাড়া তৃতীয় অধিবেশনের পর থেকে চতুর্থ অধিবেশনের আগে তিনটি অধ্যাদেশ জারি হয়েছে। এগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ- ২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন। উপস্থিত সদস্যরা প্রস্তাবটি স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

এ সময় সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী। সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া জানান, আগামীকাল বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সংসদ চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

বৈঠকে ডেপুটি স্পিকার ই-পার্লামেন্ট কার্যক্রম এবং জাতীয় সংসদের শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া সাচিবিক দায়িত্ব পালন করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নির্বাচিত

banner close