মন্ত্রী-উপদেষ্টার পদত্যাগ প্রজ্ঞাপন দেয়া হলে কার্যকর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধে দুইজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী এবং তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রজ্ঞাপন জারির আগে পদত্যাগপত্র জমা দেয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা দায়িত্ব পালন করতে পারবেন।
তিনি আরও বলেন, ‘পদত্যাগপত্র দিলেও তা কার্যকর করার জন্য একটা পদ্ধতি আছে, সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। প্রক্রিয়া সম্পন্ন হলেই তা কার্যকর করা হবে।’
কোন তিন উপদেষ্টা পদত্যাগ করেছেন- এমন প্রশ্নে তিনি বলেন, অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা (ড. গওহর রিজভী)।
পদত্যাগপত্র জমা দিয়ে অফিস করা প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন গেজেট প্রকাশ করে পদত্যাগ কার্যকর করা হবে, তখন থেকে তারা অফিস করবেন না। এখন তাদের অফিস করতে বাধা নেই।’
প্রসঙ্গত, গত রোববার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগপত্র জমা দেন। তারা তিনজনই টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) কোটায় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার এক-দশমাংশ টেকনোক্র্যাট হিসেবে নিয়োগ দেয়া যায়। ওই তিনজনের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও পদত্যাগ করেছেন।
নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় অনেক ভালো আইন থাকলেও সেগুলোর কার্যকর বাস্তবায়ন এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ক্ষেত্রে এখনও নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। আইনের যথাযথ প্রয়োগ ও চর্চা নিশ্চিত করতে হবে। সরকার মাদক ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এখনও দেশের জন্য একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বিশেষ ট্রাইব্যুনাল, আইন, নীতিমালা এবং নানা ধরনের এডভোকেসি কর্মসূচি থাকার পরও মামলা দায়ের, তদন্ত এবং ডাক্তারি পরীক্ষায় বিলম্ব, অপর্যাপ্ত প্রমাণ এবং সাক্ষীর অভাবে লিঙ্গভিত্তিক যৌন সহিংসতা উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রচলিত আইন কাঠামোর সীমাবদ্ধতা, বিচারহীনতার সংস্কৃতি, ক্রমবর্ধমান সামাজিক অস্থিতিশীলতা, সামাজিক অন্যায়-অবিচার, সংঘবদ্ধ সহিংসতার অপসংস্কৃতির ফলে সামগ্রিকভাবে মানবাধিকার এবং মানবিক মর্যাদার ক্রমঅবনতি ঘটছে। সামগ্রিকভাবে সমাজে বাড়ছে অপরাধ প্রবণতা।
তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যমান আইনের ব্যাপক প্রচার ও যথাযথ বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছে। এসময় তিনি নারী ও শিশু অধিকার সুরক্ষায় সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী, নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনার অবসানে রাষ্ট্রের পাশাপাশি নাগরিক সমাজ, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং তরুণ প্রজন্মের সমন্বিত কর্ম উদ্যোগে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, সংবিধানে নারীদের সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া হলেও কিছু বিধান বাস্তবে সেই অধিকার ভোগের ক্ষেত্রে সীমাবদ্ধতা সৃষ্টি করে।
তিনি নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ মোকাবিলায় বিদ্যমান আইনগুলোর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, মানবিক শিক্ষা পরিবার থেকে শুরু হয় এজন্য পরিবার থেকে নৈতিকতা শিক্ষা দিতে হবে।
তিনি সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কনটেন্ট নির্মাতা ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অধিকতর সম্পৃক্ততা বৃদ্ধি এবং ধর্মীয় নেতা ও গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, রামিসা হত্যার মতো ঘটনাগুলো সমাজের অন্তর্নিহিত সমস্যাগুলোকে উন্মোচিত করেছে।
তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যবহার এবং সরকার ও সমাজের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) লিজা বেগম সচেতনতামূলক প্রচারাভিযান, কার্যকর আইন প্রয়োগ, মামলার সঠিক তদন্ত এবং ভুক্তভোগীকেন্দ্রিক পুলিশিংয়ের ওপর জোর দেন। তিনি প্রতি জেলায় ভুক্তভোগী সহায়তা কেন্দ্র স্থাপন এবং সাইবার সহিংসতা প্রতিরোধে জাতীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
নারীর ক্ষমতায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে বাহিনীর নারী সদস্যদের জন্য জাপানিজ ভাষাশিক্ষা প্রশিক্ষণ (N-5) কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারী সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিদেশে কর্মসংস্থানের উপযোগিতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আগামী ৫ জুলাই ২০২৬ থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ৯০ (নব্বই) দিনব্যাপী জাপানিজ ভাষাশিক্ষা প্রশিক্ষণ (N-5) পরিচালিত হবে। দেশের মোট ১৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কেন্দ্রগুলো হলো—আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর; ভিটিসি, নবাবগঞ্জ, ঢাকা; এবং ১১টি জেলা কমান্ড্যান্ট কার্যালয়: ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার।
প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণসাপেক্ষে AVMIS অ্যাপের মাধ্যমে নিবন্ধনপূর্বক আবেদন করতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এ উদ্যোগ দেশের নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে এটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অগ্রণী ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি- এ অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে যুবদল ও ছাত্রদলের সাবেক বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এদিকে একই সময়ে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা তাদের প্রথম কর্মসূচি হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের শাসনামলে মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও যারা যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন, তাদের অনেকেই নতুন কমিটিতে স্থান পাননি। বরং সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে।
তাদের দাবি, ত্যাগ ও সাংগঠনিক অবদানের মূল্যায়ন না করে ‘নিজস্ব বলয়ের’ লোকদের প্রাধান্য দেওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবিলম্বে পদবঞ্চিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা না হলে সংগঠন সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তারা সতর্ক করেন।
পদবঞ্চিত নেতা রফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের রাজনীতি দিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছি। আগের যুবদলের কমিটিতেও দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থেকেও আজ আমরা পরিচয়হীন হয়ে গেছি। আমরা আমাদের রাজনৈতিক পরিচয় ও মূল্যায়ন চাই।’
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি হুমায়ন কবির বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে আমরা রাজপথে সক্রিয় ছিলাম। অন্যদের তুলনায় আমাদের ত্যাগ কোনো অংশে কম নয়। অথচ নতুন কমিটিতে আমাদের স্থান দেওয়া হয়নি। আমরা দলের হাইকমান্ডের কাছে সুবিচার চাই।’
প্রসঙ্গত, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের কথা জানানো হয়। কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ৯ জুলাই জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা থাকলেও প্রায় দুই বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর-রাওথা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও সীমান্তে বাড়তি নজরদারির কারণে সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে।
শনিবার (১৩ জুন) ভোর থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় এই পুশ ইনের চেষ্টা চালানো হয়। পদ্মা নদীর ভারতীয় অংশ থেকে দুটি নৌকায় করে এসব মানুষকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও সীমান্তে বিজিবির সতর্ক অবস্থানের কারণে নৌকাগুলো বাংলাদেশ অভিমুখে মোটেও অগ্রসর হতে পারেনি।
স্থানীয় জেলে ও সীমান্ত এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চারঘাট সীমান্তের বিপরীতে ভারতের মুর্শিদাবাদ জেলার কাগমারি চর এলাকায় প্রায় ১৫০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে রাখা হয়েছে। তাদের মধ্য থেকে প্রথম দফায় ২৩ জনকে কাগমারি ও খালিশপুর বিএসএফ ক্যাম্পের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (১৩ জুন) দুপুরে সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যরা তাদের নিয়মিত টহল ও নজরদারি ব্যাপক জোরদার করেছেন। সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে, পাশাপাশি বিএসএফের সম্ভাব্য পুশ ইন প্রতিহত করতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করছে বিজিবি।
দেশের সুরক্ষায় এ সময় স্থানীয় অনেক বাসিন্দাকেই বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান নিতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, ভোর থেকেই বিএসএফ কর্তৃক কিছু মানুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করার খবর তারা জানতে পারেন। বিজিবি তাদের সহযোগিতা চাওয়ায় দেশের স্বার্থে তাঁরাও জওয়ানদের পাশে এসে অবস্থান নিয়েছেন।
বিজিবির চারঘাট বিকল্প বিওপির কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা আগে থেকেই সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করেছিলেন।
বিজিবির এই কঠোর নজরদারির কারণেই পুশ ইনের ভারতীয় প্রচেষ্টাটি ব্যর্থ হয়েছে। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সীমান্তে এখন আরও নিটোল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
কক্সবাজারে পাতালী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং কৃষকদের কল্যাণে কাজ করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। শনিবার সকালে প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের আগে বলেছিলাম, কৃষক ভাইদের বীজ ও কীটনাশক ওষুধ কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দেব কৃষক কার্ডের মাধ্যমে, ইনশাআল্লাহ।’
দেশের তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ মানুষই শ্রমজীবী। মোট জনসংখ্যার অর্ধেক নারীশক্তিকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া নারী শিক্ষার যে ভিত্তি স্থাপন করে গেছেন, তার ধারাবাহিকতায় নারীদের স্বাবলম্বী করতে স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি মেধাবী ছাত্রীদের উৎসাহিত করতে উপবৃত্তি প্রদানের পদক্ষেপও নেওয়া হয়েছে।
এর আগে সকাল ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসভা এবং অন্যান্য সরকারি কর্মসূচিগুলো সফল করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইতিমধ্যে কক্সবাজারে অবস্থান করে সফরের আনুষঙ্গিক কার্যক্রম সমন্বয় করছেন।
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৪৮ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। খালের খননকাজ উদ্বোধনের পরপরই মাছুমঘাট সংরক্ষিত বন এলাকায় চারা রোপণের মাধ্যমে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করবেন তিনি।
সফরের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শহিদ ওয়াসীমের কবর জিয়ারত করতে যাবেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। এছাড়া তিনি পেকুয়া পৌরসভা ও নতুন গঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল চত্বরে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। কর্মসূচির শেষ পর্যায়ে তিনি কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা ঘুরে দেখবেন এবং একটি সুধী সমাবেশে বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। সকল আনুষ্ঠানিকতা শেষে রাতেই আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।
সকাল থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজার জেলাজুড়ে বেশ বৃষ্টিপাত হচ্ছে। তবে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই প্রধানমন্ত্রী তার পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী এলাকায় যাবেন। সকাল সাড়ে ১০টায় সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক 'পাতলীখাল' পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত একটি পথসভায় স্থানীয় জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাল পুনঃখনন ছাড়াও প্রধানমন্ত্রীর এই সফরে বৃক্ষরোপণ অভিযানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে মোট ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
শনিবার হজ বুলেটিন থেকে জানা যায়, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ অফিস সূত্রে জানা গেছে, ১২৭টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন হাজি দেশে ফিরেছেন।
এবার হজ পালন করতে গিয়ে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারীসহ মোট ৫০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন।
সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬২ হাজার ৮৩৭ জনকে এবং আইটি হেল্প ডেস্ক মক্কা ও মদিনায় ২৭ হাজার ৬৬৫ জন হাজিকে সেবা প্রদান করেছে।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ২১ মে প্রাক হজ ফ্লাইট সম্পন্ন হয়।
চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পর্যটন সমৃদ্ধ জেলা কক্সবাজারে সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৩ জুন) সকাল ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সপরিবারে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পাশাপাশি রাজনৈতিক অঙ্গন, প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে আকাশসম প্রত্যাশা। কক্সবাজারবাসী মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফর জেলার উন্নয়ন ও সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করবে।
জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার করে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেন, প্রধানমন্ত্রীর কাছে অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি দাবি উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে- কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, কক্সবাজার সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণ, পিএমখালীর পাতলী খালকে শহীদ জিয়া স্মৃতি খাল নামকরণ এবং কক্সবাজার স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ইউসুফ বদরী বলেন, ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতকে বিশ্ব পর্যটনের জন্য আরও উন্মুক্ত ও আকর্ষণীয় করে গড়ে তোলা, মহেশখালী-কক্সবাজার সহজ যোগাযোগের জন্য সেতু নির্মাণ, বাঁকখালী নদীতে ড্রেজিং, সোনাদিয়া দ্বীপকে বিদেশি পর্যটকদের জন্য এক্সক্লুসিভ জোন হিসেবে গড়ে তোলা এবং মহেশখালী-মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
গতকাল শুক্রবার (১২ জুন) কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজার কেন্দ্রিক জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
দাবির মধ্যে রয়েছে- লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এবং কক্সবাজারে ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্সভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
প্রসঙ্গত কক্সবাজার নেমে সড়কপথে চকরিয়ায় পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন, মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দিনের কর্মসূচি অনুযায়ী পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তি প্রস্তরস্থাপন অনুষ্ঠান এবং বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভা, সন্ধ্যায় কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রের সৌন্দর্য অবলোকনে মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখবেন এবং রাতের ফ্লাইটেই তিনি ঢাকায় ফিরবেন।
গুরুত্বপূর্ণ এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৩ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের ৫০০ সদস্যের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আরও ২ হাজার ৫০০ পুলিশ সদস্য আনা হয়েছে বলে জানান তিনি।
কারাগারের চার দেয়ালের অন্ধকার থেকে আলোতে ফিরেই ‘শীর্ষ সন্ত্রাসীরা’ মেতে উঠেছে পুরনো রক্তাক্ত খেলায়। কেউ মেলাচ্ছে পুরনো শত্রুতার হিসাব, কেউবা মরিয়া হয়ে উঠেছে নিজের হারানো সাম্রাজ্য ও আধিপত্য ফিরে পেতে। সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে জামিনে মুক্ত হওয়া ৯০-এর দশকের এসব সন্ত্রাসীদের অস্তিত্বের জানানে অস্থির হয়ে উঠেছে অপরাধ জগৎ, বাড়ছে খুনোখুনি।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দেশের দুই বিভাগীয় শহর ঢাকা ও খুলনায় ভরদুপুরে প্রকাশ্যে দুজনকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে খুলনায় এক রাজনৈতিক নেতা নিহত হয়েছেন এবং ঢাকার রামপুরায় এক শীর্ষ সন্ত্রাসী মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের আইসিইউতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। মাত্র এক মাসের ব্যবধানে রাজধানীতে এটি দ্বিতীয় কোনো শীর্ষ সন্ত্রাসীর ওপর হামলার ঘটনা।
যেভাবে চালানো হয় হামলা: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কাইল্লা পলাশ পশ্চিম রামপুরার খান টাওয়ারের সপ্তম তলায় বসবাস করতেন। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বাসার পাশের মক্কি জামে মসজিদে আয়োজিত একটি মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। মিলাদ শেষে বাসার সামনে এসে রয়েল মিষ্টির দোকানের কাছে পরিচিত কয়েকজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল ওত পেতে থাকা ঘাতকেরা।
হেলমেট ও মাস্ক পরা দুই যুবক হঠাৎ পায়ে হেঁটে অত্যন্ত কাছ থেকে পলাশকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। দুটি গুলিই সরাসরি তার মাথা ভেদ করে যায়। রক্তাত্ব অবস্থায় পলাশ মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা সামান্য দূরে স্টার্ট দিয়ে রাখা একটি মোটরসাইকেলের দিকে ছুটে যায়।
পলাশের বাড়ির নিরাপত্তাকর্মী ইব্রাহিম মিয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেন, দুই যুবক খুব কাছ থেকে পলাশ ভাইয়ের মাথায় গুলি করে। তারা যখন পালিয়ে যাচ্ছিল, তখন এলাকার লোকজন তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে হামলাকারীরা আতঙ্ক তৈরি করতে শূন্যে আরও দুটি গুলি ছুড়তে ছুড়তে হাতিরঝিলের দিকে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।
সংকটাপন্ন অবস্থা: গুলিবিদ্ধ পলাশকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সন্ধ্যায় নিউরোসার্জারি বিভাগে তার একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতালের রেসিডেন্ট ট্রেইনি চিকিৎসক তারিকুল ইসলাম জানান, অস্ত্রোপচারের মাধ্যমে পলাশের মাথার ভেতর থেকে একটি গুলি বের করা হয়েছে। অন্য গুলিটি মাথা ভেদ করে বেরিয়ে গেছে। গুলির তীব্র আঘাতে তার মস্তিষ্কের একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
উল্লেখ্য, ২০০২ সালের ২৯ মে রামপুরায় যুবদল নেতা মিজানুর রহমান মিজানকে গুলি করে হত্যা করা মামলার প্রধান দণ্ডিত আসামি ছিলেন এই কাইল্লা পলাশ। বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও পরবর্তী সময়ে উচ্চ আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। দীর্ঘ সাজা ভোগের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুবাদে এক মাস আগে তিনি বাইরে আসেন।
খুলনায় বিশেষ অভিযানের মাঝেই বিএনপি নেতা ‘ঢাকাইয়া রফিক’ খুন: ঢাকার ঘটনার মাত্র সোয়া এক ঘণ্টা আগে দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে ঘটে আরেকটি নৃশংস হত্যাকাণ্ড। খুলনা মেট্রোপলিটন পুলিশ যখন নগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক দমনে বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় রফিকুল ইসলাম (৩৫) নামের এক বিএনপি নেতাকে। তিনি অপরাধ জগতে ও রাজনৈতিক মহলে ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।
তলপেটে গুলি, স্পট ডেড: পুলিশ জানায়, নিহত রফিকুল ইসলাম বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার সময় তিনি কাজীপাড়া বাজারের একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা এক দুর্বৃত্ত এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই রফিকুলের তলপেট লক্ষ্য করে গুলি চালায় এবং মুহূর্তে মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) রেজাউর রহমান বলেন, নিহত রফিকুল ইসলাম বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন, মাঝেমধ্যে এলাকায় আসতেন। তিনি পাথরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভ্যন্তরীণ কোনো কোন্দল বা ব্যবসায়িক শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুলনা মহানগরীতে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত খুলনা অঞ্চলে সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডের সাথে বিভিন্ন আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।
রায়েরবাজারে টিটন হত্যাকাণ্ড, আধিপত্যের প্রথম বলি: গতকাল কাইল্লা পলাশের ওপর হামলার ঘটনাটি একক কোনো ঘটনা নয়। এর ঠিক এক মাস আগে ঢাকার নিউমার্কেট ও হাজারীবাগ এলাকার একচ্ছত্র ডন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন—খন্দকার নাঈম আহমেদ টিটনকে (৫২) একইভাবে গুলি করে হত্যা করা হয়।
২০০১ সালে তৎকালীন চারদলীয় জোট সরকার দেশের যে ২৩ জন শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, টিটন ছিলেন তাদের অন্যতম। ২০ বছরেরও বেশি সময় কারাগারে কাটানোর পর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কারামুক্ত হন। মুক্তি পেয়েই তিনি রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় তার পুরনো সাম্রাজ্য ও চাঁদাবাজির সিন্ডিকেট পুনরায় চালু করার চেষ্টা করছিলেন। কিন্তু প্রতিপক্ষ গ্রুপ তাকে সেই সুযোগ দেয়নি। জুনের মাঝামাঝি সময়ে রায়েরবাজার এলাকায় তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। পুলিশের দাবি, এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারের লড়াইয়ের প্রথম বলি ছিলেন টিটন।
কারামুক্তির হিড়িক, ঢাকার আন্ডারওয়ার্ল্ডে কার কোন এলাকা: ২০০১ সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমলে পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশের পর আন্ডারওয়ার্ল্ডে বড় ধরনের ধস নেমেছিল। র্যাবের প্রতিষ্ঠা এবং বিশেষ অভিযানের কারণে ক্রসফায়ার ও গ্রেপ্তারের ভয়ে অনেকেই দেশ ছেড়ে পালিয়েছিল (যেমন: জিসান, বিকাশ, প্রকাশ বা টোকাই সাগর)। আবার অনেকে এনকাউন্টারের ভয়ে নিজেদের নিরাপদ রাখতে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও কারাগারকেই নিরাপদ আশ্রয় মনে করে বছরের পর বছর জেল খেটেছেন।
কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে গেলে কারাগার থেকে একে একে জামিনে মুক্ত হতে শুরু করেন ৯০-এর দশকের ত্রাস সৃষ্টি করা শীর্ষ অপরাধীরা।
২০০১ সালে ঘোষিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘২৩ শীর্ষ সন্ত্রাসী’র তালিকার মোস্ট ওয়ান্টেড অপরাধীদের অনেকেই এখন জেলের বাইরে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ দেড় থেকে দুই দশক কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন ৯০-এর দশকের ত্রাস সৃষ্টিকারী এসব আন্ডারওয়ার্ল্ড গডফাদার।
ঢাকার আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, কে সক্রিয় আর কে দেশ ছেড়ে পালালেন—
শেখ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’ (তেজগাঁও-মহাখালী)
৯০-এর দশকে রাজধানীর তেজগাঁও, ফার্মগেট ও মহাখালী এলাকার মূর্তিমান আতঙ্ক ছিলেন সুইডেন আসলাম। যুবলীগ নেতা গালিব হত্যাসহ একাধিক হত্যা মামলার আসামি তিনি। তার নামের আগে ‘সুইডেন’ যুক্ত হওয়া নিয়ে আন্ডারওয়ার্ল্ডে নানা গল্প রয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান। গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘ কারাবাস ও বয়সের ভারে আসলাম বর্তমানে অপরাধ জগতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারিতে রয়েছেন এবং নিজেকে আড়ালে রাখার চেষ্টা করছেন।
‘কিলার আব্বাস’ (মিরপুর-কাফরুল): মিরপুর ও কাফরুল এলাকার একচ্ছত্র অধিপতি ছিলেন কিলার আব্বাস। ২০০১ সালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। ইন্টারপোলের রেড নোটিশধারী এই অপরাধীর মূল শক্তি ছিল ফুটপাত, ডিশ ব্যবসা ও পরিবহন সেক্টরে চাঁদাবাজি।
২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে কারামুক্ত হন। মুক্তির পর কাফরুল ও মিরপুর এলাকায় তার অনুসারীরা পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেন তিনি। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, কড়া নজরদারি এড়াতে এবং বয়সের কারণে কিলার আব্বাস সম্প্রতি কৌশলে দেশ ছেড়ে দুবাইতে পাড়ি জমিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তবে তার নাম ব্যবহার করে স্থানীয় অনুসারীদের চাঁদাবাজি এখনো থামেনি।
ইমামুল হাসান হেলাল ওরফে ‘পিচ্চি হেলাল’ : মোহাম্মদপুর ও আদাবর এলাকার এক সময়ের ত্রাস পিচ্চি হেলাল। হত্যা ও চাঁদাবাজির ডজনখানেক মামলার আসামি হয়ে দীর্ঘ দুই দশক কারাবন্দি ছিলেন।
২০২৪ সালের আগস্টে কারামুক্তির পর পিচ্চি হেলালের নেটওয়ার্ক সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে। মোহাম্মদপুর, ধানমন্ডি ও এলিফ্যান্ট রোড এলাকায় চাঁদাবাজি এবং ব্যবসায়ী শোরুম দখলের নেপথ্যে তার নাম উঠে এসেছে। গোয়েন্দা তথ্য বলছে, পুলিশি গ্রেফতার এড়াতে পিচ্চি হেলাল বর্তমানে মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার জন্য জোর তদবির ও ভিসা পাওয়ার চেষ্টা চালাচ্ছেন।
সানজিদুল ইসলাম ওরফে ‘ইমন’ : ৯০-এর দশকের শেষের দিকে ধানমন্ডি, হাজারীবাগ ও মোহাম্মদপুর কাঁপানো কুখ্যাত ‘ইমন-মামুন’ বাহিনীর প্রধান ছিলেন ইমন। অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর খুনের মামলার প্রধান আসামি তিনি।
২০২৪ সালের ৫ আগস্টের পর কারামুক্ত হয়েই ইমন আন্ডারওয়ার্ল্ডে কোনো সাড়াশব্দ না দিয়ে অত্যন্ত গোপনে দেশ ত্যাগ করেন। বর্তমানে তিনি বিদেশে (সম্ভবত দুবাই বা কানাডায়) অবস্থান করে প্রযুক্তির সহায়তায় ঢাকার ধানমন্ডি ও হাজারীবাগ এলাকার অপরাধ সিন্ডিকেট ও ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বলে তথ্য রয়েছে।
খোরশেদ আলম রাসু ওরফে ‘ফ্রিডম রাসু’ : ধানমন্ডি ও হাজারীবাগ এলাকার আতঙ্ক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। ফ্রিডম পার্টির রাজনীতির সাথে জড়িত থাকায় আন্ডারওয়ার্ল্ডে তিনি ‘ফ্রিডম রাসু’ নামে পরিচিতি পান।
দীর্ঘ কারাবাস শেষে জামিনে মুক্ত হয়ে বর্তমানে রাসু ঢাকায় অবস্থান করছেন। এলাকায় পুনরায় আধিপত্য বিস্তার এবং পুরনো সিন্ডিকেটগুলোর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন তিনি। তার গতিবিধির ওপর গোয়েন্দাদের কড়া নজর রয়েছে।
তোফায়েল আহমেদ জোসেফ : ঢাকার অপরাধ জগতের এক সময়ের একচ্ছত্র ডন। মোহাম্মদপুর এলাকার জোসেফ-হারিস-আনিস ভ্রাতৃদ্বয়ের নাম আন্ডারওয়ার্ল্ডে সুপরিচিত ছিল। ফ্রিডম বাবলু হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছিল।
অন্যদের অনেক আগেই তিনি বিশেষ বিবেচনায় কারামুক্ত হন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি সরাসরি প্রকাশ্যে না এলেও মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকায় তার পুরনো নেটওয়ার্ক নেপথ্য থেকে অপরাধ জগৎ ও ল্যান্ড ক্রাইম নিয়ন্ত্রণ করছে বলে গুঞ্জন রয়েছে।
নিহত ও পলাতক যারা: খন্দকার নাঈম আহমেদ টিটন (হাজারীবাগ): ২০২৪ সালের ৫ আগস্টের পর কারামুক্ত হয়ে হাজারীবাগে আধিপত্য পুনরুদ্ধার করতে গিয়ে প্রতিপক্ষ গ্রুপের গুলিতে গত মাসে নিহত হন।
সুব্রত বাইন ও মোল্লা মাসুদ: দীর্ঘদিন ভারতে গ্রেপ্তার থাকার পর সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের সুযোগে দেশে ফিরে আন্ডারওয়ার্ল্ডের হাল ধরার চেষ্টা করেছিলেন। তবে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ ইতিমধ্যে পুনরায় গ্রেপ্তার হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কারামুক্ত এই শীর্ষ সন্ত্রাসীদের অধিকাংশেরই বয়স এখন ৫০ থেকে ৬০ বছরের কোঠায়। এদের অনেকেই সশরীরে অপরাধে না জড়ালেও আড়ালে থেকে নতুন প্রজন্মের শুটার ও গ্যাংদের ‘গডফাদার’ হিসেবে গাইড করছেন। আমরা এই নতুন ও পুরনো অপরাধীদের সংযোগ বিচ্ছিন্ন করতে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করছি এবং যারাই জামিনের শর্ত ভেঙে অপরাধে জড়াবে, তাদের পুনরায় আইনের আওতায় আনা হবে।
সমাজ ও অপরাধ বিশ্লেষকদের গভীর উদ্বেগ: কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীদের এই প্রকাশ্য খুনোখুনি এবং অস্ত্রবাজি সাধারণ নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, এখনই যদি এদের কঠোর হস্তে দমন করা না হয়, তবে ঢাকা ও খুলনার মতো বড় শহরগুলো আবারও নব্বইয়ের দশকের মতো অস্ত্রের অভয়ারণ্যে পরিণত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই শীর্ষ সন্ত্রাসীরা কতটা ভয়ঙ্কর, তা তাদের অতীত রেকর্ড দেখলেই বোঝা যায়। তারা যখন দীর্ঘ এক বা দেড় দশক কারাগারে ছিল, তখনও কিন্তু কারাগারের ভেতর থেকেই মোবাইল ফোনের মাধ্যমে বাইরের অপরাধ জগত ও চাঁদাবাজির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। এখন তারা জামিনে সরাসরি মুক্ত হয়ে বাইরে চলে এসেছে। স্বাভাবিকভাবেই তারা তাদের পুরনো রাজত্ব উদ্ধার করতে চাইবে এবং এর ফলে প্রতিপক্ষ গ্রুপের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থার সুযোগ নিয়ে তারা যদি একবার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তবে দেশের সার্বিক আইনশৃঙ্খলার চরম বিপর্যয় ঘটবে।
তিনি আরো বলেন, রামপুরায় কাইল্লা পলাশের ওপর হামলা কিংবা খুলনায় ঢাকাইয়া রফিকের হত্যাকাণ্ড কেবল দুটি বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং এটি দেশের আন্ডারওয়ার্ল্ডের পুনরুত্থানের স্পষ্ট খতিয়ান। পুলিশ ও যৌথ বাহিনী বর্তমানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতকদের ধরার চেষ্টা করছে ঠিকই, কিন্তু মূল সমস্যার সমাধান এতে হবে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনতিবিলম্বে কারামুক্ত সমস্ত শীর্ষ সন্ত্রাসীর একটি বিশেষ তালিকা প্রস্তুত করতে হবে, তাদের প্রতিদিনের কর্মকাণ্ড কঠোর নজরদারির আওতায় আনতে হবে এবং জামিনের শর্ত ভঙ্গ করার সামান্যতম প্রমাণ পেলেই পুনরায় তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। অন্যথায়, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সমস্ত প্রচেষ্টা এই আন্ডারওয়ার্ল্ডের অস্ত্রের ঝনঝনানি আর রক্তের হোলিখেলা রুদ্ধ দরজার আড়ালে ঢাকা পড়ে যাবে।
দেশজুড়ে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হচ্ছে শনিবার (১৩ জুন)। প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন দুপুর ১২টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে দুর্লভ ও ঔষধি গুণসম্পন্ন নাগলিঙ্গমগাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ উপলক্ষে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সেল ও বন বিভাগ সব আয়োজন সম্পন্ন করেছে। নাগলিঙ্গমগাছের পাশাপাশি বৈলাম, গর্জনসহ আরও তিনটি গাছের চারা প্রস্তুত রাখা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের মালুমঘাট এলাকায় সংরক্ষিত বনে একটি জায়গা প্রস্তুত করা হয়েছে। সেখানে ইতিমধ্যে চারা রোপণের জন্য ২ হাজার গর্ত করা হয়েছে।
রোপণের জন্য বন বিভাগ আট প্রজাতির ২ হাজার চারাগাছ প্রস্তুত করেছে। এসবের মধ্যে রয়েছে গর্জন, ঢাকি জাম, তেলসুর, দারমেরা, সিভিট, নিম, চম্পা ও ছাতিম। এ ছাড়া আরও ১২ প্রজাতির বনের উপযোগী চারাগাছ রাখা হয়েছে।
ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রাথমিকভাবে নাগলিঙ্গমগাছের চারা প্রস্তুতি রাখা হয়েছে। এ ছাড়া বৈলাম, গর্জনসহ মোট তিন প্রজাতির চারাও রাখা হয়েছে। আরও একটি সুন্দর গাছের চারা আনা হচ্ছে।’
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন তিনি। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলের সব প্রস্তুতি শেষ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (১৩ জুন) সকাল ৯টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী-মাছুয়াখালী খাল খনন উদ্বোধন ও সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।
সফরসূচি অনুযায়ী, এরপর সড়কপথে চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং সাফারি পার্ক পরিদর্শন করবেন।
এরপর বেলা ১টায় জুলাই আন্দোলনে পেকুয়া উপজেলার সন্তান শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বেলা দেড়টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন। সেখান থেকে পেকুয়ায় গিয়ে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে তিনি চকরিয়া উপজেলার উদ্দেশে রওনা দেবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারে ফিরে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজারে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। সর্বশেষ রাত ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন এবং তিস্তা ব্যারেজ নির্মাণে বিনিয়োগসহ বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, অবকাঠামো ও কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে কুনমিংয়ে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশগ্রহণ করে তিনি এই আহ্বান জানান।
শুক্রবার (১২ জুন) সফরসূচির অংশ হিসেবে ডেপুটি স্পিকার চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতালের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।
হাসপাতাল পরিদর্শনের সময় ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে আরও ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে। কুনমিংয়ের বিভিন্ন মেডিকেলে বাংলাদেশের রোগীদের জন্য আবাসন, ভাষা, চিকিৎসা খরচ হ্রাস ও ভিসাসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাগুলো সহজ করা হলে, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ কুনমিংকে বেছে নেবে। একই সঙ্গে তিনি ডাক্তার, টেকনিশিয়ান ও নার্সসহ বিভিন্ন পদে কুনমিংয়ের হাসপাতালসমূহে বাংলাদেশিদের কাজ করার সুযোগ করে দেওয়ারও আহ্বান জানান।
এ সময় হাসপাতালের ডেপুটি ডিরেক্টর জেনারেল হি তাও, মি. ওয়াং জিয়াংকুন এবং কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর মি. শিয়া সুয়েশানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সংসদীয় দলকে আশ্বস্ত করে বলেন, চায়না-বাংলাদেশের যৌথ উদ্যোগে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম দিন দিন আরও বেগবান করা হবে। পাশাপাশি কুনমিং মেডিকেলে অধ্যয়নরত এবং পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা ও আবাসনসহ সম্ভাব্য সব বিষয় সহজতর করার প্রতিশ্রুতি দেন তারা।
পরবর্তীতে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন বাংলাদেশ সংসদীয় ও বাণিজ্য প্রতিনিধিদল চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে হাইজেং গার্ডেন হোটেলে এক দ্বিপক্ষীয় মতবিনিময় সভা করেন। বৈঠকে কায়সার কামাল জানান, গত ১২ ফেব্রুয়ারির অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রায় দেড় যুগ পর বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। তিনি, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে কমিউনিস্ট পার্টির সেক্রেটারিকে শুভেচ্ছা জানান এবং জুনের শেষ সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বিতীয় বিদেশ সফর হিসেবে চীন সফর করবেন বলে সুসংবাদ দেন। ডেপুটি স্পিকার সিপিসির এই গুরুত্বপূর্ণ নেতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদির চীনের কাছে বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও চামড়া প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বাংলাদেশের সংসদীয় ও বাণিজ্য প্রতিনিধিদলকে গুরুত্বের সঙ্গে এই ফোরামে আমন্ত্রণ ও বিশেষ মর্যাদা প্রদান করায় তিনি ইউনান সেক্রেটারিকে ধন্যবাদ জানান।
এ সময় বৈঠকে এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব, সংরক্ষিত স্বতন্ত্র সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই এবং বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজল আলমসহ কুনমিংস্থিত বাংলাদেশ কনসুলেট ও ইউনান প্রাদেশিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনের দ্বিতীয়ভাগে, মধ্যাহ্নভোজের পর ডেপুটি স্পিকারসহ সংসদীয় দলটি কুনমিং থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহ্যবাহী ‘পাওথাও’ গ্রাম পরিদর্শন করেন। ভেষজ চিকিৎসার জনক সি জিয়াংয়ের স্মৃতিবিজড়িত ও ঔষধি গাছ সমৃদ্ধ ৭৪৪ জনবসতির এই গ্রামের ৮০ ভাগের বেশি মানুষ আদিবাসী, যারা শত শত বছর ধরে ঐতিহ্যবাহী হারবাল ঔষধি গাছের চাষ ও পরিচর্যা করে আসছেন। স্থানীয় বাসিন্দা জ্যাং অ্যানা ডেপুটি স্পিকারকে গ্রামটির ঐতিহ্য ও বৈশিষ্ট্য ঘুরে দেখান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি) আরও সক্রিয় করা হচ্ছে।
মন্ত্রী বলেন, গত ১৭ বছরে স্থল ও সমুদ্র এলাকায় গ্যাস অনুসন্ধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দেশ ধীরে ধীরে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দিকে চলে গেছে।
শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষা মন্ত্রী আ. ন. ম. এহসানুল হক, অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, বাপেক্সের সফলতার ইতিহাস থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে প্রায় নিষ্ক্রিয় করে ফেলা হয়েছিল।
দায়িত্ব গ্রহণের পর জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বাপেক্সকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতে আরও পাঁচটি রিগ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সমুদ্রসীমা বিজয়ের পর প্রতিবেশী দেশগুলো সংশ্লিষ্ট এলাকায় গ্যাস উত্তোলন ও রপ্তানি শুরু করলেও বাংলাদেশে এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে সমুদ্র এলাকায় অনুসন্ধানের জন্য আহ্বান জানিয়ে দরপত্র ডাকা হয়েছে। এক মাস পর দরপত্র প্রক্রিয়া শেষ হলে নির্বাচিত কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে ব্লক বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও বলেন, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের অভিজ্ঞতা না থাকায় বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। তবে এসব প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জ্বালানি আমদানির ওপর নির্ভরতা অব্যাহত থাকবে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে কাতার ও সৌদি আরবের সঙ্গে বিদ্যমান কিছু সরবরাহ চুক্তিতে ‘ফোর্স মেজর’ পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানান তিনি। এ কারণে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রায় আড়াই বিলিয়ন ডলারের তেল কেনা হয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
জ্বালানি মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দিলেও বাংলাদেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে বিদ্যুৎ খাতে অতীতে উচ্চমূল্যে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে ভোক্তাদের কাছে কম দামে বিক্রি করায় বড় ধরনের ভর্তুকির চাপ তৈরি হয়েছে। এর ফলে একদিকে লোকসান হচ্ছে, অন্যদিকে শিল্প উৎপাদন সচল রাখতে বিদ্যুৎ সরবরাহও বজায় রাখতে হচ্ছে।
তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর সরকারকে প্রথমেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া ৫৬ হাজার কোটি টাকা পরিশোধের চাপ মোকাবিলা করতে হয়েছে। এর পাশাপাশি চলমান বিল পরিশোধের দায়ও রয়েছে, যা অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যয় কমানোর উদ্যোগ হিসেবে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ২০৩০ সালের মধ্যে পাঁচ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাস্তবে এর চেয়েও বেশি উৎপাদন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ইউরোপীয় দেশগুলো ইতোমধ্যে তৈরি পোশাক খাতের জন্য পরিবেশগত মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। অন্তত ৩০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে ব্যবহার না করলে রপ্তানির ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি বা অন্যান্য বিধিনিষেধের ঝুঁকি তৈরি হতে পারে। ফলে সৌরবিদ্যুতের দিকে অগ্রসর হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহে ধারাবাহিকতা নিশ্চিত করতে ব্যাটারিভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্য সামনে রেখে প্রস্তাবিত বাজেটে সৌরবিদ্যুৎ খাতে ব্যবহৃত ব্যাটারিসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতির ওপর শুল্ক ও কর ছাড় দেওয়া হয়েছে।
সরকারের এসব উদ্যোগের সুফল পেতে কিছুটা সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমরা মাত্র কয়েক মাস দায়িত্বে আছি। আশা করছি, আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে এসব উদ্যোগের দৃশ্যমান ফল জনগণ দেখতে পাবে।