বিশ্বঅঙ্গনে বাংলাদেশের যে পরিচিতি বেড়েছে তাতে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে দায়িত্ব নেয়া বা সদস্য হওয়া স্বাভাবিক বিষয় হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্কের এক বিশ্লেষক। তিনি বলেছেন, ‘বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এমন জায়গায় পৌঁছেছে যে, বিভিন্ন ফোরামে তাদের সদস্য হওয়ার সুযোগ বেড়েছে এবং এর পেছনে শক্তিশালী ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বৃহস্পতিবার বাংলাদেশসহ ১১টি দেশ ২০২৩-২০২৪ মেয়াদে দুই বছরের জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর বোর্ড অব গভর্নরসের সদস্য নির্বাচিত হয়। এই বোর্ডের মোট সদস্য দেশের সংখ্যা ৩৫।
সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভিয়েনায় আইএইএ-এর ৬৭তম সাধারণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনের চতুর্থ দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্য নির্বাচিত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ইকুয়েডর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, স্পেন ও ইউক্রেন।
আইএইএ-এর কার্যসূচির উদ্দেশ্য হল বিশ্বব্যাপী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে উৎসাহিত করা ও পারমাণবিক প্রযুক্তির অপব্যবহার রোধ। এছাড়া পারমাণবিক নিরাপত্তা এবং পারমাণবিক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন মানদণ্ড প্রণয়ন ও বাস্তবায়ন করাও আইএইএ-এর উদ্দেশ্য।
বাংলাদেশ এর আগে নানা ধরনের ফোরামে যুক্ত হয়েছে। ২০১৮ সালে বাংলাদেশ মর্যাদা সম্পন্ন আন্তর্জাতিক ‘বিশ্ব দক্ষতা’ ফোরামের সদস্য হয়। যুবকদের দক্ষতা উন্নয়নে এ ফোরাম কাজ করে।
নেদারল্যান্ডের আমস্টারডামে বিশ্ব দক্ষতা সম্মেলন ২০১৮-তে বাংলাদেশকে ৭৯তম দেশ হিসেবে এ স্বীকৃতি দেয়া হয়। বিশ্বের ৭৯তম সদস্য বিশিষ্ট দেশের এ বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান ৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বাংলাদেশের বিশ্বঅঙ্গনে ইতিবাচক ইমেজ গড়ে ওঠার পেছনে যে নামটি বারবারই আসে তিনি হলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৬ সালে ফরচুন ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী নেতাদের তালিকায় স্থান পান তিনি। সেবছর রাজনীতি ব্যবসা ও অন্যান্য কর্মকাণ্ড দিক থেকে সেরা ৫০ নেতার তালিকা প্রকাশ করা হয়, যেখানে প্রধানমন্ত্রী ১০ম স্থান পান। তিনি ওআইসি অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র নারী যিনি তালিকায় স্থান পান।
সম্প্রতি জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্বাক্ষরিত এক চিঠিতে এই মনোনয়নের বিষয়টি মেয়র আতিককে জানানো হয়।
এর আগে ২০২১ সালে জাতিসংঘের মাদকদ্রব্য বিষয়ক কমিশন, ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডে নির্বাচিত হয় বাংলাদেশ। জাতিসংঘের মাদকদ্রব্য বিষয়ক কমিশন (সিএনডি) ৫৩ সদস্যের একটি সংস্থা। কমিশনটি বৈশ্বিক মাদকদ্রব্য পরিস্থিতি পর্যালোচনা ও বিশ্লেষণ, সরবরাহ ও চাহিদা হ্রাস বিবেচনা এবং রেজুলেশন ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এ বিষয়ক সমস্যার সমাধানে পদক্ষেপ নিয়ে থাকে। এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, ‘বাংলাদেশের বিশ্বঅঙ্গনে যে পরিচিতি বেড়েছে তাতে করে নানা ফোরামে দায়িত্ব নেয়া, সদস্য হওয়াটাই স্বাভাবিক।’
তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে দেশ হিসেবে মর্যাদার জায়গায় পৌঁছেছে। বাণিজ্য সম্পর্ক বিভিন্ন দেশের সাথে বেড়েছে। ফলে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামের সদস্য হওয়া অস্বাভাবিক নয়। তার এখন যে এগিয়ে যাওয়া তাতে করে বাংলাদেশ চাইবে বিভিন্ন ফোরামে যেন থাকা যায়। বর্তমান বিশ্বকাঠামোতে যতবেশি বন্ধুরাষ্ট্র হয় তাতে বাংলাদেশের সুবিধাই হবে।’
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ার ঘোষণা দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। যার ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।
জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘ বছরের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধযোগ্য। এই পরিস্থিতি বদলাতে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ জোর দিয়েছে।
তিনি আরো বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা এই রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। রোগ প্রতিরোধের এই জ্ঞান দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে যাচ্ছে। তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বলেন, কাজের ধীরগতির কারণে তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের এটি ভেবে গর্বিত হওয়া উচিত যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে একটি সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে।
মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে আরো কমানোর চেষ্টা করবে বলেও জানান তিনি। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, আমরা যখন দায়িত্ব নিই, তখন অর্থনীতির অনেক সূচকই নেতিবাচক ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকিং খাতের সমস্যা। এ খাত থেকে এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে।
তিনি বলেন, দেশে এখন ব্যাংকগুলোর ঋণের ৭০-৮০ শতাংশই করপোরেট ঋণ। আমরা আগামী বছর থেকে একটা টার্গেট করে দিতে চাই, যাতে ২০ শতাংশ ঋণ যায় রিটেইল/ব্যক্তি পর্যায়ে, ৩৫ শতাংশ এসএমইতে, আর করপোরেট ঋণ ৪৫ শতাংশে থাকে। আমরা চাই করপোরেট অর্থায়ন পুঁজিবাজার থেকে হবে। আর ঋণ দেওয়ার সময় ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধ শিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের’ এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যখাতে বছরের পর বছর অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধ করা সম্ভব।
সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তারা সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি বলেন, ‘বিপুল জনসংখ্যার এই দেশকে সুস্থ-সবল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত কঠোর পরিশ্রম প্রয়োজন।’ এ সময় তিনি আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের নিষ্ঠা ও অবদানের জন্য অভিনন্দন জানান।
বর্তমান সরকার দেশের তরুণদের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে সম্পৃক্ত করতে উৎসাহিত করছে উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, ‘আমাদের আরও বেশি বিজ্ঞানী প্রয়োজন। আমরা আশা করি, নিজেদের সমস্যা নিয়ে গবেষণা, সেগুলোর সমাধান এবং প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বিশ্ব দরবারে গৌরবের সঙ্গে মাথা উঁচু করতে পারব।’
তিনি বলেন, তবে এ জন্য সরকার, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের ধৈর্যশীল সহযোগিতা, আন্তরিক অংশীদারত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা প্রয়োজন।
তরুণ বিজ্ঞানীরা গবেষণার কাজে ধীরগতির কারণে হতাশ হতে পারেন উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, তবে তাদের গর্বিত হওয়া উচিত যে, তাদের গবেষণা ও কাজ বহু মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।
বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে এবং দেশের প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আইডিইএসএইচআই আগামী বছরগুলোতে আরও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং সম্মানিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন।
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যেখানে রোগ প্রতিরোধ, প্রাণঘাতী হয়ে ওঠার আগেই রোগ শনাক্তকরণ এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আমাদের সরকার বিশেষভাবে পাঁচটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে।
বিষয়গুলো হলো—রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তায় গবেষণা জোরদার করা, স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, জীবপ্রযুক্তি ও দেশীয়ভাবে উদ্ভাবিত রোগ নির্ণয়ব্যবস্থার প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এগিয়ে নেওয়া এবং স্বাস্থ্যবিষয়ক গবেষণা ও উন্নয়নের জন্য টেকসই পরিবেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা : আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
আইডিইএসএইচআইয়ের চেয়ারম্যান আশফাক কাদরী স্বাগত বক্তব্য দেন। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মো. রফিকুর রহমান আইডিইএসএইচআইয়ের পথচলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।
অনুষ্ঠানে পাঁচটি বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো ছিল—‘থ্যালাসেমিয়া স্ক্রিনিং’, ‘নারীর স্বাস্থ্য’, ‘বাংলাদেশে বায়োলজিক্যালসের ভবিষ্যৎ’, ‘সংক্রামক রোগ’ এবং ‘জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার’।
এসব আলোচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা অংশ নেন।
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশমাতৃকার সেবায় নিজেকে ব্যাপৃত করা খুব গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যগণ নিজেদের জীবন উৎসর্গ করতে কখনো কার্পণ্য বোধ করেনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) কর্তৃক আয়োজিত ‘ভেটেরানস ডে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়া তেমনি গৌরবের। সামরিক বাহিনীতে আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’
তিনি বলেন, ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৫টি ব্যাটালিয়ন সেনাবাহিনীর ৫টি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। মহান মুক্তিযুদ্ধের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল।
স্পিকার বলেন, স্বাধীনতার অব্যবহিত পরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রশিক্ষণবিহীন এ দেশের আপামর জনতা অস্ত্র হাতে নিয়েছিল।
স্পিকার আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছিল। দেশের উন্নয়নে গণতন্ত্র ছাড়া বিকল্প পথ নেই। বিগত ১৫ বছরের ইতিহাস দুঃশাসনের ইতিহাস। ২৪ এর গণ অভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা তাদের বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্যত সঙ্গীনের সামনে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, সামরিক বাহিনী এই অভ্যুত্থানে সহায়ক ভূমিকা পালন করেছে।
স্পিকার এসময় সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে যুদ্ধের স্মৃতিচারণ করেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন। অসীম সাহসিকতা এবং ধৈর্যের সাথে মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে অংশগ্রহণের মাধ্যমে জাতির গৌরবগাঁথায় নিজেকে জড়ানোর ইতিহাস তুলে ধরেন তিনি।
এমসি কলেজ যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের সম্মুখ সমরে অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্ট বেঙ্গলের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।
সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এছাড়া রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুরে তার হার্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।
তিনি বলেন, শনিবার (১৪ নভেম্বর) সকালে হঠাৎ হৃদ্যন্ত্রে সমস্যা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে তিনি অফিস করবেন।
কন্টিনেন্টাল হাসপাতালের কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. ফজলে রাব্বি খান বলেন, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।
গত সাতদিন ধরে সরাসরি ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।
মাহমুদা মিতু বলেন, ‘গত সাতদিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে। হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’
তিনি লেখেন, ‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসউদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।’
মিতু আরও লেখেন, ‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’
নারী যাত্রীদের জন্য সুখবর নিয়ে আসছে বাংলাদেশ সরকার। যাতায়াতে সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের আশা করছে সরকার।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর গণমাধ্যমকে জানান, বাস কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি চীনের কয়েকটি বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে।
প্রচলিত উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনা হচ্ছে। এর আগে গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস কেনা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় সরকার। দুই ধাপে বাস্তবায়িতব্য এ প্রকল্পের প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের জন্য চালু হওয়া পিংক বাসসেবায় যাত্রীসংকট দেখা দিয়েছে। গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পথে ১৪টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হয়। নারী চালক ও সহকারীদের মাধ্যমে পরিচালিত এসব বাসে প্রতিদিন সাধারণত সকালে ও বিকেলে দুটি করে যাত্রা হয়। তবে অনেক সময় আসন খালি থাকে।
বিআরটিসির চেয়ারম্যান বলেন, ‘নারী যাত্রীদের সঙ্গে অনেক সময় স্বামী, ভাই বা সন্তান থাকেন। কিন্তু শুধু নারীদের জন্য বাস নির্ধারিত হওয়ায় পুরুষ সহযাত্রীরা উঠতে পারেন না। এ কারণে যাত্রী সংখ্যা কম হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ১৬ বছর বয়স পর্যন্ত বা সর্বোচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠিয়েছে বিআরটিসি।
এ ছাড়া নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য রাখার প্রস্তাবও এসেছে। এসব বিষয়ে জনমত জানতে সামাজিক জরিপের পরিকল্পনা করছে সংস্থাটি। নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বিআরটিসির।’
আন্তর্জাতিক মানের হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে এতসব সুযোগ-সুবিধা দিতে সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যদি সুযোগটা পেয়েই যায় তবে জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল সিটি’ প্রতিষ্ঠার পরিকল্পনা করবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এটি চূড়ান্ত রূপ নিতে কাজ করছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে গত বুধবার (১১ নভেম্বর) এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর. মজুমদার। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বুধবারের সেই বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি ও চিকিৎসাশিক্ষার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রস্তাবিত মেডিকেল সিটিতে উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসক ও দক্ষ নার্স তৈরির ব্যবস্থা থাকবে। আধুনিক মেডিকেল শিক্ষা ও নার্সিং প্রশিক্ষণের সুযোগও রাখা হবে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রকল্পটি গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেন ড. মুজিবুর আর. মজুমদার। বৈঠকের আগে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা অবকাঠামো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।
প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার। প্রকল্পের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা করেন তারা। ড. মুজিবুর আর. মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এএসএএএল’র সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী। এ ছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং নিউইয়র্ক সিটি ও স্টেটের স্বাস্থ্য খাতে কর্মরত অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স কনসালট্যান্ট মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার যাবতীয় আইনি প্রস্তুতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায় এখন ভারতের ওপর রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সরকারের এ অবস্থানের কথা জানান তিনি।
আইনমন্ত্রী উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রদত্ত রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আইনি আপিল করার কোনো সুযোগ অবশিষ্ট নেই। তিনি স্মরণ করিয়ে দেন যে, তাঁর পিতা শেখ মুজিবুর রহমানের শাসনামলেই এই কঠোর বিধানসংবলিত আইনটি প্রণয়ন করা হয়েছিল। এর পাশাপাশি চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জেলা পর্যায়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনাগুলোর আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম খুব দ্রুত শুরু হতে যাচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।
রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবে। এছাড়া দেশের সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোর সেবা সহজীকরণ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, সাধারণ নাগরিকদের যেকোনো প্রকার ভোগান্তি ও প্রশাসনিক হয়রানি থেকে মুক্ত রাখা হবে এবং এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ছাড় না দিয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা সুদৃঢ় করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের কৌশলগত এলাকাগুলোতে মোট ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো প্রকার অপ্রীতিকর বা অস্থিতিশীল পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে বিজিবি সদস্যরা মাঠে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া, সাভার, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকার শিল্পাঞ্চলে বিজিবি সদস্যদের সতর্ক উপস্থিতি রয়েছে। একইভাবে নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ প্রতিটি সংবেদনশীল কারখানাবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা জানান, স্থানীয় বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে বিজিবি সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলগুলোর সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে নজরদারিতে রাখতে আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগ নিশ্চিত করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন, টহল সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা এবং উন্নত ডিভাইসের মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সহনশীলতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে তিন কোটি মার্কিন ডলারের অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ।
প্রাথমিকভাবে এ অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। এ অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ু বান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যয় করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
স্থানীয় সময় বিকেল ৩টায় সম্মেলনের ব্লু জোনের জোন ডি-৩-এর সংবাদ সম্মেলনের রুম-১-এ এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এর আয়োজন করে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও তাপপ্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি, অবকাঠামো ও উন্নয়ন অর্জনকে হুমকির মুখে ফেলছে।
তিনি বলেন, বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
পরিবেশমন্ত্রী বলেন, সীমিত সম্পদ ও সক্ষমতা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উচ্চাভিলাষী পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রচলিত কার্যক্রম অব্যাহত থাকার পরিস্থিতির তুলনায় নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা সাপেক্ষে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং স্থানীয় জনগোষ্ঠীনির্ভর অভিযোজন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জলবায়ু অর্থায়নের বিষয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। স্বল্পোন্নত দেশগুলোর জোট ২০৩৫ সালের আগেই অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়িয়ে বছরে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে। বাংলাদেশ এ দাবির প্রতি সমর্থন জানায়।
তিনি আরও বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ড থেকে অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে হবে। জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সরাসরি ও অনুদানভিত্তিক অর্থায়নের সুযোগ বাড়ানো প্রয়োজন।
অভিযোজন কার্যক্রম প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু অভিযোজনকে শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনার বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীনির্ভর উদ্যোগ সম্প্রসারণ করতে হবে। এ জন্য আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা অপরিহার্য।
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বর্তমান বাস্তবতা। ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজে জমা পড়া প্রকল্প প্রস্তাবের তুলনায় বিদ্যমান অর্থ অপর্যাপ্ত। এ অবস্থায় তহবিলে উন্নত দেশগুলোর অবদান বাড়ানো, অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি অর্থনীতি বহির্ভূত ক্ষতি মোকাবিলায়ও কার্যকর সহায়তা প্রয়োজন।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে প্রশমন কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ২০২৬ সালের পরও প্রশমন কর্মসূচি অব্যাহত রেখে ২০৩০ সাল পর্যন্ত কার্যকর করার পক্ষে। এ জন্য উন্নয়নশীল দেশগুলোকে পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা দিতে হবে।
জ্বালানি ও অর্থনৈতিক ব্যবস্থার ন্যায্য রূপান্তরের বিষয়ে তিনি বলেন, জলবায়ুবান্ধব অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে শ্রমিক, কৃষক, নারী, তরুণ, অনানুষ্ঠানিক খাতের কর্মী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। শোভন কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং পরিচ্ছন্ন প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
কপ-৩১ সম্মেলনের আলোচনার অগ্রগতি তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রথম চার দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এগোলেও বেশ কিছু বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ ও চীন এবং অন্যান্য সহযোগী দেশের সঙ্গে সমন্বয় করে উচ্চাভিলাষী, ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ ফলাফল অর্জনে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল শক্তিশালীকরণ, প্রশমন কর্মসূচি অব্যাহত রাখা, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য রূপান্তরের বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে।
সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই উল্লেখ করে তিনি জাতীয় সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান।
নারীশিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলেও তিনি জানান।
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের শিকড়ের টান অপ্রতিরোধ্য। এই বিদ্যালয় থেকে অনেক কৃতী শিক্ষার্থী বের হয়েছেন। বিদ্যালয় তাদের অনেক কিছু দিয়েছে, এবার প্রাক্তনদেরও কিছু দেওয়ার পালা। এ সময় অর্থাভাবে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। নিজের স্কুলজীবনের স্মৃতিচারণা করে বরিশাল জিলা স্কুলের এই প্রাক্তন ছাত্র বলেন, স্কুলজীবনের স্মৃতি কেউ ভুলতে পারে না।