রোববার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রাহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ‘সফট ওপেনিং’ করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ‘সফট ওপেনিং’ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ভিডিও থেকে নেয়া
আপডেটেড
৭ অক্টোবর, ২০২৩ ১২:১৩
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৩ ১২:০১

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ‘সফট ওপেনিং’ (আংশিক উদ্বোধন) করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ১২টার দিকে নবনির্মিত এ টার্মিনাল উদ্বোধন করেন তিনি।

বড় পরিসর ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ টার্মিনাল দেশের এভিয়েশন খাতে নতুন দুয়ার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। টার্মিনালটির অবকাঠামো নির্মাণকাজের বেশিরভাগই শেষ হয়ে এসেছে। দৃশ্যমান হয়েছে দৃষ্টিনন্দন টার্মিনাল ভবন ও কার পার্কিং ভবন। বাকি কাজ সমাপ্ত করতে দিন-রাত নিরলস কাজ করে চলেছেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলী, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শ্রমিক। টার্মিনালটি থেকে পুরোপুরি সুবিধা পেতে যাত্রীদের অপেক্ষা করতে হবে ২০২৪ সালের শেষ পর্যন্ত।

নবনির্মিত থার্ড টার্মিনালে এরই মধ্যে লিফট, এসকেলেটর, ইমিগ্রেশন বুথ, দৃষ্টিনন্দন সিলিং, গ্লাস ও টাইলস ফিটিংয়ের কাজও প্রায় শেষ।

এ টার্মিনাল ভবনের নকশা করেছেন সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার রোহানি বাহারিন। তিনি চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল-৩ ছাড়াও চীনের গুয়াংজুর এটিসি টাওয়ার, ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের নকশা তৈরি করেছেন।

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আয়তন দুই লাখ ৩০ হাজার বর্গমিটার। তিন তলাবিশিষ্ট এই টার্মিনালে থাকবে মোট ২৬টি বোর্ডিং ব্রিজ। বহির্গমনের জন্য ১১৫টি চেক-ইন কাউন্টার থাকবে। এর মধ্যে ১৫টি সেলফ সার্ভিস চেক-ইন কাউন্টার।

এ ছাড়া ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টারসহ বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার থাকবে ৬৬টি। আর আগমনীর ক্ষেত্রে পাঁচটি স্বয়ংক্রিয় চেক-ইন কাউন্টারসহ মোট ৫৯টি কাউন্টার থাকবে।

শাহজালাল বিমানবন্দরে বিদ্যমান দুই টার্মিনাল মিলে লাগেজ বেল্ট আছে আটটি। সেখানে তৃতীয় টার্মিনালে আগমনী যাত্রীদের জন্য থাকছে ১৬টি লাগেজ বেল্ট। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে চারটি আলাদা বেল্ট।

তৃতীয় টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে। এ ছাড়া থাকছে এক হাজার ৪৪টি গাড়ি ধারণক্ষমতাসম্পন্ন বহুতল কার পার্কিং।


নির্বাচিত

বিএডিসির ডাল ও তৈলবীজ প্রকল্পে নতুন দিগন্ত: বাড়ছে উৎপাদন, কমবে আমদানি নির্ভরতা

* জাতীয় অর্থনীতিতে যুক্ত হতে যাচ্ছে প্রায় ৩ হাজার কোটি টাকা
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
​নিজস্ব প্রতিবেদক

কৃষকের হাতে যথাসময়ে গুণগতমানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং কৃষিপণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তার পাশাপাশি পুষ্টিনিরাপত্তা জোরদারকরণ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘ডাল ও তৈল বীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি।

​বর্তমানে দেশে ডালের বার্ষিক চাহিদা ২৫.০০ লক্ষ মে.টন; উৎপাদন মাত্র ৯.৩৭ লক্ষ মে. টন এবং ভোজ্য তেলের বার্ষিক চাহিদা ২৪.৮২ লক্ষ মে.টন; উৎপাদন মাত্র ১০.৬৪ লক্ষ মে. টন (তথ্যসূত্র: ডিএই)। এজন্য অতিরিক্ত চাহিদা মেটাতে বিদেশ থেকে ডাল ও তেল আমদানি করতে হয়। এতে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করা হয়। দেশে ডাল ও তেলের আমদানি নির্ভরতা কমাতে হলে ডাল ও তৈল ফসলের উৎপাদন বাড়াতে হবে। এজন্য প্রয়োজন উন্নত ও উচ্চ ফলনশীল জাতের গুণগতমানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন। এ পরিপ্রেক্ষিতে বিএডিসি’র ডাল ও তৈলবীজ বিভাগের মাধ্যমে গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন ও সরবরাহ সক্ষমতা বৃদ্ধিকল্পে ‘ডাল ও তৈল বীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

​২০২৪ সালের ০৮ ডিসেম্বর একনেক কর্তৃক অনুমোদিত এ প্রকল্পটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও কৃষকদের মাঝে বিতরণের মাধ্যমে দেশের বীজের চাহিদা পূরণ, উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।

​প্রকল্পের আওতায় মোট ১৮ হাজার মেট্রিক টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে তিনটি ডাল ও তৈলবীজ খামার, তিনটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং ১২টি চুক্তিবদ্ধ চাষী জোনের মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৪২টি জেলা, দুটি সিটি কর্পোরেশন এবং ২০০টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

​সাধারণভাবে কৃষকদের মাধ্যমে উৎপাদিত ১৮,০০০.০০০ মে.টন ডাল ও তৈলবীজ ব্যবহার করে আনুমানিক ৩০,২৯,৮৪৯ একর জমিতে প্রায় ১২,৮২,৮৯৬.৮৩ মে.টন ফসল উৎপাদন হবে, যার আনুমানিক মূল্য ১৪,৮২২.৩৫ কোটি টাকা হবে। গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ ব্যবহারে ফসলের ফলন সাধারণত ১৫-২০% বেশি হয়। প্রকল্পের মেয়াদে উৎপাদিত ১৮,০০০.০০ মে.টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ দেশে কৃষকদের মাধ্যমে ব্যবহারের ফলে আনুমানিক ৩০,২৯,৮৪৯ একর জমিতে প্রায় ২,৫৬,৪৯৯.৩৬৫ মে.টন ফসল বেশি উৎপাদন হবে বলে আশা করা যায়, যার আনুমানিক বাজারমূল্য ২,৯৬৪.৪৭ কোটি টাকা। সুতরাং বর্ণিত প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশে ২,৯৬৪.৪৭ কোটি টাকা অবদান রাখবে বলে আশা করা যায়।

​অন্যদিকে, বর্ণিত প্রকল্পের আওতায় ২০০০ জন চুক্তিবদ্ধ চাষিকে ডাল ও তৈলবীজ উৎপাদন কলা-কৌশল বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রকল্পের আওতায় কিছু যন্ত্রপাতি, মেশিনারীজ ও অবকাঠামো নির্মাণ করা হবে, যা ডাল ও তৈলবীজ বিভাগের স্থায়ী সম্পদ হিসাবে গণ্য হবে।

​প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ২৬৫ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার টাকা। এর মধ্যে প্রশাসনিক ও রাজস্ব খাতে ব্যয় ২৩৯ কোটি ৮ লাখ ৬৭ হাজার টাকা এবং উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় ২৩ কোটি ৯৮ লাখ ৬২ হাজার টাকা। সীমিত উন্নয়ন ব্যয় সত্ত্বেও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

​উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি

২০২৫-২০২৬ অর্থবছরে চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে ৩,৭২৩.১১২ মেট্রিক টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ডাল জাতীয় বীজ ১,৯১৫.৯৩১ মেট্রিক টন এবং তৈলবীজ ১,৮০৯.১৮১ মেট্রিক টন। এই উৎপাদিত বীজ ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মাঝে বিতরণ/সরবরাহ করা হচ্ছে। এসব উন্নতমানের বীজ ব্যবহারের ফলে আনুমানিক ৬,০৬,৩৬০.০০০ একর জমিতে প্রায় ৫১,৪৫৫.০০৬ মে.টন ফসল বেশি উৎপাদন হবে বলে আশা করা যায়, যার আনুমানিক বাজারমূল্য ৫৯৭.৫৭ কোটি টাকা। সুতরাং ২০২৬-২৭ অর্থবছরে দেশের জাতীয় অর্থনীতিতে অতিরিক্ত প্রায় ৬০০ কোটি টাকা সরাসরি যুক্ত হবে এবং প্রায় আট গুণ টার্নওভার সৃষ্টি করবে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রকল্পের আওতায় মোট ৬৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

​দক্ষ নেতৃত্বে দৃশ্যমান অগ্রগতি

প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন প্রকল্প পরিচালক ড. মো: শফিকুল ইসলাম। তিনি ২০২৪ সালের ১৩ আগস্ট বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগে যোগদান করেন। যোগদানের পরপরই তিনি প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন, পিইসি সভায় অনুমোদন এবং পরবর্তীতে একনেকে অনুমোদনের পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন। তিনি দায়িত্ব গ্রহণের পর প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে পিইসি ও একনেকে অনুমোদন, মাঠপর্যায়ে কার্যক্রম সমন্বয়, চুক্তিবদ্ধ কৃষকদের সম্পৃক্তকরণ, বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় নিয়ে আসেন। তাঁর নিয়মিত মাঠ পরিদর্শন, সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানের উদ্যোগ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়মতো কার্যক্রম বাস্তবায়নের ফলে প্রকল্পটি নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মাঠপর্যায়ের কৃষকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে তিনি প্রকল্প বাস্তবায়নে একটি কার্যকর ও ফলপ্রসূ প্রশাসনিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তাঁর নেতৃত্বে প্রকল্পের কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে। সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে তিনি নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সততা, স্বচ্ছতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে তিনি প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

​মাঠ পর্যায়ে ইতিবাচক সাড়া

নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, চলতি রবি মৌসুমে দেশে কৃষকদের মধ্যে ডাল ও তৈলবীজ উৎপাদনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কৃষকদের মাঝে এ প্রকল্প কর্তৃক উৎপাদিত সরিষা, সয়াবিন, চিনাবাদাম, তিল ও সূর্যমুখীসহ বিভিন্ন তৈলবীজ এবং মসুর, মুগ, খেসারি, ছোলা, মাসকলাই, মটর ও ফেলন জাতীয় ডালবীজ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কৃষকদের ভাষ্য, বিএডিসি কর্তৃক সরবরাহকৃত গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ ব্যবহারের ফলে উৎপাদন বাড়ছে, উৎপাদন খরচ তুলনামূলক কমছে এবং বাজারে ভালো দাম পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

​প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ

প্রকল্পের আওতায় ২,০০০ জন চুক্তিবদ্ধ চাষীকে ডাল ও তৈলবীজের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি চুক্তিবদ্ধ এলাকায় কৃষক-কৃষাণী ও কৃষি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্প।

​কেন এ প্রকল্প গুরুত্বপূর্ণ

বর্তমানে দেশে ডালের বার্ষিক চাহিদা ২৫ লাখ মেট্রিক টন, বিপরীতে উৎপাদন মাত্র ৯.৩৭ লাখ মেট্রিক টন। একইভাবে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২৪.৮২ লাখ মেট্রিক টন, অথচ উৎপাদন মাত্র ১০.৬৪ লাখ মেট্রিক টন। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ ডাল ও ভোজ্যতেল আমদানি করতে হয়, যার জন্য ব্যয় হয় উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা। এই আমদানি নির্ভরতা কমাতে উন্নত ও উচ্চফলনশীল গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন ও সরবরাহ বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

​ডাল ও তৈলবীজ উৎপাদন বৃদ্ধি শুধু খাদ্য ও পুষ্টি নিরাপত্তাই নিশ্চিত করবে না, একই সঙ্গে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কৃষকের মাথাপিছু আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। বাস্তবভিত্তিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিএডিসির "ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)" দেশের কৃষি ও পুষ্টি নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।


নির্বাচিত

সেনাবাহিনীতে রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পরিবর্তনের পর ৪টি পদাতিক ডিভিশনের অধিনায়কত্বসহ আনসার ও ভিডিপি, বিপসট এবং বিআইআইএসএসের শীর্ষ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

রদবদলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে। এছাড়া ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক করা হয়েছে। বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এই ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান মেজর জেনারেল হাফিজ এবং ১৯ পদাতিক ডিভিশনের অধিনায়ক (জিওসি) ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে পেষণে নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি, মোজাম্মেল হোসাইন ও রাজুকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ইমানিকে ১১ পদাতিক ডিভিশন এবং মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


নির্বাচিত

ডিসেম্বরে কোনো শঙ্কা নেই: এসআরবি

এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এম জেড এম ইন্তেখাব চৌধুরী। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা করছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নে ডিসেম্বরে নিরাপত্তা প্রসংগে ইন্তেখাব চৌধুরী বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আশঙ্কা আমরা করছি না। আমরা মাঠে আছি। অন্যান্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত কিছুদিনে খুলনায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এসআরবি-৬ এর বিভিন্ন দল ইউনিফর্মে ও সাদা পোশাকে সেখানে কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন অভিযানের মাধ্যমে দুষ্কৃতিকারী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গত কয়েক দিনে খুলনায় এসআরবির বেশ কয়েকটি অভিযান সফল হয়েছে। এর সবগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা সম্ভব হয়নি।

ইন্তেখাব চৌধুরী বলেন, খুলনায় যারা অপরাধ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক চেষ্টা চলছে।

অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্য জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কারণ, প্রকাশ করা হলে সেটি আর গোয়েন্দা তথ্য থাকে না। কোনো অপরাধ সংঘটিত হওয়ার তথ্য পাওয়ার পরপরই গোয়েন্দা দল কাজ শুরু করে। পাশাপাশি অভিযানিক দল মাঠপর্যায়ে গিয়ে চাক্ষুষ প্রমাণ, সাক্ষ্য, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন আলামত সংগ্রহ করে। সব তথ্য যাচাই-বাছাইয়ের পর অভিযান পরিচালনা করা হয়। রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে ইন্তেখাব চৌধুরী বলেন, মাঠপর্যায়ে এসআরবির কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও ফুট পেট্রোল অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে যেসব সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, সেগুলো বিশ্লেষণ করে ওই সময়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে অনুযায়ী মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।

অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিষয়েও নজরদারি করা হচ্ছে জানিয়ে ইন্তেখাব চৌধুরী বলেন, এ ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। কোনো তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযানিক দল কাজ করছে। এত চেকপোস্ট ও টহলের পরও কীভাবে নাশকতার ঘটনা ঘটছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো ঢাকা শহরকে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢেকে রাখা সম্ভব নয়। ঢাকা অনেক বড় একটি শহর। তবে এসআরবি, বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের বিষয়ে ইন্তেখাব চৌধুরী বলেন, ঘটনাগুলোর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি চেকপোস্টগুলোতে মোটরসাইকেল আরোহী এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।


নির্বাচিত

নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত
আপডেটেড ১৫ নভেম্বর, ২০২৬ ২০:০৮
নিজস্ব প্রতিবেদক

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।

সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথমে নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

একইসঙ্গে বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

এছাড়া পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন।

এ সময় তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।


নির্বাচিত

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সংসদীয় কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া দেশে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি জানান।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তিনি এ কথা বলেছেন। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৈঠকে বলেন, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুট চিহ্নিত করার বিষয়টি পর্যালোচনা করা হয়। মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি ও অভিযান জোরদার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে কমিটির সদস্য হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।

কমিটির আরেক সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ কিংবা দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে আরও অংশ নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা।


নির্বাচিত

সংসদে আমির হামজা প্রশ্ন করতে দাঁড়াতেই এমপিদের হট্টগোল

সংসদ সদস্য আমির হামজা। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা তারকা চিহ্নিত প্রশ্ন করতে সংসদে দাঁড়াতেই উত্তেজনা তৈরি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। এসময় অধিবেশনের সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ডেপুটি স্পিকার আমির হামজাকে প্রশ্ন করতে আহ্বান জানানোর পর তিনি উঠে দাঁড়ান। এ সময় সরকার দলীয় বেশ কিছু এমপি হইচই শুরু করেন। উত্তপ্ত হয়ে সংসদের পরিবেশ। এ সময় সরকার দলীয় অনেক এমপিই আবার তাদের থামতে ইশারা করেন।

পরিস্থিতি শান্ত হলে আমির হামজা খাদ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, কুষ্টিয়া জেলার সদর উপজেলার ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনার পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা?

জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অভ্যন্তরীণ আমন ও বোরো সংগ্রহ মৌসুমে সরকার দেশব্যাপী খাদ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। সেই হিসেবে কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য দেওয়ার লক্ষ্যে বর্তমান আমন সংগ্রহ মৌসুমেও সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে।

তিনি আরও বলেন, ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে, যা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।


নির্বাচিত

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো সম্পন্ন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে আজ তার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।


নির্বাচিত

রমজান উপলক্ষে খেজুর ও ফল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২৭তম বৈঠক অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

এছাড়া মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি হতে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০১০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০১০ ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রস্তাব দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন খসড়া অনুযায়ী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র প্রদানের বাধ্যবাধকতা শিথিলপূর্বক প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান প্রণয়ন করা হয়।

এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় পরবর্তী সময়ে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশের বিধান সংশোধনপূর্বক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা-৬৪ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কর্তৃক ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ গত ১৪ অক্টোবর জারি করা হয়।

জারিকৃত অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।


নির্বাচিত

বাড়ছে ট্রেনের বগি, চালু হচ্ছে নতুন রুট

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেলওয়েকে ঢেলে সাজানোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে রেল ও সড়ক মন্ত্রণালয়। কীভাবে আয় বাড়ানো যায়, নতুন নতুন কোন রুটে ট্রেন চলাচলে লাভজনক হবে পাশাপাশি সেবার মানও বাড়ানোর জন্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। অতিরিক্ত কোচ সংযোজন, স্টেশনগুলোতে দোকান বরাদ্দ এবং কমিউটার ট্রেনের সংখ্যা ও কার্যক্রম বাড়ানোর সংযোজন করা হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সভাপতিত্ব করেন। ওইদিনের সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

সভায় সিদ্ধান্ত হয়, ২০২৬-২৭ অর্থবছরের আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো স্ট্যান্ডার্ড কম্পোজিশন অনুযায়ী পরিচালনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্ক্র্যাপ বিক্রি থেকে রাজস্ব আয় বাড়াতে আহ্বান করা দরপত্র দ্রুত নিষ্পত্তি এবং আয় কমার কারণ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। সভায় আরও সিদ্ধান্ত হয় কমিউটার, লোকাল ও মেইল ট্রেন লিজ দেওয়ার বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়ার জন্য। নবনির্মিত স্টেশনগুলোতে দোকান বরাদ্দের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জ লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে উন্নীত করার বিষয়েও নির্দেশনা দেওয়া রয়েছে। রোববার (১৫ নভেম্বর) এ বিষয়ে একাধিক রেল কর্মকর্তার সাথে কথা বলে এসব জানা গেছে।

জয়দেবপুর কমিউটার ৩-৪ ট্রেনের গত ছয় মাসের যাত্রীসংখ্যা ও আয়ের পরিসংখ্যান পর্যালোচনা করে পরিচালনার বিষয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে ১৩৫/১৩৬ নম্বর অভিবাসী কমিউটার ট্রেনের রুট গোবরা পর্যন্ত সম্প্রসারণ করে পরিচালনার প্রস্তাব দিতে বলা হয়েছে। অন্যদিকে ৭৭৫/৭৭৬ নম্বর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আগের রুটে, অর্থাৎ ঈশ্বরদী থেকে পরিচালনার বিষয়ে যাচাই-বাছাই করে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভূসম্পত্তি বিভাগকে হিসাব বিভাগের সঙ্গে আয়ের হিসাব সমন্বয় করে পরবর্তী ওয়ার্কিং মিটিংয়ে উপস্থাপন করতে বলা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, চিলমারী থেকে শাটল ট্রেনের মাধ্যমে কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে প্রস্তাব পাঠাতে হবে। যাত্রী চাহিদা বিবেচনায় বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থাও নিতে হবে। এ ছাড়া মোংলা-ঢাকা রুটে একজোড়া আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিতে বলা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে রেলের আয় বৃদ্ধি ও যাত্রীসেবা উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে রেল কর্তৃপক্ষ খুব শীঘ্রই রেল সংযোজনের এসব নির্দেশনা বাস্তবায়ন করবে।


নির্বাচিত

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সরকার আইএমএফের নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এডিবির আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

কাজের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করছি তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।’ একই প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। এভ্রিথিং উইল বি অন।’

পূর্ববর্তী কর্মসূচি ও বর্তমান সরকারের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শর্তের কারণে আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে গেছি তা নয়। আগের প্রোগ্রাম বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্বাচিত সরকারের জন্য সে কাজগুলো করা সম্ভব না।’

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ‘সময়ের প্রয়োজন আছে। রাতারাতি করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটার জন্য জনগণকে ভুগতে হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।’

বৈশ্বিক প্রেক্ষাপট ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে অর্থমন্ত্রী জানান, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এটা মাথায় রেখে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক অ্যালাইন করতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সঙ্গে সবাই অ্যালাইন হচ্ছে। বিশ্বব্যাংক হচ্ছে, এডিবি হয়েছে, জাইকা হচ্ছে। সব অংশীদার আমাদের প্রোগ্রামের সঙ্গে অ্যালাইন না হলে কাজগুলো আমরা করতে পারব না এবং আইএমএফও অ্যালাইন হচ্ছে।’


নির্বাচিত

বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকারী সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত অবস্থায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার, পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম অভিমুখে এগিয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের ভেতরে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা কিংবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে নিম্নচাপ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় সাগর উত্তাল হয়ে উঠেছে।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতির আলোকে জেলে ও সমুদ্রগামী নৌযান পরিচালনাকারীদের নিয়মিত সরকারি আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করতে এবং নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:

নির্বাচিত

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত, বসানো হবে রিং

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, এসব ব্লকের চিকিৎসায় তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এনজিওগ্রাম সম্পন্ন করেন। হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা নিয়ে শনিবার সকালে মন্ত্রীকে হাসপাতালে আনা হলে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একটি চিকিৎসক দল তাঁর এনজিওগ্রাম করেন।

পরিবারের একজন সদস্য জানান, হাসপাতালে ভর্তির পর এনজিওগ্রাম পরীক্ষায় স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়। পরবর্তী চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর এনজিওপ্লাস্টি করা হবে এবং এরই ধারাবাহিকতায় স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছেন।

পারিবারিক সূত্র আরও উল্লেখ করেছে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে তাঁর আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


নির্বাচিত

ভারতীয় ভিসায় নতুন নিয়ম, কমছে আবেদনের জটিলতা

পর্যটকদের জন্য বিশেষ সুবিধা
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ভিসা আবেদন প্রক্রিয়ার দীর্ঘদিনের জটিলতা দূর করে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত সরকার। সংস্কারের অংশ হিসেবে দেশটির ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টিতে এবং ৪৯টি উপশ্রেণি কমিয়ে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। এর ফলে আবেদনকারীদের তথ্য প্রদানের ঝামেলা কমার পাশাপাশি পুরো প্রক্রিয়াটি আরও সহজতর হবে বলে প্রত্যাশা করছে ভারত সরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, ভিসা আবেদনের ফরমেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরম থেকে প্রয়োজনীয় তথ্যের কলাম বা ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হ্রাস করা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় তথ্য সরবরাহের বাধ্যবাধকতা কমে আসে। নতুন এই কাঠামোতে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয়টি প্রধান ক্যাটাগরিতে ভিসা ইস্যু করবে ভারত।

নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটন ভিসায়; পূর্বের ‘ট্যুরিস্ট ভিসা’ বদলে এর নাম রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এই ভিসার আওতায় শুধু ভ্রমণই নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্প বিষয়ে স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে। ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২ নামে দুটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে একাধিকবার ভারতে প্রবেশের সুবিধাসহ ভি-১ ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন। অপরদিকে, আবেদনকারীর প্রয়োজন ও যোগ্যতা সাপেক্ষে ভি-২ ভিসার মেয়াদ এক, পাঁচ কিংবা ১০ বছর হতে পারে, যা দীর্ঘমেয়াদি পর্যটন ও পর্বতারোহণের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।

চিকিৎসাসেবা নিতে ভারতে গমনেচ্ছু বিদেশি নাগরিক এবং তাঁদের সহকারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে নতুন নিয়মে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে, যেগুলোর মেয়াদ সাধারণত এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পাশাপাশি রোগীর সঙ্গে যাওয়া স্বজন বা সহকারীদের জন্য সাধারণ চিকিৎসায় এম-২ এবং আয়ুশ চিকিৎসার ক্ষেত্রে এম-৪ ভিসা বরাদ্দ থাকছে, যা রোগী ও তাঁদের সহায়তাকারীদের বারবার নতুন করে ভিসা আবেদনের প্রয়োজনীয়তা কমাবে।

শিক্ষার্থীদের জন্যও ভিসার ধরন আলাদাভাবে নির্দিষ্ট করা হয়েছে। স্কুল পর্যায় থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার জন্য এস-১ এবং পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক ও ইন্টার্নশিপের জন্য এস-২ ভিসা দেওয়া হবে। এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা পাবেন ই-এস১ ভিসা। একাধিকবার প্রবেশের সুযোগসংবলিত এই ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদকাল পর্যন্ত হতে পারে।

ব্যবসায়িক ভিসাকেও দুটি শ্রেণিতে বিভক্ত করে বি-১ ও বি-২ চালু করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে বি-১ ভিসা প্রযোজ্য হবে; আর স্বল্পমেয়াদি ব্যবসায়িক চুক্তি, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজে দেওয়া হবে বি-২ ভিসা। একই সঙ্গে ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদন কার্যক্রম এবং তথ্যপ্রযুক্তি সহায়তা দিতে যাওয়া বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে; তাঁরা ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির অধীনে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাওয়ার সুযোগ পাবেন।

নতুন এই ভিসা কাঠামোয় কূটনীতিক, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিসা ব্যবস্থা বহাল রাখা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং আবেদনকারীদের ভোগান্তি দূর করতেই এই সংস্কার আনা হয়েছে। বর্তমানে নতুন ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে ভিসা-সংক্রান্ত প্রযুক্তিগত ও আইটি ব্যবস্থা হালনাগাদের কাজ চলমান রয়েছে।

বিষয়:

নির্বাচিত

banner close