সুষ্ঠু নির্বাচনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তবে নির্বাচনকে সংঘাতহীন করতে সব দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।
এই প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, দেশের শাসনতন্ত্র মেনে নির্বাচন হবে বলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন পর্যবেক্ষক দল জানতে চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে। আমরা তাদের জানিয়েছি, সুষ্ঠু নির্বাচন হবে, তবে সংঘাতহীন হবে কি না তার নিশ্চয়তা দিতে পারছি না। এজন্য সব দলকে সহযোগিতার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করতে হবে। তবেই সংঘাতহীন নির্বাচন হবে।’
মোমেন বলেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। দুনিয়াতে যেভাবে নির্বাচন হয় শাসনতন্ত্র মেনে, আমরা সেভাবে নির্বাচন করব বলে তাদের জানিয়েছি। আমাদের শাসনতন্ত্রে নির্বাচনকালীন সরকার বলতে কিছু নেই।’
পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এরা সবাই অত্যন্ত পরিপক্ব লোক। এরা এসেছে একটা অবাধ নির্বাচন অ্যাসেসমেন্ট করতে। তারা জানতে এসেছে, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে আমরা কী কী কাজ করেছি। তাদের নিজেদের কোনো মতামত নেই। তারা শুধু জানতে চেয়েছে, কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমরা বলেছি, আমাদের এসব দেশে বেশ সংঘাত হয়, নির্বাচন হলেই সংঘাত হয়।’
মোমেন বলেন, ‘আমরা তাদের বলেছি, আমরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করব। আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। যেখানে ভায়োলেন্সও হবে না। কিন্তু আমরা চাইলেই তা হবে না। সব দল ও মতের স্বঃতস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হবে। কেউ কেউ বলছেন, ভোট বর্জন করতে। আমরা চাই সবাই নির্বাচন করুক। যার গ্রহণযোগ্যতা বেশি সে দল জয়লাভ করবে এবং সরকার গঠন করবে।’
পর্যবেক্ষক দল সব দলের অংশগ্রহণ নিয়ে কোনো বার্তা দিয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কিছু বলেনি। এ সম্পর্কে কোনো আলোচনা করিনি। তবে আমরা চাই, সবাই নির্বাচনে অংশ নিক। কিন্তু আমরা জোর করে কাউকে বলি না, নির্বাচনে অংশ নাও।’
সব দলকে ভোটে নিয়ে আসতে সরকার কোনো উদ্যোগ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ‘এ ব্যাপারে আমাদের দিক থেকে…। যারা নির্বাচন করতে চায় আমাদের দিক থেকে স্বাগতম। আসা না আসা তাদের সিদ্ধান্ত।’
ভোট কারচুপি নিয়ে এবং বেচাকেনা নিয়ে সরকার সতর্ক অবস্থানে থাকবে বার্তা দিয়ে মোমেন বলেন, ‘আমরা কাউকে জোর করে ভোট দেওয়াই না বা কোনো দলের পক্ষে ভোট দেওয়ার জন্য জোর করব না। আমরা চাই, তারা ইচ্ছেমতো ভোট দেবে। এ রকম ব্যবস্থা আমরা করেছি।’
‘আমরা বলেছি, ক্যাম্পেইন প্রসেসে যেন কোনো ধরনের ভায়োলেন্স না হয়। যেন ভোট বেচাকেনা না হয় বা ভোট কারচুপি না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক। আমরা চাই না কেউ জোর করে কাউকে ভোট দিতে বাধ্য করুক’, যোগ করেন মন্ত্রী।
এর আগে রোববার বিকেল তিনটার দিকে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের ছয় সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছান। আগামী ১২ অক্টোবর পর্যন্ত তারা সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে দেখা করবেন।
এনডিআই এবং আইআরআই হল নির্দলীয়, বেসরকারি সংস্থা; যা বিশ্বব্যাপী গণতন্ত্রের অনুশীলনকে সমর্থন ও শক্তিশালী করতে কাজ করে। সংস্থা দুটি সম্মিলিতভাবে গত ৩০ বছরে ৫০টিরও বেশি দেশে ২০০টিরও বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে।
প্রতিনিধি দলের কো-চেয়ার স্টেট ফর সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল এফ ইনডারফুর্থ বলেন, ‘যেহেতু বাংলাদেশ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তাই দেশটিকে আজ সমর্থনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আন্তর্জাতিক সম্প্রদায়।’
আইআরআই ও এনডিআই মিশন নির্বাচনের প্রস্তুতি অবস্থার মূল্যায়ন শুরু করেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখানে বিভিন্ন অংশীজনের কথা শুনতে এবং একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের সমর্থন জানাতে এসেছি।’
প্রতিনিধিদলে কো-চেয়ার হিসেবে আছেন ইনডারফুর্থ এবং ইউএসএআইডি অ্যাডমিনিস্ট্রেটরের সাবেক ডেপুটি বনি গ্লিক। আরও আছেন মালয়েশিয়ার সাবেক হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাবেক সহযোগী কাউন্সেল জামিল জাফর, এশিয়া-প্যাসিফিকের এনডিআই রিজিওনাল ডিরেক্টর মনপ্রীত সিং আনন্দ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আইআরআইয়ের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও।
জ্বালানি সংকটের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটানোর মতো এলএনজি কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬ এ তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। আগামী জানুয়ারি মাসের জন্যও জ্বালানি কেনার পরিকল্পনা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের সময় এফএসআরইউ-সংক্রান্ত সমস্যার কারণে দেশে গ্যাসের চাপ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। পাশাপাশি শিল্পকারখানাগুলোও ব্যাপক ভোগান্তিতে পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়। সিঙ্গাপুরের বাজার থেকে কেনা এলএনজির দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে প্রতি ইউনিট এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা ৩১ ডলারে পৌঁছায়।
বিদ্যুৎমন্ত্রী বলেন, এলএনজির দাম বেড়ে যাওয়ায় গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রায় সমান হয়ে যায়। এ কারণে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কিছু ইউনিট চালু করে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
আপাতত চার ফ্লাইট দিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড বা তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু হবে। আপাতত দুটি আগমনী ফ্লাইট ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন বলে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণ বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
‘নির্ধারিত সময়ে টার্মিনাল-৩-এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।’
সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সচল করার কার্যক্রম অব্যাহত থাকবে।’
বৈঠকে উপস্থিত থাকা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আপাতত চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে। ফ্লাইটগুলো নিয়মিত চলবে। ধীরে-ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।
‘অন্যান্য কাজও চলমান থাকবে। এরপর আগামী মার্চে টার্মিনালটি পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় টার্মিনাল চালুর লক্ষ্যে ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু করা, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।
সভায় অন্যদের মধ্যে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক) গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘দ্য মুসলিম ৫০০’-এর ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ও দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।
তালিকায় আছেন বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এই তালিকায় থাকছেন।
প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়। তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে র্যাঙ্কিং করা হয়। বাকি ৪৫০ জনকে র্যাঙ্কিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। এবারের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র্যাঙ্কিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।
সূত্র: দ্য মুসলিম ৫০০
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ার ঘোষণা দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। যার ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।
জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘ বছরের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধযোগ্য। এই পরিস্থিতি বদলাতে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ জোর দিয়েছে।
তিনি আরো বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা এই রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। রোগ প্রতিরোধের এই জ্ঞান দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে যাচ্ছে। তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বলেন, কাজের ধীরগতির কারণে তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের এটি ভেবে গর্বিত হওয়া উচিত যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে একটি সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে।
মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে আরো কমানোর চেষ্টা করবে বলেও জানান তিনি। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, আমরা যখন দায়িত্ব নিই, তখন অর্থনীতির অনেক সূচকই নেতিবাচক ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকিং খাতের সমস্যা। এ খাত থেকে এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে।
তিনি বলেন, দেশে এখন ব্যাংকগুলোর ঋণের ৭০-৮০ শতাংশই করপোরেট ঋণ। আমরা আগামী বছর থেকে একটা টার্গেট করে দিতে চাই, যাতে ২০ শতাংশ ঋণ যায় রিটেইল/ব্যক্তি পর্যায়ে, ৩৫ শতাংশ এসএমইতে, আর করপোরেট ঋণ ৪৫ শতাংশে থাকে। আমরা চাই করপোরেট অর্থায়ন পুঁজিবাজার থেকে হবে। আর ঋণ দেওয়ার সময় ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধ শিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের’ এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যখাতে বছরের পর বছর অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধ করা সম্ভব।
সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তারা সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি বলেন, ‘বিপুল জনসংখ্যার এই দেশকে সুস্থ-সবল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত কঠোর পরিশ্রম প্রয়োজন।’ এ সময় তিনি আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের নিষ্ঠা ও অবদানের জন্য অভিনন্দন জানান।
বর্তমান সরকার দেশের তরুণদের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে সম্পৃক্ত করতে উৎসাহিত করছে উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, ‘আমাদের আরও বেশি বিজ্ঞানী প্রয়োজন। আমরা আশা করি, নিজেদের সমস্যা নিয়ে গবেষণা, সেগুলোর সমাধান এবং প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বিশ্ব দরবারে গৌরবের সঙ্গে মাথা উঁচু করতে পারব।’
তিনি বলেন, তবে এ জন্য সরকার, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের ধৈর্যশীল সহযোগিতা, আন্তরিক অংশীদারত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা প্রয়োজন।
তরুণ বিজ্ঞানীরা গবেষণার কাজে ধীরগতির কারণে হতাশ হতে পারেন উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, তবে তাদের গর্বিত হওয়া উচিত যে, তাদের গবেষণা ও কাজ বহু মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।
বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে এবং দেশের প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আইডিইএসএইচআই আগামী বছরগুলোতে আরও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং সম্মানিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন।
ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যেখানে রোগ প্রতিরোধ, প্রাণঘাতী হয়ে ওঠার আগেই রোগ শনাক্তকরণ এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আমাদের সরকার বিশেষভাবে পাঁচটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে।
বিষয়গুলো হলো—রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তায় গবেষণা জোরদার করা, স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, জীবপ্রযুক্তি ও দেশীয়ভাবে উদ্ভাবিত রোগ নির্ণয়ব্যবস্থার প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এগিয়ে নেওয়া এবং স্বাস্থ্যবিষয়ক গবেষণা ও উন্নয়নের জন্য টেকসই পরিবেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা : আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
আইডিইএসএইচআইয়ের চেয়ারম্যান আশফাক কাদরী স্বাগত বক্তব্য দেন। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মো. রফিকুর রহমান আইডিইএসএইচআইয়ের পথচলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।
অনুষ্ঠানে পাঁচটি বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো ছিল—‘থ্যালাসেমিয়া স্ক্রিনিং’, ‘নারীর স্বাস্থ্য’, ‘বাংলাদেশে বায়োলজিক্যালসের ভবিষ্যৎ’, ‘সংক্রামক রোগ’ এবং ‘জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার’।
এসব আলোচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা অংশ নেন।
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশমাতৃকার সেবায় নিজেকে ব্যাপৃত করা খুব গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যগণ নিজেদের জীবন উৎসর্গ করতে কখনো কার্পণ্য বোধ করেনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) কর্তৃক আয়োজিত ‘ভেটেরানস ডে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়া তেমনি গৌরবের। সামরিক বাহিনীতে আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’
তিনি বলেন, ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৫টি ব্যাটালিয়ন সেনাবাহিনীর ৫টি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। মহান মুক্তিযুদ্ধের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল।
স্পিকার বলেন, স্বাধীনতার অব্যবহিত পরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রশিক্ষণবিহীন এ দেশের আপামর জনতা অস্ত্র হাতে নিয়েছিল।
স্পিকার আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছিল। দেশের উন্নয়নে গণতন্ত্র ছাড়া বিকল্প পথ নেই। বিগত ১৫ বছরের ইতিহাস দুঃশাসনের ইতিহাস। ২৪ এর গণ অভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা তাদের বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্যত সঙ্গীনের সামনে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, সামরিক বাহিনী এই অভ্যুত্থানে সহায়ক ভূমিকা পালন করেছে।
স্পিকার এসময় সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে যুদ্ধের স্মৃতিচারণ করেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন। অসীম সাহসিকতা এবং ধৈর্যের সাথে মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে অংশগ্রহণের মাধ্যমে জাতির গৌরবগাঁথায় নিজেকে জড়ানোর ইতিহাস তুলে ধরেন তিনি।
এমসি কলেজ যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের সম্মুখ সমরে অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্ট বেঙ্গলের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।
সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এছাড়া রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুরে তার হার্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।
তিনি বলেন, শনিবার (১৪ নভেম্বর) সকালে হঠাৎ হৃদ্যন্ত্রে সমস্যা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে তিনি অফিস করবেন।
কন্টিনেন্টাল হাসপাতালের কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. ফজলে রাব্বি খান বলেন, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।
গত সাতদিন ধরে সরাসরি ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।
মাহমুদা মিতু বলেন, ‘গত সাতদিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে। হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’
তিনি লেখেন, ‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসউদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।’
মিতু আরও লেখেন, ‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’
নারী যাত্রীদের জন্য সুখবর নিয়ে আসছে বাংলাদেশ সরকার। যাতায়াতে সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের আশা করছে সরকার।
বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর গণমাধ্যমকে জানান, বাস কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি চীনের কয়েকটি বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে।
প্রচলিত উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনা হচ্ছে। এর আগে গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস কেনা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় সরকার। দুই ধাপে বাস্তবায়িতব্য এ প্রকল্পের প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের জন্য চালু হওয়া পিংক বাসসেবায় যাত্রীসংকট দেখা দিয়েছে। গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পথে ১৪টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হয়। নারী চালক ও সহকারীদের মাধ্যমে পরিচালিত এসব বাসে প্রতিদিন সাধারণত সকালে ও বিকেলে দুটি করে যাত্রা হয়। তবে অনেক সময় আসন খালি থাকে।
বিআরটিসির চেয়ারম্যান বলেন, ‘নারী যাত্রীদের সঙ্গে অনেক সময় স্বামী, ভাই বা সন্তান থাকেন। কিন্তু শুধু নারীদের জন্য বাস নির্ধারিত হওয়ায় পুরুষ সহযাত্রীরা উঠতে পারেন না। এ কারণে যাত্রী সংখ্যা কম হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ১৬ বছর বয়স পর্যন্ত বা সর্বোচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠিয়েছে বিআরটিসি।
এ ছাড়া নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য রাখার প্রস্তাবও এসেছে। এসব বিষয়ে জনমত জানতে সামাজিক জরিপের পরিকল্পনা করছে সংস্থাটি। নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বিআরটিসির।’
আন্তর্জাতিক মানের হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে এতসব সুযোগ-সুবিধা দিতে সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যদি সুযোগটা পেয়েই যায় তবে জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল সিটি’ প্রতিষ্ঠার পরিকল্পনা করবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এটি চূড়ান্ত রূপ নিতে কাজ করছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে গত বুধবার (১১ নভেম্বর) এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর. মজুমদার। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বুধবারের সেই বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি ও চিকিৎসাশিক্ষার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রস্তাবিত মেডিকেল সিটিতে উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসক ও দক্ষ নার্স তৈরির ব্যবস্থা থাকবে। আধুনিক মেডিকেল শিক্ষা ও নার্সিং প্রশিক্ষণের সুযোগও রাখা হবে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রকল্পটি গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেন ড. মুজিবুর আর. মজুমদার। বৈঠকের আগে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা অবকাঠামো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।
প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার। প্রকল্পের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা করেন তারা। ড. মুজিবুর আর. মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এএসএএএল’র সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী। এ ছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং নিউইয়র্ক সিটি ও স্টেটের স্বাস্থ্য খাতে কর্মরত অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স কনসালট্যান্ট মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার যাবতীয় আইনি প্রস্তুতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায় এখন ভারতের ওপর রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সরকারের এ অবস্থানের কথা জানান তিনি।
আইনমন্ত্রী উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রদত্ত রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আইনি আপিল করার কোনো সুযোগ অবশিষ্ট নেই। তিনি স্মরণ করিয়ে দেন যে, তাঁর পিতা শেখ মুজিবুর রহমানের শাসনামলেই এই কঠোর বিধানসংবলিত আইনটি প্রণয়ন করা হয়েছিল। এর পাশাপাশি চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জেলা পর্যায়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনাগুলোর আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম খুব দ্রুত শুরু হতে যাচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।
রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবে। এছাড়া দেশের সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোর সেবা সহজীকরণ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, সাধারণ নাগরিকদের যেকোনো প্রকার ভোগান্তি ও প্রশাসনিক হয়রানি থেকে মুক্ত রাখা হবে এবং এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ছাড় না দিয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।